০৯.

হালিম অনার্স কমপ্লীট করার পর বি,সি, এস, করে। তারপর পুলিশ বিভাগে ঢুকে ট্রেনিং শেষে দারোগার চাকরি নেয়। মাস ছয়েক হল পটুয়াখালী জেলার রাঙ্গীকালি থানায় বদলি হয়ে এসেছে।

জিন যে রাতে মাতব্বর ও তার ছেলে রশিদকে শাসিয়ে গেল তার দু’দিন পর বেলা দশটার সময় দারোগা মাতব্বরের বাড়িতে এলেন।

সালাম বিনিময় করে মাতব্বর আপ্যায়ন করাতে চাইলে দারোগা বললেন, ওসব করা লাগবে না। আমি মঈন সেখের বাস্তুর ব্যাপারে আলাপ করতে এলাম।

রশিদও সেখানে ছিল। বাবা কিছু বলার আগে বলে উঠল, আপনি সায়রাকে বলবেন, সে তার স্বামীর ভিটেয় মাদ্রাসা তৈরির কাজ শুরু করুক। আমারা ওখানে যেসব গাছপালা লাগিয়েছি, সেসবে আমাদের দাবি নেই। ওগুলো মাদ্রাসার কাজে দান করে দিলাম।

দারোগা বললেন, শুনে খুব খুশী হলাম। এবার আসি, সায়রা বানুকে কথাটা জানিয়ে আযীয সেখের সঙ্গে স্কুলের জমির ব্যাপারে আলাপ করতে হবে। তারপর সালাম বিনিময় করে চলে গেলেন।

কিছুদিনের মধ্যে আযীয সেখের তত্ত্বাবধানে সায়রা স্বামীর ভিটেয় মাদ্রাসা ঘর প্রতিষ্ঠা করল। তারপর একদিন দারোগা ও গ্রামের লোকজনদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে মিটিং ডেকে একটা সমিতি গঠন করে সমিতির লোকজনের উপর মাদ্রাসা। পরিচালনার দায়িত্ব দেয়া হল।

মাদ্রাসা উদ্বোধন করার জন্য পটুয়াখালী শহর থেকে মুসার ভাইরা আবু তাহেরকে আনা হয়েছে। ওনাকে কিছু বলার জন্য আযীয সেখ অনুরোধ করলেন।

আবু তাহের হামদ ও নাত পাঠ করার পর লোকজনদের উদ্দেশ্যে বললেন, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। বাংলা, ইংরেজি ও অন্যান্য সবকিছু ছেলেমেয়েরা স্কুলে শিক্ষা পায়। এখানে শুধু কুরআন ও হাদিস শিক্ষা দেয়া হবে। অর্থাৎ যতটুকু দ্বীনি শিক্ষা করা প্রতিটি মুসলমান ছেলেমেয়ের অবশ্য কর্তব্য, সেসব শিক্ষা দেয়া হবে। আর রাতে এশার নামাযের পর বড়দেরকেও ঐসব শিক্ষা দেয়ার ব্যবস্থা থাকবে এবং তারা যেন মাতৃভাষা লিখতে ও পড়তে পারে সে ব্যবস্থাও থাকবে। গ্রামের বেশিরভাগ মানুষ অশিক্ষিত। তাই তারা ধর্ম সম্পর্কে কিছু না জেনে অনেক

বেদয়াতকে ধর্মের কাজ মনে করে মেনে চলে। তাই আমি এই মাদ্রাসায় একটা ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করার সংকল্প করেছি। ইনশাআল্লাহ খুব শিঘ্রী সেই ব্যবস্থা করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন।

আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্রত্যেকে নিজের ছেলেমেয়েদের এখানে পাঠাবেন এবং আপনারাও রাত্রে এসে দ্বীন-দুনিয়ার শিক্ষা লাভ করবেন। আমাকেও পরিচালনা সমিতির সদস্য করা হয়েছে। তাই প্রতি মাসে একবার এসে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, আসোলামু আলাইকুম।

এবার আযীয সেখ বললেন, মাওলানা সাহেব খুব মূল্যবান কথা বলেছেন। শিক্ষার অভাবে, বিশেষ করে দ্বীনি শিক্ষার অভাবে আমরা যেমন অনেক বেদয়াতকে ধর্মের কাজ মনে করে গুনাহ করছি। তেমনি হিংসা-বিদ্বেষের বশবর্তী হয়ে একে অপরের ক্ষতি করছি। সামান্য কারণে ভাইয়ে ভাইয়ে মারামারি করছি, সামান্য কারণে ও যৌতুকের জন্য স্ত্রীর উপর জুলুম করছি, অনেকে তালাকও দিচ্ছি। ধনীরা গরিবদের শোষণ করছি। আমরা বড়রা যদি ধর্মের সঠিক জ্ঞান অর্জন করে সেইসব মেনে চলতে পারি, তা হলে ইনশাআল্লাহ আমরা ঐ সমস্ত গুনাহ থেকে রক্ষা পাব এবং শান্তিতে বাস করতে পারব। তাই আমিও সবাইয়ের কাছে অনুরোধ করব, আমরা প্রতিদিন এশার নামাযের পর এখানে এসে দ্বীনি শিক্ষা লাভ করব আর ছেলেমেয়েদের পাঠাব। এই প্রতিষ্ঠান যাতে কায়েম থাকে সে চেষ্টা ও তদবীর আমরা করব। এখন বলুন, আপনারা সবাই রাজি আছেন কিনা।

সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, রাজি আছি।

 আযীয সেখ এবার দারোগাকে কিছু বলতে বললেন।

দারোগা আযীয সেখকে ধন্যবাদ জানিয়ে সবাইয়ের উদ্দেশ্যে সালাম দিয়ে বললেন, আমার আগে মাওলানা সাহেব ও আযীয সেখ যে সমস্ত কথা বলেন, তারপর আমার আর কিছু বলার নেই। তবু দু’একটা কথা বলব। মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হল মূর্খতা। মূর্খ মানুষ যেমন নিজেকে চেনে না, তেমনি তার ভালো মন্দ বিবেচনা শক্তিও নেই। তাই আমাদের নবী হযরত মুহম্মদ (দঃ) বলিয়াছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য এলেম শিক্ষা করা ফরয অর্থাৎ অবশ্য কর্তব্য। আমরা অনেকে ছেলেদের কম বেশি লেখাপড়া করালেও মেয়েদের প্রতি খুবই উদাসীন। অনেক মনে করে, মেয়েরা লেখাপড়া করে কি করবে? বড় হলে তো তাদের বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। সেখানে রান্না বান্না ও সংসারের কাজ সারাজীবন করবে। তাই যতদিন মা-বাবার বাড়িতে থাকে ততদিন তাদেরকে রান্না-বান্না ও সংসারের অন্যান্য কাজ করান হয়। কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখেছি কি, ঐ সব কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য লেখাপড়ার দরকার। রান্না-বান্না ও সংসারের কাজ-কর্ম ছাড়া মেয়েদের আর একটা প্রধান কাজ হল, সন্তানের পরিচর্যা করা এবং আদব-কায়দা শিক্ষা দিয়ে ও লেখাপড়া করিয়ে মানুষ করা। একজন মূর্খ মা কি এই গুরুদায়িত্ব পালন করতে পারে? কখনই পারে না। শিশুরা যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সে দায়িত্ব মায়েদের। সেই মায়েদের লেখাপড়া না করিয়ে মূর্খ করে রেখে পরের ঘরে সংসার করতে পাঠান আর এক মূর্খতা। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা যেমন এশার নামাযের পর এখানে শিক্ষালাভ করতে আসব, তেমনি আমাদের ছেলে মেয়েদেরকেও সকালে এখানে পাঠাব। আমি আর বেশি কিছু না বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।

আযীয সেখ বললেন, আপনারা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।

কিছুক্ষণ নীরবতার পর মাতব্বর বললেন, এরপর আর কারো কিছু বলার নেই। তারপর লোকজন থেকে একটু দূরে বোরখাপরা সায়রাকে বসে থাকতে দেখে তাকে উদ্দেশ্য করে বললেন, তুমিতো বলেছিলে তোমার ছেলে ছুটি পেলে কয়েকদিন পরে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল এল না কেন?

সায়রা কিছু বলার আগে আবু তাহের হালিমকে দাঁড়াতে বললেন। দারোগা দাঁড়াবার পর বললেন, আপনারা ভালো করে দেখুনতো, ইনাকে চিনতে পারেন কি না?

মাতব্বরের সঙ্গে অনেকে বলে উঠল, চিনব না কেন? উনিতো, রাঙ্গিকালি থানার দারোগা।

আবু তাহের বললেন, উনিই হলেন সায়রা বানুর ও মরহুম মঈন সেখের ছেলে আব্দুল হালিম। যাকে আপনারা হালিম নামে জানতেন। উনিই সরকারের কাছে লেখালেখি করে এই গ্রামে হাইস্কুল করার মঞ্জুরী করিয়েছেন এবং বাপের রুহের মাগফেরাতের জন্য ও গ্রামের মূর্খ ছেলেমেয়ে ও লোকজনদের দ্বীনিশিক্ষা দেয়ার জন্য নিজের পৈত্রিক বাস্তুতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন। এখানকার থানার দারোগা হয়ে আসার পর উনি ইচ্ছা করলে নিজের পরিচয় দিতে পারতেন; কিন্তু কেন দেন নি শুনবেন? ওনার সাধনা ছিল, গ্রামের ধনীরা যেন গরিবদের উপর অত্যাচার করতে না পারেন। আর সেজন্য শিক্ষার দরকার। তাই গ্রামে একটা মাদ্রাসা ও হাইস্কুল করার। হাইস্কুলের কাজ প্রায় শেষ হতে চলেছে, আর আল্লাহর রহমতে মাদ্রাসা তো আজ উদ্বোধন হলই। তাই আমি আজ ওনার আসল পরিচয় আপনাদের জানিয়ে দিলাম। অবশ্য আব্দুল হালিমের ইচ্ছা ছিল, হাই স্কুল উদ্বোধন হওয়ার পর সবাইকে তার পরিচয় জানাবে। মাতব্বর সাহেব সায়রা বানুকে আব্দুল হালিমের কথা জিজ্ঞেস করাতে আজ আমিই জানিয়ে দিলাম।

আবু তাহেরের কথা শুনে সবাই অবাক হয়ে দারোগার দিকে তাকিয়ে রইলেন। কেউ কোনো কথা বলতে পারলেন না।

কিছুক্ষণ অপেক্ষা করে আবু তাহের আবার বললেন, আপনারা যে খুব অবাক, হয়েছেন, তা বুঝতে পারছি। অবশ্য হওয়ারই কথা। মনে রাখবেন, আল্লাহ কখন কাকে কি করেন কেউ বলতে পারে না। আপনাদের গ্রামের সাত বছরের এতিম ছেলে আব্দুল হালিমকে আল্লাহ কত বড় করেছেন। আমি তাকে যতটুকু জানি, তার মতো সৎ চরিত্র ও আল্লাহ ভীরু ছেলে বর্তমান জামানায় নেই বললেই চলে।

