০৯.

পরদিন ভোরবেলা গুহা থেকে বেরিয়ে এসে বাসকেথ দেখল, ঝড়ের দাপট এতটুকু কমেনি। সাগরের দিকে তাকানো যায় না, ভয়ে বুক কেঁপে ওঠে। প্রকৃতি এমন গর্জন করছে, কানে তালা লেগে যাবার অবস্থা। একটা কথা ভেবে মনে মনে খুশি হলো ও, এরকম ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে স্কুনারটা রওনা হতে পারবে না।

তারপরই আঁতকে উঠল বাসকেথ। অন্তরীপের দুশো গজ দূরে কাল রাতের সেই জাহাজটা পড়ে আছে। দেখে ওটাকে আর জাহাজ বলে-চেনবার উপায় নেই, ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। কাঠামো দেখে বোঝা যায়, জাহাজটা কম করেও পাঁচশো টন কার্গো বহন করতে পারত। বিধ্বস্ত জাহাজটার আশপাশে কাউকেই দেখতে পাচ্ছে না বাসকেথ। নাবিক আর আরোহীদের খোঁজে চারদিকে চোখ বোলাল, কিন্তু একজনও নেই।

জলদস্যুরা? তারা কি টের পায়নি যে তীরে একটা জাহাজ ভেঙে পড়ে আছে? টের না পাবার কথা নয়। এতক্ষণে হয়তো জাহাজটা লুঠ করার জন্যে বাতিঘর থেকে রওনা হয়ে গেছে তারা। কিংবা হয়তো এরইমধ্যে জাহাজের ভেতর ঢুকে পড়েছে।

বাসকেথ নড়ছে না। আগে ওকে জানতে হবে জলদস্যুরা কি করছে। কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও তাদের কাউকে জাহাজে বা জাহাজের আশপাশে দেখা গেল না। এবার ছুটল বাসকেথ। হাঁপাতে হাঁপাতে চলে এল ভাঙা জাহাজটার কাছে।

জাহাজটার নাম সেনচুরি মবিল, কোন রকমে পড়া গেল। অর্থাৎ এটা মার্কিন জাহাজ। যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের রাজধানীর নাম মবিল। কাজেই ধরে নিতে হয় এটা মবিল-এর জাহাজ ছিল। ছিলই বলতে হবে, কারণ সেনচুরি একেবারে ধ্বংস হয়ে গেছে। বৃথাই খোঁজাখুঁজি করল ও-না দেখল কোন লোককে, পেল কোন লাশ। সবাই কি তাহলে সাগরে ডুবে মারা গেছে, তারপর ভেসে গেছে স্রোতের টানে? নিশ্চয়ই তাই। জাহাজের কিছুই অক্ষত বা অটুট নেই, ঝড় যেটাকে ভাঙতে পারেনি সেটাকে তুবড়ে দিয়েছে।

কাত হয়ে আছে সেনচুরি, তাই সেটায় উঠতে বাসকেথের কোন অসুবিধে হলো না। ধ্বংসযজ্ঞ কাকে বলে, এবার তা চাক্ষুষ করার সুযোগ হলো ওর। জলোচ্ছ্বাসের প্রচণ্ড তোেড় ভেতরের সব জিনিস ভাসিয়ে নিয়ে গেছে। মালপত্র কি আছে তা দেখার জন্যে অবশ্য জাহাজে ঢোকেনি বাসকেথ, টুকছে আহত কোন লোক পাওয়া যায় কিনা দেখতে। কিন্তু লোক, তো নয়ই, এমন কি একটা লাশও চোখে পড়ল না। সম্ভবত জাহাজ তীর থেকে দূরে থাকতেই জলোচ্ছাসে ভেসে গেছে তারা।

জাহাজ থেকে তীরে নেমে এসে আবার চারদিকে চোখ বোলাল বাসকেথ। মনটা খুঁত খুঁত করছে ওর। জলদস্যুরা এদিকে আসেনি কেন? জাহাজটা ধ্বংস হবার জন্যে তারাই তো দায়ী। বাতিঘরের বাতিটা জ্বাললে জাহাজের ক্যাপটেন সাবধান হবার সুযোগ পেতেন, সেক্ষেত্রে এদিকে জাহাজটা আসতই না, আর না এলে এই দুর্ঘটনাও ঘটত না। দুর্ঘটনা ঘটবে জেনেও বাতিটা তারা জ্বালেনি, তারমানে নিশ্চয়ই তাদের কুমতলব ছিল-জাহাজটা লুঠ করবে।

লুঠই যদি করবে, এখনও তারা আসেনি কেন?

