ওয়াশিংটন ডি.সি.।
ক্যাপিটল বিল্ডিং। নতুন করে আবারও শুরু হয়েছে ন্যাটো কনফারেন্স।
ইউএস রিপ্রেসেন্টেটিভ জ্যাক মার্টিন হেলান দিলেন চেয়ারে। মনোযোগ দিয়ে দেখছেন ফ্রেঞ্চ ডেলিগেশনের নেতা জঁ পিয়েরে কুই-কে। বক্তৃতা দিতে উঠে দাঁড়িয়েছে লোকটা।
সহ ডেলিগেটস, লেডিজ অ্যাণ্ড জেন্টলমেন, শুরু করল কুই, দ্য রিপাবলিক অভ ফ্রান্স আপনাদেরকে জানিয়ে দিতে চায়, সে তার পূর্ণ সমর্থন নিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের পাশেই থাকবে। এই মহৎ সংগঠন প্রায় ষাট বছর ধরে পশ্চিমকে রক্ষা করছে। মহান ফ্রান্স আরও জানাতে চায়…
বকবক করছে লোকটা: সংগঠন হিসাবে ন্যাটোর তুলনা নেই, আর এই সংঘের সদস্য হতে পেরে ফ্রান্স গর্বিত। আস্তে করে মাথা নাড়লেন মার্টিন। সারা সকাল ধরে বিরতি নিয়েছে ফ্রেঞ্চ ডেলিগেটরা, বারবার সময় নিয়েছে, আর এখন হঠাৎ করেই বলতে শুরু করেছে, ন্যাটোর অসাধারণ সুকীর্তির জন্য ওরা কৃতজ্ঞ।…এর কোনও অর্থ হয়?
বক্তৃতা শেষে বসে পড়ল জ্যাঁ পিয়েরে কুই। এরিক হোমসের দিকে ঘুরে চাইলেন মার্টিন, কোনও মন্তব্য করবেন, তার আগেই চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন ব্রিটিশ ডেলিগেশনের নেতা সত্যিকারের ভদ্রলোক জর্জ মানরো, পরিশিলিত কণ্ঠে বললেন, লেডিজ অ্যাণ্ড জেন্টলমেন, আপনাদেরকে বিরক্ত করবার জন্য দুঃখিত, কিন্তু ব্রিটিশ ডেলিগেশনের তরফ থেকে আমি কিছুটা বিরতি প্রার্থনা করছি।
.
ক্যাপিটল বিল্ডিং থেকে সামান্য দূরে, উল্টো দিকে লাইব্রেরি অভ কংগ্রেস দালানের এইট্রিয়ামে ঢুকেছে সান্তা ক্যাসেডিন। তিনটি দালান নিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থাগার এটা। এর একমাত্র কাজ সব ধরনের বই সংগ্রহ করা, এবং তা বিপুল পাঠককে পড়তে দেয়া।
এখন বই পড়তেই এসেছে সান্থা। ওর দরকার রহস্যময় প্রিলিমিনারি সার্ভে নামের বইটি। ওটা প্রকাশ করা হয় ঊনিশ শ আটাত্তর সালে। লেখক ছিলেন শ্যারন স্টোন। আশা করা যায় বইটি এখানে পাওয়া যাবে।
এনকোয়ারি ডেস্কে অপেক্ষা করছে সান্থা। একটু আগে লাইব্রেরির এক অ্যাটেণ্ড্যান্ট গেছে বইটি খুঁজে আনতে।
লাইব্রেরি অভ কংগ্রেস ক্লোজড়-স্ট্যাক গ্রন্থাগার। এখানে বই খুঁজবার উপায় নেই, আপনাকে নির্দিষ্ট বই এনে দেবে কর্মচারী। এটা নন-সারকুলেটিং লাইব্রেরি, আপনি চাইলে বই বাড়িতে নিয়ে যেতে পারবেন না, গ্রন্থাগারের ভিতর বসে পড়তে হবে।
