গুলির শব্দে জেগে উঠল বেলিন্দা। প্রথমেই ইয়াসীনের কথা মনে পড়ল তার। বিছানা ছেড়ে উঠে ঝটপট কাপড় পরতে শুরু করল সে।
ছোট্ট কেবিনটার মাঝামাঝি একটা পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। এপাশে মার্থাখালা আর তার থাকার ব্যবস্থা। ওপাশে গাদা মারা রয়েছে রসদ এবং ফাড়ির প্রয়োজনীয় সরঞ্জাম।
মার্থাখালাও জেগে গেছেন। হয়তো ইয়াসীনের ফিরে আসার কথা ভাবছ তুমি,’ বললেন তিনি। কিন্তু এত তাড়াতাড়ি ফেরার কথা নয় তার। অনেকদূর যেতে হবে তাকে। ওদের খুঁজে বের করে ফিরিয়ে আনতে আরও সময় লাগবে।
ঠিক সে কথা ভাবছি না আমি। কিছুটা যেন চুপসে গেল বেলিন্দা। কিন্তু হতেও তো পারে তা। হয়তো ফিরে আসছে সীন। আর তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে ইন্ডিয়ানরা। সেক্ষেত্রে কভারের প্রয়োজন হবে ওর।
মিনিটখানেক পর আরও দুটো গুলির শব্দ শোনা গেল। বেশ কাছেই। তারপর নীরবতা। মার্থাখালা বিছানা ছাড়লেন। দরজা খুলে বাইরে এল বেলিন্দা।
একজন সৈনিক পড়ে আছে খোয়াড়ের পাশে। তার দেহের উপর ঝুঁকে রয়েছে রস।
স্যামুয়েল, ম্যাডাম, বলল রস। চত্বরে পাহারা দিচ্ছিল। কোন শাপশুটিং ইন্ডিয়ান লাইনে পেয়ে মেরে দিয়েছে।
মারা গেছে!
হ্যাঁ। শুধু তাই নয়। লুইস, ফাউলার আর পাওয়ার রাতের আঁধারে পালিয়েছে ফাড়ি ছেড়ে। চারটে ঘোড়া নিয়ে গেছে ওরা।
‘ওদের আক্রমণ করেনি ইন্ডিয়ানরা?’
উদ্বিগ্ন ম্যাকহার্ডি এসে দাঁড়াল পাশে। সেরকমই তো মনে হচ্ছে। আক্রমণ করলে গোলাগুলির আওয়াজ শোনা যেত, চিন্তিত ভাবে বলল সে। কিংবা হয়তো বাগে পাওয়ার জন্যে ওদের অনুসরণ করে চলেছে ইন্ডিয়ানরা। কিন্তু এখানে খুব কমজোর হয়ে গেলাম আমরা। স্যামুয়েল মারা গেল। ফ্লেমিং জ্বরে শয্যাশায়ী, লুইস নেই। তারমানে অবশিষ্ট আছি মোকাটো আর আমি।
ম্যাকহার্ডির দিকে চাইল রস। কেন আমি আছি না? আর টমাস?
আরে তোমরা তো সিভিলিয়ান। তোমাদের রক্ষা করতে গিয়েই তো এত দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।
ও! সিভিলিয়ান বলে গুণতিতে ধরছ না আমাদের। ঠিক আছে, শুরু হোক লড়াই। দেখবে এই সিভিলিয়ানই উল্টে জান বাঁচাচ্ছে তোমাদের।
আমিও রাইফেল চালাতে জানি। ধীরে ধীরে বলল বেলিন্দা। মার্থাখালা আর আমি সিভিলিয়ান হলেও যথেষ্ট সাহায্য করতে পারব প্রয়োজনের সময়ে।
ওপাশে বেড়ার কোলে আগুন জ্বালিয়েছেন মার্থাখালা। বাকিরাত জেগে কাটাতে হবে, তাই কফি তৈরি হচ্ছে।
মোকাটো রাইফেল হাতে পায়চারি করছে গেটের কাছে টমাস আর রস গেল স্যামুয়েলের লাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
কিছুই ভাল লাগছে না বেলিন্দার। অন্ধকারে এক কোণায় বসে রইল সে।
কফির মগ হাতে ম্যাকহার্ডি এসে বসল পাশে। সার্জেন্ট, সীন কবে নাগাদ ফিরবে বলতে পারেন? জানতে চাইল বেলিন্দা।
কিছুক্ষণ নীরবে বসে রইল ম্যাকহার্ডি। একটা দীর্ঘশ্বাস শুনল বেলিন্দা। এই শ্রীহীন ফাঁড়িতে ফিরে আসাকে কি ফেরা বলে, ম্যাডাম?
