মনের মধ্যে মিশ্র একটা অনুভূতি নিয়ে বেননকে যেতে দেখল ব্যাগলে। দেখল টেইলহল্ট ছেড়ে এন্ড অভ স্টীলের উদ্দেশে রওয়ানা হয়ে গেল ফ্রেইট ট্রেন। দীর্ঘশ্বাস গোপন করল ও। বেননের সঙ্গে মজা আর উত্তেজনাও যায় পিছু পিছু। ভাগ্যটা ওর সঙ্গে সৎ মায়ের মত আচরণ করে।
দু’চোখে বিতৃষ্ণা নিয়ে কর্মব্যস্ত সড়কের ওপর চোখ বোলাল ও। সব ব্যাটার তাড়া আছে, সুস্থির হয়ে চলার ইচ্ছে নেই কারও। সবাই বিনা কাজে ছুটছে বলে ওর মনে হলো। কিছুক্ষণ ইতস্তত করে রেল বিল্ডিঙের দোতলায় উঠে এলো ও। কনফারেন্স রূমে ঢুকে দেখল উদগ্রীব হয়ে অপেক্ষা করছে সবাই।
নাহ, গিয়ে দেখি পালিয়েছে, সেলুনে ব্যর্থ অভিযানের কথা জানাল ব্যাগলে। তারপর বলল, বেনন গেছে এন্ড অভ স্টীলে। আমাকে রেখে গেছে যাতে তোমাদের কোন বিপদ না হয়।
তারমানে আপনি আমাদের বডিগার্ড? নীরিহ চেহারায় জানতে চাইল ফ্র্যাঙ্ক।
ঠিক ধরেছ। মাথা দোলাল ব্যাগলে।
হা! হা! হা! ওকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে নিয়ে দু’হাতে পেট চেপে ধরল ইচড়ে পাকা ছোঁকরা।
দেখো ছেলে… কথা শুরু করেও থেমে গেল ব্যাগলে। রক্ত ওর গরম হয়ে উঠেছে রাগে, কিন্তু আর কিছু বলার সুযোগ পেল না। হঠাৎ করেই হাসি থামিয়ে নিষ্পাপ কোতূহলী চোখে তাকিয়েছে ফ্র্যাঙ্ক। চেনে ব্যাগলে এই ভঙ্গি, বেনন ওকে ঠকিয়ে দেয়ার আগে চেহারায় এরকম ভালমানুষী ফুটিয়ে তোলে।
স্পারটা খুঁজে বের করতে আমি আপনাকে সাহায্য করব, ভরসা দিয়ে বলল ফ্র্যাঙ্ক।
কারও সাহায্য লাগবে না, গম্ভীর হয়ে গেল ব্যাগলে, এসব আমার বাঁ হাতের কাজ।
এই রহস্যের সমাধান বের করা খুবই সোজা। ফ্র্যাঙ্ক নোয়ক হাল ছাড়ল না। প্রথমে, আমরা ধরেই নিতে পারি যে সস্তা যতই মনে হোক, কারও না কারও কাছে স্পারটার গুরুত্ত্ব অপরিসীম। এটাও ধারণা করা যায় যে স্টেজ কোচে উঠে স্পারটা গায়েব করে দিয়েছে ডক্টর ওয়াং। এখন আমাদের ভেবে বের করতে হবে ওটা দিয়ে সে করবেটা কি। এটাও আন্দাজ করা সোজা, তবে সে প্রসঙ্গে আপাতত আমি এই মুহূর্তে যাচ্ছি না। আসল কথায় আসি, যেহেতু আমরা ধরেই নিয়েছি স্পারটা মূল্যবান, সেহেতু জিনিসটা ওয়াং কাছ ছাড়া করবে না। তার মানে দাঁড়াচ্ছে ডক্টর ওয়াংকে আমরা খুঁজে পেলেই তার কাছ থেকে ওই স্পার উদ্ধার করতে পারব।
আমিও তাই ভেবেছি, চাপা মেরে নিজের মান বাঁচাতে চাইল ব্যাগলে।