দশ মিনিটের বেশি পেরিয়ে গেছে, এখনও ফিরে আসেনি অ্যাটেণ্ড্যান্ট। লাইব্রেরিতে আসবার পথে একটা বই কিনেছে সান্থা, এখন ওটা নাড়াচাড়া করছে।
আবারও কাভারের দিকে চাইল:
দ্য আইস ক্রুসেড:
রিফ্লেকশন অন এ ইয়ার স্পেন্ট ইন
অ্যান্টার্কটিকা
ডক্টর, নিনা ভিসার
এসোশিয়েট প্রফেসর অভ জিয়োফিক্সি,
হার্ভার্ড ইউনিভার্সিটি
সূচনা পড়তে শুরু করেছে সান্থা ক্যাসেডিন।
শুরুতেই লেখিকা প্রশংসা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির জিয়োফিযিক্স ফ্যাকালটির হেড মরিস ভিসারের। আইস কোরের উপর বিপুল রিসার্চ করেছেন উনি।
এপর্যন্ত পড়ে ভুরু কুঁচকে ফেলল সান্থা। মরিস ভিসার বোধহয় লেখিকার বাৰা অথবা স্বামী! আবার পড়তে লাগল সান্থা।
মরিস ভিসারই প্রথম অ্যান্টার্কটিকার আইস শেলফ থেকে সিলিখ্রিক্যাল আইস কোর তুলে আনার উপর জোর দেন। তিনি বলেন, আইস কোরের ভিতর আমরা পেতে পারি লক্ষ লক্ষ বছর আগের আটকা পড়া বাতাস।
প্রথম অধ্যায়ে চলে গেল সান্থা:
বলা হয়েছে, আইস কোর বিষয়ে গবেষণা করলে বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস এফেক্ট ও দ্রুত মিলিয়ে যাওয়া ওজন লেয়ারের ব্যাখ্যা মিলতে পারে।
লেখিকার কলমে আবারও এসেছে মরিস ভিসারের কথা। উনি উনিশ শ চুরানব্বই সালে পুরো বছর কাটান অ্যান্টার্কটিকায়, এক দুর্গম এলাকা থেকে সংগ্রহ করেন আইস কোর।
ওই রিসার্চ স্টেশনের নাম: উইলকক্স আইস স্টেশন।
স্টেশনের ল্যাটিচুড–৬৬.৫° এবং লংগিচুড ১১৫° ২০ ১২।
কেউ সামনে হাজির হয়েছে টের পেয়ে বই থেকে মুখ তুলল সান্থা। অ্যাটেণ্ড্যান্ট চলে এসেছে।
কিন্তু তার হাত খালি।
ওখানে বইটা নেই, আস্তে করে মাথা নাড়ল মেয়েটি।
নেই?
তিনবার দেখেছি, বলল অ্যাটেণ্ড্যান্ট। ওই তাকে নেই। প্রিলিমিনারি সার্ভে। লেখিকা শ্যারন স্টোন। বই বের হয়েছে ১৯৭৮ সালে। সরিয়ে ফেলেছে কেউ।
ভুরু কুঁচকে গেল সান্থার। এমন হওয়ার কথা নয়।
অ্যাটেণ্ড্যান্ট তরুণী মেয়েটির ব্যাজে ওর নাম লেখা: ক্যারল কনোরি। আস্তে করে কাঁধ ঝাঁকাল সে। নেই তো নেই! মেরে দিয়েছে কেউ।
একটা কথা মনে পড়তেই উত্তেজিত হয়ে উঠল সান্থা।
এমন কি হতে পারে এই মুহূর্তে বইটা পড়ছে কেউ? জানতে চাইল।
মাথা নাড়ল মেয়েটা। না। কমপিউটার বলছে: শেষবার ওটা ধার নেয়া হয়েছে ঊনিশ শ উনআশির নভেম্বরে।
উনিশ শ ঊনআশির নভেম্বরে, বিড়বিড় করল সান্থা।
