ড্যানি লসনের মনে হলো কয়েক মুহূর্ত পরেই চোখ খুলেছে। দৃষ্টি পরিষ্কার হতে দেখল শহরের একমাত্র রেস্টুরেন্টের মেঝেয় শুয়ে আছে। দরজায় রাইফেল হাতে দাঁড়িয়ে আছে আইক জেসাপ, দুই জানালায় অবস্থান নিয়েছে ম্যাট হিগিন্স আর কার্ল ব্রেনেট।
কারও কোলে মাথা ওর। চোখ তুলে দেখল লসন। জুলিয়া লারকিন, নীল আয়ত চোখে রাজ্যের উদ্বেগ আর শঙ্কা। ঠিক পাশেই মেরী কোবার্ন। একটা কেচির সাহায্যে ওর রক্তমাখা শার্ট কাটতে শুরু করেছে জেনিফার লয়েড। ফেল্টন, হারপার, হ্যালার্ড…সবাই আছে কামরায়।
বাইরের কি অবস্থা, বলো তো, ক্লান্ত স্বরে জানতে চাইল ও।
শান্ত এখন, উত্তর দিল ফেল্টন। মনে হচ্ছে চুকে গেছে সবকিছু। তবে কে যেন গুলি করেছিল জেসি ওয়েনকে। মারা গেছে ও।
দৃষ্টি নামিয়ে নিজের দিকে তাকাল লসন। ওর শরীর থেকে রক্ত মুছতে শুরু করেছে জেনি, কাঁধে বুলেটের ক্ষতটা নিজেই দেখতে পেল ও।
আঘাত কতটা গুরুতর আমার?
চারটে গুলি ঢুকেছে তোমার শরীরে। প্রচুর রক্ত হারিয়েছ।
চোখ বন্ধ করল লসন। শরীরে কোন ব্যথা অনুভব করছে না এখন, তবে অসাড় হয়ে গেছে বাম বাহু। সাড়া নেই হাতে। ক্লান্তি আর আড়ষ্টতায় পেয়ে বসেছে মুখ আর হাতের আঙুলগুলোকে। জেনি এসব কাজে অভিজ্ঞ ডাক্তারের মতই দক্ষ, জানে ও।
ঘরের ভেতরে শ্বাস-প্রশ্বাস আর মৃদু চলাফেরার শব্দ ছাড়া আর কোন আওয়াজ নেই। ওর শরীরে বুলেট খুঁজছে জেনি, টের পেল লসন। ব্যথা, রাজ্যের ব্যথা অনুভব করছে এখন।
বাইরে, রাস্তায় অপরিচিত একটা কণ্ঠ শোনা গেল। তোমরা ভেতরে আছ যারা, তাদের বলছি। কিনকেডের লাশ নিয়ে যেতে এসেছি আমরা। খোদার কসম, আর কোন উদ্দেশ্য নেই আমাদের।
নিয়ে যাও, উত্তর দিল ফেল্টন। তবে এর পরপরই শহর ছাড়বে। তোমাদের কাউকে এখানে প্রয়োজন নেই আমাদের।
কথা বলছে কে? ড্যানি লসন কি ওখানে নেই?
বাইরে আছে ও, তোমাদের খুঁজছে, চেঁচাল ব্রেনেট। সুতরাং সময় থাকতে কেটে পড়ো।
নিচু স্বরে নিজেদের মধ্যে আলোচনা করল ওরা, তারপর আগেই লোকটাই মুখ খুলল। ঝামেলা আর চাই না আমরা। কিনকেড় নেই যখন, আমাদের কাজও শেষ। ফিরে যাচ্ছি আমরা। তোমরাও লসনকে ফিরিয়ে নাও।
মৃদু হাসি খেলে গেল জেফরি হ্যালার্ডের ঠোঁটের কোণে। অষুধটা বড় তেতো, আনমনে ভাবল স্কুল মাস্টার, অথচ একেই কিনা অবজ্ঞা করেছে সে!
