কোমরে হোলস্টার বাঁধার সময় খানিক দূরে বসে থাকা জো হারপারের দিকে তাকাল জেফরি হ্যালার্ড। বন্ধুর চোখে তীব্র অসন্তোষ দেখতে পেল সে, কিন্তু গ্রাহ্য করল না। আনমনে, অনেকটা দায়সারা ভাবে পিস্তল চেক করল সে, তারপর খাপের মধ্যে বসিয়ে দিল। এবার পকেট থেকে একটা রূপালী তারা বের করে বুকের কাছে, শার্টের পকেটের ওপর এঁটে দিল।

তোমার সাহসের তারিফ করছি, জেফ, বিরক্তি চেপে রাখার চেষ্টা করল না হারপার। পকেট থেকে দুমড়ানো একটা সিগার বের করে ধরাল। কিন্তু কেবল বোকারাই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে। তুমি বোকা নও জানি… অসহায় ভাবে একটা কাঁধ ঝাঁকাল সে। তোমার মতলবটা কি, বলো তো?–না,বোঝার তো কিছু নেই। আজ থেকে আমিই এ শহরের মার্শালের দায়িত্ব নিচ্ছি, এবং একটু পরেই টহলে বেরোব।

স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল হারপার, যেন বুঝতে পারছে না ঠিক কি বলেছে হ্যালার্ড। কিন্তু এবারই প্রথম নয়, সকালে মীটিংয়ে ঘোষণা দিয়েছে সে। প্রথমবার শুনে যেমন অনুভূতি হয়েছিল, এখনও তাই মনে হচ্ছে হারপারের কাছে। বোকামি করছে মানুষটা। জেদ তাতিয়ে তুলেছে ওকে, নিজের সীমাবদ্ধতা সম্পর্কে একটুও ভাবছে না। ওর উদ্দেশ্য সৎ, মহৎও। কিন্তু শুধু সততা বা সাহস দিয়ে কিনকেড কিংবা থমসনদের মত মানুষকে দমিয়ে রাখা যায় না। সেজন্যে দৃঢ় মনোবলের পাশাপাশি দরকার অস্ত্রের দক্ষতা। যার কোনটাই জেফরি হ্যালার্ডের নেই। এতদিন সে নিজে মার্শাল নিয়োগ করেছে, দুদিনের বেশি টিকতে পারেনি কেউ। এবার নিজেকে বেছে নিয়েছে, এবং জো, হারপারের ধারণা, আগের মার্শালদের পথই অনুসরণ করবে।

সত্যি কথা বলতে গেলে, বন্ধুর জন্যে করুণা বোধ করছে ও। মানুষটা খাঁটি, কিন্তু প্রথমবারের মত যে সাহস বুকে নিয়ে কোমরে পিস্তল ঝুলিয়েছে সে, হয়তো কেবলই বেপরোয়া লোকগুলোকে উস্কে দেয়ার জন্যে। নির্ঘাত ওকে পিস্তলে হাত বাড়াতে বাধ্য করবে শয়তানগুলো। এখানেই জেফরি হ্যালার্ডের সীমাবদ্ধতা। সেটা সে নিজেও জানে বোধহয়। কিন্তু কারও যুক্তি মানছে না স্কুল মাস্টার। কাউকে যখন পাওয়া যায়নি, নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে।

হয়তো থমসনকে খুশি করতে যাচ্ছ তুমি, মৃদু কণ্ঠে মন্তব্য করল হারপার।

কেমন করে? সরু চোখে ওর দিকে তাকাল হ্যালার্ড, ঠোঁটের কোণে মৃদু হাসি।

দুবার আমাদের ক্লেইমে এসেছিল ও, কিন্তু কোনবারই সুবিধা করতে পারেনি। এবার নিজের সীমানায় তোমাকে পেয়ে যাবে সে।

তোমার ধারণা ঠিক না-ও হতে পারে, হয়তো শহরে গোলমাল করবে না ও। এখানে এসেছিল ক্লেইমের দখল নিতে, শহরে তো ওরকম কোন ব্যাপার নেই।

নিজের পিঠের দিকে খেয়াল রেখো, জেফ হ্যালার্ড দরজার দিকে এগোতে পেছন থেকে বলল হারপার।

মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল সে।

পিছু নিয়ে এবার পোর্চে এসে দাঁড়াল জো হারপার, হ্যালার্ডের পিঠে সেঁটে আছে দৃষ্টি। দৃঢ় পায়ে শহরের দিকে হেঁটে যাচ্ছে সে। কোন রকম দ্বিধা বা জড়তা নেই।

 

সকাল থেকেই অস্থিরতা অনুভব করছে ড্যানি লসন। মুনটা পড়ে আছে জেরেমি টাউনে। শহরের পরিস্থিতি শঙ্কিত করে তুলেছে ওকে। একবার গোলমাল শুরু হয়ে গেলে শেষে কি ঘটবে তা তো সে জানেই। সেই গোলমালেরও বেশি দেরি নেই। ছোটখাট কোন ডাকাতি বা সামান্য ভাঙচুরের মাধ্যমে শুরু হবে, এবং তার সমাপ্তি হবে শহরটার আগুনে ধ্বংস হওয়ার মধ্যে। অসুবিধে একটাই-যারা কাজটা করবে, নিজেদের সম্পত্তি ধ্বংস করবে না, বরং অন্যেরটা করবে।

এ চিন্তাটা কোন ক্রমেই মাথা থেকে সরাতে পারছে না লসন। অভিজ্ঞতা থেকে জানে একমাত্র গোলাগুলি আর রক্তপাতের মাধ্যমে এই নৈরাজ্যের অবসান সম্ভব। কোন যুক্তিতর্ক চলবে না, তার ধার ধারবেও না কেউ। ঘুসির শক্তি আর জোরই হচ্ছে রক্স, কিনকেড বা থমসনের কাছে আইন। জেরেমি টাউনের সঙ্গে সম্পর্ক নেই ওর, কিন্তু তারপরও কি এক দায়িত্ব অস্বীকার করতে পারছে না।

গতরাতে বাথানের উদ্দেশে রওনা দিয়েও অর্ধেক পথ থেকে ফিরে এসেছে ও, তারপর নদীর ওপাড়ে উপত্যকায় রাত কাটিয়েছে। উপত্যকার শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশ, পাইনের সুবাস মাখা ঝিরঝিরে বাতাস কিংবা জোৎস্ন্যালোকিত রাতও প্রশান্তি এনে দিতে পারেনি ওর মনে। শহর থেকে এক মাইল দূরে থাকলেও মনটা পড়ে ছিল জেরেমি টাউনে। অনেক রাত পর্যন্ত জেগে থেকেছে, কি এক উৎকণ্ঠায় কেটেছে মুহূর্তগুলো। একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছে।

