কয়েক ঘন্টা পর রিসিভার রেখে আপনমনেই বলল মুসা, যাক, ভূতকে টেলিফোন করা শেষ। পেছনে যে বাবা এসে দাঁড়িয়েছেন, খেয়াল করেনি।

কি বললে? জিজ্ঞেস করলেন মিস্টার আমান। ভূতকে ফোন করেছ? তোমার শরীর ভাল তো?

অ্যাঁ… না না, ভূত নয়, ভূত-থেকে-ভূতে। কিশোরের আবিষ্কার। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খবর পৌঁছে যাবে রকি বীচের সমস্ত ছেলেমেয়ের কাছে।

দীর্ঘ এক মুহূর্ত ছেলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমান। মাঝে মাঝেই দুর্বোধ্য কথাবার্তা বলে তিন গোয়েন্দা, জানা আছে তার। এ-নিয়ে আর চাপাচাপি করলেন না। কাঁধ ঝাঁকিয়ে বললেন, কি জানি, হবে হয়ত।

হাসল মুসা। শুঁটকির ব্যবস্থা করা গেছে। তিন গোয়েন্দার সঙ্গে লাগতে আসার মজা হাড়ে হাড়ে টের পাবে এবার। শহরের কয়েকশো জোড়া চোখ এখন সর্বক্ষণ থাকবে তার ওপর। কোথায় যায়, কি করে, সব জেনে যাবে ওরা, ফোনে জানাবে তিন গোয়েন্দার হেডকোয়ার্টারে।

পরদিন খুব ভোরে উঠল মুসা। কিশোরকে ফোন করল নাস্তার আগেই। ভূতের খবর আছে?

দুটো, জবাব দিল কিশোর। একটা ভুল গাড়ির খবর দিয়েছে। আরেকটা ঠিকই দিয়েছে, বলেছে শুঁটকির লাল গাড়িটা ওদের বাড়ির ড্রাইভওয়েতেই রয়েছে।

তারমানে বাড়িতেই আছে। ঠিক আছে, নাস্তা সেরেই চলে আসছি।

খুব তাড়াহুড়া, তাই বেশি খেতে পারল না মুসা, গোটা তিনেক ডিম আর ছটা মোটা মোটা পাউরুটির টুকরো দিয়ে শেষ করতে হল। ইতিমধ্যে টেবিলে হাজির হয়ে গেল দুধ, ঢক ঢক করে গিলে নিল বড় এক গেলাস।

হেডকোয়ার্টারে ঢুকে মুসা দেখল, কিশোর একা বসে আছে।

রবিন আটকে গেছে, মায়ের কিছু কাজ করে দিতে হবে, কিশোর জানাল। ধাঁধাগুলো নিয়ে আরও মাথা ঘামিয়েছি। কারমলের শব্দ ব্যবহার অবাক করেছে আমাকে। কখনও কখনও বেশ অদ্ভুত। এই যেমন বলছে, দ্য লেডি ফ্রম ব্রিস্টল রাইডস ফ্রম আ ফ্রেণ্ড।

তাতে কি?

বন্ধুর কাছ থেকে এসেছে বলাটা কেমন যেন অদ্ভুত। কারণ পিস্তল নির্দেশ করেছে কোন কিছু, তারমানে পিস্তলের তরফ থেকে কিংবা দিক থেকে হচ্ছে বলা যায়। তাহলে তো বলার কথা রাইডস টু আ ফ্রেণ্ড।

কি জানি, মাথা চুলকাল মুসা।

তারপরে, তিন নাম্বার ধাঁধায় বুড়ো লিখেছে আওয়ার হ্যাণ্ডসাম মাগ, চার নাম্বারে ফলো দ্য নোজ, আর পাঁচ নাম্বারে বাই আ ওয়াইফ।

তারমানে তুমি বলতে চাইছ, বলা উচিত ছিল ফলো ইওর নোজ, সি মাই মাগ কিংবা দ্য মাগ? এবং হু ইজ আ ওয়াইফ?

