খাড়া বরফ-টানেল ধরে উঠছে তিশা করিম।

কোথাও আওয়াজ নেই। বড় শান্তিময় পরিবেশ। চারপাশে শুধু আকাশের মত সাগরের নীল জল।

সাবলীলভাবে সাঁতরে চলেছে তিশা, লো-অডিবিলিটি ব্রিদিং গিয়ারের কারণে সামান্য হিসহিস আওয়াজ, এ ছাড়া সব চুপচাপ। সঙ্গের তিন ডাইভার ও লিলি ছাড়া কোথাও কিছু নড়ছে না। কোনও শিসের আওয়াজ নেই, গান গাইছে না কোনও তিমি।

বড়সড় ফুল-ফেস ডাইভিং মাস্কের ভিতর দিয়ে চেয়ে আছে তিশা। ওর হ্যালোজেন ডাইভ ল্যান্টার্ন আলো ফেলেছে বরফের দেয়ালে, সব লাগছে নীল ও সাদা।

অন্য ডাইভাররা জনি ওয়াকার, গোলাম মোরশেদ ও বিজ্ঞানী মহিলা নিনা ভিসার ওর পাশে নিঃশব্দে সাঁতরে চলেছে।

একটু পর হঠাৎ করেই অনেক চওড়া হয়ে গেল সুড়ঙ্গ, উপরে উঠবার সময় দুপাশের দেয়ালে বেশ কয়েকটা গোল গর্ত দেখল তিশা।

গর্তগুলো কীসের বুঝতে পারল না। একেকটা ব্যাসে দশ ফুটের মত হবে। মস্ত কোনও ফুটবল ঢুকিয়ে দেয়া যাবে তার ভিতর দিয়ে। মোটমাট আটটা গর্ত গুনল তিশা, ভাবতে শুরু করেছে কী ধরনের প্রাণী ওগুলো তৈরি করেছে।

কয়েক মুহূর্ত পর হঠাৎ করেই গর্তের কথা একেবারে ভুলে গেল ও। অনেক বেশি মনোেযোগ দিতে হয়েছে ঢের গুরুত্বপূর্ণ বিষয়ে।

উপরে আর কোনও সুড়ঙ্গ নেই!

প্রায় উঠে এসেছে ওরা গুহার ভিতর!

ইন্টারকমে বলল তিশা, স্যর, তিশা বলছি। ওদিক থেকে কোনও জবাব নেই। স্যর, আপনি কি আমার কথা শুনছেন?

না, কোনও সাড়া নেই।

এমনটা হওয়ার কথা নয়, ভাবল তিশা। স্যর জবাব দিলেন না কেন? মাত্র কয়েক মিনিট আগে যোগাযোগ করেছে ও।

হঠাৎ ইয়ারপিসে খড়খড় করে উঠল একটা কণ্ঠ। সে মাসুদ রানার কণ্ঠ নয়।

লেফটেন্যান্ট তিশা, আমি কর্পোরাল নাজমুল। তিশার মনে, হলো শোঁ-শোঁ ঝড়ের ভিতর কথা বলছে নাজমুল। বোধহয় স্টেশনের বাইরে সে। আপনার কথা শুনতে পেলাম। কী হয়েছে আপনার?

আমরা পানির উপরে উঠে আসছি, বলল তিশা। স্যরের কী হয়েছে? উনি জবাব দিলেন না, বিচলিত হয়ে জানতে চাইল ও।

উনি স্টেশনের কোথাও আছেন। বোধহয় আপার ওখানে। হয়তো কোনও কারণে হেলমেট খুলেছেন।

ওঁকে খুঁজে বের করো, নাজমুল। ওঁকে না পেলে আমাকে জানাবে। আমরা গুহার কাছে পৌঁছে গেছি।

যাচ্ছি, লেফটেন্যান্ট।

রেডিয়ো বন্ধ করে দিল তিশা, আবার উঠতে শুরু করেছে উপরের দিকে।

পানির নীচ থেকে উপরের দিকে চাইলে কেমন যেন অদ্ভুত–লাগে। ঠিক যেন কাঁচের মত। বিকৃত হয়ে যায় একটু দূরের সব কিছু।

সারফেসের দিকে উঠছে তিশা, ওর পাশে অন্যরা। প্রায় একইসঙ্গে পানির উপর মাথা তুলল ওরা।

চারপাশে চাইছে। ওরা আছে মস্ত এক নোনা পানির পুকুরের মাঝে। একদিকে বিশাল এক পাতাল-গুহা। তিশার পাশে ভাসছে জনি ওয়াকার ও গোলাম মোরশেদ। ওদের পিছনে নিনা ভিসার।

আগে কখনও এত বড় গুহা দেখেনি ওরা কেউ। ছাত হবে কমপক্ষে এক শ ফুট উপরে। চারদেয়াল এতই দূরে, মেরিনদের আনা শক্তিশালী হ্যালোজেন ল্যান্টার্ন দিয়েও দেখা গেল না গুহার শেষমাথা।

তারপর দেখতে পেল তিশা। মোরশেদের বিড়বিড় শুনতে পেল ও, আরেশশালা!

পুরো একমিনিট একটা কথাও বলতে পারল না তিশা, চেয়ে রইল বিস্ফারিত, চোখে। তারপর পুকুরের পাড়ে উঠবে বলে সাঁতরাতে শুরু করল। একটু পর পায়ের নীচে কঠিন জমিন পেয়ে গেল। পুরোপুরি চমকিত ও। একটা জিনিসের উপর থেকে চোখ সরাতে পারছে না।

আগে কখনও এমন কিছু দেখেনি তিশা। এসব দেখা যায় সিনেমার পর্দায়। টের পেল, শ্বাস আটকে রেখেছে।

ওটা কোনও ধরনের উড়োজাহাজ।

কুচকুচে কালো। নাক থেকে শুরু করে লেজ পর্যন্ত নিকষ কালো। আকার হবে সাধারণ ফাইটার জেট বিমানের মতই। বরফ-দেয়ালের ভিতর গেঁথে আছে বিশাল দুটো টেইল ফিন। যেন বহু বছর ধরে ধীরে ধীরে গিলে নিতে চেয়েছে বরফের দেয়াল বিমানটাকে।

বিশাল কালো স্পেসশিপ ঠাণ্ডা-সাদা গুহার বিপরীতে দেখতে কর্কশ লাগছে। উঁচু তিনটে শক্তিশালী হাইড্রলিক ল্যাণ্ডিং স্ট্রাটের উপর দাঁড়িয়ে আছে।

মনে হলো না পৃথিবীর কোনও মানুষের তৈরি হতে পারে ওই স্পেসশিপ।

খুবই নীচ চেহারা ওটার।

চকচকে কালো নাক কুঁকে এসেছে, ঠিক যেন বাজপাখির ঠোঁট। ওটার দিকে চাইলে কনকর্ডের কথা মনে আসে। ফিউজেলাজের দুপাশে নেমে এসেছে কালো দুটো ডানা, দেখলে মনে হয় যে-কোনও সময়ে উড়াল দেবে হিংস্র কোনও পাখি। রিইনফোর্সড় টিন্টেড গ্লাস ক্যানোপি ঠিক নাকের উপর বসানো।

বিশাল ঈগল, ভাবল তিশা। আজ পর্যন্ত সর্বকালের সবচেয়ে দ্রুত, ভয়ঙ্কর, এবং মন্তু পাখি!

