১১.
ফেব্রুয়ারির পঁচিশ তারিখে পরিষ্কার বোঝা গেল, আবহাওয়া শান্ত হয়ে আসছে। আকাশের দিকে তাকিয়ে কনগ্রে সিদ্ধান্ত নিল, আজই তারা স্টাটেন আইল্যান্ড ত্যাগ করবে। সেরেসান্তেকে ডেকে নির্দেশ দিল সে, এমনভাবে প্রস্তুতি নাও, বিকেলেই যাতে আমরা, নোঙর তুলতে পারি।
সেরেসান্তে বলল, জোয়ার শুরু হবে সন্ধে ছটার দিকে। তাহলে তখনই আমরা রওনা হব।
জলদস্যুরা জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করল।
সম্ভব হলে সকালেই রওনা হত কনগ্রে, কিন্তু ঘন কুয়াশা থাকায় চিন্তাটা বাতিল করে দিয়েছে সে। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মাল তোলায় জাহাজটা যতটুকু পানির নিচে ডুবে থাকার কথা তারচেয়ে কয়েক ইঞ্চি বেশি ডুবে আছে।
দুপুরের দিকে বাতিঘরের সামনে পায়চারি করছিল কনগ্রে। সেরেসান্তেকে বলল, কুয়াশা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। একটু পরই সাগর পরিষ্কার হয়ে যাবে। অভিজ্ঞতা থেকে জানি, এরকম অবস্থায় জোয়ার একটু আগে চলে আসে।
হ্যাঁ, আমিও তা জানি, ওস্তাদ, বলল সেরেসান্তে। তবে রাতটাও সম্ভবত খুব কালো হবে। আমার হিসেবে চাঁদ উঠবে সেই ভোরের দিকে।
চাঁদ-তারা থোড়াই আমি কেয়ার করি, তাচ্ছিল্যের সুরে বলল কনগ্রে। এই এলাকা আমার খুব ভাল করে চেনা আছে।
কাল এই সময় এখান থেকে আমরা অনেক দূরে থাকব, ওস্তাদ।
হা, সেইন্ট বার্থোলোমিউকে পিছনে ফেলে বহুদূরে চলে যাব। আশা করি কাল সন্ধের আগেই বিশ মাইলের মত এগোতে পারা যাবে।
এখানে কিন্তু আমরা অনেক বেশি দেরি করে ফেলোম, ওস্তাদ।
সেজন্যে তোমার মন খারাপ?
না, মন খারাপের কি আছে। এখানে থাকায় আমাদের বরং প্রচুর লাভ হয়েছে। তবে মন একটু খুঁত খুঁত করছে, ওস্তাদ। তিন নম্বর রক্ষীটা কোথায় যে গায়েব হয়ে গেল, তার আর কোন খোঁজই পেলাম না। গত দুমাস কি খেলো লোকটা? কোথায় লুকিয়ে থাকল? যদি মারা গিয়ে না থাকে…
কনগ্রে অন্য প্রসঙ্গে চলে গেল। আমরা যে সান্তা, ফে ফিরে আসার আগেই রওনা হতে পারছি, এটা আমাদের নেহাতই সৌভাগ্য।
কাগজ ঘেঁটে যতটুকু বুঝেছি, আর সাতদিনের মধ্যে জাহাজটা এসে পড়বে।
ততদিনে ওদের নাগালের বাইরে চলে যাব আমরা। তা যাব। ভাল কথা, ওস্তাদ, লণ্ঠন-ঘর থেকে শেষবারের মত সাগরটাকে একবার দেখে নিতে চাই। যদি কোন জাহাজ…
যাও, দেখো। তবে কোন জাহাজ আসুক বা না আসুক, আমাদের প্ল্যান যেমন আছে তেমনি থাকবে। আমাদের জাহাজের নাম এখন সেরেসান্তে। সেরেসান্তের কাগজ-পত্র সব ঠিক আছে। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর সবার জন্যে খোলা, যে-কেউ ব্যবহার করতে পারে। কাজেই কাউকে ভয় পাবার কোন দরকার নেই। যদি কোন জাহাজ আসেই, সেটাকে আমরা পাশ কাটিয়ে চলে যেতে পারব।
টাওয়ারে উঠে লণ্ঠন-ঘরে ঢুকল সেরেসান্তে। বেশ অনেকক্ষণ ধরে চারপাশের সাগরে চোখ বোলাণ সে। এক ঘণ্টা পর দেখা গেল কুয়াশা কেটে গেছে। নীল আকাশটা যেখানে আরও ঘন নীল সাগরে মিশেছে, সেখানে আরেকবার তাকাল সেরেসান্তে। সাগর এখনও পুরোপুরি শান্ত নয়, তবে এখন আর সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করে নেই। তাকিয়ে আছে, হঠাৎ কি যেন একটা দেখতে পেল সেরেসান্তে। একটা জাহাজ না? হ্যাঁ, জাহাজই তো!
উত্তেজিত হয়ে উঠলেও, একটু পর শান্ত হয়ে গেল সেরেসান্তে! কারণ জাহাজটা এদিকে আসছে না, নিজের পথ ধরে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাচ্ছে। বেলা এখন দুটো। যতক্ষণ দেখা গেল জাহাজটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল সে।
জাহাজটা অদৃশ্য হবার পর আরও ঘণ্টাখানেক পার হয়ে গেছে। এখনও সাগরের ওপর চোখ বোলাচ্ছে সেরেসান্তে। এবার উত্তর-পুব দিকে কালো মত কি যেন একটা দেখতে পেল সে। তারপর জিনিসটা চিনতে পারল। কালো ধোঁয়া!
রীতিমত উদ্বিগ্ন হয়ে উঠল সেরেসান্তে। ওটা যে একটা স্টীমার, ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। এদিকে, অর্থাৎ স্টাটেন আইল্যান্ডের দিকেই আসছে। তার একবার সন্দেহ হলো, সান্তা ফে ফিরে আসছে। তারপর ভাবল, না, তা কি করে হয়! সান্তা ফের আসার কথা মার্চ মাসের প্রথম দিকে। আজ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ। তবু মনটা তার খুঁত খুঁত করতে লাগল। এমন কি হতে পারে, নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেছে সান্তা ফে? একটা দুশ্চিন্তা পেয়ে বসল সেরেসান্তেকে। তারা কি কোন বিপদে পড়তে যাচ্ছে?
