কার সঙ্গে যেন ধাক্কা খেলো রানা, এক ঘণ্টা আগে ঠিক যেখানে এলিনার সঙ্গে ধাক্কা খেয়েছিল। এবারের ধাক্কাটা আরও নিরেট, প্রতিপক্ষ উফ করে উঠল। ব্যথায় বা হাঁপিয়ে উঠে কোন মেয়ে যখন গোঙায় বা কাতরায়, আওয়াজটা যে পুরুষের নয় তা বেশ পরিষ্কারই বোঝা যায়। রানার মনে হলো, একই জায়গায় একই মেয়ের সঙ্গে আবারও ধাক্কা খেয়েছে সে। মোনাকা নিশ্চয়ই এই মুহূর্তে তার স্প্যানিয়েল দুটোকে নিয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর পামেলা হয় হুপারের সঙ্গে আছে নয়তো হুপারকে স্বপ্ন দেখছে। দুজনের কেউই বাইরে ঘোরাঘুরি খুব একটা পছন্দ করে না।

ক্ষমা চাওয়ার মত করে কিছু বলল রানা, পাশ কাটিয়ে মইয়ের ধাপে পা রাখল, এই সময় ওর বাহু অ্যাঁকড়ে ধরল প্রতিপক্ষ দুই হাতে। কিছু একটা গোলমাল হয়েছে। আমি জানি। কি? এলিনার গলা শান্ত, তবে তার চিৎকার সাগরের গর্জনকে ছাপিয়ে উঠল। ডাক্তাকে ছুটতে দেখলে যে-কেউ ধরে নেবে কোথাও নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে, সেটাই স্বাভাবিক। রানা কিছু বলতে যাবে, সুযোগ না দিয়ে এলিনা আবার বলল, সেজন্যেই আমি ডেকে উঠে এসেছি। রানার আর কিছু বলা হলো না, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে ওর চেয়ে আগেই বিপদের গন্ধ পেয়েছে সে। তবে অ্যাকোনাইটের শিকড় যে হর্সর্যাডিশের মত দেখতে, এ-কথা এলিনার জানা না থাকায় ওর আর তার চিন্তার মধ্যে পার্থক্য আছে।

জাহাজ কারও নিয়ন্ত্রণে নেই, বলল রানা। ব্রিজে সম্ভবত কেউ দায়িত্ব পালন করছে না। কোর্স থেকে সরে গেছি আমরা।

আমি কোন সাহায্যে আসব?

এলিনা কাজের মেয়ে। অবশ্যই। গ্যালিতে একটা হট-ওয়াটার ইলেকট্রিক হিটার আছে, স্টোভের পাশে। একটা জাগে খানিকটা গরম পানি ঢেলে আনুন, তবে খুব বেশি গরম হলে আবার খাওয়া যাবে না। সঙ্গে একটা মগ আর বেশ খানিকটা লবণ।

মাথা ঝাঁকিয়ে চলে গেল এলিনা। চার সেকেণ্ড পর হুইল-হাউসে ঢুকল রানা। অস্পষ্টভাবে দেখতে পেল চার্ট-টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে কে যেন, আরেকটা মূর্তি হুইলের কাছে সিধে হয়ে বসে আছে। ব্যস, শুধু এইটুকুই দেখতে পাচ্ছে। মাথার ওপর বালব দুটো ম্লান হলুদ আভা ছড়াচ্ছে, অন্ধকার তাতে দূর হবার নয়। হুইলের ঠিক সামনে ইন্সট্রুমেন্ট প্যানেলটা আরও পনেরো সেকেণ্ড পর দেখতে পেল রানা, তবে রিয়োস্ট্যাট খুঁজে পেতে দুসেকেণ্ডের বেশি লাগল না। ঘড়ির কাটা যেদিকে ঘোরে, ওটা ধরে সেদিকে সবটুকু ঘুরিয়ে দিল ও। অকস্মাৎ সাদা আলোয় ধাধিয়ে গেল ওর চোখ।

চার্ট-টেবিলে রয়েছে ওয়েন, হুইলে গ্যাবন। ওয়েন কাত হয়ে পড়ে আছে। আর গ্যাবন সিধে হয়ে বসে থাকলেও, তার অবস্থা ফাস্ট মেটের চেয়ে কোনও দিক থেকে ভাল নয়। যে যে-ভঙ্গি বেছে নিয়েছে, তা থেকে নড়ার শক্তি নেই কারও। দুজনের মাথাই বাকা হয়ে হাঁটু ছুঁতে চাইছে, দুজনেই যে যার পেট চেপে ধরে আছে। কেউ কোন শব্দ করছে না। সম্ভবত দুজনের কেউই কোন ব্যথা অনুভব করছে না, শরীরের বিকৃত ভঙ্গি বোধহয় সচেতন কোন প্রয়াসের ফল নয়, শারীরিক মেকানিজমের দ্বারা আপনাআপনি ঘটেছে। আবার এ-ও হতে পারে, ওদের কণ্ঠনালী অকেজো বা অসাড় হয়ে গেছে।

