নিরীহ লোকজন যাতে ক্রস ফায়ারে না পড়ে তাই শেষ মুহূর্তে মত বদলে বারের কাছে এসে দাঁড়িয়েছে জেথ। অল্প কয়েকজন খদ্দের ছিল, তিন দুবৃত্ত সেলুনে ঢোকার আগেই সরে গেছে নিরাপদ দূরত্বে।
প্রথম লোকটা, সেলুনে ঢুকেই সরাসরি তাকাল জেথের দিকে। চোখে বেপরোয়া চাহনি সতর্ক করল ওকে। বাক টার্নারের নির্দেশ মত, কোন সুযোগ দেবে না-এটাই স্বাভাবিক। ন্যায়-অন্যায়ের মাপকাঠি হাতে কে দাঁড়িয়ে আছে? তাছাড়া ওরা সেটার পরোয়াও বোধহয় করে না।
অপেক্ষা করছে জেথ। কার্লি হুঙ্কার ছাড়তে বিদ্যুৎ খেলে গেল ওর হাতে। সমস্ত মনোযোগ তস্করদের, বিশেষ করে কার্লির ওপর কেননা এখানে শক্তপান্না সে-ই। তারপর কমবয়সী ছেলেটা, তার অস্থির চাহনি মানে বিপদ সঙ্কেত।
জেথ অনুভব করল কোল্টটা হাতে উঠে এসেছে। হোলস্টার থেকে বের। করার মুহূর্তে হ্যামার টেনে নিয়েছে। বেশিরভাগ লোক এটা জানে না, এতে দ্রুত পিস্তল বের করেই গুলি করা যায়। সবাই অবশ্য বের করার পর হ্যামার টানে, নয়তো ডুয়েলের আগে হ্যামার টেনে রাখে। সময়ের হেরফের খুব বেশি না, কিন্তু এটাই জেথের কাছে স্বচ্ছন্দের, সময়ও কম লাগে। ডুয়েলের সময় সেকেন্ডের ভগ্নাংশও অতি মূল্যবান।
কার্লি রাফের বাম বুকে ছোট্ট একটা ফুটোর সৃষ্টি হলো, গুলির ধাক্কায় ব্যাটউইং দরজার ওপর ছিটকে পড়ল সে। হোলস্টার থেকে বের করেছে জোড়া পিস্তল। শুধু ডানহাতের সিক্সশটার তুলে নিশানা করার চেষ্টা করল। তার চওড়া কপালের জন্যে দ্বিতীয় বুলেটটা বরাদ্দ করল জেথ। মেঝেয় আছড়ে পড়ল বিশাল দেহ, পিস্তলধরা হাতগুলো ধীরে দেহের পাশে জায়গা করে নিল, তারপর শিথিল হয়ে গেল মুঠি।
একটা টেবিল লক্ষ্য করে ঝাঁপ দেয়ার সময় জেথ খেয়াল করল সক্রিয় হয়ে উঠেছে অন্যরা। ওর প্রশস্ত কাঁধের ধাক্কায় একদিকে কাত হয়ে পড়ল টেবিলটা, জেথ তার আড়ালে। আধশোয়া অবস্থায়, পড়তে পড়তে গুলি করেছে তরুণকে, হাঁটুর নিচে যাতে হাড় ভেঙে যায়। হোঁচট খাওয়ার মত সামনের দিকে ঝুঁকে পড়ল ছেলেটা, ব্যথায় নীল হয়ে গেছে মুখ। সামলে নিয়ে নিশানা করল সে। আরেকটা বুলেট তার উরুতে বেঁধাল জেথ। ধীরে হাঁটু ভেঙে মেঝেতে পড়ে গেল, প্রার্থনায় বসেছে যেন কোন প্রীস্ট। সিক্সগান পড়ে রয়েছে পাশে, ধরার চেষ্টা করেও পারল না।
তৃতীয়জন, বন্ধুদের পতনে যদিও হতচকিত ঠিক সময়েই ড্র করেছে। ওর পাঠানো গুলিটা জেথের আধ হাত দূর দিয়ে গিয়ে বারে বিধল। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিরক্তিতে কুঁচকে উঠল কপাল, ফের নিশানা করার চেষ্টা করল। তার হাতের কজিতে গুলি করল জেথ। পিস্তল ফেলে দিয়ে অন্যহাতে কজি চেপে ধরল সে। চোখে-মুখে নিখাদ আতঙ্ক। জখম থেকে চুইয়ে পড়া রক্তের ওপর বসে পড়ল।
পিস্তলে টোটা ভরে উঠে দাঁড়াল জেথ। ডরম্যানের পেছনে এসে ঘাড়ের কাছে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করল। লুটিয়ে পড়ল লোকটা।
খোদার কসম, এরচেয়ে দ্রুত কাউকে ড্র করতে দেখিনি আমি! সবিস্ময়ে চেঁচাল লুইফ বেক্সটার। ওরা যা ভাবেনি ঠিক তাই ঘটেছে।
গুঞ্জন উঠল-এখন যা, যাকে নিয়ে হওয়া উচিত।
পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করল জেথ। বাইরে বোধহয় টার্নার দলবল নিয়ে ওঁৎ পেতে আছে, ভাবল ও। ঝুঁকিটা নিতেই হবে। কাজ শেষে তিন দুবৃত্তকে ফিরতে না দেখে ঘটনা আঁচ করে ফেলবে সে। ওকে না পেয়ে আক্রোশে দোকান বা বাড়িগুলোয় আগুন জ্বালিয়ে দেয়া বিচিত্র কিছু নয়।
খোলা পিস্তল হাতে মেঝেতে শুয়ে পড়ল জেথ। ব্যাটউইং দরজার নিচ দিয়ে দ্রুত পোর্চে বেরিয়ে এল। ক্ষীণ আশা ফাঁকি দিতে পেরেছে দুর্বত্তদের, প্রতিপক্ষ হয়তো ভাববে বীরত্ব ফলাতে দরজায় এসে দাঁড়াবে ও।
ব্যাংকের কাছে আছে একজন। দেরি সইছে না, গুলি করে সেলুনের কাঁচ ভাঙছে, জেথ যে বেরিয়ে এসেছে তা-ও টের পায়নি। কোল্টের আওতায় আছে সে, দেরি না করে গুলি করল ও। কিন্তু বিস্ময়ের সাথে লক্ষ করল রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ে গেছে লোকটা আর ওর গুলি ব্যাংকের দেয়ালে চল্টা তুলেছে। ধ্যাত্তেরি! গুলি করল কে? ভাবছে জেথ। সেলুনের দিকে ফিরে ছিল দুবৃত্ত, তার বাম বুকে বিঁধেছে গুলিটা। তারমানে ডানদিকে কোথাও আছে অদৃশ্য স্নাইপার। রাস্তা ধরে দক্ষিণে তাকাল জেথ। কয়েকশো গজ দূরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে লড়াইটা দেখছে পনেরো-বিশজনের একটা দল। ওদের কারও হাতে অস্ত্র। নেই, তাছাড়া এতদূর থেকে লক্ষ্যভেদ করাও কঠিন। সেলুন আর আস্তাবলের সামনে বেঁধে রাখা ঘোড়াগুলো ছটফট করছে। রাস্তার পশ্চিম পাশে একটা বাকধোর্ড পড়ে আছে। জেথ ধারণা করল ওটার পেছনে আছে লোকটা।