তিশা টের পেল, অন্যরা ওর পাশে উঠে এসেছে বরফের মেঝেতে। চুপ করে দেখছে অদ্ভুত সুন্দর স্পেসশিপটাকে। সবার মুখের উপর থেকে ঘুরে এল তিশার চোখ।

হাঁ হয়ে গেছে গোলাম মোরশেদ।

বিস্ফারিত জনি ওয়াকারের দুই চোখ।

অবশ্য, নিনা ভিসারের প্রতিক্রিয়া অস্বাভাবিক মনে হলো তিশার। চোখ সরু করে স্পেসশিপের দিকে চেয়ে আছে মেয়েটা। কেন যেন শিউরে উঠল তিশা। নিনা ভিসারের চোখে কীসের যেন নেশা দেখেছে ও। বিপজ্জনক কোনও চিন্তা করছে সে। হয়তো ভাবছে এ থেকে কী ধরনের সুবিধা আদায় করতে পারবে।

এক সেকেণ্ড পর মাথা থেকে চিন্তাটা দূর করে দিল তিশা। স্পেসশিপের মোহ কেটে গেছে ওর, বিশাল গুহা ভালভাবে, দেখবার জন্যে চারপাশে চাইল।

দৃশ্যটা চোখে পড়তে লাগল দশ সেকেণ্ড।

দেখেই চমকে গেল তিশা। নিচু স্বরে বলল, হায় আল্লাহ!

ওরা নয়জন! বা বলা উচিত, নয়টা মৃতদেহ।

বুঝতে দেরি হয়েছে যে ওগুলো মানুষের শরীর। পুকুরের ওদিকে, কোনোটা চিত হয়ে, অন্যগুলো বড় বড় পাথরের এখানে ওখানে গুজে রাখা। চারপাশে শুধু রক্ত মেঝের উপর পুরু রক্তের স্তর, ছলকে লেগেছে দেয়ালে, মেখে আছে শরীরগুলোতে।

যেন কসাইখানা!

হাত-পা ছিড়ে নিয়েছে। কাঁধ থেকে উপড়ে নেয়া হয়েছে মাথা। কারও বুক থেকে খুবলে তুলেছে মাংস। মেঝের উপর ছড়িয়ে-ছিটিয়ে ভাঙা হাড়। বেশিরভাগে ফাটল ধরা। এখনও জড়িয়ে আছে শুকনো মাংস।।

বড় করে ঢোক গিলল তিশা, ঠেকাতে চাইছে উথলে ওঠা বমি। বুঝতে পারছে, ওরা আইস স্টেশনের নয় ডুবুরি।

তিশার পাশে থমকে গেছে মোরশেদ, ড্যাবড্যাব করে দেখছে। পুকুরের ওদিকে ছিড়েখুঁড়ে খাওয়া শরীরগুলো।

.

ভাঙা ভাঙা স্বপ্ন দেখছে মাসুদ রানা।

প্রথমে কোনও স্বপ্ন ছিল না। শুধু গাঢ় অন্ধকার। যেন ও ভাসছিল মহাশূন্যে। তারপর হঠাৎ করেই এল উজ্জ্বল সাদা আলো। ওটা ওর আত্মা। তখন ভীষণ বৈদ্যুতিক শক লাগল। আগে কখনও ভাবতে পারেনি এমন তীব্র ব্যথা লাগতে পারে। তারপর আবার ফিরে এল সব স্মৃতি। মনে হলো, ও আছে মেঝের মত কোনও জায়গায়। খুব ঠাণ্ডা, বড় একা ও, ঘুমিয়ে আছে, কিন্তু জেগেও আছে।

এটা আবার কী করে হয়?

ঘুটঘুটে অন্ধকার। চারপাশে কোনও দেয়াল নেই।

কী যেন চেটে চলেছে ওর গাল।

বোধহয় কোনও কুকুর। বড় কোনও কুকুর। কী জাতের, কে জানে! রানা শুধু বুঝতে পারছে, ওটা মস্ত। এত বড় হয় না কুকুর।

ওর গালে নাক ঠেকিয়ে শুকছে, কৌতূহলী। ওটার ভেজা নাক লাগছে মুখে। গোঁফগুলো সুড়সুড়ি দিচ্ছে ওর নাক-মুখে।

খুবই কৌতূহলী কুকুর, একইসঙ্গে ওটাকে হিংস্রও মনে হচ্ছে। তারপর হঠাৎ করেই গর্জে উঠল কুকুরটা। গলা এত জোরালো, মনে হলো নরক থেকে আসছে গর্জন!

ভীষণ চমকে গেছে রানা। অজানা কোনও শত্রুর বিরুদ্ধে গর্জে চলেছে কুকুর। ভীষণ খেপেছে। উন্মাদ হয়ে উঠেছে রাগে। লাফঝাঁপ দিচ্ছে। শত্রুর দিকে ফিরে বের করেছে হিংস্র দাঁত।

দেয়াল বিহীন বিশাল ঘরে চুপ করে পড়ে আছে রানা। বুঝতে পারছে না, কেন নড়তে পারছে না। নাকি নড়তে ইচ্ছাই করছে না? তারপর ধীরে ধীরে চোখের সামনে দেখল দেয়াল। কয়েক মুহূর্ত পর টের পেল, আছে ই-ডেকের ধাতব প্ল্যাটফর্মে।

এখনও ওর উপর ঝুঁকে আছে মস্ত কুকুরটা। ক্ষুরধার দাঁত বেরিয়ে এসেছে, ভয়ঙ্কর ঘড়ঘড় আওয়াজ করছে। এই কুকুর যেন ওকে আড়াল দিতে চাইছে।

কিন্তু কী থেকে? কুকুরটা কী দেখছে, যেটা নিজে ও দেখতে পাচ্ছে না?

