জেরেমি টাউনে ফিরে এসে অনেকগুলো খবর পেল ড্যানি লসন। আরও এক লোককে শেরিফ নিয়োগ করেছিল শহর কমিটি, কিন্তু পরে দেখা গেল বেনি ভবিন নামের সেই লোক আসলে জেসি ওয়েনের সাগরেদ। তিন দিন পরই ডবিনকে বরখাস্ত করেছে শহর কমিটি। কাজটা সহজ হয়নি, জোর করে ব্যাজ কেড়ে নিতে হয়েছে, এবং তা করতে গিয়ে বাহুতে একটা গুলি লেগেছে জো হারপারের।
একটা ক্লেইম জবরদখল করেছে শেইন থমসন, এবং, বিশালদেহী এক ভবঘুরেকে পিটিয়ে শহর ছাড়া করেছে। আইক জেসাপের জুয়ার আড্ডায় খুন হয়েছে তিনজন। একই রাতে চুরি হয়েছে তিনটে স্টোরে, পিস্তলের মুখে এক দোকান থেকে ইচ্ছেমত রসদ সংগ্রহ করেছে কিনকেডের তিন চেলা। এছাড়া নিত্যকার হাঙ্গামা আর খুনোখুনি তো আছেই! গত ছয় দিনে সাতটা নতুন কবর খুঁড়তে হয়েছে বুটহিলে। কার্ট রক্সের সাথে লাগতে গিয়ে মারা গেছে একজন মাইনার।
সন্ধ্যায় মীটিংয়ে বসবে শহর পরিচালনা কমিটি, শহরের সামগ্রিক পরিস্থিতির ওপর আলোচনা ছাড়াও শেরিফ নিয়োগ করা হবে।
হ্যান্স কোবার্নের অফিস থেকে বেরিয়ে এসে গ্রুলায় চড়ল লসন। টড মার্টিনের জিম্মায় রেখে গিয়েছিল ঘোড়াটাকে। ও ফেরার পর স্টেবল থেকে ওটাকে নিয়ে এসেছে মার্টিন।
ক্লান্তি লাগছে ওর, কদিন ধরে টানা ছোটার মধ্যে ছিল, তাছাড়া মানসিক ধকলও কম যায়নি। প্রিয় ঘোড়ার স্যাডলে চাপার পর কিছুটা হলেও স্বস্তি আর আনন্দ অনুভব করল, লসন। বাথানে গিয়ে লম্বা একটা বিশ্রাম নেবে, ভাবছে ও, তারপর…তারপর কি? আবার বেরিয়ে পড়বে, নাকি নিরাপদ দূরত্বে থেকে জেরেমি টাউনের ধ্বংস হওয়া দেখবে? সিদ্ধান্ত নিতে না পেরে নিজের ওপর বিরক্তি অনুভব করল ও।
পাহাড়ের দিকে তাকাল লসন। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য, কমে এসেছে–রোদের তেজ; একটু পরেই পাহাড়ের আড়ালে ডুব দেবে। নদীর ধারে সারাক্ষণ ব্যস্ত থাকে মাইনাররা, কিন্তু আজ প্রায় কেউই কাজ করছে না। সাড়া নেই, একেবারে নিশ্ৰুপ হয়ে আছে ক্লেইমগুলো।
ধীর গতিতে শহর ছেড়ে ক্লেইমের দিকে এগোল লসন। নদী পেরিয়ে ওপাশের বিস্তীর্ণ উপত্যকায় গোপন ট্রেইল আছে, সেটা ধরে এগোলে ঘণ্টাখানেকের মধ্যে পাহাড়ের গভীরে ওদের বাথানে পৌঁছে যাবে। মাইল দুয়েক পথ, দুর্গম, কিন্তু বহুবার আসা-যাওয়া করেছে লসন। সময় আর পরিশ্রম কম বলে বারো মাইল ঘুরপথের চেয়ে এ ট্রেইলই পছন্দ ওর।
বিল লারকিনের ক্লেইমের কাছে আসতে দূর থেকে কেবিনের পোর্চে জুলিয়া লারকিনকে দেখতে পেল ও। ওকেই দেখছে মেয়েটি। আঙুলে হ্যাটের কিনারা ছুঁয়ে নড করল লসন, ঘোড়ার গতি না কমিয়ে চলে যেতে উদ্যত হতে ওকে ডাকল জুলিয়া।
খানিকটা দ্বিধার পর ফটক দিয়ে ক্লেইমের ভেতরে ঢুকল ও।
বাথানে যাচ্ছ? কাছে যেতে জানতে চাইল জুলিয়া।
মাথা ঝাঁকাল ও, নীরবে নিরীখ করছে মেয়েটিকে। খানিক আগে গোসল করেছে বোধহয়। ঝরঝরে, সতেজ লাগছে ওকে। ভেজা চুল পড়ে আছে কাধের ওপর। অবাক হয়ে দেখল পশ্চিমের মেয়েদের মত সাধারণ পোশাক পরেছে জুলিয়া-ব্লাউজ, গোড়ালি পর্যন্ত লম্বা ফ্রক। পোশাকটা মানিয়েছে ওকে, এবং আর দশটা মেয়ের সাথে ওর পার্থক্য কেবল অনাবিল সৌন্দর্যে। লসনের আবারও মনে হলো এখানে মানায় না জুলিয়া লারকিনকে, অন্তত জেরেমি টাউনের মত অস্থির এক মাইনিং টাউনে।
ভেতরে এসো, মি. লসন, আহ্বান করল মেয়েটি।
খানিক দ্বিধা করল লসন। চারপাশে তাকাল, দুভাইয়ের কাউকে দেখা যাচ্ছে। মেয়েটি বোধহয় একাই আছে। স্যাডল ছেড়ে রেইলের সঙ্গে লাগাম বাধল ও, তারপর কেবিনে ঢুকল। ভেতরের কামরায় চলে এল জুলিয়ার পিছু পিছু। খাবারের টেবিলে বসল ওরা।
মি. লসন, তোমাকে একটা ধন্যবাদও দেয়া হয়নি, বিস্কুট আর পাই পরিবেশন করার সময় বলল জুলিয়া।
এতক্ষণে ওটা পেয়ে গেছি আমি।
আমি তো দেইনি।
মুখে বলার দরকার পড়ে না সবসময়। এমনিতেই বোঝা যায়।
হয়তো, বলে শ্রাগ করল জুলিয়া, তারপর রান্নাঘরের দিকে চলে গেল।
দরজা দিয়ে চুলো আর কাছাকাছি একটা অংশ দেখা যাচ্ছে। পেছন থেকে মেয়েটির শারীরিক গড়ন, ফর্সা পিঠ চোখে পড়ল লসনের। নিজেকে শাসন করে চোখ ফিরিয়ে নিল ও। তামাক আর কাগজ বের করে সিগারেট রোল করল। তোমার বাবা বা বিল কোথায়? মেয়েটি কফি নিয়ে ফিরে আসতে জানতে চাইল।
শহরে, ল-অফিসে মীটিং চলছে। সব মাইনাররা ওখানেই আছে।
অজান্তে একটা ভুরু কোঁচকাল সন।
বাবার কাছে শুনলাম জুড ফস্টারের ক্লেইম দখল করে নিয়েছে থমসন, জানাল জুলিয়া। এ ব্যাপারে কি করা যায় তা নিয়ে আলোচনা করবে ওরা, একজন মার্শালও নাকি নিয়োগ করবে।
তোমার বোধহয় ভাল লাগছে না এখানে।
কেন? কপালে একটা ভুরু তুলে জানতে চাইল মেয়েটা, বিস্মিত।
তোমাকে দেখে তাই মনে হচ্ছে আমার। যে কোন শহরের শুরুর দিকটা সবসময় গোলমেলে হয়, খনি শহর হলে তো কথাই নেই; মহিলাদের জন্যে নিরাপদ হয়ে উঠতে কিছুটা হলেও সময় লাগে। জেরেমি টাউনের ক্ষেত্রেও তাই হচ্ছে। পশ্চিমে এসে শুরুতেই কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে তোমাকে, মিস্ লারকিন!,
আমি একটা ভিন্ন পরিবেশে বড় হয়েছি, তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। মানিয়ে নিতে একটু কষ্ট তো হবেই, তাই না? হেসে কফিতে চুমুক দিল জুলিয়া। আচ্ছা, এখানে কি এরকমই চলতে থাকবে?
