এখান থেকে সরে পড়ার কোন উপায় দেখল না বেনন। যতটুকু চিবাতে পারবে তার চেয়ে বেশি মুখে দিয়ে ফেলেছে ও এবার। শত্রু যদি দু’জন হত তাহলেও একবার চেষ্টা করে দেখত, কিন্তু সুদক্ষ দশ-বারো জন গানফাইটারের বিরুদ্ধে একা কি করার আছে ওর! এগিয়ে আসছে লোকগুলো, এরইমধ্যে প্রতিযোগিতা লেগে গেছে কে কার আগে ওর ঘাড়ে ঝাপিয়ে পড়বে। অস্ত্র বের করেও গুলি করছে না কেউ কেউ সঙ্গীর গায়ে লাগতে পারে ভেবে।

যে লোকটা ওর হ্যাট ছুঁড়ে ফেলেছে তাকে লক্ষ্য করে ঘুসি ছুঁড়ল বেনন। লাগল না। মাথা সরিয়ে নিল লোকটা। গায়ের কাছে সেঁটে এসে হাঁটু তুলল বেননের তলপেটে মারার জন্যে। চোখের পলকে পা-টা ওপরে ঠেলে দিয়ে গলা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল বেনন। ঠিক করে ফেলেছে মরতে যদি হয় তো লড়ে মরবে।

মাটিতে পড়েই লাথি মারল আউট-ল। পড়ে গেল ও। পরমুহূর্তেই ছেড়ে দেয়া স্পিঙের মত লাফ দিয়ে উঠে দাঁড়াল। রাতের পটভূমিকায় পরিষ্কার দেখতে পাচ্ছে ও ক্যাম্পটা। ছোট্ট আগুন, তার পেছনে টাঙানো তাবু, দূরের কালো জঙ্গল আর চারপাশের ঝোঁপঝাড়, রাতের আকাশে তারার ঝিকিমিকি বিশ্বাস হতে চায় না এসবই থাকবে, শুধু থাকবে না সে নিজে। এখন হোক একটু পরে হোক লোকগুলো মেরে ফেলবে ওকে। ওই যে তাঁবুর সামনে ছটফট করছে উত্তেজিত ওয়াং; চোখে নিষ্পলক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে হ্যারি হুলাহান-ওরা শেষ করে দিতে চায় ওকে!

লোকগুলোর নেতা নিশ্চয়ই ব্যাঙ্কার আর ডক্টর ওয়াং। ওই দু’জনকে হুমকি দিলে থেমে যাবে আর সবাই। চেষ্টা করেও অস্ত্র বের করতে পারল না বেনন। কে যেন পেছন থেকে জড়িয়ে ধরেছে। মোচড় দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল ও। না পেরে খামচি দিয়ে গানবেল্ট থেকে তুলে নিল একমুঠো কার্তুজ। আগুনের মধ্যে ছুঁড়ে দিল।

জড়িয়ে ধরা লোকটা আশা করছে বাকিরা এসে বেননকে কাবু করবে। সে-সুযোগ দিল না ও। লোকটাকে নিয়ে মাটিতে পড়ে গেল। গড়াতে লাগল দু’জন। একেবারে আগুনের ধারে চলে এলো। পিঠে তাপ লাগতেই চামড়া বাঁচাতে বেননকে ছেড়ে দিল লোকটা। তার পাছায় কষে এক লাথি মেরে লাফ দিয়ে সরে গেল বেনন। ব্যস্ত মৌমাছির মত একে ওকে এড়িয়ে করালের দিকে দৌড় দিল।

গেল গেল করে উঠল ডক্টর ওয়াং।

ধাওয়া করল সবাই। লোকগুলো কাছে চলে এসেছে বুঝতে পেরে ঘুরে দাঁড়াল বেনন। সুবিধেই হলো ওর; সবাই একসঙ্গে হামলে পড়ায় কেউ মোক্ষম আঘাত করতে পারছে না। ওয়াঙের গলা শুনতে পেল ও। লোকটা চেঁচাচ্ছে: গুলি করো! গুলি করো!