প্রথমে ওয়েনকে পরীক্ষা করল রানা। প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ, অন্তত ভুক্তভোগীরা তাই ভাববে, কিন্তু এই কেসে সমষ্টির মঙ্গলকে বেশি গুরুত্ব দিচ্ছে ও, আর কাকতালীয়ভাবে সমষ্টির মধ্যে সে-ও একজন-ইভনিং স্টারে যদি কোন বিপদ দেখা দেয়, রানার মনে হচ্ছে ওর পাশে সবচেয়ে জরুরী দরকার ওয়েনকে।

ওয়েনের চোখ খোলা, তার দৃষ্টিতে সচেতনতা বা বুদ্ধিও রয়েছে। এইমাত্র বইটায় পড়ে এসেছে রানা, বুদ্ধি সহজে লোপ পায় না, প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত অবশিষ্ট থাকে। ওয়েনের এটা কি শেষ মুহূর্ত? বইটায় বলা হয়েছে, নড়াচড়া থেমে যাবে। এখানে দেখা যাচ্ছে গেছেও তাই। তারপর অনুভূতি অসাড় হয়ে যাবে, বোধহয় সেজন্যেই যন্ত্রণায় চিৎকার করছে না ওরা। এমন হতে পারে, কিছুক্ষণ আগে পর্যন্ত সাহায্যের আশায় গলা ফাটিয়েছে ওরা, কিন্তু আশপাশে কেউ ছিল না যে শুনতে পাবে। এখন ওরা কিছুই অনুভব করছে না। রানা লক্ষ করল, মেঝেতে দুটো মেটাল ক্যারিয়ার পড়ে আছে, দুটোই প্রায় খালি। কিন্তু কোথাও কোন বমির চিহ্ন নেই দেখে অবাক হলো ও।

হুইল-হাউসে ঢুকল এলিনা। কাপড়চোপড় ভিজে গেছে, এলোমেলো হয়ে আছে চুল। তবে তাড়াতাড়ি এসেছে সে, জিনিসগুলোও নিয়ে এসেছে, সঙ্গে একটা চামচ। এক মগ পানিতে ছচামচ লবণ মেশান। জলদি, জলদি!

ওয়েনকে ধরে বসার ভঙ্গিতে স্থির করল রানা, এবার তার বগলের তলায়। হাত ঢোকাচ্ছে, এই সময় শুধু জার্সি আর জিনস পরা একজন সীম্যান ঢুকল হুইলহাউসে। জেমিসন, দুজন কোয়ার্টারমাস্টারের মধ্যে সেই সিনিয়র। ডেকের লোক দুজনকে দেখল সে-শুধু তাকাল না। ওয়েন আর জেমিসন একই জাতের সীম্যান। ব্যাপারটা কি, ডাক্তার?

ফুড পয়জনিং।

এ-ধরনের কিছুই হবার কথা। আমি ঘুমিয়ে ছিলাম। কেন যেন ঘুম ভেঙে গেল। মনে হলো, কিছু একটা বিপদ হয়েছে, কেউ আমাদেরকে কন্ট্রোল করছে না। বিশ্বাস করল রানা, যে-কোন অভিজ্ঞ সীম্যান এ-ধরনের বিপদ অ্যাঁচ করতে পারে, এমনকি ঘুমের মধ্যেও। তাড়াতাড়ি চার্ট-টেবিলের পাশে চলে এল সে, কম্পাসের দিকে তাকাল। পুব দিকে পঞ্চাশ ডিগ্রী অফকোর্স, মাই গড!

আমাকে একটু সাহায্য করুন, প্লীজ।

ধরাধরি করে ওয়েনকে পোর্ট সাইডের দরজার দিকে নিয়ে এল ওরা।

মগে চামচ নাড়া থামিয়ে হাঁ করে তাকিয়ে থাকল এলিনা। কোথায় নিয়ে। যাচ্ছেন ওঁকে?

