ক্যাটওয়াক ধরে ধীর পায়ে হাঁটছে লীনা, পিছু নিয়ে আসছে দুজন সশস্ত্র গার্ড। বটম লেভেল আর বেশি দূরে নয়, ওখানেই তাকে গুলি করে ফেলে দেয়া হবে সাগরে। পায়ে শেকল বাধা, প্যাঁচানো সিড়ি বেয়ে নামার সময় হোঁচট খেলো সে, গড়িয়ে খোলা একটা চত্বরে পড়ে গেল।
সিড়ির গোড়ায় পড়ে থাকল লীনা, গোঙাচ্ছে। গার্ড দুজন পরস্পরের দিকে তাকাল। মেয়েটা কি আহত হয়েছে? একজন সাহায্য করতে এগিয়ে এল, কিন্তু অপর লোকটা বাধা দিল তাকে, তারপর লীনার মাথার ঠিক পাশে একটা গুলি করল। ওঠো! খেকিয়ে উঠল সে।
টলতে টলতে সিধে হলো লীনা। তবে কৌশলটায় কাজ হয়েছে। সে তার ডান কান থেকে লকপিক ইয়ারিংটা খুলতে পেরেছে।
বড়সড় মেশিনটার মাথায় কয়েকজন ক্রুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মেনাচিম, রানার তৈরি ফাঁকটার কাছাকাছি। নিচের প্ল্যাটফর্ম থেকে মেরামতের সরঞ্জাম এসে পৌছাচ্ছে। ফাঁকটার দিকে তাকিয়ে ছিল মেনাচিম, হঠাৎ সেখানে রানার মুখ দেখে হতভম্ব হয়ে পড়ল। মেনাচিমের মত রানাও চমকে গেছে। নিজেকে দ্রুত সামলে নিয়ে পায়ের কাছে মেঝেতে ফেলে রাখা সাব-মেশিনগানটা তুলল মেনাচিম, কিন্তু ততক্ষণে ফাঁক থেকে অদৃশ্য হয়েছে রানার মুখ। আমি বেরিয়ে গেলে ফাঁকটা সীল করে দাও! ক্রুদের নির্দেশ দিল সে। ক্রল করে এগোল, ফাঁক গলে পিছু নিল রানার।
বাইরে মেনাচিমের জন্যে অপেক্ষা করছে রানা। সিলিংটার ফাঁক গলে মেনাচিমের শরীর অর্ধেকটা বেরিয়ে এসেছে, ছুটে এসে তার বুকে দুই পা দিয়ে পড়ল ও। শব্দ করে ভেঙে গেল কয়েকটা পাজর, ফাঁকের তীক্ষ কিনারা মাংস ভেদ করে হাড়ে গিয়ে ঠেকল।
সরে এসে তাকাল রানা, অন্ধকারে আঘাতের মাত্রা বোঝা গেল না। সাগরের গর্জন ছাড়া কানেও কিছু ঢুকছে না।
এই সময় নতুন আরেকটা স্টার শেল বিস্ফোরিত হলো মাথার ওপর। সরে আসছে রানা, জার্মান স্যাডিস্টের গোঙানি শুনতে পেল। হা হয়ে গেল রানা, খোলের ধারাল ধাতব পাত গেথে আছে শরীরে, সেগুলো থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করছে মেনাচিম। রানার বিস্ময় বাধ মানল না, কারণ এত যন্ত্রণার মধ্যেও হাসছে লোকটা। নিজেকে মুক্ত করেই শরীরটায় ঝাকি দিয়ে ফাঁক থেকে পুরোপুরি বেরিয়ে এল সে প্রায় অনায়াসে। পিঠে একটা হাত বুলাল, রক্তে ভিজে গেল সেটা, মুখের সামনে তুলে ঠোঁট আর জিভ দিয়ে চাটছে। ভেবেছেন আমি শেষ হয়ে গেছি? মুখে রক্ত নিয়ে রানাকে বলল সে।খেল তো সবে শুরু হলো!