একেবারে ভুতুড়ে কাণ্ড, বলল ক্যারল। ওর বয়স হবে বড়জোর বিশ। কলেজে পড়ে। যে লোক বই নিয়েছে, তার নাম টুকে এনেছি। ভাবলাম আপনার লাগতে পারে। কাগজের স্লিপ বাড়িয়ে দিল সে।
ওটা রিকোয়েস্ট ফর্মের ফটোকপি। ঠিক এমনই একটা ফর্ম পূরণ করে জমা দিয়েছে সান্থা, নইলে প্রিলিমিনারি সার্ভের বইটা দেয়া হবে না। লাইব্রেরি অভ কংগ্রেসের প্রতিটি ফর্ম রাখা হয় ফাইলে। এধরনের পরিস্থিতি হতে পারে ভেবেই বোধহয় এই ব্যবস্থা।
রিকোয়েস্ট ফর্মে নেম ভি পার্সন রিকোয়েস্টিং আইটেম-এ
ট্রেভল রয়েস।
মাঝে মাঝে এমন হয়, আস্তে করে মাথা নাড়ল অ্যাটেণ্ড্যান্ট মেয়েটি। ওই ট্রেভলের বোধহয় বইটা এতই পছন্দ, চুরি না করে পারেনি। কোটের পকেটে রেখে বেরিয়ে গেছে। আগে আমাদের বইয়ে ম্যাগনেটিক ট্যাগ থাকত না। গার্ডদের ফাঁকি দিয়েছে সহজেই।
মেয়েটার কথায় মন নেই সান্থার।
চুপ করে দাঁড়িয়ে আছে। হাতে রিকোয়েস্ট ফর্ম। তিরিশ বছরের বেশি ধরে এই কাগজ পড়ে ছিল লাইব্রেরি অভ কংগ্রেসের কোনও কেবিনেটে। প্রমাণ হিসাবে রয়ে গেছে।
জ্বলজ্বল করে উঠল সান্তা ক্যাসেডিনের দুই চোখ। মনে মনে বলল, আমি আপনাকে খুঁজে বের করব, ট্রেভল রয়েস!
ও জানে না, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করবে।
অফিসে ফিরে পরবর্তী দেড় ঘণ্টা পুরনো ফোন ডিরেক্টরি ঘাটাঘাটি করল সান্থা। বেশ কয়েকজন ট্রেভল রয়েসকে পেল। এদের প্রায় সবাই সাধারণ লোক। এক এক করে খোঁজ নিতে। শুরু করল ও। একজনকে উপযুক্ত মনে হলো ওর।
সান্থার জানা নেই, ১৯৮০ সালে নিউ ইয়র্ক থেকে ফকম্যান পাবলিকেশন প্রকাশিত উইলিয়াম সিলভারম্যানের দ্য পেন্টাগন অ্যাণ্ড অ্যাডমিনিস্ট্রেশন বইয়ে রয়েছে এক ট্রেভল রয়েস, ইনিই ফোন ডিরেক্টরির গুরুত্বপূর্ণ সেই সরকারি কর্মকর্তা।
পরের পনেরো মিনিটে কয়েক জায়গায় ফোন করল সান্থা, কোনও তথ্য পেল না। এবার ওর এক পাগলি বান্ধবীকে ফোন দিল। এই মেয়ে আমেরিকান পলিটিক্স-এ এম.এ. করেছে হার্ভার্ড থেকে। কিছুক্ষণ চুপ করে থেকে সে জানাল, সান্থা যে ট্রেভল রয়েস সম্পর্কে তথ্য চাইছে, তা পাবে ইয়া মোটা এক বইয়ে।
বান্ধবীকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে অল স্টেটস লাইব্রেরির সাইটে গিয়ে দ্য পেন্টাগন অ্যাও অ্যাডমিনিস্ট্রেশন বইটি বের করল সান্থা। পড়তে শুরু করে একটু পর বিরক্ত হয়ে সার্চ দিল–ট্রেভল রয়েস নাম খুঁজে নেয়ার জন্য।
তিন সেকেণ্ড পর স্ক্রিনে ভেসে উঠল ওই বইয়ের ষষ্ঠ অধ্যায়: দ্য পেন্টাগন!
