অনেকক্ষণ একই ভঙ্গিতে বসে রইল ফ্যারেল। বাইরে চিৎকার করছে জনতা, পাথর ছুঁড়ছে দরজার ওপর, ভোতা শব্দ হচ্ছে। লক্ষ্য অর্জিত না হওয়ায় ক্রমেই খেপে উঠছে।

টেনে হিচড়ে রেগানকে একটা সেলে ঢোকাল শেরিফ। দরজায় তালা লাগ্লানোর আওয়াজ শুনল ফ্যারেল। একটু পরে অফিস রুমে ফিরল স্টোন। ডাক্তারকে খবর দেয়া দরকার, বলল সে, যেভাবে আছাড় খেয়েছে হাড়গোড় ভেঙেছে কিনা কে জানে!

ফ্যারেলের রক্তাক্ত পায়ের দিকে তাকাল শেরিফ। কী হয়েছে শোনাও তো!

একরকম অনায়াসেই ওর ট্রেইল খুঁজে পেয়েছি, বলল ক্লিফ। কিন্তু আমার চেয়ে অনেক দূর এগিয়ে ছিল সে। তাই শর্টকাট রাস্তায় ব্যাটাকে অতিক্রম করে গেলাম। এখান থেকে প্রায় আশি মাইল দূরে, দক্ষিণে ব্লফটার কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম, যতক্ষণ ছিলাম, মরুভূমির ওপর থেকে একরারও চোখ ফেরাই নি। অনেকক্ষণ অপেক্ষার পর ব্যাটার দেখা পাওয়া গেল, সঙ্গে সঙ্গে ধাওয়া করলাম।

নিষ্পলক চোখে ক্লিফের দিকে তাকিয়ে হেসে উঠল জেস স্টোন। এমনভাবে বলছ যেন মামুলী ব্যাপার! পায়ের কী হয়েছে?

গুলি করেছে হারামজাদা। স্টোনের মুখের ভাব বদলে যাচ্ছে দেখে আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে ক্লিফ আবার বলল, হ্যাঁ, ইচ্ছে করলে ওকে মেরে ফেলতে পারতাম, সবাই খুশি হত, কিন্তু করি নি। প্রথম কথা ও-ই অপরাধী কি না জানি না; তাছাড়া যদি দোষী হয়েও থাকে, মেরে ফেললে তাকে দয়া দেখানো হত, সেজন্যেই ফিরিয়ে এনেছি।

মাথা দোলাল, জেস স্টোন, সম্মতিসূচক না নেতিবাচক, বোঝা গেল না। উদ্বিগ্ন কণ্ঠে ফ্যারেল জানতে চাইল, সোনির কোনও খবর? কেমন আছে ও?

জানি না। তুমি যাবার পর কারও সঙ্গে দেখা করে নি ও। এক মুহূর্তের জন্যেও বাড়ির বাইরে আসে নি। সেজন্যে ওকে দোষও দেয়া যায় না।

ডাক্তারের সঙ্গে দেখা হয় নি?

হ্যাঁ। ডাক্তার বলেছে, যেমন থাকার কথা তেমনই আছে সোনি। এর মানে আমি বুঝি নি।

আড়ষ্ট ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল ফ্যারেল। উত্তেজনাকর কয়েকটা দিন কাটানোর পর অবসাদে ভেঙ্গে পড়তে চাইছে শরীর। একটানা সপ্তাহ খানেক ঘুমোতে পারলে হত। দরজার সামনে এসে ঘাড় ফিরিয়ে তাকাল ও, মাথা হেলিয়ে বলল, চেঁচামেচি, হৈচৈ ছাড়া আর কিছু করবে না তো ওরা?

কাঁধ ঝাঁকাল স্টোন। কী জানি, জনতার কথা কিছু বলা যায়?

আসামী দুজন হওয়ায় ভালোই হয়েছে, কী বলে?