আজকের আলোচনা তাহলে এখানেই শেষ, মাঝখান থেকে বলল ব্র্যান্ডন। আমাকে এক্ষুণি যেতে হবে, এন্ড অভ স্টীলে অন্তত এক ডজন টেলিগ্রাম না পাঠালে কাজ থামিয়ে বসে থাকবে ওরা।
আমারও ব্যাঙ্কে যাওয়া উচিত। চেয়ার ছাড়ল হ্যারি হুলাহান। ব্যাগলের দিকে ভ্রূ কুঁচকে তাকিয়ে বলল, কি করতে হবে বেনন তোমাকে বলে গেছে নিশ্চয়ই? দেখো, খামোকা ঘুরে আবার বেতন নিয়ো না।
কঙ্কালসার প্রৌঢ় ব্যাঙ্কারের খাড়া নাকে দড়াম করে এক ঘুসি বসিয়ে দিল ব্যাগলে মনে মনে। মুখে বলল, বেতনটা তুমি দিচ্ছ না যে তোমাকে ভাবতে হবে। নিজের কাজ আমি ভালই বুঝি। আমিই দলের অভিজ্ঞ সদস্য, সেজন্যেই তোমাদের নিরাপদে রাখার বিপজ্জনক কাজটা আমাকে দেয়া হয়েছে।
হা! হা! হা! আবার ফাঁকা হাসিতে ফেটে পড়ল ফ্র্যাঙ্ক নোয়াক।
রাগ চেপে দরজার দিকে পা বাড়াল ব্যাগলে। এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। হাতের তালু চুলবুল করছে ওর, রাগ আরও বাড়লে চাপড়ে পিচ্চি ছোড়ার পাছার ছাল তুলে ফেলবে। সেটা ঠিক হবে না, এমনিতেই বদমাশ ব্যাঙ্কার শত্রুতা করছে, তারওপর ভাইস প্রেসিডেন্টের ছেলের গায়ে হাত তুললে চাকরি থেকে বিতাড়িত হওয়ার সমূহ সম্ভাবনা। বোকামি করতে ব্যাগলে রাজি নয়, দরকার হলে গায়ে তেল মেখে নেবে যাতে অপমানগুলো পিছলে যায়।
দরজা খুলে বেরিয়ে যেতে গিয়েও ফিরে তাকাল দায়িত্ব সচেতন ব্যাগলে। রাশভারী ভঙ্গিতে বিশেষজ্ঞ মতামত দিল, ঘরের বাইরে খুব একটা না বেরোনোই ভাল। আমি যতক্ষণ সাথে আছি চিন্তা নেই; কিন্তু যখন থাকব না, তখন খুব সাবধান। ভুলে গেলে চলবে না যে ভয়ঙ্কর এক খুনী ঘুরে বেড়াচ্ছে বাইরে।
হা! হা! হা! হাসল ফ্র্যাঙ্ক নোয়াক।
বিড়বিড় করতে করতে রাস্তায় নেমে এসে ঠোঁট ভাঙা কাঠ ঠোকরার মত অসহায় দৃষ্টিতে চারপাশে তাকাল ব্যাগলে। ওপারের সেলুনটা চোখে পড়তেই কাল রাতের তৃষ্ণা চাগা দিয়ে উঠল ওর বুকে। বেনন নেই যে বাধা দেবে, এখনই হচ্ছে সুড়ত করে দু’ঢোক মেরে দেবার উপযুক্ত সময়। এরকম সুযোগ পরে আর না–ও আসতে পারে। যাব? দু’টুকরো হয়ে গেছে ব্যাগলের মনটা; এক টুকরো বলছে সামনে কঠিন কাজ, অত পরিশ্রমের আগে একটু বিশ্রাম নিয়ে নেয়া দরকার; আরেক টুকরো বলছে সামনে পরিশ্রমের কাজ, এখন আনন্দ করার সময় নয়, শরীর মন তরতাজা রাখতে হবে এখন।