জেরেমি টাউন ধ্বংস হয়ে গেলে কিছু যায়-আসে ওর? অবশ্যই। সরাসরি কোন লাভ-ক্ষতি নেই, কিন্তু এখানে কয়েকজন হিতাকাক্ষী আছে ওর-কোবার্ন, পারকিন, জো হারপার কিংবা ডিক ফেল্টন…এদের কারও ক্ষতি দেখতে ভাল লাগবে না ওর। একটা শহরকে মরতে দেখার মধ্যেও কোন আনন্দ নেই। পাহাড়ের কোলে ছবির মত সুন্দর একটা শহর হিসেবে গড়ে উঠতে পারে জেরেমি টাউন…জেফরি হ্যালার্ডের স্বপ্ন সার্থক হতে দোষ কোথায়? একটা সুযোগ অন্তত পাওয়া উচিত মানুষটার।

সকালে নিজের অজান্তে জেরেমি টাউনের ট্রেইল ধরেছে ও। পাহাড়ের ওপর থেকে নজর রেখেছে শহরের ওপর। বিকেলে নদী পেরিয়ে চলে এসেছে বিল লারকিনের ক্লেইমে। দুই ভাই দারুণ ব্যস্ত মাইনিং-এ, জুলিয়া কফি তৈরি করছে।

আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব আছে, জুলিয়া টেবিলে কফির ট্রে নামিয়ে রাখতে বলল ও। আইন ও শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

স্মিত হাসল মেয়েটি, উজ্জ্বল দেখাচ্ছে আয়ত চোখ জোড়া। তারমানে জেরেমি টাউনের দায়িত্ব নেওয়ার চিন্তা করছ তুমি?

উত্তরে খানিকটা হলেও দ্বিধান্বিত দেখাল ওকে। হ্যাঁ, আমার যে কি হয়! জানি এই শহর থেকে দূরে থাকা উচিত, কিন্তু পারছি না। জেফরি হ্যালার্ডের কথাই ধরো-আমাকে পছন্দ করে না ও। অবশ্য তাতে কিছুই যায়-আসে না আমার। কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে মানুষটা, সে চায় শান্তি প্রতিষ্ঠিত হোক।

কফি শেষ করে টেবিল ছাড়ল লসন, ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এল। তারপর ঘোড়ায় চড়ে শহরের দিকে এগোল। প্রথমেই জেফরি হ্যালার্ডের সঙ্গে দেখা হলো ওর। স্কুল মাস্টারের শার্টের বুকে একটা ব্যাজ সাঁটা।

সাহস আছে তোমার, মন্তব্য করল ও।

তুমি কি ভেবেছিলে ভীতু আমি?

তোমাদের প্রথম মার্শাল ম্যাকগিলও ভীতু ছিল না। যথেষ্ট সাহস ছিল ওর, ভাল মার্শাল হওয়ার ইচ্ছেও ছিল। কিছু কিছু শহর আছে তুমি যেভাবে চালাতে চাও সেভাবে চালাতে পারবে-পিস্তল ছাড়া, খুন-জখম ছাড়া। কিন্তু এখানে সেটা সম্ভব হবে না।

সে আমি দেখব! প্রায় অধৈর্য স্বরে বলল হ্যালার্ড, বিরক্তি বোধ করছে লসনের ওপর।

স্মিত হাসল লসন। ম্যাট লোগানের নাম শুনেছ?

কি হয়েছে ওর?

আসছে ও। বেশ কয়েকজন ভাড়াটে বন্দুকবাজ জোগাড় করেছে সে। কাট রক্স বা স্যামুয়েল কিনকেডের সঙ্গে কামড়াকামড়ি লেগে যাবে ওর। শেষপর্যন্ত কি যে ঘটবে কে জানে!

মুখটা তেতো লাগছে জেফরি হ্যালার্ডের। ড্যানি লসনকে আপাদমস্তক অপছন্দ করে ও, কিন্তু তিক্ততার সঙ্গে অনুভব করছে এ লোকটার কিছু কিছু জ্ঞান ওর দারুণ প্রয়োজন এখন। কি করব আমি? সরাসরি লসনের মুখের দিকে তাকাল ও। মনে হয় না এই ব্যাজটা বাড়তি কোন কাজে আসবে, অন্তত যখন ওদের মুখোমুখি হব আমি।

তা হবে না। দেখো, হ্যালার্ড, জেদের বশে তুমি যে কাজটা নিয়েছ সেটা বিশেষজ্ঞের কাজ। সবাইকে দিয়ে এ কাজ হবে না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে শটগান হাতে মুখোমুখি হতাম ওদের। স্পষ্ট জানিয়ে দিতাম আমার আইন। কেউ আইন ভাঙলে বা বেতাল করলে পেটাতাম তাকে। যদি পিস্তলের দিকে হাত বাড়াত; নির্দ্বিধায় গুলি করতাম।

মাথা নাড়ল হ্যালার্ড। আমি তা পারব না। আগে ওদের সঙ্গে কথা বলে দেখতে চাই। ওদের বলতে চাই, সবাই যদি একসঙ্গে থাকি, সবার মিলিত চেষ্টায় সুন্দর একটা শহর গড়তে পারব।

স্মিত হাসল লসন। কাকে বলবে এ কথা? কার্ট রক্স বা থমসনের কথাই ধরো-আইন চায় না ওরা। বাহুবল আর পিস্তলের দক্ষতাই ওদের কাছে আইন। যা ইচ্ছে তাই করতে পারে ওরা। এ শহর থাকল কি না-থাকল তাতে কি যায়আসে ওদের? আখের গুছিয়ে নেওয়ার তালে আছে ওরা, ভদ্র ভাবে বললে কি চলে যাবে? নাকি তা হয় কখনও?

তোমার বিশেষত্ব কোথায়? খানিক দ্বিধার পর প্রশ্নটা করে ফেলল হ্যালার্ড। আমি যদি ওদের ঠাণ্ডা করতে না পারি তাহলে তুমি কিভাবে পারবে?

পারব যে তা কিন্তু বলিনি। চেষ্টা করে দেখব, হয়তো সম্ভব। কারণ ওদের মত একই সুরে জবাব দেব আমি, ওদের ওষুধই ফিরিয়ে দেব ওদের। আমার বাড়তি সুবিধে কাজটা আমার কাছে নতুন নয়। এটাও ওদের জন্যে দুশ্চিন্তার খোরাক, কারণ এই কাজে আগেও সফল হয়েছি আমি। ওদের কেউ কেউ আমার সেই সাফল্যও দেখেছে।

মাথা নাড়ল হ্যালার্ড, জেদে দৃঢ় হয়ে গেছে চোয়াল। না, থাক, একগুয়ে স্বরে ঘোষণা করল, শুরু যখন করেছি, এর শেষ.আমি দেখে ছাড়ব!

