সাঁতার খুব উপভোগ করেছ, তাই না? জিজ্ঞেস করলাম ওকে। আবছাভাবে দেখতে পাচ্ছি, শুধু ছোট একটা সাদা আণ্ডারপ্যান্ট পরে রয়েছে ও। ওর বিশাল, ফোলা পেট আর বেঢপ পা দুটো আলোর আভায় চকচক করছে-গায়ের পানি এখনও শুকায়নি।
ঠাট্টা কোরো না। তোমার রসিকতা শুনলে গা চুলকায় আমার, রানা, ভরাট গলায় বলল হুমায়ুন দাদা। হঠাৎ, কিন্তু অনেক দেরিতে, মনে পড়ল আমার-অতিরিক্ত মোটা লোক আশ্চর্য হালকা হয়ে যায় সাগরের লোনা পানিতে, তাই তার শক্তিও অনেকটা বেড়ে যায়। তাছাড়া, সাঁতরাবার সময় জোয়ার এসে পড়ায় প্রচুর সাহায্য পেয়েছে ও। কিন্তু তবু প্রায় দুমাইল উত্তাল সাগর পেরিয়ে ফিরে আসা অবিশ্বাস্য একটা ব্যাপার। তারচেয়ে বিস্ময়কর লাগছে, এমন প্রচণ্ড বিস্ফোরণের পর ও বেঁচে আছে কিভাবে?
শুরু বোধহয় তলপেট থেকেই করতে হয়, নাকি? আবার কথা বলছে হুমায়ুন দাদা। দেখতে পাচ্ছি, রাইফেলের স্টকটা সে তার বাঁ হাতের কনুইয়ের উল্টোদিকে ঠেকিয়ে রেখেছে। ওই হাতেই ধরে রয়েছে টর্চটা, আলো ফেলেছে আমার চোখের ওপর। শুনেছি ব্যথাটা ওখানেই নাকি সবচেয়ে বেশি লাগে।
কয়েক মুহূর্ত চুপ করে আছি আমরা। সশব্দে গভীর, লম্বা নিঃশ্বাস ছাড়ছে হুমায়ুন দাদা, আর বিদুৎগতিতে চিন্তা করছি আমি কিভাবে ওর মনোযোগ সরানো যায় অন্য দিকে। এফ. এনের ব্যারেলটা খপ করে ধরার জন্যে শুধু আধ সেকেণ্ডের একটা সুযোগ চাই আমি।
নাক মলা কান মলা খেয়ে, মাটিতে হাঁটু গেড়ে বসে মাফ চাইবে না তুমি, আমি জানি-নাকি তা-ও চাইবে? প্রাণ কি তোমার কাছে অতটা প্রিয়? জিজ্ঞেস করল ও।
চুপ করে আছি আমি। একটু বাতাস নেই কোথাও, কিন্তু কানের পাশে তীব্র ঝড়ের শব্দ শুনছি।
না, তা তুমি চাইবে না। সব জায়গায় সব সময় বড় থাকতে চাও তুমি। ছোট হওয়া তোমার ধাতে নেই। কিন্তু, যদি মাফ চাইতে-পেতে না বটে, কিন্তু দারুণ উপভোগ করতাম আমি সেটা। তার মানে, বঞ্চিত করছ আমাকে তুমি। কি আর করা, দুঃখটা থাকল। কিন্তু মেয়েটা? ও যদি নাকে খত্ দেয়, হাঁটু গেড়ে মাফ চায়-তোমার সম্মানে শক্ত ঘা লাগবে, কি বল? কিন্তু ভেবে দেখ, তা যদি করে ও, হয়ত মাফ করেও দিতে পারি ওকে। তুমি বিদায় নাও, ও থাকুক। কেমন হবে সেটা? নিজের রসিকতায় হো হা শব্দে অট্টনাদ ছাড়ল সে।
হঠাৎ থেমে গেল হাসিটা। সময় নষ্ট করছি, বলল ও। চুকিয়ে ফেলা যাক ঝামেলা। তুমি রেডি?