না, বাজে জিনিস ছোঁয়া চলবে না, কঠোর চেহারায় সিদ্ধান্ত নিল ব্যাগলে। আগে কাজ পরে মজা। বাবার কথা মনে পড়ল ওর। ওই মৃত ভদ্রলোকই ওকে এই মহৎ শিক্ষা দিয়ে গেছেন। মারা যাওয়ার কিছুদিন আগেও টাকা দিয়ে তাঁকে নেশা বিরোধী সভা সমাবেশে উদাহরণ হিসেবে নিয়ে যাওয়া হত, আলোচনার মাঝে আঙুল তুলে তাকে দেখিয়ে বলা হত, দেখো মদ খেলে তার শেষ পরিণতি কি ভয়ানক করুণ-কাজেই তার অভিজ্ঞতাকে তুচ্ছ করার উপায় নেই।
রাস্তায় চোখ বোলাল ব্যাগলে। শহরের লোক, র্যাঞ্চ থেকে আসা কাউবয়, দাড়িওয়ালা রেলরোড মজুর, পরফাইরির মাইনার আর চিনেদের মাঝে দামী অক্সিডেন্টাল স্যট পরা ডক্টর ওয়াংকে খুঁজল ও। তারপর মনে পড়ল কথাটা। ওয়াং এত বোকা নয় যে ওই পোশাকে এখনও ঘুরে বেড়াবে। নিশ্চয়ই কাপড় পাল্টে কুলিদের ভিড়ে মিশে গেছে লোকটা! তারমানে ওয়াংকে খুঁজে পাওয়া খড়ের গাদায় সুই খোজার চেয়েও কঠিন হবে। চাইনিজদের চেহারা আলাদা করে মনে রাখা প্রায় অসম্ভব। একমাত্র হেলেনার চোরা কারবারি চ্যাং টোয়াংকে শুধু আলাদা করে চিনতে পারে ব্যাগলে। লোকটা ওর বন্ধু, আদম ব্যাপারির লাভজনক ব্যবসা করে, চায়না থেকে লোক এনে গোপনে বর্ডার পার করিয়ে ঢুকিয়ে দেয়।
চ্যাং টোয়াঙের মাথায় বেণী আছে। ডক্টর ওয়াঙের মাথায় বেণী ছিল কিনা মনে করার চেষ্টা করল ও। মনে পড়ল না। যদি থেকেও থাকে নিশ্চয়ই হ্যাটের তলায় ছিল। এবার পাশ দিয়ে যাওয়া চিনেদের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল ব্যাগলে। একটু পরই সব ক’জনকে ডক্টর ওয়াং বলে মনে হতে লাগল ওর। সেই রহস্যময় অমায়িক হাসি, সেই একইরকম সরু চোখ! ব্যর্থতার হতাশা রাগিয়ে তুলল ওকে। অসহায় হয়ে গেল ও মাত্রা ছাড়া রাগে। শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারল না, আঁকড়ে ধরল পাশ দিয়ে যাওয়া এক চিনেম্যানের হাত। লোকটা বিস্ময় সামলে নেয়ার আগেই তাকে টেনে নিয়ে দুই বিল্ডিঙের মাঝের সরু একটা গলিতে চলে এলো ও। সার্চ করে দেখল। প্রথমে হকচকিয়ে গিয়ে ভয়ে কাঁপছিল চিনা কুলি; এবার সে মোরগের তাড়া খাওয়া মুরগির মত ক-কক করে কি যেন বলতে লাগল। সেই সঙ্গে শুরু হলো হাত-পা ছোড়াছুঁড়ি। মহা বিরক্ত হয়ে লোকটাকে ছেড়ে দিল ব্যাগলে। নেই ব্যাটার কাছে স্পারটা।
লোকটা চলে যাবার পরেও জায়গাটা পছন্দ হয়ে যাওয়ায় খাপ পেতে দাঁড়িয়ে থাকল ব্যাগলে। হতাশা আর রাগ দুটোই বেড়েছে ওর, তবে মনকে প্রবোধ দিল: প্রথম চিনে ব্যাটার কাছ থেকেই স্পার উদ্ধার হয়ে যাবে এমন কোন কথা নেই।
