পাতাল-গুহার থমথমে নীরবতায় অর্ধেক খেয়ে ফেলা মানবদেহের দিকে চেয়ে আছে লেফটেন্যান্ট তিশা করিম। মস্ত সব বরফখত্রে এদিক ওদিক ছিটিয়ে রয়েছে দেহাবশিষ্ট।

গুহার ভিতর ঢুকবার পর পেরিয়েছে চল্লিশ মিনিট। জনি ওয়াকার, গোলাম মোরশেদ ও নিনা ভিসার ভুলেও লাশের দিকে চাইছে না। সবার চোখ বিশাল কালো স্পেসশিপের উপর। ওটার চারপাশে ঘুরেছে ওরা, কালো ধাতব ডানা স্পর্শ করেছে, উঁকি দিয়েছে ককপিট ক্যানোপির ধোঁয়াটে কাচের ভিতর দিয়ে।

উপর থেকে মাসুদ রানা জানিয়েছে, স্টেশনে আসছে ব্রিটিশ এসএএস কমাণ্ডো প্লাটুন। বাধ্য হয়ে সরে যেতে হচ্ছে ওদেরকে। এই খবর পাওয়ার পর দুটো ট্রাইপডে এমপি-৫ বসিয়েছে তিশা। অস্ত্রগুলো পুকুরের উপর তাক করা। এসএএস কমাণ্ডোরা উঠে এলে তাদেরকে অনায়াসেই শেষ করতে পারবে ওরা।

এসব কাজ শেষ হয়েছে আধ ঘণ্টা আগে।

উইলকক্স আইস স্টেশনে এলেও, এখানে আসতে দেরি হবে এসএএস কমাণ্ডোদের। ডাইভিং বেল নামাতে একঘণ্টা, আবার বরফের সুড়ঙ্গ দিয়ে উঠতে আরও একঘণ্টা।

এখন চুপচাপ অপেক্ষা। শুরু হয়েছে ধৈর্যের খেলা।

তিশা ট্রাইপড বসাবার পর আবারও স্পেসশিপ দেখতে গেছে ওয়াকার ও নিনা। তিশার সঙ্গে রয়ে গেছে মোরশেদ। কিন্তু কিছুক্ষণ পর সে-ও বিদায় নিয়েছে। অদ্ভুত সুন্দর, নিষ্ঠুর, কালো স্পেসশিপ ছুঁয়ে দেখবে।

অস্ত্রের পাশে রয়ে গেছে তিশা।

গুহার শীতল বরফ মেঝেতে বসে আছে, চোখ পুকুরের ওপাশে লাশগুলোর উপর। অবাক লাগছে ওর। কারা এভাবে খেয়ে ফেলল মানুষগুলোকে! ছিড়ে নিয়েছে মাথা-হাত-পা। কোথাও চিবিয়ে গুড়ো করেছে হাড়। চারপাশে চুলকে পড়েছে রক্ত।

কী এমন প্রাণী যেটা এদেরকে এভাবে মেরে ফেলল?

পুকুরের উপর দিয়ে লাশের দিকে চেয়ে আছে তিশা। পানির সামান্য উপরে বরফ-দেয়ালে গোল গর্ত, বিশাল। ব্যাসে হবে কমপক্ষে দশ ফুট। উঠে আসবার সময় পানির নীচে এমন আরও গর্ত দেখেছে। _ ওই মস্ত গর্তগুলো বা ক্ষতবিক্ষত লাশের দিকে চাইলে অদ্ভুত অনুভূতি হচ্ছে তিশার। এই পাতাল-গুহা যেন ভীষণ অশুভ।

এককথায় অকল্পনীয়, বলল নিনা ভিসার। এইমাত্র তিশার পাশে এসে থেমেছে। ব্যস্ত হয়ে চোখের উপর থেকে সরিয়ে দিল। এক গোছা চুল। স্পেসশিপ নিয়ে খুব উত্তেজিত। 

কোথাও কোনও মার্কিং নেই, বলল। গোটা স্পেসশিপ কুচকুচে কালো।

নিনা ভিসারের কথা বা স্পেসশিপ নিয়ে ভাবছে না তিশা। এই পাতাল-গুহা নয়টি আধ-খাওয়া লাশ, স্টেশনে এসএএস প্লাটুন–এসব নিয়েই ওর চিন্তা। বারবার মন বলছে, আর কখনও উইলকক্স আইস স্টেশন থেকে জীবিত বেরুতে পারবে না ওরা।

এককথায় অকল্পনীয়! আবারও বলল নিনা ভিসার।

.

