টেইল হল্টে পা রাখার দ্বিতীয় দিন। মহা আরামে অড ফেলো বিল্ডিঙে, মন্ট্যানা সেন্ট্রালের অফিসে বসে আছে ব্যাগলে। কালকের পোশাক বদলে ফেলেছে। পরনে অতি ব্যবহারে মলিন একটা ধুলো মাখা শার্ট। লিভাইটা অন্তত বছর খানেক পানির স্পর্শ পায়নি। খুলে রাখলে দাঁড়িয়ে থাকে। তলি ক্ষয়ে যাওয়া বুটের চামড়া মাখনের মত নরম। স্পারের রাওয়েলসগুলো এতই বড় যে দেখলে মনে হয় ওয়্যাগনের চাকা বানাতে গিয়ে মনের ভুলে ওগুলো বানিয়ে ফেলেছে কারিগর।

টেবিলের কোনায় স্পার বাধিয়ে চেয়ারটা পেছনে হেলিয়ে বসে আছে সে। বুক ভরা প্রশান্তি নিয়ে তাকিয়ে আছে মার্লোন ব্র্যান্ডনের দিকে।

উদ্বিগ্ন চেহারায় টেবিল আর জানালা করছে লোকটা। মাঝে মাঝে পায়চারি থামিয়ে জানালা দিয়ে নিচের রাস্তায় তাকাচ্ছে। একই সমান চিন্তিত দেখাচ্ছে ভাউবয়েস সি ভাউবয়েস নোয়াককে। ঘরে ফ্র্যাঙ্ক নোয়াকও উপস্থিত। একটা বইয়ে নাক ডুবিয়ে তন্ময় হয়ে আছে সে। ব্যাগলের সুখে থাকার এটাই প্রধান কারণ। বিছের মত হারামি এই ছোঁড়াটার সঙ্গে বুদ্ধিতে ঠিক পেরে উঠছে না ও। সিদ্ধান্ত নিয়েছে যতটা সম্ভব এড়িয়ে চলবে।

হাই তুলে বইটা পাশে নামিয়ে রাখল ফ্র্যাঙ্ক। চসার, বলল ধীরে ধীরে, বেশ রসিক লোক ছিলেন। তবে প্রায় শিশুসুলভ। ব্যাগলের দিকে তাকাল সে। আমার অবশ্য ব্যক্তিগত ভাবে রাবেলাইকেই বেশি পছন্দ। আপনার কাকে ভাল লাগে, মিস্টার ব্যাগলে?

তোমার আবার তর্ক করার শখ হয়েছে? হার মানার পাত্র নয়, প্রায় রুখে উঠল ব্যাগলে। ও কিছু জানে না টের পেলেই খোঁচাতে শুরু করবে ছোঁড়াটা।

তর্কের কি আছে, আমি শুধু আপনার বিজ্ঞ মতামত জানতে চাইছিলাম।

থামুন আপনারা, কড়া গলায় দু’জনকে থামিয়ে দিল ব্র্যান্ডন। মিস্টার ব্যাগলে, একটু এদিকে আসুন।

জানালার সামনে গিয়ে দাঁড়াল ব্যাগলে। এন্ড অভ স্টীল থেকে সদ্য আসা ট্রেন থেমেছে স্টেশনে। পিলপিল করে নামছে কুলি মজুর। গুনে শেষ করা যাবে না। মিছিলের মত বেরিয়ে আসছে স্টেশন থেকে।

সবাই চলে গেলে আমি স্পার বানাব কি করে! হতাশ হয়ে বলল ব্র্যান্ডন। যাকেই কিছু জিজ্ঞেস করি সে-ই বলে ড্রাগন! জানের ভয়ে পালাচ্ছে লোকগুলো। দ্বিগুণ মজুরিতেও থাকতে চাইছে না!

