৯. তিমিশোয়ারার রহস্যময় পাদ্রী

তিমিশোয়ারা শহরের বাইরে গ্রামের এক কৃষকের বাড়িতে পরদিন সকালে ঘুম ভাঙলো আকাশের। আগের দিন দুপুরে ও এসে পৌঁছেছে তিমিশোয়ারায়। এলেনার কথা মতো কালো গোলাপের ঠিকানায় ঠিক মতোই এসেছিলো ও। ফুলওয়ালা ছেলেটা ওকে পুরোনো গির্জার ভেতরে নিয়ে যাওয়ার পর পাদ্রী স্টেফান ওকে স্বাগত জানিয়েছেন। পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছোট্ট একটা ঘরে। হাসি মুখে বুড়ো পাদ্রী বললেন, এলেনার কাছে তোমার কথা শুনে ভাবলাম তোমাকে কিছু খবর দেয়া দরকার।

এলেনার জন্য খুবই চিন্তিত ছিলো আকাশ। বললো, আপনারা কি খবর পেয়েছেন এলেনাকে যে গুপ্ত পুলিশ তুলে নিয়ে গেছে?

খবর পাবো না কেন? মুখ টিপে হাসলেন পাদ্রী স্টেফান-খবর যে আমরাই তৈরি করেছি।

তার মানে এলেনা নিখোঁজ হয় নি?

অফিসিয়ালি ও কয়েকদিন নিখোঁজ থাকবে। তবে এখন ও আমাদের সঙ্গেই আছে।

পাদ্রীর রহস্যজনক কথাবার্তায় খুবই অবাক হলো আকাশ–দয়া করে সব কথা খুলে বলুন তো ফাদার। এলেনা কেন নিখোঁজ থাকবে? আপনারাই বা কারা?

আগে তোমাকে কফি খাওয়াই। ঠাণ্ডার ভেতর এতটা পথ এসেছো। ফেরার নিশ্চয় তাড়া নেই। এই বলে গুটিগুটি পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বুড়ো পাদ্রী।

এলেনার জন্য উদ্বেগ কেটে যাওয়ার পর আকাশের মনে হল শুধু কফি নয়, ওর কিছু খাওয়ার দরকার। বেশ খিদে পেয়েছে। সকালে শুধু এক গ্লাস অরেঞ্জ জুস আর দুটো আধসেদ্ধ ডিম খেয়ে বেরিয়েছে। গাড়ি আনে নি ও। কারো নজরে পড়তে চায় না বলে বেরিয়েছিলো হোটেলের পেছনের রাস্তা দিয়ে। ট্রেনে ছঘন্টা লেগেছে আসতে।

আকাশের চেহারা দেখেই বুড়ো পাদ্রী টের পেয়েছিলেন ওর কিছু খাওয়া দরকার। মিনিট পনেরো পর ঘরে ঢুকলেন ট্রে হাতে। আকাশের সামনে ছোট্ট টেবিলে রাখলেন একটুকরো বাদামী রুটি, দুটো সসেজ ভাজা আর ধোঁয়া ওঠা এক কাপ কফি। বললেন, তুমি খেতে থাকো, আমি বলছি।

দেয়াল ঘেষে রাখা সাদা চাঁদরে ঢাকা সরু বিছানায় বসে স্টেফান বললেন, এলেনাকে আমরা লুকিয়ে রেখেছি সরকারকে জব্দ করার জন্য। তোমার মতো একজন গুরুত্বপূর্ণ লোকের দোভাষী দিনে দুপুরে নিখোঁজ হয়ে যাবে আর এটা বিবিসি, ভয়েস অব আমেরিকায় খবর হবে না তা কি হয়! আজ সকালে আরও পাঁচজন দোভাষী নিখোঁজ হয়েছে। ফ্রান্স আর ইটালী থেকে দুটো ট্রেড ডেলিগেশন এসেছে পরশু। ওদের চারজন দোভাষী নিখোঁজ। কানাডিয়ান এ্যাম্বাসাডরের দোভাষীও নিখোঁজ।

এরা সবাই কি আপনাদের লোক? খেতে খেতে জানতে চাইলো আকাশ।

অবশ্যই। একটু থেমে স্টেফান ধীরে ধীরে বললেন, চসেস্কুর সিকিউরিতায় দুটো গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ চসেস্কুর পক্ষে, আরেক গ্রুপ বিপক্ষে। বিপক্ষের গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছে রাশানরা। জানো নিশ্চয়, রাশানরা চসেস্কুকে মোটেই সহ্য করতে পারছে না। যে কোনো সময় ওরা একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।

আপনারা কারা? আপনারা কি চান?

আমরা নিরীহ ধর্মপ্রচারক। একগাল হেসে পাদ্রী স্টেফান বললেন, ঈশ্বরের নাম আর মহিমা প্রচার করি। যিশুর শান্তির বাণী শোনাই। আত্মার স্বাধীনতার কথা বলি। ওরা আমাদের ধর্ম প্রচার করতে দেয় না। আমরা ওদের কথা মতো চলতে রাজি নই। ঈশ্বরের পৃথিবীতে কারো অধিকার নেই ঈশ্বরের নাম প্রচারে বাধা দেয়।

আপনারাও তাহলে চান না চসেস্কু ক্ষমতায় থাকুক।

চসেস্কুর মতো স্বৈরাচারী, নাস্তিককে যত শিগগির গদি থেকে নামানো যায় দেশের জন্য ততই মঙ্গল।

আপনাদের সঙ্গে সিকিউরিতার বিপক্ষ গ্রুপের যোগাযোগ আছে?

না, না! ওরাও তো কমিউনিস্ট, নাস্তিক! তবে কমিউনিস্ট হলেও গর্বাচেভ আমাদের চসেস্কুর চেয়ে অনেক ভালো। রাশিয়াতে স্টালিনের আমলে ছাড়া কখনো গির্জার কাজে ওরা বাধা দেয় নি। গর্বাচেভ তো পুরোনো গির্জাগুলো সংস্কার করার জন্য অনেক টাকা দিয়েছে। অথচ এখানে দেখো, গির্জার এত সব দামি পাথর খসে পড়ছে, আইকন চুরি হয়ে যাচ্ছে, সরকারের কোনো মাথাব্যথা নেই।

আমার সঙ্গে চসেস্কুর ইন্টারভিউ ঠিক হয়েছে ক্রিসমাসের দিন। আপনার কি বিশেষ কোনো প্রশ্ন আছে তাকে করতে পারি?

নিজের চোখেই তো সব দেখছে। জিজ্ঞেসা করতে পারো রুমানিয়ার সংবিধানে ধর্মপ্রচারের অধিকার দেয়া হলেও কেন আমাদের ধর্মযাজকদের এত হয়রানি করা হচ্ছে। যাকে যেখানে খুশি যখন তখন বদলি করে দিচ্ছে, সরকারি অনুদান বন্ধ করে দিয়েছে–এ নিয়ে প্রশ্ন করতে পারো।

তাঁকে কি প্রশ্ন করতে পারি, সোভিয়েতপন্থী কোনো সামরিক অভ্যুত্থান তিনি আশঙ্কা করছেন কিনা?

দয়া করে এ প্রশ্নটি কোরো না। ওর গোয়েন্দা বিভাগ অসম্ভব শক্তিশালী। এতটুকু আঁচ করতে পারলে সিকিউরিতায় যারা বিপক্ষ দলে আছে তারা বিপদে পড়ে যাবে। আমরা চাই না তাদের কোনো বিপদ হোক।

আকাশের খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। বললো, এলেনার সঙ্গে একবার কি দেখা হতে পারে?

এলেনাকে একটু শহরের বাইরে পাঠিয়েছি। রাতে এখানে থাকা তোমার জন্য নিরাপদ হবে না। তোমাকে রাত কাটাতে হবে গ্রামে।

আকাশ একটু অবাক হয়ে বললো, কথা তো হয়েই গেলো। আমি ভাবছি এখনই বুখারেস্ট ফিরে যাবো। দোভাষীদের অন্তর্ধানের খবরটাও তো পাঠাতে হবে।

এত সামান্য খবর পাঠানোর জন্য তোমাকে কেন বুখারেস্ট যেতে হবে! চিঠি দিয়ে দাও। আমি লোক মারফত পাঠিয়ে দিচ্ছি তোমাদের অফিসে। ওখানে তো তোমাদের আরও স্টাফ আছে।

কিন্তু আমাকে রাতে থাকতে হবে কেন? আর কোনো কথা আছে?

কথা তো কিছুই বলা হয় নি। ফাদার তয়েকশ তোমার সঙ্গে কথা বলবেন। আজ তিনি শহরের বাইরে থাকবেন। কাল সন্ধ্যায় ফিরবেন।

কাল সন্ধ্যায় হলে তো আমি আজ বুখারেস্ট গিয়ে কাল আবার আসতে পারি।

এত বুখারেস্ট, বুখারেস্ট করছো কেন? কদিনের জন্য তুমিও গা ঢাকা দাও না। ভয়েস অব আমেরিকার বিশেষ প্রতিনিধিকে সিকিউরিতা গুম করে দিয়েছে কি সাংঘাতিক খবর হবে বলো তো?