লণ্ঠন-ঘরের জানালা দিয়ে নিচে তাকাল সেরেসান্তে। শান্ত সাগরে নোঙর ফেলে রয়েছে তাদের স্কুনার সেরেসান্তে। সব রকম প্রস্তুতি নেয়া শেষ, এখন শুধু নোঙর তুলে রওনা হলেই হয়। না, একটু ভুল হলো। প্রস্তুতি শেষ হলেও এখুনি রওনা হওয়া সম্ভব নয়। রওনা হতে হলে জোয়ারের জন্যে অপেক্ষা করতে হবে। এর মানে হলো, স্টীমারটা কাছে চলে আসার আগে এই দ্বীপ ছেড়ে তারা চলে যেতে পারছে না। আর স্টীমারটা যদি সান্তা ফে হয়, তাহলে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না।
নিশ্চিত না হয়ে কনগ্রেকে রিপোর্ট করতে চাইছে না সেরেসান্তে। স্টীমারের স্পীড খুব বেশি। এই স্পীডে আসতে থাকলে সান হুয়ান অন্তরীপে একটু পরই পৌঁছে যাবে। চোখে টেলিস্কোপ আটকে অপেক্ষা করছে সে।
খানিক পর স্টীমারটা অনেক কাছে চলে এল। বিরাট একটা স্বস্তিবোধ করল সেরেসান্তে। না, ওটা সান্তা ফে হতেই পারে না। এটা খুব ছোট একটা স্টীমার।
স্টাটেন আইল্যান্ডকে পাশ কাটিয়ে চলে গেল ওটা। সাগর আবার খালি হয়ে গেল। টেলিস্কোপ চোখে থাকলেও স্টীমারটার নাম পড়া যায়নি, সেজন্যে সামান্য একটু অস্বস্তিবোধ করছে সেরেসান্তে। তবে এ নিয়ে আর কিছু না ভেবে নিচে নেমে এল সে।
এক সময় জোয়ার শুরু হলো। স্কুনার সেরেসান্তে এবার নোঙর তুলবে। শিষ্যদের নিয়ে ঠিক ছটার সময় জাহাজে চড়ল কনগ্রে। সবাই তৈরি হও, নির্দেশ দিল সে। কর্কশ ধাতব আওয়াজ তুলে পানি থেকে উঠে এল নোঙরগুলো। এরপর পাল তোলা হলো। স্কুনার কাঁপছে। ধীরে ধীরে সচল হলো। খোলা সাগরের দিকে যাচ্ছে ওরা। দক্ষিণ-পুব দিক থেকে ছুটে আসা বাতাস ওদের অনুকূলে। এদিকের জলপথ সত্যি খুব ভাল করে চেনে কনগ্রে। জাহাজ চালাতে তার কোন অসুবিধে হচ্ছে না। আধ ঘণ্টা পর দেখা গেল অন্তরীপের শেষ মাথায় পৌঁছে গেছে স্কুনার। ওদের সামনে সীমাহীন সাগর পড়ে আছে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য।
সেরেসান্তেকে এগিয়ে আসতে দেখা গেল। আনন্দে উদ্ভাসিত হয়ে আছে তার চেহারা। হাসতে হাসতে কনগ্রেকে বলল, আগেপিছে কোথাও কোন বাধা নেই, ওস্তাদ। আর একটু পরই উপসাগর থেকে বেরিয়ে যাব আমরা, কি বলো?
হ্যাঁ। মাথা ঝাঁকাল কনগ্রে। আশা করছি আর বিশ মিনিটের মধ্যে সান হুয়ান অন্তরীপকে পিছনে ফেলতে পারব।
এই সময় শিষ্যদের একজন আঁতকে উঠে বলল, ওস্তাদ, এদিকে এসো। দেখো তো, কি ওগুলো।
ছুটে লোকটার পাশে চলে এল সেরেসান্তে। রেইলিং ধরে ঝুকল সে। জাহাজ এই মুহূর্তে ওদের সেই গুহাটার পাশ দিয়ে এগোচ্ছে। সাগরে চোখ বুলিয়ে সেরেসান্তে দেখল, ভাঙা মউল এর বেশ অনেকগুলো টুকরো পানিতে ভাসছে। সে-ও আঁতকে উঠল। সরাসরি ওগুলোর দিকেই এগোচ্ছে ওরা। এখন যদি সংঘর্ষ ঘটে, জাহাজের মারাত্মক ক্ষতি হবে। ওগুলো সরিয়ে পথ পরিষ্কার করবে, সে সময় বা সুযোগও নেই। তাড়াতাড়ি কনগ্রেকে ডাকল সে, হাত তুলে টুকরোগুলো দেখাল তাকে।
দ্রুত জাহাজটাকে তীরের দিকে সরিয়ে আনল কনগ্রে। মউল এর ভাঙা অংশগুলো ওটাকে পাশ কাটিয়ে পিছিয়ে পড়ছে। বিপদ কেটে যাবার পর আবার উপসাগরের মাঝখানে চলে এল স্কুনার। অন্তরীপের শেষ মাথার পাহাড়টা কাছে চলে এল। আর পঞ্চাশ কি ষাট গজ যেতে পারলে পাহাড়টার কোণ ঘুরে উপসাগর থেকে বেরিয়ে যেতে পারবে তারা।
বাতাসে হঠাৎ শোঁ শোঁ একটা আওয়াজ শুনে চমকে উঠল কনগ্রে। অকস্মাৎ বিস্ফোরণের শব্দে হতভম্ব হয়ে গেল জলদস্যুরা। প্রচণ্ড আঘাতে ঝাঁকি খেলো স্কুনার। তীরে, টিলার মাথায়, খানিকটা ধোয়া দেখা গেল।
বাঘের মত গর্জে উঠল কনগ্রে। সেরেসান্তে! কি ঘটছে?
কামানের গোলা, ওস্তাদ! উত্তেজনায় হাঁপাচ্ছে সেরেসান্তে। কেউ আমাদেরকে টার্গেট করে কামান দাগছে।
গোলাটা কোথায় পড়েছে দেখার জন্যে ছুটে এল কনগ্রে। রেইলিং ধরে নিচের দিকে ঝুঁকে তাকাতে হলো তাকে। জাহাজের গায়ে পানির যে রেখা, সেই রেখা থেকে দুই ফুট ওপরে বিরাট একটা গর্ত তৈরি হয়েছে।
উপসাগর থেকে বেরিয়ে যাচ্ছে স্কুনার, এই সময় গর্জে উঠল কামান। আতঙ্কে ছুটোছুটি শুরু করল জলদস্যুরা। দ্বিতীয় গোলাটা আর সামান্য নিচে আঘাত করলে জাহাজটাকে আর পানির ওপর ভেসে থাকতে হত না।
দ্রুত চিন্তা করছে কনগ্রে। এখন তার কি করা উচিত? নৌকা নিয়ে তীরে যাবে, গোলন্দাজকে খুন করার জন্যে? কিন্তু গোলন্দাজ কি একজন, নাকি সংখ্যায় তারা বহু? না, এত বড় ঝুঁকি নেয়া চলে না। প্রথম কাজ কামানের নাগাল থেকে বেরিয়ে যাওয়া। তারপর জাহাজটাকে মেরামত করতে হবে।
চিন্তায় বাধা পড়ল আরেকটা গোলা ছুটে আসায়। সেরেসান্তে আবার ঝাঁকি খেলো। প্রথম গোলার চেয়ে কয়েক ইঞ্চি নিচে পড়ল সেটা। সর্বনাশ! আরেকটু নিচে পড়লে পানি ঢুকবে খোলে!
