জেমস ফ্ল্যাগান দুটো স্ট্যালিয়ন জুড়ল ওয়াগনে। খানিক আগে বাফেলো টাউনের উদ্দেশে রওনা দিয়েছে শেষ দুই পাঞ্চার। বেসিনের অবস্থা বিশেষ সুবিধের না হলেও পে-ডের ফুর্তি থেকে বঞ্চিত হতে নারাজ ওরা। গতকাল সন্ধ্যায় পাঞ্চারদের উদ্দেশে বলা কথাগুলো শহরে পৌঁছে, হুইস্কি গেলার পর কতটুকু ওদের মাথায় থাকে সেটাই দেখার বিষয়। সার্কেল-এফ মালিকের আশঙ্কা কাটছে না। বার-পি রাইডারে গিজগিজ করছে সারা শহর, সামান্য কারণেও গোলাগুলি হয়ে যেতে পারে। বার-পির সাথে অযথা সংঘাতে জড়িয়ে পড়ার ইচ্ছে তার নেই, তেমন কিছু হলে সামাল দেয়ার ক্ষমতাও নেই।
ওয়াগনের আসনে চেপে বসতে ফ্ল্যাগান খেয়াল করল লরিয়া ওর অ্যাপলুসার লাগাম হাতে করাল থেকে বেরিয়ে আসছে। পরনে রাইডিং পোশাক। কোথাও যাবি?
শহরে।
সেটা কি ঠিক হবে? এমনিতেই প্রচুর ঝামেলা হচ্ছে, তারওপর আজ শনিবার…
আমি যাব, বাবা! দৃঢ় সঙ্কল্পবদ্ধ দেখাল লরিয়াকে, স্যাডলে চেপে বসেছে।
মেয়ের দিকে তাকিয়ে থাকল ফ্ল্যাগান। ওকে নিরুৎসাহিত করা দরকার, কিন্তু ভেবে পাচ্ছে না কি বলবে। গত কয়েকদিন ধরে খুব গম্ভীর হয়ে আছে লরিয়া, সারাক্ষণই চিন্তিত। রাত জাগছে। স্যামুয়েল ব্রুকসের চিন্তা ওকে ভালভাবে পেয়ে বসেছে, ভাবল সার্কেল-এফ মালিক। মেয়েটা ভুল করতে যাচ্ছে, এর জীবনের সবচেয়ে বড় ভুল। ব্রুকস আর দশজন যুবকের চেয়ে ভিন্ন ধাতে গড়া। লরিয়া ওকে আকর্ষণ করতে পারবে না, পারলেও নোকটার অস্থির অনিশ্চিত জীবন বাধা হয়ে দাঁড়াবে দুজনের মধ্যে। সবচেয়ে বড় কথা, পারকারদের সাথে লড়াইয়ে শেষপর্যন্ত টিকতেই পারবে না ব্রুকস।
ঠিক আছে, মৃদু স্বরে সম্মতি জানাল ফ্ল্যাগান। কিন্তু আমার সাথে থাকবি সবসময়।
বাপ-মেয়ে এগোল ট্রেইল ধরে, লরিয়ার অ্যাপলুসা ওয়াগনের পাশাপাশি থাকছে।
দূর থেকে ব্রুকসের জায়গাটার ওপর চোখ পড়ল। কেবিন, বার্ন, করাল কিছুই নেই। তিন দিন আগে পুড়িয়ে দিয়েছে বার-পির ক্রুরা।
একটা জিনিস খেয়াল করেছ, বারা, গতকাল থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না?
হতে পারে ওকে খুঁজে পেয়েছে, লোকগুলো নয়তো… শেষ করল না ফ্ল্যাগান।
কোন আশা নেই?
লোকগুলো ভয়ঙ্কর, মা। তাছাড়া ওরা সংখ্যায় অনেক আর ব্রুকস তো একা।
কিন্তু তুমি বলেছিলে পারকারের ক্রুদের চেয়ে অনেক শক্ত লোক ও, আর মরগান পিক্সে চলে যাওয়ায় ওর একটা সুযোগ আছে। জায়গাটা অন্যদের চেয়ে ভাল চেনে ও।
সেটা কেবল সম্ভাবনাই। কজনের সাথে পারা যায়? পাঁচ, ছয়…বড়জোর দশজন। অথচ গণ্ডায় গণ্ডায় লোক ভাড়া করেছে পারকার।
প্রথম দুদিনেই তো ওদের আটজন মারা পড়েছে।
সংখ্যাটা কমেছে কেবল।
নীরব হয়ে গেল লরিয়া, মুখ থমথমে।
বাফেলোর রাস্তায় বেশ লোকজন দেখা যাচ্ছে, অন্য যে কোন দিনের চেয়ে বেশি। বার-পি রাইডারদের চারজনের একটা দল ওদের পরপরই ধুলো উড়িয়ে শহরে ঢুকল। পেরিয়ে যাওয়ার সময় বাপ-মেয়েকে নড় করল ওরা।
আগে ব্যাংকে যাব। তুই যাবি?
মাথা নাড়ল লরিয়া। জ্যাকের অফিসে থাকব আমি। কাজ শেষে ওখানে এসো।
ব্যাংকের কাছে এসে আলাদা হয়ে গেল দুজন। ধীরে এগোল লরিয়া। দুটো বাড়ি পর মার্শালের অফিস কাম সেল। পাশে কোর্ট হাউস, তারপর ল-ইয়ার বিল কারভারের অফিস। স্যাডল ছেড়ে হিচিং রেইলে অ্যাপলুসার লাগাম বাঁধল ও। রাস্তার ওপাশের সেলুনের সামনে বসে ছিল চারজন, চেহারাই বলে দেয় বার-পির ভাড়া করা লোক। লোভী দৃষ্টিতে দেখছে ওকে। শিস বাজাল একজন, কি একটা মন্তব্য করতে হেসে উঠল সবাই। গা জ্বলে উঠল লরিয়ার, দ্রুত পায়ে পোর্চে উঠে এল। শহরে আসা বোধহয় ভুল হয়েছে, তিক্ত মনে ভাবল ও।
একটা শটগান পরিষ্কার করছিল মার্শাল জ্যাক হবস। দরজা খোলার শব্দে ফিরে তাকাল, হাসি ফুটল মুখে। টুপির কিনারা ধরে নড করল। কেমন আছ, লরা?
প্রত্যুত্তরে মাথা ঝাকিয়ে একটা চেয়ারে বসে পড়ল লরিয়া। কিছুটা সুস্থির লাগছে, ওর ভয় হচ্ছিল লোকগুলো হয়তো পিছু নেবে। স্বস্তিকর আরেকটা ব্যাপার হচ্ছে টিম ম্যাসনের অনুপস্থিতি। ব্রুকসের কোন খবর জানো তুমি, জ্যাক?
হাসি মুছে গেল হবসের মুখ থেকে। শটগান রেখে ডেস্কের কাছে গিয়ে স্টোভে কেতলি চাপাল। জানালা দিয়ে দেখো, ওপাশের সেলুনের রেইলে বাঁধা কালো ঘোড়াটা চিনতে পারছ?
ঝটিতি ঘুরে তাকাল লরিয়া। ব্রুকসের রোয়ানটা!
