ক্ষুদে সাঁতারুদের একজনের নাম ইউক্লিড। ফ্লোরেন্টিনোর সঙ্গে দশ মিনিট কথা বলার পর সে-ও জলের নিচে অভিযানের বিষয়ে ফ্লোরেন্টিনোর মতই উত্তেজিত হয়ে উঠলো। ফ্লোরেন্টিনো অবশ্য তার অভিযানের আসল উদ্দেশ্যের সবটুকু তাকে খুলে বলে নি, তবে ডুবুরি এবং নৌ-চালক হিসেবে তার দক্ষতা সম্পর্কে সে নিজেকে নিশ্চিত করে নেয়। সে ওকে জিজ্ঞাসা করলো এক নিঃশ্বাসে ও জলের বিশ মিটার নিচ পর্যন্ত ডুব দিতে পারবে কিনা, আর ইউক্লিড বললো হ্যাঁ। সে ওকে জিজ্ঞাসা করলো, ও একা একা ঝড়ের মধ্যে কোনো যন্ত্রপাতি ছাড়া শুধু নিজের সহজাত অনুভূতি দ্বারা উন্মুক্ত সমুদ্রের বুকে নৌকা চালাতে পারবে কিনা, আর ইউক্লিড বললো হ্যাঁ। সে ওকে জিজ্ঞাসা করলো, সেটাভেন্টো দ্বীপপুঞ্জের সব চাইতে বড় দ্বীপটির ষোল নৌ-মাইল উত্তর-পশ্চিমে একটা নির্দিষ্ট স্থান সে খুঁজে বের করতে পারবে কিনা, আর ইউক্লিড বললো হ্যাঁ। সে ওকে জিজ্ঞাসা করলো, জেলেদের মাছ ধরায় সাহায্য করার জন্য ওরা ওকে যে মজুরি দেয় সেই একই মজুরিতে সে ফ্লোরেন্টিনোর কাজটা করতে রাজি কিনা, আর ইউক্লিড বললো হা। তবে রবিবারের জন্য ওকে বাড়তি পাঁচ রিয়াল দিতে হবে। সে ওকে জিজ্ঞাসা করলো, হাঙ্গরের আক্রমণ থেকে সে আত্মরক্ষা করতে পারবে কিনা, আর ইউক্লিড বললো হ্যাঁ। হাঙ্গরকে ভয় দেখাবার কিছু জাদুকরি কৌশল সে জানে। সে ওকে জিজ্ঞাসা করলো, ইস্কুজিশনের নির্যাতন কুঠুরিতে যে রকম নির্যাতন করা হয় ওর ওপর যদি সে রকম নির্যাতন চালানো হয় তাহলেও সে গোপন কথা ফাঁস করতে পারবে না, আর ইউক্লিড বললো হ্যাঁ। বস্তুতপক্ষে সে কোনো কিছুতেই না বলে নি, আর এমনই প্রত্যয়ের সঙ্গে ও হ্যাঁ বলতে জানতো যে ওকে সন্দেহ করার কোনো উপায় ছিল না। তারপর ও তার খরচের হিসাব দিল : নৌকার ভাড়া, দাঁড়-বৈঠার ভাড়া, মাছ ধরার জিনিসপত্রের ভাড়া, ওদের অভিযানের পেছনে যে অন্য কোনো উদ্দেশ্য নেই সেটা দেখাতে হবে, কেউ যেন কোনো সন্দেহ না করে। তা ছাড়া কিছু খাবার, পানীয় জল, একটা ল্যাম্প, কয়েকটা মোমবাতি এবং কোনো বিপদ ঘটলে দরকার হবে সেজন্য শিকারিদের একটা চোঙ্গও সঙ্গে নিতে হবে।

ইউক্লিডের বয়স হবে বারো বছরের মতো, ক্ষিপ্রগতি এবং বুদ্ধিমান, মুখে সারাক্ষণই খই ফুটছে, শরীরটা বান মাছের মতো, একটা ছোট ফুটো দিয়েও পিছলে গলে যেতে সক্ষম। রোদে-জলে-হাওয়ায় গায়ের রঙ এমন হয়েছে যে তার আসল রঙ কেমন ছিল তা বলা মুশকিল, আর তার ওই গাত্র বর্ণের জন্য তার বড় বড় হলুদ চোখ দুটি দেখাতো খুব উজ্জ্বল। ফ্লোরেন্টিনো আরিজা তখুনি ঠিক করলো যে ওই রকম বিশাল গুরুত্বপূর্ণ অভিযানের জন্য এই বালকই হল সব চাইতে উপযুক্ত সঙ্গী। আর দেরি না করে তারা পরের রবিবারেই তাদের অভিযানে বেরিয়ে পড়লো।

তারা জেলে-বন্দর থেকে খুব সকালে যাত্রা করলো, সঙ্গে প্রয়োজনীয় সব জিনিস নেয়া হয়েছে, মন-মেজাজ ভালো। ইউক্লিড প্রায় দিগম্বর, কোমরে একটা নেংটি প্যাচানো, ওটাই ছিল তার সার্বক্ষণিক পোশাক, আর ফ্লোরেন্টিনো আরিজার পরনে কেতাদুরস্ত ফ্ৰককোট, মাথায় কালো হ্যাট, পায়ে পেটেন্ট চামড়ার বুট, গলায় বো-টাই, হাতে একটা বই, উপসাগর পাড়ি দিয়ে দ্বীপপুঞ্জে পৌঁছানোর সময়টুকুতে পড়বার জন্য। ওই প্রথম রবিবারেই ফ্লোরেন্টিনো আরিজা উপলব্ধি করে যে ইউক্লিড নৌকা চালনায় যেমন দক্ষ ডুবুরির কাজেও তেমন দক্ষ, সাগরের স্বভাব ও প্রকৃতি এবং উপসাগরে যে সব ধ্বংসাবশেষ ইতস্তত বিক্ষিপ্ত হয়ে আছে সে সম্পর্কে সে বিস্ময়কর জ্ঞানের অধিকারী। সে প্রতিটি জংধরা পরিত্যক্ত জাহাজের বিশদ খুঁটিনাটিসহ ইতিহাস বলে দিতে পারে, জলে ভেসে থাকা প্রতিটি বয়ার বয়স তার জানা, তাবৎ জঞ্জালের উৎস সম্পর্কে সব তথ্য তার নখের ডগায়, স্পেনীয়রা উপসাগরের প্রবেশমুখ বন্ধ করার জন্য যে শেকল ব্যবহার করে তার মধ্যে কটা আংটা আছে তাও সে জানে। ফ্লোরেন্টিনো আরিজা শঙ্কিত হল, সে কি তার অভিযানের আসল উদ্দেশ্যও জানে? সে তাকে বেশ কয়েকটা চতুর প্রশ্ন করার পর তার উত্তর শুনে বুঝলো যে, না, তার এ অভিযানের আসল উদ্দেশ্য কী সে জানে না।

অস্থায়ী হোটেলটিতে হারিয়ে যাওয়া ঐশ্বর্যের কাহিনী শোনার পর থেকেই ফ্লোরেন্টিনো আরিজা ওই সময়ে পালের জাহাজগুলির গতিপ্রকৃতি ও তাদের স্বভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল। প্রবালের গভীরতায় ডুবে থাকা সান হোসে-ই একমাত্র জাহাজ নয়। বস্তুতপক্ষে ওটা ছিল টেরা ফার্মা নৌবহরের পতাকাবাহী জাহাজ, পালামার বিখ্যাত পোর্টোবেলা মেলা থেকে যাত্রা করে ওই জাহাজ এখানে এসে পৌঁছয় ১৭০৮ সালের মে মাসে। পোর্টোবেলোতে জাহাজটা তুলে নেয় পেরু এবং ভোরাক্রুজের তিনশো তোরঙ্গ ভর্তি রুপা আর কোনটাডোরা দ্বীপ থেকে সংগ্রহ করা একশো দশটি তোরঙ্গ ভর্তি মুক্তা। জাহাজটি এখানে অবস্থান করে এক মাস। ওই সময় দিন রাত ধরে এখানে সর্বজনীন উৎসব চলে। বাকি ঐশ্বর্য জাহাজে ভোলা হয় স্পেন সাম্রাজ্যকে দারিদ্রমুক্ত করার লক্ষ্যে : মুজো এবং সোমোনডোকো থেকে একশো ষোল ট্রাঙ্ক ভর্তি পান্না এবং ত্রিশ মিলিয়ন স্বর্ণমুদ্রা।