সুর তুলে কানের পাশ দিয়ে একটা সীসা চলে যেতে হুশ হলো ওর। বোকামি করে ফেলেছে। চকিতে ডানদিকে গড়িয়ে দিল শরীর, পোর্চ থেকে শক্ত মাটিতে এসে পড়ল। এবারকার অবস্থানটা দারুণ, মাথা নিচু করে পড়ে থাকলেই হলো। ব্যাংকের ওদিক থেকে দেখা যাবে না ওকে। কিন্তু এভাবে নিষ্ক্রিয় হয়ে থাকার ইচ্ছে নেই ওর, দুতিনটা গুলি ছুটে যাওয়ার পর মাথা তুলে দেখল। রাইফেলের একটা ব্যারেল বেরিয়ে আসছিল আড়াল থেকে গুলি করল। কিছু দূরে খোলা জায়গায় গিয়ে পড়ল রাইফেলটা, এমন এক জায়গায়-আনতে গেলে ঝুঁকি নিতে হবে।
চোখ সরাল না জেথ। একটু একটু করে সময় এগোচ্ছে। আড়চোখে তাকাল দক্ষিণে, বাকবোর্ডের পেছনে কোন নড়াচড়া নেই। শহরটা একেবারে শান্ত। উত্তরে ভূমি বণ্টন অফিসের কাছে ভিড় করেছে কিছু লোক। রেঞ্জের বাইরে, তস্করেরা খেপে গিয়ে নিরীহদের ওপর গুলি করলেও লাগাতে পারবে না।
হঠাৎ করে, ছোঁ মারল বলিষ্ঠ একটা হাত। ওর দেরি হলেও বাকবোর্ডের পেছন থেকে রাইফেল গর্জে উঠল। স্পষ্ট দেখতে পেল জেথ, বিধেছে গুলিটা, ওরটাও। তৎক্ষণাৎ আড়ালে চলে গেল হাতটা, কাজ উদ্ধার করতে পারেনি।
অখণ্ড নীরবতার মধ্যে কেটে গেল কয়েকটা মিনিট। লোকজনের সাড়া পাওয়া। গেল এবার, ভয়ে অবশ্য এগিয়ে আসছে না কেউ। দূরে ধেয়ে যাওয়া ঘোড়ার খুরের শব্দ শোনা গেল, এর পরপরই ব্যাংকের দরজায় দেখা গেল জুলিয়াস হোল্ডেনের প্রসন্ন মুখ। এই প্রথম তাকে হাসতে দেখছে জেথ। ওরা চলে গেছে, পরিতৃপ্তির সাথে ঘোষণা করল সে।
উঠে দাঁড়াল জেথ। কোন সীসা ছুটে এল না। পিস্তলে টোটা পুরছে, আর ভাবছে তস্করদের নিয়ে। সুবিধা করতে না পেরে পালালেও আবার ফিরে আসতে পারে। এখন পর্যন্ত লড়াইয়ের ফলাফল সন্তোষজনক-দুজন করে আহত ও মৃত। এবার খেপে যাবে টানার, সুযোগ পেলেই হামলা করবে। তবে এটা ঠিক দারুণ একটা শিক্ষা পেয়েছে সে আজ, তাই পরের বার হামলা করবে ভেবে-চিন্তে। কোন কারণেই শহর ছাড়া যাবে না, সিদ্ধান্ত নিল জেথ।
বাড়ি থেকে বেরিয়ে আসছে নারী-পুরুষের দল, হুল্লোড় করছে।
বাকবোর্ডের দিকে এগোল জেথ। মাত্র পাঁচ কদম এগোতে টের পেল উরুর ওপর থেকে উড়ে গিয়ে রাস্তার ধুলোয় পড়ল ওর হোলস্টার, কোল্টটা তখনও হাতে। থেমে ওটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সোজা কপালে গুলি করেনি, তারমানে পরিচিত এবং শুভাকাক্ষী। লোকটা কে?
ঘুরে, এমনভাবে বাকবোর্ডের পেছনে চলে এল যাতে টের না পায় লোকটি। পৌঁছানোর পর ঝটিতি ঘুরল সে, হাতে রাইফেল।
রোয়ানা!
জেথ বিস্মিত, কিছুটা অপ্রস্তুতও। আর যে-ই হোক ওকে আশা করেনি। তারপর বিরক্তি লাগল। দুনিয়ার সব তামাশা কেবল আমার সাথে, তিক্ত মনে ডাবল জেথ। কৈশোরে, এমনকি এখনও ওর অক্ষমতা নিয়ে অনেকেই তামাশা করেছে এবং করছে। এই একটা জিনিস দারুণভাবে ঘৃণা করে ও।
রোয়ানার কাঁধ ধরে চাপ দিল জেথ, ইঙ্গিত করল ঊরুর দিকে।
উঁহু, লাগছে! ব্যথায় কুঁচকে উঠল মেয়েটার মুখ।
জেথ ছাড়ল না। জবাব চাই-ই ওর।
মজা করার লোভ সামলাতে পারিনি।
রোয়ানার কাঁধ ছেড়ে দিয়ে পড়ে থাকা হোলস্টারের দিকে এগোল জেথ। একটা জিনিস অস্বীকার করার উপায় নেই, ভাবছে, মেয়েটার হাতের টিপ সত্যি। দারুণ। হোলস্টার যথাস্থানে বাঁধার পর রাগ পড়ে গেল।
সামনে এসে দাঁড়াল রোয়ানা। মলিন দেখাচ্ছে, মুখ। মাফ চাইছি, জেথ! ম্লান স্বরে বলছে। তুমি রাগ করেছ? আমি ভাবতে পারিনি…আসলে এ মুহূর্তে হোয়াইটস্টোনের সবচেয়ে সাহসী লোকটিকে পরখ করে দেখার লোভ হলো। তাছাড়া তোমার উদ্বেগটুকু দেখতেও আমার ভাল লেগেছে।
হেসে ফেলল জেথ। ওর তো ধন্যবাদ পাওনা হয়েছে, ভাবল, সম্ভবত শহরবাসীদের পক্ষ থেকেও।
মেঘ কেটে গেল, হাসল রোয়ানা। চলো, সেলুনে যাই। অরেঞ্জ জুসে হবে না, হুইস্কি দরকার। বাক টার্নারকে হটিয়ে দিয়েছি আমরা, সে-উপলক্ষেও তো পান করা উচিত, না-কি? ফের হাসল ও, মুগ্ধ হয়ে রোয়ানাকে দেখছে জেথ। তাকিয়ে থাকল, ভাবছে এত সুন্দর করে হাসে মেয়েটা!
বুকের গভীরে একটা কষ্ট খোঁচা মারল। মেয়েটাকে পাওয়ার লোভ হয় প্রায়ই, ভবঘুরে জীবন ছেড়ে ছুটে আসতে ইচ্ছে করে জেথের। কিন্তু বাদ সাধে ওর মুখের খালি অংশটা। রোয়ানার পাশে সে বড়ই বেমানান। বোবা এক ভবঘুরে রোয়ানার মত সুন্দরী মেয়েকে কখনোই সুখী করতে পারবে না।
কি হলো, চলো! তাড়া দিল রোয়ানা। জেথের মুগ্ধ দৃষ্টি এড়িয়ে গেল।
সবাই এসো, হাঁক ছাড়ল লুইফ বেক্সটার, পোর্চে বেরিয়ে এসেছে। সবার জন্যে এক রাউন্ড করে ফ্রী! সাহসী ম্যাকলীনদের সুস্বাস্থ্য কামনায়!
.