জিমি নর্টন বা রক বেনন কেন খবর পাঠাচ্ছে না! কপালে আট-দশটা ভাঁজ তুলে বললেন ভাউবয়েস। নিশ্চয়ই কাল রাতে কিছু একটা ঘটেছে ওখানে। ওদের বোঝা উচিত কর্তৃপক্ষকে অবহিত করা ওদের কর্তব্য।

যাই ঘটুক বেনন এতক্ষণে পরিস্থিতি সামলে নিয়েছে। নিজের মনেই সন্দেহ থাকলেও বন্ধুর সমর্থনে বলল ব্যাগলে।

সকালে হ্যারি হুলাহান এন্ড অভ স্টীলে গেছে, বলল ব্র্যান্ডন। সে ফিরলে ওদিকের খবর জানা যাবে।

টেলিগ্রাফ করেই জেনে নেয়া যায়, পরামর্শ দিল ফ্র্যাঙ্ক। ভাউবয়েসকে তাকাতে দেখে মাথা নাড়ল ব্র্যান্ডন। কাল রাতের ঝড়ে লাইন ছিঁড়ে গেছে কোথাও। মেরামত করতে সময় লাগবে। লাইন নষ্ট হওয়ার আগে খুব সংক্ষিপ্ত একটা টেলিগ্রাম করেছিল জিমি নর্টন। লিখেছে, আবার ঝড়… দানবের দেখা। ব্যস এটুকুই।

এখবর শিকাগো অফিস জানলে বোধহয় কাজ থামিয়ে ফিরে যেতে নির্দেশ দেবে, বলল ভাউবয়েস। চেহারায় সহানুভূতি নিয়ে ব্র্যান্ডনকে দেখল। অথচ ওদেরকে জানাতেই হবে। নতুন করে কুলি জোগাড় করতে অন্তত এক সপ্তাহ লাগবে। শিকাগো যদি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় তবুও তোমার আর আমার এ-জীবনে পদোন্নতির আশা না করাই ভাল।

শান্ত হও, বাবা, উপদেশ দিল ফ্র্যাঙ্ক। চাকরি যদি চলেও যায় তিরিশ বছর খাটুনির বিনিময়ে ওরা তোমাকে যে সুন্দর ঘড়িটা দিয়েছে ওটা তো থাকবে। আমার বিশ্বাস ওরা যখন তোমাকে বের করে দেবে ঘড়িটা ওরা ফেরত নেবে না।

চোপ! ছেলেকে শাসন করে জানালা দিয়ে বাইরে তাকাল ভাউবয়েস। একটু পর বললেন, আমি আজই শিকাগো চলে যাব। চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি কুলি-মজুর জোগাড় করে ফিরে আসতে।

আমি বোধহয় লোকের ব্যাপারে আপনাদের সাহায্য করতে পারব, বলল ব্যাগলে। হঠাৎ করেই চ্যাং টোয়াঙের কথা মনে পড়ে গেছে ওর।

হা! হা! হা! ফ্র্যাঙ্কের অবিশ্বাস ভরা ফাঁকা হাসি বুলেটের মত বিধল ব্যাগলের বুকে।

লোকের ব্যাপারে! ডুবন্ত মানুষের বাঁচার আকুতি নিয়ে তাকাল ভাউবয়েস। বলুন শুনি।

কিন্তু ব্যাগলে মুখ খোলার আগেই পাশের অ্যান্টিরূমে হৈ হুলস্থূল লেগে গেল। উঁচু কাঁপা কাঁপা গলায় কাকে যেন কি বোঝাচ্ছে ক্লার্ক। ঠিক চব্বিশ ঘণ্টা আগের সেই একই ঘটনা ঘটল। দড়াম করে খুলে গেল দরজা। ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন মিস অ্যানা হ্যাটার। সেই স্টীল রিমের চশমাটা ঝুলছে নাকের ওপর। সেই একই রাগান্বিত দৃষ্টি দু’চোখে। আজ শুধু সঙ্গে ডেইজি নেই, নাহলে কে বলবে কালকের দিনটা আসলে আজকে নয়!