পাদ্রী স্টেফানের কথা আকাশকে গভীর চিন্তায় ফেলে দিলো। এরা চাচ্ছে সরকার বিরোধী আন্দোলনে ওকে কাজে লাগাতে। একজন সৎ সাংবাদিক হিসেবে ওর কি উচিত হবে এভাবে চসেস্কু বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়া? মন থেকে কোনো সমর্থন পেলো না আকাশ। ওর কাজ হচ্ছে খবর সংগ্রহ করা। অন্য দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নয়। বললো, আমার কাছে চসেস্কুর সাক্ষাৎকার নেয়াটা খুবই জরুরি ফাদার। আমার সম্পর্কে এ ধরনের খবর প্রচার হলে আপনাদের সুবিধে হলেও আমার জন্য অসুবিধে হবে।

বুড়ো পাদ্রী মাথা নেড়ে সায় জানালেন–তোমার কথা ফেলতে পারছি না। যে কোনো সাংবাদিকের জন্য চসেস্কুর সাক্ষাৎকার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার কেন যেন মনে হচ্ছে হয়তো এটাই হবে ওর শেষ সাক্ষাৎকার। একটু থেমে মুচকি হেসে পাদ্রী বললেন, ঠিক আছে, তোমাকে আমরা গুম করবো না। তবে ঘন ঘন এখানে যাওয়া আসাটা তোমার জন্য বা আমাদের জন্য ভালো হবে না। চসেস্কুর গুপ্তচর সবখানে নজর রাখছে। আমার পরামর্শ হচ্ছে তুমি ফাদার তয়েকশের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এখানে থাকো। তারপর না হয় বুখারেস্ট যেও।

স্টেফানের পরামর্শ আকাশের অপছন্দ হলো না। ডিককে ও চিঠিতে লিখে দিলো । কীভাবে ওয়াশিংটনে ডেসপ্যাঁচ পাঠাতে হবে। নিজের ব্যাপারে লিখলো, এখানকার এক স্বাস্থ্যনিবাসে এলেনাকে নিয়ে বেড়াতে যাচ্ছে। দুদিন পর ফিরবে। কথাটা যেন ও বাংলাদেশের কাউন্সিলার আর আমেরিকান রাষ্ট্রদূতকে জানিয়ে দেয়। এটাও লিখলো, এলেনা নিখোঁজ–এ খবরটি যেন চালু থাকে।

এলেনার সঙ্গে বিকেলেই ওর দেখা হয়েছে। কালো গোলাপ আন্দোলনের অনেক তথ্যই দিয়েছে এলেনা। আকাশ যখন বললো, আমাকে জানিয়ে নিখোঁজ হলে কি ক্ষতি হতো! এলেনা শুনে হাসলো। বললো, শুধু মাকে বলেছি। কাউন্সিলারের ডিনারে এত সব বিশিষ্ট অতিথিদের ভেতর খবর পেয়ে তুমি যেভাবে রিএ্যাক্ট করেছিলে, ঘটনাটা তোমার আগে জানা থাকলে ততটা রিএ্যাকশন হতো না!

আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। গম্ভীর হয়ে বললো আকাশ।

আমি জানি। নরম গলায় এলেনা বললো, তার জন্য আমি খুবই দুঃখিত আকাশ। তোমার এই উদ্বেগ বুখারেস্টে যে আলোড়ন তুলেছে সে খবরও আমরা পেয়েছি।

এলেনার সঙ্গে আরো অনেক কথা হয়েছে আকাশের। রাতে এলেনাই ওকে এ বাড়িতে এনে রেখে গেছে। বলেছে দুপুরের পর আসবে।

পিশিয়া ঠিক গ্রাম নয়, তিমিশোয়ারা থেকে পনের কিলোমিটার উত্তরে পাহাড়ের গায়ে ছোট্ট এক জনপদ। ইলেকট্রিসিটি আছে, পাকা রাস্তা আছে, ঘরবাড়িও বেশির ভাগ পাকা। তবে আকাশকে রাখা হয়েছে একেবারে পাহাড়ের গায়ে লাগানো মির্চা নাস্তাসেস্কুর কাঠের খামার বাড়িতে। খামারে গরু-শুয়র, হাঁস-মুরগি সবই আছে। খামারের পরই পাইন আর ফারের গভীর বন।

বিছানায় শুয়ে শুয়ে আকাশ কাঁচের বন্ধ জানালা দিয়ে বাইরে দেখছিলো আল্পস এর চূড়া বরফে ঢেকে গেছে। নিচের দিকে সাদার ভেতর মাঝে মাঝে কিছু সবুজ ছোপ চোখে পড়ছে। কাল রাতে লক্ষ্য করেছে এদিকে শীত কিছুটা কম। অবশ্য আকাশ মেঘে ঢাকা থাকলে শীত একটু কমই লাগে। কাল বিকেল থেকে আল্পস পর্বতের মাথার ওপর কালো মেঘ জমে আছে। মেঘ থাকার জন্য বোঝা যাচ্ছে না সূর্য এখন কোথায়। বিষণ্ণ ঘোলাটে একটা আলো ছড়িয়ে ছিলো চারপাশে। মাঝে মাঝে অলস গলায় ডাকছে খামারের নধর গাইগুলো।

দরজায় টোকা দিয়ে কাপড় ঢাকা ট্রে হাতে ঘরে ঢুকলেন মির্চা নাস্তাসেস্কুর মাঝবয়সী মোটসোটা হাসিখুশি বউ দয়না। ভাঙা ভাঙা ফরাশিতে বললেন, সুপ্রভাত। ভালো ঘুম হয়েছিলো তো!

সুপ্রভাত দয়না চাচি। চমৎকার ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে ভাবছিলাম এক কাপ কফি পেলে মন্দ হতো না। আপনি ঠিক মনের কথা টের পেয়ে যান।–আকাশের কথায় বিগলিত হয়ে দয়না বললেন, তোমরা হলে ধনী দেশের ধনী লোক। আমাদের মতো গরিবদের ঘরে একটু যদি আরাম পাও সেটাই তো ভাগ্য।

গরম কফির কাপে চুমুক দিয়ে আকাশ বললো, এত শান্তি আর এত আরামের জন্য ধনী দেশের বহু লোক আপনার অতিথি হওয়ার জন্য উদগ্রীব হবে এ আমি হলপ করে বলতে পারি।

ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দয়না বললেন, গ্রামে আছি বলে রক্ষা। রুটি মাখনের জন্য ভাবতে হয় না। অতিথি এলে জায়গা দিতে পারি। আমার দুই ছেলে শহরে থাকে। বিদেশী কোনো অতিথিকে বাড়িতে নেমন্তন্ন করা দূর থাক, ওদের সঙ্গে কথা বললেও একশ রকমের জেরায় পড়ে।

ওরাও কি কালো গোলাপের দলে নাম লিখিয়েছে?

কেন লেখাবে না বাছা! দেশটাকে যে এরা জেলখানা বানিয়ে রেখেছে। কবে যে একবার বাপের বাড়িতে যেতে পারবো তাই ভাবি। বুড়ো বাপটা মরে গেলো, খবর পেলাম তিন মাস পর।

আপনার বাপের বাড়ি কোথায়?

হাঙ্গেরির মাকো-তো। টিসা নদীর ঠিক ওপরে। গাড়ীতে গেলে বেশি হলে ঘন্টা দেড়েক লাগে।

ওখানে কে কে আছে আপনার?

সবাই তো ওখানে। মা, তিন ভাই আর আমার যমজ বোন। ওরা তো দিব্যি স্বাধীন হয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর আমরা এখানে ধুকে ধুকে মরছি। কবে পাসপোর্টের জন্য দরখাস্ত করেছি কোনো খবর নেই।

আকাশের নাশতা করা শেষ হলে দয়না বললেন, ইচ্ছে করলে ফোতার সঙ্গে বনের ভেতর খানিকটা ঘুরে আসতে পারো। বেশি দূরে যেও না। আকাশের অবস্থা ভালো নয়।

ঠিক আছে দয়না চাচি, ওকে পাঠিয়ে দিন।

আকাশ পোশাক পরে তৈরি হতে হতেই দয়না চাচির ছেলে পনেরো মোল বছর বয়সী ফোতা এসে হাজির। মায়ের মতো ফর্শা গোল গাল মুখ, গালে চিতে পড়া, কটা চোখ দুটো দুষ্টুমিতে চকচক করছে। কাল রাতে খাওয়ার টেবিলে ফোতার সঙ্গে পরিচয় হয়েছে। ওর বাবা মা ফরাসী খানিকটা বুঝলেও ও নিজে হ্যাঁ না ছাড়া বেশি কিছু বলতে পারে না। একটা ফরাশি শব্দ বলে পুরো কথা শেষ করে রুমানিয়ান ভাষায়। হাত আর মুখ নাড়া দেখে বুঝে নিতে হয় কি বলছে।

দুপুর পর্যন্ত ওরা দুজন বনের ভেতর ঘুরে বেড়ালো। ফোতার সঙ্গে কাঠবেড়ালি খরগোশ আর প্রজাপতির পেছনে ছুটোছুটি করে কিছু সময়ের জন্য রুমানিয়ার ভয়ানক সব রাজনৈতিক সমস্যা ভুলে গিয়ে নিজের কৈশোরে ফিরে গেলো আকাশ। ক্লান্ত হয়ে ঝর্ণার ধারে একটা বুড়ো ফার গাছের নিচে চিৎ হয়ে শুয়ে গাছের শুকনো ডালের ফাঁক দিয়ে আকাশ দেখতে দেখতে ভাবলো, জীবনটা এরকম সহজ সরল হলে কতই না আনন্দের হতো!

বিকেলে এলেনার সঙ্গে ফাদার তয়েকশ নিজেই চলে এলেন। আকাশ তখন নিরিবিলিতে বসে ডায়রি লিখছিলো। গত দুদিনের ছুটোছুটিতে কিছুই লেখা হয় নি।

মাঝবয়সী সাদাসিধে চেহারার তয়েকশ মৃদু হেসে বললেন, রুমানিয়ায় এবার কেমন লাগছে আপনার?

আকাশ হাসি বিনিময় করে বললো, তেমন কিছু এখনো চোখে পড়ে নি।

অপেক্ষা করুন। বারুদের মতো খবর পেয়ে যাবেন।

এক্ষুণি কি জানা যায় না?

জানাতে পারলে আমি খুশি হতাম। তয়েকশের মুখে মৃদু হাসি–ফাদার স্টেফান বললেন, আপনি নাকি আমাদের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চান না পেশাগত সততা নষ্ট হবে বলে। আপনার সতোকে আমি শ্রদ্ধা করি। যে কারণে কাল কি ঘটবে আমাদের লোক ছাড়া কেউ সেটা জানবে না।

আকাশ একটু অপ্রস্তুত হয়ে বললো, আসলে চসেস্কুর সাক্ষাৎকারটা আমি মিস করতে চাই না বলে ফাদার স্টেফানের প্রস্তাব গ্রহণ করতে পারি নি।

আমার সন্দেহ আছে আপনাকে সাক্ষাৎকার দেয়ার জন্য চসেস্কু বড়দিন পর্যন্ত গদিতে টিকে থাকতে পারবে কি না।

আমি এতটা ভাবি নি।

পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

এরকম একটা গুরুতর পরিস্থিতিতে চসেস্কু ইরান সফরে কেন যাচ্ছেন?

