০৭.

দু’বছর হতে চলল হালিম ঢাকা ভার্সিটিতে পড়ছে। সে এখন পাঁচিশ ছাব্বিশ বছরের যুবক। সাড়ে ছ’ফুট লম্বা, চুয়াল্লিশ ইঞ্চি ছাতি, ফর্সা টকটকে, খাড়া নাক, চওড়া কপালের নিচে একজোড়া ভ্রমর কালো দাড়ি রাখায় চেহারার সৌন্দর্য আরো বেড়ে গেছে। যে কেউ তার দিকে তাকালে সহজে দৃষ্টি সরিয়ে নিতে পারে না। ক্লাসের সেরা ছাত্র। ফার্স্ট ইয়ার ক্লাস করার সময় আকর্ষণীয় চেহারার কারণে ছেলেদের কাছে ঈর্ষণীয় হলেও মেয়েদের কাছে আকর্ষণীয় ছিল। তবে তার দাড়ির জন্য কেউ কাছে আসে নি। ফার্স্ট ইয়ারের পরীক্ষায় সবার থেকে ভালো রেজাল্ট করার পর থেকে শুধু মেয়েরা নয়, ছেলেরাও বন্ধুত্ব করার জন্য কাছে ভীড়তে শুরু করল।

হালিম খুব ধীর ও নম্র স্বভাবের ছেলে। প্রয়োজন ছাড়া যেচে কারো সঙ্গে কথা বলে না। মেয়েদেরকে খুব এড়িয়ে চলে। তা সত্ত্বেও সেকেন্ড ইয়ারে যখন ছেলেমেয়েরা নানান অজুহাতে তার কাছে আসতে লাগল তখন বিরক্ত বোধ করলেও তাদের সঙ্গে আলাপ করে। যারা নোট চায়, তাদেরকে নোট দেয়। কিন্তু কাউকেই যেমন ঘনিষ্ঠ হতে দেয় নি, তেমনি নিজেও কারো সঙ্গে ঘনিষ্ঠ হয় নি।

মেয়েদের মধ্যে রাফিয়া বড় লোকের সুন্দরী কন্যা ও ভালো ছাত্রী। হালিম তার নজর কাড়লেও ধারে কাছে যায় নি। এমনকি পরিচয়ও করে নি।

ফার্স্ট ইয়ারে যে সব সহপাঠিরা নোট নেয়ার জন্য ও বন্ধুত্ব করার জন্য রাফিয়ার কাছে ভীড় করত, তাদের বেশিরভাগ ছেলে মেয়ে এখন হালিমের কাছে ভীড় করে। এজন্যে সে হালিমকে খুব ঈর্ষা করে।

একদিন রাফিয়া ঘনিষ্ঠ বান্ধবী শবনমকে বলল, কিরে, সবাই হালিমের কাছে নোট দিতে যায়, তুই যাস নি?

শবনম তার উদ্দেশ্য বুঝতে পেরে বলল, না যাই নি।

কেন বলতো?

আমি তো তোর কাছে নোট নিই। তা ছাড়া মোল্লা টাইপ ছেলেদের আমি মোটেই পছন্দ করি না। দেখলে গা রি-রি করে।

রাফিয়া হেসে উঠে বলল, কেন রে, মোল্লারা কি তোর কোনো ক্ষতি করেছে?

আমার না করলেও অন্যের করেছে। কেন, তুই কি জানিস না, মুক্তিযুদ্ধের সময় মোল্লারা পাক বাহিনীকে সাহায্য করেছিল, মুক্তিবাহিনীর খোঁজ দিয়েছিল, পাক বাহিনীর লিডারদের খুশী করার জন্য মেয়ে যোগাড় করে দিয়েছে?

তোর কথা অস্বীকার করব না। তবে তুইও বোধ হয় জানিস না, সব মোল্লারা পাক বাহিনীকে সাহায্য সহযোগিতা করে নি। বরং মুক্তি বাহিনীকে টাকা পয়সা ও আশ্রয় দিয়ে সাহায্য করেছে। আবার অনেক মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের অনেকে কমান্ডিংও করেছেন। আসল কথা কি জানিস, সব মানুষ যেমন এক রকম হয় না, তেমনি সব মোল্লারাও খারাপ নয়। ভালো মন্দ সব মানুষের মধ্যে আগের যুগেও ছিল এযুগেও আছে এবং ভবিষ্যৎ যুগেও থাকবে। এ কথা তুই জানিস কিনা জানি না। মোল্লারাই কিন্তু আল্লাহকে ভয় করে ধর্মের বিধি-বিধান মেনে চলে। তারা কারো এতটুকু ক্ষতি করে না। এমন কি যে কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকে।

শবনম রেগে উঠে বলল, তুই ঘোড়ার ডিম জানিস। দাদির কাছে শুনেছি। তাদের গ্রামের মাতব্বর দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নানান অপকীর্তি করে বেড়াত। ঘরে চারটে স্ত্রী থাকা সত্ত্বেও গরিব ঘরের মেয়েদের ইজ্জৎ নষ্ট করত। এদিকে আবার নামায রোযাও ঠিকমতই করত।

রাফিয়া আবার হেসে উঠে বলল, দু’একজন মোল্লা খারাপ বলে সব মোল্লাই যে খারাপ, তা ভাবা ঠিক নয়। আমিও নানির কাছে শুনেছি, আগেকার পুরুষদের শক্তি সামর্থ যেমন বেশি ছিল, তেমনি সেক্সও বেশি ছিল। যারা সেক্সি ছিল, তারা একাধিক বিয়ে করত। শুধু পুরুষদের নয়, মেয়েদেরও ছিল। তারা স্বামীর কাছে তৃপ্তি না পেলে অবৈধ পন্থায় সেক্স মেটাত। আকজালও যে এরকম নেই তা নয়। কি গ্রামে কি শহরে খোঁজ নিলে জানতে পারবি। পেপারে পড়িস নি, দু’তিন ছেলেমেয়ের মা অন্যের সঙ্গে প্রেম করে পালিয়ে যাচ্ছে। এর কারণ অনুসন্ধান করলে জানা যাবে, ঐ মেয়েটি স্বামীর। কাছে থেকে সেক্সের ব্যাপারে তৃপ্তি পায় নি।

গ্রামের থেকে শহরের শিক্ষিত পুরুষরা ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন ক্লাবে বা নিষিদ্ধ পল্লীতে গিয়ে সেক্স মেটাচ্ছে। তুলনামূলকভাবে দেখলে অন্যদের চেয়ে মোল্লারা অনেক ভালো। তারা সেক্স মেটাবার জন্য অবৈধ পথে না গিয়ে একাধিক বিয়ে করে।

তুই এসব জানলি কি করে? এগুলোও কি তোর নানির কাছে শুনেছিস?

হ্যাঁ, তুই ঠিক বলেছিস। উনি পুরুষ ও নারী সম্পর্কে আরো এমন অনেক কথা বলেছেন, যা শুনলে তোর বিশ্বাসই হবে না।

নাই বিশ্বাস হোক, তবু তুই বল।

ওরা অফ পিরিয়ডে বারান্দায় এককোণে দাঁড়িয়ে কথা বলছিল। রাফিয়া ঘড়ি দেখে বলল, অন্য দিন বলব। এখন সময় হয়ে গেছে ক্লাসে যাই চল।

ক্লাসে যেতে যেতে শবনম বলল, তুই তা হলে মোল্লাদের পছন্দ করিস?

রাফিয়া অবজ্ঞা স্বরে বলল, আরে দূর, তোর মতো আমিও ওদেরকে একদম পছন্দ করি না।

তবে তুই যে এতক্ষণ ওদের ফরে কথা বললি?

ওগুলো নানির কাছে শোনা কথা, আমার নয়।

তাই বল, আমি তো মনে করেছি, হালিম মোল্লা বলে মোল্লাদের ফরে বললি।

রাফিয়া দাঁড়িয়ে পড়ে চোখ পাকিয়ে বলল, হালিমের কথা বললি কেন তোকে বলতে হবে।

কথাটা হঠাৎ মনে হল, তাই বললাম, কিন্তু তোর রাগ দেখে মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং হ্যাঁজ?

তুই কিন্তু সত্যিই খুব বাড়াবাড়ি করছিস।

আমি বাড়াবাড়ি করি নি। করছিস তুই। কথাটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেছে। কথাটা সিরিয়াসভাবে নিচ্ছিস কেন? তারপর স্যারকে ক্লাসে ঢুকতে দেখে বলল, চল যাই।

.

একদিন রাফিয়া একটা বই নেয়ার জন্য লাইব্রেরিতে ঢুকে দেখল, হালিম এক কোণের টেবিলে বসে নোট করছে। সে মোল্লা ও তার থেকে ভালো ছাত্র বলে ঈর্ষায় তাকে সব সময় এড়িয়ে চলে। এমন কি তার দিকে ভালো করে তাকিয়েও দেখে নি। কিন্তু আজ তার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারল না। তার আজ প্রথম মনে হল, এত সুন্দর ছেলে জীবনে দেখে নি। হঠাৎ তার মন বলে উঠল, যাকে তুই অপছন্দ করিস, ঈর্ষা করিস, তার দিকে ঐভাবে তাকিয়ে কি দেখছিস? কেউ দেখে ফেললে কি ভাববে?

রাফিয়া দৃষ্টি সরিয়ে নিয়ে লাইব্রেরিয়ানের কাছ থেকে বই নিল। তারপর গেটের দিকে এগোল। কিন্তু মনের অজান্তে হালিমের টেবিলের সামনে এসে দাঁড়াল।

হালিম একমনে নোট করছিল। হঠাৎ সামনে তাকিয়ে রাফিয়াকে দেখে বেশ অবাক হল। কারণ আজ দেড় বছরের মধ্যে তাকে এত কাছে আসতে দেখে নি। মৃদু হেসে বলল, কিছু বলবেন?

রাফিয়া মুখে কিছু না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ল।

তা হলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন।

 রফিয়া বসে বলল, ডিস্টার্ব করলাম বোধ হয়?

না, ডিস্টার্ব কিসের? এক মিনিট অপেক্ষা করুন বলে হালিম লেখাটা শেষ করে বলল, এখানে আলাপ করা ঠিক হবে না। বাইরে গিয়ে কোথাও বসি চলুন। তারপর দু’জনে লাইব্রেরি থেকে বেরিয়ে এসে নিরিবিলি জায়গায় বসে হালিম বলল, এবার বলুন।

রাফিয়া বলল, আপনাকে একাকি পাওয়াই যায় না। লাইব্রেরিতে বই নিতে এসে আপনাকে দেখে আলাপ করতে এসেছিলাম।

কিন্তু আমার সঙ্গে আলাপ করতে হলে একটা শর্ত আছে।

শর্তটা কি শুধু আমার জন্য, না সবার জন্য?

ছেলেদের জন্য নয়, শুধু মেয়েদের জন্য।

কিন্তু আমি তো আপনাকে ছেলে-মেয়ে সবার সঙ্গে আলাপ করতে দেখেছি?

আপনার কথা ঠিক; তবে কি জানেন, কোনো মেয়ে একাকি আলাপ করতে চাইলে তাকেই শুধু শর্তের কথা বলি।

সে রকম কেউ এসেছিল না কি?

হ্যাঁ, অনেকেই এসেছে। শর্ত শুনে গালাগালি করে ফিরে গেছে।

রাফিয়া অবাক হয়ে বলল, শর্তটা বলুন তো শুনি।

হালিম মৃদু হেসে বলল, আপনারও গলাগালি করতে খুব ইচ্ছা করছে বুঝি?

