বড় বেয়াড়া লোক তুমি, অ্যালেন, রিক স্যাভেজের গলায় চাপা উল্লাস। কিন্তু কপাল খারাপ, নইলে কি আর আবার আমার সাথে দেখা হয়? হাসল সে, হাসিটার আওয়াজ বীভৎস শোনাল জেমসের কানে।
দেখা যাচ্ছে রাতে ডিউটি দেয়াই তোমার পছন্দ, স্যাভেজ, হালকা সুরে বলল জেমস। কান খাড়া, আর মনোযোগ সামনের তিনজনের চেয়ে পেছনেই বেশি। শত্রুর সংখ্যা আর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই, ভাবছে ও, কিন্তু লড়াইয়ে নিয়ামক হয়ে দাঁড়াবে পেছনের লোকটা।
তাতে তোমার কি? রাত-দিন চব্বিশ ঘণ্টাই আমার ডিউটি! ঝামটে উঠল মার্শাল।
এখানে এসেছ কেন?
তোমাকে ধরতে। চার-চারটা খুন করে ঘুরে বেড়াচ্ছ। আরও কটা যে করে ফেলো কে জানে!
ওরা কি পাসির সদস্য? স্যাভেজের সঙ্গীদের দিকে ইঙ্গিত করল জেমস।
অনেকটা তাই।
পাহাড়ে আমাকে তাড়া করল যে লোকগুলো, ওরাও কি পাসির সদস্য ছিল? তুমি ওদের অনুমোদন দিয়েছ?
আমি স্বীকার করলে ব্যাপারটা তাই দাঁড়ায়।
ব্যাপার তাহলে এই, হাসল জেমস, সতর্ক দৃষ্টি বুলাল সবার ওপর। হেনরী ক্রুশারের কুকুরগুলো হচ্ছে পাসির সদস্য, আর তুমি গা-মোটা মূখ তাদের নেতা। এই তো?
বেশি ডাঁট দেখাচ্ছ, অ্যালেন! শীতল শোনল মার্শালের কণ্ঠ। একবার সেলের ভেতর ঢুকিয়ে নিই, তারপর দেখব তোমার উট কোথায় যায়।
হাত-পা চারটে বেঁধে নিয়ো এবার, সহাস্যে পরামর্শ দিল ও। টের পেল পেছনে অধৈর্য হয়ে নড়েচড়ে দাঁড়িয়েছে লোকটা। উঁহু, দো-আঁশলা নয়। নেবর হলে ঠায় দাঁড়িয়ে থাকত। ইতোমধ্যে লোকটার অবস্থান আঁচ করে নিয়েছে ও। দুপা সরে এল জেমস, নিজের সাথে লাইন অভ ফায়ারে ফেলল পেছনের লোকটাকে।
আগের জায়গায় ফিরে যাও, অ্যালেন! খেঁকিয়ে উঠল মার্শাল। এই যে হর্নার, এগিয়ে এসে ওর পিস্তলটা তুলে নাও তো, আমি ওকে কাভার করছি। দেখি ড্র করার খায়েশ ওর হয় কি-না। তেমন হলে সবাই মিলে বুলেটে পেট ভরিয়ে দেব।
শিথিলভাবে দেহের দুপাশে ঝুলছে ওর হাতু, পা ফাঁক করে দাঁড়িয়ে, শরীর টান টান। হর্নার মিয়া, জায়গা ছেড়ে নড়ো না, মৃদু স্বরে উপদেশ খয়রাৎ করল। এক পা এগোলে মার্শালের বুক ফুটো করে দেব। স্যাভেজের ওপর থেকে এক মুহূর্তের জন্যেও চোখ সরাল না জেমস।
সশব্দে হাসল মার্শাল। একা চারজনের সাথে পেরে ওঠার কথা চিন্তা করছ নাকি? তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল সে। দারুণ দুঃসাহসী লোক দেখছি! বোকারাই এরকম দুঃসাহস দেখায় এবং শেষে মরে।
পেছনে নড়াচড়ার শব্দ হতে ছোবল মারল জেমসের হাত। ঝটিতি উঠে এল সিক্সশ্যটার। হাসিটা বিস্তৃত হচ্ছিল দানবের, মাঝপথে থেমে গেল। বিশাল হাতে হোলস্টারে খাবলা মারল সে, পিস্তল তুলে আনতে যাচ্ছে। টের পেল দেরি হয়ে গেছে, একইসঙ্গে বুলেটের তীব্র ধাক্কা অনুভব করল বুকে। স্যাডলের ওপর টলে উঠল বিশাল দেহ, জেমসের দ্বিতীয় গুলি তার পতন ত্বরান্বিত করল এবার।
ডান দিকের লোকটা কোলে রাখা পিস্তল তাক করে ফেলেছে। তাকে গুলি করার সময় এক-পা সরে গেল জেমস। তপ্ত সীসা ওর গালে গরম ছেকা দিয়ে চলে গেল। দ্বিতীয়বার আর সুযোগ দিল না তাকে, ঝুঁকে পড়া শরীরটা ধরাশায়ী হলো ওর গুলিতে।
ঊরুর ওপর হাতুড়ির বাড়ি পড়তে ভারসাম্য হারাল জেমস, সামনের দিকে হেলে পড়ল। ঠিক এসময়ে পেছন থেকে বাম কাঁধের এক খাবলা মাংস তুলে নিয়ে চলে গেল আরেকটা বুলেট। হর্নারের কীর্তি। ধূলিশয্যা নিল ও, প্রায় সঙ্গে সঙ্গে গড়ান দিয়ে উঠে দাঁড়াল। সামনের লোকটা গুলি করতে যাচ্ছে দেখে আন্দাজের ওপর নিশানা ছাড়াই গুলি করল। ফলাফল দেখার সুযোগ নেই, উল্টোদিকে ঘুরল এবার। দেখল হর্নারকে, পরের গুলি করার তোড়জোড় করছে সে। রেব হর্নারের গলা ফুটো করে দিল ওর বুলেট, মাটির ওপর আছড়ে পড়ল দেহটা। গলগল করে রক্ত পড়তে শুরু করল।
