আধ ঘণ্টা পর বেননের কানের কাছে মুখ নিয়ে এলো জিমি।
আমরা কিন্তু ব্রিজের কাছে চলে এসেছি!
জিমি নর্টন ড্রাইভারের দিকে তাকাতেই ট্রেনের গতি কমিয়ে আনল লোকটা। শেষ একটা ঝাঁকি খেয়ে থেমে দাঁড়াল ট্রেন। লাফ দিয়ে ক্যাব থেকে নামল বেনন আর ব্যাগলে। না তাকিয়েও বেনন টের পেল ওদের অনুসরণ করছে কন্সট্রাকশন চীফ। লাইন ধরে ছুটল ওরা। ব্রিজের ওপর উঠতেই দৌড়ানোর গতি কমে গেল। রেল লাইনের স্লিপারগুলোর মাঝখানের ফাঁকগুলোয় আঁধার তুলনামূলক ভাবে গাঢ়। একবার পা ফসকালেই গভীর খাদে গিয়ে পড়তে হবে। নিচের দিকে ভুলেও তাকাচ্ছে না কেউ। সবার নজর দুপাশের রেলিঙের দিকে।
বিদ্যুৎ স্ফুলিঙ্গে ব্রিজের পশ্চিম প্রান্তে একজন লোককে দেখতে পেল বেনন। ব্রিজ থেকে ছুটে নেমে গেল লোকটা, মিলিয়ে গেল আঁধারে।
ওই যে হ্যারি হুলাহান! গলা ফাটিয়ে চেঁচাল ব্যাগলে।
অন্ধকারে দুই বার ঝিকিয়ে উঠল কমলা আগুন। গুলি করছে হুলাহান। দূরত্ব অনেক, লাগল না কারও গায়ে।
আমরা চেষ্টা করলে এখনও ওকে ধরতে পারি, বলল ব্যাগলে।
দরকার নেই। দৌড়ের গতি বাড়াল বেনন। যেতে দাও ওকে। ধরা পড়ে যাবে। তাড়াতাড়ি চলো।
সামনেই জ্বলছে মিটমিটে একটা আলো। ফিউজে আগুন ধরিয়ে গেছে হুলাহান।
আতঙ্কে জমে যেতে চাইল বেননের হাত-পা। কতটা লম্বা ফিউজ ব্যবহার করেছে হুলাহান? পাশাপাশি এগোল বেনন আর ব্যাগলে। দুরু দুরু বুকে আশা করছে বিস্ফোরণের আগে যথেষ্ট সময় আছে। ব্যাঙ্কার নিশ্চয়ই ট্রেন আসার আগেই ব্রিজ ধ্বংস করতে চায়নি। ট্রেনের ড্রাইভার হেড লাইটের আলোয় দেখে ফেললে দুর্ঘটনা ঘটবে না, সেক্ষেত্রে ব্যর্থ হবে লোকটার উদ্দেশ্য।
দূর থেকে আগুয়ান ট্রেনের ঝিকঝিক আওয়াজ শুনতে পেল বেনন। এসে পড়েছে ভাউবয়েসের ট্রেন! হুলাহান ওদের ট্রেনের বাতি দেখে ব্রিজ থেকে নেমে যেতে বাধ্য হয়েছে। যাওয়ার আগে কি ফিউজটা ছোট করে দিয়ে গেছে লোকটা?