কিছুক্ষণের মধ্যেই পায়ের শব্দ মিলিয়ে গেল; আর চুপচাপ হয়ে গেল চারদিক। কোথাও ডেকে উঠল দুটো মোরগ। কেউ কি একটা বাকবোর্ড জোগাড় করবে, ওকে কেবিনে নিয়ে যাব আমি? জরুরী কণ্ঠে বলল জুলিয়া লারকিন, বরাবরের মতই কণ্ঠটা সুরেলা ঝংকার সৃষ্টি করল প্রায় অচেতন ড্যানি লসনের কানে।
আচমকা নড়ে উঠল লসনের দেহ, জ্ঞান হারাল সে। কিন্তু জেনি তখন আনন্দে চেঁচিয়ে উঠেছে। পেয়েছি! শেষ বুলেটটাও বের করে ফেলেছি।
হয়তো বাথানেই ফিরে যাওয়া উচিত ওর, মৃদু স্বরে আপত্তি করল ম্যাট হিগিন্স। ওর মা বলেছে জোর করে হলেও যেন ধরে নিয়ে যাই ওকে। ড্যানকে অপছন্দ করে এমন লোকের সংখ্যা এখনও কম নয় এ শহরে।
কিভাবে ওকে নেবে তুমি, ম্যাট হিগিন্স? তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করল জুলিয়া লারকিন। এই শরীরে পাহাড় পেরোতে পারবে ও? ঠিক আছে, নিশ্চয়ই যাবে ও, কিন্তু আগে সুস্থ থোক। মিসেস লসনকে বোলো জুলিয়া লারকিন নিজে পৌঁছে দেবে ওর ছেলেকে।
জ্বী, ম্যাম! ম্লান স্বরে বলল হিগিন্স, দৃষ্টি নিচু হয়ে গেছে। কিন্তু ভেতরে ভেতরে সন্তুষ্ট, এবার বোধহয় সঠিক লাগাম পড়তে যাচ্ছে ড্যানি লসনের গলায়, আনমনে ভাবল সে। মা-লসন নিশ্চয়ই দারুণ খুশি হবে। এখনই ছুটে গিয়ে খবরটা দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে নিল সে। আগে লসনের বিপদের আশঙ্কা কাটুক, তারপর নিশ্চিত খবর নিয়ে বাথানে যাবে। ড্যানির আহত হওয়ার খবর পেয়ে নিশ্চয়ই বসে থাকবে না মহিলা, নিজেই ছুটে আসবে।
পরদিন সকালে আবার চোখ মেলল লসন। জানালার পাশে শুয়ে আছে ও। পাশের এক চেয়ারে ঘুমিয়ে আছে জুলিয়া লারকিন, ক্লান্তি মেয়েটার মুখে। হাঁটুর ওপর শটগান রেখে দরজার কাছে বসে আছে ম্যাট হিগিন্স।
উঠে বসার চেষ্টা করল লসন। কিন্তু একমণ ভারী মনে হচ্ছে মাথাটা। শঙ্কিত দৃষ্টিতে ওর দিকে তাকাল হিগিন্স। উঁহু, ওঠার চেষ্টা কোরো না, বাছা। মেয়েটার ঘুমও ভাঙিয়ো না। প্রায় সারা রাত জেগেছে বেচারী।
এদিকের কি অবস্থা?
কিনকেড, এলি থমাস, ওয়েন…কেউ বেঁচে নেই। মারাত্মক আহত হয়েছে মরগান কেইন, তবে এ যাত্রা বোধহয় বেঁচে যাবে। গুলি খেয়েছে আরও কয়েকজন। তবে সবাই তো ভাড়াটে, কিনকেড বেঁচে নেই শুনেই আগ্রহ হারিয়ে ফেলেছে ওরা, টাকা দেবে কে? অন্যরা, যারা তখনও শহরে ছিল, কাল রাতের ঘটনার পর আর থাকবে না নিশ্চয়ই। তুমি পেরেছ, ড্যান, শহরটা পরিষ্কার করেছ!
নিরুত্তর থাকল লসন। জানালা দিয়ে বাইরে তাকাল। না, তেমন সুন্দর নয় বাইরের দিকটা। রাস্তাটা কোনমতে তৈরি, শহরটাও তেমনি। তবে আজ থেকে বিশ বছর পর কেউ যদি দেখে তখন হয়তো মনোরম একটা শহর দেখতে পাবে। লোকটা হয়তো কল্পনাও করতে পারবে না প্রথম দিকে কি অবস্থা ছিল এই শহরের, কত রক্তপাতের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এখানে, আর অল্পের জন্যে মরতে বসেছিল শহরটা!