গতকাল ওটায় চেপে শহরে এসেছে কার্লি ব্রনসন। না, চুরি করেনি। ওরা বলছে মারা গেছে ব্রুকস।
সময় নিয়ে কফি তৈরি করল মার্শাল। লরিয়া নীরব, ঠায় বসে আছে, বিন্দুমাত্র নড়াচড়া করেনি। কফির পেয়ালা এগিয়ে দেয়ার পরও আগ্রহী মনে হলো
না ওকে।
একা এসেছ?
না, বাবার সঙ্গে। ব্যাংকে গেছে।
কফি ঠাণ্ডা হয়ে যাচ্ছে, লরা।
পেয়ালা তুলে চুমুক দিল লরিয়া, বিস্বাদ লাগছে যদিও কফিটা মোটেও খারাপ হয়নি। তুমি এরচেয়ে বেশি কিছু জানো?
দুদিন আগে একটা উপত্যকায় ওকে কোণঠাসা করে ফেলেছিল রাইডাররা। আগ বাড়িয়ে হামলা করতে গিয়ে দুজনকে হারিয়েছে। সারাদিন ওভাবে কাটার পর, সন্ধেয় কয়েকশো ফুট খাড়া ক্লিফ বেয়ে নেমে যাচ্ছিল ব্রুকস, শেষ মুহূর্তে ওকে দেখে ফেলে ক্রুরা সমানে গুলি করেছে। পরদিন দুপুর পর্যন্ত নদীর খাড়িতে আটকে ছিল ওর লাশ, পরে স্রোতে ভেসে গেছে।
ঘোড়াটা?
ওটাকে উপত্যকায় রেখে সরে পড়তে চেয়েছিল ব্রুকস।
জ্যাক, তুমি ঠিক জানো? মানে…ওকে পাওয়া গেছে?
ক্ষীণ হাসল মার্শাল, বুঝতে পারছে আশা ছাড়তে চাইছে না মেয়েটা। লাশটা পাওয়া যায়নি।
মাথা নিচু করে নখ খুঁটছে লরিয়া, হতাশা কাটাতে পারছে না। তোমরা এতগুলো মানুষ, বিশেষ করে তুমি, জ্যাক, কেউ একটু সাহায্য করলে না ওকে! প্রতিবাদও করোনি! অথচ জুলিয়াস পারকার অন্যায়ভাবে খুনের দল লেলিয়ে দিয়েছে ওর পেছনে।
দুঃখিত, লরা। আমার ক্ষমতা কেবল শহরেই। তাছাড়া এটা একটা রেঞ্জ ওঅর। দুটো আউটফিটের মধ্যে…
মাত্র একজন লোককে তুমি আউটফিট বলছ! খেপে গেল লরিয়া, অসন্তুষ্ট দেখাচ্ছে। আর এটা কি করে রেঞ্জ ওঅর হলো? প্রথম থেকেই ওর পিছনে লেগে ছিল পারকাররা, ব্রুকস কেবল আত্মরক্ষা করেছে। বিশ-পঁচিশজন লোক মিলে একটা মানুষকে তাড়া করেছে আর তুমি সেটাকে আইনের খোলস পরিয়ে বসে আছ!
এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল ওর, আমি ওকে বেসিন ছেড়ে চলে যেতে বলেছিলাম।
জুলিয়াস পারকার নিশ্চয়ই তোমাকে কিনে নেয়নি? অসহিষ্ণু দেখাচ্ছে লরিয়াকে। খুনে-বদমাশগুলোকে ভাল করেই চেনেনা। এদেরকে বেসিনে আনার জন্যেই তো পারকারের সাজা হওয়া উচিত। এমিলিও খুন হওয়ার পরও কাউকে গ্রেফতার করোনি তুমি!
মাথা ঠাণ্ডা রাখো, লরা। আপসের সুরে বলল জ্যাক হবস। আমার কিছু করার নেই, এটা তুমিও বুঝবে। যতক্ষণ না ওরা শহরে কিছু করছে আমাকে হাত গুটিয়েই বসে থাকতে হবে। তবু কাউন্টি শেরিফকে তার করেছি, সে এলে বোধহয় কিছু একটা করতে পারবে। দায়িত্বটা তারই, আমার নয়। বিস্মিত হয়ে মেয়েটাকে লক্ষ্য করল মার্শাল, খটকা লাগছে-লরিয়া ফ্ল্যাগানকে স্যামুয়েল ব্রুকসের ব্যাপারে শুধু উদ্বিগ্নই নয় বরং খুব স্পর্শকাতর মনে হচ্ছে। এর মানে কি? ওর মনে পড়ল না মেয়েটা এর আগে কারও সাথে এরকম উদ্ধত, অসহিষ্ণু আচরণ করেছে কি-না। অদ্ভুত ব্যাপার, বেসিনের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে নীরস স্যামুয়েল ব্রুকসের ব্যাপারে আগ্রহী মনে হচ্ছে না?
সে হয়তো আসবে সবকিছু শেষ হওয়ার পর। পারকারকে অভিনন্দন জানানো ছাড়া আর কি-ইবা করতে পারবে! স্বগতোক্তির মত বলল লরিয়া, কিছুটা সুস্থির দেখাচ্ছে এখন, সামলে নিয়েছে।
নীরবতা নেমে এল।
তোমার খোঁজ করেছিল কারভার। ওর সাথে দেখা করবে?
চোখে প্রশ্ন নিয়ে তাকাল লরিয়া।
আমাকে বলেনি।
ফের নীরবতা। নিজের চেয়ারে গিয়ে বসল মার্শাল, ড্রয়ার থেকে হুইস্কির বোতল বের করে গলায় ঢালল।
দুঃখিত, জ্যাক, ওভাবে বলা উচিত হয়নি, উঠে দাঁড়ানোর সময় বলল মেয়েটা, স্বাভাবিক দেখাচ্ছে ওকেম গলায় আন্তরিকতার ছোঁয়া। বাবা এলে বোলো কারভারের অফিসে থাকব আমি।
হেসে ওকে আশ্বস্ত করল মার্শাল।
ল-অফিস থেকে বেরিয়ে ফুটপাথ ধরে এগোল লরিয়া ফ্লাগান। টেরই পেল উল্টোদিক থেকে এগিয়ে আসছে লোকটা। বিল কারভারের অফিসের সামনে পৌঁছার আগেই সামনে এসে দাঁড়াল, টুপির কিনারা উঁচিয়ে নড় করল। থেমে তাকে দেখল লরিয়া। মুখে কাটাকুটির দাগ, কালো চোখে অস্থির চাহনি, ভয় ধরিয়ে দেয়ার মত লোক।
আমার নাম কার্লি ব্রনসন, ম্যাম, হাসল সে, কিন্তু লরিয়ার গা গুলিয়ে উঠল, চকিতে তাকাল রোয়ানটার দিকে। ব্রুকসের ঘোড়া, ঠিকই ধরেছ, বলে চলল লোকটা। ঘোড়া মরা মানুষের কোন কাজে আসে কি?
চুপ করে থাকল লরিয়া।
কোথায় যাচ্ছ, ম্যাম? বাজে লোকে গিজগিজ করছে শহরটা। এভাবে বেরোনো ঠিক হয়নি তোমার। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি।
তোমার মত লোক, মি. ব্রনসন?