দূরে একটা চড়া গলা শোনা গেল, তারপর কয়েকজনের দৌড়ে আসার শব্দ। নিজেকে অসহায় লাগছে জেমসের, দাড়িয়ে থাকা ঘোড়াগুলোর দিকে এগোতে গিয়ে টের পেল পায়ে জোর পাচ্ছে না। হোঁচট খেয়ে পড়তে গিয়েও কোনমতে সামলে নিল। তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। পরোয়া করল না ও, জানে যেভাবেই হোক কেটে পড়তে হবে।
রিক স্যাভেজের ঘোড়াটা দাঁড়িয়ে আছে, স্যাডলশূন্য। কাছে যেতে হুঁশ ফিরল ওটার, সরে যেতে চাইল। হাত বাড়িয়ে রাশ টেনে ধরল জেমস, ঘোড়াটা চলতে শুরু করতে পমেল আঁকড়ে ধরে লাফ দিল। ভয় পেয়ে দ্বিগুণ হয়ে গেল জানোয়ারটার গতি। পমেল ধরে স্যাডলে চেপে বসার চেষ্টা করছে ও, এ অবস্থায় দেখতে পেল লোকগুলোকে—গলির মুখে চলে এসেছে। নিশানা ছাড়াই গুলি করল জেমস, প্রতিপক্ষকে ব্যস্ত রাখতে চাইছে। সরে গিয়ে আড়াল নেয়ার চেষ্টা করল দুজন, আরেকজন শুয়ে পড়েছে। চতুর্থ লোকটা পড়ে গেল হাঁটু ভেঙে।
আড়াল নেয়া লোকগুলো গুলি করছে।
খেয়াল করেনি জেমস, ঘোড়াটা হঠাৎ দিক বদল করার সময় তাই তীব্র টান পড়ল হতে। যন্ত্রণায় চোখে অন্ধকার দেখল ও। দাঁতে দাঁত চেপে পমেল আঁকড়ে ধরে থাকল, হেঁচড়ে ওঠার চেষ্টা করল স্যাডলে। ততক্ষণে কারসনদের আঙিনায় ঢুকে পড়েছে ঘোড়াটা। চোখের নিমেষে পেরিয়ে গেল বাড়িটা, করালের পাশ দিয়ে ছুটছে। বাইরে ফেলে রাখা খড়ের গাদা পাশ কাটানোর সময় ফের বাঁক নিল। এবার আর সামলাতে পারল না জেমস, পমেল থেকে হাত ছুটে গেছে। খড়ের গাদার ওপর আছড়ে পড়ল ওর দেহ। স্কুণ-ঘরের দিকে ছুটে চলেছে আতঙ্কিত ঘোড়াটা।
ছুটে ওকে পেরিয়ে গেল তিনজন। কিছুদূর গিয়ে থেমে গেল।
শালা ভেগেছে! চাপা স্বরে বিরক্তি প্রকাশ করল একজন।
কি করবে এখন? আরেকটা কণ্ঠ শোনা গেল।
নিথর পড়ে থাকল জেমস, ভয় তো পাচ্ছেই তাছাড়া নড়াচড়ার শক্তিও পাচ্ছে। উরুতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কাঁধের কাছে অবশ হয়ে গেছে ডান বাহু। দপদপানির মত একটা ব্যথা সারাক্ষণই ছড়িয়ে পড়ছে একেবারে হাতের আঙুল পর্যন্ত। কণ্ঠস্বরগুলো চেনার চেষ্টা করল ও। উঁহু, অপরিচিত, আগে কখনও শোনেনি।
ঘটনাটা এখনও বিশ্বাস করতে পারছি না আমি, বলল প্রথম লোকটা। স্যাভেজ মারা গেছে! ওর সাথে আরও তিনজন ছিল। ভেবে দেখো, অ্যালেনের সাথে কোন সুবিধাই করতে পারেনি ওরা।
চোপরাও, জন! ধমকে উঠল অন্যজন। গলায় বিরক্তি আর খানিকটা ভয়ও প্রকাশ পেল। বোকামি করেছে স্যাভেজ, ওকে দেখেই গুলি করা উচিত ছিল। বেশি বড়াই করলে এরকমই হয়। ব্যাটা আজীবনই নিজের শক্তি দেখাতে পছন্দ করত। এখন মজা বুঝেছে! তবে আমাদের কাজটা সহজ করে দিয়েছে ও। অ্যালেন আহত হয়েছে, হলফ করে বলতে পারি। খেয়াল করোনি?
তাতে লাভটা কি হচ্ছে শুনি?
গাধা! ওকে ধরা এখন সহজ হয়ে যাবে। শহরের আশপাশে থাকবে ও, যেহেতু ওর শুশ্রুষা দরকার। এখন ঘোড়ায় চেপে পালিয়েছে ঠিকই, কিন্তু ওকে শহরে ফিরতেই হবে।
অনুসরণ করবে নাকি?
এই অন্ধকারে? মাথা খারাপ! আমি আর এগোতে রাজি নই। না জেনে হয়তো ওর সামনে গিয়ে পড়ব, আর একটা গুলিতে ল্যাঠা চুকিয়ে দেবে সে। না বাপু, আজ আর কোথাও বেরোব না। তাছাড়া ট্র্যাকিং করব কিভাবে? তারচেয়ে
সকাল হোক, দেখে-শুনে এগোতে পারব।
আমার মনে হয় আশপাশেই আছে ও, জেফ, নিচু কণ্ঠে বলল জন, গলায় জোর নেই।
চোখের মাথা খেয়েছ নাকি? বিরক্তিতে গজগজ করে উঠল জেফ নামের লোকটা। ওকে ঘোড়ায় চড়তে দেখোনি? তোমার মত বোকা নয় ও। বাহন পেয়েও কেউ খালি পায়ে পালাবে, তা-ও আহত অবস্থায়?
তা ঠিক। কিন্তু আমাদের ভাওতা দিতে চাইলে…
তাহলে তুমিই যাও, জন, খুঁজে বের করো ওকে। টাকাটা তাহলে একাই পাবে। তবে মনে রেখো স্যাভেজ বাগে পেয়েও আটকে রাখতে পারেনি অ্যালেনকে এবং ওর সাথে আরও তিনজন ছিল। দুশো ডলারের আশায় যদি কপালে একটা বুলেট নিতে চাও তো তোমাকে বাধা দেব না।
এভাবে বলছ কেন? আমি কি সত্যি তাই বলেছি নাকি?
