রডরিককে পেছনে নিয়ে নিঃশব্দে নারকেল গাছ তলায় চলে এলাম আমি। পালা করে মাটি কেটে গর্ত খুঁড়ছি আমরা, একজন সব সময় কাছেপিঠে পাহারায় থাকছি। ক্রাশবোট থেকে কারও চোখে পড়ে যেতে পারি। সেই ভয়ে আলো জ্বালিনি। কাজের সময় চরম সতর্কতা বজায় রেখেছি যাতে লোহার সঙ্গে লোহার ঠোকাঠুকি। লেগে শব্দ না হয়।
বিস্ফোরণের সরঞ্জাম আর বাকি জেলিগনাইটের বাক্স, তারপর আরেক জায়গায় মাটি খুঁড়ে মরচে ধরা সিন্দুকটা বের করলাম আমরা। অনেক ভেবে বেছে বের করা নির্দিষ্ট একটা জায়গায় বয়ে নিয়ে এলাম এগুলো। প্রায় খাড়া একটা ঢালের নিচে জায়গাটা। ঢাল-এর পঞ্চাশ ফুট উঁচুতে মাটি ফুলে-ফেঁপে ভাঁজ খেয়ে আছে, সেটা ঝোপ আর বুনো লম্বা ঘাসে ঢাকা।
এর নিচে সিন্দুকটার জন্যে একটা গভীর গর্ত খুঁড়ছি আমরা। নরম মাটির নিচে পানি দেখতে পেয়ে থামলাম। সিন্দুকটা নতুন করে প্যাক করা হল, পুঁতে দেয়া হল এই সদ্য তৈরি করা গর্তে। ঢাল বেয়ে ওপরে উঠে যাচ্ছে রডরিক, পঞ্চাশ ফুট উঠে ঝোপ আর ঘাসের আড়ালে অদৃশ্য হয়ে গেল। কি করতে হবে ওখানে জানে ও।
নিচে আমি একা, কিন্তু বসে নেই। সাবমেশিনগানটা রি-লোড করে আমার পুরানো একটা শার্ট দিয়ে জড়িয়ে নিলাম সেটা, সঙ্গে রেখেছি পুরো পাঁচটা ম্যাগাজিন। সবচেয়ে কাছের একটা নারকেল গাছের পাশে, এক ইঞ্চি বালির নিচে শুইয়ে কবর দিলাম এগুলোকে। জায়গাটার পাশ দিয়ে একটা অগভীর নালা এগিয়ে গেছে। ঢাল বেয়ে বৃষ্টির পানি নেমে এসে তৈরি করেছে এটা। এই শুকনো নালা আর নারকেল গাছ থেকে সদ্য পোতা সিন্দুকটার দূরত্ব চল্লিশ গজের মত, যথেষ্ট নিরাপদ দূরত্ব বলে অনুমান করছি আমি। নালাটা দুই ফুটের একটু বেশি গভীর, গা ঢাকা দেবার কাজে লাগবে।
মাঝরাতের পর উঠে এল চাঁদ, তার আলোয় পরীক্ষা করে নিচ্ছি আমাদের আয়োজন। ঢালের ওপর থেকে ঝোপের আড়ালে গা ঢাকা দেয়া অবস্থায় নিচে আমাকে দেখতে পাচ্ছে কিনা তা যাচাই করে নিচ্ছে রডরিক। নারকেল গাছ আর নালার পাশে দাঁড়িয়ে আছি আমি। চাদের আলোয় ঝোপের বাইরে বেরিয়ে এসে হাত নাড়ল ও। নিঃশব্দে ঢাল বেয়ে ওর কাছে উঠে এলাম আমি। ওর লুকাবার জায়গা থেকে নিচের দিকে তাকিয়ে দেখে নিলাম আয়োজনটা।
আগুন আড়াল করে চুরুট ধরালাম আমরা, জ্বলন্ত ডগা মুঠোর ভেতর নিয়ে ধোঁয়া টানছি। এই ফাঁকে প্ল্যানটা সম্পর্কে রডরিককে আরও পরিষ্কার ধারণা দেবার জন্যে আলোচনা করছি।
আমার প্ল্যানের মধ্যে সবচেয়ে গুরুত্ব বহন করছে সময় আর ইঙ্গিত। এ-ব্যাপারে একচুল এদিক-ওদিক হলে সর্বনাশ হয়ে যাবে। সেজন্যেই ভয় পাচ্ছি। পরপর তিন বার গোটা ব্যাপারটা। পুনরাবৃত্তি করালাম রডরিককে দিয়ে। আপত্তি না তুলে প্রতিবার রিহার্সেল দিল ও। আমি এখন সন্তুষ্ট। চুরুট নিভিয়ে ফেললাম আমরা, বালির নিচে পুঁতে দিলাম সেগুলো। তারপর ঢাল বেয়ে নিচে নেমে এসে নারকেল গাছের শুকনো লম্বা কাঠি আর পাতা দিয়ে ঝাড়ু দিলাম জায়গাটা, আমাদের উপস্থিতির কোন চিহ্ন রাখলাম না।