 

জেফরি হ্যালার্ড আগে ল-অফিসে এল। শহরের প্রায় মাঝামাঝি ঘরটা, ছোট একটা কামরা, পাশে নামমাত্র সেল। সর্বত্র অযত্নের ছাপ। তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে, আগের মার্শালদের কেউই ঘরটার যত্ন নেয়নি। সারা ঘরে ধুলো, নোংরা উচ্ছিষ্ট পড়ে আছে। বিরক্তি আর বিতৃষ্ণার সঙ্গে নিজের অফিস দেখল হ্যালার্ড, তারপর শ্রাগ করে কোণের স্টোভের দিকে এগোল। পানি চড়িয়ে দিয়ে টেবিলের ওপাশে চেয়ারে বসল। সেলুন আর বাড়িগুলো থেকে হৈ-হল্লার শব্দ ভেসে আসছে। এখন পর্যন্ত, কোন গোলমালের আভাস বা গুলির শব্দ শোনা যায়নি।

ড্রয়ার খুলে কয়েকটা, পোস্টার বের করল সে। বিগ বে থেকে আনা হয়েছে। অযত্নে ধুলো জমেছে ওগুলোয়। সময় নিয়ে পোস্টারের চেহারাগুলো দেখল ও, মাত্র তিনজনকে চেনা মনে হচ্ছে। থমসন, রক্স আর ওর চেলা নিকোলাস গ্রীন। পুরানো ছবি, কিন্তু চেনা যায়। অন্য কাউকে চিনতে না পারলেও চেহারাগুলো মনের মধ্যে গেঁথে নিল হ্যালার্ড। বলা যায় না কাজে লেগে যেতে পারে।

কেতলির পানি ফুটতে শুরু করতে চেয়ার ছাড়ল হ্যালার্ড। স্টোভের কাছে গিয়ে কফি তৈরি করল, তারপর মগভর্তি কফি নিয়ে ফিরে এসে আয়েশ করে বসল চেয়ারে।

আজ রাতে অগ্নিপরীক্ষা দিতে হবে। গোলমাল ছাড়াই পেরিয়ে গেছে দিনটা। কিন্তু একটু পরেই রাত নামবে। শূন্য দৃষ্টিতে শহরের রাস্তার দিকে তাকিয়ে থাকল হ্যালার্ড, এই প্রথম অনুভব করছে কি কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছে। বলতে গেলে একদম একা সে। জো হারপার বা জ্যাক ক্লেটন পাশে এসে দাড়াবে ঠিক, কিন্তু বিপক্ষে অনেক লোক।

খানিকটা উদ্বেগ লাগছে ওর, অস্বীকার করতে পারবে না। এ ধরনের কাজ কখনও করেনি, তবুও বুঝতে পারছে কাজটা কঠিন। মীটিংয়ে জেদের বশে বলার সময় যতটা কঠিন মনে হয়েছিল, তারচেয়েও কঠিন। তবে পিছিয়ে যাওয়ার ইচ্ছে বা মানসিকতা কোনটাই নেই ওর। যাই ঘটুক, শেষপর্যন্ত থাকবে সে। হয়তো বেপরোয়া লোকগুলোকে বুঝিয়ে-শুনিয়ে পথে আনতে পারবে।

দরজায় নক হলো। চোখ তুলে তাকাল হ্যালার্ড, লোকটাকে ঢুকতে দেখে রীতিমত বিস্মিত হলো। আর যেই হোক ড্যানি লসনকে দেখবে বলে আশা করেনি।

কফি হবে নাকি, মার্শাল? হালকা সুরে জানতে চাইল সে।

নিশ্চয়ই! ইঙ্গিতে একটা চেয়ার দেখিয়ে দিল হ্যালার্ড, উঠে স্টোভের কাছে গেল ও। একটা মগে কফি ঢেলে পরিবেশন করল লসনকে। আচ্ছা, আজ রাতে কি ঘটতে পারে বলে তোমার ধারণা? একটু পরেই টহল দিতে বেরোব আমি।

ছজোড়া চোখ আর বারো জোড়া হাত দরকার হবে তোমার, স্মিত হেসে–বলল লসন। সাবধান, ফাঁদ থাকবে অনেক, পিস্তল লড়াইয়ে যেতে তোমাকে উস্কানি দেবে কেউ কেউ। গলি পেরোনোর সময় সতর্ক থেকো, ছাদের দিকেও নজর রাখবে। শেইন থমসন, কার্ট রক্স বা ওদের যে কেউ তোমার সঙ্গে লড়াই বাধাতে পারে, জড়িয়ে পড়ো না। আর…তাস খেলায় যদি লড়াই বাধে, ভুলেও গ্রাহ্য কোরো না, যতটা সম্ভব জুয়ার হল থেকে দূরে গ্নেকো। নিজের পেছন দিকে লক্ষ্য রাখবে সবসময়। কখনও দেয়ালের সামনে দাড়িয়ে ভেব না তোমার পেছন দিকটা নিরাপদ, ফটি-ফাইভ কার্তুজ ছইঞ্চি কাঠ অনায়াসে ভেদ করতে পারে; অথচ এখানকার দেয়ালগুলো এক ইঞ্চির বেশি পুরু নয়। দ্রুত চলাফেরা করবে তুমি, এক জায়গায় বেশিক্ষণ থেমে থেকো না। কি করতে হবে সবাইকে স্পষ্ট বলে দেবে। কেউ যদি অবাধ্য হয় গুলি করবে তাকে।

ওই কাজটা আমাকে দিয়ে হবে না।

তাহলে ধরে নাও আজ রাতেই খুন হয়ে গেছ তুমি।

বিভ্রান্ত দৃষ্টিতে লসনের দিকে তাকাল নতুন মার্শাল। এ শহরে কতজন খারাপ লোক আছে বলে মনে হয়?

পাঁচ-ছয়জন খুব খারাপ। ডজন খানেক বেশ খারাপ। তবে শহর পরিষ্কার করতে হলে অন্তত ষাট-সত্তরজনকে সরাতে হবে।

এত!