টেরা ফার্মা নৌবহরে ছিল বিভিন্ন আয়তনের অন্তত বারোটি সরবরাহ জাহাজ। বহরটি বন্দর থেকে যাত্রা শুরু করে একটি ফরাসি রণতরী ইউনিট সঙ্গে নিয়ে। তারা ছিল অস্ত্রসম্ভারে সুসজ্জিত, কিন্তু কমান্ডার চার্লস ওয়েজাবেরের নেতৃত্বাধীন ইংরেজ রণতরী ইউনিটের নির্ভুল কামানের গোলার সামনে তারা নিজেদের রক্ষা করতে ব্যর্থ হল। কমান্ডার ওয়েজাবের সোটাভেন্টো দ্বীপপুঞ্জের উপসাগরের প্রবেশমুখে ওদের জন্য অপেক্ষা করছিলেন। তাই সান হোসে-ই একমাত্র ডুবিয়ে দেওয়া জাহাজ ছিল না, তবে কতোগুলি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় আর কতোগুলি পালিয়ে যেতে সক্ষম হয় তার কোনো বিশ্বাসযোগ্য প্রামাণিক লিখিত বিবরণ নেই। যা নিশ্চিত জানা যায় তা এই যে, যে জাহাজগুলি প্রথম দিকেই ডুবে যায় পতাকাবাহী জাহাজটি ছিল তাদের একটি, আর ওই জাহাজের কমান্ডার এবং সকল নাবিক কোয়ার্টার ডেকে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের নিয়েই জাহাজটি জলের মধ্যে তলিয়ে যায়। আর যা নিশ্চিত ভাবে জানা যায় তা হলো এই যে, বহন করা পণ্যের সিংহভাগই ছিল ওই জাহাজে।

তদানীন্তন নৌযান চলাচলের চার্ট দেখে ফ্লোরেন্টিনো আরিজা জাহাজগুলির গতিপথ সম্পর্কে অবহিত হল। তার মনে হল জাহাজটি ঠিক কোথায় ডুবেছে তা সে নির্ধারণ করতে পেরেছে। ওরা দুজন বোকাচিৎকার দুটি দুর্গের মধ্য দিয়ে উপসাগর দিয়ে বেরিয়ে এলো। প্রায় চার ঘণ্টা নৌকা চালাবার পর ওরা দ্বীপপুঞ্জের অভ্যন্তরীণ প্রশান্ত জলরাশিতে প্রবেশ করলো। এখানে প্রবালের গভীরতা থেকে ওরা ইচ্ছে। করলেই হাত বাড়িয়ে গলদা চিংড়ি তুলে আনতে পারতো। বাতাস ছিলো এতো কোমল, সাগর এতো শান্ত ও স্বচ্ছ, যে ফ্লোরেন্টিনো মনে হল সে নিজেই বুঝি জলের মধ্যে তার প্রতিবিম্ব। পশ্চাদজলরাশির একেবারে সুদূর প্রান্তে, সব চাইতে বড় দ্বীপটি থেকে দু’ঘণ্টা পথের দূরত্বে, ওরা জাহাজ ডুবির জায়গায় এসে পৌঁছল।

অসহনীয় সূর্যের তাপে তার আনুষ্ঠানিক পোশাকে হাঁসফাস করতে করতে ফ্লোরেন্টিনো আরিজা ইউক্লিডকে বললো যে তাকে এখানে বিশ মিটার নিচ পর্যন্ত ডুব দিয়ে জলের তলায় যা কিছু পাবে তাই তুলে নিয়ে আসতে হবে। জল ছিল আশ্চর্য রকম স্বচ্ছ। ফ্লোরেন্টিনো জলের নিচে ইউক্লিডকে নড়াচড়া করতে স্পষ্ট দেখতে পেল, ওর সামনে দিয়ে যাতায়াত করা নীল হাঙ্গরগুলির মধ্যে ও যেন একটা তামাটে হাঙ্গর। হাঙ্গরগুলি কিন্তু ওকে স্পর্শও করলো না। এরপর ফ্লোরেন্টিনো ওকে হঠাৎ একটা প্রবালপুঞ্জের মধ্যে অদৃশ্য হয়ে যেতে দেখলো, আর ঠিক যখন তার মনে হল যে ওর ফুসফুঁসে এখন আর একটুও বাতাস নেই ঠিক তখনই তার পেছনে সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। ইউক্লিড দু’হাত উর্ধ্বে তুলে দাঁড়িয়ে আছে, ওর কোমর পর্যন্ত জলে ডুবিয়ে। এই ভাবে ওরা গভীর থেকে গভীরতর জায়গায় খুঁজে বেড়ালো, সর্বদাই অগ্রসর হতে থাকলো উত্তরের দিকে, ভীরু শামুকের মতো ছোট সামুদ্রিক প্রাণী আর গোলাপের ঝোঁপের ছায়ার মধ্যে দিয়ে, তারপর এক সময় ইউক্লিড ফ্লোরেন্টিনোকে উদ্দেশ করে বললো, আপনি কী খুঁজছেন তা যদি আমাকে না বলেন তা হলে আমি কেমন করে সেটা খুঁজে পাবে? আমরা এভাবে অনর্থক সময় নষ্ট করছি। « কিন্তু ফ্লোরেন্টিনো ওকে কিছু বললো না। ইউক্লিড তখন প্রস্তাব করলো যে ফ্লোরেন্টিনো তার কাপড়জামা খুলে তার সঙ্গে ডুব দিক, আর কিছু না হোক পৃথিবীর নিচে যে আরেকটা আকাশ আছে সেটা দেখুক, প্রবাল দ্বীপপুঞ্জ দেখুক একবার। কিন্তু ফ্লোরেন্টিনো আরিজা বললো যে ঈশ্বর সমুদ্র সৃষ্টি করেছেন জানালার ভেতর দিয়ে দেখার জন্য, তা ছাড়া সে কখনো সাঁতার শেখেনি। একটু পরেই অপরাহ্নে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলো, বাতাস হয়ে উঠলো ঠাণ্ডা ও আর্দ্র। কোনো রকম আগাম জানান দিয়েই হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল, বাতিঘরের সাহায্য নিয়ে নৌকা চালিয়ে তাদের বন্দরের অবস্থান খুঁজে পেতে হল। ওরা উপসাগরে ঢুকবার আগে সাদা রঙের একটা বিশাল ফরাসি সামুদ্রিক জাহাজ তাদের খুব কাছ ঘেঁষে চলে গেল, তার সবগুলি আলো ঝলমল করে জ্বলছিল, পেছনে রেখে গেল টগবগ করা সাদা ফেনা, সেদ্ধ ফুলকপির মতো। এভাবে ওরা আরো তিনটি রবিবার নষ্ট করলো এবং ফ্লোরেন্টিনো আরিজা যদি তার গোপন উদ্দেশ্যের কথা ইউক্লিডকে না বলতো তাহলে সময়ের ওই অপচয় চলতেই থাকতো। যাই হোক, বিষয়টা জানার পর ইউক্লিড তাদের খোঁজার প্ল্যানটা সম্পূর্ণ বদলে দিল। এবার ওরা পালের জাহাজগুলির পুরনো জলপথ ধরে অগ্রসর হল, ফ্লোরেন্টিনো আরিজার আগের ঠিক করা জায়গার অন্তত ষাট নৌমাইল পূর্ব দিক দিয়ে। প্রায় দু’মাস পরে এক বর্ষণমুখর অপরাহে ইউক্লিড জলের তলায় অনেকক্ষণ সময় কাটালো, নৌকা ততক্ষণে অনেক দূরে ভেসে চলে গেছে, ইউক্লিডকে নৌকায় পৌঁছবার জন্য প্রায় আধ ঘণ্টা সাঁতার কাটতে হয়, ফ্লোরেন্টিনো আরিজা একা বৈঠা চালিয়ে নৌকাকে ওর কাছে নিয়ে আসতে পারছিলো না। তারপর ও নৌকায় উঠে এসে ওর মুখের মধ্য থেকে মেয়েদের দুটি রত্নখচিত অলঙ্কার বের করে ফ্লোরেন্টিনোকে এমন ভাবে দেখালো যেন সেগুলি তার অধ্যবসায়ের পুরস্কার।

