হায়-আফসোস করে আর লাভ নেই, ভাবল বেনন। আজকে এই মুহূর্তে ও মর্মে মর্মে বুঝতে পারছে সুখে থাকতে ভূতে কিলায় কথাটার অর্থ কি। ঘাড় ধাক্কা, পেছন থেকে ঠেলা গুঁতো আর অন্যান্য অপমানের মাঝে বেশ ছিল সে জিমি নর্টনের ক্যাম্পে। কিন্তু এখন? এবার চারতলা বাড়ির সমান ওই গিরগিটির বিরুদ্ধে কি করবে ও একটা সিক্সগান দিয়ে! কামান থাকলেও ওটাকে ঘায়েল করা যাবে কিনা কে জানে!
বাস্তববাদী একজন মানুষ বলে নিজেকে মনে করে বেনন। কই ব্যাগলের মত ভূতে বিশ্বাস করে ও করে না। নিজের চোখে না দেখে বিশ্বাস করেছে ও কোনদিন কোন কিছু? না, করেনি। আজকেও ডায়নোসর না দেখলে বিশ্বাস করত না যে ওই অতিকায় প্রাণী বাস্তবিকই আছে। পত্রিকার পাতায় ডায়নোসরের ছবি দেখেছে ও, শুনেছে লক্ষ লক্ষ বছর আগে মরে ভূত হয়ে গেছে ওগুলো। একটা কথাও বিশ্বাস করেনি, ভেবেছে গুল মারছে ব্যাটারা পত্রিকার কাটতি বাড়ানোর জন্যে; অতবড় প্রাণী কস্মিনকালেও ছিল না এই পৃথিবীতে। কিন্তু আজকে কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে দিশেহারা লাগছে ওর। টের পেল ভয়ে কাঁপছে। আদিম একটা ভীতি জড়িয়ে ধরেছে ওকে আষ্টেপৃষ্ঠে। বুঝতে পারছে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, অথচ আতঙ্ক ঠেকাবার কোন উপায় ওর জানা নেই। মনে মনে প্রার্থনা করল যাতে এক্ষুণি এই দুঃস্বপ্ন ভেঙে যায়, যাতে এক্ষুণি ঘুম থেকে উঠে দেখতে পায় পাশে শুয়ে বেঘোরে নাক ডাকাচ্ছে ব্যাগলে।
আবার ঝিলিক দিল নীলচে আলো। ফুট বিশেক দূরে বাজ পড়ল, পুড়ে কয়লা হয়ে গেল ক্যানিয়নের দেয়ালের গায়ে মাথা জাগানো একটা সিডার গাছ। পলকের জন্যে ক্যানিয়নের কালো দেয়াল দেখতে পেল বেনন। হোঁচট খেতে খেতে ছুটছে ওর ঘোড়াটা। কোথাও নেই সেই অপার্থিব বিভীষিকা। যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। কাঁপা কাঁপা শ্বাস টানল বেনন। ডায়নোসরটা দেখা না দিলে হয়তো ক্ষিপ্ত কুলিদের হাতে ধরা পড়ে যেত, ছিঁড়ে ফেলত লোকগুলো ওকে ডাকাত দলের সহযোগী মনে করে।
ঘোড়াটা নিজের ইচ্ছেয় চলছে। কোনদিকে যাচ্ছে বুঝতে পারল না ও। তবু আপাতত রক্ষা পেয়েছে বলে ভাগ্যকে ধন্যবাদ দিল। এতক্ষণে কিছুটা সামলে নিয়েছে। এক ফোঁটা লজ্জা লাগছে না ভয় পেয়েছিল বলে। অতি বড় সাহসীরও আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে ওই দৃশ্য দেখলে।
