বাড়িতে বলে যায়নি। ফলে, রাত করে বাড়ি ফেরার জন্যে, আর দুশ্চিন্তায় রাখার কারণে বকা খেতে হলো তিনজনকেই।

পরদিন আবার হেডকোয়ার্টারে মিলিত হলো তিন গোয়েন্দা।

 মুসা ঢুকে দেখলো, চেয়ারে নেতিয়ে রয়েছে কিশোর আর রবিন।

কি ব্যাপার? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো গোয়েন্দাসহকারী। মানুষ মরেছে। নাকি?

এতো দেরি করলে যে? জোর নেই কিশোরের কণ্ঠে।

ধপ করে বসে পড়ে মুসা বললো, কাল রাতে যে দেরি করেছি, তার, শাস্তি। সকালে পুরো বাগানের ঘাস কাটিয়ে ছাড়লো মা। তা তোমাদের কি। হয়েছে?

ফ্রেড ব্রাউন আমাদের বরখাস্ত করেছে, বিষণ কণ্ঠে জবাব দিলো রবিন।

দীর্ঘশ্বাস ফেললো কিশোর। কয়েক মিনিট আগে ফোন করেছিলো। কাল রাতে অ্যাডোবে কি কি ঘটেছিলো, তাকে জানিয়েছেন মিস্টার হোফার। শুনে, ম্যানেজার বললো, কাজটা আমাদের জন্যে বিপজ্জনক হয়ে যাচ্ছে। ফলে, আর কাজ করতে আমাদেরকে বারণ করে দিয়েছে। ছোটখাটো একটা বোনাসও, পাঠিয়েছে।

খাইছে! অন্য দুজনের মতোই মুসাও নেতিয়ে গেল। গোয়েন্দাগিরিতে আমাদের প্রথম ব্যর্থতা!

এবং এতো কষ্টের পর, গুঙিয়ে উঠলো কিশোর। অথচ রহস্যগুলোও এখনও জট পাকিয়েই রইলো!

এবং ওই জট জটই থেকে যাবে, বললো রবিন।–

চুপ হয়ে গেল গোয়েন্দাপ্রধান। বহুদূরে চলে গেছে যেন তার মন, ট্রেলারের গণ্ডিতে নেই।

আর থাকতে না পেরে বলে উঠলো মুসা, রবিন, পিঠ সোজা করো। আমাদের কিশোর মিয়া এতো সহজে ছাড়ার পাত্র না। দেখছে না, ফন্দি আঁটছে।

তিন গোয়েন্দা ব্যর্থ হতে পারে না, বাস্তবে ফিরে এলো যেন কিশোর। এই রহস্যের সমাধান আমরা করবোই।

কিভাবে? বললো রবিন।

রিগ ডেনবারের প্রলাপের মানে বুঝতে পারলেই এই রহস্যের সমাধান হয়ে যাবে।

কি দরকার কিশোর? মাথা নাড়লো মুসা, নাহয় ছেড়েই দিলাম একটা কেস, ব্রাউন ঠিকই বলেছে, বড় বেশি বিপজ্জনক…

বিপদে আগেও পড়েছি আমরা, মুসাকে থামিয়ে দিলো কিশোর। এখন, এসো, ডেনবারের কথাগুলোর মানে বের করার চেষ্টা করি। টেবিলে দুই কনুই রেখে সামনে ঝুঁকলো সে। এক নম্বরঃ বুড়ো ডেনবারের কাছে দামী কিছু একটা ছিলোই। দুইঃ সেই কথাটা একাধিক লোক জানে। তিনঃ বিশটা ছবির মধ্যে কোনো সূত্র লুকানো রয়েছে। এবং চার নম্বরঃ প্রলাপের মধ্যেই রয়েছে কোনো জরুরী মেসেজ। আবার চেয়ারে হেলান দিলো গোয়েন্দাপ্রধান। এখন ওই প্রলাপগুলোর রহস্য ভেদ করতে হবে আগে। যদি সত্যি বলা হয়ে থাকে।

রিকি আর তার বাবা মিছে কথা বলেছে, ভাবছো? রবিন বললো।

প্রফেসরের টাকা দরকার, ঘুরিয়ে জবাব দিলো কিশোর। ডেনবারের কাছে টাকা পান তিনি। আগাগোড়াই হয়তো জেনে এসেছেন, বুড়োের কাছে মূল্যবান কোনো জিনিস আছে। কিংবা হয়তো আন্দাজ করেছেন, যেদিন পয়লাবার চোর ঢুকলো তাঁর ঘরে।

আমার বিশ্বাস হয় না রিকি মিছে কথা বলেছে, মাথা নাড়লো মুসা।

বেশ, বললো কিশোর, ধরে নিলাম, বলেনি। তাহলে ডেনবারের শেষ কথাগুলোর অর্থ উদ্ধার করা যাক। রিকি আর প্রফেসর যা যা বলেছেন, সব লিখে রেখেছি আমি। একটা কাগজ বের করে টেবিলে রাখলো সে। প্রফেসরের কথামতো ডেনবার বলেছেঃ পেইনটিংস, আঁকাবাঁকা, ভুল, ক্যানভাস আর মাস্টারস। ডেনবারের কাছে কাছে থাকায় আরও বেশি শুনেছে রিকি। সে বলেছেঃ ওদের বলো..আঁকা যখন বাঁকা:..ভুল মনে হবে মাষ্টার:..আমার পেইনটিংস ..আমার ক্যানভাস…ক্যানভাস থেকে আঁকাবাঁকা: বি-ব্বলো..ভুল। মোটামুটি এই কথাগুলোই বার বার বলেছে।

মাথা চুলকালো মুসা। ওদের বলল, একথার মানে বোঝা যায়, কাউকে বলার কথা বলছে। আঁকা যখন বাঁকা আর ভুল মনে হবে বলে বোধহয় দিক-নির্দেশ করতে চেয়েছে। কোনো একটা পথ ভুল। তাহলে কোনটা ঠিক?

হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর। এটা একটা জরুরী প্রশ্ন।

মানে কি? প্রশ্ন করলো রবিন।

জানি না। আরও একটা শব্দ বুঝতে পারছি না, বি-ব্বলো মানে কি?

তোতলামি, বললো মুসা। স্রেফ তোতলামি। প্রলাপ বকার সময় উচ্চারণে। ভুল করেছে। বলতে চেয়েছে বলো, মানে ওদের বলল।

তা হতে পারে।

লেখাগুলো পড়লো রবিন। মাস্টার আর পেইনটিংসের মানে হলো, ডেনবার ভেবেছে তার ছবিগুলো মাস্টার পীস। আর আমার ক্যানভাস, ক্যানভাস থেকে আঁকাবাঁকা, এসব কথা বলতেই পারে যে কোনো আর্টিস্ট।

মুসা বললো, ফেরেনটিও হয়তো ভেবেছে, ছবিগুলো ভালো।

টেবিলে চাপড় মারলো রবিন। ঠিক বলেছো! ডেনবার হয়তো আসলেই ভালো আর্টিস্ট ছিলো। বড় আর্টিস্ট, কিন্তু খামখেয়ালী। তাই তার ছবি কাউকে দেখায়নি, কিংবা বিক্রি করেনি। হয়তো ফেরেনটি ভাবছে, ছবিগুলো পেলে অনেক দামে এখন বিক্রি করা যাবে।

এ-সবই হতে পারে, সন্তুষ্ট হতে পারছে না কিশোর। কিন্তু ডেনবারের মেসেজটা কি? বলেছে, ওদের বলো। কাদেরকে বলতে বলেছে?

কাউন্টেস আর ফ্রেড ব্রাউনকে, বললো মুসা।

ব্রাউনের কথা কেন বলবে? ওই লোক তো কাউন্টেসের সাধারণ একজন কর্মচারী। কেন তাকে বোনের সঙ্গে মেশাতে যাবে? বললেই পারতো, আমার বোনকে বলো। তারমানে একাধিক জনকে জানাতে চেয়েছে। কোনো দলের কথা বলেছে।

দল!

চোর-ডাকাতের দল হওয়াও অসম্ভব নয়। প্রফেসরের বাড়ির সীমানার বাইরে কোথাও যেতো না ডেনবার। ধরে নেয়া যায় না, সে ওখানে কারও ভয়ে লুকিয়ে ছিলো?

তাহলে কি ফেরেনটিও ওই দলের কেউ? চোরাই মাল খুঁজতে এসেছে?

সে-রাতে আমাদের অ্যাডোবে আটকে রেখে খোঁজাখুঁজি করার এটাই সম্ভাব্য ব্যাখ্যা, বললো কিশোর। আর রবিন যে বলেছে, ডেনবারের ছবিগুলো দামী ছিলো, তা নয়। তাহলে ফেরেনটি অ্যাডোবে গিয়ে জিনিসপত্র ভাঙতো না, বরং ছবিগুলো খুঁজে বের করার দিকেই নজর দিতো বেশি। দ্বিধা ফুটলো তার চেহারায়।

 কি হলো, কিশোর? অবাক হলো রবিন।

শিওর না, ধীরে ধীরে বললো গোয়েন্দাপ্রধান। কাল রাতে অ্যাডোবে…নালায় কি যেন একটা ভুল কোথায় যেন কিছু গোলমাল ঠিক ধরতে পারিনি, এখনও পারছি না।

কই, কাল রাতে আমার তো কোনো গোলমাল মনে হয়নি? বললো মুসা।

কি জানি! যাকগে, পরে ভাববো। এখন একবার গিয়ে ফ্রেড ব্রাউনের সঙ্গে  দেখা করা দরকার। আমি আর মুসা যাবো।

আর আমি? জানতে চাইলো রবিন।

আরেকবার যাও শুঁটকির কাছে। ছবিটা কোথায় পেয়েছে, জানার চেষ্টা করো।

.

১২.

রকি বীচের মাইল খানেক দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তীরে তৈরি হয়েছে অভিজাত বিলাসবহুল মোটেল সী বীচ। বাইরে সাইকেল পার্ক করে চকচকে সুসজ্জিত প্রধান প্রবেশপথের দিকে এগোলো দুই গোয়েন্দা। হলরুমে ঢুকলো। রিসিপশন ডেস্কে বসে রয়েছে লম্বা, বদ-চেহারার এক লোক। ছেলেদের দিকে সন্দিগ্ধ চোখে তাকালো। জিজ্ঞেস করলো, কি চাই?

নার্ভাস হয়ে গেল মুসা। কিন্তু কিশোর এতো সহজে দমবার পাত্র নয়। মাথা সোজা করে কেউকেটা একটা ভাব করে, ইংরেজিতে বিদেশী টান এনে, গম্ভীর ভঙ্গিতে বললো, কাউন্টেসের সঙ্গে দেখা করতে এসেছি আমরা। আমি কিশোর পাশা দ্য ফোর্থ। আর ইনি মিস্টার মুসা আমান। মশিয়ে ব্রাউনকে খবর পাঠান, আমরা এসেছি।

অনেক কষ্টে হাসি দমন করলো মুসা।

কিন্তু লোকটা কিশোরের এই অভিনয় ধরতে পারলো না। দ্বিধা করছে। ভাবছে, ছেলেটাও কোনো হবুকাউন্ট নয় তো?

কিংবা, ক্লার্ককে দ্বিধা করতে দেখে বললো কিশোর। আরেক কাজ করতে পারেন। আপনার কাজ সহজ করে দিচ্ছি। নাম্বার বলুন, আমরা নিজেরাই গিয়ে দেখা করছি। .