ছিহ, ছিহ, ছিহ, ঘরে পা রেখেই তিরস্কার শুরু করলেন তিনি। আপনাদের কি লজ্জা বলতে কিছু নেই! আমি ভাবতেও পারি না…

আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, ম্যাম…

ভাউবয়েসকেও মাঝপথে থেমে যেতে হলো। আমি মনে করেছিলাম আপনারা ভদ্রলোক! তার নাকের সামনে আঙুল তুলে নাড়লেন টীচার। আপনাদের কোন কথা আর বিশ্বাস করি না আমি। কী ভেবেছেন, চোখ বুজে, কানে হাত চাপা দিয়ে বসে আছে সবাই? রেল রোড এই শহরে দুরারোগ্য ব্যাধির কারণ হয়ে দাঁড়াবে তা আমি একজন স্টক হোল্ডার হিসেবে কিছুতেই মেনে নেব না!

আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আপনার স্পার…

থামুন! স্পার? ও, হ্যাঁ, ওটা খুঁজে বের করাও জরুরী। পরে আসছি ওকথায়। আগে আমি বলতে চাই সবার নাকের সামনে এ-শহরে যে দুঃসহ নীতিহীনতা চলছে সেটার কথা। কী দায়িত্ব পালন করছেন আপনারা শুনি? প্রতি দুটো বাড়ি পরপর একটা করে বাড়িতে মদ বেচা হচ্ছে! ভাবতে পারেন রেলের শ্রমিকদের জন্যে চলছে এই জঘন্য ব্যবসা! মদের যোগান দেয়ার জন্যে প্রতিদিন একটা করে সেলুন ভোলা হচ্ছে! আমি আপনাকে বলছি, স্যার, আপনি যদি ব্যবস্থা না নেন আপনার বিরুদ্ধে হেড অফিসে নালিশ করব আমি। আপনাকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে ওখানে আমার প্রভাবশালী বন্ধু-বান্ধব আছে।

কিন্তু, ম্যাডাম, আমার কি করার আছে? আরও কিছু বলতে হাঁ করেও চুপ হয়ে গেল ভাউবয়েস। আসলেই ভাল প্রভাব আছে। মহিলার শিকাগো অফিসে।

হাতের ঝাঁপটায় তাকে থামিয়ে দিয়েছেন টীচার। আপনি আপনার লোকদের মানা করুন যাতে ওসব জায়গায় না যায় কেউ, বললেন তিনি। তারা যদি না যায় ঈশ্বর অভিশপ্ত সেলুনগুলো একে একে বন্ধ হয়ে যাবে।

বুঝলাম। মাথা দোলাল ভাউবয়েস। কিন্তু আপনি আমার দিকটাও একটু বুঝুন। চাইনিজরা পালাচ্ছে ড্রাগনের ভয়ে। এখন আপনি বলছেন মদের দোকান বন্ধ করার কথা। এবার তো আইরিশরাও রাগ করে চলে যাবে। সবাই চলে গেলে সমস্ত কাজই তো বন্ধ হয়ে যাবে!

হয়ে যদি যায় তো যাক। তা-ও ভাল। তবু নোংরামিকে প্রশ্রয় দেবে না কেউ পাগল না হলে। আমি ভাবতেই পারি না আমার টাকা এমন একটা প্রতিষ্ঠানে খাটছে যাদের নীতির কোন বালাই নেই। আপনি এখুনি উপযুক্ত ব্যবস্থা না নিলে আজই আমি শিকাগোতে চিঠি লিখব।

হাল ছেড়ে দিল ভাউবয়েস। কাঁধ ঝাঁকিয়ে বলল, বেশ, মিস হ্যাটার, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমি। আপনি দয়া করে চিঠি লিখবেনন না। এতে আমাদের অসুবিধা ছাড়া সুবিধা হবে না।

সে আমি জানি। দুষ্টুমির একটুকরো হাসি ফুটল টীচারের ঠোঁটে। তাহলে আপনি কথা দিচ্ছেন মদ বিক্রি ঠেকাবেনন?