মানে?
একটা ডিউটিতে গেছে ইয়াসীন। সেটা শেষ হলেই ফেরার সুযোগ পায়। অবশ্য ততদিন যদি বেঁচে থাকে।
তবে আপনি ভাববেন না, তার দিকে তাকাল সার্জেন্ট। বেঁচে থাকবে ইয়াসীন। এবং ফিরেও যাবে একদিন। হয়তো একটা সাজানো খামার গড়ে তুলবে কোথাও। আর সেদিন মিস ব্রাউন, আপনি থাকবেন ওর পাশে।
এসব কী বলছেন, সার্জেন্ট!
প্রাণ খুলে হাসল ম্যাকহার্ডি। আমাকে ফাঁকি দিতে পারেনি আপনার চোখ, ম্যাডাম। আপনার সীনও ফাঁকি দিতে পারেনি এই ম্যাকহার্ডিকে। ঠিক মানুষই বেছে নিয়েছেন আপনি। চমৎকার জুটি হবেন আপনারা।
উঠে কেবিনের দিকে চলে গেল বেলিন্দা। চেষ্টা করলেও আজ রাতে আর ঘুম আসবে না তার!
পরদিন ভোর নাগাদ প্রায় দশমাইল পুবে এগিয়ে যেতে পারল ফাউলার, পাওয়ার আর লুইস। সিডার ক্যানিয়ন হাতের বাঁয়ে রেখে আরও এগিয়ে গেল ওরা। কিছুক্ষণ পর একটা ছোট্ট স্প্রিং পাওয়া গেল। এলাকাটা পাওয়ারের চেনা। বিশ্রাম নিতে ঘোড়া থেকে নামল তিনজন।
তোমার ধারণাই ঠিক, পাওয়ার। বলল ফাউলার। ওই ফাঁড়িটাই দখল করতে চায় ইন্ডিয়ানরা। সে কারণে আমাদের ধাওয়া করে আসেনি।
এখনও নিশ্চিত বলা যায় না। মোযেভদের ব্যাপারে নিশ্চিত হতে পারে না পাওয়ার। কেন ওদের আক্রমণ করা হলো না সেটা ইন্ডিয়ানরাই ভাল জানে। তবে ওরা চলে আসাতে লোকবল অনেক কমে গেছে মার্ল স্প্রিং ফাঁড়ির। এখন যে কোন সময়ে আক্রান্ত হতে পারে ফাড়িটা। এবং সে উদ্দেশ্য সফল করার জন্যই হতো ওদের পিছু নেয়নি ইন্ডিয়ানরা। তা ছাড়া পুবে চলে এসেছে ওরা। সেটাও একটা কারণ হতে পারে। পুবে না এসে ওরা যদি ক্যাম্পকেডি বা সাইমনের টহলদলটার দিকে যাবার চেষ্টা করত তা হলে রেহাই পেত না। এ ব্যাপারে পাওয়ার নিশ্চিত। কারণ, ফাঁড়িটা আক্রান্ত হয়েছে-সে সংবাদ আর কেউ জানুক তা চায় না মোযেভরা।
তবে ইয়াসীন যদি সাইমনের দলটাকে নিয়ে ফিরে আসে, বলল পাওয়ার, সেক্ষেত্রে প্ল্যান পাল্টাতে পারে মোযেভরা। আমাদের তালাশে চলে আসতে পারে এদিকে।
দেখাই যাক না কী হয়, মন্তব্য করে লুইস। আর্মি থেকে পালাতে পেরে বেশ হালকা বোধ হচ্ছে তার। মার্ল স্প্রিং-এর একঘেয়ে জীবনটায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। বাঘা লোক ওই ম্যাকহার্ডি। ডিউটিতে ফাঁকি একদম বরদাস্ত করে না। অথচ লুইস চায় ফাঁকিটাকি দিয়ে শর্টকাটে জীবনে বড় কিছু হতে।
ফাউলারের কাছে সোনার নদীর কথা শোনা অবধি স্বস্তি পাচ্ছিল না সে। কিন্তু একা সেটাকে খুঁজে বের করার মত শক্তি বা বুদ্ধি তার নেই। তাই ফাউলার তাকে পার্টনার করে নেবার প্রস্তাব দিতেই রাজি হয়ে গেছে।
ফাউলার কীভাবে নদীটা খুঁজে বের করবে জিজ্ঞাসা করেনি লুইস। বরাবর একটু কম বোঝে সে। অত প্যাঁচঘোচ শুনলেও হয়তো বুঝতে পারত না। পার্টনার হিসেবে তার শুধু সোনা পেলেই হলো। রাশি রাশি সোনা!