এর পর ও যা বললো তা ফ্লোরেন্টিনো আরিজাকে এতো মুগ্ধ ও চমৎকৃত করলো যে সে তৎক্ষণাৎ সাঁতার শেখার সিদ্ধান্ত নিল, জলের নিচে যতদূর সম্ভব সে ডুব দেবে, নিজের চোখে ব্যাপারটা দেখবে। ইউক্লিড তাকে জানালো যে এখানে, মাত্র আঠারো মিটার জলের নিচে, পুরনো দিনের এতো পালের জাহাজ প্রবাল পাহাড়গুলির মধ্যে আটকে আছে যে তা গুণে কুলানো যায় না, আর সেগুলি এতো বিস্তীর্ণ জায়গা জুড়ে পড়ে আছে যে তার শেষ দেখা যায় না। সে বললো, আশ্চর্য ব্যাপার হলো এই যে উপসাগরে যে ধ্বংসপ্রাপ্ত জাহাজগুলি ভাসছে তার একটাও নিমজ্জিত জাহাজগুলির মতো ভালো অবস্থায় নেই। সে ফ্লোরেন্টিনোকে বললো যে অনেকগুলি জাহাজের পাল এখনো অক্ষত আছে, ডুবে যাওয়া জাহাজগুলিকে জলের তলদেশে আরো স্পষ্ট দেখা যায়, ওদের দেখে মনে হয় তারা যেন নিজেদের স্থান ও কালকে সঙ্গে নিয়ে তলিয়ে গেছে, সেই ৯ই জুন শনিবার ডুবে যাবার সময় যে বেলা এগারোটার সূর্য তাদের আলোকিত করেছিল এখনো যেন তা তাদের আলোকিত করে রেখেছে। তার কল্পনার প্রবল তাড়নায় তার কণ্ঠস্বর আটকে যাচ্ছিল। সে বললো যে নিমজ্জিত জাহাজগুলির মধ্যে খুব সহজেই সান হোসে-কে চেনা যাচ্ছিল, জাহাজটির পেছন দিকে সোনার অক্ষরে তার নাম দেখতে পেয়েছে সে, তবে ইংরেজদের কামানের গোলায় সব চাইতে বেশি ক্ষতিগ্রস্তও হয়েছে ওই জাহাজটি। ইউক্লিড বললো যে সে তার মধ্যে একটা অক্টোপাসও দেখেছে, তিন শতাব্দির বেশি বয়সের, ওর ডগুলি কামানের মুখের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসেছে, জাহাজের খাবার ঘরে সে এতো বিশাল আকার ধারণ করে আছে যে তাকে মুক্ত করতে জাহাজটাকে ধ্বংস করতে হবে। সে বললো, সে জাহাজের কমান্ডারের মৃতদেহও দেখেছে, যুদ্ধের পোশাক পরা, জাহাজের সামনের দিকের কৃত্রিম একটা জলাধারে আড়াআড়ি হয়ে ভাসছে। তিনি যে যাবতীয় ধনরত্ন নিয়ে জাহাজের একেবারে খোলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েন নি তার একমাত্র কারণ বোধ হয় এই যে তার ফুসফুসে তখন আর পর্যাপ্ত বাতাস ছিল না। প্রমাণ হিসেবে ইউক্লিড দেখালো একটা পান্নাখচিত কানের দুল আর কুমারী মেরীর একটা মেডেল, তার শেকলটা নোনায় ক্ষয়ে গেছে।

এই সময়ে ফ্লোরেন্টিনো আরিজা ফোনেস্কাতে ফারমিনা ডাজাকে লেখা একটা চিঠিতে প্রথবারের মতো ওই ধনরত্বের কথা বলে। ফারমিনার ফিরে আসার অল্প কদিন আগে ফ্লোরেন্টিনো তাকে এই খবরটা দেয়। নিমজ্জিত জাহাজের কাহিনী ফারমিনা ডাজার ভালো করেই জানা ছিল, তার বাবার কাছ থেকে সে এ গল্প বহুবার শুনেছে। লোরেঞ্জে ডাজা একটি জার্মান ডুবুরি দলকে ওই ঐশ্বর্য উদ্ধারের কাজে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেন। এর পেছনে তিনি অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তিনি তাঁর প্রয়াস চালিয়ে যেতেন, যদি না ইতিহাস অ্যাকাডেমির বেশ কয়েকজন সদস্য তাকে বিশ্বাস করিয়ে ছাড়তে যে সমস্ত ব্যাপারটা একটা নিছক ধোঁকাবাজি, জনৈক ভাইসরয় রাষ্ট্রের ধনরত্ন লুট করার পর নিজের চুরি ঢাকবার জন্য এই কাহিনীর জন্ম দিয়েছে। তা ছাড়া ফারমিনা ডাজা জানতো যে নিমজ্জিত জাহাজটি ফ্লোরেন্টিনো আরিজার ধারণা অনুযায়ী বিশ মিটার জলের নিচে নয়, সেটা পড়ে আছে দুশো মিটার জলের গভীর অতলে। কিন্তু ফ্লোরেন্টিনো আরিজার কাব্যিক আতিশয়োক্তিতে সে এতো অভ্যস্ত ছিলো যে সে তার জাহাজ অভিযানকে তার অন্যতম সফল উদ্যোগ বলে অভিহিত করলো। কিন্তু সে যখন বিস্ময়কর বিশদ বর্ণনাসহ আরো কয়েকটি চিঠি পেল এবং দেখলো যে ফ্লোরেন্টিনো তার ভালবাসার প্রতিশ্রুতিদানের মতো একই রকম গুরুত্ব দিয়ে ওই সব চিঠি লিখছে, তখন সে আর হিল্ডাব্রান্ডা সাঞ্চেজের কাছে তার আশঙ্কার কথা স্বীকার না। করে পারলো না, তার চোখ ধাধিয়ে যাওয়া প্রেমিক নিশ্চয়ই পাগল হয়ে গেছে।

ইতিমধ্যে ইউক্লিড তার বর্ণনার সমর্থনে এতো সব প্রমাণ উপস্থিত করলো যে বিষয়টা তখন আর প্রবাল পাহাড়ে আটকে থাকা দু’একটা কানের দুল আর আংটির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, ব্যাবিলোনীয় ঐশ্বর্যের সম্ভার নিয়ে নিমজ্জিত পঞ্চাশটি জাহাজ থেকে সে সব উদ্ধারের জন্য এবার বড় ধরনের উদ্যোগ নিতে হবে, তার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে হবে এখন। এর পর, এক সময় না এক সময়ে যা ঘটবার ছিল তাই ঘটলো। ফ্লোরেন্টিনো আরিজা তার অভিযানকে সফল সমাপ্তিতে। নিয়ে যাবার জন্য মায়ের কাছে সাহায্যের আবেদন জানালো। মা অলঙ্কারের পাথর বসানো জায়গা দাঁত দিয়ে কাটলেন, রত্নগুলি আলোর উল্টো দিকে ধরে দেখলেন, সবই ঝুটো, কাঁচের, মেকি, বুঝলেন যে তার সরল বিশ্বাসপ্রবণ ছেলেকে কেউ একজন বেদম ঠকাচ্ছে। ইউক্লিড নতজানু হয়ে, শপথ করে, বারবার বললো যে সে কোনো কারচুপি করে নি, কিন্তু পরের রবিবার তাকে জেলে বন্দরে দেখা গেল না, এর পর তাকে আর কোথাও দেখা গেল না।

এই বিপর্যয় থেকে ফ্লোরেন্টিনো আরিজার একটাই লাভ হয়। সে বাতিঘরের প্রীতিময় আশ্রয়টি খুঁজে পায়। এক রাতে সে যখন ইউক্লিডের সঙ্গে তার নৌকায় সমুদ্রের বুকে, তখন হঠাৎ ঝড় উঠলে, সে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারপর থেকে সে বিকালের দিকে মাঝে মাঝে ওখানে গিয়েছে, বাতিঘরের রক্ষকের সঙ্গে কতো গল্প করেছে, সমুদ্রে এবং ডাঙায় সে যে কতো আশ্চর্য জিনিস দেখেছে তার কাহিনী শুনেছে। এই সময় তাদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। পৃথিবীর নানা পরিবর্তন সত্ত্বেও তাদের ওই বন্ধুত্বে কখনো চিড় ধরে নি। কী করে আগুনকে প্রজ্বলিত রাখতে হয়, গাদা গাদা কাঠ গুঁজে দিতে হয়, তারপর বিশাল মাটির পাত্র ভর্তি তেল ঢেলে দিতে হয় কি ভাবে, সে সবই শিখে ফেলে। এসব এখানে বিদ্যুৎ শক্তি আসার আগের কথা। ফ্লোরেন্টিনো ঘুরিয়ে ঘুরিয়ে আলের গতিপথ নিয়ন্ত্রিত করার এবং দর্পণের সাহায্যে আলোর উজ্জ্বলতা বাড়াবার কৌশলও আয়ত্ত করে ফেললো। বেশ কয়েকবার বাতিঘরের রক্ষক যখন ওসব করতে পারছিলেন না তখন সে তার ওখানে থেকে গেছে, রাতে টাওয়ার থেকে সাগরের বুকের জাহাজগুলির ওপর চোখ রেখেছে। সে জাহাজগুলির কণ্ঠস্বর শুনে, দিগন্তের গায়ে তাদের আলোর ধরন ও আয়তন দেখে, জাহাজগুলিকে চিনতে শিখলো, জাহাজের আলো আর বাতিঘরের আলোকসঙ্কেতের মধ্যে যে একটা যোগসূত্র গড়ে ওঠে সে বোধ তার মধ্যে জাগ্রত হল।