তিন দিন পেরিয়ে গেছে।
কার্লি রাফ আর অন্য লোকটাকে বুটহিলে কবর দেয়া হয়েছে। পিট ও ডরম্যানকৈ পাঠানো হয়েছে ডাক্তার পিকার্ডের ছোট্ট হাসপাতালে। এ কদিনে অনেকটা সুস্থ হয়ে উঠেছে, জেথের অন্তত তা-ই ধারণা। পিটের পায়ে প্লাস্টার, ভাঙা হাড় জোড়া লাগতে আরও কয়েক সপ্তাহ লাগবে। উরুর জখমটা গভীর, প্রায় হাড় পর্যন্ত। বুলেটটা ভেতরে রয়ে গিয়েছিল, দুঘণ্টা পরিশ্রম করে ওটা বের করেছে পিকার্ড।
পিটকে না হোক, ডরম্যানকে সেলে ঢোকানো দরকার। দুবৃত্তের ক্ষতটা মারাত্মক কিছু নয়, দুদিন বাদে একটা দাগ থাকবে কেবল। এ অবস্থায় ঝুঁকি। নেয়া যায় না। কে বলতে পারবে টার্নার ওদেরকে উদ্ধার করার চেষ্টা করবে না? জেলের চেয়ে হাসপাতাল থেকে ওদের বের করে নেয়া অনেক সহজ।
কয়েকবার ওদের সাথে কথা বলার চেষ্টা করেছে জেথ, কেউই মুখ খোলেনি। এবার অবশ্য একটু কৌশল খাটাতে হয়েছে, তাতে কাজ হওয়ার সম্ভাবনাই বেশি। কেবল ওদের তথ্যের আশায় বসে থাকেনি জেথ। টার্নারকে অনুসরণ করার চেষ্টা করেছিল, এখান থেকে নাক বরাবর পুবে চলে গিয়েছিল সে। প্রথমে সমতল ট্রেইল আর তৃণভূমি থাকলেও শেষতক ক্রমশ রুক্ষ দুর্গম হয়ে উঠেছিল। তবু থামেনি জে, এমনকি একটা পাথুরে জমিতে প্রচণ্ড পরিশ্রমের পর ট্র্যাক না পেয়েও আন্দাজের ওপর এগিয়েছে এবং শেষে বেশ কিছু দূরে গিয়ে খুঁজে পেয়েছে। মাইল দশ পর বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ওরা, এরপর আর এগোয়নি জেথ। কাকে ট্রেস করবে? সন্দেহ করেছিল হয়তো সামনে অভ্যর্থনার আয়োজন করে রেখেছে টার্নার, তাছাড়া মনে হচ্ছিল হাল ছেড়ে দিয়েছে লোকটা।
জেথ তা বিশ্বাস করে না। জানে ঘুরে-ফিরে এখানেই আসবে টার্নার। হোয়াইটস্টোনে এ পর্যন্ত যা-কিছু ঘটেছে তার সবই পূর্ব পরিকল্পিত, এ ষড়যন্ত্রে টার্নারের বিরাট ভূমিকা রয়েছে। পাওনা বুঝে নেবেই সে।
সবকিছুর পেছনে যে লোক, পিট ও ডরম্যান বোধহয় তার পরিচয় জানে না, ভাবল ও। লোকটা সাবধানী ও চতুর, নিজের পরিচয় যদূর সম্ভব আড়াল করতে চাইবে এটাই স্বাভাবিক। তাকে মুলোর লোভ দেখাতে চাইছে জেথ। তাই ঘোষণা করেছে এক সপ্তাহের মধ্যে মবের হাতে তুলে দেবে পিট আর ডরম্যানকে। শহরে। দারুণ আলোড়ন তুলেছে ব্যাপারটা। বাঁচতে চাইলে এখন আর মুখে কুলুপ এঁটে রাখতে পারবে না দুই দুর্বত্ত। পেছনের লোকটা নিশ্চিত হচ্ছে কি করে যে ওরা কিছুই জানে না? একটী চাল হয়তো দেবে সে, আর তা ধরে এগোতে চায়। জেথ।
ডীন থর্টনের সাথে আলোচনা সেরে মার্শাল অফিস থেকে বেরিয়ে এল জেথ। আবার বহাল হয়েছে বুড়ো। সেলের তালা খুলে অপেক্ষা করছে সে।
হাসপাতালে চলে এল ও।
হাউডি, জেথ, হাসল পিকার্ড। আসামী নিতে এসেছ?
মাথা ঝাঁকাল ও।
আরও কদিন পর নাও।
ইঙ্গিতে স্লিঙে ঝোলানো হাত দেখাল জেথ, বোঝাতে চাইছে ডরম্যানকে নিতে এসেছে। কাঁধ উঁচিয়ে অসহায় ভঙ্গি করল ডাক্তার। পেছনের কামরায় চলে এল জেথ। ফাঁকা!
নিজেকে অসহায় মনে হলো ওর, কি করবে বুঝতে পারছে না। সামলে নিতে খানিকটা সময় লাগল, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করল পুরো কামরা। বিছানার চাদর নেই, জানালার গরাদ ভাঙা…আর কিছু দেখার প্রয়োজন নেই। প্রচণ্ড রাগ হলো পিকার্ডের ওপর, ডরম্যানকে চোখে চোখে রাখার জন্যে পাশের কামরায় থাকতে চেয়েছিল জেথ, ডাক্তার রাজি হয়নি। তার স্থির বিশ্বাস ছিল ডরম্যান পালাবে না, চেষ্টা করলে সে-তো আছেই।
অথচ খুব সহজে পালিয়েছে ডরম্যান, এবং খানিক আগে। সকালে নাশতা দেয়ার পর বোধহয় আর এ-কামরায় আসেনি পিকার্ড। দারুণ বোকামি হয়েছে, লোকটাকে প্রথম থেকে সেলে রাখা উচিত ছিল।
হঠাৎ উল্টো একটা সম্ভাবনা খেলে গেল জেথের মাথায়…
জানালার কাছে চলে এল ও। ছেড়া চাদর পাকিয়ে চৌকাঠের সাথে গিট দিয়েছে ডরম্যান। নিচে, পরিষ্কার মাটিতে কোন ছাপ নেই। থাকবে এমন কোন কথাও নেই। কিন্তু বাঁধনটা কেমন যেন অস্বাভাবিক-একজন পূর্ণ বয়স্ক লোকের ভার সইতে হলে আরও মজবুত করে এবং একটা শক্ত অবলম্বনে বাধা উচিত ছিল। কাঠের গরাদ যদি ডরম্যানের হাতের আঘাতে ভেঙে যেতে পারে তবে পুরানো চৌকাঠটি কি করে ওর আড়াইমণী শরীরের ভার সয়? তারমানে এটা একটা ভাওতা…আশেপাশে আছে সে।
দ্রুত ঘুরে দাঁড়াল জেথ, হাতে কোল্ট উঠে এসেছে। পিটের কামরায় চোখ পড়তে দরজায় দেখতে পেল ডরম্যানকে। ধরা পড়ায় বরফের মত জমে গেছে। হাতে একটা লোহার রড, কোত্থেকে পেয়েছে আল্লা মালুম। সে ভেবেছে জানালার ভাঙা গরাদ আর পাকানো চাদর দেখে ছুটে নিচে চলেযাবে জেথ, এবং সম্ভবত পিকার্ডও। এ ফাঁকে সটকে পড়বে, অথবা আক্রমণ করবে। হাহ, এত সোজা! মৃদু হাসি ফুটে উঠল ওর ঠোঁটে, লোকটার কণ্ঠনালীতে নিশানা করল।