ঠিক এমনি সময়ে আমরা দুজনেই আওয়াজ পেলাম রডরিকের।
হুমায়ুন দাদার সব কথা শুনতে পেয়েছে ও, বুঝলাম। আধ সেকেণ্ডের একটা সুযোগ খুঁজছিলাম, ও-ও পরিষ্কার বুঝে নিয়েছে–আর সময় নেই, লোকটার মনোযোগ অন্যদিকে ফেরাতে না পারলে এক সেকেণ্ড পর লাশে পরিণত হব আমি, ওর প্রিয় মাসুদ। তাই ধুপধাপ পা ফেলে ঝড়ের বেগে এগিয়ে আসছে রডরিক। হুমায়ুনের কাছে পৌঁছান ওর পক্ষে সম্ভব হবে না-আমার দৃঢ় বিশ্বাস, ও নিজেও তা জানে।
অন্ধকার ফুড়ে তীরবেগে ছুটে আসছে রডরিক। এক ঝটকায় রাইফেল ঘুরিয়ে রডরিকের ওপর তাক করল হুমায়ুন দাদা। যেন দেখতেই পায়নি রডরিক, মহাসাগরের ঢেউয়ের মত ভ্রুক্ষেপ না করে ধেয়ে আসছে সে।
বিস্ফোরণের আওয়াজ শুনলাম আমি, বিজলীর মত আগুনের লম্বা জিভ বেরিয়ে গেল মাজল থেকে। কিন্তু তারও আগে প্রকাণ্ড কালো লোকটার দিকে অর্ধেক দূরত্ব পেরিয়ে এসেছি আমি। চোখের কোণ দিয়ে দেখলাম, পড়ে গেল রডরিক। রাইফেলটা এবার আমার দিকে ঘুরিয়ে নিচ্ছে হুমায়ুন দাদা।
এফ. এনের ব্যারেল ঘষা খেল আমার গায়ে, ধাক্কা দিয়ে ওটাকে পাশ কাটালাম, পরমুহূর্তে হুমায়ুন দাদার বুকের ওপর দড়াম করে পড়লাম কাঁধ দিয়ে।
একটা তীব্রগতি সাত টনী ট্রাকের মত ছুটে এসে ধাক্কা মেরেছি ওকে, পাঁজরগুলো ভেঙে পেটের ভেতরে সেঁধিয়ে যাবার কথা। কিন্তু চর্বি আর মাংসের মোটা স্তর প্রচণ্ড সংঘর্ষটাকে পাত্তাই দিল না, বেমালুম হজম করে নিল-এমন কি নিজের জায়গা ছেড়ে একচুল নড়ল না পর্যন্ত হমায়ুন দাদা। বরং রিবাউন্স খেয়ে আমিই পিছিয়ে এসেছি একটু। লাভের মধ্যে আমার গায়ের ধাক্কা লেগে টর্চ আর কারবাইনটা পড়ে গেছে ওর হাত থেকে। অটল এক বিশাল থামের মত সটান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে। এখনও তাল সামলে উঠিনি আমি, কার সঙ্গে লেগেছি অনুমান করতে পেরে ভয়ে শিউরে উঠছি, এই সময় হাত বাড়িয়ে আমাকে আলিঙ্গনের ভেতর মুড়ে নিল হুমায়ুন দাদা।
দুহাত দিয়ে মাটি থেকে তুলে নিল আমাকে ও, টেনে তুলছে উঁচু আর নরম বুকে। ওর আলিঙ্গনের মধ্যে আমার দুটো হাতই আটকা পড়ে গেছে, আর ওপরদিকে তুলে নিচ্ছে বলে পা দুটো ওর শরীরের কোথাও পেঁচিয়ে নেবার সুযোগ পাচ্ছি না।
এক অদ্ভুত শক্তির ফাঁদে চাপা পড়ে গেছি আমি। তেমন জোর খাটাচ্ছে না লোকটা, অনায়াসে ধরে আছে আমাকে, অবলীলায় ওপরদিকে তুলে নিচ্ছে, কিন্তু লোকটার আসুরিক শক্তি অনুভব করে অবিশ্বাসের ঠাণ্ডা শিহরণ বয়ে যাচ্ছে আমার ভেতর। নিষ্ঠুর, কঠিন একটা শক্তি নয়-এর বিশাল ব্যাপকতা এতই বেশি যে মনে হচ্ছে এর যেন কোন শেষ-সীমা নেই, অনেকটা সাগরের ফুলে-ফেঁপে ওঠা জোয়ারের চাপের মত, ভয়ঙ্কর, প্রাকৃতিক-যেন এই শক্তির বিরুদ্ধে কিছুই করার নেই, গা এলিয়ে দেয়া ছাড়া।
