ঠকানোর সাধ জীবনের তরে মিটিয়ে ছেড়ে দেব! হুঙ্কার ছেড়ে আরেক ঝাঁকি দিল বেননকে বিগ জিমি। উত্তোরোত্তর রেগে উঠছে লোকটা।
একবার মার্লোন ব্র্যান্ডনের সঙ্গে যোগাযোগ করে দেখো, বাধ্য হয়ে মত পাল্টে চেঁচাল বেনন। হাড়গোড় আস্ত থাকতে থাকতেই বিগ জিমিকে থামানো দরকার। ওই টেলিগ্রামটা মিথ্যা!
তাই নাকি! দাঁত খিচিয়ে টিটকারি মারল নর্টন। বেননকে মেঝেতে নামিয়ে টেলিগ্রাফারকে ইশারা করল। বেননের অস্ত্র নিয়ে নিল লোকটা। আরও বার দুয়েক ওর ঘাড়ে ঝাঁকি দিয়ে নর্টন বলল, মার্লোন ব্র্যান্ডন আজকে রাতেই এন্ড অভ স্টীলে আসবে, তোমাকে দেখে সে যদি ছেড়ে দিতে বলে তো ছেড়ে দেব। টেলিগ্রাফারের দিকে ফিরল সে। একে নিয়ে আটকে রাখো, বস এলে তখন দেখা যাবে।
পা নাড়াও! ওরই সিক্সগান দিয়ে পিঠে এক খোঁচা লাগিয়ে বেননকে ধমক মারল টেলিগ্রাফার।
একটা টুল শেডে ওকে নিয়ে এলো লোকটা। ধাক্কা দিয়ে ওকে ভেতরে ঢুকিয়ে দরজায় তালা মেরে চলে গেল।
ঘরের ভেতরটা অন্ধকার। কিছুক্ষণ পর চোখ সয়ে এলো, আবছা ভাবে সবকিছু দেখতে পেল বেনন। ঘর বোঝাই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। শাবল, স্লেজ হাতুড়ি, পেরেক, ক্রোবার, ডিনামাইট, ফিউজ, কোন কিছু বাদ নেই। এঘর থেকে বেরিয়ে যাওয়া কোন সমস্যাই নয়। জীবনে কোন জেলখানায় পালাবার এত ভাল ব্যবস্থা দেখেনি বেনন।
জামাকাপড় ঠিক করে নিয়ে পেটমোটা একটা বস্তার ওপর বসল ও, তিক্ততায় ছেয়ে গেল মনটা; এরকম ব্যবহার পাবে জানলে কে আসত এখানে! জামাই আদর না পেলেও মনে মনে খাতির পাবে আশা করেছিল ও। সেকারণেই খারাপটা লাগছে বেশি।
মনটা অন্যদিকে ঘোরানোর জন্যে ভাবতে লাগল ও টেলিগ্রামটার কথা। কে পাঠিয়েছে ওটা? ওকে ছোট করে কার কি লাভ? ভাউবয়েস আর চিমসে ব্যাঙ্কারের চেহারা ভেসে উঠল ওর মনের পর্দায়। ওদেরকে কাজে নেয়ার ব্যাপারে আপত্তি ছিল ওই দু’জনের। কিন্তু তাই বলে কিছুই নিশ্চিত হয়ে বলা যায় না। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্র্যান্ডনকে ঠেকাতে পারত ভাউবয়েস। তা সে করেনি। আর ব্যাঙ্কার লোকটা পরিস্থিতির গুরুত্ব বুঝে কথা দিয়েছে সর্বোতভাবে সাহায্য করবে। তাহলে? ডক্টর ওয়াং কিন্তু রেলরোডের টেলিগ্রাফ ব্যবহার করতে পারবে লোকটা?