হুলাহানকে ধাওয়া করে কোন লাভ নেই। লোকটা নিশ্চয়ই ব্রিজের পশ্চিম প্রান্তে ঘোড়া লুকিয়ে রেখেছিল, এতক্ষণে ঘোড়ায় উঠে ভেগেছে নিঃসন্দেহে। তার পেছনে সময় নষ্ট করে লাভ নেই।
ট্রেনের বাতি দেখা যাচ্ছে। এগিয়ে আসছে দ্রুত। কুউউউ! হুইসল বাজাল ড্রাইভার। আর বড় জোর দুই মিনিট, তারপরই সেতুর ওপরে উঠে আসবে ট্রেন।
ব্রিজের মাঝখানে পৌঁছে গেছে বেনন। ব্যাগলেকে এগিয়ে যেতে বলল। দড়ি দিয়ে এক বান্ডিল ডিনামাইট বেঁধে রেখে গেছে হুলাহান। দড়ি ছিঁড়ে হ্যাচকা টানে ট্র্যাক থেকে বান্ডিলটা তুলে নিল বেনন; ফিউজ খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল খাদের অন্তহীন গভীরে। দ্রুতগতি ট্রেনের কারণে কাঁপতে শুরু করেছে রেললাইন। ব্যাগলে চলে গেছে ব্রিজ পেরিয়ে। লাইনের ওপরে দাঁড়িয়ে রুমাল নাড়ছে ব্যাগলে। এঞ্জিনের আলো এসে পড়েছে ওর ওপর। যন্ত্র দানব আর বড়জোর একশো গজ দূরে, তারপরই ব্রিজে উঠে পড়বে।
রেইলের সঙ্গে লোহার চাকা ঘষা খেয়ে আগুনের ফুলকি ছুটল চারদিকে। কর্কশ আওয়াজ তুলে গতি কমল ট্রেনের। ব্যাগলের পাঁচ ফুটের মধ্যে এসে থেমে গেল। লাফ দিয়ে নামল ভাউবয়েস।
কী ব্যাপার, কী হচ্ছে এখানে।
বুক ফুলিয়ে তার সামনে দাঁড়াল ব্যাগলে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে বিশ্ব জয় করেছে।
ওর পাশে এসে থামল বেনন। দু’এক কথায় পরিস্থিতি ব্যাখ্যা করে বলল, ট্রেনে চলো, বৃষ্টিতে ভিজে কোন লাভ নেই।
দু’খণ্ডে বিভক্ত ভাউবয়েসের ব্যক্তিগত বগিটা বেশ বড়। ভেতরটা দামী আসবাব পত্রে সাজানো। মাঝখানে পর্দা দেয়া। পর্দার ওপাশে আছে আহত হ্যাটার। ওদিকে তাকাল বেনন, এখন কি অবস্থা?
আগের চেয়ে ভাল। ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবে। সোফায় বসল ভাউবয়েস। এখনও কৌতূহল মেটেনি তার। জানতে চাইল, এবার একটু খুলে বলো কি ঘটেছে।
বিরাট লম্বা কাহিনী, শুরু করল বেনন। বুঝতে হলে ফিরে যেতে হবে সেই আজ থেকে তেরো বছর আগে। সেসময় টেইল হল্টের ব্যাঙ্কার ছিল ফিলিপ হারমান বলে এক লোক। আজকের ব্যাঙ্কার হুলাহান তখন তার ক্যাশিয়ার। ফিলিপ হারমানকে খুন করে সে, রেখে আসে সোবার সুয়েডের গহ্বরে। চমৎকার বুদ্ধি। লোকে টের পাবে তার কোন উপায়ই সে রাখেনি, ডিনামাইট ফাটিয়ে বন্ধ করে দেয় খনি-মুখ। কিভাবে সে খুন করেছিল তা আমরা জানি, কিন্তু কি করে ব্যাঙ্কারকে পটিয়ে ওখানে নিয়ে গিয়েছিল তা জানি না। যাই হোক, পর্দা ঠেলে পাংশু মুখে বেরিয়ে এসেছে ডেইজি, মেয়েটির দিকে চেয়ে হাসল বেনন। বলল, ব্র্যান্ডনকে বিয়ে করতে তোমার আর কোন অসুবিধা নেই, ডেইজি। তোমার বাবা চোর নয়। চোরের মেয়ে নও তুমি।
ডেইজির কাঁধ জড়িয়ে ধরে সান্ত্বনা দিল ব্র্যান্ডন। আস্তে করে বসিয়ে দিল একটা সোফায়। তারপর জিজ্ঞেস করল, কিন্তু সে লোক রেল লাইনের পিছনে লেগেছে কেন, টেইল হল্টে ব্যবসা করলে তারই লাভ।