দিচ্ছি।

বাবা খুবই বুদ্ধিমান, নিচু গলায় ব্যাগলেকে বলল ফ্র্যাঙ্ক। আপোস রফায় পাকা।

উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় দরজার দিকে পা বাড়ালেন মিস হ্যাটার। বেরিয়ে যেতে যেতে বললেন, আমি ঘুরে ঘুরে দেখব আপনারা কথা রাখছেন কিনা।

মহিলা খুবই অভদ্র, টীচার চলে যাওয়ার পর মন্তব্য করল ব্যাগলে।

বাদ দিন ওই পাগল বুড়ির কথা। কপালের ঘাম মুছল ভাউবয়েস। মস্ত ভুঁড়ি বাগিয়ে ব্যাগলের সামনে এসে দাঁড়াল। মদ বিক্রি বন্ধ করা তো তুচ্ছ, দজ্জাল বুড়িটা চাইলে আকাশের চাঁদ পেড়ে এনে দেবার শপথ করতেও দ্বিধা করতাম না। আসল কথা বলুন। লোক আনার ব্যাপারে কি যেন বলছিলেন না, আপদটা এসে বাগড়া দেবার আগে?

চ্যাং টোয়াং।

আঁ! কী বললেন?

চ্যাং টোয়াং চাইনিজ। আমার বন্ধু। হেলেনায় থাকে। কানাডা থেকে চোরাই পথে এদেশে চাইনিজদের নিয়ে আসার ব্যবসা করে ও।

আপনি ভাবছেন সে আমাদের লোক জুটিয়ে দিতে পারবে? উজ্জ্বল হয়ে উঠল ভাউবয়েসের চাহনি। কতদিন লাগবে লোক জোগাড় করতে? তাড়াতাড়ি হলে শিকাগোতে যাব না আমি। এদিকের ঘটনাও কাউকে জানাব না।

আশা করি হেলেনা যেতে আসতে যতটুকু সময় লাগবে তার বেশি লাগবে না লোক নিয়ে আসতে। টোয়াং প্রতি মাসে কম করেও শ’পাঁচেক লোক পার করে।

ওরা বেআইনি অভিবাসী, বলল ফ্র্যাঙ্ক নোয়াক। তোমাদের কোম্পানি ফেঁসে যাবে শেষে।

ছোঁকরার জ্ঞানের বহর দেখে অবাক হলো ব্যাগলে।

ছেলের কথায় মাথা নাড়ল ভাউবয়েস। সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করলে কোন সমস্যা দেখা দেবে না। চুক্তি করব স্পারের কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন লোকগুলোকে এদেশে থাকতে দেয়া হয়। সিনেটর আছে কয়েকজন পরিচিত। কোন অসুবিধা হবে না। ব্যাগলের দিকে তাকাল সে। আমি কথা দিচ্ছি আপনার সেই বন্ধুর নাম প্রকাশ পাবে না। দেখুন একবার চেষ্টা করে আমাদের বাঁচাতে পারেন কিনা।

আশা করি পারব। জোর দিয়ে বলল ব্যাগলে।

হা! হা! হা! হাসল ফ্র্যাঙ্ক নোয়াক। ব্র্যান্ডনের দিকে মোটা দেহটা ফেরাল ভাইস প্রেসিডেন্ট। বলল, মার্লোন, এক্ষুণি মিস্টার ব্যাগলের জন্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করো। খবর পাঠাও আর সব ট্রেন যেন লাইন ছেড়ে দেয়। আমি চাই সন্ধের আগেই মিস্টার ব্যাগলে যেন হেলেনায় পৌঁছায়। এবার ব্যাগলের দিকে মনোযোগ দিল সে। মিস্টার ব্যাগলে, আশা করি আপনি বুঝতে পারছেন আপনার সাফল্যের ওপর স্পারের নির্মাণ নির্ভর করছে? মনে রাখবেন আপনি যদি সফল হন চির কৃতজ্ঞ থাকবে মন্ট্যানা রেল রোড। যা চাইবেন তা-ই পাবেন।