তুষার-ঝড়ের ভিতর আরেকটি ঝড়ের মতই উইলকক্স আইস স্টেশনে ঢুকে পড়েছে এসএএস কমাণ্ডে দল, দক্ষ, নির্মম।

অস্ত্র হাতে ঢুকেছে স্টেশনের ভিতর, জোড়া তৈরি করে ছড়িয়ে পড়েছে চারপাশে। প্রতিটি দরজা খুলে দেখছে, একটা ঘরও বাদ পড়ছে না।

এ-ডেক পরিষ্কার, একজন জানিয়ে দিল।

বি-ডেকও, জানাল আরেকজন।

এ-ডেকের ক্যাটওয়াকে থামল জুলিয়াস বি, গুণ্ডারসন। এখানে দাঁড়িয়ে পরিত্যক্ত স্টেশনে চোখ বোলাল। যেন কোনও রাজা, এইমাত্র দখল নিয়েছে নতুন রাজ্যের। শীতল চোখে স্টেশন দেখছে গুণ্ডারসন, সরু ঠোঁটে হাসি।

এসএএস ট্রুপ নেমে গেল ই-ডেকে। ওখানে খুঁটির সঙ্গে আটকে আছে পল সিংগার ও দুই ফ্রেঞ্চ বিজ্ঞানী। দুই এসএএস কমাণ্ডে এদেরকে কাভার করল। কালো পোশাক পরনে আরও কয়েকজন নামল রাং-ল্যাড়ার বেয়ে, ঢুকে পড়ল সুড়ঙ্গগুলোতে।

দক্ষিণ টানেলে ছুটে গেল চার এসএএস কমাণ্ডো। কিছু দূর গিয়ে বামের দরজা কাভার করল দুজন। অন্য দুজন ডানদিকের দরজা।–ডানদিকের দুজন লাথি দিয়ে খুলল দরজা, ভিতরে উঁকি দিল।

এটা গুদাম-ঘর। লড়বড়ে কাঠের শেলফ। মেঝেতে কয়েকটা স্কুবা ট্যাঙ্ক।

আর কিছুই নেই।

উদ্যত অস্ত্র হাতে টানেল ধরে সামনে বাড়ল তারা। কিছুটা যেতেই দেখল লিফট। টানেলের শীতল সাদা আলোয় চকচক করছে স্টিলের দুই কবাট।

সংক্ষিপ্ত শিস বাজাল এসএএস কমাণ্ডা নেতা, মনোযোগ আকর্ষণ করছে অন্যদের।

থমকে গেছে সবাই লিফটের কাছে। ওটার দিকে দুই আঙুল তাক করল দলনেতা।

পাশের দুজন সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে। লিফটের দুপাশে সরে গেল তারা, নেতা এবং চতুর্থ লোকটা অস্ত্র তাক করেছে স্টেইনলেস স্টিলের দরজার উপর।

আস্তে করে মাথা দোলাল দলনেতা। দুপাশের দুজন ঝটকা দিয়ে খুলল লিফটের কবাট। ভিতরে ব্রাশ ফায়ার করল দলনেতা।

খালি লিফটের চারদেয়াল ছিড়েখুঁড়ে গেল।

.

এসএএস কমাণ্ডোরা গুলিবর্ষণ শুরু করতেই চোখ বুজে ফেলেছে নিশাত সুলতানা। ওর মাথার এক ফুট দূরে বিকট আওয়াজে গুলি চলছে।

লিফটের শাফটের নীচে একেবারে ঘুটঘুটে অন্ধকার। গুটিসুটি মেরে বসে আছে নিশাত। মাথার উপর লিফটের মেঝে।

এসএএস কমাণ্ডোদের গুলি থরথর করে কাঁপিয়ে দিচ্ছে ছোট্ট লিফট। ছিড়ছে দেয়াল, নানা দিকে তৈরি হচ্ছে গর্ত। ঝরঝর করে মাথার উপর পড়ছে ধুলো ও কাঠের চল্টা। চোখ বুজে চুপ করে রইল নিশাত।

গুলির বিকট আওয়াজে ঝনঝন করছে কান। হঠাৎ অন্য একটা চিন্তা এল ওর মনে।

এরা আবারও গুলি করছে স্টেশনের ভিতর।

তার মানে উধাও হয়েছে দাহ্য গ্যাস।

হঠাৎ করেই থেমে গেল গুলির আওয়াজ। ঘটাং করে বন্ধ হলো লিফটের দরজা! আবারও নীরবতা।

পাক্কা তিন মিনিট পর আবারও শ্বাস নিল নিশাত।

.