চিন্তিত বাসকেথ অন্তরীপের শেষ মাথার দিকে হাঁটছে। ওদিকটায় জাহাজের কোন লোকজন থাকতেও পারে। হয়তো দুর্ঘটনার পর আশ্রয়ের খোঁজে ওদিকে চলে গেছে দুএকজন। আহত কাউকে যদি পাই,  বাসকেথ ভাবছে, তাকে বাঁচিয়ে রাখার জন্যে প্রাণপণ চেষ্টা করব আমি।

কিন্তু কোন লাভ হলো না। দ্বীপের কোথাও কেউ নেই। আবার হাঁটতে হাঁটতে জাহাজের কাছে ফিরে এল বাসকেথ। এবার ওর দৃষ্টি জাহাজের তাঙা টুকরোগুলোর ওপর। ধ্বংসস্তূপের মধ্যে খাবারদাবার কিছু পাওয়া যায় কিনা দেখছে। ভাগ্যটা ওর ভালই বলতে হবে, একটা বাক্স আর একটা কৌটা পাওয়া গেল-বাক্সে রয়েছে সুস্বাদু বিস্কিট আর কৌটায় শুকনো মাংস। পরিমাণেও কম নয়, বাসকেথ একা বেশ কিছুদিন খেতে পারবে। এই খাবারগুলো রাজা সলোমনের রত্নভাণ্ডারের চেয়ে কম মূল্যবান নয়। তাই তাড়াতাড়ি নিজের গুহায় রেখে এল বাসকেথ। তারপর অন্তরীপের এক ধারে চলে এসে উপসাগরের দিকে চোখ রাখল।

বাসকেথ ধরে নিয়েছে কাল রাতের.জাহাজডুবির কথা অবশ্যই জলদস্যুরা জানে। তীরের দিকে যখন ছুটে আসছিল জাহাজটা, তাদের দেখতে না পাবার কথা নয়! ঝড়ের কারণে নিজেরা যেহেতু রওনা হতে পারেনি, ভাঙা জাহাজটার মাল-গুত্র লুঠ করার জন্যে অবশ্যই এদিকে তারা একবার আসতে বাধ্য।

একটা টিলায় উঠছে বাসকেথ। ঝড়ো হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে উঠতে হচ্ছে ওকে। কিন্তু টিলার মাথায় আর ওঠা হলো না, তার আগেই একটা চিৎকার শুনে চমকে উঠল। তাড়াতাড়ি নিচে নেমে এদিক ওদিক তাকাল ও। আবার শোনা গেল চিৎকারটা। কে যেন গোঙাচ্ছে। বাসকেথ বাতিঘর থেকে পালিয়ে প্রথমে যে গুহায় আশ্রয় নিয়েছিল, আওয়াজটা সেদিক থেকে আসছে।

পঞ্চাশ গজের মত এগোতেই লোকটাকে দেখতে পেল বাসকেথ। বিশাল এক পাথরের পাশে হাত-পা ছড়িয়ে পড়ে আছে। লোকটা গোঙাচ্ছে, আর হাত তুলে বাতাসকেই যেন আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করছে। তাড়াতাড়ি তার পাশে চলে এল ও।

লোকটা আহত। দেখে মনে হলো ত্রিশ থেকে পঁয়ত্রিশের মত বয়েস হবে। পরনে নাবিকের ইউনিফর্ম। বেশ শক্ত-সমর্থ চেহারা। শরীরে বা কাপড়ে রক্তের কোন চিহ্ন দেখা যাচ্ছে না। আহত হলেও, জখম বোধহয় খুব একটা মারাত্মক নয়। বাসকেথ ধারণা করল, সেনচুরির এই একটা লোকই সম্ভবত বেঁচে গেছে। ও যে তার পাশে এসে দাঁড়িয়েছে, সে টের পায়নি। ঝুঁকে তার কাঁধ স্পর্শ করল ও।

সঙ্গে সঙ্গে উঠে বসবার চেষ্টা করল লোকটা, কিন্তু শক্তিতে কুলাল না। তার ঠোঁট কাঁপছে। চোখ-মুখ ব্যথায় কুঁচকে আছে। আবার চিৎকার করে উঠল সে, বাঁচাও! আমাকে বাঁচাও!  