আর মাত্র এক সেকেন্ড আগে হলে তার নির্দেশ পালিত হত, কিন্তু এরই মধ্যে ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে কাসি আর আরেকজন গানম্যান। দুজন মিলে কাধ আঁকড়ে ধরে বেননকে মাটিতে শোয়ানোর চেষ্টা করছে। গায়ে গা লেগে যাওয়ায় সুবিধা করতে পারছে না কেউ। অন্যরা ওদের ওপর দিয়ে ফোকটে মারার চেষ্টা করছে। গুলি করলে কাসি আর তার সঙ্গীর গায়ে লাগবে।

কাসিকে প্রচণ্ড এক ঘুসি মারল বেনন তলপেটে। ভুস করে বুক থেকে সমস্ত দম বেরিয়ে গেল লোকটার। সামনে ঝুঁকে এলো মাথা। তাকে পেছনে ঠেলে দিয়ে বুকে লাথি মেরে ফেলে দিল বেনন। হুড়মুড় করে কয়েকজনকে নিয়ে মাটিতে চিতপটাং হলো কাসি। এদিকে বেননকে জাপটে ধরে প্রায় ঝুলে পড়েছে কাসির সঙ্গী।

আচমকা বেননকে ছেড়ে দিগ্বিদিক হারিয়ে দৌড় দিল লোকটা। আগুনের তাপে ফুটছে কার্তুজ। বিশৃঙ্খল একটা অবস্থা ক্যাম্পে। আবছায়ায় কেউ খেয়াল করেনি ঝাঁপটাঝাপটির ফাঁকে বেনন কখন আগুনে গুলি ফেলেছে, ফলে সবাই আতঙ্কিত; চোরের মন পুলিশ পুলিশ; প্রত্যেকে ধারণা করেছে রাতের আঁধারে দল বেঁধে হানা দিয়েছে কেউ তাদের ওপর।

একেকজন দিশে হারিয়ে একেক দিকে ছুটতে লাগল।

আমি আহত হয়েছি! আর্তনাদ করল একজন।

অবাক হয়ে দেখল বেনন, সত্যিই একজন আউট-ল বাহু খামচে ধরেছে, রক্ত গড়াচ্ছে লোকটার আঙুলের ফাঁক দিয়ে। কপালের জোরে গুলি লেগে গেছে? হঠাৎ ও বুঝতে পারল আঁধারে লুকিয়ে কেউ একজন সত্যি সত্যিই ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। ব্যাগলে? খামোকা ভাবনা-চিন্তা করে সময় নষ্ট করল না বেনন। সুযোগ চিনতে দেরি হয়নি ওর। চমকে গিয়ে বোকার মত ছুটোছুটি করছে লোকগুলো; পালাবার এটাই সময়! তার আগে স্পারটা দরকার!

ওয়াং কোথায় আছে দেখে নিয়ে আগুনে লাথি মারল বেনন। ছড়িয়ে গেল জ্বলন্ত কাঠ-কয়লা। ধোঁয়ায় আবছা হয়ে এলো আগুনের আভা। আলাদা করে ওকে চিনতে পারবে না এখন কেউ। মাটি থেকে হ্যাটটা তুলে নিয়ে ধোঁয়ার মাঝ দিয়ে দৃঢ় পায়ে এগোল ও ওয়াঙের দিকে।

লোকটাকে বজ্রমুষ্ঠিতে ধরতেই ফাঁদে পড়া বিড়ালের মত ছটফট করে উঠে চাইনিজ ভাষায় কি যেন বলল। বুঝে গেল বেনন ঠিক লোককেই ধরেছে। ওয়াঙের কব্জি মুচড়ে দিল ও। স্পারটা হাত থেকে পড়ে যেতেই ধাক্কা দিয়ে ওয়াংকে দূরে সরিয়ে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগল ওটা। হাতে ধাতুর স্পর্শ লাগতেই বুঝল জিনিসটা পাওয়া গেছে।

স্পার পকেটে পুরে হামাগুড়ি দিয়ে ক্যাম্প থেকে সরে যেতে লাগল ও। ঝোঁপের ভেতর ঢুকে সিধে হলো। চারপাশে সিক্সগানের মাজুল ফ্ল্যাশ। অচেনা আক্রমণকারীকে লক্ষ্য করে আন্দাজে গুলি করছে লোকগুলো। বারুদের ক্ষণিক ঝিলিক ছাড়া আর কোন আলো নেই। দৌড়াদৌড়ির সময় পায়ের তলায় চাপ। খেয়ে নিভে গেছে আগুন।