আমার প্ল্যানের প্রথম অংশটা পূরণ হয়েছে। এরপর বাঘের মাথা আর অবশিষ্ট জেলিগনাইটের কাছে ফিরে এলাম আমরা। নতুন আরেক গর্তে লুকালাম আমরা সোনার মাথাটাকে। তারপর আমি পুরো এক কেস জেলিগনাইট নিয়ে কাজে বসলাম, বিস্ফোরণের জন্যে তৈরি করলাম ওটাকে।
এক্ষেত্রে বিস্ফোরণের জন্যে ইলেকট্রিসিটি বা ইনসুলেটেড ওয়্যার ব্যবহার করতে পারব না আমি, কাজ আদায় করতে হবে টাইমপেন্সিল ডিটোনেটর দিয়ে। এই হালকা কিন্তু মেজাজী জিনিসটাকে সাংঘাতিক অপছন্দ করি আমি। এর কাজের পদ্ধতি হল-মোটা একটা তার খেতে খেতে এগোয় অ্যাসিড, তারের শেষ মাথায় একটা হাতুড়ি থাকে, একটা পাউডার ক্যাপে বাড়ি মারতে উদ্যত। অ্যাসিড তার খেয়ে শেষ করলেই হাতুড়ির বাড়ি পড়ে পাউডার ক্যাপে, অমনি সেটা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় কমানো বাড়ানো নির্ভর করে অ্যাসিডের শক্তি আর ওয়্যারটা কত মোটা তার ওপর।
এই ব্যবস্থার মধ্যে সবরকম গোলমালের বীজ রয়েছে। ওয়্যারে গোলমাল থাকতে পারে, অ্যাসিড তার কাজে দেরিও করতে পারে আবার তাড়াতাড়িও সেরে ফেলতে পারে। একটু এদিক-ওদিক হলেই প্রচুর সময়ের হেরফের হয়ে যাবে, অথচ এক সেকেণ্ড আগে-পরে বিস্ফোরণ ঘটলে আমার গোটা প্ল্যানটাই হিতে বিপরীত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে পুরোমাত্রায়। যাই হোক, এক্ষেত্রে বাছবিচার করার কোন অবকাশ নেই আমার। সাত ঘন্টা দেরিতে বিস্ফোরিত হবে এমন একটা পেন্সিল বেছে নিলাম আমি, জেলিগনাইটের সঙ্গে ব্যবহার করার জন্যে এটাকেও তৈরি করে নিলাম।
লুটেরাদের দৃষ্টি এড়িয়ে গেছে আমার পুরানো অক্সিজেন রিব্রিদিং আণ্ডারওয়াটার সেটটা। ব্যবহার করার প্রশ্নে টাইম পেন্সিলের চেয়ে এটাও কোন অংশে কম মারাত্মক নয়। অ্যাকুয়ালাঙ কমপ্রেসড এয়ার ব্যবহার করে, কিন্তু রিব্রিদিং সেটটা প্রতিটি নিঃশ্বাসের কার্বন-ডাই অক্সাইড ফিল্টার করে নিয়ে নির্ভেজাল অক্সিজেন ফেরত পাঠায় ব্যবহারকারীর ফুসফুসে। কিন্তু গভীর পানিতে খাটি অক্সিজেন নেয়া মারাত্মক ঝুঁকির ব্যাপার, ওটা কার্বন-মনোক্সাইডের মতই বিষাক্ত হয়ে উঠতে পারে। তেত্রিশ ফুট পানির নিচে খাটি অক্সিজেন টানলে যে-কেউ মারা যাবে। এই সেট নিয়ে পানিতে নামতে হলে দুঃসাহস দরকার। কিন্তু এর একটা মস্ত সুবিধেও আছে। এ থেকে বুদবুদ বেরোয় না, ফলে পানির ওপর থেকে ডুবুরীর অস্তিত্ব টের পাবার কোন উপায় নেই কারও।
সৈকতে ফিরে আসার সময় তৈরি করা জেলিগনাইট কেস আর রাইফেলটা বয়ে নিয়ে এল রডরিক। রাত তিনটের পর পানিতে নেমে অক্সিজেন সেটটা পরীক্ষা করে নিলাম আমি, তারপর রডরিকের হাত থেকে জেলিগনাইট নিয়ে ওটা কতখানি ভেসে উঠতে চায় যাচাই করলাম। কয়েক পাউণ্ড সীসার ওজন যোগ করতেই বাঞ্ছিত ফল পাওয়া গেল, এখন ওটাকে পানির ভেতর দিয়ে বয়ে নিয়ে যেতে কোন অসুবিধে হবে না।
