ব্রিজের সামনে, ফোক্যাসলের ওপর নিচু একটা ডেকহাউজ এবং একটা কম্প্যানিয়নওয়ে রয়েছে, একটা মইয়ের মাথায় গিয়ে উন্মুক্ত হয়েছে সেটা। মইটা নেমে গেছে ছোট একটা লবিতে। ক্রুদের কোয়ার্টার এদিকে, খোলা দরজা পথে কেবিন এবং মেস দেখা যাচ্ছে।
বো-এর কাছে একটা ইস্পাতের মোটা পাত মোড়া দরজা, তাতে স্টেনসিল দিয়ে লেখা রয়েছে-ফোক্যাসল স্টোর। ঘাড় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল ওরা আমাকে। ভারি দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। ক্লিক করে শব্দ হল তালা বন্ধ হবার।
ছয় ফুট লম্বা, চার ফুট চওড়া জায়গাটা। দুটো বাল্কহেডের গায়েই সারিবদ্ধ স্টোরেজ লকার রয়েছে। গুমোট একটা ভাব।
আমার প্রথম চিন্তা যে-কোন ধরনের একটা অস্ত্র পাওয়া যায়। কিনা দেখা। লকারগুলোর তালা পরীক্ষা করে নিরাশ হলাম। কবাটগুলো এক ইঞ্চি পুরু ওক কাঠের, ভাঙতে হলে কুঠার দরকার। তবু কাঁধের ধাক্কা দিয়ে চেষ্টা করে দেখলাম। জায়গাটা ছোট, তাই জোরের সাথে ধাক্কা মারাও সম্ভব নয়। কাজ হচ্ছে না। তবে শব্দের একটা প্রতিক্রিয়া ঘটল সাথে সাথে।
দড়াম করে খুলে গেল দরজাটা। চৌকাঠ থেকে যথেষ্ট পেছনে দাঁড়িয়ে রয়েছে একজন ক্রু, হাতে প্রকাও একটা পয়েন্ট ফরটিওয়ান ম্যাগনাম।
খামোকা কষ্ট দিচ্ছ নিজেকে, বলল লোকটা। তোমার কাজে লাগবে এমন কিছু নেই ওগুলোয়। পেছন দিকের দেয়ালের কাছে স্তুপ করে রাখা লাইফ-জ্যাকেটগুলো দেখাল সে। চুপচাপ বসে থাক ওখানে। ফের যদি কোন আওয়াজ শুনি, মনে করব ধোলাই দরকার তোমার। সাহায্যের জন্যে ওদেরকে ডাকব তখন। দরজাটা বন্ধ করে দিল সে।
নিঃশব্দে ফিরে এসে লাইফ-জ্যাকেটগুলোর ওপর বসলাম।
দরজার বাইরে গার্ড রাখা হয়েছে, ভাবছি আমি, অন্যান্যরাও রয়েছে কাছেপিঠে। লোকটা দরজা খুলবে, এ আমি আশা করিনি। ওকে দিয়ে আরেকবার খোলাতে হবে ওটা-কিন্তু সেবার যেভাবে হোক বেরিয়ে যেতে হবে আমাকে। বুঝতে পারছি, সফল হবার সম্ভাবনা নেই বললেই চলে। ঘরের দিকে নল তুলে ট্রিগার টিপতে হবে শুধু ওকে। ব্যর্থ হবার কোন কারণ নেই ওর।
যথাসম্ভব ওর কাছাকাছি পৌঁছুতে হবে আমাকে, সেজন্যে ওর চোখে ধুলো-অথবা ধোঁয়া দিতে হবে। ভুরু কুঁচকে লকারগুলোর দিকে তাকালাম আরেকবার, তারপর মনোযোগ দিলাম নিজের পকেটগুলোয়। প্রায় সব জিনিসই বের করে নিয়েছে ওরা। লাইটার, চুরুট, গাড়ির চাবি, পেন-নাইফ-এসব কিছুই নেই। থাকার মধ্যে ভাঁজ করা পাঁচ পাউণ্ডের তিনটে নোট, রুমাল আর কব্জিতে রয়েছে ঘড়িটা।
লাইফ-জ্যাকেটের স্তূপটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম আমি। সেগুলো তুলে আরেক পাশে সরিয়ে রাখলাম। নিচে থেকে বেরুল ফলের একটা কাঠের বাক্স। তাতে অর্ধেকটা সাবান, নাইলনের ফ্লোরব্রাশ, ক্লিনিং ব্যাগ, এবং এক বোতল স্বচ্ছ তরল পদার্থ দেখতে পাচ্ছি। ছিপি খুলে বোতলটা নাকের সামনে তুলে শ্বাস টানলাম। জিনিসটা বেনজিন।
আবার বসলাম। সদ্য পাওয়া সম্পদগুলো কিভাবে ব্যবহার করা যায় ভাবছি। কিন্তু চমকপ্রদ কোন বুদ্ধি আসছে না মাথায়।
আলোর সুইচটা দরজার বাইরে। মাথার ওপরের বালা মোটা কাঁচের ঢাকনি দিয়ে ঢাকা। আবার দাঁড়ালাম। বেয়ে-ছেয়ে লকারগুলোর অর্ধেকটা পর্যন্ত উঠে গেলাম, ঢাকনিটা খুলে পরীক্ষা করলাম বালবটা। ক্ষীণ একটু আশার আলো দেখতে পাচ্ছি এখন।
মেঝেতে নেমে বেছে নিলাম ভারি একটা লাইফ-জ্যাকেট। রিস্টওয়াচের স্টীল স্ট্র্যাপের আঁকড়া দিয়ে তর্জনী ঢোকার মত একটা ফুটো করে নিলাম, তারপর ক্যানভাসটা টেনে ছিঁড়ে ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনলাম সাদা কাপোক। অনেকগুলো লাইফ-জ্যাকেটের ক্যানভাস ছিঁড়লাম। কাপোকের বেশ বড় সড় একটা স্তুপ তৈরি করলাম মেঝেতে। জিনিসটা তুলোর মত, তাতে বোতলের বেনজিন ঢালতে ভিজে সপসপে হয়ে গেল। এক মুঠো ভিজে কাপোক তুলে নিলাম আমি, তারপর লকারের গায়ে পা রেখে আবার উঠে দাঁড়ালাম।
বালবটা খুলে নিতেই অন্ধকার হয়ে গেল ঘরটা। শুধু স্পর্শ অনুভব করে কাজ করছি আমি। বেনজিন ভেজা নরম কাপোক ইলেকট্রিসিটি টার্মিনালগুলোর দিকে চাপ দিয়ে ঠেলে দিচ্ছি। ব্যবহার করার মত কোন ইনসুলেশন নেই, তাই রিস্টওয়াচের স্টীল স্ট্র্যাপটা খালি হাতে নিয়ে ওটাকেই ব্যবহার করছি। অকস্মাৎ নীল আলো চমকে উঠল, বেনজিনে আগুন ধরে গেল সাথে সাথে, এবং একশো আশি ভোল্টের প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম আমি ডেকের ওপর ক্যানভাসের স্তূপে, কাপোকের জ্বলন্ত বলটা এখনও রয়েছে আমার হাতে।
অস্পষ্টভাবে বিরক্তিসূচক চিৎকার ভেসে এল বাইরে থেকে। ফোক্যাসলের সমস্ত লাইটিং সিস্টেম বানচাল করে দিয়েছি আমি,
অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না ওরা। হাতের আগুনটা দ্রুত কাপোকের ভিজে স্তূপে ফেলে দিলাম আমি, দপ করে জ্বলে উঠল স্তূপটা। হাত থেকে আগুনের ফুলকি ঝেড়ে ফেলে নাক আর মুখ চেপে ধরলাম রুমাল দিয়ে। বেছে রাখা ভাল লাইফ-জ্যাকেটটা ছোঁ মেরে তুলে নিলাম আমি, দ্রুত দরজার পাশে এসে দাঁড়ালাম।
কয়েক সেকেণ্ডের মধ্যেই পুড়ে শেষ হয়ে গেল বেনজিন। জ্বলন্ত কাপোক থেকে হু হু করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। ঘরটা ভরে গেছে এরই মধ্যে, ঝর ঝর করে পানি বেরিয়ে আসছে আমার চোখ থেকে। খুব ধীরে এবং সাবধানে, শ্বাস টানতে চেষ্টা করছি, কিন্তু ফুসফুসে গিয়ে ধাক্কা খাচ্ছে ঝাঁঝাল ধোঁয়া, খক খক করে অদম্য কাশির সাথে শিরদাঁড়া বেঁকে যাচ্ছে আমার।