ক্যাম্প থেকে দূরে সরে যেতে লাগল বেনন। টিলার গায়ে ঘন জঙ্গল। তার ভেতর দিয়ে এগিয়ে চলল ও। ট্রেইল খুঁজছে। জানে কিছুক্ষণের মধ্যেই ধাওয়া করবে ওয়াঙের গুণ্ডারা। পঞ্চাশ হাজার ডলারের সেই স্পার এখন ওর পকেটে। সহজে হাল ছাড়বে না ডক্টর ওয়াং। লোকটার আওতার বাইরে চলে যাওয়া দরকার, অথচ ঘোড়া নেই ওর সঙ্গে।

ক্যাম্পে এখনও গোলাগুলি চলছে শুনতে পেল ও। হ্যারি হুলাহান কি ওয়াঙের বিরুদ্ধে যোগ দিয়েছে? ব্যাঙ্কারের চিমসে চেহারা মনে পড়ল ওর। না, ওই লোক নিজের স্বার্থের বাইরে এক পা ফেলবে না। তারমানে শিগগিরই শেষ হয়ে যাবে লড়াই। মাত্র একজন লোক গানফাইটারদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। এতক্ষণে সম্ভবত সরেও গেছে লোকটা।

হঠাৎ থেমে দাঁড়াল বেনন। সামনে ঝোঁপের মধ্যে নড়ছে একটা ঘোড়া। ওয়াঙের লোক খুঁজছে ওকে! ওর চেয়ে অনেক ভাল ভাবে এই অঞ্চলটা চেনে ওরা। রেল রোডকে জ্বালাতে গিয়ে চিনেছে। টিলার ওপর থেকে কাসির গলা শোনা গেল। সবাইকে জঙ্গলটা ঘিরে ফেলতে নির্দেশ দিচ্ছে। গাছের বিস্তার খুব বেশি নয়। যে লুকিয়ে থাকতে পারবে বেনন। আস্তে আস্তে ঘের ছোট করে আনবে লোকগুলো। আগে হোক পরে হোক ধরা ওকে পড়তেই হবে।

রাতটা হয়তো ঝোঁপ ঝাড়ে লুকিয়ে পার পাওয়া যাবে, কিন্তু দিনের আলো ফুটলেই সর্বনাশ। কিছুই করতে হবে না লোকগুলোকে, খিদে আর তৃষ্ণার জ্বালায় বেরতে ওকে হবেই। তার চেয়ে রাতের আঁধারে এদের ঘেরাটোপ থেকে বেরনোর চেষ্টা করাই ভাল, সিদ্ধান্ত নিল বেনন। একবার হ্যাটারের র‍্যাঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারলে আর চিন্তার কিছু নেই। ব্যবস্থা একটা হয়েই যাবে। আরেকটা ঘোড়া ধার করতে পারবে সে; শহরে গিয়ে ব্র্যান্ডনকে জানাতে পারবে এখানে কি ঘটছে।

ঝোঁপের মাঝ দিয়ে বেশ এগোচ্ছিল বেনন। হঠাৎ শেষ হয়ে গেল ঝোঁপের জঙ্গল। সামনে ঢালু হয়ে নেমে গেছে ন্যাড়া টিলা। ঢালে পড়ে আছে ছোট-বড় বিভিন্ন আকৃতির পাথর। কিছুদিন আগে পাথর ধস হয়েছিল; তখন সব গাছপালা ভেঙেচুরে নিয়ে গেছে-এখনও জন্মায়নি। ফাঁকা জায়গাটার দিকে চেয়ে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করল বেনন। ফিরে গেলে ওয়াঙের লোকদের হাতে পড়ার সম্ভাবনা, আর নামতে গেলে ওকে দেখে ফেলতে পারে লোকগুলো। সেক্ষেত্রে নিঃসন্দেহে গুলি করা হবে। তবে একবার যদি ঢালের শেষে ঝোঁপের মধ্যে ও ঢুকতে পারে তাহলে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারবে। ঢালটা এমনই যে সাবধান থাকলে নামতে পারবে একজন মানুষ, কিন্তু কোন ঘোড়া-সে যতই সাহসী হোক-আরোহী নিয়ে নামতে পারবে না।

চাঁদটা মেঘের আড়ালে মুখ লুকাতেই কর্তব্য স্থির করা সোজা হয়ে গেল; হোঁচট খেতে খেতে পাথরের ফাঁক দিয়ে নামতে লাগল বেনন। একটু ঝুঁকি নিয়ে হলেও তাড়াহুড়ো করছে। ওয়াঙের লোকদের বোকা ভাবার কোন কারণ নেই। পাথর ধসের জায়গাটায় এসে কেউ কেউ হয়তো ঘোড়া রেখে ওকে অনুসরণ করবে। তার আগেই নিচের ওই জঙ্গলে ঢুকে যাওয়া দরকার।