বাইরে, উইঙে। কি ভাবছে এলিনা, ওয়েনকে সাগরে ফেলে দেবে ওরা? তাজা বাতাস এখন ওষুধের চেয়ে বেশি কাজ করবে।

কিন্তু বাইরে তো তুষার পড়ছে। ভয়ানক ঠাণ্ডা।

ওয়েনও ভয়ানক অসুস্থ হতে যাচ্ছে। আপনার লবণের শরবত খেতে কেমন লাগবে চেখে দেখেন।

চামচে খানিকটা পানি নিয়ে জিভে ঠেকাল এলিনা। মুখ বিকৃত করল সে। জহর!

ঢোক গিলতে পারবেন?

আরেকবার চেষ্টা করল এলিনা। কোন রকমে।

মগে আরও তিন চামচ লবণ দিন। ওয়েনকে বাইরে টেনে এনে বসার ভঙ্গিতে রাখল ওরা। ক্যানভাসের একটা পর্দা থাকলেও, বাতাস তাতে খুব একটা আটকাল না। ওয়েনের চোখ খোলা, ওদের কাজ-কর্ম দেখতে পাচ্ছে, কি ঘটছে। সে-ব্যাপারে বোধহয় সচেতনও। মগটা তার ঠোঁটে ধরল রানা, তারপর কাত করল। কাজ হলো না, থুতনি থেকে গড়িয়ে পড়ল লবণ পানি। পরের বার তার মাথাটা পিছন দিকে কাত করল ও, জোর করে ঢুকিয়ে দিল মুখের ভেতর। বোঝা গেল, ওয়েনের অনুভূতি বা বোধশক্তি পুরোপুরি নষ্ট হয়নি-মুখের পেশী আপনা থেকেই কুঁচকে গেল। উৎসাহ বোধ করল রানা, পরের বার পরিমাণে দ্বিগুণ লবণ পানি ঢালল মুখের ভেতর। এবার যেন নিজের চেষ্টাতেই সবটুকু গিলে নিল সে। দশ সেকেণ্ড পর রানার মনে হলো, ওয়েনের মত অসুস্থ মানুষ জীবনে সে দেখেনি। এলিনার প্রতিবাদ ও জেমিসনের ভ্রূকুটি অগ্রাহ্য করে আরও পুরো এক মগ লবণ পানি খাওয়াল ও। ওয়েনের কাশির সঙ্গে রক্ত বেরুতে দেখে মনোযোগ দিল গ্যাবনের দিকে।

পনেরো মিনিট পেরিয়ে গেল। এখনও ওদের হাতে অত্যন্ত অসুস্থ দুজন রোগী। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছে, সেই সঙ্গে সাংঘাতিক দুর্বল। তবে সুসংবাদ হলো, দুর্ভাগা কেডিপাস যে পথে গেছে সে পথে যাচ্ছে না তারা।

হুইলে রয়েছে জেমিসন, ইভনিং স্টার তার কোর্সে ফিরে এসেছে। এলিনা, তার খড় রঙের চুলে এখন তুষার জমেছে, উবু হয়ে বসে আছে গ্যাবনের পাশে, সেবা-শুশ্রুষা করছে। হুইল-হাউসের স্টর্ম-সিল-এ বসার মত সুস্থতা ফিরে পেয়েছে ওয়েন, যদিও ইভনিং স্টার বার বার কাত হচ্ছে বলে রানার একটা হাত ধরে থাকতে হচ্ছে তাকে। সুস্থতা ফিরে আসছে বটে, গলায় এখনও জোর পাচ্ছে না, কথা বললে কোন রকমে শোনা যাচ্ছে।

ব্র্যাণ্ডি, কর্কশ আওয়াজ বেরুল তার গলা থেকে।

বইয়ে বলা হয়েছে না দেয়াই উচিত। মাথা নাড়ল রানা।

ব্র্যাণ্ডি, আবার বলল ওয়েন, যেন রানার কথা শুনতে পায়নি।

উঠল রানা, ক্যাপটেন ডানহিলের ব্যক্তিগত রিজার্ভ থেকে একটা বোতল বের করে আনল। ওয়েনের পেটের ওপর দিয়ে যে ধকল গেছে, কার্বলিক অ্যাসিড ছাড়া অন্য কিছু ওটার আর কোন ক্ষতি করতে পারবে না। বোতল থেকে সরাসরি খেলো সে, এবং সঙ্গে সঙ্গে বমি করতে শুরু করল। রানা বলল, আমার বোধহয়। প্রথমেই তোমাকে কনিয়্যাক দেয়া উচিত ছিল। তবে লবণ পানি অনেক সস্তা পড়ে।