হতে পারে, নির্লজ্জের মত হাসল ব্রনসন। কিন্তু ওরা কখনও তোমাকে উইশ করবে না, কিংবা একসাথে কফি খাওয়ার প্রস্তাব দেবে না।
হয়তো ওরা তোমার চেয়ে আরেকটু জ্ঞ, কাটা কাটা স্বরে বলল লরিয়া, কেন জানি লোকটাকে এখন আর মোটেও ভয় পাচ্ছে না। একজন ভদ্রমহিলার পথ আটকে কফি খাওয়ার প্রস্তাব দেয়ার চেয়ে নিজের চরকায় তেল দয়াটাই ভাল মনে করে।
এবারও হাসল ব্ৰসন। ব্রুকসের সাথে তোমার পরিচয় ছিল, তাই না? মিলটা ভেবে দেখেছ? ওর ঘোড়া আমার হয়ে গেল, আর ওর মেয়েমানুষ… বিদ্যগতিতে আসা প্রচণ্ড চড়টা থামিয়ে দিল তাকে। ব্রনসনও তার প্রতিক্রিয়া দেখাল দ্রুত, দুএকটা চড় যেন তার কাছে কিছুই নয় বরং উদ্দেশ্যসিদ্ধির উসিলা মাত্র। ঝটিতি লরিয়ার হাত চেপে ধরল, আরেক হাতে কাধ চেপে ধরে মুখ কাছে নিয়ে এল। এবার হানি, কি করবে? একটু পর তোমার সব আঁঝ জুড়িয়ে দেব আমি! চাপা স্বরে বলল সে, মুখটা লরিয়ার মুখ থেকে মাত্র ইঞ্চিখানেক দূরে। মদ আর তামাকের তীব্র গন্ধে কুঁচকে উঠল ওর মুখ।
মেয়েটাকে ছেড়ে দাও, ব্ৰনসন! গম্ভীর, শীতল একটা কণ্ঠ শোনা গেল।
কোন শুয়োরের বাচ্চার এত সাহস? দ্রুত পেছনে ঘুরল কার্লি ব্রনসন, রাগে ধকধক করছে চোখজোড়া। লরিয়ার হাত ধরে রেখেছে এখনও। গ্যারেট! অস্কুট স্বরে বিস্ময় আর বিরক্তি প্রকাশ করল সে।
লোকটাকে দেখল লরিয়া। ছোটখাট, বেঁটেই বলা চলে। শক্ত গড়ন। জেরী টেম্পলারের মুদি দোকানের সামনে পোর্চের খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, ঠোঁটে জ্বলন্ত সিগার। নির্লিপ্ত মুখ। একটু আগে কি যেন বললে, কার্লি? আমি হয়তো ভুল শুনেছি। সিগার থেকে ছাই ঝাড়ল সে, লরিয়ার সাথে চোখাচোখি হতে নড় করল।
আড়চোখে রাস্তার ওপাশে সঙ্গীদের দিকে তাকাল ব্রনসন। ওর তিন স্যাঙাৎ উঠে দাঁড়িয়েছে।
ভদ্রমহিলাকে ছেড়ে দাও, কার্লি, ব্ৰনসনের তিন সঙ্গীর ওপর একবার দৃষ্টি বুলাল গ্যারেট। গলার স্বর শান্ত। তাহলে একটু আগে যা বললে, ভুলে যাব আমি।
আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন?
ওর সাথে যেতে চাও, ম্যাম? লরিয়ার দিকে ফিরে জানতে চাইল সে।
না। জানাল ও।
এই তো চুকে গেল ব্যাপারটা, হেসে বলল টেক্সান। বোঝা যাচ্ছে ভদ্রমহিলাদের সাথে কি রকম আচরণ করতে হয় শেখা হয়নি তোমার। শোনো, কার্লি, দুটো জিনিসের সাথে কখনও জোর করতে নেই—মহিলা আর ঘোড়া। তুমি তার দুটোই করেছ।
তুমি ওর কে?
কেউ না। যেমনটা তুমি।
আমি তোমাকে কেয়ার করি না, গ্যারেট! চেঁচিয়ে উদ্ধত ভঙ্গিতে বলল কার্লি ব্রনসন, লরিয়ার হাত ছেড়ে দিয়েছে। কলোরাডো বা টেনেসীতে তোমার জোর আছে, স্বীকার করছি, কিন্তু এখানে নয়। তাছাড়া তোমার কাছ থেকে টাকাও নিচ্ছি
যে তোমার কথা শুনতে হবে।
এই মেয়েটার পেছনে লাগার জন্যে পারকার তোমাকে টাকা দিচ্ছে?
তা দেয়নি, কিন্তু তাতে কি-ইবা আসে-যায়! কোন্ মেয়েকে আমি চুমো খাব সেটা তার কাছ থেকে জেনে নিতে হবে নাকি? শোনো, গ্যারেট, অযথাই বাগড়া দিলে। ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি আমার। একসঙ্গে কাজ করতে এসে…
তো? তাকে থামিয়ে দিল টেক্সান।
আমি চাই না নিজেদের মধ্যে কোন ঝামেলা হোক। তাছাড়া পারকারও সেটা পছন্দ করবে না। তুমি যদি মাপ চাও তো ব্যাপারটা ভুলে যেতে পারি।
হেসে বুটের তলায় সিগারের শেষাংশ পিষে ফেলল গ্যারেট। লরিয়ার দিকে তাকাল। সরে এসো, ম্যাম। যেখানে যাচ্ছিলে, যাও। কণ্ঠে তাচ্ছিল্যের সুর, ভাবভঙ্গিতে মনে হচ্ছে ব্রনসন তো নয়ই এমনকি ওর সঙ্গীদের ব্যাপারেও তার মাথা-ব্যথা নেই।
বাড়াবাড়ি করছ, প্যাট! শীতল শোনাল ব্রনসনের কণ্ঠ। ফের দেখল স্যাঙাৎদের, তৈরি আছে ওরা। সে নিজেও। সবচেয়ে বড় কথা, মানিকজোড়ের আরেকটা নেই। গ্যারেটকে সহজেই কুপোকাত করা যাবে। সারা পশ্চিমের লোকজন গল্প করবে কার্লি ব্রনসনের হাতে মারা গেছে প্যাট গ্যারেট, সন্তুষ্টচিত্তে ভাবল সে।
প্যাট, তোমার এ ব্যাপারটা আমার একেবারেই অপছন্দ, সবসময় একাই পুরোটা মেরে দিতে চাও! রাস্তার ওপাশে শোনা গেল আরেকটা কণ্ঠস্বর। নাপিতের দোকান থেকে এইমাত্র বেরিয়ে এসেছে, প্যাট গ্যারেটের সংস্করণ বলা যায়।
লরিয়া আন্দাজ করল যমজদের আরেকজন সে-ব্র্যাড গ্যারেট।
ওহে, কার্লি, তোমাকে একটা ভাল পরামর্শ দিচ্ছি, ব্র্যাডের গলায় কৌতুক এবং প্রচ্ছন্ন তাচ্ছিল্য। কোমর থেকে হাত সরিয়ে নাও। কেউ আগেভাগে পিস্তলের দিকে হাত বাড়ালে প্যাট আবার অস্বস্তিবোধ করে। ওর টিপ কিন্তু মিস্ হয় না, সবার আগে তুমিই পটল তুলবে। তোমরা, তিন স্যাঙাতের দিকে ফিরল না সে, যার যার চেয়ারে বসে পড়ো, একটু আগে যেমন ছিলে।
ততক্ষণে সামলে নিয়েছে ব্রনসন। ভেবো না আজকের ঘটনা ভুলে যাব। ভাল মানুষ সাজছ! হাড়ে হাড়ে চিনি তোমাদের, আউট-ল ছাড়া কি তোমরা?