পুড়ছে! কিছু পড়ছে! দরজার বাইরে চিৎকার করে উঠল গার্ডটা। দোহাই লাগে, আলোটা জ্বালার ব্যবস্থা কর, দূর থেকে কেউ চেঁচিয়ে উঠল।
এবার আমার পালা। দুহাত দিয়ে ঘুসি মারছি ইস্পাতের দরজায়, আতঙ্কে চিৎকার জুড়ে দিলাম, আগুন! আগুন! জাহাজে আগুন ধরে গেছে! বাঁচাও! এর সবটাই অভিনয় নয়। ছোট্ট ঘরটার ভেতর ধোঁয়া এত ঘন হয়ে যাচ্ছে যে বুঝতে পারছি বড়জোর আর ষাট সেকেও দাঁড়িয়ে থাকতে পারব আমি, তারপরই শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারাব।
দরজা খুলে ভেতরে টর্চের আলো ফেলল গার্ড। বাইরে অন্ধকার, কালো মূর্তিটা ছুটোছুটি করছে, গার্ডের হাতে টর্চ আর রিভলভারটা রয়েছে-এর বেশি কিছু দেখার অবকাশ পেলাম না।
ঘন, জমাট বাঁধা একটা কালো ধোঁয়ার মেঘ বেরিয়ে যাচ্ছে ঘরটা থেকে, সেটার মাঝখানে ঢুকে পড়লাম, তারই সাথে লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে। আমার ধাক্কা খেয়ে চিৎ হয়ে পড়ে যাচ্ছে গার্ড, বিকট শব্দে বিস্ফোরিত হল একটা গুলি। মাজল থেকে শিখা বেরিয়ে চারদিক আলোকিত করে দিল মুহূর্তের জন্যে, কম্প্যানিয়নওয়ের মইটা দেখতে পেলাম আমি।
বুলেটের আওয়াজ কালো মূর্তিগুলোকে স্তব্ধ করে দিয়েছে। মইয়ের দিকে অর্ধেক দূরত্ব পেরিয়ে এসেছি আমি, এই সময় তাদের একজন লাফ দিয়ে সামনে চলে এল আমাকে বাধা দেবার জন্যে। কাঁধ দিয়ে প্রচণ্ড ধাক্কা দিলাম তার বুকে, লিক হয়ে যাওয়া রিকশার চাকার মত শব্দ করে সব বাতাস বেরিয়ে এল তার ফুসফুস থেকে।
মারমার কাট-কাট শুরু হয়ে গেছে চারদিক থেকে। লবি পেরোবার সময় মইয়ের গোড়ায় আরেকজনকে দেখতে পাচ্ছি। গতি না কমিয়ে এগোচ্ছি, সবটুকু জোর দিয়ে লোকটার পেটে লাথি চালালাম। মুহূর্তের জন্যে থামলাম আমি, লোকটাকে মইয়ের গোড়ায় শুয়ে পড়তে দিচ্ছি। এই সময় একটা টর্চের আলো লোকটাকে ছুঁয়ে ছুটে গেল একদিক থেকে আরেক দিকে। অজ্ঞান লোকটাকে চিনতে পারলাম। এ সেই রসুনের গন্ধ। মই বেয়ে ওঠার সময় একটু সাহায্য নিলাম ওর কাছ থেকে। ওর কাঁধে একটা পা রেখে সেটাকে স্প্রিঙবোর্ডের মত ব্যবহার করলাম, লাফ দিয়ে উঠে গেলাম মইয়ের অর্ধেকটা।
গোড়ালির পেছনটা খামছে ধরল পেছন থেকে কেউ, পা ছুঁড়ে ছাড়িয়ে নিলাম আমি। পৌঁছে গেছি ডেক লেভেলে।
সরু রডের তৈরি মইয়ের ধাপে একটা মাত্র পা রয়েছে। আমার, এক হাতে লাইফ-জ্যাকেট, অপর হাত দিয়ে ধরে আছি হ্যাণ্ডরেইল-এই রকম অসহায় মুহূর্তে ডেকের দরজা পথে আরও একটা কালো মুর্তি এসে দাঁড়াল, এবং আচমকা চোখ ধাঁধিয়ে দিয়ে জ্বলে উঠল সমস্ত আলো।
বালির বস্তা হাতে প্রকাণ্ডদেহী সেই লোকটা দাঁড়িয়ে আছে। আমার ওপরে, আঘাত করার জন্যে আমার মাথার ওপর বস্তাটা তোলার সময় হাসছে। আঘাতটা এড়িয়ে যাবার একমাত্র উপায় হ্যাণ্ডরেইল ছেড়ে দিয়ে পেছন দিকে ফোক্যাসলে পড়ে যাওয়া, যেখানে আক্রোশে লাফালাফি করছে একদল কালো মূর্তি।
পেছন দিকে তাকালাম। হ্যাণ্ডরেইলটা সত্যি ছেড়ে দিতে। যাচ্ছি। হঠাৎ আমার পেছন দিকে, নিচের ডেকে উঠে বসল। রিভলভারধারী লোকটা, ইয়টের দোলা সামলে নিয়ে লক্ষ্য স্থির করেই গুলি ছুঁড়ল।
ভারী সীসার বুলেটটা আমার কানের পাশ দিয়ে উঠে গেল। ওপরে দাঁড়ানো লোকটা ঝাঁকি খেল, তার মাথাটা ঝুঁকে পড়ল সামনের দিকে, বুক স্পর্শ করল চিবুক। মাথা নিচু করে বুকের বাঁ দিক ঘেঁষা ফুটোটা অবাক বিস্ময়ে দেখছে যেন। এক সেকেণ্ড এই ভঙ্গিতে স্থির হয়ে থাকল লোকটা। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত এড়াবার জন্যে মাথাটা একপাশে সরিয়ে নিলাম আমি। লোকটা সটান পড়ে যাচ্ছে মইয়ের দিকে, তার পাশ ঘেঁষে স্যাঁৎ করে উঠে এলাম ডেকে।
আমার পেছনে আবার গর্জে উঠল রিভলভার, হ্যাচের গায়ে লেগে ফেটে ছড়িয়ে পড়তে দেখলাম বুলেটটাকে। তিন কদম ছুটে এসেই ডাইভ দিয়ে পেরিয়ে গেলাম রেইলটা, পেটের ভেতর জায়গা বদল করল নাড়িগুলো, ঝপাৎ করে পড়লাম কালো পানির বুকে।
প্রপেলারগুলো প্রচণ্ড আলোড়ন তুলছে পানিতে, সেই আলোড়নের মধ্যে পড়ে গেলাম আমি, সাঁ করে টেনে নিল আমাকে নিচে।
চামড়া ভেদ করে হাড়ে ঘষা খাচ্ছে প্রচণ্ড ঠাণ্ডা। লাইফ জ্যাকেটটা পানির ওপর টেনে তুলল একসময় আমাকে। দিশেহারার মত নিজের চারদিকে তাকালাম। অনেক, অনেক দূরে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে উপকূলের আলো-কিন্তু ওখানে সাঁতার কেটে পৌঁছানর কথা কোন পাগলও চিন্তা করবে না।
পানির ওপর চারপাশ ঘিরে মাথা উঁচু ঢেউ আমাকে আড়াল হয়ে থাকতে সাহায্য করছে। স্রোতটাও তীব্র। কিন্তু ঢেউগুলো শত্রুর মতো আমাকে ওপর দিকে তুলেও ধরছে, যাতে ইয়ট থেকে ওরা সবাই আমাকে পরিষ্কার দেখতে পায়।
খোলা সাগরের দিকে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে বুমেরাং। সব আলো জ্বলছে তার, আলোকমালায় সজ্জিত প্রমোদতরীর মত লাগছে দেখতে। ক্রমশ দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে।
আড়ষ্ট ভঙ্গিতে হাত আর পা ব্যবহার করে খুলে ফেললাম জুতো আর জ্যাকেট, তারপর লাইফ-জ্যাকেটের হাতায় হাত দুটো গলিয়ে দিলাম। আবার যখন তাকালাম, এক মাইল দূরে সরে গেছে বুমেরাং। কিন্তু হঠাৎ সে বাঁক নিতে শুরু করল। এবং ব্রিজ থেকে লাফ দিয়ে বেরিয়ে এল সাদা স্পটলাইটের সুদীর্ঘ বাহু। কালো সাগরের বুকে হালকাভাবে ঘুরছে, নাচানাচি করছে উজ্জ্বল আলোটা।
তীরচিত্রে দিকে তাকিয়ে শিউরে উঠলাম আমি। বুমেরাং পিছু ধাওয়া নাও যদি করে, ওখানে আমি পৌঁছুতে পারব না সাঁতার কেটে। কিন্তু একথাও ঠিক, চুপচাপ পানির ওপর ভেসে থাকারও কোন মানে হয় না। পশ্চিম মুখো স্রোতে গা ভাসিয়ে দিয়ে সাঁতার কাটতে শুরু করলাম আমি।