হয়তো টাকাটা একা কামাই করার খায়েশ হয়ে থাকবে তোমার! বিদ্রুপ করল জেফ।
জন নামের লোকটা তর্ক করল না। চলো, মি. লপারের বাড়ি যাই। তাকে জানিয়ে আসি। তার আগে অবশ্য আন্ডারটেকারের কাছে যাওয়া উচিত। লাশগুলো ােের দিতে হবে।
স্যাভেজ আর ওদের জন্যে তোমার দেখছি ভারি চিন্তা হচ্ছে! আরে, সে তোমার দুলাভাই নাকি? ও তো এখন একটা লাশ! রাস্তার মরা কুকুরের সাথে ওর পার্থক্য কোথায়? সকাল পর্যন্ত পড়ে থাকলই বা। ওকে আগে কবরে শোয়ালে কি স্বর্গে যাবে? শুনে রাখো, জন, ওর আর আমাদের রাস্তা ওই এক জায়গায়ই…নরকে।
মৃদু পদশব্দ এগিয়ে আসতে শুরু করল। বাঁক নিয়ে স্কুলের পাশ দিয়ে মূল রাস্তার দিকে চলে গেল একটু পর।
চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল জেমস। চিৎ হয়ে পড়ে থাকল কিছুক্ষণ। আকাশের দিকে তাকাল, কয়েকটা তারা ঝিকিমিকি করছে। তীব্র ব্যথা শুরু হলো এবার, উত্তেজনায় টের পায়নি এতক্ষণ। একটা আশ্রয় চাই, অবচেতন মনে ভাবছে, ক্ষতের চিকিৎসা দরকার। হেনরী ক্রুশারের লোকেরা আপাতত বিরতি দিলেও সকাল থেকে আবার পিছু নেবে, ট্রাক ধরে ওকে খুঁজে বের করার চেষ্টা করবে।
কারসনের বাড়িতে বা করালে রাত কাটানো নিরাপদ হবে না। প্রথমে এখানেই খুঁজবে ওরা, প্রাইসের মিলের ক্ষেত্রেও তাই। তাছাড়া অতটা পথ যাওয়ার শক্তি বোধহয় ওর শরীরে নেই। ক্ষতগুলো থেকে চুইয়ে রক্ত ঝরছে, বেশি নড়াচড়ায় ক্ষরণ বেড়ে যাবে।
সময় যেন স্থির হয়ে আছে। তেষ্টায় মুখ শুকিয়ে গেছে, অনুভব করল জেমস। দশ হাত দূরে কারসনদের কল, কিন্তু যোজন দূরে মনে হচ্ছে ওটাকে। ইচ্ছে থাকলেও নড়ল না, শরীরটা আগে সুস্থির হোক, তারপর একবারে উঠে পড়বে।
স্কুল-ঘরের ওপর চোখ পড়তে ধারণাটা মাথায় এল ওর। মন্দের ভাল। কষ্টে-সৃষ্টে উঠে দাঁড়াল, দুর্বল বোধ করছে। অস্পষ্ট, আলোয় খড়ের গাদার কিছু অংশ কালচে দেখাচ্ছে, জেমস বুঝতে পারল ওগুলো ওর রক্তে ভিজেছে। ঝুঁকে বেশ কিছু খড় তুলে নিল, নিশ্চিত যে তেমন কোন চিহ্ন রেখে যাচ্ছে না। এবার স্কুলের দিকে এগোল। ঘোড়াটা হয়তো অনেকদূর নিয়ে যাবে ওদের, ও যে এখানেই ছিল লোকগুলো তা না-ও ভাবতে পারে। সে সম্ভাবনাই বেশি। শেষপর্যন্ত ট্রেস করতে পারলে অবশ্য পরিষ্কার হয়ে যাবে সব। তবু সকাল পর্যন্ত সময়টুকু পাওয়া যাবে, ভাবছে জেমস, এবং এরমধ্যে সরে পড়তে হবে।
কোণের কামরাটা অফিস। ক্লাস রুমগুলোর মত এটাও তালা আটকানো। মুহূর্তের জন্যে দ্বিধা হলো ওর, তারপর সেটা নাকচ করে দিল। এছাড়া উপায় নেই, এটাই আপাতত ওর জন্যে নিরাপদ আশ্রয়, অন্তত আজ রাতের জন্যে। পিস্তল বের করে তালার ওপর গায়ের জোরে বাট নামিয়ে আনল জেমস। দুবারের চেষ্টায় সফল হলো। তালার কিছু হলো না, নরম কাঠের পাল্লা থেকে আঙটা খুলে এসেছে। ঠেলা দিতে সরে গেল কবাটদুটো। ভেতরে ঢুকে দরজা ভিড়িয়ে দিল ও, পিঠ ঠেকিয়ে দাঁড়াল। দেয়াশলাই বের করে জ্বালাল, মৃদু আলোয় নজর বুলাল ঘরের ভেতর। মাঝখানে বড়সড় একটা টেবিল, দুদিকে মোট চারখানা চেয়ার। পাশেই একটা নিচু তাক, তাতে কিছু কাগজপত্র। টেবিলে একটা জগ আর গ্লাসও আছে। পেছনের দেয়ালের কাছে কাঠের আলমারি।
টেবিলের ওপর রাখা লণ্ঠন জ্বালাল জেমস, সলতে কমিয়ে দিল। অস্পষ্ট আলো ছড়িয়ে পড়ল ঘরে। একটা চেয়ার তুলে নিয়ে দরজার দিকে এগোল। পা টেনে নিয়ে এগোচ্ছে যাতে ঊরুর ওপর চাপ না পড়ে। অন্যসময় হলে যে কাজটা অনায়াসে করতে পারত, সেটাই এখন ভোগাচ্ছে ওকে—সামান্য একটা চেয়ার টেনে নিতে হাঁপিয়ে উঠল। দরজার কাছে চেয়ার রেখে বেরিয়ে এসে বারান্দা থেকে খড়গুলো তুলে নিল, ফিরে এসে টেবিলের পেছনে খালি জায়গায় মেঝেতে বিছিয়ে দিল। তাকের কাছে চলে এল এবার। হাঁপানি রোগীর মত হাঁপাচ্ছে রীতিমত। মাথা ঝিমঝিম করছে। ওর ভয় হচ্ছে এখুনি হয়তো ধড়াস করে পড়ে যাবে। প্রবল মনের জোরই ওকে টিকিয়ে রেখেছে এতক্ষণ পর্যন্ত।
জগে পানি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল জেমস অ্যালেন। কাঁপা হাতে গ্লাসে পানি ঢেলে পান করল। স্বস্তি লাগছে। রোজালিনা…এ মেয়েটা ভালভাবেই পেয়ে বসেছে আমাকে। দেখা যাচ্ছে লিয়ন সিটিতে নিরাপদ জায়গাগুলোতে এ মেয়েটির স্পর্শ থাকছেই-ক্যাফে…স্কুল। কৃতজ্ঞচিত্তে পুরো পানিটা শেষ করল ও, তেষ্টায় কষ্ট পাচ্ছিল এতক্ষণ। জগে পানি না থাকলে কলের কাছে যেতে হত আবার। অজান্তে ওর মস্ত উপকার করে রেখেছে মেক্স মেয়েটি।
দরজা ভিড়িয়ে দিয়ে চেয়ারটা ঠেস দিয়ে রাখল কবাটের সাথে। প্রচণ্ড ক্লান্তি কাবু করে ফেলেছে, মনে হলো শরীরে একবিন্দু শক্তি নেই। ধপ করে বসে পড়ল ও। ঘনঘন শ্বাস ফেলছে, স্বাভাবিক হতে ব্যানডানা দিয়ে উরুর ক্ষতটা বাধল। নড়াচড়া করায় রক্তক্ষরণ বেড়ে গেছে। কোন রকমে টেবিলের কাছে এসে লণ্ঠন নিভিয়ে দিল। অন্ধের মত হাতড়ে চলে এল খড়ের বিছানার কাছে।
হাতে পিস্তল নিয়ে শুয়ে পড়ল জেমস অ্যালেন। তীব্র ব্যথার মধ্যেও একরাশ প্রশান্তি ঘিরে ধরল ওকে, চোখ বুজে আসতে চাইছে। মোনর মুখ ভেসে উঠল ওর চোখে…একটা শেষ, সন্তুষ্ট হয়ে ভাবল…আর দুজন বাকি।
ঘুম আসছে না রোজালিনার, বারবার মনে পড়ছে জেমস অ্যালেনকে। কিছুতেই ভুলতে পারছে না দৃঢ় মুখটা। একটু আগে অনেকগুলো গুলির শব্দ শোনার পর থেকে উৎকণ্ঠায় মরে যাচ্ছে ও। খারাপ কিছু ঘটেনি তো? কোথায় আশ্রয় নিয়েছে গোঁয়ার লোকটা?