না। খুব বেশি হলে দুমাস। খনিতে সোনা ফুরিয়ে গেলে বেশিরভাগ লোক কেটে পড়বে।
কেন?
সোনার কারণেই এ শহরের জন্ম। খনি না থাকলে খারাপ মানুষগুলো হয়তো আসতই না। পশ্চিমের যে কোন মাইনিং টাউনের শুরুটা সবসময়ই ঝামেলাপূর্ণ হয়, নিজেদের স্বার্থ হাসিল করার জন্যে শহরে অরাজকতা সৃষ্টি করে ওরা লুঠপাট বা জবরদখলে সুবিধে হয়। অথচ সোনা শেষ হয়ে গেলে নিমেষে কেটে পড়ে এসব ধান্ধাবাজ লোক।
বাকি যারা থাকে…নিরীহ লোকেরা?
হয়তো থাকবে। ধীরে ধীরে গড়ে উঠবে শহরটা। তবে সময় লাগবে, টেরিটরির এক প্রান্তে বলে লোকজন সাধারণত আসে না এদিকে। সব মিলিয়ে এ শহরের টিকে থাকার সম্ভাবনা কম। আবার খারাপ মানুষগুলোর কারণে সময়ের আগেই ধ্বংস হয়ে যেতে পারে শহরটা।
কিভাবে?
ধরো এমন একটা সময় এল, যখন খারাপ লোকগুলো বেশ কিছু ক্লেইম কেড়ে নিল; এদের ঠেকাতে গিয়ে প্রচুর লোক হতাহত হবে, তার বেশিরভাগ হবে নিরীহ মানুষ। ঝামেলা এড়াতে তখন চলে যাবে অন্যরা। শেষে নিজেদের মধ্যে লড়াই শুরু করবে খারাপ মানুষগুলো, স্বার্থ ফুরিয়ে গেলে একসময় এরাও চলে যাবে, কিন্তু যাওয়ার আগে হয়তো পুড়িয়ে দেবে শহরটা। এরকম ঘটনা বহু উঠতি শহরের ভাগ্যে ঘটেছে।
কোন ভাবে কি ঠেকানো যায় না এসব?
দক্ষ হাতে যদি খারাপ লোকগুলোকে সামাল দেয়া যায়, প্রয়োজনে নিষ্ঠুর হতে হবে। কোন ভাবেই এদেরকে জুড়ে বসতে দেয়া যাবে না। তারপর হয়তো…
কিন্তু তেমন হলেও তো কিছু খুনোখুনি হবে।
হবে, তবে সেটা মহৎ উদ্দেশ্যে। ভাল কথা বলে খারাপ মানুষকে হটানো যায় না।
ওদের মনে ভয় ধরিয়ে দিতে হবে, যাতে শহর ছেড়ে পালায়, এই তো?
সেদিন নিকোলাস গ্রীনকে তুমি যেমন পাইয়ে দিয়েছ।
ও কিন্তু শহর ছেড়ে পালায়নি। আর ঘটনাটা খুবই সামান্য ব্যাপার। একটা শহর পরিষ্কার করতে গেলে কতটা বিশৃঙ্খলা হতে পারে, কল্পনাও করতে পারবে না তুমি, ম্যাম। লুঠপাট, খুনোখুনি তো হবেই।
সেদিনের ঘটনাকে সামান্য বলছ কেন? তুমি সাহস দেখিয়েছ বলেই আমাকে ওয়্যাগন থেকে নামাতে পারেনি ওরা, কিন্তু তুমি না থাকলে কি হত ভেবে দেখেছ?
ওটা স্রেফ বিচ্ছিন্ন একটা ঘটনা, অন্যদের কাছে এর কোন গুরুত্ব নেই। নিকোলাস গ্রীন পিছিয়ে গেছে বটে, কিন্তু সময়ে হয়তো দেখা যাবে কাউকেই পরোয়া করছে না সে-ঠাণ্ডা মাথায়ও খুন করা সম্ভব ওর পক্ষে। নিকোলাস গ্রীনের মত অন্তত বিশজন ভয়ঙ্কর লোক আছে এখানে। এরা বেপরোয়া হয়ে উঠলে নরক নেমে আসতে পারে জেরেমি টাউনে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে শহরটা।
এরকম অশান্ত একটা শহর পরিষ্কার করতে হলে আসলে কয়েকজন দক্ষ কঠিন লোকের দরকার। যারা ওদের মতই কঠোর হতে পারবে, ঠাণ্ডা মাথায় খুন করতে পারবে। নিরীহ মানুষের কাছে হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে এসব, কিন্তু এটাই সত্যি যে প্রয়োজনে নিষ্ঠুর না হলে শান্তিও আসে না।
বোধহয় বুঝতে পেরেছি, উজ্জ্বল দেখাল জুলিয়ার চোখ জোড়া, কিছুটা সমীহ মাখানো দৃষ্টিতে দেখছে লসনকে।
অপ্রতিভ বোধ করছে লসন, দৃষ্টি নামিয়ে সিগারেট রোল করতে শুরু করল।
বাথানে আর কে আছে তোমার? প্রসঙ্গ বদলাল জুলিয়া।
বাবা-মা।
বাথানটা খুব সুন্দর?
তোমাকে কে বলেছে?
চাচা।
বিল একবার গিয়েছিল ওখানে।
আমিও যাব একদিন। এখানে থাকতে বিরক্তি ধরে গেছে। সকাল হলেই সবাই বেরিয়ে পড়ে, সোনা তোলার নেশায় পেয়ে বসে ওদের। তারপর সন্ধে হলে শহরে চলে যায়, হুইস্কি গিলে পেট ভরে আসে। প্রতিদিন ওখানে গুলির শব্দ পাওয়া যায়। এভাবে চলতে থাকলে আমার তো সন্দেহ হয় এখানে শেষপর্যন্ত বিশজন লোকও বেঁচে থাকে কিনা।
সেরকম কিছু হবে না। হয় তার আগেই শহরটা ধ্বংস হবে, নয়তো খারাপ মানুষগুলো কেটে পড়বে।
প্রথম যখন পশ্চিমে এসেছি, মন্টানায় পা দিয়েই দুটো খুন হতে দেখলাম। একেবারে সামান্য কারণে। ঘটনাটাকে স্রেফ নিষ্ঠুরতা মনে হলো আমার। ধারণাটা অবশ্য পরে পাল্টে গেছে, স্মিত হাসল জুলিয়া। সেদিন বুঝতে পারলাম সবার মধ্যে এই দৃঢ়তা না থাকলে এখানে জীবনই অচল হয়ে পড়ত। প্রয়োজনে মানুষকে নিষ্ঠুরও হতে হয়, একটু আগে তাই তো লেছ? তোমার মধ্যে কি দেখেছে নিকোলাস গ্রীন, এভাবে দলবল সহ পিছিয়ে গেল সে? যার যার নিরাপত্তার ভার যখন শুধুই নিজের জীবন বাঁচানোর তাগিদেই সবার জীবন রুক্ষ হয়ে উঠেছে, তাই না?