ইয়ে, নাক চুলকালো ক্লার্ক। ইয়ে…মিস্টার, ব্রাউন উঠেছেন দশ নম্বর কটেজে। পোর্টারকে ডাকছি…

দরকার নেই, হাত নাড়লো কিশোর। আমরাই খুঁজে নেবো। এসো, আমান।

রাজকীয় চালে হেঁটে হল পেরোলো গোয়েন্দাপ্রধান, একটা দরজা দিয়ে বেরিয়ে এলো মোটেলের চমৎকার চত্বরে। ক্লার্কের চোখের আড়ালে এসেই আবার স্বাভাবিক হলো কিশোর। হেসে বললো, দশ নম্বরটা সম্ভবতঃ বাঁয়ে। …ওই যে, সিরিয়াল নম্বরের সাইন।

এরকম করতে গিয়ে কোনদিন যে কি বিপদে পড়বে, বললো মুসা। মেরে হাড় গুঁড়ো করে দেবে তখন।

আরে রাখো তোমার বিপদ। ধরতে পারলে তবে তো? আর এসব দামী জায়গার ব্যাপার-স্যাপারই আলাদা। হোমড়া-চোমড়ারা আসে। পান থেকে চুন খসলেই তুলকালাম কাণ্ড বাধিয়ে দেবে। ফলে ভয়ে ভয়ে থাকে কর্মচারীরা, সন্দেহে ভোগে। ওদেরকে ধোকা দেয়া তাই সহজ।

এই লেকচারের পর আর কথা চলে না। চুপ হয়ে গেল মুসা।

সরু পথ, দুধারে চিরসবুজ গাছ আর লতার ঝড়। সুইমিং পুলের কাছ থেকে হাসি, কথার আওয়াজ ভেসে আসছে।

 পথটা ধরে এগোলো দুই গোয়েন্দা। কিছু দূর এগোতেই এক ধার থেকে শুরু হলো কটেজের সারি।

নয় নম্বর, এক সময় বললো কিশোর। পরেরটাই দশ নম্বর হবে। ওই পাম গাছটার ওধারে বোধহয়।

গাছের মোটা গুঁড়িটা ঘুরে এসেই থমকে গেল দুজনে। দশ নম্বর কটেজের জানালায় দাঁড়িয়ে ভেতরে উঁকি দিয়ে আছে একজন। একটানে মুসাকে নিয়ে আবার গাছের আড়ালে সরে এলো কিশোর। কয়েক সেকেণ্ড জানালার কাছে দাঁড়িয়ে থেকে ঘুরে দরজার কাছে চলে গেল চোরটা। দরজা খোলার চেষ্টা করলো।

কিশোর! বলে উঠলো মুসা। ব্যাটা…

ঝট করে ফিরে তাকালো চোর।

শুঁটকি টেরি?-মুসার কথাটা শেষ করলো কিশোর।

ক্ষণিকের জন্যে হাঁ হয়ে গেল টেরিয়ার। দুই গোয়েন্দাকে ছুটে আসতে দেখে। ঘুরেই দিলো দৌড়। হুড়মুড় করে গিয়ে ঢুকলো ঝাড়ের মধ্যে।

ধরো, ধরো ব্যাটাকে? চেঁচিয়ে বললো কিশোর।

পামের সারি আর হিবিসকাসের ঝাড়ের পাশ দিয়ে এঁকেবেঁকে দৌড়াচ্ছে টেরিয়ার। পেছনে মূসা। কিশোর বুঝলো, ওভাবে দৌড়ে শুঁটকিকে ধরা যাবে না। একটা শর্টকাট বেছে নিয়ে দৌড় দিলো আরেক দিক দিয়ে। টেরিয়ারের উদ্দেশ্য বুঝতে পেরেছে। পুলের ধার দিয়ে চলে যেতে চায় মেইন গেটের কাছে।

সোজা পুলের দিকে ছুটলো কিশোর। চোখ মুসা আর টেরিয়ারের দিকে। ফলে গায়ের ওপর গিয়ে পড়ার আগে লোকটাকে দেখতে পেলো না।

পেটে গুঁতো খেয়ে গাউক করে উঠলো লোকটা। ফিরে চেয়ে দেখলো কিশোর, ভুরু কুঁচকে তাকিয়ে রয়েছে রূপালি-চুল এস্টেট ম্যানেজার।

কিশোর! কি করছে এখানে? এভাবে দৌড়াচ্ছো কেন?

শুঁটকি টেরি, স্যার, হাঁপাতে হাঁপাতে বললো কিশোর। টেরিয়ার ডয়েল। আপনার ঘরে ঢোকার চেষ্টা করছিলো। মুসা গেছে পেছনে। আমি এদিক দিয়ে ঘুরে গিয়ে ধরতে চেয়েছিলাম…

টেরিয়ার ডয়েল? মানে, যে ছেলেটার কাছে মিস্টার ডেনবারের একটা ছবি আছে?

হ্যাঁ, স্যার। মুসা ধরতে পারলে…

পারলো না। ফিরে এলো মুসা। পালালো ব্যাটা। …সরি..

পালালো, না? ভ্রূকুটি করলো ম্যানেজার। ও আমার কটেজে ঢুকতে চেয়েছে কেন?

সেটা তো আমারও প্রশ্ন, কিশোর বললো। মিস্টার ডেনবারের জিনিসগুলো কি কটেজেই রেখেছেন, স্যার? আমরা যেগুলো খুঁজে বের করে দিয়েছি?

হ্যাঁ। কিন্তু ওগুলো দিয়ে টেরিয়ার কি করবে? একটা পেঁচা… পুলের ধারের চত্বরের দিকে চোখ পড়তে থেমে গেল ম্যানেজার। কাউন্টেস ডাকছেন। বোধহয় কথা বলতে চান।

চত্বরে পাতা রয়েছে অনেকগুলো চেয়ার-টেবিল। তার একটাতে বসে রয়েছেন কাউন্টেস। তিনজনে এগোললা সেদিকে।

কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন কাউন্টেস।

ছেলেদেরকে বসতে ইশারা করে, সংক্ষেপে কাউন্টেসকে সব কথা জানালো ম্যানেজার। আবার ফিরলো ওদের দিকে। তোমরা নিশ্চয় টেরিয়ারকে ধরতে এখানে আসোনি?

