প্রশ্নটা এড়িয়ে গেলাম আমি। রাফেলার হাতের ব্যাণ্ডেজের ওপর আঙুল বুলিয়ে নরম গলায় জানতে চাইলাম, তোমার হাতের কি অবস্থা?
চকিতে সিডনির পাশে বসা স্বর্ণকেশী লোরনার দিকে তাকাল রাফেলা। শিউরে উঠল ও, ফিস ফিস করে বলল, লোরনা…লোরনা আমাকে… কথাটা শেষ করতে পারল না।
চোখ বড় বড় করে চেয়ে রয়েছে লোরনা, পায়ের ওপর পা তুলে দিয়ে সামনের দিকে একটু ঝুঁকে পড়েছে। পাশে বসা শেরিডানের মুখের কাছে মুখ নিয়ে চাপা উত্তেজনার সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে সে। সামনে থেকে পেছন দিকে টেনে নিয়ে গিয়ে শক্ত করে ফিতের সঙ্গে বেঁধে রেখেছে চুল, বাতাসে সেগুলো এলোমেলো হয়ে যাচ্ছে না। প্রচুর সময় আর যত্ন নিয়ে প্রচুর। কসমেটিকস ব্যবহার করেছে মুখে, নানান রঙ ঝলমল করছে সেখানে। আগুনের মত জ্বলছে লাল লিপস্টিক লাগানো ঠোঁট দুটো। রূপালী সবুজ ব্যবহার করেছে চোখের পাতায়, একই রঙের টানা ভুরু এঁকেছে বন-বিড়ালী চোখের ওপর।
ওরা কয়েকজন শক্ত করে ধরে রেখেছিল আমাকে-আর একটা একটা করে লোরনা আমার আঙুলের নখ উপড়েছে, আবার শিউরে উঠল রাফেলা।
ছোট্ট, হালকা শব্দ করে হেসে উঠল লোরনা। সোনালী ডানহিল লাইটার জ্বেলে ওর সিগারেটে আগুন ধরিয়ে দিচ্ছে শেরিডান।
সিংহাসনটা কোথায় জানতে চাইছিল ওরা-আমি উত্তর দিতে না পারলেই লোরনা প্লায়ার্স দিয়ে একটা করে নখ উপড়ে নিচ্ছিল আমার। রানা, মাংস থেকে ছিঁড়ে বেরিয়ে আসার সেই শব্দ এখনও আমি শুনতে পাচ্ছি… প্রায় নিঃশব্দে কেঁপাচ্ছে রাফেলা। ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করছি আমি।
শান্ত হও, রাফেলা, ভুলে যেতে চেষ্টা করো, অনুনয়ের সুরে ফিস ফিস করে বললাম ওকে। আমার আরও একটু কাছে সরে এল ও। আমার কাছ থেকে শক্তি সাহস আশা ভরসা এইসব পেতে চাইছে ও। এদিকে মাথার ভেতরটা বিস্ফোরিত হবার আগেই প্রচণ্ড রাগটাকে আবার ঠাণ্ডা করার চেষ্টা করছি আমি।
তীরে এসে ভিড়ল মোটরবোট। সৈকতে নেমে রাফেলার হাত ধরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে ঘিরে রয়েছে সশস্ত্র সেন্ট্রিরা।
ঠিক আছে, রানা? হাত বাড়িয়ে অল্প দূরে নোঙর করা হোয়েলবোটটা দেখাল আমাকে শেরিডান। ফুয়েল ঢেলে ভর্তি করে দেয়া হয়েছে ট্যাঙ্কগুলো। যথেষ্ট পানিও তুলে দেয়া হয়েছে। সোনাদানাগুলো কোথায় দেখিয়ে দাও-তারপর চলে যেতে পারবে তোমরা। শেরিডান যেন মাটির মানুষ, সরল শান্ত ভঙ্গিতে কথাগুলো বলল সে।
কিন্তু ওর পাশে দাঁড়ানো মেয়েটা তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে আমাদের দিকে-ঠিক শিয়াল যেভাবে মুরগীর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাবছি, কে জানে আমাদের জন্যে কি ধরনের নিষ্ঠুর ব্যবস্থা মনে মনে ঠিক করে রেখেছে ও। আমাদের প্রয়োজন ফুরোলে, সন্দেহ নেই, ওর হাতে আমাদেরকে তুলে দেবে শেরিডান, এ ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে ওদের মধ্যে।
আশা করি ছলচাতুরীর আশ্রয় নিয়ে খামোকা সময় নষ্ট করবে না তুমি, রানা।
লক্ষ করছি, সঙ্গে করে নিজের চারজন লোককেও নিয়ে এসেছে শেরিডান। তারা নিঃশব্দ ইঙ্গিত পেয়ে ইতিমধ্যেই প্রায় ঘিরে ফেলে পাহারা দিচ্ছে তাকে। এদের প্রত্যেকের হাতে পিস্তল রয়েছে। একজনকে চিনতে পারছি-রোভার গাড়িটার ড্রাইভার।
হুমায়ুন দাদার তরফ থেকে রয়েছে একজন পেটি অফিসারের অধীনে দশজন আফ্রিকান নিগ্রো ক্রু। টের পাচ্ছি, আমার শত্রুরা ইতিমধ্যেই দুভাগে ভাগ হয়ে গেছে, দুই দলের মধ্যেই নিঃশব্দে বেড়ে উঠছে উত্তেজনা। কৌশলে প্রতিপক্ষ দলের দুজন লোককে অকেজো করে দিল শেরিডান। মোটরবোট পাহারা দেবার জন্যে এই দুজনকে সৈকত ছেড়ে কোথাও যেতে নিষেধ করল সে।
এরপর আমার দিকে ফিরল আবার। চলো, রানা। পথ দেখিয়ে নিয়ে চলো।
নারকেল গাছগুলোকে এড়িয়ে এঁকেবেঁকে উঠছি আমরা। কনুই ধরে হাঁটতে সাহায্য করছি রাফেলাকে আমি। টলছে ও, এলোমেলোভাবে পা ফেলছে আর হাঁপাচ্ছে। গুহাগুলোর কাছাকাছি পৌঁছুবার আগেই ক্লান্তি, ব্যথা আর দুর্বলতায় নিঃশব্দে ফোঁপাতে শুরু করল।
আহা রে, পেছন থেকে প্রলম্বিত লয়ে সুর করে বলল, লোরনা, ঢং দেখে বাচি না!