ভ্রূ কুঁচকে চোখ পাকিয়ে ফ্যাঙ্ক নোয়কের দিকে তাকাল ব্যাগলে। চোখের দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিল কি সে চাইতে পারে। মুখ শুকিয়ে গেল ফ্র্যাঙ্কের। মনে পড়েছে গত দুদিনের তাচ্ছিল্য আর বিশেষ করে বিছানায় স্পার রাখার ঘটনাটা। ছোঁড়াটাকে ভয় পাইয়ে দেয়া গেছে, আত্মতৃপ্তির সঙ্গে ভাবল ব্যাগলে। ও জানে না কি আছে ওর কপালে।

তাহলে ট্রেনের ব্যবস্থা করে দিয়েই এন্ড অভ স্টীলে যাব আমি, বলল মার্লোন। জানা দরকার আসলেই কি হচ্ছে ওখানে।

লাইন যাতে খোলা থাকে, সাবধান করল ব্যাগলে, আমার লোহার ঘোড়া যখন ছুটবে এমন জোরেই ছুটবে যে সামনে কিছু পড়লে একবারে চুরমার করে উড়িয়ে নিয়ে যাবে।

হা! হা! হা! হাসল ফ্র্যাঙ্ক নোয়াক। ব্যাগলের ইচ্ছে হলো ছোড়ার কান টেনে ছিঁড়ে নেয়। নিজেকে বোঝাল ও, পরে হবে ওসব; আগে সবাইকে উদ্ধার করে নিই, তারপর। কল্পনায় নিজেকে দেখতে পেল ও বিজয়ী বীরের বেশে। যুদ্ধ জয় (!) করে ফিরছে ও। চারপাশে ভক্তের দল, মুগ্ধ হয়ে চেয়ে আছে; একজন আরেকজনকে দেখাচ্ছে, ওই যে দেখো ব্যাগলে, মন্ট্যানা সেন্ট্রাল রেল রোডকে ও একাই বাঁচিয়েছে মস্ত বিপদ থেকে। পুলকে কেঁপে উঠল ব্যাগলে। বেনন ওকে সঙ্গে নেয়নি, উত্তেজনার ভাগ দেয়নি, নিষ্ঠুর ভাবে বঞ্চিত করেছে, তবু নির্দ্বিধায় বেননকে ক্ষমা করে দিল ও। এমনকি ফ্র্যাঙ্ক নোয়াককেও ক্ষমা করে দিত, কিন্তু পারল না পেছন দিকটা এখনও ব্যথা করছে বলে।

একঘণ্টার মধ্যে তৈরি হয়ে গেল একটা এঞ্জিন। মন্ট্যানা রেল রোডকে উদ্ধার করতে বুক টান টান করে ক্যাবে উঠে পড়ল ব্যাগলে। নিজেকে সম্রাট বলে মনে হচ্ছে ওর। কে জানত এত সৌভাগ্য ছিল কপালে! শুধু ওরই জন্যে হেলেনা যাচ্ছে একটা ট্রেন!