বাইরের পৃথিবীকে ধারণা দেয়ার জন্য–রুমানিয়ার সব কিছু ঠিক মতো চলছে। আমরা দেখাতে চাই রুমানিয়ায় কিছুই ঠিক নেই।

দারুণ একটা খবর পেয়ে গেলো আকাশ। কিন্তু কাল তিমিশোয়ারায় কী ঘটতে পারে এটা জানার জন্য মনটা খুঁত খুঁত করতে লাগলো। বললো, ফাদার, কাল আপনার প্রোগ্রাম কি জানতে পারি?

তয়েকশ কয়েক মুহূর্ত আকাশের মুখের দিকে তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠলেন–আপনি খুব চালাক। ঠিক আছে শুনুন, কাল বিকেলে আমি গির্জার ভেতরে নয়, গির্জার বাইরে সভা ডেকেছি। সেই সভায় আমি চসেস্কুর বিরুদ্ধে অভিযোগ আনবো। তাকে পদত্যাগ করতে বলবো।

এ খবরটা কি আমি ওয়াশিংটনে জানাতে পারি?

জানাতে পারেন, তবে কালকের আগে প্রচারের জন্য নয়।

আমি থাকছি। আপনি দয়া করে আমার দুটো চিঠি–একটা আমাদের অফিসে, আরেকটা আমেরিকান এ্যাম্বাসাডরকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করুন।

ঠিক আছে, লিখে দিন। আপনি আমাদের সাহায্য না করলেও আমরা আপনাকে ঠিকই সাহায্য করবো।

আপনারা জানেন আমার কোনো কাজ আপনাদের বিরুদ্ধে যাবে না। আর তিমিশোয়ারায় কিছু ঘটলে বুখারেস্ট সে ঘটনা চাপা দিতে চাইবে। আমি নিশ্চয় তা হতে দেবো না। এই বলে আকাশ চিঠি লিখতে বসলো।

দুটো চিঠি প্রায় একই রকম হলো। একটা হেনরী পেপার্সের জন্য, আরেকটা লিংকন গর্ডনের জন্য। ডিকের পক্ষে প্রফেসরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না। ওটা শুধু রাষ্ট্রদূতই পারবেন।

চিঠি দুটো পকেটে পুরে এলেনাকে সঙ্গে নিয়ে চলে গেলেন ফাদার তয়েকশ। যাবার সময় বললেন, এলেনা আজ আপনাকে সঙ্গ দিতে পারছে না বলে আমি দুঃখিত। কাল ও এসে আপনাকে নিয়ে যাবে। ভালো হয় আপনার ধোপদুরস্ত পোশাক পাল্টে যদি জিপসিদের আধময়লা পোষাক পরে শহরে আসেন। আপনার মতো চেহারা জিপসিদের ভেতর অনেক পাওয়া যাবে। একজন জিপসিকে কেউ সন্দেহ করবে না।

ফাদার তয়েকশ চলে যাবার পর আকাশ ফোর্তাকে বললো, কি, বনের ভেতর আরেক চক্কর ঘোরা হবে নাকি!।

ফোতার কোনো আপত্তি নেই। মাকে জিজ্ঞেস করতেই ধমক খেলো। দয়না ঘরে এসে আকাশকে বললেন, আবহাওয়া ভালো নয়। বনের ভেতর এ সময়ে অনেক অশুভ শক্তি ঘুরে বেড়ায়। রাতেও সাবধানে থেকো।

সারা বিকেল ফোতার সঙ্গে বসে বসে খাতায় কাটাকুটি খেলে সময় কাটালো আকাশ। সন্ধ্যের আগেই ঝড়ো বাতাস বইতে শুরু করলো। দয়না ফোতাকে ডাকলেন গরুদের গোয়ালে তোলার জন্য। গোয়ালগুলোর দরজা জানালা ভালোভাবে বন্ধ করার কাজে আকাশ ফোতাকে সাহায্য করলো।

সন্ধ্যার পর শুরু হলো ঝড়ো বাতাসের সঙ্গে তুষারপাত। কিছুক্ষণের মধ্যে সব কিছু তলিয়ে গেলো পুরু বরফের নিচে। একটু পরে বিদ্যুৎও চলে গেলো। বসার ঘরে দয়না একটা বড় লণ্ঠন জ্বালিয়ে দিলেন। অন্য ঘরে দিলেন মোমবাতি। মির্চা নাস্তাসেস্কু সকালে শহরে গেছেন, কাল ফিরবেন।

আকাশ লক্ষ্য করলো ঘরগুলো কাঠের হলেও খুব শক্তভাবে বানানো। কাঁচের জানালা দিয়ে ও বাইরে তাকিয়ে দেখছিলো ফার বনে ঝড়ের তাণ্ডব বয়ে যাচ্ছে অথচ ঘরের ভেতর কিছুই টের পাওয়া যাচ্ছে না। তুষার ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। বসার ঘরের ফায়ার প্লেসে শুকনো পাইন কাঠের গনগনে আগুন জ্বলছে। ঘরের ভেতর পাইনের মিষ্টি গন্ধ। ওরা সবাই ঝড় শুরু হওয়ার আগেই খেয়ে নিয়েছে। দয়না ফায়ার প্লেসের সামনে রকিং চেয়ারে বসে উল বুনছেন। বুড়ো গ্ৰেহাউণ্ডটা ওর পায়ের কাছে শুয়ে আছে। ফোতা একটা কমিক নিয়ে বসেছে লণ্ঠনের কাছে। নাকি ওর মামাতো ভাই পাঠিয়েছে। এখানে কমিক পাওয়া যায় না।

ফাদার তয়েকশের কথা ভাবছিলো আকাশ। কাল তিনি কি ঘটাতে চলেছেন? কথা বলার সময় তাঁকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো।

.

১০. গৃহযুদ্ধের দাবানল

পরদিন সকালে এলেনা এলো এক দুঃসংবাদ নিয়ে। ফাদার তয়েকশকে নাকি ভোরবেলা তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। আকাশ মনে মনে প্রমাদ গুণলো। কাল ও ওয়াশিংটনে খবর পাঠিয়েছে সাংঘাতিক একটা কিছু ঘটতে যাচ্ছে ফাদারের প্রার্থনা সভায়। উদগ্রীব হয়ে জানতে চাইলো, তার মানে বিকেলে কোনো সভা হচ্ছে না?

শুকনো গলায় এলেনা বললো, ফাদারকে জেলে রেখে কিসের সভা হবে?

আমি কি একবার ফাদার স্টেফানের সঙ্গে দেখা করতে পারি?

কেন পারবে না! তিনিই তো তোমার জন্য এ পোশাকগুলো পাঠিয়েছেন। এগুলো পরে আমার সঙ্গে চলো।

বড় একটা শপিং ব্যাগের ভেতর থেকে পুরোনো রঙচঙে জিপসিদের এক প্রস্থ পোশাক বের করে দিলো এলেনা। সঙ্গে আধময়লা জুতোও রয়েছে। দশ মিনিটের ভেতর পোশাক পাল্টে তৈরি হয়ে ও যখন বসার ঘরে এলো তখন সবাই রীতিমতো অবাক হলো। দয়না বললেন, তোমাকে বাছা একেবারেই চেনা যাচ্ছে না। সত্যি সত্যি নোংরা জিপসি মনে হচ্ছে।

আয়নায় নিজের চেহারা দেখে আকাশেরও তাই মনে হয়েছিলো। বললো, দয়না চাচির এখানে মনে হচ্ছে আরও কয়েক রাত কাটাতে হবে।

তোমার যতদিন ইচ্ছে থাকবে। ব্যস্ত গলায় দয়না বললেন, তোমার মতো একজন অতিথি আমার বাড়িতে থাকবে এটা তো ভাগ্যের ব্যাপার।

ইরে তখন ঝড়ো বাতাস থেমে গেলেও আকাশে মেঘ ছিলো। কালো রাস্তাটুকু ছাড়া সব কিছু বরফে ঢাকা। গাড়ি চলার জন্য সকালে রাস্তার বরফ সরানো হয়েছে। এলেনা এসেছিলো বাসে। ওদের যেতেও হলো বাসে। আকাশ যখন বাসে উঠলো তখন কয়েকজন যাত্রী নড়েচড়ে বেশি জায়গা দখল করে বসলো যাতে হতচ্ছাড়া জিপসিটা ওদের পাশে বসতে না পারে। মনে মনে খুশি হলো আকাশ। ওরা দুজন একেবারে পেছনের দুটো খালি সিটে বসে পড়লো।

বাসের বেশির ভাগ যাত্রীর পোশাকই মলিন, বুখারেস্টের রাস্তায় যা দেখা যায় না। কারো কারো কোটে–কয়েকটা তালিও পড়েছে। চেহারা দেখলেই বোঝা যায় গরিব । শীতে কষ্ট পাচ্ছে। আকাশ মনে মনে ভাবলো সুজনকে একবার গ্রামের এসব মানুষদের দেখালে ওর ধারণা বদলাতো। বড়লোক এক বান্ধবীর সঙ্গে মিশে ও ভেবেছে রুমানিয়ার সব মানুষই বুঝি ওরকম সুখে আছে। পাইওনিয়ার লীগের ক্যাম্পে যখন এসেছে নিশ্চয় ও রাজনীতি করে। এসব ওর দেখা উচিৎ।

তিমিশোয়ারায় বাস থেকে নেমে ওরা সোজা পাদ্রী স্টেফানের কাছে গেলো। তিনি তখন হন্তদন্ত হয়ে কোথাও বেরোচ্ছিলেন। আকাশকে দেখে বললেন, ভালোই হলো, তোমাকে পেয়ে। এক্ষুণি চলো আমার সঙ্গে।

ট্যাক্সি দাঁড়ানো ছিলো। ওরা তিন জন উঠে বসতেই ওটা ছাড়লো। আকাশ একটু অবাক হয়ে জানতে চাইলে আমরা কোথায় যাচ্ছি?

পুলিশের সদর দফতরে। কয়েক হাজার মানুষ দফতর ঘেরাও করে চিৎকার করছে–ফাদার তয়েকশকে ছেড়ে দাও।

পুলিশ কি করছে?