ম্যাপটা খুঁজে পাওয়া যায়নি জুলিয়ানের জিনিসপত্রের মধ্যে। পাওয়ারকে বলল ফাউলার। হেনরী নামের এক সৈনিক খুঁজে দেখেছিল ক্যাম্পকেডিতে। তার ধারণা ইয়াসীন সরিয়েছে ম্যাপটা। আমারও তাই মনে হয়।
ঠিক কোন অঞ্চলের ম্যাপ? জানতে চাইল পাওয়ার।
উত্তর দিল না ফাউলার। প্রয়োজনের অতিরিক্ত কোন কিছু জানাতে চায় না সে পাওয়ারকে।
না বলতে চাইলেও জেনে আমি ঠিকই নেব-মনে মনে বলে পাওয়ার। প্রথম থেকেই সে অপছন্দ করে আসছে ফাউলারকে। লোকটা তারই মত একজন আউট ল। তবে ভীষণ নীচ আর ধূর্ত।
কোন কাজ আইনসম্মত কি বেআইনী সেটা বড় করে দেখে না পাওয়ার। তবে কাজ হাতে নিলে বিশ্বস্ততার সাথে করার চেষ্টা করে সে। এবং সঙ্গীদের কাছ থেকেও তাই আশা করে। অথচ ফাউলার বরাবরই বিশ্বাসঘাতক।
ক্যালিফোর্নিয়ায় ফাউলারের সাথে প্রথম পরিচয় হয় তার। ঘোড়া চুরি ব্যবসাতে মন্দা যাচ্ছিল। পাহউট ইন্ডিয়ানদের সহায়তায় বড়বড় র্যাঞ্চ থেকে ঘোড়া চুরি করত সে। সেগুলোকে নিয়ে বেচে দিত নেভাডায়। তারপর নেভাডা থেকে ঘোড়া চুরি করে এনে ক্যালিফোর্নিয়ায় বিক্রি করত। ইন্ডিয়ানদের সাথে ভাগবাটোয়ারা নিয়ে বনিবনা না হওয়াতে ব্যবসায় খুব লাভ হচ্ছিল না। এমন সময় পরিচয় হলো জুলিয়ান এবং ফাউলারের সাথে।
পার্টনার হিসেবে ভালই ছিল জুলিয়ান। অন্তত ফাউলারের চেয়ে অনেক ভাল। সে-ই প্রথম সোনার নদীটা খুঁজবার প্রস্তাব দেয় পাওয়ারকে। কারণ পাহউটদের সাথে খাতির আছে তার এবং এ অঞ্চলটা খুব ভাল করে চেনে সে-জানত জুলিয়ান।
আগেও অনেকে নদীটা খুঁজবার প্রস্তাব দিয়েছে পাওয়ারকে। অনেকে নদীটার অবস্থান চিহ্নিত ম্যাপও দেখিয়েছে। কিন্তু রাজি হয়নি সে। কারণ সবগুলো ম্যাপই ভুয়া ছিল।
সোনার নদী সম্পর্কে কিছু সঠিক ধারণা সে পায় পাহউট ইন্ডিয়ানদের কাছে। একবার ইন্ডিয়ানদের সাথে চুরি করা ঘোড়া নিয়ে মরুভূমি পার হচ্ছিল ও। পথে রাত কাটাবার জন্য একটা পাহাড়ের কাছে থামতে হয়। ও ঘুমিয়ে পড়েছে মনে করে নদীটা সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ করছিল দুই বৃদ্ধ ইন্ডিয়ান। যেখানে রাত কাটাবার জন্যে থামা হয়েছে তার কাছেই নাকি আছে সোনার নদী-বলছিল ওরা। অন্তত ওদের পূর্বপুরুষদের কাছে সেরকম বর্ণনাই নাকি ওরা শুনেছে। কিছু কিছু পাহাড় আর গুহার নাম বলেছিল সেই ইন্ডিয়ান দুজন। পরদিন সকালে পাওয়ার জিজ্ঞাসা করেছিল ওদের কাছে সোনার নদীর কথা। উত্তর পায়নি। তারপরে আর কোনদিন কারও কাছে শোনেওনি সেই রাতে শোনা পাহাড়গুলোর নাম।