বড় বড় পাথরগুলোকে আড়াল হিসেবে ব্যবহার করে নামছে ও। আশেপাশে মানুষের উপস্থিতি টের পাচ্ছে। যতটা সম্ভব নিঃশব্দে খুঁজছে ওকে ওয়াঙের লোকজন।

চলার গতি বাড়াল বেনন। দ্রুত নামছে। পরপর কয়েকটা পাথর পাশ কাটিয়ে একটা বোল্ডার ঘুরতেই ঘাপটি মেরে থাকা এক লোকের সঙ্গে ধাক্কা খেল ও। বিপদ! ধরা পড়লেই মরতে হবে! সামলে নিতে দেরি হলো না ওর। লোকটা চমক কাটানোর আগেই সিক্সগান বের করে তার বুকে ঠেসে ধরল ও। ফিসফিস করে বলল, টু শব্দ করলেও খুন হয়ে যাবে।

বুকে খোঁচা লাগায় গুঙিয়ে উঠল লোকটা। কণ্ঠস্বর পরিচিত।

কে? ব্র্যান্ডন, তুমি? জানতে চাইল বেনন।

ঈশ্বর! আমি ভেবেছিলাম তুমিও ওদের একজন! জবাব দিল চীফ এঞ্জিনিয়ার।

আমিও তাই ভেবেছিলাম। অস্ত্রটা খাপে পুরল বেনন। হঠাৎ এখানে কেন? ওয়াঙের ক্যাম্পে তুমিই হামলা করেছ?

লম্বা কাহিনী। দীর্ঘশ্বাস ফেলল ব্র্যান্ডন। গলা সামান্য উঁচিয়ে ডাকল, ডেইজি, কোথায় তুমি!

এইযে এখানে। আরেকটা বোল্ডারের আড়াল থেকে বেরিয়ে এলো মেয়েটা।

পা বাড়াল ব্র্যান্ডন। চলো, সরে যেতে হবে এখান থেকে।

যাচ্ছি কোথায়?

ঢালের শেষ মাথায় ঘোড়া লুকিয়ে রেখে এসেছি আমরা। ওই খনির কাছে।

খনি?

লোকে যেটাকে সোবার সুয়েড বলে, বলল ডেইজি। অনেকদিন আগেই পরিত্যক্ত হয়ে গেছে।

ডক্টর ওয়াং তার লোকদের কি বলেছিল মনে পড়ল বেননের লোকটার তাড়া খেয়ে খনির কথা বেমালুম ভুলে গিয়েছিল ও। ডক্টর ওয়াং গানফাইটারদের দিয়ে মাইনারের কাজ করাতে চায় কেন? তাহলে কি খনিতে সোনার খোঁজ পেয়েছে লোকটা?

এখন এসব প্রশ্ন করার সময় নয়, পরে এব্যাপারে আলাপ করবে ভেবে চুপ করে রইল বেনন।

কিছুক্ষণ পর খনি-মুখের কাছে চলে এলো ওরা। ঝোঁপের ভেতর থেকে ঘোড়া বের করে একটায় চাপল ডেইজি, অন্যটায় ব্র্যান্ডন আর বেনন। বনের মাঝ দিয়ে টিলা থেকে নামতে লাগল ওরা। কিছুটা নিশ্চিন্ত বোধ করছে বেনন। ওয়াঙের লোকরা ঢালের দিকে খুঁজবে, খনির দিকে তাদের আসার সম্ভাবনা কম। যখন তারা বুঝবে পাখি উড়ে গেছে ততক্ষণে অনেক দূরে চলে যেতে পারবে ওরা।

একবারে ঠিক সময়ে এসে হাজির হয়েছিলে ভাগ্যিস, নীরবতা ভাঙল বেনন।

ব্যাপারটা কাকতালীয় নয়, বলল ব্র্যান্ডন। জিমি নর্টনের কাছ থেকে কাল রাতে একটা টেলিগ্রাম পাই। জানতে পারি ক্যাম্পে হামলা হয়েছে। তারপরই তোমার সঙ্গীকে জরুরী কাজে হেলেনায় পাঠানোর ব্যবস্থা করে রওয়ানা হয়ে যাই। এড অভ স্টীলে পৌঁছে জানলাম একটা ভুয়া টেলিগ্রাম পেয়ে তোমাকে নর্টন বন্দী করেছিল।

টেলিগ্রামটা কে পাঠিয়েছে বলে তোমার ধারণা?