শুরুতেই দেখা গেল ট্রেভল রয়েসের বিষয়ে লেখা:
..কেউ তাদের কোনও বইয়ে উল্লেখ করেননি, তাঁর মিলিটারি অ্যাডভাইজারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রিচার্ড নিক্সনের। বিশেষ করে এয়ার ফোর্সের কর্নেল ট্রেভল রয়েস… (পৃষ্ঠা–একাশি)।
…ওয়াটারগেট কেলেঙ্কারি শেষে কেউ বলতে পারেনি কর্নেল ট্রেভল রয়েস এসবের সঙ্গে জড়িত ছিল। উনি জয়েন্ট চিফস অভ স্টাফের সঙ্গে নিক্সনের লিয়াজো রক্ষা করতেন। নিক্সন যখন বাধ্য হয়ে অবসর নিলেন, ততদিনে ট্রেভল পূর্ণ কর্নেল। তিনিই ছিলেন রিচার্ড নিক্সনের দুই কান।
এটা অবিশ্বাস্য মনে হয়, নিক্সন ১৯৭৪ সালে অবসর নেয়ার পর ট্রেভল রয়েসকে আইনী সমস্যার ভিতর পড়তে হয়নি। এরপর প্রেসিডেন্ট ফোর্ড ও কার্টারের আমলে জয়েন্ট অভ স্টাফের সঙ্গে প্রেসিডেন্টের লিয়াজো অফিসার ছিলেন। খুব ঠাণ্ডা মগজের লোক, সবসময় নিজেকে গুটিয়ে রাখতেন। ১৯৭৯ সালে হঠাৎ করেই তার পদ খালি হয়ে যায়।
কার্টার অ্যাডমিনিস্ট্রেশন থেকে এর কোনও ব্যাখ্যা দেয়া হয়নি। ট্রেভল রয়েস অবিবাহিত, অনেকের ধারণা সমকামী ছিলেন। আরলিংটনে মিলিটারি অ্যাকাডেমিতে একা বাস করতেন। এমন কেউ নেই যে বলবে ট্রেভল রয়েস ছিলেন তার বন্ধু। প্রায়ই আমেরিকা ছেড়ে চলে যেতেন। কখনও জানা যায়নি গন্তব্য। এরপর ১৯৭৯ সালের ডিসেম্বরে হঠাৎ করেই সহকর্মীরা টের পেলেন, উনি তাঁদের সঙ্গে অফিস করছেন না।
তার খোঁজ পড়ল, কিন্তু আর কখনও ফিরলেন না ট্রেভল রয়েস… (পৃষ্ঠা–৮৬)
.
ব্রিটিশ কমাণ্ডার মেজর জেনারেল জুলিয়াস বি. গুণ্ডারসন এসে দাঁড়িয়েছেন উইলকক্স আইস স্টেশনের পুল ডেকে। একঘণ্টার একটু বেশি হলো দখল করে নিয়েছেন এই স্টেশন। পুরোপুরি আত্মবিশ্বাসী একজন মানুষ।
বিশ মিনিট আগে স্টেশনের ডাইভিং বেল করে পুরো সশস্ত্র কয়েকজন ডুবুরিকে পাঠিয়ে দিয়েছেন নীচে। অবশ্য, আরও নব্বই মিনিট পর পাতাল-গুহায় পৌঁছবে তারা। এখনও পুলের ভিতর সরসর করে নেমে চলেছে কেবল।
গুণ্ডারসন নিজেও কালো থারমাল ওয়েটসুট পরেছেন। ঠিক করেছেন, দ্বিতীয় দলের সঙ্গে পাতাল-গুহায় নামবেন, নিজ চোখে দেখবেন ওখানে কী আছে।
গানারি সার্জেন্ট ভাইপার ও দুই বিজ্ঞানীকে দেখে বললো, বেশ, তো এঁরা কারা? হাসি-হাসি হয়ে গেল মুখ। বাহ্, খুব খুশি হলাম, গানারি সার্জেন্ট পল সিংগার দেখছি!
অবাক হয়েছে ভাইপার। ভাবতে পারেনি ব্রিটিশ কমাণ্ডার ওকে চিনতে পারবে।
গানারি সার্জেন্ট পল সিংগার, বললেন গুণ্ডারসন। জন্ম বস্টনে, উনিশ শ তেয়াত্তর সালে। একানব্বই সালে ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসে যোগ দাও আঠারো বছর বয়সে; স্মল আর্মস এক্সপার্ট; হ্যাণ্ড টু হ্যাণ্ড কমব্যাট এক্সপার্ট; স্নাইপার। দুই হাজার দুই সালে ব্রিটিশ ইন্টেলিজেন্স প্রথম সন্দেহ করে, তুমি আমেরিকান স্পাই এজেন্সি ইন্টেলিজেন্স কনভার্জেন্স গ্রুপের সঙ্গে জড়িত।
মনে নেই আমার, কী নামে যেন ডাকে তোমাকে? …ভাইপার, তাই না? আমাকে বলল দেখি, বিষাক্ত সাপ, মাঝে মাঝেই এ ধরনের বিপদে পড়ো? দেখা যাচ্ছে, তোমার কমাণ্ডিং অফিসার তোমাকে খুঁটির সঙ্গে আটকে রেখে গেছে। কেন? কেন সে শত্রুর মুখে তোমাকে এভাবে ফেলে গেল?