বে-র ভোঁতা একটা শিং-এর আড়াল থেকে পানিতে নেমেছি। আমি। উঁচু বালির ঢিবি আর নারকেল গাছ আমাকে আড়াল করে রেখেছে ক্রাশবোট থেকে।
লম্বা, ক্লান্তিকর সাঁতার কাটছি আমি। শিংটাকে ঘুরে বে-তে বেরিয়ে আসতে হল আমাকে, এরই দূরত্ব প্রায় এক মাইল। বিস্ফোরক টেনে নিয়ে আসা আরেক বিচ্ছিরী হাঙ্গামার ব্যাপার। ধস্তাধস্তি করে প্রায় এক ঘন্টা এগোবার পর স্বচ্ছ পানির ভেতর দিয়ে আমার মাথার ওপর ক্রাশবোটের ঝলমলে আলো দেখতে পেলাম।
পানির তলার কাছাকাছি থেকে নিঃশব্দে এবং মন্থর গতিতে এগোচ্ছি সামনের দিকে। সম্পূর্ণ সজাগ এবং সতর্ক হয়ে আছি। খুঁড়ির নিচে ধবধবে সাদা বালি, স্বচ্ছ পানির ওপরও উজ্জ্বল চাঁদের আলো পড়েছে-ওপর থেকে বিশ ফুট নিচে আমার কাঠামোটা। উঁকি দিলেই পরিষ্কার দেখতে পাবে যে-কেউ ক্রাশবোট থেকে।
ক্রাশবোটের ছায়ায় ঢুকে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম আমি, ধীরে ধীরে চলে এলাম খোলের নিচে। এখানে যতক্ষণ আছি, ওদের চোখে ধরা পড়ার কোন ভয় নেই আমার। কয়েক মিনিট বিশ্রাম নিয়ে ভাগিয়ে দিলাম ক্লান্তিটাকে, তারপর বেল্ট থেকে নাইলন। স্লিংগুলো বের করে নিয়ে জেলিগনাইটের কেসের সঙ্গে আটকালাম।
রিস্টওয়াচ দেখলাম। চারটে বেজে দশমিনিট হয়েছে।
টাইম পেন্সিলের কাঁচের অ্যাম্পুল ভেঙে পথ খুলে দিলাম অ্যাসিডের, এখন ওটা ধীরেসুস্থে খেতে শুরু করেছে ওয়্যারটাকে। বিস্ফোরকের কেসের গায়ে ওর জন্যে তৈরি করা খোপে ঢুকিয়ে দিলাম পেন্সিলটাকে। কমবেশি সাত ঘন্টা পর দুশো পাউণ্ড এরিয়াল বোমার শক্তি আর গতি নিয়ে বিস্ফোরিত হবে আমার টাইম বম্ব।
খড়ির তলা ছেড়ে ধীরে ধীরে উঠছি এখন আমি ক্রাশবোটের খোলের দিকে। বোটের গায়ে দাড়ির মত ঝুলছে পিচ্ছিল লতাপাতা, সার সার সেঁটে আছে অসংখ্য শুক্তি। এমন একটা জায়গা পাওয়া গেল না যেখানে কেসটা শক্ত করে বাঁধতে পারি। বাধ্য হয়ে রাডারের ফলাটাই বেছে নিতে হল।
সবটুকু নাইলনের রশি দিয়ে ওটার সঙ্গে বাঁধলাম কেসটা, কাজ শেষ করে টেনেটুনে পরীক্ষা করে বুঝলাম, ক্রাশবোট তুমুল গতিতে তার সবটুকু দ্রুততা নিয়ে ছুটতে শুরু করলেও পানির তোড়ে এই শক্ত বাধন ছিড়তে পারবে না।
সন্তুষ্ট হয়ে আবার নেমে এলাম খাঁড়ির তলায়। ধীরে ধীরে, সন্তর্পণে ফিরে আসছি আমি। সঙ্গে বোঝা নেই, তাই দ্রুত ফিরে আসতে পারছি। সৈকতে আমার জন্যে অপেক্ষা করছে রডরিক।
কাজ শেষ করেছ, মাসুদ? জিজ্ঞেস করল ও, অক্সিজেন সেটটা খুলতে সাহায্য করছে আমাকে।
হ্যাঁ, বললাম ওকে। এখন একমাত্র ভরসা পেন্সিলটার ওপর।
এত ক্লান্ত আমি, নারকেল গাছের ভেতর দিয়ে টলতে টলতে এগোচ্ছি। গতরাতে ঘুমিয়েছি কি ঘুমাইনি, আর তারপর থেকে এখন পর্যন্ত দুই চোখের পাতা এক করার সুযোগ পাইনি।
এবার রডরিককে পাহারায় রেখে ঘুমিয়ে পড়লাম আমি। মনে হল পরমুহূর্তে জেগে উঠলাম। রডরিকের ধাক্কায় ঘুম ভাঙল। ঘড়িতে দেখি সকাল সাতটা। ইতিমধ্যে ফুটে উঠেছে দিনের আলো।