জোরে জোরে মাথা ঝাঁকাল কিশোর। হা হা, বুঝেছ। ওরকম করেই কি : বলা উচিত ছিল না? ঘুরিয়ে পেঁচিয়ে বলে আরও জটিল করে দিয়েছে ধাঁধাগুলো।

জটিল করার জন্যেই তো করেছে কুটিল বুড়োটা, মুখ বাকাল মুসা।

উজ্জ্বল হল কিশোরের চোখ। তারমানে গুপ্তধন সত্যি সত্যি আছে। সেকারণেই জটিল করেছে, যাতে সহজে পাওয়া না যায়।

এবং সে সফল,মুসা বলল। আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব শুঁটকিকে। খুঁজে বের করতে হবে…

কিশোর! মুসা! মৃদু ডাক শোনা গেল।

রবিন মনে হচ্ছে?

সর্ব-দর্শনে গিয়ে চোখ রাখল কিশোর। ঘুরিয়ে ঘুরিয়ে পেরিস্কোপের চোখে রবিনকে দেখতে পেল। ওয়ার্কশপের দিকেই আসছে। সঙ্গে আরেকজন। বাইরে চলো। দুই সুড়ঙ্গ দিয়ে বেরোনো ঠিক হবে না। চার নাম্বার দিয়ে যাব।

চার নাম্বার দরজাটা ট্রেলারের পেছনে। একটা স্লাইডিং ডোর। খুললেই চোখে পড়বে জঞ্জালের গাদা, মাঝখান দিয়ে চলে গেছে সরু করিডর। সেটা দিয়ে বাইরে বেরোল দুজনে, ঘুরে চলে এল ওয়ার্কশপে। রবিনের সঙ্গে রয়েছে জেনি এজটার।

কি ব্যাপার…? বলতে গিয়ে বাধা পেয়ে থেমে গেল মুসা।

যাক, বলে উঠল একটা কণ্ঠ, কথায় কড়া ব্রিটিশ টান, সবাই আমরা এখানে।

পাঁই করে ঘুরল কিশোর আর মুসা। ওয়ার্কশপের দরজায় দেখা দিল মাইক এজটার। বুড়ো কারমলের হোঁকা ভাগ্নের হাতে একটা কালো ওয়াকিং স্টিক।

এখানে কি আপনার? গরম হয়ে জিজ্ঞেস করল মুসা।

হিইছিছিছি, লাল হয়ে গেল মাইকের গোল আলুর মত মুখ। আমেরিকান ছেলেগুলো একেবারেই বেয়াদপ, আদব কায়দা কিচ্ছু শেখে না। কথা বলতে এসেছি, বুঝেছ? আর কিছু না। তাই না, জেনি?

আপাতত, মুখ গোমড়া করে বলল রোগাটে মহিলা।

কিভাবে কথা বলছ? বোনকে তিরস্কার করল মাইক। হুঁশিয়ার হয়ে যাবে তো ওরা। দ্রভাবে ওদেরকে বোঝানো দরকার…

হুঁশিয়ার আমরা ইতিমধ্যেই হয়ে গেছি, কিশোর বলল, কাল থেকেই। ফোনে হুঁশিয়ার করার পর থেকে।

ফোনে হুঁশিয়ার! ভুরু কোঁচকাল জেনি। কি বলছ? শাসিয়েছে নাকি কেউ? বুঝেছি। উকিল ব্যাটাকে গিয়ে ধমক লাগাও।

আমরা আপনাদেরও বন্ধু নই, বলেই ফেলল মুসা।

নও, জেনি বলল। কিন্তু হতে অসুবিধে কি? আমাদের ওপর ভুল ধারণা হয়েছে তোমাদের। এর জন্যে দায়ী এলসা আর উড।

আমাদের মা, মানে বুড়ো কারমলের বোন অনেকদিন শেয়ারে ব্যবসা করেছে, মাইক বলল। রাগ ফুটল চেহারায়। কিন্তু বুড়ো তাকে ঠকিয়েছে। আমাদের ভাগ এখন আমরা ফেরত চাই। …

ভুল লোকের সঙ্গে কাজ করছ তোমরা, ভাইয়ের কথার পিঠে বলল জেনি। আমাদের সঙ্গে চলে এস। ভাল টাকা দেব।

দেখুন, রেগে গিয়ে কিছু বলতে চাইল রবিন। বাধা দিয়ে তাড়াতাড়ি বলে উঠল কিশোর, কত ভাল দেবেন?