কোনও জবাব দিল না ভাইপার।
আমার মনে হয়নি মাসুদ রানা এমন লোক, বিশ্বস্ত অনুচরকে ফেলে পালাবে, বললেন গুণ্ডারসন। নিশ্চয়ই এর কোনও ব্যাখ্যা আছে? আবারও হেসে ফেললেন তিনি। এবার বলো দেখি কারণটা।
কোনও জবাব দিল না সিংগার।
বারবার গুণ্ডারসনের পিছনে ডাইভিং বেলের কেবলের উপর চলে যাচ্ছে ওর চোখ।
ফ্রেঞ্চ বিজ্ঞানীদের দিকে মনোযোগ দিলেন গুণ্ডারসন। আর আপনারা যেন কারা?
মেজাজি ভঙ্গি নিয়ে বলল ম্যাথিউ ফ্যনুয়্যা, আমরা রিসার্চ স্টেশন ডুমো ডিখ-ঈলেখের বিজ্ঞানী। ইচ্ছার বিরুদ্ধে আমাদেরকে আটকে রেখেছে কোথাকার কে এক মেজর মাসুদ রানা। আমি দাবি করছি আন্তর্জাতিক আইন অনুযায়ী…
মিস্টার বোউলস্…।
কথাটা শেষ হলো না, তার আগেই বিশালদেহী বোউলস পিস্তল উঁচু করল, পরক্ষণে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করল ম্যাথিউ ফ্যানুয়্যাকে।
ফ্রেঞ্চ বিজ্ঞানীর মাথা বিস্ফোরিত হয়েছে। রক্ত ও মগজ ছিটকে লেগেছে সিংগারের গালে।
স্যাঁ ডেনি পেঁয়েমি ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে।
তার দিকে ঘুরে চাইল গুণ্ডারসন। তুমিও ফ্রেঞ্চ?
ফুপিয়ে ওঠা বেড়ে গেল।
মিস্টার বোউলস, বলল গুণ্ডারসন।
পেয়েযি বুঝে গেছে কী হবে। না! চেঁচিয়ে উঠল। আবারও পিস্তল তুলল পার্কার বোউলস, এক সেকেণ্ড পর সিংগারের অপর গালে লাগল টকটকে রক্ত ও কাঁচা মগজ।
.
অপ্রশস্ত এলিভেটার শাফটের নীচে ঘুটঘুটে অন্ধকার, গুলির বিকট আওয়াজে চটকা ভেঙেছে নিশাত সুলতানার।
ধুৎ! আনমনে ভাবল। আবারও বোধহয় জ্ঞান হারিয়েছিল।
আমাকে সচেতন থাকতে হবে, ভাবল।
যেভাবে হোক….
সঙ্গে আনা স্বচ্ছ প্লাস্টিকের ফ্লুইড ব্যাগের দিকে চাইল। ওটার সঙ্গে সংযুক্ত ওর বাহুর ইন্ট্রাভেনাস ড্রিপ।
ফুরিয়ে গেছে ফ্লুইড ব্যাগ।
সেটাও বিশ মিনিট আগের কথা।
শিউরে উঠল নিশাত। বড় ঠাণ্ডা। দুর্বল লাগছে। বুজে আসছে দুই চোখ।
দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল নিশাত। ব্যথা পেয়ে আবারও চোখ মেলল।
কয়েক মিনিট এভাবে জেগে থাকল, তারপর আবারও বুজে, এল চোখ।
এলিভেটার শাফটের নীচে জ্ঞান হারিয়ে পড়ে রইল নিশাত সুলতানা। একা।
.
ই-ডেকে পা বাড়াল জুলিয়াস বি. গুণ্ডারসন, সরু হয়ে গেছে দুই চোখ! গানারি সার্জেন্ট পল সিংগার। বড় দুষ্ট লোক ছিলে তুমি, ঠিক কি না?