তারপর হঠাৎ করেই ঘুরল কুকুরটা, দৌড়ে চলে গেল। স্টিলের ডেকে পড়ে রইল একা রানা।

ঘুমন্ত অথচ জাগ্রত। নড়তে পারছে না। হঠাৎ ওর মনে হলো, ও খুব অসহায়।

পায়ের দিক থেকে কী যেন আসছে ওর দিকে। দেখতে পেল রানা, কিন্তু শুনতে পেল পায়ের আওয়াজ। খুব ধীরে, স্টিলের প্ল্যাটফর্মে এক পা এক পা করে আসছে।

তারপর হঠাৎ ওর চোখের সামনে ঝুঁকে এল পৈশাচিক এক মুখ! দেখল রানা, হাসছে সে।

জ্যাকুস ফিউভিল!

চটচটে রক্তে মাখা বিকৃত মুখ। ঠোঁটে বাঁকাচোরা হাসি। কপালের ক্ষত থেকে ছিড়ে ঝুলছে মাংস। জ্বলজ্বল করছে দুই চোখ, তাতে তীব্র ঘৃণা। ছোরা উপরে তুলল ফ্রেঞ্চ কমাণ্ডো, ওটা দেখাল।

তারপর ঝাঁকি খেল ছোরা, নামতে শুরু করেছে রানার গলা লক্ষ্য করে…

এই যে, নরম স্বরে বলল কে যেন।

চট করে চোখ মেলল রানা। ভেঙে গেছে দুঃস্বপ্ন টের পেল, চিত হয়ে শুয়ে আছে। এটা কোনও বিছানা হতে পারে। ঘরে উজ্জ্বল ফুরোসেন্ট বাতি। দেয়ালের রং সাদা। আসলে বরফের দেয়াল।

ওর পাশে দাড়িয়ে আছে এক লোক।

তার উচ্চতা হবে বড়জোর সোয়া পাঁচ ফুট। আগে কখনও একে দেখেনি রানা।।

বেশ খাটো, কিন্তু গিটারের ছয় নম্বর তারের মত টানটান শরীর। মস্ত দুটো খয়েরি চোখ। মাথা ছোট বলে লোকটার দুই চোখ আরও বড় লাগছে। কাঁধে সাদা-কালো চুল। মনে হলো, এক মাসের ভিতর চিরুনি পড়েনি ওখানে। সামনের উপরের দুটো দাঁত অনেক বড়, সেগুলোর মাঝের ফাঁক দিয়ে ম্যাচের দুটো কাঠি ঢুকিয়ে দেয়া যাবে। পরনে লোকটার সাদা শার্ট ও পলিয়েস্টার প্যান্ট। উইলকক্স আইস স্টেশনের বরফ-ঠাণ্ডা পরিবেশে তাকে বেমানান লাগছে।

লোকটার হাতে কী যেন।

দীর্ঘ একটা স্ক্যালপেল।

ওটার দিকে দ্বিতীয়বার চাইল রানা।

স্ক্যালপেলে তাজা রক্ত।

চিকন স্বর বলল, হ্যাঁ। আপনি জেগে আছেন।

উজ্জ্বল আলোয় ভুরু কুঁচকে ফেলল রানা, উঠে বসতে চাইল। সম্ভব হলো না। কী যেন ওকে বাধা দিয়েছে। এবার বুঝতে পারল, কেন উঠে বসতে পারেনি।

বিছানার দুপাশে দুটো চামড়ার ফিতা আটকে রেখেছে ওর দুই হাত। আরও দুটো আটকে দিয়েছে ওর দুই পা। উঁচু হয়ে চারপাশ দেখতে চাইল রানা, সেটাও পারা গেল না। কপালেও সমস্যা। ফিতা দিয়ে আটকানো ওর মাথা। বিছানা থেকে উঠবার উপায় নেই ওর।

বিদঘুটে লোকটার দিকে চেয়ে রইল রানা।

ভালভাবেই ওকে আটকে রেখেছে সে।

একমিনিট, বলল খাটো লোকটা। আর বড়জোর… দুই সেকেণ্ড… তারপর…।

উঁচু করে ধরল রক্তাক্ত স্ক্যালপেল, তারপর সরে গেল। আর তাকে দেখতে পেল মা রানা, তাড়াতাড়ি করে বলল, দাড়ান!

পরের সেকেণ্ডে আবারও লোকটাকে দেখা গেল। ভুরু কুঁচকে চাইল রানার দিকে। কী ব্যাপার?

আপনি… কী করতে চাইছেন? ব্যাঙের ডাকের মত আওয়াজ বেরুল রানার কণ্ঠ থেকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।

হাসল লোকটা। বেরিয়ে এল এবড়োখেবড়ো দাতগুলো। ভয় নেই, মেজর। আপনি এখনও উইলকক্স আইস স্টেশনেই আছেন …আপনাকে দেখে মনে হয় যেন বাঙালি।

বাংলায় জানতে চাইল রানা, আপনি কে?

কেন, মেজর, বলল সে, খুনি বিজ্ঞানী রাশেদ হাবিব।

বড় করে ঢোক গিলল রানা।

লোকটা আবার চলে গেছে ওর মাথার পিছনে। কী যেন করছে। আবার গুনগুন করে নাকি সুরে গানও গাইছে। ব্যথা লাগছে ঘাড়ে। ওদিক দিয়ে স্ক্যালপেল ঢুকিয়ে দেবে নাকি?

কাচির খচখচ আওয়াজ, তারপর ঠক করে কী যেন ফেলল। আবার পাশে চলে এল লোকটা, এখন হাতে স্ক্যালপেল নেই। রানার কপাল আটকে রাখা ফিতা খুলতে শুরু করেছে। তার মূল কাজ শেষ, বের করে নিয়েছে বুলেটের চারটে টুকরো। বাধন খুলবার ফাঁকে বলল, আপনি-কবর থেকে ফিরে এলেন, মেজর।

কবর থেকে?

হ্যাঁ, মাথা দোলাল বিজ্ঞানী। আপনার কপাল খুব ভাল। কলারের ভিতর কেভলার কলার না থাকলে… এতক্ষণে হুরপরীদের সঙ্গে… বুলেটের সমস্ত শক্তি খেয়ে ফেলেছে ওই কেভলার।

গলা ও ঘাড় থেকে গোলাকার কলার সরিয়ে নিল সে, রানার চোখের সামনে ধরল। স্নাইপারদের বুলেট ঠেকাতে অফিসারদের ওই জিনিস দেয়া হয় মেরিন ফোর্স থেকে। সার্জেন্ট বা কর্পোরালদেরকে দেয়া হয় না, কারণ স্নাইপাররা সাধারণ কাউকে গুলি করবে না।

কপালের ফিতা খুলে দিল রাশেদ হাবিব। আরও মনোযোগ দিয়ে কেভলার কলার দেখল রানা। জিনিসটা দেখতে যাজকের সাদা কলারের মত, টার্টল-নেক গেঞ্জির কলারের ভিতর অংশে ছিল। ঘাড়ের কাছে এবড়োখেবড়ো গর্ত। ওদিক দিয়ে ঢুকেছে বুলেট।