চিন্তা কোন সমাধান দিচ্ছে না দেখে অন্য দিকে মন দিল ও। এভাবে বসে বসে বেতন নেয়ার কোন মানেই হয় না। অনেক কাজ পড়ে আছে, পালাতে হবে এখান থেকে। ঘরের কোণা থেকে একটা ক্রোবার তুলে দরজা আর চৌকাঠের ফাঁকে ঢুকিয়ে চাড় দিল ও। চড়চড় আওয়াজ তুলল দরজা। ককিয়ে উঠল কজা। উৎসাহ বোধ করলেও থেমে যেতে হলো ওকে।
দরজার ওপাশ থেকে পাথরের মত ভারী গলায় কথা বলে উঠেছে এক লোক। আবার চেষ্টা করে দেখো, এক বাড়িতে তোমার মাথায় স্লেজ হ্যামারের হাতল বাকা করব আমি।
গার্ড আছে তাহলে! ক্রোবার নামিয়ে রেখে আবার সেই বস্তাটার ওপর বসল বেনন। নাহ্, মার্লোন ব্র্যান্ডন আসার আগে এখান থেকে মুক্তি পাবার কোন আশা নেই। বাধ্য হয়ে অন্যদিকে মনোযোগ ফেরাল ও, শুনতে লাগল রেলরোড কর্মীদের কাজের শব্দ। একটা থেকে আরেকটা শব্দকে আলাদা করতে লাগল। গড়গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বয়ে নিয়ে যাচ্ছে ফ্রেইট ওয়্যাগন, ঘণ্টি বাজাচ্ছে একটা লোকোমোটিভ এঞ্জিন, ঢংঢং করে স্লেজ হাতুড়ি পড়ছে রেল লাইনের পাতের ওপর; দূর থেকে ভেসে আসছে মেঘ গর্জনের মত গুরুগম্ভীর আওয়াজ, ডিনামাইট ফাটিয়ে ক্যানিয়নের মাঝে পথ করছে শ্রমিকরা।
হঠাৎ খুব কাছেই ভয়াবহ বিস্ফোরণ ঘটল। আওয়াজের প্রচণ্ডতায় চমকে গেল বেনন। ডিনামাইট নয়, এ-শব্দ বাজ পড়ার। মনে পড়ল এন্ড অভ স্টীলে আসার সময় উইটিগোর পাহাড় চূড়োর মাথায় ঘন কালো মেঘ ঝুলতে দেখেছিল ও।
একটু পরই গুমোট গরম হয়ে গেল ঘরের ভেতরটা। একটাও জানালা নেই। দরজার ফাঁক দিয়ে সামান্য একটু ফ্যাকাসে আলোর রেখা আসছে। বসে বসে ঘামতে লাগল বেনন। অতি ধীরে পেরচ্ছে সময়, কটা বাজে এখন জানার উপায় নেই। আলো কমে আসার অপেক্ষায় বসে থাকতে থাকতে ওর মনে হলো অনন্ত কাল পেরিয়ে যাচ্ছে।
সন্ধের পর দরজা খুলে গেল, এক বাটি গরম স্ট্যু নিয়ে ভেতরে ঢুকল একজন আইরিশ কুলি। বাটিটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল, খেয়ে নাও, জোর ফিরে পাবে।
বেশ সুস্বাদু, কয়েক চামচ খেয়ে দেখল বেনন। তারপর চামচ নামিয়ে জানতে চাইল, মার্লোন ব্র্যান্ডন এখনও আসেনি?
না। কৌতূহল ফুটল কুলির চেহারায়। কেন, তার কাছে কি দরকার তোমার?
প্রসঙ্গ পাল্টাল বেনন। বাইরে বৃষ্টি হচ্ছে?
হবে। এদিকে ধেয়ে আসছে ঝড়।
আর কোন কথা হলো না, বেননের খাওয়া শেষ হতেই বাটি নিয়ে দরজায় তালা মেরে চলে গেল লোকটা।
বাইরে গার্ডের নড়াচড়ার শব্দ পাচ্ছে ও। করার কিছু নেই, চুপ করে বসে থাকল বেনন। সন্ধে নেমেছে বাইরে। আরও ভ্যাপসা হয়ে উঠেছে কুঁড়ের ভেতরটা। গুড়গুড় শব্দে ডাকছে বাজ। ছাদে বৃষ্টি পড়তে লাগল ফোঁটা ফোঁটা। এখনও মার্লোন ব্র্যান্ডনের দেখা নেই।
রাতটা ভীষণ বিরক্তিকর আর দীর্ঘ হবে, বিরক্তির সঙ্গে ভাবল বেনন। শহরে চলে গেল মনটা। কি করছে এখন ব্যাগলে? মজা করে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই? নাকি কোন সেলুনে বসে গলা পর্যন্ত গিলে চলেছে?