হ্যাঁ, তবে নিরাশ হওয়ার কিছু নেই। এখন হয়তো সরাসরি তোমার পক্ষ নিচ্ছে না কেউ, সাধারণ লোকজন কিন্তু শান্তি আর স্থিতিই চায়। যাদের কথা বললাম ওদের মধ্যে মাত্র কয়েকজন সত্যিই ভয়ঙ্কর, যেমন: থমসন, রক্স বা কিনকেড…

আইক জেসাপ।

ওর কাছ থেকে দূরে থেকো। আপাদমস্তক খুনী ও, কিন্তু নিজে কখনও ঝামেলা পাকায় না। বেআইনী কিছুও করে না। পিস্তলের মুখে যদি ওকে সরাতে চাও তাহলে ভুল করবে, কারণ কাজটা সত্যিই কঠিন। সত্যি কথা বলতে কি, আইক জেসাপের মত লোক এ ধরনের শহরে বেশিদিন থাকে না। কিছু টাকা কামাই হলে এমনিতেই চলে যাবে ও। ওর ধাতটাই এমন।

মাথা ঝাঁকাল হ্যালার্ড। তবে প্রথমদিন হিসেবে শান্তির কথাই শোনাব ওদের। বলব ইচ্ছে করলে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা শহর গড়তে পারব আমরা।

হ্যালার্ড, বাঘকে ভেড়ার পালের সঙ্গে শান্ত ভাবে ঘুরে বেড়ানোর অনুরোধ করার মত অবাস্তব কথা বলছ। তুমি যা বলবে সেটা ওদের স্বভাবের বাইরে। তবুও…চেষ্টা করে দেখতে পারো।

সঙ্গে বন্দুক নেব না আমি, যুক্তি দিয়ে ওদের বোঝাব।

কফি শেষ করার ফাঁকে নীরবে হ্যালার্ডকে দেখল লসন। বুঝতে পারছে একে উপদেশ দিয়ে লাভ হবে না, স্রেফ আরেকটা বোকামি করতে যাচ্ছে সে—নিরস্ত্র অবস্থায় টহলে বেরিয়ে বরং আরও বিপদে পড়বে, পাত্তাই দেবে না কেউ তাকে।

হ্যালার্ডকে ধন্যবাদ জানিয়ে ল-অফিস থেকে বেরিয়ে এল ও। দূরে কামারের দোকানের সামনে টিম কার্টিস আর রবার্ট অ্যালেনকে দেখতে পেল। কাজ শেষ হয়ে গেলেও এখনও শহর ছেড়ে যায়নি ওরা। হয়তো লসনের মতই স্রেফ কৌতূহল আটকে রেখেছে ওদের-জেরেমি টাউনের ভাগ্যে শেষপর্যন্ত কি ঘটে?

পাহাড়ের দিকে তাকাল, লসন, বিল লারকিনের ক্লেইমের দিকে চলে গেল দৃষ্টি। জুলিয়া লারকিনের কথা মনে পড়ল। কিন্তু এমন তো কখনও হয়নি। উঁহু, তোমার কথা পরে ভাবব! বিস্ময় গোপন করে নিজেকে শাসন করল ও।

হ্যালার্ডকে মাত্র অর্ধেকটা প্রভাবিত করা গেছে। ওকে যতই অপছন্দ করুক স্কুল মাস্টার, কিন্তু উল্টো তাকে অপছন্দ করতে পারছে না লসন। জেরেমি টাউন যদি টিকে যায়, সৎ, নীতিবান লোক হিসেবে নিশ্চয়ই নাম করবে সে।

এখনও এ শহরে কোন সৌন্দর্য নেই। কোন গাছ নেই, ফুল নেই, আছে শুধু ক্যাকটাস। মাত্র দুটো দালান রঙ করা হয়েছে। প্রাণহীন রুক্ষ একটা শহর। এ ধরনের শহর কখনও ভাল লাগে না লসনের। কিন্তু তবু, গড়ে উঠেছে তো। ধ্বংস তারচেয়েও বেশি অপছন্দ ওর। এখনও একটা সম্ভাবনা আছে এ শহরের, সেই সম্ভাবনাই টানছে ওকে।

 

ল-অফিসের পোর্চে দাঁড়িয়ে পুরো শহরে নজর বুলাল জেফরি হ্যালার্ড। রাস্তায় লোকজন কম। আশপাশের বাড়ি থেকে জানালা পথে ছিটকে আসা চৌকো আলো পড়েছে ক্ষত-বিক্ষত রাস্তায়। হুল্লোড় চলছে সব সেলুনে। কাছের বাড়ি থেকে মেয়েলি কণ্ঠের হাসির শব্দ শোনা গেল। বাড়ি আর দোকানের অন্ধকার কোণগুলো তীক্ষ্ণ চোখে জরিপ করল হ্যালার্ড, বোঝার চেষ্টা করল ওখানে কেউ আছে কিনা। কাউকে চোখে পড়ল না। হয়তো নতুন মার্শালের ওপর নজর রাখার চেয়ে ফুর্তি করাতেই আগ্রহ বেশি ওদের।

বিকেল থেকে অন্যান্য দিনের তুলনায় চুপচাপ পুরো এলাকা। খনি শ্রমিকরা সন্ধেয় হৈ-হল্লা করে, আজ তাও নেই। অমঙ্গলের পূর্বাভাস?

শেষপর্যন্ত মত বদলে সঙ্গে পিস্তল নিয়েছে জেফরি হ্যালার্ড। টহলে বেরোনোর আগে জানালার কাছে এসে বাইরে তাকিয়েছে কয়েকবার, কিন্তু ড্যানি লসনের ছায়াও দেখতে পায়নি। স্রেফ অদৃশ্য হয়ে গেছে লোকটা!

আশপাশেই থাকবে জো হারপার, জানে হ্যালার্ড। বন্ধুকে নিরস্ত করার চেষ্টা করেছে ও, কিন্তু মানেনি হারপার। সঙ্গে শটগান নিয়েছে সে। কি দরকার, জো, তোমাকে শটগান হাতে পাশে দেখলে একটা সুযোগ পেয়ে যাবে ওরা, সতর্ক করেছে জ্যাক ক্লেটন। হয়তো শেষপর্যন্ত দুজনেই মারা পড়বে।

হয়তো পড়ব, উত্তরে বলেছে হারপার। কিন্তু ও আমার পার্টনার। এখানে একসঙ্গে এসেছি, পার্টনার বলতে সব ক্ষেত্রেই পার্টনার হওয়া বুঝি আমি।

ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তবে সাবধান। মনে রেখো, ওরা কিন্তু জানে হ্যালার্ডের আশপাশে তুমিও থাকচ্ছ।

হ্যালার্ড বা হারপার ড্যানি লসনের খোঁজ না পেলেও ঠিকই নিজের কাজ করে যাচ্ছে সে। জানে এমন পরিস্থিতিতে কি করতে হবে। যুৎসই একটা জায়গা বেছে নিয়েছে ও, আপাতত সেখানেই আছে। সন্ধের পরপরই রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে আজ, বলতে গেলে কেউই নেই। সুতরাং রাস্তায় যখন পায়ের আওয়াজ পাওয়া গেল, লসন বুঝল টহলে নেমে গেছে নতুন মার্শাল। কিছু দূরে একটা সিগারের আগুন চোখে পড়ল ওর। সিগন্যাল? ঠিক উল্টোদিকে জেনারেল স্টোরের দরজায় অলস ভাবে দাঁড়িয়ে আছে জাড ভেন্ট্রি।