নীরবে মাথা ঝাঁকাল লসন। তোমরা কি একেবারে চলে এসেছ?
বাবা তাই চিন্তা করছে, কিন্তু… খানিক দ্বিধা করল মেয়েটি, তারপর ক্ষীণ হাসল। কারও অনুগ্রহে থাকা আমার ঠিক পছন্দ নয়, হোক না চাচা। সনোরায় একটা স্কুলে পড়াতাম আমি, পশ্চিমে আসার জন্যে বাবার আগ্রহ এতটাই ছিল যে মানা করতে পারলাম না। আমি হয়তো চলে যাব, যদি ভাল না লাগে…
জেফরি হ্যালার্ড এখানে একটা স্কুল খুলবে, ওখানে পড়াতে পারবে তুমি।
এখানে যদি মন টিকে যায় তো থাকব, কাজ করার ওপর সেটা নির্ভর করে।
তারমানে…নিজের সম্পর্কে নিশ্চিত নও তুমি?
হ্যাঁ…ইচ্ছের বিরুদ্ধে এখানে এসেছি আমি। এখানে যে আমার জীবন খুব ভাল ভাবে কাটবে না, এটুকু স্পষ্ট বুঝেছি। এই কেবিনের ভেতর পড়ে থেকে রান্না করা আর ঘর-দোর পরিষ্কার রাখা, এটা কোন কাজ হলো? উচ্চাকাঙ্ক্ষা নেই আমার, কিন্তু জীবন কাটানোর জন্যে একটা উপলক্ষ তো লাগে, তাই না? ওদের জন্যে সোনার মোহ আছে, আমার জন্যে কি আছে এখানে?
আসলে পশ্চিম তোমার পছন্দ নয়।
অপছন্দ করি, তাও নয়। আসলে এখানে আমার কোন ভূমিকা নেই, শুধু ঘরকন্নার কাজ করছি, তা-ও বোধশূন্য কিছু মানুষের মধ্যে, যার মূলে আছে উত্তপ্ত অস্থির একটা শহর। এই পরিবেশে থাকি কিভাবে, যেখানে আমি পশ্চিমে একেবারেই নতুন? হয়তো অন্য কোথাও, আরও শান্তিপূর্ণ কোন জায়গায় অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারতাম! কিন্তু…সত্যিই এখানে মন টিকছে না আমার।
ঠিকই বলেছ, ম্যাম।
তুমি হয়তো হতাশ হয়েছ। আমার কথায় বোধহয় পরোক্ষ ভাবে পশ্চিমকে খাটো করা হয়, অন্তত যেভাবে বলেছি কথাগুলো এখানকার কারও পছন্দ হওয়ার কথা নয়।
অযথাই ভাবছ, ম্যাম। তোমার চিন্তা-ভাবনায় কারও কিছু আসে-যায় না, সুতরাং কারও তাতে আপত্তি করার প্রশ্নই আসে না। বাইরে ঘোড়ার খুরের শব্দ পেয়ে থেমে গেল লসন। চেয়ার ছেড়ে দ্রুত পোর্চে বেরিয়ে এল।
বাইরে তখন গোধূলির আবছা আঁধার। কিন্তু দেখতে অসুবিধে হলো না ওর, শহরের দিক থেকে ক্লেইমের দিকে আসছে একদল লোক। অন্তত ছয়-সাতজন হবে। দুলকি চালে এগিয়ে আসছে ঘোড়াগুলো, রাইডারদের আচরণে কোন তাড়া নেই। ক্লেইমগুলো যে ওদের গন্তব্য, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই লসনের।
ছুটে ঘোড়ার কাছে এল ও, স্যাডল ব্যাগ হাতড়ে ফিল্ড গ্লাস বের করে চোখের সামনে তুলে ধরল। নিমেষে কাছে চলে এল লোকগুলো, সবার সামনে বিশালদেহী লোকটাকে একনজর দেখেই চিনতে পারল-শেইন বিগ থমসন। পেছনে আরও সাত ঘোড়সওয়ার।
পেছনে দরজায় দাঁড়িয়ে আছে জুলিয়া লারকিন, কৌতূহল আর শঙ্কায় কিছুটা হলেও উত্তেজিত দেখাচ্ছে ওকে। মেয়েটি পোর্চে পা রাখতে নিষেধ করল লসন। ভেতরে থাকো, ম্যাম। বলা যায় না, হয়তো তোমাদের এখানেই আসছে ওরা।
কারা ওরা? একই জায়গায় দাঁড়িয়ে থাকল মেয়েটা।
ঘুরে ওর দিকে তাকাল লসন, দৃঢ়বদ্ধ চোয়াল আর চোখের সতর্ক দৃষ্টি চমকে দিল জুলিয়াকে। ভেতরে চলে যাও, ম্যাম। বিল লারকিন আজ আরও একটা ভুল করেছে, তোমাকে একা রেখে যাওয়া উচিত হয়নি ওর।
ওরা কি গ্রীনের দল? নিচু স্বরে জানতে চাইল জুলিয়া। মনে মনে লসনের কথাটা উল্টে-পাল্টে দেখছে। ঠিকই বলেছে সে, তবে সৌভাগ্যের বিষয়: ভুলটা শোধরানোর জন্যে আবারও উপস্থিত হয়েছে সে। অন্তত ওর কোন উদ্বেগ লাগছে না, জানে নিশ্চিন্তে নির্ভর করা যায় মানুষটার ওপর।
না, বলে পিছিয়ে এল লসন।
বাধ্য হয়ে পথ ছাড়তে হলো জুলিয়াকে। দরজা থেকে সরে দাঁড়াল, ও ভেতরে ঢুকতে দরজার কবাট ভিড়িয়ে দিল লসন। তারপর দুপা এগিয়ে পোর্চের কিনারায় আঙটা দিয়ে ঝোলানো লণ্ঠনটা নিভিয়ে দিল। অপেক্ষায় থাকল এবার।
বিল লারকিনের ক্লেইমের সামনে এসে থমকে দাঁড়াল লোকগুলো, ক্ষণিকের বিরতির পর আবার এগোল। পাশেই জিন জে-র ক্লেইম। ঘোড়সওয়ারদের গন্তব্য পরিষ্কার বোঝা গেল এবার, পুরানো খায়েশ মেটাতে এসেছে শেইন থমসন। মাইনাররা শহরে মীটিংয়ে বসেছে, এই ফাঁকে নিশ্চিন্তে দখল করে নিতে পারবে তিন জের ক্লেইম।
বোকামি করেছে মাইনাররা। এখানে, যে কারও কেবিনে আলোচনা করতে পারত ওরা। মীটিং করার জন্যে জেরেমিতে যাওয়া লাগে না। শেইন থমসনের মত ধূর্ত, লোভী লোকেরা এমন সুযোগের জন্যে মুখিয়েই থাকে। খুব বেশি হলে একজন আছে কেবিনে, কিংবা কেউই নেই। অনায়াসে ক্লেইমের দখল নিতে পারবে ওরা, এবং ক্লেইমের দখল ফিরে পেতে বহু কাঠখড় পোড়াতে হবে জেফরি হ্যালার্ড বা ওর বন্ধুদের।