পাংশুর মত সাদা দেখাচ্ছে ডরম্যানের মুখ, তাকিয়ে আছে কিন্তু দৃষ্টিতে হতাশা বা ব্যর্থতার অভিব্যক্তি নেই। ধীরে ছেড়ে দিল রডটা, গড়িয়ে কামরার একপাশে চলে গেল। জেথ দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে ইঙ্গিত করলে তা পালন করল। পিঠে কোল্টের মাজল চেপে ধরে তার পুরো দেহে তল্লাশি চালাল জেথ।
বোবা কুত্তা! ঘুরে থুথু ছিটাল ডরম্যান।
লোটার ফোলা গালে কোল্টের নল দিয়ে আঘাত করল জেথ। ব্যথায়। কুঁচকে উঠল তস্করের মুখ, রক্তপাত শুরু হলে সাথে সাথেই। বাম হাতে গাল চেপে ধরল সে। একদলা থুথু ফেলল মেঝেতে, দুটো দাঁতও পড়ল। ঠেলে তাকে পিকার্ডের কামরায় নিয়ে এল জেথ।
তুমি ওকে মারছ কেন? চোখ কপালে উঠেছে ডাক্তারের।
পাত্তা দিল না জেথ। উরম্যানের পাজরে কোল্টের নল চেপে ধরে এগোতে বাধ্য করল। হাসপাতাল থেকে বেরোতে কয়েকজন ঘিরে ধরল ওদের। একের পর এক প্রশ্ন করছে, পরামর্শও দিচ্ছে ঝামেলা চুকিয়ে দিতে। চুপ করে আছে। ডরম্যান, কপালে ঘাম, চোখে আতঙ্ক। লোকজনের হাতে পড়লে কি অবস্থা হবে বুঝতে পারছে।
অফিসে এসে তাকে সেলে ঢোকাল জেথ।
জেথ ভাবছে পিট আর ডরম্যানের সাথে আরেকবার আলাপ করবে। লিখে জানাতে হবে প্রশ্নগুলো, ওরা পড়তে জানলেই হলো। পিটকে দিয়ে শুরু করা যেতে পারে। ফাঁসির ভয়ে এমনিতে আধমরা হয়ে আছে ছেলেটা, কে-ইবা কটনউডে ঝুলতে চায়! মুখ খুলবে বোধহয়। ডরম্যানের চেয়ে ওকে বাঁকানো। সহজ হবে।
কাগজ-পেন্সিল নিয়ে বসেছে ওরা কি বলতে পারে তা ভেবে প্রশ্ন লিখছে।
স্টোভে কেতলি চাপিয়েছে থর্টন। সস্তা দুমড়ানো একটা সিগার ধরিয়ে লিখছে।
ভুসভুস করে ধোয়া ছাড়ল। এরকম রাখ-ঢাকের মানে কি? স্পষ্ট বিরক্তি মার্শালের কণ্ঠে। মার্শাল হয়ে গেলেই পারো! এ মুহূর্তে হোয়াইটস্টোনের হিরো তুমি, প্রস্তাব করলে নিদ্বিধায় মেনে নেবে ওরা। অথচ উল্টো কিনা আমার ব্যাপারে সুপারিশ করেছ, কেন?
বুড়োকে পাত্তা দিল না জেথ।
বেশি ডাঁট দেখিয়ো না, ছোকরা। আমি কাউকে কেয়ার করি না। আরও কিছু বলতে চেয়েছিল সে, দরজায় নক হওয়ার শব্দে থেমে গেল। ঘুরে তাকাল, রোয়ানাকে দেখে হাসি ফুটল গম্ভীর মুখে। শুভেচ্ছা বিনিময় করে উঠে স্টোভের কাছে চলে গেল।
ডরম্যান ঝামেলা করেছে? জানতে চাইল রোয়ানা।
মাথা ঝাঁকাল জেথ।
লোকটা এখন কোথায়?
সেলে। জানাল থর্টন।
ঝুঁকে লেখাগুলো পড়ল রোয়ানা। আমি তোমাকে সাহায্য করতে পারি। মার্শালের এগিয়ে দেয়া কফির মগ তুলে নিয়ে চুমুক দিল। জেথ সায় দিতে ধন্যবাদ জানাল।
একটু পর পিকার্ডের হাসপাতালে চলে এল দুজনে।
আবার এসেছ! এবার কি ওটাকেও নিয়ে যাবে? জেথকে দেখে খেপে গেল ডাক্তার, ঝাঝাল স্বরে বিদ্রূপ করল। রোগীর গায়ে হাত তোলায় খেপে গেছে। তোমাকে ওর কাছে যেতে দেব না আমি। এখান থেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলো আর কি!
রোয়ানা তার সামনে গিয়ে দাঁড়াল। তুমি কি জানো ডরম্যান পালাচ্ছিল, ডক? নিজ দায়িত্বে ওদের রাখতে চেয়েছ তুমি। ডরম্যান পালাতে পারলে শহরের লোকদের কি বোঝাতে? লোকটা রড পেল কোত্থেকে?
সে পালালে আমার দোষ হবে কেন?
অবশ্যই তোমার দোষ হবে। শহরের লোকেরা সেটাই মনে করবে। জেথ পাশের কামরায় থাকতে চেয়েছিল, তুমি রাজি হওনি কেন?
একটা লোক সারাক্ষণ কোমরে পিস্তল ঝুলিয়ে ঘুরবে আমার হাসপাতালে, এটা সহ্য করার মত?
ডরম্যান পালানোর সময় যদি তুমি সামনে পড়ে যেতে, অক্ষত থাকতে? দশটা খুন করেছে সে, ডক। হোয়াইটস্টোনের ব্যাংকে ডাকাতি করেছে, কিছু নিরীহ মানুষের মৃত্যুর পেছনে এ লোকটারও হাত আছে। শান্ত দেখাচ্ছে। রোয়ানাকে, যদিও পিকার্ডের আনাড়িপনায় কিছুটা বিরক্ত।
চিন্তা করছে ডাক্তার, যুক্তিতে ধরেছে।
মাত্র দশ মিনিট, কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাব আমরা।
ঠিক আছে। কিন্তু এর বেশি নয়।
পিটের কামরায় ঢুকল ওরা। চোখ বুজে শুয়ে ছিল ছেলেটা, চোখ মেলে তাকাল। ছাদ থেকে দড়ি বেঁধে প্লাস্টার মোড়া ডান পা ঝুলিয়ে রাখা হয়েছে। অন্য পায়ে ব্যান্ডেজ। চোখাচোখি হতে দেয়ালের দিকে মুখ সরিয়ে নিল সে।
শোনো, পিট, এ শহরে তোমার প্রতি সহানুভূতি আছে এমন একজনকেও খুঁজে পাবে না, মৃদু কিন্তু স্পষ্ট স্বরে শুরু করল রোয়ানা। বরং তোমাকে নাগালের মধ্যে পেলে খুশিই হবে ওরা। তোমাদের ছিনিয়ে নেয়ার চিন্তা করছে অনেকেই, শহরের দক্ষিণে বড় কটনউডে ঝুলিয়ে দেবে। আমরা সেটা ঠেকিয়ে আদালতে তোমাদের বিচারের ব্যবস্থা করতে পারি, যদি তোমরা সহযোগিতা করো। আমার কথা শুনছ তো? আরেকবার কিন্তু বলব না।
দ্বন্দে ভুগছে ছেলেটা, ওর মুখ দেখে জেথের তাই মনে হলো। উন্মত্ত লোকজনের হাতে পড়লে কটনউডে ঝুলতে হবে, নয়তো আদালতের সাজা-সেটা ফাঁসি বা জেল হতে পারে। ফাঁসি হলেও কয়েকটা দিন তো বেশি বাঁচবে।
ধীরে ঘাড় ঘুরিয়ে রোয়ানার দিকে ফিরল পিট। কি জানতে চাও, ম্যাম? আমি অবশ্য বেশি কিছু জানি না।
এখানকার কেউ ভাড়া করেছে তোমাদের। কে সে?