শক্ত হয়ে গেল রাফেলার কাঁধের পেশী, কিন্তু কিছু বলতে চেষ্টা করল না ও। আমিও হজম করলাম ব্যাপারটা।
পেছনে সশস্ত্র লোকদের নিয়ে ঢালের নিচের কিনারা ধরে। এগোচ্ছি আমরা। পথে একবার মাত্র চুপিসারে তাকালাম রিস্টওয়াচের দিকে। ক্রাশবোটের নিচে জেলিগনাইট বিস্ফোরিত হতে এখনও আধ ঘন্টা বাকি।
সিন্দুক কোথায় পোঁতা আছে তা ওদেরকে দেখিয়ে দেবার আগে একটু অভিনয় করতে হল আমাকে। সবচেয়ে কাছের গাছটার পাশ থেকে পা গুণে গুণে এগোলাম আমি, এক জায়গায় থেমে বাঁক নিলাম, আবার সামনে বাড়লাম কয়েক পা। এখানে। দাঁড়িয়ে পায়ের দিকে তাকালাম, যেন চারপাশের মাটি পরীক্ষা করছি। সামনে থেকে উঠে গেছে ঢালটা, পঞ্চাশ ফুট ওপরে ভাঁজ খাওয়া মাটি ঢাকা পড়ে রয়েছে ঘন ঝোপ আর লম্বা ঘাসে-এসব কল্পনার চোখে দেখছি আমি, মুখ তুলে সেদিকে তাকাবার ঝুঁকি নিচ্ছি না।
পায়ের সামনের মাটি আঙুল দিয়ে দেখালাম সিডনিকে। পিছিয়ে সরে আসতে শুরু করে বললাম, এখানে খুঁড়তে বল।
চারজন ক্রু তাদের একজন সহকর্মীর কাছে অস্ত্রগুলো জমা রাখল, সঙ্গে নিয়ে আসা ছোট ভাঁজ করা আর্মি-টাইপ। কোদালগুলো জোড়া লাগাচ্ছে দ্রুত।
এমনিতেই নরম মাটি, তার ওপর এর আগে নাড়াচাড়া করা হয়েছে, আশ্চর্য দ্রুততার সঙ্গে গভীর করে তুলছে ওরা গর্তটাকে।
ব্যথায় কষ্ট পাচ্ছে ও, ইঙ্গিতে রাফেলাকে দেখিয়ে শেরিডানকে বললাম আমি, দাঁড়িয়ে থাকতে পারছে না-কোথাও বসতে হবে ওকে।
ঝট করে আমার দিকে তাকাল সিডনি শেরিডান। আমার কোন মতলব আছে কিনা, চোখের লেখা পড়ে বুঝতে চাইছে।
দ্রুত চিন্তা করছে শেরিডান। দৌড়ে পালিয়ে যাবে রাফেলা, সে শক্তি নেই ওর, বুঝতে পারছে সে। হুমায়ুন দাদার আরও দুজন লোককে দূরে সরিয়ে দেবার অর্থাৎ অকেজো করে দেবার মস্ত একটা সুযোগ এটা। এইসব ভাবছে সে, তার মুখের চেহারা দেখে পরিষ্কার ধরতে পারছি আমি।
পেটি অফিসারের সঙ্গে ব্যস্ত ভঙ্গিতে কথা বলল সে। তারপর আমার দিকে ফিরে মাথা ঝাঁকাল ছোট্ট করে।
রাফেলার হাত ধরে সবচেয়ে কাছের নারকেল গাছটার দিকে পা বাড়ালাম আমি। অগভীর নালার পাশে, গাছের গোড়ায় হেলান দিয়ে বসলাম আমরা। পাশাপাশি হেঁটে এসেছে দুজন সশস্ত্র গার্ড। দাঁড়িয়ে আছে আমাদের দুপাশে।
বসে এখন আরাম পাচ্ছে রাফেলা। আমার রুমালটা দিলাম ওকে। ধীরে ধীরে কপাল আর মুখ থেকে ঘাম মুছছে ও। এখন আর তত জোরে নিঃশ্বাস ফেলছে না।
ঢালের ওপর দিকে আলগোছে একবার চোখ বুলালাম আমি। কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না ওখানে। তবে, আমি জানি উত্তেজনায় ব্যর্থ হয়ে একদৃষ্টিতে আমাদেরকে দেখছে রডরিক। দুজন গার্ড ছাড়া বাকি সবাই গর্তের ভেতর দাঁড়ানো চারজন লোকের চারদিকে ভিড় করে রয়েছে, আশায় আর উত্তেজনায় টান টান হয়ে উঠেছে ওদের সবার পেশী।
আমাদের দুজন গার্ডকেও কুরে খাচ্ছে কৌতূহল। বারবার ঘাড় ফিরিয়ে চল্লিশ গজ পেছনের ভিড়টার দিকে তাকাচ্ছে ওরা।
সিন্দুকের গায়ে লোহার কোদালের বাড়ি লাগল-ক্ল্যাঙ্ক শব্দটা। পরিষ্কার ভেসে এল আমার কানে। পরমুহূর্তে উল্লাসে চেঁচিয়ে। উঠল গর্তের চারদিক থেকে ওরা সবাই। হৈ-চৈ-এর সঙ্গে হুড়োহুড়ি শুরু করে দিল ওরা, একজন আরেক জনের কনুই ধরে। পেছন দিকে টানছে, গর্তের ভেতরটা ভাল করে দেখার সুযোগ খুঁজছে। আমাদের গার্ড দুজনও দূর থেকে তাকিয়ে আছে। ওদিকে, ঘুরে গেছে ওরা, পেছন ফিরে দাঁড়িয়েছে আমাদের দিকে।
শেরিডান ধাক্কা মেরে সরিয়ে দিল দুজন ক্রুকে, গর্তের ভেতর। মাটি কাটছে যারা তাদের পাশে নামল সে লাফ দিয়ে। ওর চিৎকার শুনতে পাচ্ছি আমি, ঠিক আছে, তাড়াতাড়ি কর! দড়ি এনে বাঁধ একটাকে, তারপর সবাই মিলে টেনে তোল। সাবধান, কিছু যেন নষ্ট না হয়!