স্যাডল থেকে রাইফেল তুলে নিল লসন। মিস লারকিন? ডাকল ও।
বলো! ভেতর থেকে উদ্বেগের সাথে সাড়া দিল মেয়েটা।
কোবানের অফিসে যেতে পারবে? ওকে বলবে হ্যালার্ডের, ক্লেইম দখল করতে এসেছে থমসন। মাইনারদেরকে যেন খবরটা দেয় সে।
দরজা খুলে বেরিয়ে এল মেয়েটি। ওর সামনে এসে দাঁড়াল।
দুঃখিত, ম্যাম। অন্য কোন উপায় থাকলে তোমাকে পাঠাতাম না। ধীরে ধীরে যেয়ো, তাড়াহুড়োর কিছু নেই, মেয়েটি পোর্চ ছেড়ে নেমে যেতে অনুরোধ করল লসন। এদিকে মনোযোগ দেবে না ওরা। তাছাড়া অন্ধকারে তোমাকে দেখতেও পাবে না।
মাথা ঝাঁকাল জুলিয়া, অন্ধকারে মিশে গেল ওর অবয়ব।
এবার ছুটল লসন। নদীর কাছে এসে দক্ষিণে এগোল। চারপাশে চাপ চাপ অন্ধকার, তারওপর নদীর পাড় অসমতল। কিন্তু পরোয়া করছে না ও। আড়চোখে, ঘোটার মধ্যেই ছুটন্ত ঘোড়সওয়ারদের দিকে তাকাল, তিন জে-র ক্লেইমের কাছাকাছি পৌঁছে গেছে প্রায়। ছোটার গতি বাড়াল ও। নিমেষে পেরিয়ে এল পঞ্চাশ গজ, বিল লারকিনের ক্লেইমের কাঁটাতারের বেড়া টপকে গেল লাফিয়ে।
বিশ হাত দূরে ছোট একটা কেবিন, পাশে করাল আর স্ট্র। দুটো ঘোড়া আছে সেখানে। পোর্চে একটা লণ্ঠন জ্বলছে, কেবিনের ভেতর থেকে জানালা পথে চৌকো আলো এসে পড়েছে ওর সামনে। আলো এড়িয়ে কেবিনের পেছনে চলে এল লসন, জানালার কাছে সরে এসে ভেতরে উঁকি দিল। নেই কেউ। কিন্তু নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছে ও, দরজার কবাট খুলে পোর্চে বেরিয়ে গেছে কেউ।
আচমকা পোর্চের বাতিটা নিভে গেল।
হালকা পদশব্দ সরে যাচ্ছে, ফের কেবিনের ভেতরে ঢুকে পড়েছে লোকটা বুঝতে পারল লসন—কিছুটা আড়ষ্ট পায়ে। দরজা ভিড়িয়ে দিয়ে কেবিনের বাতিটাও নিভিয়ে দিল সে।
করালের কাছে চলে এল লসন। খড় আর ঘোড়ার ঘামের কটু গন্ধ লাগছে নাকে। দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাড়িয়ে সামনের দিকে তাকাল ও।
ততক্ষণে চলে এসেছে থমসনের দল। কেবিনের বিশ হাত দূরে থামল ঘোড়াগুলো, সার বেঁধে দাঁড়িয়েছে। খুরের আঘাতে বাতাসে ওড়া, ধুলো দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ধুলোর উৎকট গন্ধ আর ঝাঁঝ লাগছে নাকে-মুখে। ধীরে ধীরে ধুলোর মেঘ সরে যেতে স্পষ্ট হলো ওদের অবয়ব।
হয়েছে, আর এগিয়ো না, থমসন! কেবিনের ভেতর থেকে বলে উঠল জো হারপার।
আরে, জো দেখছি! কি ব্যাপার, খেপে যাচ্ছ কেন?
অনধিকার প্রবেশ করেছ তুমি, থমসন। তোমাকে মানা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে ফের দলবল নিয়ে উপস্থিত হয়েছ।
কথা রাখতেই তো এসেছি! সহাস্যে বলল শেইন থমসন, আঙুল চালিয়ে হ্যাটটা ওপরে তুলে দিতে চাঁদের আলোয় স্পষ্ট হলো বিশাল মুখ। সেখানে ভয়ডরের লেশমাত্র নেই, বরং প্রচণ্ড আত্মবিশ্বাসে ফেটে পড়ছে মানুষটা।
ভাল মানুষের মত চলে যাও, থমসন। আর বলব না, খোদার কসম, এক পা এগো7ে গুলি করব! আমার কি হলো তাতে মোটেই আমল দেব না। বুটহিলে যাতে তোমার জায়গা হয় সেটা নিশ্চিত করে তবেই মরব আমি!
সন্দিহান চোখে তাকাল থমসন, মুখের হাসি ম্লান হয়নি। চোপা তো ভালই চালাচ্ছ! কিন্তু অস্ত্রে সুবিধা করতে পারবে না এটা বোধহয় এখনও বুঝতে পারোনি। আরে, বোকার হদ্দ, আমি একা নই! সাথে আরও সাতজন আছে, দেখোনি ওদের?
না, ওদেরকে দেখছি না আমি। কেবল তোমার কপালের দিকেই আমার নজর! বাঁকা সুরে বলল জো হারপার, কিন্তু তামাশা নয় বরং হুমকি দিচ্ছে সে।
এই, হিউম, ওকে বের করে আনো তো। মনে হচ্ছে জোর করে কেবিন থেকে বের করতে হবে, কাছের লোকটির উদ্দেশে বলল থমসন। এমন মাথামোটা লোক তো আর দেখিনি, এতগুলো সশস্ত্র তোক দেখেও নিজের বিপদ বুঝতে পারছে না!
নিজের বিপদ কি তুমি বুঝতে পারছ, থমসন? চড়া স্বরে বলল জো হারপার, রাইফেল কক্ করল। হ্যাঁ, মরার খায়েশ যদি তোমার হয়ে থাকে তো ওকে আরেক পা এগোতে বলোতোমার কপাল গুঁড়ো করে দেই আমি!
হারপার, বামদিকের চারজনকে আমার ওপর ছেড়ে দাও, এবার নিজের উপস্থিতি ঘোষণা করল ড্যানি লসন। খুব তড়পাচ্ছে ওরা। আশা করি বুলেট দিয়ে ওদেরকে শান্ত করতে পারব আমি।
চমকে উঠল থমসন। সতর্ক দৃষ্টিতে করালের দিকে তাকাল, লসনের অবস্থান বোঝার চেষ্টা করছে।
ওটা আবার কে? বিরক্তি প্রকাশ করল হিউম নামের লোকটি।
চিনলে না? হেসে উঠল হারপার, কণ্ঠে স্পষ্ট উচ্ছাস। ও হচ্ছে ড্যানি লসন, এবার চিনেছ নিশ্চয়ই?