হাঁটু আর কনুই দিয়ে চেষ্টা করছি আমি, তো আর বাড়ি মেরে ওর নরম কিন্তু অচ্ছেদ্য বাঁধন থেকে মুক্তি পেতে চাইছি, কিন্তু একটা আঘাতও নিরেট কোথাও লাগছে না বা লোকটাকে একচুল টলাতে পারছে না। ধীরে ধীরে আমার চারদিকে এটে বসা ঘেরটা আরও ছোট হয়ে আসছে, বিশাল পাইথনের মত চাপ দিয়ে পিষে ফেলছে আমাকে। পরিষ্কার বুঝতে পারলাম, এই ভাবে চাপ বাড়িয়ে আমাকে পিষে মেরে ফেলার শক্তি রয়েছে লোকটার গায়ে। হাড় ভাঙার মট মট শব্দ পাবার আশায় উৎসুক হয়ে আছে ওর কান দুটো। দাঁতে দাঁতে চেপে ফাঁক করে রেখেছে ঠোঁট দুটো-মনে হয় হাসছে।
প্রচণ্ড আতঙ্কে মরিয়া হয়ে উঠেছি আমি। পিঠ, ঘাড়, কাঁধ আর উরুর পেশী মোচড় দিয়ে উন্মত্ত চেষ্টা করছি আলিঙ্গন ঢিলে করার। আরও জোর খাটাচ্ছে ও, ফোস ফোস করে দমকা বাতাসের মত বেরিয়ে আসছে হুইস্কির গন্ধ মেশানো নিঃশ্বাস। সামনের দিকে ঝুঁকে পড়ছে ক্রমে, উঁচু হচ্ছে বিশাল দুই কাঁধ। প্রচণ্ড চাপে ধনুকের মত বাঁকা হয়ে গেছে আমার পিঠ, একটু পর মট করে ভেঙে যাবে শিরদাঁড়াটা।
পেছন দিকে সরিয়ে নিয়ে এসেছি মাথাটা, মুখ খুলে রয়েছি। হঠাৎ দুই সারি দাঁতের মাঝখানে ওর চওড়া নাকটাকে নিয়ে মুখ বন্ধ করলাম। সবটুকু শক্তি দিয়ে কামড়াচ্ছি ওটাকে, পরিষ্কার টের পাচ্ছি ওর নাকের মাংস আর নরম হাড় ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে আমার দাঁতগুলো। উষ্ণ, নোনতা রক্তের বন্যায় ভরে উঠছে মুখের ভেতরটা। এখন আমি শুধু কামড়াচ্ছি না, মাথা নেড়ে এদিক-ওদিক ঝটকা মারছি, কুকুরের মত টেনে ছিঁড়ে আনতে চেষ্টা করছি নাকটাকে।
আক্রোশ আর যন্ত্রণায় অসহ্য কষ্ট পাচ্ছে লোকটা, মুখের ভেতর থেকে ভোতা গর্জন বেরিয়ে আসছে। আমার শরীর পেঁচিয়ে রাখা হাত দুটো ঢিল হয়ে গেল। বুঝতে পারছি, এবার একহাতে আমার চুল, অপর হাতে চিবুক ধরতে চাইবে হুমায়ুন দাদা, এক ঝটকায় মট করে ভেঙে দিতে চেষ্টা করবে আমার ঘাড়টা।
হাত দুটো মুক্ত হবার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে, মোচড় দিয়ে কাত হয়ে গেলাম একপাশে, শক্ত ভিজে বালিতে নামিয়ে দিয়েছি দুটো পা, যাতে ওর ভারসাম্য নষ্ট করে কোমর দিয়ে ধাক্কা মারতে পারি। নাকের যন্ত্রণায় এতই অস্থির হয়ে রয়েছে ও, যে ধাক্কাটা কিভাবে কোত্থেকে এল, টেরই পেল না। মাংস ছিঁড়ে নাকের অর্ধেকটা রয়ে গেল আমার মুখের ভেতর, আমার পিঠের ওপর দিয়ে বিশাল শরীরটা ডিগবাজি খেয়ে ধড়াশ করে পড়ল বালিতে, চিত হয়ে।
থোঃ করে মুখের ভেতর থেকে কুৎসিত মাংসের টুকরোটা ফেলে দিলাম আমি। ড্রাকুলার মত ঠোঁটের দুই কোণ বেয়ে গড়িয়ে নামছে রক্তের ধারা। মুখের ভেতর রক্তের নোনা স্বাদভ্রূক্ষেপ করলাম না। সোজা হয়ে দাঁড়িয়েই ফিরলাম ওর দিকে।
বিশাল ব্যাঙের মত পা ভাঁজ করে বালিতে পিঠ দিয়ে পড়ে আছে হুমায়ুন দাদা, দুই হাতে চেপে রেখেছে চোখের নিচ থেকে ঠোঁটের ওপর পর্যন্ত। আঙুলের ফাঁক দিয়ে সড়সড় করে নেমে আসছে রক্ত-অন্যদিকে মুখ করে বালিতে পড়ে থাকা জ্বলন্ত টর্চের ম্লান আলোয় চিকচিক করছে ধারাগুলো, কালো দেখাচ্ছে।