হাসতে চাইল ওয়েন, ব্যথার কারণে চেষ্টাটা দীর্ঘস্থায়ী হলো না। আবার বোতলটা কাত করল সে। এবার পেটেই থেকে গেল কনিয়্যাক। তার পেটের কিনারাগুলো সম্ভবত ইস্পাত বা অ্যাসবেসটস দিয়ে মোড়া। বোতলটা তার হাত থেকে নিয়ে গ্যাবনের দিকে বাড়িয়ে ধরল রানা, চোখ-মুখ কুঁচকে মাথা নাড়ল সে।

হুইলে কে? কর্কশ গলায় জিজ্ঞেস করল ওয়েন, কথা বলার সময় প্রতিবার ব্যথা পাচ্ছে।

জেমিসন।

মাথা ঝাঁকাল ওয়েন, মনে হলো সন্তুষ্ট। শালার জাহাজ, বলল সে। শালার সাগর! আমি সী-সিক, ভাবা যায়! আমি?

আপনি অসুস্থ ঠিকই, বলল রানা, তবে সাগরের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। ওয়েন আর গ্যাবনকে কেন কেউ মারতে চাইবে? প্রশ্নটা মাথা থেকে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলল রানা, এ-সব নিয়ে পরে চিন্তা করার সময় পাওয়া যাবে। ব্যাপারটা ফুড পয়জনিং। ভাগ্যটা আমার ভাল। সময় মত এখানে পৌঁছুতে পেরেছিলাম।

মাথা ঝাঁকিয়ে চুপ করে থাকল ওয়েন। কথা বললে কষ্টটা বাড়ে।

এলিনা বলল, মি. গ্যাবনের হাত আর মুখ বরফ হয়ে যাচ্ছে, ঠাণ্ডায় কাঁপছেন উনি। তাঁর মত আমিও।

হুইলের সামনে একটা চেয়ারে ওয়েনকে বসিয়ে দিল রানা, তারপর এলিনাকে সাহায্য করল গ্যাবনকে দাঁড় করানোর কাজে। কাজটা ওরা শেষ করল, এই সময় কাউন্ট আর বিশপকে দেখা গেল মইয়ের মাথায়।

ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত আপনাকে পাওয়া গেল। সামান্য একটু হাঁপিয়ে গেছেন বিশপ, তবে চুল তার একটু নড়েনি। আপনাকে কোথায় না খুঁজছি। আমরা… কি ব্যাপার? লোকটা কি মাতাল?

উনি অসুস্থ। কেডিপাসের মতই অসুস্থ, তবে ভাগ্যবান। আপনাদের আতঙ্কের কারণ কি?

একই কেস, ড. রানা। এখুনি আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। মাই গড়, এ যে দেখছি মহামারী দেখা দিয়েছে!

এক সেকেণ্ড। গ্যাবনকে হুইল-হাউসের ভেতর নিয়ে এসে কয়েকটা লাইফজ্যাকেটের ওপর বসিয়ে দিল রানা। ফুড পয়জনিং, মি. বিশপ? কে তিনি?

হ্যাঁ, ফুড পয়জনিং…মানে, আপনি যদি তাই বলেন। মি. ফন গোলডা।

পরে রানা মনে করতে পারবে না একটা ভুরু উঁচু করেছিল কিনা। শুধু মনে পড়বে, কথাটা শুনে একটুও অবাক হয়নি ও। যেহেতু অ্যাকোনাইট পয়জনিং, জাহাজের যে-কেউ আক্রান্ত হতে পারে। মিনিট দশেক আগে আমি তাঁর কেবিনে নক করি, বলে যাচ্ছেন বিশপ, কিন্তু ভেতর থেকে সাড়া পেলাম না। ভেতরে ঢুকে দেখি কথা বলার শক্তি নেই, কার্পেটের ওপর গড়াগড়ি খাচ্ছেন।

অপ্রাসঙ্গিক একটা চিন্তা এল রানার মাথায়, শরীরটা প্রায় গোল হওয়ায় কার্পেটে গড়াগড়ি খাওয়ার জন্যে ফন গোলডার আকৃতিটাকে প্রায় আদর্শই বলা যায়। ব্যাপারটার কৌতুককর দিকটা লক্ষ বা উপভোগ করার সামর্থ্য তাঁর অবশ্য থাকার কথা নয়। জেমিসনকে জিজ্ঞেস করল ও, সাহায্য পাবার মত লোক আছে আপনাদের, কাউকে এখানে ডেকে নিতে পারবেন?

কোন সমস্যা নয়, মাথা ঝাঁকাল কোয়ার্টার মাস্টার, ইঙ্গিতে ফোনটা দেখাল। মেস-ডেকে ফোন করলেই কেউ না কেউ চলে আসবে।

কোন দরকার নেই, বললেন কাউন্ট। আমি থাকছি।

ভালই হলো। ওয়েন আর গ্যাবনের দিকে ফিরে মাথা ঝাঁকাল রানা। এখুনি নিচে যাবার মত শক্তি নেই ওঁদের, সে চেষ্টা করলে কিনারা থেকে পানিতে পড়ে

যেতে পারেন। ওদেরকে আপনি কয়েকটা কম্বল এনে দিতে পারবেন?