না, শর্তটা জানতে খুবই ইচ্ছা করছে।

আমি সিওর, শর্তটা শুনলে আপনিও গালাগালি করবেন।

রাফিয়া চিন্তা করল, নিশ্চয় শর্তটা খুব অশালীন। তাই মেয়েরা শুনে গালাগালি করেছে। তবু কতটা অশালীন জানার জন্য বলল, কথা দিচ্ছি, গালাগালি করব না।

তা হলে আজ শুধু শর্তটা বলি। আলাপ অন্য দিন করা যাবে। শর্তটি হল, কাল থেকে আপনি একটা বড় ওড়না দিয়ে মাথাসহ সারা শরীর ঢেকে ক্লাশ করতে আসবেন। যে সব মেয়েরা আপনার মতো পোশাক পরে তাদের সঙ্গে আমি আলাপ করি না।

শর্ত শুনে রাফিয়া রাগের ছোটে দাঁড়িয়ে পড়ল আর মুখটা লাল হয়ে উঠল। ননসেন্স, অভদ্র, ছোটলোক বলতে যাচ্ছিল, ঠোঁট কামড়ে সামলাবার চেষ্টা করল।

হালিম বলল, প্লীজ বসুন। নচেৎ ভাববো, কথা দিয়েছেন বলে মুখ ফুটে গালাগালি না করলেও মনে মনে করছেন।

রাফিয়া বসল না। খুব রাগের সঙ্গে বলল, কেন, এই পোশাক কি খুবই অশালীন?

হালিম তার রাগকে পাত্তা না দিয়ে বলল, তা বলব না, তবে এই পোশাকে যুবতী মেয়েদের দেখলে মনে হয়, তারা যেন যৌবন দেখিয়ে ছেলেদের মন আকর্ষণ করছে। আবার কোনো ছেলে যদি আকর্ষিত হয়ে তাদের কাছে গিয়ে কিছু বলে, তা হলে পায়ের জুতো খুলে অথবা মুখের ভাষায় পুরস্কৃত করে ছাড়ে।

রাফিয়া আর রাগ সামলাতে পারল না। বলল, সত্যিই আপনি একটা অদ্র, ইতর ও ছোটলোক। পায়ের জুতো খুলে আপনাকেও পিটিয়ে পুরস্কৃত করার ইচ্ছা করছে।

হালিম হাসিমুখে বলল, ইচ্ছে যখন করছে তখন পুরস্কৃত করুন বাধা দেব না।

তাকে হাসতে দেখে ও তার কথা শুনে রফিয়া এত রেগে গেল যে, তার মনে হল জ্ঞান হারিয়ে ফেলবে। রাগে ফুলতে ফুলতে ব্লডি, ননসেন্স, ফুল বলে হনহন করে সেখান থেকে চলে গেল।

শবনম ওকে খুঁজতে লাইব্রেরিতে যাচ্ছিল। দেখতে পেয়ে বলল, কি রে, তোর কি হয়েছে? খুব রেগে রয়েছিস মনে হচ্ছে?

রাফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে রাগ সামলাল। তারপর ঘটনাটা বলে বলল, ওযে এত অভদ্র ও ইতর ভাবতেই পারি নি। ওর মোল্লাগিরি না ছাড়িয়েছি তো আমার নাম রাফিয়া না। ও শুধু আমাকে অপমান করে নি, যারা আলাপ করতে গেছে সবাইকে করেছে। ওকে এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো কোনো মেয়েকে অপমান করার সাহস পাবে না। তারপর কি করবে না করবে বলল।

শবনম ক্রুর হেসে বলল, হ্যাঁ, এটাই ওর উপযুক্ত শাস্তি। কিন্তু তুই কি কাজটা করতে পারবি?

রাফিয়া দৃঢ়স্বরে বলল, পারব না মানে, একশবার পারব। তোকে যা বললাম, তুই শুধু সেই কাজটা করবি।

শবনম বলল, তাতো করবই। এখন বাসায় চল যাই।

.

পরের দিন ছুটি থাকায় রাফিয়া ছোট ভাইয়া আশফাকের সঙ্গে কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিল। মার্কেট থেকে বেরিয়ে গাড়ির কাছে আসার সময় দেখল, তাদের গাড়ির কাছে তিনটে ছেলে রিকশা থেকে নেমে মার্কেটের দিকে যাচ্ছে। রিকশাওয়ালা ভাড়া চাইতে তাদের একজন ফিরে এসে তার গালে প্রচণ্ড একটা চড় মেরে বলল, এটাই তোর ভাড়া।

রিকশাওয়ালা ছোকরা বয়সী। আজ দুতিন বছর রিকশা চালাচ্ছে। এরকম ব্যবহার কারো কাছ থেকে পায় নি। চড় খেয়ে তার দু’চোখে পানি এসে গেছে। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, আপনারা ভদ্রলোক হয়ে ভাড়া চাইতে মারলেন?

ছেলেটা বলল, তোর ভাগ্য ভালো টাকা পয়সা কোড়ে না নিয়ে একটা চড় মেরেছি।

ততক্ষণে রাফিয়া ও আশফাক গাড়ির কাছে চলে এসেছে।

রিকশাওয়ালা গালে হাত বুলোতে বুলোতে আশফাককে উদ্দেশ্য করে বলল, দেখেছেন ভাই, ওনারা প্রায় দু’ঘণ্টা আমার রিকশায় চেপে ভাড়া না দিয়ে চলে যাচ্ছিলেন, ভাড়া চাইতে আমাকে মারলেন।

আশফাক টগবগে যুবক। বছর দুই আগে মাস্টার্স কমপ্লিট করে ভালো বেতনের চাকরি করছে। রিকশাওয়ালা বলার আগে ঘটনাটা দেখে রেগে ছিল। এখন রিকশাওয়ালার কথা শুনে আরো রেগে গিয়ে ছেলেটাকে বলল, ওর ভাড়া দিয়ে মারলেন কেন?

ছেলেটা লোলুপ দৃষ্টিতে রাফিয়ার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, বেশ করছি মেরেছি, তাতে আপনার কি? নিজের কাজে যান।

আশফাক কঠিন স্বরে বলল, ওর ভাড়া দিয়ে মাফ চেয়ে নিন।

সঙ্গের ছেলে দুটো একটু এগিয়ে গিয়েছিল। আশফাকের কথা শুনতে পেয়ে ফিরে এসে একজন বলল, সঙ্গে মেয়ে আছে বলে কিছু বললাম না, নচেৎ আমাদের ব্যাপারে নাক গলানর মজা বুঝিয়ে দিতাম।

আশফাক তার কথা গ্রাহ্য না করে আবার ছেলেটাকে উদ্দেশ্য করে একইস্বরে বলল, কি হল? ভাড়াটা দিয়ে মাফ চেয়ে নিন।

ছেলেটা সঙ্গিদের উদ্দেশ্যে বলল, ধরতো শালাকে আমাদের সঙ্গে লাগার মজা বুঝিয়ে দিই। তারপর এগিয়ে এসে মুখে ঘুষি চালাল।

হালিম একটু আগে মার্কেটিং করতে এসে ঘটনাটা দেখছিল। এবার দ্রুত এগিয়ে এসে ছেলেটার ঘুষি একহাতে ধরে অন্য হাতে তারই মুখে প্রচণ্ড জোরে কয়েকটা ঘুষি মারল। তারপর তাকে শূন্যে তুলে সঙ্গি দু’জনের গায়ে ছুঁড়ে দিল।

ছেলে তিনজন এই এলাকার মাস্তান। মার্কেটের ও আশপাশের দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে। এদেরকে এই এলাকার সবাই চিনে। তাই ঘটনাটা সবাই দেখলেও কেউ এগিয়ে এল না। শুধু দর্শকের ভূমিকা পালন করছে।

মাস্তান তিনজনের কাছে রিভলবার আছে। আহত মাস্তানটা তাদের উপর এসে পড়লে তারা তাকে ধরে মাটিতে শুইয়ে দিয়ে দু’জনেই রিভলবার বের করল।

ততক্ষণে হালিম ওদের কাছে পৌঁছে গিয়ে একজনের রিভলবার ধরা হাতে কিক মারল। রিভলবারটা শূন্যে উড়ে কিছুটা দূরে ঠকাশ করে পড়ল। হালিম তাকে সামনে ধরে রেখে অন্য মাস্তানের দিকে এগোল। ফলে ঐ মাস্টানটা গুলি করতে পারল না। হালিম আরো কাছে এসে ধরা মাস্তানকে নিয়ে শুয়ে পড়ে রিভলবার ধরা মাস্তানকে ল্যাং মারল।

মাস্তানটা পড়ে গেলেও তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে পরপর দু’টো ফায়ার করল।

ঐ কয়েক সেকেন্ডের মধ্যে হালিম ধরে রাখা মাস্তানকে সামনে আড়াল করেছিল, কিন্তু তার আগেই প্রথম গুলিটা হালিমের একটা হাতের বাজুতে ঢুকে গেল। আর দ্বিতীয় গুলিটা ঐ মাস্তানের বুকে ফুটে করে ঢুকে গেল। বাজুতে গুলি খেয়েও হালিম দমল না। ধরে থাকা মাস্তানকে ছেড়ে দিয়ে রিভলবার ধরা মাস্তানকে আবার ল্যাং মারতে আবার সেও পড়ে গেল। হালিম দ্রুত উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ে রিভলবার কেড়ে নিয়ে তার দিকে তাক করে বলল, নড়লেই গুলি করব।

দোকানদাররা এতক্ষণ এগিয়ে না এলেও যে সব কাস্টোমার ও পথচারিরা ঘটনাটা দেখছিল, তারা এবার এগিয়ে এসে মাস্তানটাকে উত্তম মধ্যম দিতে লাগল। এমন সময় সিভিল ড্রেসে একটা জীপে আর্মি যাচ্ছিল। তারা গুলির শব্দ শুনে গাড়ি পার্ক করল। তারপর সেখানে এসে সবাইকে সরে যেতে বলল।

তাদেরকে দেখে আশফাক কাছে গিয়ে ঘটনাটা বলল।

হালিম আর্মিদের চিনতে পেরে রিভলবার সেখানেই ফেলে দিয়ে লোকজনের সঙ্গে মিশে গেল।

আর্মিরা পাবলিকদের সরিয়ে তিনটে পিস্তলসহ মাস্তানদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল।

তাদের আগেই হালিম একটা স্কুটারে উঠে, ড্রাইভারকে মেডিকেলে যেতে বলল।

রাফিয়া এতক্ষণ হালিমের সাহস ও মাস্তানদের সঙ্গে লড়াই দেখে এত অবাক হয়েছিল যে, আর্মিরা কখন মাস্তানদের নিয়ে চলে গেছে খেয়াল নেই। আশফাক যখন বলল, হাঁ করে দাঁড়িয়ে থাকবি, বাসায় যারি না–তখন বাস্তবে ফিরে এল। বলল, জান ভাইয়া, যে ছেলেটা মাস্তানদের সঙ্গে লড়াই করছিল তাকে আমি চিনি। ভার্সিটিতে আমাদের সঙ্গে পড়ে। ওর নাম হালিম।

আশফাক হালিমকে মাস্তানদের সঙ্গে অকুতভয়ে লড়তে দেখে খুব অবাক হয়ে ভেবেছিল ছেলেটা মাস্তানের হাতটা ধরতে আর একটু দেরি হলেই ঘুষিটা তার নাকে পড়তে। এখন রাফিয়ার কথা শুনে আর একবার অবাক হল। বলল, তাই নাকি? তা হলে তো ছেলেটার খোঁজ নিতে হয়। তুই একটু দাঁড়া, আমি আসছি বলে হালিমকে খুঁজতে লাগল। না পেয়ে একজনকে জিজ্ঞেস করল, যে ছেলেটা মাস্তানদের সঙ্গে লড়াই করছিল তাকে দেখেছেন?