ক্যান থেকে বের করে ঠাণ্ডা ব্রেকফাস্ট সারলাম আমরা। সারভাইভাল কিট থেকে এক মুঠো হাই-এনার্জি গ্লুকোজ ট্যাবলেট বের করে পানিতে গুলিয়ে চালান করে দিলাম পেটে। ঘড়ি দেখছি বার বার।
বেল্টের খোপ থেকে বেইট-নাইফটা বের করে মুঠোর ভেতর। থেকে ছুঁড়ে দিলাম সবচেয়ে কাছের নারকেল গাছটার দিকে। গেঁথে গিয়ে সেখানেই দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সেটা।
এর মানে কি? বিড়বিড় করে জানতে চাইল রডরিক। যতই ঘনিয়ে আসছে সময় ততই মন খারাপ করে ফেলছে ও। মুখের চেহারা অস্বাভাবিক সরল আর নির্ভজ-এমন গম্ভীর হতে এর আগে দেখিনি কখনও ওকে।
ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছি আমি। চেহারায় সহজ আর উদ্বেগশূন্য ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করছি। খালি হাত দুটো দুদিকে মেলে আত্মসমর্পণের ভঙ্গিতে বললাম, দেখ-কোন অস্ত্র নেই আমার কাছে।
তুমি রেডি, মাসুদ? আবার বিড়বিড় করে জানতে চাইল রডরিক।
দাঁড়িয়ে পড়েছি আমরা দুজন। তাকিয়ে আছি একজন। আরেকজনের দিকে। অনেকটা অপ্রতিভ, বোকার মত। কোন কথা বলল না রডরিক। আমাকে ও কখনই শুভেচ্ছা জানাবে না, জানি আমি। ওর ধারণা, বিদায় বেলা শুভেচ্ছা উচ্চারণ করলে অশুভ শক্তির দৃষ্টিও আকৃষ্ট করা হয়।
পরে দেখা হবে, বিড় বিড় করে বলল রডরিক।
ঠিক আছে, রডরিক, আমার হাতটা বাড়িয়ে দিলাম ওর। দিকে।
হাতটা ধরে চাপ দিল রডরিক, তারপর ঘুরে দাঁড়াল, হাঁটার পথে ঝুঁকে পড়ে তুলে নিল এফ. এন কারবাইনটা, গাছের ভেতর দিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছে।
যতক্ষণ দেখতে পাচ্ছি তাকিয়ে আছি ওর দিকে। একবারও পেছন ফিরে দেখল না ও আমাকে।
আমি নিজেও এবার ঘুরে দাঁড়ালাম। নরম বালির ওপর দিয়ে হেঁটে নামছি সৈকতে।
গাছের শেষ সারিটা পেছনে রেখে সৈকতে বেরিয়ে এসেছি আমি। আরও এগিয়ে পানির কিনারায় দাঁড়ালাম। পানির ওপর দিয়ে তাকিয়ে আছি ক্রাশবোটের দিকে। স্বস্তির সঙ্গে লক্ষ করলাম মাস্তুলের সাথে ঝুলন্ত লাশটা সরিয়ে ফেলা হয়েছে।
চুপচাপ দাঁড়িয়েই আছি। ডেকে ঘোরাফেরা করছে সেন্ট্রিরা, কিন্তু কেউ দেখতে পায়নি এখনও আমাকে। দশটা বেজে এক মিনিট পেরিয়ে যেতে মাথার ওপর হাত তুলে নাড়ছি হাত দুটো, হ্যালো হ্যালো করে চিৎকার করছি। তিন সেকেণ্ড পর ক্রাশবোটে সাংঘাতিক দৌড়-ঝাপ শুরু হয়ে গেল।
সিডনি শেরিডান আর লোরনা পেজ উদয় হল রেইলের কাছে, দুজনে তাকিয়ে আছে আমার দিকে। অনর্গল কথা বলছে লোরনা, ওর ঠোঁট নড়া দেখে বুঝতে পারছি। সাংঘাতিক উত্তেজনা আর রোমাঞ্চ অনুভব করছে ও। শেরিডান গম্ভীর। ওদিকে হুড়োহুড়ি করে নামছে ছয়জন লোক হোয়েলবোটে। এক মুহূর্ত পর দ্রুত ছুটে আসতে শুরু করল সেটা সৈকতের দিকে।