এটা না থাকলে মরতেন, বলল বিজ্ঞানী। বুলেট ছিড়ে দিত ক্যারোটিড। তারপর আপনাকে বাঁচায় কার বাপের সাধ্যি। কলারে লেগে থেমেছে বুলেট, ঘাড়ে লেগেছে সামান্য কয়েকটা টুকরো। তাতেও নিশ্চিন্তে মরা যেত। এবং মরেও ছিলেন। অন্তত কিছুক্ষণের জন্যে।

বকবক করছে লোকটা। হতাশ হয়ে মনোযোগ হারাল রানা। ঘরের চারপাশে চোখ বোলাতে শুরু করেছে। এই ঘর কারও লিভিং কোয়ার্টার। একপাশে একটা খাট, একটা ডেস্ক, তার উপর কমপিউটার ও দুটো সাদা-কালো টিভি মনিটর। শেষের দুটো রাখা হয়েছে প্রাচীন এক ডিভিডি রেকর্ডারের উপর।

ঘুরে চাইল রানা। কী যেন বলছিলেন?

আপনার ঘাড়ে বুলেটের কয়েকটা টুকরো গেঁথেছিল, মেজর। ধরুন একমিনিটের জন্য থেমে গেছিল হৃৎস্পন্দন। আপনি ছিলেন তখন ক্লিনিক্যালি ডেড।

তাই? মাথা উঁচু করে ঘাড় নাড়ল রানা। কিন্তু দুই হাত নাড়তে পারল না। এখনও ওর হাত-পায়ের ফিতা খুলে দেয়া হয়নি।

ভয় পাবেন না, সব ফিতাই খুলে দেব, বলল রাশেদ হাবিব। বুলেটের টুকরোগুলো সরিয়ে নিয়েছি, পরিষ্কারও করেছি ক্ষত। ওখানে কেভলার কলারের কয়েক টুকরোও ছিল। সরিয়ে নিতে কষ্ট হয়নি। আপনি যখন জেগে গেলেন, তার আগে এই কাজই করছিলাম। বিছানার পাশে রুপালি একটি ট্রেতে রেখেছে রক্তাক্ত স্ক্যালপেল। পাশে রক্তে ভেজা ধাতুর সাতটা টুকরো।

কোনও ভয় পাবেন না, হয়তো ভাবছেন আমি ডাক্তার নই, বড় বড় দাঁত দুটো বেরিয়ে এল হাসিতে। এমবিবিএস পাশ করে মনে হলো কাজটা আমার নয়, তাই জিয়োফিক্সি পড়তে শুরু করি।

আমার বাঁধন তো খুলবেন? বলল রানা।

হ্যাঁ, তা তো খুলে দেবই। ভুলেই গিয়েছিলাম। নার্ভাস মনে হলো লোকটাকে। প্রথমে আপনার মাথা স্থির রাখতে হয়েছে, নইলে বুলেট আর কেভলারের টুকরো ঘাড় থেকে বের করতে পারতাম না। আপনি কি জানেন ঘুমের ভিতর খুব নড়চড়া করেন? জানবেন কোত্থেকে? ঘুমে কাদা! তা যাই হোক, আমি বুঝলাম এই মালকে ধরে রাখতে পারব না, আর তখন আচ্ছামত বেঁধে নিতে হলো। দুর্বল হাসি দিল হাবিব। ছাড়া পেয়ে আমাকে আবার আটকে রাখবেন না তো?

গম্ভীর মুখে রাশেদ হাবিবকে দেখল রানা। লোকটা আসলেই খুব নার্ভাস। কিছুদিন আগে খুন করেছে এক সহকর্মীকে। এখন ভাবছে, তার উপর প্রতিশোধ নেয়া হতে পারে। কিন্তু আমার কী হবে, ভাবল রানা। আমি আর এখানে আটকা থাকতে চাই না। পাগলাটে লোক, কখন কী করে বসবে তার কোনও ঠিকও নেই।

আরও কিছু বলবেন? জানতে চাইল রানা। কথার ফাঁকে ঘরের ভিতর চোখ বোলাল। দূর দেয়ালে দরজা। ভালভাবেই আটকে রাখা। সব, দেয়াল বরফের।

মেজর, আমি বলতে চাই: আমি কোনও খুনি নই। আমি কক্ষনো চার্লস মুনকে খুন করিনি।

কোনও কথা বলল না রানা। চট করে মনে পড়ে গেল নিনা ভিসারের কথাগুলো এই লোকই চার্লস মুনকে খুন করেছে। যে রাতে খুন হয় লোকটা, খুব ঝগড়া করেছিল রাশেদ হাবিব। তারপর মুনের কণ্ঠে গেঁথে দেয়া হয় হাইপোডারমিক সিরিঞ্জ। তার ভিতর ছিল, লিকুইড ড্রেন ক্লিনার। রক্তে মিশে যায় বিষ। পরে যখন লাশ পাওয়া যায়, ঘাড় থেকে ঝুলছিল সিরিঞ্জ।

আমার কথা বিশ্বাস করতে পারছেন না? নিচু স্বরে বলল হাবিব। সন্দেহ নিয়ে চেয়ে আছে রানার দিকে।

কোনও জবাব দিল না রানা।

মেজর, আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে। বুঝতে পারছি ওরা কী বুলেছে। কী ভয়ঙ্কর খুনি আমি। কিন্তু আমার কথা শুনতে হবে আপনাকে। আমি খুন করিনি। আল্লার কসম! ওই কাজ আমি করিনি।

বড় করে শ্বাস ফেলল সে, ধীর গতিতে বলতে শুরু করল।

মেজর, এটা সাধারণ কোন ইস্টিশন না। এখানে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। আপনি এখানে আসার আগে অনেক কিছুই ঘটেছে। কাউকে বিশ্বাস করতে পারবেন না।

কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারব, তা-ই না? জানতে চাইল রানা।

হ্যাঁ। ঠিক তা-ই। ঘন ঘন মাথা দোলাল বিজ্ঞানী। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, ঠিক? আপনাকে বলা হয়েছে, মাত্র চার-পাঁচ দিন আগে এক লোককে খুন করেছি, তার ঘাড়ে গেঁথে দিয়েছি ইণ্ডাস্ট্রিয়াল-স্ট্রেংথ ড্রেইনো। ঠিক? হ্যাঁ, বেশ, এবার বুঝতে হবে আপনাকে… রানার দিকে এক পা সামনে বাড়ল সে।

কী করতে চান? সাবধানী চোখে চেয়ে রইল রানা। আপনি এবার বুঝবেন… বন্দির বুকের কাছে ঝুঁকে এল রাশেদ হাবিব। ওকে পাহাড়ের মত উঁচু মনে হলো রানার। ঠাণ্ডা দুই চোখ চেয়ে আছে ওর দিকে।