লোকটাকে ধরে পাথরের গায়ে হেলান দিয়ে বসাল বাসকেথ। অভয় দিয়ে বলল, তোমার কোন ভয় নেই। আমি তোমাকে সব রকম সাহায্য করব।  

লোকটা আবার বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করল। তারপর হঠাৎ নিস্তেজ হয়ে গেল। বাসকেথ বুঝতে পারল, লোকটা জ্ঞান হারিয়েছে। নিশ্চিত হবার জন্যে তার বুকে কান ঠেকিয়ে হৃৎপিণ্ডের আওয়াজ শুনল ও। না, শুধু জ্ঞানই হারিয়েছে, মারা যায়নি!

বেঁচে যখন আছে, প্রথম কাজ লোকটাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া। এই লোকের সেবা-শুশ্রূষা দরকার। তাছাড়া, যে কোন মুহূর্তে জলদস্যুরা এসে পড়তে পারে। খুন করাই যাদের পেশা ও নেশা; এই লোককে দেখামাত্র তারা মেরে ফেলবে।

লোকটাকে কাঁধে তুলে নিজের গুহায় নিয়ে এল বাসকেথ। চোখে-মুখে পানির ছিটা দিল, কিন্তু তবু জ্ঞান ফিরছে না। এই মুহূর্তে ওর আর কিছু করার নেই। শরীরটা পরীক্ষা করে আঘাতের কোন চিহ্ন পায়নি ও। তবে হাড় দুএকটা ভেঙে থাকতে পারে। সত্যি ভেঙেছে কিনা পরীক্ষা করে দেখল। না, ভেঙেছে বলে মনে হচ্ছে না।

আরও প্রায় আধ ঘণ্টা পর জ্ঞান ফিরে পেল লোকটা। চোখ মেলেই বিড়বিড় করল সে, পানি! একটু পানি!  

ধীরে ধীরে, একটু একটু করে তাকে পানি খাওয়াল বাসকেথ। এখন কেমন লাগছে, ভাই? একটু ভাল?

ভাঙা, বেসুরো গলায় লোকটা বলল, হ্যাঁ, সামান্য।  এদিক ওদিক তাকাল সে, কি যেন স্মরণ করার চেষ্টা করল। তুমি কে? আমি কোথায়? এখানে আমি কিভাবে এলাম?

আমি তোমাকে উদ্ধার করে এনেছি। এখানে তোমার কোন ভয় নেই,  বলল বাসকেথ। তোমাদের জাহাজ সেনচুরি ভেঙে গেছে। তোমাকে আমি তীরে পড়ে থাকতে দেখে এখানে তুলে এনেছি।  

সেনচুরি! লোকটা কয়েক মুহূর্ত বাসকেথের দিকে হা করে তাকিয়ে থাকল। তারপর বিড়বিড় করে বলল, হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে!

বাসকেথ জিজ্ঞেস করল, তোমার নাম কি, ভাই?

আমার নাম ডেভিস-জন ডেভিস।

তুমি কি সেনচুরির ক্যাপটেন?

না, ফার্স্ট মেট। সেনচুরির আর সবাই কোথায়?

মাথা নাড়ল বাসকেথ, ম্লান স্বরে বলল, আমি আর কাউকে দেখতে পাইনি। সম্ভবত তুমি একাই বেঁচে আছ।

ওহ, গর্ড! ওরা…ওরা সবাই মারা গেছে?

ঠিক জানি না। হয়তো তাই…।

শোকে ও হতাশায় ডেভিস একেবারে ভেঙে পড়ল। কি করে বাঁচলাম আমি! বাঁচলামই যদি একা কেন বাঁচলাম! খানিক পর বাসকেথের দিকে তাকাল সে। তুমিই তাহলে আমাকে উদ্ধার করেছ। ধন্যবাদ, ভাই। তোমার ঋণ কোনদিন আমি শোধ করতে পারব না। ডেভিস হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল, চোখ থেকে পানি গড়াচ্ছে।

তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বলল কি খাবে।

না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি, ভাই আমাকে বরং আরেকটু পানি দাও।  

পানিই দিল বাসকেথ, তবে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে-পেটে পড়লে সঙ্গে সঙ্গে চাঙা হয়ে উঠবে। হলোও তাই। ধাক্কাটা সামলে উঠে ধীরে ধীরে নিজের গল্পটা বলে গেল ডেভিস।