ম্যাট, শেষে মৃদু স্বরে বলল লসন। এ শহরটা মোেটও সুন্দর নয়।
প্রথম অবস্থায় কোন শহরই সুন্দর থাকে না, বাছা। তবে একদিক থেকে বিবেচনা করলে কালকের তুলনায় আজকে কিন্তু শহরটা অনেক সুন্দর।
তোমাদের জন্যে ভালই হলো। এখন থেকে হুইস্কি পান করতে চাইলে এখানে চলে আসতে পারবে।
হয়তো। কিন্তু সত্যি কথা বলতে কি, তিন বছর ধরে কাজ করছি তোমাদের বাথানে, কিন্তু ধারে-কাছে কোন শহর ছাড়াই দিব্যি চলে গেছে আমাদের। কখনও অভাব বোধ করিনি। শহর মানেই ঝামেলা, অন্তত আমার জন্যে।
এক এক করে এল সবাই। লসনকে দেখে যাচ্ছে। প্রায় জোর করে জুলিয়াকে তাড়িয়েছে হিগিন্স, বিশ্রাম নিতে বাধ্য করেছে।
ক্লান্তি এখনও দূর হয়নিলসনের শরীর থেকে। কিন্তু কথা বলতে ভাল লাগছে ওর। শহর সম্পর্কে শুনল ও। গোলমাল পাকাতে পারে, এমন কেউ আর নেই এখন। দুপুরের দিকে খবর এল তখন পর্যন্ত কোন ঝামেলা হয়নি। তালিকায় নামছিল, এমন একটা লোকও নেই আর। শুনে ক্লান্তি যেন আরও বেড়ে গেল ওর, চোখ বুজল লসন।
আবার যখন চোখ খুলল, তখন প্রায় রাত। একটা একটা করে জ্বলে উঠছে শহরের আলো। চোখ ফিরিয়ে পাহাড়ের দিকে তাকাল ও, আবছা ভাবে চোখে পড়ছে বিশাল কাঠামো। ওই পাহাড়ের বুকে শান্তি আছে, আছে আলো-ছায়ায় ঘেরা শান্তিপূর্ণ বসতির হাতছানি। কিন্তু সেখানে বরাবরই নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে ওর। কিসের যেন অভাব বোধ করেছে। টান টান উত্তেজনা, রোমাঞ্চ আর অজানাকে জানার তীব্র ইচ্ছে ঘরছাড়া করেছে ওকে। কিন্তু এটাই ওর ঠিকানা, কোন একদিন ওখানেই স্থির হতে হবে। আজীবন তো এভাবে চলবে না। তাছাড়া কার্ল ব্রেনেটের মতই স্বাভাবিক মৃত্যু চায় লসন, পিস্তলের গুলিতে মরতে চায় না। একটা স্থায়ী, শান্তিপূর্ণ জীবন কামনা করে ও।
কিন্তু তারও আগে চাই…।
কেমন লাগছে আজ, ড্যান? মৃদু কণ্ঠে জানতে চাইল জুলিয়া লারকিন, এইমাত্র কামরায় প্রবেশ করেছে। ঝরঝরে সতেজ দেখাচ্ছে ওকে, এবং কমনীয়। কাঙিক্ষত এক নারী।
ভাল। কিন্তু শুয়ে থাকতে ইচ্ছে করছে না। তোমাদের জন্যে ঝামেলা করছি কেবল। হিগিন্স আমাকে বাথানে নিয়ে গেলেই পারত।
এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, ড্যানি লসন! ওসব আমার ওপর ছেড়ে দাও। টেবিলে ট্রে নামিয়ে রাখল মেয়েটি, তারপর কৃত্রিম অভিযোগ নিয়ে দেখল ওকে। খুব কাণ্ডজ্ঞান দেখাচ্ছ, কিন্তু খুনে একটা শহরে এসে মার্শালের দায়িত্ব নেয়ার সময় কোথায় ছিল এসব? এত বিপদের মুখে পড়তে যাচ্ছ, মা-কে বলে এসেছ? কাজটা ভাল করোনি তুমি।
বিভ্রান্ত দৃষ্টিতে তাকাল লসন। কিন্তু…তুমি এসব জানলে কি করে? নিশ্চয়ই ম্যাট বলেছে?
উঁহু, ম্যাট বলেনি। যার অভিযোগ তার মুখেই শুনেছি আমি।
তারমানে…মা এসেছিল?
হ্যাঁ।
চিন্তাগুলো জট পাকিয়ে যাচ্ছে ক্রমশ, মেলাতে পারছে না লসন। চলে গেছে?।
হ্যাঁ। হিগিন্স পৌঁছে দিতে গেছে ওঁকে। দুজন কাউহ্যান্ড রেখে গেছে সে, ওর ধারণা এখনও বিপদ কাটেনি তোমার। পাহারায় থাকা উচিত কারও।
তাই? খুব ভাল মানুষ ও। শহরের কি অবস্থা?
এ নিয়ে চিন্তা করতে হবে না। তোমার কাজ হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা।
শহরের আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্যে কাউকে নিয়োগ করেছে ওরা?
আপাতত কার্ল ব্রেনেট দায়িত্ব নিয়েছে। ও বলছে তুমি সুস্থ হওয়ার পর এ নিয়ে আলাপ করবে তোমার সঙ্গে।
ভাল। এরকমই চেয়েছিলাম আমি।
জোর করে ওকে সুপ আর পাই খাওয়াল জুলিয়া। নীরবে কেটে গেল সময়। খানিকটা হলেও নিজেকে সুস্থ মনে হচ্ছে লসনের। কিন্তু কিছুটা হলেও ব্ৰিত বোধ করছে, অযথাই লারকিনদের জন্যে ঝামেলা করছে ও।
বিল বা পিট কোথায়?