জানি, এক্ষুণি আবার উঠে দাঁড়াবে লোকটা, উঠে দাঁড়ালেই সর্বনাশ-হাতাহাতিতে পারব না আমি ওর সঙ্গে; তাই কোন সুযোগ না দিয়ে ছুটে গিয়ে প্রচণ্ড একটা লাথি মারলাম ওর ফুটবলের মত মাথায়। ঝাঁকি খেল মাথাটা, এবং হুঁশ ফিরে এল। দ্বিতীয় লাথিটা মারতে গিয়ে তাজ্জব হয়ে গেলাম আমি। সাঁৎ করে উঠে বসেছে হুমায়ুন দাদা, চোখের পলকে সরে গেছে মাথাটা যেখানে ছিল সেখান থেকে।
শূন্যে লাথি মেরে তাল হারিয়ে ফেলেছি, পড়ে গেলাম। পড়েই দুই গড়ান দিয়ে সরে গেলাম কিছুটা দূরে। আছড়ে-পাছড়ে উঠে রাইফেলের দিকে এগোবার চেষ্টা করতে গিয়ে আড়চোখে লক্ষ করলাম উঠে দাঁড়িয়েছে হুমায়ুন দাদা, ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে আমার ওপর। চট করে শুয়েই চিৎ হলাম আমি, হাঁটু দুটো ভাঁজ করে নিলাম। ছোট্ট একটা গর্জন ছেড়েই ডাইভ দিল বিশাল পাহাড়। ইতিমধ্যেই পা দুটো তুলে ফেলেছি শূন্যে। মস্ত থলথলে ভূঁড়িতে দুই পা বাধিয়ে ওরই গতিবেগকে কাজে লাগিয়ে আমার। শরীরের ওপর দিয়ে পার করে দিলাম ওর শরীরটা, শেষ মুহূর্তে প্রাণপণ শক্তিতে ছুঁড়লাম পা দুটো। মাথা নিচু পা উঁচু এই রকম প্রায়-খাড়া অবস্থায় শূন্য থেকে নেমে এল সে ভেজা বালির ওপর।
একলাফে উঠে দাঁড়িয়ে দেখলাম অদ্ভুত কায়দায় শরীরটাকে রিঙের মত গোল করে ফেলেছে হুমায়ুন দাদা, কোথাও চাপ বা চোট না খেয়ে বালির ওপর একটা ডিগবাজি দিয়েই উঠে দাড়াল আমার দিকে পেছন ফিরে। চট করে ঘুরল আমার দিকে, এবং ঘুরতে গিয়েই চোখ পড়ল ওর রাইফেলটার ওপর। ওটার কাছে পৌঁছতে হলে ওকে ডিঙিয়ে ওপাশে যেতে হবে আমার। লাফিয়ে শূন্যে উঠে ওর বুকের ওপর কারাতে কিক মারলাম একটা। টলে উঠল, কিন্তু ধরাশায়ী হল না দানব, বরং আমি মাটিতে পা ছোয়াবার সঙ্গে সঙ্গেই আবার ধরে ফেলল জাপটে। এবার আমার নাক-মুখ চেপে রেখেছে নিজের বুকের সঙ্গে।
জুডো-ল্যাঙ মারলাম, পড়ল পাহাড়, কিন্তু আমাকে ছাড়ল না। এক ফোঁটা বাতাসের জন্যে ছটফট করছি আমি ওর বুকে মুখ খুঁজে। উপায়ন্তর না দেখে ঢালের দিকে গড়ান দিলাম। একবার আমি ওপরে, একবার হুমায়ুন দাদা, গড়াচ্ছি আমরা, নেমে যাচ্ছি ঢালু সৈকত থেকে পানির দিকে। এরই ফাঁকে খামচে তুলে নিয়েছি আমি ওর একটা চোখ, জুডো হোল্ডে ধরে মটকে দিয়েছি বাম হাতের দুটো আঙুল, ভেঙে দিয়েছি ডান হাতের কব্জি। আমার নিজেরও যে পাঁজরের একটা হাড় চিড় খেয়েছে টের পাইনি তখন মরণ-যুদ্ধে রত অবস্থায়।
জড়াজড়ি করে নেমে এলাম আমরা খাঁড়ির উষ্ণ, অগভীর। পানিতে। কপাল খারাপ, প্রথমে তলে পড়লাম আমি। শরীরের সমস্ত ওজন চাপিয়ে দিয়েছে আমার ওপর। যেন বিশাল এক জলহস্তী। পানির নিচের চলমান বালিতে হাত-পা-হাঁটু বাধিয়ে যে জোর করব তার উপায় নেই-শক্ত কিছুই পাচ্ছি না, যার ওপর ভর দিয়ে জোর খাটাব। মস্ত বেকায়দায় পড়ে গেলাম।