ওনাকে হাত তুলে থামিয়ে দারোগা হালিম বললেন, মাওলানা সাহেব আমার সম্পর্কে যা কিছু বলেছেন, তা সত্য। আমিই মরহুম মঈন সেখ ও সায়রা বানুর ছেলে। গ্রামের কিছু লোকের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মা সাত বছরের আমাকে নিয়ে গ্রাম ছেড়ে পটুয়াখালী চলে যান রাতের অন্ধকারে। সেখানে আমাকে নিয়ে মা যখন একটু আশ্রয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছিলেন তখন আল্লাহর ঐ মুমীন বান্দা মাওলানা আবু তাহের আশ্রয় দেন এবং আমার মাকে মেয়ে ও আমাকে নাতি করে নেন। ওনার স্ত্রী আমার মাকে ইসলামী ও দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন। আর মাওলানা সাহেব আমাকে মাদ্রাসায় ও ভার্সিটিতে পড়িয়ে মানুষ করেন। আমি ওনার ও ওনার স্ত্রীর কাছে এত ঋণী যে, আমার গায়ের চামড়া দিয়ে ওনাদের পায়ের জুতা বানিয়ে দিলেও সে ঋণ শোধ হবে না। যারা ষড়যন্ত্র করে আমার মাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিলেন, তাদের উপর এখন আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই। আল্লাহ ও তাঁর রাসুল (দঃ)-কে সন্তুষ্ট করার জন্য আমি ও আমার মা মাফ করে দিলাম। আল্লাহ যেন তাদেরকে মাফ করেন। আপনারা দোয়া করবেন, আমি যেন আজীবন ঈমানদারীর সাথে কর্মজীবন অতিবাহিত করতে পারি এবং দেশ ও দশের উন্নতির জন্য কিছু করতে পারি। আর বেশি কিছু আমার বলার নেই বলে মুরুব্বীদের সঙ্গে হাত মোসাফাহ করতে লাগলেন।

এমন সময় একজন প্যান্ট শার্ট পরা সুদর্শন অচেনা যুবক দাঁড়িয়ে সালাম দিতে সবাই অবাক হয়ে তার দিকে তাকালেন।

আবু তাহের সালামের উত্তর দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার নাতি। বাড়ি ঢাকায়। গতকাল আমার সঙ্গে এসেছে। তারপর আবার বললেন, মিটিং-এর কাজ আজকের মতো শেষ, এবার আপনারা আসুন। মুরুব্বীরা হালিমের সঙ্গে হাত মোসাফাহ করে চলে যেতে লাগল।

দারোগা সায়রার ছেলে হালিম শুনে মাতব্বর চিন্তা করলেন, সে নিশ্চয় মায়ের প্রতি দুর্ব্যবহারের প্রতিশোধ নেয়ার জন্য এখানকার থানার দারোগা হয়ে এসেছে। তা হলে ঐ কি জিনের ভেশ ধরে আমাদেরকে ভয় দেখিয়েছে? রশিদের অপকীর্তির জন্য তার এই দশা ঐ করেছে। এরপর আরো কি কিছু করে প্রতিশোধ নেবে? এইসব চিন্তা করে এতক্ষণ আতঙ্কে ভুগছিলেন। হালিমের বক্তব্য শুনে ভাবলেন, আর বোধ হয় কিছু করবে না। রশিদকে বললেন আবু তাহেরের কথাই ঠিক, হালিমের মতো ভালো ছেলে হয় না।

সায়রার ছেলে দারোগা হালিম জেনে রশিদও ভয় পেয়েছিল। আব্বার কথা শুনে বলল, হ্যাঁ, আব্বা, হালিম সত্যিই খুব ভালো। ও যে সায়রার ছেলে ভাবতেই পারি নি।

মাতব্বর বললেন, আমিও ভাবতেই পারি নি। ওর সঙ্গে হাত মোসাফাহ করে ঘরে যাই চল।

লোকজন চলে যাওয়ার পর হালিম আশফাকের সঙ্গে হাত মোসাফাহ করে জিজ্ঞেস করল, আপনি আবু তাহের নানার নাতি শুনে খুব অবাক হয়েছি।

আশফাক কিছু বলতে যাচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে মুসা বললেন, এখানে কোনো কথা নয়, তোমার মাকে নিয়ে আমাদের ঘরে চল, সেখানে যা বলার বলবে।

.

১০.

আশফাক রাফিয়াকে হালিমের বায়োডাটা লিখে দিতে বললে, সে একটা কাগজে লিখে তার হাতে দিল।

আশফাক সেটা পড়ে বলল, আরে, পটুয়াখালী টাউনে তো আমাদের নানা বাড়ি। ওখানে গিয়ে নানাকে জিজ্ঞেস করলেই হালিমের খোঁজ পাওয়া যাবে। আবু তাহেরের নাম হালিমের বায়োডাটায় থাকলেও উনিই যে ছোট নানা, রাফিয়াও আশফাক তা জানত না।

রাফিয়া বলল, আমারও তাই মনে হয়েছে।

আশফাক বলল, কয়েকদিনের মধ্যে অফিস থেকে ছুটি নিয়ে নানার কাছে খোঁজ নিতে যাব। তারপর মায়ের কাছে এসে বলল, পটুয়াখালী শহরের মাওলানা আবু তাহেরের নাম শুনেছ?