গর্তের দিকে ঝুঁকে রয়েছে স্বর্ণকেশী লোরনাও। নিখুঁত পরিস্থিতি। এর বেশি আমি কিছু আশা করতে পারি না।
ডান হাতটা তুলছি আমি। ধীরে ধীরে কপালটা মুছছি হাতের উল্টোপিঠ দিয়ে। জানি, আমার দিকে তাকিয়ে আছে রডরিক। দেখতে পাচ্ছে সিগন্যালটা।
কপাল থেকে ঝট করে নামিয়ে নিলাম হাতটা। রাফেলাকে আঁকড়ে ধরেছি, ওকে সঙ্গে নিয়ে কাত হয়ে পড়ে গিয়েই দ্রুত গড়িয়ে যাচ্ছি অগভীর নালাটার দিকে।
হতভম্ব হয়ে গেছে রাফেলা। নালার ভেতর আশ্রয় নিতে দেরি হয়ে যাবে এই ভয়ে নির্মমভাবে ধস্তাধস্তি শুরু করে দিয়েছি ওর সঙ্গে আমি। আহত শরীরের ওপর চাপ, ধাক্কা আর গুঁতো খাচ্ছে ও, ব্যথায় গোঙাচ্ছে।
বিন করে একসঙ্গে ঘুরে দাঁড়াল আমাদের দিকে গার্ড দুজন। ঘোরার মধ্যেই তুলে ফেলেছে সাবমেশিনগান, গুলি করতে যাচ্ছে। অগভীর নালা কোন আড়ালই দিচ্ছে না আমাদেরকে।
খোদার দোহাই, রডরিক, এখন! আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠেছে আমার চোখ, চেয়ে আছি একজোড়া মেশিনগানের গভীর কালো নলের ফুটোর দিকে, ঝাঁপিয়ে পড়েছি রাফেলার ওপর আমার শরীর দিয়ে ওকে ঢেকে রাখার জন্যে। বড়জোর এইটুকুই ওর জন্যে করতে পারি, আমাকে শেষ করে তারপর ওর গায়ে বিধুক বুলেটের ঝাঁক।
সেই মুহূর্তে, সেই মারাত্মক সর্বশেষ মুহূর্তে খিলখিল করে হেসে উঠল লোরনা, আগুনের আঁচের মত কানের পর্দায় এসে লাগছে তার হাসি, ঝাঁক ঝাঁক বুলেটের ধাক্কায় ঝাঁকি খাবার জন্যে অনিচ্ছাসত্ত্বেও তৈরি হয়ে গেছি আমি। আর সেই মুহূর্তে, সেই প্রিয় মুহূর্তে ইলেকট্রিক ব্যাটারি ব্লাস্টারের নবটা টিপে দিল রডরিক। আগের রাতে সাবধানে লুকিয়ে রাখা ইনসুলেটেড ওয়্যার বেয়ে নেমে আসছে বিদ্যুৎ। সিন্দুকে ঠাসা রয়েছে হাফ কেস জেলিগনাইট-আমার আর রাফেলার নিরাপত্তার কথা ভেবে যতটুকু বিস্ফোরক ভরা সম্ভব সবটুকু ভরে রেখেছি ওতে। প্রচণ্ড আওয়াজ করে ফাটল বোমাটা।
সিন্দুকটা বিস্ফোরিত হওয়ায় রডরিকের নিঃশব্দ হাসি কল্পনা করতে পারছি আমি। গর্তের গায়ে ধাক্কা খেয়ে, গর্তটাকে আরও বড় করে তুলে সিন্দুকসহ সবকিছু উঠে যাচ্ছে ওপর দিকে। গর্তের কিনারায় যারা দাঁড়িয়ে ছিল, কেউ বাদ গেল না। বন বন করে পাক খাচ্ছে চামড়া ছেলা রক্তাক্ত লোকগুলো, ডিগবাজি খাচ্ছে শূন্যে-উঠে যাচ্ছে এখনও ওপর দিকে। ওদেরকে ছাড়িয়ে একশো ফুট পর্যন্ত উঠে গেছে ধুলো আর বালির খাড়া একটা স্তম্ভ।
মাটির প্রচণ্ড কাঁপনে ঠোকাঠুকি খেলাম আমি আর রাফেলা, পরমুহূর্তে আমাদের দিকে ছুটে এল শক ওয়েভ। এক ধাক্কায় চিৎ করে ফেলে দিল গার্ড দুজনকে, শরীরের কাপড় ছিঁড়ে দিয়ে গেছে।
আমার কানের পর্দা দুটো ফেটে গেছে বলে মনে হচ্ছে। কিছুই শুনতে পাচ্ছি না। কিন্তু রাফেলার কান দুটো হাত দিয়ে চেপে রেখেছিলাম, তাই বেঁচে গেছে ওরগুলো।
ধুলোবালির নিচে চাপা পড়ে গেছি আমরা। গড়িয়ে নেমে এলাম রাফেলার ওপর থেকে, ব্যগ্র উন্মত্ততার সঙ্গে নালার বেলে মাটি খুঁড়ছি নখ দিয়ে। সাবমেশিনগানের গায়ের সঙ্গে আটকে গিয়ে আঙুলের একটা নখ প্রায় উল্টে গেল আমার। ভ্রূক্ষেপ না করে বালির নিচ থেকে টেনে বের করে নিলাম অস্ত্রটা, জড়িয়ে থাকা শার্টটা খুলে ফেলে দ্রুত উঠে দাঁড়াচ্ছি হাঁটুর ওপর ভর দিয়ে।
আমার কাছের গার্ড দুজনেই বেঁচে রয়েছে। একজন বসে বসে টলছে, কানের পর্দা ফেটে গেছে তার, জুলফি বেয়ে গড়িয়ে নেমে আসছে রক্তের ধারা। আরেকজন হামাগুড়ি দিচ্ছে। ছোট্ট করে দুবার ট্রিগার টিপে শেষ করলাম ওদেরকে, দৃষ্টিপথে বাধা হয়ে রয়েছে দেখে ব্যারেলের গুতো মেরে বসে থাকা লোকটাকে বালির ওপর তাড়াতাড়ি পড়ে যেতে সাহায্য করলাম।
এবার তাকালাম গর্তের চারদিকে ছড়ানো মাংসপিণ্ডের ভাঙাচোরা স্তূপের দিকে।
ওখানে মন্থর গতিতে মোচড় খাচ্ছে মাংসপিণ্ড, নরম গোঙানির শব্দ উঠছে। নালা থেকে উঠে এলাম আমি, থরথর করে কাঁপছি। মুখ তুলে তাকাতেই ঢালের ওপর দেখতে পাচ্ছি রডরিককে, পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে আরেক কালো পাহাড়। গলার দুপাশের রগগুলো ফুলে উঠেছে ওর, চিৎকার করে কি যেন বলছে, কিন্তু কানের ভেতর ঝন ঝন শব্দে একনাগাড়ে বাজছে বিস্ফোরণের সেই প্রচণ্ড আওয়াজ, আর কিছুই শুনতে পাচ্ছি না আমি।