অবশ্যই। আমার কেবিন…।

তালা দেয়া। আমারটা খোলা। বিছানায় কম্বল আছে, আর আছে হ্যাঙ্গিং লকারের গোড়ায়। কাউন্ট হুইল-হাউস থেকে বেরিয়ে যাবার পর জেমিসনের দিকে ফিরল রানা। ডিনামাইট দিয়ে দরজা ভাঙার চিন্তা বাদ দিলে, ক্যাপটেনের ঘুম ভাঙাবার উপায় কি? রাক্ষস রাবণের মেঝ ভাইকে তো আর আপনি চিনবেন না, ছমাসে একবার ঘুম ভাঙত তার, ঘুমের প্রতিযোগিতায় আমাদের ক্যাপটেন সম্ভবত তাকেও হার মানাবেন।

নিঃশব্দে হাসল জেমিসন, আবার ইঙ্গিতে ফোনটা দেখাল। ব্রিজ ফোনের রিসিভার তার ঠিক মাথার কাছে। সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে, ইচ্ছে করলে কল-আপ সাউণ্ড এত জোরে করতে পারি, তার কানের পর্দা ফেটে যাবে।

তাকে বলবেন এখুনি যেন মি. গোলডার কেবিনে চলে আসেন।

 ইয়ে…, ইতস্তত করছে জেমিসন। রাত দুপুরে ঘুম ভাঙানো ক্যাপটেন পছন্দ করেন না। বিশেষ করে সঙ্গত কোন কারণ না থাকলে। ওয়েন আর গ্যাবন যখন সুস্থই হয়ে গেছে…।

তাকে বলবেন, কেডিপাস মারা গেছেন। তবে ফন গোলডা অন্তত মারা যাননি। জাহাজের নাট-বল্ট গোঙাচ্ছে, গর্জন। করছে সাগর, ফুঁসছে ঝড়, তাসত্ত্বেও দরজার বারো ফুট দূর থেকে তার গলা। শুনতে পেল ওরা। বিশপ যেমন বলেছেন, সত্যি তিনি কার্পেটে গড়াগড়ি খাচ্ছেন, দুহাতে খামচে ধরে আছেন গলা, যেন শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছেন। নিজেকে। তার চেহারা লালচে-বেগুনি হয়ে গেছে, চোখ দুটো রক্তবর্ণ, ঠোঁটের কোণে লালচে ফেনা, ঠোঁট দুটোও মুখের মত লালচে-বেগুনি। ওয়েন আর গ্যাবনের মধ্যে যে-সব লক্ষণ দেখা গেছে সেগুলোর সঙ্গে কোনটাই মিলছে না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বিষ বিশেষজ্ঞ হিসেবে রানার দৌড়ও এখানে শেষ।

বিশপকে বলল ও, আসুন, ধরাধরি করে দাঁড় করাই, তারপর বাথরুমে নিয়ে। যাই। কেন নিয়ে যেতে হবে সেটা পরিষ্কার, তবে কাজটা শুধু কঠিন নয়, অসম্ভবও। অসহযোগিতা করছে এমন একটা আড়াইশো পাউণ্ড জেলিফিশকে খাড়া করা ওদের ক্ষমতার অতীত বলে মনে হলো। হাল ছেড়ে দিয়ে ওখানেই। রোগীকে ফাস্ট এইড দেয়ার কথা ভাবছে রানা, এই সময় চীফ এঞ্জিনিয়ার জেংকিনসকে নিয়ে কেবিনে ঢুকলেন ক্যাপটেন ডানহিল। রানার বিস্মিত হবার কারণ হলো, তারা যে শুধু দ্রুত চলে এসেছেন তাই নয়, এসেছেন পুরোদস্তুর ড্রেস পরে। তারপর ড্রেসের ভাজ দেখে উপলব্ধি করল, সমস্ত কাপড়চোপড় পরেই ঘুমিয়েছিলেন তাঁরা। ওয়েন যাতে শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সেজন্যে সংক্ষেপে একটু প্রার্থনা করল রানা খোদার কাছে।

জানতে পারি, আসলে কি ঘটছে এখানে? এক দেড় ঘণ্টা আগে ক্যাপটেন ডানহিল যে অবস্থায়ই থাকুন না কেন, এই মুহূর্তে তিনি সম্পূর্ণ সজাগ ও স্বাভাবিক। জেমিসন বলল, ইটালিয়ান ছেলেটা নাকি মারা গেছে… রানা ও বিশপ এক পাশে সরে যাওয়ায় এই প্রথম ফন গোলডাকে দেখতে পেলেন তিনি, মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। জেসাস ওয়েপ্ট! সামনে এলেন তিনি, ভাল করে দেখলেন। কী সর্বনাশ… উনি অমন করছেন কেন?