স্কুনার নিয়ে পালাবার জন্যে মরিয়া হয়ে চেষ্টা করছে কনগ্রে। তার ধারণা উপসাগর থেকে একবার বেরিয়ে যেতে পারলেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।
তার ধারণাই সত্যি প্রমাণিত হলো। পাহাড় ঘুরে খোল, সাগরে বেরিয়ে এল স্কুনার। কামানটা আর গর্জায়নি। পাহাড়ের আড়াল পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল কনগ্রে। জাহাজের কতটুকু ক্ষতি হয়েছে জানা দরকার। কিন্তু তা জানতে হলে জাহাজের মাল-পত্র সব নামাতে হবে। এই খোলা সাগরে তা সম্ভব নয়। ভার্গাসকে নিয়ে নৌকায় উঠল কনগ্রে, ঘুরে ঘুরে জাহাজের ক্ষতগুলো পরীক্ষা করছে।
জাহাজের গায়ে একজোড়া গর্ত তৈরি হয়েছে। তাতে যে জাহাজটা এখুনি ডুবে যাবে, তা নয়। কিন্তু এই গর্ত নিয়ে উত্তাল সাগর পাড়ি দেয়া সম্ভব নয়। বড় বড় ঢেউ উঠলে অন্তত একটা গর্ত দিয়ে জাহাজের খোলে হু হু করে পানি ঢুকবে। ওটা বন্ধ করতে না পারলে মাঝ সাগরে ডুবে মরতে হবে তাদেরকে।
কিন্তু কুত্তাগুলোর পরিচয় কি? হিসহিস করে জিজ্ঞেস করল সেরেসান্তে। নাগালের মধ্যে পেলে ওদেরকে কাঁচা চিবিয়ে খেতাম! দাঁতে দাঁত চাপল সে।
কে আবার, নিশ্চয়ই সেই তৃতীয় রক্ষী, বলল ভার্গাস। তার সঙ্গে সেনচুরির দুএকজন লোকও থাকতে পারে।
আমারও তাই ধারণা, বলল সেরেসান্তে। কামানটাও সেনচুরিরই হবে। কিন্তু, আশ্চর্য, ভাঙা সেনচুরির চারপাশে আমরা তো কোন কামান দেখিনি।
এ-সব নিয়ে মাথা ঘামিয়ে এখন আর লাভ কি, বলল কনগ্রে। চিন্তা করে বের করো জাহাজটাকে মেরামত করা যায় কিভাবে।
কিন্তু ওস্তাদ, মেরামত করতে হলে তো প্রথমে জাহাজটাকে। কোথাও ভেড়াতে হবে, তাই না? আমি বলি কি, পয়েন্ট দিয়াগোর অন্য তীরে নোঙর ফেলা হোক। ওদিক ছাড়া অন্য কোন দিকে যেতে চাইলে জোরালো বাতাসের মুখোমুখি হবার আশঙ্কা আছে, সেক্ষেত্রে গর্ত দিয়ে জাহাজের ভেতর পানি ঢুকতে পারে। তাছাড়া, হঠাৎ যদি আবহাওয়া খারাপ হয়ে ওঠে?
খানিক চিন্তা-ভাবনা করে কনগ্রে সিদ্ধান্ত নিল, রাতের অন্ধকার গাঢ় হবার আগেই ইগোর উপসাগরে ফিরে যাবে তারা। কিন্তু দেখা গেল এই ভরা জোয়ারের সময় স্রোতের উল্টোদিকে জাহাজ চালানো সম্ভব নয়। উপায় নেই, জোয়ার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষাই করতে হবে।
ঢেউয়ের আঘাতে দোল খাচ্ছে স্কুনার। জলদস্যুরা বুঝতে পারছে, লক্ষণ ভাল নয়। জাহাজ যদি আরেকটু কাত হয়, গর্ত দিয়ে হু হু করে ভেতরে পানি ঢুকবে। কাজেই শেষ পর্যন্ত সেরেসান্তের প্রস্তাব মেনে নিয়ে দিয়াগো পয়েন্টেই নোঙর ফেলতে রাজি হলো কনগ্রে।
রাত নামছে। একটু পর গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে যাবে সাগর। সেই অন্ধকারে তাদের সেরেসান্তে ডাঙার সঙ্গে ধাক্কা খেতে পারে।
তবে কোন বিপদ হলো না। মাঝরাতের আগেই ইগোর উপসাগরে, আগের সেই পুরানো জায়গায় ফিরে এল স্কুনার। আইনের চোখকে ফাঁকি দিয়ে একদিন তারা এই দ্বীপে ঘাঁটি গেড়েছিল, দ্বীপটা এখন যেন তাদেরকে ছাড়তে চাইছে না।
.
১২.
জলদস্যুদের মনের অবস্থা যে ভাল নয় তা কি আর বলার অপেক্ষা রাখে। ঠিক যখন তাদের এত সাধের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে তখনই বিনা মেঘে বজ্রপাত! রাগ না হয়ে যায়? এদিকে শুধু যে কামানের গোলা ছুঁড়ে তাদেরকে থামিয়ে দেয়া হয়েছে, তা নয়-ওদিক থেকে ছুটে আসছে সান্তা ফে। আর খুব বেশি হলে চার কি পাঁচদিন, তারপরই ইগোর উপসাগরে পৌঁছে যাবে আর্জেন্টিনা সরকারের জাহাজটা। একেই বলে বিপদের ওপর বিপদ।
কাজেই দাঁতে দাঁত ঘষছে দস্যুসর্দার কনগ্রে। এমন রাগাই রেগে আছে, ভয়ে কেউ তার ধারে কাছে যেতে সাহস পাচ্ছে না, যদি কামড়ে দেয় বা ভেঙচি কাটে!
সেরেসান্তে-র ক্ষতির পরিমাণ আরেকটু কম হলে অন্য কোথাও গিয়ে নোঙর ফেলতে পারত কনগ্রে। কিন্তু জাহাজের জখম অত্যন্ত মারাত্মক, তাই যত দ্রুত সম্ভব মেরামত না করলেই নয়। তাছাড়া, স্টাটেন আইল্যান্ড ছাড়া জাহাজটাকে নিরাপদে রাখার আর কোন জায়গাও তো আশপাশে নেই।
কনগ্রের মত সেরেসান্তেও গনগনে আগুন হয়ে আছে, পারলে যেন নিজের হাতটাকেই কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। সে একবার জেদ ধরেছিল, তাকে অনুমতি দেয়া হোক, কামানের গোলা ছোঁড়ার জন্যে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে জীবনের মত শিক্ষা দিয়ে আসুক। কিন্তু কনগ্রে অনুমতি দেয়নি। জবাবে বলেছে, দ্বীপে প্রতিপক্ষরা কজন আমরা জানি না। তাদের কাছে কি ধরনের অস্ত্র আছে তাও অজানা। কাজেই ঝুঁকি নেয়াটা বোকামি হয়ে যাবে।
শেষ পর্যন্ত সেরেসান্তেও তার যুক্তি মেনে নিয়েছে। লীডারকে সমর্থন করে বলল, ওদেরকে কুকুরের মত গুলি করে মারলেও তো আমাদের কোন লাভ হচ্ছে না। হ্যাঁ, মেরামতের কাজ তাড়াতাড়ি সেরে দ্বীপ ছেড়ে চলে যাওয়াই সবদিক থেকে ভাল।
বাসকেথ আর ডেভিসের খোঁজে সান হুয়ান অন্তরীপ জলদস্যুরা চষে ফেললেও কোন লাভ হত না, কারণ সেখানে ওরা নেই। ওরা তাহলে এখন কোথায়?
তার আগে বলা দরকার কাল বিকেলটা ওরা কিভাবে কাটিয়েছে। সময়টা ওরা কাটিয়েছে একটা টিলার ওপর, কামানের পাশে দাঁড়িয়ে। কামানটাকে টিলার ওপর তুলে আনতে কাল ঘাম ছুটে গেছে ওদের। কয়েক ঘণ্টা একটানা পরিশ্রম করার পর সন্ধে ছটার দিকে কাজটা শেষ করতে পারে। তোলর পর কামানের ব্যারেল উপসাগরের দিকে তাক করল, তারপর তাতে গোলা ভরল। কামান দাগার সমস্ত প্রস্তুতি শেষ করে অপেক্ষায় ছিল ওরা, মুহূর্তের জন্যেও সাগরের ওপর থেকে চোখ সরায়নি। জলদস্যুদের স্কুনারটা নাগালের মধ্যে একবার এলে হয় শুধু, মজাটা দেখিয়ে দেবে।
আমার প্ল্যানটা শোনো, বাসকেথকে বলল ডেভিস। অনেক মাথা খাঁটিয়ে এটা আমি তৈরি করেছি।
হ্যাঁ, বলো, আমি শুনছি।
জলদস্যুদের জাহাজ পুরোপুরি ডুবিয়ে দেয়াটা বোকামি হবে। কেন জানো? কারণ জাহাজ ডুবে গেলে সাঁতরে তীরে উঠবে ওরা, তারপর আমাদেরকে খুঁজতে শুরু করবে। অতগুলো হিংস্র লোকের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারব না।
তাহলে কি করতে চাও তুমি?