পানির নিচে ডুবে রয়েছি, একটু বাতাসের জন্যে ছটফট করছি, চোখের সামনে নাচানাচি করছে অসংখ্য আগুনের ফুলকি। চেষ্টার ত্রুটি করছি না, কিন্তু কোন ফল হচ্ছে না-শক্তি ফুরিয়ে যাচ্ছে আমার। বুঝলাম জ্ঞান হারাচ্ছি।
শব্দটা চাপা আর ভোঁতা লাগল আমার কানে। তখনও চিনতে পারিনি, ভাবছি, শরীরের কোন হাড়টা ভাঙল। পিঠের ওপর প্রচণ্ড চাপ অনুভব করছি। হঠাৎ একটা ঝাঁকি খেল হুমায়ুন দাদা, স্থির পাথর হয়ে গেল সঙ্গে সঙ্গে। অনুভব করছি, কেন যেন হঠাৎ শক্তি নিঃশেষ হয়ে গেছে তার, চেপে বসা ভারটা গড়িয়ে নেমে গেল আমার ওপর থেকে।
কাশছি, গোগ্রাসে গিলছি বাতাস, সেই সঙ্গে উঠে বসছি আমি। চুল থেকে নেমে এসে চোখ দুটো ভিজিয়ে দিচ্ছে লোনা পানি। পড়ে যাওয়া টর্চের আলোয় দেখতে পাচ্ছি পানির কিনারায় হাঁটু গেড়ে বসে রয়েছে রাফেলা বার্ড। ওর ব্যাণ্ডেজ বাঁধা হাতে এখনও রয়েছে রাইফেলটা, ম্লান রক্তশূন্য মুখে ভীতির ছাপ।
আমার পাশে অগভীর পানিতে উপুড় হয়ে ভাসছে হুমায়ুন দাদা, জাঙ্গিয়া পরা বিশাল কালো শরীরটা চকচক করছে ডলফিন মাছের মত। উঠে দাঁড়ালাম ধীরে ধীরে, কাপড়চোপড় থেকে হুড়হুড় করে পানি ঝরছে। বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে আমার দিকে রাফেলা। মানুষ হত্যা করে আতঙ্কে বিহ্বল হয়ে গেছে ও।
ওকে আমি…রানা…আমি…ওহ্ গড! বিড় বিড় করে প্রলাপ বকছে রাফেলা।
ডারলিং, দম ফেলার ফাঁকে বললাম ওকে, এই মাত্র জীবনের সবচেয়ে ভাল কাজটা করেছ তুমি। ওকে পাশ কাটিয়ে এগোচ্ছি আমি, যেদিকে শুয়ে রয়েছে রডরিক।
উঠে বসার চেষ্টা করছে রডরিক, নিজের সঙ্গে ধস্তাধস্তি করছে।
থামো, রডরিক, নড়াচড়া কোরো না, ধমক দিলাম ওকে, ঝুঁকে পড়ে তুলে নিলাম টর্চটা। তাজা রক্তে ভিজে রয়েছে ওর শার্ট, বোতাম খুলে মুক্ত করলাম ওর চওড়া কালো বুক।
নিচে এবং বাঁ দিকে, কিন্তু লেগেছে ফুসফুসে। গভীর কালো গর্তটা থেকে প্রতি নিঃশ্বাসের সঙ্গে বুদবুদ বেরিয়ে আসতে দেখছি। বুলেটের অনেক রকমের জখম দেখেছি আমি, নিজেকে এ-ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে দাবি করতে পারি। মন খারাপ হয়ে গেল আমার, জখমটা ভাল না।
তীক্ষ দৃষ্টিতে আমার মুখ লক্ষ্য করছে রডরিক। কি মনে হচ্ছে? ব্যগ্র গলায় জানতে চাইল ও। খারাপ? খুব খারাপ? ব্যথা নেই কিন্তু।
আরে না, গম্ভীর ভাবে বললাম ওকে। এখন থেকে যতবার বিয়ার খাবে তুমি, এই গর্ত দিয়ে কুল কুল করে সব বেরিয়ে আসবে।
নিঃশব্দে হাসছে ও। উঠে বসতে সাহায্য করলাম ওকে আমি। পিঠ ফুঁড়ে বেরিয়ে যাবার গর্তটা নিখুঁত আর পরিষ্কার। এফ. এন লোড করা ছিল নিরেট অ্যামুনিশনে, ঢোকার গর্তের চেয়ে বেরিয়ে যাবার গর্তটা সামান্য একটু বড়। হাড়গোড়ের সঙ্গে ঘষা খায়নি কোথাও বুলেটটা।