ধীর গতিতে ফিরে আসছে বুমেরাং। স্পটলাইটের আলো দ্রুত সার্চ করছে একদিক থেকে আরেক দিক পর্যন্ত পানির উপরিভাগ। ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে।
স্রোতে গা ভাসিয়ে দিয়ে এগোচ্ছি এখন, পানির ওপরটা ভেঙে গিয়ে সাদা ফেনা তৈরি হবার ভয়ে হাত পা ছুঁড়ছি না।
ইংলিশ গ্রাউণ্ডে বয়ার রাইডিং লাইটটা একটু আগে ভাটা শুরু হবার সাথে সাথে দিক বদল করেছে। স্রোতের টানে বুমেরাঙের পথ থেকে সরে এসেছি আমি, আমার সাথে সমান্তরাল রেখার ওপর এগিয়ে আসছে সে, স্পটলাইট দিয়ে খোলা পানি সার্চ করছে।
বয়ার রাইডিং লাইট এর বেশি আমার দিকে এগিয়ে আসার অনুমতি দেবে না বুমেরাংকে। দেড়শো গজ দূর থেকে তার ব্রিজে লোকজন দেখতে পাচ্ছি আমি। সিডনি শেরিডানের নীল সিল্কের গাউনটা ফড়িঙের পাখনার মত ঝিকমিক করছে ব্রিজের আলোয়। ধমকের চড়া গলা শুনতে পাচ্ছি তার, কিন্তু কথাগুলো ধরতে পারছি না।
অভিযোগকারীর সাদা লম্বা একটা তর্জনীর মত স্পটলাইটের আলো এগিয়ে আসছে আমার দিকে। বারবার আগুপিছু যাওয়া আসা করে পানির ওপরটা সার্চ করছে। পরের বার যখন আসবে, আমাকে স্পর্শ করবে আলোটা। পেছন দিয়ে চলে গেল এবার, শেষ প্রান্তে পৌঁছুল, কোন বিরতি না নিয়ে ফিরে আসছে আবার।
এক নিমেষে আমার ওপর এসে পড়ল আলোটা। ঠিক সেই সময় একটা ঢেউ থেকে নেমে গেছি আমি। ঢেউয়ের ফেনা ভেদ করে ম্লান আলো পড়ল আমার গায়ে, কিন্তু থামল না।
দেখতে পায়নি আমাকে ওরা। আরও কিছুক্ষণ নিষ্ফল খোঁজাখুঁজির পর সেভার্নের মুখের দিকে ফিরে যাচ্ছে বুমেরাং। লাইফ-জ্যাকেটের কর্কশ আলিঙ্গনের মধ্যে শুয়ে আছি আমি। ক্লান্ত। ঠাণ্ডায় কাঁপছি। মাথার অসাড়ভাবটা এখন নেই, কিন্তু প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে হঠাৎ করে-সম্ভবত বিপদ কেটে যাওয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে সাইকিক পেইন।
কিন্তু মুক্তি পেয়েছি আমি। এখন শুধু একটাই দুর্ভাবনা-ঠাণ্ডায় বরফ হয়ে কতক্ষণে মরব।
সাঁতার কাটছি আবার। অনেকক্ষণ হল চোখের আড়ালে চলে গেছে বুমেরাঙের আলো।
ইয়টের ফোক্যাসলে ফেলে রেখে এসেছি রিস্টওয়াচ, তাই বলতে পারব না কতক্ষণ একনাগাড়ে সাঁতার কাটার পর হাত এবং পাগুলো সম্পূর্ণ অসাড় হয়ে গেছে আমার। এখনও সাঁতার কাটতে চাইছি আমি, চেষ্টাও করছি, কিন্তু জানি না হাত-পা সাড়া দিচ্ছে কিনা।
নিজেকে ঢিল করে দিয়ে ভেসে থাকার অদ্ভুত একটা অনুভূতি উপভোগ করতে শুরু করেছি। উপকূলের আলোগুলো ক্রমশ ঝাপসা হতে হতে কখন জানি না একেবারে অদৃশ্য হয়ে গেছে। কোমল মেঘ যেন ঘিরে রেখেছে আমাকে। ভাবছি, এটাই যদি মৃত্যুকালীন পরিবেশ হয়, তাহলে এ সম্পর্কে যে আতঙ্ক ছড়ানো হয় তার দেখছি সবটাই পুরোপুরি মিথ্যে। নাক দিয়ে হাসির শব্দ বেরিয়ে এল। শুয়ে আছি অসহায় ভাবে লাইফ-জ্যাকেটে। ভিজছি।
দৃষ্টি শক্তি হারালাম কেন? বারবার বিরক্ত করছে প্রশ্নটা। মৃত্যুর অনেক বিবরণ শুনেছি, কিন্তু কই, অন্ধ হয়ে যাবার কথা তো শুনিনি! তারপর হঠাৎ বুঝতে পারলাম ভোরের সাথে সাথে সৃষ্টি হয়েছে কুয়াশার, সেজন্যেই কিছু দেখতে পাচ্ছি না আমি। তবে, ভোরের আলোর তেজ বাড়ছে ক্রমশ। এখন বিশ ফুট দূরে দেখতে পাচ্ছি কুয়াশার নিচ্ছিদ্র, নিরেট প্রাচীর।
চোখ বুজলাম আমি, এবং তারপর আর আমার কিছু মনে নেই। আমার শেষ চিন্তাটা ছিল, এটাই বোধহয় আমার শেষ চিন্তা। ঘুমে চোখ জুড়িয়ে আসার আগে নিজের হাসির শব্দ শুনছিলাম, মনে পড়ে।
কথাবার্তার আওয়াজে ভেঙে গেল ঘুমটা। চোখ মেলে কুয়াশা ছাড়া কিছুই দেখছি না। অথচ একেবারে কাছ থেকে এবং পরিষ্কার শুনতে পাচ্ছি লোকজনের কণ্ঠস্বর।
চিৎকার করার চেষ্টা করলাম। গলা দিয়ে মৃদু একটূ চিঁ চিঁ আওয়াজ বেরুল কি বেরুল না-তাতেই মনে হল, যা হোক, বেঁচে আছি তাহলে। ধীরে ধীরে চোখের সামনে ফুটে উঠছে লম্বা একটা জেলে নৌকো। দুজন লোক কিনারা থেকে ঝুঁকে পড়ে জাল টানার নির্দিষ্ট সময়ের জন্যে অপেক্ষা করছে।
আবার আমি চেঁচিয়ে উঠলাম। প্রথমবারের চেষ্টায় আওয়াজ বেরোয়নি, কিন্তু মুখের ভেতর থেকে পানিটুকু বেরিয়ে গিয়েছিল। এবার পথ খোলা পেয়ে আওয়াজটা এমন জোরে বেরুল যে চমকে উঠলাম নিজেই, এবং লজ্জা পেলাম।
গুড মর্নিং, ভায়েরা।
জেসাস! একজন জেলে দেখতে পেয়েছে আমাকে। বিস্ময় ধ্বনির সাথে দুই দাঁতের মাঝখান থেকে পাইপটা খসে পড়ল পানিতে, ছাৎ শব্দে নিভে গেল আগুনটা।
নোংরা একটা কম্বল মুড়ি দিয়ে খুদে হুইল হাউজে বসলাম আমি। সস্তা দামের টিনের মগে চিনি ছাড়া গরম চা খাচ্ছি। এত জোরে কাঁপছি যে চা-টুকু আমার দুই হাতে ধরা মগের মধ্যে পাক খাচ্ছে, লাফিয়ে উঠছে অবিরত।
সম্পূর্ণ শরীর নীল হয়ে গেছে আমার। নির্মম ম্যাসেজের ফলে রক্ত চলাচল শুরু হতেই জয়েন্টগুলোয় তীব্র ব্যথা অনুভব করছি। সরল জেলে ওরা, প্রকৃতির সন্তান, ফালতু লাজলজ্জার বালাই নেই-সম্পূর্ণ উলঙ্গ করে কিছুই ম্যাসেজ করতে বাকি রাখল না আর।
মাছ ধরা শেষ করে ওরা যখন বাড়ি-মুখো হল তখন বিকেল। ইতিমধ্যে আমার পোশাক শুকিয়ে গেছে, পেটে দানাপানি পড়েছে।
পোর্ট ট্যালবটে ভিড়ল নৌকা। কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে ওদেরকে পাঁচ পাউণ্ডের নোট তিনটে দিতে গেলাম আমি। বয়স্ক জেলে লোকটা ঘোলাটে চোখে আমার দিকে তাকিয়ে বলল, সাগর থেকে কাউকে তুলতে পারলেই মনে করি পুরো পারিশ্রমিক পেয়ে গেছি, মিস্টার। টাকা রাখ।
.