লোকটা বলল, উনিতো একটু আগে স্কুটারে উঠে চলে গেলেন। জামা কাপড়ে অনেক রক্ত দেখলাম। মনে হয় ওনাকেও গুলি লেগেছে। তাই হয়তো মেডিকেলে গেছেন।

আশফাক ফিরে এসে রাফিয়াকে লোকটার কথা বলে বলল, আমারও মনে হচ্ছে মেডিকেলে গেছে। ওখানে গিয়ে খোঁজ নিয়ে বাসায় ফিরব কি বলিস?

রাফিয়া বলল, তাই চল।

ওরা মেডিকেলে পৌঁছে জানতে পারল, হালিমকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

প্রায় ঘণ্টাখানেক পরে হালিমকে বেডে নিয়ে এলে আশফাক রাফিয়াকে নিয়ে সেখানে এল।

তাদেরকে দেখে নার্স জিজ্ঞেস করল, আপনারা কি রোগীর আত্মীয়?

 আশফাক বলল, না, তবে পরিচিত।

নার্স আবার জিজ্ঞেস করল, ইনার বাসার ঠিকানা জানেন? পকেটে মানিব্যাগ পাওয়া গেছে। তাতে কিছু টাকা ও একটা কাগজে হলের ঠিকানা রয়েছে।

আশফাক রাফিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল।

রাফিয়া বুঝতে পেরে নার্সকে বলল, বাসার ঠিকানা জানি না। তারপর জিজ্ঞেস করল, ওনার অবস্থা এখন কেমন?

নার্স বলল, মোটামুটি ভালো। হাতের বাজুতে গুলি ছিল। বের করা হয়েছে। চার পাঁচ ঘণ্টার আগে জ্ঞান ফিরবে না। আপনারা এখন যান।

আশফাক বাইরে এসে রাফিয়াকে বলল, এখন বাসায় যাই চল, বিকেলে না হয় আসা যাবে।

রাফিয়া বলল, তাই চল।

গাড়িতে উঠে আশফাক বলল, ছেলেটা আমাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ল ভেবে খুব খারাপ লাগছে। ভাবছি, বিকেলে দেখতে এসে ডাক্তারকে বলব, ওনার চিকিৎসার বিল আমি দেব।

হালিমের সৎসাহস ও লড়াই এর কলাকৌশল দেখে রাফিয়া মুগ্ধ হয়েছিল। সে গুলি খেয়েছে শোনার পর থেকে খুব দুশ্চিন্তায় ভুগছিল। প্রতিশোধ নেয়ার কথাও ভুলে গেছে। ছোট ভাইয়ার কথা শুনে বলল, হ্যাঁ, ওনার চিকিৎসার সব খরচ আমাদেরই দেয়া উচিত। বিকেলে আমিও তোমার সঙ্গে আসব।

বেশতো আসবি।

 ওনার সম্পর্কে আর কিছু জানিস?

না, ক্লাসমেট হিসাবে চিনতাম। গতকাল কিছুক্ষণ আলাপ করে বুঝতে পারলাম, ধর্মঘেঁষা ও গোঁড়া টাইপের ছেলে।

বাড়ি কোথায় জানিস না?

না। আশফাক আর কিছু না বলে চুপ করে রইল।

.

বিকেলে ওরা মেডিকেলে এসে দেখল, হালিম বালিশে হেলান দিয়ে বেডের উপর বসে আছে। কাছে এসে আশফাক সালাম দিয়ে বলল, কেমন আছেন?

আশফাক একা এলে হালিমের চিনতে হয়তো একটু দেরি হত। রাফিয়া সঙ্গে থাকায় চিনতে দেরি হল না। সালামের উত্তর দিয়ে বলল, আল্লাহর রহমতে ভালো।

ওবেলা মেডিকেল থেকে ফেরার সময় রাফিয়া দেখতে আসার কথা বললেও বাসায় এসে চিন্তা করল, গতকাল যাকে যা তা বলে অপমান করেছে তাকে দেখতে যাওয়া ঠিক হবে না। তাই আশফাক যখন সাড়ে চারটের সময় তাকে বলল, কইরে, তুই এখনও রেডি হস নি? মেডিকেলে যাবি যে? তখন ছোট ভাইয়া কিছু মনে করতে পারে ভেবে অনিচ্ছা সত্ত্বেও এসেছে। রেডের কাছে এসে হালিমের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে রয়েছে।

হালিম বুঝতে পেরে রাফিয়াকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বেডের নিচে টুল আছে, টেনে বসুন। তারপর আশফাককে বলল, আপনি বেড়েই বসুন।

আশফাক রাফিয়ার মুখে লজ্জার আভা দেখে একটা কিছু আন্দাজ করে টুলটা টেনে বলল, বস। তারপর বেডের উপর হালিমের পাশে বসে তার দিকে তাকিয়ে বলল, আপনার এরকম অবস্থার জন্য আমিই দায়ী। গুলিটা যদি বুকে বা মাথায় লাগত, তা হলে কি হত ভেবে খুব খারাপ লাগছে।

হালিম বলল, ঘটনাটা আপনাকে উপলক্ষ করে ঘটে থাকলেও নিজেকে দায়ী ভাবছেন কেন? আমি যা কর্তব্য তাই করেছি। কর্তব্য পালন করার জন্য ঝুঁকিতে নিতেই হবে। আজ মানুষ কর্তব্যজ্ঞান হারিয়ে ফেলেছে। তাই সমাজে যেমন অশান্তি তেমনি সন্ত্রাসীরাও বেপরওয়া হয়ে উঠেছে।

আশফাক বলল, আপনি খুব খাঁটি কথা বলেছেন। তারপর বলল, রাফিয়া আমার ছোট বোন। ঐ বলেছে আপনি ওর ক্লাসমেট। সুস্থ হওয়ার পর একদিন ওর সঙ্গে বাসায় আসবেন।

হালিম কিছু না বলে চুপ করে রইল।

 আশফাক রাফিয়াকে বলল, তুই একদিন ওনাকে বাসায় নিয়ে আসবি।

রাফিয়া মুখে না বলে মাথা নেড়ে সম্মতি জানাল।

আশফাক তাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে চিন্তা করল, যে রাফিয়া প্রগলভ ও চঞ্চল হরিণীর মতো, সে কেন ওভাবে বসে রয়েছে? তা হলে কি তার অনুমান ঠিক। অনুমানটা ঠিক কিনা জানার জন্য তাকে বলল, তুই ওনার সঙ্গে কথা বল, আমি একটু আসছি। কথা শেষ করে বেরিয়ে গেল।

রাফিয়া হালিমের দিকে তাকাতে চোখে চোখ পড়ে গেল। দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, গতকালের ঘটনার জন্য দুঃখিত। সেজন্যে ক্ষমা চাইছি।

হালিম বলল, ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি কিছু মনে করি নি। প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। আমি আমারটা বলেছি, আপনি আপনারটা বলেছেন। এতে কারো অপরাধ হয় নি।

তবু বলুন ক্ষমা করেছেন?

দেখুন, আমার মতো আপনি কোনো অপরাধ করেন নি। শুধু শুধু ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন কেন? ক্ষমা চাইলে আল্লাহর কাছে চান। কারণ তাঁকে না চিনে ও তাঁর বাণীকে না জেনে অপরাধ করেছেন।

রাফিয়া কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল।

হালিম আবার বলল, কি জানেন, আমরা লেখাপড়া করে নিজেদেরকে খুব জ্ঞানী মনে করি। তাই অন্য কেউ যদি আমাদেরকে অজানা ভালো কথাও বলে, তা আমরা গ্রহণ করি না। এটা আমাদের অহমিকা। আসলে অল্প জ্ঞানীরাই জ্ঞানের অহঙ্কার করে। অথচ বড় বড় মনীষীদের জীবনী পড়লে জানা যায়। ওঁনারা নিজেদের জ্ঞানকে সমুদ্রের কয়েক ফোঁটা পানির সঙ্গে তুলনা করেছেন। জানেন কিনা জানি না, সমুদ্রের তবু সীমানা আছে; কিন্তু জ্ঞান সমুদ্রের কোনো সীমানা নেই। কুয়ার ব্যাঙ যেমন মনে করে কুয়ার থেকে বড় জলাশয় নেই, তেমনি অধিকাংশ শিক্ষিত লোক মনে করেন তার থেকে বড় জ্ঞানী কেউ নেই। থাক এসব কথা, আপনি হয়তো বিরক্ত হচ্ছেন। এবার আপনি কিছু বলুন।

মেডিকেলে আসার আগে রাফিয়া সেজেগুঁজে ড্রেসিং টেবিলে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বুঝতে পেরেছিল, কেন তরুণ, যুবক ও বৃদ্ধরা তাদের মতো মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে? কেন ছেলেরা প্রেম নিবেদন করতে আসে? কেন শিক্ষিত, অশিক্ষিত ও বখাটে ছেলেরা ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে? তখন তার মন বলেছিল, হালিম তাকে ঐসব থেকে রক্ষা করার জন্য বড় ওড়না দিয়ে মাথাসহ গোটা শরীর ঢেকে ক্লাশ করতে যেতে বলেছে। তাই মেডিকেলে আসার সময় মাথায় কিছু না দিলেও ওড়না দিয়ে সারা শরীর ঢেকে এসেছে। এখন হালিমের কথা শুনে খুব ভালো লাগল। সে কিছু বলতে বললে কিছুক্ষণ চুপ করে থেকে মুখের দিকে তাকিয়ে বলল, না, বিরক্ত হয় নি। একটা অনুরোধ করব, রাখবেন?

বলুন, রাখার মতো হলে নিশ্চয় রাখব।

আমি আপনার বন্ধু হতে চাই।

এই অনুরোধ রাখতে পারব না। প্লীজ, কথাটা ফিরিয়ে নিন।

রাফিয়া বড়লোকের মেয়ে। চার ভাইয়ের একমাত্র বোন। রূপসী ও ভালো ছাত্রী। উঁচু সোসাইটিতে খুব সুনাম। ভার্সিটিতে ছেলেরা তার সঙ্গে দু’একটা কথা বলতে পারলে ধন্য মনে করে। তাই তার অহঙ্কার থাকা স্বাভাবিক। হালিম। বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে নিতে বললে অহঙ্কারে আঘাত লাগল, রেগে উঠে বলল, কেন বলুন তো?

সে কথা পরে বলছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনার তো বন্ধুর অভাব নেই, তবু কেন এই অভদ্র, ইতর, ছোটলোকের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছেন?

খুব রেগে ছিল বলে রাফিয়া হালিমের কথার উত্তর দিতে না পেরে চুপ করে রইল।

কিছুক্ষণ অপেক্ষা করে হালিম আবার বলল, আপনি উত্তর দিতে না পারলেও আমি জানি।

তা হলে জিজ্ঞেস করলেন কেন?

সে কথা না শোনাই ভালো।

নাই ভালো হোক, তবু আমি শুনতে চাই।

আপনি আমার উপর রেগে আছেন। কথাটা শুনলে আরো রেগে যাবেন। তাই বলতে চাচ্ছিলাম না। একান্তই যখন শুনতে চান তখন বলছি শুনুন, দু’টো কারণে কথাটা ফিরিয়ে নিতে বলেছি। তার একটা কারণ বলি, আপনি ছেলে হলে অথবা আমি মেয়ে হলে কোনো আপত্তি করতাম না।

ছেলেমেয়ের মধ্যে বন্ধুত্ব হলে দোষ কিসের? বিশেষ করে শিক্ষাঙ্গনে?