কারণ তোমরা সোবার সুয়েডের ভেতর দিয়ে টানেল খুঁড়তে চেয়েছিলে। ঠেকানোর জন্যে ওয়াংকে ভাড়া করল সে। বিরাট একটা ভুল করে ফেলল হিসেবে। ওয়াং যে উল্টে তাকেই চুষে খেতে চাইবে এটা সে ভাবতেই পারেনি। যাই হোক, কথা সেখানে নয়; আরেকটা বড় ভুল করে রেখেছিল সে। খনির ভেতর লাশ ঢুকানোর সময় পরিচয় চেনা যাবে এমন সব কিছু খুলে নিলেও স্পারটা খুলতে ভুলে গিয়েছিল। হ্যারি হুলাহানের দুর্ভাগ্য যে লাশ সরানোর সময় একটা স্পার আগেই মাটিতে পড়ে যায়। হ্যাঁটার সেটা কুড়িয়ে পেল।
আর পেয়েই চিনে ফেলল? জানতে চাইল ব্র্যান্ডন।
মাথা নাড়ল বেনন। না, চিনতে পারেনি। কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে গিয়েছিল। নিশ্চয়ই সেখানে ওটা দেখে ফেলে হুলাহান। কখন হ্যাটার জিনিসটা চিনে ফেলে ভেবে চিন্তায় পড়ে যায়। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলে একটা খুনকে ধামাচাপা দিতে হলে আরেকটা খুন করতে হবেই। ফলাফল? সবার ওপর নজর বুলিয়ে নিল বেনন। ফলাফল ঝোঁপের আড়ালে লুকিয়ে হ্যাটারকে হত্যার চেষ্টা। আজকেই র্যাঞ্চারের ফোরম্যানকে জিজ্ঞাসা করলাম। সে বলল ব্যাঙ্ক ডাকাতির কিছুদিন পরই গুলিতে আহত হয় হ্যাটার। লোকটা মরল না বটে, কিন্তু হারিয়ে গেল স্মৃতিশক্তি। হ্যাটারকে আর ঘাটাল না হুলাহান, ভাবল র্যাঞ্চার তার আর কোন ক্ষতি করতে পারবে না।
ভ্রূ কোঁচকাল ভাউবয়েস। কিন্তু স্পারটা তো মিস অ্যানার কাছে পূর্বে পাঠিয়ে দিয়েছিল হ্যাটার।
তা নাহলে নির্ঘাত ওটা চুরি করত হুলাহান। আমার ধারণা জিনিসটা পশ্চিমে চলে গেছে জানতে পেরে খুশিই হয়েছিল সে।
হ্যাটারের র্যাঞ্চে হুলাহান বলেছিল ওয়াংকে চিনত, বলল ব্র্যান্ডন।
তারপর, আবার শুরু করল বেনন, হুলাহান যখন টের পেল তোমরা সোবার সুয়েডের ভেতর দিয়ে টানেল খুঁড়তে চাইছ তখন মাথা খারাপ হওয়ার জোগাড় হলো তার। মনে পড়ল টানেলের ভেতর রয়ে গেছে হারমান। লাশ উদ্ধার করা হলে চাঞ্চল্য সৃষ্টি হবে। লাশের পায়ের স্পারটা দেখে চিনে ফেলতে পারে হ্যাটার। রেল রোডের অগ্রগতি ঠেকানোর জন্যে উঠে পড়ে লাগল হুলাহান। একই সঙ্গে আরেকটা কাজ করল। মিস অ্যানাকে হ্যাটারের নামে চিঠি পাঠাল যাতে স্পারটা নিয়ে মহিলা চলে আসে। সে ভেবেছিল জিনিসটা গায়েব করে দিলে খানিকটা বিপদমুক্ত হওয়া যাবে। ডেইজির সঙ্গে দেখা করার ছুতোয় হ্যাটারের র্যাঞ্চে সে-ই চিঠি পত্র আনা নেয়া করত, কাজেই চিঠি খুলে মিস হ্যাটার কবে আসছেন জেনে নেয়া ছিল তার জন্যে সহজ। হুলাহানের নির্দেশেই স্টেজ কোচের উপর হামলা করা হয়। কিন্তু ওই যে বলেছি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইল ওয়াং। রেল অফিসে হুলাহান উপস্থিত থাকা অবস্থায় গুলি করে বুঝিয়ে দিল যে তাকে হেলাফেলা করা চলবে না। নিজেই সে সোবার সুয়েড খুঁড়ে দেখতে চাইল। লোকটা বুঝেছিল ওই স্পারের বিনিময়ে যা চাইবে তাই পেতে পারবে সে ব্যাঙ্কারের কাছ থেকে। অবস্থা বুঝে ব্যবস্থা নিল হুলাহান, ওয়াংকে সুদ্ধ আমাদেরও আটকে দিল খনির ভেতর।
বুঝলাম না, বলল ব্র্যান্ডন। উদ্ধার পেলে কি করে? তাছাড়া যে স্পার লুকানোর জন্যে এতকিছু সেটা তো ওয়াঙের কাছ থেকে তুমি উদ্ধার করলেই, তাহলে?