না, স্যার, বললো মুসা। আপনাদের অনুমতি নিতে এসেছি, আমরা ছবি খোঁজার কাজটা চালিয়ে যেতে চাই…

তাহলে তো ভালোই হতো। কিন্তু…

কিছু ব্যাপার আছে, স্যার, তাড়াতাড়ি বললো কিশোর। খুলে বললো ওদের অনুমানের কথাঃ রিগ ডেনবারের কাছে কোনো মূল্যবান জিনিস ছিলো। কথাটা অন্য কেউ জানে। হারানো ছবিগুলোর সঙ্গে ওই জিনিসের কোনো যোগাযোগ। রয়েছে। আর, ডেনবারের প্রলাপ শুধুই প্রলাপ নয়, তার মধ্যে মেসেজ রেখে গেছে। শেষে বললো, এর দুটো মানে হতে পারে, স্যার। হয় সত্যি মিস্টার ডেনবার খুব ভালো আর্টিস্ট ছিলেন, তাঁর ছবিগুলোর দাম অনেক, এবং সেটা জানে। জন ফেরেনটি। নয়তো মিস্টার ডেনবার কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছিলেন। এই যেমন চুরি-ডাকাতি, কিংবা চোরাচালানী…

কি বলছো? হাত নাড়লো ম্যানেজার। কাউন্টেসের ভাই চোর? বুঝেশুনে কথা বলা উচিত।

কিন্তু একটা কথা ঠিকই বলেছে, কাউন্টেস বললেন, জন ফেরেনটিকে ভালো লোক মনে হয় না। কিছু খুঁজছে বোঝা যায়।

আপনার ভাই তার দলের লোকও হতে পারে, ম্যাডাম, বললো কিশোর।

হুম! কাউন্টেসের দিকে তাকালো একবার ব্রাউন। কে জানে, হতেও পারে। খেয়ালী লোক ছিলেন, তো। হয়তো কোনোভাবে জড়িয়ে পড়েছিলেন।…তোমরা তাহলে আর এসবে যেও না। বিপদে পড়বে। এখন, পুলিশকে জানাবো…

কিন্তু, স্যার, আমরা…

আর কোনো কিন্তু নেই। জেনেশুনে বিপদে ফেলতে পারি না আমরা তোমাদেরকে। যাও, বাড়ি যাও।

.

১৩.

দরজার কাছে আটকালো দুজনকে ডোরম্যান। জিজ্ঞেস করলো, তোমরা দুজন গোয়েন্দা?

ঢোক গিললো মুসা। আমরা…

আহ! গোয়েন্দা কিনা বলো। হ্যাঁ, কিংবা না।

হ্যাঁ।

এসো আমার সঙ্গে।

পরস্পরের দিকে তাকালো কিশোর আর মুসা। আড়চোখে দেখলো, চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে রয়েছে বদ-চেহারার রিসিপশনিস্ট। হলের প্রতিটি দরজায় লোক, পোর্টার আর ম্যাসেঞ্জার বয়, সবাই চেয়ে রয়েছে দুজনের দিকে। যেন চোর আটকেছে।

একটা দরজা দিয়ে ছোট একটা ঘরে দুজনকে নিয়ে এলো ডোরম্যান। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল।

কাউন্টেস বসে আছেন। কথা আছে তোমাদের সঙ্গে। ওভাবে মন খারাপ করে চলে যাচ্ছিলে…

তারমানে কাজটা চালিয়ে যেতে বলছেন! উত্তেজনা চাপতে পারলো না মুসা।

আপনার ম্যানেজার মত বদলেছেন তাহলে? বললো কিশোর।

না। ও চায় না, তোমরা কাজ করো। তবে আমার বিশ্বাস, তোমরা পারবে।

 হ্যাঁ, পারবো, দৃঢ়কণ্ঠে বললো কিশোর।

পুলিশ চীফ সার্টিফিকেট দিয়েছেন তোমাদের, সেকথা ভুলিনি আমি। কাজ করার অনুমতি দিতে পারি, তবে আমাকে কথা দিতে হবে, সাবধানে থাকবে তোমরা। কোনও বিপদ ঘটাবে না।

নিশ্চয়ই না, কিছু না ভেবেই বলে ফেললো মুসা।

গুড। আমার ভাই কি করছিলো, জানা দরকার।

নিজে হয়তো খারাপ লোক ছিলেন না তিনি, কিশোর বললো। কিন্তু তাঁকে হয়তো কোন খারাপ কাজ করতে বাধ্য করা হয়েছে

সেটাই জানতে চাই।

কাউন্টেস, একটা কথা বলবেন? যে জিনিসগুলো খুঁজে দিয়েছি, ওগুলোর মাঝে সত্যি কি কোনো মূল্যবান কিছু আছে?

নেই। তোমার কি মনে হয়? জিনিসটা কি?

এখনও জানি না।  

কিন্তু তোমার বিশ্বাস, আমার ভাই কিছু লুকিয়ে রেখে গেছে। কোথায় রেখেছে, সে-কথাও জানিয়ে গেছে?

তাতে কোনো সন্দেহ নেই।

বেশ। পারলে খুঁজে বের করো জিনিসটা। আর জন ফেরেনটির ব্যাপারে সাবধান। অযথা ঝুঁকি নিও না। কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে এসে জানাবে। আমাকে। যাও এখন। গুড বাই।

.

হেডকোয়ার্টারে ঢুকে দেখলো দুজনে, রবিন বসে আছে। ওদের দেখেই চেঁচিয়ে উঠলো, খবর আছে!