তীরে এসে বোট ভিড়তে না ভিড়তে লাফ দিয়ে নেমে এল হুমায়ুন দাদার ছয়জন অনুচর, দ্রুত চারদিক থেকে ঘিরে ফেলল আমাকে। প্রত্যেকের হাতে একটা করে এ. কে. ফরটি সেভেন, ব্যগ্রতার সঙ্গে নলগুলো চেপে রেখেছে আমার পিঠ আর তলপেটের ওপর।
মাথার ওপর হাত তুলে দিয়েছি আমি, চেহারায় বিষন্ন ভাব নিয়ে দাঁড়িয়ে আছি, একজন পেটি অফিসার চেক করছে আমাকে। আমার কাছে কোনরকম অস্ত্র নেই দেখে সম্ভবত বেজার। হল সে, আমার শোল্ডার ব্লেডের মাঝখানে একটা হাত রেখে প্রচণ্ড ধাক্কা দিল হোয়েলবোটের দিকে। আগেই বুঝতে পেরেছিলাম, তাই আছাড় খেয়ে পড়লাম না। কিন্তু পেটি অফিসারের আচরণটাকে অবাধ লাইসেন্স হিসেবে ধরে নিয়ে অতি উৎসাহী তার এক লোক প্রচণ্ড একটা গুঁতো চালাল রাইফেলের নল দিয়ে আমার কিডনি লক্ষ্য করে। গুঁতোটা ছয় ইঞ্চি ওপরে খেলাম, সেজন্যে ভাগ্যকে ধন্যবাদ।
আবার কেউ সুযোগ নেবে, এই ভয়ে দ্রুত পা চালিয়ে। হোয়েলবোটে উঠে পড়লাম আমি, ভিড় করে উঠে এল আমার সঙ্গে ওরাও, মেশিনগানের নলগুলো আমার শরীরের বিভিন্ন জায়গায় ঠেকিয়ে রেখেছে।
ক্রাশবোটে যখন উঠছি, আমাকে উদ্দেশ্য করে হাত নাড়ল সিডনি শেরিডান, আবার দেখা হল, কেমন! নিষ্ঠুর দেখাচ্ছে ওর ঠোঁটের বাকা হাসিটা। আমি জানতাম!।
জানতে মানে? তোমার তো ধরে নেবার কথা সেভার্নের পানিতে ডুবে মরেছি আমি।
বুমেরাং থেকে তুমি যখন লাফ দিয়ে পড়লে, তখন খুশিই হয়েছিলাম, হাসছে শেরিডান। আসলে ভোরের আলো ঠিক কোথায় ডুবে আছে সে-ব্যাপারে পরিষ্কার কোন ধারণা ছিল না আমাদের। লোরনা জায়গাটা চিনতে পারবে কিনা সন্দেহ ছিল আমার। তাই গাইড হিসেবে তোমাকে বাঁচিয়ে রাখতে হত আমাকে। যখন পালিয়ে গেলে, ভাল করে আর খুঁজলাম না। ধরে নিয়েছিলাম নির্দিষ্ট জায়গায় আবার পাওয়া যাবে তোমাকে। তুমি যে অত সহজে মরবে না, সে তো জানা কথা।
কিছু বলতে যাচ্ছিলাম, আমার পেছনে দাঁড়ানো লোকটাকে নিঃশব্দে ইশারা করল শেরিডান। প্রচণ্ড একটা ধাক্কা খেলাম দুই শোল্ডার ব্লেডের মাঝখানে, ডেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি ছিটকে। প্রচণ্ড রাগে আগুন ধরে গেল শরীরে, দাঁতে দাঁত চেপে সামলাতে চেষ্টা করছি নিজেকে। রাফেলার কথা মনে। করতেই সহ্য করার একটা শক্তি পেলাম মনের ভেতর।
সাদামাঠা ক্যানভাস কুশনে মোড়া নিচু একটা কাউচে হাত-পা ছড়িয়ে পড়ে আছে কমাণ্ডার হুমায়ুন দাদা, কাউচ-এর চারদিক থেকে উপচে পড়ছে তার শরীর। ইউনিফর্ম জ্যাকেটটা খুলে রেখেছে সে, তার পাশের বাল্কহেডের সঙ্গে একটা হুকে ঝুলছে সেটা সবগুলো পদক সহ। পরে রয়েছে শুধু একটা ঘামে ভেজা আস্তিন ছাড়া ধূসর রঙের ভেস্ট। এই সাত-সকালেও তার হাতে মদের গ্লাস দেখতে পাচ্ছি আমি।
এই যে, রানা, পরম বন্ধু-নাকি চরম শত্রু? কয়লার তৈরি বিশাল একটা মূর্তির মত দেখাচ্ছে ওকে, নিঃশব্দে হাসছে আমার দিকে তাকিয়ে। আছ কেমন? সব খবর ভাল? মানসিক অবস্থা? আমার ওপর রাগ করে নেই তো?