দুই পা ছুটে এসে মেনাচিমের মুখে লাথি মারল রানা। কোন প্রতিক্রিয়া নেই, আঘাতটা নীরবে সহ্য করল মেনাচিম। তবে রানার গোড়ালিটা ধরে ফেলেছে, ধরেই ঠেলে দিল ওপর দিকে, ছিটকে দ্রুতগতি বোটের ডেকে এসে পড়ল রানা। অকস্মাৎ কাছাকাছি বিস্ফোরিত হলো একটা শেল, দুজনের গায়েই ঝরে পড়ল এক রাশ আবৰ্জনা। শেষ হতেও বেশি সময় নেবে না, কোন রকমে বলতে পারল রানা।
লোয়ার ওঅৰ্ক প্ল্যাটফর্মের রেইলিংটা সামনে, দুজন গার্ড লীনাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেদিকে। খোলের নিচে দুই পনটুনের মাঝখানে সাগর ফুসছে। লীনার মাথার পিছনে গুলি করার জন্যে একজন গার্ড হাতের পিস্তলটা তুলল।
রেইলিঙের সামনে এসে দাঁড়াল লীনা। তারপর পিছিয়ে এল গার্ডদের দিকে। একজন হাত তুলল, পিঠে ধাক্কা দেবে। কিন্তু মুহুর্তে দুই গার্ডের মাঝখানে সেধিয়ে গেল লীনা, দুই হাতে দুজনের মাথা ধরে প্রচণ্ড জোরে পরস্পরের সঙ্গে ঠুকে দিল। দুজনেই চেঁচিয়ে উঠল ব্যথায়, এই সুযোগে ওদের একটা করে হাত এক করে নিজের হ্যান্ডকাফটা পরিয়ে দিল। কি ঘটছে বুঝতে পারার আগেই ধাক্কা দিয়ে গার্ডদের রেইলিঙের ওপাশে ফেলে দিল সে।
খোলা ডেক থেকে একটা করিডরে চলে এল লীনা, হাতে এক জোড়া সাব-মেশিনগান।
স্টার্ন ওঅৰ্ক প্ল্যাটফর্মে ক্রুরা চার ফুট লম্বা ও দুই ফুট চওড়া একটাফ্রেম বসিয়ে খোলের ফাঁকটা বন্ধ করে দিল। রেডার প্রুফ কালো কমপজিট ম্যাটেরিয়াল-এর প্রলেপ দেয়া আছে, ফলে সী ঈলের বাকি অংশের মত এই তালি দেয়া অংশটুকুও রেডারে ধরা পড়বে না। নিজের অফিস থেকে মনিটরে সবই দেখছে ফাউলার। তার পাশে দাঁড়িয়ে ফ্রেঞ্চকাট দাড়িতে হাত বুলাচ্ছে কবির, ফিক ফিক করে হাসছে।
গানবোটের ক্যাপটেনকে একজন অফিসার রিপোর্ট করল, স্যার, টার্গেটটা আমরা হারিয়ে ফেলেছি! রেডারে এখন কিছুই নেই।
ক্যাপটেন মনিটরের দিকে তাকালেন। স্ক্রীনে সত্যি কোন ব্লিপ নেই। আশ্চর্য! বিড় বিড় করলেন তিনি। তবে দেখা না গেলেও আছে সামনেই। গানবোটের স্পীড আরও বাড়িয়ে দিন।