আঁধার রাত, ঝড়-বৃষ্টির মধ্যে দিয়ে একাকী এগিয়ে চলল ও; জানে না গন্তব্য কোথায়। একসময় পরিশ্রান্ত হয়ে গতি কমাল ঘোড়াটা। ঠাহর করে দেখল বেনন, ডায়নোসরের ক্যানিয়ন পেছনে ফেলে এসেছে ও। হামলাকারীদের কোন চিহ্ন নেই কোথাও। এই মেঘলা রাতের ঘুটঘুঁটে আঁধারে তাদের অনুসরণ করতে পারবে সেই আশাও নেই, তবে একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে ওর মাথায়। ঘোড়াটা হয়তো অভ্যেস বশে ওকে নিয়ে যাবে লোকগুলোর গোপন আস্তানায়। অপেক্ষা করে কি ঘটে দেখার সিদ্ধান্ত নিল সে।
ঘণ্টা দুয়েক পরে বৃষ্টির বেগ কমে এলো। এখনও পড়ছে, তবে ঝিরিঝিরি। কালো মেঘের আড়াল থেকে ক্যানিয়নের ভেতর তাকাল একটুকরো ফ্যাকাসে চাঁদ। পুরোপুরি দিকভ্রান্ত হয়ে গেছে বেনন, শুধু এটুকু জানে উত্তর-পশ্চিমের দিকে যাচ্ছিল ও ডায়নোসরের ভয়ে ঘোড়াটা ছুটতে শুরু করার আগে।
ভিজে চুপচুপে হয়ে গেছে ও। শীত করছে। ক্লান্তিতে মনে হচ্ছে এখনই পড়ে যাবে ঘোড়া থেকে। একটু বিশ্রাম নিতে পারলে হত। তবু এগিয়ে চলল বেনন। অন্তত সকাল হওয়ার আগে থামতে চাইছে না। হাঁটছে ঘোড়াটা। নিশ্চয়ই বাড়ি ফিরছে। এখনই ওটাকে থামানো উচিত হবে না।
শেষ পর্যন্ত ভোরের আগে দিয়ে ক্লান্তির কাছে হার মানল ও। ঘোড়া থামিয়ে পাথুরে একটা জমিতে নামল। স্যাডল আর কম্বল খুলে নিয়ে বিছিয়ে দিল ভেজা মাটিতে। ঘোড়ার যত্ন নেয় দুবৃত্ত, স্যাডল ব্যাগের পাশে ঝোলানো গানিস্যাকে ভেজা ছোলা পাওয়া গেল। জানোয়ারটাকে খাইয়ে কম্বলের ওপর চিৎ হলো বেনন, বালিশ বানাল স্যাডল দিয়ে। তারপর কখন ঘুমিয়ে পড়ল নিজেও বলতে পারবে না।
ঘুম যখন ভাঙল ওর মনে হলো চোখ দুটো বুজেছে এক মিনিটও হয়নি। চোখ না খুলেও বুঝতে পারল চারদিকে প্রখর সূর্যের আলো। তারপর কষ্টেসৃষ্টে চোখ যখন খুলল, ওর মনে হলো ব্যাগলের মতন হাজার দশেক গালিগালাজ মুখস্থ থাকলে ভাল হত। পালিয়েছে ঘোড়াটা ও যখন ঘুমাচ্ছিল। নিশ্চয়ই ফিরে গেছে ওটা দস্যুদের আস্তানায়। কোথায় আছে জানে না বেনন, ইচ্ছে হলো কান মুচড়ে দেয় নিজের। অজস্র ক্যানিয়নে ভরা অচেনা এই এলাকায় লোকালয় কত দূরে কে জানে! পায়ে হেঁটে আশ্রয়ের সন্ধানে বেরতে হবে এখন।
পাথরের খাজে জমে থাকা পানি দিয়ে তৃষ্ণা মেটাল ও। কিন্তু খিদে পেটের ভেতর ছুঁয়ে নাচছে। সেই কাল সন্ধেয় এক বাটি স্টু, তারপর থেকে পেটে আর কিছুই পড়েনি। চারপাশটা ঘুরে দেখল ও, উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, কিছুই বুঝতে পারল না। মাঝ-সকাল পেরিয়েছে, সূর্যটা ঝুলছে প্রায় মাথার ওপর। দিনের আলোয় কাল রাতে দেখা সেই ডায়নোসরের কথা মনে পড়ায় গোটা ব্যাপারটা স্বপ্ন বলে মনে হলো ওর। কোনদিকে যাবে স্থির করতে পারল না বেনন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হাঁটতে শুরু করল। ভাঁজ করে কাঁধে চাপিয়ে নিয়েছে কম্বল আর স্যাডল।