খাড়া ক্লিফের পাশ দিয়ে সঁই-সাই করে পড়ছে মাসুদ রানা ও রাশেদ হাবিব, কয়েক সেকেণ্ড পর ঝপাস্ করে নামল ক্ষ্যাপা সাগরে।

শরীরে কনকনে ঠাণ্ডা হাতুড়ির বাড়ি, কিন্তু পাত্তা দিল না রানা। শিরা-উপশিরার ভিতর প্রচুর অ্যাড্রেনালিন, কাজেই ওর শরীর যথেষ্ট উত্তপ্ত। বেশিরভাগ এক্সপার্ট বলেন: অ্যান্টার্কটিকার বরফ-ঠাণ্ডা এই পরিবেশে বড়জোর আট মিনিট বাঁচবে যে-কেউ। অবশ্য অ্যাড্রেনালিন ও থারমাল ওয়েটসুটের কারণে রানা ধরে নিয়েছে: ও বাঁচবে কমপক্ষে আধ ঘণ্টা।

পানির উপর ভেসে উঠতে চাইছে এখন। আঁকুপাঁকু করছে ফুসফুস, খুব জরুরি হয়ে উঠেছে বাতাস নেয়া। হঠাৎ করেই সাগর-সমতলে ভেসেও উঠল, এবং চমকে গেল ভীষণভাবে। আগে এত বড় ঢেউ দেখেনি। সোজা নেমে আসছে ওর উপর। প্রচণ্ড ধাক্কা খেয়ে আবারও ডুবে গেল রানা। ছিটকে পড়েছে পিছনের বরফ দেয়ালের উপর।

ফুসফুসের সব বাতাস ভুস করে বেরিয়ে গেছে, এখন আঁকড়ে আসতে চাইছে বুকের ভিতর।

কয়েক মুহূর্ত পর সরে গেল ঢেউ, রানা টের পেল, ও আছে বিশাল দুই ঢেউয়ের মাঝের খোড়লে। আবারও নীচে টেনে নেয়া হচেছ ওকে। এক সেকেণ্ড পর সাঁতরাতে লাগল। বড় করে শ্বাস নিল, দেখে নিতে চাইল চারপাশ।

সাগরে দানবীয় সব ঢেউ। একেকটা কমপক্ষে চল্লিশ ফুট উঁচু। ওর বিশ গজ ডানে ক্লিফের হাঁটুতে ভেঙে পড়ল প্রকাণ্ড এক ঢেউ। চারদিকে ভাসছে আইসবার্গ। কোনও কোনোটা উচ্চতা ও চওড়ায় বিশাল সব স্কাইস্ক্র্যাপারের বাড়া। বেশ কিছু আইসবার্গ দীর্ঘ ও চ্যাপ্টা, যেন ফুটবল মাঠ–উপকূল থেকে এক শ গজ দূরে। যেন নীরব প্রহরী, বরফের ক্লিফকে পালাতে দেবে না।

হঠাৎ করেই ওর পাশে ভুস্ করে ভেসে উঠল রাশেদ হাবিব। হাঁ করে দম নিচ্ছে বেঁটে বিজ্ঞানী। রানা ভাবতে শুরু করেছে, এই যম-শীতে কী হবে লোকটার! পরক্ষণে ওর মনে পড়ল, হাবিবের পরনে নিয়োপ্রেন বডিসুট। সে বোধহয় ওর চেয়ে অনেক আরামে আছে। আর বোঝাই যাচ্ছে, ভালই সাঁতার জানে হাজার হোক বাংলাদেশের গ্রামের ছেলে, মায়ের পেট থেকেই সাঁতার শিখে আসে।

প্রকাণ্ড এক ঢেউ আসছে ওদের দিকে।

ডুব দিন! সতর্ক করল রানা। বড় করে শ্বাস নিয়েই তলিয়ে গেল নিজেও। মুহূর্তে নীরব হয়ে গেল চারপাশ।

নীচের দিকে নামতে শুরু করেছে ও, একটু পর দেখল ওর পাশে সাঁতরে চলেছে হাবিব। ওদের মাথার উপরে বিস্ফোরণের আওয়াজ হলো, ক্লিফের উপর আছড়ে পড়েছে ঢেউ, চারপাশে ছড়িয়ে গেল সাদা ফেনা।

আবারও ভেসে উঠল রানা ও হাবিব।

উত্তাল সাগরে হাবুডুবু খাচ্ছে ওরা, তারই ভিতর রানা দেখল পাশ কাটিয়ে যাচ্ছে হোভারক্রাফটের আস্ত এক দরজা।

তীর থেকে সরে যেতে হবে, বলল রানা, নইলে বরফের দেয়ালে আছড়ে পড়ে মরব।

কিন্তু যাব কোথায়? জানতে চাইল হাবিব।

ওই যে, ওখানে, ক্লিফ থেকে দুই শ গজ দূরে মস্ত এক খণ্ড আইসবার্গ দেখাল রানা। ওটা কাত হয়ে যাওয়া বিশাল পিয়ানোর মত।