নীরব থাকল পল সিংগার।
তুমি কি সত্যিই আইসিজি, বিষাক্ত সাপ? …সত্যিই বিশ্বাসঘাতক? ….নিজের ইউনিটের বিরুদ্ধে কাজ করেছ? …আসলে কী করেছ তুমি? অনেক আগেই নিজের কাভার হারিয়েছ, খুন করতে শুরু করেছ নিজ লোক? …অথচ, স্টেশন তখনও সিকিউর করা হয়নি। বুঝতে পারছি মাসুদ রানা ভীষণ খেপেছে। আর তাই তোমাকে ফেলে গেছে। যাতে আমি ওর কাজটা শেষ করি।
ঢোক গিলল ভাইপার।
শীতল চোখে লোকটার দিকে চাইল গুণ্ডারসন। আমি হলেও এই একই কাজ করতাম, সার্জেন্ট।
মেজর জেনারেলের পিছনে এসে দাঁড়িয়েছে এক তরুণ এসএএস কর্পোরাল। স্যর।
বলো, কর্পোরাল? চার্জগুলো এবার স্টেশনের সীমানায় বসানো হবে।
রেঞ্জ কত?
পাঁচ শ গজ, স্যর। আপনার নির্দেশ মত, ঘিরে ফেলা হবে স্টেশন।
গুড, মাথা দোলাল গুণ্ডারসন। উইলকক্স স্টেশনে পৌঁছেই আঠারোটা ট্রাইটোনাল চার্জ বসাতে বলেছে সে। প্রায় বৃত্তাকারে ঘিরে নেয়া হবে স্টেশন। ওগুলোর বিশেষ কাজ আছে।
কর্পোরাল, কতক্ষণের ভিতর বিস্ফোরক বসাতে পারবে? জানতে চাইল গুণ্ডারসন।
ড্রিলিঙের জন্য আরও এক ঘণ্টা নেব, স্যর।
ঠিক আছে, বলল গুণ্ডারসন। তারপর সব বসিয়ে দেয়ার পর, আমার কাছে নিয়ে আসবে ডেটোনেশন ইউনিট।
ইয়েস স্যর, বলল কর্পোরাল। ও, আরেকটা কথা, স্যর…
হ্যাঁ, বলো?
স্যর, আমেরিকান হোভারক্রাফট থেকে যে দুই বন্দি পেয়েছি, তাদেরকে কী করব?
আগেই রেডিয়ো করেছে গুণ্ডারসন, ছোট মেয়েটি এবং ওই লোককে নিয়ে আসতে হবে স্টেশনে।..
ওই মেয়েকে ওর কোয়ার্টারে নিয়ে আটকে রাখো, বলল গুণ্ডারসন। আর লোকটাকে নিয়ে এসো এখানে।
.
পাতাল-গুহার আঁধার এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে তিশা করিম। ওর হাতের ফ্লাশলাইটের আলো পড়েছে বরফ-দেয়ালে ছোট এক ফিসারের উপর।
বরফের দেয়াল যেখানে নেমে এসেছে, মেঝে ছুঁয়ে ওই ফাটল–বড়জোর দুই ফুট উঁচু, পাশে ছয় ফুটের বেশি হবে না। হামাগুড়ির ভঙ্গিতে বসে ফাটলের ভিতর চোখ চালাল তিশা। আঁধারে কিছুই দেখা গেল না। অবশ্য, আঁচ করা গেল ওদিকে ফাঁকা জায়গা।
এই যে!
ঘুরে চাইল তিশা।
গুহার আরেক প্রান্তে স্পেসশিপের নীচে দাঁড়িয়ে আছে নিনা ভিসার। বারকয়েক হাত নাড়ল। উত্তেজিত স্বরে বলল, এই যে! আসুন! একবার দেখে যান!