সংক্ষেপে সারল বেনন, বলল, হ্যাটারের হাতে তুলে দিলাম। আমি জানতাম না যে বিপদ ডেকে আনলাম তার। গুলি করল হ্যারি হুলাহান। কাজটা ওয়াঙের বলে চালিয়ে দিল। মারতে যখন পারল না, তক্কে তক্কে থাকল, ছায়ার মত গেল তার সঙ্গে টেইল হল্ট পর্যন্ত। ভাগ্যিস শেষ পর্যন্ত তার উদ্দেশ্য পূরণ হয়নি।
তারমানে ডাক্তার যখন অস্ত্রপচার করল তখন ভয়ে কাঁপছে লোকটার অন্তর, মন্তব্য করল ব্র্যান্ডন।
অবশ্যই, একমত হলো বেনন। আমার ধারণা, বলল পিচ্চি ফ্র্যাঙ্ক নোয়াক, আমিও এব্যাপারে আপনার চেয়ে ভাল করতে পারতাম না।
আমি জানি তুমি পারতে না, জবাবটা দিল ব্যাগলে। তারপরই ফ্র্যাঙ্ক নোয়াকের অনুকরণে অবহেলা ভরে হেসে উঠল, হাহ্! হাহ! হাহ্!
লোকটা এখন কি করবে? বেননের দিকে চাইল ভাউবয়েস।
এখন পালাবে সে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে এতক্ষণে হয়তো শহরের দিকে ছুটেছে। এন্ড অভ স্টীলে গিয়ে ওখানে একটা টেলিগ্রাম পাঠাতে হবে। শেরিফকে জানাতে হবে দেখামাত্র যেন গ্রেফতার করা হয়।
রেইডাররা আর হামলা করবে বলে মনে হয়?
না। ওদের বেতন দেয়ার কেউ নেই যে থাকবে ওরা। আজ রাতেই সমস্ত লোক নিয়ে ক্যানিয়নে চিরুনি চালাব আমরা।
একটু থামল বেনন। তারপর বলল, আমার ধারণা আজকের মধ্যেই ডায়নোসর পাকড়াও করতে পারব আমি।
চুপ করে ওর দিকে তাকিয়ে থাকল ব্যাগলে ছাড়া আর সবাই। কথা সরল না কারও মুখে। নাক ডাকাচ্ছে ব্যাগলে।
কিছুক্ষণ পর মুখ খুলল বেনন। মিস হ্যাটার কোথায়, তাঁকে দেখছি না যে?
মুখ কালো হয়ে গেল ভাউবয়েসের। বলল, আর বলবেনন না, কোথায় কোন সেলুনে যেন অ্যালকোহলহীন বিয়ার বেচছে বলে গুজব শুনেছে। মহিলা তাতে মহাখাপ্পা; ব্যস, ওমনি রয়ে গেছে; অপেক্ষা করছে কখন ধরতে পারবে। একবার ধরতে পারলেই দেবে আমাকে নালিশ করে। বাধ্য হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাকে।
ঝকঝক ঝকঝক আওয়াজ তুলে এন্ড অভ স্টীলে এসে ঢুকল রেল গাড়ি। ইতিমধ্যেই পাশের একটা লাইনে লোকোমোটিভ এঞ্জিন সরিয়ে নিয়েছে বিগ জিমি নর্টন। প্রতিদিন এখন প্রায় এক মাইল করে এগোচ্ছে লাইন। দিন দিন এগিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ শহরটা। বৃষ্টিঝরা রাতে দাউদাউ করে জ্বলছে ক্যাম্পের আগুন। পানির ফোঁটাগুলো হিসহিস আওয়াজ তুলে বাষ্প হয়ে যাচ্ছে। কাঠের বাক্স আর প্যাকিং কেস ফেলে শিখা আরও উস্কে দিচ্ছে শ্রমিকেরা। দ্বিতীয় ট্রেনটির আগমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চারদিকে। লোকজন এগিয়ে এলো লাইনের ধারে।
ট্রেন থামতেই সোফা ছেড়ে তড়িঘড়ি উঠতে গেল ব্যাগলে। দু’হাত শূন্যে উঠে গেল ওর। তারপর ভারসাম্য হারাচ্ছে বুঝতেই টলমল পায়ে সামনে বেড়ে দেহের ভর রক্ষা করতে চাইল। কোন লাভ হলো না। দু ইঞ্চি পুরু কার্পেটের ওপর হুড়মুড় করে আছাড় খেলো ব্যাগলে। হামাগুড়ি দিয়ে উঠে বসে রাগের চোটে গর্জন ছাড়ল, কে একসাথে করে বেঁধেছে আমার জুতোর ফিতে!