জোর করেও হাসতে পারলাম না আমি। ওর সঙ্গে বিদ্রুপ বিনিময় করব, মনের সে-অবস্থা নেই। আমি আর রাফেলা কতটুকু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আটকা পড়েছি সে ব্যাপারে বিন্দুমাত্র ভুল ধারণা নেই আমার। উত্তেজনা আর ভয়ে টান টান হয়ে আছে স্নায়ু।
আমার বিশ্বস্ত বন্ধু-বান্ধবদের কাছ থেকে, কেবিনে ঢুকছে সিডনি শেরিডান আর লোরনা, ইঙ্গিতে ওদেরকে দেখিয়ে আমাকে বলছে হুমায়ুন দাদা, তোমার সম্পর্কে আশ্চর্য সব গল্প শুনেছি আমি, রানা। বিশ্বাস কর, তুমি যে এতবড় প্রতিভা আর এমন করিৎকর্মা পুরুষ, আগে তা বুঝিনি আমি।
ধন্যবাদ, হুমায়ুন, বললাম ওকে। সত্যিই তুমি নিরেট একটা ইট ভরে রেখেছ মাথার ভেতর। কিন্তু পরস্পরের প্রশংসা করার সময় পরে আরও পাওয়া যাবে। কাজের কথায় আসা যাক। এবার, কি বল?
খাটি কথা! সায় দিয়ে মাথা দোলাল হুমায়ুন দাদা। লক্ষ্মী ছেলে, কাজ ছাড়া কিছুই বোঝে না! শেষ মন্তব্যটা করল সিডনির দিকে তাকিয়ে।
বাঘ-সিংহাসনটা তুলেছ তুমি, রানা, অকারণ রূঢ় কণ্ঠে বলল শেরিডান। আমরা জানি।
এদিক-ওদিক মাথা দোলালাম আমি। পুরোটা নয়, অংশ বিশেষ। বাকি অংশগুলো নেই ওখানে। যতটুকু ছিল, হ্যাঁ, তুলেছি।
ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা, বলল সিডনি। এবার বল কি উদ্ধার করেছ?
বাঘের মাথাটা। সোনার তৈরি। প্রায় তিনশো পাউণ্ড ওজন।
দ্রুত অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল শেরিডান আর হুমায়ুন দাদা।
আর?
প্রশ্নটা করল সিডনি এবং ওর চোখের পাতা নড়ে উঠতে দেখেই বুঝলাম নির্যাতনের সময় যতটুকু জানে তার প্রায় সবটুকু ওদেরকে বলে দিয়েছে রাফেলা। এর জন্যে ওকে দোষ দিতে পারি না। এটাই আশা করেছিলাম আমি।
আর রয়েছে জুয়েলের সিন্দুকটা। সিংহাসন থেকে খুলে সব পাথর রাখা হয়েছিল এই সিন্দুকটায়।
তারপর? লোভ আর জেদের সুরে জানতে চাইল সিডনি। ডায়মণ্ডটা-গ্রেট মুঘল?
পেয়েছি আমরা ওটাও, মৃদু কণ্ঠে, যেন অনিচ্ছাসত্ত্বেও মেনে নিলাম আমি।
ফিস ফিস করছে ওরা, হাসছে, পরস্পরকে সায় দিয়ে মাথা নাড়ছে ঘন ঘন।
কিন্তু, ওদেরকে জানালাম, কোথায় আছে সেটা তা শুধু একা আমি জানি।
সঙ্গে সঙ্গে মুখের হাসি নিভে গেল ওদের। টান টান হয়ে উঠল পেশী, বোবা হয়ে গেছে দুজনেই। একচুল নড়ছে না আর কেউ।
এবার বিনিময় ব্যবসা করার মত কিছু রয়েছে আমার কাছে, সিডনি। তুমি আগ্রহী?
আমরা আগ্রহী, রানা-সাংঘাতিক আগ্রহী, শেরিডানের হয়ে উত্তর দিল হুমায়ুন দাদা।
গুপ্তধন প্রায় দৃষ্টিসীমার মধ্যে চলে আসায় আমার দুই শত্রুর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে টের পাচ্ছি আমি।
আমার দাবি, রাফেলা বার্ডকে চাই আমি।
রাফেলা বার্ড? দাবিটা শুনে কেমন যেন হতভম্ব হয়ে গেল শেরিডান, তারপর এমন কৌতুক বোধ করল যে হাসির দমকে খকখক্ করে কাশতে শুরু করে দিল সে। হাসি আর কাশি থামিয়ে বলল সে, যতটা ভেবেছিলাম তুমি তার চেয়ে আরও অনেক বড় বোকা, রানা।
মেয়েটার কোন গুরুত্ব নেই আমাদের কাছে-আমরা ওর ব্যাপারে আগ্রহী নই, গ্লাসে চুমুক দিয়ে মদটুকু নিঃশেষ করল হুমায়ুন দাদা, গ্লাসটা ছুঁড়ে দিল শূন্যে। ডেকে পড়ার আগেই একজন ক্রু লুফে নিল সেটা। ওকে তুমি ফিরিয়ে নিতে পার, রানা।
দ্বীপ থেকে চলে যাবার জন্যে আমার হোয়েলবোট, ফুয়েল আর পানি চাই আমি।
ন্যায্য দাবি, রানা, খুবই ন্যায্য দাবি, হাসছে শেরিডান। যেন গোপন মতলবটা স্মরণ করছে এই মুহূর্তে।
আর বাঘের মাথাটা চাই আমি।
সঙ্গে সঙ্গে হাসির বিস্ফোরণ ঘটল কেবিনের ভেতর।
রানা! রানা! এখনও হাসছে হুমায়ুন দাদা, অথচ দুঃখে কাতর ভঙ্গিতে নিজের কপাল চাপড়াচ্ছে হাত দিয়ে।
রানা লোভী! ফেঁড়ন কাটল লোরনা।
রানা বোকা!