দিনের বেলায়, বেশির ভাগ সময় রবিবারে, তার জন্য ছিল আরেক ধরনের আনন্দ। ভাইসরয়দের জেলায় বাস করতো শহরের পুরনো উচ্চবিত্ত মানুষরা। সেখানে মেয়েদের সমুদ্র সৈকত থেকে পুরুষদের সৈকতকে একটা পলেস্তরা করা দেয়াল দিয়ে পৃথক করে রাখা হয়েছিল। একটা সৈকত ছিল বাতিঘরের ডান দিকে, অপরটি বাঁ দিকে। বাতিঘরের রক্ষক তার বাতিঘরে একটা ছোট টেলিস্কোপ বসালেন, এক সেন্টাভোর বিনিময়ে তিনি যে কোনো দর্শনার্থীকে ওই টেলিস্কোপের সাহায্য মেয়েদের সৈমুদ্র সৈকত দেখতে দিতেন। উচ্চবিত্ত সমাজের তরুণীরা, তাদের যে কেউ দেখছে। সে সম্পর্কে অনবহিত থেকে, কুঁচি দেয়া স্নানের পোশাক, চটি, হ্যাট ইত্যাদি পরে তাদের সাধ্য মতো নিজেদের প্রকাশ করতো।

রাস্তায় বেরুবার সময় তাদের ধরাচূড়া তাদের শরীরকে যে ভাবে ধরে রাখতো, এই সমুদ্র সৈকতেও প্রায় সে রকমই রাখতো, ওদের বরং এখানে আরো খারাপ দেখাতো। মেয়েদের মায়েরা বেতের দোলচেয়ারে রোদে বসে থাকতেন, গির্জায় উপাসনায় যোগদানের সময় যে পোশাক পরতেন, মাথায় যে রকম পালক দেয়া টুপি চাপাতেন, হাতে যে রকম অর্গান্ডির ছাতা ধরে রাখতেন ঠিক সে ভাবেই সমুদ্র তীরে বসে মেয়েদের ওপর নজর রাখতেন যেন পার্শ্ববর্তী সৈকত থেকে কোনো পুরুষ এসে ওদেরকে জলের নিচে কোনো কুকর্মে প্রলোভিত করতে না পারে। সত্যি কথা বলতে গেলে, টেলিস্কোপের মাধ্যমে দর্শক যে দৃশ্য দেখতে পেতো তা তারা রাস্তাতেও দেখতে পেতো, তার চাইতে বেশি উত্তেজনাপূর্ণ কিছুই তাদের চোখে পড়তো না, তবু দেয়াল ঘেরা এলাকার নিষিদ্ধ ফলের স্বাদ গ্রহণের নির্জলা আনন্দই বহু খদ্দেরকে এই বাতিঘরে প্রতি রবিবার টেনে আনতে, কে আগে টেলিস্কোপে চোখ লাগাবে সে জন্য তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতো।

ফ্লোরেন্টিনো আরিজাও ছিলো ওই দর্শকদের একজন, তবে সে ওখানে আনন্দের জন্য ততটা যেতো না যতোটা যেতো একঘেয়েমি থেকে মুক্তি পাবার জন্য। তবে টেলিস্কোপ দিয়ে দেখার বাড়তি আকর্ষণের তাগিদে সে বাতিঘরের একজন ভালো বন্ধু হয়ে ওঠে নি। আসল কারণ ছিল অন্যত্র নিহিত। ফারমিনা ডাজা কর্তৃক প্রত্যাখ্যাত হবার পর সে ওর জায়গায় বসাবার জন্য নানা ভিন্নধর্মী প্রেমকে প্রশ্রয় দেয় কিন্তু কোথাও শান্তি ও সান্ত্বনা পায় নি, একমাত্র বাতিঘরেই সে সুখ ও আনন্দের স্বাদ পায়, তার দুর্ভাগ্য কিছু সান্ত্বনা লাভ করে এখানেই। সে এ জায়গাটিই সব চাইতে বেশি ভালবাসতো, এতোটাই বেশি যে ওটা কিনতে তাকে সাহায্য করার জন্য সে বহু বছর তার মায়ের কাছে, পরে তার কাকা দ্বাদশ লিও-র কাছে, অনেক দেন দরবার করেছিল। সে যুগে ক্যারিবীয় অঞ্চলে বাতিঘরগুলি ছিল ব্যক্তিগত মালিকানাধীন এবং বাতিঘরের মালিকরা বন্দরে প্রবেশ করার অধিকার বাবদ জাহাজের আয়তন অনুযায়ী প্রতি জাহাজ থেকে ফি আদায় করতেন। ফ্লোরেন্টিনো আরিজা মনে করতো যে কবিতার মাধ্যমে ছাড়া মুনাফা অর্জনের ওটাই ছিল একমাত্র সম্মানজনক পন্থা, কিন্তু তার মা কিংবা তার কাকা কেউই তার সঙ্গে একমত হলেন না, আর সে যতো দিনে নিজেই ওটা কেনার মতো সম্পদশালী হয়ে ওঠে ততদিনে বাতিঘরগুলি রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হয়ে যায়।

তবে তার ওই স্বপ্নগুলির একটাও বৃথা যায় নি। জাহাজের উপাখ্যান আর বাতিঘরের অভিনবত্ব তাকে ফারমিনা ডাজার অনুপস্থিতির যন্ত্রণা উপশমে সাহায্য করে আর তারপর, যখন সে একটুও আশা করে নি তখনই, ফারমিনার প্রত্যাবর্তনের খবর এসে পৌঁছল তার কাছে। আসলে, রিওহাচায় দীর্ঘকাল অবস্থানের পর লোরেঞ্জো ডাজা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সময়টা সমুদ্র ভ্রমণের অনুকূল ছিল না, ডিসেম্বরের বাণিজ্য বাতাস তখন বইতে শুরু করেছ। তাদের জাহাজই ছিল একমাত্র ঐতিহাসিক জাহাজ যা ওই সময় সমুদ্র পাড়ি দেবার ঝুঁকি নিতে রাজি ছিল, কারণ বিপরীত বাতাসের ধাক্কায় যে বন্দর থেকে জাহাজ যাত্রা শুরু করতো তাকে আবার সেই বন্দরে ফিরে আসার আশঙ্কা থাকতো এবং এ ক্ষেত্রে ঠিক তাই ঘটে। ফারমিনা ডাজা একটা পীড়াদায়ক পুরো রাত কাটালো একটুও না ঘুমিয়ে, বারবার বমি করলো, পিত্তি উঠলো বমির সঙ্গে, ক্যাবিনে তার বাঙ্কে নিজেকে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বেঁধে রাখলো, আর ক্যাবিনটাকে তার মনে হল কোনো সরাইখানার শৌচাগারের মতো, ঘুপচির মতো তার সঙ্কীর্ণ আয়তনের জন্যই শুধু নয়, গরম আর তার ন্যক্কারজনক দুর্গন্ধের জন্যও বটে : জাহাজটা এতো প্রবল বেগে দুলছিলো যে তার মনে হয় শয্যায় তাকে বেঁধে রাখা দড়ির বাঁধনগুলি বোধ হয় যে কোনো মুহূর্তে ছিঁড়ে ফালাফালা হয়ে যাবে। তার বিদ্রি রাতের বিভীষিকা আরো বেড়ে যায় তার বাবার কারণে। তিনি পাশেই তার বাঙ্কে শুয়ে শার্দুলের মতো নাসিকা গর্জন দ্বারা কুঠুরিটাকে পূর্ণ করে তুলেছিলেন। বিগত প্রায় তিন বছরের মধ্যে এই একটি রাত ফারমিনা ডাজা না ঘুমিয়ে কাটিয়ে দেয়, এক মুহূর্তের জন্য ফ্লোরেন্টিনো আরিজার কথা না ভেবে। আর, অন্য দিকে, ফ্লোরেন্টিনো আরিজা, তাদের বাড়ির পেছনের দিকের ঘরে তার দোলনা-শয্যায় শুয়ে ফারমিনা ডাজার প্রত্যাবর্তনের অপেক্ষায় মুহূর্তগুলি একটি একটি করে গুনতে গুনতে গোটা রাত কাটিয়ে দেয়।