সোনা তুলছে। অন্য দিকে মনোযোগ দেয়ার সময় কোথায়!
ওহ, প্রচুর উঠছে তাহলে! উদাস দৃষ্টিতে জানালা দিয়ে তাকাল ও। আমি শুধু শুধু তোমাদের সমস্যা করছি…
বাজে কথা বোলা না, ড্যান!
পিস্তল কোথায় আমার? হঠাৎ জিজ্ঞেস করল ও।
তোমার পাশেই, আঙুল তুলে দেখাল মেয়েটি। ওগুলো রেখে গেছে কার্ল ব্রেনেট। মজার ব্যাপার হচ্ছে হ্যান্স কোরানও অতিরিক্ত পিস্তলটা পাঠিয়ে দিয়েছে। তুমি কল্পনাও করতে পারবে না, ড্যান, সেদিন তোমার কাছ থেকে পিস্তল পেয়ে কি যে খুশি হয়েছিল ও। কোবার্ন আসলে আশ্চর্য এক মানুষ। আর আমার ধারণা সেদিন যেভাবে বাঁচিয়েছ ওকে, সেভাবে বোধহয় সাহায্য করোনি কখনও। পিস্তল ছুঁড়ে দেওয়ার ঘটনাটা বারবার বলছে সে, মাথা থেকে এ ব্যাপারটা সরাতে পারছে না।
ক্ষীণ হাসল লসন। পিস্তল দরকার ছিল ওর তখন। আমার কাছে ছিল, দিয়েছি। এর মধ্যে তেমন কোন ব্যাপার তো নেই।
মাথা দোলাল মেয়েটি, তারপর শ্রাগ করল। যে যেভাবে দেখে, টেবিলের ওপর থেকে পিস্তলটা তুলে নিয়ে লসনের হাতে ধরিয়ে দিল ও। এটা কিন্তু গুলিতে ভরা, কোবার্ন বলেছে তুমি নাকি ভরা পিস্তলই পছন্দ করো।
তা বটে। খালি পিস্তলের কি দাম!
পাশে বসে থাকল জুলিয়া। নীরব উষ্ণ কামরায় ওর ছন্দময় নিঃশ্বাস স্পষ্ট শুনতে পাচ্ছে লসন। তুমি বোধহয় বদলে গেছ, অস্ফুট স্বরে বলল ও শেষে।
কি রকম? ভুরু কুঁচকে জানতে চাইল মেয়েটি।
মনে হচ্ছে পশ্চিমে নতুন আসোনি, যেন এখানকার পুরানো বাসিন্দা। অথচ গত কয়েকদিন ভয়ঙ্কর কিছু ঘটনা আর অসংখ্য মৃত্যু দেখতে হয়েছে তোমাকে।
সয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার, আমি বুঝতে পেরেছি পরিস্থিতির দাবিতেই ঘটেছে এসব। বুনো একটা দেশ, কিছু কিছু মানুষও হয়তো খারাপ, কিন্তু এও ঠিক ভাল মানুষও আছে এখানে। প্রথমে কিছুটা খারাপ লাগলেও এখন আর লাগছে না। এই শহরটাকেও ভাল লাগছে। প্রাণের সঞ্চার হয়েছে এখানে, এবং তুমিই তা দিয়েছ, ড্যান।
বাড়িয়ে বলছ তুমি। কি এমন করেছি আমি! অন্য যে কেউ এসব করত।
কিন্তু এত ঝুঁকি নিয়ে বেপরোয়া লোগুলোর মুখোমুখি দাঁড়াত? কই, তোমার আগে তো কেউ সাহস করেনি!
জেফরি হ্যালার্ড করেছে।
কিন্তু সবারই সামর্থ্যের সীমা আছে, সেটা পেরিয়ে গেলেই ছন্দপতন হয়। ঝামেলাও তৈরি হয়।
জানালা দিয়ে বাইরে তাকাল লসন। খানিক দ্বিধা করল ও, তারপর বলেই ফেলল কথাটা। জেফরি হ্যালার্ড মানুষটা ভাল। ওর কথা ভেবে দেখতে পারো তুমি, ম্যাম, একদিন এ অঞ্চলের খুব নামকরা লোক হবে ও।
তাই? ভ্রুকুটি করল জুলিয়া লারকিন। কিন্তু তুমি কি জানো আমার শরীরে আইরিশ রক্ত বইছে? আমার সমস্যা কি জানো, শান্ত নিঝাট পুরুষ পছন্দ করি না আমি। আমার পছন্দ জেদী, একরোখা বুনো পুরুষ, ক্ষণিকের জন্যে থামল ও, তারপর স্মিত হেসে যোগ করল, তোমার মত। অজান্তে আভা ছড়াল মেয়েটির মুখে, দ্রুত যোগ করল: তবে ঠিক করেছি এখানে আর থাকব না।
কেন? পুবে ফিরে যাবে?