অস্পষ্ট আলো হলেও হিউমের ফ্যাকাসে চেহারায় স্পষ্ট হয়ে গেল এবার ঠিকই চিনতে পেরেছে সে। অস্বস্তি কাটাতে স্যাডলে নড়েচড়ে বসল আউট-ল। কেবিন আর করালের দিকে ঘুরে বেড়াচ্ছে অস্থির দৃষ্টি, একবার কেবিন তো পরমুহূর্তে করালের দিকে। শেইন, মনে হচ্ছে ভুল সময়ে এসে পড়েছি আমরা, ফাঁকা কণ্ঠে বলল থমসনকে। সুবিধা করা যাবে না ওদের সঙ্গে, যেখানে ড্যানি লসন নিজেই উপস্থিত।
থমসনের মনের কথাই বলেছে হিউম। আনমনে মাথা ঝাঁকাল থমসন, বিশাল কাঁধজোড়া দুলে উঠল। ঠিক আছে, হারপার, এবারও তোমরাই জিতলে। কিন্তু মনে রেখো আবার আসব আমি।
তার আগেই জেরেমি টাউন থেকে তোমাকে তাড়াব আমরা! মুখিয়ে উঠল হারপার।
তোমরা গোবেচারা মাইনাররা? হেসে উঠল বিশালদেহী তস্কর, সতর্কতার সঙ্গে লাগাম তুলে নিল হাতে ঘোড়া ঘুরিয়ে নিতে চেয়েও কি মনে করে করালের দিকে ফিরল। সত্যিই তুমি ড্যানি লসন তো, নাকি ধাপ্পা দিচ্ছ? ঠিক আছে, আশা করি তোমার সাথেও দেখা হবে।
হবে, কিন্তু তোমার সেটা ভাল নাও লাগতে পারে, বলল লসন।
ঘোৎ করে অস্পষ্ট একটা শব্দ করল সে, তারপর ঘোড়া ঘুরিয়ে স্পর দাবাল। ফিরতি পথে এগোল ঘোড়াটা। ওর পিছু নিল বাকিরা।
খানিক অপেক্ষা করল লসন, তারপর দলটা বেশ দূরে যেতে বেরিয়ে এল করাল থেকে।
ধন্যবাদ, লসন, পেছন থেকে ওকে বলল হারপার।
ঘুরে মাইনারের দিকে তাকাল ও, দেখল লণ্ঠন জ্বালাচ্ছে.সে। আলো জ্বালিয়ে পোর্চ ছেড়ে নেমে এল, সামনে এসে হাত বাড়িয়ে দিল। তুমি না এলে সত্যি ঝামেলায় পড়তাম। ঠিকই আমাকে কোণঠাসা করে ফেলত ওরা।
যথেষ্ট সাহস দেখিয়েছ তুমি।
হয়তো, কিন্তু ক্লেইম রক্ষা করার জন্যে যথেষ্ট নয়, কিংবা থমসনের দলকে থামানোর জন্যেও। …ভেতরে এসো।
লারকিনের কেবিনের দিকে তাকাল ও, জুলিয়াকে খুঁজছে ওর চোখ। কিন্তু দেখতে পেল না। ভেতরে যাও, জো। আমি এখুনি আসছি। ফিরতি পথ ধরল লসন। মেয়েটির কোন বিপদ হয়নি তো? নতুন এক পরিবেশে এসেছে মেয়েটা, অদ্ভুত এক পরিস্থিতিতে উচিত নয় এমন একটা কাজে পাঠিয়েছে জুলিয়াকে, কাজটা কি ঠিক হলো? কিন্তু এছাড়া কোন উপায়ও ছিল না। ওর উপস্থিতিতে আসল কাজ হয়ে গেছে, যে জন্যে মেয়েটিকে পাঠানো-মাইনারদের সাহায্য দরকার হয়নি। ঝামেলা এড়ানোর ইচ্ছেয় হোক কিংবা ভয় পেয়েই হোক, বাধ্য হয়ে পিছু হটেছে শেইন থমসন। কিন্তু মেয়েটা যদি সেদিনের মত কারও খপ্পরে পড়ে…নাহ, তেমন সম্ভাবনা নেই। মাত্র তো কয়েকশো গজ পথ। হ্যান্স কোবার্নকে খবর দিয়েই চলে আসবে।
কেবিনের কাছে আসতে ওদেরকে দেখতে পেল লসন। শহর থেকে বেরিয়ে এসেছে মাত্র, দ্রুত ক্লেইমের দিকে এগোচ্ছে জনা বিশেক লোক। উত্তেজিত, উদ্বিগ্ন কিছু মানুষ। দূরে হ্যান্স কোবার্নের অফিসের পোর্চে দুজন মহিলার অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে খানিকটা নিশ্চিন্ত হলো লসন। মেয়েটিকে কি এগিয়ে নিয়ে আসা উচিত? ভাবছে ও, এটুকু পথ আসা-যাওয়া করা এমন কোন ব্যাপার নয়। তবে ছোট হলেও কঠিন এক সময়ে ওর উপকার করেছে জুলিয়া, বিনিময়ে এ সৌজন্যটুকু বোধহয় পাওনা হয়েছে মেয়েটা।
শহরের পথ ধরল… মিনিট পাঁচ পরে কোবার্নের অফিসে পৌঁছে গেল।
এবার আর সমস্যা নেই, হেসে জুলিয়ার উদ্দেশে বলল মহিলা। ওর সাথে যেতে পারবে তুমি। লসনের দিকে ফিরল সে। হ্যান্স গেছে তো গেছেই, ফেরার নাম নেই। ওর জন্যেই অপেক্ষা করছিলাম আমরা। জুলিয়াকে একা পাঠাতে সাহস হচ্ছিল না।
ধন্যবাদ, ম্যাম।
এগোল ওরা। ওদের সামনেই মাইনারদের দলটা, প্রায় পৌঁছে গেছে ক্লেইমের কাছে।
ওখানে বোধহয় কোন ঝামেলা হয়নি, তাই না? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল জুলিয়া। এত সহজে চলে গেল লোকগুলো?
আবারও আসবে ওরা, সুযোগের অপেক্ষায় থাকবে।
এরকম টানা-পোড়নের মধ্যে কদিন থাকা যায়? একটা সুরাহা হওয়া উচিত নয় কি?
উচিত। কিন্তু মানুষগুলো বেপরোয়া। অন্যের জিনিস কেড়ে নিতে অভ্যস্ত ওরা, কোন যুক্তি বা উপদেশ মানবে না।
কেবিনের কাছে পৌঁছে গেছে ওরা। ওদের সাড়া পেয়ে ভেতর থেকে বেরিয়ে এল বিল লারকিন, জুলিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেবিনে ফিরে এসে ভাতিজিকে না দেখে দুশ্চিন্তা করছিল সে।
কোথায় গিয়েছিলে, জুলি?