এ ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হবে এবার অনেক সময়ও লাগবে। আপনি চাইলে পরে একদিন আলাপ করা যাবে। এখন এতটুকু বলতে পারি, পরিণত বয়সের ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব ও মেলামেশা করতে আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) কুরআন ও হাদিসে নিষেধ করেছেন।

এমন সময় আশফাক কয়েক পদের ফলের দু’তিনটে প্যাকেট নিয়ে এসে বেডের পাশের টেবিলের উপর রাখল।

হালিম সেদিক তাকিয়ে বলল, এটা আপনি ঠিক করলেন না।

আশফাক বলল, ঠিক বেঠিক জানি না। মন চাইল তাই নিয়ে এলাম। তারপর রাফিয়াকে বলল, চল, এবার আমরা যাই।

রাফিয়া উঠে দাঁড়াতে আশফাক আবার বলল, আমি হয়তো আর আসতে পারব না, রাফিয়া এসে দেখে যাবে।

হালিম বলল, কারো আসার প্রয়োজন নেই। কাল হয়তো আমি ছাড়া পেয়ে যাব।

আশফাক বলল, রাফিয়ার সঙ্গে একদিন বাসায় এলে খুশী হব।

হালিম রাফিয়ার দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল, আপনাকে খুশী করতে পারব কিনা জানি না। তবে আল্লাহ রাজি থাকলে একদিন আসব।

আশফাক আসি বলে রাফিয়াকে নিয়ে বেরিয়ে এসে গাড়িতে উঠল।

হালিম বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে রাফিয়ার মন খারাপ।

তাই দেখে গাড়ি চলতে শুরু করার পর আশফাক জিজ্ঞেস করল, তোর মন খারাপ কেন? হালিম কি তোকে তেমন কিছু বলেছেন? ফিরে এসে শুনতে পেলাম, ছেলেমেয়েদের মধ্যে বন্ধুত্ব ও মেলামেশার কথা কি যেন বলছিলেন?

রাফিয়া বলল, আমি বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছিলাম, গ্রহণ করল না। কারণ জিজ্ঞেস করতে কুরআন হাদিসের বাণী শুনিয়ে দিলেন।

তোর মতো মেয়ের প্রস্তাব ফিরিয়ে দিল শুনে খুব অবাক লাগছে।

 ভার্সিটিতে পড়লে কি হবে, খুব গোঁড়া ধার্মিক।

তা হতে পারে, তবে ছেলেটা খুব সুন্দর। কথাবার্তাও খুব মার্জিত। গোড়া ধার্মিক বলে তোর সঙ্গে বন্ধুত্ব করতে চায় নি, সেজন্য মন খারাপের কি আছে? তা হারে, হালিম ছাত্র হিসাবে কেমন?

ভার্সিটির সেরা ছাত্র। ফার্স্ট ইয়ারের পরীক্ষায় আমাকে টপকে গেছে।

আশফাক হেসে উঠে বলল, তাই তো বলি আমার বোনটার কেন মন খারাপ? ওকে টপকাবার জন্য এ বছর নিশ্চয় ভালো করে পড়াশোনা করছিস?

তাতো করছি; কিন্তু টপকাতে পারব বলে মনে হয় না। তবে ওর সঙ্গে বন্ধুত্ব করতে পারলে হয়তো টপকাতে পারতাম।

মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, তুইও কর। বন্ধুত্বও পাবি, টপকাতে ও পারবি।

দু’টোরই জন্য নিশ্চয় চেষ্টা করব। ওকে টপকাতে পারি আর না পারি, ওর সঙ্গে বন্ধুত্ব করে গোঁড়ামি ছাড়াবই।

ছোট বোনটা যে খুব জেদী, আশফাক জানে। একবার যে কাজ করবে বলবে, তা সবাই বাধা দিলেও করবেই। তাই আবার হেসে উঠে বলল, দেখিস, বন্ধুত্ব করতে গিয়ে জড়িয়ে পড়িস না যেন।

কথাটার ইঙ্গিত বুঝতে পেরে রাফিয়া লজ্জা পেলেও গাল ফুলিয়ে বলল, ছোট বোনকে এরকম কথা বলতে পারলে?

তুই রাগ করছিস কেন? বড় ভাই হিসাবে সাবধান করলাম।

ততক্ষণে গাড়ি বাসায় পৌঁছে গেছে। তাই রাফিয়া আর কিছু বলল না।

.

রাফিয়া ও তার ভাই যেন দেখতে না আসে সে জন্যে হালিম মিথ্যে করে বলেছিল, কাল বাসায় চলে যাবে। মেডিকেলে তাকে এক সপ্তাহ থাকতে হল। তারপর হলে ফিরে ডাক্তারের কথা মতো আরো এক সপ্তাহ রেস্ট নিল। প্রায় পনের দিন পর ক্লাস করতে এল।

.

ঐ দিন মেডিকেল থেকে ফিরে রাফিয়া হালিমকে নিয়ে অনেক চিন্তা করল, কিভাবে তার সঙ্গে বন্ধুত্ব করবে।

পরের দিন ভার্সিটিতে এসে শবনমকে গতকালের ঘটনা জানিয়ে বলল, ওকে আপমান করার জন্য তোকে নিয়ে যে প্ল্যান করেছিলাম, তা আর সম্ভব নয়। তাই অন্য একটা প্ল্যান করেছি। বলছি শোন, কুরআন-হাদিসে মেয়েদের সম্পর্কে কি বলা হয়েছে সেসব জেনে ধার্মিক মেয়ের অভিনয় করে ওকে কাছে টানার চেষ্টা করব। যখন দেখব, আমাকে পাওয়ার জন্য পাগল হয়েছে তখন অভিনয় করার কথা বলে অপমান করে কুকুরের মতো তাড়িয়ে দেব। প্ল্যানটা কি রকম বল। দেখি?

শবনম বলল, প্ল্যানটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তুই যদি হেরে যাস?

রাফিয়া কপাল কুঁচকে বলল, হেরে যাব মানে? তুই তো জানিস, হার কি জিনিস আমি জানি না।

তা জানি; কিন্তু অভিনয় করতে গিয়ে যদি ধরা পড়ে যাস? অথবা তার প্রেমে পড়ে যাস?

দূর, ঐ মোল্লার প্রেমে আমি পড়ব, একথা ভাবতে পারলি? শোন, আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর, প্ল্যানটা সাকসেসফুল করতে পারব।

পারলে তো ভালোই, না পারলে ভবিষ্যতে তোকেই পস্তাতে হবে।

আরে যাহ, পস্তাবার মতো কোনো কাজ করলে তো পস্তাবো।

তা হলে আমার আর কিছু বলার নেই।

এক সপ্তাহ কেটে যাওয়ার পরও যখন হালিম ক্লাশ করতে এল না তখন রাফিয়া চিন্তা করল, তা হলে কি গুলিলাগা হাতে ইনফেকশান হয়েছে? ঐ দিন ফেরার সময় ড্রাইভারকে মেডিকেলে যেতে বলল, সেখানে গিয়ে জানতে পারল, কোনো ইনফেকশান হয় নি। আজ সকালে তাকে ছেড়ে দেয় হয়েছে। পরের সপ্তাহেও যখন এল না তখন ভাবল হয়তো দেশের বাড়িতে গেছে।

আজ তাকে ক্লাশে দেখে স্বস্তি পেল। ক্লাশ শেষ হওয়ার পর বাইরে এসে দেখল, হালিম লাইব্রেরির দিকে যাচ্ছে। কাছে এসে সালাম দিয়ে বলল, কেমন আছেন?

হালিম হাঁটতে হাঁটতেই সালামের উত্তর দিয়ে বলল, ভালো। আপনি কেমন আছেন? আপনার ছোট ভাইয়া ভালো আছেন?

রাফিয়া বলল, হ্যাঁ, ভালো। তারপর বলল, একটু সময় হবে, আলাপ করব।

এতক্ষণ হালিম তার দিকে ভালো করে তাকায় নি। আলাপ করার কথা শুনে। থমকে দাঁড়িয়ে দেখল, মাথা রুমাল দিয়ে বাঁধা, সারা শরীর ওড়না দিয়ে ঢাকা। বলল, ঠিক আছে, চলুন ঐ ঘাসের উপর বসি। বসার পর বলল, এবার বলুন কি আলাপ করতে চান।

আমি ইসলামের গোঁড়ামিত্বের ব্যাপারে আলাপ করতে চাই।

আপনি বোধ হয় জানেন না, ইসলামে গোঁড়ামির স্থান নেই। তবু কি কি জিনিস আপনার কাছে গোঁড়ামি বলে মনে হয়?

আমার ধারণা, মোল্লাদের হীন মনোবৃত্তি ও গোঁড়ামির কারণে মুসলমানরা অন্যান্য জাতির চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে নারীরা সমাজ, দেশ। ও দশের জন্য কিছু করতে পারছে না। তারা ঘরে বাইরে সব জায়গায় পুরুষদের কাছে অহরহ নির্যাতিত হচ্ছে।

আপনার ধারণা আংশিক সত্য হলেও পুরোটা নয়।

ব্যাখ্যা করুন।

আসলে মোল্লাদের হীন মনোবৃত্তির কারণে নারীরা নির্যাতিত হচ্ছে না। তারা মেয়েদের পর্দা করতে বলে। কারণ নারীরা কন্যা, জায়া ও জননী। তাই তারা স্নেহ, ভালবাসা ও শ্রদ্ধার পাত্রী। অশিক্ষা ও কুশিক্ষার ফলে এবং সৃষ্টিকর্তা তাদেরকে যে অধিকার দিয়েছেন ও তাদের কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, সে সব না জানার ফলে নির্যাতিত হচ্ছে। অপরপক্ষে পুরুষদের শক্তি সামর্থ নারীদের তুলনায় বেশি, তারা রুজী-রোজগার করে, তারা সংসারের কর্তা। সৃষ্টিকর্তা নারীদের প্রতি যে কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, তা তারাও জানে না। ফলে নারীদের উপর যথেচ্ছা অত্যাচার করে। শুধু যে অশিক্ষিত সমাজে নারীরা নির্যাতিত হচ্ছে তা নয়, শিক্ষিত সমাজেও হচ্ছে। এর কারণ শিক্ষিত সমাজের নারী-পুরুষেরা সৃষ্টিকর্তার বিধি বিধান জানেও না, মানেও না। তারা পশ্চাত্য সভ্যতা অনুকরণ-অনুসরণ করতে গিয়ে ধর্মকে দূরে সরিয়ে দিয়েছে। নারী পুরুষ উভয়েই যদি আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করে যার যা কর্তব্য পালন করত, তা হলে নারীরা নির্যাতিত হত না। তারপর রাফিয়াকে জিজ্ঞেস করল, আপনি তো মুসলমান।

নিশ্চয়।

কুরআন যে সৃষ্টিকর্তা আল্লাহর বাণী নিশ্চয় বিশ্বাস করেন?

 করি।

কুরআনে মুসলমান নর-নারীর জন্য যেসব বিধি বিধান দিয়েছেন, তা কি জানেন?

না।

কেন জানেন না বলতে পারেন?

রাফিয়া একথার উত্তর দিতে না পেরে চুপ করে রইল।

অল্পক্ষণ অপেক্ষা করে হালিম বলল, আল্লাহ কুরআন পাকে তার বান্দাদের বিশেষ করে মুসলমানদের যা কিছু বলেছেন, সেসব মুসলমান হিসাবে নারী পুরুষ নির্বিশেষে জানা উচিত কিনা বলুন?