বারবার বাস আর ট্রেন বদল করে লণ্ডনে ফেরা দুঃস্বপ্নের মত লাগল। পরদিন সকাল দশটায় ট্রেন থেকে ছিটকে প্যাডিংটন স্টেশনে নামলাম। দুই যুবতী হাসতে হাসতে যাচ্ছে, আমাকে দেখেই আঁতকে উঠে পিছিয়ে গেল দ্রুত। বুঝতে বাকি থাকল না চেহারাটা আমার দেখতে কি রকম হয়েছে।
ট্যাক্সির ড্রাইভার আরও পরিষ্কার ধারণা পেতে সাহায্য করল আমাকে। দুদিনের গজিয়ে ওঠা দাড়ি, ফুলে ওঠা ঠোঁট, লাল চোখ এবং চামড়া ছেলা মুখের ক্ষতগুলোর দিকে তাকিয়ে সবজান্তার মত মাথা নাড়ল সে। ওর স্বামী বুঝি হঠাৎ এসে পড়েছিল? পালাবার সময় পাওনি? জিজ্ঞেস করল আমাকে। বিড়বিড় করে বললাম, তাকেও আমি ছেড়ে দিইনি।
আঙ্কেল বার্ডের বাড়ির দরজা খুলে দিল রাফেলা। আমাকে দেখে ঢোক গিলল সে। কথা বলতে গিয়ে বিষম খেল। তারপর ক্রমশ বিস্ফারিত হয়ে উঠল তার নীল চোখ।
রানা! ফিসফিস করে বলল ও। রানা, এ কি অবস্থা হয়েছে। তোমার? তু-তুমি…
কেন, পছন্দ হয় না? হাসতে চেষ্টা করলাম আমি। দরজা থেকেই ফিরিয়ে দেবে নাকি?
আমার কাঁধ ধরে টানল রাফেলা। বাড়ির ভেতরে নিয়ে এল আমাকে। পাগল হতে বাকি আছে শুধু। সারাটা দিন! পুলিসে খবর দিয়েছি, সব হাসপাতালে খবর নিয়েছি-সম্ভাব্য সব জায়গায় গেছি নিজে…
পেছনের একটা কামরায় ঘুর ঘুর করছে আঙ্কেল বার্ড, তার উপস্থিতি সাংঘাতিক পীড়া দিচ্ছে আমার স্নায়ুকে। গোসল করে কাপড় বদলাবার রাফেলার প্রস্তাব এক কথায় প্রত্যাখ্যান করলাম আমি। তার পরিবর্তে ওকে নিয়ে পালিয়ে এলাম উইণ্ডসোর আর্মসে।
দাড়ি কামিয়ে বাথরুমের দরজা খোলা রেখেই গোসল করছি, সেই সাথে কথা বলছি আমরা। আমার দৃষ্টিপথ থেকে সরে আড়ালে বসে আছে বটে রাফেলা, কিন্তু বুঝতে পারছি এই অবস্থায় ওর সাথে আলোচনা করার সুযোগটা আমাদেরকে আরও গভীরভাবে ঘনিষ্ঠ করে তুলতে প্রচুর সাহায্য করছে। নিঃশব্দে শুনছে ও, এবং কোন সন্দেহ নেই মুগ্ধ বিস্ময়ই ওর এই মৌনতার একমাত্র কারণ।
কোমরে শুধু তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানার কিনারায় বসলাম আমি। ঘটনার শেষ অংশটা শোনাচ্ছি ওকে, এই ফাঁকে আমার শরীরের কাটাকুটিগুলোর যত্ন নিচ্ছে রাফেলা।
এবার তোমাকে অবশ্যই পুলিসের কাছে যেতে হবে, রানা, অবশেষে মুখ খুলল ও। ব্যাপারটা আর সাধারণ পর্যায়ে নেই। ওরা তোমাকে খুন করার চেষ্টা করেছে।
রাফেলা, মাই ডারলিং গার্ল, প্লীজ! পুলিসের নাম উচ্চারণ করে শুধু শুধু আমার হার্টটাকে দুর্বল করে দিয়ো না তুমি।
কিন্তু, রানা…
পুলিসের কথা ভুলে গিয়ে দেখ পার যদি কিছু খাবার আনাও। মনে হচ্ছে জন্মের পর থেকে কিছুই খাইনি আমি।
হোটেলের কিচেন থেকে গ্রিল করা মাংস, টমেটো, ডিম ভাজা, টোস্ট আর চা এল।
মজার কথা, আবার ভয়েরও কথা-কি জানো? খেতে বসে বললাম ওকে। খরচের খাতায় ওরা তোমার নামও টুকে রেখেছে। তোমার হাতে শুধু ফোস্কা ফেলতে আসেনি সেদিন ওরা, খুন করতে এসেছিল। সিডনি শেরিডানের ধারণা ওর লোকেরা তোমাকে খুন করে গেছে।
পাথর হয়ে গেল রাফেলা। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে।
তার মানে, বললাম ওকে, ভোরের আলো সম্পর্কে কেউ কিছু জানলেই হল, তারা তাকে খুন করবে।
হুঁ, গম্ভীরভাবে বলল রাফেলা।
যাই হোক, হাতে আমরা বেশ কিছু সময় পাচ্ছি। শেরিডানের বুমেরাং খুবই শক্তিশালী এবং দ্রুতগতিসম্পন্ন, তবু দ্বীপে পৌঁছুতে তিন থেকে চার হপ্তা লেগে যাবে তার।
চায়ে সব শেষে দুধ মেশাল রাফেলা, আমি যেভাবে পছন্দ করি। আমার পছন্দ-অপছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে ও, বুঝতে পেরে আরও আশাবাদী হয়ে উঠলাম আমার ভবিষ্যৎ সম্পর্কে। ধন্যবাদ, রাফেলা-তোমাকে দিয়ে আমার চলবে।
ঠোঁট জোড়ার বাইরে জিভের ডগাটা বের করে দেখিয়ে দিল আমাকে ও।
কম করেও লাখখানেক পাউণ্ড খরচ করতে হবে শেরিডানকে এই অভিযানের পেছনে। কি যে আছে ওই পাঁচটা কেসে! কৌশলে তথ্য বের করতে চেয়েছিলাম, কিন্তু হাসল শেরিডান। তার ধারণা আমি জানি।
হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল রাফেলার মুখ। আর যদি কোন দুঃসংবাদ না থাকে, এবার একটা সুসংবাদ শুনবে?
বোধহয় এক-আধটু সইতে পারব।
চিঠিতে নিরোর নোটটার কথা বলছি–B. Mus।
ব্যাচেলর অভ মিউজিক?
না, ইডিয়ট-ব্রিটিশ মিউজিয়াম।
আরে, তাই তো!