মেয়েটা মুখ খোলার আগেই সংক্ষেপে ব্যাখ্যাকরল লসন।
ওহ, আমি কিনা ভেবেছি… নিজের ভাবনা প্রকাশ করল না সে, আনমনে একটা কাঁধ উঁচাল। বেচারা এত বড় উপকার করল আমাদের, আর ওকে কিনা বাইরে দাঁড় করিয়ে রেখেছ! সস্নেহে ভাতিজির মাথায় চাটি মারল সে, তারপর লসনের দিকে ফিরল। ভেতরে এসো, ড্যান। কিছু কথা ছিল তোমার সঙ্গে। কফি খেতে খেতে আলাপ করা যাবে।
দ্বিমত করল না লসন, বিল লারকিনের সঙ্গে টেবিলে এসে বসল।
শহরের খবর জানো? এভাবেই শুরু করল মাইনার।
না।
যে উদ্দেশে আজ মীটিং ডাকা হয়েছিল, একেবারে ভেস্তে গেছে সব, বলতে শুরু করল সে, রান্নাঘরে ব্যস্ত জুলিয়াকে দেখল একবার। ঐক্যবদ্ধ হতে পারেনি মাইনাররা। মীটিং শেষ হওয়ার আগেই উপস্থিত হলো হ্যান্স কোবার্ন, জানাল যে থমসনের লোকেরা ক্লেইমে হানা দিয়েছে। শুনেই ছুটে এল সবাই। এরকম একটা ধাক্কা দরকার ছিল সবার। এখন বোধহয় আর অমত করবে না কেউ।
নীরব থাকল লসন, ভাবছে।
জেফরি হ্যালার্ড ঠিক করেছে সেই মার্শাল হবে। অবশ্য কদিন আগে তোমাকে প্রস্তাব দেয়ার জন্যে রাজি হয়েছিল ও, কিন্তু সারা শহরে খুঁজেও তোমাকে পায়নি ফেল্টন আর হ্যালার্ড।
এবার বিস্মিত হলো ও। হ্যালার্ড? উঁহু, আর যাই হোক একজন মার্শাল হিসেবে মানায় না তাকে। সততা বা সদিচ্ছা আছে মানুষটার, কিন্তু আসল জিনিসগুলোই নেই—অভিজ্ঞতা, দৃঢ়তা, দক্ষতা এবং সামর্থ্য। অস্থির একটা শহরের অসংখ্য বেপরোয়া লোককে সামলাতে পারবে না স্কুল মাস্টার, একটা দিনও টিকতে পারবে না। পিট লারকিনের মতই আনাড়ী সে। থমসন, রক্স বা কিনকেডকে আইন শেখাতে গেলে মুখের ওপর হাসবে ওরা, ঝামেলা করতে গেলে পিটিয়ে হ্যালার্ডের মার্শালগিরির খায়েশ মিটিয়ে দেবে, নয়তো স্রেফ একটা বুলেট ঢুকিয়ে দেবে বেচারার পেটে। ব্যস, খেল খতম। জেরেমি টাউনে এ পর্যন্ত যে কজন মার্শাল নিয়োগ করা হয়েছে, সামর্থ্যের বিচারে তাদের ধারে-কাছেও যেতে পারবে না হ্যালার্ড। চাইলেই সবকিছু হওয়া যায় না।
স্রেফ খুন হয়ে যাবে ও, তাই না? চিন্তিত স্বরে বলল বিল লারকিন, লসনের চিন্তার ধারা বুঝতে পেরেছে। জেদের বশে কাজটা করছে ও। ওর জন্যে করুণাই হয় আমার। যোগ্য লোক পাচ্ছে না, আবার যাদের পাচ্ছে কেউই টিকতে পারছে না। এদিকে শহরের পরিস্থিতি দিনদিন খারাপ হয়ে যাচ্ছে। উপায় না দেখে হ্যালার্ড যে নিজেই চেষ্টা করবে, এতে বিস্ময়ের কি আছে! দায়িত্বের বোঝাও কারও কারও জন্যে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই না?
এবারও নিরুত্তর থাকল লসন, সিগারেট রোল করছে।
হ্যালার্ডের ক্লেইমে আবারও বসবে ওরা। সিদ্ধান্ত নেবে কি, আসলে নিজেরাই একমত হতে পারছে না। আজকের ঘটনার পর হয়তো একটা সমঝোতায় পৌঁছতে পারবে।
হতে পারে। কিন্তু ক্লেইম রক্ষা করার চেয়ে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বোধহয় আরও জরুরী।
তর্ক করল না বিল লারকিন, জানে ঠিকই বলেছে ড্যানি লসন। ক্লেইম দখল কিংবা মারামারির ঘটনা আসলে বিচ্ছিন্ন ব্যাপার, জেরেমি টাউনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বন্ধ হয়ে যাবে এসব। খারাপ মানুষগুলো না থাকলে ঝামেলা করবে কে?
মাইনারদের একাট্টা হওয়া জরুরী হয়ে পড়েছে এখন, বিচ্ছিন্ন ভাবে আউটলদের মোকাবিলা করতে পারবে না এরা, কিংবা শুধু নিজের ক্লেইম আঁকড়ে ধরে থাকলেও চলবে না। ভবিষ্যতে এরাই থাকবে এই শহরে, রক্স কিনকেড বা থমসনের মত লোকেরা স্বার্থ ফুরিয়ে গেলেই চলে যাবে।
তোমাকে নিস্পৃহ দেখতে ভাল লাগছে না আমার, স্পষ্ট অসন্তোষ প্রকাশ করল বিল লারকিন। দুই মাইল দূরে তোমাদের বাথান, সবচেয়ে কাছের শহর এখন জেরেমি টাউন। তিন দিনের পথ পেরিয়ে বিগ বে-তে যাওয়ার চেয়ে এখানে আসা কি সুবিধের নয়? হয়তো তুমিও চাও শহরটা শেষপর্যন্ত টিকে যাক?
চাই, স্বীকার করল লসন। কিন্তু সেজন্যে একটা টিনের তারা বুকে লাগিয়ে বেঘোরে মারা পড়তে হবে? নাহ, বিল, কোন সম্ভাবনা দেখছি না আমি। এতগুলো বেপরোয়া লোকের সঙ্গে একা লড়াই করা যায় না।
সেদিনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছ, তিনজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে তুমি? কই, তখন তো এভাবে চিন্তা করোনি! কিংবা একটু আগের ঘটনাটা চিন্তা করো। লসন কিছু বলতে উদ্যত হতে একটা হাত তুলে থামিয়ে দিল সে। উত্তরটা আমিই দিচ্ছি…বলবে পরিনি তোমাকে বাধ্য করেছিল। বেশ তো, মানছি ঠিক তাই ঘটেছে। কিন্তু জোন্স সিটির ব্যাপারে কি বলবে? ওখানে কি বেপরোয়া লোক কম ছিল? সাহস করে তুমি এগিয়ে না গেলে শহরটা হয়তো ধ্বংসই হয়ে যেত।
এখানে আমার কোন স্বার্থ নেই, বিল। তাছাড়া তোমাদের শহরটা আমার পছন্দ নয়। থমসন বা কিনৰ্কেডরা এখানে না এলেও মাইনাররাই একসময় নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করত কোথাও সোনা পাওয়া গেলে শেষপর্যন্ত ঠিক এটাই ঘটে।
জোন্স সিটির বেলায় তোমার কি স্বার্থ ছিল?