মেনাচিমের সঙ্গে লড়াইয়ে রানা জিততে পারছে না। প্রায় অনায়াস ভঙ্গিতে রানাকে মাথার ওপর তুলে ছুঁড়ে দিল সে, খোলের গায়ে ভারী বস্তার মত পড়ল ও। তবে মেনাচিম ছুটে এসে লাথি মারতে শরীরটাকে গড়িয়ে দিয়ে সরে যেতে পারল। জিততে না পারলেও, প্রাণপণে লড়ছে রানা। দুএকটা মার এমন প্রচণ্ড ব্যথা দিচ্ছে মেনাচিমকে, অন্য কোন লোক হলে জ্ঞান তো হারাতই, মারাও যেতে পারত। কিন্তু মেনাচিমের কিছুই হচ্ছে না। হাল ছাড়ার কোন লক্ষণ নেই তার মধ্যে। এতটুকু ক্লান্তও হচ্ছে না। এক পর্যায়ে রানার মুখে পরপর কয়েকটা ঘুসি মারল সে। কপাল ফুলে গেল রানার, আচ্ছন্ন বোধ করল, পিছাতে শুরু করে পড়েই যাচ্ছিল। কোথেকে শক্তি পেল কে জানে, শেষ মুহুর্তে নিজেকে সামলে নিয়ে লাফ দিল সামনে, ডান হাতের কোপ মারল মেনাচিমের গলায়। খুনীটা হেসে উঠে পা বাড়াল সামনে।
পিছিয়ে এসেছিল রানা, আবার লাফ দিল। এবার তৈরি ছিল মেনাচিম। লাফ দিয়েছে রানা, কিন্তু এখনও মেনাচিমকে নাগালের মধ্যে পায়নি, তার আগেই পা ছুড়ল খুনীটা।
লাথিটা রানার পেটে লাগল। কুজো হয়ে গেল ও। ছুটে এসে দুই হাত দিয়ে ধাক্কা মারল মেনাচিম। রেইলিং টপকে সী ঈল থেকে নিচে পড়ে গেল রানা।
আধখানা চাঁদের দিকে মুখ তুলে নিজের বুকে দমাদম ঘুসি মারল মেনাচিম। অনুপীড়ন তার সারা শরীরে পুলক জাগিয়ে তুলল। কিনারা থেকে নিচে উঁকি দিল সে, দেখল বোটের একটা পাশ ধরে কোন রকমে ঝুলে রয়েছে রানা, তার কাছ থেকে ছয় ফুট নিচে। পা দুটো পানি ছুই ছুই করছে। শেষ স্টার শেলের আলোয় দৃশ্যটা পরিষ্কারই দেখা গেল।
সী ঈলের অ্যান্টিসেপটিক টারবাইন রুমে ঢুকে পড়ল লীনা। ভেতরে দৈত্যাকার একজোড়া স্টীম টারবাইন রয়েছে। প্রতিটি টারবাইনে মোটা কয়েকটা পাইপ ঢুকেছে, প্রতিটি পাইপের প্রেশার মাপছে কাঁচ-মোড়া প্ৰেশার ডায়াল। ভেতরে ঢুকেই এক পশলা গুলি করল লীনা, দূর প্রান্তের দরজা দিয়ে পড়িমরি করে ছুটে পালাল দুজন গার্ড। দুই দরজার দিকে সতর্ক সৃষ্টি রেখে টারবাইনগুলোর দিকে এগোল সে। লক্ষ করল, ওগুলোকে নিয়ন্ত্রণ করছে এক সারি ডায়াল আর ভালব, সবগুলো সংশ্লিষ্ট টারবাইনের পাইপের গায়ে বসানো। একটা করে পাইপ ধরে এগোল লীনা, একটা করে ভালব ঘুরিয়ে দিল। প্ৰেশার গজের কাঁটা রেড জোনের দিকে উঠে যাচ্ছে।
কাজটা প্রায় শেষ করে ফেলেছে লীনা, দ্বিতীয় দরজা দিয়ে আটজন গার্ড ভেতরে ঢুকল, পরস্পরকে কাভার দিচ্ছে। লীনা কি করছে না করছে সেদিকে তাদের খেয়াল থাকল না। টারবাইনের কাছাকাছি চলে এসেছে তারা। এক পশলা গুলি করল লীনা। অকস্মাৎ প্রথম সাব-মেশিনগানের ম্যাগাজিন খালি হয়ে গেল। দ্বিতীয়টার ক্লিপ চেক করল সে, আর মাত্র দুটো বুলেট আছে।