ব্যাপারটা নিয়ে আঙ্কেলের সাথে আলোচনা করছিলাম। সাথে সাথে অর্থটা ধরতে পেরেছেন। সম্ভবত ব্রিটিশ মিউজিয়ামের একটা বইয়ের রেফারেন্স এটা। আঙ্কেলের রিডার্স কার্ড আছে। একটা বইয়ের জন্যে রিসার্চ করছেন কিনা, প্রায়ই যান ওখানে।
আমরাও যেতে পারব?
যেতেই হবে, বলল রাফেলা।
ব্রিটিশ মিউজিয়াম।
রিডিংরুমের সোনালি আর নীল গম্বুজের নিচে প্রায় দুঘন্টা দাঁড়িয়ে আছি। কিসের জন্যে অপেক্ষা করছি, কোন ধারণাই নেই। নিরোর রেফারেন্স নাম্বারটা দিয়ে একটা ফর্ম পূরণ করেছি শুধু, সেটা জমা দিয়েছি ডেস্কে।
অ্যাটেনড্যান্ট যখন প্রকাণ্ড একটা পাঁচ সের ওজনের বই এনে দিল, ব্যগ্রতার সাথে নিলাম সেটা আমি। সেকার অ্যাণ্ড ওয়ারবার্গ এডিশন এটা, উনিশশো তিপ্পান্ন সালে প্রথম ছাপা হয়েছে। লেখক একজন ডক্টর, পি. এ. রেডি। রেক্সিনের কাভারে সোনালি অক্ষরে নাম লেখাঃ
LEGENDARY
AND LOST TREASURE
OF THE WORLD
বইটা খোলার আগে নিরোর মুখটা ভেসে উঠল চোখের সামনে। এই বইটা নাড়াচাড়া করেছে সে, সন্দেহ নেই। কাগজপত্রের এই সব সূত্র অনুসরণ করার পেছনে তার জীবনের অনেক ঘটনাচক্র দায়ী, অনুমান করা যায়। সাগরে হারিয়ে যাওয়া ধ্বংসস্তুপ এবং গুপ্তধন সম্পর্কে তার প্রচণ্ড কৌতূহলই কি এ-পথে টেনে এনেছিল তাকে? এই বইটা তার হাতে পড়ে আগে, নাকি। পুরানো চিঠিগুলো? এসব প্রশ্নের উত্তর কোনদিন জানতে পারব না আমি।
ঊনপঞ্চাশটা পরিচ্ছেদে ভাগ করা বইটা। প্রতিটি পরিচ্ছেদ আলাদা বিষয় নিয়ে লেখা। তালিকাটা সাবধানে পড়া শেষ করলাম প্রথমে।
পানামার সোনার তাল এবং পাত, জলদস্যুদের সমগ্র গুপ্তধন, উত্তর আমেরিকার রকি পর্বতমালায় হারিয়ে যাওয়া সোনার খনি, দক্ষিণ আমেরিকার একটা ডায়মণ্ড ভর্তি উপত্যকা, আর্মাডার ট্রেজার শিপ, আলেকজাণ্ডার দ্য গ্রেটের স্বর্ণ ভাণ্ডার, আরও ট্রেজার শিপ-আধুনিক এবং প্রাচীন, দুই ধরনেরই-দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে পেছনের দিকে ট্রয় নগরী ধ্বংস হওয়ার আগে পর্যন্ত, মুসোলিনীর ধন-সম্পদ-এই রকম অসংখ্য বিষয় রয়েছে। সত্য মিথ্যে, বাস্তব ঘটনা এবং রঙিন কল্পনা, ইতিহাস এবং অনুমান-এই সব মিশিয়ে আশ্চর্য আলাদা একটা জগৎ সৃষ্টি করা হয়েছে বইটিতে। আটলান্টিক থেকে কালাহারি মরুভূমি পর্যন্ত শত শত বছর ধরে কত শহর আর সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ আজ আর তার খবর রাখে না, কিন্তু এখানে সেই সব শহর আর সভ্যতার বিপুল ধন সম্পদের সম্ভাব্য বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করা হয়েছে। যাকে বলে এলাহি কারবার, কোথায় খোঁজ করব আমি সে সম্পর্কে কোন ধারণাই করতে পারছি না।
একটা দম নিয়ে সাহসে বুক বাঁধলাম, তারপর সম্পাদকীয় এবং ভূমিকা এড়িয়ে পাঠে মনোনিবেশ করলাম।
পাঁচটার মধ্যে ষোলোটা পরিচ্ছেদের ওপর চোখ বুলিয়ে নিলাম আর পাঁচটা পরিচ্ছেদ গভীর মনোযোগের সাথে খুঁটিয়ে পড়লাম। কিন্তু ভোরের আলোর সাথে এই সব পরিচ্ছেদের বিষয়বস্তুর কোন যোগসূত্র পেলাম না, তবে নিরো কেন হারানো গুপ্তধন সম্পর্কে প্রচণ্ড উৎসাহী ছিল তা ইতিমধ্যে আবিষ্কার করতে পেরেছি। যে-কোন মানুষকে উত্তেজিত করার মত বিষয় এটা। এটা এমন একটা জগৎ যেখানে একবার ঢুকলে সহজে বেরুনো যায় না। নিজের অস্তিত্ব ভুলে বুঁদ হয়ে পড়ে যাচ্ছি আমি। আগ্রহে চকচক করছে আমার চোখ।
নতুন কেনা জাপানী রিস্টওয়াচটা দেখে আঁতকে উঠলাম আমি। বইটা জমা দিয়ে দ্রুত বেরিয়ে এলাম মিউজিয়াম থেকে। গ্রেট রাসেল স্ট্রীট পেরিয়ে একটা বারে ঢুকলাম, এখানে দেখা করার কথা আমার রাফেলার সাথে।
দুঃখিত, রাফেলার পাশের চেয়ারে বসে বললাম। সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।
আমার একটা হাত চেপে ধরল ও। কি জানতে পেরেছ তাই বল। কৌতূহলে মরে যাচ্ছি আমি।
রাফেলার আকণ্ঠ তৃষ্ণা মেটাতে পারলাম না, যা বললাম তাতে ওর চোখ মুখে দাউ দাউ করে জ্বলে উঠল কৌতুহলের আগুন। বইটার নাম শুনে আরও অস্থির হয়ে উঠল ও। অর্ডারের খাবার নিয়ে বেয়ারা ফিরে আসার আগেই আমাকে মিউজিয়ামে ফেরত পাঠাতে চাইল। অনেক কাকুতি মিনতি করে কিছুটা সময় চেয়ে নিলাম আমি। কিন্তু খাওয়া শেষ হতে আর একটা মিনিটও বসতে দিল না আমাকে।
উইণ্ডসোর আর্মসে আমার কামরার চাবি দিয়ে একটা ট্যাক্সিতে তুলে দিলাম ওকে। তারপর দ্রুত আবার ফিরে এলাম মিউজিয়ামের রিডিংরুমে। বইটার পরবর্তী পরিচ্ছেদের নাম-মহান মোঘল সম্রাট এবং ভারতের ব্যাঘ্র সিংহাসন।
পরিচ্ছেদের শুরুতেই একটা সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমির বর্ণনা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে প্রাচীন দুনিয়ার দুই প্রখ্যাত বীর তৈমুর লং এবং চেঙ্গিস খান উত্তর-ভারতের পর্বতমালা পেরিয়ে এসে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সাথে সাথে অনুধাবন করলাম আমি যে এলাকা সম্পর্কে আগ্রহী এটা তার আওতার মধ্যে পড়তে পারে। প্রাচীন এই উপমাহাদেশ থেকেই শেষবারের মত যাত্রা করেছিল ভোরের আলো।
সম্রাট বাবরের পর অন্যান্য মুসলিম শাসকদের গৌরবোজ্জ্বল। ইতিহাস তুলে ধরা হয়েছে প্রথম দিকে। এই সব শাসকরা। ক্ষমতার শীর্ষে আরোহণ করেন এবং দ্রুত ও কৃতিত্বের সাথে উপমহাদেশের চেহারা বদলে দেন। তাঁদের কীর্তির কথা বলে শেষ করা যায় না, যা আজও সারা ভারতে অক্ষয় হয়ে টিকে আছে। এই সব শাসকরা বিপুল ধন-সম্পদের অধিকারী হয়েছিলেন এবং তাঁরা তাজমহলের মত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন। সবশেষে বর্ণনা করা হয়েছে মোঘল সাম্রাজ্যের পতন পর্ব। ইংরেজরা দিল্লীর দুর্গ দখল করে নিয়ে মোঘল রাজকুমারদের যাকে যেখানে পেল হত্যা করল, বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহকে বন্দী করল।