মেডিকেল চেস্টে এক জোড়া ফিল্ড ড্রেসিং পাওয়া গেল, ওকে হোয়েলবোটে উঠতে সাহায্য করার আগে ক্ষতটা বেঁধে দিলাম আমি। একটা কম্বল বিছিয়েছে রাফেলা, তার ওপর শুইয়ে ওর গলা পর্যন্ত চাঁদর দিয়ে ঢেকে দিলাম আমি।
ল্যাম্পনিকে ভুলে যেয়ো না, ফিস ফিস করে বলল রডরিক।
ক্যানভাসের লম্বা বাণ্ডিলটা ফেলে রেখে এসেছে রডরিক সৈকতে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালাম ওটার সামনে। বুকটা মোচড় দিয়ে উঠল। ল্যাম্পনিকে তুলে নিয়ে এলাম বোটে। ধীরে ধীরে শুইয়ে দিলাম একপাশে। শক্ত হয়ে গেছে শরীরটা।
পানিতে নেমে ঠেলে নিয়ে যাচ্ছি হোয়েলবোট। কোমর পানি পর্যন্ত নেমে এলাম, তারপর কিনারা টপকে উঠে পড়লাম ওপরে। একটু যেন ব্যথা লাগল বুকের পাঁজরে। আঙুল বুলিয়ে বুঝলাম চোট লেগেছে হাড়ে। ইঞ্জিন চালু করছি। এখন আমার একমাত্র চিন্তা উপযুক্ত চিকিৎসার জন্যে রডরিককে হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু এখান থেকে সেন্ট মেরী অনেক দূর আর অনেক দেরির পথ।
ফ্লোরবোর্ডে রডরিকের পাশে বসেছে রাফেলা, ওর আরামের জন্যে যৎসামান্য যা করার আছে সাধ্যমত করছে সে।
আর এক বুক একাকীত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আমি স্টার্নে, দুই মোটরের মাঝখানে-গভীর পানির চ্যানেল ধরে ছুটিয়ে নিয়ে যাচ্ছি বোটটাকে ফুল স্পীডে।
তারপর বাঁক নিয়ে দক্ষিণমুখো কোর্স ধরলাম আমি। মাথার ওপর জ্বলজ্বল করছে আকাশ ভর্তি ঠাণ্ডা সাদা তারা। হঠাৎ বাতাস ছেড়েছে, কানের দুপাশে হা-হুতাশ আর হাহাকার শুনতে পাচ্ছি। অন্ধকার উত্তাল সাগরে নিঃসঙ্গ এক নাবিক আমি, বয়ে নিয়ে চলেছি মৃত, মৃত্যুপথযাত্রী আর আহতের বোঝা-বড় বেশি আদরের আর প্রিয় বোঝা এসব আমার।
প্রায় পাঁচ ঘন্টা ধরে এগোচ্ছি আমরা, এই সময় বোটের পাটাতনে বিছানো চাদরের পাশ থেকে উঠে দাঁড়াল রাফেলা। আমার দিকে আসছে।
ওর মুখের দিকে তাকিয়ে আছি আমি। কি খবর নিয়ে আসছে জানি না।
তোমার সঙ্গে কথা বলতে চাইছে রডরিক, শান্তভাবে বলল রাফেলা, তারপর হঠাৎ ঝোঁকের বশে সামনের দিকে ঝুঁকে ঠাণ্ডা বরফ ভাল হাতটা দিয়ে আমার মুখ ছুঁল ও। ফুঁপিয়ে উঠতে গিয়ে শব্দটাকে চাপা দিল, বলল, রানা-ও বোধহয় চলে যাচ্ছে।
নড়ছি না। কথা বলছি না। শুধু তাকিয়ে আছি রাফেলার মুখের দিকে, কিন্তু দেখতে পাচ্ছি না কিছু।
যাও, আমার কাঁধ ধরে ঝাঁকি দিল রাফেলা, ফিস ফিস করে বলল, ও ডাকছে তোমাকে।
আসছি আমি, রডরিক, বিড় বিড় করে বললাম, বলার পর হুঁশ হল কিছু একটা বলেছি।
যাও! আমাকে দেরি করতে দেখে চাপা স্বরে প্রায় ককিয়ে উঠল রাফেলা।
এর চেয়ে মরে যাওয়া ভাল। ভীষণ ভয় করছে আমার। কিভাবে যাই আমি রডরিকের সামনে! কিভাবে সহ্য করব…
নিজেকে সামলে নিলাম আমি। হুইলটা রাফেলাকে ছেড়ে দিয়ে বললাম, ওই ওদিকে বড় দুটো তারা দেখতে পাচ্ছ? সোজা ও-দুটোর মাঝখান দিয়ে নিয়ে চল বোট। রডরিক যেখানে শুয়ে আছে সেদিকে পা বাড়ালাম আমি।