হ্যাঁ, দেখেছি।

ওখানেই যাব, বলল রানা।

ঠিক আছে।

এক থেকে তিন পর্যন্ত গুনব, তারপর রওনা হব।

তিন বলা শেষে বড় করে দম নিল ওরা, তারপর তলিয়ে গেল। ক্লিফ পিছনে ফেলে ব্রেস্টস্ট্রোক দিয়ে খোলা সাগরে চলেছে। ওদের মাথার উপর সসস্ আওয়াজ তুলছে সাদা ফেনা।

দশ গজ পেরিয়ে গেল। তারপর বিশ গজ।

বুক আঁকড়ে আসছে হাবিবের, ভেসে উঠল। বড় করে দম নিয়ে আবারও তলিয়ে গেল। একই কাজ করল রানা, দাঁতে দাঁত খিচে আবারও ডুবে গেল ঢেউয়ের নীচে। পাঁজরের ভাঙা হাড়ে ব্যথা শুরু হয়েছে, সেই সঙ্গে একটু পর পর তীক্ষ্ণ খোঁচা।

পঞ্চাশ গজ যাওয়ার পর আবারও ভেসে উঠল ওরা। পিছনে ফেলে এসেছে ক্লিফে আছড়ে পড়া ঢেউ। এবার নিশ্চিন্তে ফ্রিস্টাইলে এগুতে পারল। অবশ্য, বেয়ে উঠতে হচ্ছে কমপক্ষে চল্লিশ ফুট উঁচু ঢেউয়ের উপর।

আরও কিছুক্ষণ পর আইসবার্গের পায়ের কাছে পৌঁছে গেল ওরা। কাছ থেকে দেখে মনে হলো পাহাড়ের মত উঁচু, সাদা কোনও দেয়াল। কোথাও কোথাও নানা খাজ ও সুড়ঙ্গ! সব গেছে বরফের বুকে।

বিশাল আইসবার্গের পাশে তাক দেখা গেল। ওটা নেমে এসেছে সাগর-সমতলে। ওই, কার্নিসের দিকে চলল রানা ও হাবিব। কিন্তু কাছে পৌঁছে দেখল ওই তাক ওদের চেয়ে কমপক্ষে তিন ফুট উপরে।

বাঁদরের মত উঠে পড়ুন আমার কাঁধে, বলল রানা।

কথাটা মনে ধরেছে বেঁটে বিজ্ঞানীর, সঙ্গীর কাঁধে বাম পা রাখল, তারপর উঠে যেতে চাইল।

বরফের তাকের কিনারা ধরে ফেলল। বেকায়দাভাবে হাঁচড়েপাঁচড়ে উঠে গেল। তাকের পাশে শুয়ে পড়েছে, হাত বাড়িয়ে দিল রানাকে তুলে নেওয়ার জন্য।

পানির ভিতর লাফিয়ে উঠল রানা, খপ করে ধরে ফেলল হাবিবের কবজি। উঠে আসতে শুরু করেছে। প্রায় পৌঁছেই গেল তাকের কাছে, কিন্তু ঠিক তখনই পিছলে গেল বিজ্ঞানীর ভেজা কবজি। ঝপাস্ করে পড়ল রানা সাগরে।

তলিয়ে গেছে, চারপাশে শুধু নৈঃশব্দ্য। এখন বরফের ক্লিফের উপর দানব ঢেউয়ের আছড়ানোর আওয়াজ নেই। চোখে পড়ল সাদা আইসবার্গের পেট। সাগরের ধোঁয়াটে পরিবেশে অনেক নীচে নেমে হারিয়ে গেছে।

উঠে আসতে শুরু করেছে রানা, আর ঠিক তখনই শুনল আওয়াজটা। ঝট করে ঘুরে চাইল। জানে, পানির ভিতর খুব দ্রুত চলে আওয়াজ। ওর ভুল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

ভ-ম-ম-ম-ম-ম-ম-ম-ম-ম!

নিচু আওয়াজ। গুঞ্জনের মত। ভিমরুল এমন আওয়াজ করে।

ভ-ম-ম-ম-ম-ম-ম-ম-ম-ম!

ভুরু কুঁচকে ফেলল রানা। ওর মনে হয়েছে আওয়াজটা যান্ত্রিক। কোনও মোটোরাইড় দরজা খুললে এমন হয়। খুব কাছেই আওয়াজ হয়েছে।

ওর পিছনে।

চরকির মত ঘুরল রানা।

এবার দেখতে পেল।

প্রকাণ্ড! এতই বড়, লাফ দিল ওর হৃৎপিণ্ড। দ্রুত হয়ে উঠেছে হৃৎস্পন্দন

পানির ভিতর খাপ পেতে বসে আছে।

নীরব। বিশাল।

রানার একটু উপরে আইসবার্গের পাশে।

দৈর্ঘ্যে কমপক্ষে তিন শ ফুট। কালো আর গোল। কনিং টাওয়ারের দুপাশে দুটো স্ট্যাবিলাইজিং ফিন। সিলিণ্ডারের মত শরীরের শেষে গোলাকার নাক।