শ্রাগ করল ব্র্যান্ডন। যে কেউ পাঠাতে পারে। টেলিগ্রাফারের অফিসে কয়েকটা মেসেজ রেখে এসেছিলাম; সেগুলোর সঙ্গে নিজের মেসেজটা রেখে যেতে পারবে যে কেউ। আর কাজটা যদি ভেতরের কারও হয়ে থাকে তো আরও সোজা। তাকে শুধু অপেক্ষা করতে হবে টেলিগ্রাফার কখন বাইরে যায়। লোকটা সরলেই শুধু মেসেজটা পাঠিয়ে দেয়া।

নর্টনকে কিছুতেই বোঝাতে পারিনি, লোকটা একরোখা, ক্ষোভ প্রকাশ করল বেনন।

মাথা দোলাল ব্র্যান্ডন। খবরটা জেনেই তোমাকে খুঁজতে বেরলাম আমি। ক্যানিয়ন পেরিয়ে সন্ধের দিকে পৌঁছালাম হ্যাটারের র‍্যাঞ্চে। ডেইজি বলল একটু আগে চলে গেছ তুমি। এলাকাটা চিনি না তাই আমার আসার কারণ শুনে সঙ্গে এলো ও। আবছা আঁধারে ডেইজিকে চোরা চোখে একবার দেখে নিল এঞ্জিনিয়ার। টিলার দিকে কিছুদূর এগোতেই দেখতে পেলাম একদল লোক ঘোড়ায় চেপে জঙ্গলের দিকে যাচ্ছে। তুমিও তাদের মধ্যে আছ তা জানতাম না, কিন্তু বুঝতে পারলাম এরাই রেল ক্যাম্পে হানা দিচ্ছে। ওদের অনুসরণ করলাম আমরা, খনির কাছে ঘোড়া রেখে ক্যাম্পে গিয়ে আড়ালে লুকিয়ে থাকলাম। আগুনের আলোয় তখনই প্রথম দেখতে পেলাম তোমাকে। লড়াই করছ দেখে বুঝতে পারলাম নর্টনের ধারণা ভুল, আসলে রেল রোডের সঙ্গে বাটপাড়ি করোনি তুমি। তারপরের ঘটনা তো তুমি জানোই। তোমাকে অনুসরণ করে পাথর ধসের জায়গাটায় এসে হারিয়ে ফেললাম। তারপর কপাল ভাল যে তুমি আমার গায়ে এসে পড়লে। আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছিল তোমাকে ওয়াঙের লোক মনে করে।

সব ভাল যার শেষ ভাল, দার্শনিকের মত উদাস গলায় বলল বেনন। হ্যাটারের র‍্যাঞ্চে ভালয় ভালয় পৌঁছে গেলে হয় এখন।

দুবার জঙ্গলের মধ্যে থামতে হলো ওদের। ছড়িয়ে গিয়ে খুঁজছে ওয়াঙের লোকরা। কাছে চলে এসেছিল। ঘোড়ার নাকে হাত চাপা দিয়ে রাখল ওরা। শত্রুর দল দূরে চলে যাওয়ার পর এগোল আবার। সাবধানে এগোতে হচ্ছে, ফলে সময় লাগল বেশি। ঢাল পেরিয়ে সমতল জমিতে যখন পৌঁছল পুব আকাশে দেখা দিয়েছে ধূসর একটা রেখা।

সকালের প্রথম আলোয় পুবদিকে, হ্যাটারের র‍্যাঞ্চের উদ্দেশে ঘোড়া ছোটাল ওরা। মাঝে মাঝেই পেছনে তাকিয়ে দেখল। ওয়াঙের লোকজনের কোন চিহ্ন নেই। পাহাড়ে পাহাড়ে খুঁজে প্রবঞ্চক মরছে ব্যাটারা। স্বস্তির শ্বাস ফেলল বেনন। বুকে খোঁচা লাগতেই ওর মনে পড়ল স্পারটার কথা। ভাবল, রাতটা একেবারে নিষ্ফল যায়নি।

<

Super User