ওরা নাকি গুলি করার জন্য তৈরি হয়ে আছে। মানুষ একটু উশৃঙ্খল হলেই গুলি চালাবে।

দশ মিনিটের ভেতর ওরা গন্তব্যে পৌঁছে গেলো। দফতর থেকে বেশ খানিকটা দূরে ট্যাক্সি ছেড়ে দিতে হলো। আকাশ চারপাশে তাকিয়ে দেখলো পাদ্রী স্টেফান এতটুকু বাড়িয়ে বলেন নি। কম করে হলেও হাজার তিনেক মানুষ জড় হয়েছে পুলিশের সদর দফতরের চারপাশে। রাস্তাগুলো মানুষের ভিড়ে বন্ধ হয়ে গেছে। এলোমেলোভাবে শ্লোগান দিচ্ছে। চসেস্কু আর তয়েকশ শব্দ দুটো শুধু চেনা মনে হলো। এলেনাকে জিজ্ঞেস করলো, কি বলছে ওরা?

বলছে, তয়েকশকে মুক্তি দাও। চসেস্কু গদি ছাড়।

এরা কি সব কালো গোলাপের দল?

শুধু কালো গোলাপ হবে কেন, সব রকম মানুষই আছে এখানে। বললেন পাদ্রী স্টেফান–আমি তো কমিউনিস্ট পার্টিরও কয়েকজনের চেহারা দেখতে পাচ্ছি।

তাহলে তো বলতে হবে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

আকাশরা বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলো। এমন সময় রাইফেলের গুলির শব্দ হলৈ পর পর চার বার। এলেনা চিৎকার করে উঠলো–ওরা নিরীহ মানুষদের গুলি করে মারছে।

সামনের দিকে মানুষ কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলো। কিন্তু পেছনে যারা ছিলো তারা–চসেস্কুর দালালরা নিপাত যাক, বলে এগিয়ে গেলো সামনের দিকে। জনতা আরও উত্তেজিত হয়ে উঠলো। আকাশ বললো, বোকার দল, গুলি করে মানুষকে আরও ক্ষেপিয়ে দিচ্ছে।

জটলার ভেতর থেকে কারা যেন ঢিল ছুঁড়ে মারলো পুলিশের সদর দফতরের দিকে। ঝন ঝন করে জানালার কাঁচ ভাঙতে লাগলো। আকাশ লক্ষ্য করলো মানুষের ভিড় আরো বড় হচ্ছে। বেশির ভাগই গরিব, খেটে খাওয়া মানুষ। কারখানার ইউনিফর্ম পরা মজুরও রয়েছে। বয়স্ক মহিলাও আছে। তবে সামনের দিকে বেশির ভাগ কম বয়সী যুবক। ক্রমশঃ মারমুখো হয়ে উঠছে তারা। ঢিল ছোঁড়ার পরিমাণ বেড়ে গেলো। ক্রুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লো কয়েক রাউন্ড। একটা আকাশদের খুব কাছেই ফাটলো। চোখে রুমাল চেপে ওরা পেছনের দিকে সরে এলো।

দুপুর একটা পর্যন্ত পুলিশের সঙ্গে জনতার খণ্ড খণ্ড লড়াই চলছিলো। ছেলেরা পুলিশের দিকেও ঢিল ছুঁড়ছিলো। পুলিশ পিছু হটতে হটতে সদর দফতরের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ সামনের দিকে উত্তাল আনন্দধ্বনি শোনা গেলো। শ্লোগান উঠলো–ফাদার তয়েকশ দীর্ঘজীবী হোন।

একটা মাইক্রোবাসের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখলো, ফাদার তয়েকশকে মাথায় তুলে নাচছে ছেলেরা। এলেনা চিৎকার করে বললো, ওরা ফাদারকে ছেড়ে দিয়েছে।

ভিড় ঠেলে ওরা কাছে যেতে চাইলো, পারলো না। পাদ্রী স্টেফান বললেন, চলো আমরা গির্জায় যাই। ফাদার তয়েকশ তো ওখানেই যাবেন।

ভিড়ের ভেতর হেঁটে হেঁটে ওরা গির্জায় গেলো। যাওয়ার পথে আকাশ দেখলো, কয়েক জায়গায় আগুন জ্বলছে। ছেলেরা চসেস্কুর ছবি আগুনে পোড়াচ্ছে। আগুনে দেয়ার আগে ছবি পা দিয়ে মাড়াচ্ছে। আকাশ মনে মনে বললো, শেষ পর্যন্ত রুমানিয়াতেও শুরু হয়ে গেলো।

বিকেলে ফাদার তয়েকশ এক বিশাল জনসভায় ভাষণ দিলেন। চসেস্কুর দুর্নীতির বিরাট ফিরিস্তি দিয়ে বললেন, চসেস্কুর গদি না ছাড়া পর্যন্ত আমরা গির্জায় ফিরে যাবো না। তিমিশোয়ারায় বড়দিনের উৎসব হবে না।

লোজন হইহই করে সমর্থন জানালো তয়েকশকে। মিটিঙের পর আকাশ সুযোগ পেলো ফাদারের সঙ্গে দেখা করার। ফাদার তখন ওঁর ঘরে বসে কফি খাচ্ছিলেন। গির্জার আরও পাদ্রীরা ছিলো সেখানে। পাদ্রী স্টেফান ওকে নিয়ে ভেতরে ঢুকতেই তয়েকশ তাকালেন ওর দিকে। মৃদু হেসে বললেন, এই জিপসিটাকে চিনি মনে হচ্ছে! আশা করি আপনি ওয়াশিংটন পাঠাবার মতো প্রচুর খবর পেয়েছেন। এই বলে অন্যদের সঙ্গে আকাশকে পরিচয় করিয়ে দিলেন।

একজন চেয়ার ছেড়ে উঠে গিয়ে তয়েকশের পাশে বসতে দিলো আকাশকে। সবাই বেশ সম্ভ্রমের চোখে দেখছিলো ওকে। আকাশ বললো, আমি কি আজ ফিরে যাবো বুখারেস্ট, নাকি আপনারা আরো কিছু ঘটাবেন?

এখনো তো কিছুই ঘটাইনি। দু চারদিন থাকুন। দেখুন তিমিশোয়রা থেকে আমরা চসেস্কুর নাম কিভাবে মুছে ফেলি।

তাহলে আমাকে একজন তোক দিতে হবে কালকের মতো। অফিসে খবর পাঠাবো।

লোক যখন চান তখনই পাবেন। এ ব্যাপারে ফাদার স্টেফান আপনাকে ভালো সাহায্য করতে পারবেন।

ফাদার স্টেফানের ঘরে বসে আকাশ ডেসপাঁচ তৈরি করে যখন ডিকের কাছে লোক পাঠালো তখন রাত প্রায় আটটা। লোকটা ছিলো এক লরির ড্রাইভার বললো, রাত বারোটার মধ্যে খবর চলে যাবে।

লোকটাকে পাঠিয়ে দিয়ে আকাশ স্টেফানের ওখান থেকে ডিককে ফোন করে বললো, বিস্তারিত খবর পাঠিয়ে দিয়েছি। এখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত। ফাদার তয়েকশকে গ্রেফতার করেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তিন হাজার লোক সদর দফতর ঘেরাও করেছিলো। চসেস্কুর ছবি পোড়ানো হচ্ছে।

এইটুকু বলার পরই খুট করে লাইন কেটে গেলো। আকাশ বার বার নম্বর ঘুরিয়েও লাইন পেলো না। তবে যতটুকু পাঠিয়েছে ভয়েস অব আমেরিকার ইস্ট ইউরোপিয়ান ডেস্ক নিশ্চয় চমকে উঠবে। স্টেফানকে ও বললো, আমি কি এখানে থাকবো না গ্রামে ফিরে যাবো?

স্টেফান বললেন, রাতে এখানে থাকা ঠিক হবে না। গুপ্ত পুলিশ হামলা করতে পারে। এলেনা তোমাকে দয়নার ওখানে পৌঁছে দেবে। সকালে আবার নিয়ে আসবে।

তিমিশোয়ারায় আর দেরি না করে এলেনাকে নিয়ে আকাশ বেরিয়ে পড়লো। খুবই । কাজের মেয়ে এলেনা। কার একটা গাড়ি জোগাড় করেছে। বললো, তোমাকে। পিশিয়ায় রেখে আমাকে আবার ফিরে আসতে হবে। হাতে অনেক কাজ।

আকাশ বললো, তোমাকে দোভাষী হিসেবে কাছে না পেয়ে খুব মিস করছি।

দয়না চাচির সঙ্গে কথা বলার জন্য নিশ্চয় দোভাষী লাগবে না। গাড়ি চালাতে চালাতে মুখ পিটে হাসলো এলেনা।

আকাশ নিরীহ গলায় বললো, ফোতার সঙ্গে কথা বলতে অসুবিধে হয়।

আকাশের কথা শুনে এলেনা শব্দ করে হাসলো। বললো, চসেস্কু যেদিন গদি ছাড়বে সে দিন থেকে আমাকে সারাক্ষণ তোমার কাছে পাবে।

ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করুন।

বড়ো পাদ্রী স্টেফানের গলা নকল করে কথাটা বলার সঙ্গে সঙ্গে এলেনা হেসে খুন হলো। ঘরে ফিরে আকাশ দয়নাকে বললো সারাদিন তিমিশোয়ারায় কী ঘটেছে। মির্চাগিন্নি রাতের খাবার টেবিলে সাজাচ্ছিলেন। বললেন, মির্চা সন্ধ্যায় ফিরেছে। ফাদার তয়েকশের বক্তৃতা ও শুনেছে। বললো এবার নাকি একটা কিছু হবে।

পরদিন সকাল নয়টায় এলো এলেনা। আকাশ তখন বেরোবার জন্য জিপসি সেজে তৈরি হয়ে বসে আছে। বললো, আজ কোনো দুঃসংবাদ নেই তো?