রহস্যময় হাসি দেখা গেল মেয়েটির ঠোঁটের কোণে। গভীর মমতা আর আবেগে লসনের চুলে হাত বুলাল ও। পরে বলব একদিন। লক্ষ্মী ছেলের মত শুয়ে থাকো এখন, তোমার জন্যে কফি তৈরি করে আনছি।
আলোটা নিভিয়ে দাও।
পিস্তলটা চাদরের নিচে, কোমরের পাশে রাখল লসন। পিস্তল ছাড়া নিজেকে অসহায় মনে হয় ওর। এই যেমন এখন মনে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোন অঙ্গ শরীরে জোড়া লেগে গেছে আবার।
রান্নাঘর থেকে মৃদু শব্দ আসছে। বাইরের রাস্তায় কখনও কখনও পদশব্দ শোনা যাচ্ছে। শহর থেকে সেলুন আর ড্যান্স হলের বাদ্য ভেসে আসছে, তবে অন্যদিনের মত চড়া নয়। ঘুমিয়ে পড়ল লসন। এবং মিনিট কয়েক পরেই ঘুম ভাঙল, মনে হলো ওর, কারণ কফি নিয়ে এখনও ফেরেনি জুলিয়া।
খুব আলতো পায়ের শব্দ শুনতে পেল লসন। সন্তর্পণে পোর্চে যেন পা রেখেছে কেউ। কান পাতল ও। শুনতে কি ভুল হলো? কারও পায়ের শব্দ? এমন মৃদু এবং সতর্ক!
রাস্তায় দৌড়াচ্ছে কে যেন। তারপরই গম্ভীর একটা শব্দ শোনা গেল, মনে হলো মেঝেয় ভারী কিছু পড়েছে। অস্ফুট স্বরে গুঙিয়ে উঠল কেউ, এলোমলো পায়ের শব্দ শোনা গেল আবার, আগের চেয়ে জোরাল।
হঠাৎ ফিসফিস করে উঠল কেউ: ড্যান, সাবধান! সাবধান, ড্যান!
ফিসফিস করে কি বলছে লোকটা? ঘুম পাচ্ছে ওর। কিছুই বুঝতে পারছে না লসন। জুলিয়া এত দেরি করছে কেন? ও কি স্বপ্ন দেখছে?
তখনই আবার পাশ থেকে কেউ বলে উঠল যেন: ড্যান, কোবিন এসে গেছে…কোবিন উইন্সটন…
আচমকা স্তব্ধ হয়ে গেল কণ্ঠটা।
অন্ধকার ঘরে টান টান হয়ে গেল লসনের দেহ। সামান্য শব্দ হলো দরজার কাছে। ডানদিকে খানিকটা কাত হলো ও, অবচেতন মন সতর্ক করতে চাইছে ওকে; কেবলই মনে হচ্ছে বিপদ আছে সামনে। দরজাটা ওর মাথার কাছে, একটু পেছনে-সেখানেই বিপদ!
বামদিক থেকে পিস্তলটা ডানদিকে নিল লসন। ডান হাতের মুঠিতে শক্ত করে ধরে রাখল। জুলিয়া কোথায়? অবশ্য মনে মনে প্রার্থনা করছে মেয়েটি যেন এখন রান্নাঘরেই থাকে।
কিন্তু ওকে সতর্ক করল কে? জানে না, বুঝতে পারছে না লসন।
চুপচাপ অপেক্ষা করল ও। মুখের ভেতরটা শুকিয়ে আসছে, বৃষ্টিতে ভেজা বেড়ালের বাচ্চার মতই দুর্বল মনে হচ্ছে নিজেকে। যেন প্রয়োজনে মাথাও কাত করতে পারবে না।
গাঢ় একটা ছায়া দেখা গেল কামরায়। দীর্ঘদেহী লোকটা, ডান হাতটা অপেক্ষাকৃত লম্বা দেখাচ্ছে। তারমানে হাতে পিস্তল আছে।
হ্যালো, ড্যান! বিজয়ের আনন্দ ছায়ামূর্তির সুরে।
হ্যালো, কোবিন, বলল লসন, শুকনো ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে, চোখ পিটপিট করে তাকাল লোকটার দিকে। ভাবিনি সত্যিই আসবে তুমি, কারণ কিনকেড় কিন্তু মারা গেছে।
আমাকে অগ্রিম দিয়েছে ও। তুমি তো জানোই আমার কাজের ধরন। পুরো টাকা আগাম না পেলে কোন কাজে হাত দেই না। তাছাড়া তোমাকে মেরে ফেলতে খুব ভাল লাগবে আমার। কখনোই তোমাকে পছন্দ হয়নি কিনা।
নিশ্চয়ই। আমাকে পছন্দ করার কোন কারণ নেই তোমার। বরং অপছন্দ করাই স্বাভাবিক, কারণ তুমি ভাল করেই জানো তোমার চেয়ে ভাল পিস্তল চালাই আমি।
খরখরে স্বরে হাসল কোবিন উইন্সটন, বিকৃত শোনাল কণ্ঠ। কৌতুক বা রসবোধ কোনটাই নেই কণ্ঠে। তুমি? আমার চেয়ে ভাল চালাও? কে জানে, ড্যান, সেই ফয়সালা হলে তো! কারণ একটু পরেই তোমাকে খুন করব আমি।
সত্যি কথা বলতে কি, বলে চলল সে। এভাবেই যে ব্যাপারটার নিষ্পত্তি হচ্ছে তাতে খুশি আমি। তুমি শুয়ে আছ, অসহায়—আহা, কি যে ভাল লাগছে আমার!