সেদিন সমুদ্রের বুকে সকালের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া থেমে যায়, আর সমুদ্র শান্ত হয়ে ওঠে, ফারমিনা ডাজা জাহাজের নোঙ্গর ফেলার শব্দে জেগে ওঠায় বুঝলো যে সমুদ্র পীড়ায় আক্রান্ত হলেও সে এক সময় ঘুমিয়ে পড়েছিল। তখন সে খাটের বাধনগুলি। খুলে জাহাজের ঘুলঘুলিতে চোখ দিয়ে বাইরের দিকে তাকালো, বন্দরের হইচই-এর ভেতরে সে ফ্লোরেন্টিনো আরিজাকে দেখতে পাবে বলে আশা করেছিল, কিন্তু তার চোখে পড়লো শুধু রিওহাচার জাহাজ ঘাটের জীর্ণ তক্তা, শুল্ক বিভাগের গুদামঘর, আর চারপাশের তাল গাছের সারি, সূর্যের প্রথম রশ্মির আভায় আলোকিত। জাহাজটি গত রাতে যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার সেখানেই ফিরে এসেছে।

ওই দিনের বাকি সবটুকু সময় কেটে যায় একটা মায়া ও বিভ্রমের মধ্য দিয়ে। গতকাল সে যে বাড়িতে ছিল আজও সে বাড়িতে আছে, যে দর্শনার্থীরা কাল তাকে বিদায় জানিয়েছিল আজ সে তাদের অভ্যর্থনা করছে, সেই একই জিনিস নিয়ে আলাপ করছে, একটা ঘোরের মধ্যে তার মনে হল সে যেন তার যাপিত জীবনেরই একটা অংশ আবার নতুন করে যাপন করছে। পুনরাবৃত্তিটা এতোই এক রকম হল যে পাছে তার পুনর্বার জাহাজ ভ্রমণও ওই একই রকম হবে ভেবে ফারমিনা ডাজা শিউরে উঠলো, সে ভ্রমণের স্মৃতি তাকে ভীষণ আতঙ্কিত করে তুললো। কিন্তু ঘরে ফেরার আর একটি মাত্র সম্ভাব্য পথ আছে, আবার দু’সপ্তাহ ধরে খচ্চরের পিঠে চড়ে পাহাড়ি পথচলা, তার উপর এখন পরিস্থিতি আগের চাইতেও বিপদজনক, অ্যান্ডির রাজ্য ককাতে নতুন এক গৃহযুদ্ধ বেধেছে এবং সেটা সমগ্র ক্যারিবীয় প্রদেশগুলিতে ছড়িয়ে পড়ছে। তাই রাত আটটায় আবার তারা বন্দর অভিমুখে যাত্রা করলো, সঙ্গে চললো হইচই করা আত্মীয়স্বজনের দল, আবার সেই অশ্রুসিক্ত বিদায় সম্ভাষণের পালা, নানা উপহার সামগ্রী, যার মধ্যে বৃহদাকার বাক্সগুলি ক্যাবিনে আঁটানো গেল না। জাহাজটি যাত্রা করার পূর্বক্ষণে পরিবারের পুরুষ সদস্যরা আকাশের দিকে একযোগ অনেকগুলি বন্দুকের গুলি ছুঁড়ে জাহাজটিকে অভিবাদন জানালো, আর লোরেঞ্জো ডাজা তাঁর পিস্তলের পাঁচটি গুলি ছুঁড়ে ওদের প্রতুত্তর দিলেন। যাত্রার পর ফারমিনা ডাজার সব আশঙ্কা দূরীভূত হল, রাতভর বাতাস ছিল অনুকূল, আর সাগরের বুকে সে সুন্দর ফুলের গন্ধ পেল, দড়ি দিয়ে তার নিজেকে আর খাটের সঙ্গে বেঁধে রাখতে হল না। স্বপ্ন দেখল, আবার সে ফ্লোরেন্টিনো আরিজাকে দেখছে, ফারমিনা সব সময় ফ্লোরেন্টিনোর যে মুখ দেখতো, সে মুখ ও সরিয়ে ফেলেছে, কারণ তার ওই মুখ ছিল আসলে একটা মুখোশ, কিন্তু তার আসল মুখ আর নকল মুখ যে হুবহু এক রকম! সে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লো, স্বপ্নের রহস্যটা নিয়ে একটু গোলমালে পড়ে গেল, আর তারপর সে তার বাবাকে আবিষ্কার করলো ক্যাপ্টেনের সঙ্গে, তিনি ব্র্যান্ডি মিশিয়ে পাহাড়ি কফি খাচ্ছিলেন, সুরার কারণে চোখ বেঁকে গেছে, কিন্তু তারা যে ফিরে চলেছেন সে বিষয়ে তাঁর মধ্যে কোনো অনিশ্চয়তা দেখা গেল না।

এখন তারা বন্দরে ঢুকছে। সরকারি বাজারের পাশের খাড়িতে অনেকগুলি জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্য দিয়ে ফারমিনাদের জাহাজ কোনো রকমে পথ করে এগিয়ে চললো। বাজার থেকে বিশ্রী গন্ধ ভেসে আসছিলো। সমুদ্রের ভেতর অনেক দূর পর্যন্ত ওই গন্ধ পাওয়া যেতো। ঝিরঝির করে সকাল থেকে একটানা বৃষ্টি পড়ছিল, এখন তা তুমুল বর্ষণে পরিণত হল। টেলিগ্রাফ আপিসের বারান্দায় দাঁড়িয়ে ফ্লোরেন্টিনো আরিজা জাহাজটা দেখলো, বৃষ্টিতে তার পালগুলি নেতিয়ে পড়েছে, লাস অ্যানিমাস উপসাগর পেরিয়ে বাজারের অবতরণ সেতুর পাশে জাহাজটা নোঙর করলো। গতকাল সে সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত অপেক্ষা করেছিল, তারপর হঠাৎ একটা অপরিকল্পিত তারবার্তার মাধ্যমে সে ঝোড়ো হাওয়ার কারণে জাহাজটি এখানে পৌঁছতে দেরি হবার খবর পায়। তাই সে আজ সকাল চারটা থেকে এখানে এসে পাহারা দিচ্ছিল। এখন সে লঞ্চের দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো, ওই লঞ্চে করে কয়েকজন যাত্রী ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু দূর অগ্রসর হবার পর সেটা চড়ায় আটকে যায়, তখন কয়েকজন যাত্রীকে জল কাদা ভেঙে অবতরণ সেতুতে উঠে আসতে হল। বৃষ্টি থামার জন্য সবাই অপেক্ষা করলো কিন্তু আটটা বেজে গেলেও যখন বৃষ্টি থামলো না তখন একজন কৃষ্ণাঙ্গ কুলি কোমর জল ভেঙে জাহাজের রেলিং-এর কাছে গিয়ে সেখান থেকে ফারমিনা ডাজাকে পাঁজাকোলা করে তীরে নামিয়ে আনলো, কিন্তু সে ভিজে এমন চুপচুপ হয়ে গিয়েছিল যে ফ্লোরেন্টিনো আরিজা তাকে চিনতেই পারলো না।

তার সদ্য সমাপ্ত সফর তাকে কতটা পরিণত করেছে তা ফারমিনা ডাজা নিজেদের বন্ধ করে রাখা বাড়িতে প্রবেশ করে সেটাকে আবার বাসযোগ্য করার সুকঠিন কাছে ব্রতী হবার আগে পর্যন্ত উপলব্ধি করে নি। তাকে এ কাজে সাহায্য করার জন্য, তার ফিরে আসার সঙ্গে সঙ্গে, নিজেদের পুরনো ক্রীতদাস বস্তি থেকে কৃষ্ণাঙ্গ পরিচারিকা গালা প্লাসিডিয়া ফারমিনা ডাজার কাছে চলে আসে। ফারমিনা এখন আর বাবার প্রশ্রয় আর কড়া শাসনে স্বভাব নষ্ট করে দেয়া একটি সন্তান মাত্র নয়, সে এখন ধূলাবালি আর মাকড়সার জালে আকীর্ণ বিরাট একটি সাম্রাজ্যের কত্রী, একমাত্র ভালবাসার অপ্রতিরোধ্য শক্তি দ্বারাই এ সাম্রাজ্যকে রক্ষা করা সম্ভব, অন্য কিছু দ্বারা নয়। কাজটার দুরূহতা দ্বারা সে ভীত হল না, একটা অন্তর্নিহিত উজ্জীবিত সাহস তাকে অনুপ্রাণিত করলো, সে করতে পারবে না এমন কিছুই নেই। তাদের ফিরে আসার রাতেই ওরা যখন রান্না ঘরের বড় টেবিলে বসে গরম চকোলেট ও বিস্কুট খাচ্ছিল তখনই তার বাবা সংসার পরিচালনার সমস্ত ভার তার ওপর অর্পণ করেন এবং এ কাজটি তিনি এতোটা আনুষ্ঠানিকতার সঙ্গে করলেন যেন এটা ছিল একটা পবিত্র ধর্মীয় কৃত্য। তিনি বললেন, এই নাও, আমি তোমার হাতে সমর্পণ করছি তোমার জীবনের চাবি।