সেটা ঠিক, হাতের চেটো দিয়ে গালে লেগে থাকা সাবান মুছল ব্র্যাড। কিন্তু কোন মহিলাকে আমরা অপমান করি না কিংবা কাউকে কোণঠাসা করে লড়াই করি না। আমরা সামনাসামনি লড়তে শিখেছি এবং পছন্দও করি।
মরগান পিক্সে না গিয়ে সেজন্যেই শহরে বসে মদ গিলছ? তোমাদের ক্ষমতা…
তুমি কি ওখানে ফিরে যাবে? শীতল কণ্ঠে বাধা দিল প্যাট গ্যারেট, আঙুল তুলে ওপাশের সেলুনটা দেখাল। নাকি পৌঁছে দিতে হবে?
স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল ব্রনসন। খানিক বাদে কাঁধ উঁচাল।
ঠিক আছে, ব্যাপারটা আপাতত এখানেই শেষ হচ্ছে। বাফেলো টাউন এখুনি ছাড়ছি না, আশা করি তোমরাও থাকছু।
আমরা অপেক্ষা করব, কালি।
দৃঢ় পায়ে রাস্তা পেরোল সে। ওপাশে সেলুনের সামনে পৌঁছে একদলা থুথু ফেলল মাটিতে। চোখ তুলে দেখল ব্র্যাডকে, বিড়বিড় করে কি যেন বলল। তারপর ব্যাটউইং দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। অন্যরা অনুসরণ করল ওকে।
তোমাদের দুজনকেই ধন্যবাদ, আন্তরিক কণ্ঠে বলল লরিয়া। তোমরা না থাকলে…
ওর সাহস খুব কম, নিজেই তো দেখলে, ম্যাম। এরচেয়ে বেশি সাহস তুমিই দেখিয়েছ…আমরা না থাকলেও আর কয়েকজন ছিল, দেখো, শটগান হাতে ল-অফিসের সামনে দাঁড়ানো মার্শালকে দেখাল প্যাট গ্যারেট। লরিয়া দেখল কারভারও তার, দোতলার জানালায় এসে দাঁড়িয়েছে, হাতে রাইফেল। এটাই, স্বাভাবিক, বলে চলেছে টেক্সান। কার্লির মত দুএকজন ছাড়া সব লোকই মেয়েদের সম্মান করে এবং কোথাও এর অন্যথা হলে রুখে দাঁড়ায়। মার্শালের ব্যাপারটা ভাবো একবার, গত কয়েক বছরে একবারের জন্যেও এটা ঘটেনি, অথচ শটগান হাতে চারজনের বিরুদ্ধে লড়তে বেরিয়েছে সে আজ।
সবার ওপর কৃতজ্ঞ দৃষ্টি বুলাল লরিয়া। সার্কেল-এফে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। তোমরা এলে খুব খুশি হব।
শুনেছ, প্যাট, মেয়েটা কি বলছে? হেসে উঠে সহোদরের উদ্দেশে ভ্রুকুটি করল ব্র্যাড। এক টেবিলে বসে মার্শাল আর ল-ইয়ারের সাথে খানা খেতে কেমন লাগবে তোমার? শুনতে কিন্তু মন্দ লাগছে, না, মার্শাল আমাদের গ্রেফতার না করলেই হলো।
ক্ষীণ হেসে অফিসে ঢুকে পড়ল জ্যাক হবস।
মিস্ ফ্ল্যাগান, একটু আসবে? শুধাল বিল কারভার। তোমার সাথে কিছু কথা ছিল।
টেক্সানদের কাছ থেকে বিদায় নিল লরিয়া, এগোল আইনজ্ঞের অফিসের দিকে। দালানের শুরুতে ওপরে ওঠার সিঁড়ি। দোতলায় উঠে বারান্দা থেকে ফিরে তাকাল রাস্তার দিকে, কোথাও দেখতে পেল না গ্যারেটদের। তামাশা দেখা লোকজন চলতে শুরু করেছে যার যার কাজে।
বিল কারভারের অফিসটা ছোট তবে গোছানো। বেশিরভাগ জায়গা দখল করেছে তিনটি বইয়ের আলমারি আর একটা ডেস্ক। মাঝখানে টেবিলের দুদিকে চারখানা চেয়ার। একটায় বসে পড়ল লরিয়া, বড় বাঁচা বেঁচেছে আজ, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে।
ডেস্ক থেকে একটা ফাইল তুলে নিয়ে নিজের চেয়ারে বসল কারভার। ওটা খুলে দৃষ্টি বুলাল, তারপর মুখ তুলে তাকাল। মিস্ ফ্লাগান, আমরা স্যামুয়েল ব্রুকসের ব্যাপারে আলাপ করব।
ঠায় বসে থাকল লরিয়া, বুঝতে পারছে না।
পরিস্থিতি দেখে মনে হচ্ছে মারা গেছে ও। আমাকে কিছু দায়িত্ব দিয়ে গেছে সে। কদিন আগে একটা উইল করেছিল। সে-অনুযায়ী এখন তুমি-ই ওর সব সম্পত্তির মালিক।
লরিয়া হতভম্ব। ওর জীবনের সবচেয়ে বড় বিস্ময় বোধহয় এটাই। কয়েক মিনিট কথা জোগাল না মুখে। একসময় সামলে নিয়ে দ্বিধান্বিত কণ্ঠে প্রতিক্রিয়া প্রকাশ করল। কোথাও একটা ভুল হয়েছে নিশ্চয়ই। এটা হতেই পারে না! এক মাসও হয়নি আমাদের পরিচয় হয়েছে।
হতে পারে। কিন্তু ভেবে-চিন্তে কাজটা করেছে সে! ওকে আমার পাগলাটে মনে হয়নি, বরং বলা যায় দূরদৃষ্টি ছিল ওর। বোধহয় চায়নি অবাঞ্ছিত কেউ জমিটার দখল নিক।
কিভাবে তা সম্ভব?
তোমাকে একটা চিঠি লিখেছে ও, একটা চিরকুট এগিয়ে দিল আইনজ্ঞ। লরিয়া সেটা নিল, কিন্তু পড়ার আগ্রহ পাচ্ছে না। পড়ো, ম্যাম, অনুরোধ করল কারভার।
ছোট্ট চিঠি, অল্প কয়েকটা কথা কেবল। পড়ল লরিয়া:
দুঃখিত, মিস্ ফ্লাগান। তোমাকে ব্ৰিত করার জন্যে ক্ষমা চাইছি। তেমন কেউ আমার নেই যাকে এসব দিয়ে যেতে পারি। সবচেয়ে বড় ব্যাপার আমি চাই বাথানটা পারকারদের হাতে পড়ক। তোমার সৌভাগ্য কামনা করছি।
সৌভাগ্য সে-ই বয়ে এনেছে, নিজের হাড়ভাঙা পরিশ্রমের ফসল অন্যকে দান করে, ভাবল লরিয়া।
বাথান আর নগদ চোদ্দ হাজার পাঁচশো। এছাড়া কিছু রিওয়ার্ড মানি। সব মিলিয়ে সতেরো হাজার হবে। ফিরিস্তি দিল কারভার।
সে কি করে ভাবল আমি এসব নেব? রেগে গেছে লরিয়া।
দুঃখিত, ম্যাম, বলতে পারছি না।
আমি যদি না নিই?