আরও আড়ষ্ট হয়ে গেল রানা। হৃৎস্পন্দন বাড়তে শুরু করেছে। পুরোপুরি অসহায়। লোকটা যে কী করে বসবে…

খস্! হঠাৎ করেই খুলে গেল রানার বামহাতের ফিতা, লুটিয়ে পড়েছে মেঝের উপর। এক সেকেণ্ড পর ডানহাত খুলে গেল।

দুই হাত খুলে গেছে রানার। এবার ওর বুক আটকে রাখা ফিতা খুলে দিল বেঁটে বিজ্ঞানী। চট করে উঠে বসল রানা। সরে গেছে লোকটা, দুই পায়ের ফিতা খুলছে ব্যস্ত হয়ে।

দীর্ঘ কয়েক মুহূর্ত রাশেদ হাবিবের দিকে চেয়ে রইল রানা, তারপর নরম স্বরে বলল, ধন্যবাদ।

আমাকে ধন্যবাদ দেবেন না, মেজর, বলল হাবিব। আমাকে বিশ্বাস করুন। …কথা দিন: সব ঝামেলা শেষ হলে চার্লস মুনের লাশ পরখ করে দেখবেন। তার চোখ আর জিভ দেখলেই হবে। তা হলেই সব বুঝবেন। আপনি আমার একমাত্র ভরসা, মেজর। আপনি একমাত্র লোক যে প্রমাণ করতে পারবেন আমি আসলে নিরপরাধ।

রানাকে মুক্ত করে দিয়েছে রাশেদ হাবিব। উঠে বসল রানা, আস্তে করে ধরল ঘাড়ের পিছন অংশ। ব্যথায় দপদপ করছে জায়গাটা। কাছের এক আয়না দিয়ে ঘাড়ের পিছন দিক দেখল। ভালভাবেই ক্ষত বুজে দিয়েছে হাবিব। সেলাইয়ে কোনও খুঁত নেই। 

লোকটার হাত থেকে অ্যাডহেসিভ গজ নিল রানা, ক্ষতের উপর শক্ত করে বসিয়ে দিল। নিজের দেহের দিকে চাইল। ওর বেশিরভাগ আর্মার সরিয়ে নিয়েছে বিজ্ঞানী। এখনও পরে আছে ক্যামোফ্লেজ ফেটিগ। তার নীচে টার্টল-নেক গেঞ্জি। পায়ে এখনও বুট, তুবড়ে গেছে গোড়ালি ও হাঁটুর গার্ডগুলো। দূরের দেয়ালের কাছে একটা টেবিল, তার উপর রাখা পিস্তল, ছোরা, এমপি-৫ মেশিন পিস্তল ও ম্যাগহুক।

বন্ধ ঘরের দরজা আবারও দেখল রানা। কী যেন মনে পড়তে চাইছে। ও, হ্যাঁ, রিভেট মেরে বন্ধ করে দেয়া হয় রাশেদ হাবিবের রুমের দরজা। কিন্তু মন বলছে, ও যেন দেখেছে ভেঙে ফেলা হয়েছে দরজা।

হঠাৎ জানতে চাইল রানা, কীভাবে এখানে আনলেন?

সোজা কাজ। আপনার শরীরটা ভরে দিলাম লিফটে, তারপর তুলে আনলাম এই লেভেলে, বলল হাবিব।

কিন্তু আপনার ঘরের দরজা বন্ধ করে দেয়া হয়। কীভাবে বেরুলেন বা ঢুকলেন?

চতুর হাসল বিজ্ঞানী। আপনি আমাকে জাদুকর হ্যারি হুডিনি বলতে পারেন।

ঘরের আরেক প্রান্তে চলে গেল সে, থমকে দাঁড়িয়ে গেল দুই টিভি মনিটরের সামনে। চিন্তা করবেন না, মেজর, সবই বলব। অবশ্য তার আগে, আপনাকে একটা দৃশ্য দেখাতে চাই।

সেটা কীসের?

আবারও হাসল হাবিব। সেই চতুর হাসি। মেজর, আপনি নিশ্চয়ই দেখতে চান কে আপনাকে গুলি করেছে?

কয়েক পলক হাবিবের দিকে চেয়ে রইল রানা, তারপর বিছানা থেকে নেমে এল। টনটন করছে ঘাড়, শুরু হয়ে গেছে বেদম মাথাব্যথা। তিক্ত মনে ঘরের আরেক প্রান্তে পৌঁছে গেল ও, হাবিবের পাশে দুই টেলিভিশন মনিটরের সামনে থামল।

আপনার ঠাণ্ডা লাগছে না? লোকটার নিশ্চিন্তভাব দেখে জানতে চাইল।

শার্টের দুটো বোম খুলে ফেলল হাৰিব, দেখা গেল সুপারম্যানের মত নীল ওয়েটসুটের আণ্ডারগার্মেন্ট। নিয়োপ্রেন বডিসুট, গর্ব করে বলল। আসলে স্পেসওয়াকের জন্য এই জিনিস ব্যবহার করে। এখানে হিমাঙ্কের এক শ ডিগ্রি নীচে নেমে গেলেও টের পাব না।

ডানপাশের মনিটর চালু করল বিজ্ঞানী, সাদা-কালো স্ক্রিনে কিছুই দেখা গেল না। অবশ্য দশ সেকেণ্ড পর দৃশ্য ফুটল। আইস স্টেশনের নীচের ডেক দেখতে পেল রানা। ওই যে কালো পুল।

ছবিটা একটু অদ্ভুত। অনেক উপর থেকে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। পুল ও চারপাশের দৃশ্য।

লাইভ ফিড, মন্তব্য করল হাবিব। সি-ডেকের সেতুর নীচ থেকে এই দৃশ্য তুলছে ক্যামেরা। একেবারে নীচে নীল পানির পুল।

স্ক্রিনে সাদা-কালো ছবি দেখছে রানা ভুরু কুঁচকে।

ছয় মাসে একবার করে বিজ্ঞানীদের পালা করে সরিয়ে নেয়া হয় অন্য ঘরে, বলল হাবিব। আমার আগে এ ঘরে যে লোক ছিল, সে এক পাগল মেরিন বায়োলজিস্ট। এসেছিল নিউ যিল্যাণ্ড থেকে। কিলার ওয়েইল খুব পছন্দ করত সে। সারাদিন ধরে খুনি তিমি দেখত। ঘণ্টার পর ঘণ্টা শুধু এ-ই। কিলার ওয়েইলগুলো। বাতাস নেয়ার জন্য আসত স্টেশনে। ওগুলোর প্রতিটার নাম দিয়েছিল। লোকটার নাম ছিল… কী যেন! কার্কাস? না… মাথা নাড়ল হাবিব। তা যাই হোক। বুড়ো কার্কাস সেতুর নীচে একটা ক্যামেরা বসাল। ঘরে বসে পুলের ভিতর খুনি তিমি দেখবে। ওরা এলেই দৌড়ে এসে ঘরে মনিটর চালু করত। কখনও গিয়ে ঢুকত ডাইভিং বেলের ভিতর। কাছ থেকে কিলার ওয়েইল দেখবে বলে। পাগল না?