এরপর অকস্মাৎ লেখক ইতিহাসের বিস্তীর্ণ পটভূমি থেকে সরে এসে সম্পূর্ণ আলাদা এক গল্প ফেঁদে বসেছেন। তা হুবহু এই রকমঃ
ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জিন ব্যাপ্টিস্ট তাভেরনিয়ের নামে এক ফ্রেঞ্চ পর্যটক এবং স্বর্ণকার মোঘল সম্রাট আওরঙ্গজেবের দরবারে হাজির হয়েছিল। এর পাঁচ বছর পর প্যারিস থেকে সে ট্রাভেলস ইন দ্য ওরিয়েন্ট নামে একটা বই প্রকাশ করে। মুসলিম শাসকের বিশেষ অনুগ্রহ লাভ করতে সমর্থ হয় সে, এবং রাজপ্রাসাদের রত্ন ভাণ্ডারে প্রবেশ করার দুর্লভ অনুমতি পায়। শুধু তাই নয়, উল্লেখযোগ্য কিছু রহের পরিচিতি এবং বর্ণনা লিপিবদ্ধ করারও সুযোগ দেয়া হয় তাকে। এগুলোর মধ্যে একটা ডায়মও ছিল যেটার নাম দেয় সে-গ্রেট মোঘল। ডায়মণ্ডটা ওজন করে তাভেরনিয়ের, এবং তার ক্যাটালগে দুশো আশি ক্যারেটের কথা লেখে। সে তার বর্ণনায় জানায় অসাধারণ, অত্যাশ্চর্য দ্যুতি বিকিরণ করে ডায়মণ্ডটা, এবং এর রঙ এত পরিষ্কার আর সাদা, ঠিক যেন আসমানের গ্রেট নর্থ স্টার।
সম্রাট আওরঙ্গজেব তাকে জানান ষোলোশো পঞ্চাশ সালে গোলকুণ্ডা মাইন থেকে পাথরটা উদ্ধার করা হয় এবং তখন এটার ওজন ছিল সাতশো সাতাশি ক্যারেট।
পাথরটাকে কেটে গোলাকার একটা গোলাপের আকৃতি দেয়া হয়, কিন্তু এর সব দিক সমান ভাগে ভাগ করা নয়, অর্থাৎ কাটিংটা সিমেট্রিক্যাল হয়নি-একটা দিক ফুলে আছে।
পাথরটা সম্পর্কে এর পরে আর কেউ কোন বর্ণনা দিতে পারেনি, তাই অনেকে মনে করে যে তাভেরনিয়ের আলাদা কোন ডায়মণ্ড নয়, আসলে কোহিনুর অথবা অরলফ দেখেছিল। কিন্তু তাভেরনিয়েরের মত একজন অভিজ্ঞ পর্যবেক্ষক এবং দক্ষ কারিগর এ-ধরনের স্কুল ভুল করবে তা মোটেও আশা করা যায়। কোহিনুর আর অরলফের সাথে গ্রেট মোঘলের চেহারা, আকৃতি এবং ওজনগত পার্থক্য ব্যাপক, ভুল হবার প্রশ্নই ওঠে না। লণ্ডনে নতুন করে কাটার পর কোহিনুরের ওজন দাঁড়ায় মাত্র একশো একানব্বই ক্যারেট,-বলা বাহুল্য, সেটার আকৃতিও গোলাপের মত নয়। আর অরলফের আকৃতি গোলাপের মত হলেও এটা একটা সিমেট্রিক্যাল পাথর এবং এর ওজন একশো নিরানব্বই ক্যারেট। তাভেরনিয়ের যে পাথরটার কথা বলছে সেটার সাথে এ দুটোর অন্য কোন পাথরের কোন মিল নেই। এবং সমস্ত তথ্য প্রমাণ প্রকাণ্ড একটা স্বতন্ত্র সাদা পাথরের অস্তিত্ব জাহির করছে, যেটা প্রকাশ্য দুনিয়া থেকে নিখোঁজ হয়ে গেছে।
সতেরশো ঊনচল্লিশ সালে পারস্যের নাদির শাহ ভারতে প্রবেশ করে দিল্লী দখল করেন, কিন্তু ভারতে তিনি স্থায়ী রাজত্ব। কায়েম করতে চাননি, তার পরিবর্তে তিনি বিপুল ধন-রত্ব লুটপাট করে স্বদেশে ফিরে যান-এই সব রত্নের মধ্যে ময়ূর সিংহাসন এবং কোহিনূর ছিল, কিন্তু গ্রেট মোঘল ছিল না। যেভাবেই হোক, গ্রেট মোঘল নাদির শাহের দৃষ্টি এড়িয়ে যায়। এরপর ভারত শাসনের দায়িত্ব চাপানো হয় মোঘল সম্রাট মোহাম্মদ শাহ-এর উপর। ঐতিহাসিক ময়ূর সিংহাসন নেই, তাই মোহাম্মদ শাহ তার বিকল্প একটা সিংহাসন তৈরি করার নির্দেশ দেন।
ময়ূর সিংহাসনের বিকল্প তৈরি হয় বটে কিন্তু নতুন এই মহা। ঐশ্বর্যের অস্তিত্ব সম্ভাব্য সব কৌশলে গোপন রাখার চেষ্টা করা হয়। এর অস্তিত্ব সম্পর্কে স্থানীয়দের কিছু বক্তব্য পাওয়া গেলেও ইউরোপীয়ানদের মধ্যে মাত্র একজনের বক্তব্য এখানে উল্লেখের দাবি রাখে।
সতেরশো সাতচল্লিশ সালে দিল্লীর দরবারে ইংরেজ দূত ছিলেন স্যার টমাস জেনিং, মোঘল সম্রাটের সাথে তার এক সাক্ষাৎকারের কথা তিনি লিখে রেখে গেছেন ডায়েরীতে। মণিমুক্তোখচিত মহামূল্যবান সিল্কের পোশাক পরে আছেন সম্রাট, বসে আছেন বিশাল এবং সোনার তৈরি সিংহাসনে। ক্রোধোন্মত্ত কর্নেল স্যার রজার গুডচাইল্ড…
একটা বাঘের আকৃতি বিশিষ্ট তার এই সিংহাসন। মুখ হাঁ করে আছে বাঘটা, রাক্ষসের মত একটা মাত্র অত্যুজ্জ্বল চোখ তার কপালে। বাঘের শরীরটা সবরকম দুর্লভ পাথর দিয়ে তৈরি। সিংহাসনের কাছাকাছি গিয়ে বাঘের চোখটা পরীক্ষা করার প্রার্থনা জানাই আমি, মহানুভব সম্রাট আমাকে অনুমতি দিয়ে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন। প্রসঙ্গক্রমে এই সময় তিনি আমাকে জানান বাঘের এই চোখটা সর্বকালের একটা বিস্ময়কর ডায়মণ্ড এবং উত্তরাধিকার সূত্রে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে। অনেক হাত ঘুরে এটা তার কাছে এসেছে।
ভারতের ব্যাঘ্ৰ সিংহাসনেই কি তবে তাভেরনিয়েরের গ্রেট মোঘল স্থান লাভ করেছে? তাই যদি হয়, তাহলে এই হারানো ঐশ্বর্য সম্পর্কে জানার ইচ্ছা ত্যাগ করতে পারি আমরা। আশ্চর্য কিছু ঘটনার রোমহর্ষক বর্ণনা পাওয়ার পর এছাড়া আর কিছু বলার থাকতে পারে না।
আঠারশো সাতান্ন সালের ষোলোই সেপ্টেম্বর দিল্লীর পথে পথে যুদ্ধ বেধে যায়, রাস্তার ওপর আহত এবং মৃত লোকের স্তূপ জমে যায়। সিপাহী বিদ্রোহ ব্যাপকতা লাভ করার আগেই বিশ্বস্ত সিপাইদেরকে নিয়ে ব্রিটিশ ফোর্স রাস্তায় নামে, ফলে দুপক্ষের শক্তি একটা ভারসাম্যে স্থির হয়ে থাকে। ব্রিটিশ ফোর্সের তাৎক্ষণিক উদ্দেশ্য ছিল বিদ্রোহীদেরকে ঝেটিয়ে শহর থেকে বের করে দিয়ে প্রাচীন দুর্গটা দখল করা-এই দুর্গই ছিল শহরের রক্ষাকবচ।
একশো একতম রেজিমেন্টের দুজন ইংরেজ অফিসারের নেতৃত্বাধীন একদল বিশ্বস্ত সিপাইকে নদী পেরিয়ে প্রাচীর ঘিরে ফেলার নির্দেশ দেয়া হয় উত্তর দিকে রাস্তাটা দখল করার জন্যে। এর উদ্দেশ্য ছিল মোঘল রাজ পরিবারের সদস্য এবং বিদ্রোহী নেতারা বিধ্বস্ত শহর ছেড়ে যেন পালাতে না পারে।
দুজন ইংরেজ অফিসারের নাম ছিল ক্যাপ্টেন ম্যাথু লং এবং কর্নেল স্যার রজার গুডচাইল্ড…
.