তাহলে…বাথানটা সরকারী সম্পত্তি হয়ে যাবে, ইচ্ছে করলে যে কেউ তখন ওটার দখল নিতে পারবে। কিন্তু টাকাটা আমাকে ঝামেলায় ফেলবে… দরজা খোলার শব্দে থেমে গেল আইনজ্ঞ।
বাপকে দেখে চেয়ার ছাড়ল লরিয়া, ছুটে গিয়ে আছড়ে পড়ল ফ্ল্যাগানের বুকে। কাঁদতে শুরু করেছে। কিছুক্ষণ পর সুস্থির হতে পাশাপাশি বসল বাপমেয়ে। দেখো, বাবা, অদ্ভুত কি যেন বলছে তোমাদের ল-ইয়ার। অনুযোগ করল লরিয়া।
ব্যাখ্যা করল কারভার।
ফ্ল্যাগানের প্রতিক্রিয়া হলো তার মেয়ের মতই। একটা কথা, বিল, ও এসব করল কখন?
ডাস্টির সেলুনে ম্যাট লোগানের সাথে শো-ডাউন শেষে এখানে এসেছিল ও। আগে থেকে সবকিছু ভেবে রেখেছে। কি কি করতে হবে আমাকে কেবল তা-ই বলে গেছে, কোন ব্যাখ্যা দেয়নি।
কয়েকদিন আগের ঘটনাটা মনে পড়ল ফ্লাগানের। বাথান বিক্রির কথা বলেছিল ব্রুকসকে, হেঁয়ালিভরা উত্তরটার মানে এখন বুঝতে পারছে। ধন্যবাদ, বিল, উঠে দাঁড়াল সার্কেল-এফ মালিক, চিন্তিত। আমার মেয়েটার মাথা প্রায় খারাপ করে দিয়েছ। একদিনে এতগুলো চমকের ধকল সইতে পারছে না বেচারি।
মৃদু হাসল আইনজ্ঞ। ব্রুকসের মৃত্যুটা নিশ্চিত নয়, তবু সুবিধে হবে ভেবে আগেই জানালাম। জানা থাকায় পারকার কিছু করার আগেই তৈরি হয়ে নিতে পারবে। সে অবশ্য সুবিধা করতে পারবে না, জমিটার দখল নিলেই বরং আইনের ঝামেলায় পড়বে। আরও দুদিন অপেক্ষা করব, তারপর ভূমি বণ্টন অফিসে গিয়ে মিস্ ফ্ল্যাগানের নামে ক্লেইম করব আমি।
খুশি হব যদি শুনি ও বেঁচে আছে! নিচু স্বরে স্বগতোক্তি করল লরিয়া।
বিল কারভারের অফিস থেকে বেরিয়ে দক্ষিণে এগোল ওরা। ফ্ল্যাগান খেয়াল করল স্নান দেখাচ্ছে লরিয়াকে, গম্ভীর, দুশ্চিন্তাগ্রস্ত। স্যামুয়েল ব্রুকসের উইল ভারী বোঝার মত চেপে বসেছে মেয়েটার কাধে। ব্রুকসের মৃত্যু ওকে দগ্ধ করছে। বাথান আর টাকাগুলো তা ভুলতে দেবে না, তাড়া করে বেড়াবে কেবল।
গ্যারেটদের ব্যাপারটা মাথায় ঢুকছে না আমার, মেয়ের মনোযোগ আকর্ষণ করতে বলল সার্কেল-এফ মালিক। পশ্চিমে ওদের আউট-ল হিসেবে চেনে সবাই। এখানে এসেছে পরকারের ভাড়াটে লোক হিসেবে অথচ অন্যদের মত ব্রুকসকে তাড়া করেনি, বু ঈগলেই ওদের সময় কাটছে। সবচেয়ে বড় ব্যাপার, তোকে আজ সাহায্য করল এবং আরেকটু হলে নিজেদের লোকের বিরুদ্ধে অস্ত্র ধরত।
কার্লি ব্রনসনের সাথে খুব একটা মিল নেই ওদের। স্বার্থের কারণে একত্রে আছে, হয়তো দেখা যাবে পরস্পরকে ঘৃণা করে ওরা এবং সুযোগ পেলে একে অন্যকে খুনও করবে। লোকগুলো বেপরোয়া, কেউ কাউকে পরোয়া করে না, একদলে থাকার পরও এটাই হচ্ছে ওদের সংঘাতের কারণ।
অত কিছু বুঝি না। গ্যারেটরা আমাকে সাহায্য করেছে, ওদের কাছে আমি কৃতজ্ঞ। এটাই হচ্ছে সাফ কথা।
তা মানছি। তবু তোর সাবধানে থাকা উচিত। আর…এরপর থেকে শহরে আসার দরকার নেই।
খুশি হয়ে মেনে নিল লরিয়া। যা অভিজ্ঞতা হয়েছে আজ! ব্যাংকের কাজ সেরেছ?
সায় জানাল ফ্ল্যাগান। পাঞ্চারদের পাওনা মেটানোর সময় আরেকবার সতর্ক করে দিয়েছে। ওরা তা মনে রাখলেই হয়, ভাবল সার্কেল-এফ মালিক। রাস্তার ওপাশে সেলুনের পোর্চে চোখ বুলাল, বেয়াড়া কেউ বসে বা দাড়িয়ে নেই।
লকহার্টের স্টোরে পৌঁছে ভেতরে ঢুকল ফ্ল্যাগান, স্টোর মালিককে ফর্দ গছিয়ে দিয়ে বেরিয়ে এল।
কফি না হলে চলছে না আমার, ক্লিষ্ট হাসি দেখা গেল লরিয়ার মুখে। বাবা, তুমিও এসো। মিসেস রিচার্ডসের রেস্তোরাঁয় এসে বসল ওরা। কুশল বিনিময় হলো মহিলার সাথে। টেবিলে বসার পর গ্যারেটদের ঢুকতে দেখে উজ্জ্বল হয়ে উঠল লরিয়ার মুখ। মি. গ্যারেট, এদিকে এসো, আমাদের সাথে বোসো। মিসেস রিচার্ডস, চার কাপ কফি, প্লীজ।
বাপের সাথে যমজদের পরিচয় করিয়ে দিল লরিয়া।
কিঞ্চিৎ অস্বস্তি বোধ করলেও তা চেপে রাখল ফ্ল্যাগান, সহাস্যে সম্ভাষণ জানাল। ধন্যবাদ। তোমরা সাহস করে এগিয়ে না গেলে বিপদ হতে পারত লরিয়ার। কফি শেষ করে দুজনকে সিগার অফার করল ও। আজকের দিনটা মোটেই ভাল কাটছে না আমার বাছাটার।
যা শুনেছি তাতে মনে হচ্ছে একমাত্র তোমাদের সাথেই ব্রুকসের পরিচয় আছে, হালকা সুরে বলল প্যাট গ্যারেট, আয়েশ করে সিগার টেনে চলেছে। আমরা ওর সম্পর্কে আগ্রহী।
আবার! বাপের দিকে তাকাল লরিয়া, নিজেকে ভাবিক রাখতে কষ্ট হচ্ছে ওর। দিনটা আজ সত্যি খারাপ যাচ্ছে, ভাবছে ও, ঘুরে-ফিরে বারবার এ লোকটির প্রসঙ্গ চলে আসছে। মরে গিয়ে সবাইকে ব্যতিব্যস্ত করে তুলেছে সে!