আমরা সত্যি জানি না। মাস খানেক আগে হাচিনসনে টার্নারের সাথে দেখা করে লোকটা, ঘণ্টা দুই আলাপ করেছে ওরা। টার্নার একাই ছিল। আমরা গেলে নির্ঘাত খুন করত।
টাকাগুলো ভাগ হয়েছে তোমাদের মধ্যে?
কোত্থেকে! রাতে স্লিম চুরি করে ভেগে গেল, ওকে খুন করে এখানকার কেউ হাতিয়ে নিয়েছে পুরো টাকা।
গুনে দেখেছিলে কত ছিল?
থলে থেকে বেরই করা হয়নি। টার্নার বলেছিল এক লাখের বেশি হবে।
সে জানল কিভাবে?
আন্দাজ করেছিল বোধহয়। এ লাইনে তো সে নতুন নয়।
মৃদু হেসে জেথের দিকে ফিরল রোয়ানা, ওর প্রশ্ন শেষ। সদ্য লেখা একটা চিরকুট এগিয়ে দিল জেথ। শহর আক্রমণ করার বুদ্ধিটা কার? পড়ে ফের জানতে চাইল ও।
টার্নারের।
ও কোথায় থাকতে পারে, জানো কিছু?
মাথা নাড়ল পিট। ওর মতিগতি বোঝা ভার। কখন কোথায় থাকবে আগে থেকে বলা যায় না।
টার্নার তোমাদের উদ্ধারের চেষ্টা করবে?
উত্তর দেয়ার আগে কিছুক্ষণ ভাবল ছেলেটা। আমাদের দলটা কখনও হোঁচট খায়নি, এই প্রথম কয়েকজন মারা পড়ল। এটা নিয়ে টার্নারের জেদ থাকতে পারে। তবে এটাও ঠিক যথেষ্ট সাবধানী সে, ফের এখানে আসার ঝুঁকি ও নেবে বলে মনে হয় না। কারণ ও ভাল করে জানে আমরা তেমন কিছু জানি না বা যা জানি তাতে ওর বিপদ নতুন করে আর বাড়বে না। আমি নিশ্চিত গা ঢাকা দেবে
ওর হাইড আউট কোথায়?
সারা বছর ট্রেইলে কাটিয়ে দেয় ও, হাঁপিয়ে উঠলে কলোরাডো ক্যানিয়নে চলে যায়।
পিটকে আশা-নিরাশার দ্বন্দ্বে রেখে বেরিয়ে এল ওরা।
আমার মনে হচ্ছে ও সত্যি কথা বলেছে, ফেরার সময় বলল রোয়ানা। যাচাই করার জন্যে ডরম্যানকে জিজ্ঞেস করা যেতে পারে। কিন্তু ওই লোকটা মুখ। খুলবে না বোধহয়। যা হোক, আমার মনে হয় ছেলেটার একটা সুযোগ পাওয়া উচিত।
পিটের কাছ থেকে নতুন কিছুই জানা গেল না, ভাবছে জেথ, তবে নিশ্চিত হওয়া গেছে। বাক টার্নারের চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়, কেবল সে-ই সবকিছুর সমাধান দিতে পারে। পেছনের লোকটার মুখোশ খুলে দিতে হলে যে করে থোক ধরতে হবে টার্নারকে। কিন্তু দুবৃত্তনেতা কোথায় আছে এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই ওর।
.
০৮.
হোয়াইটস্টোনে এ কদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্যে অভিযুক্ত আসামী এখন দুজন-পিট আর ডরম্যান। জেথের মতে তা বেড়ে চার হওয়া উচিত, বাকিরা বাক টার্নার আর পেছনের লোকটা।
ধুরন্ধর এ লোকটির পরিচয় জানে জেথ, কিন্তু নিচ্ছিদ্র কোন প্রমাণ ওর হাতে নেই। একমাত্র বাক টার্নারই তাকে সনাক্ত করতে পারে। অবস্থা এমন আগামীকালই ট্রিপল ক্রসের নিলাম, পরিস্থিতি দ্রুত আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। নিলামে অংশগ্রহণ করার মত তিনটা পক্ষ রয়ে গেছে এখনও। পেছনের লোকটা। বোধহয় সরাসরি বাথানটা কিনবে না, ভাবছে জেথ। পরোক্ষভাবে লোকটা যদি ট্রিপল ক্রস কেনে, নতুন কোন ক্রেতা আর না এলে, তার কাভার একটাই, ওহ গড, পেট্রোল কোম্পানিটা! ইস্টার্ন পেট্রোল কোম্পানির প্রতিনিধিত্ব করতে এখনতক আসেনি কেউ। এলে নজর রাখতে হবে, সিদ্ধান্ত নিল জেথ।
একটা খসড়া পরিকল্পনা দাঁড় করিয়েছে ও। নিলামের আগে আর কিছু না ঘটলে আগামীকাল নিলামের সময় সে অনুযায়ী করবে সবকিছু। তবে সদ্য আবিষ্কৃত সূত্রটি নিঃসন্দেহে চমৎকার, তেল কোম্পানির প্রতিনিধিকে চেপে ধরলে অনেক কিছু জানা যাবে।
রোয়ানাসহ ল অফিস থেকে বেরিয়ে এল জেথ। ভারী এক সকাল। নীল আকাশে পুঞ্জীভূত শুভ্র মেঘ, ফুরফুরে বাতাস আর সূর্যের আলসেমি-সব মিলিয়ে চমৎকার। হাচিনসন থেকে হোয়াইটস্টোনে স্টেজ চলাচল করে, জানা দরকার আজ কোন স্টেজ আসবে কি-না। সেটা জানতে বেরিয়েছে ওরা, উত্তরে শহরের শেষ মাথায় স্টেজ কোম্পানির অফিস।
যাওয়ার পথে, জেরেমি মিলারের স্টোরের সামনে থমকে দাঁড়াল জেথ। নতুন বিশাল একটা দালান তুলে ফেলেছে এরইমধ্যে। বোঝা যাচ্ছে লোকটা প্রচুর টাকার মালিক, রোয়ানার কথায়ও তাই মনে হয়েছিল ওর। হঠাৎ মনে হলো স্টোর ধ্বংস হওয়ার পরও ট্রিপল ক্রস কেনার ক্ষমতা রাখে মিলার। শালা বজ্জাত! মনে মনে তীব্র গাল বকল জেথ। একগাদা লোক লেলিয়ে দিয়েছিল ওর পেছনে, যারা অসহায় অবস্থায় ওকে পিটিয়ে আধমরা করে রাস্তায় ফেলে গেছে। শরীর জ্বলে। উঠল ওর, দিশেহারা বোধ করছে।
এখানে দাঁড়িয়েছ কেন? ওকে নিবৃত্ত করার চেষ্টা করল রোয়ানা। জেথ, স্টেজ কোম্পানির অফিসে যাচ্ছিলাম আমরা। ওখানে চলো, প্লীজ!