দাঁড়িয়ে আছি এখানে, নিজে থেকেই সামনে পিছনে মৃদু দোল খাচ্ছে শরীরটা, হতভম্ব বোকার মত তাকাচ্ছি চারদিকে। ধীরে ধীরে উঠে বসছে রাফেলা, দেখতে পাচ্ছি আমি। আমার পাশে এসে দাঁড়াল ও। হাত রাখল আমার একটা কাঁধে। স্বস্তির শীতল পরশ অনুভব করলাম শরীরে ওর কণ্ঠস্বর অস্পষ্টভাবে আমার কানে আসছে বুঝতে পেরে।
বিস্ফোরিত জায়গার দিকে তাকালাম আবার। সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম আমি আর রাফেলা।
মানুষেরই একটা মূর্তি ওটা, সব কাপড়চোপড় এবং বেশিরভাগ গায়ের ছাল শরীর থেকে ছাড়িয়ে নেয়া হয়েছে। কাঁচা, রক্তঝরা একটা ভীতিকর বস্তু। কাঁধের খোপ থেকে বেরিয়ে এসেছে আধখানা হাতের হাড়, এক চিলতে রক্তাক্ত মাংসের সঙ্গে ঝুলছে সেটা শরীরের পাশে। ধীরে ধীরে গর্তের ভেতর থেকে উঠে আসছে সে, যেন প্রাচীন কবর থেকে উঠে আসছে গলিত লাশ।
গর্তের ওপর উঠে এক সেকেণ্ডের জন্যে দাঁড়িয়ে থাকল সে স্থির হয়ে, এতক্ষণে শেরিডানকে চিনতে পেরে আবার একবার শিউরে উঠলাম আমি। এই রকম প্রচণ্ড একটা বিস্ফোরণ থেকে বেঁচে গেছে ও, তা যেন আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু তার চেয়েও অবিশ্বাস্য ব্যাপার, আমার দিকে সোজা হেঁটে আসছে ও।
মাটিতে ঘষে ঘষে পা ফেলছে ও, ধীরে ধীরে এগিয়ে আসছে, ক্রমশ কাছ থেকে আরও কাছে চলে আসছে জ্যান্ত একটা আতঙ্কের মত। এখন আমি দেখতে পাচ্ছি, অন্ধ হয়ে গেছে ও। দুই চোখের কোটর ভরাট হয়ে গেছে বালিতে। এক ইঞ্চি চামড়া নেই ওর মুখে। সুন্দর চুল সহ খুলির ওপর থেকে মাথার সবটুকু ছাল গায়েব হয়ে গেছে।
অস্পষ্ট কিন্তু একটানা তীক্ষ্ণ চিৎকার শুনতে পাচ্ছি রাফেলার, ভয়ে আমার পিঠের মাংস আঁকড়ে ধরেছে ও, মুখ লুকাচ্ছে আমার দুই শোল্ডার ব্লেডের মাঝখানে।
ধীরে ধীরে তুললাম সাবমেশিনগানটা। বুলেটের সরল রেখা শেরিডানের বুক ভেদ করে বেরিয়ে গেল। মৃত্যু এসে বাঁচিয়ে দিল ওকে।
আচ্ছন্নবোধটা কাটিয়ে উঠতে পারিনি এখনও। চারদিকে ঘাড় ফিরিয়ে নিজের তৈরি হত্যাযজ্ঞটা দেখছি, এই সময় আমার কাছে পৌঁছুল রডরিক। আমার একটা হাত চেপে ধরেছে ও। শুনতে পাচ্ছি ওর চিৎকার, তুমি ঠিক আছ, মাসুদ? নিঃশব্দে মাথাটা একদিকে কাত করলাম আমি, তাই দেখে আবার চেঁচিয়ে উঠল রডরিক, হোয়েলবোট! যেভাবে হোক ওটাকে হাতছাড়া করা চলবে না আমাদের।
রাফেলার দিকে ফিরলাম আমি, দুহাতে মুখ ঢেকে এখনও ফোঁপাচ্ছে ও। গুহায় ফিরে যাও তুমি। ওখানে অপেক্ষা কর আমার জন্যে, বললাম ওকে। নিঃশব্দে ঘুরে দাড়াল ও।
এদের ব্যাপারে আগে নিশ্চিত হওয়া যাক, বিড় বিড় করে বললাম রডরিককে। ওকে পাশে নিয়ে হাড়গোড় আর মাংসের স্তূপের দিকে এগোলাম আমি। ওরা সবাই মারা গেছে নয়ত মারা যাচ্ছে। মাটিতে পিঠ দিয়ে শুয়ে আছে লোরনা পেজ। লেস দিয়ে তৈরি আণ্ডার-ওয়্যারটা ছাড়া শরীরের আর সব কাপড় ছিঁড়ে বেরিয়ে গেছে, শুধু কোমরের কাছে রক্ত আর দলা পাকানো মাংসের সঙ্গে সেঁটে রয়েছে এক টুকরো সবুজ স্ল্যাক স্যুটের কাপড়। একটা হাঁটু ভেঙে গেছে ওর, সাদা হাড়ের ওপর দিয়ে বেরিয়ে আসছে এখনও রক্তের স্রোত।
বিস্ফোরণটা সম্পূর্ণ অগ্রাহ্য করে লোরনার পরিপাটি করে যত্ন নেয়া চুলের সাজ এখনও অটুট হয়ে রয়েছে, শুধু পাউডারের মত মিহি বালির গুঁড়ো সাদা করে দিয়েছে চুলগুলোকে। ওকে নিয়ে মহা এক কৌতুক সৃষ্টি করেছে মৃত্যু-বিস্ফোরণের ধাক্কায় সিন্দুক থেকে বেরিয়ে এসে ব্লু ল্যাপিজ লাজুলির একটা টুকরো সেঁধিয়ে গেছে লোরনার কপালের ঠিক মাঝখানে, হাড়ের সঙ্গে শক্ত ভাবে আটকে রয়েছে সেটা। ভাবছি, তাড়াহুড়ো করতে গিয়ে নিশ্চয়ই কোন ভাবে কয়েকটা পাথর সিন্দুকের ভেতর রয়ে গিয়েছিল।