রানার দিকে চেয়ে ফিক করে হেসে ফেলল হাবিব। আর রানার মনে হলো, সামনেই তো আস্ত পাগল দেখছি! ..

যাই হোক, কিলার–ওয়েইল নিয়ে আমরা কথা বলছি না। আবার মনিটরের দিকে চাইল হাবিব।

আপনি কিলার ওয়েইলের সঙ্গে আমাদের লড়াই দেখেছেন? জানতে চাইল রানা।

ভয়ঙ্কর, তা-ই না? বলল হাবিব। দেখিনি মানে! ডিভিডি করে রেখেছি! কাছ থেকে দেখেছেন? একেকটা দানব। আপনি কি জানেন কীভাবে শিকার করে? শিকারের আগের অভ্যেস খেয়াল করেছেন? শিকার ধরার আগে একবার পাশ দিয়ে যায়, তারপর ফিরে এসে হামলা শুরু করে।

আগে খেয়াল করিনি, বলল রানা।

আমার কথা বিশ্বাস করতে পারেন। প্রতিবার একই কাজ করে। আগেই বইয়ে পড়েছিলাম। আমার কী মনে হয় জানেন, ওরা আগেই কোনোভাবে অন্যদেরকে বুঝিয়ে দেয় এই শিকারটা আমার। আপনি চাইলে দেখাতে পারি যে কীভাবে…

অন্য কিছু দেখাতে চেয়েছিলেন, তাড়াতাড়ি করে বলল রানা। এক লোক গুলি করছে আমাকে।

ও, হ্যাঁ। ঠিক কথাই তো বলেছেন। ভুলে গিয়েছিলাম। রানা ভুরু কুঁচকে চেয়ে আছে দেখে টেবিলের উপর থেকে একটা ডিভিডি ডিস্ক নিল সে, ভরে দিল প্লেয়ারে। লোকটা বোধহয় পাগল, ধারণা করল রানা। খুব নার্ভাস, সর্বক্ষণ তিরতির করছে চোখের তারা। অবশ্য বোঝা যায় তুখোড় বুদ্ধিমান লোক। অনেক বেশি কথা বলে। একবার শুরু করলে চট করে থামতে পারে না। রানা আঁচ করতে চাইল কত হবে তার বয়স। কয়েক সেকেণ্ড পর সিদ্ধান্ত নিল, পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ।

এই তো পেয়েছি! হঠাৎ বলে উঠল রাশেদ হাবিব।

কী? জানতে চাইল রানা।

আর্লিং কর্গ্যান! ওই মেরিন বায়োলজিস্টের নাম…

ডিভিডি চালু করুন, বিরক্ত হয়ে বলল রানা।

ও, হ্যাঁ, ঠিকই তো বলেছেন, প্লে বাটন টিপল হাবিব।

কয়েক সেকেন্ড পর দ্বিতীয় মনিটরে দৃশ্য ফুটল। প্রথম মনিটরের মতই, অনেক উপর থেকে ছবি তোলা হয়েছে। পুল ও চারপাশের প্ল্যাটফর্ম।

অবশ্য, একটা ব্যতিক্রম আছে।

দ্বিতীয় মনিটরে দেখা গেল এক লোক দাঁড়িয়ে আছে নীচের ডেকে। মেরিনদের মত পোশাক। একা।

বোঝা গেল না সে কে হতে পারে। ক্যামেরা ঠিক তার মাথার উপর থেকে ছবি তুলেছে। চকচক করছে লোকটার হেলমেটের উপর অংশ এবং শোল্ডারপ্লেট।

তারপর হঠাৎ করেই মুখ তুলে চাইল লোকটা। বিশাল কূপের উপর দিকে চেয়েছে। নিজের মুখ দেখতে পেল রানা। ভুরু কুঁচকে নিজের ভুরু কোঁচকানো মুখ দেখছে ও। হাবিবের দিকে চাইল রানা, এটা কখন রেকর্ড করেছেন?

দেখতে থাকুন।

আবার মনিটরে মন দিল রানা। পুলের কাছে গিয়ে দাঁড়িয়েছে ও, হেলমেটে কী যেন বলল। কোনও আওয়াজ নেই। মুখ নড়ছে।

কথা শেষ হলে ডেকের উপর এক পা সামনে বাড়ল।

ওখানেই থেমে গেল। কীসের উপর যেন পা পড়েছে।

রানা নিজের ছবি দেখছে, সামনের দিকে ঝুঁকে গেছে ও। ডেকের উপর ভাঙা কাঁচ। চারপাশ দেখে নিল। তারপর যেন-কান পাতল। কিছু শুনতে হলে অনেকে এভাবে মুখ কাত করে। বোধহয় হেলমেট মাইক্রোফোনে কিছু বলছে কেউ।

ছবির রানা আবার সোজা হয়ে দাঁড়াল, ঘুরে দাঁড়াতে শুরু করেছে। হঠাৎ করেই ভীষণ ঝাঁকি খেল ওর দেহ। ঘাড় থেকে ছিটকে বেরুল সরু রেখার রক্ত; থমকে দাঁড়িয়ে গেছে রানা, টলমল করছে দুদিকে। ঘাড়ের উপর রাখল হাত, আবার মুখের সামনে নিয়ে এল ওটা। বোধহয় তাজা রক্ত।

হঠাৎ করেই ভাঁজ হয়ে গেল দুই হাঁটু। ডেকের উপর ধপ্ করে পড়ল। আর একটুও নড়ছে না।

নিজেকে টেলিভিশনের পর্দায় দেখছে রানা, কিন্তু খুশি হতে পারছে না।

এইমাত্র ওকে গুলি করা হয়েছে।

রাশেদ হাবিবের দিকে চাইল রানা।

আরও আছে, মনিটরে মনোযোগ দিল হাবিব। অনেক কিছু আছে।

টেলিভিশনের পর্দায় মন দিল রানা। পুলের পাশে পড়ে আছে ওর দেই। কিছুক্ষণ পেরিয়ে গেল, কিছুই ঘটছে না। তারপর হঠাৎ করেই দৃশ্যপটের এক পাশে কী যেন নড়ে উঠল।