এই শেষ বুলেট দুটো একজোড়া পাইপের ভালবে ব্যবহার করল লীনা, তারপর লাফ দিল সামনের দিকে। ভালব দুটো বিস্ফোরিত হলো, শুরু হলো চেইন রিয়্যাকশন। বাকি ভালব গুলোও বিস্ফোরিত হলো, সুপার-হিটেড স্টীমে ভরাট হয়ে গেল কামরা। গরম বাষ্প পরিষ্কার হতে এক মিনিট সময় লাগল। আগেই দরজার বাইরে বেরিয়ে এসেছে লীনা, তা না হলে সেদ্ধ হয়ে যেত। আটজন গার্ডকে টারবাইনগুলোর কাছাকাছি পড়ে থাকতে দেখল সে, নিপ্ৰাণ ভেজা শরীর থেকে এখনও ধোয়া উঠছে।
লোয়ার ওঅৰ্ক প্লাটফর্মে চলে এল লীনা, সিড়ি বেয়ে ওপরে উঠছে।
ফাউলার ও কবির অনুভব করল সী ঈলের গতি কমে যাচ্ছে।
টারবাইনে কোন প্রেশার নেই, দুটোতেই, প্রোপালশন কন্ট্রোল পরীক্ষা করে বলল ক্যাপটেন। পানিতে আমরা অচল হয়ে পড়ছি।
আমাদের জন্যে খারাপ। খবর, তবে আরও ভয়াবহ বাংলাদেশের জন্যে। যত তাড়াতাড়ি পারা যায় স্টীম ফিরিয়ে আনুন, নিদেশ দিল ফাউলার। কবিরের দিকে ফিরল সে। যেহেতু অচল হয়ে পড়েছি, ক্রুজ মিসাইলটা এবার ঢাকায় পাঠানো যেতে পারে।
ওপরে উঠতে না পেরে এখনও বোটের গায়ে খুলছে রানা। জাহাজটা স্থির হয়ে পড়ায় ঝুলে থাকতে এখন তেমন কষ্ট হচ্ছে না। কিন্তু ওর কাছে নেমে আসতে মেনাচিমেরও কোন অসুবিধে হচ্ছে না।
রানার বাম দিকে, বারো ফুট দূরে, একপাশে সরে গেল মিসাইল লঞ্চ ডোর। সেদিকে এগোল ও, মেনাচিমও পিছু নিল ওর।
ভেতরে লাফ দিল রানা, দরজা থেকে কিছুটা ঝুলে কিছুটা খসে ক্যাটওয়াকে পড়ল, খানিকটা গড়িয়ে সিধে হলো একটা হাটুর ওপর। ওর ওপরে ছোট একটা প্যানেল, মিসাইল ডোর-এর ঠিক নিচে, তাতে সবুজ আর লাল বড় দুটো বোতাম। প্যানেলের গায়ে লেখা–ইমার্জেন্সী ক্লোজ-ওপেন। লাল বোতামটার দিকে হাত লম্বা করল রানা, কিন্তু দরজা দিয়ে ভেতরে ঢুকে ওর গায়ে আছড়ে পড়ল মেনাচিম। ক্যাটওয়াক থেকে নিচে পড়ে গেল রানা।
পড়ল খোলা জায়গায়, সরাসরি নিচে সাগর। ক্রুজ মিসাইল লঞ্চ টিউবটা কোনরকমে ধরে ফেলল। আগেই দেখেছে টিউবটা অত্যন্ত সূক্ষ্মভাবে সাপোর্ট বা অবলম্বনের ওপর ভারসাম্য রক্ষা করছে। সাপোর্টগুলো খোলা জায়গাটার ওপর ঝুলে আছে সামনে, ওঅরহেডের দিকে, চাপ পড়ায় ধীরে ধীরে নিচু হতে শুরু করল সাপোর্ট। তারপর দেখা গেল মিসাইলের মাথায় ওঅরহেডটা সরাসরি পানির দিকে তাক করে রয়েছে, শেষ মাথায় ঝুলছে রানা।