ফাতেমা খাতুন হেসে ফেলে বললেন, শুনব না কেন? উনি তো আমার ছোট চাচা। ছোট চাচা অন্যখানে জায়গা কিনে বাড়ি করেছেন। উনি তোর আপন ছোট নানা।

আশফাক অবাক হয়ে বলল, জান মা, হালিম নামে যে ছেলেটাকে রাফিয়া পছন্দ করে, তাকে উনিই লেখাপড়া করিয়ে মানুষ করেছেন।

ফাতেমা খাতুন খুব অবাক হয়ে বললেন, কি বলছিস তুই?

হ্যাঁ মা, এই দেখ, বলে রাফিয়া লিখে দেয়া কাগজটা হাতে দিয়ে বলল, এটা হালিমের বায়োডাটা।

ফাতেমা খাতুন পড়ে বললেন, হ্যাঁ, তাইতো?

আশফাক বলল, ভাবছি, ওর সম্পর্কে সবকিছু জানার জন্য তোমাকে নিয়ে পটুয়াখালী যাব।

তোর আব্বা বলেছিল, ছেলেটার মা নাকি একজনের বাসায় কাজ করে। তার বদলে সেই লোক হালিমকে লেখাপড়া করিয়ে মানুষ করেছে। তোর ছোট নানার কথা বলে নি।

সত্য মিথ্যা জানার জন্য আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি যাবে কি না বলো।

তোর বাবাকে বলেছিস?

না, তাকে বললে রেগে যাবে। যাওয়ার ব্যাপারে অন্য কিছু বলে বাবাকে রাজি করাবে।

তুই কি ঐ ছেলের সঙ্গে রাফিয়ার বিয়ে দিতে চাস?

হ্যাঁ চাই। তবে তার আগে ওর সম্পর্কে ছোট নানার কাছে সবকিছু জানব। ভালো হলে রাফিয়াকে ওর হাতে তুলে দেব।

আর যদি খারাপ কিছু হয়?

তা হলে দেব না। রাফিয়াকে সেকথা জানিয়ে আমাদের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে দেব।

ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে আলাপ করব। তার আগে তুই একা গিয়ে নানাদের কাছ থেকে খোঁজ নিয়ে আয়।

কয়েকদিন পর আশফাক নানার বাড়ি বেড়াতে এল। তারপর নানাকে বলল, শুনলাম, ছোট নানা তাদের কাজের বুয়ার হালিম নামে একটা ছেলেকে নাকি লেখাপড়া করিয়ে মানুষ করেছেন?

আশফাকের নানা আব্দুল রহমান ভাইয়েদের মধ্যে বড়। তিনি খুব বিচক্ষণ ব্যক্তি। নাতির কথা শুনে বললেন, নানার বাড়ি এসেছ অনেকদিন পর। ওসব খবর জেনে কি লাভ? যে কদিন থাক খাও, দাও, আনন্দ করে বেড়াও।

আশফাক বলল, পরে যখন আসব তখন আনন্দ করে বেড়াব। এখন এসেছি হালিমের খোঁজ খবর নিতে। তাই যা জিজ্ঞেস করলাম বলুন।

আগে বল, হঠাৎ হালিমের খোঁজ খবর নিতে কেন এসেছ?

ভার্সিটিতে পড়ার সময় হালিমের সঙ্গে রাফিয়ার পরিচয় হয়। তারপর দুজন দু’জনকে পছন্দ করে সিদ্ধান্ত নেয়, বিয়ে করার। তারপর রাফিয়ার ও মা-বাবা ও ভাইয়াদের মতামতের কথা জানাল।

সবাই যখন অমত তখন তুমি কেন ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছো?

হালিমকে আমি চিনি এবং খুব ভালো ছেলে বলেও জানি। তা ছাড়া রাফিয়া হালিমের সংস্পর্শে এসে ধর্মের দিকে ঝুঁকে পড়েছে। আমার মনে হয়, ওদের বিয়ে হলে ওরা সুখী হবে। আজ চার বছর হল তার খোঁজ নেই। তাই সবকিছু জানতে এসেছি।

তোমরা ওর সম্পর্কে যা শুনেছ, আমরাও তাই শুনেছি। সবকিছু জানতে হলে তোমার ছোট নানা আবু তাহেরের কাছে যেতে হবে।

আপনিও যাবেন আমার সাথে।

নাতনি যখন পণ করেছে হালিমকে ছাড়া বিয়ে করবে না তখন তো যেতেই হবে। তারপর বললেন, তা হলে এখনই যাই চল।

আবু তাহের ঘরেই ছিলেন। বড় ভাইয়ের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করে আশফাকের দিকে তাকিয়ে বললেন, তুমি কে? তোমাকে যেন চেনাচেনা লাগছে?

আব্দুর রহমান হেসে উঠে বললেন, চেনাচেনা তো লাগবেই। ওতো ফাতেমার ছোট ছেলে আশফাক। তোর কাছে এসেছে হালিমের সব কিছু জানতে। তারপর ঘটনা খুলে বললেন।

আবু তাহের অল্পক্ষণ চুপ করে থেকে হালিম ও সায়বার পুরো হিস্ট্রি বলে বললেন, সায়রা আমাদের কাজের বুয়া নয়। তাকে আমরা মেয়ে ও হালিমকে নাতি হিসাবে গ্রহণ করেছি। আর হালিম যে ছেলে হিসাবে একটা রত্ন, তা এখানকার সবাই জানে। রাফিয়া হালিমকে পছন্দ করেছে জেনে খুব খুশী হয়েছি। দোয়া করি, “আল্লাহ যেন ওদের জোড়া কবুল করেন।”