সারা রাত উদ্বেগের মধ্যে কাটল ওর। শেষ রাতে ঘুম নেমে এল চোখে, জাগল দেরি করে। গির্জায় যাওয়ার খানিক আগে ওকে জাগাল মারিয়া বার্থেজ উঠে গোসল সেরে খানিকটা মুখে দিয়ে বেরিয়ে পড়ল। ক্যাফের উল্টোদিকে পাহারায় নেই কেউ আজ। মহিলা আর বাচ্চারা গির্জার দিকে চলেছে, পুরুষের সংখ্যাও কম নয়।
লরা প্রাইসের পাশে বসল ও। প্রার্থনা শুরু হয়ে গেছে। জীবনে এই প্রথম বাপ ছাড়া অন্য কোন পুরুষের জন্যে প্রার্থনা করল রোজালিনা। কোন খবর জানো, ম্যাম? বেরিয়ে আসার সময় মিসেস প্রাইসের কাছে জানতে চাইল ও।
তুমি কিছু শোনোনি? চাপা স্বরে বলল মহিলা, উত্তেজিত দেখাচ্ছে তাকে। ক্রুশারের দুজন লোক মারা গেছে। আরেকজনের অবস্থাও বিশেষ সুবিধের নয়। গরম খবর হচ্ছে রিক স্যাভেজ মারা গেছে।
কেন জানি খুশি হলো রোজালিনা। জঘন্য একটা লোক মারা গেছে, লিয়ন, সিটির কারও তাতে দুঃখিত হওয়ার কিছু নেই, ভাবল ও। ভয়ও পেল, বুঝতে পারল নেবর বা ক্রুশার এবার মরিয়া হয়ে উঠবে। অ্যালেনকে কোনভাবেই ছেড়ে দেবে না। চারপাশে তাকাল ও, দুজন মহিলা পেরিয়ে গেল ওদের। এগোতে গিয়ে বাধা পেল ও, ওর হাত ধরে থামাল লরা প্রাইস। টেনে নিয়ে গেল বারান্দার দিকে।
পুরো ঘটনা দেখেছে বিল কারসন, বলল মহিলা। ঘর অন্ধকার করে জানালায় দাড়িয়ে ছিল ও। দুদিক থেকে জেমসকে চেপে ধরেছিল তারা। শেষে, আরও লোক এসে পড়ায় একটা ঘোড়ায় চেপে কেটে পড়েছে ও। বিলের ধারণা জেমস আহত হয়েছে।
রোজালিনার চোখে উদ্বেগ দেখা গেল। ও হয়তো তোমাদের ওখানে আসবে। সাহায্য দরকার হবে ওর।
ওর একটা হাত ধরে চাপ দিয়ে অভয় দিল লরা প্রাইস। গতকাল ক্যাফেতে এসেছিল ও, তাই না?
নড় করল ও, এগোল ফিরতি পথে। সামনে কেভিন লপারকে দেখে থমকে গেল, অজান্তে হাঁটা শ্লথ হয়ে গেল।
টুপি খুলে সম্মান দেখাল সে। কেমন আছ, মিস্ বার্থেজ?
ভাল। তুমি? হাসার চেষ্টা করল ও।
খানিকটা। তবে জেমস অ্যালেন ভাল থাকতে দিচ্ছে না।
ওর সাথে তোমার আবার কি ঘটল?
বাইরের একটা লোক এ শহরের মার্শালসহ অন্তত আটজনকে খুন করেছে। আতঙ্কিত হয়ে আছে সবাই। এ অবস্থায় কি ভাল থাকা যায়?
তোমার অসুবিধে কি, তুমি তো আর ওকে খোচাতে যাচ্ছ না! নাকি শুরু করেছ?
ম্লান হলো না লপারের হাসি। দেখা যাচ্ছে এখানে কিছু শুভাকাক্ষী জুটিয়ে নিয়েছে অ্যালেন, কিন্তু একজন আসামী সে। দুশো ডলারের একটা পোস্টার ছাড়া হবে আজই। রেনে নেবর দশজনের পাসি গঠন করে লোকটাকে ধরার জন্যে ইতোমধ্যে বেরিয়েও গেছে। ধরতে পারলে সোজা ঝুলিয়ে দেবে।
প্রার্থনা করেছ তো ওরা যেন সফল হয়?
থমকে গেল কেভিন লপার। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল ওর দিকে। নীল চোখে একরাশ বিদ্বেষ দেখা গেল।
লপারের ওপর থেকে চোখ সরিয়ে মিসেস প্রাইসের দিকে ফিরল রোজালিনা। বিদায় জানাল তাকে, মৃদু হেসে চলে গেল মহিলা।
মিস বার্থেজ!