আমাদের কাছেও আছে! বসতে বসতে বললো মুসা।

কোত্থেকে জানি এলো শুঁটকি, মনে হলো ভূতের তাড়া খেয়ে এসেছে! ঘরে গিয়ে যে ঢুকলো, আর বেরোলো না।

ওর সঙ্গে, তাহলে কথা হয়নি? জানতে চাইলো কিশোর।

না। গিয়ে পেলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন ফিরে আসবো ভাবছি, দেখি আসছে। আমার দিকে চাইলো না।…তবে ওদের মালীর সঙ্গে অনেক কথা বলেছি। জেনেছি, কোথায় কাজ নিয়েছে পুঁটকি।

শুঁটকি ব্যাটা আবার কাজ নিলো কোথায়? তার চাকরির কি দরকার? অবাক হলো মুসা।

কোথায়? জিজ্ঞেস করলো কিশোর।

মিস্টার নরম্যান গালিভারের অ্যাসিসট্যান্ট।

আরও অবাক হলো মুসা। মিস্টার নরম্যান গালিভার! আর্টিস্ট…

বিখ্যাত আর্টিস্ট। চকচক করে উঠলো কিশোরের চোখ। এই রকি বীচেই যিনি থাকেন!

বিশাল একটা বাড়িতে থাকেন, বললো রবিন। স্টুডিওটা আলাদা, তবে বাড়ির লাগোয়া। আমরা ছবি খুঁজছি, আর শুঁটকি আর্টিস্টের ওখানে চাকরি করে, কেমন যেন কাকতালীয় ব্যাপার মনে হয় না?

হয়, মাথা ঝোঁকালো কিশোর। খুব বেশি কাকতালীয়ই মনে হয়। জলদি চলো। লাঞ্চ সেরেই মিস্টার গালিভারের সঙ্গে দেখা করতে যাবো।

.

লোহার উঁচু গেটের বাইরে সাইকেল রাখলো তিন গোয়েন্দা। বিরাট এলাকার ভেতরে দুর্গের মতো মস্ত এক বাড়ির চূড়া চোখে পড়ছে, ঘন গাছপালার জঙ্গলের মাথার ওপর দিয়ে। বিকেলের রোদে আসল বনের মতোই লাগছে দেখতে। গেটটা খোলা। কাউকে চোখে পড়লো না।

চলো, ঢুকে পড়ি, বললো মুসা।

ভেতরে ঢুকলো ওরা। আঁকাবাঁকা সরু একটা পথ চলে গেছে বনের ভেতর দিয়ে। সবে পা বাড়িয়েছে এগোনোর জন্যে, ঠিক এই সময় ভেসে এলো তীক্ষ্ণ এক চিৎকার। যেন তীব্র ব্যথায় চিৎকার করে উঠেছে কোনো মেয়েলোক কিংবা বাচ্চা ছেলে!

কী? ফিসফিস করে বললো রবিন।

ভূত না তো! ভয় পেয়ে গেছে মুসা। চলো, ভাগি!

আবার শোনা গেল চিৎকারটা। বাঁয়ে।

কেউ বিপদে পড়েছে!!

চলো তো, দেখি, কণ্ঠস্বর খাদে নামিয়ে বললো কিশোর। খবরদার শব্দ করবে না!

পথ থেকে সরে গাছের আড়ালে এগোলো ওরা।

শোনা গেল আবার রক্ত-পানি-করা চিৎকার। ঠিক সামনে। দুহাতে ঠেলে : কয়েকটা পাতা সরালো কিশোর। একটুখানি ভোলা জায়গা! ওখানে বসে রয়েছে। একটা ভয়ানক জানোয়ার। চোখ এদিকেই।

স্তব্ধ হয়ে সবুজ চোখজোড়ার দিকে তাকিয়ে রইলো ছেলেরা।

তীক্ষ্ণ চিৎকার করে উঠলো জীবটা। দেখালো মারাত্মক শ্বদন্ত।

চিতাবাঘ! গলা কাঁপছে কিশোরের। দৌড় দাও! কুইক!

না! মানা করলো মুসা। বাঘটার চোখে চোখে তাকিয়ে রয়েছে। যেখানে রয়েছে দাঁড়িয়ে থাকে। দৌড় দিলেই এসে ধরবে।

 হ্যাঁ, দাঁড়িয়ে থাকো। একেবারে চুপ, পেছন থেকে বলে উঠলো আরেকটা কণ্ঠ। দৌড় দিলেই মরবে।

ঝট করে ফিরে তাকালো তিনজনে।

বিশালদেহী এক লোক, যেন একটা গ্রিজলি ভালুক। লাল দাড়ি, লাল ঘন চুল। চোখে আগুন। হাতে একটা বল্লম, ঝকঝকে ফলাটা তিন ফুটের কম হবে না।

 পাথর হয়ে গেল যেন তিন গোয়েন্দা। পালানোর পথ নেই। সামনে চিতাবাঘ, পেছনে বল্লম-হাতে এক ভালুক!

বিকট গর্জন করে ওদের দিকে লাফ দিলো চিতাটা।

.

১৪.

মাঝপথে অদৃশ্য কোননা দেয়ালে বাড়ি খেয়ে যেন থেমে গেল চিতাবাঘ, ধুপ করে পড়লো মাটিতে। নাকে মুখে ব্যথা পেয়েছে। আহত কুকুরের মতো একবার কুঁইকুই করে আবার ফিরে গিয়ে বসলো আগের জায়গায়। সবুজ চোখ জ্বলছে। ছেলেদের ধরতে না পেরে রেগে গেছে।

কি-ক্কিভাবে, গলা এতো কাঁপছে, কথাই বলতে পারছে না রবিন।

হাত বাড়ালো মুসা। পাতার ওপাশে, মাত্র ফুটখানেক দূরে ঠেকে গেল হাত। কাঁচ! কাঁচের খাঁচায় ভরে রাখা হয়েছে। এতো ভয় পেয়ে গিয়েছিলাম, দেখিইনি। পুরো খোলা জায়গাটাই একটা বিশাল কাঁচের খাঁচা!

বুঝেছো তাহলে, বললেন লাল-দাড়িওয়ালা লোকটা। তোমাদের কি ধারণা, চিতাবাঘ ছেড়ে রাখবো মানুষের ঘাড় মটকানোর জন্যে?