কিছুটা তো ছিলই, তাছাড়া আমার মনে হয়েছিল একটা চেষ্টা করা যেতে পারে। ভাল কিছু লোকও সাহায্য করেছে আমাকে, প্রথমে না হলেও শেষে আমার পাশে এসে দাঁড়িয়েছিল ওরা।
এখানে কি তেমন লোক নেই?
খুব কম। বেশিরভাগই স্বার্থপর, তোমরা মাইনাররাও। বেনি ডবিনের মত লোক এখানে আইনের কর্তৃত্ব করে, এটা একটা লজ্জার ব্যাপার। আসলে ঠিকমত একজন মার্শাল নিয়োগ করার যোগ্যতাও তোমাদের নেই। প্রয়োজনে এসব লোক যে আমাকে বিপদের মুখে ফেলবে না তা কে বলতে পারে? আমি নিশ্চিত, আজ পর্যন্ত যত মার্শাল নিয়োগ করেছ, ক্ষণিকের জন্যেও কাউকে সাহায্য করোনি তোমরা। একটা ব্যাজ দিয়েই খালাস, ভেবেছ তোমাদের দায়িত্ব শেষ।
হয়তো তোমার কথাই সত্যি, নীরব হয়ে গেল বিল লারকিন, পকেট থেকে সিগার বের করে ধরাল। তবে আমার ধারণা কি, শুনবে? চোখ তুলে লসনকে নিস্পৃহ দৃষ্টিতে তাকাতে দেখে ভেতরে ভেতরে খানিকটা হতাশ হলো মাইনার, কিন্তু সযত্নে সেটা চেপে গেল। এখন যতই আপত্তি করছ, ড্যান, আমার ধারণা শেষপর্যন্ত তুমিই এগিয়ে আসবে।
স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল লসন, বুঝতে অসুবিধে হলো না আসলে পরোক্ষ ভাবে ওকে প্রস্তাবটা দিয়ে ফেলেছে মাইনার। একবারও নিজেদের কথা বলছ না, নিরুত্তাপ স্বরে বলল ও। সত্যটাও এড়িয়ে যাচ্ছ। তোমাদের শহর এটা, তোমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।
একটা ট্রে-তে কফি, আপেল-পাই আর বিস্কুট নিয়ে এল জুলিয়া। টেবিলে ট্রে নামিয়ে রেখে ফিরে গেল আবার।
তোমার পরিকল্পনাটা কি, ড্যান?
চোখে প্রশ্ন ফুটে উঠল ওর।
এমনিতে বসে থাকার লোক নও তুমি। আমি নিশ্চিত এ শহরের ব্যাপারে তোমার আগ্রহ আছে, কিন্তু স্বীকার করছ না। আগ্রহ যদি না-ই থাকবে তো পড়ে আছ কেন? একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে থেকে মজা দেখবে, এটা ঠিক বিশ্বাস হয় না আমার।
চুপ করে থাকল লসন।
তুমি আসলে চাও, আমরা যেন তোমার হাতে-পায়ে ধরি, তাই না?
উঁহু, তোমাদের কাজ-কারবার পছন্দ হচ্ছে না আমার। পরস্পরকে সাহায্য করছ না কেউ। তোমরা বুঝতে পারছ না শহরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা দরকার-কোন ছা-পোষা শেরিফের নয়, দরকার তোমাদের কর্তত। কিন্তু কেবল নিজেদের দুর্বলতাই প্রকাশ করছ তোমরা, রক্স বা কিনকেডরা সেই সুযোগ নিচ্ছে।
সেদিন জেফরি হ্যালার্ডকে বলেছ, নতুন শহর দেখলে নাকি হিসেব করো তুমি? জেরেমি টাউনের ব্যাপারে তোমার হিসেব কি বলে, ড্যান? টিকবে শহরটা, নাকি গ্রে উডের মতই শেষ হয়ে যাবে?
থমকে গেল লসন। জানি না, বিল, শেষে নিচু স্বরে বলল ও। দেখল রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে জুলিয়া, চোখাচোখি হলো মেয়েটির সঙ্গে। নীরবে নড করল লসন, তারপর টেবিল থেকে নিজের হ্যাট তুলে নিয়ে দরজার দিকে এগোল। ধন্যবাদ, বিল।
কিন্তু আমি জানি, ড্যান, পেছন থেকে বলল ক্ষুব্ধ মাইনার। আমারও একটা হিসেব আছে—এই শহর টিকে যাবে!
হয়তো, দরজার নবে হাত রেখে বলল লসন। কিভাবে টিকবে, শুনলে না?
ধীরে ধীরে ঘুরে দাঁড়াল ড্যানি লসন। শোনার আগ্রহ নেই আমার, দুঃখিত, বিল। শুভরাত্রি! বলে দরজা খুলে বাইরের অন্ধকারে বেরিয়ে গেল সে।
বন্ধুগণ, এই শহরে আসলে দরকার নাগরিক কমিটির-বিশ-পঁচিশজন শক্ত এবং সৎ মানুষ। নিজের জমির অধিকার রাখার জন্যে রুখে দাঁড়াবে ওরা। দরকার পড়লে গুলি করবে। প্রথমে আইনানুগ পথে চেষ্টা করব আমরা, ব্যর্থ হলে অস্ত্রের সাহায্য নেব। স্যামুয়েল কিনকেড, কার্ট রসের মত লোক পিস্তল-রাইফেল ছাড়া কিছু চেনে না। সুতরাং ওদ্রের ঠেকাতে হলে কঠোর না হয়ে উপায় নেই। থেমে উপস্থিত ত্রিশ-চল্লিশজন লোকের দিকে তাকাল জো হারপার, বোঝার চেষ্টা করল কথাগুলো কতটা প্রভাবিত করেছে এদের।
আমার তা মনে হয় না, স্পষ্ট স্বরে দ্বিমত প্রকাশ করল হ্যালার্ড।
এ তো তোমারই শহর, প্রায় উপহাসের সুরে বলল বিল লারকিন। তোমার যেমন পছন্দ, সেরকম মনে হতেই পারে। এক কাজ করো, মি, হ্যালার্ড, শেইন থমসনকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে ভদ্র ব্যবহার করছে না। স্তিল জমা দিয়ে ওকে একটা চাকুরি নিতে বলল।
আহত বোধ করল জেফরি হ্যালার্ড, ব্ৰিত এবং কিছুটা হকচকিয়েও গেছে। মুখ খুলতে চেয়েছিল সে, কিন্তু তার আগেই বাধা দিল হ্যান্স কোবার্ন। এ পর্যন্ত কতজন নিহত হয়েছে, ফেল্টন? জানতে চাইল সোনা ব্যবসায়ী।
আঠারো জন, জানাল, সাংবাদিক।
কতগুলো ডাকাতি বা লুঠের ঘটনা ঘটেছে?
অসংখ্য। গুনছে কে! অধিকাংশই তো রেকর্ড হয়নি।
আর কোন খুন-জখম চাই না আমরা, জোর গলায় বলল হ্যালার্ড। ভায়োলেন্স ছাড়া এখানে শান্তি স্থাপনের অন্য কোন উপায় আছে নিশ্চয়ই।
নেই। শেইন থমসন, কার্ট রক্স, স্যামুয়েল কিনকেড…না, এদেরকে থামানোর অন্য কোন উপায় নেই। ওরা অবশ্য ভায়োলেন্সে বিশ্বাসী নয় এমন লোকই পছন্দ করে, কারণ তাতে লুঠপাটে সুবিধে হয় ওদের।
শোরগোল উঠল লোকগুলোর মধ্যে। একসঙ্গে মত প্রকাশ করতে শুরু করেছে সবাই।
হ্যারি, শীর্ণদেহী এক লোকের উদ্দেশে জানতে চাইল জো হারপার। কেউ যদি তোমার ক্লেইম দখল করতে আসে, কি করবে তুমি?