প্রায় মিনিট বিশেক একটানা হাঁটার পর ভাগ্যদেবী ওর দিকে মুখ তুলে চাইল। বহুদূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসল। আওয়াজটা এসেছে দক্ষিণ-পুব থেকে, তারমানে ওদিকেই আছে রেল রোড়ারদের ক্যাম্প।
মাইল খানেক গিয়ে একটা রিজের গোড়ায় শেষ হয়ে এলো গভীর ক্যানিয়নটা। হাঁপাতে হাঁপাতে রিজ বেয়ে উঠে এলো ও। মনে আশা ছিল জনবসতি দেখতে পাবে। কিন্তু দপ করে নিভে গেল বুক ভরা আশা। সামনে আছে শুধুই আদিগন্ত প্রসারিত ঘাসজমি। জায়গায় জায়গায় মাথা তুলে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ একটা দুটো সিডার আর কটনউড।
এক জায়গায় সিডার-কটনউডের ঘনত্ব বেশি দেখে সেদিকে মনোযোগ দিল ও। জঙ্গলের পেছনে দেখা যাচ্ছে একটা বাড়ির চিমনি। ধোঁয়া উঠছে চিমনি থেকে। গাছগুলোর ফাঁকফোকর দিয়ে দেখা যাচ্ছে আরও কয়েকটা কাঠের তৈরি কাঠামো। বাঙ্ক হাউজ, করাল, কুক শ্যাক আর বার্ন হবে ওগুলো, আন্দাজ করল বেনন। র্যাঞ্চ হাউজের পেছনে বিশাল জায়গা নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা গোল টিলা। আরও দূরে দেখা যাচ্ছে উইটিগোর ঢেউ খেলানো মেঘাবৃত পর্বত শ্রেণী।
মার্লোন ব্র্যান্ডনের দেখানো মানচিত্রটা মনে পড়ল ওর। বুঝতে পারল ক্যানিয়নের গোলকধাঁধা পেরিয়ে হ্যাটারদের র্যাঞ্চের কাছে অজান্তেই পৌঁছে গেছে ও। বিরাট ওই গোল টিলাটা হচ্ছে কুঁজো পিঠ টিলা; খনি ছিল ওখানে, র্যাঞ্চারের অনুমতি পেলে ওটার ভেতর দিয়েই টানেল খুঁড়ে রেল লাইন করবে ব্র্যান্ডন।
ভাগ্যটা এখনও পুরোপুরি বিমুখ হয়নি। শ্রাগ করল বেনন; ক্লান্ত দেহ টেনে এগিয়ে চলল র্যাঞ্চ হাউজের দিকে। সমতলে পৌঁছে বুঝল যতটা সমান ভেবেছিল জমি এখানে ততটা সমতল নয়, জমিতে বড় বড় ঢেউ; নিচু জায়গায় দাঁড়ালে দৃষ্টিসীমা থেকে হারিয়ে যায় র্যাঞ্চটা। খনির টিলাটা ওকে দিক ঠিক রাখতে সাহায্য করল। ওর মনে হলো অনন্তকাল ধরে হাঁটছে তো হাঁটছেই। দুপুর গড়িয়ে এলো। একটা ক্ৰীকের ধারে খানিক বিশ্রাম নিল ও। তৃষ্ণা মিটিয়ে রওয়ানা হলো আবার। জমিতে চরছে মোটাতাজা চমৎকার গরুর পাল; কিন্তু কোন কাউবয় দেখতে পেল না ও, ফলে বাকি পথটাও হাঁটতে হলো।