লপারের দিকে ফিরল রোজালিনা, শীতল চোখজোড়া ভয় পাইয়ে দিল ওকে।
গতকাল তোমাদের ক্যাফেতে এসেছিল সে। মা-মেয়ে মিলে ওকে বেশ খাতির করেছ, স্টোর মালিকের কণ্ঠে শ্লেষ, চোখে বিদ্রুপ। কিন্তু এটাই শেষ। পরেরবার কোন অজুহাতের ধার ধারব না আমি। ক্রুশারের মায়া এখানে অচল, তোমার প্রতি ওর দুর্বলতার কথা চিন্তা করব না আমি, নেবরও করবে না। তোমাদের শহরছাড়া করতে নেবর তো মুখিয়েই আছে। তুমি কি চাও ক্যাফেতে হানা দিক ও? তোমাকে হাতের মুঠোয় পেলে কি যে করবে ও, কল্পনাও করতে পারবে না। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? হাসল সে, কিন্তু হাসিটা চোখ স্পর্শ করল না। বরং সেখানে কিসের একটা ছায়া দেখা গেল যেন, যার অর্থ খুঁজে পেল না রোজালিনা। অ্যালেন এখন আসামী, জঘন্য রকমের, খেই ধরল সে, একবার তাকাল গির্জার দরজার দিকে। ওকে সাহায্য করলে কিংবা আশ্রয় দিলে বিপদে পড়বে তোমরা। শত্রুর বন্ধু শত্রুর মতই, তাই না?
অ্যালেনের প্রতি তোমার বিদ্বেষের কারণটা বুঝলাম না।
একজন লোক যখন আইনের মানুষকে খুন করে তখন আর কোন বাধা তার সামনে থাকে না। সে যে কাউকে হত্যা করতে পারে। আমি বা তুমিও এর বাইরে নই। আমি শহর কমিটির চেয়ারম্যান না হলেও এখানে অ্যালেনের ভূমিকা আমাকে উদ্বিগ্ন করত। একের পর এক খুন করে বেড়াচ্ছে সে, সাধারণ লোকজনের আতঙ্কিত হওয়ার জন্যে এটুকুই যথেষ্ট নয় কি?
জঘন্য কিছু লোককে খুন করেছে সে, ভাবল রোজালিনা, আত্মরক্ষার খাতিরে যে কেউ তা করত; কিন্তু মুখে প্রকাশ করল না সেটা। তুমি কেন ভাবছ আমাদের কাছে আসবে সে?
হাসল কেভিন লপার, আত্মবিশ্বাসী দেখাচ্ছে। প্রাইস বা তোমরা, আমার জানা মতে এ দুই পরিবারের সাথে খাতির হয়েছে অ্যালেনের। সুতরাং বিপদে এদের কাছেই আসবে সে।
এতগুলো লোক লেলিয়ে দিয়েও পারছ না ওর সাথে! শ্লেষ আর তাচ্ছিল্যের সাথে বলল রোজালিনা, দেখল লপার এমনভাবে তাকিয়ে আছে যেন খুন করে ফেলবে ওকে। শিউরে উঠল ও, আতঙ্ক গ্রাস করল ওকে। সহসা টের পেল কেভিন লপারের ভেতরের রূপটা, পরিচ্ছন্ন ফিটফাট পোশাকের আড়ালে সে একজন ভয়ঙ্কর মানুষ-স্যাভেজ বা নেবরের চেয়েও ভয়ঙ্কর।
কুগার শিকার করা কি সবাইকে মানায়, মিস বার্থেজ? সহাস্যে বলল লপার, কৌতুক খেলা করছে চোখে। আমি অপেক্ষা করছি। ধরতে না পারলেও ওকে আমার কাছে তাড়িয়ে নিয়ে আসবে ওরা। বাকি কাজটুকু এরপর হয়তো আমাকেই সারতে হবে।
ও পালাবে।
উঁহু, তা ও করবে না। লিয়ন সিটিতে সে আসবেই।
তোমার জন্যে, তাই না, মি. লপার? আবিষ্কারের আনন্দে আমোদ পেল রোজালিনা। জেমস অ্যালেনের এখানে আসার কারণ তাহলে এই লোক! হয়তো পুরানো কোন হিসেব-নিকেশ বাকি রয়ে গেছে তোমাদের মধ্যে।
কি বলেছে ও? কৌতূহলী দেখাচ্ছে লপারকে, এবং সতর্ক। তার চোখের তারায় অস্বস্তি।
কিচ্ছু না। তোমার আগ্রহ দেখে ধারণা করেছি।
তাকিয়ে আছে লপার, রোজালিনার কথার সত্যতা বোঝার চেষ্টা করছে। মৃদু মাথা ঝাঁকিয়ে হিসেব কষল সে, তারপর ক্ষীণ হাসল। যাই বলো না কেন আমার ধারণা তোমাদের ওখানেই আসবে অ্যালেন।
আগে থেকে চেনো ওকে? লপারের মন্তব্য এড়িয়ে গেল রোজালিনা।
লিয়ন সিটিতে প্রথম দেখলাম। অ্যালেন আমাদের মার্শালের খুনী। তাই সরাসরি না হলেও সে এখন আমার শত্রু, এবং বোধ করি গোটা শহরের শত্রু।
মিথ্যেটা ঠিকই ধরতে পারল রোজালিনা, কিন্তু চেপে গেল। মেয়রের বউয়ের পাশে নিজের মা-কে দেখতে পেল ও।
সেদিকে একবার তাকাল–লপার, তারপর ফিরল ওর দিকে। মনে রেখো, মিস বার্থেজ, তোমাদের ওপর সবসময় একটা চোখ রাখবে নেবর, কাটা কাটা স্বরে হুমকি দিল। ওকে না খেপানোই ভাল। অ্যালেন এলে আমাকে নয়তো নেবরকে খবর দেবে, ঠিক আছে?