এমনভাবে গোলা ছুঁড়তে হবে, জাহাজের যাতে যথেষ্ট ক্ষতি হবে, কিন্তু ডুববে না। জাহাজের যথেষ্ট ক্ষতি হলে সাগর পাড়ি দেয়ার মতলব বাতিল করতে হবে ওদেরকে। তখন আমাদেরকে খুঁজতে বেরোবার চেয়ে জাহাজটাকে মেরামত করার প্রয়োজনটাই বড় হয়ে দেখা দেবে।
প্ল্যানটা তোমার মন্দ নয়, স্বীকার করল বাসকেথ। কিন্তু ক্ষতির পরিমাণ যদি খুব কম হয়ে যায়? অল্প একটু মেরামতের কাজ সেরে আবার পালাতে চেষ্টা করবে না?
ওখানেই আমাদেরকে দক্ষতার পরিচয় দিতে হবে, বলল ডেভিস। গোলা ছুঁড়ে এমন ক্ষতিই করব, মাল-পত্র না নামিয়ে মেরামতের কাজে ওরা যেন হাত দিতে না পারে। মাল-পত্র নামাতে হলে পরে আবার তুলতেও হবে। তাতেই অন্তত দুতিনদিন নষ্ট হবে ওদের।
কিন্তু যদি এমন হয়, সান্তা ফে পাঁচ-সাতদিনের মধ্যেও এল না?
ডেভিস হেসে উঠে বলল, যদি দেখি সান্তা ফে আসছে না, মেরামত করার পর জাহাজ নিয়ে চলে যাচ্ছে জলদস্যুরা, তাহলে একই অস্ত্র আবার ব্যবহার করতে আমাদেরকে বাধা দিচ্ছে কে?
মানে?
মানে, আবার আমরা গোলা ছুঁড়ে জখম করব স্কুনারটাকে!
এবার বাসকেথও হেসে উঠল।
তবে, ডেভিস বলল, যদি দেখি জাহাজটার যথেষ্ট ক্ষতি হয়েছে তাহলে দ্বিতীয়বার কামানটা ব্যবহার করার দরকার হবে না। সেক্ষেত্রে এই জায়গা ছেড়ে চলে যাব আমরা।
দক্ষতার সঙ্গেই কামানের গোলা ছুঁড়েছে ওরা। তার পরিণতি কি হয়েছে আমরা তা ইতিমধ্যে জেনেছি।
জখম নিয়ে জলদস্যুদের জাহাজ আবার স্টাটেন আইল্যান্ডের দিকে ফিরে আসছে দেখে দ্বীপের আরেক দিকে পালাবার জন্যে ব্যস্ত হয়ে উঠল বাসকেথ আর ডেভিস। ওরা পালাচ্ছে জলদস্যুদের ভয়ে। ওদের খোঁজে এদিকে যদি আসে তারা! পালাবার প্ল্যানটা আগেই করা ছিল। টিলা থেকে নেমে সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল দুজন। গুহা ছেড়ে মাইল দুয়েক উত্তরে যাবে, খুঁজে বের করবে নতুন একটা নিরাপদ আশ্রয়। শুধু যে ডাকাতদের ভয়ে পালাচ্ছে, তা নয়। ওদিক থেকে কোন জাহাজ এলে সেটাকে দেখতেও পাবে তারা। রওনা হবার সময় গুহা থেকে নিজেদের রসদ, অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি সবই গুছিয়ে নিল ওরা।
দুমাইল নয়, নিরাপদ আশ্রয়ের খোঁজে পাঁচ মাইল হাঁটতে হলো ওদেরকে। মোটামুটি ভালই একটা জায়গা পাওয়া গেছে। এখান থেকে সাগরের ওপর নজর রাখতে কোন অসুবিধে নেই, সান্তা ফে এলে পরিষ্কারই দেখতে পাবে। পয়লা মার্চের সকাল থেকে সন্ধে পর্যন্ত আড়াল থেকে খুনীগুলোর ওপর সতর্ক চোখ রাখল ওরা। ওদের সন্দেহ, জলদস্যুরা ওদেরকে না খুঁজতে বেরোয়।
কনগ্রে অবশ্য প্রতিপক্ষদের খোঁজার ব্যাপারে উৎসাহী নয়। সে তার লোকজনকে জাহাজ মেরামতের কাজে ব্যস্ত রাখল। সবাইকে বলে দেয়া হয়েছে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি সারতে হবে কাজটা। তারপরও ভার্গাসকে ঘন ঘন তাগাদা দিয়ে যাচ্ছে। ভার্গাস এক সময় এসে রিপোর্ট করল, সবাই মিলে হাত লাগালে সন্ধের মধ্যে মেরামতের কাজ শেষ করা সম্ভব। তবে সব কাজ নিখুঁতভাবে শেষ করতে হলে আরও একটা দিন লাগতে পারে।
সন্ধের দিকে বাসকেথ ও ডেভিস বুঝতে পারল, আজ আর জলদস্যুদের রওনা হবার সম্ভাবনা নেই। নতুন আস্তানায় ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল ওরা।
পরদিন ভোর হবার আগেই আবার সৈকতে এসে দাঁড়াল, দিগন্তে কোন জাহাজ আছে কিনা দেখছে। সান্তা ফে, অন্য কোন জাহাজ, এমনকি এতটুকু ধোঁয়া পর্যন্ত দেখা যাচ্ছে না কোথাও। বাসকেথের ধারণা, আজ নিশ্চয়ই জলদস্যুরা রওনা হবে। ডেভিস খুব অস্থির হয়ে উঠল, সান্তা ফে এখনও আসছে না কেন! এবার রওনা হলে খুব সাবধানে জাহাজ চালাবে জলদস্যুরা, কামানের, গোলা লাগানো সম্ভব হবে কিনা কে জানে। দুজনে খুবই উদ্বিগ্ন হয়ে থাকল। সকাল হতে জোয়ার শুরু হলো, এক সময় তা চলেও গেল। এতক্ষণে খানিকটা স্বস্তিবোধ করল ওরা। জোয়ারের সময় যখন জলদস্যুরা জাহাজ ছাড়েনি, ধরে নেয়া যায় সন্ধ্যার জোয়ার শুরু না হওয়া পর্যন্ত জাহাজের নোঙর তুলবে না।
আবহাওয়া একদম শান্ত। রোদের তাপ খুব মিষ্টি লাগছে। সাগরের পানিতে ঝিলিক মারছে আলোর ছটা।
মার্চের দুই তারিখটাও কোন ঘটনা ছাড়াই পার হয়ে গেল। জলদস্যুরা জাহাজ মেরামতের কাজে ব্যস্ত, অন্য কোন দিকে খেয়াল দেয়ার সময় নেই তাদের।
ওরা পালাবার জন্যে তৈরি হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না, পায়চারি করতে করতে বলল ডেভিস।
তোমার মাথায় তো আইডিয়া গিজ গিজ করে। চিন্তা-ভাবনা করে দেখোনা কিছু করা যায় কিনা, বলল বাসকেথ। আমার ধারণা, যথাসাধ্য চেষ্টা করেছি আমরা। এখন ঈশ্বর যা চাইবেন তাই হবে।
পায়চারি করছে ডেভিস, তাকিয়ে আছে সাগরের দিকে। কি যেন চিন্তা করছে সে।
বাসকেথ বিড়বিড় করে বলল, পাপ করলে ভুগতে হয়। আমরা প্রতিশোধ নিতে না পারলেও ঈশ্বর ওদেরকে ক্ষমা করবেন। না।
বাসকেথের কথায় যেন কান নেই ডেভিসের। এমনভাবে পায়চারি করছে, যেন খুব উত্তেজিত। তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। বাসকেথের দিকে তাকিয়ে বলল, কেমন হয়, বলো তো, আমরা যদি কাছাকাছি গিয়ে দেখি ওরা কি করছে?