অস্বাভাবিক একটা শব্দ ওঁকে বাস্তবে নিয়ে এলো। কান পাতল ও, বাইরের কোলাহল ছাপিয়ে উঠছে ক্যানিয়নের পাথুরে মেঝেতে ঘোড়ার খুরের আওয়াজ। প্রথমে কম ছিল, তারপর বাড়তে লাগল; শেষে ছাপিয়ে উঠল সমস্তকিছু। দ্রুত কাছে চলে আসছে ঘোড়াগুলো। বেগ বেড়েছে বৃষ্টির, ঘনঘন ঝিলিক মেরে গর্জন ছাড়ছে বাজ; তারপরও শুনতে পেল ও পরিচিত আওয়াজটা। গুলি করছে কারা যেন!
চিৎকার চেঁচামেচি হৈ-হুলস্থূল শুরু হয়ে গেল চারপাশে। ঘোড়ার যাত্রাপথ থেকে হুড়মুড় করে সরে যাচ্ছে চাইনিজ কুলিরা। আইরিশ আর স্কটিশরা পাল্টা জবার দিচ্ছে।
ক্যাম্পে হানা দিয়েছে দুবৃত্তের দল, বুঝতে দেরি হলো না বেননের। আমাকে বেরতে দাও! দরজার সামনে গিয়ে চেঁচাল ও। বাইরে থেকে কোন সাড়া এলো না। লোকটা বোধহয় বদমাশদের প্রতিহত করতে গেছে।
দরজা ফুটো করে বেননের মাথার এক ইঞ্চি ওপর দিয়ে শিস কেটে ঘরে ঢুকল একটা বুলেট। গুলি করতে করতে বিদ্যুদ্বেগে কেবিনটা পেরিয়ে গেল প্রথম ঘোড়সওয়ারী। এটা নিশ্চিত যে কেবিনের সামনে গার্ড নেই এখন। একটা ক্রোবার তুলে নিয়ে দরজার কিনারায় চাড় দিল বেনন। এবার ধমক খেতে হলো না ওকে। কজা ভেঙে খুলে গেল দরজা।
বাইরে বিশৃঙ্খল একটা অবস্থা। উন্মত্তের মত আচরণ করছে মানুষগুলো আচমকা বিপদের মুখোমুখি হয়ে। অন্তত দশজন হানাদার হামলা চালিয়েছে ক্যাম্পে। একটানা এলোপাতাড়ি গুলি করছে লোকগুলো। আগুন ধরিয়ে দেয়া হয়েছে একটা কেবিনে। বৃষ্টির মধ্যেও দাউ দাউ করে জ্বলছে কেবিনটা। বেননকে পাশ কাটাল এক ঘোড়সওয়ার, সামনে এক আইবিশ শ্রমিক পেয়ে মাথা ফাটিয়ে দিল পিস্তলের বাড়িতে। পড়ে গেল আইরিশ। মুহূর্তের জন্যে সওয়ারীর চেহারাটা দেখতে পেল বেনন। আগেও লোকটাকে দেখেছে ও, ঘোড়ায় বসার ভঙ্গিটা পরিচিত, স্টেজকোচ ডাকাতি করতে আসা সেই তিনজনের মধ্যে এই লোকও ছিল। এ-ই এগিয়ে এসে মিস হ্যাটারের কাছে স্পারটা চেয়েছিল। একটা কথাই মনে এলো বেননের, ডক্টর ওয়াং!
চমকে উঠে লাফ দিয়ে সরে গেল বেনন। দ্বিতীয় অশ্বারোহী ততক্ষণে চলে এসেছে প্রায় ওর ঘাড়ের কাছে। রাইফেলের ব্যারেলটা ওর মাথা লক্ষ্য করে তলোয়ারের মত চালাল লোকটা। ঝুঁকে মাথা বাঁচাল বেনন, পরমুহূর্তে সামনে বাড়ল, কাঁধ আঁকড়ে ধরে ঘোড়া থেকে টেনে নামাল লোকটাকে। পাকা কুস্তিগীরের মত বেননকে নিয়ে মাটিতে পড়ল লোকটা। একসঙ্গে আছাড় খেল দু’জন। আগে সামলে নিল বেনন, নাক সই করে গায়ের জোরে একটা ঘুসি বসিয়ে দিয়েই লোকটার হোলস্টার স্ট্র্যাপ খুলে অস্ত্র বের করে নিল। এদিকে প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠে ওর গলা টিপে ধরেছে শত্রু। শ্বাস নেয়া যাচ্ছে না। হাতের চাপ বাড়ছে ক্রমেই। উপায়ান্তর না দেখে লোকটার মাথায় সিক্সগানের বাট নামিয়ে আনল ও। অনুভব করল হঠাৎ করেই শিথিল হয়ে গেছে গলায় চেপে বসা দু’হাত।