দৃশ্যটা দেখে দপদপ করতে শুরু করেছে রানার মাথা।

নিজের চোখ বিশ্বাস করতে দ্বিধা হচ্ছে।

চেয়ে আছে সাবমেরিনের দিকে।

দ্রুত হাত-পা নেড়ে উঠতে শুরু করেছে রানা। দশ সেকেণ্ড পর ভুস করে ভেসে উঠল। পাঠাগার ডট নেট থেকে ডাউনলোডকৃত। 

আইসবার্গের তাক থেকে জানতে চাইল হাবিব, আপনি ঠিক আছেন তো, ভাই?

না, ভাল নেই, বলল রানা। আবারও বড় করে দম নিয়ে তলিয়ে গেল।

খুব নীরব চারপাশ।

আগের চেয়ে নেমে এসেছে রানা, অবাক হয়ে দেখল সাবমেরিনটাকে। ওর থেকে তিরিশ গজ দূরে। স্বচ্ছ পানির ভিতর নিথর প্রকাণ্ড সাবমেরিন। যেন বিশাল কোনও শিকারী জানোয়ার।

কাদের, ভাবছে রানা। মন দিল সিগনেচার ফিচার খুঁজবার জন্য।

সরু কনিং টাওয়ার, বো-তে চারটে টর্পেডো পোর্ট। খুলতে শুরু করেছে একটা।

আবারও শোনা গেল: ভ-ম-ম-ম-ম-ম-ম-ম-ম-ম!

এবার বোর বামে কী যেন লেখা দেখল। তিনটি ভার্টিকাল, শাফট, তাতে ব্যবহার করা হয়েছে তিনটি রং। নীল-সাদা-লাল।

রানা চেয়ে আছে ফ্রেঞ্চ পতাকার দিকে!

দম ফুরিয়ে যেতেই উঠে যেতে লাগল ও, একটু পর ভেসে উঠল।

তাক থেকে চেয়ে ছিল রাশেদ হাবিব, রানাক দেখেই বল, আপনি ওখানে কী করছেন, ভাই?

জবাব দিল না রানা, বদলে হাত তুলে ঘড়ি দেখে নিল।

স্টপওয়াচ জানিয়ে চলেছে:

২:৫৭:৫৯

২:৫৮:০০

২:৫৮:০১

সর্বনাশ! বিড়বিড় করল রানা। হোভারক্রাফট নিয়ে নানা দিকে ছুটবার সময় একদম ভুলে গিয়েছিল উপকূলের কাছেই থাকবে ফ্রেঞ্চ রণতরী। ওখান থেকে মিসাইল ফেলা হবে উইলকক্স আইস স্টেশনের উপর। এই সাবমেরিনের কোডনেম: কিলার ওয়েইল!

রানা ভুল ভেবেছে। ধরেই নিয়েছিল কিলার ওয়েইল কোনও ফ্রেঞ্চ রণতরী। কিন্তু তা নয়, কিলার ওয়েইল আসলে ফ্রেঞ্চদের সাবমেরিন!

আমাকে টেনে তুলুন, বলল রানা।

তাক থেকে হাত বাড়িয়ে দিল রাশেদ হাবিব। এবার শক্ত করে তার কবজি ধরল রানা, দ্রুত উঠবার চেষ্টা করল। দেড় ফুট উঠবার পর বামহাতে খপ করে ধরল তাকের কিনারা। কয়েক সেকেণ্ড পর উঠে এল কার্নিসে।

রাশেদ হাবিব ভেবেছিল ওর মতই চুপ করে শুয়ে থাকবে রানা, কিন্তু তা না করে লাফিয়ে উঠে দাঁড়িয়েছে।

অবাক হয়ে চেয়ে রইল হাবিব। পাগলাটে লোকটা ঝেড়ে দৌড় শুরু করেছে। ছুটছে আইসবার্গের আরও চ্যাপ্টা দিকে।

খুবই বিরক্ত হলো হাবিব, কিন্তু উঠে দাঁড়িয়ে পিছু নিল। বরফের স্তৃপ টপকে গেছে রানা, চলেছে তিরিশ গজ দূরের কিনারা লক্ষ্য করে। ওদিকের মেঝে ধীরে ধীরে উপরে উঠেছে। ওপাশে আর কিছু দেখল না হাবিব।

খাড়াই বেয়ে ছুটছে মাসুদ রানা। পিছনে ছুটে চলেছে হাবিব। ওদিকে চেয়ে ভাল লাগছে না ওর। ওখানে বরফের খাড়া দেয়াল নেমেছে তিরিশ ফুট নীচের সাগরে। আর উন্মাদ লোকটা আইসবার্গে উঠেও আবার ঝাপিয়ে পড়েছে হিমশীতল সাগরে!