সেনচুরি, সাড়ে পাঁচশো টনী জাহাজ। ক্যাপটেনের নাম হেনরি। তিন হপ্তা আগে মবিল বন্দর থেকে রওনা হয় ওরা। গন্তব্য ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। হেনরি আর ডেভিস ছাড়াও জাহাজে নাবিক ছিল বারোজন। যাত্রার শুরুর দিকটা ভালই ছিল। কিন্তু স্টাটেন আইল্যান্ডের কাছাকাছি এসে ভীষণ ঝড়ের কবলে পড়ল ওরা, ক্যাপটেন জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। স্টাটেন আইল্যান্ডে বাতিঘর তৈরি হয়েছে, এ-কথা ক্যাপটেন জানতেন। তিনি আশা করছিলেন, বাতিঘরের আলো অন্তত দশ মাইল দূর থেকেই দেখতে পাওয়া যাবে। তাই আলো দেখতে না পেয়ে ক্যাপটেন ধরে নেন, স্টাটেন আইল্যান্ডের কাছ থেকে অনেক দূরে রয়েছে জাহাজ। এই সময় বিনা নোটিশে বিকট বিস্ফোরণের মত আওয়াজ করে পাথুরে তীরে আছড়ে পড়ে সেনচুরি। ওই এক ধাক্কাতেই সব শেষ হয়ে যায়।

কিভাবে কি ঘটল বর্ণনা করার পর বাসকেথকে আরেকবার ধন্যবাদ জানাল ডেভিস। তবে এখনও বেচারা বুঝতে পারছে না কোথায় সে রয়েছে। বাসকেথকে জিজ্ঞেস করল, এই জায়গাটা কোথায়, ভাই?

স্টাটেন আইল্যান্ড।

স্টাটেন আইল্যান্ড!

হ্যাঁ। ইগোর উপসাগরের মুখে…

কোথায় জানি বৈকি। কিন্তু তাহলে..বাতিঘর?

বাতিঘরের আলো জ্বালা হয়নি।

আলো জ্বালা হয়নি? হাঁ করে বাসকেথের দিকে তাকিয়ে থাকল ডেভিস।

সব কথা তাকে খুলে বলল বাসকেথ। জলদস্যুরা কিভাবে ফিলিপ আর মরিসকে খুন করল, কিভাবে সে প্রাণ হাতে করে বাতিঘর থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে, কিছুই বাদ দিল না। ফিলিপ আর মরিসের কথা বলবার সময় তার গলাটা ধরে এল।

কী সাংঘাতিক! কী ভয়ঙ্কর!  আতঙ্কে নীল হয়ে গেল ডেভিসের মুখ। বাতিঘরের আলো না জ্বালার জন্যে ওই জলদস্যুরাই তাহলে দায়ী! তারমানে ওদের জন্যেই সেনচুরির এত বড় সর্বনাশ ঘটে গেছে!

হ্যাঁ। বাসকেথ তারপর জলদস্যুদের পরবর্তী প্ল্যান সম্পর্কেও একটা ধারণা দিল ডেভিসকে। মালপত্র সব ভোলা হয়ে গেছে স্কুনারে। কথা ছিল আজ ভোরেই তারা রওনা হবে।

ধারণা আছে, কোথায় যেতে চায় ওরা? জানতে চাইল ডেভিস।

আড়াল থেকে শুনেছি, প্যাসিফিক আইল্যান্ডের দিকে যাবে।

কিন্তু ঝড় না থামা পর্যন্ত রওনা হতে পারছে না।

না, তা পারছে না। এই দুর্যোগ এক হপ্তার আগে কাটবে বলেও মনে হয় না।

ওরা যতক্ষণ বাতিঘর দখল করে রাখবে ততক্ষণ বাতিটা, জ্বালবে না, কি বলো?  

না, জ্বালবে না।

এর মানে হলো, সেনচুরির মত আরও জাহাজ দুর্ঘটনায় পড়তে পারে?