সবাই এ ওর দিকে তাকাল। বেননই প্রথম লক্ষ করল ট্রেন থামতেই নিঃশব্দে নেমে গেছে ফ্রাঙ্ক নোয়াক।
আমি অত্যন্ত দুঃখিত। হাত ধরে ব্যাগলেকে টেনে তুলল ভাউবয়েস। ছেলেটা এই একই কীর্তি করেছিল মন্ট্যানা সেন্ট্রালের প্রেসিডেন্টের সঙ্গে। জানেন, সেবার আমার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে প্রমোশন হওয়ার কথা ছিল! প্রেসিডেন্টকে ডিনারের দাওয়াত দিয়ে নিয়ে এলাম। টেবিলের তলায় ঢুকে ফ্র্যাঙ্ক তাকে আছাড় খাওয়াল। টেবিল ভেঙে পাকা তালের মত খসে পড়ল প্রেসিডেন্ট। সেই যে আমার প্রমোশনের সম্ভাবনা দূর হলো আজও কোন কূল-কিনারা করতে পারলাম না।
কাঁচা চামড়া দিয়ে স্পার দুটো বেঁধেছে ফ্র্যাঙ্ক। বাঁধনটা খুলতে খুলতে গরগর করে উঠল ব্যাগলে। যেদিন রেলের চাকরি ছাড়ব সেদিন ওর পিঠের ছাল যদি না তুলে নিয়েছি তো আমার নাম হিরাম ব্যাগলে না!
এসো, ব্যাগলে। কোচ থেকে নেমে গেল বেনন।
প্রথমে ওরা টেলিগ্রাফারের কুটিরে এলো। কপাল ভাল ওদের, খুনে লোকটা টেলিগ্রাফের লাইন কাটতে পারেনি। টেইল হল্টে খবর পাঠানো হলো যাতে ওখানে গিয়ে ব্যাঙ্ক খালি করে টাকা তুলে পালাতে না পারে হ্যারি হুলাহান। ওরা কুটির থেকে বেরতেই দেখা হয়ে গেল ব্র্যান্ডনের সঙ্গে। তার মুখে জানা গেল হ্যাটারের জ্ঞান ফিরেছে। রেল রোডের কাছে জমি বেচতে রাজি হয়ে গেছে র্যাঞ্চার। ওদিকে বিগ জিমি নর্টনকে নির্দেশ ঝাড়ছে। ভাউবয়েস। লোক জড়ো করতে বলছে লোকটাকে। বৃষ্টির মধ্যে ছুটোছুটি করছে শ্রমিকরা। আবার বেড়েছে বাতাসের বেগ। ঘন ঘন ঝিলিক দিচ্ছে বিজলি।
হ্যাটার জমি দেবে বলতেই গলা খাকারি দিয়ে পেট চিতিয়ে দাঁড়াল ভাউবয়েস, গলা কাঁপিয়ে আবেগ ভরে বলতে লাগল
বন্ধুরা প্রগতির কোন সীমাবদ্ধতা নেই। দুর্লঙ্ঘ্য বাধা পেরিয়ে উন্নতির চরম শিখরে মানুষকেই পৌঁছুতে হয়। আজ একটা মহান দিন। আমরা সম্মুখের বাধা দূর করে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, আমরা…
অনেক কাজ পড়ে রয়েছে, বাধা দিল বেনন। ক্যাম্পের প্রহরায় যেকজন লাগে তারা বাদে বাকি সবাইকে ক্যানিয়নে যেতে তৈরি হতে বলুন।
দ্বিধার ছাপ পড়ল ভাউবয়েসের চেহারায়। কিন্তু ঝড়ের রাত। যদি ডায়নোসর দেখা দেয়? একজন চাইনিজও কিন্তু থাকবে না।
আমিও আশা করছি ডায়নোসর দেখা দেবে, বলল বেনন। আজকেই একটাকে ধরব আমরা।
যেন পাগলের দিকে তাকাচ্ছে এমন দৃষ্টিতে তাকাল ভাউবয়েস।
কি মনে হয়? প্রশ্ন করল বেনন।