হোলস্টার থেকে কোল্ট বের করে পরখ করছে জেথ, দরকার ছিল না, তবু। ভেতরের উত্তেজনা সামলে রেখেছে। জেরেমি মিলারকে দেখতে পেয়েছে স্টোরের ভেতর। ঠাণ্ডা মাথায় এগোতে হবে, ভাবল ও, শোধ-বোধটুকু আজ এখুনি চুকিয়ে ফেলবে।
জোর করে ওকে টেনে সরিয়ে আনতে চাইছে রোয়ানা। অস্থির দেখাচ্ছে মেয়েটাকে। ওদিকে জেথের সমস্ত মনোযোগ স্টোরের ভেতর, মিলার না পালিয়ে যায়!
পাগলামি কোরো না, জেথ, কর্তৃত্বের সুরে বলছে রোয়ানা, কণ্ঠে শ্লেষ। মরার সাধ হয়েছে না-কি? সেদিন টার্নার চারজনকে শেষ করেছে বলে ভেবো না মিলারের লোক নেই আর। আমার ধারণা ভেতরে গিয়ে অন্তত এক গণ্ডা ভয়ঙ্কর লোকের সামনে পড়বে তুমি। ওরা তোমাকে কোন সুযোগ দেবে না।
জেথের রক্তে প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিপক্ষের ভয়ঙ্করত্ব বা সংখ্যা। ওকে ঠেকাতে পারবে না। দাড়িঅলা লোকটাকে হাতের নাগালে পেতে উদগ্রীব হয়ে আছে ও।
জেথ, দয়া করে আমার কথা শোনো! মনোযোগ আকর্ষণ করতে ওর হাত ধরে ঝাঁকাল রোয়ানা। লোকটাকে পরেও একা পাবে।
জেরেমি মিলার ওকে বলেছিল এরপর আবার যখন দেখা হবে খাটিয়ায় শুয়ে থাকবে জেথ। হয়তো তাই হবে এখন, ভাবছে ও, কাছে যাওয়ার আগেই তার লোকেরা ওকে পেড়ে ফেলবে। কিন্তু নিজেকে নিরস্ত করার উপায় ওর জানা নেই। রোয়ানা কি বুঝতে পারছে না ওর সারা শরীর জুড়ে কেবল ঘৃণা, কোমাঞ্চিদের প্রতি যেটা অনুভব করত? বিদ্বেষ, অবহেলা বা অবজ্ঞার তিক্ততা নয়-কেবলই ঘৃণা। ঠিক এ জিনিসটাই ওকে প্রতিশোধ নিতে সাহায্য করেছিল একদিন, র্যাটল সাপের মত ফুসে উঠেছিল জেথ, পেছনে চারটা লাশ ফেলে কোমাঞ্চিদের গ্রাম থেকে পালিয়ে এসেছিল।
জেথ জানে আজও ব্যর্থ হবে না।
কাপুরুষ, শুধু সেজন্যে মিলারের প্রতি এত ঘৃণা অনুভব করছে না, এর আসল কারণ লোকটা ওর সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে। রোয়ানার তো খুশি হওয়া উচিত, ভাবছে জেথ, শত্রুকে ধরাশায়ী করতে যাচ্ছে ও। অথচ মেয়েটা প্রাণপণে বাধা দিচ্ছে।
তুমি বাড়াবড়ি করছ, জেথ!
রোয়ানাকে ঠেলে সামনে থেকে সরিয়ে দিল জেথ। হেঁটে রাস্তার ও-পাশে চলে এল। একটা সিগারেট রোল করার ফাঁকে স্টোরের ভেতরটা দেখে নিচ্ছে। কাঠ দিয়ে তাক তৈরি করছে ছুতোর, সাথে এক তরুণ সহকারী। পেছনের যে কামরায় মিলারকে দেখতে পেয়েছে জেথ, তার দরজার এ-পাশে দুজন লোক দাড়িয়ে, সশস্ত্র। ভাবটা এমন যেন ছুতোরের কাজের তদারক করছে। রোয়ানার কথাই বোধহয় ঠিক, ভাবল ও, প্রতিপক্ষ সংখ্যায় অনেক বেশি।
আধ-খাওয়া সিগারেট বুটের তলায় পিষে স্টোরের ভেতর ঢুকে পড়ল জেথ। সশস্ত্র দুজন দেখছে ওকে, ছুতোর আর তার সহকারী নিজেদের কাজে ব্যস্ত। ডানদিকের লোকটা ত্রিশ পেরিয়েছে, সমর্থ শরীর, সুদর্শন। অন্যজন পঁচিশ পেরোয়নি এখনও, রুক্ষ চেহারা। চোখে বেপরোয়া চাহনি।
ঢোকার মুখে পথ আটকাল ছেলেটা। মি. মিলারের সাথে কাজ আছে?
মাথা ঝাঁকাল জেথ।
মি. মিলার তোমার কথা জানে?
এবার নাড়তে হলো।
তাহলে যাওয়া যাবে না। যেভাবে এসেছ ঠিক ঠিক চলে যাও।
আরেক পা এগোল জেথ। আসলে ফাঁদ ওটা।
ঝটিতি ওর শার্টের সামনের দিকটা আঁকড়ে ধরে পেছনে ধাক্কা দিতে চাইল ছেলেটা, ঠায় দাঁড়িয়ে থেকে মুগুরের মত তার পেটে হাত চালাল জেথ। হুঁক শব্দ করে ঝুঁকে পড়ল সে, সশব্দে নিঃশ্বাস ছাড়ায় হাঁ হয়ে গেছে মুখ। ঘাড়ে রদ্দা মারতে আলগোছে ঢলে পড়ল দেহটা, ঠিক ময়দার বস্তার মত।
অন্য লোকটা ওর নাক লক্ষ্য করে ঘুসি চালিয়েছে টের পেয়ে মাথা নিচু করল জেথ। বাতাস কেটে চলে গেল হাতটা, ফেরত যাওয়ার আগে ধরে ফেলল ও। ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে এল লোটা, সুযোগের সদ্ব্যবহার করুল জেথ। গায়ের জোরে হাতে আর গলায় ধাক্কা দিল একই সঙ্গে, ছিটকে গিয়ে। দেয়ালের ওপর আছড়ে পড়ল সে। চটপট নাকে দুটো ঘুসি বসিয়ে দিল ও। গোপন অঙ্গে পা চালাতে ককিয়ে উঠে দুহাতে জায়গাটা চেপে ধরল লোকটা। হাতের ওপর দিয়ে সজোরে হাঁটু চালাল জেথ। শেষ আঘাতটা করল কানের পাশে।
দরজা থেকে সরে এল জেথ, হাতে কোল্ট চলে এসেছে। দড়াম করে খুলে গেল ভেতরের দরজা, খোলা পিস্তল হাতে বেরিয়ে এল একজন। বামে ঘোরার পর দেখতে পেল ওকে, এবং গুলি করল। তার আগেই গুলি করেছে জেথ। বুলেটের ধাক্কায় মেঝেতে আছড়ে পড়ল সে, ফের চেষ্টা করল, কিন্তু নিশানা ঠিক করার আগেই ঢলে পড়ল।
হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল ওর মাথায়, চোখে অন্ধকার দেখছে। আঘাতটা পেছন থেকে এসেছে। চকিতে ঘুরে দাঁড়িয়ে তিন হাত দূরে দেখতে পেল ছুতোরকে, হাতে কাঠের চেলা। গুলি করতে ধীরে হাত থেকে খসে পড়ল চেলাটা, একটু পর নিজে মেঝেতে গুড়িয়ে পড়ল। তরুণ সহকারীর পানে তাকাল জেথ, রক্ত সরে গেছে মুখ থেকে। চোখাচোখি হতে আতঙ্কে কুঁকড়ে গেল প্রথমে, তারপর ছুটতে শুরু করল।
ঘুরে ভেতরের দিকে নজর দিল জেথ। মাথার পেছনটা দপদপ করছে। বেজন্মা ছুতোরটা কাঠের চেলা দিয়ে বাড়ি মেরেছিল, ঠিকমত লাগলে মাথাই ফেটে যেত।
দশ সেকেন্ড অপেক্ষা করে ডাইভ দিল জেথ। শূন্য, পাখি উড়ে গেছে! উঠে দাঁড়াল। মিলার সবে পালিয়েছে। সারা কামরায় লক্ষণীয় জিনিস একটা, টেবিলের ওপর পড়ে থাকা ছাইদানিতে গোঁজা সিগারেট থেকে ধোঁয়া উঠছে। ওপাশের দরজা খোলা। আবারও, বাইরে ডাইভ দিল জেথ, হাতখানেক ওপর দিয়ে ছুটে গেল একটা তপ্ত সীসা। ছুটে এলে নির্ঘাত ওকে বিদ্ধ করত গুলিটা।
একটা বে-র পাশে দাঁড়িয়ে আবার গুলি করার জন্যে নিশানা করছে জেরেমি মিলার। এবার ডানদিকে ঝাঁপ দিল জেথ, যেটুকু সময় পেয়েছে তাতে অনায়াসে গুলি করতে পারত মিলারকে। কিন্তু লোকটাকে পিটিয়ে শায়েস্তা করতে চায় ও। মিলার আরেকবার সুযোগ পাওয়ার আগেই রাইফেলের ব্যারেল লক্ষ্য করে গুলি করল। দূরে ছিটকে পড়ল ওটা।
জেথ উঠে দাঁড়াতে পিছিয়ে গেল মিলার। ফ্যাকাসে মুখ, চোখের মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে পড়বে। সময় নিয়ে তার সামনে এসে দাঁড়াল ও, চোখে। চোখ। কোল্টটা হোলস্টারে ঢুকিয়ে শার্টের হাতা গুটিয়ে নিল। সারা শরীরে ক্লান্তি অনুভব করছে, কেন জানে না। ওর চোখে আগুন দেখতে পেয়ে পিছিয়ে গেল মিলার। হেসে উঠল জেথ, হায়েনার হাসির মত শোনাল সেটা। লক্ষ করল কাঁপছে জেরেমি মিলার।
শার্টের কলার চেপে ধরে প্রচণ্ড ঘুসি হাঁকাল জেথ। বাধা দিতে হাত তুলেছিল মিলার, তারই একটা ধরে দাড়িঅলার পতন ঠেকাল। ফের মারতে ময়লা আবর্জনার ওপর পড়ল সে। এত জোরে মেরেছে যে কয়েকটা দাঁত নডবড়ে হয়ে যাওয়ার কথা। মিলারকে টেনে উঠাল ও, তারপর পেটে ঘুসি চালাল। মুখ দিয়ে। সব বাতাস বেরিয়ে গেল একই জায়গায় আরেকটা ঘুসি হাঁকাতে, নিঃসাড় হয়ে পড়ল। প্রতিরোধের কোন ইচ্ছে আর অবশিষ্ট নেই।
কোন বাছ-বিচার করা ছাড়াই মারতে থাকল জেথ। পাজরে একের পর এক ঘুসি চালাচ্ছে, চাইছে মিলারের মুখে রক্ত উঠে আসুক-তা দেখে ওর উন্মত্ততা কাটবে, বিদ্বেষ প্রশমিত হবে, ঘৃণা অবদমিত হবে। মিলার কষ্ট পেয়ে তিলে তিলে মারা গেলে ওর চেয়ে বেশি খুশি আর কেউ হবে না।
পায়ে পা বাধিয়ে তাকে ফেলে দিল জেথ। বুটের আগা দিয়ে মিলারের কানে আঘাত করতে আর্তনাদ করে দুহাতে কান চেপে ধরল সে। অরক্ষিত বগলে এবার বুট চালাল ও, এরপর কোমরে। ঠিক এভাবে মিলারের লোকেরা মেরেছিল ওকে-অসহায় অবস্থায়, ভাবল জেথ, বিন্দুমাত্র প্রতিরোধের সুযোগ দেয়নি। যদি বাকশক্তি থাকত তো মিলারকে বলত, তোমার নির্দেশে আমাকে মেরেছিল ওরা, ঠিক এভাবে। পাঁচজনের বিরুদ্ধে একা, শটগান বাগিয়ে ধরে রেখেছিল একজন। কাপুরুষ! তোমার সাথে আমি একাই লড়ব, সমানে-সমান।
মিলারকে টেনে উঠাল জেথ, দাঁড়িয়ে থাকতে পারছে না স্টোর-মালিক। কষে দুটো চড় লাগাল তার গালে, তারপর আবার যেখানে-সেখানে মারতে শুরু করল। জানে না কখন ওর ভেতরে একটা পশু জেগে উঠেছে। রক্তাক্ত হয়ে গেছে। মিলারের মুখ, জেখের হাতেও রক্ত।
জেথ, কি করছ! পেছনে রোয়ানার গলা শোনা গেল। দৌড়ে এসে মুমূর্ষ মিলারকে ছিনিয়ে নিল ওর হাত থেকে। হায় খোদা, আমি ভাবতেও পারিনি অসহায় একটা লোককে এভাবে মারবে তুমি! এ কেমন অন্যায়? কোন ম্যাকলীনের কাছ থেকে এটা আশা করা যায় না। তোমার সম্পর্কে আমার অন্যরকম ধারণা ছিল, আর সবার চেয়ে আলাদাভাবে দেখেছি তোমাকে। মেয়েটার কণ্ঠে হতাশা।
মাথার ঠিক নেই, তাই জেথ নিজেও জানে না কি করছে। অন্তস্তল থেকে বেরিয়ে এল কথাগুলো, কিন্তু শব্দ হলো না। এ লোকটি তো তোমার আপনজন নয়। আমাকে বাধা দিচ্ছ কেন? অসহায় অবস্থায় আমাকে পিটিয়েছিল ওর লোকেরা, তখন তো কেউ বাধা দেয়নি, আমাকে সাহায্যও করেনি। তাহলে ন্যায় অন্যায়ের প্রশ্ন আসছে কোত্থেকে?
সবটা বলার পর জেথ টের পেল বিদঘুঁটে কিছু শব্দ ছাড়া ওর মুখ থেকে আর কিছু বেরোয়নি। রোয়ানা বিস্ময়-মাখানো দৃষ্টিতে দেখছে ওকে। জিভকাটা কোন লোক কথা বলার চেষ্টা করলে সে-দৃশ্য কি খুব করুণ হয়ে ওঠে? ভাবছে জেথ, নাহলে সব ভুলে ওর দিকে তাকিয়ে আছে কেন রোয়ানা? মেয়েটার চোখে যুগপৎ সহানুভূতি আর কষ্ট। জেথের মনে পড়ল কৈশোরে ওকে নিয়ে কেউ তামাশা করলে এ দৃষ্টি ফুটে উঠত রোয়ানার চোখে। সেটার অর্থ তখন বুঝত না ও, আজ উপলব্ধি করল-ওর অক্ষমতা রোয়ানাকেও কষ্ট দেয়!