বড় বেশি কথা বলো তুমি, কোবিন! এবং টালবাহানা করতে পছন্দ করো। খুব সহজেই সিদ্ধান্তে পৌঁছে যাও। তোমাকে বোকা বানাতে চাই না আমি, কোবিন। কিন্তু তুমি কি জানো, সঙ্গে পিস্তল আছে আমার?
বাহ্, ড্যান, বাহ্! এখনও ধাপ্পা দেওয়ার বুদ্ধি হারাওনি দেখছি!
বেশ, মানছি, আমার সঙ্গে পিস্তল নেই। তা, তোমার অতিরিক্তটা ধার দাও আমাকে? দেবে? ধার দাও-সমান লড়াই হোক। নাকি ভয় পাচ্ছ?
হেসে উঠল কোবিন উইন্সটন। বাইরের দরজায় কারও শব্দ পাওয়া গেল, দুর্বল হাতে দরজার নব ঘুরাচ্ছে কেউ। ঠায় দাঁড়িয়ে আছে উইন্সটন, দরজার দিকে চলে গেছে দৃষ্টি, পিস্তলের নল ঘুরে গেছে সেদিকে।
উল্টোদিকে, রান্নাঘরের দিকের দরজায় দেখা গেল জুলিয়াকে। ড্যান, ঘুমাচ্ছ নাকি? কফি এনেছি। অপেক্ষা করো, আগে আলো জ্বালি।
শব্দ শুনেই পই করে উল্টো ঘুরল কোবিন উইন্সটন, এবং পরমুহূর্তে ভুল বুঝতে পারল। একটা মেয়ে মাত্র। পিস্তলের নল ফিরিয়ে আনছিল সে, এবং ঠিক তখনই তাকে গুলি করল লসন।
গুলিটা বোধহয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মুহূর্তের মধ্যে বিছানার অন্য পাশে সরে গেল লসন। উইন্সটনের গুলিটা এসে বিঁধল বিছানায়, একটু আগে যেখানে ছিল ও। আবারও গুলি করল লসন। কিছুটা সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে নিষ্ঠুর গানম্যান। এবার ডানদিকে হেলে পড়ল দেহটা, কিন্তু দীর্ঘ শরীরে মোচড় তুলে সিধে হলো সে, তারপর ঝাপিয়ে পড়ল বিছানায়, লসনের পাশে।
মি. উইন্সটন? অস্বাভাবিক শান্ত কণ্ঠে বলে উঠল জুলিয়া। তোমার যদি আপত্তি না থাকে তো একসঙ্গে কফি খেতে পারি আমরা।
এমন পরিস্থিতিতে অদ্ভুত প্রস্তাবটা থমকে দিল তাকে, তবে ক্ষণিকের জন্যে। মানুষ হত্যা করতে উদ্যত হয়েছিল সে, শান্ত স্বরের ভদ্র প্রস্তাবটা তাকে হতভম্ব করে দিয়েছে। সেই মুহূর্তটা কাজে লাগাল ড্যানি লসন। ধাক্কা দিয়ে সরিয়ে দিল কোবিন উইন্সটনকে।
পরমুহূর্তে পরস্পরকে গুলি করল ওরা। ধাক্কার কারণে বেসামাল অবস্থায় ছিল উইন্সটন, গুলিটা তাই লক্ষ্যভ্রষ্ট হলো। লসনেরটাও। কিন্তু কিছুটা হলেও সময় পেয়েছে ও, এদিকে পিস্তল ঘুরাচ্ছে উইন্সটন। দুহাতে পিস্তল আঁকড়ে ধরল লসন, দাঁতে দাঁত চেপে ট্রিগার টানল। জানে এবার ব্যর্থ হলে আর কোন সুযোগই পাবে না। অথচ শরীর ভেঙে আসতে চাইছে, জোর পাচ্ছে না আঙুলে। পিস্তলটা এক চুল ওপরে তুলল ও। সবই ঘটল সেকেন্ড দুয়েকের মধ্যে।
একবার, দুবার, তিনবার গুলি করল ও। শূন্য সিলিন্ডারে হ্যামারের বাড়ি পড়তে সংবিৎ ফিরল ওর, হাত থেকে ছেড়ে দিল পিস্তলটা। ক্লান্তিতে নিজেও লুটিয়ে পড়েছে বিছানায়। জ্ঞান হারানোর আগে শুনতে পেল কাঁদছে মেয়েটা।
বাইরে হৈচৈ শুনে জ্ঞান ফিরে পেল লসন। দৌড়ে আসছে লোকজন। দরজায় সবেগে আঘাত করল কেউ। দরজা ভেঙে গেল একসময়। হুড়মুড় করে ঢুকে পৃড়ল কয়েকজন।
উঠে দাঁড়িয়েছে জুলিয়া, ছুটে এসে চেপে ধরল লসনের শিথিল হাত। ড্যান, ওহ, ড্যান! সুস্থ আছ তুমি, বলো, ড্যান!