.

ছুটর ফাঁকে স্টপওয়াচ দেখেছে রানা। টিপটিপ করে তিন ঘণ্টার দিকে চলছে ডিজিটাল ঘড়ি।

একটু পরই মিসাইল ছোঁড়া হবে!

২:৫৮:৩১

২:৫৮:৩২

২:৫৮:৩৩

ঝেড়ে দৌড় দেয়ার সময় ভাবতে শুরু করেছে রানা: এরা উড়িয়ে দেবে উইলকক্স আইস স্টেশন! মেরে ফেলবে ওর দলের সবাইকে! ছোট্ট মেয়েটাও মরবে! থামাতে হবে এদেরকে!

কিন্তু কীভাবে?

একজন মাত্র লোক কীভাবে ধ্বংস করবে সাবমেরিন?

তারপর হঠাৎ করেই বুঝতে পারল একটা বিষয়।

দৌড়ের উপর হোলস্টার থেকে তুলে নিয়েছে ম্যাগহুক, এম লেখা বাটনে চাপ দিয়েছে। ম্যাগহুকের ম্যাগনেটিক্যালি চার্জড় হেড-এ জ্বলে উঠেছে লাল বাতি।

থাই পকেট থেকে বের করেছে রুপালি ক্যানিস্টার। সবুজের ব্যাণ্ডে লেখা: ট্রাইটোনাল ৮০/২০। একবার ওটা দেখে নিয়েছে রানা। সামান্য ঘুরিয়ে নিয়েছে স্টেইনলেস স্টিলের ঢাকনি। হুশ আওয়াজ হয়েছে। খুলে গেছে ঢাকনি, ভিতরে পরিচিত ডিজিটাল টাইমার ডিসপ্লে। পাশেই আর্ম-ডিযআর্ম সুইচ। ট্রাইটোনাল ডেমোলিশন ডিভাইস, যে-কোনও সময়ে ডিআর্ম করা যায়।

বিশ সেকেণ্ড, ভেবেছে রানা। এরই ভিতর সরতে হবে ওকে।

ট্রাইটোনাল চার্জে বিশ সেকেণ্ডের জন্য টাইমার স্থির করেছে, তারপর ক্যানিস্টার বসিয়ে নিয়েছে ম্যাগহুর্কের মুখে বাবের মত ম্যাগনেটিক হেডে। শক্তিশালী চুম্বকে ঠক্ শব্দে আটকে গেছে ক্যানিস্টার।

এবড়োখেবড়ো জমি, প্রাণপণে দৌড়েছে রানা, তারপর পৌঁছে গেছে কিনারার কাছে, কোনও দ্বিধা না করেই উড়াল দিয়েছে। আকাশে ভেসে ছিল তিন সেকেণ্ড, তারপর ঝুপ করে পড়েছে সাগরে। পা নীচে রেখে নেমেছে। থরথর করে কেঁপে উঠেছে শীতে।

এই মুহূর্তে ওর চারপাশে অসংখ্য বুদ্বুদ। কয়েক সেকেণ্ড কিছুই দেখল না রানা, তারপর হঠাৎ সরে গেল সব বুদ্বুদ। টের পেল, ইস্পাতের বিশাল সাবমেরিনের নাকের সামনে হাজির হয়েছে।

চট করে ঘড়ি দেখল রানা।

২:৫৮:৫৯.

২:৫৯:০০

২:৫৯:০১

আর মাত্র একমিনিট!

পুরোপুরি খুলে গেছে টর্পেডো টিউবের দরজা। ওটার দিকে রওনা হয়ে গেল রানা। দশ গজ দূরে হাঁ হয়েছে টর্পেডো টিউব।

আশা করা যায় কাজ হবে, ভাবল, রানা। তুলে ধরেছে ম্যাগহুক। ওটার নাকে ট্রাইটোনাল চার্জ। আর্ম সুইচ টিপে দিল।

বিশ সেকেণ্ড পর ফাটবে বোমা।

দেরি না করে ম্যাগহুক ফায়ার করল রানা।

লঞ্চার থেকে ছিটকে বেরুল ম্যাগহুক, ওটার পিছনে ছুটল সাদা বুদ্বুদ। খোলা, টর্পেডোর দরজা লক্ষ্য করে পানির ভিতর মসৃণভাবে চলেছে হুক।

এক সেকেণ্ড পেরুবার আগেই টর্পেডো পোর্ট থেকে সামান্য নীচে স্টিলের হালে ঠং করে লাগল ম্যাগনেটিক হেড। ওটার সঙ্গে তাজা ট্রাইটোনাল চার্জ। কিন্তু পুরু ইস্পাতের খোল থেকে ছিটকে গেল ম্যাগনেটিক হেড। খুব ধীরে তলিয়ে যাচ্ছে।

হতভম্ব হয়ে গেল রানা। টার্গেটে লাগাতে পারেনি।

ওর মন চাইল, পানির নীচে চিকার করে নিজেকে গালি দিতে। এক সেকেণ্ড পর অন্য চিন্তা এল।

সাবমেরিনের ভিতরের লোকগুলো শুনেছে ধাতব আওয়াজ।

আধ সেকেণ্ড পর গ্রিপের কালো বাটন টিপল রানা, রিল করে আনছে ম্যাগনেটিক হেড। আশা করল, ওটা দ্রুত ফিরবে, নইলে ফুরাবে সময়… বিস্ফোরিত হবে ট্রাইটোনাল!