আনমনে মাথা ঝকমল রোজালিনা, লপার চলে যেতে তার পিঠে স্থির হয়ে থাকল ওর চোখ, বিষদৃষ্টিতে দেখছে।
কি বলল লপার? মারিয়া বার্থেজ পাশ থেকে শুধাল ওকে।
পরে শুনো।
ওকে দেখল মহিলা, তারপর মাথা ঝাঁকিয়ে এগোল।
ক্যাফের কাছে আসতে দূর থেকে দেখতে পেল লোকটাকে। পঞ্চাশের মত হবে বয়স, সমর্থ শরীর। চওড়া কাঁধ। লম্বায় ছফুট ছাড়িয়ে যাবে। মুখে দাড়ির জঙ্গল, উষ্কখুষ্ক চুল। মলিন রঙজ্বলা ডেনিম শার্ট আর জিন্স পরনে। বুড়ো আঙুল আর গোড়ালির কাছে ক্ষয়ে গেছে জুতোজোড়া। পোর্চে বসে আছে, অধৈর্য দেখাচ্ছে তাকে। ঠোর্টের কোণে ঝুলে থাকা সিগারেট থেকে ধোঁয়া উঠছে।
মা-মেয়ে দুজনেই থমকে দাড়িয়েছে, পা যেন চলছে না। ওদের ওপর চোখ পড়তে উঠে দাঁড়াল সে, সিগারেট ফেলে বুটের তলায় পিষে এগিয়ে আসতে শুরু করল। ততক্ষণে নড়ে উঠেছে রোজালিনা, ছুটছে। উড়ে গিয়ে লোকটার বাড়ানো বাহুতে ধরা দিল। দুহাতে তাকে চেপে ধরে ফোপাতে শুরু করল।
সতৃষ্ণ দৃষ্টিতে,দৃশ্যটা দেখছে মারিয়া বার্থেজ। অপেক্ষার পালা শেষ হয়েছে তার। রক্তের আকর্ষণ টেনে এনেছে রেমন্ড বার্থেজকে। ধরে এগোল মহিলা, চোখ স্বামীর ওপর। মেয়েকে বুকে চেপে ধরে হাসছে সে।
এই প্রীচার ব্যাটা বেশিক্ষণ প্রার্থনা করে বুঝি? হালকা সুরে বলল সে। সেই কখন থেকে বসে আছি। নিজের বাড়িতে ফিরে এসেও বসে থাকতে হলো এতক্ষণ! প্রীচ ব্যাটাকে বলে দিতে হবে প্রার্থনার কাজটা এখন থেকে যেন সংক্ষিপ্ত করে।
ক্যাফের তালা খুলে ভেতরে ঢুকল মারিয়া বার্থেজ। রান্নাঘরে এসে সময় নিয়ে জুস তৈরি করল। বাপ-মেয়ে টেবিলে বসে সমানে বকবক করছে। আপেল পাই, জুস, ওমলেট আর রুটি নিয়ে দুজনের গল্পে বাধ সাধল মিসেস বার্থেজ।
বাবার ফিরে আসার সৌজন্যে আজ ক্যাফে বন্ধ থাকুক, প্রস্তাব করল রোজালিনা,। মায়ের দিকে তাকাল, দৃষ্টিতে আবেদন ঝরে পড়ছে। সম্মতি আসতে বাপের দিকে ফিরল। দেখেছ, বলেছি না মা রাজি হয়ে যাবে!
খাওয়ায় মনোযোগ দিল রেমন্ড, ভেঙচি কাটল মেয়েকে। তারপর সহসা মনে পড়ল রোজালিনা এখন আর পাঁচ বছর আগের কিশোরী নয়, পরিপূর্ণ তরুণী সে। এই বয়সে বেশিরভাগ মেয়ে তাদের স্বামীদের দুএকটা বাচ্চাও উপহার দিয়ে ফেলে। বুকে একটা কষ্ট খোচা মারল তার, অবিবেচকের মত সংসারটা ফেলে চলে গেছে সে। এদের সুখ-দুঃখের ভাগীদার হওয়া তার হয়ে ওঠেনি। অথচ কোন অভিযোগ করবে না দুজনের কেউ।
সারাটা দিন অপার আনন্দে কাটল রোজালিনার, বাপের সাথে গল্প করে। রাতে বিছানায় যেতে মনে পড়ল জেমস অ্যালেনকে। অস্বস্তি ঘিরে ধরল ওকে। এখনও বেঁচে আছে ও? কোথায় রাত কাটিয়েছে। আহত অবস্থায় আছে…শুশ্রষা দরকার…আর নিরাপদ একটা জায়গা যেখানে ক্রুশার বা লপারের লোকজন ওকে খুঁজে পাবে না।
আগের রাতের মতই ঠিকমত ঘুমাতে পারল না ও। তবে জাগল ভোরবেলা। স্কুল আছে আজ। দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ল। আগে নিকোলাস প্রাইসের কাছে যাওয়া যাক, সিদ্ধান্ত নিল ওঁ, কোন খবর থাকতে পারে।
কিন্তু বিফল হয়ে ফিরতে হলো ওকে। স্কুলের দিকে হেঁটে চলল। শহরে বা এখানে ক্রুশারের কোন লোককে দেখতে পায়নি। হয়তো ওকে পেয়ে গেছে শয়তানগুলো রোজালিনার নিঃশ্বাস বন্ধ হয়ে এল, বুকে কষ্ট অনুভব করল। এরকম লাগছে কেন? জেমস অ্যালেন ওর কেউ নয়। বরং ওকে অপমানই করেছে সে। ওর অনুরোধ তাকে টলতে পারেনি। অন্য কোন পুরুষ হলে কত আগেই গলে যেত। অথচ সে পাত্তাই দেয়নি! এত অহঙ্কার… কেবল আরেকটা মেয়েকে ভালবাসে বলে?
তিক্ত মনে অনুভব করল কঠিন এ মানুষটা টানছে ওকে। জেমস ওকে পছন্দ করলে খুশি হত। একটুখানি স্পর্শে গলে যেত। সাহসী একটা সিদ্ধান্ত নিল ও, লপার বা নেবরকে পরোয়া করবে না। দরকার হলে সাহায্য করবে অ্যালেনকে। ওর বাবা পাশে আছে, এখন, কাউকেই ভয় করে না রোজালিনা। কে কি মনে করল তাতেও ওর কিছু আসে-যায় না।
অফিসরুমের সামনে এসে স্কার্টের পকেট থেকে চাবি বের করে তালা খুলতে গেল ও। দরজার বাটের ওপর চোখ পড়তে চমকে গেল, এতক্ষণ খেয়ালই করেনি ওটার আঙুটা ভাঙা। ধড়াস করে লাফ দিল ওর কলজে। কটের ফাঁক গলে তাকাল ভেতরের দিকে, কিছুই চোখে পড়ছে না। সাহস করে ঠেলা দিল দরজায়। খানিক সরে গেল কবাট দুটো। একটা চেয়ার ঠেস দিয়ে রাখা। মেঝেয় চোখ পড়তে শুকনো রক্ত দেখে চমকে উঠল। একইসঙ্গে ভয় আর আশার দোলায় দুলে উঠল ওর মন। ঘাড় ফিরিয়ে আশপাশে তাকাল, নেই কেউ। তারপর ঠেলে খুলে ফেলল পুরো দরজা। ছুটে ভেতরে ঢুকল ও, টেবিলের কাছে আসতে দেখতে পেল তাকে।
গুলি খাওয়া অসহায় পশুর মত পড়ে আছে জেমস অ্যালেন, পিস্তল ধরা হাত তোলার প্রয়াস পাচ্ছে। জোর করে চোখ মেলল, রোজালিনার অস্ফুট কাতরধ্বনি থামিয়ে দিল তাকে। হাতটা নেমে গেল দেহের পাশে, শিথিল হয়ে গেল মুঠি।
ছুটে এসে পাশে বসে পড়ল রোজালিনা। অ্যালেনের মুখ শুকনো, বিবর্ণ দেখাচ্ছে। কপালে হাত রাখতে বুঝল জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। পট্টি সরিয়ে কাঁধ আর উরুর ক্ষতগুলো দেখল, দগদগ করছে। অজান্তে শিউরে উঠল ও।
কি করবে ও একা এখান থেকে অ্যালেনকে কিভাবে বের করে নিয়ে যাবে? সেরকম শারীরিক সামর্থ্য, ওর নেই, তাছাড়া ক্রুশার বা লপারের লোক দেখে ফেলতে পারে। বাইরে বেরিয়ে এল ও, চারপাশে চোখ বুলিয়ে এবারও কাউকে দেখতে পেল না। নিকোলাস প্রাইসের বাড়ির ওপর দৃষ্টি পড়তে বুদ্ধিটা মাথায় এল। দ্বিতীয়বার চিন্তা না করেই ছুটল সেদিকে।
বাইরে যাওয়ার তোড়জোড় করছিল নিকোলাস প্রাইস, খচ্চরদুটো জুড়েছে ওয়াগনে। দ্রুত, একনাগাড়ে তাকে বলে গেল রোজালিনা। অবাক হয়ে ওকে দেখছে কাঠ ব্যবসায়ী, নড়ছে না। ওকে সাহায্য করা দরকার তা-ও মাথায় আসছে না।
কি হলো, নিক? তাড়া দিল রোজালিনা। সাহায্য করবে, নাকি দাঁড়িয়ে থেকে মজা দেখবে?