এঞ্জিন ড্রাইভার আর ফায়ারম্যানকে হাতের ইশারায় রওয়ানা হতে বলল ও। ছুটি থেকে ডেকে আনা হয়েছে, ফলে বিরক্ত চেহারায় নির্দেশ পালন করল লোকগুলো। হিসহিস আওয়াজ তুলে ঘুরতে শুরু করল চাকা। দ্রুত বাড়ছে গতি, তবু ব্যাগলের মনে হলো লোহার ঘোড়াটা যথেষ্ট জোরে ছুটছে না।

আগুনে আরও কয়লা ঢালো, সময় কম, শেষ পর্যন্ত অধৈর্য হয়ে বলেই ফেলল ও।

ভ্রূ কুঁচকে গেল ফায়ারম্যানের। জবাব দিল না। ব্যাগলেকে তার মোটেও পছন্দ হয়নি। লোকটার গা থেকে এখনও ঘোড়ার গন্ধ বের হচ্ছে! কি বোঝে লোকটা রেল এঞ্জিনের? বয়লার ফাটলে তখন?

লোকটা কথার অবাধ্য হয়েছে দেখেও একজন মহান নেতার মত তাকে ক্ষমা করে দিল ব্যাগলে। এসব গায়ে মাখলে চলে না। পল রিভিয়েরা যখন তার ঐতিহাসিক যাত্রায় বের হলো তখনও মানুষ তাকে সমালোচনা করেছে। ওকেও বাধার সম্মুখীন হতে হবে, ধরেই নিয়েছে ব্যাগলে। আজ এই ফায়ারম্যান বুঝছে না কার সঙ্গে তার দেখা হয়েছে। একদিন যখন লোকটা বুড়ো হবে, নাতি-নাতনীদের গর্ব করে গল্প শোনাবে: জানিস, আমি হিরাম ব্যাগলেকে খুব ভাল করে চিনতাম। আমিও ছিলাম ব্যাগলের সেই ঐতিহাসিক হেলেনা যাত্রায়। অবাক হয়ে যেতি তোরা তাঁকে সামনে থেকে দেখলে। বিশ্বাসই করতে পারতি না পুরোনো জুতোর মত অতি সাধারণ চেহারার সেই মানুষটার ভেতর লুকিয়ে আছে দুজয় দুঃসাহসী একজন মহানায়ক।

দুলতে দুলতে পূর্ণ গতিতে ছুটছে ট্রেন। দ্রুত পেছনে চলে যাচ্ছে গাছপালা, পাহাড়-টিলা, মাঠ-ঘাট; তবু সন্তুষ্টি হচ্ছে না ব্যাগলের। কল্পনার ফাঁকে ফাঁকে বারবার ভ্ৰ কুঁচকে উঠছে ওর।

একঘণ্টা পরে ছোট একটা বসতি পার হলো ওরা। ওদের জন্যে সাইড লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা ফ্রেইট ট্রেন। পাশ কাটানোর সময় ওটার অধৈর্য এঞ্জিনিয়ারকে হাত নাড়ল গর্বিত ব্যাগলে। টেইল হল্টের অসমান লাইন শেষ হয়ে মেইন লাইন চলে এলো। গতি বাড়ার কথা, কিন্তু কমে গেল আরও। পাহাড় বেয়ে উঠছে ট্রেন। চিমনি দিয়ে গলগল করে ধোঁয়া বের হচ্ছে।

একহাতে হুইলের কর্ড ধরে সীটে বসে জানালা দিয়ে সামনে তাকিয়ে আছে এঞ্জিনিয়ার। প্রয়োজন মত বয়লারে কয়লা দিচ্ছে। ফায়ারম্যান। কথা বলছে না কেউ কারও সঙ্গে। অনেকক্ষণ পার হলো এভাবে। তারপর থাকতে না পেরে মুখ খুলল ব্যাগলে।

আরও জোরে যাওয়া যায় না?