অসন্তুষ্ট চেহারায় মাথা ঝাঁকাল ভাউবয়েস। কি বোঝাতে চাইল সে-ই জানে। দশ মিনিটের মাথায় সরগরম হয়ে উঠল ক্যাম্প। গলা উঁচিয়ে হাঁকডাক দিতে থাকল ভাউবয়েস আর জিমি নর্টন। লাঠি-সোটা, স্লেজ হ্যামার নিয়ে লণ্ঠন হাতে তৈরি হয়ে গেল একশো শ্রমিক। মার্চ করে এগোল ক্যানিয়নের ভেতরে। সবার আগে বেনন আর ব্যাগলে। ক্যানিয়নের পাথুরে মেঝেতে সারি বেঁধে আগে বাড়ল সবাই। তৈরি হয়ে আছে, বিপদ দেখলেই রুখে দাঁড়াবে। যতটা পারে আওয়াজ করছে ওরা। মুখে যে যাই বলুক ভয়ে কাঁপছে সবার বুক। চেপে আসছে ক্যানিয়নের দেয়াল। ঝুঁকে পড়ছে দু’দিক থেকে। ডায়নোসরের মত অতিকায় একটা জন্তু যদি বের হয়; ধেয়ে যদি আসে, তাহলে পায়ের তলায় চাপা পড়ে প্রথম চোটেই মরবে বিশ-পঁচিশ জন।
ঘোড়া নিয়ে বেননের পাশে চলে এলো ব্র্যান্ডন। আমার মনে হয় এভাবে সারা জীবন খুঁজলেও ওদের দেখা পাওয়া যাবে না।
ওরা নিজেরাই দেখা দেবে। ওয়াং ওদের দিয়ে খনিতে কাজ করাতে চেয়েও করায়নি। কাছেই আছে তারা। ওয়াং ঝড় আসছে দেখে নিশ্চয়ই কাসিকে ক্যানিয়নে পাঠিয়েছে। লোকটা এখন অপেক্ষা করছে, জানে অনেক নতুন চাইনিজ এসেছে; এখন ঝড় বাদলের মধ্যে হামলা করলে লোকগুলোকে ভয় দেখিয়ে রেল রোডের কাজ বন্ধ করে দেয়া যাবে।
সংঘবদ্ধ লোকদের বিরুদ্ধে ঝুঁকি নেবে ওরা?
নেবে, মাথা কাত করে সায় দিল বেনন। ডায়নোসর দেখলেই প্রাণের ভয়ে পালাবে সবাই।
তুমি বলতে চাইছ ওরা ইচ্ছে করলেই ডায়নোসর হাজির করতে পারবে?
চলো দেখা যাক পারে কিনা।
ইতিমধ্যে ক্যাম্প অনেক পেছনে ফেলে এসেছে ওরা। পেছন ফিরলে দূরে দেখা যায় ক্যাম্পের আবছা আগুন। সমবেত স্বরে গান গাইছে চাইনিজরা। ভরাট নিচু সুর। গম্ভীর গুঞ্জনে ভরে উঠেছে ক্যানিয়নের বুক। একটা জায়গায় এসে থমকে দাঁড়াল বেনন, এখানেই গতরাতে ডায়নোসরের পায়ের ছাপ দেখেছিল।
সবাইকে দাঁড়াতে ইশারা করে অস্ত্র বের করল ও। গুলি করল আকাশের দিকে। পাশে দাড়িয়ে হাসছে ব্যাগলে। তারস্বরে এক চিৎকার দিয়ে বলল,মনে হয় ভাল জমবে ডায়নোসর শিকার। আমরা… থেমে গেল ব্যাগলে। হ বন্ধ করতে পারল না।
তিরতির করে এঁকেবেঁকে নেমে এলো তীব্র নীলচে আলো। প্রচণ্ড শব্দে ক্যানিয়নের দেয়ালে বাজ পড়ল। সেই অত্যুজ্জ্বল আলোয় দেখা গেল ভয়াল বিভীষিকার মত প্রকাণ্ড দানবটাকে। বৃষ্টির মাঝে ঝাঁপসা একটা আকৃতি। পলকের জন্যে দেখা গেল। হেলে-দুলে এগিয়ে আসছে। তারপরই আঁধার হয়ে এলো চারপাশ।
লাঠি-সোটা লণ্ঠন ফেলে পিছু হটল চাইনিজরা। হৈ-চৈ পড়ে গেল চারদিকে। কে কার আগে পিছু হটবে তার প্রতিযোগিতা শুরু হলো। বাধ্য হয়ে পরপর কয়েকবার গুলি ছুঁড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল বেনন। ওর সঙ্গে যোগ দিল ব্যাগলে আর ব্র্যান্ডন। গরুর স্ট্যাম্পিডের মত বেহাল হয়ে ছুটতে চাইছে সবাই পারছে কেবল ক্যানিয়নের মাঝখানটা সরু হওয়ায়।