উঠে দাঁড়িয়ে চারপাশে তাকাল ও। এদিকে কারও মনোযোগ নেই। জান বাঁচাতে ব্যস্ত সবাই। দুবৃত্তের ঘোড়াটার ওপর চোখ পড়ল ওর। বিধ্বস্ত একটা তাবুর দড়িদড়ায় আটকে গিয়ে পালাতে পারেনি জন্তুটা। সুযোগ চিনতে ভুল করল না বেনন, দৌড়ে গিয়ে দড়ির জট ছাড়িয়ে উঠে পড়ল স্যাডলে। মাথায় একটা চিন্তাই কাজ করছে, ও পালিয়েছে এটা বিগ জিমি নর্টন টের পাওয়ার আগেই যত দ্রুত সম্ভব সরে যেতে হবে এখান থেকে। ওই চুলোর মত গরম কেবিনে বন্দী হয়ে সারারাত কাটানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। রাশে দোলা পড়ায় পশ্চিমে ছুটতে শুরু করল ঘোড়াটা। সামনে আরও কয়েকটা ঘোড়ার আবছা আকৃতি দেখতে পেল বেনন। হামলা শেষ করে ফিরতি পথ ধরেছে হানাদারের দল। আচম্বিতে আক্রমণ করে ক্যাম্প তছনছ করে দেয়াই তাহলে ছিল লোকগুলোর উদ্দেশ্য! সিদ্ধান্ত নিয়ে ফেলল বেনন, ঝুঁকি যতই থাক, হারামিগুলোকে অনুসরণ করবে ও, খুঁজে বের করবে তাদের আস্তানা।
আগের চেয়ে বাতাসের বেগ বেড়েছে, অঝোর ধারায় ঝরছে। বৃষ্টি; ভিজতে ভিজতে ডাকাত দলের পিছু নিল ও। একবার পেছনে তাকিয়ে দেখল জলের ছিটায় নিভে যাচ্ছে ক্যাম্পের আগুন। আর কিছুক্ষণ পর ক্যাম্পটা দেখাই যাবে না। এগিয়ে চলল বেনন।
অন্ধকার চিরে হাজার হাজার নীলচে সাপের মত ঝিকিয়ে উঠছে বিদ্যুৎ। পরক্ষণেই শোনা যাচ্ছে ভারী কামানের মত বজ্রপাতের আওয়াজ। ক্যানিয়নের দেয়ালে বাড়ি খেয়ে বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে সে-আওয়াজ।
সামনের দিকে নজর থাকায় চারপাশে চোখ বোলানোর সুযোগ পায়নি বেনন। হঠাৎ চমকে উঠল ও ডানধারে জিমি নর্টনের বিরাট আকৃতি দেখতে পেয়ে। বিজলির আলোয় ওকেও দেখে ফেলেছে লোকটা, কারণ ‘ধরো, ধরো’ বলে আশেপাশের শ্রমিকদের উদ্দেশ্যে হাঁক ছাড়ল সে। হায়হায় করে উঠল যখন দেখল ঘোড়ার গতি বাড়িয়ে পালাবার তাল করছে বেনন। গেল, গেল বলে আকাশ মাথায় করল লোকটা। তারপর বেনন সত্যিই যখন আঁধারে মিলিয়ে গেল; হতাশার চোটে মনের ভুলে ধপ করে কাদামাটিতে বসে পড়ল সে। তার দৃঢ় বিশ্বাস আজকের হামলার মূল উদ্দেশ্য ছিল রক বেনন নামের ধুরন্ধর আউট-লকে মুক্ত করে নিয়ে যাওয়া। একটুর জন্যে ফস্কে গেল শয়তানটা। রাগে মাথার চুল খামচে ধরল জিমি নর্টন।