উইটিগো থেকে মোটা মোটা কাঠের গুঁড়ি এনে মজবুত করে বানানো হয়েছে র্যাঞ্চ হাউজ, বাঙ্ক হাউজ, কুক শ্যাক, বার্ন আর করাল; সবই পরিকল্পিত, শত্রুর হামলা এলে প্রতিহত করার চিন্তা মাথায় রেখেছে পাগলা হাটার। র্যাঞ্চ হাউজটা সৈনিকদের ব্যারাকের মত লম্বা আর নিচু। তিন দিকে বারান্দা, বেশ কয়েকটা করে জানালা আছে বাড়ির সব দিকে। বাড়ির মালিক সতর্ক থাকলে তিনশো গজের মধ্যে জানান না দিয়ে আসতে পারবে না কেউ।
বেননের অবশ্য তাতে কোন অসুবিধা হলো না। বাঙ্ক হাউজ খালি, কুরা সবাই বাইরে, রেঞ্জে গেছে রাউন্ডআপের কাজে। করালে লেজ নেড়ে মাছি তাড়াচ্ছে তাদের রেখে যাওয়া আট-দশটা ঘোড়া-এছাড়া জীবনের আর কোন স্পন্দন চোখে পড়ল না ওর। তবে লোক আছে বুঝতে পারল গলার আওয়াজ শুনে।
র্যাঞ্চ হাউজ থেকে ভেসে আসছে কথাবার্তার অস্পষ্ট শব্দ।
থেমে দাঁড়িয়ে ভাবল বেনন এরা কিভাবে নেবে এখানে ওর উপস্থিতি। পাগলা হ্যাটার এক কথার লোক, বলে দিয়েছে রেল রোডের কেউ এলে দেখামাত্র গুলি করবে। হুমকিটা হেসে উড়িয়ে দেয়ার মত নয়। পাগলে কি না করে। সাহস করে বারান্দায় উঠে পড়ল বেনন। পশ্চিমের নাম আছে আতিথেয়তার জন্যে। অনেক পথ হেঁটে আশ্রয় চাইতে এসেছে সে। ক্লান্ত ক্ষুধার্ত একজন আশ্রয় প্রার্থীকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না পাগলটা। অনিশ্চয়তায় দুলছে। ওর মন। লোকটা সাধারণ পাগল না হয়ে ঘোর উন্মাদ হলে বলা যায় না গুলি করেও দিতে পারে। এমুহূর্তে খাবার খেতে চায় ও, গুলি খাবার বিন্দুমাত্র ইচ্ছে নেই।
বারান্দার কোণায় এসে আবার থেমে দাঁড়াতে হলো ওকে ওপাশে যে লোকটা কথা বলছে তার কণ্ঠস্বর ওর খুবই পরিচিত।
তারপর ডেইজির গলা শোনা গেল। খুবই রেগে আছে মেয়েটা। বলছে: আবার আমার সামনে পড়লে এবার আমি ওকে খুন করে ফেলব!
কার কথা বলে! আমার কথা? ভ্রূ কোঁচকাল বেনন।
আমি তোমার মনের অবস্থা বুঝি, ডেইজি, গলায় মাখন ঢেলে বলল হ্যারি হুলাহান। কিন্তু ভেবে দেখো, যা হবার হয়েছে, ওসব ভেবে শুধু কষ্টই পাবে; তার চেয়ে চেষ্টা করে দেখো না ভুলে যেতে পারে কিনা। মনে রেখো তুমি একা নও, আমিও আছি, তোমার পাশে। যখনই ডাকবে, যত কাজই থাকুক চলে আসব আমি।
বুড়ো হাবড়া করেটা কী!! পটাচ্ছে মনে হচ্ছে না! এক পা এগিয়ে গেল বেনন।
ভুলে যাব? ফোঁস করে উঠল ডেইজি। কক্ষনো না। প্রতি বছর লোকটার পুতুল বানিয়ে ফাঁসিতে ঝোলাচ্ছে টেইলহল্টের র্যাঞ্চাররা!