অত তাড়া থাকলে তুমিও একটা কোদাল নিয়ে নেমে পড়ো, জানাল ফায়ারম্যান।

চালিয়াতি হাসি হাসল ব্যাগলে। দুনিয়ায় দু’রকমের লোক আছে। একদল গতরে খাটে, আরেক দল মগজ খাটিয়ে তাদেরকে খাটায়। আমি হচ্ছি শেষ দলের।

বিকেল গড়ানোর পর ঢালের চড়াই পার হলো ওরা। নামার সময় ট্রেনের গতি বেড়ে গেল। সামনের আলো জ্বেলে দিল এঞ্জিনিয়ার। আঁধারের বুক চিরে ঝড়ের গতিতে ছুটছে যন্ত্রদানব।

গুনগুন করে গান গেয়ে উঠল ব্যাগলে। হ্যাঁ, এইবার বেশ জোরে চলছে লোহার ঘোড়া। এভাবে চললে দেরি হবে না হেলেনা পৌঁছতে।

একটু পরেই থেমে গেল ওর গান। এঞ্জিনিয়ার দুঃসংবাদ দিল, থামতে হবে। সামনে লাল লাইট। পাশের ট্র্যাকে সরিয়ে দিয়েছে। আমাদের।

লোহায় লোহায় ঘসা খাওয়ার কর্কশ আওয়াজ তুলে ছোট একটা ডিপোর সামনে থেমে গেল ট্রেন। অস্থির ব্যাগলের চোখের সামনে এঞ্জিনিয়ারকে একটুকরো কাগজে ট্রেন অর্ডার দিয়ে গেল লোকাল ডেসপ্যাচার।

আমাদের জন্যে ট্র্যাক পরিষ্কার রাখার কথা ছিল! অভিমান করে বলল ব্যাগলে। তোমরাই যদি চাও মন্ট্যানা রেল রোড ধ্বংস হয়ে যাক তো আমার একার কি করার আছে?

এই লাইনটা আমাদের না; আমরা এখন নর্দান প্যাসিফিকের বসানো ট্র্যাকে আছি, বলল এঞ্জিনিয়ার। আমাদের অফিস বোধহয় ওদের কাছ থেকে অনুমতি পায়নি। অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।

ওই যে একটা লোকোমোটিভ আসছে। আঙুল তুলে পেছনদিক দেখাল ফায়ারম্যান।

মাটি কাঁপিয়ে ওদের পাশ দিয়ে চলে গেল একটা ট্রেন। সিগনালের আলো মিটমিট করে সঙ্কেত দিল। এবার যেতে পারে ওরা।

উত্তেজনায় টুল ছেড়ে দাঁড়িয়ে পড়ল ব্যাগলে। গোঁফে তা দিতে দিতে বলল, তাড়াতাড়ি করো; নষ্ট হওয়া সময়টা পুষিয়ে নিতে হবে আমাদের।

ট্র্যাক বদলে আবার রওয়ানা হতে গিয়ে নষ্ট হয়ে গেল আরও পনেরো মিনিট। ধমক-ধামক আর অনুরোধ-উপরোধে ট্রেনের গতি বাড়ছে না দেখে শেষ পর্যন্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে কোদাল তুলে নিল ব্যাগলে। বয়লারে কয়লা ঢালতে লাগল। পাত্তাই দিল না ফায়ারম্যানের তাচ্ছিল্যের দৃষ্টি।

ট্রেন হেলেনার প্ল্যাটফর্মে পৌঁছে পুরোপুরি থামার আগেই লাফ দিয়ে নেমে পড়ল ও। কালি ঝুলি মেখে ভূত হয়ে আছে। দিশেহারা ভয়ঙ্কর এক উন্মাদের মত দেখাচ্ছে ওকে। রাস্তার লোকজন সভয়ে দূরত্ব বজায় রাখছে, সেদিকে কোন খেয়াল নেই; মন্ট্যানার রাজধানীর গলিঘুচি দিয়ে দক্ষিণে, লাস্ট চান্স গালশের দিকে এগোল ব্যাগলে। থামল এক কানাগলির শেষে। ওখানে সাইনবোর্ড ঝুলছে। চ্যাং টোয়াং, জেড এবং চায়ের ডিলার।