ফুড পয়জনিং। এই একই বিষ খেয়ে মারা গেছেন কেডিপাস, ওয়েন আর গ্যাবনও মারা যেতে বসেছিলেন। আসুন, ধরুন, ভদ্রলোককে বাথরুমে নিয়ে যেতে হবে।

পয়জন? ঝট করে চীফ এঞ্জিনিয়ারের দিকে তাকালেন ক্যাপটেন, যেন সংশোধন আশা করছেন, আশা করছেন জেংকিনস প্রতিবাদ করে বলবেন, বিষ। হতেই পারে না।

কিন্তু প্রতিবাদ করবেন কি, ক্যাপটেনের কথা সম্ভবত শুনতেই পাননি চীফ এঞ্জিনিয়ার। মেঝেতে মোচড় খাচ্ছেন ফন গোলডা, সেদিকে হা করে তাকিয়ে আছেন তিনি। পয়জন? আমার জাহাজে? কি বিষ? বিষ কোথায় পেল তারা? কে। দিল তাদেরকে? কেন কেউ…?

আমি একজন ডাক্তার, শখের গোয়েন্দা নই। কে, কোথায়, কখন, কেন, কি-এ-সব কিছুই আমি বলতে পারব না। শুধু জানি, আমরা এখানে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন একজন মানুষ মারা যাচ্ছেন।

ফন গোলডাকে বাথরুমে নিয়ে যেতে চারজন মানুষের আধ মিনিট লাগল। কাজটাই এমন যে আদর-যত্নের সঙ্গে করার কোন সুযোগ নেই। অসম্ভব ভারি, টেনে-হিঁচড়ে বয়ে নিয়ে যাবার সময় অক্ষত থাকলেন এ-দাবি করা যাবে না। তবে সান্তুনা এই যে অক্ষত ও মৃত ফন গোলডার চেয়ে ক্ষতবিক্ষত ও জীবিত ফন গোলডাই সবার কাম্য। বইতে চিকিৎসা, বিকল্প চিকিৎসার কথা লেখা আছে, তবে হাতের কাছে লবণ পানি ছাড়া আর কিছু নেই। ওয়েন আর গ্যাবনের বেলায় যেমন কাজ হয়েছিল, দেখা গেল লক্ষণ না মিললেও গোলড়ার বেলায়ও মাত্র তিন মিনিটের মধ্যে উপকার পাওয়া গেল। আবার তাকে ধরাধরি করে নিয়ে আসা হলো কেবিনে। এই মুহূর্তে তিনি তাঁর বাঙ্কে শুয়ে আছেন। এখনও অবশ্য কাপছেন, দুর্বোধ্য শব্দে গোঙাচ্ছেনও, তবে চেহারা থেকে এরই মধ্যে দূর হয়ে গেছে লালচে-বেগুনি রঙ। ঠোঁটের কোণে সেই ফেনাও আর নেই।

এখন উনি ভালই আছেন বলে মনে হচ্ছে, বিশপকে বলল রানা। তবু দয়া করে আপনি একটু নজর রাখুন। পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসছি আমি।

রানাকে দরজার কাছে দাঁড় করালেন ক্যাপটেন ডানহিল। যদি কিছু মনে না করেন, মি. রানা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।

পরে।

এখন। এই ভেসেলের মাস্টার হিসেবে…।

তাঁর কাঁধে একটা হাত রাখল রানা। ইচ্ছে হলো বলে, জাহাজের মাস্টার হিসেবে আকণ্ঠ মদ খেয়ে নাক ডাকছিলেন তিনি, ওদিকে লোকজন সব মাছির মত মারা পড়ছিল। তবে এ-সব কথা বলে লাভ নেই কোন। ওর আসল উদ্বেগ, যা ঘটার কথা নয় তাই ঘটছে ইভনিং স্টারে, এবং ওর কোন ধারণা নেই কে দায়ী। মি. গোলডা বাঁচবেন, মি. ডানহিল, বলল ও। উনি ভাগ্যবান, কারণ ওনার কেবিনে ঢুকতে চেয়েছিলেন মি. বিশপ। কিন্তু আর সবাই তার মত ভাগ্যবান নাও হতে পারেন। হয়তো এই মুহূর্তে অনেকগুলো কেবিনে অনেকগুলো মানুষ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, এত দুর্বল যে দরজার কাছে পৌঁছুতে পারছে না। ইতিমধ্যে আমরা চারজনকে পেয়েছি, সংখ্যাটা বারো কি না বুঝব কিভাবে?