মানুষের রাগ পড়তে সময় লাগে, বলল হুলাহান। ফিলিপ হারমান ব্যাঙ্ক খালি করে দিয়ে চলে যাবার পর তেরো বছর পেরিয়েছে বটে, তবে বেশির ভাগ র্যাঞ্চারই এখনও ধকল সামলে উঠতে পারেনি। আর কিছুদিন যেতে দাও, রেল লাইন চালু হয়ে গেলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, আয়-রোজকার ঠিক মত হলে দু’তিন বছরের মাথায় ভুলে যাবে ওরা ওই নামে কোন মানুষ ছিল।
আমি ভুলব না, দৃঢ় স্বরে সিদ্ধান্ত জানাল ডেইজি। সে ব্যাঙ্কারদের ঠকিয়ে ফতুর করে দিয়ে গেছে সেজন্যে নয়, ওই লোকটাকে আমি ভুলতে পারব না কারণ সে আমাকে এমন একটা পিতৃ পরিচয় দিয়ে গেছে যে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আমি…আমি দেখামাত্র লোকটাকে খুন করব।
পাথরের মূর্তির মত দাঁড়িয়ে আছে বেনন। অত্যন্ত মনোযোগ দিয়ে কথোপকথন শুনছে। এখন ও জানে কার কথা আলাপ করছে ওরা দু’জন। উইটিগোর র্যাঞ্চাররা যে লোকটার প্রতিকৃতি কটনউড গাছে ঝুলিয়েছিল সেই ফিলিপ হারমান তাহলে ডেইজির বাবা? তাহলে পাগলা হ্যাটার কে!
বাবাকে তোমার মনে পড়ে ডেইজি? জানতে চাইল ব্যাঙ্কার। চেহারাটা অস্পষ্ট ভাবে মনে আছে।
তাই থাকার কথা। তুমি তখন ছ’বছরের ছিলে।
সে চলে যাওয়ার সেই রাতের কথা আমার আজও মনে আছে, থমথমে স্বরে বলল মেয়েটা। সেরাতে লোকটা বাইরে যাবার আগে আমাকে কোলে তুলে আদর করেছিল। ভাবতেও ঘেন্না হয় লোকটা আমার বাবা। বাবা হিসেবে কোন একটা দায়িত্ব সে পালন করেনি। আজ আমি কোথায় থাকতাম মিস্টার হ্যাটার যদি আমাকে আশ্রয় না দিতেন?
খুবই বড় মনের মানুষ হ্যাটার, একমত হলো হুলাহান। ব্যাঙ্ক লাটে ওঠায় আর সবার মত ওর অবস্থাও খুব খারাপ যাচ্ছিল তখন। আমি জানি, সেসময় তোমার বাবার ব্যাঙ্কে ক্যাশিয়ার ছিলাম আমি।
শুধু আশ্রয় নয়, আমাকে উনি একটা নাম দিয়েছেন। এমন একটা নাম যে নাম উচ্চারণ করতে গিয়ে নিজেকে ছোট মনে হয় না। আমি চাই লোকে আমাকে চোরের মেয়ে নয়, হ্যাটারের মেয়ে বলে জানুক।
কোণায় দাঁড়িয়ে উঁকি দিল বেনন। মখোমুখি দাঁড়িয়ে আছে হ্যারি হুলাহান আর ডেইজি। হুলাহানের হাতে ঘোড়ার দড়ি। খানিক আগে পৌঁছেছে। ঘোড়ার মুখের ফেনা শুকায়নি এখনও। নিজের অতীত মনে পড়ল ওর। বুঝতে পারছে মেয়েটার মানসিক অবস্থা। কোন দোষ না করেও সমাজের বাঁকা দৃষ্টি সহ্য করা কতটা কঠিন জানতে বাকি নেই ওর। বিনা দোষে দোষী হলে কষ্টটা বুকে বাজে বেশি। সহানুভূতি অনুভব করল ও ডেইজির প্রতি।
তুমি কি কখনও আমার বউ হওয়ার কথা ভেবেছ, ডেইজি? মোলায়েম সুরে জানতে চাইল ব্যাঙ্কার।
ব্যাটা বলে কী! দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল বেনন। বয়সের দিক থেকে ডেইজির বাবার চেয়েও বড় হবে লোকটা!
আবার শুরু করেছ তুমি! বলল ডেইজি। আমি মনে করেছিলাম রেল রোডের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলতে এসেছ।
সেটাও একটা কারণ। তবে আসল কারণ তুমি। তুমি কি বোঝ না কেন আমি বারবার ছুটে আসি? ব্যাঙ্কারের গলায় আবেগ। কণ্ঠস্বর কাঁপছে অল্প অল্প। আচ্ছা ডেইজি, তুমি কি মার্লোন ব্র্যান্ডনের প্রতি দুর্বল হয়ে পড়ছ? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই?