লোরনার নিজের চোখ দুটো বন্ধ হয়ে রয়েছে, কিন্তু কপালের মাঝখানে মূল্যবান তৃতীয় চোখটা অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে।
একজনও বেঁচে নেই, বিড় বিড় করে বলল রডরিক।
হ্যাঁ, ওর সঙ্গে একমত হয়ে ছিঁড়ে আনলাম মেয়েটার ওপর আটকে যাওয়া আমার চোখের দৃষ্টি। বিজয়ের উল্লাস বা প্রতিশোধ গ্রহণের তৃপ্তি অনুভব করছি না লক্ষ করে আশ্চর্য হচ্ছি আমি। প্রতিশোধ চরিতার্থের অনুভূতি মিষ্টি তো নয়ই, বরং সম্পূর্ণ বিস্বাদ, রডরিককে অনুসরণ করে সৈকতের দিকে যাবার সময় ভাবছি।
বিস্ফোরণের প্রতিক্রিয়া এখনও কাটিয়ে উঠতে পারিনি আমি, কান দুটো পরিষ্কার হয়ে এলেও শরীরের বল শক্তি ফিরে পাচ্ছি না। রডরিককে দৃষ্টিসীমার মধ্যে রাখার জন্যে হিমশিম খেতে হচ্ছে আমাকে। প্রকাণ্ড শরীর নিয়ে আশ্চর্য হালকাভাবে হেঁটে যাচ্ছে ও, আর ভারী বোঝার মত কষ্ট করে নিজেকে টেনে নিয়ে যাচ্ছি আমি।
গাছের শেষ সারি পেছনে রেখে সৈকতে বেরিয়ে এলাম আমরা। আমার কাছ থেকে দশ পা সামনে রয়েছে রডরিক। সৈকতের কিনারায়, ওর পাশে এসে দাঁড়ালাম আমি।
যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই ভাসছে হোয়েলবোট, কিন্তু বিস্ফোরণের আওয়াজ শোনার পর কোনরকম ঝুঁকি না নিয়ে মোটরবোট নিয়ে রওনা হয়ে গেছে গার্ড দুজন। এরই মধ্যে ক্রাশবোটের কাছাকাছি পৌঁছে গেছে ওরা। একজন আমাদেরকে দেখতে পেয়েই মেশিনগানের গুলি ছুঁড়তে শুরু করল। কিন্তু ওটার নাগালের অনেক বাইরে আমরা, তাই গা ঢাকা দেবার কোন চেষ্টা করলাম না। তবে গুলির শব্দ শুনে ক্রাশবোটের বাকি ক্রুরা সৈকতের দিকে তাকিয়ে দেখতে পেল আমাদেরকে। লাফ দিয়ে ছুটল তারা বো-তে ফিট করা কুইক ফায়ারার কামানের দিকে।
বিপদ হল দেখছি, ঘোঁত ঘোঁত করে উঠল রডরিক।
প্রথম শেলটা আমাদের মাথার অনেক ওপর দিয়ে ছুটে গেল, পেছনের নারকেল গাছে লেগে বিস্ফোরিত হল সেটা, চারদিকে এ্যাপনেল ছুটোছুটি করার শব্দ পেলাম আমরা।
দ্রুত পিছিয়ে এসে গাছের আড়ালে শুয়ে পড়েছি আমি আর রডরিক, বালির উঁচু ঢেউ-এর নিচে নামিয়ে রেখেছি মাথা।
এরপর কি? জানতে চাইল রডরিক।
হরে দরে সমান সমান, বললাম ওকে। কামানের পরবর্তী দুই রাউণ্ড গোলা আমাদের পেছনের গাছের মাথায় প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হল। কিন্তু তারপরই কয়েক সেকেণ্ড আর কোন আওয়াজ নেই। মাথা তুলে বালিয়াড়ির ওপর দিয়ে উঁকি দিতেই দেখি কামানের লম্বা ব্যারেলটা দ্রুত অন্য দিকে ঘুরিয়ে নিচ্ছে ওরা।
পরবর্তী শেলটা হোয়েলবোটের পাশে অগভীর পানিতে পড়ল, পানির একটা খাড়া স্তম্ভ লাফ দিয়ে উঠল ওপর দিকে। বাচ্চার বিপদ দেখে রাগে সিংহী যেমন গর্জে ওঠে, সেই রকম বিকট একটা আওয়াজ বেরিয়ে এল রডরিকের গলার ভেতর থেকে।
ডুবিয়ে দিতে চেষ্টা করছে ওরা হোয়েলবোট… প্রকাণ্ড কালো শরীরটা রাগে কাঁপছে, ওর মুখের কথা শেষ হবার আগেই এসে পড়ল পরবর্তী শেলটা, সৈকতের ওপর পড়ে চারদিকে মেঘ ওড়াল সাদা বালির।
আমাকে দাও ওটা, দ্রুত বললাম ওকে, ওর হাত থেকে ছো মেরে কেড়ে নিলাম এফ-এন কারবাইনটা, আরেক হাত বাড়িয়ে ধরিয়ে দিয়েছি ওকে শর্ট ব্যারেলের এ. কে. ফরটি সেভেন। ওর কাঁধ থেকে হ্যাভারস্যাকের স্ট্রাপটা খসিয়ে নিচ্ছি। লক্ষ্যভেদ করার জন্যে এই মুহূর্তে যে নিপুণতা দরকার তা নেই ওর।
নোড়ো না এখান থেকে, বললাম ওকে। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। মাথা নিচু করে প্রাণপণে দৌড়াচ্ছি বে-এর বাকটার দিকে। বিস্ফোরণের প্রতিক্রিয়া প্রায় সম্পূর্ণ কাটিয়ে উঠেছি আমি। একছুটে চলে এসেছি বে-এর বাকে, শিং-এর মাথায়। এখান থেকে নোঙর ফেলা ক্রাশবোটের দূরত্ব সবচেয়ে কম। বালির ওপর ডাইভ দিয়ে পড়লাম আমি। এফ. এনের লম্বা ব্যারেলটা ঠেলে দিলাম সামনের দিকে।
গান ক্রুরা এখনও হোয়েলবোটের ওপর টার্গেট প্র্যাকটিস করছে। ওটাকে ঘিরে বারবার লাফ দিয়ে উঠছে বালি আর পানি। কামানের সামনের প্রতিরোধ প্লেটের পেছনে দাঁড়িয়ে রয়েছে গান ক্রুরা, ঘাড় ফিরিয়ে পাশের দিকে তাকালেই দেখতে পাবে আমাকে।