দ্বিতীয় লোকটাকে পেল ও মিনিট খানেক পরে। কোন লাভ হলো না, স্পার নেই তার কাছে। তৃতীয় আর চতুর্থ লোকটাও ওকে হতাশ করল। কথায় আছে লোকে কচু গাছ কাটা শিখতে শিখতে মানুষের গলা কাটা শেখে। ব্যাগলেও একই কাজ বারবার করতে করতে চালাক হয়ে উঠল। গলির মধ্যে দাঁড়িয়ে চাইনিজদের পাকড়াও করা সময়ের ব্যাপার। এবার শিকার ধরার জন্যে একটা বাড়ির কোনায় ওঁৎ পাতল সে। ফুটপাথ ধরে কোন চাইনিজ গেলেই হলো, খপ করে তাকে ধরে বসতে লাগল। কাউহ্যান্ড আর পথচারীরা চোখে বিস্ময় নিয়ে ঘটনা দেখছে সেসব পাত্তাই দিল না। পাঁচ আর ছয় নম্বরকে এভাবেই পেল সে। টের পেল না যে এক নম্বর আর ছয় নম্বর আসলে একই লোক।
আধ ঘণ্টা পর হাল ছেড়ে দিয়ে হোটেলে ফিরল হতদ্যম ব্যাগলে। দোতলায় উঠে চমকে গেল ও পরিচিত চেহারা দেখতে পেয়ে। থমকে দাড়িয়ে জিজ্ঞেস করল, কি চাও তুমি এখানে?
কেন? জানতেন না বাবা আর আমি এই হোটেলে উঠেছি? পাল্টা প্রশ্ন করল ফ্র্যাঙ্ক নোয়াক।
না, জানতাম না। সামনে বাড়ল ব্যাগলে। পথ ছাড়ো, ঘরে যাব আমি।
সামনে থেকে সরে জায়গা করে দিল ছেলেটা।
ঘরে ঢুকে অগোছাল বিছানা আর পাশে রাখা কার্পেট ব্যাগের দিকে তাকাল ব্যাগলে। একবার ভাবল খাওয়া-দাওয়া সেরে সেঁটে ঘুম দেয়। কিন্তু দায়িত্ববোধ ওকে বাধা দিল। ঠিক করল প্রথমে কাপড় পাল্টে নেবে, তারপর আবার যাবে স্পারের খোঁজে। কিন্তু, বিছানাটা যেন ডাকছে! হালকা বিশ্রাম নিলে মাথাটা খুলে যাবে বলে হঠাৎ মনে হলো ওর। মুহূর্তের নোটিশে নিজেকে বুঝিয়ে ফেলল এতক্ষণ শুধু বিশ্রাম নেয়নি বলেই স্পারটা খুঁজে পায়নি। এরকম একটা যুক্তির পর সময় নষ্ট করার কোর অর্থই হয় না, খাওয়া-দাওয়ার কথা পরেও ভাবা যাবে।
মনস্থির করে নিয়ে ঘৃণ্য বুট জুতো আর ভাড়ের পোশাক খুলে ফেলল ব্যাগলে। লম্বা আন্ডারপ্যান্ট পরা অবস্থায় আনমনে খাটে বিছানো কম্বলের ওপর বসল। পর মুহূর্তেই কাটার খোঁচা খেয়ে তিন হাত লাফিয়ে উঠতে হলো ওকে। হুড়মুড় করে পড়ে গেল মেঝেতে। গলা দিয়ে বেরিয়ে এলো আর্তচিৎকার। হাত দুটো চলে গেল পেছনে। চমক সামলে কম্বল সরিয়ে দেখল তলায় সাজিয়ে রাখা আছে অন্তত ডজন খানেক স্পার।
মুখটা টকটকে লাল হয়ে উঠল হতবিহ্বল ব্যাগলের। করিডরে খিকখিক করে হাসছে ফ্র্যাঙ্ক নোয়ক!