না,না, মিনমিন করে বললো কিশোর, তা কেন…

রবিন জিজ্ঞেস করলো, ওটাকে কাঁচের খাঁচায় ভরেছেন কেন, স্যার?

নাহলে স্টাডি করবো কিভাবে? কি করে হাঁটে ওটা, পেশী নাড়ায়, হাঁ। করে…না দেখলে আঁকবো কিভাবে? জ্যান্ত হবে ছবি?

 আপনিই আর্টিস্ট! এতোক্ষণে বুঝলো কিশোর। মিস্টার নরম্যান গালিভার, বিখ্যাত…

চিতাবাঘের ছবি আঁকবেন, বললো রবিন।

হ্যাঁ, আঁকবো। আফ্রিকান অনেক কিছুর ছবিই আমি এঁকেছি। ওসব কথা থাক। বল্লমটা নাড়লেন গালিভার। এটা দেখো। আফ্রিকান মাসাই উপজাতির লোকেরা এ-জিনিস দিয়ে সিংহ মারে। ছেলেদের সই করে তুললেন অস্ত্রটা। আরও অনেক কিছু মারা যায়। এই যেমন ধরো, মানুষ। বলো এখন, আমার স্টুডিওতে ঢুকেছো কেন? চুরি করার জন্যে?

আমরা চোর নই, মেজাজ দেখিয়ে বললো মুসা। কেউ তাকে চোর বললে সাংঘাতিক রেগে যায়।

বাহ, রাগও আছে। তাহলে চুপি চুপি আমার বাড়িতে ঢোকার কারণ?

আমরা, স্যার, ডিটেকটিভ, জবাব দিলো কিশোর। কথা বলতে এসেছি। আপনার অ্যাসিসটেন্ট টেরিয়ার ডয়েল…

টেরিয়ার? ওই শয়তানটার সঙ্গে সম্পর্ক? হুঁ তোমরাও বাজে ছেলে। যাও, আগে বাড়ো। পুলিশে দেবো তোমাদের, হাতের বল্লম নাচালেন আর্টিস্ট।

দুর্গের ভেতরে বড় একটা ঘরে ছেলেদের নিয়ে এলেন। শেলফ ভরতি বই। কেমন বিষণ্ণ পরিবেশ।

পুলিশকে ফোন করবেন তো, স্যার? কিশোর বললো। চীফ ইয়ান ফ্লেচারকে চান।

কেন?

আমাদের নাম বললেই উনি চিনতে পারবেন। তিন গোয়েন্দার একটা কার্ড, সেই সঙ্গে পুলিশ চীফের সার্টিফিকেটটা বের করে বাড়িয়ে দিলো কিশোর।

সইটা তো আসলই লাগছে। চীফেরই সই কি করে জানবো?

করুন না, তাঁকে ফোন করুন। নইলে আরেক কাজ করতে পারেন। আর্টিস্ট যখন, নিশ্চয় মিস্টার ডেভিস ক্রিস্টোফারের সঙ্গে পরিচয় আছে… 

ফিল্ম প্রডিউসার? ডিরেক্টর?

হ্যাঁ।

সে-ও তোমাদের চেনে নাকি? এইবার সত্যি সত্যি বিপদে পড়লে, ইয়াং ম্যান। মিছে কথা এবার ফাঁস হবে, বলতে বলতে রিসিভারের দিকে হাত বাড়ালেন গালিভার। কানে ঠেকিয়ে ডায়াল করলেন। কে? ডেভিস? আমি নরম্যান। তিনটে ছেলে চুরি করে ঢুকেছে আমার বাড়িতে, বলছে তিন গোয়েন্দা…কি বললে?…হা হা, ওরকমই চেহারা..তাই নাকি?…ভেরি গুড। আচ্ছা, রাখি। গুড বাই। রিসিভার নামিয়ে রেখে ফিরে চেয়ে হাসলেন আর্টিস্ট। নাহ, ফাসাতে পারলাম না তোমাদের। বল্লমটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখলেন ঘরের কোণে। তা এখানে কি রহস্যের খোঁজে এসেছো?

মনে হলো পাহারায় ছিলেন, ঘুরিয়ে কথা বললো কিশোর। নিশ্চয় চোর টোরের খোঁজে। জ্বালাতন করছিলো বুঝি?

হ্যাঁ।

ছবি চোর?

তুমি কি করে জানলে? ঠিক চুরি নয়। আমাকে না জানিয়ে নিয়ে গিয়েছিলো, আবার রেখে গেছে। সেজন্যেই তাড়িয়েছি ওকে। তবে আসল রহস্য সেটা নয়। ইদানীং কিছু ভূতুড়ে ছবির পাল্লায় পড়েছি।

ভূতুড়ে! আঁতকে উঠলো মুসা।

এছাড়া আর কি বলবো? আমার স্টুডিও এই খানিক দূরেই। কাল-পরশু দুদিনই ঘটেছে ঘটনাটা। সকালে কাজ করতে গিয়ে দেখি সরে রয়েছে ছবিগুলো। যেখানে রেখেছিলাম, সেখানে নেই, অন্য জায়গায়। আরও কিছু জিনিসপত্রও অবশ্য নড়েছে। তবে কিছু চুরি যায়নি।

যে ছবিগুলো নড়ে, ওগুলো কি ওই ছবিটার সঙ্গের? যেটা নিয়ে গিয়ে আবার ফিরিয়ে দিয়েছে টেরিয়ার? জিজ্ঞেস করলো কিশোর।

হ্যাঁ। একটা জাঙ্কইয়ার্ড থেকে কিনেছিলাম।

তাহলে ভূতের ব্যাখ্যা বোধহয় দিতে পারি। রিগ ডেনবার, কাউন্টেস, ফ্রেড ব্রাউন আর জন ফেরেনটির কথা বললো কিশোর। কয়েক দিনে যা যা ঘটেছে, তা ও বললো। সবশেষে বললো, তাহলে বুঝতেই পারছেন, ছবিগুলো পরীক্ষা করে দেখার জন্যেই কেউ ঢুকেছিলো আপনার স্টুডিওতে।

 না, পারছি না, মাথা নাড়লেন গালিভার। নাড়াচাড়া করা হয়েছে রাতের ও বেলা। আর রাতে, স্টুডিওর জানালা সব বন্ধ করে দিই আমি। দরজায় তালা লাগিয়ে রাখি।

.