বারোজন? হ্যাঁ-হ্যাঁ, তাই তো! রানাকে অবাক করে দিয়ে আত্মসমর্পণের ভঙ্গি করলেন ক্যাপটেন ডানহিল। চলুন, স্যার, আমিও আপনার সঙ্গে যাব। স্যার বলা হলো ক্ষমা প্রার্থনা বা আদর করার ছলে।

কি দরকার, আমি একাই পারব।

যেমন এখানে, মি. গোলডার বেলায় পেরেছেন?

সরাসরি রিক্রিয়েশন রুমে চলে এল ওরা। সব মিলিয়ে দশজন রয়েছে এখানে, সবাই পুরুষ, বেশিরভাগ চুপচাপ, প্রত্যেকেই অসুখী। এক হাতে সীট ধরে রেখে, অপর হাতে মদের গ্লাস নিয়ে কথা বলা বা উচ্ছ্বাস প্রকাশ করা সহজ কাজ নয়। তিন দেবতা, সম্ভবত ক্লান্তিবশতই, যে যার ইন্সট্রুমেন্ট একপাশে নামিয়ে রেখে তাদের বস হেনেরিক ব্রায়ানের সঙ্গে মদ্য পান করছে। ব্রায়ান ছোটখাট মানুষ, চেহারায় একগুয়েমির ভাব, মধ্যবয়স্ক। তিনি অ্যাঙলো-ডাচ, সারাক্ষণ ভুরু কুঁচকে আছেন। যখন এমনকি কাজ করছেন না তখনও তার শরীরে আটকানো অসংখ্য স্ট্র্যাপ থেকে ইলেকট্রনিক্স ও রেকর্ডিং ইকুইপমেন্ট ঝুলতে থাকে। গুজব, ওগুলো ওভাবে নিয়েই তিনি ঘুমান। মিখায়েল ট্যাকারকে দেখে মনে হলো স্ত্রীকে নিয়ে তার যে দুশ্চিন্তা ছিল এখন আর তা নেই, ডগলাস হিউম ও অন্য দুজন অভিনেতার সঙ্গে কথা বলছে। তাদের মধ্যে একজন ব্রাড ফাগুসন, অপরজন হ্যানস ব্ৰাখটম্যান।

তৃতীয় টেবিলটায় দেখা গেল স্টিল ফটোগ্রাফার ল্যারি আর্চারকে, সঙ্গে প্রপ ম্যান মরগান। কাউকেই গুরুতর অসুস্থ বলে মনে হলো না রানার, অন্তত বিষক্রিয়ায় আক্রান্ত কোন রোগী এখানে নেই। ওদের দিকে কৌতুহলী হয়ে তাকাল অনেকে, কেউ কেউ প্রশ্নও করল, তবে নিজেদের অপ্রত্যাশিত আগমন সম্পর্কে মুখ খুলতে রাজি হলো না রানা। মুখ খুললেই সময় নষ্ট, আর অ্যাকোনাইটের প্রতিক্রিয়া কারও জন্যে অপেক্ষা করে না।

হুপার আর পামেলাকে লাউঞ্জে পেল ওরা, আর কেউ নেই সেখানে। সবুজ হয়ে গেছে মুখ, তবে পরস্পরের হাত অ্যাঁকড়ে ধরে একজন আরেকজনের দিকে এমন নিবিষ্টভাবে তাকিয়ে আছে যেন আগামীকাল বলে কিছু নেই ওদের। নাক দুটো এত কাছাকাছি, পরস্পরকে ওরা দেখতে পাচ্ছে কিনা সন্দেহ হলো রানার। পামেলাকে এই প্রথম চশমা ছাড়া দেখল ও। হুপারের ভারি নিঃশ্বাস পড়ায় লেন্স ঝাপসা হয়ে গিয়েছিল, সন্দেহ নেই। সাধারণত চশমা খুললে নগ্ন আর অসহায় দেখায় মানুষকে, কিন্তু পামেলার বেলায় ঘটেছে উল্টোটা-তার বয়েস যেন হঠাৎ পাঁচ বছর কমে গেছে, কিংবা বলা চলে তার আসল বয়েসটা ফুটে উঠেছে। চেহারায়, আগের চেয়ে অনেক সুন্দরীও লাগছে দেখতে। একটা ব্যাপারে কোন। সন্দেহ নেই, হুপারের দৃষ্টিশক্তি খুব ভাল।