যথেষ্ট সহ্য করেছে ও। আর না। ওই নোয়াক ছোঁড়ার নাক গলানোর নোংরা অভ্যেসটা মাত্রা ছাড়িয়ে গেছে। আচ্ছা মত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে। ছোটখাট একটা গর্জন ছেড়ে ঘর থেকে ছিটকে বেরল ব্যাগলে।
ফ্র্যাঙ্ক নোয়াক এত চটজলদি শত্রু পক্ষের আক্রমণ আশা করেনি, ফলে একটু হকচকিয়ে গেল। ছুটতে শুরু করার আগেই তার চুলের গোছা মুঠো করে ধরে ফেলল ব্যাগলে। করিডরে, দৌড়ের আওয়াজ আর ফ্র্যাঙ্কের আতঙ্কিত চিৎকারে পাশের একটা দরজা খুলে গেল। পুরো চৌকাঠ জুড়ে দেখা দিল মন্ট্যানা সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট, গুণী পুত্রের গর্বিত পিতা, ভাউবয়েস সি ভাউবয়েস নোয়ক।
কী ব্যাপার। কী হচ্ছে? জানতে চাইল সে।
স্পার! প্রায় গর্জে উঠল ব্যাগলে। আপনার ছেলে আমার বিছানায় একগাদা স্পার বিছিয়ে রেখেছে! খুন করে ফেলেছিল আরেকটু হলে!
আমি শুধু সাহায্য করতে চাইছিলাম, কাঁদো কাঁদো গলায় বলল ফ্র্যাঙ্ক নোয়াক। মিস্টার ব্যাগলের কৃতজ্ঞতা বোধ নেই। ওই স্পারগুলো জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে আমার!
পেলে কোথায়? জানতে চাইল ভাউবয়েস।
সেলুন ঘুরে ঘুরে মাতাল কাউবয়দের পা থেকে খুলে এনেছি।
ও! খুকখুক করে কাশল ভাউবয়েস। ব্যাগলের দিকে তাকাল। সত্যি হয়তো আপনাকে সাহায্য করতে চাইছিল ফ্র্যাঙ্ক।
তাহলে আমার বিছানায় কেন
যদি ওগুলোর কোনটা সেই মূল্যবান স্পার হয়, সেজন্যে আমি খোলা জায়গায় রাখতে সাহস পাইনি, যুক্তি দিল ফ্র্যাঙ্ক। এমনকি ডেস্ক ক্লার্কও বলতে পারবে না কখন চাবি সরিয়ে ঘর খুলে স্পারগুলো রেখে আবার ওটা ফিরিয়ে দিয়েছি।
ইয়ার্কি মারার আর জায়গা পাও না। চড় তুলল ক্ষীপ্ত ব্যাগলে। উঁহু, পাছাটা একেবারে ঝাঁঝরা করে দিয়েছে!
আহাহা, ব্যাগলেকে থামতে ইশারা করল ভাউবয়েস। চেহারায় অস্বস্তি। খুকখুক করে কাশল। থেমে থেমে বলল, আমার মনে হয় এবারের মত ওকে আপনার সন্দেহের অবকাশে মুক্তি দেয়া উচিত, ব্যাগলে। কোন বিপদ হয়ে গেলে ওর মা আমাকে দুষবে। আমি কথা দিয়েছি ওর গায়ে ফুলের টোকাও পড়বে না।
ভাউবয়েসের চোখে নীরব অনুরোধ দেখে নিজেকে ব্যাগলে সামলে নিল। বিবাহিত মানুষ হয়ে আরেকজন বিবাহিত মানুষের জীবন থেকে সুখ কেড়ে নিতে সায় দিল না ওর মন। ভাউবয়েসের দৃষ্টিতে যে আবেদন ছিল সে আবেদনে পাথর গলে যেত আর এ তো মানুষের মন। হঠাৎ ব্যাগলের খেয়াল হলো সে আন্ডারপ্যান্ট পরে করিডরে দাঁড়িয়ে আছে। হৈ-চৈ শুনে খুলে গেছে কয়েকটা দরজা। কৌতূহলী মুখ উঁকি মারছে সেখান থেকে।
নীরবে ঘুরে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়াল ও। আফসোসের সঙ্গে মাথা নেড়ে ভাবল আজ সারাদিনের অনর্থক ভোগান্তির কথা। মনে মনে একটু ঈর্ষাই অনুভব করল, ওর এদিকে এই দুরবস্থা আর বাঁধনহারা পাখির মত মজা করে এন্ড অভ স্টীলে ঘুরে বেড়াচ্ছে বেনন।
<