এফ. এনের ফায়ার সিলেক্টর সিঙ্গেল শটের ঘরে ঠেলে দিলাম আমি, গভীর কয়েকটা শ্বাস টেনে দৌড়ে আসার হাঁপানিটুকু দূর করে নিলাম। গান-লেয়ার পেডাল মেরে কামানের ব্যারেল একদিক থেকে আরেকদিকে সরাচ্ছে, হাতল ঘুরিয়ে প্রয়োজন মত সেটাকে উঁচু-নিচু করে নিচ্ছে-গান সাইটে চোখ রাখার ফুটোর ওপর নরম প্যাডে চেপে ঠেকিয়ে রেখেছে কপালটা।
সাইটে চোখ রেখে লক্ষ্যস্থির করলাম ওর কানের পাশে, ট্রিগার টিপে বের করে দিলাম একটা বুলেট। সিট থেকে ছিটকে পড়ে গেল লোকটা। ছেড়ে দেয়া এইমিং হ্যাণ্ডেলটা ধীরে ধীরে ঘুরছে,আর অলস ভঙ্গিতে আকাশের দিকে উঠে যাচ্ছে কামানের ব্যারেলটা।
হতচকিত দুজন গান-লোডার বোকার মত তাকিয়ে আছে পরস্পরের দিকে। ব্যারেল ঘুরিয়েই আরও দুটো গুলি ছুঁড়লাম ওদের দিকে। পাথরের মূর্তি দুটো জ্যান্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গে, লাফ দিয়ে পড়ল ডেকের ওপর, সেখানে থেকে গড়িয়ে চলে গেল আড়ালে। পাশ থেকে খোলা ব্রিজ লক্ষ্য করে পর পর গুলি করলাম তিনটে, অফিসার আর নাবিকরা এ ওর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। মোটরবোটটা ভিড়েছে ক্রাশবোটের পাশে, সেদিকে আরও তিনটে গুলি করে গার্ড দুজনকে পড়িমড়ি করে ডেকে উঠে পড়তে সাহায্য করলাম, এরাও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল ডেক থেকে। মোটরবোটটাকে বেঁধে রেখে যায়নি ওরা, ক্রাশবোটের পাশ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সেটা।
এফ. এনের ম্যাগাজিন বদল করলাম আমি। সাবধানে। লক্ষ্যস্থির করে বোটের কাছাকাছি দিকের প্রত্যেকটা পোর্টহোলের ভেতর একটা করে বুলেট ঢুকিয়ে দিচ্ছি। প্রতিটি গুলি ছোড়ার পরপরই কাঁচ ভাঙার শব্দ পাচ্ছি আমি।
ব্যাপারটা সহ্যের অতিরিক্ত বাইরে বলে মনে হল হুমায়ুন। দাদার, নোঙর তুলে ফেলার শব্দ শুনে বুঝলাম সুমতি হয়েছে তার। পানির নিচে ঘুরতে শুরু করেছে ক্রাশবোটের প্রপেলারগুলো, সাদা ফেনা নিয়ে উথলে উঠছে পানি। খাড়ির মুখের দিকে ঘুরে যাচ্ছে ক্রাশবোট।
আমার সামনে দিয়ে চলে যাচ্ছে বোটটা, অবিরাম গুলির মধ্যে রেখেছি ওটাকে, যাতে বিদায় নিতে দেরি না করে। নোংরা কিন্তু মোটা একটা ক্যানভাস দিয়ে ঢেকে দেয়া হয়েছে ব্রিজটাকে, জানি পেছনেই মাথা নিচু করে শুয়ে আছে হেলসম্যান। ক্যানভাস ফুটো করে একের পর এক বেরিয়ে যাচ্ছে আমার গুলি, ওর পজিশন আন্দাজ করার চেষ্টা করছি। কিন্তু কাজ হচ্ছে না বুঝতে পেরে আবার মনোযোগ দিলাম পোর্টহোলগুলোর দিকে, আশা করছি বুলেটগুলো খোলের ভেতর ছুটোছুটি করে কিছু একটা ক্ষতি করবে।
দ্রুত বাড়ছে ক্রাশবোটের স্পীড। শিং ঘুরে আড়ালে চলে যাচ্ছে সে। উঠে দাঁড়ালাম আমি, হাতের ঝাপটা মেরে কাপড় থেকে বালি ঝাড়লাম। তারপর রাইফেলটাকে রি-লোড করে নিয়ে ছুটলাম নারকেল গাছের ভেতর দিয়ে।
দ্বীপের উত্তর প্রান্তের একটা ঢালের মাথায় চড়ে দেখি প্রায় মাইলখানেক দূরে, গভীর পানির চ্যানেলে চলে গেছে ক্রাশবোট। আফ্রিকা মেইনল্যাণ্ডের দিকে ছুটছে সে। সবুজাভ সাগরের বুকে ছোট সাদা একটা আকৃতির মত দেখাচ্ছে তাকে।
এফ. এনটা বগলদাবা করে মাটির ওপর বসে পড়লাম, একদৃষ্টিতে তাকিয়ে ক্রাশবোটের চলে যাওয়া দেখছি। রিস্টওয়াচের কাটা বলছে এগারোটা বেজে সাত মিনিট হয়েছে। উদ্বেগের সঙ্গে ভাবতে শুরু করেছি, ক্রাশবোটের স্টার্নের নিচে জেলিগনাইট আছে, না নেই? পানির তোড়ে বাঁধন ছিঁড়ে গিয়ে থাকলে-নেই।
জলমগ্ন আউটার রীফ পেরোচ্ছে ক্রাশবোট। একটু পরই খোলা ইনশোর পানিতে ঢুকবে সে। ঢেউ সরে গেলেই প্রতিবার কদর্য চেহারা নিয়ে দেখা দিচ্ছে প্রবাল প্রাচীরের মাথাগুলো, পরমুহূর্তে পরবর্তী ঢেউটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সাদা ফেনায় পরিণত করছে।