উঠে দাঁড়িয়ে রওনা হয়ে গেল তিশা, একমিনিট, পেরুবার আগেই পৌঁছে গেল বিশাল কালো স্পেসশিপের পাশে। একই সময়ে হাজির হয়েছে সার্জেন্ট জনি ওয়াকার। পুকুরের পাশে পাহারা দিচ্ছে, লেফটেন্যান্ট গোলাম মোরশেদ।
এটা আপনাদের কাছে কী মনে হয়? বিমানের পেটের কাছে। কী যেন দেখাল নিনা ভিসার।
তার পাশে চলে গেল তিশা, জিনিসটা দেখে ভুরু কুঁচকে গেল। মনে হলো, ওটা কোনও কিপ্যাড ধরনের কিছু।
বারোটা বাটন, তিনটি সারিতে চারটে করে বাটন। বাটনের উপরে চারকোনা কালো স্ক্রিন।
অবশ্য, এই কিপ্যাডে একটা বিষয় বড় অবাক করা।
এসব কি-র উপর কোনও লেখা বা চিহ্ন নেই।
স্পেসশিপের অন্য সব কিছুর মতই কিপ্যাড ও ব্যাকগ্রাউণ্ড কুচকুচে কালো। জিনিসটা ক্যালকুলেটারের মত।
তিশা খেয়াল করেছে, একটা বাটনে চিহ্ন আছে। মাঝের কলামে দ্বিতীয় বাটনে ছোট্ট একটা লাল বৃত্ত।
জিনিসটা কী হতে পারে? বলল সার্জেন্ট ওয়াকার।
কে জানে! বলল নিনা ভিসার।
হয়তো এটা দিয়ে বিমান চালু করা যায়, বলল তিশা।
মনে হয় না, মাথা নাড়ল নিনা ভিসার। কখনও কোনও এলিয়েনকে কিপ্যাড ব্যবহার করতে দেখেছেন?
আমি কোনও এলিয়েনকে চিনি না, বলল তিশা। আপনি চেনেন?
কথাটা পাত্তা দিল না নিনা ভিসার। কেউ জানে না এটা কী? হয়তো ইগনিশন কি, বা ওয়েপন্স সিস্টেম…
অথবা সেলফ-ডেসট্রাক্ট মেকানিজম, শুকনো স্বরে বলল তিশা।
আমি কি একটা বাটন টিপে দেখব? বলল নিনা।
কিন্তু কোন বাটন টিপবেন? আপত্তি জানাল ওয়াকার।
আর কোনটা, যেটার ভিতর বৃত্ত আঁকা।
ওয়াকারের দুই ঠোঁট পরস্পরকে টিপে ধরল। সরার ভিতর সে সবচেয়ে বয়স্ক। সবাই আশা করছে, ও কিছু বলবে। তিশার দিকে চাইল ওয়াকার।
আস্তে করে মাথা নাড়ল তিশা। এই জিনিস কী কাজ করে তা দেখবার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। বলে দেয়া হয়েছে পাহারা দিয়ে রাখতে হবে। আমেরিকান সৈনিকরা এলে আমাদের ছুটি।
গোলাম মোরশেদের দিকে চাইল ওয়াকার। সে পুল ছেড়ে চলে এসেছে স্পেসশিপের পাশে।
দিন টিপে, তিশা, বলল মোরশেদ। দেখা যাক কী হয়… নইলে খামোকা কিনব কেন?
তিশা চুপ করে আছে।
নিনা ভিসারের দিকে চাইল ওয়াকার। মেয়েটা আস্তে করে মাথা দোলাল। দেখা যাক কী হয়?
বাটন টিপুন, বলল ওয়াকার।
বড় করে শ্বাস নিল নিনা ভিসার, তারপর লাল বৃত্ত আঁকা বাটন টিপে দেয়ার জন্য হাত বাড়িয়ে দিল। স্পর্শ করল বাটন।
এতে কিছুই হলো না।
চাপ দেয়া শেষে আস্তে করে কিপ্যাড থেকে আঙুল সরিয়ে নিল নিনা ভিসার। মুখ তুলে চাইল স্পেসশিপের দিকে। ভাব দেখে মনে হলো, আশা করেছিল বিমান ভেসে উঠবে, বা কিছু হবে। না, কিচ্ছু হলো না।
তারপর হঠাৎ করেই সুরেলা মৃদু আওয়াজ হলো। কিপ্যাডের উপর জ্বলজ্বল করে উঠল স্ক্রিন।
এক সেকেণ্ড পর স্ক্রিনে দেখা দিল এক সারিতে কী যেন।
আরে, বিড়বিড় করল জনি ওয়াকার।
এটা কী? কাপা স্বরে বলল নিনা ভিসার।
স্ক্রিনে লেখা ভেসে উঠেছে:
২৪১৫৭৮১৭——–
এণ্টার
অথারাইযড এন্ট্রি কোড
নম্বর? অবাক হয়ে বলল জনি ওয়াকার।
তাও আবার ইংরেজিতে? বলল নিনা ভিসার। এই জিনিস আসলে কী?
আস্তে করে মাথা নাড়ল তিশা, রওনা হয়ে গেল ওদিকের ফাটল লক্ষ্য করে, ঠোঁটে মৃদু হাসি।
<