কি আশ্চর্য! আমি কি কিছুই পেতে পারি না? ডায়মণ্ডটা নিচ্ছ তোমরা, প্রায় পঞ্চাশ পাউণ্ড ওজনের একগাদা মূল্যবান পাথর দিচ্ছি… যতটা সম্ভব আহত আর অভিমানের সুরে দরকষাকষির অভিনয় চালিয়ে যাচ্ছি, ওদের চোখে এটাই স্বাভাবিক মনে হবে। ..এসবের তুলনায় মাথাটা তো কিছুই নয়। এক গ্রেট মুঘলই ত্রিশ থেকে পঞ্চাশ লাখ ডলারে বেচবে তোমরা, আর মাথাটা বিক্রি করে টেনেটুনে খরচটা শুধু উঠবে আমার।
তুমি খুব কঠিন পাত্র, রানা, নিরাশ ভঙ্গিতে এদিক-ওদিক প্রকাণ্ড মাথাটা দোলাচ্ছে হুমায়ুন দাদা। অবশ্য কঠিন জিনিসকে তুলোর মত নরম করার সমস্ত কৌশল জানা আছে আমার।
এ থেকে তাহলে কি পাচ্ছি আমি? জানতে চাইলাম আমি।
দুটো জীবন পাচ্ছ-তোমার আর তোমার বান্ধবীর। আর এই দুটো পেয়েই সুখী ও কৃতজ্ঞ বোধ করতে হবে তোমাকে, নিচু গলায় কথাগুলো বলল শেরিডান। ওর চোখে তাকিয়ে মনে মনে শিউরে উঠলাম আমি, অদ্ভুত একটা শীতলতা রয়েছে ওর দৃষ্টিতে, সাপের মত। গুপ্তধন একবার ওকে দেখিয়ে দেবার পর কি করবে ও তা লেখা রয়েছে সেখানে পরিষ্কার।
কিন্তু তোমাদেরকে আমি বিশ্বাস করব কিভাবে? অসহায় চোখে তাকালাম প্রথমে হুমায়ুন দাদা, তারপর শেরিডানের দিকে।
কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ
করল শেরিডান। তোমার আর কোন উপায় নেই, রানা।
রানা, বলল হুমায়ুন দাদা, আমাদেরকে তুমি বিশ্বাস করবে নাইবা কেন? তোমাদেরকে খুন করে সম্ভাব্য কি লাভ পেতে পারি আমরা?
লোকসানটাই বা কোথায়? ভাবলাম আমি। কিন্তু একটু চিন্তা করার ভান করে মাথা নাড়লাম, বললাম, ঠিক আছে। আর কোন উপায় যখন নেই।
আবার ওরা হাসি খুশি হয়ে উঠল। চোখে-চোখে ভাব বিনিময় হচ্ছে। একজন ক্রুর বাড়িয়ে দেয়া হাত থেকে হুইস্কি ভরা গ্লাসটা নিয়ে নিঃশব্দ স্যালিউটের ভঙ্গিতে কপালের পাশে তুলল সেটাকে হুমায়ুন দাদা। ড্রিঙ্ক, রানা? আদরের সুরে আমন্ত্রণ জানাল সে।
সকালের দিকে অভ্যাস নেই, হুমায়ুন, জানালাম ওকে। তবে রাফেলাকে এখন দেখতে পেলে খুশি হব আমি।
নিজের একজন লোককে ইঙ্গিত করল হুমায়ুন দাদা। যাও নিয়ে এসো ওকে।
ফুয়েল আর পানি থাকবে হোয়েলবোটে, সেটা তোমরা সৈকতে রাখবে আমাদের জন্যে, জেদের সুরে স্মরণ করিয়ে দিলাম আমি।
রাজি হয়ে মাথা কাত করল হুমায়ুন দাদা, নিজের আরেকজন লোককে ইশারায় প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলল।
আমরা যখন সৈকতে যাব, মিস রাফেলাও থাকবে আমাদের সঙ্গে। সিন্দুক আর বাঘের মাথা আমি তোমাদেরকে দেখিয়ে দেবার পর ওগুলো সঙ্গে নিয়ে চলে যাবে তোমরা, পালা করে দুজনের দিকে তাকালাম আমি। দ্বীপে আমাদেরকে তোমরা রেখে যাবে অক্ষত অবস্থায়-রাজি?