ছোট সাদা আকৃতিটা চুপচাপ বিস্ফোরিত হল। অনেক দূর থেকে দেখছি, তাই খুঁটিনাটি কিছুই ধরা পড়ছে না চোখে, আর বাতাস উল্টোদিকে বইছে বলে কোন শব্দই এল না এদিকে। হঠাৎ লাফ দিয়ে উঠল পানি, খুদে বোটটাকে ঢেকে ফেলল সম্পূর্ণ। অস্ট্রিচ পাখির একটা পালকের মত দেখাচ্ছে-নরম আর। হালকা, বাতাসে দুলছে। যতটা ওপরে ওঠার উঠে ঝুঁকে পড়ছে নিচের দিকে, দ্রুত হারিয়ে ফেলছে আকৃতি, তারপর এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ল উত্তাল সাগরে, পানির সঙ্গে মিশে অদৃশ্য হয়ে গেল। সাগরের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে ক্রাশবোট, তার কোন চিহ্নই আর দেখতে পাচ্ছি না আমি।
জানি জোয়ারের সঙ্গে সঙ্গে রক্তের গন্ধ পেয়ে দল বেঁধে ছুটে আসবে আলবাকোর হাঙ্গর। কিন্তু ক্রাশবোটের একজনকেও জীবিত পাবে না ওরা। বিস্ফোরণের পরে ওদের কারও বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই। হুমায়ুন দাদার প্রকাণ্ড শরীরটা কল্পনা করে ক্ষীণ একটু দুঃখ বোধ করলাম আমি। অত বড় আকৃতি আগে কখনও দেখিনি, ভবিষ্যতেও আবার দেখব কিনা সন্দেহ। কলকাঠি নেড়ে এমন একটা বিস্ময়কর নমুনাকে ধ্বংস করে দিয়েছি দুনিয়ার বুক থেকে, দুঃখ সেখানেই। জানি, অন্য কিছু করার ছিল না আমার, তবু।
নিজের সঙ্গে কৌতুক করছি, হঠাৎ বুঝতে পেরে, আপন মনে হেসে ফেললাম আমি। উঠে দাঁড়ালাম। দ্রুত হেঁটে নেমে আসছি গুহার দিকে।
.
লুটপাট করার সময় আমার মেডিক্যাল কিটটা ভেঙে রেখে গেছে ওরা, তবে রাফেলার নখ উপড়ানো আঙুলগুলো ধুয়ে ড্রেস করে দেবার মত যথেষ্ট ওষুধ ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেল গুহার মেঝে থেকে। মাংসের ভেতর থেকে টেনে ছিঁড়ে নেয়া হয়েছে তিনটে নখ। আমার ভয়, শিকড়গুলোও বুঝি নষ্ট হয়ে গেছে, নতুন করে আর নখ গজাবে না। কিন্তু রাফেলাও এই একই আশঙ্কা প্রকাশ করায় সেটা আমি হেসেই উড়িয়ে দিলাম। যথেষ্ট ভুগেছে ও, এরপর আর মন খারাপ করে দিতে চাই না।
ওর ক্ষতগুলোর যত্ন নেয়ার পর দুটো পেইনকিলার ট্যাবলেট খেতে দিলাম ওকে। গুহার পেছন দিকে বিছানা পেতে শুইয়ে দিলাম।
চোখ বোজো, বললাম ওকে আমি, হামাগুড়ি দেয়ার ভঙ্গিতে ঝুঁকে আছি ওর ওপর। কপালে হালকাভাবে চুমু খেলাম। ঘুমুতে চেষ্টা কর। রওনা হবার সময় ডেকে নেব তোমাকে।
দরকারী কাজগুলোয় এরই মধ্যে হাত লাগিয়েছে রডরিক। হোয়েলবোটটা পরীক্ষা করেছে ও। আপনেল লেগে কয়েক জায়গায় শুধু ফুটো হয়ে গেছে সেটা, বাকি সব ঠিক আছে। টুলকেস থেকে পুডিং বের করে ফুটোগুলো বন্ধ করলাম আমরা। বোটটা সৈকতে রেখেই ফিরে এলাম দুজন।
গর্তের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শরীর থেকে বিচ্ছিন্ন হাত-পা ধড় ও মুণ্ডু। এক এক করে সেগুলো আমরা সাজালাম গর্তের ভেতর। মৃতদের ওপর রাগ থাকতে নেই, তাই যথাসাধ্য চেষ্টা করলাম ধড় আর মুণ্ডুর সঙ্গে যার যার হাত-পাগুলো এক করে রাখতে। তারপর বালি চাপা দিয়ে ভরাট করে দিলাম গর্তটা।
আরেকটা গর্ত খুঁড়লাম আমরা। এর ভেতর রয়েছে বাঘ সিংহাসনের সোনার মাথাটা। চওড়া কপালে শোভা পাচ্ছে বিরাট গ্রেট মুঘল। বহু কষ্টে ধরাধরি করে নিয়ে আসছি সেটাকে, ওজনের ভারে নুয়ে পড়েছি আমরা।
হোয়েলবোটের তলায় কুশন দিয়ে মুড়ে রাখলাম মাথাটা। পাথর ভর্তি প্লাস্টিকের একটা প্যাকেট কিভাবে কখন যেন ছিঁড়ে গেছে, আরেকটা প্যাকেটে ভরলাম সেগুলো। সোনার মাথাটার কাছে রাখলাম ওগুলো। স্যাফায়ার আর এমারেল্ডের প্যাকেটগুলো ভরে নিলাম আমার হ্যাভারস্যাকে।
এরপর গুহায় ফিরে এসে সমস্ত অক্ষত ইকুইপমেন্ট আর মালপত্তর উদ্ধার করে জড়ো করলাম এক জায়গায়। এসব বেঁধেছেঁদে বয়ে নিয়ে হোয়েলবোটে তুলতে বেলা শেষ হয়ে গেল। মালপত্রের স্কুপের ওপর এফ. এন কারবাইনটা নামিয়ে রেখে পিছিয়ে এলাম আমি। ভীষণ ক্লান্তি বোধ করছি। একটু বিশ্রাম নিতে পারলে হত। কিন্তু না, এই অভিশপ্ত দ্বীপ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়াই ভাল।
ঠিক আছে, রডরিক? চুরুট ধরাচ্ছি আমরা, এতক্ষণে নিস্তব্ধতা ভাঙলাম আমি। এবার বোধহয় রওনা হতে পারি আমরা, কি বল?