এলেনা বললো, এখন পর্যন্ত কিছু ঘটে নি। তবে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে।

দয়না ওকে বললেন, শহরে যাই ঘটুক, এই জিপসি ছোঁড়াটাকে রাতে ঠিক মতো পৌঁছে দিয়ে যেও। কাল মির্চার কাছে গন্ডগোলের কথা শুনে ভাবনায় পড়ে গিয়েছিলাম।

আকাশ দয়নাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললো, তুমি ঠিক আমার মার মতো। আমার জন্য ভেবো না। আমার কিছুই হবে না।

তাই যদি ভাবো তাহলে ঘরে ফিরতে বেশি রাত কোরো না। ভেজা গলায় দয়না বললেন, আমার এক ছেলেকে সিকিউরিতা ধরে নিয়ে গেছিলো, সে আর ফেরে নি।

গাড়িতে যেতে যেতে আকাশ এলেনাকে বললো, পৃথিবীর সব দেশে সব মায়েরা একই রকম।

এলেনা কোনো কথা বললো না।

তিমিশোয়ারায় যখন ওদের গাড়ি ঢুকলো তখন শহরটাকে মনে হলো থমথম করছে। বেশির ভাগ দোকানপাট বন্ধ। টাউন হলের কাছে আসতেই চোখে পড়লো লোকজনের জটলা। অনেকে উত্তেজিত হয়ে ছুটোছুটি করছে। কয়েকজন মিলে একটা দোকান ভাঙছে। রুমানিয়ান ভাষায় সাইনবোর্ড পড়তে না পেরে আকাশ বললো, এলেনা গাড়ি থামাও। কিসের দোকান ওটা?

এলেনা রাস্তার কিনারে গাড়ি থামিয়ে বললো, বইয়ের দোকান। তুমি কি নামতে চাও?

প্লীজ এলেনা। পাঁচ মিনিট। দেখতে চাই কেন ভাঙছে।

আকাশের কথা শেষ না হতেই নোকজন তালা ভেঙে দোকানের ঝপ তুলে ফেললো। ভেতরে গিয়ে গোছ গোছা বই এনে রাস্তায় স্তূপ করলো । গাড়ি থেকে নেমে আকাশ একটু কাছে গিয়ে দেখলো, সব চসেস্কুর লেখা বই। একজন দেয়াশলাই জ্বেলে বইয়ের স্তূপে আগুন ধরিয়ে দিলো। অল্প কিছুক্ষণের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। আকাশ গাড়িতে উঠে বললো, চলো এলেন, যাওয়া যাক।

এলেনা বললো, গির্জায় যাওয়ার আগে তোমাকে শহরটা ঘুরিয়ে দেখাই।

তিমিশোয়রা প্রথম যেদিন এলো সেদিনই শহরে ঘুরেছিলো আকাশ। আজকের অবস্থা একেবারেই অন্য রকম। অনেকগুলো বইয়ের দোকানের সামনে আগুন জ্বলতে দেখলো সে। সবখানে চসেস্কুর বই পোড়ানোর মহোৎসব চলছে।

গির্জার আঙিনায় ব্যস্ত হয়ে পায়চারি করছিলেন পাদ্রী স্টেফান। আকাশ তাঁকে জিজ্ঞেস করলো, আজ আপনাদের কি প্রোগ্রাম ফাদার?

টাউন হলের সামনে জমায়েত। সেখান থেকে মিছিল করে পার্টি অফিসে গিয়ে ঘেরাও করা হবে। এই বলে স্টেফান একটু থামলেন। পকেট হাতড়ে একটা চিঠি বের করে বললেন, তোমার চিঠি, ভোরে ট্রাক ড্রাইভার মিহাইল দিয়ে গেছে।

খাম খুলে আকাশ দেখলো ইফতি মামার চিঠি। ওপরে ডিকের নোট। বাংলায় লেখা চিঠিকে ডিক ভেবেছে বাংলাদেশের কাউন্সিলার বুঝি সাংকেতিক হরফে জরুরি কোনো নোট পাঠাচ্ছেন। ইফতি মামা লিখেছেন, আকাশ, তোমার স্বাস্থ্য নিবাসে দিন কাটাবার গল্প আমরা কেউ বিশ্বাস করি নি। তিমিশোয়ারায় গণ্ডগোল হচ্ছে এ খবর আমরা পেয়েছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। বুখারেস্টের অবস্থাও থমথমে। কাল তোমার মা ফোন করেছিলেন। সুজনের সঙ্গে কথা হয়েছে। তুমি গণ্ডগোলের ঠিক মাঝখানে বসে আছো বলে তার উদ্বেগ বাড়াতে চাই নি। তবে আমরা জানি বলে সবাই তোমার জন্য ভীষণ উদ্বিগ্ন। আমার অফিসে ফরেন অফিসের একজন ডিরেক্টর এসে জানতে চেয়েছিলেন, তোমার সঙ্গে আমার কতদিনের পরিচয়, তোমার সম্পর্কে কি জানি–এসব। মনে হয় তুমি চসেস্কুর সাক্ষাৎকার নিতে যাচ্ছো, সেজন্যে খোঁজখবর নিচ্ছে। যদি আসতে না পারো ডিকের খামে চিঠি দিও। ইতি ইফতি মামা।

পাদ্রী স্টেফান বললেন, বিকেলে মনে হয় গণ্ডগোল হবে। পার্টি অফিসের চারপাশে ওরা সৈন্য মোতায়েন করেছে।

আকাশ বললো, লোকের হাতে খবর পাঠাতে অনেক দেরি হয়ে যায়। টেলিফোনও নিরাপদ নয়। আপনাদের এখানে ওয়ারলেস থাকলে ভালো হতো।

নেই কে বললল! রহস্যময় হেসে স্টেফান বললেন, গির্জার ছাদের ঘরে রেডি আছে। যখন খুশি ব্যবহার করতে পারো।

তাহলে তো খুবই ভালো। আমি এক্ষুণি গিয়ে ডিককে বলছি ও যেন সন্ধ্যার পর সেটের কাছে থাকে।

ফাদার স্টেফান যা আশঙ্কা করছিলেন শেষ পর্যন্ত তাই ঘটলো। পার্টি অফিস যারা ঘেরাও করতে গিয়েছিলো তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হলো। ছত্রিশ জন মারা গেলো সঙ্গে সঙ্গে। পরদিন সকাল নাগাদ হাসাপাতালে মারা গেলো আরো এগারো জন। লাশ নিয়ে শহরে মিছিল বেরোলো। দোকান পাট, কলকারখানা সব বন্ধ করে শ্রমিক কর্মচারীরা রাস্তায় নেমে এলো। আকাশ ডেসপাঁচ পাঠালোচসেস্কুর পতন যে কোনো সময়ে ঘটতে পারে।

কোনো কিছুর পরোয়া না করে চসেস্কু সেদিনই তাঁর পূর্ব নির্ধারিত সফরে তেহরান চলে গেলেন। যেন দেশের কোথাও কিছু ঘটে নি। অয়ারলেসে ডিক খবর পাঠালো, বুখারেস্টে বিদেশী সাংবাদিকদের চলাফেরার উপর নাকি সাংঘাতিক রকম বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বলে দেয়া হয়েছে কেউ যেন শহর ছেড়ে বাইরে না যায়।

ডিকের পাঠানো খবর শুনে আকাশের মনে হলো গণ্ডগোল নিশ্চয়ই অন্যান্য শহরেও হচ্ছে। নইলে বিদেশী সাংবাদিকদের চলাফেরা ওরা এভাবে নিয়ন্ত্রণ করতো না। ভালোই হলো। তিমিশোয়ারার খবরের জন্য ওদের এখন অন্য কারো ওপর নির্ভর করতে হবে না।

চসেস্কুর তেহরান যাওয়ার খবর শুনে তিমিশোয়ারার মানুষ আরো ক্ষেপে গেলো। পাল্লা দিয়ে সরকারী বাহিনীও ক্ষেপলো। বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য পরদিন ওরা নির্বিচারে গুলি চালালো। লাশ গুম করে ফেললো। তাৎক্ষণিকভাবে আকাশরা খবর পেলো না কতজন মারা গেছে।

দুদিন ধরে আকাশ পিশিয়ায় যায় নি। পাদ্রী স্টেফানের ঘরটাকে ওর অফিস বানিয়ে ফেলেছে। এলেনা কখনো ওর সেক্রেটারির কাজ করছে, কখনো সংবাদ সংগ্রাহকের কাজ করছে। এর ভেতর খবর পেলো প্রধানমন্ত্রী নাকি তিমিশোয়ারা এসেছেন। স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসতে চেয়েছিলেন, কেউ তার ডাকে সাড়া দেয় নি। রাতের অন্ধকারে এসেছিলেন প্রধানমন্ত্রী, ভোর হওয়ার আগেই চলে গেলেন!

আকাশ হেনরী পেপার্সের জন্য খবর পাঠালোলা-মনে হচ্ছে আমার বরাতে চসেস্কুর সাক্ষাৎকার নেই। ফাদার তয়েকশ ঠিকই বলেছেন, বড়দিন পর্যন্ত চসেস্কু গদিতে টিকে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে।

.

১১. চসেস্কুর পতন এবং

চসেস্কু ভেবেছিলেন তেহরান থেকে ফিরে এসে দেখবেন তাঁর অনুগত বাহিনী সব কিছু সামলে ফেলেছে। তেহরান থেকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বললেন, তিমিশোয়ারা থেকে ঘুরে আসতে। বদমাশ হাঙ্গেরিয়ান পাদ্রীটা বেশি বাড়াবাড়ি করছে। কয়েকটাকে ধরে জেলে পুরে দিলে সব ঠাণ্ডা হয়ে যাবে। সামনে বড়দিন। কারখানা বন্ধ রেখে কদ্দিন থাকতে পারবে মজুররা? উৎসব করার জন্য টাকা লাগবে না?