১৫.

চোর ঢোকার কোনো পথই রাখি না, আবার বললেন গালিভার। দেখতে চাও?

তিনজনেই জানালো, চায়।

চিতার খাঁচার পাশ কাটিয়ে, সরু বুনোপথের ভেতর দিয়ে আরেকটা পাথরের বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। জানালায় মোটা মোটা লোহার শিক। দরজার পাল্লা লোহার। বিরাট তালা লাগানো। ওটা খুলতে দক্ষ তালার মিস্ত্রীরও অন্তত একটি ঘন্টা ব্যয় হবে।

কাছে গিয়ে ভালোমতো তালাটা দেখলো কিশোর। কোনো দাগ নেই, সামান্যতম আঁচড়ও নেই। তার মানে জোর করে ভোলা হয়নি তালা।

চাবি দিয়ে তালা খুললেন আর্টিস্ট।

ভেতরে ঢুকলো সবাই।

দরজার কব্জা ভেতরের দিকে, ওগুলোতেও কোনো দাগ নেই। আর, বাইরে থেকে ওই কজা ভাঙা অসম্ভব। ঘরের দরজাও ওই একটাই।

বেশ বড় ঘর। সাজানো স্টুডিও। যা যা জিনিস দরকার, সব আছে। তাক আছে অনেকগুলো, তাকে ছবি আঁকার সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। দুটো জানালা, পাল্লাগুলো ভেতরের দিকে খোলে। একটা স্কাইলাইট দিয়ে আলো আসছে, ওটা খোলেই না। কোনো ফায়ার প্রেস নেই, স্টোভ নেই। এদিকের দেয়ালে ছোট একটা একজস্ট ফ্যান লাগানো, লম্বা কর্ড, সকেটে ঢোকানো প্লগ। পাথরের নিরেট মেঝে, তলায় বেসমেন্ট বা কোনো ধরনের পাতালঘর নেই। দেয়াল বা মেঝের কোথাও একটা ফোকর নেই যে চোর ঢুকবে।

ভূতেই তো নাড়ায় দেখছি! বিড়বিড় করলো মুসা।

ছবিগুলো কোথায়? জিজ্ঞেস করলো কিশোর।

ওই তো, র‍্যাকে, হাত তুলে দেখালেন গালিভার।

দেখতে পারি?

নিশ্চয়। দেখো।

সাবধানে ছবিগুলো নামালো কিশোর। বিশটা ছবিই আছে। এক এক করে পাশাপাশি সাজালো সে। ওই তাকে কেন রেখেছেন, স্যার? ওখানে তো সব বাতিল ক্যানভাস দেখছি।

বাতিলই তো। এগুলোও বাতিল বলেই কিনেছি। এগুলোর ওপর নতুন ছবি আঁকার জন্যে। অনেক আর্টিস্টই তাই করে।

 হ্যাঁ, তা করে। তাহলে আপনার ধারণা, এই ছবিগুলো কোনো কাজের নয়?

আমার কাছে তো নয়। রিগ ডেনবারের নামও শুনিনি কোনোদিন। তবে, আঁকার হাত ছিলো লোকটার। ভাবতে অবাকই লাগে, লোকটা বিখ্যাত হলো না কেন? কেন তার নাম কেউ জানলো না?

ছবি কখনও বেচেনি তো, তাই, মুসা বললো।

হতে পারে। তবে দুনিয়া যে একজন ভালো আর্টিস্টকে হারালো, একথা মানতেই হবে। কিন্তু

আপনার কাছে এগুলোর দাম নেই, কিশোর বললো। কিন্তু অন্য কারো কাছে হয়তো আছে? অনেক দাম দিয়ে কিনতে চায়? হতে পারে না এরকম?

পারে, চিন্তিত ভঙ্গিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রয়েছেন গালিভার। তবে সন্দেহ আছে। সেরকম বুঝলে আমিও নষ্ট করবো না। এই ছবিগুলো তেমন ভালো না, ঠিক, কিন্তু লোকটার হাত ছিলো অসাধারণ,। ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতো সে। এই দেখো না, বিশটা ছবি বিশ রকম ভাবে এঁকেছে। যেন। বিশজনের আঁকা। এই গুণটা অনেক বড় আর্টিস্টেরও থাকে না। ফলে একঘেয়ে হয়ে যায় তাদের ছবি।

তাহলে এই ছবিগুলোকে খারাপ বলছেন কেন? প্রশ্ন করলো রবিন।

কারণ, এগুলোতে কেমন যেন নকল, নকল একটা ভাব। অন্য আর্টিস্টের স্টাইল চুরি করেছে ডেনবার, তার সঙ্গে নিজের কিছু মিশিয়েছে, পুরোপুরি নিজস্ব নয়। অ্যাডাপটেশন বলতে পারো।

গভীর মনোযোগে ছবিগুলো দেখছে কিশোর। ফ্রেম নেই, সাধারণ কাঠে। ক্যানভাসটা ছড়িয়ে আটকে নিয়ে ছবি আঁকা হয়েছে।

এগুলোতে কিছু লুকানো নেই, মুসা বললো। আর ছবিতে কোনো মেসেজও নেই।

না, নেই, বললো কিশোর। চেয়েই রয়েছে ছবিগুলোর দিকে। প্রত্যেকটা ছবি যেন রেমুডা ক্যানিয়নের কটেজের প্রতিবিম্ব। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো? প্রত্যেকটাতে সিরিয়াল নম্বর দেয়া আছে।