অবশ্যই, রানা, নিরস্ত্র ভঙ্গিতে হাত দুটো দুদিকে ছড়িয়ে দিল হুমায়ুন দাদা। তোমার সঙ্গে আমরা সবাই একমত।
ভয় পাচ্ছি, আমার চোখের অবিশ্বাস ওদের দৃষ্টিতে ধরা না পড়ে যায়। ফাঁকি দেবার জন্যে ঘাড় ফিরিয়ে অন্যদিকে তাকিয়েছি, কেবিনের দরজা দিয়ে ঢুকতে দেখলাম রাফেলাকে। সুখ আর স্বস্তির একটা পরশ অনুভব করছি শরীরে।
কিন্তু রাফেলার দিকে ভাল করে তাকাতেই দপ্ করে আগুন জ্বলে উঠল আমার সারা গায়ে।
ফুলে রয়েছে রাফেলার ঠোঁট দুটো। রানা, অতি কষ্টে, বিকৃত উচ্চারণে বলল ও, তুমি এসেছ-ওহ্ গড, তুমি এসেছ! টলমল করছে রাফেলা, আমার দিকে ছুটে আসতে চাইছে-কিন্তু শরীরের শক্তিতে কুলাচ্ছে না ওর। এক পা এগিয়ে তাল সামলাতে চেষ্টা করছে ও।
গালের দুদিকেই দগদগে ক্ষত রয়েছে ওর, দেখে মনে হচ্ছে একদিকের চোয়ালের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখের নিচে আঁচড়ের দাগগুলো ভূতুড়ে ভাব এনে দিয়েছে চেহারায়। নাকের ফুটো দুটোর কিনারায় এঁটে বসে আছে শুকনো রক্ত। ওর এই দুর্দশা দেখে চোখ বন্ধ করে ফেললাম আমি, আলিঙ্গনের মধ্যে নিয়ে এসে বুকের সঙ্গে জড়িয়ে রাখলাম ওকে।
সকৌতুক কৌতূহলের সঙ্গে আমাদেরকে দেখছে ওরা। ওদের দৃষ্টির স্পর্শ পাচ্ছি আমি শরীরে। চোখ খুলেছি, কিন্তু আমার চোখে খুনের নেশাটা ওদেরকে দেখতে দিতে চাই না বলে ঘাড় ফিরিয়ে দুজনের কারও দিকে তাকাচ্ছি না।
দ্রুত নিজেকে সামলে নিলাম আমি। ঠিক আছে, ওদের দিকে ফিরে বললাম আমি, চলো, ঝামেলাটা সেরে ফেলা যাক।
দুঃখিত, রানা-তোমাদের সঙ্গে সৈকতে যেতে পারছি না আমি, কোচে বসে থেকেই বলল হুমায়ুন দাদা। ছোট বোটে ওঠানামা, গায়ে রোদ নিয়ে বালির ওপর হাঁটাহাঁটি, এসব আমার ধাতে নেই। আমি তোমাকে এখান থেকেই শুভ বিদায় জানাব, রানা, আবার সে ইঙ্গিতে শেরিডান আর লোরনাকে দেখাল, আমার বন্ধুরা আমার প্রতিনিধি হিসেবে যাচ্ছে তোমাদের সঙ্গে। আর, মনে রেখো, আমার নিজের বারোজন লোক যাচ্ছে তোমাদের সঙ্গে-ওরা সবাই অস্ত্র আর আমার নির্দেশ বহন করবে। বুঝলাম হুমায়ুন দাদার প্রচ্ছন্ন হুমকিটা শুধু আমাকে উদ্দেশ্য করেই নয়।
গুডবাই, হুমায়ুন। আবার হয়ত দেখা হবে আমাদের।
আমার তা মনে হয় না, রানা, তৃপ্তির সঙ্গে একটা ঢোক গিলে বলল হুমায়ুন দাদা। হাতের প্রকাণ্ড আর লালচে তালু দিয়ে বাতাসে একটা থাবা মেরে আমাকে বিদায় জানাল সে।
মোটর বোটে আমার পাশে বসল রাফেলা। আমার গায়ে হেলান দিয়ে আছে ও। শীতার্ত পাখির ছানার মত কাঁপছে। ওর কাঁধের ওপর হালকা করে একটা হাত তুলে দিয়েছি আমি, ওর মাথাটাকে রাখতে দিয়েছি আমার কাঁধে।
কয়েকবার চেষ্টা করল রাফেলা, কিন্তু যা বলতে চাইছে তা উচ্চারণ করতে পারছে না। ওর ঠোঁটের কাছাকাছি নামালাম মুখটা, কানটা এগিয়ে দিলাম।
ওরা আমাদেরকে খুন করতে নিয়ে যাচ্ছে, রানা, ফিসফিস করে বলল ও। তুমিও তা জানো, তাই না?
<