চোখ কুঁচকে তাকাল লসন, অন্ধকারে দৃষ্টি সয়ে এসেছে। কয়েক মুহূর্ত পর সিগারঅলাকে চিনতে পারল, ক্লেম ব্রেস।

ল-অফিস থেকে রাস্তা ধরে এগিয়ে আসছে একটা ছায়া। দৃঢ়তা নেই চলায়, মানুষটা দ্বিধান্বিত–স্পষ্ট বুঝতে পারল লসন-টনটনে অহমিকা বা আত্মবিশ্বাস কোনটাই নেই এখন। জেদ শক্তি যুগিয়েছিল তাকে, কিন্তু নিরেট বাস্তবের তিক্ত উপলব্ধিতে মুহূর্তের মধ্যে উবে গেছে সব।

অন্ধকারে গা মিশিয়ে এগোল ও, গলি ধরে চলে এল মূল রাস্তায়, সিড হ্যামারটনের জেনারেল স্টোরের দেয়ালের সঙ্গে মিশে থাকল। ফিড স্টেবলের পাশের গলির মুখে দেখা যাচ্ছে নিকোলাস গ্রীনকে, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই জানে না।

প্রতিপক্ষ কি ধরনের পরিকল্পনা করেছে, এখনও আঁচ করতে পারেনি লসন। এমনও হতে পারে নিজেদের মধ্যে ফাঁকা গোলাগুলি করবে, আর সেই গুলি থামাতে গিয়ে দুই দলের মাঝখানে পড়ে ঝাঝরা হয়ে যাবে জেফরি হ্যালার্ড। তখন কাউকেই দোষ দেয়া যাবে না।

তেমন কিছুই কি ঘটবে?

 

ফিড স্টেবলের উল্টোদিকে সিড হ্যামারটনের জেনারেল স্টোর। পাশে গ্রে উড় সেলুন, জেফরি হ্যালার্ড ওটার সামনে পৌঁছতে অন্ধকার ফুড়ে বেরিয়ে এল একটা ছায়া। লোকটা বিশালদেহী, চলার সময় স্পারের ঝুনঝুন শব্দ সেলুন থেকে বেরিয়ে আসা পিয়ানোর আওয়াজ ছাপিয়ে উঠছে। পোর্চের একটা পোস্টে হেলান দিয়ে দাঁড়াল সে.। ডান হাতের চুরুট ঠোঁটে ছোঁয়াল, তারপর নখে দেয়াশলাইয়ের কাতি হয়ে আজ ধরাল সেই আগুনে কঠিন মুখটা দেখল মার্শাল, নিকোলাস গ্রীন।

প্রায় তখনই অন্যদেরও দেখতে পেল হ্যালার্ড। অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে শীর্ণদেহী ক্লেম বেশ, মশোযোগ দিচ্ছে না এদিকে, ভান করছে আসলে। জাড ভেন্ট্রি একটু দূরে, তারও যেন খেয়াল নেই এদিকে। পেছনে এসে দাঁড়িয়েছে আরেকজন স্পষ্ট টের পেল জেফরি হ্যালার্ড।

হয়তো একটা ফাঁদ, মনে হলো ওর নিষ্ঠুর বেপরোয়া লোক গ্রীন, অথচ এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন ভাজা মাছটিও উলটে খেতে জানে না। পাশের পাশের দালান থেকে বেরিয়ে এল দুজন, দেয়ালের সঙ্গে আয়েশ করে হেলান দিয়ে দাড়া হার্টের পেছনে।

হ্যালো, মার্শাল আচমক বলে উঠল নিকোলাস গ্রীন তাহলে জেরেমি টাউনে আইন প্রতিষ্ঠ করতে যাচ্ছি তুমি?

যাচ্ছি, শান্ত স্বরে বলল হ্যালার্ড। কারণ তার সময় হয়েছে।

বাহ, শুনে খুশি হলাম! সচেতন নাগরিক তুমি। আমরা কি জানি কিভাবে সচেতন নাগরিকের প্রশংসা করতে হয়। কি বলো, ছেলেরা, জানি না?

উত্তর দিল না কেউ।

ড্রিঙ্ক করবে নাকি, মার্শাল? তেষ্টা পেয়েছে? হেসে জানতে চাইল সে। একসঙ্গে ড্রিঙ্ক করে উপলক্ষটা উদ্যাপন করা যাক…

নাহ্। তোমরা চালাও, ডিউটির সময় ড্রিঙ্ক করি না আমি।

চলো, একসাথে পান করব সবাই, সহজ সুরে প্রস্তাব করল সে। প্রথমদিন টহলে বেরিয়েছ। এক রাউন্ড ড্রিঙ্ক করলে এমন কিছু যাবে-আসবে না, মি. হ্যালার্ড। এমন কোন ল-ম্যানের কথা আমি শুনিনি যারা টহলে বেরিয়ে পান করে না।

ইচ্ছে নেই।

ভাল কথা বলছ না তুমি, মার্শাল, অভিযোগের সুরে বলল গ্রীন। নাকি আমার সাথে ড্রিঙ্ক করতে খারাপ লাগবে তোমার? হয়তো আমরা অত উঁচু দরের লোক নই, তেমন কোন সহায়-সম্পত্তিও নেই আমাদের কিন্তু আমরা ভাল, লোক। আশা করছি আমাদের সঙ্গে ড্রিঙ্ক করবে তুমি। না হয় এক চুমুকই দেবে।

দুঃখিত, কঠিন গলায় বলল হ্যালার্ড। বলেছি তো ডিউটির সময় ড্রিঙ্ক করি না আমি। কাল আমার সঙ্গে দেখা কোরো তোমরা। একটা বোতল কিনে দেব তোমাদের। এখন যাচ্ছি, কাজ আছে আমার।

দাড়াও!

পরিস্থিতি বদলে যাচ্ছে, স্পষ্ট টের পেল হ্যালার্ড। নিকোলাস গ্রীনের দিকে তাকাল ও। রাস্তার ওপাশে দাড়ানো ক্লেম ব্রেস এগিয়ে আসছে এখন, পিছু নিয়েছে। জাড় ভেন্ট্রি।

অদূরে এক দালানের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা ড্যানি লসন বুঝতে পারল কি চলছে মার্শালের মনে-কি করব আমি—কিন্তু চিন্তা-ভাবনার সময় নেই হাতে। ইতোমধ্যে দেরি হয়ে গেছে, হ্যালার্ডের এক্ষুণি সরে পড়া উচিত।

তুমি নিশ্চয়ই এড়িয়ে যাবে না আমাদের? বিদ্রুপ আর তাচ্ছিল্য গ্রীনের কণ্ঠে। তোমার সঙ্গ তো কখনও পাইনি আমরা, একবার পেয়েছি যখন সহজে ছাড়তে রাজি নই।

আমার মনে হয় সবার সঙ্গে ড্রিঙ্ক করাই উচিত তোমার, মার্শাল, হ্যালার্ডের কাঁধে একটা হাত রাখল ক্লেম ব্রেস। সেটাই ভাল দেখাবে।

এক ঝটকায় হাতটা সরিয়ে দিল হ্যালার্ড।

আহ্-হা, তুমি দেখছি খুব স্পর্শকাতর। নিজেকে আমাদের জন্যে কি যথেষ্ট ভাবো তুমি, মি. হ্যালার্ড?

যথেষ্ট হয়েছে! কঠিন স্বরে বলল মার্শাল। সরে যাও সবাই!

হেসে উঠল একজন।

মার্শাল ঠিকই বলেছে, নিক। চলো, যাওয়া যাক। এ শহরে একজন ভাল মার্শাল দরকার। ও যোগ্য।

তুমি চলে যাও, আমি দেখছি, নিরুত্তাপ স্বরে সঙ্গীর উদ্দেশে বলল নিকোলাস গ্রীন। বোঝা যাচ্ছে আমাদের মত লোক পছন্দ নয় ওর। কিন্তু একটা ব্যাপার কি জানো, আমিও কাউকে ড্রিঙ্ক অফার করে হতাশ হইনি কখনও।

সুতরাং তুমি আমার সাথে ড্রিঙ্ক করছ, মার্শাল!

ঝামেলা কোরো না, গ্রীন। অযথাই বিরক্ত করছ আমাকে। নিজের কাজে যাও।

কখন তোমাকে বিরক্ত করলাম। বিস্মিত দেখাল তাকে। তারপর হেসে উঠল চড়া স্বরে। যাকগে, চলে এসো মার্শাল। এই শেষবার বলছি। আমার সাথে ড্রিঙ্ক করলে তোমার ব্যাজের অপমান হবে না। নাকি হবে?

জেফরি হ্যালার্ড অস্বীকার করুক, তাই চায় লোকটি। তর্কটা তাহলে আরও এগিয়ে নিতে পারে গ্রীন, এবং একটা মওকা পেয়ে যাবে। ঠিক কি বলবে ভেবে পেল না হ্যালার্ড, আনমনে কাঁধ উঁচাল। কষ্ট করে নিজেকে ভাবলেশহীন রাখার চেষ্টা করছে, কিন্তু প্রায় অসহায় বোধ করছে। চকিতে পেছনে পায়ের শব্দ পেল, হ্যালার্ডের মনে হলো অন্তত তিনজন লোক ফিড স্টেবলের পাশের গলি থেকে বেরিয়ে এসেছে।

কি ঠিক করলে, যাবে? ফের জানতে চাইল গ্রীন, হাসছে।

না!

উইলি, হ্যালার্ডের পেছনে কারও উদ্দেশে বলল সে। ওকে জোর করে নিয়ে এসো তো। আমাদের মত লোকের সাথে ড্রিঙ্ক করতে নাকি ওর রুচিতে বাধছে। সেলুনে নিয়ে চলো, দেখি কয়েক ঢোক পান করার পর ওর মত বদলায় কিনা।

পেছনে পায়ের শব্দ পেল জেফরি হ্যালার্ড, অন্তত তিনজন, ধারণা করল। ধীরে ধীরে এগিয়ে আসছে। ঘুরে তাকানোর ইচ্ছে বহু কষ্টে দমন করল সে। সরাসরি তাকাল গ্রীনের উদ্ধত চোখে। প্রচ্ছন্ন কৌতুক লোকটির চাহনিতে, মার্শালের বেসামাল অবস্থা চুটিয়ে উপভোগ করছে। হ্যালার্ড অনুভব করল গলা শুকিয়ে আসছে ওর, বুক ধড়ফড় করছে। সাহস দেখাতে গেলে নিজেই বিপদে পড়বে, এটুকু বোঝার ক্ষমতা আছে ওর। অথচ লোকগুলো সেটাই চায়, একটা ছুঁয়ে ওর ওপর হামলে পড়তে চাইছে।

জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজাল ও, ঢোক গিলল। তারপর নিকোলাস গ্রীনের দিকে তাকাল। তোমার মতলবটা কি, গ্রীন? আমাকে খারাপ কিছু করতে বাধ্য কোরো না।

খারাপ কিছু, সেটা আবার কি? হেসে উঠল সে, কোমরের কাছে চলে গেছে হাত। তুমি একটা আস্ত বেকুব, হ্যালার্ড! মার্শাল হতে যোগ্যতা লাগে, কিন্তু এটুকু বোঝার মত বুদ্ধিও নেই তোমার। আনাড়ী একজন লোক যদি কোমরে পিস্তল ঝোলায় তাকে দেখে করুণা হয় সবার, তোমার প্রতি আমারও তাই হচ্ছে এখন। তবে একটা কথা কি জানো, পিস্তল হাতে থাকলে আনাড়ী লোকও বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুতরাং, হেসে উইলির দিকে তাকাল ও। কই, নিয়ে এসো আমাদের মার্শালকে! একসাথে পান করার ফাঁকে পরিচয়টা হয়ে যাক।

হ্যালার্ড টের পেল ওর হোলস্টার থেকে পিস্তল তুলে নিয়েছে কেউ।

এবার ভদ্রলোকের মত এগোও, মার্শাল! পেছন থেকে সিক্সগানের নলের খোচায় তাগাদা দিল উইলি।

অসহায় বোধ করছে হ্যালার্ড। বুঝে উঠতে পারছে না ঠিক কি করা উচিত। অনুভব করল কঠিন এক পরিস্থিতিতে পড়েছে। আড়চোখে সিড় হ্যামারটনের স্টোরের দিকে তাকাল, দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে দুই ভবঘুরে। চাপা আনন্দ ওদের চোখে-মুখে, যেন দারুণ মজার কোন ব্যাপার ঘটছে এখানে।

ভয় পাচ্ছ নাকি, মার্শাল? ফোড়ন কাটল গ্রীন, তারপর ঘুরে এগোল সেলুনের দিকে। নিয়ে এসো তো ওকে, আমাদের সাথে পান না করে যাবে কোথায়! আজ হুইস্কিতে ওর পেট ভরে দেব।

কোথাও যাচ্ছ না তুমি, গ্রীন! শীতল একটা কণ্ঠ শোনা গেল রাস্তার ওপাশে। অন্তত মার্শালকে নিয়ে!

ঝট করে ঘুরল নিকোলাস গ্রীন, ছোবল মেরেছে হোলস্টারে। আতঙ্ক নিয়ে দেখল হ্যালার্ড, পিস্তলটা উঠে আসছে বিদ্যুৎ বেগে। গলার শব্দে প্রতিপক্ষের অবস্থান আঁচ করে নিয়েছে গ্রীন। চরকির মত আধপাক ঘুরল সে, রাস্তার উল্টোদিকে তাকাল।

ফিড স্টেবলের পাশের গলিতে চাপ চাপ অন্ধকার। ওখানে কিছুই দেখতে না পেয়ে খানিকটা বিহ্বল হয়ে পড়ল গ্রীন। হাতের পিস্তল উঁচিয়ে ধরে থাকল। ঠিক চিনতে পেরেছি তোমাকে, ড্যানি লসন! তপ্ত আক্রোশে তড়পে উঠল সে। সামনে এসো, লসন! সাহস দেখাও, বাছা!

অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে উঠল। তা দেখে গুলি চালাল গ্রীন, আগুনের স্ফুলিঙ্গ দেখা গেল ওদিকে। বুকে গুলির তীব্র ধাক্কায় টলে উঠল ওর শরীর। দড়াম করে আছড়ে পড়ল পোর্চের ওপর। এদিকে ওর তিন সঙ্গীও পিস্তল বের করে ফেলেছে। মুহূর্মুহু গুলির শব্দে মুখর হয়ে উঠল জায়গাটা।

গান পাউডারের কটু গন্ধে ভারী হয়ে এল বাতাস। স্থবির দাঁড়িয়ে আছে হ্যালার্ড, কি করবে বুঝতে পারছে না। পাশে তাকিয়ে দেখল ধুলোর মধ্যে নিথর পড়ে আছে গ্রীনের দুই সঙ্গী। পেট চেপে ধরে ককাচ্ছে অন্যজন। সীমাহীন অবিশ্বাসের সাথে লাশগুলো, দেখল ও, ঢাক গিলে শুকনো মুখ আর গলা ভেজানোর চেষ্টা করল। তারপর পাশ ফিরে কিছুটা পেছনে, রাস্তার উল্টোদিকে তাকাল।

নিকষ অন্ধকার কুঁড়ে বেরিয়ে এসেছে ড্যানি লসন, তবে বাড়ির ছায়া পড়েছে ওর ওপর, এবং পেছনে নিরেট দেয়ালের গাঢ় পটভূমিতে স্পষ্ট দেখা যাচ্ছে না ওকে। সতর্ক পায়ে দুই কদম পাশে সরে গেল সে, প্রায় নিঃশব্দে। চারপাশে চোখ বুলিয়ে প্যান্টের পকেট হাতড়ে বুলেট বের করল, একেবারেই নির্বিকার, নিরুদ্বিগ্ন দেখাচ্ছে ওকে। পিস্তল রিলোড করার ফাঁকে আড়চোখে একবার দেখে নিল হ্যালার্ডকে।

লিও ব্র্যাক, ছাদ থেকে নেমে এসো, আবারও চেঁচাল ড্যানি লসন। আমাকে ছাদে উঠতে বাধ্য কোরো না। রাইফেলটা আগে নিচে ফেলে দাও।

শুধুমাত্র জনি বিয়ান্দাই রয়ে গেছে অন্ধকারে। তুমি ব্লাফ দেবে, আর শুনেই চলে যাব আমরা, লসন? বিদ্রুপের স্বরে জানতে চাইল সে।

নিরুত্তর থাকল লসন, মুখটা দৃঢ় হয়ে গেছে। অন্ধকারে কমলা আগুন ওগরাল ওর হাতের পিস্তল। ধূলিময় রাস্তায় লুটিয়ে পড়ল জনি বিয়ান্দা। কষ্টেসৃষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে, কিন্তু পারল না।

উল্টোদিকের বাড়ির ছাদে উঠে দাঁড়াল এক লোক, হাতের রাইফেল ছুঁড়ে দিল সে। সেকেন্ড খানেক পর রাস্তায় পড়ল রাইফেলটা। এর ঠিক দুই মিনিট পর রাস্তায় দেখা গেল লিও ব্র্যাককে, আলোয় এসে দাঁড়িয়েছে সে। চোখে খুনের নেশা, ধীরে ধীরে এগোল সে। পড়ে থাকা রাইফেলটা পাঁচ হাত দূরে।

আমার বন্ধুকে মেরেছ তুমি! বিষাদ বা শোক কোনটাই নেই লিও ব্র্যাকের স্বরে, স্রেফ প্রতিহিংসা ঝরে পড়ছে কণ্ঠে। এ জন্যে তোমাকে খুন করব আমি, লসন!

বেশ তো! যাও, রাস্তা থেকে রাইফেলটা তুলে নাও। যাচ্ছ না কেন, লিও? রাইফেল তোলো!

সত্যি সত্যি বলছি, তোমাকে খুন করব আমি!

বলছি তো। রাইফেল ওঠাও, লিও। নইলে যেখানে দাঁড়িয়ে আছ সেখানেই গুলি করে ফেলে দেব তোমাকে।

কিন্তু ইতস্তত করছে লিও ব্র্যাক। পরমুহূর্তে ঝাপিয়ে পড়ে রাইফেল তুলে নিল। ভেবেছিল গুলি করবে লসন, কিন্তু তেমন কিছুই ঘটল না। রাইফেল হাতে উঠে দাঁড়াল সে, বেপরোয়া হয়ে উঠেছে পুরোপুরি।

দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা রাইফেলটা আলতো হাতে তুলে নিল লসন, কোমরের কাছে ধরে রেখে ধীর পদক্ষেপে রাস্তার আলোকিত অংশে এসে দাঁড়াল। আমাকে খুন করতে চাও, লিও? এই তো, তোমার সামনে দাড়িয়ে আছি, সুযোগ পেয়েছ তুমি। গুলি করো!

দুচোখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকল লিও ব্র্যাক। কোমরের কাছে ধরে আছে রাইফেলটা। লসনের রাইফেলও একই অবস্থানে, তবে নিচু হয়ে আছে ওটার নল। অজান্তে ঘাম জমতে শুরু করেছে মন্টানার গানম্যানের কপালে। সুযোগ, ড্যানি লসনকে শেষ করে দেয়ার এই হচ্ছে সুবর্ণ সুযোগ!

কি হলো, লিও? এই না বললে খুন করবে আমাকে ভুলে গেছ নাকি? গুলি করো, নৃইলে আবার রাইফেল ফেলে দাও, এবং কাল সূর্য ওঠার আগেই এ শহর ছাড়বে, নইলে দেখামাত্র তোমাকে গুলি করব আমি।

ধীরে ধীরে রাইফেল তুলছে ব্র্যাক, ভেতরে ভেতরে যেন ভূমিকম্পের তাড়নায় অস্থির বোধ করছে। ড্যানি লসনের দিকে তাকাল সে, মানুষটার মুখে মজা পাওয়ার হাসি দেখে গা জ্বলে উঠল ওর। আরও ইঞ্চি দুয়েক উঠাতে হবে রাইফেলটা, তারপর…। কিন্তু হঠাৎ থরথর করে কেঁপে উঠল সে, রাইফেলটা পড়ে গেল শিথিল মুঠি থেকে। অজান্তে মুখ নিচু করে ফেলল। শেষ হয়ে গেছে সে। আজ রাতেই শহর ছেড়ে চলে যাবে।

ধীরে ধীরে পিছিয়ে গেল লিও ব্র্যাক, রক্তশূন্য দেখাচ্ছে মুখটা। আচমকা ঘুরে উঁড়াল সে, তারপর ছুটে হারিয়ে গেল গলির অন্ধকারে।

চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি চালাল লসন, অন্ধকার গলি আর বাড়ির ছায়াগুলো যেন ভেদ করে গেল ওর শ্যেনদৃষ্টি। শেষে, নিশ্চিন্ত হয়ে রাস্তায় ফিরে এল ওর নজর। পড়ে থাকা লাশগুলো দেখে অজান্তে দীর্ঘশ্বাস ফেলল, তারপর রাইফেলটা হাত বদল করে ফিরল জেফরি হ্যালার্ডের দিকে। ওখান থেকে সরে এসো, হ্যালার্ড, মৃদু স্বরে বলল ও, তারাটা খুলে সোজা ক্লেইমে ফিরে যাও।

মাথা নাড়ল স্কুল শিক্ষক, পুরো শরীরই যেন জমে গেছে।

ও ঠিকই বলেছে, জেফ, ফিড স্টেবলের দিক থেকে ভেসে এল জো হারপারের কণ্ঠ। ওদের বেয়াড়াপনার উপযুক্ত জবাব তোমার কাছে নেই, কথাটা অপ্রিয় হলেও সত্যি।

সত্যি কথা বলতে কি, এই চাকুরিটা চাইনি আমি, কিন্তু পরিস্থিতিই বাধ্য করেছে আমাকে। জেফরি হ্যালার্ডের মত ভাল মানুষ ওই অবস্থায় পড়িক, তাও আমি চাই না। ইচ্ছে করলে ব্যাজটা দিতে পারো আমাকে, হোলস্টারে পিস্তল ঢোকানোর সময় বলল লসন। এখন থেকে এই শহর আমিই চালাব। যতদিন জেরেমি টাউন পরিষ্কার না হচ্ছে, ততদিন ওই ব্যাজ আমার পকেটে থাকবে।

এতক্ষণে একটা কাজের কথা বলেছ, লসন! উৎফুল্ল স্বরে বলল জো হারপার।

ডেপুটির দরকার হবে তোমার, ড্যান, হালকা সুরে বলল সাংবাদিক, গলি থেকে বেরিয়ে এসেছে হারপারের পিছু পিছু।

না, দরকার নেই।

উইলির ভূপতিত দেহের কাছে গিয়ে দাঁড়াল হ্যালার্ড। নিজের পিস্তল উদ্ধার করে স্খলিত পায়ে এগোল ল-অফিসের দিকে। কারও দিকে তাকাল না সে; সরাসরি ভেতরে ঢুকে চুলোয় কফির পানি চড়াল। চেয়ারে বসতে দেখল লসন আর হারপার ঢুকছে।

ধন্যবাদ তোমাকে, লসন।

এটা তোমার রাস্তা নয়, হ্যালার্ড। ওরা খারাপ মানুষ, ভাল কথা বলে ওদের সঙ্গে পাত্তা পাবে না কেউ। ওদেরকে বশে রাখতে হলে ওদের মন্ত্রই ওদেরকে ফেরত দিতে হবে। তুমি সেটা পারবে না।

হয়তো ঠিকই বলেছ তুমি, মৃদু স্বরে বলল হ্যালার্ড, তবে কণ্ঠে সন্দেহ প্রকাশ পেল না। আড়ষ্ট ভঙ্গিতে বসে থাকল চেয়ারে, কোন ব্যাপারে আগ্রহ প্রকাশ করল না।

স্টোভের দিকে এগোল জো হারপার। সারা ঘরে ধুলোর আস্তর দেখে বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করল। হারপার কফির আয়োজন করছে, এই ফাঁকে ড্রয়ার থেকে একগাদা পোস্টার বের করে টেবিলে রাখল লসন। তবে দেখার আগ্রহ নেই ওর। রক্স, কিনকেড, থমসন…দুএকজন বাদে প্রায় সবারই চেহারা আছে কোন না কোন পোস্টারে, জানে ও; আর এদের প্রত্যেককেই চেনা আছে ওর-জেসি ওয়েনের মত যারা ওয়ান্টেড নয়, তাদেরও। অযথা সময় নষ্ট করার কোন মানে হয় না।

কিভাবে এগোবে, ভেবেছ কিছু? কেতলিতে কফির গুঁড়ো ছিটিয়ে দেয়ার সময় জানতে চাইল হারপার।–

ঠিক করিনি এখনও।

মার্শালগিরি তোমার খুব সুখে কাটবে এ কথা বলতে পারছি না। এখানে খারাপ লোকের সংখ্যাই বেশি।

আনমনে মাথা ঝাঁকাল লসন। মোটামুটি নতুন দেখে একটা পোস্টার তুলে নিয়ে উল্টোপিঠে বিজ্ঞপ্তি লিখতে শুরু করল। কয়েকটা লেখার পর কফিতে চুমুক দিল।

ঠিক কি করতে চাইছ তুমি? পোস্টারের লেখায় চোখ বুলিয়ে কৌতূহলী স্বরে জানতে চাইল হারপার। নিশ্চয়ই আশা করছ না বললেই শহর ছেড়ে চলে যাবে ওরা?

তা যাবে না। কেউ কেউ তো আমলই দেবে না, বরং রীতিমত বিদ্রোহ করে বসবে। শুরুতে খানিকটা ঝামেলা হবে। তবে কয়েকজনকে কোণঠাসা করতে পারলে পরের কাজটুকু সহজ হয়ে যাবে। হয় শান্তিতে থাকবে, নয়তো শহর ছাড়বে ওরা।

প্রার্থনা করছি যেন ওদের মাথায় শুভ বুদ্ধির উদয় হয়।

<

Super User