চুরুটে মস্ত একটা টান দিয়ে একমুখ নীল ধোঁয়া ছাড়ল রডরিক। মুখটা অস্বাভাবিক নির্ভাজ আর সরল দেখাচ্ছে। একটা কাজ শুধু বাকি রয়েছে, মৃদু কণ্ঠে বলল ও। যাই, ল্যাম্পনিকে তুলে নিয়ে আসি।
নিঃশব্দে মুখ তুলে তাকিয়ে আছি ওর দিকে আমি। তাই দেখে আবার বলল ও, এখানে ওকে কিভাবে রেখে যাই? এমন নির্জন জায়গা, ওর ভাল্লাগবে না। সেন্ট মেরীর কবরস্থানে আত্মীয়স্বজনদের সঙ্গে থাকতে পারলে খুব খুশি হবে ও।
সন্ধ্যা নামছে। দ্রুত ঘন হয়ে উঠছে অন্ধকার। খানিকটা ক্যানভাস নিয়ে একাই রওনা হয়ে গেল রডরিক। ওর দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে, দ্রুত অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ও।
নড়ছি না আমি। বসে বসে চুরুটটা শেষ করলাম। তারপর একটা দীর্ঘশ্বাস চেপে উঠে দাঁড়ালাম, রাফেলাকে নিয়ে আসার জন্যে ফিরে যাচ্ছি আবার গুহায়।
গাঢ় ঘুম সহজে ভাঙতে চায় না, কিন্তু একবার ভাঙতেই পূর্ণ সজাগ হয়ে উঠল রাফেলা। কি হয়েছে, রানা? উদ্বেগের সঙ্গে জানতে চাইল ও।
আর কিছু হবার নেই, বললাম ওকে। চলো, রওনা হবার সময় হয়েছে আমাদের।
রাতে ঠাণ্ডা পড়বে সাগরে, তাই আমার একটা জার্সি পরিয়ে দিয়েছি রাফেলাকে। আরও দুটো পেইনকিলার ট্যাবলেট খাইয়ে সৈকতে নিয়ে এলাম ওকে।
চারদিক অন্ধকার। এক হাতে টর্চ, আরেক হাতে রাফেলাকে ধরে আছি। পৌঁছে গেছি প্রায়, বালির ওপর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি ওকে নিয়ে। এমনি সময়ে হঠাৎ কেন যেন দাঁড়িয়ে পড়লাম আমি। নিজেরই অজ্ঞাতে কি যেন একটা বিচ্যুতি ধরা পড়েছে চোখে। বুঝতে পারছি, কোথাও কিছু একটা ঘটে গেছে। মালপত্তর ভরা হোয়েলবোটের ওপর টর্চের আলো ফেললাম দ্রুত।
সঙ্গে সঙ্গে ধড়াস করে উঠল বুক, গোলমালটা টের পেয়ে গেছি। গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে আমার।
রাফেলা! চরম উত্তেজনা চেপে রেখে ফিস ফিস করে বললাম ওকে, পানিতে নেমে গা ডুবিয়ে থাকো, যতক্ষণ না আবার উঠতে বলি আমি।
হাঁটু ভাঁজ করে দ্রুত বসে পড়ল রাফেলা। আমার কণ্ঠস্বর শুনে বিপদ আঁচ করতে পেরেছে ও। হোয়েলবোটের খোলের পাশে নেমে গেল ও, পানির ওপর শুধু মুখটা তুলে রেখেছে।
উদভ্রান্তের মত নিজের চারদিকে তাকাচ্ছি আমি, একটা অস্ত্র দরকার আমার, যে-কোন ধরনের। স্পিয়ারগানের কথা মনে পড়ছে, কিন্তু সেটা ফুয়েল ক্যানের নিচে চাপা পড়ে আছে। আমার বেইট-নাইফটা এখনও গাঁথা রয়েছে নারকেল গাছের গায়ে–এতক্ষণ সেটার কথা মনেই পড়েনি। টুলবক্সে রয়েছে…
মাত্র এইটুকই চিন্তা করার সময় পেলাম আমি।
হ্যাঁ, কারবাইনটা আমিই নিয়েছি। ঠিক আমার পেছনের অন্ধকার থেকে ভেসে এল ভরাট, গম্ভীর কণ্ঠস্বর। আমি স্তব্ধ। পাথর। খবরদার! পেছন দিকে তাকিয়ো না বা নোড়ো না।
রাইফেলটা হোয়েলবোট থেকে নিয়ে নিশ্চয়ই নারকেল গাছের কাছে ফিরে গিয়েছিল ও, ওখানে গা ঢাকা দিয়ে শুয়ে ছিল অন্ধকারে। নিঃশব্দ পায়ে এখন চলে এসেছে আমার পিঠের কাছে।
পেছন দিকে না ঘুরে টর্চটা দাও আমাকে-স্রেফ কাঁধের ওপর দিয়ে ছুঁড়ে দাও।
নিঃশব্দে তাই করলাম আমি। ঝুঁকে পড়ে টর্চটা তুলে নিচ্ছে, ওর পায়ের চাপে ভাঁজ খাচ্ছে বালি, শুনতে পাচ্ছি শব্দটা।
ঠিক আছে, ঘোরো এবার-সাবধানে, ধীরে।
ঘুরে দাঁড়ালাম আমি। টর্চের শক্তিশালী আলো ফেলল ও আমার চোখে। চোখ দুটো ধাঁধিয়ে গেল আমার। তবু অস্পষ্টভাবে ওর প্রকাণ্ড কালো শরীরটার কাঠামো দেখতে পাচ্ছি টর্চের পেছনে।
<