তোমার কি মাথা খারাপ হলো! তুমি মনে হচ্ছে স্বেচ্ছায় খুনীদের হাতে ধরা পড়তে চাও!
ধরা দেয়ার কথা কে বলছে! ডেভিস একটু বিরক্ত হলো। কাছাকাছি থেকে দেখলে বোঝা যেত আজ সন্ধ্যার জোয়ারের সময় সত্যি ওরা রওনা হবে কিনা।
তা জেনে আমাদের লাভ? কিছু না কিছু লাভ হতে বাধ্য, বলল ডেভিস। আসলে, আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না, বাসকেথ। এরকম অসহায়ভাবে কতক্ষণ থাকা যায়, বলো? আচ্ছা, বাতিঘর এখান থেকে ঠিক কতটা দূর?
সরাসরি ওই পাহাড় ডিঙিয়ে গেলে তিন মাইল। আমি যাব, বাসকেথ। প্লীজ, আমাকে তুমি বাধা দিয়ো না। চারটেয় রওনা হলে সন্ধের দিকে পৌঁছে যাব। তখনও আলো থাকবে, তবে সাবধানে থাকলে ওরা আমাকে দেখতে পাবে না।
ডেভিস ভেবেছিল বাসকেথ তাকে বাধা দেবে। কিন্তু বাসকেথ কিছু বলল না। বলল না এই জন্যে যে সে জানে বাধা দিয়ে ডেভিসকে আটকানো যাবে না। তাছাড়া, হাত-পা গুটিয়ে অপেক্ষা করতে তারও ভাল লাগছে না।
ডেভিস আবার বলল, তুমি এখান থেকে সাগরের ওপর নজর রাখো, বাসকেথ। আমার ফিরে আসতে খুব একটা রাত হবে না।
বাসকেথ সংক্ষেপে বলল, তুমি একা যাচ্ছ না, ডেভিস, আমিও তোমার সঙ্গে যাচ্ছি।
বিচ্ছিন্ন হওয়া উচিত হবে না, এটা বিবেচনা করেই একসঙ্গে যাবার সিদ্ধান্ত নিল ওরা। চারটে বাজতে এখনও দেরি আছে। সৈকতে ডেভিসকে দাঁড় করিয়ে রেখে নিজেদের আস্তানায় ফিরে এল বাসকেথ। পুরানো একটা সাদা শার্ট নিল সে, সেটাকে ফালি ফালি করে ছিঁড়ল, ছেঁড়া ফালিগুলো পরস্পরের সঙ্গে গিঁট দিয়ে লম্বা একটা রশি তৈরি করল। ধারাল একটা ছুরি বের করে কোমরে জল। হাতে থাকল দুটো রিভলভার আর কিছু খাবার। ডেভিসের কাছে ফিরে এসে একটা রিভলভার আর কিছু কার্ট্রিজ দিল বাসকেথ। সৈকতে, একটা পাথরের আড়ালে বসে সামান্য কিছু মুখে দিয়ে নিল দুজনে। খাচ্ছে, ডেভিস জানতে চাইল, হাতে তৈরি রশিটা খুব রহস্যময় লাগছে আমার। ভেঙে বললো দেখি, ব্যাপারটা কি?
প্রশ্নটা এড়িয়ে গিয়ে বাসকেথ বলল, সন্ধ্যের সময় আবার জিজ্ঞেস কোরো।
খাওয়া শেষ হতে যে যার রিভলভার চেক করে নিল ওরা, তারপর, রওনা হয়ে গেল। নির্জন পাহাড় টপকে এগোচ্ছে ওরা, পরিশ্রমে হাঁপাচ্ছে। মাইলখানেক হাঁটার পরই বাতিঘরের চূড়া দেখতে পেল ওরা। স্বভাবতই হাঁটার গতি বেড়ে গেল ওদের। কোথাও না থেমে আরও আধ ঘণ্টা হাঁটল এভাবে। বাতিঘর আর যখন আধ মাইল দূরে, হাঁটার গতি কমিয়ে দিয়ে সাবধানে এগোল ওরা। চারদিকে সজাগ দৃষ্টি বুলিয়ে দেখে নিচ্ছে। টাওয়ারের লণ্ঠন-ঘর থেকে এদিকে যদি কেউ তাকায়, ওদেরকে দেখতে না পাবার কোন কারণ নেই।
লণ্ঠনটা ওরা পরিষ্কারই দেখতে পাচ্ছে। শুধুই লণ্ঠন, আশপাশে কেউ নেই। চলার পথে এখন পাথর আছে প্রচুর, সেগুলোর আড়ালে গা ঢাকা দিয়ে এগোচ্ছে ওরা। সামনে একটা ফাঁকা জায়গা পড়ল, আড়াল নেয়ার মত কিছুই নেই। জায়গাটা হামাগুড়ি দিয়ে পার হলো ওরা। ঠিক ছটার সময় পাহাড়ের কিনারায় পৌঁছে দেখল সামনেই বাতিঘর। সৈকতের কাছে জলদস্যুরা খুব ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে। কি ব্যাপার? ব্যাপার হলো, জাহাজ মেরামতের কাজ প্রায় শেষ করে এনেছে তারা, তাই রওনা হবার প্রস্তুতি নিচ্ছে। জাহাজে মাল-পত্ৰ তোলার কাজ আগেই শুরু হয়েছে, শেষ হতে আর বেশিক্ষণ লাগবে না।
ডেভিসের শরীরে যেন আগুন ধরে গেল। হিসহিস করে বলল, শালারা দেখছি পালাবার জন্যে তৈরি! তার দুচোখ থেকে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে। বাসকেথ, আমাদের চোখের সামনে দিয়ে চলে যাবে ওরা, অথচ আমরা কিছুই করতে পারব না?
ডেভিসের মত বাসকেথও অসহায়বোধ করছে। আসলে সত্যি ওদের কিছু করার নেই।।
কনগ্রেকে দেয়া প্রতিশ্রুতি ঠিকমতই রক্ষা করেছে ভার্গাস। জাহাজের প্রতিটি ক্ষত সারিয়েছে সে, সময়ও নিয়েছে খুব কম। সবচেয়ে বড় কথা, মেরামতের কাজে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে লোকটা-জাহাজের গায়ে জখমের কোন চিহ্নই এখন আর খুঁজে পাওয়া যাবে না। মাল-পত্র তুলতে যা দেরি, সেরেসান্তে সঙ্গে সঙ্গে সাগর পাড়ি দেয়ার জন্যে রওনা হতে পারবে।
সময় তো আর কারও জন্যে বসে থাকে না, সে তার নিজস্ব গতিতে বয়ে যাচ্ছে। সাগরের পানিতে ডুব দিল সূর্য। ধীরে ধীরে অন্ধকার হয়ে এল চারদিক। অথচ জলদস্যুদের মধ্যে রওনা হবার ব্যস্ততা দেখা যাচ্ছে না। বাসকেথ আর ডেভিস একটা টিলার ওপর, পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে রয়েছে। এতটা দূর থেকে জলদস্যুদের মতিগতি ঠিকমত ঠাহর করতে পারছে না ওরা। তবে ওদের কথাবার্তা শুনতে পাচ্ছে। জলদস্যুরা হৈ-চৈ আর হাসাহাসি করছে। ভারী জিনিস-পত্র বয়ে নিয়ে যাবার সময় হেইয়ো হেইয়ো করছে। রাত দশটা বাজল। হাসি আর হৈ-হট্টগোলের আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে। তারমানে কি মাল-পত্র তোলার কাজ শেষ করে ফেলেছে ওরা? একটু পরই রওনা হবে?