আরেকবার ম্যাগহুক ছুড়তে পারবে?

আর মাত্র একবার!

এক সেকেণ্ড পর শব্দটা পেল রানা।

ভূ—-ম!

ওর বামে সাবমেরিনের বো-র পাশে খুলে যাচ্ছে আরেকটা টর্পেডো ডোর!

আগে যেটার দিকে তাক করেছিল, তার চেয়ে এটা ছোট।

ছোট টর্পেডো, ভাবল রানা। এগুলো দিয়ে উড়িয়ে দেয় শত্রু সাবমেরিন।

মাত্র কথাটা ভেবেছে রানা, এমন সময় হঠাৎ জোরালো হুউইস! আওয়াজ পেল। নতুন পোর্ট থেকে বেরিয়েছে টর্পেডো! ঘুরতে ঘুরতে আসছে ঠিক ওর দিকেই!

অবাক হলো রানা, ওকে মারতে টর্পেডো ছেড়েছে ফ্রেঞ্চরা!

লঞ্চারে ফিরে এসেছে ম্যাগহুক, চট করে ট্রাইটোনালের আর্মডিআর্ম সুইচ টিপে দিল রানা। বাকি ছিল মাত্র চার সেকেণ্ড। ঠিক তখনই ওর কোমর পাশ কাটিয়ে চলে গেল টর্পেডো। ওটার জোরালো ঢেউ ওকে একবার ডিগবাজি করিয়ে দিয়ে গেছে।

আস্তে করে বুদ্বুদ ছাড়ল রানা। টর্পেডো এতই কাছে, ওর উপর লক করতে পারেনি। পরক্ষণে ওর পিছনে আইসবার্গে গিয়ে লাগল টর্পেডো, সঙ্গে সঙ্গে ডেটোনেট হলো।

.

আইসবার্গের কিনারে দাঁড়িয়েছে রাশেদ হাবিব, চোখ রেখেছে পানির দিকে, আর ঠিক তখনই বিশ গজ দূরে বিস্ফোরিত হলো টর্পেডো।

এক সেকেণ্ড আগে আইসবার্গের ওদিকটা জমাট ছিল, কিন্তু পর মুহূর্তে সাদা ভূমিধসের মত ঝরঝর করে নামল সাগরে বরফ। যেন খামচি দিয়ে নিয়ে গেছে আইসবার্গের বড় এক অংশ।

খাইসে! বড় করে শ্বাস নিল রাশেদ হাবিব।

তখনই আইসবার্গ থেকে বিশ গজ দূরে রানাকে দেখল। বড় করে দুবার শ্বাস নিল উন্মাদ লোকটা, আবারও তলিয়ে গেল।

.

টর্পেডো বিস্ফোরিত হওয়ার আওয়াজ এখনও মিলিয়ে যায়নি, বড় একটুকরো আইসবার্গ ঝরে পড়েছে পিছন সাগরে। ওদিকে ফিরেও চাইল না রানা, আবারও তাক করেছে ম্যাগহুক। এবার ভুল করলে চলবে না।

২:৫৯:৩৭

২:৫৯:৩৮

২:৫৯:৩৯

নতুন করে আর্ম সুইচ টিপল রানা, আবারও বিশ সেকেণ্ডের জন্য ট্রাইটোনাল চার্জ তৈরি হয়ে গেল।

পানির ভিতর দিয়ে ছুটে গেল ম্যাগহুক।

মনে হলো দীর্ঘ সময় ধরে ছুটে চলেছে।

তারপর হঠাৎ করেই ঢুকে গেল টর্পেডো পোর্টের ভিতর।

হ্যাঁ!

গ্রিপে এম বাটন টিপল রানা, টর্পেডো পোর্টের ভিতর সাড়া দিল ম্যাগনেটিক হেড। খসে পড়ল রুপালি ট্রাইটোনাল চার্জ। ম্যাকহুক রিল করতে শুরু করেছে রানা, তারই ফাঁকে ঘুরে গেল। মনে মনে বলল, এবার পালাও, বাপু!

প্রাণপণে সাতরাতে শুরু করেছে।

.