আব্দুর রহমান বললেন, হালিম যে একটা রত্ন তা আমরাও জানি। এই বিয়ে হলে আমরাও খুশী হব। ফাতেমা ও হাফিজ উদ্দিনকে আমি আসতে বলব। না এলে ঢাকায় গিয়ে তাদেরকে রাজি করাব।

আবু তাহের বড় ভাই ও নাতিকে আপ্যায়ন করিয়ে আশফাককে বললেন, আমাদের বাড়িতে ও দু’দিন বেড়াবে।

আশফাক বলল, ছোটনানা, এবারের মতো মাফ করবেন। সামনের বার যখন আসব তখন দু’দিন নয় এক সপ্তাহ বেড়াব। চাকরি করি। মাত্র তিন দিনের ছুটি নিয়ে এসেছি।

তা হলে তো কিছু বলার নেই। ভিতরে গিয়ে নানির সঙ্গে দেখা করে এস।

আশফাক ছোট নানির সঙ্গে দেখা করে এলে আব্দুর রহমান তাকে নিয়ে ঘরে ফিরে এলেন।

তারা চলে যাওয়ার পর আবু তাহের স্ত্রীকে হালিম ও রাফিয়ার সবকিছু ঘটনা বলে সায়রাকে ডেকে বললেন, তোর ছেলে ঢাকায় পড়তে গিয়ে একটা মেয়ের সঙ্গে প্রেম করে পালিয়ে এসেছে। মেয়েটি হালিমকে ছাড়া বিয়ে করতে চাচ্ছে না বলে গার্জেনরা তার বিয়ে দিতে পারছে না। হালিমের বাবা দিনমজুর, তার মা কাজের বুয়া জেনে গার্জেনরা হালিমকে পছন্দ করে না। মেয়ের ছোট ভাইয়া বোনকে খুব ভালবাসে। সে হালিমকে পছন্দ করে। মেয়েটির সঙ্গে প্রায় চার বছর হালিম যোগাযোগ রাখে নি। তাই ভাইটা ঠিকানা জোগাড় করে খোঁজ করতে এসেছে। মেয়ে অন্য কেউ নয়, আমার বড় ভাইয়ের মেয়ে ফাতেমার একমাত্র মেয়ে। হালিমের মতো ছেলে এরকম কাজ করবে ভাবতেই পারছি না। ওকে আমি কঠিন শাস্তি দেব।

সায়রা গতকাল দু’দিনের জন্য বাহেরচর থেকে এসেছে। আব্বার কথা শুনে বুঝতে পারল, হালিম যাই করুক না কেন, খুশী হয়েছেন। আর শাস্তির কথাটা খুশীর আমেজ। হাসি চেপে রেখে বলল, আপনি ওর গার্জেন, যত কঠিন শাস্তি দেন না কেন আমি কিছু মনে করব না।

আবু তাহেরের স্ত্রী ফারহানা বেগমও স্বামীর মনোভাব বুঝতে পেরেছেন। সায়রা থেমে যেতে তবু বললেন, আমি মনে করি, হালিম খুব ভালো কাজ করেছে। শহরের বড়লোকের আপটুডেপ মেয়ের সঙ্গে প্রেম করলে না হয় অন্যায় হত। সে প্রেম করেছে আমাদের নাতনির সঙ্গে। তা ছাড়া প্রেম করলেও আমাদের জানিয়ে বিয়েতে করেনি। নাতনি নাতবৌ হয়ে আসবে, এটাতো মস্তবড় সুখবর? শাস্তি দেয়ার কথা আসবে কেন?

আবু তাহের বললেন, তোমার কথা ঠিক হলেও সম্পূর্ণ ঠিক নয়। ইসলামে ছেলেমেয়ের মধ্যে প্রেম করা নিষিদ্ধ জেনেও হালিম করল কেন? তা ছাড়া প্রেম করার পর তাকে বিয়ে করার ওয়াদা করে ও আজ চার বছর তার সঙ্গে যোগাযোগ রাখে নি কেন? এই দুটো কাজই অন্যায়। তাই তাকে শাস্তি পেতেই হবে।

ফারযানা বেগম কিছু বলার আগে সায়রা বলল, হ্যাঁ আব্বা আপনি ঠিক কথা বলেছেন। হালিমকে শাস্তি পেতে হবে।

আবু তাহের বললেন, হ্যাঁ, তাকে শাস্তি দিতেই হবে।

.

ঐ দিন রাতে আশফাক লঞ্চে ঢাকা ফেরার সময় আব্দুর রহমান বললেন, বেশি দিনের ছুটি নিয়ে আব্বা আম্মাকে নিয়ে আসবে। তাদেরকে যা বলার আমি বলব।

আশফাক বলল, বাবা আসবেন বলে মনে হয় না। মা হয়তো আসতে পারেন।

আশফাক ঢাকায় ফেরার পর মাকে হালিমের ব্যাপারে নানারা যা বলেছেন জানাল।

ফাতেমা খাতুন বললেন, তোর বাবা ও ভাইয়াদের বলে দেখ, তারা কি বলে।

রাফিয়া এক ফাঁকে আশফাককে জিজ্ঞেস করল, হালিমের খোঁজ পেয়েছ?

 আশফাক বলল, হ্যাঁ, পেয়েছি। সে এখন রাঙ্গিকালি থানার দারোগা।

ভালো না মন্দ কিছু বললে না যে?