সায় দেয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকাল ফ্ল্যাগান।
অনেকদিন ধরে ওকে খুজছি আমরা।
কেন?
বব, আমাদের ছোট ভাই, মারা পড়েছিল ওর হাতে। শুনেছি ডুয়েলটা ফেয়ার ছিল না। দূর থেকে ঘটনাটা আর ওর চেহারার বর্ণনা পেয়েছি কেবল, সন্দেহ আছে ও সত্যি খুনটা করেছে কি-না। বাতাসে তো কত কথাই ভেসে বেড়ায়! আমাদের নিশ্চিত হতে হবে।
ও তো মারা গেছে।
হাসল প্যাট গ্যারেট, চোখ দেখে বোঝা যায় বিশ্বাস করেনি। একগাদা লোককে বারবার হটিয়ে দিয়েছে ও, একা। আর শেষে কি-না নদীতে নেমে যাওয়ার সময় অসহায়ভাবে মারা যাবে? উহু, বিশ্বাস করি না। আমরা যাকে খুজছি তার প্রাণ বড় শক্ত, মি. ফ্ল্যাগান। ওর মত লোক এত সহজে মরবে না। আচ্ছা বলো তো, কেমন লোক ছিল ও?
কেমন আবার, জেমস ফ্লাগান বিভ্রান্ত। সাহসী, পরিশ্রমী…কয়েকদিন আগেও, পিস্তল তুলে নেয়ার আগে ও ছিল বেসিনের সবচেয়ে নিরীহ লোক। সশস্ত্র অবস্থায় এত ভয়ঙ্কর লোকের কথা আমি কখনও শুনিনি।
বুঝলে, মি. ফ্ল্যাগান, এবার মুখ খুলল অন্যজন। চারটে বছর যেখানেই গেছি খুঁজে বেড়িয়েছি ওকে। ওর আসল পরিচয় কোথাও পাইনি। বিভিন্ন জায়গায় ওর ব্যবহার করা অন্তত দশটা নাম বলতে পারব। একটা চেহারার বর্ণনা আর অনেকগুলো নাম যার কোনটাই আসল নয়, এই নিয়ে খোজ করছি আমরা। তবে, একবার মুখোমুখি হলে নিশ্চিত হওয়া যাবে।
তোমরা পরকারের লোক অথচ মরগান পিসে যাওনি, অসহিষ্ণু কণ্ঠে বলল লরিয়া। ওখানে গেলে হয়তো নিশ্চিত হতে পারতে।
ভুল করছ, ম্যাম, আমরা পারকারের হয়ে লড়ছি না। আসলে এ লড়াইয়ে আমাদের কোন ভূমিকাই নেই। ববের হত্যাকারী এখানে আছে-জানিয়েছিল পারকার। বাফেলোতে এসে বুড়োর সাথে দেখা করলাম, আর এতে সবাই মনে করেছে ওর দলে যোগ দিয়েছি। ওর পক্ষে লড়াই করলেও মরগান পিকসে যেতাম না, ওরকম লড়াই আমরা করি না। টেনেসীর নাম শুনেছ, ম্যাম? ওখানকার মেয়েরা পর্যন্ত বেটাছেলেদের মত সামনাসামনি লড়ে। আমরা ওখানকার মানুষ। শহরে বসে ব্রুকসের জন্যে অপেক্ষা করছিলাম…ও এলে নিশ্চিত হওয়া যেত।
এবং ডুয়েল শেষে মারা পড়ত সে।
বোঝা যাচ্ছে ওর সম্পর্কে আসল খবর জানো না, ছাইদানিতে সিগারের শেষাংশ গুজে রাখল ব্র্যাড গ্যারেট। ও এমন এক লোক যার সামনে পিস্তল হাতে দাড়াতে আমারও বুক কাপবে। আমরা মনেপ্রাণে চাইছি ব্রুকস যেন সে-লোক না হয়, যদিও এখানে এসে ওর সম্পর্কে যা শুনেছি এবং পরকারের লোকদের বিরুদ্ধে ও যেভাবে লড়ছে তাতে মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় এসেছি।
এসব আলোচনা ভাল লাগছে না লরিয়ার। ক্ষতটা তাতে কেবল বড়ই হবে। স্যামুয়েল ব্রুকস ওর জন্যে এখন সবচেয়ে স্পর্শকাতর প্রসঙ্গ। যেখানেই যাচ্ছে মৃত এ লোকটি সম্পর্কে আলাপ করতে হচ্ছে। কি ভেবেছে সে? প্রায় অচেনা একটা মেয়েকে নিজের সব সম্পত্তি দান করার সাহস করল কি করে? ওর আত্মসম্মানবোধের কথাও কি তার মাথায় আসেনি?
তোমাদের জন্যে কিছু বাকি রইল না, বলল জেমস ফ্ল্যাগান। ব্রুকস নেই, থাকলেও নিশ্চিত হওয়ার উপায় ছিল না। খুন করে কেউ স্বীকার করে না।
ও করত, সে-সাহস ওর আছে।
তোমরা কি চলে যাবে? প্রসঙ্গ বদলাল লরিয়া।
না, ঘোষণা করল ব্র্যাড গ্যারেট। ওর জন্যে অপেক্ষা করব।
ফ্ল্যাগান বিস্ময় বোধ করছে, মুখে কথা সরল না।
তুমি নিশ্চিত থাকতে পারো, মি. ফ্ল্যাগান, ও বেরিয়ে আসবেই। তাছাড়া পারকারের লোকেরা একটা ভুল করেছে, ব্রুকস যখন নদীর খাড়িতে আটকে ছিল, ঠিক কাজ হত নেমে গিয়ে ওকে খুন করা। ওরা তা করেনি। প্যাট গ্যারেটের মুখ দেখে মনে হচ্ছে কথাগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করে সে, এবং বাস্তবে ঘটবেও তাই।
এত নিশ্চিত হচ্ছ কি করে?
