যখন ভাঙল মিলন-মেলা
ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥
দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়--
জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥
দিনে দিনে কঠিন হল কখন বুকের তল--
ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।
হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে--
ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥
<
যখন ভাঙল মিলন-মেলা
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 189