রানার শিরার ভিতর বান নামল অ্যাড্রেনালিনের, এবার দেখবে কে ওকে গুলি করেছে।

প্রথমে একটা হেলমেট দেখা গেল। ওরই মত মেরিনদের পোশাক পরা।

হাঁটবার ভঙ্গি দেখে বোঝা গেল সে পুরুষ। কিন্তু মুখ দেখা গেল না।

ওর নিথর দেহের দিকে খুব ধীর ভঙ্গিতে আসছে সে। কোনও ব্যস্ততা নেই। হোলস্টার থেকে বের করে ফেলেছে পিস্তল। স্লাইড টেনে নিল। কক করেছে। এবার গুলি করবে।

টেলিভিশনের দৃশ্যে পুরো মনোযোগ দিয়েছে রানা।

হেলমেটের কারণে লোকটার মুখ দেখা যাচ্ছে না। অচেতন রানার পাশে বসল সে, দুই আঙুল দিয়ে রক্তাক্ত গলা স্পর্শ করল।

পালস্ পরখ করে দেখছে, বিড়বিড় করল রাশেদ হাবিব।

কয়েক সেকেণ্ড পর উঠে দাঁড়াল খুনি, সন্তুষ্ট হয়েছে যে রানার হৃৎস্পন্দন থেমে গেছে। আনকক করল পিস্তল, হোলস্টারে রেখে, দিল।

এবার মন দিয়ে দেখুন, বলল হাবিব। রানার দিকে ফিরে চাইল। মেজর, সত্যিই আপনার হার্ট থেমে যায়।

লোকটার দিকে চেয়ে নেই রানা, সমস্ত মনোযোগ মনিটরে। আঠার মত আটকে গেছে স্ক্রিনে ওর দৃষ্টি।

এবার দেখুন কী করে, বলল হাবিব। আর এখানেই মস্ত ভুল করল সে, নইলে…

দৃশ্যের লোকটার দিকে চেয়ে আছে রানা। হেলমেটের জন্য এখনও দেখা যাচ্ছে না মুখ। প্রচণ্ড লাথি দিয়ে রানার দেহ গড়িয়ে নিচ্ছে লোকটা। নিয়ে চলেছে পুলের ধারে। জোরালো তিনটে লাথি খেয়ে পুলের পাশে পৌঁছে গেল রানা। পরের লাথিতে ঝুপ করে পানিতে পড়ল ওর শিথিল দেহ।

লোকটা জানে না, বলল হাবিব, ব্যাটা লাখিয়ে আপনার হার্ট চালু করে দিয়েছে।

বলতে পারেন কীভাবে কী হলো?

ধারণা করেছি, পানি এতই ঠাণ্ডা, ওটা ডেফিব্রিলেটরের কাজ করেছে। আপনি তো জানেন, টেলিভিশনে দেখেননি? প্যাডেল দিয়ে ইলেকট্রিক-শক মেরে লোকের হার্ট চালু করে? ঠিক ওভাবে আপনার দেহে ঝাঁকি দিয়েছে বরফ-ঠাণ্ডা পানি। এবার বুঝুন? আপনার কোনও প্রস্তুতি নেই, এখন ওই ঠাণ্ডা সহ্য করতে পারে কোনও শরীর? ওই ঝাঁকি খেয়ে চালু হয়ে গেল আপনার হৃৎপিণ্ড।

মনিটরে চেয়ে আছে রানা।

পুলের কিনারায় দাঁড়িয়েছে লোকটা, চেয়ে আছে পানির দিকে। বুদ্বুদ ও ঢেউ নীচে। আধ মিনিট পর ঘুরে দাঁড়াল লোকটা, দেখে নিল চারপাশ। কিন্তু তার পিছনে পুলের ভিতর কী যেন! বিড়বিড় করল রানা, ওটা আবার কী!

দ্রুত হেঁটে দৃশ্যপট থেকে বিদায় নিল লোকটা।

এবার রাশেদ হাবিবের দিকে চাইল রানা।

সব শেষ হয়নি তো, ভাই, আপত্তির সুরে বলল লোকটা। ভাল করে দেখুন।

আবারও মনিটরে মন দিল রানা।

পুল ডেক ফাঁকা। কেউ নেই। দীর্ঘ কয়েক সেকেণ্ড পেরিয়ে গেল। কিছুই ঘটছে না। ধীরে ধীরে একমিনিট পেরুল, তারপর হঠাৎ করেই ওটা দেখতে পেল রানা।

কী হতে পারে? বিড়বিড় করে বলল।

ঠিক তখনই হঠাৎ করে আপনা-আপনি পুলের পানি সরে যেতে লাগল। সরছে বুদ্বুদ ও ফেনা, তারপর ভেসে উঠল অচেতন রানার দেহ।

অবাক হয়ে দেখছে রানা। শিরার ভিতর ঠাণ্ডা হয়ে আসতে চাইল ওর রক্ত।

জিনিসটা যাই হোক, আসলেই প্রকাণ্ড। আকারে কিলার ওয়েইলের চেয়ে খুব বেশি ছোট নয়।

কিন্তু কোনও কিলার ওয়েইল নয়।

পানি থেকে তুলে ফেলল রানার অচেতন দেহ, আস্তে করে নামিয়ে রাখল ডেকের উপর। চারপাশে গড়িয়ে গেল হালকা ঢেউ। এবার ডেকের উপর উঠে এল গণ্ডারের চেয়ে অনেক বড় প্রাণীটা। ওটার বিপুল ওজনে থরথর করে কেঁপে উঠল ডেক।

হতবাক হয়ে দেখছে রানা। ওটা কোনও ধরনের সিল।

কিন্তু ওর জানা ছিল না, এত বড় সিল পৃথিবীতে আছে।

বিপুল চর্বির কারণে থলথল করছে বিশাল দেহ, পিছনের দুই ফ্লিপারের উপর ভর করেছে। রানা আঁচ করল, ওটা ভয়ঙ্কর শক্তিশালী। অমন শরীরের ভর রাখতে হলে পেশিও হতে হবে প্রকাণ্ড। ওই প্রাণীর ওজন কমপক্ষে আট টন।

অবাক করা ওটার দাঁত। বিশাল সিলের দুই শ্বদন্ত উপর থেকে নীচের দিকে নামেনি, শুরু হয়েছে নীচের মাড়ি থেকে উঠে গেছে নাকের দুপাশে।

কী ওটা? নিচু স্বরে বলল রানা।

আমি জানি না, বলল হাবিব। নাক, চোখ, মাথার আকৃতি দেখে মনে হয় এলিফ্যান্ট সিল। কিন্তু এত বড় হয় না ওই জিনিস। বা অমন দাঁতও কোনোদিন বাপের জন্মে দেখিনি। এলিফ্যান্ট সিলের নীচের ক্যানাইন বড়, কিন্তু এমন বিশাল হয় না।

ডেকের উপর প্রায় দাঁড়িয়ে পড়েছে সিল, তারপর নিচু হয়ে রানার দেহ দেখল। মনে হচ্ছে শুকছে ওকে। দীর্ঘ গোঁফ ঘষা লাগছে রানার নাকে-গালে। অনড় পড়ে আছে রানা।

তারপর খুব ধীরে মস্ত একটা হাঁ করল সিল। আরও ঝুঁকে এল, কোদালের মত দাঁতগুলো দেখা গেল পরিষ্কার। ওই জন্তুর চোয়ালের ভিতর সহজেই ঢুকে যাবে রানার মাথা।

চোখ বিস্ফারিত করে দেখছে রানা।

এবার গেল আমার মাথা!