কারণ লোকটার নাম ওয়েসলি হারডিন। বিস্ময়ের বদলে বিপর্যয় বোধ করল লরিয়া। অল্প সময়ের ব্যবধানে এতগুলো চমক আর ঘটনা ওর মন মেনে নিতে চাইছে না। জন ওয়েসলি হারডিন, পশ্চিমের সেরা বন্দুকবাজ? না, ওর কাছে মোটেও তা মনে হচ্ছে না, লরিয়ার কাছে সে স্যামুয়েল ব্রুকস নামের পরিশ্রমী একরোখা এক পোর্ক যে শান্তির জন্যে এখানে। বসতি গড়েছে। তিনটে বছর বেসিনের তাবৎ লোক যাকে জানত অহঙ্কারী এক বাথান মালিক হিসেবে যে কখনও পিস্তল ঝোলায় না। শান্ত, নির্বিরোধী। অন্যের ব্যাপারে সে নাক গলিয়েছে একবারই, বাড পারকার যখন, লরিয়াকে উত্যক্ত করছিল। সে এটা করেছে সহজাত প্রবৃত্তি বশে, একজন মহিলার অপমান সহ্য করা যায় না বলে। হয়তো অশিক্ষিত, ঠিক মিশুক নয়, তবে অবশ্যই নিপাট একজন ভদ্রলোক।
তোমরা ঠিক বলছ? চাপা স্বরে জানতে চাইল ফ্ল্যাগান। আমার বিশ্বাস হচ্ছে না।
নড করল প্যাট, হাসল। বিভিন্ন জায়গায় অনেকগুলো নাম ব্যবহার করেছে ও, কিন্তু চেহারা তো ওই একটাই। ওকে দেখতে পেলে পুরো নিশ্চিত হয়।
কফি নেবে আর? আহ্বান করল লরিয়া।
মিসেস রিচার্ডস কফি দিয়ে যাওয়া পর্যন্ত আর কোন কথা হলো না। কি যেন ভাবছে জেমস ফ্ল্যাগান। কথাবার্তার ফাঁকে সুযোগ পেলেই চারপাশে নজর বুলাচ্ছে গ্যারেটরা, এমনকি কাচের দেয়াল ফুড়ে রাস্তা বা ওপাশের বাড়িগুলোর ওপরও চোখ রাখছে। সদা সতর্ক ভঙ্গি। সহসাই খুশি হয়ে উঠল লরিয়া, আশান্বিতশ্রুকসের একটা সুযোগ তাহলে সত্যি আছে! খোদা, ও যেন বেঁচে থাকে! অন্তস্তল থেকে প্রার্থনা করল ও। তারপরই রাজ্যের ভয় গ্রাস করল ওকে, বেঁচে থাকলেও টেক্সানদের মুখোমুখি হতে হবে ব্রুকসকে। পারকারের লোকগুলোর চেয়ে এরা ভিন্ন প্রকৃতির-ধীর-স্থির, নিজেদের সঙ্কল্পে অবিচল। ভয়ডর কি জিনিস এরা জানে না। লড়াইয়ের কিছু বোঝে না লরিয়া, কিন্তু উপলব্ধি করল পারকারের তাবৎ লোকদের চেয়ে এদের দুজনকে মোকাবিলা করা ব্রুকসের জন্যে অনেক কঠিন হয়ে পড়বে। চারটে বছর একটা বিশ্বাসের ওপর সারা দেশ চষে বেড়িয়েছে এরা, উদ্দিষ্ট লোকটাকে হাতের মুঠোয় পেলে হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর, নির্দয়। টেক্সানরা কতটা ভয়ঙ্কর মানুষ নিজ চোখে দেখেছে ও আজ, কার্লি ব্রনসনের মত লোক তিনজন সঙ্গী থাকার পরও ওদের সাথে লড়ার সাহস পায়নি।
কফির জন্যে ধন্যবাদ, ম্যাম, মাথায় হ্যাট চাপিয়ে উঠে দাঁড়াল ব্র্যাড গ্যারেট, হাত মেলাল ফ্ল্যাগানের সাথে। লরিয়াকে বাউ করে দরজার দিকে হাঁটতে শুরু করল। অনুসরণ করল অন্যজন।
বিল মিটিয়ে বেরিয়ে পড়ল রাপ-বেটি। সারা রাস্তায় খুঁজেও টেক্সানদের কোথাও দেখতে পেল না লরিয়া। স্বতঃস্ফুর্ত, নিঃশব্দ ওদের চলাফেরা। কি করে আউট-ল হলো ওরা? অনেকের চেয়ে ভদ্রোচিত ওদের আচরণ, অথচ সেটা মেকিও নয়। পশ্চিম বড় অদ্ভুত জায়গা-এখানে বাড পারকারের মত সুবেশী, কপট যেমন আছে, তেমনি আছে ব্রুকস বা গ্যারেটদের মত বুনো কিন্তু মনেপ্রাণে ভদ্রলোক। ওরা যা বিশ্বাস করে সেটা মুখের ওপর বলে দেয় এবং করেও দেখায়। গ্যারেটরা যদি ব্রুকসের বন্ধু হত, দারুণ হত তাহলে! পরকারের লোকগুলোকে হটিয়ে দিত তিনজনে মিলে। বোকার মত অলীক কল্পনা করছে বলে নিজেকে তিরস্কার করল লরিয়া। গ্যারেটরাও কি তাই ভাবছে না? ওরা মনে করে মরগান পিস থেকে ঠিকই বেরিয়ে আসবে ব্রুকস, এটাই কি সবচেয়ে বড় ফ্যান্টাসি নয়?
লকহার্ট সবকিছু তৈরি রেখেছে, রসদ তুলে দিয়েছে ওয়াগনে। চালকের আসনে বসে মেয়ের দিকে ফিরল ফ্ল্যাগান। তুই কি ঘোড়ায় চড়বি?
সায় জানাল লরিয়া।
শহর ছাড়িয়ে এসে হাঁফ ছাড়ল ও। যা একটা দিন গেল আজ! দারুণ সব অভিজ্ঞতা হয়েছে, কখনোই ভুলতে পারবে না এ দিনটা।
কিন্তু আরেকটা বিস্ময় অপেক্ষা করছিল ওর জন্যে।
স্যামুয়েল ব্রুকসের জমির ওপর দিয়ে যে ট্রেইল চলে গেছে সেটা ধরে এগোচ্ছে ওরা। ক্রীকের কাছে এসে পেছন ফিরে পোড়া কেবিন দেখল লরিয়া, তছনছ করে ফেলা হয়েছে সজি বেডগুলো। তিক্ত মনে জুলিয়াস পারকারকে অভিসম্পাত করল ও। ক্রীক পেরোনোর সময় উজান ধরে তাকাল, ঢালু পাড়ে বাদামী একটা কিছু নজর কাড়তে রাশ টানল। ঘোড়ার মুখ ঘুরিয়ে অজান্তেই এগোল সেদিকে।
লরা? পেছন থেকে ডাকল ফ্ল্যাগান।
ক্রীকের কিনারার পানি ভেঙে এগোচ্ছে লরিয়া। উইলো ঝোপের বাইরে একজোড়া বুট বেরিয়ে আছে। বাবা, ঝোপটার কাছে দেখো, কেউ একজন পড়ে আছে! উত্তেজিত শোনাল ওর কণ্ঠ, টের পেল দ্রুত হয়ে এসেছে শ্বাস-প্রশ্বাস, বুক ধড়ফড় করছে। গলা শুকিয়ে আসছে। হয়তো পারকারের কোন লোক, ভাবল লরিয়া, কিংবা ব্রুকসই, কিন্তু একটা লাশ ছাড়া কিছু নয়।