প্রধানমন্ত্রী তিমিশোয়ারা থেকে ফিরে এসে চসেস্কুকে জানালেন, অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। প্রেসিডেন্ট চসেস্কুর এ সময় দেশে থাকা দরকার। প্রধানমন্ত্রীর অযোগ্যতায় ভীষণ রেগে গেলেন চসেস্কু। তেহরান সফর শেষ না করেই বড় দিনের পাঁচ দিন আগে দেশে ফিরে এলেন তিনি।

সুজনরা টেলিভিশনে দেখলো চসেস্কুকে। কড়া এক ভাষণ দিলেন তিনি। বললেন, কিছু দুষ্কৃতকারী রুমানিয়ায় একটা গণ্ডগোল বাঁধাতে চাইছে। মানুষের সুখ শান্তি নষ্ট করতে চাইছে। তিনি এসব সহ্য করবেন না।

পরদিন তিনি বিরাট এক জনসভা ডাকলেন। বিভিন্ন কলকারখানা থেকে পার্টির কর্মীদের আনা হলো। চসেস্কু আরো কড়া ভাষায় ভাষণ দিলেন জনসভায়। তাঁর ভাষণের দশ মিনিটের ভেতরই শুরু হলো গণ্ডগোল। চসেস্কুর বাইশ বছরের ক্ষমতা থাকার ইতিহাসে কখনো কেউ যা স্বপ্নেও ভাবেনি–তাই ঘটলো। কিছু লোক শ্লোগান দিলো চসেস্কুকে চাই না। চসেস্কুর পতন হোক।

সিকিউরিতার লোকজনরা তৈরি ছিলো। শ্লোগানওয়ালাদের গ্রেফতার করে নিয়ে যেতে চাইলো ওরা। যারা শ্লোগান দেয় নি তারা বাধা দিলো। সঙ্গে সঙ্গে চসেস্কু বিরোধী শ্লোগানের তোড়ে ভেসে গেলো গোটা জনসভা। কেউ কেউ বক্তৃতামঞ্চ আক্রমণ করতে চাইলো। টেলিভিশনে এ দৃশ্য দেখে আঁতকে উঠলেন ইফতি চাচা। উত্তেজিত গলায় বললেন, সর্বনাশ! অবস্থা যে এত খারাপ হয়েছে বুঝতেই পারি নি। আকাশ ঠিকই খবর দিয়েছিলো। ক্রিসমাসের আগেই গভর্মেন্ট ফল করবে।

বাইরে তখন প্রচণ্ড শীত। সবাই ড্রইংরুমে বসেছিলো টেলিভিশনের সামনে। চাচি কফি এনে বললেন, আকাশের জন্য চিন্তা হচ্ছে। আসল গণ্ডগোল তো ওখানে।

ইফতি চাচা বললেন, ওর মতো কাজ পাগল ছেলে আমি আর দেখি নি। ফরেন করেসপন্ডেন্ট তো অনেকই আছে। সব বসে আছে বুখারেস্টে। পরশু ডিক বললো, ও নাকি জিপসি সেজে ঘুরছে ওখানে।

আকাশের জন্য কবিতারও মন ভালো ছিলো না। বললো, ওই এলেনাই যতো নষ্টের গোড়া। ওরই জন্যে আকাশ ভাইকে তিমিশোয়রা যেতে হয়েছে। যেন এখান থেকে ওয়াশিংটনে খবর পাঠানো যায় না!

সুজনের খুব গর্ব হচ্ছিলো আকাশের জন্য। রুমানিয়ায় চসেস্কুর পতন হওয়া মানে বিরাট ঘটনা। আকাশ ঘটনার একেবারে মাঝখানে বসে সব দেখছে। রোজ রিপোর্ট পাঠাচ্ছে, রাতে ভয়েস অব আমেরিকাতে সেই খবর ওরা শুনছে, এর চেয়ে উত্তেজনাকর

অভিজ্ঞতা আর কি হতে পারে। নিজের পেশা নিয়ে সৃজন আগে কখনো মাথা ঘামায়। নি। বাবা সাংবাদিক ছিলেন বটে তবে এখানে এসে আকাশকে দেখে বুঝেছে সাংবাদিকতা আসলে কি। ওর মনে হয়েছে এর চেয়ে রোমাঞ্চকর কাজ আর কিছু হতে পারে না। বিপদের ঝুঁকিও কম নয়। অথচ কত বড় দায়িত্ব। সুজন ঠিক করেছে ও পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নেবে। মা আর ফুপু শুনলে নিশ্চয় খুশি হবেন।

সকালে ফুপু ফোন করে জানতে চেয়েছেন বৃটিশ এয়ারওয়েজ ওকে টিকেট পৌঁছে দিয়েছে কিনা। বার বার বলেছেন ও যেন অবশ্যই আকাশের সঙ্গে চলে আসে। মাকেও তিনি নিয়ে আসবেন। মার সঙ্গে যোগাযোগ করার জন্য সুজন জামাল আহাদের ফোন নম্বর দিয়েছিলো ফুপুকে।

এখানে আসার পর ওর সঙ্গে ফোনে দুবার কথা বলেছেন জামাল ভাই। পরশু ও ফোন করেছিলো। ও আমেরিকা যাচ্ছে শুনে মা খুব খুশি হয়েছেন। জামাল ভাই নিজেও কম খুশি হন নি। বললেন, তোর জন্য খুব গর্ব হচ্ছে রে সুজন। তোদের দুঃখের দিনও শেষ হতে যাচ্ছে। ফুপু তো আছেনই। তবু কখনো কোনো দরকার হলে জামাল ভাইকে একটা ফোন করে দিবি, নয়তো চিঠি লিখবি।

ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকার ইউরোপিয়ান ডেস্কে আকাশের পাঠানো ডেসপাঁচগুলো রীতিমতো ঝড় তুলেছে। অন্য যে কোনো মিডিয়ার চেয়ে আকাশ কয়েক ঘন্টা এগিয়ে রয়েছে। ষ্টেট ডিপার্টমেন্ট, সি আই এ আর হোয়াইট হাউস থেকে দিনের ভেতর দশ বারোটা ফোন আসছে হেনরী পেপার্স-এর কাছে রুমানিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। আকাশের রিপোর্টের ভিত্তিতে সি আই এ বুখারেস্টে আমেরিকান রাষ্ট্রদূতকে জানিয়েছে ফাদার তয়কশের সঙ্গে জরুরী ভিত্তিতে কথা বলার জন্য। ব্রুকিং-এর লিংকন গর্ডন ফোন করে হেনরী পেপাসকে বললেন, তোমার ছেলেটা তো সাংঘাতিক কাজ করে ফেলেছে! গির্জার কানেকশন সম্পর্কে আমাদের কোনো তথ্যই ছিলো না! আবারও বলছি হেনরি, ছেলেটাকে আমাদের হাতে দাও। ওর যা মেধা আমার বিশ্বাস শিগগিরই ও আমাদের সেরা এজেন্টদের র‍্যাঙ্কে উঠে যেতে পারবে।

হেনরী পেপার্স গলাটাকে যতদূর সম্ভব মোলায়েম করে বললেন, ওর মেধা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই লিংকন। তোমাকে আগেও বলেছি ওকে আমি হারাতে চাই না। তুমি তো জানো ববকে আমি সেভেন্টি ওয়ানে হারিয়েছি ভিয়েতনাম ওয়ারে। আকাশ আমার কাছে ববের মতো। দ্বিতীয়বার সন্তানহীন হতে চাই না।

এ বয়সে, এতখানি দায়িত্বপূর্ণ পোস্টে থেকে তোমার এ ধরনের ইমোশন মানায় না হেনরী। এই বলে বিরক্ত হয়ে ফোন রেখে দিয়েছেন লিংকন গর্ডন। সিআইএর এজেন্ট হওয়া যে কোনো আমেরিকান যুবকের জন্য স্বপ্নের মতো কিছু। তিনি ঠিক করলেন আকাশ ফিরে এলে ওকে সরাসরি অফার দেবেন। হেনরী মনক্ষুণ্ণ হতে পারে, হোক গে। তার কাছে বন্ধুর মনোবেদনার চেয়ে দেশের স্বার্থ অনেক বড়।

হেনরী পেপার্স কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঠিক করলেন আকাশের সম্মানে উনত্রিশ তারিখে একটা বড় সংবর্ধনা সভার আয়োজন করবেন। নবেম্বরের উনত্রিশেই তাকে এই এ্যাসাইনমেন্ট দেয়া হয়েছিলো। ভয়েস অব আমেরিকায় সর্বোচ্চ সম্মান পদক দেয়া হবে ওকে। সিদ্ধান্তটা নিয়ে সঙ্গে সঙ্গে ফোন করলেন আকাশের মাকে। আমন্ত্রণ জানালেন গোটা পরিবারকে ওয়াশিংটনে আকাশের সংবর্ধনা সভায় আসার জন্য।

তিমিশোয়ারায় বসে এসব আয়োজনের কিছুই জানে না আকাশ। চসেস্কু বিরোধী আন্দোলনের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে ও। এরই ভেতর দুজন জেনারেলের সঙ্গেও কথা বলছে। সামরিক বাহিনীর একটা বড় অংশ যে কোনো দিন বিদ্রোহ ঘোষণা করতে পারে এ খবর আকাশ পেয়ে গেছে চসেস্কু তেহরান থাকতেই। সোভিয়েত ইউনিয়ন মলদোভিয়ার সীমান্তে নতুন দুই ডিভিশন সৈন্য জড় করেছে।

একুশ তারিখে আকাশ যখন শুনলো বুখারেস্টে চসেস্কুর জনসভা ভণ্ডুল হয়ে গেছে তখনই পাদ্রী স্টেফানকে গিয়ে বললো, এখন থেকে বুখারেস্টেই থাকবো আমি। নাটকের শেষ দৃশ্য তো সেখানেই অভিনীত হবে।

পাদ্রী স্টেফান হেসে ওকে বিদায় দিয়েছেন। এখান থেকে আকাশের পাঠানো রিপোর্ট যে অখ্যাত তিমিশোয়ারাকে বিখ্যাত করে দিয়েছে এ কথা জানাতে ভুললেন না।

এলেনা আকাশের সঙ্গেই এসেছে। তবে কিছুটা ছদ্মবেশ নিতে হয়েছে ওকে। আকাশ যেভাবে ওর জন্য সারা বুখারেস্ট তোলপাড় করেছে বলা যায় না হয়তো গুপ্ত পুলিশ ওকে খুঁজছে। ওর ববছাটা কালো চুল ঢাকা পড়েছে ঝাঁকড়া সোনালি চুলের উইগে। চোখে দিয়েছে সোনালি ফ্রেমের চশমা। এতেই বদলে গেছে ওর চেহারা।

এলেনাকে নিয়ে আকাশ সোজা গিয়ে উঠলো আমেরিকান রাষ্ট্রদূতের বাড়িতে। শহরে রীতিমতো গৃহযুদ্ধের মহড়া চলছে। হোটেলে থাকা মোটেই নিরাপদ নয়। বাইশ তারিখ রাতে ও সুজনের সঙ্গে দেখা করতে গেলো ইফতি মামার বাড়িতে। যাবার সময় এ্যাম্বাসাডর হোণ্ডেন বললেন, এ সময় তোমার জন্য ট্যাক্সিতে চলাফেরা করা মোটেই নিরাপদ নয়। যখন যেখানে যাও আমার গাড়ি নিয়ে যাবে।

বুখারেষ্টের রাস্তায় তখন সৈন্যরা টহল দিচ্ছিলো। কূটনীতিকের গাড়ি দেখে আকাশকে কেউ কিছু বলে নি।

রাত সাড়ে দশটায় ওকে দেখে ইফতি মামারা সবাই হইচই করে উঠলেন। মামি বললেন, সাত দিন হলো তুমি তিমিশোয়রা গেলে। মনে হচ্ছে সাত মাস দেখি নি।

ইফতি মামা হেসে বললেন, কবিতাকে দেখে মনে হবে সাত বছর আমরা আকাশকে দেখি নি।

কবিতা লজ্জা পেলো। রাগও হলো ওর, বাবাকে বললো, তুমি দিনের মধ্যে দশবার ডিককে ফোন করো নি?