মনে হয় না। একটু আগে যাকে নিয়ে ফিরলে, দেখে হাড় বজ্জাত বলে মনে হচ্ছে, ওর কাছে হেলম্যান ফেরেশতা।

জনতার বক্তব্য শোনার চেষ্টা করল ক্লিফ ফ্যারেল।

খামোকা ওদের দোষ দিয়ে লাভ নেই, বলল স্টোন। সোনি চমৎকারর মেয়ে, সবাই ওকে ভালোবাসে, সেজন্যেই তোমার ওপর খেপে গেছে। ব্যাটাকে মেরে স্যাডলে লাশ ফেলে নিয়ে এলেই ভালো করতে, তোমার বাবা হলেও তাই করত; কিন্তু তুমি যেটা করেছ, সোনি নিজেই মেনে নেবে কিনা সন্দেহ।

অগ্নিদৃষ্টিতে স্টোনের দিকে তাকাল ফ্যারেল। তুমি? তুমিও চেয়েছিলে লাশ নিয়ে ফিরে আসি? কিন্তু আমি যাবার সময় তোমার সুর অন্যরকম ছিল।

কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইল ওরা। দ্বিধা ফুটে উঠল স্টোনের চোখে। দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকাল সে। জানি না, সত্যি জানি না, বলল, কিন্তু আমার মন বলছে, সেটা করলেই বোধ হয় সবদিক রক্ষা পেত।

কিন্তু লোকটা নির্দোষও হতে পারে?

গ্রেপ্তারে বাধা দেয় নি ল্যুক? এটা মারাত্মক অপরাধ নয়?

দায়িত্ব এড়াতে চাইছে স্টোন, ভাবল ফ্যারেল। এখানে থাকতে চাইলে আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে, শীতল কণ্ঠে বলল ও, বিবেকের কাছে পরিষ্কার থাকতে না পারলে তা কীভাবে সম্ভব? আমি স্রষ্টা নই, অন্তর্যামী হয়ে সবাইকে বিচার করার ক্ষমতা নেই আমার। আর বাবার মতো সারা জীবন জ্বলেপুড়ে শেষ হতে চাই না আমি।

জানতাম একথা বলবে।

অন্যায় কিছু বলেছি?

না। থাক, এবার যাও, ডাক্তারকে খবর দাও, না আমিই যাব?

বাইরে যেতে ভয় পাই ভেবেছ?

কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল স্টোন, তারপর মাথা নাড়ল। না, তা নয়, কিন্ত তুমি আহত, ক্লান্ত, বিশ্রামের দরকার। আমিই বরং ডাক্তারের কাছে যাই।

মাথা নাড়ল ফ্যারেল। একটানে দরজা খুলে পা বাড়াল বাইরে। সশব্দে কবাট আটকে দিল জেস স্টোন।

হঠাৎ একটা ঢিল এসে লাগল ক্লিফের বুকে, সম্ভবত দরজার দিকে ছুঁড়েছিল কেউ, লেগে গেছে। তবু প্রচণ্ড রাগে মাথায় রক্ত চড়ে গেল ওর, জনতার দিকে চোখ রাঙিয়ে তাকাল।

এক এক করে সবার, চেহারা, জরিপ করল। নিজের চেহারা কেমন লাগছে ভাবল। তিন চারদিন দাড়ি কামানো হয় নি, খসখস করছে গাল, রোদ আর অনিদ্রায় লাল হয়ে গেছে চোখ দুটো। নিঃসন্দেহে অসভ্য বর্বরের মতো লাগছে।

ওর সঙ্গে চোখাচোখি হূতেই দৃষ্টি সরিয়ে নিল সবাই। অশ্রাব্য গালিগালাজ করছে পেছনের সারির লোকজন।

রাস্তায় নেমে দ্রুত হাঁটতে শুরু করল ক্লিফ ফ্যারেল। কনুইয়ের ধাক্কায় পথ করে নিল, কারও প্রতিবাদ গ্রাহ্য করল না, আহত পায়ে যদূর সম্ভব স্বাভাবিকভাবে পা ফেলার চেষ্টা করছে ও।

পেছন থেকে চিৎকার করে উঠল কে যেন। সোনি তোমার ওপর কী যে খুশি হবে, বলার নয়!

আরেকজন বলল, হারামজাদাকে কী করবে, ছেড়ে দেবে?

জবাব দেয়ার প্রবৃত্তি হলো না ফ্যারেলের। মাঝ রাস্তায়, জনতার মাঝে এভাবে সোনির নাম উচ্চারিত হচ্ছে বলে খারাপ লাগছে। সোনিয়ার লাঞ্ছনার কথা কারও অজানা নেই। এরপর কেমন করে এখানে সংসার করবে ওরা?

ভীড় ছেড়ে দূরে এসে পড়েছে ফ্যারেল, কিন্তু চিৎকারের শব্দ কানে, আসছে এখনও। হাঁটার গতি বাড়াল ও, ডাক্তার বাড়ির সামনে মুহূর্তের জন্যে থামল, তারপর সোনিয়াদের বাড়ির দিকে এগোল।

ডাক্তারের কাছে পরে। গেলেও চলবে। মাঝপথে নিকোলাসের সঙ্গে দেখা হলো, একজোড়া ঘোড়া নিয়ে আসছে। বিড়বিড় করে কী বলে কঠিন দৃষ্টিতে ক্লিফের দিকে তাকাল সে। কিছু বলল না ক্লিফ। যথেষ্ট বাজে কথা শোনা গেছে আজ, আর দরকার নেই। নিকোলাসের ক্ষুব্ধ হওয়ার কারণ বোঝে, কিন্তু কী করার আছে? ফেরারীর মতোই ঝড়ের বেগে ছুটতে হয় অফিসারকে, নইলে আসামীকে ধরা যাবে কীভাবে?

মাথার ওপর অকৃপণ হাতে আগুন ঢালছে সূর্য, স্থির হয়ে আছে বাতাস। জৈহাউসে সামনের কোলাহলের শব্দ ক্ষীণ হয়ে এসেছে। শহরের সীমানায় গ্রে বাট পাহাড়ের বিশাল কাঠামো, কিছুক্ষণ পর ওটার আড়ালে চলে যাবে সূর্য, দীর্ঘ ছায়ায় ঢাকা পড়বে শহর, স্বস্তি ফিরে আসবে।

সোনিয়াদের বাড়িতে পৌঁছুল ফ্যারেল, গেট খুলে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে বেল টিপে অপেক্ষা করল। কয়েক মুহূর্ত পর দরজা খুলে মুখোমুখি হলো সোনিয়ার মা। সমবেদনার দৃষ্টিতে ক্লিফের দিকে তাকাল। ওর ধূলিমলিন পোশক আর রক্তাক্ত পা লক্ষ্য করল। এসো, ক্লিফ, বলল অবশেষে। খোদাকে ধন্যবাদ তোমার কোনও বিপদ হয় নি। আর খুশি হয়েছি ওই পিশাচটাকে…এভাবে বলা ঠিক নয়…তবু বলছি…খুব খুশি হয়েছি।

ভেতরে ঢুকে পার্লারের দরজায় বোকার মতো দাঁড়িয়ে রইল ক্লিফ। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে চড়া গলায় সোনিকে ডাকল মহিলা। একটু পর সিঁড়িতে পদশব্দ শোনা গেল।

এ-বাড়িতে এলে কেন যেন অস্বস্তি বোধ করে ফ্যারেল, সবগুলো কামরা এত সুবিন্যস্ত আর পরিষ্কার, অন্য কোনও জগতে এসে পড়েছে বলে মনে হয়। সোনি যদি ওদের ঘরও এভাবে গুছিয়ে রাখে, মুশকিল হবে, ভাবল ক্লিফ। এ রকম পরিষ্কার চেয়ার-টেবিলে বসতেই ভয় লাগে, ময়লা হয়ে যায় যদি!

একটা অজুহাত দেখিয়ে রান্নাঘরে চলে গেল সোনিয়ার মা। কামরায় এল সোনি, মায়ের মতোই সহানুভূতির চোখে ওকে দেখল। সোনিয়ার চোখে মুখে অবসাদের ছাপ। নিপ্রাণ কণ্ঠে জানতে চাইল মেয়েটা। পেয়েছ?

মাথা দোলাল ফ্যারেল।

সামনে ঝুঁকে এল সোনি। মরেছে?

মুহূর্তের জন্যে নির্বাক পাথরে পরিণত হলো ক্লিফ। অপরাধী মনে হলো নিজেকে, মারাত্মক পাপ করে হাতেনাতে ধরা পড়ে গেছে যেন। মাথা নাড়ল ও। না। জেলে আটকে রেখেছি।

পরিপূর্ণ অবিশ্বাস ভরা দৃষ্টিতে ওর দিকে তাকাল সোনিয়া। আমি…আমি বলেছিলাম…

শান্ত কণ্ঠে ফ্যারেল বলল, ও-ই অপরাধী কীভাবে বুঝব, বলো? সেদিন দুজন অচেনা লোক ছিল এখানে। সোনিয়ার দিকে তাকিয়ে আছে ক্লিফ, হঠাৎ মনে হলো, হাজার যোজন দূরে সরে গেছে যেন মেয়েটা। ওর মুখের ক্ষত এখন ভালোর দিকে, ফোলা কমেছে, কিন্তু গালের কালো দাগ এখনও আছে, দৃষ্টির স্বচ্ছতা ফেরে নি। কেমন আছ, সোনি? জিজ্ঞেস করল ক্লিফ।

ওর কথা সোনিয়া শুনেছে কিনা বুঝল না। বিড়বিড় করে কথা বলে উঠল মেয়েটা। তাহলে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে!

হ্যাঁ।

যদি না শহরবাসীরা… প্রাণহীন দৃষ্টিতে ফ্যারেলের দিকে তাকাল সোনিয়া। তুমি যাবার পর থেকেই বলাবলি করছে সবাই, শুনেছ তো।

লিঞ্চিংয়ের কথা বলছ? হ্যাঁ, শুনেছি। নিকোলাসের আস্তাবলে যে লোকটাকে ধরলাম, তাকেও তো ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল ওরা। এখন, আবার একে চাইছে। কে দোষী জানতে না পারলে হয়তো দুজনকেই ফাঁসিতে ঝোলাবে। ঝমেলা চুকে যাবে- নিজের কণ্ঠস্বরের তিক্ততা বুঝতে পেরে থেমে গেল ফ্যারেল।

প্রাণপণে সংযত রাখল নিজেকে, মনটা শান্ত রাখতে কষ্ট হচ্ছে, একটু বিরতি দিয়ে মৃদু কণ্ঠে আবার বলল, তোমাকে অপমান করেছে যে লোক, উপযুক্ত শাস্তি সে পাবেই, চিন্তা কোরো না। মনটা শক্ত রাখো। দেখবে কিছুই বদলায় নি। শিগগির ভালো হয়ে উঠবে তুমি, এসব কথা ভুলে যাবে, শান্তিতে সংসার করব আমরা।

সেটা বোধ হয় সম্ভব হবে না… ভয়ার্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেমে গেল সোনিয়া।

এগিয়ে গেল ক্লিফ, কাছে টানল সোনিয়াকে। এভাবে বলল না। আমি তো খুনী নই, একজন খুনী তোমাকে বিয়ে করুক এটা নিশ্চয়ই চাইবে না?

হঠাৎ কাঁপতে শুরু করল সোনিয়া। চিবুক ধরে ওর মুখ উঁচু করে ধরল ফ্যারেল। এক বিন্দু অশ্রু নেই দুচোখে। চড়া গলায় সোনিয়া বলল, কাঠগড়ায় সবার সামনে এ-লজ্জার কথা বলতে হবে…ওহ, আমি পারব না, ক্লিফ।

হয়তো দরকারই হবে না।

পেছনে কারও উপস্থিতি টের পেয়ে ঘাড় ফিরিয়ে তাকাল ফ্যারেল। হলরুমে দরজায় এসে দাঁড়িয়েছে সোনিয়ার মা।

দুচোখে আগুন জ্বলছে; কঠিন চেহারা, রাগে রক্তশূন্য হয়ে গেছে। ভুল শুনলাম না তো, ফ্যারেল? লোকটা এখনও মরে নি?

মাথা নাড়ল ফারেল, ছেড়ে দিল সোনিয়াকে।

এগিয়ে এল মিসেস ম্যাকনেয়ার, একটা হাত নড়ে উঠল, প্রচণ্ড চড় কষাল ফ্যারেলকে। কাঁপা গলায় চিৎকার করে উঠল, বেরোও! এখুনি বেরিয়ে যাও আমার বাড়ি থকে। আর কখনও এখানে আসবে না! কাপুরুষ কোথাকার!

জবাব দেয়ার জন্যে মুখ খুলেও চুপ করে গেল ফ্যারেল। সোর্নিয়ার দিকে তাকাল। সোনি, পরে দেখা হবে–

চেঁচিয়ে উঠল ম্যাকনেয়ার। আর কোনওদিন নয়, আমি বেঁচে থাকতে না?

অস্পষ্টভাবে ওর উদ্দেশে মাথা দোলাল সোনিয়া। ক্রোধান্ধ সোনির মাকে এড়িয়ে দ্রুত দরজার দিকে এগোল ফ্যারেল। এখন এখানে থাকলে আপত্তিকর মন্তব্য করতে বাধ্য হবে ও, তার চেয়ে চলে যাওয়া ভালো।

বাইরে এল ফ্যারেল। ভেতরে থেকে সোনির মায়ের উচ্চকণ্ঠের চিৎকার ভেসে আসছে। গেট খুলে রাস্তায় নেমে চিন্তিত চেহারায় ডাক্তার বোনারের বাড়ির দিকে এগোল। এ-শহর অপমানের চূড়ান্ত করে ছেড়েছে ওকে।

ডাক্তার বাড়ি পৌঁছুল ক্লিফ। বাকবোর্ডে চেপে কোথায় যাচ্ছিল ডাক্তার, তার পাশে উঠে বসল। আমাকে জেল পর্যন্ত পৌঁছে দাও, ডাক্তার, বলল ও। সম্ভব হলে আসামীকে একটু দেখে যাবে।

খুব খারাপ অবস্থা নাকি?

তা নয়। শহরবাসীরা ওকে যা করতে চায়, তার চেয়ে ঢের ভালো।

হাসল ডাক্তার। ঘোড়া ছোটাল জেলহাউসের দিকে। আবার শোরগোল শোনা যাচ্ছে। কী জানো, বলল ডাক্তার, যা ন্যায়সঙ্গত মানুষের তা-ই করা উচিত, নইলে সে কীসের মানুষ?

জেলহাউসের সামনে বাকবোর্ড থামিয়ে নামল ডাক্তার বোনার। ধাক্কা মেরে পোমরয় আর অন্য একজনকে সরিয়ে এগিয়ে গেল ফ্যারেল, সজোরে ধাক্কা দিল দরজায়। স্টোন দরজা খুললে আগে ডাক্তারকে ঢোকার সুযোগ করে দিল, তারপর নিজে ঢুকল। দরজা আটকাতে যেতেই ফাঁক দিয়ে সবুট পা সেঁধিয়ে দিল কে যেন। গোড়ালি দিয়ে সজোরে আঘাত হানল ফ্যারেল, সঙ্গে সঙ্গে অদৃশ্য হলো জুতোর ডগা। ক্রুর হাসি ফুটে উঠল ক্লিফের ঠোষ্টে। দড়াম করে দরজা আটকে হুডকো বসিয়ে দিল।

সময় অপচয় না করে ব্যাগ হাতে সেলের দিকে এগোল ডাক্তার, স্টোনও তার সঙ্গে গেল। খানিক পর এক টুকরো কাজ হাতে ফিরে এল সে, ক্লিফকে দিয়ে বলল, এই টেলিগ্রামটা পাঠাতে চাইছে রেগান। আমার মনে হয় অনুমতি দেয়া যায়। টেলিগ্রাফ অফিসে যেতে পারবে? ফেরার পথে সাপার সেরে এসো? রাতে আমাদের দুজনকেই এখানে থাকতে হবে।

টেলিগ্রামটা নিয়ে পড়ল ফ্যারেল। ম্যাথু রেগানের নামে পশ্চিমে শদেড়েক মাইল দূরের একটা শহরের ঠিাকানায় পাঠাতে হবে। ল্যুক লিখেছে, এখানে জেলে আটকা পড়েছি, তোমাদের সাহায্য দরকার।

কাগজটা পকেটে ঢুকিয়ে জেল থেকে বেরিয়ে এল ফ্যারেল। ভিড় ঠেলে এগোল টেলিগ্রাফ অফিসের দিকে।

কাউন্টারে কাগজটা ঠেলে দিয়ে অপেক্ষা করতে লাগল ও। উইল অ্যাংগারম্যান বার্তা পাঠানো শেষ করলে আবার ফিরতি পথ ধরল। রাস্তার উল্টোদিক দিয়ে জেলহাউসের অতিক্রম করে এল।

হোটেলে এসে ক্লান্ত পায়ে দোতলায় নিজের কামরায় উঠে এল। দাড়ি কামিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরল। তারপর নীচে ডাইনিং রুমে এসে এক পাশে খালি টেবিল বেছে নিয়ে বসে পড়ল। ডাইনিং রুমে ওর উপস্থিতি অন্যান্য খদ্দেরের সহ্য হচ্ছে না, বুঝতে পারছে, কিন্তু তোয়াক্কা করে না। শিগগির ও আরও অসহনীয় হয়ে উঠবে সবার কাছে।

<

Super User