কি হয়েছে, বাইরে বিল লারকিনের ভরাট কণ্ঠ শোনা গেল। কি হয়েছে এখানে?
ঠিক কি হচ্ছে বুঝতে পারছে না লসন।
কোবিন উইন্সটন এসেছে, কেউ যেন বহু দূর থেকে বলল, ড্যানের ওপর চড়াও হয়েছিল সে, কিন্তু নিজেই মারা গেছে শেষে।
লসনদের এই কাউহ্যান্ড পড়ে আছে কেন?
এবার চোখ মেলে তাকাল লসন। আমাকে সতর্ক করতে চেয়েছিল ও। সফলও হয়েছিল। ঘুমের মধ্যে ছিলাম আমি। কিন্তু উইন্সটন বোধহয় ছাড়েনি ওকে। ও কি বাঁচবে?
কেউ সেই প্রশ্নের উত্তর দিল না, কিংবা উত্তর শোনার আগেই জ্ঞান হারাল লসন।
পুরো এক সপ্তাহ বিশ্রাম নিল ও। বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়েছে। অনেক মানুষ এল-গেল, নানা কথা বলল ওর সঙ্গে। উত্তর দিল, কিন্তু সবই ঘটেছে ঘোরের মধ্যে।
সপ্তাহ খানেক পর উঠে দাঁড়াতে সক্ষম হলো লসন। হ্যাঁ, এখন শক্তি পাচ্ছে শরীরে। বাইরে সূর্যের আলোয় এসে দাঁড়াল ও। আহা, কি চমক্কার রোদ।
জেরেমি টাউন তখন ব্যস্ত। নতুন জেনারেল স্টোর, হোটেল, রেস্তোরাঁ গড়ে উঠছে। একটু পরেই ডিক ফেল্টনকে নিয়ে ওর সঙ্গে দেখা করতে এল জেফরি হ্যালার্ড।
এখন কেমন আছ, ড্যান? জিজ্ঞেস করল সাংবাদিক।
ভাল। হ্যালার্ড, শুনলাম তুমি নাকি স্কুল খুলতে যাচ্ছ?
একটু হাসল সে। হ্যাঁ, স্কুলের ব্যবস্থা তো করতেই হয়। একটা হাসপাতালও। জুলিয়া লারকিনকে প্রস্তাব দিয়েছিলাম, ইচ্ছে করলে স্কুলে পড়াতে পারে ও। কিন্তু মিস্ লারকিন বলল এখানে নাকি থাকবে না।
আনমনে মাথা নাড়ল লসন, কদিন আগের স্মৃতি মনে পড়ল। ওকেও তাই বলেছে জুলিয়া-পুবে যাবে না, কিন্তু এখানেও থাকবে না।
কিছুক্ষণ চুপ করে থাকল হ্যালার্ড। একটা কথা বলব, ড্যান?
বলো।
জানি তোমাকে এ কথা বলার প্রয়োজন আসলে নেই। তাছাড়া আমি যে কথা বলব সেটা শোনার জন্যে এসব করোনি তুমি। …তবুও, ধন্যবাদ তোমাকে, ড্যান, আন্তরিক ধন্যবাদ। তোমার কারণেই টিকে গেল জেরেমি টাউন!