অবশেষে জুলিয়ান সোনার নদী সম্পর্কে এমন কিছু বর্ণনা দিল, এমন দু’একটা পাহাড়ের নাম বলল যে অবিশ্বাস করতে পারেনি পাওয়ার। ম্যাপটা কখনও দেখায়নি জুলিয়ান। কথা ছিল-অভিযান শুরু হবার পর তাকে দেখানো হবে ম্যাপ।
অথচ মারা গেছে জুলিয়ান। আর ম্যাপটা বাগিয়ে নিয়েছে ইয়াসীন নামের সেই শক্ত লোকটা। হয়তো ফাউলারকেও ম্যাপটা কখনও দেখায়নি জুলিয়ান।
‘ম্যাপটা কি ভালমত মনে আছে তোমার?’ ফাউলারকে জিজ্ঞাসা করে পাওয়ার।
শ্রাগ করে ফাউলার। অভকোর্স। তবে আর একবার দেখতে পারলে ভাল হত।
হুঁ। তা হলে এই ব্যাপার! নিজের উপর ভীষণ বিরক্ত হলো পাওয়ার। ফাউলারের কথামত ওভাবে হুট করে মার্ল স্প্রিং থেকে পালিয়ে আসা বোধহয় ঠিক হয়নি। ইয়াসীনের কাছ থেকে ম্যাপটা কেড়ে আনতে হত। ফাউলারের উপর ঠিক ভরসা করা যাচ্ছে না।
ম্যাপটা দরকার, ফাউলারকে বলল পাওয়ার।
যদি মোযেভদের হাতে ধরা পড়ে ইয়াসীন তবে কোনদিনই সেটা পাবার সম্ভাবনা থাকবে না।
আর যদি ফিরে আসে মার্ল স্প্রিং-এ, তা হলে?
‘তা হলে…,’ চিন্তিত ভাবে বলল ফাউলার, ওই স্টেজ কোচটা ফোর্ট মোযেভে পৌঁছে দেবার দায়িত্ব কাঁধে তুলে নেবে ইয়াসীন।
সেক্ষেত্রে সিডার ক্যানিয়নের ভিতর দিয়ে যেতে হবে ওদের, বলল পাওয়ার।
‘গুড থিঙ্কিং!’ পাওয়ারের প্রশংসা না করে পারল না ফাউলার। আবার ঘোড়ায় চড়ল ওরা তিনজন।
মরুভূমি এদিকে বিস্তৃত হতে পারেনি। অঞ্চলটা ছোটবড় অনেক পাহাড় আর গাছপালায় ভরা। অনেকগুলো ঝর্ণা আর ওয়াটারহোল ছড়িয়ে ছিটিয়ে আছে পাহাড়ের আনাচেকানাচে। কেবল পাওয়ারই জানে সেগুলোর খোঁজ
যেতে যেতে সোনার নদীটার কথা ভাবছে পাওয়ার। যদি খোঁজ পাওয়া যায় নদীটার, তা হলে ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল অবধারিত। বোকা লুইস কোন সমস্যা নয়। কিন্তু ফাউলারকে সামাল দেওয়া কঠিন হবে।
ভাল পিস্তল চালাতে জানে ফাউলার। তিনচারটে ডুয়েল নাকি জিতেছে। কিন্তু পাওয়ার যে তার চেয়েও তুখোড়-জানে না সে। তা ছাড়া থ্রোইং নাইফে পিস্তলের মতই অব্যর্থ পাওয়ার। অর্থাৎ ফাউলারকেও ঘায়েল করা সম্ভব হবে।
এখন শুধু নদীটা খুঁজে বের করা! চকচকে সোনায় থৈ থৈ ভরা সেই স্বপ্নের নদীটা!
<