অনেক, তাড়াতাড়ি বলল জেনি। যা পাওয়া যাবে তার দশ পার্সেন্ট। অনেক, অনেক টাকা হবে তাতে, বুঝেছ।

হুম। বিড়বিড় করল কিশোর, সত্যিই অনেক।

অবাক হয়ে গোয়েন্দাপ্রধানের দিকে তাকিয়ে আছে দুই সহকারী।

কাউকে বলবে না। খুঁজে পেলে আমাদেরকে দিয়ে দেবে, জেনি বলল, ধরেই নিয়েছে ছেলেরা রাজি।

কাউকে বলব না মানে? তীক্ষ্ণ হয়ে উঠল হঠাৎ কিশোরের কণ্ঠ। চুরি। করবেন নাকি?

না না, ইয়ে মানে…

আর মানে মানে করতে হবে না। কোর্টে গিয়ে তো আদায় করতে পারবেন, চুরি করতে চান।

কালো হয়ে গেল মাইকের মুখ। বিড়বিড় করে কি বলল জেনি, বোঝা গেল। শাসানির ভঙ্গিতে হাতের লাঠিটা নাড়ল তার ভাই।

বেশ, তাহলে যা যা জেনেছ, শুধু তাই বল, জেনি বলল। আমরা বুঝতে পারছি, সঠিক পথে এগোচ্ছ তোমরা। রাইমিং স্ল্যাঙের ব্যাপারে জানি। ক্রিকে গিয়েছিলে কাল, জানি। রোগাটে ঢেঙ্গা ছেলেটাকেও কাল দেখেছি ওখানে। যা যা

জানো বলে ফেল।

অ, আপনিই তাহলে কাল গুপ্তচরগিরি করছিলেন আমাদের ওপর, রবিন ধরল। মূর্তিটার কাছে।

মূর্তি? মাইক জিজ্ঞেস করল, কিসের মূর্তি?

কিশোর বলল, বোটানিক্যাল গার্ডেনে একটা মূর্তির কাছে ঢেঙ্গা ছেলেটাকে দেখেছিলেন তো? কি করেছে দেখেননি?

মূর্তি-টুর্তি দেখিনি আমরা জেনি বলল। তবে তোমাদেরকে ক্রিকের কাছে দেখেছি। রোগাটে ছেলেটার পিছু নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়ে উধাও হয়ে গেল। তোমরা…

রাইমিং স্ল্যাঙের কথা কি করে জানলেন? আর কিভাবেই বা জানলেন আমরা মিসেস কারমলের হয়ে কাজ করছি?

হেসে উঠল মাইক। নরি ছেলেটা আস্ত বোকা। আমাদের ওপর এত রেগে গিয়েছিল, আমরা যে ভুল করছি প্রমাণ করতে গিয়ে ফাঁস করে দিয়েছে সব।

বুড়োটা যে মহা শয়তান ছিল, এই স্ল্যাংই তার প্রমাণ, জেনি বলল। আমরা…

এই জেনি, চুপ কর, হঠাৎ গর্জে উঠল মাইক। অনেক হয়েছে। আমি প্রশ্ন করছি। এই ছেলেরা, যা যা জানো ঝটপট বলে ফেল।

না, মিস্টার, কিশোর মাথা নাড়ল, কিছুই বলছি না আমরা আপনাদের।

তাহলে যাতে আর কাউকেই না বলতে পার সেই ব্যবস্থা করছি, হাতের লাঠিটা তুলে এগিয়ে এল মাইক। তার কুতকুতে চোখের তারা জ্বলছে। কিছু। সময়ের জন্যে আটকে রাখব তোমাদেরকে। আমরা মাল নিয়ে চলে যাওয়ার আগে ছুটতে পারবে না।

মাইক আর জেনি আরেক কদম এগোল। পিছিয়ে গেল ছেলেরা।

এই, কি হচ্ছে কি এখানে? পেছনে ধমক শোনা গেল।

ঘুরে তাকাল মাইক, হাতের লাঠি নেড়ে বলল, সরুন, সরে যান বলছি!