হ্যাঁ, উচিত।

তা হলে চিন্তা করে দেখুন, একজন শিক্ষিত মুসলিম নারী হয়েও আপনি উচিত কাজটি করছেন না কেন? আসলে সারা বিশ্বের নর-নারীদের মধ্যে খুব অল্প সংখ্যক ছাড়া কেউ-ই উচিত কাজগুলো করছে না। তাই সারা পৃথিবী জুড়ে আজ অশান্তির আগুন জ্বলছে। যেসব দেশ আজ শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানে চরম উন্নতি সাধন করেছে, সেসব দেশের মানুষও কি শান্তিতে বাস করতে পারছে? পারছে না, বরং সেসব দেশে সন্ত্রাস, খুন, ধর্ষণ, সুদ ও ঘুষ আমাদের মতো অল্পশিক্ষিত ও অনুন্নত দেশগুলোর চেয়ে অনেক বেশি। উন্নত দেশগুলোতে নারীদের অবাধ স্বাধীনতার ফলে প্রতি বছর লক্ষ লক্ষ কুমারী মেয়ে জারজ সন্তান জন্ম দিচ্ছে। উঁচু নিচু সব সমাজের দাম্পত্য জীবনের মধুর সম্পর্ক গরলে পরিণত হয়েছে।

আপনি হয়তো আমার কথা শুনে খুব বিরক্ত হচ্ছেন। তবু আরো দুএকটা কথা বলে পারছি না। নারী স্বাধীনতা মানে উচ্ছঙখল বা বেহায়াপনা নয়। রাস্তা ঘাটে, বাজারে, স্কুল-কলেজ-ভার্সিটিতে, সভা-সমিতিতে নারীদের রূপ-যৌবন দেখিয়ে বেড়ান যদি নারী স্বাধীনতা ও সভ্য সমাজের পরিচয় হয়, তা হলে সেই স্বাধীনতা ও সভ্যতা শুধু নারীদের নয়, সমাজ ও দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। বরং নারীকে, সমাজকে ও দেশকে অবনতির শেষ ধাপে পৌঁছে দেবে। আর নারীরা পূর্বযুগের মতো চরম নির্যাতিত হবে। ইদানিং তো নারীরা পুরুষদের খেলার সামগ্রীর মতো হয়ে গেছে। এরপর যে কি হবে তা আল্লাহ ভালো জানেন।

মেয়েরা সেজেগুজে অর্ধনগ্ন হয়ে সবখানে যাতায়াত করে কেন? নিশ্চয় পুরুষদেরকে রূপ-যৌবন দেখাবার জন্য? কিন্তু পুরুষরা যখন তাদের দিকে বারবার তাকিয়ে দেখবে তখন তারাই আবার পুরুষদের অভদ্র-ইতর-ছোটলোক বলবে। বলাটা কি ঠিক হবে? পুরুষদের দেখাবার জন্যই তো মেয়েরা ঐভাবে বেরোয়। পুরুষরা না দেখলে মেয়েদের সাজগোজ করে বেরোবার তো কোনো মূল্যই রইল না। তবে আর পুরুষদেরকে অদ্র-ইতর-ছোটলোক বলবে কেন?

একটা কথা মনে রাখবেন, যেহেতু নারীরা কন্যা, জায়া ও জননী, সেহেতু তারা খুব মূল্যবান। আর মূল্যবান জিনিস যত্র-তত্র সহজে পাওয়া গেলে তা আর মূল্যবান থাকে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, পুরুষ ও নারীর শরীরের যে অঙ্গগুলো সব সময় ঢাকা থাকে সেই অঙ্গগুলো। সব সময় ভোলা অঙ্গগুলো থেকে অনেক সুন্দর ও মূল্যবান। তাই মূল্যবান জিনিসকে হেফাজতে রাখার জন্য আল্লাহ ও তাঁর রাসুল (দঃ) কুরআন ও হাদিসে আদেশ করেছেন। সেই সব আদেশ ও নিষেধ যারা মানুষকে বলে, আধুনিক শিক্ষায় শিক্ষিত সভ্য সমাজের লোকেরা তাদেরকে মোল্লা ও গোঁড়া বলে বিদ্রূপ করে।

আমার কথা শুনে কতটা রাগ বা বিরক্ত হচ্ছেন জানি না। তবু অনুরোধ করব, মোল্লারা যা কিছু বলে, সেগুলো কুরআন-হাদিসে আছে কিনা জানার চেষ্টা করুন। চিন্তা করলে খুব অবাক লাগে, পৃথিবীর উন্নত দেশের উচ্চশিক্ষিত মানুষেরা কুরআন-হাদিস পড়ে ইসলামকে জানতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর মুসলামনরা সেই কুরআন-হাদিসের জ্ঞান অর্জন না করে ভিন্ন ধর্মের শিক্ষা সংস্কৃতিকে ভালো মনে করে সেসব অনুসরণ করছে। শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে এমন অনেক কিছু বলছে ও করছে, তারা যে ইসলাম থেকে বাদ হয়ে। যাচ্ছে তাও জানে না।

শুনুন, আইন করে পৃথিবী থেকে অপরাধ বা অপরাধ প্রবণতা দূর করা কিছুতেই সম্ভব নয়। যদি সম্ভব হত, উন্নত ও অনুন্নত দেশগুলোতে এত অপরাধ হত না। একমাত্র আল্লাহভীতিই মানুষের সব রকমের অপরাধ প্রবণতা দূর করতে পারে। আর আল্লাহকে তারাই ভয় করবে, যারা আল্লাহর পরিচয় জানবে। আল্লাহর পরিচয় জানতে হলে সব রকমের জ্ঞান অর্জনের সাথে সাথে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এবং সেসব অনুসরণও করতে হবে। প্রকৃত মানুষ ও যারা প্রকৃত আল্লাভীরু, তাদের সম্পর্কে আল্লাহ কুরআনপাকে বলিয়াছেন,

“সকল পুণ্য ইহাতেই নহে যে, তোমরা স্বীয় মুখকে পূর্ব দিকে কর কিংবা পশ্চিম দিকে, বরং পুণ্য তো ইহা যে, কোনো ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি, কীয়ামত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব এবং নবীগণের প্রতি। আর মাল প্রদান করে আত্মীয়স্বজন এবং এতিমদিগকে এবং মিসকিনদিগকে এবং (রিক্তহস্তে) মুসাফিরদিগকে, আর ভিক্ষুকদিগকে এবং দাসত্ব মোচনে, আর নামাযের পাবন্দি করে এবং যাকাত আদায় করে; আর যাহারা আপন প্রতিশ্রুতি পূর্ণ করে, যখন প্রতিজ্ঞা করিয়া বসে, আর যাহারা ধীরস্থির থাকে অভাব অভিযোগে, অসুখে বিসুখে এবং ধর্ম-যুদ্ধে, ইহারাই সত্যিকার মানুষ এবং ইহারাই (সত্যিকার) আল্লাহ ভীরু (১)।” [(১) সুরা-বাকারা, আয়াত-১৭৭, পারা-২]

আর একটা কথা বলে শেষ করব, ইসলাম বড় সহজ, সরল ও উদার ধর্ম। সেখানে গোঁড়ামির কোনো স্থান নেই। ভিন্ন ধর্মের ইসলাম বিদ্বেষী মানুষেরা ইসলাম সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আর মুসলমানদের মধ্যে কিছু স্বার্থান্বেশী মানুষ ইসলামকে জটিল করে ফেলছে। তারপর ঘড়ি দেখে হালিম বলল, চলুন, ক্লাশের সময় হয়ে গেছে।

.

০৮.

রাফিয়ার বাবা হাফিজ উদ্দিন খুব বিত্তশালী। চার পাঁচটা গার্মেন্টসের মালিক। ওনাদের চার ছেলে এক মেয়ে। বড় তিন ছেলে লেখাপড়া শেষ করে তিনটে গার্মেন্টস দেখাশোনা করে। তাদের বিয়ে হয়ে গেছে।

হাফিজ উদ্দিন ছোট ছেলে আশফাককে ও একটা গার্মেন্টস দেখাশোনা করতে বলেছিলেন। আশফাক রাজি না হয়ে ভালো বেতনে চাকরি করছে। তার বিয়ে দেয়ার জন্য হাফিজ উদ্দিন মেয়ের সন্ধান করছেন। উনি ব্যবসা ও সংসারের দায়-দায়িত্ব ছেলে-বৌদের হাতে ছেড়ে দিয়েছেন। সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন। কেউ এলে তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা গল্প করেন। শুধু বাইরের নয় ছেলে মেয়েদের কাউকে পেলে কমপক্ষে আধ ঘণ্টা আটকে রেখে নানান বিষয়ে আলাপ করবেন। তাই ছেলেমেয়েরা বাবার কাছে সহজে আসে না। একমাত্র রাফিয়াকে পাঁচমিনিটের বেশি আটকাতে পারেন না। বাবা কিছু বলার আগে এমন ব্যস্ততার কথা বলবে, যা শুনে হাফিজ উদ্দিন বলবেন, ঠিক আছে, আমার কাছে আর সময় নষ্ট করিস না। পরে আসিস তখন অনেকক্ষণ আলাপ করব।

ঐ দিন ভার্সিটিতে হালিমের সঙ্গে আলাপ হওয়ার পর রাফিয়া ইসলামকে জানার জন্য অবসর সময়ে কুরআন-হাদিসের ব্যাখ্যা ও অন্যান্য ইসলামিক বই পড়তে শুরু করল। সেই সাথে ইসলামের বিধি-বিধান মেনে চলে হালিমের মন। জয় করার চেষ্টা করতে লাগল। কিন্তু প্রায় আড়াই বছর হতে চলল হালিমের সঙ্গে মেলামেশা করলেও তার মন জয় করতে পারে নি। এমনকি পরিচয়ও জানতে পারে নি। এখন রাফিয়া মাথায় রুমাল বেঁধে ও গায়ে বড় ওড়না দিয়ে ক্লাশ করতে আসে। সেজন্য তাকে বন্ধু-বান্ধবীদের অনেক বিদ্রূপ হজম করতে হয়। ভার্সিটিতে হালিমকে জড়িয়ে তার নামে অনেক কটুক্তিও শুনতে হয়। ধর্মের দিকে ঝুঁকে পড়তে দেখে বাসায় ভাবিরাও বলে, মনে হচ্ছে কোনো হুজুরের পাল্লায় পড়েছ। একদিন তো মেজভাবি বলেই ফেলল, তোমার হুজুর প্রেমিককে একদিন বাসায় নিয়ে এস, আমরাও তার কাছে দীক্ষা নেব। এরকম আরো অনেক কিছু বলে ভাবিরা রাগায়।

প্রথম দিকে তাদের কথা শুনে রাফিয়া খুব রেগে যেত। পরে ইসলামের উপর যত পড়াশোনা করতে লাগল, ততই একদিকে যেমন ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়ল, অপর দিকে তেমনি হালিমকে গভীরভাবে ভালোবেসে ফেলল। এখন তাকে কেউ কিছু বললে রাগে না। বরং তাদেরকে ইসলামের উপর পড়াশোনা করতে বলে হাসিমুখে।

তার হাল হকিকত দেখে একদিন শবনম তাকে বলল, হালিমকে জব্দ করতে গিয়ে শেষ পর্যন্ত সেই তোকে জব্দ করে ফেলল। এরকম যে হবে, তা জানতাম। তাই তোকে আগেই সাবধান করেছিলাম।

রাফিয়া বলল, তোর কথা অস্বীকার করব না। তবে একথা ঠিক, হালিম আমাকে জব্দ করে নি, করেছে ইসলাম। ইসলাম সম্পর্কে পড়াশোনা কর, তা হলে আমার কথা সত্য না মিথ্যা বুঝতে পারবি। তুই জানিস কি না জানি না, একটা দৈনিক পত্রিকায় দেখেছি, আমেরিকার টুইন-টাওয়ার ধ্বংস হওয়ার পর সেখানকার মানুষ ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে আজ পর্যন্ত সাত চল্লিশ হাজার খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

শবনম বলল, তা না হয় বুঝলাম, কিন্তু হালিমের উপর অপমানের প্রতিশোধ নেয়ার পথে কত দূর এগোলি?