তার সতেরো বছরের সমস্ত শক্তি ও অভিজ্ঞতা নিয়ে সে অকম্পিত হাতে চাবির ছড়াটি গ্রহণ করলো, সে যে শুধু তার ভালবাসার জন্য তার স্বাধীনতার প্রতিটি অণুপরিমাণ অর্জন করেছে সে সম্পর্কে সে পুরোপুরি সচেতন ছিল। রাতে সে একটা বাজে স্বপ্ন দেখলো। পরদিন, বিষণ্ণ বৃষ্টিধারার মধ্যে দিয়ে, তার বারান্দার জানালা পথে ছোট পার্কটির দিকে তাকালো সে, আর তখন তার ঘরে ফেরার পর প্রথম নিরানন্দ অনুভূতি হল। পার্কে মুণ্ডুহীন বীরের ভাস্কর্য আছে, যে মার্বেলের বেঞ্চে বসে ফ্লোরেন্টিনো আরিজা তার কবিতার বই পড়তো সেটা আছে, কিন্তু ফ্লোরেন্টিনো আরিজাকে না দেখে সে বিস্মিত হল। সে তাকে এখন আর তার অসম্ভব প্রেমিক হিসেবে দেখে না, এখন সে তার হৃদয়-মন সমর্পণ করা অবধারিত স্বামী। তার অনুপস্থিতিতে যে সময় নষ্ট হয়েছে তার গুরুভার সে অনুভব করলো, বেঁচে থাকা যে কী সুকঠিন তা উপলব্ধি করলো সে, ঈশ্বরের দাবি অনুযায়ী তার মানুষটাকে যথাযথ ভালবাসার জন্য তার যে কী বিপুল পরিমাণ ভালবাসার প্রয়োজন হবে সেটা বুঝলো সে। কিন্তু ও পার্কে নেই কেন, বহুবার বৃষ্টি সত্ত্বেও ও ঠিক ওখানে এসে বসেছে, ওর কাছ থেকে কোনো খবর সে এখন পর্যন্ত পায় নি, কোনো রকম আসন্ন বিপদের সঙ্কেতও তার মনে জাগে নি, কিন্তু হঠাৎ একটা কথা মনে হওয়ায় সে কেঁপে উঠলো। ও মারা যায় নি তো? কিন্তু সঙ্গে সঙ্গে ফারমিনা ওই অশুভ চিন্তা মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিল, কারণ তার আশু ফেরার খবর নিয়ে যেভাবে পাগলের মতো টেলিগ্রাফ চালাচালি হয় তার মধ্যে ফারমিনা বাড়ি ফেরার পর ওরা কিভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে সে ব্যাপারটা স্থির করতে ওরা ভুলে গিয়েছিল।

আসলে ফারমিনা ফিরে এসেছে কিনা সে সম্পর্কে ফ্লোরেন্টিনো নিশ্চিত ছিল না। শেষে রিওহাচার টেলিগ্রাফ অপারেটর তাকে জানালো যে নির্ধারিত জাহাজ শুক্রবার ছেড়ে যায় এবং সে জাহাজে ফারমিনা ও তার বাবা ছিল, কিন্তু প্রতিকূল হাওয়ার জন্য জাহাজটি নির্ধারিত দিনে পৌঁছতে পারে নি। শনিবার ও রবিবার ফ্লোরেন্টিনো ওদের বাড়িতে কোনো প্রাণের চিহ্ন দেখা যায় কিনা সেদিকে লক্ষ রেখেছিল, তারপর সোমবার সন্ধ্যার পর সে জানালার মধ্য দিয়ে একটা বাতিকে ঘরের ভেতর ঢুকতে দেখলো, তারপর রাত নটার একটু পরে সে বারান্দাওয়ালা শোবার ঘরে বাতিটাকে নির্বাপিত হতে দেখলো। সারা রাত তার ঘুম হল না। ভালবাসার প্রথম রাতগুলিতে তার যেরকম বমির প্রকোপ হয়েছিল এখনও প্রায় সে রকম হল। ট্রান্সিটো আরিজা ভোরে মোরগ ডাকার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলেন, তার ভয় হল ছেলে বুঝি মাঝরাতে উঠোনে গিয়ে বসে আছে আর এখনো ভেতরে আসে নি, কিন্তু তিনি তাকে কোথাও দেখতে পেলেন না। ফ্লোরেন্টিনো আরিজা রাতেই জেটিতে চলে গিয়ে সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে, প্রেমের কবিতা আবৃত্তি করে, দিনের আলো না ফোঁটা পর্যন্ত আনন্দে চিৎকার করতে থাকে। তারপর সকাল আটটায় সে প্যারিস ক্যাফের খিলানের নিচে এসে বসে, ক্লান্তিতে বিকলচিত্ত, কেমন করে সে ফারমিনা ডাজার কাছে তার সুস্বাগতম পৌঁছে দেবে সে চিন্তায় ব্যাকুল। আর এই সময়ে সে একটা প্রচণ্ড ভূমিকম্পের দোলা অনুভব করলো, তার মনে হল তার বুক বুঝি ভেঙে খান খান হয়ে যাবে।

ওই যে সে, ক্যাথিড্রালের খোলা চত্বর পার হয়ে যাচ্ছে, সঙ্গে আছে ঝুড়ি বহন করা গালা প্রসিডিয়া। তার স্কুলের ইউনিফর্ম ছাড়া ফারমিনা ডাজাকে ফ্লোরেন্টিনো এই প্রথম দেখলো। আগের চাইতে লম্বা হয়ে গেছে, আরো মার্জিত, আরো তীব্র, পরিণতির সংযমের ফলে তার সৌন্দর্য এখন আরো পরিশোধিত। তার চুলের বেণী আরো বড় ও ভরাট হয়েছে, তবে এখন সে আর ওটা পেছনে পিঠের ওপর না ফেলে সামনে নিয়ে এসেছে, আর এই সামান্য পরিবর্তনটুকুই যেন তার মধ্যে থেকে সমস্ত বালিকাসুলভ চিহ্ন মুছে নিয়েছে। ফ্লোরেন্টিনো আরিজা মন্ত্রমুগ্ধের মতো নিজের আসনে বসে তার স্বপ্নকে ক্যাথিড্রাল-চত্বর পেরিয়ে চলে যেতে দেখলো, ডাইনে-বায়ে কোনো দিকে একটুও না তাকিয়ে। কিন্তু তারপরই যে অদম্য শক্তি তাকে চলৎশক্তিহীন করে দিয়েছিল তাই তাকে ওর পেছনে ছুটিয়ে নিয়ে গেল। ও ততক্ষণে ক্যাথিড্রালের মোড় ঘুরে বাজারের রুক্ষ খোয়া বাধানো রাস্তায় কানে তালা লাগানো হইচইয়ের মধ্যে মিশে গেছে।

সে ওকে অনুসরণ করলো, এমন ভাবে যেন ও তাকে দেখতে না পায়। সে লক্ষ করলো পৃথিবীর মধ্যে তার সব চাইতে প্রিয় মানুষটির সব মামুলি অঙ্গ-ভঙ্গি, ওর দেহ সৌষ্ঠব, সময়ের আগেই অর্জিত ওর পরিপকৃতা, এই প্রথম সে ওকে দেখলো ওর স্বাভাবিক অবস্থায়। যে স্বচ্ছন্দ সাবলীলতার সঙ্গে সে ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল তা দেখে সে অবাক হল। আর গালা প্রসিডিয়া কেবলই লোকজনের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, তার হাতের থলি-ঝুড়ি এখানে ওখানে আটকে যাচ্ছিল, ফারমিনাকে ধরবার জন্য মাঝে মাঝেই তাকে ছুটতে হচ্ছিল। কিন্তু ফারমিনা বাজারের রাস্তার তাবৎ বিশৃঙ্খলার মধ্য দিয়ে সাবলীল ভাবে এগিয়ে যাচ্ছিল, অন্ধকারের মধ্যে বাদুড়ের মতো, কারো সঙ্গে ওর ধাক্কা লাগছিলো না। ও এর আগে এসকোলাস্টিকা পিসির সঙ্গে প্রায়ই বাজারে এসেছে, কিন্তু ছোটখাটো দু’একটা জিনিস কেনার জন্য শুধু, কারণ ওর বাবাই সংসারের যাবতীয় জিনিস কিনতেন, শুধু আসবাবপত্র নয়, সব খাবার-দাবারের জিনিসও, এমনকি মেয়েদের কাপড়-জামাও। তাই তার এ সফল প্রথম অভিযান তাকে মুগ্ধ করলো, বালিকা বয়সের তার এই স্বপ্নকে কতো আদর্শায়িত করে রেখেছিল ও।