হালিমের সম্পর্কে নানাদের কাছে যা কিছু জেনেছে বলে বলল, তোর কথাই ঠিক, ওর মতো উন্নত চরিত্রের ছেলে হয় না। সারা পটুয়াখালী জেলাতে ওর সুনাম। বড় নানা ও ছোট নানা কি বলেছেন জানিস?

তুমি না বললে জানব কি করে?

বলেছেন, “হালিমের সঙ্গে বিয়ে হলে রাফিয়া সুখী হবে।”

রাফিয়া লজ্জা পেয়েও জিজ্ঞেস করল, ওর সঙ্গে তোমার দেখা হয় নি?

না, জেলা শহর থেকে রাঙ্গিকালি থানা অনেক দূর। তাই যাওয়া হয় নি।

এবার কি করবে ভেবেছ?

সবকিছু জানার পর মা রাজি হয়েছে বুঝতে পারলাম। বাবাও ভাইয়াদেরকে নানাদের মতামত জানিয়ে রাজি করাবার চেষ্টা করব।

যদি রাজি না হয়?

তুই চিন্তা করিস না, তারা রাজি না হলেও আমি আগে যে কথা বলেছি, তা যেমন করে হোক করবই।

রাফিয়া ছলছল চোখের বলল, তুমি আমাকে এত ভালবাস ছোট ভাইয়া? তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।

এই পাগলি, কাঁদছিস কেন বলে আশফাক তার চোখ মুছে দিয়ে বলল, আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না। আর কোনো দিন কাঁদবি না। তারপর আবার বলল, আমরা ভাই-বোন, ঋণের কথা বলছিস কেন? আবার কখনো বললে কি শাস্তি দিই দেখবি।

.

আশফাক মাকে আসল কথা বলে গেলেও বাবা ও ভাইয়া ভাবিদের বলেছিল, অফিসের কাজে পটুয়াখালী যাচ্ছে। তাই রাতে খাওয়ার টেবিলে সবাইয়ের উদ্দেশ্যে বলল, সময় করে একদিন নানাদের ঘরে গিয়েছিলাম, ওনারা ভালো আছেন। বাবা ও মাকে যেতে বলেছেন। ছোট নানার সঙ্গেও দেখা হয়েছিল। কথা প্রসঙ্গে হালিমের কথা বললেন। সে এখন ওখানকার রাঙ্গীকালি থানার দারোগা। সারা পটুয়াখালী জেলাতে তার মতো ভালো ছেলে নাকি নেই।

হালিমের কথা শুনে হাফিজ উদ্দিন রেগে গেলেন। রাগের সঙ্গে বললেন, সে থানার দারোগা হোক আর হাইকোর্টের জজ হোক, তাতে আমাদের কি? সেতো কামলার ছেলে, তার মা তোর ছোট নানার বাড়িতে বুয়ার কাজ করে। তার দয়াতেই সে লেখাপড়া করেছে।

আশফাক বাবার রাগকে ভয় করে। তবু সাহস করে বলল, কামলারা কি মানুষ না? তারা যদি কৃষি কাজ না করত, তা হলে ফসল জন্মাত কেমন করে? তারাইতো কঠোর পরিশ্রম করে শহরের মানুষের পেটের অন্ন জোগাচ্ছে। তা ছাড়া হালিমের বাবা অনেক আগে মারা গেছেন। বর্তমানে ছোট নানাই তার গার্জেন। আর তার মা কাজের বুয়াও নন। ছোট নানা-নানি তাকে মেয়ে ও হালিমকে নাতি করে নিয়েছেন। এখন ছোট নানার পরিচয়ই তাদের পরিচয়।

হাফিজ উদ্দিন আরো রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। তার আগে বড় ছেলে আশরাফ উদ্দিন বলল, তুই হালিমের হয়ে এত ওকালতি করছিস কেন? তা হলে কি তার সঙ্গে রাফিয়ার বিয়ে দিতে চাস?

আশফাক বলল, হ্যাঁ, চাই। আমি তাকে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে, সে একটা রত্ন। তার সঙ্গে বিয়ে হলে রাফিয়া সুখী হবে। নানারাও তাই বলেছেন।

হাফিজ উদ্দিন গর্জে উঠলেন, খুব লায়েক হয়ে গেছিস দেখছি। খবরদার, ঐ কথা আর মুখে আনবি না।

আশফাক জানে বাবা বেশি রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাই আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে চলে গেল।

পরেরদিন মাকে একাকি পেয়ে বলল, বাবাও ভাইয়াদের মতামত তো শুনলে, এখন কি করবে?

ফাতেমা খাতুন বললেন, আমি কি বলব, তুই যা ভালো বুঝিস কর।

আমি তোমাকে ও রাফিয়াকে নিয়ে নানাদের বাড়িতে গিয়ে ওদের বিয়ে দিতে চাই। তুমি যাবে কিনা বল।

তোর বাবা না গেলে আমি যাব কি করে? তোর সঙ্গে আমাকে ও রাফিয়াকে পাঠাবে বলেও মনে হয় না। তার চেয়ে এক কাজ কর, তুই কাউকে কিছু না বলে রাফিয়াকে নিয়ে যা। তোর নানা-নানিদেরকে আমার ও তোর বাবা ও ভাইয়াদের মতামত জানিয়ে ওদের বিয়ে দিয়ে দিতে বলবি। তারা বিয়ে দিয়েছে শুনলে তোর বাবা রেগে গেলেও তেমন কিছু করবে না। অবশ্য তোকে সবাই খুব বকাবকি করবে।