কাবার্ডটা এক কোণে, সেদিকে তাকাল রানা। কাচমোড়া দরজা অক্ষত দেখা যাচ্ছে, তারমানে জক মুরের চাবির গোছা বেশিরভাগ জিনিসই খুলতে পারে।

এরিক কার্লসন তার কেবিনে ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে এ-পাশ ওপাশ করছেন তিনি, সম্ভবত দুঃস্বপ্ন দেখছেন, তবে অসুস্থ যে নন তা পরিষ্কার বোঝা গেল। পাশের কেবিনটা রবার্ট হ্যামারহেডের, তার বেড-বোর্ড এত উঁচু করা যে তাকে কোন রকমে দেখা গেল। তবে তিনিও ঘুমাচ্ছেন, অঘোরে। জক মুর তাঁর বাঙ্কে শিরদাঁড়া খাড়া করে বসে আছেন, হাত দুটো পেটের ওপর ভাজ করা, ডান হাতটা কম্বলের নিচে। কোন সন্দেহ নেই, একটা বোতলের গলা চেপে ধরে আছে তার ওই হাত। মুখে তৃপ্তির হাসি।

মোনাকার কেবিনকে পাশ কাটিয়ে এল রানা, জানে সে ডিনার খায়নি। ওর জানামতে আর একটা মাত্র কেবিনে মানুষ আছে, সেটায় থাকে ফিল্ম ইউনিটের চীফ ইলেকট্রিশিয়ান-লালমুখো, মোটাসোটা। নাম ইমানুয়েল কেসলার। কনুইয়ের ওপর ভর দিয়ে কাত হয়ে শুয়ে আপেল খাচ্ছে, দেখে মনে হলো খোশমেজাজেই আছে, যা তার স্বভাবের সঙ্গে বেমানান। কেসলারকে সবাই হতাশ ও বিষন্ন। প্রকৃতির মানুষ বলেই জানে। জাহাজের অনেকেই তাকে এডি বলে ডাকে, কারণটা আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে রানা। তবে গুজব শোনা যায়, নিজের কথা বলার সময় বহুল পরিচিত অপর ইলেকট্রিশিয়ান টমাস এডিসনের কথাও বলতে শোনা গেছে তাকে, একই নিঃশ্বাসে।

দুঃখিত, বলল রানা। জাহাজে ফুড পয়জনিঙের কিছু ঘটনা ঘটেছে। আপনি আক্রান্ত হননি, বোঝাই যাচ্ছে। ইঙ্গিতে দ্বিতীয় বাঙ্কটা দেখাল ও, ওদের দিকে পিছন ফিরে শুয়ে রয়েছে তার রুম-মেট। ব্যারন কেমন আছেন?

মারা যায়নি, দার্শনিকসুলভ, হাল ছেড়ে দেয়ার সুরে বলল এডি। ঘুমিয়ে পড়ার আগে গোঙাচ্ছিল আর পেট ব্যথার কথা বলছিল। গোঙানো তার অভ্যাস, রোজ রাতেই সহ্য করতে হয়। ব্যারন কেমন লোক জানেনই তো, সে তার রসনার কাছে অসহায়।

সবাই তা জানে। মাত্র চারদিনে কোন লোক যদি কিংবদন্তী হয়ে উঠতে পারে তো সে মিকি মুনফেস। এক ঘণ্টারও কম সময় আগে ফন গোলডা সত্যি কথাটাই বলেছেন, শয়তানটা টেবিল থেকে চোখ তুলতে পারে না। সবাই বলাবলি করে, ব্যারনের পেট নাকি পেট নয়, খাঁদ। বিপুল খেতে পারা, খেয়ে হজম করতে পারা, দীর্ঘদিন কনসেনট্রেশন ক্যাম্পে কাটিয়ে আসা একজন লোকের জন্যে বিস্ময়করই বটে।

আর কিছু না, স্রেফ কৌতুহলবশত এগিয়ে এসে তাকে একবার দেখল রানা। দেখল বলে ধন্যবাদ দিল নিজেকে, কারণ ব্যথায় কাতর তার চোখের ভেতর মণি দুটো দ্রুত ও ঘন ঘন একদিক থেকে আরেক দিকে ছুটোছুটি করছে, ফ্যাকাসে মুখে ফ্যাকাসে ঠোঁট নিঃশব্দে খুলছে আর বন্ধ হচ্ছে, দুহাতের সবগুলো নখ দিয়ে খামচে ধরে আছে পেট, যেন টেনে ছিড়ে ফেলতে চায়।

<

Super User