পারে।

সেক্ষেত্রে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না, বলল ডেভিস। এদিকে কোন জাহাজকে আসতে দেখলে সংকেত দিয়ে সাবধান করে দিতে হবে।  

সেনচুরিকে আমি সাবধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু ঝড়ের মধ্যে আগুন জ্বালতে পারিনি।

দুজন মিলে চেষ্টা করলে ঠিকই পারব, দৃঢ় কণ্ঠে বলল ডেভিস। জলদস্যুরা যে-কদিন দ্বীপে থাকবে আলোটা জ্বলবে না। সাগরের যে অবস্থা দেখছি, এদিকে কোন জাহাজ এলে নির্ঘাত দুর্ঘটনায় পড়বে।

আবহাওয়া একটু ভাল হলেই শয়তানগুলো দ্বীপ ছেড়ে চলে যাবে…

কি করে বুঝলে?

জলদস্যুরা জানে পালা বদলের জন্যে খুব শিগগির সান্তা ফে স্টাটেন আইল্যান্ডে ফিরে আসবে।

সান্তা ফে মানে?

আর্জেন্টিনার জাহাজ। মার্চের প্রথম দিকে আমাদের বদলী রক্ষীদের নিয়ে এখানে পৌঁছাবে। ফেব্রুয়ারির আজ আঠারো, আর বেশি দেরি নেই।  

এসো তাহলে প্রার্থনা করি আবহাওয়া যেন এই কটা দিন খারাপই থাকে,  বলল ডেভিস। সান্তা ফের সাহায্য পেলে শয়তানগুলোকে ঠিকই আমরা শায়েস্তা করতে পারব।  

ডেভিস যেন বাসকেথের মনের কথাগুলোই পুনরাবৃত্তি করল।

.

১০.

ঝড় আর জলোচ্ছাস কনগ্রেকে খুব দুশ্চিন্তায় ফেলে দিল। আবহাওয়ার ভাবসাব দেখে তার সন্দেহ হতে লাগল চলতি মাসের শেষ পর্যন্ত দুর্যোগ কাটবে না। কিন্তু আবহাওয়া খারাপ থাক আর ভাল হোক, মাস শেষ হবার সঙ্গে সঙ্গে স্টাটেন আইল্যান্ড ত্যাগ করতে হবে তাদেরকে। রক্ষীদের পালা বদলের দিন দ্রুত ঘনিয়ে আসছে, সান্তা ফের ফিরে আসতে আর বেশি দিন বাকি নেই।

ঝড়ের মধ্যে হঠাৎ একটা জাহাজ ছুটে এসে দ্বীপের পাথুরে তীরে আছড়ে পড়েছে। কনগ্রের মনে হলো, এ নিশ্চয়ই প্রকৃতির সদয় দান। দামী কিছু জিনিস-পত্র জাহাজটাতে না থেকেই পারে না। কাজেই একবার গিয়ে দেখে আসা দরকার।

আগের দিন, সূর্য যখন ধীরে ধীরে ডুবছে, লণ্ঠন-ঘর থেকে জাহাজটাকে দেখতে পায় সেরেসান্তে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা হাবুডুবু খাচ্ছিল। সেরেসান্তে সঙ্গে সঙ্গে কনগ্রেকে ডেকে দেখাল। অন্ধকারে অদৃশ্য না হওয়া পর্যন্ত জাহাজটার ওপর থেকে মুহূর্তের জন্যেও চোখ সরায়নি তারা। তখনই বোঝা যাচ্ছিল, সান হুয়ান অন্তরীপ আর পয়েন্ট সেভারেল-এর মাঝখানে কোথাও ডুববে ওটা। সে-সময় তারা যদি বাতিঘরের আলোটা জ্বালত, অবশ্যই রক্ষা পেত জাহাজটা। কিন্তু একটা জাহাজকে কেন তারা বাঁচাতে যাবে? তাতে কি লাভ তাদের? তারচেয়ে তীরে ধাক্কা খেয়ে ভেঙে গেলেই বরং লুঠপাট করতে পারবে।

একটা নৌকায় চড়ে রওনা হলো কনগ্রে, সঙ্গে কয়েকজন শিষ্য। জাহাজের কাছে পৌঁছে হৈ-চৈ শুরু করল তারা, ফলে বাসকেথ আর ডেভিসের আলোচনায় বাধা পড়ল।

গুহার মুখ থেকে সাবধানে উঁকি দিয়ে বাইরে তাকাল বাসকেথ। ওর পিছন থেকে ডেভিসও উঁকি দিচ্ছে। জলদস্যুরা গুহা থেকে মাত্র দুশো গজ দূরে। কনগ্রেকে চিনতে পারল বাসকেথ। তাকে দেখিয়ে ফিসফিস করে ডেভিসকে বলল, ওই লোকটা, জাহাজের ভাঙা মাস্তুলের পাশে পাড়িয়ে ওই হলো জলদস্যুদের লীডার, কনগ্রে।

যার সঙ্গে কথা বলছে, তাকে চেনো না?