বেশ কিছুক্ষণ ঐকান্তিক চেষ্টার পর আতঙ্কিত লোকগুলোকে কোনমতে ফেরাল ব্র্যান্ডন আর ব্যাগলে। দ্রুত নিয়ন্ত্রণে ফিরে এলো পরিস্থিতি। আবার এগোল সবাই। বেনন ততক্ষণে চলে গেছে ডায়নোসরটাকে যেদিকে যেতে দেখেছে তার উল্টো দিকে। ক্যানিয়নের দেয়ালের গা বেয়ে একটা তাক উঠে গেছে, ওপরের সমতল জমি থেকে ফুট বিশেক নিচে চওড়া একটা মিডৌতে। কারও মনে সন্দেহ না জাগলে দিনের আলোতেও কেউ খুঁজে পাবে পথটা। দৌড়ে উপরে উঠে এলো বেনন। মুহুর্মুহু বিদ্যুৎ ঝিলিকে দেখতে পেল যা দেখতে পাবে বলে আশা করেছিল। এক কোনে আগুন জ্বালিয়েছে কাসি আর তার দলবল। যাত্রার প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পে হামলা করবে! অস্ত্র বের করে চেঁচাল ও, ওরা এখানে!
হুড়মুড় করে উঠে এলো ক্ষিপ্ত চাইনিজ কুলিরা। তাদের আগে আগে আসছে ব্র্যান্ডন, ডেইজি আর ভাউবয়েস। ডেইজির হাতে সেই মহিষের চামড়ার দীর্ঘ চাবুক। বাতাসে চাবুক ফোঁটাচ্ছে। মেয়েটা। গোপন আস্তানায় পাল্টা হামলা হয়েছে বুঝতেই লাফ দিয়ে উঠে দাঁড়াল কাসি আর দুবৃত্তের দল। থমকে গেল অস্ত্র বের করতে গিয়ে। এত লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলল। আস্তে করে গানবেল্ট খুলে মাটিতে ফেলে দিল কাসি। তার দেখাদেখি বাকি সবাই। আলো ছায়ায় একটা আবছা আকৃতিকে নড়ে উঠতে দেখল বেনন-। বুঝে ফেলল ও কে হতে পারে লোকটা। ছুটতে শুরু করল তার পেছনে। দশ গজ পেরতেই ধরে ফেলল। ওর ল্যাং খেয়ে হোঁচট খেয়ে পড়ল লোকটা কাকর মেশানো মাটিতে। হাঁচড়-পাচড় করে উঠতে চেষ্টা করল তারপর পড়ে গেল আবার। বুকের উপর চেপে বসেছে বেনন।
দৌড়ে এলো ব্যাগলে। চাপা সুরে শিস দিয়ে উঠল চিতপাত হ্যারি হুলাহানকে দেখতে পেয়ে।
তাহলে এভাবেই ধরা পড়ল আমাদের বিখ্যাত প্রবঞ্চক!
পড়েছে মানে? ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ছে বেনন পরিশ্রমে। একেবারে আছাড় খেয়ে।
লোকটাকে বেঁধে ফেলল বেনন আর ব্যাগলে।
মিডোর ধারে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে ছোট একটা বাক্স। ভেতরে লণ্ঠন জ্বলছে। বাক্সের সামনে একটা কাঁচের স্লাইড। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে কম্বল পরিয়ে নেয়া হত। হাতল ধরে বাক্সটা নাড়াত একজন। ক্যানিয়নের দেয়ালে পড়ত ছবি। পলকের জন্যে দেখা যেতে নড়ে-চড়ে বেড়াচ্ছে ডায়নোসর। বুদ্ধিমান বাটপাড় ডক্টর ওয়াং। জিনিসটা প্রসংশার দৃষ্টিতে নেড়েচেড়ে দেখে নামিয়ে রাখল বেনন। ফিরে এল ওয়ার্ডের কাছে।
ডায়নোসরটা গেল কই? বিরাট পেটটা নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো ভাউবয়েস সি ভাউবয়েস নোয়ক। পেটের দোলা থামতে না থামতেই আবার জিজ্ঞেস করল, আরে, হ্যারি হুলাহান এখানে কোত্থেকে এলো!