রাফিয়া বলল, যারা ইসলামকে জানে ও মানে তাদের মনে প্রতিশোধ নেয়ার ইচ্ছা থাকে না। থাকলেও আল্লাহকে ভয় করে ও তার ভালবাসা পাওয়ার জন্য ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাসেন। তাঁর যে বান্দা প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে ভালবাসেন এবং তার অনেক দোষ-ত্রুটি ক্ষমা করে দেন। এটা হাদিসের কথা।

আরে তুই দেখছি পুরোপুরি হুজুর হয়ে গেছিস? এখন হালিম নিশ্চয় তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে?

রাফিয়া ছোট্ট একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল, তোর ধারণা ভুল। সে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে না, বরং আমিই খাচ্ছি।

তোর কথা শুনে মনে হচ্ছে, হালিম তোকে পাত্তা দিচ্ছে না?

হ্যাঁ, তোর অনুমান ঠিক।

হালিম জানে, তুই তাকে ভালবাসিস?

 বুঝতে পারি নি।

সে কিরে? তোর মনের কথা জানাস নি?

হাজার চেষ্টা করেও জানাতে পারি নি।

শবনম অবাক হয়ে বলল, তার সঙ্গে এতদিন মেলামেশা করছিস, জানাতে পারিস নি কেন?

যখনই জানাতে চেয়েছি তখনই জরুরি কাজের কথা বলে কেটে পড়ে।

ওর সম্পূর্ণ পরিচয় জেনেছিস?

না।

জানার চেষ্টা করিস নি?

করেছি, বলে নি।

ও তোকে ভালবাসে কি না বুঝতে পারিস নি?

না।

শবনম আরো অবাক হয়ে বলল, তোর মতো মেয়ে একটা ছেলের কাছে হেরে যাবি ভাবতেই পারছি না। আমার কি মনে হয় জানিস, কোনো মেয়ের কাছ থেকে ছ্যাক খেয়েছে। তাই তোকে পাত্তা দিচ্ছেন না।

কি জানি, তোর কথা হয়তো ঠিক। তবে আমিও দেখে নেব কি কারণে আমাকে পাত্তা দিচ্ছে না।

আমার কথা শোন, তুই আর ওর সঙ্গে মেলামেশা করিস না।

তুই বলার আগেই চেষ্টা করেছি কিন্তু পারি নি। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে হালিমও তেমনি আমাকে আকর্ষণ করে। এবার ওর কথা রেখে ক্লাসে যাই চল।

.

কয়েকদিন পর সুযোগ পেয়ে রাফিয়া হালিমকে বলল, অনেক দিন থেকে আপনাকে একটা কথা বলব বলব করেও বলা হয় নি। এখন বলি?

হালিম বলল, এতদিন যখন বলা হয় নি তখন আর বলার প্রয়োজন নেই।

কিন্তু কথাটা যে আমাকে বলতেই হবে।

যা বলতে চান, তা আমি জানি।

হালিমের কথা শুনে রাফিয়ার মন আনন্দে ছলকে উঠল। বলল, কই, বলুন তো শুনি।

আপনি আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছেন।

রাফিয়া আনন্দে আপ্লুত হয়ে কিছুক্ষণ কথা বলতে পারল না। একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইল। অল্পক্ষণের মধ্যে চোখ দুটোতে পানি ছল ছল করতে লাগল।

তা লক্ষ্য করে হালিম বলল, কি? কথাটা ঠিক বলি নি?

রাফিয়া তার কথার উত্তর না দিয়ে চোখ মুছে বলল, আপনি আমাকে ভালবাসেন না?

হালিমও তার কথার উত্তর না দিয়ে বলল, আমাকে ভালবেসে বিরাট ভুল করেছেন।

যত বিরাট ভুল করি না কেন, সেটা আমার ব্যাপার। আমাকে ভালবাসেন কিনা বলুন।

ভালবাসা খুব পবিত্র জিনিস। মুখের কথায় তা প্রকাশ করা উচিত নয়। ওটা অন্তরের ব্যাপার। কারো অন্তর যদি পবিত্র হয়, তা হলে তার ভালবাসা মূল্যবান। মুখে যারা ভালবাসার কথা বলে তাদের অন্তরে সেই পবিত্রতা নেই।

কিন্তু অন্তরের কথা প্রকাশ করার জন্য আল্লাহ মানুষকে মুখ ও ভাষা দিয়েছেন।

আপনার কথা ঠিক হলেও ভালবাসার ক্ষেত্রে নয়। কারণ ভালবাসার কথা মুখে প্রকাশ করলে ভালবাসা খুব সস্তা হয়ে যায়। মূল্যবান আর থাকে না।

রাফিয়া তার কথা শুনে সন্তুষ্ট হতে না পারলেও বুঝতে পারল, হালিম তাকে অন্তর থেকে ভালবাসে। কি বলবে না বলবে ভেবে ঠিক করতে না পেরে চুপ করে রইল।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হালিম বলল, আমার কথা শুনে আপনি যে সন্তুষ্ট হতে পারেন নি, তা আমি বুঝতে পারছি। শুনুন, আমি আপনার ভালো চাই। তাই বলব, যে পথে এগিয়েছেন, তা খুব দুর্গম। ফিরে গেলে ভবিষ্যৎ জীবন সুখের হবে। আর এটাই আমার কাম্য।

আর আমি যদি বলি যতই দুর্গম হোক, আপনার কাছে পৌঁছানোর জন্য আজীবন সেই পথ পাড়ি দেব এবং আশা করি, ইনশাআল্লাহ একদিন কামিয়াবও হব।

এরকম সিদ্ধান্ত নেয়া আপনার উচিত হয় নি। কারণ আমার পরিচয় আপনি জানেন না।

অনেকবার জানতে চেয়েছি, আপনি এড়িয়ে গেছেন।

হ্যাঁ, এড়িয়ে গেছি। কারণ আমার দেয়ার মতো কোনো পরিচয় নেই।

আমি আপনাকে ভালবেসেছি, আপনার পরিচয়কে নয়।

কথাটা ঠিক বলেন নি। পরিচয়হীনকে সমাজ ঠাঁই দেয় না।

আমি সমাজের পরওয়া করি না।

এ কথাটাও ঠিক বলেন নি। কারণ মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া সে থাকতে পারে না। আর পরিচিতরাই সমাজে প্রতিষ্ঠিত হয়।

আপনার জন্য আমি সমাজ ত্যাগ করতে পারব।

হালিম হেসে ফেলে বলল, এটা আপনার আবেগের কথা। আবেগ বেশি দিন থাকে না। বাস্তব জীবনে প্রবেশ করার কিছুদিন পরেই মনে হবে, কি বিরাট ভুল করে ফেলেছেন। ফলে দুর্বিসহ জীবন কাটাতে হবে।

আপনি পরিচয়হীন হলেও শিক্ষা ও কর্ম আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবে।

এ কথাটা অবশ্য ঠিক বলেছেন। তাই ভেবেছি, শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে সমাজে প্রতিষ্ঠিত হই। তারপর জীবন সঙ্গিনীর কথা চিন্তা করব।

আপনিও ঠিক কথা বলেছেন। তবে এর মধ্যেই মনের মতো জীবনসঙ্গিনী নির্বাচন করে রাখতে বাধা কোথায়। অবশ্য কাউকে যদি পছন্দ হয়।

বাধা সময়ের। অতদিন কি নির্বাচিত পাত্রী বা তার গার্জেনরা অপেক্ষা করবেন?

যদি তারা অপেক্ষা করেন?

যদি কথা দু’এক বছরের জন্য প্রযোজ্য, দীর্ঘ সময়ের জন্য নয়।

সময় যত দীর্ঘ হোক, আমি অপেক্ষা করব।

এটাও আবেগের কথা। তা ছাড়া আপনি করলেও গার্জেনরা করবেন না।

রাফিয়া ছলছল চোখে বলল, গার্জেনদের ব্যাপারটা আমি বুঝবো। আপনি শুধু কথা দিন, আমাকে ভুলে যাবেন না।

কথা দেয়ার আগে আপনার বাবার সঙ্গে আমি দেখা করতে চাই।

এই কথা শুনে রাফিয়ার হার্টবিট বেড়ে গেল। সেই সাথে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে সামলে নিয়ে চোখ মুছে বলল, বেশ তো, এখনই চলুন। আর তো ক্লাশ নেই।

আজ নয়, কাল ভার্সিটি বন্ধ। সকাল নটার সময় যাব, ঠিকানা দিন।

.

হাফিজ উদ্দিন প্রতিদিন সকাল আটটায় নাস্তা খান। আজ নাস্তা খেয়ে নিজস্ব লাইব্রেরিতে একটা সাইকোলজির বই পড়ছিলেন।

রাফিয়া ন’টা বাজার পাঁচ মিনিট আগে এক কাপ চা নিয়ে বাবার কাছে এসে বলল, পড়া বন্ধ করে চা খেয়ে নাও। নচেৎ চা খাওয়ার কথা ভুলে যাবে।

হাফিজ উদ্দিন বই বন্ধ করে বললেন, বস, তোকে অনেক দিন ভালো করে দেখি নি।

রাফিয়া বসে আদুরে গলায় বলল, তোমার সঙ্গে রোজ দেখা হচ্ছে, দেখ নি বলছ কেন?

রোজ দেখা হয় ঠিক, কিন্তু আজকের মতো এত কাছে তো অনেকদিন আসিস নি। জানিস মা, মানুষের মন যে কত বিচিত্র, এই বইটা না পড়লে জানতে পারতাম না। তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিস। কি, কথাটা ঠিক বলি নি?

রাফিয়া জানে, বাবা একবার কোনো বিষয়ে কথা বলতে শুরু করলে এক দেড় ঘণ্টাতেও শেষ হবে না। শ্রোতার সময় আছে কি না অথবা সে বিরক্ত হচ্ছে কিনা, সেসব খেয়াল করবে না। শ্রোতা কোনো অজুহাত দেখিয়ে চলে যেতে চাইলেও যেতে দেয় না। তাই বাবার কথা শুনে বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছে। আজ ন’টার সময় আমার একজন ক্লাসমেট তোমার সঙ্গে দেখা করতে আসবে। নটা বাজতে দু’এক মিনিট বাকি। হয়তো এক্ষুনি এসে পড়বে।

হাফিজ উদ্দিন আনন্দিত হয়ে বললেন, তা হলে তো ভালই হল। তার সঙ্গে মানুষের বিচিত্র মনের সম্পর্কে আলাপ করা যাবে। তা হারে, ক্লাশমেট মেয়ে, না ছেলে?

ছেলে। জান বাবা, ছেলেটা ভার্সিটির সেরা ছাত্র।

এমন সময় কাজের বুয়া নাসিরন এসে বলল, একটা ছেলে খালুর সঙ্গে দেখা করতে এসেছে। আমি তাকে ড্রইংরুমে বসিয়েছি।

রাফিয়া তাকে চলে যেতে বলে বাবাকে বলল, মনে হচ্ছে, ঐ ছেলেটাই এসেছে। তুমি যাও, আমি একটু পরে আসছি।

হালিম সোফায় বসেছিল। একজন পৌঢ় লোককে পর্দা ঠেলে ঢুকতে দেখে দাঁড়িয়ে সালাম দিল।

হাফিজ উদ্দিন সালামের উত্তর দিয়ে হালিমকে বসতে বলে নিজেও বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমিই কি রাফিয়ার ক্লাশমেট?

হালিম বলল, জি।

 কি নাম তোমার?

আব্দুল হালিম।

বাবার নাম?

মরহুম সেখ মঈনুদ্দিন।

বাড়ি কোথায়?

পটুয়াখালী জেলার বাহেরচর গ্রামে।

 এখানে থাক কোথায়?

সূর্যসেন হলে।

বাড়িতে কে কে আছে?

মা ছাড়া আমার আর কেউ নেই।

তোমার বাবা তা হলে খুব অবস্থাপন্ন লোক ছিলেন?