কনগ্রের ডান হাত সে, সেরেসান্তে। লণ্ঠন-ঘর থেকে পরিষ্কার দেখেছি আমি, ফিলিপ আর মরিসকে যারা খুন করেছে তাদের মধ্যে, সেরেসান্তেও ছিল।

একবার যদি কুত্তাগুলোকে বাগে পাই রে…, দাঁতে দাঁত চাপল ডেভিস।

প্রায় এক ঘণ্টা ধরে সেনচুরির মাল-পত্র খুঁজল জুলদস্যুরা। বেশিরভাগই পানিতে ভেসে গেছে, তবু প্রয়োজনীয় অল্প কিছু জিনিস এক জায়গায় জড়ো করল তারা। কনগ্রে ওগুলো নৌকায় তোলার নির্দেশ দিল।

আরও প্রায় এক ঘণ্টা ধরে জাহাজটাকে পরীক্ষা করল তারা। তারপর দেখা গেল সেরেসান্তেও হাজির হয়েছে, সঙ্গে কয়েকজন শিষ্য, তাদের সবার হাতে কুঠার আর শাবল। তারা এসেই ভাঙা, জাহাজটাকে আরও ভালভাবে ভাঙতে শুরু করল।

কি ব্যাপার? কি ঘটছে বলো তো? ভাঙা জাহাজকে আরও ভাঙার কি কারণ?

ডেভিসের ঠোঁটে তিক্ত হাসি ফুটল। কি ব্যাপার বুঝতে পারছ? ওরা চাইছে না সেনচুরির অস্তিত্ব থাকুক। জাহাজটা এখানে পড়ে থাকলে একদিন না একদিন তদন্ত হবে। কিভাবে দুর্ঘটনা ঘটল তাও ফাস হবে। জাহাজ না থাকলে প্রমাণও হারিয়ে যাবে। এবার বুঝলে?  

তারপর দেখা গেল সেনচুরির ক্যাপটেনের কেবিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পতাকা নিয়ে বেরিয়ে এল সেরেসান্তে। সেটাকে ছিঁড়ে কুটি কুটি করল:সে, তারপর বাতাসে উড়িয়ে দিল। দৃশ্যটা দেখে রাগে দিশেহারা হয়ে পড়ল ডেভিস। বদমাশ? হিসহিস করে উঠল সে। কত বড় সাহস, আমার জাতীয় পতাকা ছিঁড়ে ফেলল!  তারপরই গুহা থেকে ছুটে বেরিয়ে গেল।

পিছু নিয়ে তাকে জড়িয়ে ধরল বাসকেথ। জোর করে টেনে আনল গুহার ভেতর। এমন বোকামি করে কেউ দেখে ফেললে মেরে ফেলবে যে!  

ধীরে ধীরে শান্ত হলো ডেভিস। নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বসে থাকল।

ধৈর্য ধরতে হবে, ডেভিস, নরম সুরে বলল বাসকেথ। আবহাওয়ার যে অবস্থা দেখছি, ঝড় থামলেও সাগর শান্ত হতে আরও কদিন লাগবে। তারমানে আরও দিনকয়েক দ্বীপে থাকতে হবে তাদেরকে।

কিন্তু সান্তা কে আসতে তো এখনও অনেক দেরি।

এমনও তো হতে পারে যে নির্দিষ্ট দিনের আগেই পৌঁছে গেল সান্তা কে?

প্রার্থনা করি তাই যেন পৌঁছায়।

এদিক দিয়ে অনেক জাহাজই তো গেছে, বলল বাসকেথ। তারা বাতিঘরের আলো জ্বলতে দেখেনি। এই খবরটা আর্জেন্টিনায় পৌঁছেও থাকতে পারে। বাতি কেন জ্বলেনি, এটা জানার জন্যে ক্যাপটেন লাফায়েত সময়ের আগে রওনা হলে আমি একটুও অবাক হব না।  

বেলা চারটের দিকে নৌকা ভর্তি মাল-পত্র নিয়ে ফিরে গেল জলদস্যুরা। সন্ধের দিকে ঝড়ের প্রকোপ আরও বাড়ল। সেই সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি।

বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা আরও কমে গেল। বাসকেথ আর ডেভিস গুহা থেকে বেরুতেই পারল না। এক কোণে আগুন জ্বেলে আঁচ পোহাচ্ছে ওরা।

রাতে সাগর আরও খেপে উঠল। সৈকত ধরে অনেক দূরে চলে আসছে পানির তোেড়। জলোচ্ছ্বাসের এতটা বাড়াবাড়ি আগে কখনও দেখা যায়নি। ডেভিস বলল, খুব খুশি হই ওদের জাহাজটা যদি ভেঙে যায়।

রাত যত বাড়ছে সাগর ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশাল সব ঢেউ এসে সেনচুরির ভাঙা টুকরোগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। আগেভাগে কিছু খাবার পেয়ে যাওয়ায় ওদের কোন চিন্তা নেই, এক দেড় মাস চলে যাবে দুজনের। অবশ্য তার আগেই পৌঁছে যাবে সান্তা ফে।

একুশ আর বাইশে ফেব্রুয়ারি একই রকম থাকল আবহাওয়া। আকাশ পরিষ্কার হচ্ছে না, সাগরও শান্ত হবার নাম করছে না। তেইশ তারিখে বৃষ্টিটা কমল, তারপর থেমে গেল। গুহা থেকে এবার বেরিয়ে এল ওরা, চারদিকে চোখ বুলিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে। খানিকটা হাঁটার পরই একটা কিছুর সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেল ডেভিস। নিজেই উঠল সে, দেখল একটা ধাতব বাক্সের সঙ্গে পা বেধে গিয়েছিল। বাক্সটার গায় সেনচুরি শব্দটা খোদাই করা রয়েছে। খুলে দেখে ভেতরটা গোলা-বারুদে ঠাসা।

আনন্দে লাফিয়ে উঠল ডেভিস। আহা, এগুলো দিয়ে যদি ওদের জাহাজটা উড়িয়ে দেয়া যেত।

গুহায় ফেরার সময় বাক্সটা তুলে নিয়ে যাব আমরা।  

আবার ওরা তীর ধরে এগোচ্ছে। বেশ খানিকটা এগিয়ে ফেরার জন্যে ঘুরতে যাবে, এই সময় হঠাৎ বাসকেথ চেঁচিয়ে উঠল, ওটা কি?

দূরে একটা কালো কি যেন দেখা যাচ্ছে। দুজনেই ছুটল সেদিকে। জিনিসটা দেখে বিস্ময়ে বোবা বনে গেল ওরা। একটা কামান! এটার গায়েও সেনচুরির নাম খোদাই করা।

বাসকেই প্রথম ভাষা ফিরে পেল। ডেভিস, এ যে দেখছি তোমার সম্পত্তি!  

এই কামানের সাহায্যে আমরা সঙ্কেত দিতাম। কিন্তু এটা আর আমাদের কোন কাজে আসবে বলে মনে হয় না।

গোলা-বারুদ আর কামান যখন পেয়েছি, আশা করি ওগুলো কাজে লাগাবারও সুযোগ হবে, গম্ভীর সুরে বলল বাসকেথ।

কি সুযোগ পাবার আশা করো তুমি, শুনি?

রাতে কোন জাহাজকে আসতে দেখলে কামান দেগে সাবধান করতে পারব,  বলল বাসকেথ।

ডেভিস যেন মনে মনে অন্য কিছু ভাবছে। জিজ্ঞেস করল, এটাই তোমার ইচ্ছা?

হ্যাঁ। তবে এই কাজে বিপদ আছে। কামানের আওয়াজ পাবার সঙ্গে সঙ্গে আমাদেরকে খুঁজতে বেরুবে জলদস্যুরা। ভাল করে খুঁজলে পেয়েও যাবে। সেক্ষেত্রে আমরা খুন হয়ে যাব। তা হই হব, তবু আর কোন জাহাজকে আমরা দুর্ঘটনায় পড়তে দিতে চাই না।

তুমি একটা দায়িত্ব পালন করতে চাইছ। খুব ভাল কথা। কিন্তু দায়িত্ব পালন করার আরও ভাল একটা উপায় আছে। সেই উপায়টা কি তা অবশ্য ডেভিস ব্যাখ্যা করল না।