সাপুড়েরা ওকে একটা মিষ্টি রস কিনতে পিড়াপিড়ি করলো, ওই রস পান করলে প্রেম চিরস্থায়ী হবে। দোকানের দোরগোড়ায় খোলা ঘা প্রদর্শন করা ভিখিরির দল পয়সার জন্য কাকুতি মিনতি করলো ওর কাছে। এক নকল ইন্ডিয়ান ওর কাছে একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুমির বিক্রি করার চেষ্টা করলো। কিন্তু ও তাদের কারো প্রতিই কোনো দৃষ্টিপাত করলো না। ও বাজারের বিভিন্ন অংশে অনেকক্ষণ ধরে ঘুরলো, কোনো পূর্বপরিকল্পিত গমনপথ অনুসরণ করে নি ও। সব জিনিসের আনন্দের অংশ নেবার জন্যই যেন ও তার খুশি মতো এক এক জায়গায় থামছিল। যেখানেই কিছু বিক্রি হচ্ছিল সেখানেই ও ঢুকলো, আর প্রতিটি জায়গাতেই সে কিছু না কিছু দেখলো যা তার মধ্যে বাঁচার আকাক্সক্ষাকে বাড়িয়ে তুললো। বড় বড় সিন্দুকের মধ্যে রাখা কাপড়ের ভেতর সুগন্ধি পাতার ঘ্রাণ ওর ভারি ভালো লাগলো, ও তার গায়ে বুটিদার সিল্কের পোশাক জড়ালো, ও পূর্ণদৈর্ঘ্য আয়নায় নিজেকে দেখলো, মাদ্রিদের মেয়েদের পোশাকে সুসজ্জিত, চুলে চিরুনি গোঁজা, হাতে ফুল আঁকা একটা পাখা, আয়নাতে নিজের হাসি দেখে সে নিজেই মহা আমোদ পেল। বিদেশী খাদ্যদ্রব্য আমদানি করা একটা দোকানে ঢুকে ও লবণ দেয়া হেরিং মাছের পিপার ঢাকনা খুললো, আর সঙ্গে সঙ্গে ওর মনে পড়লো উত্তর পূর্বাঞ্চলে সান হুয়া ডি লা সিনেগায় ওর শিশুকালের কথা। ও আলিকান্ত সামুদ্রিক বন্দরের সসিজ চেখে দেখলো, লিকরিস পাতার স্বাদ পেল ও তার মধ্যে, শনিবারের প্রাতরাশের জন্য ও দু’প্যাকেট কিনলো, তা ছাড়া কড় মাছের কয়েকটা ফালি আর রসে ভেজানো এক শিশি লাল জামও কিনলো ও। মশলার দোকানে ও সুগন্ধি পাতা নিজের হাতের তালুতে ঘষলো, শুধু তার ঘ্রাণ নেবার আনন্দের জন্য, এক মুঠ লবঙ্গ কিনলো, এক মুঠ মৌরি কিনলো, একটা আদা ও একটা জুনিপার গুলোর শিকড়ও কিনলো। তারপর ও চোখে জলভরা হাসি নিয়ে মশলার দোকান থেকে বেরিয়ে এলো, ওখানে লাল ঝাল মরিচের গন্ধতরুর জল কিনলো, ওরা পারী থেকে সদ্য আমদানি করা একটা সুগন্ধী তার কানের পেছনে লাগিয়ে দিল, ধূমপানের পর নিঃশ্বাস সুরভিত করার জন্য একটা ট্যাবলেটও দিল ওকে।

এটা ঠিক যে ও জিনিসপাতি কেনার একটা খেলা খেলছিল, কিন্তু তার সত্যিকার প্রয়োজনীয় জিনিসগুলি ও কোনো রকম দ্বিধা না করে এবং এমন কর্তৃত্বব্যঞ্জক ভাবে কিনছিলো যে কেউ ভাবতেও পারতো না যে ও প্রথমবারের মতো এই রকম বাজার সওদা করছে। তার কারণ, ও শুধু ওর নিজের জন্য বাজার করছিলো না, ও বাজার করছিলো তার জন্যও : টেবিলের জন্য বারো গজ লিনেন, বিয়ের শয্যার জন্য সুন্দর চাদর, যা সকাল নাগাদ উভয়ের গায়ের ঘামে আর্দ্র হয়ে উঠবে, ভালবাসার ভবনে উপভোগ করার জন্য ও তাদের উভয়ের জন্য ও প্রতিটি ক্ষেত্রে সবচাইতে ভালো জিনিসগুলি কিনলো, আর সে তাদের দাম চুকিয়ে দিল স্বর্ণ মুদ্রা দিয়ে, আর দোকানিরা তাদের মার্বেলের কাউন্টারের ওপর তা বাজিয়ে দেখলো শুধু তাদের মধুর শব্দ সানন্দচিত্তে উপভোগ করার জন্য।

ফ্লোরেন্টিনো আরিজা লুকিয়ে লুকিয়ে অবাক হয়ে ওকে দেখতে লাগলো। সে ওকে অনুসরণ করলো শ্বাসরুদ্ধ অবস্থায়, অন্য বাড়ির কাজের মেয়েদের ঝুড়িতে ধাক্কা লেগে তার হোঁচট খেয়ে পড়ে যাবার অবস্থা হয় কয়েকবার, মেয়েরা তার ক্ষমা প্রার্থনা করে তার দিকে তাকিয়ে মৃদু হাসে, একবার ও তার এতো কাছ ঘেঁষে যায় যে সে ওর গায়ের গন্ধ পায় তার নাকে, আর ও যে তাকে লক্ষ করে নি আর একমাত্র কারণ ছিল। ওর উদ্ধত অহংকারী পথচলা। তার কাছে ওকে মনে হল এতো সুন্দর, এতো চিত্তহরণকারী, সাধারণ মানুষের চাইতে এতো ভিন্ন রকম যে ইট বাঁধানো রাস্তায় ওর জুতার পেছন দিকের খটখট শব্দে আর সবাই কেন তার মতো বিচলিত হচ্ছে না, মৃদু হাওয়ায় ওর ওড়না একটু দুলে উঠলে আর সবার হৃদয় কেন তার মতো উন্মাতাল হয়ে উঠছে না, ওর বেণী এবং ওর হাতের ওঠানামায় এবং ওর সোনা ঝরা হাসি আর সবাইকে কেন তার মতো পাগল করে দিচ্ছে না তা সে বুঝতে পারলো না। ওর একটি ভাবভঙ্গিও তার নজর এড়ালো না, কিন্তু পাছে এই জাদুকরি প্রভাব ভেঙে যায় সেই ভয়ে সে ওর কাছে যেতে সাহস করলো না। কিন্তু ও যখন কলমপেশীদের চত্বরের প্রচণ্ড গোলমালের মধ্যে গিয়ে ঢুকলো তখন সে উপলব্ধি করলো আর দেরি করলে যে মুহূর্তটির জন্য সে এতো বছর অপেক্ষা করেছে ওই মুহূর্তটি চিরতরে হারিয়ে যাবে।

ফারমিনা ডাজা তার স্কুলের বান্ধবীদের মতোই মনে করতো যে কলমপেশীদের চত্বর একটা সমূহ সর্বনাশের নিষিদ্ধ স্থান, সেখানে ভদ্রঘরের তরুণীরা কখনো যায় না। ছোট একটা খোলা চত্বরের উল্টো দিকে ছিল এই খিলান দেয়া জায়গাটা। সামনের খোলা চত্বরটায় দাঁড়িয়ে থাকতো ভাড়ায় যাবার জন্য ঘোড়ার গাড়ি ও গাধাটানা মালপত্র বহনকারী কিছু গাড়ি। ওইখানেই বাজার জমে উঠতো, হইচই বেড়ে যেতো। নামটার উৎপত্তি ঔপনিবেশিক যুগে, যখন কোট এবং শার্টের হাতে নকল কাফ লাগানো। জামাকাপড় পরে কলমপেশীরা নানা ধরনের কাগজ লিখে দিয়ে দু’পয়সা রোজগারের জন্য ওখানে বসতো : কোনো অভিযোগ অথবা দরখাস্ত, আইন আদালতের সাক্ষ্য বা বিবৃতি, অভিনন্দন কিংবা সমবেদনা জানানো কার্ড, প্রেমের যে কোনো পর্বের জন্য উপযুক্ত প্রেমপত্র ইত্যাদি। এই জমজমাট বাজারের কুখ্যাতির জন্য অবশ্য তারা দায়ী। ছিল না, তার মূলে ছিল অপেক্ষাকৃত সাম্প্রতিক কালের কিছু খুচরো ফেরিওয়ালা। ওই ফেরিওয়ালারা ইউরোপীয় জাহাজগুলিতে করে চোরাই পথে আসা নানা রকম সন্দেহভাজন জিনিস বেআইনিভাবে বিক্রি করতো, যেমন অশ্লীল পোস্টকার্ড, যৌন ক্ষমতাবর্ধক মলম, বিখ্যাত ক্যাটালোনীয় কনডম যার মাথায় গোসাপের মূর্তি কিংবা ফুল, ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী যা হয় পতপত করতো, নয় ফুলের পাপড়ির মতো খুলে যেতো। ফারমিনা ডাজা বাজারের এই রাস্তার গতি প্রকৃতি ও স্বভাব চরিত্র সম্পর্ক তেমন অবহিত ছিলো না, ও কোনো কিছু না লক্ষ করে এগিয়ে গেল, বেলা এগারোটার। সূর্যের প্রচণ্ড দাবদাহ থেকে আত্মরক্ষার জন্য ও একটুখানি ছায়াঘেরা আশ্রয় খুঁজছিল।