কিন্তু রওনাই যদি হবে, নোঙর তুলছে না কেন? পালও তো দেখা যাচ্ছে খাটায়নি। সেরেসান্তে সেই আগের মতই স্থির হয়ে পঁড়িয়ে রয়েছে। রহস্যটা কি?
আরও এক ঘণ্টা পার হলো। হঠাৎ বাসকেথের একটা হাত ধরল ডেভিস। শুনতে পাচ্ছ, বাসকেথ? পানির আওয়াজ! জোয়ার শুরু হলো!
তোমার কি ধারণা, এবার ওরা রওনা হবে?
আজ যদি না-ও হয়, কাল তো হবেই।
মাথা নাড়ল বাসকেথ। না, ডেভিস। খুনীরা কালও রওনা হতে পারবে না। সত্যি কথা বলতে কি, এই দ্বীপ ছেড়ে কোনদিই ওরা যেতে পারবে না। পাথরের আড়াল থেকে খোলা জায়গায় বেরিয়ে এল সে।
হতভম্ব হয়ে তার পিছু নিল ডেভিস। দুজনেই বাতিঘরের দিকে হাঁটছে। কয়েক মিনিট লাগল টাওয়ারের নিচে পৌঁছাতে। মাটিতে কি যেন হাতড়াচ্ছে বাসকেথ। সম্ভবত একটা বড় আকারের পাথরই হবে, মাটি থেকে তুলে সরিয়ে রাখল। যেখানে পাথরটা ছিল এখন সেখানে একটা গর্ত দেখা যাচ্ছে। কষ্ট হবে, তবে চেষ্টা করলে দুজন মানুষ ঢুকতে পারবে ভেতরে। ডেভিসের কানের কাছে মুখ সরিয়ে এনে ফিসফিস করল বাসকেথ, গর্তে নামো।
কি ব্যাপার, বাসকেথ? ডেভিস ইতস্তত করছে।
বাতিঘরে থাকার সময় হঠাৎ এই গর্তটা আবিষ্কার করেছিলাম, তখনই মনে হয়েছিল, এটা একদিন হয়তো কাজে লাগবে।
আর কোন প্রশ্ন না করে গর্তের ভেতর ঢুকল ডেভিস। তাকে অনুসরণ করল বাসকেথ। গর্তটা খুব একটা বড় নয়, গা ঘেঁষাঘেঁষি করে কোন রকমে থাকতে পারবে দুজনে। বাসকেথ বলল, এখানে তোমাকে রেখে আমি একটু ঘুরে আসি। আমি না ফেরা পর্যন্ত এই গর্ত ছেড়ে তুমি বেরুবে না।
ঘুরে আসবে? কি বলছ! ডেভিস অবাক। কোথায় যাবে তুমি?
ডাকাতদের জাহাজে যাচ্ছি আমি, বাসকেথ বলল। তুমি এখানেই আমার জন্যে অপেক্ষা করো।
তুমি একা ওদের জাহাজে যাবে? ডেভিস যেন বাসকেথের কথা বিশ্বাস করতে পারছে না।
হ্যাঁ, একাই, দৃঢ় গলায় বলল বাসকেথ। এখন আমাকে এমন ব্যবস্থা করতে হবে, খুনীরা যাতে দ্বীপ. ছেড়ে পালাতে না পারে। পকেট থেকে একজোড়া ছোট পুঁটলি বের করল সে, কোমরের বেল্ট থেকে ছুরিটাও খুলে নিল।
পুঁটলিতে কি? জানতে চাইল, ডেভিস।
বারুদ দিয়ে বিস্ফোরক তৈরি করেছি, বলল বাসকেথ। ডিনামাইটের মতই ফাটবে। দেখছ, শার্ট ছিঁড়ে রশির মত বানিয়েছি। এগুলো আসলে সলতে। এখন আমি কি করব শোনো। পুঁটলি দুটো মাথায় বাঁধব, তীর থেকে পানিতে নেমে সাঁতরে উঠব জাহাজে। মাস্তুলের কাছে পুঁটলি দুটো রাখব, তারপর সলতেতে আগুন ধরিয়ে ফিরে আসব। কি, সম্ভব নয়?
বুদ্ধিটা তো চমৎকার! হঠাৎ উল্লসিত বোধ করছে ডেভিস। হ্যাঁ, সম্ভব। কিন্তু এই বিস্ফোরক কখন তুমি তৈরি করলে?
দুপুরবেলা। মনে আছে, তোমাকে সৈকতে পাহারায় রেখে আস্তানায় গিয়েছিলাম আমি? তখন।
ও, আচ্ছা। কিন্তু, দোস্ত, এরকম একটা বিপজ্জনক কাজে আমি তো তোমাকে একা যেতে দিতে পারি না। তুমি গেলে আমাকেও তোমার সঙ্গে যেতে হবে।
শুধু শুধু দুজনেই কেন ঝুঁকি নিইআমি তোমার সাহায্য ছাড়াই কাজটা করতে পারব।
কিছুক্ষণ তর্ক করল ওরা। ডেভিস বুঝতে পারল, বাসকেথকে টলানো যাবে না। অগত্যা বাধ্য হয়েই তাকে একা যেতে দিতে রাজি হলো সে।
ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে অন্ধকার। গায়ের শার্ট খুলে ফেলল বাসকেথ, জরুরী মাল-মশলা নিয়ে গর্ত থেকে বেরুল। চারদিকটা ভাল করে একবার দেখে নিয়ে হন হন করে হাঁটতে শুরু করল সে। সাগরের আওয়াজ পাচ্ছে, পথ চিনতে কোন অসুবিধে হচ্ছে না। অন্ধকারে কেউ তাকে দেখতেও পাচ্ছে না। পানিতে নামার সময় কোন শব্দ করল না। সাঁতার কেটে এগোচ্ছেও খুব সাবধানে। জোয়ারের সময়। পানি এমনিতেই আওয়াজ করছে, ও তৈরি শব্দ তাতে চাপা পড়ে যাবার কথা।
নিরেট কালো একটা পাঁচিলের মত সাগরে দাঁড়িয়ে রয়েছে জাহাজটা। প্রথমে ডেকটা খালিই দেখল বাসকেথ। ভাবল, এই সুযোগে জাহাজে উঠে পড়া যায়। তারপর হঠাৎ চোখে পড়ল, রেইলিং ধরে কে যেন একধারে বসে আছে। নিশ্চয়ই জলদস্যুরা লোকটাকে পাহারায় রেখে গেছে। জাহাজে উঠতে ভয় পাচ্ছে বাসকেথ। কি করবে ভাবছে। হঠাৎ কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেল ও। না, ভয়ের কিছু নেই, লোকটা বেসুরো গলায় গান ধরেছে। একটু খেয়াল করতেই বুঝতে পারল, গান গাইছে ওই পাহারাদার ডাকাতটাই।
জাহাজের নোঙর ধরে ওপরে উঠছে বাসকেথ। লোহার শিকল ঝাঁকি খাওয়ায় ধাতব শব্দ হলো। ভয় পেয়ে জাহাজের গায়ে সেঁটে থাকল ও। ভাগ্য ভাল যে লোকটা মনের আনন্দে তারস্বরে চেঁচাচ্ছে। এবার আরও সাবধানে উঠতে চেষ্টা করল বাসকেথ। গতি খুব মন্থর। তা হোক, তবু ধরা পড়ার ঝুঁকি নেয়া চলবে না। লোকটা নিজেকে দম ফেলার সুযোগও দিচ্ছে না, গেয়েই চলেছে। এক সময় রেইলিঙের কাছে পৌঁছে গেল বাসকেথ।
বিস্ফোরক ভরা পুঁটলি দুটো সাবধানে মাস্তুলের পাশে, ডেকের ওপর রাখল ও। পুঁটলির ভেতর সলতে ঢুকিয়ে দেশলাই বের করল। সতর্ক ছিল, তাই পানিতে দেশলাই ভেজেনি।
দেশলাই জ্বেলে সলতেতে আগুন দিল বাসকেথ। কাজটা শেষ করেই নোঙর বেয়ে নামতে শুরু করল। মনটা উল্লাসে নাচছে, স্বপ্নেও ভাবেনি এত সহজে কাজটা করতে পারবে। অকস্মাৎ ঝপাৎ করে জোরালো একটা আওয়াজ! নোঙর থেকে হাত খসে গেছে, সোজা সাগরে পড়েছে বাসকেথ।
গান থেমে গেল। কে? চেঁচিয়ে উঠল লোকটা।
পানির ওপর মাথা তুলে বাসকেথ দেখল রেইলিং ধরে ঝুঁকে পানির দিকে তাকিয়ে রয়েছে সে, বোঝার চেষ্টা করছে কিসের আওয়াজ হলো। পানির নিচে ডুব দিল বাসকেথ। ডুব সাঁতার দিয়ে দ্রুত সৈকতের দিকে ফিরে আসছে।
প্রায় এক মিনিট রেইলিং ধরে দাঁড়িয়ে থাকল লোকটা। নিচের পানিতে কিছুই সে দেখতে পাচ্ছে না। বিড় বিড় করে কাকে কে জানে একটা গাল দিল, তারপর নিজের জায়গায় ফিরে গিয়ে আবার গান ধরল।
.