মিসাইল প্রোগ্রামিং এরিয়ায় বসে রয়েছে কবির, পিছনে তিনজন গার্ড। কী বোর্ড টেপাটেপির কাজ শেষ করল সে, চোখ তুলে মনিটরের দিকে তাকাল। প্রস্তুতি শেষ, বলল সে। যখন খুশি ফায়ার করতে পারেন আপনি।
প্রাইভেট কোয়ার্টারে বসে মনিটরে কবিরকে দেখতে পাচ্ছে ফাউলার, সেই সঙ্গে দেখতে পাচ্ছে কবির যে কামরায় বসে আছে তার বেশিরভাগ অংশ। মনিটরে তাকিয়ে আছে, দেখতে পেল কবিরের পিছনে উদয় হলো লীনা। সরি, ডার্লিং, মাইক্রোফোনে বলল ফাউলার। অনেক দেরি করে ফেলেছ।
কবির হতভম্ব। কি? ডার্লিং? ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকাতেই লীনাকে দেখতে পেল সে। তিনজন বডিগার্ড একযোগে যে যার অস্ত্রের দিকে হাত বাড়াল, কিন্তু তার আগেই লীনার শরীরে বিদ্যুৎ খেলে গেল। শূন্যে লাফ দিল সে, জোড়া পায়ের লাথি মারল প্রথম গার্ডের বুকে। মেঝেতে নামল, কনুই চালিয়ে দ্বিতীয় গার্ডের ডান চোখ কানা করে দিল। তৃতীয় গার্ডের চুল খামচে ধরে মাথাটা নিচু করল, ভাজ করা হাঁটু দিয়ে থেঁতলে দিল মুখটা। তিনজনই জ্ঞান হারিয়েছে। কবিরের দিকে তাকাল সে, বলল, কি ভাই, দেশের সঙ্গে বেঈমানী?
কবিরের চোয়াল ঝুলে পড়ল, ধীরে ধীরে মাথার ওপর হাত তুলল সে।
লাফ দিয়ে লঞ্চ টিউবের লেজে উঠে পড়ল মেনাচিম। ভারসাম্য বিঘ্ন ঘটায় মিসাইলের সামনের দিক উঁচু হলো, রানাকে নিয়ে। মেনাচিমের প্রান্ত ডেবে গেল নিচের দিকে। মিসাইলের লেজের দিকটাও সাগরের ওপর ঝুলে আছে। একবার রানার দিকটা নিচু হয়, একবার মেনাচিমের দিক। খুব ঘন ঘন ওঠা-নামা করছে, ফলে মেনাচিমের পক্ষে লেজের ওপর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, সে-ও রানার মত বুলে পড়ল। সময় বুঝে নিজের প্রান্তটা ছেড়ে দিল রানা, মিসাইল থেকে খসে পড়ল নিচের মিসাইল ডোরে, পড়েই এক লাফে সিধে হলো।
লঞ্চ টিউবের লেজের দিকটা দ্রুত নিচু হতে শুরু করল, তবে মেনাচিম খপ করে লোয়ার ক্যাটওয়াকের রেইলিংটা ধরে ফেলায় টিউবের ওঠা-নামা বন্ধ হয়ে গেল।
তারপর হঠাৎই মিসাইল প্রোগ্রামিং রূমের দরজা বিস্ফোরিত হলো, ফরওয়ার্ড প্ল্যাটফর্মে বেরিয়ে এল কবির, পিছনে লীনা। কবিরকে ঠেলে রেইলিঙের দিকে নিয়ে আসছে সে।
বললাম তো, হার মানছি!, চিৎকার করছে কবির। কি করব, ফাউলার আমার কথা শুনলেন না!