প্রথম কিছুক্ষণ মনে হল আমাকে চিনতে পারছে না রডরিক। হাঁটু গেড়ে বসলাম ওর পাশে, পানির নরম কলকল শব্দে নিঃশ্বাস ছাড়ছে। তারপর হঠাৎ সজাগ হয়ে উঠল ও। তারার আলো লেগে চিকচিক করে উঠল চোখ দুটো। চিবুক একটু তুলে তাকাল আমার দিকে। ওর দিকে ঝুঁকে পড়লাম আমি। আমাদের মুখের মাঝখানে কয়েক ইঞ্চির ব্যবধান।
নিঃশব্দে হাসছে রডরিক। প্রাণ ফিরে পেলাম ধড়ে আমি। কি ভাবছ, মাসুদ? ফিসফিস করে জিজ্ঞেস করল ও। কণ্ঠস্বরে পরিষ্কার কৌতুকের সুর টের পেলাম আমি। আরে না, মিস্টার মাসুদ রানা, ডাক পড়লেও তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি। জানি, তুমি আমাকে যেতে দেবে না। দেবে, মাসুদ? শেষ দিকের কথাগুলো মুখের ভেতর জড়িয়ে গেল ওর।
নিঃশব্দে এদিক-ওদিক মাথা নেড়ে জবাব দিলাম ওকে। বুঝতে পারছি, আমার মনটা হালকা করতে চাইছে ও। চাইছে, আমি যেন মুষড়ে না পড়ি।
অনেক বড়-বড় মাছ ধরেছি আমরা, তাই না, মাসুদ? ফিস ফিস করে বলল ও। শেষ মুহূর্তে আমার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে চাইছে।
সদ্যোজাত শিশুর মত ভাষাহীন লাগছে নিজেকে আমার। বলার মত একটা কথাও খুঁজে পাচ্ছি না আমি।
সেই যে যেবার মোজাম্বিক স্রোতে ছয়টা মারলিন ধরলাম দুই দিনে-মনে আছে? অস্পষ্ট গলায় বলছে রডরিক। ইস্, কি সাংঘাতিক মজা হয়েছিল সেবার! রোদ ঝলমলে দিন ছিল সেসব, বাতাসের সঙ্গে গলা চড়িয়ে সারা দিন গান গাইছিলাম বলে কি বকুনিটাই না দিয়েছিলে তুমি আমাকে-আহা, সেসব দিন! কী সুন্দর ছিল! মাসুদ, যদি আবার মাছ ধরতে যাও…আমার কথা…তারপর…
রডরিক, আবার আমরা মাছ ধরব, হঠাৎ ভাষা খুঁজে পেয়েছি, কথাটা বলার পর আবিষ্কার করলাম আমি। আবার আমরা একটা মনের মত সুন্দর বোট কিনতে পারব। আগামী মউসুমে তুমি আর আমি আবার মাছ মারতে যাব-অনেক বড় বড় মাছ-দারুণ মজা হবে… বলতে বলতে থেমে গেলাম।
তারপর অনেকক্ষণ চুপ করে থাকলাম আমরা। একসময় টের পেলাম আমার হাত ধরার জন্যে হাতড়াচ্ছে ও। ওর হাতটা ধরলাম আমি, ধরে আছি শক্ত করে। শক্ত দড়িদড়া নাড়াচাড়া করে শক্ত কড়া পড়ে গেছে ওর হাতে, কর্কশ ছোঁয়া পাচ্ছি আমি।
মাসুদ, এখন পরিষ্কার নয় ওর কণ্ঠস্বর, ওর মুখের কাছে মাথা নামিয়ে ঠোঁটে কান ঠেকিয়ে রেখেছি আমি, শুনতে পাচ্ছি, বলব বলব করে যে কথাটা কক্ষনও কোনদিন বলা হয়নি, সেই কথাটা আজ তোমাকে বলতে যাচ্ছি আমি। ইউ আর এ গুড বয়, মাসুদ। আই লাভ ইউ, ম্যান। আপন ভাইয়ের চেয়েও বেশি ভালবাসি আমি তোমাকে।
আমিও, রডরিক, বললাম।
কিছুক্ষণের জন্যে আমার হাতটা শক্ত করে ধরে থাকল ও, তারপর ঢিল পড়ল ওর মুঠোয়। ওর পাশে বসে আছি আমি, ধীরে ধীরে মস্ত কর্কশ থাবাটা ঠাণ্ডা হয়ে যাচ্ছে আমার মুঠোর ভেতর, আর অন্ধকার সাগরের বুকে একটু একটু করে ফুটছে নতুন ভোরের আলো।
.