ডেভিসের মনে হলো সে যেন অনন্তকাল ধরে বাসকেথের অপেক্ষায় গর্তে বসে আছে। ত্রিশ মিনিট পার হলো, তারপর পঁয়তাল্লিশ মিনিট, অবশেষে এক ঘণ্টা। আশ্চর্য, বাসকেথ এখনও ফিরছে না কেন? অস্থির হয়ে গর্ত থেকে বেরিয়ে এল ডেভিস। বাসকেথের কি কোন বিপদ হলো? এত দেরি হবার তো কথা নয়।
ডেভিস গর্ত থেকে বেরুতেই অকস্মাৎ প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। তারপর শোনা গেল বহু লোকের চিৎকার-চেঁচামেচির আওয়াজ।
পানি থেকে উঠে এল এক লোক। ডেভিস দেখল তার দিকেই ছুটে আসছে লোকটা। একটু পরই বাসকেথকে চিনতে পারল সে। দোস্ত! বলে তাকে জড়িয়ে ধরল সে। বাসকেথ নিজেকে ছাড়িয়ে নিয়ে. ডেভিসের একটা হাত ধরল, তাড়াতাড়ি তাকে নিয়ে নেমে পড়ল গর্তটার ভেতর। ঢোকার আগে পাথরটাকে টেনে এনে গর্তের মুখে এমনভাবে রাখল, পাশ দিয়ে হেঁটে গেলেও যাতে বোঝা না যায় যে এখানে একটা গর্ত আছে।
একটু পর কর্কশ একটা গলা ভেসে এল, পরিষ্কার শুনতে পেল ওরা। এদিকে, এদিকে এসো! কুত্তাটাকে এবার ঠিকই ধরব আমরা। পালিয়ে যাবে কোথায়!
অন্য একটা গলা ভেসে এল, যীশুর কিরে বলছি, তাকে আমি স্পষ্টই দেখেছি। সঙ্গে কেউ ছিল না, একা এসেছিল।
একটু আগেই যখন দেখেছ, তাহলে বেশি দূর যেতে পারেনি।
এসো, খোজা যাক। ওর মুণ্ডুটা আমার চাই…
লোকগুলো দূরে সরে যাচ্ছে, এক সময় আর তাদের কথা শোনা গেল না।
ডেভিস নিচু গলায় জিজ্ঞেস করল, কাজ হয়েছে, তাই?
সম্ভবত। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ক্ষতির পরিমাণ যথেষ্ট কিনা।
তোমার বিস্ফোরক যে এত জোরাল আওয়াজ করবে, আমার ধারণা ছিল না। ক্ষতি খুব বেশি হবারই কথা।
আমি চাই আরও অন্তত দুহপ্তা ওরা যেন দ্বীপ ছেড়ে যেতে না পারে।
ইতিমধ্যে সান্তা ফে চলে আসবে…
শ্শ্শ্! ফিসফিস করল বাসকেথ। চুপ!
কয়েক জোড়া পায়ের আওয়াজ। এদিকেই এগিয়ে আসছে। এল, তারপর গর্তটাকে পাশ কাটিয়ে চলেও গেল। আটকে রাখা দম ছাড়ল ওরা।
সারা রাতই, পাগলা কুকুরের মত ওদেরকে খুঁজে বেড়াল জলদস্যুরা। ভোর হতে আর বেশি দেরি নেই, এতক্ষণে হতাশ ও ক্লান্ত হয়ে পরাজয় স্বীকার করল তারা। অন্ধকারে কতক্ষণ আর ঘুরে মরবে? একে একে নিজেদের ডেরায় ফিরে গেল তারা।
অনেকক্ষণ অার কোন শব্দ পাচ্ছে না বার্সকেথ ও ডেভিস। ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা করল ওরা। এবার গর্তটা থেকে বেরিয়ে নিজেদের আস্তানায় ফেরা দরকার। কিছু খেতে হবে, ঘুমাতেও হবে।
গর্ত থেকে বেরুতে যাবে ওরা, হঠাৎ আবার দুজন লোকের গলা শুনতে পেল। গর্তের দিকেই এগিয়ে আসছে তারা।
সত্যি অদ্ভুত ব্যাপার। লোকটা যেন বাতাসে মিলিয়ে গেছে।
অপর লোকটা বলল, হ্যাঁ, অদ্ভুতই বলতে হবে। কিন্তু আর কিছু করার নেই আমাদের। সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। লোকটা সম্ভবত ছুটে দ্বীপের উল্টোদিকে চলে গেছে। আশপাশে থাকলে ঠিকই আমরা তাকে দেখতে পেতাম। এখন কি করবে বলো? সবাই তো জাহাজে ফিরে গেছে, আমরা শুধু শুধু কেন ঘুরে মরছি?
নেহাতই ভাগ্য বলতে হবে যে বিস্ফোরণে তেমন কোন ক্ষতি হয়নি জাহাজের। সম্ভবত ডিনামাইটই বসিয়েছিল। ঠিকমত লাগলে জাহাজটা টুকরো টুকরো হয়ে যেত। হ্যাঁ, চলো জাহাজে ফিরে যাই আমরা।
বাসকেথ আর ডেভিস দীর্ঘশ্বাস ফেলল। জাহাজের তাহলে তেমন কোন ক্ষতি হয়নি! তারমানে জলদস্যুরা দ্বীপ ছেড়ে চলে যেতে পারবে!
লোকগুলো এখনও কথা বলছে।
কুত্তাটা আসলে চেয়েছিল মাস্তুলটা যাতে ভেঙে পড়ে, তাহলেই আমরা আর জাহাজ নিয়ে খোলা সাগরে বেরুতে পারতাম না। আমি ভাবছি, সে কি দূর থেকে লক্ষ করছে জাহাজটাকে? মাস্তুল অটুট থাকায় আবার হামলা করবে?