আহা, ফোন করবো না কেন! এমন একটা গণ্ডগোলের জায়গায় আছে। খোঁজ খবর নেবো না?

সুজন বললো, তুমি ফিরে এসেছে আকাশ ভাই। আমার দারুণ ভালো লাগছে। ফুপু আজ সকালেও ফোন করে জিজ্ঞেস করছিলেন, তুমি আমার সঙ্গে যাচ্ছে কি না।

সামান্য পরিচিত এই পরিবারের সবাই ওকে নিয়ে এতটা ভাবে দেখে অভিভূত হয়ে গেলো আকাশ। সুজনকে বললো, আমার যাওয়াটা আনসার্টেন হয়ে গেলো যে! তোকে একাই যেতে হবে।

তুমি কেন যাচ্ছো না? জানতে চাইলো কবিতা।

আজ সকালে হোম মিনিস্টারকে ফোন করেছিলাম। চসেস্কুর সঙ্গে ইন্টারভিউ বাতিল হয়ে গেছে। বললো, আমার রিপোর্টে তারা নাকি খুবই অসন্তুষ্ট। ছাব্বিশ তারিখ যাবো ভেবেছিলাম চসেস্কুর ইন্টারভিউ পেলে। পাচ্ছি না যখন–আর কিছুদিন থেকে বরং শেষটা জেনে যাই। এই বলে সুজনের দিকে তাকালো–একা যেতে পারবি তো?

কেন পারবো না!

সুজনের আত্মবিশ্বাস আকাশের ভালো লাগলো। বললো, তোর হাতে কিছু রেয়ার ছবি পাঠাবো। আমাদের আর্কাইভে রাখার মতো ছবি। মামের ওপর তোর রাগ পড়েছে?

সুজন লজ্জা পেলো–ফুপুর ওপর কখন আবার রাগ করলাম?

তোর প্রথম দিনের টেলিফোনেই টের পেয়েছিলাম।

ফুপু বলেছেন আমাকে ওখানকার কলেজে ভর্তি করে দেবেন। মাকেও ওঁর কাছে রেখে দেবেন।

তুই কি বলেছিস?

আমি মাস্টার্স শেষ করে যেতে পারি। মা মনে হয় না আমেরিকায় গিয়ে থাকতে পারবেন।

মামের কাছে জাফর মামার এত গল্প শুনেছি তোর মাকে দেখতে ইচ্ছে করছে। খুব।

মা তো বলেছেন বেড়াতে আসবেন তোমাদের ওখানে। ফুপু টিকেট পাঠিয়ে দিয়েছেন। জামাল ভাই পাসপোর্ট ভিসা সব করে দেবেন।

হঠাৎ দূরে কোলাহলের শব্দ শুনে সবাই কান খাড়া করলো। কয়েক রাউণ্ড গুলির শব্দও শোনা গেলো। আকাশ বললো, আমাকে এক্ষুণি বেরোতে হবে। সুজন শোন, শহরের অবস্থা খারাপ হলে এর মধ্যে নাও আসতে পারি। ইফতি মামা তোকে ছাব্বিশ তারিখ প্লেনে তুলে দেবেন। কিসসু ভাবিস না। মা এয়ারপোর্টে থাকবেন। লণ্ডনে প্লেন বদল করে সোজা সেইন্ট লুইস গিয়ে নামবি।

তুমি তাড়াতাড়ি চলে এসো। আকাশকে গাড়িতে তুলে দিয়ে বললো সুজন।

বাইরে এসে আকাশ দেখলো কয়েকশ বিক্ষুব্ধ লোক পার্টি অফিসে হামলা চালিয়েছে। রাস্তায় লোকজন সব বেরিয়ে পড়েছে। ভিড়ের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হলো ওকে।

এ্যাম্বাসাডর হোণ্ডেন ওর জন্য অপেক্ষা করছিলেন। জিজ্ঞেস করলেন, শহরের পরিস্থিতি কেমন দেখলে?

আর্মিদের একটা অংশ সরকারের বিরুদ্ধে চলে গেছে। পার্টি অফিসে যারা হামলা চালিয়েছে তাদের ভেতর আর্মিও রয়েছে।

রাষ্ট্রদূতের বাড়ি থেকে আকাশ ফোন করলো ওয়াশিংটনে হেনরী পেপার্সকে। ফোন ধরলো ওঁর সেক্রেটারি মার্থা। বললো, বসকে হোয়াইট হাউসে ডেকে পাঠানো হয়েছে। কারণ অবশ্য তুমি। তোমার ওপর বুড়ো বেজায় খুশি। মনে হচ্ছে ওর সম্পত্তি-টম্পত্তি সব তোমাকে দিয়ে যাবে। সারাক্ষণ বলছে আমার ছেলে।

মার্থার কথা শুনে আকাশ রোমাঞ্চিত হলো। হেনরি পেপার্সের সম্পত্তির জন্য অবশ্যই নয়, ওর ভালো লাগলো চির দুঃখী এই মানুষটাকে সামান্য সুখী করতে পেরেছে বলে।

মার্থা বললো, তুমি আটাশ তারিখে অবশ্যই অফিসে আসবে। তোমার জন্য দারুণ এক সারপ্রাইজ অপেক্ষা করছে।

আকাশ কয়েকটা প্রয়োজনীয় খবর দিয়ে ফোন রাখলো । মিসেস হোণ্ডেন এসে নরম গলায় বললেন, আমি লক্ষ্য করেছি গত দু রাত তুমি একেবারেই ঘুমোও নি। এরকম অনিয়ম করলে শরীর যে ভেঙে যাবে।

আকাশ মৃদু হেসে বললো, ওয়াশিংটনে ফিরে গিয়ে সব ঘুম একেবারে ঘুমিয়ে নেবো। সারা পৃথিবীর মনোযোগ এখন বুখারেস্টের ওপর। এখন চেষ্টা করলেও ঘুম আসবে না।

বুখারেস্টের সবাই উদগ্রীব ছিলো চসেস্কুর খবর জানার জন্য। কিছু অনুগত সৈন্য ছাড়া সামরিক বাহিনী পুরোটাই তাঁর বিরুদ্ধে চলে গেছে। পরদিন চসেস্কু হেলিকপ্টার নিয়ে রাজধানী থেকে চলে যেতে চাইলেন। কিন্তু পারলেন না। বিদ্রোহী সৈন্যদের হাতে ধরা পড়ে গেলেন। বিদ্রোহীরা তাকে গ্রেফতার করেছে এ খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে বুখারেস্টে গৃহযুদ্ধ শুরু হয়ে গেলো। বিদ্রোহীরা পার্টির নেতাদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাতে গিয়ে জিনিসপত্র তছনছ করলো, লুটপাটও করলো।

সকাল থেকে ক্যামেরা আর টেপ রেকর্ডার কাঁধে ঝুলিয়ে বুখারেস্টের রাস্তায় ঘুরছিলো আকাশ। ওর চোখের সামনে গুপ্ত পুলিশের প্রধানের বাড়িতে আগুন দেয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি লুট হলো। এলেনাকে এক ঝলক দেখেছিলো ট্রাকে চেপে কোথাও যাচ্ছে। দুহাত তুলে চেঁচিয়ে শ্লোগান দিচ্ছে। তখন আর আকাশকে দেখার সময় নেই ওর। এ নিয়ে আকাশেরও মাথাব্যথা ছিলো না। চসেস্কুর অনুগত বাহিনী যেভাবে লড়াই চালাচ্ছে ওর ভয় হচ্ছিলো এলেনাদের এই উল্লাস বেশি দিন স্থায়ী হবে না। রাতে ও ডেসপাঁচ পাঠানোর সময় লিখলো, পূর্ব ইউরোপের অন্য সব দেশের পরিবর্তনের সঙ্গে রুমানিয়ার পার্থক্য রয়েছে। এখানে বিদ্রোহীদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে। চসেস্কু বেঁচে থাকলে পাল্টা অভ্যুত্থান ঘটতে পারে যে কোনো সময়।

বিদ্রোহীদের আশঙ্কাও তাই ছিলো। তড়িঘড়ি তারা চসেস্কুর বিচারের ব্যবস্থা করলো সংক্ষিপ্ত সামরিক আদালতে।

বুখারেস্টে উনআশি সালের বড়দিন এলো ধোয়ামলিন অনিশ্চিত এক পরিবেশে। সকাল থেকে এখানে সেখানে আগুন জ্বলছে, পার্টির লোকজনদের বাড়ি যথারীতি লুটপাট হচ্ছে, পার্টি অফিসের ভেতর থেকে সিকিউরিতা প্রচণ্ড প্রতিরোধ অব্যাহত রেখেছে। গোটা এলাকা অবশ্য ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। চসেস্কুর অনুগত বাহিনী জানে জয়ের সম্ভাবনা নেই, তবু লড়াই চালিয়ে যাচ্ছে।

বেলা তখন সাড়ে বারোটা। মেঘলা আকাশ। রাস্তাঘাট সব নোংরা কাদামাখা। পার্টি অফিসের দিকে যাওয়ার জন্য একটা গলির ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ধরেছিলো আকাশ। হঠাৎ শুনলো মেয়ের গলায় চিৎকার-বাচাও। সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক চাপলো আকাশ।

পুরোনো আমলে বনেদি ধাচের বাড়ি। চিৎকারটা এই বাড়ির ভেতরে থেকে আসছিলো। গাড়ি থেকে নেমে আকাশ কয়েক পা এগিয়ে যেতেই আলুথালু বিধ্বস্ত চেহারার একটা মেয়ে ছিটকে বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। আকাশকে সামনে পেয়ে ঝাঁপিয়ে পড়লো ওর বুকে। জার্মানি আর ফরাশি ভাষায় চিৎকার করে বললো, বিদেশি, আমাকে বাঁচাও। ওরা আমার বাবা আর ভাইকে হত্যা করেছে। আমাকেও হত্যা করবে।

ভয় পেয়ো না। তুমি কে, কোথায় যেতে চাও?