পিছন থেকে প্রচণ্ড এক ধাক্কা দিল লীনা, রেইলিং টপকে পানিতে পড়ল কবির। লীনার খেয়াল নেই, পনটুনের সঙ্গে বাধা আছে পাশাপাশি তিনটে স্কেল। ভুল করে কবিরকে পালাবার সুযোগ করে দিয়েছে সে।
নিজের ডেস্ক থেকে মনিটরে ফাউলার দেখল শূন্যে ঝুলছে মেনাচিম, ধরে আছে দ্রুজ মিসাইল লঞ্চারের পিছনটা, গোড়ালি আটকে আছে লোয়ার পোর্টসাইড ক্যাটওয়াকে। এই দুই পয়েন্টের মাঝখানে বিস্তৃত হয়ে আছে তার শরীর, নড়াচড়ার সুযোগ নেই।
মেনাচিমের দুর্ভাগ্যই বলতে হবে, মিসাইল লঞ্চ ডোর-এর সরাসরি সামনে বুলছে সে।
লাউডস্পীকারে ফাউলারের গলা ভেসে এল, মেনাচিম! এক চুল নড়ো না! এত ব্যথা, মানে এত পুলক আর কখনও পাবে না তুমি! ফায়ারিং বাটনে চাপ দিল ফাউলার। মিসাইল বিস্ফোরণের বিকট আওয়াজের মধ্যেও মেনাচিমের আর্তচিৎকার শুনতে পেল সে, অতিমাত্রায় ক্ষীণ হলেও।
লঞ্চ টিউব থেকে বিস্ফোরিত হয়ে বেরিয়ে যাচ্ছে মিসাইল, চোখ ধাধানো অগ্নিশিখায় পুড়ে ছাই হয়ে গেল মেনাচিম, চোখের পলকে। দরজা বন্ধ করার বোতামটার দিকে ডাইভ দিল রানা। নাগালে পেয়ে টিপে দিল বোতামটা পরমুহুর্তে লাফ দিয়ে নিরেট স্টীল ডোরের পিছনে সরে এল।
মিসাইল ডোর দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মিসাইলের গতি আরও বেশি। রওনা হবার আগে এক পলক ইতস্তত করল মিসাইল, ওঅরহেডটা খসে পড়ল টিউব থেকে, ঝাপাৎ করে সরাসরি পানিতে পড়ল ওটা। মিসাইলটার বাকি শরীর দরজা দিয়ে বেরিয়ে এল, শুধু ফিনগুলো বাধা পেল বন্ধ হতে শুরু করা কবাটে।
ওপর দিকে ছুটল মিসাইল, ভেঙে পিছনে রয়ে গেল ফিনগুলো। ওগুলো না থাকায় দিকভ্রান্ত হয়ে পড়ল ক্রুজ, কয়েক সেকেন্ড পর বিস্ফোরিত হয়ে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করল আকাশে। সী ঈলের চারপাশে আবর্জনার টুকরোগুলো বৃষ্টির মত ঝরে পড়ছে।
ক্যাটওয়াক ধরে ছুটে লীনার কাছে চলে এল রানা। সী ঈল ঘন ঘন ঝাকি খেতে শুরু করল, আশপাশের পানিতে একের পর এক বিস্ফোরিত হচ্ছে শেল। পরস্পরকে জড়িয়ে ধরল ওরা। তবে চোখের কোণ দিয়ে একজন গার্ডকে দেখে ফেলল রানা। তোমার পিছনে, ফিসফিস করল লীনার কানে। বেলা দুটোয়।
পিছন দিকে না তাকিয়েই পা ছুড়ল লীনা, তলপেটে লাথি খেয়ে কোক করে উঠল লোকটা। লীনাকে পাশ কাটিয়ে তার গলায় ডান হাতের কোপ মারল রানা। টীম হিসেবে আমরা মোটামুটি সফল, কি বলো? লীনা জবাব দেয়ার সময় পেল না, বাংলাদেশী গানবোটের একটা শেল সরাসরি আঘাত করল সী ঈলের ব্রিজে। বিস্ফোরিত ক্রুজ মিসাইলের চোখ ধাধানো আলো সী ঈলকে সহজ টার্গেটে পরিণত করেছে।