দোকানে ঢুকতে গিয়েও আচমকা ভয়াবহ একটা সম্ভাবনা মনে আসতেই থমকে গেল ব্যাগলে। অনেকদিন হলো যোগাযোগ নেই; চ্যাং টোয়াং যদি এখানে না থাকে? যদি বর্ডারে থাকে বা চায়নায় আত্মীয়দের দেখতে যায়? বুক টানটান করে দ্বিধা ঝেড়ে ফেলল ব্যাগলে। চ্যাং টোয়াংকে থাকতেই হবে। ভাগ্য একজনকে সুযোগ দিয়েও প্রবঞ্চিত করবে তেমন হতেই পারে না! কেন, জর্জ ওয়াশিংটন…

দোকানে ঢুকে এদিক ওদিক তাকাল ব্যাগলে। আশা করেছিল কাউন্টারের পেছনে টোয়াঙের চাঁদের মত গোল মুখটা দেখতে পাবে। সে নেই। চ্যাং টোয়াঙের বদলে কাউন্টারে বসে আছে। শীর্ণকায় এক চাইনিজ।

চ্যাং টোয়াং কোথায়? দম আটকে জানতে চাইল ব্যাগলে।

ওখানে। হাতের ইশারায় পর্দা দেয়া একটা দরজা দেখাল লোকটা। ব্যাগলে সেদিকে পা বাড়াতেই বলল, সে এখন দেখা করবে না, সম্মানিত একজন অতিথিকে আপ্যায়ন করতে ব্যস্ত আছে।

জরুরী কাজে এসেছি আমি, বোঝাবার সুরে বলল ব্যাগলে। রেল রোডের জন্যে কয়েকশো লোক লাগবে। সেজন্যেই ওর সঙ্গে আমার দেখা হওয়াটা জরুরী।

বাতাসে হলুদ হাতটা নাড়ল চাইনিজ। সব ব্যবস্থা হয়ে গেছে।

আঁ! ককী! হয়ে গেছে? চোখ বড় বড় হয়ে গেল ব্যাগলের। সংবিৎ ফিরে পেয়েই আর দেরি করল না, প্রায় দৌডে ঢুকে পড়ল। ও পাশের ঘরে। মহা বিস্ময় অপেক্ষা করছে ওর জন্যে। চমৎকারর আসবাপত্র সজ্জিত ঘরে সম্মানিত অতিথিকে ডিভানে বসিয়ে আপ্যায়ন করছে চ্যাং টোয়াং। মাথা গরম হয়ে গেল ব্যাগলের। সম্মানিত অতিথিটি আর কেউ নয়, ডেপো বদমাশ সেই নীচ ছোটলোক ফ্র্যাঙ্ক নোয়াক!

ব্যাগলের সারা শরীরে টগবগ করে রক্ত ফুটতে লাগল। একবার ভাবল ছুটে গিয়ে এক কামড়ে ছোড়ার কান কেড়ে নেয়। রাগে চিড়বিড় করছে ওর সারাশরীর।

ওর অকস্মাৎ অনুপ্রবেশে ফিরে তাকাল ফ্র্যাঙ্ক নোয়াক আর চ্যাং টোয়াং। চওড়া হাসিতে মুখ ভরিয়ে উঠে দাঁড়াল চাইনিজ। দু’হাত বাড়িয়ে বলল, হিরাম ব্যাগলে! আরে এসো এসো! কতদিন পর দেখা বলো তো দোস্ত!

কথা বলতে গিয়ে রাগের চোটে বলতে পারল না ব্যাগলে।

আরে, মিস্টার ব্যাগলে যে! দুধের বাটিতে বিস্কুট ফেলে বলল ফ্র্যাঙ্ক।

একদৃষ্টিতে তাকিয়ে থাকল ব্যাগলে অতি চালাক ছোঁড়াটার দিকে। ওদের পাশ কাটিয়ে যাওয়া সেই ট্রেনটার কথা মনে পড়ল ওর। হঠাৎ ও বুঝে ফেলল কি ঘটেছে।

<

Super User