ক্ষীণ হাসল লসন। এবার নিশ্চয়ই সুন্দর শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠবে জেরেমি টাউন।
হ্যাঁ, হ্যালার্ডের কণ্ঠে আত্মবিশ্বাস। তাই হবে, ড্যান।
এক এক করে এল অন্যরা—জো হারপার, কার্টিস, অ্যালেন, ব্রেনেট এবং আরও অনেকে। আবার চলেও গেল সবাই। একা হয়ে পড়ল লসন। কিছুটা অস্থির বোধ করছে ও, নিঃসঙ্গ এবং অসহায় মনে হচ্ছে নিজেকে।
ওর পাশে এসে বসল জুলিয়া লারকিন। মিষ্টি রহস্যময় হাসি মেয়েটির ঠোঁটে। কাল তোমাদের বাথানে যাব আমি, তোমাকে সঙ্গে নিয়ে।
আজই যাচ্ছি না কেন?
এত তাড়া কিসের?
এখানে আর ভাল লাগছে না।
কেন? ভুরু কোঁচকাল জুলিয়া, কিন্তু মুখে স্মিত হাসি।
হয়তো এখানে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই। জেরেমি টাউনে আর কিছুই করার নেই আমার।
কিন্তু অন্য কোথাও নিশ্চয়ই তোমার প্রয়োজন ফুরিয়ে যায়নি?
কোথায়?
জানো না? চোখ বড় বড় করে তাকাল জুলিয়া। কেন, তোমাদের বাথানে? তোমার বাবা-মা অপেক্ষা করছে তোমার জন্যে।
দীর্ঘশ্বাস ফেলল লসন। ওরা সবসময়ই চেয়েছে আমি যেন ধারে-কাছে থাকি, কিন্তু…
ঘুরে বেড়িয়েছ তুমি, কথাটা শেষ করল জুলিয়া, তারপর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিল, কিসের জন্যে?
জানি না।
কিন্তু আমি জানি।
জানো!?
হ্যাঁ।
কিসের জন্যে?
অতি প্রিয়, মনের মত একটা জিনিস খুঁজেছ-তোমার অবচেতন মন খুঁজেছে।
ওহ্, আমি নিজে জানি না অথচ…
আলতো হাতে ওর একটা বাহু স্পর্শ করল জুলিয়া লারকিন। ঘুমের ঘোরে, যখন অসুস্থ ছিলে তুমি…সবই বলে দিয়েছ আমাকে। স্বপ্নটা নাকি আবিষ্কার করেছ এই সেদিন…আমাকে দেখার পর, সত্যি, ড্যান?
বিব্রত বোধ করছে লসন, পারলে সরে যায় মেয়েটির কাছ থেকে। চুরি করে যেন ধরা পড়ে গেছে। কিন্তু অভয়ের চাহনি মেয়েটির নীল দুই চোখে, সেখানে কি এক অস্থিরতা-তাগাদা দিচ্ছে ওকে। হ্যাঁ, স্বীকার করল ও। কিন্তু তোমাকে বলা দূরে থাক, নিজের কাছেই স্বীকার করতে চাইনি আমি। আমি একজন কঠিন মানুষ, জুলিয়া, হয়তো যে কোন দিন স্যাডলে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে আসবে আমার ঘোড়াটা।
ওরকম বোলো না, আমি জানি তেমন কিছুই ঘটবে না! রুদ্ধ স্বরে বলল জুলিয়া লারকিন। বিশ্বাস করো, তেমন কিছু ঘটতে দেব না আমি!
বিহ্বল চোখে মেয়েটির দিকে তাকাল লসন, লজ্জায় লাল হয়ে গেছে জুলিয়ার মুখ। দৃষ্টি নিচু। হাত তুলে জুলিয়ার কাধে রাখল ও, অন্য হাতে জোর করে নিজের দিকে ফেরাল অপূর্ব সুন্দর মুখটা। ঘোষণাটা কি আজই দেব? মিল, অধীর স্বরে জানতে চাইল লসন।
ওর কাঁধে মাথা রাখল জুলিয়া, দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু ভ্যান…আমি যে এখানকার কিছুই জানি না! পুবের একটা মেয়ে হয়ে…
আসল কাজটাই সেরে ফেলেছ, বাধা দিল লসন। পশ্চিমের একজন পুরুষকে পছন্দ করেছ, এবং আমি যদি ভুল করে না থাকি, ছবির মত সুন্দর একটা বাথানে ভবিষ্যতের দিনগুলো কাটানোর স্বপ্ন দেখেছ! দেখলে, নিজের স্বপ্নের কথা বলোনি তুমি, কিন্তু ঠিক জেনে গেছি আমি?
মেয়েরা কি মুখ ফুটে সব কথা বলতে পারে?
ঘোষণাটা দেব তো?
দাও।
কবে?
আজই, ড্যান। এক্ষুণি! তারপর তোমাদের বাথানে যাব আমরা।
<