ভূপতিত জেরেমি মিলারকে দেখল জেথ, নিথর পড়ে আছে। মনে হলো বুকে স্পন্দন নেই। লোকটা মরে গেলেও ওর কিছু আসে-যায় না, ভাবছে ও। ঘুরে হাঁটতে শুরু করতে সামনে এসে দাঁড়াল রোয়ানা।
কোথায় যাচ্ছ? মিলার মারা গেলে আদালতে যেতে হবে তোমাকে। বাক টার্নারকে ধরার জন্যে যথেচ্ছ ক্ষমতা তোমাকে দেয়া হয়েছে ঠিকই, তাই বলে শহরের একজন লোককে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারো না তুমি!
রোয়ানা এসব কি বলছে! বোকার মত তাকিয়ে থাকল জেথ, ভাবছে, মিলার মারা গেলে সবচেয়ে খুশি হওয়ার কথা তো ওরই। অথচ, উল্টো জেথের ওপর দোষ চাপাতে চাইছে। এর মানে কি?
জেথের কাছে বিরক্তিকর লাগল রোয়ানার ন্যায়সঙ্গত কথাবার্তা। ঠেলে মেয়েটাকে পথ থেকে সরিয়ে দিয়ে এগোল। নিজেকে অসহায় লাগছে ওর। জানে স্টোরের সামনে লোকজন ভিড় করেছে, ওখান দিয়ে গেলে অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হবে। স্টোরের পেছন দিয়ে উত্তরে এগোল। কয়েকটা বাড়ি পেরিয়ে মূল রাস্তায় চলে এল। ক্লান্তি লাগছে, সারা শরীর রক্তে আর ঘামে মাখামাখি। সত্যি কি ভুল করেছে ও? ঠাণ্ডা মাথায় ভাবার চেষ্টা করল জেথ, কিন্তু চিন্তাগুলো ঠিকমত এগোচ্ছে না। আত্মস্থ হওয়ার জন্যেও খানিকটা নীরবতা দরকার ওর, চাই নিরিবিলি একটা জায়গা।
তেমন জায়গা একটাই-ডিলান উডম্যানের সেলুন।
হাউডি, জেথ, সেলুনে ঢোকার পর সহাস্যে সম্ভাষণ জানাল ডিলান, কিন্তু জেথের রক্তমাখা হাত আর কাপড় দেখে থমকে গেল। আর কোন প্রশ্ন না করায়। তার প্রতি কৃতজ্ঞবোধ করল জেথ।
বেসিনের কাছে চলে এল ও, সময় নিয়ে শরীরের রক্ত পরিষ্কার করল, হাত মুখ ধুয়ে ব্যানডানা দিয়ে মুছে ফেলল। এককোণে একটা টেবিল দখল করে বসল এরপর। মাত্র দুজন খদ্দের, আড়চোখে ওকে দেখছে। কাঁচের দেয়াল ভেদ করে ওর দৃষ্টি চলে গেল রাস্তায়, জেরেমি মিলারের স্টোরের সামনের ভিড়টা বড় হচ্ছে।
জেথ অনুভব করল কিছুটা সুস্থির লাগছে এখন, ধীরে ধীরে অস্থিরতা কেটে যাচ্ছে। ঘুরে-ফিরে রোয়ানার কথাগুলোই মনে আসছে, এখন থেকে মিলার আর ওর মধ্যে কোন পার্থক্য দেখবে না মেয়েটা, কাপুরুষ হিসেবে ঘৃণা করবে। ওকে।
হুইস্কির গ্লাস টেবিলে নামিয়ে রেখে সামনের চেয়ারে বসল ডিলান। কিছু একটা ঘটেছে ওদিকে। গোলাগুলির শব্দ শুনলাম, লোকজনের ভিড়ও দেখতে পাচ্ছি। মিলার ঝামেলা করেছিল?
মাথা ঝাঁকাল জেথ। ডিলানকে বলার উপায় নেই যে ঝামেলাটা আগ বাড়িয়ে ও-ই শুরু করেছিল।
আর কিছু না বলে উঠে চলে গেল সেলুন-মালিক।
গ্লাস তুলে চুমুক দিল জেথ। অস্থির লাগছে আবার। খাপছাড়া চিন্তাগুলো ভোগাচ্ছে। ইঙ্গিত করতে ফের হুইস্কি দিয়ে গেল ডিলান। দ্রুত তা শেষ করে ফেলল ও।
মিনিট দশ পর সিদ্ধান্ত নিয়ে ফেলল। এখানে থাকার আর কোন মানে হয় না। হোয়াইটস্টোনের লোকেরা হয়তো ওকে কাপুরুষ ভাববে, তাতে কি! হারানোর কিছু নেই ওর। অক্ষমতার জন্যেই হয়তো সারা জীবনে ন্যূনতম দ্রতা কারও কাছ থেকে পায়নি ও, এখন কাপুরুষ অপবাদে ওর মুখে চুনকালি পড়বে এটা বিশ্বাস করে না জেথ। সবচেয়ে বড় ব্যাপার, জেরেমি মিলারকে পেটানোর। পর ওর সম্পর্কে পাল্টে গেছে রোয়ানার ধারণা। না পাওয়ার আশঙ্কায় এতদিন মেয়েটাকে এড়িয়ে চলেছে জেথ, এখন আর রোয়ানার সামনেই দাঁড়াতে পারবে না।
হোয়াইটস্টোনে জেথ্রো ম্যাকলীনের প্রয়োজন ফুরিয়ে গেছে। তবে আর কি? ভাবছে জেথ, মার্শালের অফিসে রেখে এসেছে রাইফেলটা, আপনমনে নিজেকে শুধাল ও, নিয়ে এসে স্যাডলে চাপো। দুর্গম ট্রেইল ধরে চলে যাও ফিরতি পথে। যাওয়ার আগে ধন্যবাদ জানাও রোয়ানাকে, এটা ওর প্রাপ্য। একটা চিঠি লিখে মার্শালের অফিসে রেখে গেলে চলবে।
ভাবনার লাগাম টেনে উঠে পড়ল জেথ। বিল পরিশোধ করে বেরিয়ে এল সেলুন থেকে। উদ্দেশ্য লঅফিস। ওকে দেখে অনেকেই কিছুক্ষণ আগের ঘটনা সম্পর্কে জানতে চাইছে। স্পষ্ট বোঝা যাচ্ছে জেরেমি মিলারকে পেটানোর ঘটনা এরা পছন্দ করতে পারছে না। পাত্তা দিল না জেথ। ওর মধ্যে কোন দ্বিধা নেই, একটা ধেড়ে শয়তানকে শায়েস্তা করেছে, ঠিকই করেছে।
লঅফিসের দরজায় পা রাখতে জেথের মনে হলো মাটি সরে যাচ্ছে পায়ের তলা থেকে। একটু আগে যেমন দেখে গেছে ঠিক তেমনি আরাম করে চেয়ারে বসে আছে ডীন থর্টন। মুখের সিগারটা অনেকক্ষণ ধরে টানায় নিভে গেছে। তার কপালে ছোট্ট একটা ফুটো, তা থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে এখনও, থুতনি পেরিয়ে গলা হয়ে বুক পর্যন্ত নেমে এসেছে। একটা জিনিস বেখাপ্পা লাগছে ওর কাছে, মৃত মার্শালের চোখে বিস্ময় লেগে আছে এখনও।
সেলের দিকে ছুটল জেথ। বিপুল প্রত্যাশা মিইয়ে গেল দৃশ্যটা দেখার পর। সেলের মেঝেতে পড়ে আছে ডরম্যান। এক নজর দেখে বুঝল মৃত।
<