*
রানা এজেন্সির জাকার্তা শাখার এজেন্টরা ইন্দোনেশিয়ান পুলিসের সহায়তায়, এফএমজিএন হেডকোয়ার্টারে হানা দিল। ফাউলারের গার্ডরা বাধা দেয়ার কোন সুযোগই পেল না, কোমরে রশি বেঁধে পুলিস ভ্যানে তোলা হলো সবাইকে। জেনারেল ফুয়াং চুকে পাওয়া গেল মহিলাদের একটা টয়লেটে। গ্রেফতার করে চীনা দূতাবাসে পাঠিয়ে দেয়া হলো তাকে। আধ ঘণ্টার মধ্যে বিশেষ একটা বিমানযোগে বেইজিঙে নিয়ে যাওয়া হবে।
শেষ শেলটার ধাক্কায় অফিসের মেঝেতে ছিটকে পড়ল ম্যাডক ফাউলার। কামরায় আগুন ধরে গেছে। দিকভ্রান্ত হয়ে পড়েছে সে। কিছু একটা তার মাথায় লেগেছে। ধীরে ধীরে, হাঁপাতে হাপাতে, সিধে হলো, দাঁড়াল মনিটরগুলোর সামনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ আন্দাজ করার বা নতুন কোন নির্দেশ দেয়ার আগে ব্রিজ থেকে আগুনের বিশাল আরেকটা লেলিহান শিখা সিড়ি হয়ে কামরার ভেতর ঢুকে পড়ল। মনিটরগুলো ফাঁকা হয়ে গেল দেখে রাগে দেয়ালে ঘুসি মারল ফাউলার। পরমুহুর্তে স্থির হয়ে গেল। সবগুলো মনিটরে তার ছবি ফুটে উঠেছে। এফএমজিএন ব্রডকাস্ট, সবেমাত্র স্যাটেলাইটে সাপ্লাই দেয়া হয়েছে, সারা দুনিয়ার দর্শকরা দেখতে পাচ্ছে। তার ছবির ওপর বড় বড় হরফে লেখা–নিরুদ্দেশ?
বোতামে চাপ দিয়ে সাউন্ড অন করল ফাউলার। খবর পাঠিকা বলছে, …এবং আমাদের এই নেটওঅর্কের মালিক, প্রাণপ্রিয় স্ত্রীর শোকাবহ মৃত্যু সহ্য করতে না পেরে কাউকে কিছু না বলে অজ্ঞাত স্থানে রওনা হয়েছেন বলে অসমর্থিত খবরে প্রকাশ…
বোতাম টিপে সাউন্ড অফ করল ফাউলার। তারপর আরেক সারি মনিটরে নিজের পিছনটা দেখতে পেল। ঘুরল, অফিসের প্লেট-প্লাস লাগানো জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে রানা ও লীনা, প্রোবিং মেশিন উকি-র পিছনে। উকির দাঁত আর ক্যামেরা তার দিকে তাক করা।
বেলুন ফুটো করা হবে, বলল রানা। প্রোবিং মেশিনটাকে জানালা দিয়ে ভেতরে ঠেলে দিল ও। সহস্র টুকরো কাচ ফাউলার আর মেঝের ওপর ছড়িয়ে পড়ল। অশ্লীল কনট্র্যাপশনটা ধীর কিন্তু সর্পিল গতিতে মিডিয়া সম্রাটের দিকে এগিয়ে আসছে। একটা কিলার হোয়েল বা ভয়ঙ্কর একটা শার্ক-এর চেয়েও মারাত্মক ওটা। ঘুরন্ত দাঁতগুলোর আওয়াজ শুনে মনে হলো ব্ল্যাকবোর্ডে কেউ নখ আঁচড়াচ্ছে।