তারমানে…তুমি ক্যাফেতে সাপ্লাই দিতে বলছ!
তো অন্য কিছু বলেছি নাকি? বিরক্তি চেপে রাখতে পারল না রোজালিনা, অধৈর্য লাগছে ওর। ওয়াগন নিয়ে চলে এসো। স্কুলের কাঠ নামিয়ে দেয়ার পর ওকে তুলে নেব আমরা। দেখল এবার নড়ে উঠেছে প্রাইস, ওয়াগনে কাঠের চেলা তুলতে শুরু করেছে।
ফিরতি পথ ধরে এগোল ও। উদ্বেগের মধ্যে কাটছে প্রতিটি মুহূর্ত। ভয় হচ্ছে হয়তো ধরা পড়ে যাবে কিংবা দেখে ফেলবে কেউ। জেমসের কাছে এসে বসল ও, মাথায় হাত বুলাতে চোখ মেলল সে, লাল হয়ে আছে ওগুলো। শূন্য দৃষ্টিতে দেখল ওকে, তারপর চোখ বুজল।
মোনা…একটাকে শেষ করেছি, বিড়বিড় করে শব্দগুলো উচ্চারণ করল জেমস, ঠোঁট প্রায় নড়ছেই না। একটু অপেক্ষা করতে হবে, সোনা, বাকি দুটোকেও শেষ করে ফেলব!… আরও কিছু বলল সে, কিন্তু এত অস্পষ্ট যে ধরতে পারল না রোজালিনা।
রোজ? বাইরে প্রাইসের গলা আর ওয়াগনের ঘড়ঘড় শব্দ শোনা গেল।
বেরিয়ে এসে কাঠ নামিয়ে রেখে পোর্চে তুলে রাখল দুজনে।
ভেতরে আছে ও, মৃদু স্বরে বলল রোজালিনা, ওয়াগনের পাটাতনে চোখ বুলাল। একপাশ খালি করে রাখা, অনায়াসে ওখানে শোয়ানো যাবে জেমসকে।
একটু ভেতরে আসবে? চাপা গলায় ওকে ডাকল প্রাইস। দুজনে মিলে ধরলে চোট পাবে না ও।
তিন মিনিটে কষ্টকর কাজটা সারল ওরা। জেমসের অচেতন দেহ ওয়াগনের পাটাতনে বিছিয়ে দিয়ে তারওপর খড় আর কাঠ চাপিয়ে দিল। আসনে উঠে বসে লাগাম তুলে নিল প্রাইস, ঘুরে তাকাল রোজালিনার দিকে। মনে হয় ঠিক ভাবেই কাজটা সারতে পেরেছি আমরা, সন্তুষ্টি তার গলায়, স্লান হাসল। আমি বোধহয় পাপ খণ্ডন করলাম। ওকে,কাজ থেকে ছাড়িয়ে দেয়ার পর লরা একচোট নিয়েছে আমার ওপর, আর মার্ক তো এরপর থেকে কথাই বলছে না।
কাউকে কিছু বলার দরকার নেই, নিক। সোজা চলে যাও।
ওয়াগন চলা শুরু করতে ভেতরে ঢুকল রোজালিনা। শুকনো একটা কাপড় বের করল ড্রয়ার থেকে। কলের পানিতে ভিজিয়ে এনে মেঝে থেকে রক্তের দাগ মুছে ফেলল। সব খড় ওয়াগনে তুলে নিয়ে গেছে কাঠ ব্যবসায়ী। লোকটা একেবারে বোকা নয়, ভাবল ও, দেখা যাচ্ছে দরকারে মাথাটা ঠিকই খুলে যায়। তবে বুদ্ধি কম হলেও যথেষ্ট সাহস তার আছে, জানে রোজালিনা, নইলে এভাবে নিশ্চিন্তে কাজটা করতে পারত না সে, রাজিও হত না।
নিজের চেয়ারে বসে মিসেস মেনার্ডের জন্যে একটা নোট লিখল ও। চারদিনের ছুটি চেয়ে টেবিলে রাখল ওটা। বেরিয়ে এসে কবাটের আঙুটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিটের চেষ্টায় মোটামুটি চলনসই অবস্থায় নিয়ে এল ওটাকে। তালা আটকে দ্রুত পায়ে ফিরে চলল।
মূল রাস্তায় ঢোকার মুখেই স্টোরের সামনে কেভিন লপারকে দেখতে পেল রোজালিনা। দৌড়ে পালাতে ইচ্ছে করছে ওর, কোনরকমে সামলে রেখেছে। আড়চোখে দেখল স্টোরের পাশের গলিতে ঢুকছে প্রাইসের ওয়াগন, লপারের সামনে দিয়েই। ওটার দিকে মনোযোগ না দিয়ে ওকেই দেখছে স্টোর মালিক। হাঁপ ছাড়ল রোজালিনা, মনে হচ্ছে ঠিকমতই পৌঁছে যাবে প্রাইস। এখন অতি উৎসাহী কেউ দেখে না ফেললেই হলো। প্রাণপণ চেষ্টায় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে ও, যাতে ওর মুখ বা আচরণ দেখে সন্দেহ করতে না পারে কেভিন লপার। সরাসরি তার চোখে তাকাল রোজালিনা, মৃদু হাসল। নিজেই বুঝতে পারল হাসিটা প্রভাবিত করতে পারেনি লপারকে, সরু চোখে তাকিয়ে আছে সে। এ সময়ে স্কুলে থাকার কথা ওর, লপারও সেটা জানে। আমি অসুস্থ, চারদিনের ছুটিতে আছি-ব্যাপারটা যাতে সবাই জেনে যায় সেটা নিশ্চিত করতে হবে, ভাবল ও। নইলে হয়তো দুপুরেই দলবল নিয়ে ক্যাফেতে এসে উপস্থিত হবে সন্দেহপ্রবণ লোকটা।
ক্যাফের রাস্তাটুকু অনেক দূরত্বের মনে হলো ওর কাছে। পৌঁছানোর পর অজান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
স্ত্রীর সাথে গল্প করছিল রেমন্ড বার্থেজ, চোখ তুলে দেখল ওকে। প্রশ্ন ফুটে উঠল চোখে।
মায়ের দিকে তাকাল রোজালিনা, দৃষ্টিতে আবেদন। আমি ওকে খুঁজে পেয়েছি। নিক নিয়ে আসছে। ওর খুব সাহায্য দরকার, মা!