না, তিনি দিনমজুর ছিলেন।

 হাফিজ উদ্দিন অবাক কণ্ঠে বললেন, তা হলে তোমার লেখাপড়ার খরচ জোগাচ্ছে কে?

আল্লাহ।

তা তো বুঝলাম। কিন্তু আল্লাহ নিজে তো কিছু দেন না, কাউকে উপলক্ষ করে দেন। নিশ্চয় তিনি তোমার কোনো আত্মীয়?

না। আমার বাবা মারা যাওয়ার পর মাতব্বরের অত্যাচার সহ্য করতে না পেরে মা গ্রাম ছেড়ে আমাকে নিয়ে যখন পটুয়াখালী শহরে আসেন তখন আমার বয়স সাত বছর। তারপর কিভাবে আবু তাহেরের আশ্রয়ে থেকে লেখাপড়া করছে বলল।

রাফিয়ার সঙ্গে তোমার জানাশোনা কত দিনের?

প্রায় তিন বছর হতে চলল।

মেয়ে এরকম একটা ছেলের সঙ্গে মেলামেশা করে ভেবে হাফিজ উদ্দিন খুব রেগে গেলেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে গম্ভীরস্বরে জিজ্ঞেস করলেন, রাফিয়া তোমার পরিচয় জানে?

না।

সে জানতে চায় নি?

 চেয়েছেন, আমি বলি নি।

কেন?

আপনার মেয়ে অন্ধের মতো আমাকে ভালবাসেন। পরিচয় জানালে বিশ্বাস করতেন না। ভাবতেন, মিথ্যে পরিচয় দিচ্ছি।

তুমি রাফিয়াকে ভালবাস না?

হ্যাঁ, ভালবাসি।

হাফিজ উদ্দিন আরো রেগে উঠে বললেন, আমি যদি বলি, অর্থ ও সম্পত্তির লোভে বড়লোকের মেয়েকে ভালবাসার ফাঁদে ফেলে বিয়ে করার জন্য তাকে পরিচয় জানাও নি?

তা বলতে পারেন, তবে তা ঠিক নয়। তাকে ভালোবাসি বলেই তার ভালো চাই। তাই আপনার কাছে আমার পরিচয় দিতে এসেছি। এখন আপনার মেয়ের মোহ ভাঙাবার দায়িত্ব আপনাদের। আমি নাম গোত্রহীন এক দিন মজুরের ছেলে হলেও লোভী নই। এবার উঠি তা হলে, বলে হালিম দাঁড়িয়ে পড়ল।

হালিমের সৎ সাহস ও অকপট কথাবার্তায় হাফিজ উদ্দিনের রাগ পড়ে গেল। বুঝতে পারলেন, ছেলেটা খুব বুদ্ধিমান ও সৎ। চলে যাওয়ার কথা শুনে বললেন, বস, কিছু খেয়ে তারপর যাবে।

মাফ করবেন, কিছু খেতে পারব না বলে হালিম সালাম দিয়ে বেরিয়ে গেল।

বাবাকে ড্রইংরুমে যেতে বলে রাফিয়া তিন ভাবিদের কাছে গিয়ে বলল, আমার হুজুর প্রেমিক এসেছেন। বাবা ওনার কাছে গেছে, তোমরা দেখতে চাইলে এস আমার সঙ্গে।

তিন ভাবিই তার সঙ্গে এসে দরজার আড়াল থেকে এতক্ষণ শ্বশুর ও হালিমের কথাবার্তা শুনছিল। হালিমকে ভাবিদের খুব পছন্দ হল। তাকে চলে যেতে দেখে বড় ভাবি রাফিয়াকে বলল, উনি তো কিছু না খেয়ে যাচ্ছেন, ধরে নিয়ে এস।

রাফিয়া বলল, উনি বাবার কথা যখন রাখলেন না তখন আমারও রাখবেন।

সেজ ভাবি খুব ধনী ঘরের উচ্চ শিক্ষিত মেয়ে। হালিমকে দেখে তার পছন্দ হলেও পরিচয় শুনে খুশী হতে পারে নি। অসন্তুষ্ট গলায় ননদকে উদ্দেশ্য করে বলল, নামগোত্রহীন ছেলের পাল্লায় পড়া তোমার উচিত হয় নি। আমাদের সোসাইটির মান-সম্মানের কথা চিন্তা না করে এই পথে পা বাড়াতে পারলে?

রাফিয়া কিছু বলার আগে মেজ ভাবি বলল, ওকে দোষ দিচ্ছ কেন? ওতো ছেলেটার পরিচয় জানার চেষ্টা করেও সফল হয় নি।

বড় ভাবি বলল, হ্যাঁ, তোমাদের দুজনেরই কথা ঠিক। আশা করি, পরিচয় জানার পর রাফিয়া ঐ পথ থেকে ফিরে আসবে।

রাফিয়া ভাবিদের কথা শুনে রেগে গেল। বলল, উনি নাম-গোত্রহীন ছেলে হলেও খুব ধার্মিক ও মহৎ। তাই সিদ্ধান্ত নিয়েছি, ওনাকেই জীবনসঙ্গী করব ইনশাআল্লাহ।

রাফিয়ার ছোট ভাইয়া আশফাক বাসায় ছিল না। ফেরার সময় বাসার কাছাকাছি হালিমকে দেখে সালাম বিনিময় করে বলল, আরে আপনি? এদিকে কোথায় এসেছিলেন?

হালিম বলল, আপনাদের বাসায়।

তাই নাকি? রাফিয়ার সঙ্গে দেখা হয়েছে?

না।

কেন? ওকি বাসায় নেই?

তা জানি না। আমি ওনার সঙ্গে দেখা করতে আসি নি, এসেছিলাম আপনার বাবার সঙ্গে দেখা করতে।

আশফাক অবাক হয়ে বলল, বাবার সঙ্গে দেখা হয়েছে?

হ্যাঁ, হয়েছে। আগে থেকে কি বাবার সঙ্গে আপনার পরিচয় ছিল?

না, আজই পরিচয় হল।

আশফাক আরো অবাক হয়ে বলল, বাবার সঙ্গে পরিচয় নেই অথচ তার সঙ্গে দেখা করতে এলেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না।

মাফ করবেন, ব্যাপারটা বুঝিয়ে বলতে পারছি না। আশা করি, বাসায় গেলেই বুঝতে পারবেন। এবার আসি বলে সালাম বিনিময় করে হালিম হাঁটতে শুরু করল।

হাফিজ উদ্দিন ভিতরে চলে যাওয়ার পর ভাবিরা রাফিয়াকে নিয়ে ড্রইংরুমে বসে কথা বলছিল। আশফাক বাসায় ঢুকে তাদের গলা পেয়ে সেখানে এসে রাফিয়ার কথা শুনে জিজ্ঞেস করল, কাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছিস রে?

রাফিয়া লজ্জা পেয়ে ছুটে পালিয়ে গেল।

আশফাক ভাবিদেরকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলতো?

বড় ভাবি বলল, কিছুক্ষণ আগে হালিম নামে রাফিয়ার এক ক্লাশমেট এসেছিল বাবার সঙ্গে দেখা করতে। এক্ষুনি চলে গেল, তুমি হয়তো তাকে দেখে থাকবে।

হ্যাঁ, দেখেছি। তার সঙ্গে কথাও বলেছি।

মেজ ভাবি বলল, তাকে তুমি চেনো?

হ্যাঁ, চিনি। আপ্যায়ন করিয়েছিলে?

বাবা তাকে কিছু খাওয়ার কথা বলেছিলেন, শুনল না।

রাফিয়া কিছু বলে নি?

বাবার সঙ্গে কথা বলেই চলে গেল। আমরা রাফিয়াকে বলতে বলেছিলাম। বলল, বাবার কথা যখন রাখল না তখন আমার কথাও রাখবে না।

আমি জানলে ধরে নিয়ে আসতাম।

সেজ ভাবি বলল, রাফিয়া ওকে জীবনসঙ্গী করতে চায়, তাও জান না কি?

না, জানি না। তাই বুঝি ওকে জীবনসঙ্গী করার কথা জিজ্ঞেস করতে পালিয়ে গেল?

বড় ভাবি বলল, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করল, হালিমকে তুমি চেনো কিভাবে?

আশফাক মার্কেটের ঘটনাটা বলে বলল, ঐদিন রাফিয়ার কাছ থেকে ওর পরিচয় জানতে পারি। পরে মেডিকেলে দেখতে গিয়ে আলাপ করি। বাবার সঙ্গে দেখা করতে কেন এসেছিলেন জান?

হ্যাঁ, জানি। এসেছিল তার বায়োডাটা বাবাকে জানাতে। তারপর বাবা ও হালিমের সঙ্গে যা কিছু কথা হয়েছে বলল।

আশফাক অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নামগোত্রহীন হলেও ছেলেটা খুব জিনিয়াস। তবু বলব, তাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেয়া রাফিয়ার উচিত হয় নি। তোমরা ওকে কিছু বল নি?

বলিনি আবার, বলার পরতো ঐ কথা বলল।

দেখি, আমি ওর সঙ্গে এ ব্যাপারে আলাপ করব বলে আশফাক সেখান থেকে চলে গেল।

.

পরের দিন ক্লাশ শেষে রাফিয়া হালিমকে বলল, চলুন, কোথাও বসি, আলাপ করব।

হালিম হাঁটতে শুরু করে বলল, আলাপটা অন্য দিন করলে হয় না?

রাফিয়া বলল, না, আজই করব।

ওরা কবি নজরুল ইসলামের কবরের কাছাকাছি এক জায়গায় বসল। বসার পর হালিম বলল, এবার বলুন কি আলাপ করবেন।

কাল আমার সঙ্গে দেখা না করে চলে এলেন কেন?

 আপনার সঙ্গেতো প্রায় প্রতিদিন দেখা হচ্ছে। তাই প্রয়োজন মনে করি নি।

বাবা কিছু খেতে বলার পরও খেলেন না, এটা কি উচিত হয়েছে?

না, উচিত হয় নি।

অনুচিত জেনেও কাজটা করলেন কেন?

যাতে আপনার বাবা আমাকে অভদ্র মনে করেন।

সবার কাছে আমি কত ছোট হয়ে গেলাম, সেকথা মনে হয় নি?

হয়েছে। তারপর হালিম অল্পক্ষণ চুপ করে থেকে বলল, আর কিছু বলবেন?

হ্যাঁ বলব। বাবার সঙ্গে দেখা করার পর কি বলবেন বলেছিলেন, মনে আছে?

আছে।

 তা হলে বলুন।

 বললে আপনি দুঃখ পাবেন।

তবু বলুন।

কথাটা আপনার বাবাকে বলেছি। মনে হল, শুনে তিনি খুব রেগে গিয়েছিলেন। তাই আপনাকে আর বলতে চাচ্ছি না।

আমাকে বলতেই হবে।

তা হলে শুনুন, আমিও আপনাকে ভীষণ ভালবাসি। তবে জীবনসঙ্গিনী করার স্বপ্ন কোনো দিন দেখি নি।

কেন বলুন তো?

নামগোত্রহীনদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কোনো দিন সফল হয় না। স্বপ্নের পিছনে যারা ছোটে, আমি তাদের দলে নই।

স্বপ্ন সফল করার জন্য আমি যদি আপনাকে সাহায্য করি?