ফ্ল্যাগান একবার ভাবল মেয়েকে শাসন করবে, তারপর কি ভেবে ওয়াগনের আসন ছেড়ে নেমে এল। ক্ৰীকের পাড়ে উঠে এসে দ্রুত এগোল। তাকাল চারপাশে, কাউকে দেখা যাচ্ছে না। পাহাড়শ্রেণীতে নেই কেউ, অবশ্য লুকিয়ে থাকলে বোঝার উপায় নেই।
পৌঁছে গেছে লরিয়া। ঘোড়াটা পুরো থামার আগেই ছুটতে শুরু করল। আরেকটু হলে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কোনরকমে সামলে নিল। জায়গাটায়, পৌঁছে দ্রুত হাতে উইলোর শাখাগুলো সরাল। বাবা, ও-ই! অস্ফুট স্বরে বলে উঠল ও, কুঁকে পড়ে আঁকড়ে ধরল ব্রুকসের শরীর। বেঁচে আছে, বাবা! একইসঙ্গে উল্লাস আর বেদনা প্রকাশ পেল কণ্ঠে।
মেয়ের পাশে এসে দাড়াল সার্কেল-এফ মালিক। অজ্ঞান স্যামুয়েল ব্রুকসের ওপর নজর বুলাল। বহুকষ্টে পানির কিনারা থেকে উঠে এসেছে সে। কাদায় শরীর হেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ, আর কয়েক জায়গায় জমাট বঁধা রক্ত। দশফুট জায়গা পেরোতে তিনবার থেমেছে। সারাদেহ কাদা আর রক্তে মাখামাখি। কয়েকদিনের অনাহার আর রক্তক্ষরণ ওকে দুর্বল করে দিয়েছে, ভাবল ফ্ল্যাগান। তুই সরে যা, ওয়াগনের পাটাতনে জায়গা কর। আমি ওকে নিয়ে আসছি।
সরে গিয়ে অ্যাপলুসায় চড়ল লরিয়া, ফেলে আসা ওয়াগনের দিকে ছুটল।
ক্ষতগুলো পরীক্ষা করল জেমস ফ্ল্যাগান। কাঁধে ও উরুতে দুটো বুলেট ঢুকেছে, দগদগে ঘা-র মত দেখাচ্ছে ওগুলোর মুখ। মাথার চামড়া ছিলে চলে গেছে আরেকটা। কোনটাই মারাত্মক নয়। ব্রুকস নিজে দুই জায়গায় পট্টি বাঁধলেও নড়াচড়ার ফলে বারবার রক্তক্ষরণ হয়েছে। মাথার একপাশে ভোতা আঘাতের চিহ্ন, চামড়া ছড়ে গিয়ে ফুলে গেছে জায়গাটা। ফ্ল্যাগান ধারণা করল কোন কিছুর সাথে সংঘর্ষের ফল এটা। সার্কেল-এফ মালিক বিস্ময়ের সাথে লক্ষ্য করল তখনও একটা পিস্তল ধরা ছিল ব্রুকসের মুঠোয়, শেষ মুহূর্তেও হাল ছাড়েনি। সিলিন্ডার খুলে দেখল একটা গুলি খরচ করা হয়েছে, এরমানে-নদীর খাড়ি থেকে এখানে আসার পথে কেউ একজন ওর সামনে পড়ে প্রাণ দিয়েছে। খুঁজতে হলো না, অবশ্য সে-ইচ্ছেও ছিল না তার, ক্রীকের পাড় ধরে তাকাতে একটা উইলো ঝোপের কাছে পড়ে থাকতে দেখল একটা দেহ। ভাগ্যিস, লোকটার খোজে আসেনি কেউ! সেরকম হলে ব্রুকসকে আবিষ্কার করে ফেলত বার-পি কুরা। এ অবস্থায় কোন প্রতিরোধই করতে পারত না সে, অসহায়ভাবে মরতে হত।
পিস্তলটা কোমরে খুঁজে নিয়ে ব্রুকসকে তুলে নিল জেমস ফ্লাগান। ভারী দেহটা বইতে কষ্ট হচ্ছে তার, কিন্তু আনন্দের সাথে করছে সেটা।
শহরে নিয়ে যাবে? লরিয়ার কণ্ঠে উদ্বেগ, ব্রুকসকে ওয়াগনে শুইয়ে দেয়ার সময় বাপকে সাহায্য করল।
তাই করা উচিত এবং তাতে ভীমরুলের চাকে ঢিলও পড়বে। একটা দিন পেরোনোর আগেই শেষ হয়ে যাবে সব। নাহ, ওকে বাথানেই নিয়ে যাব।
কিন্ত ওর একজন ডাক্তারের দরকার, বাবা।
সেটা সম্ভব, একজন উপযুক্ত নার্সের আন্তরিক সেবাও সে পাবে, কৌতুকে নেচে উঠল ফ্ল্যাগানের চোখজোড়া। দ্রুত হাত চালাচ্ছে, পুরানো পট্টি খুলে ব্যানডানা দিয়ে ব্রুকসের ঊরুর ক্ষত পেঁচাল। তোর ওটা দে, ব্যানডানা চাইল সার্কেল-এফ মালিক। লরিয়া সেটা দিতে কাঁধের ক্ষতটা বাধল। ওকে নিয়ে যেতে পারবি না?
নড করল লরিয়া। শহরে যাচ্ছ?
ওয়াগন ছেড়ে নেমে পড়ল ফ্ল্যাগান, অ্যাপলুসার দিকে এগোল। ডক-কে মনে হয় ধরেই নিয়ে আসতে হবে। ও ব্যাটা তো সারাদিন পাগলা পানি খেয়ে চুর হয়ে থাকে।
ওয়াগনের আসলে বসে ঘোড়ার রাশ তুলে নিল লরিয়া, ফিরে তাকাল বাপের দিকে। তাড়াতাড়ি এসো, বাবা।
মাথা ঝাঁকাল সে, স্মিত হেসে অভয় দিল মেয়েকে। তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে যাবি, স্যাডলে চাপার সময় পরামর্শ দিল বাগান মালিক। ওয়াগনে যেন ঝকি না লাগে, পারবি না?
নড করে ওয়াগন ছেড়ে দিল মেয়েটা।
বাড়তি ঘোড়া সঙ্গে নিতে পারলে ভাল হত, ভাবছে ফ্ল্যাগান। সবচেয়ে তাড়ার সময়েই অযথা দেরি হয়। হয়তো দেখা যাবে ডক্ হেনরীর ঘোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না বা সাজ পরাতে সময় লাগছে, কিংবা একটা ঘোড়াও ভাড়া করতে হতে পারে। ডাক্তারের হুশ ফেরাতে বেশি সময় না লাগলেই হলো। কোমরে গোজা পিস্তলে হাত বুলাল ও, দরকার হলে ব্যাটার কানের কাছে গুলি ফুটিয়ে দেবে, তারপরও যদি হুশ না ফেরে তো তুলে নিয়ে এসে তাকে আচ্ছামত গোসল করাবে এই ক্রীকে। নিজেকে শাসন করল ফ্ল্যাগান, অদ্ভুত জিনিস ভাবছে, হাস্যকর। কারণটা আর কিছু নয়-সারাদিনের, উহু, কয়েকদিনের উৎকণ্ঠা, অমঙ্গল আশঙ্কা আর অনেক তিক্ত অনুভবের পর উদ্বেগ থেকে মুক্তি। ব্যাপারটা উপভোগ করছে সে। লরিয়ার কথা ভাবল, ওর জন্যে এটা আরও তৃপ্তিকর।
পেছন ফিরে দেখল ওয়াগনটা চলতে শুরু করেছে। কারও সাথে দেখা হওয়ার আগেই যেন ওরা পৌঁছে যায়, প্রার্থনা করল জেমস ফ্ল্যাগান।
<