স্থির দৃষ্টিতে মেয়েকে দেখল মারিয়া বার্থেজ, তারপর আনমনে মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়াল। রান্নাঘরের দিকে এগোল। রেম, এসো তো, নিককে সাহায্য করবে। রোজ, তুই ওপরে যা। গেস্টরুমটা ঠিক করে রাখ। আমরা ওকে নিয়ে আসছি।
ছুটে চলল রোজালিনা।
দশ মিনিটের মধ্যে জেমস অ্যালেনকে নরম বিছানায় শুইয়ে দিল ওরা। শার্ট খুলে, ক্ষতগুলো ধুল মিসেস বার্থেজ, এদিকে উরুর কাছে প্যান্ট কেটে ফেলেছে রেমন্ড। দুটো ক্ষতই ফুলে উঠেছে, লাল দগদগে দেখাচ্ছে। চুইয়ে রক্ত ঝরছে। পরিষ্কার কাপড়ে পট্টি বেঁধে দিল মারিয়া বার্থেজ। তারপর পাশের কামরায় বেসিনে হাত ধুতে গেল।
ছেলেটা কে? পাশে এসে দাঁড়িয়েছে রেমন্ড।
তোমার মতই কোন বাউণ্ডুলে বোধহয়, এখানে এসে কুশারের তোপের মুখে পড়েছে। দুদিন আগে ওর হাতে মারা পড়েছে এখানকার মার্শাল।
আরিব্বাপ, গনগনে আগুন দেখছি! ওকে ছুঁলেই হাত পুড়ে যাবে! হালকা সুরে মন্তব্য করল সে, হাসছে।
কিন্তু তোমার মেয়ে তার পরোয়া করছে না।
রেমন্ডের হাসি থেমে গেল, চিন্তিত মুখে তাকাল স্ত্রী-র দিকে। ঠিক বুঝতে পারলাম না, অসহায় ভঙ্গিতে কাঁধ উঁচাল।
না বোঝার কি আছে! নিজের কামরায় নিয়ে তুলেছে লোকটাকে, এ থেকেও বুঝতে পারছ না?
তোমাকে কিন্তু নারাজ মনে হচ্ছে না। ওকে বাধা দাওনি। তাছাড়া শোনার পর নিজেও সাহায্য করতে ছুটেছ।
ওকে একেবারে অপছন্দ করি, তা নয়। নিজের সম্পর্কে কিছুই জানায়নি এটাই হচ্ছে আমার অস্বস্তির কারণ।
পশ্চিমের বেশিরভাগ লোক তাই করে।
সেটা ঠিক। সবচেয়ে বেশি করে আউট-লরা।
বিহ্বল দেখাল রেমন্ডকে। তুমি সন্দেহ করছ ছেলেটা…
আমার ধারণায় কিছু যায়-আসে কি? রূঢ় স্বরে বাধা দিল মারিয়া বার্থেজ, তোয়ালেতে হাত মুছে নিচে নেমে এল। কফির পানি চড়িয়ে দিল চুলোয়। টেবিলে গিয়ে বসো, স্বামীর উদ্দেশে বলল। জরুরী কথা আছে।
কফি খাওয়ার ফাঁকে বিশ্লেষণ করল মারিয়া বার্থেজ।
গম্ভীর দেখাল রেমন্ডকে। তুমি আশা করছ এখানে হানা দিতে পারে ওরা?
প্রথমে হয়তো কথা বলতে চাইবে। কিন্তু ভালমানুষের মত এমনিতে চলে যাওয়ার লোক নয় কেউই। অ্যালেনের উপস্থিতির কথা একবার জানতে পারলে
কোনকিছুই ওদেরকে আটকাতে পারবে না।
এমন হতে পারে ওরা হয়তো কিছুই জানে না।
হতে পারে, কিন্তু একসময় জানবেই।
জানুক। দুদিনের মধ্যে দাঁড়াতে পারবে ছেলেটা। তারপর নিজ থেকেই চলে যাবে। ওর সম্পর্কে যা শুনলাম তাতে তাই মনে হচ্ছে আমার।
পুরো সুস্থ হওয়ার আগে ওকে ছেড়ে দিতে পারি না আমরা।
এবার হাসল রেমন্ড। দেখা যাচ্ছে ওর ওপর মায়া জন্মে গেছে তোমার! রোজকে দোষ দেয়া যায় না।–মাথা ঝাঁকাল মারিয়া বার্থেজ, ক্যাফের দরজার কাচ গলে তাকাল দিগন্ত বিস্তৃত মেলবি পর্বতমালার দিকে। কি যেন একটা আছে ওর মধ্যে…ওপরে কঠিন একটা আবরণ, কিন্তু ভেতরে নরম একটা মন, আমি জানি। একটা ঘোরের মধ্যে আছে ছেলেটা, চারপাশের কোন কিছুই ওর চোখে পড়ছে না। নিজের উদ্দেশ্য সম্পর্কে খুব সচেতন অথচ রোজ যে ওকে পছন্দ করে সেটা খেয়ালই করছে না।
আমার ভয় কেবল একটাই-শেষে রোজ কষ্ট না পায়।
কষে কোমর বেঁধে নেমে পড়তে বলল ওকে। কাজ হয়ে যেতেও পারে।
তামাশা করছ!
পছন্দসই জিনিস বেছে নেয়ার অধিকার সবারই আছে, তাই না? তুমি কি আমার হাত ধরে নিজ গোত্রের লোকজনকে ছেড়ে আসোনি?
আমি কিন্তু ঠকিনি।
আশা করো রোজও ঠকবে না।
<