কালো শোকের পোশাক পরে সন্ধ্যা নামছে ঢাকার বুকে। ভেজা চোখের মত আকাশের গায়ে মিট মিট করছে দুএকটা তারা।
মাসুদ রানার বাংলো। বাগান থেকে রজনী গন্ধার সুবাস ছড়িয়ে পড়ছে, গন্ধে উন্মনা হয়ে উঠছে বাতাস। অন্ধকার বারান্দায় বসে আছে ওরা। নড়ছে না কেউ, বা কথা বলছে না।
বাংলোর নিচু পাঁচিলের ওপারে খোলা মাঠ দেখা যাচ্ছে, খানিক আগেও ছেলেমেয়েদের ছুটোছুটি আর চেঁচামেচিতে মুখর ছিল পরিবেশটা, এখন আবছা অন্ধকারে অবহেলিত, পরিত্যক্ত বসনের মত পড়ে আছে মাঠটা। কিন্তু সন্ধ্যার কালিমা নেমে। আসতে দেখে সবাই যখন যে যার ঘরে ফিরে যায় তখনও একজন বসে থাকে ওখানে। কোনদিন তাকে দেখা হয়নি রানার। অন্ধকার মাঠে গভীর রাত পর্যন্ত বসে থাকে সে। কিসের পাগল কে জানে! তবে বোঝা যায়, নিঃসঙ্গ। রোজ মাঝরাত পর্যন্ত একটাই ধ্যান। তার, করুণ সুরে বাঁশের বাঁশি বাজানো। আজও বাজাচ্ছে। সুরেলা বিলাপ শুনে স্তব্ধ হয়ে আছে প্রকৃতি।
টপ টপ করে দুফোঁটা পানি ঝরে পড়ল রানার চোখ থেকে। মুখটা আরেক দিকে ফিরিয়ে নিয়ে কড়ে আঙুল দিয়ে হালকা ভাবে মুছে নিল দুই চোখের কোণ।
আবছা অন্ধকারে সোহানার দিকে ফিরল রানা। দেখল অঝোর ধারায় দুই চোখ বেয়ে নেমে আসছে পানি। রানার দিকে তাকাল না ও। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাথরুমের দিকে।
চোখে মুখে পানি ছিটিয়ে আবার ফিরে এসে বসল সোহানা রানার পাশের চেয়ারে। রানার একটা হাত তুলে নিল নিজের হাতে। আলতো করে হাত বুলাচ্ছে-যেন সান্ত্বনা দিতে চায়, ভুলিয়ে দিতে চায় রানার সব দুঃখ।
অনেকক্ষণ কথা বলল না কেউ। দূরে বাজছে বাঁশের বাঁশি। গাঢ় হয়ে গেছে চারদিক। জ্বলজ্বল করছে আকাশ ভরা অসংখ্য তারা। তারপর? একসময় মৃদু কণ্ঠে জানতে চাইল সোহানা।
এখানেই আমার গল্প শেষ, সোহানা, বলল রানা।
শেষ? কিন্তু তারপর কি হল? রাফেলা বার্ড-শেষ পর্যন্ত কি কথা হল ওর সঙ্গে তোমার? আর সেই সোনার মাথা, গ্রেট মুঘলওগুলো কি করলে তুমি?
অন্যমনষ্ক হয়ে উঠেছে রানা।
সে-সব কি আরও দুঃখের, রানা? মৃদু কণ্ঠে বলল সোহানা।
পাশের টিপয় হাতড়ে চুরুটের বাক্স আর লাইটারটা তুলে নিল রানা। না, আসল গল্প এখানেই শেষ, সোহানা। এর পরেরটুকু তেমন কিছু নয়। সেটা নিতান্তই আমার ব্যক্তিগত হার-জিতের কাহিনী। এখন সে-কাহিনীর কোন আবেদন নেই। তুচ্ছ বলে মনে হয়।
কিন্তু, তা সে যত তুচ্ছই হোক, তুমি যখন জড়িত, তার মানে আমিও জড়িত-শেষটুকু শুনতেই হবে আমাকে।
চুরুট ধরিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়ছে রানা। বেশ, রাজি হল ও। শোনো তবে।
নিঃসঙ্গ সেই পাগলটা পুরিয়া-ধানেশ্রী ছড়াচ্ছে মাঠে।
<