ওর হাসিটা মিষ্টি। ডেইজির চেহারা গম্ভীর। ঠাট্টা করছে। কিনা বোঝার উপায় নেই।
এই মেয়ে উটকো আপদ ঘাড় থেকে নামাতে ওস্তাদ, সিদ্ধান্তে পৌঁছল বেনন।
কিন্তু ডেইজি, ও তোমাকে সুখী করতে পারবে না, মরিয়া হয়ে বলল হুলাহান। ব্র্যান্ডনকে সারা বছর এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে। তোমাকে সে সময় দিতে পারবে না। আমার কথা একটু ভেবে দেখো। টেইল হল্টে বিরাট বাড়ি আছে আমার। বুক ভরা ভালবাসা আছে তোমার জন্যে।
থাকা উচিত। আমি তোমার মেয়ের বয়সী।
হতে পারি বয়সে বড়, মাথা দোলাল ব্যাঙ্কার, কিন্তু আমাদের সম্পর্কে বয়স কোন প্রভাব ফেলবে না। তোমাকে ছোটবেলা থেকে চিনি আমি। তুমিও আমাকে চেনো। দেখো, আমরা ঠিকই মানিয়ে নিতে পারব। সবাই হিংসে করবে আমাদের সুখ দেখে।
বয়স কত তোমার?
বেয়াল্লিশ।
তুমি বাবার চেয়ে বড় না? লাল হয়ে গেল ব্যাঙ্কারের চেহারা।
না, ফিলিপ আমার চেয়ে বড়। বয়সের পার্থক্য নিয়ে চিন্তা কোরো না তুমি, এসব কোন ব্যাপারই নয়, কেউ মনেই রাখবে না আমি তোমার চেয়ে বড়।
তোমার দয়া চাই না আমি।
কিন্তু…ডেইজি…
এ প্রসঙ্গে আর একটা কথাও নয়। ব্যাঙ্কারকে থামিয়ে দিল ডেইজি। আমি বিয়ের ব্যাপারে এখনই কিছু ভাবছি না। তুমি যদি এভাবে আমাকে বিরক্ত করো তোমাকে চলে যেতে বলতে বাধ্য হব আমি।
রাগ প্রকাশ পেল হুলাহানের কণ্ঠে। মার্লোন ব্র্যান্ডন আসার আগে তোমার মনোভাব এতটা কঠোর ছিল না।
ব্র্যান্ডনের চুল কোঁকড়া। জবাবে স্বপ্নালু হয়ে গেল ডেইজি।
আড়াল থেকে বাহাবা দিল বেনন। ভাল অভিনয় জানে মেয়েটা। এমন একটা ভাব করছে যেন ব্র্যান্ডন ছাড়া ওর দুনিয়াতে আর কেউ নেই। হ্যারি হুলাহানের বুড়ো কলজেয় ছ্যাকা দেয়ার কাজটা ডেইজি ভালই চালিয়ে নিচ্ছে।
কিছুক্ষণ –কুঁচকে চুপ করে থাকল ব্যাঙ্কার। তারপর ধীরে ধীরে বলল, একটা কথা তোমাকে আমি কখনও বলিনি, ডেইজি। আর কাউকেও বলা উচিত হবে বলে মনে করিনি। আমি জানি তোমার বাবা কোথায় আছে।
আড়ষ্ট হয়ে গেল ডেইজি। তুমি জানো!