আমার নাম মারিয়া। দয়া করে তুমি আমাকে চাইনিজ এ্যাসিতে পৌঁছে দাও। আমার বাবা ছিলেন ফরেন মিনিষ্ট্রির ডিরেক্টর জেনারেল।

মারিয়াকে আকাশ আগে কখনো দেখে নি। মনে পড়লো সুজন ওকে ওর বান্ধবী মারিয়ার কথা বলেছিলো, তুমি বাংলাদেশের সুজনকে চেনো?

মারিয়া চিৎকার করে বললো, সুজন আমার বন্ধু। তুমি কে? আমাকে ওর কাছে নিয়ে চলো।

আমার নাম আকাশ। সুজন আমার ভাই। ওর কাছে তোমার কথা শুনেছি। চলো, তোমাকে ওর কাছে পৌঁছে দেবো।

মারিয়ার কাঁধে হাত রেখে আকাশ গাড়ির দিকে এগুতেই বাড়ির ভেতর থেকে দুজন বিদ্রোহী সৈন্য বেরিয়ে এলো। একজন এগিয়ে এসে ধমকের গলায় বললো, এই মেয়েকে কোথায় নিচ্ছো? কে তুমি?

আমি ভয়েস অব আমেরিকার বিশেষ প্রতিনিধি। ফাদার তয়েকশ আর জেনারেল আয়নেষু আমাকে ভালোভাবেই চেনেন। শান্ত গলায় আকাশ বললো, এই মেয়ে আমার দোভাষী। ওকে নিয়ে আমি জেনারেলের কাছে যাচ্ছি।

আকাশের কথা শুনে বিদ্রোহী সৈন্যরা প্রমাদ গুণলো। আকাশ যদি সত্যি সত্যি জেনারেল আয়নের কাছে যায় তাহলে ওরা বিপদে পড়বে। মেয়েটা ওদের পরিচয় জানে। আজ সকালেই জেনারেল আয়নেস্কু রেডিওতে বিদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলেছেন, হত্যা আর লুটপাট বন্ধ করতে। একজন সৈন্য কর্কশ গলায় বললো, তুমি যেই হও, এই মেয়েকে নিয়ে যেতে পারবে না। ওকে আমরা গ্রেফতার করেছি। ওর বাবা চসেস্কুর দালাল ছিলো।

তোমরা ওকে গ্রেফতার করতে পারো না। ওর বাবা কি করেছে আমার জানার দরকার নেই। মারিয়া কোনো অপরাধ করে নি। ওকে আমি নিয়ে যাবোই।

সৈন্যটা এক পা এগিয়ে এসে আকাশের বুকের ওপর রিভলবার উঁচিয়ে ধরলো। ভয়ে রাগে কাঁপা কাঁপা গলায় বললো, প্রাণের মায়া থাকলে এক্ষুণি চলে যাও। নইলে তোমাকে গুলি করবো।

সৈন্যটা এতই কাঁপছিলো যে তার হাতে ধরা রিভলবারটাও স্থির ছিলো না। এক ঝটকায় আকাশ কেড়ে নিলো ওর রিভলবার। ধমক দিয়ে বললো, আমার পথ না ছাড়লে তোমাকেই আমি কুকুরের মতো গুলি করে মারবো।

বাড়ির দরজার পাশে যে সৈন্যটা ছিলো আকাশ ওকে লক্ষ্য করে নি। সে ছিলো রাইফেল তাক করে। আকাশকে রিভলবার ছিনিয়ে নিতে দেখে সে আর দেরি করলো না। আকাশের বুকে তাক করে ট্রিগার টিপে দিলো।

প্রচণ্ড একটা ধাক্কা খেলো আকাশ। পড়তে গিয়ে সামলে নিলো। বুকের ভেতর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। বুঝলো ও মারা যাচ্ছে। দুহাতে রিভলবার উঁচিয়ে ধরে পর পর দুটো গুলি করলো। স্যুটিং-এ ওর নিশানা বরাবরই নিখুঁত ছিলো। দুটো সৈন্যই কপালের মাঝখানে গুলি খেয়ে পড়ে গেলো।

আকাশ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। চোখের সামনে ঘর বাড়ি, গাছপালা, আকাশ আর মাটি একসঙ্গে দুলে উঠলো। বুকের ডানপাশটা দু হাতে চেপে ধরে হাঁটু ভাঁজ করে বসে পড়লো ও। মারিয়া পাগলের মতো চিৎকার করে উঠলো, তোমাকে আমি মরতে দেবো না আকাশ।

দুহাতে আকাশকে জড়িয়ে ধরে ও গাড়িতে তুললো। রক্তে ওর সারা শরীর ভিজে গেলো। ঝড়ের বেগে গাড়ি চালিয়ে আকাশকে হাসপাতালে নিয়ে গেলো মারিয়া। ইমার্জেন্সিতে আকাশের পরিচয় দিয়ে বললো, জেনারেল আয়নেস্কু এক্ষুণি আসবেন একে দেখতে।

জেনারেলের কথা শুনে ডাক্তারদের ভেতর চাঞ্চল্য পড়ে গেলো। সঙ্গে সঙ্গে আকাশকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। হাসপাতালে বসেই মারিয়া ফোন করলো আমেরিকান রাষ্ট্রদূত আর সুজনকে। তারপর বিধ্বস্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে রইলো অপারেশন থিয়েটারের সামনের বারান্দায়।

পনেরো মিনিটের ভেতর এসে গেলেন আমেরিকান রাষ্ট্রদূত, ম্যাডাম হোল্ডেন, বাংলাদেশে কাউন্সিলার, তার স্ত্রী ও মেয়ে এবং মারিয়ার বন্ধু সুজন। মারিয়া ওদের দেখতে পায় নি। ও তাকিয়েছিলো বুখারেষ্টের ধোয়া মলিন বিষণ্ণ আকাশের দিকে। ওর বাবা আর ভাইকে ওরই চোখের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। এক ঘন্টা আগে। ওকে বাঁচাতে গিয়ে বুকে গুলি খেয়েছে সুজনের ভাই। মারিয়া কি করবে? এ পৃথিবীর কোথাও কি ওর জন্য এতটুকু আশ্রয় আছে?

সুজন ওর কাছে এসে হাত ধরলো। আর্ত গলায় বললো, আকাশ কেমন আছে মারিয়া?

সুজনকে সামনে দেখে মারিয়া নিজেকে আর সামলে রাখতে পারলো না। ওর বুকে মাথা রেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লো আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে আকাশ। ওরা আমার বাবা আর ভাইকেও মেরে ফেলেছে।

মারিয়াকে সান্ত্বনা দিতে গিয়ে সুজনও কান্নায় ভেঙে পড়লো। ইফতি চাচা এসে ওদের দুজনকে বুকে জড়িয়ে ধরলেন। আস্তে আস্তে বললেন, কেঁদো না তোমরা। আকাশের জন্য প্রার্থনা করো।

ম্যাডাম হোল্ডেন অল্প দূরে দাঁড়িয়ে রুমালে ঘন ঘন চোখ মুছছিলেন। আকাশের সঙ্গে তাঁর মাত্র চার দিনের পরিচয়। এই কদিনে এত মায়া পড়ে গিয়েছিলো কাজ পাগল এই ছেলেটার ওপর। এ্যাম্বাসাডর হোন্ডেন তার কাছে এসে ভারি গলায় বললেন, আজ ক্রিসমাস ডে। আমরা কি ঈশ্বরের কাছে আকাশের প্রাণ ভিক্ষা চাইতে পারি না।

দু ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুললো। গম্ভীর মুখে বেরিয়ে এলেন দুজন ডাক্তার। এ্যাম্বাসাডর হোল্ডেন এগিয়ে গিয়ে ডাক্তারের চোখের দিকে তাকাতেই ডাক্তাররা মাথা নাড়লেন–হাসপাতালে যখন আনা হয়েছে তখনই বুঝেছিলাম ওকে বাঁচানো যাবে না। তবু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

ডাক্তারদের পেছন পেছন ট্রলিতে শোয়ানো সাদা চাঁদরে ঢাকা অকাশকে নিয়ে বেরিয়ে এলো দুজন নার্স।

আকাশ মারা গেছে পঁচিশ ডিসেম্বর বিকেল তিনটায়। কথা ছিলো ঠিক এই সময়ে প্রেসিডেন্ট চসেস্কুর সাক্ষাৎকার নেবে ও। মারা যাওয়ার আগে আকাশ জানতে পারে নি চসেস্কুকে ঠিক তিনটার সময়ই ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে নিজের দফতরে বসে তখনই চসেস্কুর মৃত্যু সংবাদ পেয়েছিলেন হেনরী পেপার্স। চসেস্কুকে এভাবে হত্যা করা হবে এটা তিনি ভাবতে পারেন নি। একেবারেই বর্বরদের মতো কাজ হয়েছে ভাবলেন তিনি। চসেস্কুর জন্য দুঃখ পেলেও আকাশের কথা ভেবে তিনি আশ্বস্ত হলেন। ইন্টারকমে তার সেক্রেটারিকে বললেন, মার্থা, চসেস্কুর খবর তো শুনলে। আমার মনে হয় আকাশের আর বুখারেস্টে থাকার প্রয়োজন নেই। তুমি এখনই এ্যাম্বাসাডর হোন্ডেনের বাড়িতে লাইন দাও আমাকে। পরশু আকাশের কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আটাশ তারিখের অনুষ্ঠান না আবার পিছিয়ে দিতে হয়! আকাশের সঙ্গে কথা বলে আমি ওর মার সঙ্গেও কথা বলবো। সবাইকে জানিয়ে দাও আকাশের সংবর্ধনা আগের তারিখ মতোই হবে।

<

Super User