দানবটাকে এড়াতে পেরে স্বস্তির শ্বাস ফেলে সামনে মনোযোগ দিল বেনন। বিদ্যুৎ চমকের আলোয় দেখতে পেল অশ্বারোহীরা একজন একজন করে ঢুকছে সরু একটা ক্যানিয়নে। গতি আরও বাড়াল ও। বিপদের সম্ভাবনা আছে, কিন্তু তোয়াক্কা করছে না মোটেও। দু’বার হোঁচট খেল ঘোড়াটা, পড়ে যেতে গিয়েও সামলে নিল। শেষ অশ্বারোহীর সঙ্গে দুশো গজ দূরত্ব বজায় রেখে ক্যানিয়নে ঢুকল বেনন। বুঝতে পারছে উভয় সঙ্কটে পড়েছে। বেশি এগিয়ে গেলে বদমাশগুলো বুঝে যাবে সে ওদের দলের লোক নয়। এতক্ষণে বুঝেই গেছে কিনা কে জানে! আবার পিছিয়ে থাকলেও রেলরোড শ্রমিকদের হাতে ধরা পড়ার ভয় আছে। নিয়মিত অত্যাচারে খেপে উঠেছে লোকগুলো। গলার আওয়াজ, হাঁকডাক আসছে পেছন থেকে; ক্রুরা এখনও হাল ছেড়ে দেয়নি, এগোচ্ছে দল বেঁধে, দু’একটাকে ভাগ্যক্রমে ধরতে পারলে গণপিটুনি দিয়ে মেরেই ফেলবে।
দম আটকে এলো ওর এই ক্যানিয়নেও রেল রোডাররা আছে বুঝতে পেরে। আঁধারে পরস্পারের নাম ধরে ডাকাডাকি করছে তারা। গ্রেডার আর ট্র্যাক লেয়াররা জানতে চাইছে ক্যাম্পের ওদিকে এত গোলমাল কিসের। অন্তরের গভীরে ঘোড়ার গতি বাড়িয়ে ছুটে পালাবার তাগিদ অনুভব করল বেনন। অনুভূতিটাকে গলা টিপে মারল ও। যতই সামনে এগিয়েছে, আরও সরু হয়ে গেছে ক্যানিয়ন। ছোট বড় অজস্র বোল্ডার পড়ে আছে মেঝেতে। তাড়াহুড়োর পরিণতি এখন নিশ্চিত দুর্ঘটনা।
বিপদের ওপর বিপদ; হঠাৎ টের পেল ও চারপাশ থেকে চেপে আসছে লোকগুলো। বিজলির আলোয় চাইনিজ কুলিদের একজনকে এতই কাছে দেখল ও যে ইচ্ছে করলে ছুঁয়ে দিতে পারত লোকটার কাঁধ। কি যেন জিজ্ঞেস করল লোকটা ওকে। কিছু একটা বুঝ দেয়ার জন্যে মুখ খুলতে গিয়েও বোবা বনে গেল বেনন। আবার চমকে উঠেছে বিদাত স্ফুলিঙ্গ। এবারের ঝিলিকটা অন্যান্য বারের তুলনায় অনেক উজ্জ্বল। সেই চকিত আলোয় মুহূর্তের জন্যে দেখা গেল বিশালকায় এক বিকট প্রাণী বিরাট লেজটা দুলিয়ে সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে। অপলক তাকিয়ে থাকল বেনন। ঢোক গিলতে গিয়ে বিষম খেল। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল ভয়ে। ওটা যে ডায়নোসর জানে না বেনন; শুধু জানে এদৃশ্য দেখার পর পাগল হয়ে গেলেও ওকে দোষ দেয়া যায় না।
মাত্র এক মুহূর্ত, তারপাই আঁধারে ঢেকে গেল সবকিছু। আর্তনাদ করে উঠল কুলি-মজুরের দল। আতঙ্কে ছুটতে লাগল ক্যাম্পের দিকে। ওরাও দেখেছে, তারমানে ওর মাথাটা আসলেই নষ্ট হয়ে যায়নি, একটু স্বস্তি বোধ করল বেনন। পরক্ষণেই উড়ে গেল ওর স্বস্তি। কুলিদের তুলনায় কম ভয় পায়নি ওর ঘোড়াটা; কিন্তু কুলিদের মত বুদ্ধি করে উল্টো দিকে না গিয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে সোজা ছুটে গেল ওটা যেখানে একটু আগে ছিল সেই ভয়াবহ সরীসৃপ।
চোখ বন্ধ করে ঘোড়ার গলা জড়িয়ে ধরে দাঁতে-দাঁত চেপে বসে থাকল বেনন। ভাগ্যকে মেনে নিয়েছে। কপালে যদি গিরগিটির পেটে যাওয়া থাকে তো ঠেকাবে কে! এই বৃষ্টিতে ভেজা পিছলা ক্যানিয়নে ভীত-উন্মত্ত ঘোড়াটাকে ইচ্ছের বিরুদ্ধে নিয়ন্ত্রণ করতে যাওয়া আর সেধে আত্মহত্যা করতে যাওয়া একই কথা।
<