সাহায্য নেয়ার যোগ্যতাও আমার নেই।

কে বলেছে নেই? আমি তো জানি যাদের যোগ্যতা আছে, তাদের থেকে আপনার অনেক বেশি আছে।

আপনি আমাকে ভালবাসেন। তাই ঐ কথা বলছেন। আপনার গার্জেন ও আপনাদের হাই সোসাইটির কাছে আমার এতটুকুও যোগ্যতা নেই। তা ছাড়া। আমার একটা সাধনা আছে, সেই সাধনা সফল না হওয়া পর্যন্ত সংসার জীবনে প্রবেশ করতে পারব না। কবে সেই সাধনা আল্লাহ সফল করাবেন, তা তিনিই জানেন। এবার নিশ্চয় বুঝতে পারছেন, আপনাকে ভালবাসলেও কেন আপনার ডাকে সাড়া দিতে পারছি না? তারপর আর সময় দিতে পারছি না বলে হালিম উঠে দাঁড়াল।

প্লীজ, আর একটু বসুন বলে রাফিয়া তার একটা হাত ধরে বসিয়ে বলল, আগেও বলেছি এখনও বলছি, আপনার সাধনা সফল না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কথা দিন, আমাকে ভুলে যাবেন না?

হালিম হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কথা দিলে দু’জনকেই দিতে হবে, একজন দিলে তো হবে না।

আমি তো আগেই কথা দিয়েছি।

আমি নিশ্চিত, অতদিন আপনি অপেক্ষা করতে পারবেন না। আর আপনার গার্জেনরা অপেক্ষা করা তো দূরের কথা, ওনারা আমাকে পছন্দই করেন না। যখন শুনবেন আমার জন্য আপনি ওনাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন তখন যেমন করে হোক বিয়ে দেবার চেষ্টা করবেন। কারণ কোনো গার্জেনই চাইবেন না আমার মতো একটা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে।

রাফিয়া বলল, আমি শিক্ষিত ও ম্যাচিওর। গার্জেনরা যতই চেষ্টা করুন না কেন, আমার অমতে কিছুতেই বিয়ে দিতে পারবেন না। প্রয়োজনে চাকরি করে বাসা ছেড়ে অন্যত্র থাকব। আপনি শুধু ওয়াদা করুন, সাধনা সফল হওয়ার পর আমার কাছে আসবেন।

হালিম ছোট্ট একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল, তা না হয় করলাম, কিন্তু এসে যদি দেখি আপনি কারো সংসার করছেন, তখন?

রাফিয়া ভিজে গলায় বলল, আল্লাহর কোনো মুমীন বান্দা কখনও ওয়াদা খেলাপ করে না। আশা করি, এরপর আমাকে আর অবিশ্বাস করবেন না?

প্রেম-ভালবাসার মধ্যে অবিশ্বাসের স্থান নেই। যদি থাকে, তাহলে খাঁটি প্রেম-ভালবাসা হয় না। আপনাকে অবিশ্বাস করি নি, যা বাস্তব তাই বলেছি। বুঝতে পারছি, আমার কথায় মনে দুঃখ পেয়েছেন। সেজন্য ক্ষমা চাইছি। বলুন ক্ষমা করে দিয়েছেন?

রাফিয়া চোখ মুছে বলল, আগে ওয়াদা করুন।

ঠিক আছে, করলাম। এবার ক্ষমা পেয়েছি কি না বলুন।

রাফিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে সুখে হাসি ফুটিয়ে বলল, প্রেমিক প্রেমিকাদের একে অপরের দোষ-ত্রুটি ক্ষমা করার মাধ্যমে প্রেম আরো গম্ভীর হয়, তাই না?

হালিম মৃদু হেসে বলল, হ্যাঁ, তাই। তারপর বিদায় নিয়ে হালিম চলে গেল।

.

অনার্স কমপ্লীট করা পর্যন্ত তাদের যোগাযোগ থাকলেও আজ প্রায় চার বছর হতে চলল যোগাযোগ নেই। রাফিয়া ভেবেছিল, হালিম মাস্টার্স কমপ্লীট করে সাধনায় নামবে, কিন্তু মাস্টার্স করার সময় তার খোঁজ না পেয়ে চিন্তিত হল। ভাবল, তা হলে সে কি পড়াশোনা ছেড়ে দিয়ে সাধনার কাজে লেগে গেল? আরো ভাবল, তাই যদি হয়, তা হলে আমার সঙ্গে যোগাযোগ করছে না কেন? তার মন বলে উঠল, সাধনার কাজে হয়তো খুব ব্যস্ত আছে। সময় সুযোগ পেলে নিশ্চয় যোগাযোগ করবে। আশায় আশায় দিন গুনতে গুনতে মাস্টার্স কমপ্লীট করার পরও যখন হালিম যোগাযোগ করল না তখন খুব দুশ্চিন্তায় পড়ে গেল।

এরমধ্যে একটা ভালো পাত্রের সন্ধান পেয়ে হাফিজ উদ্দিন একদিন স্ত্রীর সামনে মেয়েকে সেকথা জানিয়ে মতামত জানতে চাইলেন।

রাফিয়া বলল, আমি এখন বিয়ে করব না।

মেয়ের কথা শুনে ফাতেমা খাতুন বললেন, লেখাপড়া শেষ করলি। এবার তোর বিয়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই। তুই এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? সব সময় কি আর ভালো ছেলে পাওয়া যায়? ছেলে ডাক্তার, মা-বাবার একমাত্র সন্তান। ছেলের বাবা ব্যবসায়ী। ছোট সংসার। এরকম ছেলে হাতছাড়া করা ঠিক হবে না।

রাফিয়া বলল, যতই ভালো হোক, বললাম না, এখন আমি বিয়ে করব না?

 কেন করবি না বলবি তো?

পরে বলব বলে রাফিয়া তাদের কাছ থেকে চলে গেল।

হাফিজ উদ্দিন বললেন, মনে হয় ও কোনো ছেলেকে পছন্দ করে। তুমি ওকে জিজ্ঞেস করে দেখে।

ফাতেমা খাতুন বললেন, বড় বৌ বলছিল, অনেক দিন আগে হালিম নামে যে ছেলেটা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তাকে নাকি ও পছন্দ করে।

চার বছর আগের কথা হাফিজ উদ্দিন ভুলে গিয়েছিলেন। কপাল কুঁচকে কিছুক্ষণ চিন্তা করে স্মরণ করার চেষ্টা করলেন। কিন্তু স্মরণ করতে পারলেন না। বললেন, কই মনে পড়ছে না তো?

তোমার তো কোনো কিছুই মনে থাকে না। সারা দিন রাত বইয়ের মধ্যে ডুবে থাক। কি যে পাও মোটা মোটা বই পড়ে বুঝি না। তারপর আবার বললেন, রাফিয়া অনার্স পড়ার সময় যে ছেলেটা এসে বলল, “আপনাদের মেয়ে আমাকে ভীষণ ভালবেসে ফেলেছে। তারপর তার পরিচয় দিয়ে রাফিয়ার মোহ ভাঙাতে বলেছিল।”

ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে। কিন্তু সে ছেলেটা তো নামগোত্রহীন গরিব ঘরের। তার বাবা দিনমজুর ছিল। সে অন্যের দয়ায় লেখাপড়া করছে। না-না এ কখনো সম্ভব নয়। এতবড় ভুল রাফিয়া করবে ভাবতেই পারি নি। মনে করেছিলাম এতদিনে তাকে হয়তো ভুলেই গেছে। আমাদের মান-সম্মানের কথা চিন্তা করল না? ওর ভাইয়ারা শুনলে খুব রেগে যাবে। তুমি ওকে বুঝিয়ে বলো।

ঠিক আছে, বলব। তবে কাজ হবে বলে মনে হয় না। তুমি বাবা হলে কি হবে, আমি ওকে পেটে ধরেছি। ওর স্বভাব চরিত্র জানতে আমার বাকি নেই। নিজের ইচ্ছার বিরুদ্ধে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কিছু করে নি।

হাফিজ উদ্দিন রেগে উঠে বললেন, তাই বলে ওর এতবড় অন্যায় মেনে নেব? একটা আস্তাকুঁড়ের ছেলে, যার মা অন্যের বাড়ি কাজ করে খায়, সেই ছেলেকে পছন্দ করতে ওর বিবেকে বাধল না।

তুমি রাগ করছ কেন? মেয়ে বড় হয়েছে, লেখাপড়াও করেছে, ওর অমতে জোর করে কিছু করা ঠিক হবে না। আমি ওকে বুঝিয়ে বলব, বৌমাদেরকেও বোঝাতে বলব। তুমি ঐ ডাক্তার ছেলের গার্জেনদের সঙ্গে আলাপ কর।

ফাতেমা খাতুন মেয়েকে তার বাবার অমতের কথা বলে অনেক বোঝালেন। কাজ না হতে বৌমাদের বোঝাতে বললেন। তারাও ননদকে বোঝাল।

রাফিয়া তাদের সাফ সাফ জানিয়ে দিল, হালিমকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করবে না।

স্ত্রীদের কাছ থেকে তিন ভাইয়া শুনে তারাও সাফ সাফ জানিয়ে দিল, হালিমকে কিছুতেই মেনে নেবে না।

রাফিয়া ভাইয়াদের সামনে কিছু না বললেও ভাবিদেরকে বলল, তোমরা মা বাবা ও ভাইয়াদের জানিয়ে দিও, অন্য কোথাও আমার বিয়ে দেয়ার জন্য যেন চেষ্টা না করে। যদি করে, তা হলে তার পরিণতির জন্য তারাই দায়ী হবে। হালিমকে তোমরা সবাই মেনে না নিলে বিয়েই করব না। প্রয়োজনে যে কোনো চাকরি নিয়ে অন্যত্র থাকব।

তার কথা শুনে সবাই তাকে রাগারাগি করলেও আশফাক কিছু বলল না। রাফিয়াকে সে সব ভাইয়েদের চেয়ে বেশি ভালবাসে। তাই একদিন তাকে জিজ্ঞেস করল, তুই হালিমকে ছাড়া বিয়ে করতে চাচ্ছিস না কেন?

রাফিয়া বলল, তুমি কিন্তু বোকার মতো প্রশ্ন করছ।

আশফাক হেসে ফেলে বলল, তাহলে আর একটা বোকার মতো প্রশ্ন করি, হালিমও নিশ্চয় তোকে ছাড়া বিয়ে করবে না?

ঠিক ঐ কথা বলেন নি। বলেছেন, আমি যদি তার জন্য অপেক্ষা করি, তা হলে আমাকে বিয়ে করার জন্য ফিরে আসবেন।

ফিরে আসবেন মানে? সে কোথায় গেছে?

তা জানি না।

কি পাগলের মতো কথা বলছিস? তার সঙ্গে তোর যোগাযোগ নেই?

না।

কতদিন যোগাযোগ নেই।

 প্রায় চার বছর।

কি বলছিস তুই? যে তোর সঙ্গে চার বছর যোগাযোগ রাখে নি, তাকে মনে রেখে বিয়ে করতে চাচ্ছিস না? সে ফিরে আসবে ভাবতে পারলি?

শুধু মনে রেখেছি না, প্রয়োজনে সারাজীবন অপেক্ষাও করব।

এরকম সিদ্ধান্ত নেয়ার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। সেটা বলত শুনি।

শেষবারে যখন তার সঙ্গে আলাপ হয় তখন বলেছিলেন, ওনার কি একটা সাধনা আছে। সেটা সফল হওয়ার পর আমার কাছে আসবেন।

সাধনা সফল হতে কত সময় লাগবে কিছু বলেছে?

না।

তুই জিজ্ঞেস করিস নি?

না।

একটু আগে তুই আমাকে বোকা বললি, অথচ তুই-ই বোকার মতো কাজ করেছিস। সাধনা ও সময়ের কথা জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা, ওর বায়োডাটা জানিস?

অনেকবার জানতে চেয়েছি, বলেন নি। তবে বাবার সঙ্গে দেখা করতে এসে বাবাকে যখন বলেছিলেন তখন শুনেছি।

যা যা শুনিছিস একটা কাগজে লিখে দে। আমি খোঁজ নেব। যদি জানতে পারি, তার সব কিছু ভালো, তা হলে মা-বাবা ও ভাইয়াদের যেমন করে তোক রাজি করিয়ে তোদের বিয়ের ব্যবস্থা করব।

<

Super User