টকটকে লাল হয়ে গেল মেরিচাচীর মুখ। একটানে মাইকের লাঠি কেড়ে নিয়ে ধা করে বসিয়ে দিলেন তার মাথায়। গেছিরে! বলে গলা ফাটিয়ে চিৎকার করে পিছিয়ে গেল মাইক। লাফ দিয়ে এসে ভাইয়ের জায়গা দখল করল জেনি। লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন মেরিচাচী। কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। মারবে নাকি? এস দেখি কে কাকে মারে! মেরিচাচীর উগ্রমূর্তি দেখে আর এগোতে সাহস করল না জেনি। যাও, বেরোও! ভাল চাও তো এক্ষুনি বেরোও!

হৈ-চৈ শুনে সেখানে এসে দাঁড়ালেন রাশেদ পাশা। তার কাঁধের ওপর দিয়ে উঁকি দিল বোরিসের কৌতূহলী মুখ।

আর কক্ষনও যেন এখানে না দেখি! আবার ধমক লাগালেন মেরিচাচী। বিশালদেহী বোরিসের দিকে তাকিয়ে চুপসে গেছে মাইক। বোনের দিকে চেয়ে মাথা ঝাঁকাল। মার খাওয়া কুকুরের মত লেজ গুটিয়ে যেন মেরিচাচীর পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ছেলেদের হো হো হাসি পিত্তি জ্বালিয়ে দিল তাদের। কিন্তু সাহস করে আর কিছু বলতেও পারল না।

কড়া চোখে ছেলেদের দিকে তাকালেন মেরিচাচী। কি ব্যাপার? কি হয়েছে? বেতমিজগুলো এরকম ব্যবহার করল কেন?

খুলে বলল সব কিশোর। এটাররা কে, তা-ও জানাল।

নাক সিঁটকালেন মেরিচাচী। সব পাগল! বদ্ধ উন্মাদ একেকটা! কে কবে শুনেছে এমন পাগলামির কথা? মরার আগে গুপ্তধন লুকিয়ে উইল করা…ওই ধাড়ি শকুনটা ছিল আরেক পাগল। যাকগে, তোদের ভয় পাবার আর কিছু নেই। জেনি আর মাইক তোদেরকে আর বিরক্ত করতে সাহস করবে না।

মুচকি হেসে, বোরিসকে নিয়ে চলে গেলেন রাশেদ পাশা। মেরিচাচীও চলে গেলেন অফিসের দিকে। পরস্পরের দিকে তাকিয়ে হা-হা হাসিতে ফেটে পড়ল ছেলেরা।

আচমকা জ্বলতে নিভতে শুরু করল ওয়ার্কশপের দেয়ালে লাগানো লাল আলো। সঙ্কেত। তারমানে হেডকোয়ার্টারে টেলিফোন বাজছে। হুড়াহুড়ি করে দুই সুড়ঙ্গ দিয়ে ট্রেলারে ঢুকল ওরা। ছো দিয়ে রিসিভার তুলে নিল কিশোর। চুপচাপ ওপাশের কথা শুনে বলল, অনেক ধন্যবাদ। কেটে দিল লাইন। বন্ধুদের দিকে ফিরে বলল, শুঁটকিকে দেখা গেছে, বাস ডিপোর কাছে। আবার হুড়াহুড়ি করে বেরোনোর পালা। সাইকেল নিয়ে ছুটতে হবে ডিপোতে।

<

Super User