রানা আর লীনা শুধু ভিডিও ওয়ালটা দেখতে পাচ্ছে মনিটরে। ফাউলারের চেহারা ক্রমশ বড় হচ্ছে, চিৎকার করার জন্যে মুখ খুলছে সে। উকি-র গর্জনে আর হাড় ভাঙার আওয়াজে তার চিৎকার চাপা পড়ে গেল। ব্লেন্ডারে যেমন মাংস ছাতু হয়ে যায়, প্রোবিং মেশিনটাও ফাউলারকে ঠিক তেমনি ছাতু বানিয়ে ফেলল।
সী ঈল ভুবতে আর এক কি দুই মিনিট বাকি। লীনাকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এল রানা। সুটকেস আকৃতির একটা প্যাকেজ নিয়ে ছুটছিল একজন ক্রু, মারধর করে তার কাছ থেকে সেটা কেড়ে নিল ও। আবার ছুটল, মুচকি হেসে ওর পিছু নিল লীনা। তারপর আরও একজন গার্ডকে দেখা গেল, তার হাতেও ওই একই আকৃতির একটা প্যাকেজ। পা বাড়িয়ে ল্যাং মারল লীনা, প্যাকেজটা লুফে নিল।
দুই পনটুনের মাঝখানে এসে পানিতে লাফ দিল ওরা। ডুব সাঁতার দিয়ে বেরিয়ে এল সী ঈলের তলা থেকে। দ্রুত দূরে সরে এল।
প্যাকেজের একটা কর্ড ধরে টান দিল রানা। প্লাস্টিকের মোড়ক খুলে তৈরি হলো একটা ভেলা। ভেলার ওপর চড়ে বসল ও। দেখাদেখি লীনাও তাই করল।
নিরাপদ দূরে সরে আসার পর সী ঈলের দিকে তাকাল ওরা। একটা পনটুন এরইমধ্যে পানির তলায় ডুবে গেছে। আরেকটা শেল এসে পড়ল। জাহাজটার মাথায়, দ্বিতীয় পনটুনটাও ডুবে যাচ্ছে। তারপর ধীরে ধীরে উপুড় হলো সী ঈল। আগুনের চোখ ধাধানো একটা বিস্ফোরণের পর ডুবে গেল পুরোপুরি।
দুজনের পথ দুদিকে চলে গেছে, লীনাকে বলল রানা। তবে আরও কিছুক্ষণ আমরা পাশাপাশি থাকতে পারি, কি বলো?
উত্তরে লীনা বলল, একা একটা ভেলায় থাকায় নিজেকে আমার নিঃসঙ্গ লাগছে। তোমার আপত্তি না থাকলে আজ আমরা তোমার ভেলায় থাকি, কাল আমার ভেলায় থাকব?
কাছাকাছি থেকে একটা জাহাজের সাইরেন বেজে উঠল, তবে রানা বা লীনা সেদিকে মনোযোগ দিল না। সার্চলাইট জেলে ভাসমান আবর্জনার ভেতর কি যেন খুঁজছে গানবোটের ক্রুরা। ভেলা দুটোকে খুঁজে পেতে আরও কিছুক্ষণ সময় লাগবে ওদের।
লাউডস্পীকার থেকে যান্ত্রিক একটা কণ্ঠস্বর ভেসে এল, বিসিআই এজেন্ট এমআর নাইন! আপনি কি এদিকে কোথাও আছেন, স্যার? আমাদের কথা শুনতে পেলে হয় কোন শব্দ করুন, নয়তো একটা আলো জ্বালুন। মিস লীনা ওয়াং? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? দিস ইজ বাংলাদেশ নেভী।
চিৎকার করে কিছু বলতে যাবে রানা, ওর মুখে হাতচাপা দিল লীনা। আরেকটু পর, ফিসফিস করল সে।
* * *
<