বইয়ের পৃষ্ঠা থেকে লাফ দিয়ে উঠল দ্বিতীয় অফিসারের নামটা। নামের নিচে পেন্সিলের দাগ এবং মার্জিনে বিস্ময়বোধক চিহ্ন আঁকা রয়েছে। দাগ এবং চিহ্ন টানার ভঙ্গীটাই বলে দিচ্ছে আমাকে, এ কাজ নিরোর। দেখতে পাচ্ছি, হাত দুটো কাঁপছে আমার, উত্তেজনায় গরম লাগছে মুখটা। গোটা ধাধার এটাই শেষ সূত্র, বুঝতে পারছি। শব্দ এবং লাইনগুলোর ওপর দিয়ে দ্রুত ছুটে যাচ্ছে আমার দৃষ্টি।
আজ আর কেউ বলতে পারবে না ভারতীয় জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া সেই নির্জন রাস্তায় সে-রাতে ঠিক কি ঘটেছিল। কিন্তু এর ছয়মাস পর ক্যাপ্টেন লং এবং ভারতীয় সুবেদার রাম পানাত কর্নেল গুডচাইল্ডের কোর্ট মার্শালে সাক্ষী দেবার সময় আশ্চর্য একটা কাহিনী প্রকাশ করে।
শহর দিল্লী তখন দাউ দাউ করে জ্বলছে। পলায়নপর একদল। অভিজাত ভারতীয়কে পথে আটক করে তারা। দলে তিনজন মুসলিম ধর্মীয় নেতা এবং রাজ পরিবারের দুজন কুমার ছিল। ক্যাপ্টেন লং-এর উপস্থিতিতে দুই রাজকুমারের একজন তাদের। জীবন ও মুক্তির বিনিময়ে ব্রিটিশ অফিসারদেরকে পথ দেখিয়ে একটা গুপ্তধনের কাছে নিয়ে যাবার প্রস্তাব দেয়। রাজকুমার জানায়, এক চোখ বিশিষ্ট বাঘ-আকৃতির একটা সোনার সিংহাসন রয়েছে সেখানে।
অফিসাররা রাজি হলে রাজকুমাররা তাদেরকে গভীর জঙ্গলের ভেতর একটা মসজিদে নিয়ে আসে। সেখানে তারা ছয়টা গরুর গাড়ি দেখতে পায়। গাড়িগুলো থেকে খড় দিয়ে ঢাকা জিনিসগুলো নামিয়ে পরীক্ষা করতেই রাজকুমারদের কথার সত্যতা প্রমাণিত। হয়। সোনার সিংহাসনটা খুলে চারভাগে আলাদা করা হয়েছেপেছনের অংশ, ধড়, গলা, এবং মাথা। ল্যাম্পের আলোয় সোনা এবং মহামূল্যবান মণিমুক্তো দিয়ে তৈরি সিংহাসনের অংশগুলো দেখে অফিসাররা স্তম্ভিত হয়ে যায়।
কর্নেল রজার গুডচাইল্ড সেই মুহূর্তে ধর্মীয় নেতা এবং রাজকুমারদেরকে হত্যা করার নির্দেশ দেয়। মসজিদের বাইরের দেয়ালের দিকে মুখ করে দাঁড় করানো হয় তাদেরকে। সিপাইরা গুলি করার আগে কর্নেল গুডচাইল্ড রাজকুমারদের বিদ্রুপ করার জন্যে কিছুটা সময় ব্যয় করে। তারপর নিহত পাঁচজনের শরীরে সে নিজের সার্ভিস রিভলভার দিয়ে আরও পাঁচটা গুলি করে, তাদের মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হবার জন্যে। মসজিদের একটা কুয়ায় ফেলে দেয়া হয় লাশগুলো।
এরপর শহরের প্রাচীর পাহারা দেবার জন্যে বেশির ভাগ সিপাইকে নিয়ে ফিরে আসে ক্যাপ্টেন লং।
ওদিকে পনেরোজন সিপাই এবং সুবেদার রাম পানাতকে নিয়ে কর্নেল গুডচাইল্ড গরুর গাড়ি যোগে রওনা দেয় অন্য দিকে।
ভারতীয় সুবেদার কোর্ট মার্শালকে এরপর আরও বিস্ময়কর এবং নিষ্ঠুর ঘটনার বর্ণনা দেয়।
কর্নেল গুডচাইল্ডের নেতৃত্বে পশ্চিম দিকে রওনা হয় তারা। ব্রিটিশ লাইন পেরিয়ে এসে ছোট একটা গ্রামে তিন দিনের জন্যে ক্যাম্প ফেলে। স্থানীয় কাঠমিস্ত্রী এবং তার দুজন ছেলেকে ডেকে নিয়ে আসা হয়। কর্নেলের নির্দেশে সিংহাসনের চারটে অংশের জন্যে চারটে মজবুত কাঠের বাক্স তৈরি করে তারা। সিংহাসনের সোনার শরীর থেকে মহামূল্যবান পাথরগুলো অত্যন্ত সাবধানে খুলে নেয় কর্নেল, খোলার আগে সে একটা ডায়াগ্রামও তৈরি করে, যাতে আবার সেগুলো সেট করার সময় কোন অসুবিধেতে পড়তে না হয়। পাথরগুলো একটা আয়রন-সেফে রাখা হয়। আয়রন-সেফ সহ কাঠের বাক্স চারটে তোলা হয় গাড়িতে, তারপর এলাহাবাদ রেলস্টেশনের দিকে আবার শুরু হয় যাত্রা।
কর্নেলের হুকুমে কাঠমিস্ত্রী এবং তার দুই ছেলেকেও দলের সাথে রওনা হতে হয়। সুবেদারের মনে পড়ে, রাস্তাটা যখন গভীর জঙ্গলে পৌঁছায়, কাঠমিস্ত্রীদেরকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় কর্নেল গুডচাইল্ড। একটু পর ছয়টা গুলির শব্দ ভেসে আসে আড়াল থেকে, এবং গাড়ির কাছে ফিরে আসে কর্নেল গুডচাইল্ড একা।
অনেক বছর আগেই নিশ্চিহ্ন হয়ে ফুরিয়ে গেছে কর্নেল গুডচাইল্ড, তা নাহলে-পড়া থামিয়ে ভাবছি আমি-হয়ত এই লোকটাকে খুঁজে বের করার দায়িত্ব নিতে হত আমাকে। সিডনি শেরিডানের সাথে অনেক মিল লক্ষ করছি লোকটার, দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম আমি, তাহলেই শেষ হত আমার দায়িত্ব-এর পরিণতি কি হত, জানা আছে আমার। ধারণাটা হাসির উদ্রেক করল মনে, আবার পড়তে শুরু করলাম।
ছয়দিনের দিন এলাহাবাদে পৌঁছুল কনভয়টা। সৈন্য নিয়ে একটা ট্রেন ফিরছিল বোম্বেতে, সামরিক অগ্রাধিকারের সুযোগ নিয়ে সেই ট্রেনে আয়রন-সেফ এবং বাক্সগুলো তুলে দেয় কর্নেল। ছোট দলটা এরপর ফিরে আসে দিল্লীতে নিজেদের রেজিমেন্টে।
এর ছয় মাস পর ক্যাপ্টেন লং পেটি অফিসার রাম পানাতের সমর্থন নিয়ে কমাণ্ডিং অফিসার কর্নেল গুডচাইল্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে। আমরা ধরে নিতে পারি কর্নেল ওদেরকে সিংহাসনের ভাগ না দিয়ে সবটুকু একা মেরে দেবার। সিদ্ধান্ত নেয় বলেই খেপে গিয়ে ওই কাণ্ড করে ওরা। কিন্তু তা সে। যাই হোক, এরপর থেকে সেই মহামূল্যবান গুপ্তধনের আর কোন। হদিস কোথাও পাওয়া যায়নি।