তাই তো! ভুরু কোঁচকালো মুসা। কিশোর বলার আগে নজরে পড়লো না। কেন? একেই বলে সূক্ষ্ম দৃষ্টি। রবিন দেখলো। গালিভারও দেখলেন নম্বরগুলো।

ক্রমিক নম্বর অনুসারে ছবিগুলো পর পর সাজালো কিশোর। এক নম্বরটায়। ক্লোজ-আপ, সবচেয়ে বড়, পরেরগুলোয় ধীরে ধীরে ছোট হয়ে গেছে। শেষ ছবিটায় এতো ছোট, ঘরের চেহারা অস্পষ্ট, প্রায় বোঝাই যায় না।

তো, কি বোঝা যাচ্ছে? ভুরু নাচালো মুসা।

আমি কিছু বুঝছি না, রবিন বললো।

ভালো করে দেখো, বললো কিশোর। ধীরে ধীরে ছোট করে ফেলা হয়েছে কটেজটাকে, সঙ্কুচিত। গাছপালা, পাথর, ক্যানভাসের  চেয়ার, ডোরাকাটা ছাউনি, সব কিছুর আকার একই রকম রেখেছে, শুধু ছোট করেছে ঘরটাকে। এই যে দেখো না, শেষটায় ছাউনিটা ছাড়া ঘরের আর কিছুই বোঝা যায় না।

বেশ, দেখলাম। কিন্তু তাতে কি? বললো মুসা।

 ভূতুড়ে ছবির সঙ্গে যোগ হলো সঙ্কুচিত ছবির রহস্য, হাসলেন আর্টিস্ট। ঠেলা সামলাও এখন।

কিছু থাকলে এই ছবিগুলোতেই আছে, আনমনে বললো কিশোর। রাতের বেলা চোর এসে এজন্যেই এগুলোকে নাড়াচাড়া করে।

এখানে কেউ ঢুকতে পারে না, কিশোর। জোর দিয়ে বললেন গালিভার।

কিন্তু ছবি তো আর আপনাআপনি নড়তে পারে না। ভূত বলেও কিছু নেই। লম্বা একটা বেঞ্চের ওপর বসে পড়লো কিশোর, পুরো বেঞ্চটাই ঢেকে রাখা হয়েছে। বড় একটা কম্বল দিয়ে। স্টুডিওর ভেতরে চোখ বোলালো সে।

গালিভার বসলেন একটা কাউচে। রবিন আর মুসা বসলো দুটো আর্মচেয়ারে।

চোর কে জানতে পারলে হতো, নিচের ঠোঁটে চিমটি কাটলো কিশোর। তাহলে হয়তো বুঝতাম, ছবিগুলো তার কেন দরকার?

জানার উপায় কি? জিজ্ঞেস করলো মুসা।

উঠে, স্টুডিওর একমাত্র দেয়াল আলমারিটার দিকে এগিয়ে গেল গোয়েন্দা প্রধান। পাল্লা খুললো। আলমারির ওপর দিকে দুটো তাক। নিচের অংশটা বড়। ওপরের তাকে আর নিচে সাজানো রয়েছে রঙের কৌটা, ব্রাশ, ছবি আঁকার অন্যান্য সরঞ্জাম। পেছনে নিরেট পাথরের দেয়াল। ফিরে তাকালো সে। জানার একটাই উপায়। আমাদের কাউকে লুকিয়ে থাকতে হবে এখানে।

বেশ, বললেন গালিভার, আমিই থাকবো।

না, আপনি থাকলে হবে না। দরজা-জানালা বন্ধ করে চোরকে দেখিয়ে বেরিয়ে যেতে হবে আপনাকে। নইলে সে আসবেই না।

তাহলে কে থাকবে?

আমাদের একজন। মুসা, তুমি থাকবে। আপত্তি আছে?

না। তোমরা কি করবে?

আমাদের অন্য কাজ আছে। ভয় পাবে না তো?

ভূত হলে পাবো। আর চোর এলে তো ধরে কিলই শুরু করবো। ভয় কিসের?

হেসে উঠলো কিশোর আর রবিন। এমনকি আর্টিস্টও লাল দাড়ি নাচিয়ে হাহ হাহ করে হাসলেন। ভূত হলেও ভয় নেই। বাইরেই লুকিয়ে থাকবো আমরা। তোমার চিৎকার শুনলেই এসে পড়বো।

কিভাবে পাহারা দেয়া হবে, তার একটা ছক তৈরি করে সবাইকে শোনালো কিশোর। তারপর দুই সহকারীকে নিয়ে বেরিয়ে এলো স্টুডিও থেকে। বাড়ি ফিরে চললো।

তাড়াতাড়ি ডিনার সেরে আবার গালিভারের বাড়িতে রওনা হলো কিশোর আর মুসা। রবিন আসতে পারলো না, জরুরী কাজে তাকে ডেকে নিয়ে গেছেন মা। ঘন বনের ভেতর দিয়ে নীরবে এগিয়ে চললো দুজনে। থামলো এসে স্টুডিওর সামনে। চুপ করে বসে রইলো কিছুক্ষণ। সন্দেহজনক আঁওয়াজের আশায় কান পেতে রইলো। কিছু শোনা গেল না। মুসার গায়ে কনুই দিয়ে গুঁতো দিলো কিশোর।

ঝোপ থেকে বেরিয়ে এক ছুটে খোলা দরজা দিয়ে স্টুডিওতে ঢুকে পড়লো মুসা। আলমারির ভেতর লুকিয়ে বসলো। পাল্লা ফাঁক করে রাখলো কয়েক ইঞ্চি। যাতে ঘরের ভেতর চোর ঢুকলে দেখতে পায়।

সূর্য ডোবার আগে আগে শব্দ করে জানালা বন্ধ করলেন গালিভার। বাইরে বেরিয়ে দরজায় তালা দিলেন। রোজকার মতোই। তারপর চললেন বাড়ির দিকে।

<

Super User