হ্যাঁ, জানি। এতগুলো বছর মুখ বুজে আমি বিবেকের দংশন সহ্য করেছি। বারবার মনে হয়েছে র্যাঞ্চারদের সব বলে দিই। কিন্তু বলিনি। তুমি তো জানো তোমার বাবা একাধারে আমার বন্ধু আর নিয়োগকর্তা ছিল। তাকে ধরিয়ে দিতে মন সায় দেয়নি আমার। বন্ধুত্বের খাতিরে চেপে গেছি সব কথা। ক্ষমা করে দিয়েছি। তুমি বোধহয় জানো না আমারও বেশ কিছু টাকা ছিল ব্যাঙ্কে। সেগুলোও সে নিয়ে গেছে যাবার সময়।…তারপর ব্যাঙ্কটা যখন আমার হলো পশুর মত খেটেছি আমি যাতে র্যাঞ্চারদের আর্থিক অবস্থা ভাল হয়, যাতে ওরা ক্ষমা করে দিতে পারে তোমার বাবাকে। আশা করি পাঁচ বছর পর ওরা ভুলে যাবে যে ফিলিপ হারমান বলে এ অঞ্চলে কেউ ছিল।
কোথায় আছে লোকটা? অস্বাভাবিক শান্ত সুরে জানতে চাইল ডেইজি।
দক্ষিণ আমেরিকায়। ফিলিপ ব্যাঙ্ক ডাকাতি করে পালিয়ে যাবার মাস ছয়েক পরে একটা চিঠি দেয়। লিখেছিল ভাল আছে। তবে চিঠির ভাষা পড়ে আমার মনে হয়েছিল অনুশোচনায় পুড়ছে ওর অন্তর। জানতে চেয়েছিল তুমি কেমন আছ। রাতের পর রাত আমি পায়চারি করেছি চিঠিটা আইনের হাতে তুলে দেব কি দেব না ভেবে। শেরিফের কাছে চিঠিটা দেয়া মানে একজন বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কোন সিদ্ধান্ত নিতে পারিনি। শেষে গেলাম। শেরিফের অফিসে, খোঁজ নিয়ে জানলাম যে দেশে হারমান আছে সেখান থেকে তাকে ধরে আনা আইনের পক্ষে অসম্ভব। ওদের সঙ্গে আমাদের অপরাধী-বিনিময়-চুক্তি নেই। যেহেতু খবরটা পেলেও কারও উপকার হচ্ছে না তাই চুপ করে থাকাই ভাল মনে হলো। এতদিন পর আজই প্রথম তোমাকে বললাম কথাটা।
একদিন তোমার মুখ থেকে আমি বের করব কোথায় আছে সে, পায়চারি শুরু করল ডেইজি, দরকার হলে দুনিয়ার, আরেক প্রান্তে যাব আমি, তবুও তাকে খুঁজে বের করব।
একদিন তুমি অতীত ভুলে যাবে। আমি বুঝি না কেন তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ।
তোমার বোঝার কথা নয়।
র্যাঞ্চ হাউজের ভেতর থেকে কাশির আওয়াজ এলো।
বাবা ঘুম থেকে উঠেছে, বলল মেয়েটা। তুমি কি দেখা করবে?
হ্যাঁ। দেখা না করলেই নয়। এবার দেখা দেয়ার সময় হয়েছে, সিদ্ধান্তে এলো বেনন। স্পারের প্রসঙ্গ উঠবে এই আশায় আরও অপেক্ষা করত ও, কিন্তু পাগলা হ্যাটার জেগে ওঠায় আলাপ থামিয়ে ভেতরে চলে গেছে ডেইজি হ্যাটার।
মাঝারি মাপের একটা গলা খাকারি দিয়ে গটগট করে কোণা ঘুরে ব্যাঙ্কারের দিকে এগোল বেনন। ও ভাবতেও পারেনি ওকে দেখামাত্র অস্ত্র বের করবে লোকটা। কোল্ট ৪৫ এর কালো নলটা এক চোখো দানবের মত চেয়ে আছে দেখে অজান্তেই ঢোক গিলল ও। লোকটার চোখে খুনীর দৃষ্টি চিনতে ভুল হয়নি ওর।
ড্র করার চেষ্টা করবে? একটু দেরি হলে…
তাহলে এখানে এসে হাজির হয়েছ তুমি, খুনে কোথাকার! খেঁকিয়ে উঠল ব্যাঙ্কার।
র্যাঞ্চ হাউজের দরজা থেকে ভারী একটা কণ্ঠ নির্দেশ দিল, থামো বলছি, হুলাহান! আমার র্যাঞ্চে কাউকে যদি মারতে হয় তো আমি মারব!
শিরশির করে উঠল বেননের মেরুদণ্ড। বলে কী পাগলা হ্যাটার!
<