বোম্বেতে অনুষ্ঠিত বিচার পর্ব ভারত এবং ইংল্যাণ্ডে ব্যাপক প্রচার লাভ করে। কিন্তু কর্নেল গুডচাইল্ড সিংহাসনটার অস্তিত্বই অস্বীকার করে। অভিযোগকারীরা প্রমাণ হিসেবে সেটা বিচারকদের সামনে হাজির করতে ব্যর্থ হয়। ফলে বেকসুর। খালাস পেয়ে যায় কর্নেল। তবে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় চাপের মুখে বাধ্য হয়ে কমিশন থেকে পদত্যাগ করে সে, ফিরে আসে ইংল্যাণ্ডে। ফেরার সময় সাথে করে ব্যাঘ্র সিংহাসন বা গ্রেট মোঘল ডায়মণ্ড নিয়ে এসেছে সে এর কোন প্রমাণ কেউ দিতে পারেনি। কর্নেলের বাকি জীবন অত্যন্ত অর্থকষ্টের মধ্যে কাটে। কুখ্যাত এক মহিলার সাথে শহরে একটা জুয়ার আড্ডা খোলে সে, এবং সম্ভবত সিফিলিসে আক্রান্ত হয়ে মারা যায় আঠারশো একাত্তর সালে। তার মৃত্যুর পর পরই অমূল্য সেই ব্যাঘ্র সিংহাসনের প্রসঙ্গটা আবার আলোচ্য বিষয় হয়ে ওঠে বটে, কিন্তু বাস্তব তথ্যের অভাবে তা আবার চাপা পড়ে যায়। এর রহস্যময় অস্তিত্ব দুচারজন অতি উৎসাহী কল্পনাবিলাসীর মনেই ঠাই পেয়েছে, আর সবাই ভুলে গেছে।
আমরা বোধহয় এই পরিচ্ছেদের নাম, যে গুপ্তধন কখনও ছিল না রাখলে ভাল করতাম।
মোটেও না, সানন্দে ভাবছি আমি গুপ্তধন ছিল-এবং আছে। এরপর আরেকবার প্রথম থেকে পড়তে শুরু করলাম পরিচ্ছেদটা। এবার রাফেলার কথা ভেবে সাবধানে নোট নিচ্ছি।
.
জানালার ধারে একটা আরাম কেদারায় বসে আমার জন্যে অপেক্ষা করছে রাফেলা। সব বল আমাকে, চাপা স্বরে বলল ও।
বিশ্বাস করবে না তুমি, বললাম আমি।
দশ সেকেণ্ড সময় দিলাম, মাসুদ রানা, এর মধ্যে যদি শুরু না কর, নখ দিয়ে আঁচড়ে দুটো চোখই তোমার…।
আমাদের কথা শেষ হতে মাঝরাত পেরিয়ে গেল। ইতিমধ্যে মেঝেতে হাঁটু আর কনুই ঠেকিয়ে হামাগুড়ির ভঙ্গিতে ছড়ানো কাগজপত্রের ওপর হুমড়ি খেয়ে পড়েছি আমরা। সেন্ট মেরীর আরকিপেলাগো অ্যাডমিরালটি চার্ট, ভোরের আলোর ড্রয়িং, ফার্স্ট মেট বারলোর বর্ণনা অনুযায়ী আমার তৈরি জাহাজডুবির নকশা এবং নোট, এছাড়া ব্রিটিশ মিউজিয়ামের রিডিংরুমে তৈরি করা নোট পরীক্ষা করছি আমরা।
এর মধ্যে দুবার কফি দিয়ে গেছে রুম-সার্ভিস। প্রায়। সারারাত ধরে তর্ক করলাম আর প্ল্যান আঁটলাম আমরা। অসংখ্য প্রশ্ন আমাদের সামনে, এক এক করে সবগুলোর উত্তর বের করার চেষ্টা করছি। ভোরের আলোর খোলের কোন অংশে গুডচাইল্ডের পাঁচটা কেস ছিল? রীফ-এর কাছে কিভাবে ভোরের আলো ভাঙে? জাহাজের কোন অংশ ব্রেক-এর ভেতরে ঢোকে আর কোন অংশ। সাগরের দিকে ডুবে যায়?
অনুমানের ওপর নির্ভর করে সম্ভাব্য বারোটা নকশা আঁকলাম আমি। অভিযানের প্রয়োজনে সাজ-সরঞ্জাম যেগুলো না হলেই নয় তার একটা তালিকা তৈরি হয়ে গেল। এ ব্যাপারে সাহায্য করল। রাফেলা আমাকে, এতক্ষণ ভুলেই গিয়েছিলাম যে ও একজন প্রথম শ্রেণীর স্কুবা ডাইভার।
হঠাৎ বুঝলাম, শুধু দর্শক হিসেবে নয়, আমার সঙ্গে এক জন সক্রিয় অভিযাত্রী হিসেবে যাচ্ছে রাফেলা। সে যোগ্যতা পুরোপুরি রয়েছে ওর, এবং প্রচণ্ড কৌতূহল আর আগ্রহেরও কোন অভাব নেই ওর মধ্যে।
উত্তেজনায় অধীর হয়ে আছে ও, কথা বলার তালে খেয়াল নেই দুজনের মাঝখানের দূরত্বটা বিপজ্জনকভাবে কমে গেছে। মেঝেতে কার্পেটের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছি আমরা, কাঁধে কাঁধ ঠেকে আছে। আমার দিকে ফিরতে গিয়ে নাকে নাক ঠেকে গেল একবার, দুজন তাকিয়ে থাকলাম দুজনের দিকে।
হঠাৎ সোনার সিংহাসন আর কিংবদন্তীর ডায়মণ্ডের কথা ভুলে গেলাম আমরা। মুহূর্তটাকে চিনতে পারলাম দুজনেই, এবং নির্লজ্জ ব্যগ্রতার সাথে পরস্পরকে পাকড়াও করলাম ওখানেই, ওই মেঝেতেই, ভোরের আলোর নকশার ঠিক ওপরেই। জরুরী ভঙ্গিতে পরস্পরকে নিয়ে মেতে উঠলাম আমরা।
তারপর ওকে তুলে নিয়ে গেলাম বিছানায়। চাদরের নিচে এক হলাম দুজনে। তখনও ফিসফিস করে ওর কানে কথা বলছি আমি। আন্তরিক প্রেম নিবেদনের ভাষা যা হয় সেগুলো নিশ্চয়ই তাই, যে কথা ওর আগে আর কোন মেয়েকে কখনও শোনাইনি আমি।
এবং আমি থামলেই আমার বুকে মুখ ঘষছে রাফেলা, অর্থাৎ আরও শুনতে চাইছে। মনে হয় ঘুমিয়ে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত সে-রাতে কথা বলেছিলাম আমি।
এর পরের দুটো দিন গাধার খাটনি খাটলাম আমি। সন্দেহ ছিল সিডনি শেরডািনের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য প্রমাণ এতদিন পর জোগাড় করতে পারব কিনা। কিন্তু চরকির মত ঘুরে অসংখ্য জায়গা থেকে পাওয়া টুকরো-টুকরো সূত্রগুলো জোড়া লাগাতেই কংক্রিটের মত শক্ত হয়ে গেল সব। পাখির পালকের মত হালকা লাগছে নিজেকে, সার্থক হয়েছে আমার ইংল্যাণ্ডে আসা। মেজর জেনারেল রাহাত খান জিজ্ঞেস করেছিলেন, সিডনি শেরিডানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারবে তুমি?
হ্যাঁ, এখন পারব আমি।
<