লড়াই!
আমিও তাই করব! সঙ্গে সঙ্গে জানাল আরেকজন।
এই দেখো, হ্যালার্ড, তোমার কমিটির দুজন তোক পাওয়া গেছে, প্রায় প্রসন্ন সুরে বলল বিল লারকিন। মোটাসোটা এক মাইনারের দিকে ফিরল সে। তুমি কি করবে, ল্যাম্বার্ট?
উঁহু, এখানে থাকছি না আমি। এরকম বহু শহর জন্মাতে এবং শেষ হতে দেখোই। অবস্থা খারাপ দেখলে শহর ছেড়ে চলে যাব। যে শহরের কোন ভবিষ্যৎ নেই সেখানে থাকব কেন!
লোগান?
আমিও না। ঘাড়ে মাথা আমার একটাই!
আমি আছি, খানিকটা একগুঁয়ে স্বরে জানাল বিল ক্লাইড। সবাই হয়তো বোকা বলবে আমাকে, কিন্তু কমিটিতে থাকছি আমি।
না, প্রায় চেঁচিয়ে উঠল হ্যালার্ড। এসব কমিটির কোন দরকারই নেই! মাথা দোলাল হ্যান্স কোবার্ন। আগেও বলেছি, এ শহর ঠাণ্ডা করার মত যোগ্য লোক আমাদের হাতের কাছে আছে। ড্যানি লসনের কথা বলছি আমি। জেফরি হ্যালার্ড বা অন্য কাউকে না জানিয়েই পরোক্ষ ভাবে একটা প্রস্তাব দিয়েছিলাম ওকে। কিন্তু সাফ না করে দিয়েছে সে। বলেছে: এ ধরনের কোন অফার দেয়া হয়নি ওকে, এবং পেলেও নেবে না। তো, বন্ধুগণ, একটু আগে ওর পাওনা মিটিয়ে দিয়েছি আমি। এতক্ষণে হয়তো শহর ছেড়ে চলে গেছে সে। যে লোকটা এ শহরের বিপদের সময় হাল ধরতে পারত, সেই চলে গেছে।
অবস্থা ভাল নয়, বিল। মন্টানা থেকে ফিরে আসার সময় কিছু খবর পেয়েছি আমি। আরও লোক আসছে এখানে, এরা সত্যিকার অর্থেই দাঙ্গাবাজ। সময়ও বেশি নেই আমাদের হাতে।
ননসেন্স! বিরক্তি প্রকাশ করল হ্যালার্ড। এ শহর আমার হাতে তৈরি…
এবং নিজের চোখে এর ধ্বংস দেখবে তুমি!
একটা কথা না বলে পারছি না, মি. হ্যালার্ড, নিজেকে সামলাতে ব্যর্থ হলো অধৈর্য এক মাইনার। আমার মনে হয় ড্যানি লসনকেই ধরা উচিত আমাদের। টাসকোসা আর রেডরকে শান্তি এনেছে লসন। মি. কোবার্ন ঠিকই বলেছে, ড্যানি লসনকেই দরকার আমাদের। শহরে শান্তি না এলে ব্যবসা বন্ধ করে চলে যেতে হবে, সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে সামান্য ক্ষতি এমন কিছু নয়।
কথাগুলো ঠিক বিশ্বাস হচ্ছে না হ্যালার্ডের, চোখ সরু করে তাকাল সে। শহর ছেড়ে চলে যাবে? তুমি কি সিরিয়াস?
সত্যি কথা বলতে কি, এদিকে নতুন তুমি, মি. হ্যালার্ড। অনেক কিছুই তোমার জানার বাকি। গ্রে উডের নাম শুনেছ?
না।
জেরেমি টাউনের মতই গ্রে উডের জন্ম। তবে গ্রে উডের সম্ভাবনা এই শহরের চেয়েও বেশি ছিল। সেখানেও একই অবস্থা। দাঙ্গাবাজরা দুজন মার্শালকে মেরে ফেলল, তারপর আর মার্শাল হওয়ার ঝুঁকি নিল না অন্য কেউ। কিছুদিনের মধ্যেই বখাটেদের শহর হয়ে গেল গ্রে উড, এবং শেষে সামান্য কারণে ধ্বংস হয়ে গেল শহরটা।
আসল গোলমাল কিন্তু আরম্ভ হয়েছিল একটা বারে, এবং সেটা শুরু করেছিল কার্ট রক্স। তারপরই দেখা গেল অবাধ লুঠপাট শুরু হয়ে গেছে-যে যা,পারছে কেড়ে নিচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে পুরো শহরে আগুন। ওখানে ছিলাম আমি, কোন রকমে পালিয়ে এসেছি।
তা লসনের ডাক পড়েনি সেখানে, এতই যদি যোগ্য আর করিৎকর্মা লোক হয়ে থাকে সে?
পড়েছিল, শান্ত কণ্ঠে জানাল মাইনার। কিন্তু দেরিতে। ও যখন খবর পেয়ে পৌঁছায় তখন আর ওই শহরে রক্ষা করার মত কিছুই অবশিষ্ট ছিল না। আমরাও বোধহয় দেরি করে সেই ভুল করতে যাচ্ছি।
চুপ করে থাকল হ্যালার্ড। ভায়োলেন্স, গানফাইট কখনোই তার পছন্দ নয়। এ শহরে নিয়ম-কানুন প্রতিষ্ঠা করার অন্য কোন উপায় নিশ্চয়ই আছে। তবে সবচেয়ে বড় কথা ড্যানি লসনকে সে চায় না। কেন চায় না? একটু ভাবল সে। লোকটার নির্লিপ্ত চাহনি আর গা-ছাড়া ভাব ত্যক্ত করে তোলে ওকে, যদিও তাতে দোষের কিছু নেই, জানে হ্যালার্ড। ওর সন্দেহ এই নির্লিপ্ততা আসলে একটা খোলস, ভেতরে ভেতরে অস্বাভাবিক এক ক্ষমতার অধিকারী সে-ভীষণ একরোখা, নিষ্ঠুর এবং বেপরোয়া এক বন্দুকবাজ ড্যানি লসন-যে ক্ষমতা ওকে আর দশজন মানুষ থেকে আলাদা করে চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয় খেপে গেলে অদম্য হয়ে উঠতে সক্ষম সে। লাগামহীন আক্রোশ বা জেদ অন্যের জন্যে মঙ্গল বয়ে আনে কখনও?
কি ঠিক করলে, জেফ? হালকা সুরে জানতে চাইল জো হারপার। আমি কি ওকে ভাড়া করব?
না, গম্ভীর স্বরে জানিয়ে দিল জেফরি হ্যালার্ড। আমিই মার্শাল হব, এখন থেকে এ শহর আমিই চালাব।
চোখ তুলে তাকাল সবাই, অবিশ্বাস সবার চোখে। ঠিক এসময় দূরে গোলাগুলির শব্দ শুনতে পেল ওরা।
<