বাবা ও ভাইয়াদের বকাবকি আমি হজম করতে পারব। ও নিয়ে তুমি চিন্তা করো না।

কিছু দিনের মধ্যে আশফাক অফিস থেকে ছুটি নিয়ে সুযোগমতো রাফিয়াকে নিয়ে পটুয়াখালীতে নানা বাড়িতে এসে উঠল।

পরের দিন খবর পেয়ে আবু তাহের তাদেরকে নিজের বাড়িতে নিয়ে এসে স্ত্রীর সঙ্গে রাফিয়ার পরিচয় করিয়ে দিলেন। তারপর আশফাককে বৈঠকখানায় নিয়ে এসে ঢাকার খবর নিতে লাগলেন।

ফারযানা বেগম রাফিয়াকে ছোটবেলায় দু’একবার দেখেছিলেন। এখন তার রূপ যৌবন দেখে খুব অবাক হলেন। সালাম ও কুশল বিনিময় করে রাফিয়া কদমবুসি করতে এলে জড়িয়ে ধরে প্রথমে মাথায় ও পরে দু’গালে চুমো খেয়ে পাশে বসিয়ে বললেন, তোমার রূপ আমার নাতিকে পাগল করেছে। তা না হলে যে নাতি কোনো মেয়ের মুখের দিকে কখনো তাকিয়ে দেখে না, সে কিনা তোমার প্রেমে পড়ে গেল।

ছোট নানির কথা শুনে রাফিয়া লজ্জা পেয়ে মুখ নিচু করে নিল কোনো কথা বলতে পারল না।

ফারযানা বেগম তার চিবুক ধরে মুখটা তুলে বললেন, এখন নানির কাছে লজ্জা পাচ্ছ, আমার নাতির সঙ্গে প্রেম করার সময় লজ্জা করে নি?

রাফিয়া নানির হাত সরিয়ে দিয়ে লজ্জামিশ্রিত কণ্ঠে বলল, আপনি লজ্জা দিচ্ছেন, তাই লজ্জা পাচ্ছি। আপনার নাতি কোনো দিন লজ্জা দেয় নি। তাই তখন লজ্জা পাই নি। এবার অন্য কথা বলুন।

ফারযানা বেগম বললেন, সায়রা তোমাকে দেখলে খুব খুশী হবে।

রাফিয়া জিজ্ঞেস করল, সায়রা কে?

হালিমের মা।

উনি এখানে থাকেন না?

হ্যাঁ থাকে। বেশ কিছু দিন হল বাহেরচরে গিয়ে আছে স্বামীর ভিটেয় মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। হালিম ঐ এলাকার রাঙ্গিকালি থানার দারোগা। তোমরা এসেছ, তোমার ছোট নানা দু’একদিনের মধ্যে গিয়ে ওদের নিয়ে আসবে।

দুপুরের দিকে বাহেরচর থেকে আবু তাহেরের ভাইরা মুসা এসে জানালেন, কাল মাদ্রাসা উদ্বোধন করার জন্য আপনাকে নিয়ে যেতে সায়রা ও হালিম পাঠিয়েছে।

আবু তাহের ভাইরার সঙ্গে আশফাকের পরিচয় করিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর আশফাক মুসাকে বলল, ছোট নানার সঙ্গে আমিও যাব আপনাদের গ্রাম দেখতে।

মুসা বললেন, গেলে খুশীই হব।

বাহেরচরে পৌঁছাতে এশার নামাযের সময় হয়ে গেল। নামায পড়ে এসে আবু তাহের ভাইরাকে, রাফিয়া ও আশফাকের আসার কারণ জানিয়ে বললেন, সায়রাকে এখন এসব কথা বলার দরকার নেই।

পরের দিন আবু তাহের বেলা দশটার সময় মাদ্রাসা উদ্বোধন করতে আসার সময় আশফাককে সঙ্গে এনে লোকজনদের সঙ্গে বসতে বলেছিলেন।

মিটিং শেষে লোকজন চলে যাওয়ার পর হালিম যখন আশফাকের সঙ্গে হাত মোসাফাহ করে আলাপ করছিল তখন মুসা তাদেরকে আলাপ করতে নিষেধ করে ঘরে আলাপ করার কথা বলে সবাইকে নিয়ে ঘরে এলেন।

সবাই বসার পর আবু তাহের হালিমকে উদ্দেশ্য করে বললেন, তুমি তা হলে আশফাককে চেনো?

জি, চিনি। তবে আপনার নাতি, সেকথা জানতাম না।

তা জানবে কি করে? ও হল আমার বড় ভাইয়ের মেয়ের ঘরের নাতি।

এখানে হালিমকে কোনো কিছু বলতে আবু তাহের নিষেধ করে দিয়েছিলেন। তাই আশফাক চুপ করে রইল।

আবু তাহের আবার বললেন, আজ দুপুরের খাওয়ার পর সায়রা ও তোকে বাড়ি নিয়ে যাব। এখানে দেরি না করে থানায় গিয়ে তৈরি হয়ে আয়। তারপর সায়রাকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে বললেন, এখানে কিছু জানতে চাইবি না। ঘরে গেলেই জানতে পারবি।

বাহেরচর থেকে পটুয়াখালী ফিরতে সন্ধে হয়ে গেল। পুরুষরা মসজিদে নামায পড়তে গেল। সায়রা ঘরে ঢুকে মায়ের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করল। তারপর রাফিয়াকে দেখে জিজ্ঞেস করল, কে আম্মা?

