বেহাগ

আমি     কেবলি স্বপন করেছি বপন
                 বাতাসে—
তাই      আকাশকুসুম করিনু চয়ন
                 হতাশে।
         ছায়ার মতন মিলায় ধরণী,
         কূল নাহি পায় আশার তরণী,
         মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায়
                 আকাশে।

কিছু     বাঁধা পড়িল না শুধু এ বাসনা‐
                 বাঁধনে।
কেহ     নাহি দিল ধরা শুধু এ সুদূর
                 সাধনে।
         আপনার মনে বসিয়া একেলা
         অনলশিখায় কী করিনু খেলা,
         দিনশেষে দেখি ছাই হল সব
                 হুতাশে।
আমি     কেবলি স্বপন করেছি বপন
                 বাতাসে।

বলেশ্বরী
৮ আশ্বিন ১৩০৪

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর