ভোর।
নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল ক্লিফ ফ্যারেল, দরজা খুলে বাইরে এল। সকালের ঠাণ্ডা হাওয়া শান্তির পরশ বুলিয়ে দিল গায়ে। নির্জন নিস্তব্ধ পথ-ঘাট। নিঃসঙ্গ একটা কুকুর ঘুরঘুর করছিল, হঠাৎ বসে গা চুলকাল, তারপর লেজ নেড়ে এগিয়ে এল ক্লিফের দিকে। সামনে ঝুঁকে ওটার মাথায় হাত বুলিয়ে দিল ফ্যারেল। লেজ নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করল কুকুরটা, পরমুহূর্তে এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল।
গত কয়েকদিনের ঘটনাগুলো একে একে ভাবল ক্লিফ। সোনির মানহানি, হেলম্যানের গ্রেপ্তার, রেগানের পিছু ধাওয়া করে তাকে আটক করা, আসামীকে ছিনিয়ে নেয়ার জন্যে শহরবাসীদের প্রচেষ্টা-ছবির মতো ভেসে উঠল চোখের সামনে। কিন্তু নির্জন রাস্তাঘাট দেখে বিশ্বাস হতে চায় না এত কিছু ঘটে গেছে। যেন একটা দুঃস্বপ্ন, একটু পরে ঘুম ভাঙবে শহরের, সব শঙ্কা কেটে যাবে।
কিন্তু আসলে তা নয়; এসবই রূঢ় বাস্তব। ভোরের শান্তু সমাহিত পরিবেশ আর মৃদুমন্দ হাওয়া বিভ্রান্ত করতে চাইছে ওকে। এই নীরবতা বিপদের পূর্বাভাসই ঘোষণা করছে।
জেলহাউসে ফিরে দরজা আটকে হুড়কোটা জায়গামতো বসাল ক্লিফ। এখনও বিকট শব্দে নাক ডাকছে শেরিফ, তার দিকে চাইল।
কাল রাতে লোকটার অস্বাভাবিক আচরণ বিস্মিত করেছে ওকে। স্টোনের স্বভাবের সঙ্গে ঠিক মানায় না, লোকটাকে কখনও ভীতু বলে মনে হয় নি. ওর; ভীতু না হওয়ারই কথা। শেরিফমাত্রই একজন রেপিস্টকে বাঁচাতে শহরবাসীর ওপর গুলি চালানোর আগে দুবার চিন্তা করবে, হোক না সে বিচারাধীন আসামী।
মৃদু কাঁধ ঝাঁকিয়ে ঘুরে দাঁড়াল ফ্যারেল। স্টোন কাপুরুষ হলে শিগগিরই জানা যাবে সেটা।
জানালার সামনে এসে বাইরে চোখ ফেরাল ও। নিজেই অন্যায় করছে কিনা কে বলবে? রেগানকে জ্যান্ত ধরে আনা হয়তো মারাত্মক ভুল হয়ে গেছে। কিন্তু বাবার অনুতপ্ত, বিধ্বস্ত চেহারা হাজারবার দেখেছে ও, তিলেতিলে দগ্ধ হতে দেখেছে তাকে, এসবের গভীর প্রভাব পড়েছে মনের ওপর, যেজন্যে রেগানকে হত্যা করতে পারে নি।
অধৈর্যের সঙ্গে মাথা নাড়ল ফ্যারেল। সেলব্লক থেকে বিছানা ককিয়ে ওঠার শব্দ এল, পরমুহূর্তে শোনা গেল রেগানের কণ্ঠস্বর। অ্যাই, শেরিফ, গেলে কোথায়?
সেলের দিকে পা বাড়াল ক্লিফ। দরজা পেরোলেই করিডর, দালানের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে, দুপাশে সারিবদ্ধ সেল। ডানপাশের প্রথম সেলে ল্যুক রেগানকে আটক রাখা হয়েছে; ডানে হেলম্যান, ঘুমোচ্ছে সে।
উদ্ভ্রান্ত চেহারায় গরাদ ধরে দাঁড়িয়ে আছে ল্যুক রেগান, অনিদ্রার ছাপ চেহারায়।ক্লিফকে দেখে চেঁচিয়ে উঠল, অ্যাই, ডেপুটি, খাবার দিচ্ছ কখন?
ছটায়, রুক্ষ কণ্ঠে জবাব দিল ফ্যারেল, এখন মোটে, সাড়ে চারটে। আরও ঘণ্টা দেড়েক ঘুমিয়ে নিতে পারো।
কাগজ তামাক হবে?
তামাকের প্যাকেট আর কাগজ বের করে দিল ক্লিফ। সিগারেট বানিয়ে প্যাকেটটা নিজের কাছে রেখে দিল রেগান।
ম্যাচ?
বিরক্তির সঙ্গে কয়েকটা দেশলাইয়ের কাঠি ল্যুকের হাতে দিল ফ্যারেল।
টেলিগ্রামটা পাঠিয়েছ? জানতে চাইল রেগান।
মাথা দুলিয়ে সায় দিল ক্লিফ।
ঠিক তো?
নিজে দাঁড়িয়ে থেকে পাঠিয়েছি।
রেগানের চেহারায় সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করল ক্লিফ। ভাই-টাইয়ের ওপর বেশি ভরসা কোরো না, বলল ও, খোদ শয়তানও এখন তোমাকে রক্ষা করতে পারবে না!
সদন্ত হাসল রেগান; সিগারেটে লম্বা টান দিয়ে ক্লিফের মুখ বরাবর ভুশ করে ধোঁয়া ছাড়ল।
বিদ্যুৎচমকের মতো গরাদের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে রেগানের শার্টের কলার জাপটে ধরল ফ্যারেল, পরক্ষণে হ্যাচকা টানে সামনে নিয়ে এল তাকে। লোহার শিকের সাথে ঠোক্কর খেলো রেগান, নাকটা থেতলে গেল, গলগল করে রক্ত বেরিয়ে এল। সজোরে তাকে পেছনে ঠেলে দিল ফ্যারেল, বেমক্কা ধাক্কায় তাল হারাল ল্যুক। এলোমেলো পায়ে পেছনের দেয়ালে গিয়ে বাড়ি খেলো, আছড়ে পড়ল মেঝেয়, কোনওমতে উঠে দাঁড়াল আবার, দৃষ্টিতে আগুনঝরিয়ে ক্লিফের দিকে চাইল!
আর কক্ষনো আমার সঙ্গে ইয়ার্কি, মারবে না! হিসহিস করে বলল ফ্যারেল। আর, মনে রেখো, এদেশে মৃত্যুদণ্ডই রেপের একমাত্র শাস্তি, বাপ এলেও বাঁচাতে পারবে না তোমাকে!
হাতের পিঠে নাকের রক্ত মুছল ল্যুক লেগান, হিংস্র অথচ চাপা কণ্ঠে বলে উঠল, হারামজাদা! তোমাকে খুন করে তারপর এখানে থেকে যাব আমি!
ঠিক আছে, দেখা যাবে কে কাকে খুন করে!
সক্রোধে দড়াম করে দরজা আটকে সেল-ব্লক থেকে অফিসরুমে ফিরে এল ফ্যারেল। প্রচণ্ড শব্দে ধড়মড় করে জেগে উঠল স্টোন, নগ্ন পায়ে বিছানা থেকে মেঝেয় নেমে রুক্ষ কণ্ঠে জানতে চাইল, কী-কী হয়েছে?
কিছু না চিন্তার কিছু নেই, জবাব দিল ফ্যারেল। একটু বিরতির পর জিজ্ঞেস করল, নাশতা করতে চাও?
করতে পারলে ভালো হত, ভাল খিদে পেয়েছে।
ঠিক আছে, নিয়ে আসছি, বলল ক্লিফ। মাংস আর ডিম, চলবে?
চলবে।
মাথায় টুপি চাপিয়ে বাইরে এল ফ্যারেল। হুড়কো আটকে দিল শেরিফ। হোটেলের দিকে পা বাড়াল ক্লিফ। এক লোক হোটেলের বারান্দা আর সামনের ফুটপাথ ঝাড় দিচ্ছে। একে ক্লিফ চেনে না, ভবঘুরে জাতীয় কেউ হবে, থাকা খাওয়া বিনিময়ে কাজ করে দিচ্ছে। কোনওদিকে না তাকিয়ে। সোজা ভেতরে ঢুকে পড়ল ও।
খাঁ খাঁ করছে ডাইনিং রুম, এত ভোরে কেউ আসে নি। রান্নাঘরে থালাবাসনের ঝনঝন শব্দ হচ্ছে। সেদিকে এগোল ক্লিফ, ধাক্কা দিতেই দরজা খুলে গেল।
ঘাড় ফিরিয়ে তাকাল বাবুর্চি জন ক্যাশ।
কফি হবে? জানতে চাইল, ফ্যারেল।
মাথা দোলাল জন। ভেতরে ঢুকল ক্লিফ। মগ ভর্তি ধূমায়িত কফি বাড়িয়ে দিল ক্যাশ। কফিতে চুমুক দিয়ে ফ্যারেল বলল, আমাদের দুজনের জন্যে মাংস আর ডিম ভেজে দাও। পরে আসামীদের জন্যে দুই প্লেট নাশতা পাঠিয়ে দিয়ো, ঠিক আছে?
মাথা দুলিয়ে সম্মতি জানাল ক্যাশ, চুলোর দিকে এগিয়ে গেল, নাশতা তৈরির কাজে হাত দিল।
জন ক্যাশের দিকে তাকাল ফ্যারেল। রেগানের গ্রেপ্তার প্রসঙ্গে কিছুই বলে নি লোকটা। তার অবশ্য দরকারও নেই, ও ঢুকতেই যেভাবে তাকিয়েছে, যথেষ্ট; অপরিচিত কাউকে দেখেছে যেন। এর আগে যখনই দেখা হয়েছে নানারকম রসিকতা করেছে ক্যাশ, কিন্তু আজ পুরোপুরি ভিন্ন চেহারা।
শহরবাসীরা নিজেদের ক্লিফের জায়গায় কল্পনা করে বর্তমান পরিস্থিতি বিচার করতে চাইছে, একই সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে ওরা। সমস্যা সেখানেই, একটা কথা ভুলে যাচ্ছে সবাই, দায়িত্ব পালনের সময় কোনও অফিসারের ব্যক্তিগত সম্পর্কের কথা ভাবা উচিত নয়, তার নিরপেক্ষ থাকা বাঞ্ছনীয়। নিজের কাছে পরিষ্কার থাকার জন্যে অভিযুক্ত ব্যক্তিকে শুরুতেই দোষী ধরে নিতে পারে না সে।
কাঁধ ঝাঁকিয়ে সব ভাবনা দূর করে দিতে চাইল ফ্যারেল। জাহান্নামে যাক! লোকে পছন্দ করুক না করুক, দায়িত্ব পালন করতে হবে ওকে। শহরবাসীদের সঙ্গে তাল মিলিয়ে চলার ইচ্ছে থাকলে গ্রেপ্তারে বাধা দেয়ার অজুহাতে অনেক আগেই হত্যা করতে পারত আসামীকে।
কফি শেষ করে চুলোয় চাপানো কেতলি থেকে আবার কফি ঢেলে নিল ফ্যারেল। জনশূন্য ডাইনিং রুমে এসে একটা টেবিলে বসল। পকেট হাতড়ে কাগজ তামাক খুঁজল ও, নেই; রেগান রেখে দিয়েছে ওগুলো। উঠে লবিতে চলে এল ফ্যারেল, ডেস্কের দিকে পা বাড়াল, কেউ নেই ওখানে। ডেস্কের উল্টোদিক থেকে তামাক আর কাগজের প্যাকেট বের করে ডেস্কের ওপর দাম রেখে আবার ডাইনিং রুমে ফিরে এল। চেয়ারে বসে সিগারেট বানিয়ে ঠোঁটে ঝোলাল। কিছুক্ষণ পর দুই ট্রে নাশতা হাঁতে রান্নাঘর থেকে বেরিয়ে এল জন কাশ।
নাশতা নিয়ে হোটেল থেকে রাস্তায় নামল ক্লিফ ফ্যারেল। ফিরতি পথ ধরে জেলহাউসে ফিরল। লাথি হাঁকাল জেলের দরজায়। একটু পর দরজা খুলে দিল জেস স্টোন। ক্লিফ ভেতরে ঢুকতেই আবার দরজা আটকে দিল সে। নিঃশব্দে খাওয়ার পাট চুকাল ওরা। আবার সিগারেট বানাল ক্লিফ, তামাক ভরে পাইপ ধরাল স্টোন।
জাজ কেনেডির কবে আসার কথা, জানো? জিজ্ঞেস করল ফ্যারেল।
দুসপ্তাহ পর।
ইশ, এই মুহূর্তে জাজকে যদি পাওয়া যেত, ভাবল ক্লিফ, ঝটপট রেগানের বিচারের ব্যবস্থা করে ফেলত ও। কিন্তু সেটা যখন সম্ভব নয়, জাজ দুদিন কি দুসপ্তাহ পরে আসুক, ক্ষতিবৃদ্ধি নেই। জাজ আসার আগে দুটো ব্যাপার ঘটতে পারে: শহরের উত্তেজনা স্তিমিত হয়ে আসবে; অথবা আরও অবনতি ঘটবে পরিস্থিতির। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্য কিছু একটা পরিণতি হয়ে যাবে।
বাইরে কোনও কাজ আছে তোমার? স্টোনকে জিজ্ঞেস করল ফ্যারেল।
মাথা নাড়ল স্টোন। না, কেন?
সোনিকে দেখে আসব ভাবছিলাম।
বিস্মিত দৃষ্টিতে ক্লিফের দিকে তাকাল স্টোন, পরমুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল। বেশ তো, যাও।
আবার রাস্তায় নামল ফ্যারেল। দুতিনজন লোককে দেখা যাচ্ছে, বিতৃষ্ণ নয়নে তাকাল তারা ওর দিকে। হনহন করে সোনিয়াদের বাড়ির দিকে এগোল
আজ মারাত্মক কিছু ঘটার আশঙ্কা নেই, তবু জেলখানার আশপাশে থাকবে স্থির করল ফ্যারেল। শহরবাসীরা কালরাতের মতো উত্তেজিত হয়ে পড়লে একা সামলাতে পারবে না স্টোন, হার স্বীকার করে বসবে।
আজ সারাদিন জটলা বেঁধে ক্লিফকে গালমন্দ করবে ওরা। কিন্তু রাতের কথা ভিন্ন, রাতে মদ খেয়ে মাতাল হয়ে যাবে ওরাতারপর
সোনিয়াদের গেটের সামনে মুহূর্তের জন্যেই ইতস্তত করল ফ্যারেল। সোনিকে আবার দেখতে চায় ও, কাছে পেতে চায়, দেখতে চায় ওর দুচোখের ভয় আর শঙ্কা মুছেছে কিনাঅথচ ভেতরে ঢুকতে সংকোচ হচ্ছে। অপমানিত হওয়ার আশঙ্কায় সোনির মা বাবার সামনে যাবার সাহস পাচ্ছে না। সোনি নিজেই দুর্ব্যবহার করবে কি না কে জানে?
অবশেষে ভেতরে ঢুকল ও, হাঁটতে হাঁটতে দরজার সামনে দাঁড়াল। কড়া নাড়ার জন্যে হাত তুলল, সঙ্গে সঙ্গে খুলে গেল দরজাটা।
সোনির মায়ের মুখোমুখি হলো ক্লিফ। বিবর্ণ, ফ্যাকাসে চেহারা মহিলার, ঠোঁটজোড়া পরস্পর চেপে রেখেছে, ঘৃণা ঝরছে দুচোখে। প্রায় চাপা কণ্ঠে হিসহিস করে কথা বলে উঠল সে। দূর হও! আর কক্ষনো এসো না এদিকে! সোনির সঙ্গে তোমার দেখা হবে না! উফু, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না।
তুমি চাও না আমি ওর সঙ্গে দেখা করি? জানতে চাইল ক্লিফ ফারেল।
যে লোক আপনজনকে আগলে রাখতে পারে না তার সঙ্গে কিসের সম্পর্ক! তোমার মতো কাপুরুষের সঙ্গে সোনির সম্পর্ক থাকতে পারে না চাবুক হাতে তাড়া করার আগেই দয়া করে বিদেয় হও!
কাঁধ ঝাঁকাল ফ্যারেল। জোর করে ভেতরে ঢোকা সম্ভব নয়, সেক্ষেত্রে সোনিয়ার মাকে আক্রমণ করতে হবে। ঘুরে আবার গেটের দিকে এগোল ও, রাস্তায় ওঠার আগে থেমে ঘাড় ফিরিয়ে দোতলায় সোনির ঘরের দিকে
তাকাল। একটু দুলে উঠল না, পর্দাটা? না চোখের ভুল?
মায়ের মতো সোনিও কি ঘৃণা করে ওকে? অসম্ভব নয়। ও তো রেগানকে হত্যা করতে বলেছিল, ওর মনের অবস্থা এখনও আগের মতোই আছে হয়তো, অদূর ভবিষ্যতে বদলানোর সম্ভাবনা ক্ষীণ।
হাঁটতে হাঁটতে আবার জেলে ফিরল ফ্যারেল। হতাশায় ঝুলে পড়েছে কাঁধ, নিস্তেজ মনে হচ্ছে। বিবেকের কাছে নির্দোষ থাকার আদৌ প্রয়োজন আছে? এতই কি গুরুত্বপূর্ণ সেটা? বিচারে দোষী সাব্যস্ত হলেও বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে, রেগানই অপরাধী? মাথা নাড়ল ক্লিফ। গ্রে বাট-এর কোনও অবস্থায় নিরপেক্ষ বিচার আশা করতে পারে না রেগান…কেন না ঘটনার সঙ্গে সোনি জড়িত।
দোষী বা নির্দোষ যাই হোক, ফাঁসিতেই মরতে হবে রেগানকে, তাকে ফিরিয়ে এনে কী লাভ হলো তাহলে? মরতে ওকে হবেই, ফাঁসিতে ঝোলার চেয়ে গুলি খেয়ে মরা ভালো নয়?
হঠাৎ ঘুরে জ্যাকব ফ্যারেলের বাড়ির পথ ধরল ফ্যারেল, মোড়ে একবার থামল, তারপর আবার এগোল। এখনও তেমন বেলা হয় নি, কিন্তু বাবাকে জাগা অবস্থায় পাওয়া যাবে, জানে, ও।
নিজের ওপর বিরক্ত ক্লিফ, সমস্যায় পড়লে আগেও বাবার কাছে গেছে, কিন্তু এরকম হয় নি। বাবার পরামর্শ সর সময় কাজে লাগে, তা নয়; প্রায়শ তাকে সমস্যাটা বোঝানোই কষ্টকর হয়ে দাঁড়ায়। তবু ও বাবার কাছে যায়, আশা থাকে, হয়তো বাবা সমস্যার গুরুত্ব বুঝতে পারবে।
কারও কাছে পরামর্শ চেয়ে কখনও সন্তুষ্ট হওয়া যায় না। পছন্দসই জবাব বড়ই দুর্লভ। মলিন হাসি ফুটে উঠল ক্লিফের ঠোঁটে। আজ বাবার কাছে পরামর্শের জন্যে যাচ্ছে না ও, কী করবে স্থির করে ফেলেছে, বাবার অনুমোদন প্রয়োজন।
জ্যাকব ফ্যারেলের জীর্ণ শ্যাকের চিমনি থেকে ক্ষীণ রেখায় ধোঁয়া উঠছে। আগাছা আর বুনো ঝোঁপের মাঝ দিয়ে এগোল ক্লিফ। দরজা খোলা ছিল। বাবা? ডাকল ও।
এসো।
ঘরে ঢুকল ক্লিফ। যথারীতি অগোছাল অবস্থা রান্নাঘরের, অবাক হলো না ও। কাবার্ড থেকে কাপ বের করে চুলোয় চাপানো কেতলি থেকে কফি ঢালল।
টেবিলে নাশতা সারছিল জ্যাকব ফ্যারেল, তার সামনে একটা চেয়ার টেনে বসে পড়ল। সোনিয়ার মা আজ দরজা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, বলল ও।
কিছু বলল না প্রাক্তন শেরিফ।
চোখ তুলে বাবার দিকে তাকাল ক্লিফ, আমি কি ভুল করেছি, বাবা? জিজ্ঞেস করল।
খাবার প্লেট থেকে চোখ সরাল না জ্যাকব ফ্যারেল। কিন্তু ক্লিফ লক্ষ্য করল, মৃদু কাঁপছে তার দুহাত। বাবা? আবার ডাকল ও 1।
মুখ তুলে তাকাল জ্যাকব ফ্যারেল, বোঝা যাচ্ছে, মনের সঙ্গে লড়াই করছে। অবশেষে মুখ খুলল সে। যে যাই বলুক, আমার মতে ঠিক পথেই আছ তুমি। তবে, সাবধান, সামনে বিপদ অপেক্ষা করছে তোমার জন্যে।
জানি।
স্টোনের ওপর ভরসা করো না। বেগতিক দেখলে কেটে পড়বে সে।
সামনে ঝুঁকে পড়ল ক্লিফ।
মানে?
কাঁধ ঝাঁকাল জ্যাকব ফ্যারেল। ওকে ভালো করে চিনি আমি। সাবধানী লোক। দেখেছ তো, প্যসি ছাড়া কখনও কোথাও যায় না, পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না যায় সেদিকে কড়া নজর রাখে। কিন্তু এবার ওর হিশেবে ভুল হতে যাচ্ছে। যত চেষ্টাই করুক সে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, লক্ষণ ভালো নয়।
কত খারাপ, বাবা? ওরা জেল ভাঙার চেষ্টা করবে?
মাথা ঝাঁকাল জ্যাকব। অবশ্যই।
দীর্ঘ সময় নীরব রইল ক্লিফ ফ্যারেল। তারপর চোখ ছোট করে বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করল, রেগানের মতো একটা বেজন্মাকে বাঁচাতে তুমি মানুষ হত্যা করতে, বাবা?
এবার নীরব থাকার পালা জ্যাকবের। অনেকক্ষণ পর নরম কণ্ঠে জবাব দিল সে। আগে হলে হয়তো করতাম। এখনকার কথা জানি না। কী করা উচিত সেটা জানতে চাও তুমি, তাই না? কী করবে তোমাকেই স্থির করতে হবে, তবে একটা কথা মনে রেখো, আসামীকে লিঞ্চ মবের হাতে তুলে দিলে কি নিজের পায়ে কুড়াল মারলে! এর চেয়ে মারাত্মক ভুল আর হতে পারে না। সব, উত্তেজনা স্তিমিত হয়ে আসার পর, পরিণামে তোমাকেই দুষবে সবাই, নিজেদের দোষ স্বীকার করবে না।
মাথা কঁকাল ক্লিফ, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তোমার কথায় সাহস পেলাম, বাবা।
একটু যেন আড়ষ্ট হয়ে গেল জ্যাকব ফ্যারেল। উজ্জ্বল হয়ে উঠল দুচোখের দৃষ্টি। উঠে দাঁড়াতে গিয়েও বসে পড়ল, ফিসফিস করে বলল, দরকার হলে ডেকো।
আচ্ছা। বাবা ওকে সরাসরি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, অপ্রত্যাশিত ঘটনা। তবে এই আশ্বাসের ওপর নির্ভর করে লাভ নেই। এখন প্রতিশ্রুতি দিচ্ছে একটু পরেই হয়তো বেমালুম ভুলে যাবে। তবে যে কথা শুনতে বাবার কাছে আসা, শুনেছ; এবার নির্দ্বিধায়, নিঃসংকোচে এগোনো যায়।
<