ফারযানা বেগম বললেন, আমার বড় ভাসুরের মেয়ের ঘরের নাতিন। তোর আব্বার সঙ্গে যে ছেলেটা বাহেরচর গিয়েছিল, সে ওর ভাই। ওরা দু’তিন দিন হল ঢাকা থেকে এসেছে। তারপর রাফিয়াকে বললেন, এ হালিমের মা।

রাফিয়া সালাম বিনিময় করে কদমবুসি করতে এলে সায়রা জড়িয়ে ধরে মাথায় চুমো খেয়ে দোয়া করে বললেন, থাক মা থাক, কদমবুসি করা ঠিক না। মুখে সালাম দেয়াই উত্তম।

রাফিয়া বলল, আগে নামায পড়ে নিই চলুন খালা আম্মা, তারপর আলাপ করব।

নামাযের পর ফারযানা বেগম সায়রাকে বললেন, এই রাফিয়ার সঙ্গে তোর ছেলে প্রেম করেছে। তারপর ওদের আসার কারণ বলে বললেন, কালকেই তোর আব্বা ওদের বিয়ের ব্যবস্থা করবে।

গতবারে এসে ফারনা বেগমের কাছে রাফিয়ার পরিচয় শুনেছিল। আজ তাকে দেখে খুব পছন্দ হল। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, হালিম রাফিয়ার সম্পর্কে আপনাদেরকে আগে কিছু বলেছিল?

ফারযানা বেগম বললেন, না বলে নি। মনে হয়, রাফিয়া যে আমাদের নাতনি। হালিম জানে না আর সে যে এসেছে, তাও জানে না। এখন এসব কথা থাক, তোর আব্বা ওদেরকে নিয়ে এক্ষুনি মসজিদ থেকে এসে পড়বে। রাফিয়াকে নামায পড়ে হালিমের ঘরে থাকতে বলেছি। হালিম মসজিদ থেকে এসে ঘরে ঢুকে রাফিয়াকে দেখে কি করে দেখা যাক।

এমন সময় আবু তাহের মসজিদ থেকে নাতিদের নিয়ে ফিরে এসে ড্রইংরুমে বসে হালিমকে বললেন, তোর নানিকে চা-নাস্তা দিতে বল।

হালিম ভিতরে গিয়ে নানিকে ড্রইংরুমে চা-নাস্তা পাঠাবার কথা বলে জামা কাপড় পাল্টাবার জন্য নিজের রুমে গেল।

রাফিয়া ছোট নানির কথামতো হালিমের ঘরে মাগরিবের নামায পড়ে একটা চেয়ারে বসেছিল। হালিম ঢুকতেই দাঁড়িয়ে সালাম দিল।

হালিম ভূত দেখার মতো চমকে উঠে অস্ফুটস্বরে সালামের উত্তর দিয়ে একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।

রাফিয়াও একইভাবে তার মুখের দিকে তাকিয়ে রইল।

কতক্ষণ দু’জনে ঐভাবে ছিল জানতে পারল না। এক সময় রাফিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল।

তাই দেখে হালিম সম্বিত ফিরে পেয়ে বলল, আমি স্বপ্ন দেখছি না তো?

রাফিয়া চোখ মুছে কান্নাজড়িত স্বরে বলল, স্বপ্ন নয়, বাস্তব। এই বাস্তব দিনটির জন্য আমাকে চার বছর কঠিন পরীক্ষা দিতে হয়েছে। বাবা ও ভাইয়াদের অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। শেষে আল্লাহ আজ আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করালেন। সেজন্য তার পাক দরবারে জানাচ্ছি শতকোটি শুকরিয়া। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে কান্না সামলে নিয়ে আবার বলল, এই চার বছর আমাকে কষ্ট দিয়ে তুমি নিশ্চয় খুব সুখেই ছিলে?

রাফিয়াকে দেখেই হালিমের অন্তর আনন্দে ছলকে উঠেছিল। তারপর চোখে পানি দেখে ও কথা শুনে চোখে পানি এসে গেছে। সে থেমে যেতে ধীরে ধীরে এগিয়ে এসে হাতজোড় করে বলল, এই চার বছর খুব সুখে ছিলাম, না দুঃখে ছিলাম, তা আল্লাহ ভালো জানেন। একটা কথা বলি, তোমার বিরহ আমাকেও কম দুঃখ দেয় নি। আমার সাধনা সফল করার জন্য সেই দুঃখ সহ্য করেছি। আল্লাহ যেদিন আমার সাধনা সফল করালেন। সেই দিনই তিনি তোমাকে দেখালেন। সেজন্য আমিও তাঁর পাক দরবারে শতকোটি শুকরিয়া জানাচ্ছি। এতদিন যোগাযোগ রাখি নি, তোমার আমার প্রেমের পরীক্ষা করার জন্য। যদিও পূর্ণ বিশ্বাস ছিল, আমাদের প্রেম খাঁটি এবং আল্লাহ আমাদের মিলন করাবেন। তিনি আমার সেই বিশ্বাসেরও সফলতা দেখালেন। সেজন্য আর একবার তাঁর পাক দরবারে শতকোটি শুকরিয়া জানাচ্ছি। এতকিছু পাওয়ার পরও মনে হচ্ছে, দীর্ঘ চার বছর তোমাকে কাঁদিয়ে খুব অন্যায় করেছি। সেজন্য অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইছি।

রাফিয়া আর স্থির থাকতে পারল না। চোখের পানি ফেলতে ফেলতে তার জোড় করা হাত দু’হাতে ধরে বলল, তোমাকে ভুল বুঝে ও তোমার কাছে কৈফিয়ৎ চেয়ে আমিও অন্যায় করেছি। তুমিও আমাকে ক্ষমা করে দাও।

<

Super User