এখানেই ছিল, বলল বেনন। হ্যাটারকে মারতে না পেরে এখানে এসে আশ্রয় নিয়েছে। সকাল হলেই পালাত। ওর জানা হয়ে গেছে ধরা পড়লে বাঁচোয়া নেই, হারমানকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলতে হবে ওকে।
পারলে প্রমাণ করো আমি ব্যাঙ্কারকে খুন করেছি, ঘোৎ করে উঠল হুলাহান। ঠোঁট সরে গিয়ে দাঁত বেরিয়ে পড়েছে তার। উপুড় হয়ে আছে। ঘাড় বাকা করে বেননের দিকে তাকানোর চেষ্টা করল। পারবে না!
ভেবো না পার পাবে। ওয়াং নিজের গলা বাচাতে মুখটা খুললেই ফেঁসে যাবে তুমি। আর নিশ্চিত থাকতে পারো মুখ ওয়াং খুলবেই। বেশ কয়েক জন কুলি মারা গেছে তোমার ভাড়া করা গুণ্ডাদের হাতে।
ক্যাম্পফায়ারের ধারে গিয়ে থামল বেনন। ভেবেছিল ইতিমধ্যে বেঁধে ফেলা হয়েছে সবাইকে। সব শেষে বাঁধা হলো হ্যারি হুলাহানকে। বুকের ছাতি ফুলে উঠেছে চাইনিজদের। ক্যাম্পের দিকে ফেরার সময় চড়া গলায় গান ধরল ওরা। সামনে হাঁটছে পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় এতদিনের অত্যাচারী রেইডারদের দল।
কন্ট্রাকশন ক্যাম্পে এসে তাদের ঘিরে গোল হয়ে দাঁড়াল সবাই। বক্তৃতার তোড় এসে গেল ভাউবয়েসের। নিজেকে সামলে নিল কোনমতে। তবু বেনন আর ব্যাগলের সম্বন্ধে যা বলল ওরা তা নিজেরাও এতদিন জানত না। সব শেষে আমি বলতে চাই, যারা এতকিছুর পরও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে, তারা অবশ্যই কৃতজ্ঞতা পাবার যোগ্য। আমাদের শিকাগো অফিস তাদের পুরস্কৃত করার উপযুক্ত ব্যবস্থা নেবে। বেননের দিকে তাকাল সে। কার কি চাওয়ার আছে বলো।
আমার ধারণা ধন্যবাদটা ব্যাগলের প্রাপ্য, পাশে সরে জায়গা ছেড়ে দিল বেনন। ও-ই খনির মধ্যে ডক্টর ওয়াংকে ধরেছিল। কিছু পাওনা হলে ওরই হয়।
হ্যাঁ, হ্যাঁ-বলে ফেলো, বলে ফেলো! সবাই চেঁচাল।
বিনীত একটা হাসি দেখা গেল ব্যাগলের মুখে। লজ্জিত ভঙ্গিতে কিছু একটা বলতে যাচ্ছিল। কিন্তু চোখ পড়ল ফ্র্যাঙ্ক নোয়াকের ওপর। সঙ্গে সঙ্গে কুঁচকে গিয়ে চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল। বড় বড় দাঁত বের করে বিকট হেসে হাত বাড়াল ছেলেটার দিকে। ফ্র্যাঙ্ক নোয়াক এবার পালাবার সুযোগ পেল না, খপ করে তার কাধ চেপে ধরল ব্যাগলে। তারপর আস্তে করে কাছে টেনে নিয়ে পিঠ চাপড়ে ছেড়ে দিল।
ভেবেছিলাম, এই ছোঁড়ার পিঠের চামড়া ছাড়াতে চাইব। কিন্তু, না; দোয়া করি বড় হও। অনেক অনেক বড়। যতদিন বড় হচ্ছ সবার জান জ্বালিয়ে খাও–আমারটা ছাড়া।
<