কামানটা ধরাধরি করে গুহায় নিয়ে আসতে ঘেমে গোসল হয়ে গেল ওরা। ফিরে এসে গোলা-বারুদের ভারী বক্সটাও বইতে হলো। ইতিমধ্যে দুপুর হয়ে গেছে। খানিক বিশ্রাম নিয়ে খেতে বসল ওরা।

খেতে মাত্র বসেছে, আবহাওয়ার কি অবস্থা দেখবার জন্যে টিলার ওপর হাজির হলো সেরেসান্তে আর ভার্গাস। আকাশ আর সাগর পরীক্ষা করে তারা বুঝতে পারল জাহাজের নোঙর তোলা এখনও নিরাপদ নয়। আধ ঘণ্টা পর টিলা থেকে নেমে বাতিঘরে ফিরে গেল তারা।

ইচ্ছে হচ্ছিল গুলি করে ফেলে দিই ওদেরকে, গুহার মুখ থেকে ফিরে এসে আবার খেতে বসে বলল বাসকেথ। সুযোগটা অবশ্য আবার পাব। এখন থেকে মাঝেমধ্যেই আবহাওয়ার অবস্থা বোঝার জন্যে টিলার ওপর উঠবে ওরা।

ডেভিসকে খুব চিন্তিত দেখাচ্ছে। তার ধারণা, সাগর পুরোপুরি শান্ত না হলেও স্কুনার নিয়ে রওনা হয়ে যাবে জলদস্যুরা। রাতে শোবার আয়োজন চলছে, বাসকেথকে সে বলল, আমার একটা প্রস্তাব আছে, বাসকেথ। শুনবে?

কি প্রস্তাব? আমি তোমার প্রতি চিরঋণী, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার অনুমোদন নেই এমন কোন কাজ আমি করতে চাই না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনার পর ভাল করে ভেবে দেখে তারপর নিজের মতামত দাও। তুমি মত না দিলে আমি সত্যি খুব দুঃখ পাব।  

ভূমিকা বাদ দাও তো। যা বলবার সরাসরি বলো।

দুর্যোগ তো কেটে যাবেই। ঝড়ও থামবে, সাগরও শান্ত হবে। আমার ধারণা, খুব তাড়াতাড়ি রওনা হবে ওরা। দুএকদিনের মধ্যেই।

তো?  

এই দ্বীপ ছেড়ে একবার ওরা চলে গেলে পরে আর ধরা সম্ভব নয়। ওরা তোমার বন্ধুদের খুন করেছে, আমার বন্ধুদেরও খুন করেছে। তুমি-আমি দুজনেই প্রতিশোধ নিতে চাই। কিন্তু ওরা চলে গেলে কার ওপর প্রতিশোধ নেব?

তুমি এখনও শুধু ভূমিকাই করছ,  একটু বিরক্তিই প্রকাশ পেল বাসকেথের গলায়।

আমার প্রস্তাব হলো, এসো, স্কুনারটাকে অচল করে দিই আমরা।  

কিভাবে তা সম্ভব? হঠাৎ আগ্রহী হয়ে উঠল বাসকেথ।

একটু কষ্ট করলেই কামানটাকে আমরা টিলার ওপর তুলতে পারি।  

তা হয়তো চেষ্টা করলে পারি। কিন্তু তারপর?

তারপর কামানে গোলা ভরব। এক সময় যখন স্কুনারটা টিলার সামনে দিয়ে যাবে, ওটাকে টার্গেট করে গোলা ছুঁড়ব।  

মাই গড!

তাতে হয়তো স্কুনারটা পুরোপুরি অচল হয়ে পড়বে না, তরে এ-কথা জোর দিয়ে বলা যায় যে ওটার আর সাগর পাড়ি দেয়ার অবস্থাও থাকবে না। অর্থাৎ মেরামতের জন্যে আরও কিছুদিন দ্বীপে থাকতে হবে ওদের। মেরামত শুরু করার আগে আরও ঝামেলা আছে। সব মালপত্র আবার নামাতে হবে তীরে। সব মিলিয়ে অন্তত দুহপ্তার জন্যে আটকা পড়বে ওরা। ততদিনে আশা করা যায় ফিরে আসবে সান্তা ফে।

ছুটে এসে ডেভিসের একটা হাত চেপে ধরল বাসকেথ। আমিও তো তাই চাই, ভাই! তুমি আমার মনের কথাই বলেছ। ডেভিস, এই কাজ আমাদের করতেই হবে…

বাইরে তখন হুঙ্কার ছাড়ছে সাগর।

<

Super User