অত সাহস কি তার হবে? মনে হয় না। মাথায় ঘিলু থাকলে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে বিস্ফোরক জাহাজ থেকে হাউই-এর মত ছিটকে বেরিয়ে যাওয়াতেই তার হামলা ব্যর্থ হয়েছে। সে জানে, আমরা এখন সজাগ। কাজেই দ্বিতীয় বার আসতে সাহস পাবে না।
তুমি কি দেখেছ, ডেকের কতটা ক্ষতি হয়েছে?
দেখেছি। একদিকের ডেক খানিকটা উড়ে গেছে। গুরুতর কোন ক্ষতি বলা চলে না।
এই সময় দূর থেকে অন্য আরেকটা গলা ভেসে এল, এই, তোমরা ওখানে কি করছ? লেকচার মারলেই হবে, নাকি কিছু কাজও করবে? চলে এসো তোমরা, জাহাজে ওঠো।
লোক দুজন চলে যেতে গর্তের ভেতর আবার দীর্ঘশ্বাস ফেলল বাসকেথ আর ডেভিস। বাসকেথ তো নিঃশব্দে কেঁদেই ফেলল। না, ডেভিস, ভাগ্য আমাদের পক্ষে নয়। ওদেরকে আটকানোর সব চেষ্টাই ব্যর্থ হলো।
ডেভিস নিজেও হতাশ। বাসকেথকে সে আর কি সান্ত্বনা দেবে। প্রাণের ওপর ঝুঁকি নিয়ে একটা কাজ করতে গেল বেচারা, কিন্তু কোনই লাভ হলো না। কাল ভোরেই জলদস্যুরা দ্বীপ ছেড়ে চলে যাবে।
.
একটু পরই ভোর হয়ে এল। আলো ফুটছে, তাই গর্তটা থেকে ওরা বেরুতে পারল না। বাসকেথ খুব ভয় পাচ্ছে। রাতের অন্ধকারে জলদস্যুরা গর্তটা দেখতে পায়নি, কিন্তু দিনের আলোয় পাবে। ডেভিসের সাহায্য নিয়ে পাথরটাকে আরও কাছে টেনে আনল ও, ফলে গর্তের মুখ প্রায় পুরোটাই চাপা পড়ে গেল।
সকাল হলো। ধীরে ধীরে বেলা বাড়ছে। জলদস্যুদের কোন সাড়া-শব্দ নেই। গর্তের ভেতর গরমে সেদ্ধ হচ্ছে ওরা। খিদেও পেয়েছে প্রচণ্ড। কিন্তু সাহস করে বেরুবার কথা একবারও ভাবছে না ওরা। এক সময় দুপুর হলো। দুপুর গড়িয়ে বিকেল। জাহাজটা এখনও রওনা হয়নি, এটা বেশ বোঝা যাচ্ছে। রওনা হবার আগে নোঙর তুলতে হবে। আর নোঙর তুললে ধাতব শব্দ শোনা যাবে। বাসকেথ আর ডেভিস ধারণা করল, সন্ধ্যার পর জোয়ারের সময় জাহাজ ছাড়বে তারা।
সারা রাত ঘুমাতে পারেনি। দুজনেই ঢুলছে। হঠাৎ চমকে উঠল ধাতব ঘড়ঘড় আওয়াজ শুনে। সঙ্গে সঙ্গে আওয়াজটা চিনতে পারল ওরা। পানি থেকে জাহাজের নোঙর তোলা হচ্ছে। কোন সন্দেহ নেই, এবার খুনীগুলো দ্বীপ ছেড়ে চলে যাবে।
অসহায় রাগে দিশেহারা বোধ করছে বাসকেথ। পরিস্থিতি ভুলে পাথরটা সরিয়ে ফেলল সে, গর্ত থেকে মাথা তুলে উঁকি দিল বাইরে।
সূর্য এরইমধ্যে পাহাড়ের আড়ালে নেমে গেছে। সন্ধে হতে আর বেশি দেরি নেই। বাসকেথ দেখল-না, এখনও স্কুনারের নোঙর তোলা হয়নি। তবে ভোলার আয়োজন চলছে পুরোদমে। বিস্ফোরণের ফলে জাহাজটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এখান থেকে তা বোঝা যাচ্ছে না। জলদস্যুদের আচরণ দেখে মনে হচ্ছে না তারা চিন্তিত। না, তেমন কোন ক্ষতি সত্যি হয়নি।
গর্ত থেকে বেরুল বাসকেথ। একটা পাথর দেখতে পেয়ে গা ঢাকা দিল সেটার আড়ালে। উঁকি দিয়ে জলদস্যুদের গতিবিধি লক্ষ করছে। ডেভিসও এবার বেরিয়ে এসে তার পিছনে দাঁড়াল।
জলদস্যুরা প্রায় সবাই জাহাজে উঠে পড়েছে। দুএকজন শিষ্যকে নিয়ে তীরে এখনও দাঁড়িয়ে রয়েছে কনগ্রে। শিষ্যদের মধ্যে সেরেসান্তেও রয়েছে। নিজেদের মধ্যে কি বিষয়ে যেন আলাপ করল তারা, তারপর সেরেসান্তেকে নিয়ে বাতিঘরের দিকে হাঁটা ধরল কনগ্রে।
সাবধান! ডেভিসকে সাবধান করে দিল বাসকেথ। ওরা কিন্তু এদিকেই আসছে।
সেরেসান্তে বাতিঘরে যাচ্ছে টাওয়ারে উঠে শেষ একবার চারদিকে চোখ বোলাবার জন্যে। জাহাজ তৈরি, এখুনি তারা রওনা হবে। রওনা হবার আগে সাগরটা অবশ্যই একবার দেখা দরকার। যদি দেখা যায় এদিকে কোন জাহাজ আসছে, সতর্ক হবার সময় পাওয়া যাবে।
সেরেসান্তের মনে হলো, রাতটা শান্তই থাকবে, কোন ঝড়-টড় উঠবে না। বাতাসে তেমন জোর নেই, সাগরও প্রায় শান্ত।
টাওয়ারে উঠে লণ্ঠন-ঘরে ঢুকল সেরেসান্তে। বাতিঘরের সামনে দাঁড়িয়ে আছে কনগ্রে, ভেতরে ঢোকেনি সে।
পাথরের আড়াল থেকে টাওয়ারের জানালার দিকে তাকিয়ে আছে বাসকেথ আর ডেভিস। সেরেসান্তেকে জানালায় দেখতে পাচ্ছে ওরা।
চোখে দূরবীন তুলে সাগরে চোখ বোলাচ্ছে সেরেসান্তে। দিগন্তের কাছে সাগর ও আকাশ এক হয়ে মিশে আছে, কালো ও ঝাঁপসা একটা রেখার মত লাগছে। দিনটা শেষ হতে চলেছে, সূর্যের আলো পড়ায় সাদা মেঘগুলো লাল হয়ে উঠেছে। সাগরের নীল পানিতে মেঘের প্রতিবিম্ব। শেষ হতে হতেও দিনটা শেষ হচ্ছে না। এখনও সাগর আলোকিত। শান্ত সাগরকে খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু সে সৌন্দর্য উপভোগ করার সময় নেই সেরেসান্তের।
অকস্মাৎ তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল সে।
নিচে চমকে উঠল কনগ্রে আর তার শিষ্যরা। সবাই একযোগে মুখ তুলে তাকাল। কি হলো? সেরেসান্তে চেঁচাচ্ছে কেন?
সেরেসান্তে আবার চিৎকার করল। সান্তা ফে! সান্তা ফে! সান্তা ফে!
কনগ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
<