তো বাঁচলাম কী করে?

ডিনার সারতে আরও নেমে এল সিল। হাঁটা আরও বড় করেছে, তারপর হঠাৎ করেই চরকির মত ঘুরে গেল ওটা। এতই দ্রুত যে, চমকে গেল রানা। এই সাইজের মাল এমন দ্রুত নড়লে… থরথর করে কেঁপে উঠল ডেক।

দূরের কিছু দেখছে ওটা। কিন্তু অন্য কাউকে দেখা গেল না।

কুকুরের মত ঘেউ-ঘেউ শুরু করেছে সিল।

দৃশ্যের সঙ্গে আওয়াজ নেই, কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে কুকুরের মত ডাক ছাড়ছে। সরে গেছে দুই ঠোঁট, বেরিয়ে এসেছে ক্ষুরধার দাঁতগুলো। খেপে গিয়ে চরকির মত ঘুরছে, সেইসঙ্গে ঘেউ ঘেউ। ভঙ্গি দেখে মনে হলো ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়বে শত্রুর উপর। পিছনের দুই ফ্লিপারের পেশি থরথর করে কাঁপছে।

তারপর হঠাৎ করেই ঘুরে দাঁড়াল দানবীয় সিল, ঝপাস করে আঁপিয়ে পড়ল পুলের ভিতর। তৈরি হলো বিশাল ঢেউ। ডেকের উপর দিয়ে বয়ে গেল পানির স্রোত। তার ভিতর পড়ে থাকল রানা।

দাঁড়ান-দাঁড়ান, নাটকীয় ভাবে বলল রাশেদ হাবিব। এবার আসছেন ত্রাতা হাবিব।

দৃশ্যপটে পা রাখল এক বেঁটে লোক, এর মাথায় মেরিনদের হেলমেট নেই। পরিষ্কার দেখা গেল তাকে, বিজ্ঞানী রাশেদ হাবিব। ছুটে চলে গেল রানার দেহের পাশে, তারপর দুহাত ভরে দিল বগলের ভিতর, টেনে নিয়ে চলেছে। কয়েক সেকেণ্ড পর কাউকে দেখা গেল না। ফাঁকা পুল ডেক দেখাচ্ছে ক্যামেরা।

স্টপ বাটন টিপল বিজ্ঞানী। আর কিছু নেই।

কিছুক্ষণ চুপ করে থাকল রানা। এখনও হজম করতে পারেনি সব।

প্রথমে ওকে গুলি করেছে এক লোক, ওর পালস দেখেছে, তারপর নিশ্চিত হয়ে লাথি মেরে ওকে ফেলে দিয়েছে পানির ভিতর। ওকে আর খুঁজে পাওয়া যেত না।

এরপর এল এলিফ্যান্ট সিল। ওটা পানি থেকে তুলে আনল ওকে, আস্তে করে নামিয়ে দিল প্ল্যাটফর্মে। তারপর খেতে চেয়েও ফিরতে হলো কালো পানিতে হাজির হলো রাশেদ হাবিব।

এবার কী বুঝলেন? বলল বিজ্ঞানী। আমি না বলেছি আপনি ক্লিনিক্যালি ডেড ছিলেন? ওই লোক নিশ্চিত ছিল যে আপনি আর ফিরছেন না।

নিশ্চিত না হলে আর একটা গুলি পাঠিয়ে দিত মগজে, বলল রানা। আস্তে করে মাথা নাড়ল। ওর মনে হলো, মৃত্যুই ওকে রক্ষা করেছে আরেক মৃত্যু থেকে। কয়েক মুহূর্ত পর বলল, এই ডিভিডি আরেকবার দেখতে চাই। তখন ওই লোককে ভাল করে দেখতে পাইনি।

আবারও প্লে বাটন টিপল রাশেদ হাবিব।

নিজেকে পুল ডেকে দেখল রানা। বলল, এবার জলদি করে সামনে বাড়ুন।

ফাস্ট ফরওয়ার্ড করছে হাবিব।

হাসির সিনেমার চার্লি চ্যাপলিনের মত করে নড়ছে রানা। তারপর হঠাৎ করেই ধুপ করে পড়ে গেল।

হাজির হলো খুনি লোকটা। দেখতে না দেখতে পরীক্ষা করল হৃৎস্পন্দন। হাস্যকর ভাবে উঠে দাঁড়িয়ে লাথি মারতে শুরু করেছে রানার নিথর দেহে।

এবার স্বাভাবিক ভাবে চলতে দিন, বলল রানা।

শেষবারের মত লাথি মারল লোকটা, পানির ভিতর গিয়ে পড়ল মৃত রানা।

ঠিক আছে, এবার স্টপ করার জন্য তৈরি থাকুন, বলল রানা। খুব মনোযোগ দিয়ে দৃশ্যটা দেখছে।

লোকটা আছে পানির ধারে, চেয়ে আছে পুলের ভিতর। ডুবে গেছে রানা।

ঘুরে দাঁড়াল লোকটা, চারপাশ দেখে নিল।

ব্যস! থামুন! বলল রানা।

পয বাটন টিপল রাশেদ হাবিব। দৃশ্য আটকে গেছে।

লোকটার হেলমেটের উপর অংশ দেখা যাচ্ছে। ঘুরে চারপাশ দেখতে চেষ্টা করেছে বলে সামান্য উঁচু হয়েছে কাঁধ।

আপনি আসলে কী চান? বলল হাবিব। আপনি তো চেহারা দেখছেন না।

আমি ওর মুখ দেখতে চাই না, বলল রানা।

আসলেই চেহারা নিয়ে মাথাব্যথা নেই ওর। চোখ পড়ে আছে লোকটার কাঁধে। বা বলা উচিত ডান কাঁধের আর্মার্ড প্লেটের উপর।

থরথর করে কাঁপছে দৃশ্য, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে।

প্লেটের উপর একটা ছবি।

শিরশির করছে রানার মেরুদণ্ড, ওই লোকের কাঁধের প্লেটে একটা টাট্টু। ছবিটা একটা ভাইপার সাপের, ছোবল দেয়ার জন্য বেরিয়ে এসেছে দুই শ্বদন্ত!

<

Super User