ফ্রেঞ্চ সাবমেরিনের টর্পেডো রুমে থমথমে নীরবতা। তরুণ এক এনসাইন কাউন্টডাউন করছে।

প্রাইমারি লঞ্চ আর বিশ সেকেণ্ড, বলল। ইরেজার হিসাবে রাখা হয়েছে নেপচুন-ক্লাস নিউক্লিয়ার টিপড টর্পেডো।

উনিশ… আঠারো… সতেরো…

.

আইসবার্গের কোলে রাশেদ হাবিব দেখল, এইমাত্র ভেসে উঠেছে মাসুদ রানা, অলিম্পিকের সেরা সাঁতারু মাইকেল ফেলপসের গতি তুলে তীরবেগে সাঁতরে আসছে হিমশৈলর দিকে। একহাতে উঁচু করে রেখেছে ম্যাগহুক।

.

ফ্রেঞ্চ নাবিক কাউন্টডাউন করছে: দশ… নয়… আট… সাত…

.

রানা বোধহয় ডলফিনদেরও হারিয়ে দেবার প্রতিযোগিতায় নেমেছে। ঝপাঝপ পড়ছে হাত। প্রবলভাবে নড়ছে পাদুটো। সাবমেরিন থেকে সরতে হবে! ট্রাইটোনাল চার্জ থেকে অনেক দূরে। ইমপ্লোশন ওকে টেনে নেবে নিজের দিকে। দশ গজ দূর থেকে ট্রাইটোনাল ফায়ার করেছে, এখন সরে এসেছে বিশ গজ দূরে। আঁচ করছে, আরও পাঁচ গজ গেলে নিরাপদ দূরত্বে সরে আসতে পারবে।

আইসবার্গ থেকে চিৎকার করল হাবিব, ভাইরে, কী হয়েছে আপনার? পাগল হয়ে গেলেন কেন!  

কিনারা থেকে সরুন! পাল্টা চেঁচাল রানা। পালান!

.

পাঁচ… চার… তিন…

কিন্তু দুই আর বলতে পারল না ফ্রেঞ্চ এনসাইন।

কারণ, ঠিক তখনই টর্পেডো টিউবের ভিতর বিস্ফোরিত হলো ট্রাইটোনাল চার্জ।

.

রাশেদ হাবিব যেখানে দাঁড়িয়েছে, ওখান থেকে দেখবার মত হলো। বিস্ফোরণটা। তার চেয়ে বড় কথা, এমন কিছুর জন্য সে তৈরি ছিল না।

পানির নীচে কালো কী যেন। ওখান থেকে হঠাৎ করেই ছিটকে উঠল সাদা মুস্ত মেঘ। কমপক্ষে পঞ্চাশ ফুট উপরে উঠল বিপুল পানি, দুই শ ফুট উপরে উঠেছে সাদা ফোয়ারা, ধীরে ধীরে পড়তে লাগল নীচে।

.

পানি-সমতলে রানা দেখল নীচ থেকে উঠে আসছে বিশাল সব নীল বুদ্বুদ। ওসব এসেছে সাবমেরিনের বো-র মস্ত গর্ত থেকে। অসংখ্য শুড় তৈরি হলো, যেন টেনে নেবে ওকে। তারপর হঠাৎ করেই তীব্র গতি তুলে বুদ্বুদগুলো ফিরতে লাগল সাবমেরিনের বুকে। রানার মনে হলো হ্যাঁচকা টান দিয়ে ওকে পিছিয়ে নিয়ে চলেছে কিছু।

ইমপ্লোশন।

ঠিক তখন বিশাল অ্যালিউমিনিয়ামের ক্যানের মত চুপসে গেল প্রকাণ্ড ফ্রেঞ্চ সাবমেরিন। মুহূর্তে চিড়ে-চ্যাপ্টা হলো সব। হঠাৎ রানা টের পেল, ওকে আর টানছে না পিছনের পানি। শিথিল করল হাত-পা, চুপ করে ভেসে রইল। নীচে আর কোনও সাবমেরিন নেই।

এর দুই মিনিট পর রানাকে টেনে তুলল রাশেদ হাবিব আইস বার্গের উপর।

বরফে সটান হয়ে শুয়ে পড়ল রানা, রেসের ঘোড়ার মত ফেস-ফেঁস শ্বাস ফেলছে।. ভিজে চুপচুপে, থরথর করে কাঁপছে শীতে। পরিশ্রমে ঘুমিয়ে পড়তে ইচ্ছা হলো ওর। তখনই মনে পড়ল: ফ্রেঞ্চ সাবমেরিন নেই, কিন্তু ওরা আছে আইসবার্গে। একটু পর হাইপোথারমিয়া ধরবে। এখন বিশ্রাম নেয়ার উপায় নেই।

<

Super User