ও জুতা পালিশ করা ছেলে, পাখিওয়ালা, সস্তা বই পুঁথির ফেরিওয়ালা এবং ডাকিনী বিদ্যায় পারদর্শী উপজাতীয় চিকিৎসকদের হট্টগোলের মধ্যে ডুবে গেল। জনতার গোলমাল ছাপিয়ে শোনা গেল মিঠাইওয়ালাদের হাঁকাহাঁকি: আসুন, আনারসের মিষ্টি নিয়ে যান, নারকেলের মিঠাই যার তুলনা নাই, তুলনা নাই, আপনার চিনির জন্য চিনির রুটি নিয়ে যান, বাড়ি গিয়ে দুজনে হুটোপুটি করে খান। কিন্তু সে এই সব চেঁচামেচিতে কোনো কান দিলো না, এক কাগজ বিক্রেতার কেরামতি দেখে ও মুগ্ধ হয়ে গেল। সে জাদু কালির নানা রকম কায়দা দেখাচ্ছিল, রক্তের আবহমাখা লাল কালি, সমবেদনা জানিয়ে বাণী পাঠাবার জন্য বিষণ্ণতার আবহমাখা কালি, অন্ধকারে পড়বার জন্য দ্যুতিমান কালি, অদৃশ্য কালি যার লেখা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট পড়া যায়। এই সবগুলি কালিই কিনবার কথা ভাবলো ও, ফ্লোরেন্টিনো আরিজা খুব মজা পাবে, ওর চতুরালি দেখে অবাক হবে, কিন্তু শেষ পর্যন্ত ও এক শিশি সোনালি কালিই কিনলো। এর পর ও গেল মিঠাই বিক্রেতার দিকে। বিশাল আকারের গোল কাঁচের পাত্র সামনে নিয়ে তারা বসে আছে। হইহল্লার জন্য কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না, তাই ও আঙুল দিয়ে দেখিয়ে দিল ও কি কিনতে চায়। ও প্রতিটি মিঠাই কিনলো ছটা করে, ছটা দেবদূতের চুল, ছকৌটা টিনের দুধ, ছটা তিলের খাজা, ছটা কাসাভা পেস্ট্রি, ছটা চকলেট বার, ছটা রানীর টুকরা, ছটা এটা আর ছটা ওটা, সব কিছু ছটা করে, আর ও জিনিসগুলি একটা অসম্ভব সুন্দর ভঙ্গিতে গালা প্লাসিডিয়ার ঝুড়িতে ছুঁড়ে দিচ্ছিলো, মিঠাই আর চিনির সিরার উপর মাছি ভনভন করে উড়ছে, চারপাশে প্রচণ্ড হইহল্লা, অসহ্য গরমে মানুষের গায়ের ঘাম থেকে যেন ভাপ উঠছে, আর এরই মধ্যে ও ঘুরছিলো, কেনাকাটা করছিলো, ওকে যেন কিছুই স্পর্শ করছে না। ওর আচ্ছন্নভাব ভাঙ্গিয়ে দিলেন এক মিষ্টি স্বভাবের কৃষ্ণাঙ্গ মহিলা, গোলগাল, সুশ্রী দেখতে, মাথায় রঙিন রুমাল বাধা, তিনি ওকে একটা কসাইর ছুরির মাথায় বেঁধানো ত্রিভুজাকৃতি একটুকরা আনারস খেতে দিলেন। ও গোটা টুকরাটা একবারে মুখে পুরে দিল, চাখলো, তারপর চিবুতে চিবুতে চোখ ঘুরিয়ে চারদিকে তাকালো। এমন সময় অসম্ভব চমকে উঠে ও যেখানে ছিল সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লো। ঠিক তার পেছনে, এতো কাছে যে চারপাশের প্রচণ্ড কোলাহল সত্ত্বেও ও তার গলা পরিষ্কার শুনতে পেল : একজন মুকুটশোভিত দেবীর জন্য এটা কোনো উপযুক্ত স্থান নয়।

ও মাথা ঘুরিয়ে ওর চোখের কাছ থেকে এক হাতেরও কম দূরত্বে দেখলো সেই বরফশীতল দুটি চোখ, সেই নীল ধূসর মুখ, ভয়ে পাথরের মতো জমে যাওয়া ঠোঁট, ওর খুব কাছে গির্জায় মধ্যরজনীর উপাসনার সময় ভিড়ের মধ্যে প্রথমবার তাকে যেমন দেখেছিল ঠিক সেই রকম, কিন্তু এবার ভালবাসার উদ্বেলতার পরিবর্তে ও অনুভব। করলো মোহভঙ্গের অতল গভীরতা। এক মুহূর্তের মধ্যে তার ভুলের বিশালতা তার চোখে ধরা পড়লো, আর আতঙ্কিত হয়ে ও নিজেকে জিজ্ঞাসা করলো, কেমন করে ও এতো দীর্ঘকাল ধরে এবং এতো প্রচণ্ড আবেগের সঙ্গে একটা অলীক কল্পনা নিজের বুকের মধ্যে লালন করেছিল। সে কোনো রকমে শুধু ভাবলো, হা ভগবান, বেচারা! আর ফ্লোরেন্টিনো আরিজা ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো, কিছু বলতে চাইলো, ওকে অনুসরণ করার চেষ্টা করলো, কিন্তু ফারমিনা ওর হাতের একটা দোলায় তাকে ওর জীবন থেকে মুছে ফেলে দিল। ও বললো, না, প্লিজ! ভুলে যাও সব কিছু।

সেদিন অপরাহে, ওর বাবা যখন দিবানিদ্রায় মগ্ন, তখন ও গালা প্লাসিডিয়ার হাত দিয়ে দু’লাইনের একটা চিঠি পাঠালো: আজ তোমাকে যখন আমি দেখলাম তখন আমি বুঝলাম যে আমাদের মধ্যে যা বিরাজ করছে তা একটা মোহ ও বিভ্রম ছাড়া আর কিছু নয়। গালা গ্লাসিডিয়া তাকে ফেরত দিল তার টেলিগ্রামগুলি, তার কবিতা, তার শুকনো ক্যামেলিয়া এবং তাকে অনুরোধ জানালো সে যেন ফারমিনা ডাজার চিঠিপত্র এবং তাকে দেয়া উপহারগুলি ফেরত পাঠিয়ে দেয়, এসকোলাস্টিকা পিসির প্রার্থনা পুস্তক, ওর বিশেষ বাগানের পত্রপল্লব, সন্ত পিটার ক্লাভিয়েরের পোশাকের একবর্গ সেন্টিমিটার কাপড়ের টুকরো, ওর স্কুলের ইউনিফর্মের সিল্কের ফিতা দিয়ে বাঁধা ওর পনেরো বছর বয়সের বেণী। এর পরের কয়েকদিন ফ্লোরেন্টিনো আরিজার কাটলো অর্ধোন্মাদ অবস্থায়। মরিয়া হওয়া অসংখ্য চিঠি লিখলো সে ওকে, গালা প্লাসিডিয়াকে চিঠিগুলি ওকে পৌঁছে দেবার জন্য মিনতি করলো বারবার, কিন্তু পরিচারিকা বললো যে সে শুধু ফারমিনার দেয়া উপহারগুলি ফেরত দিয়ে যাবে, তার ওপর স্পষ্ট নির্দেশ আছে, আর কোনো কিছু সে নিতে পারবে না। এতো প্রবলভাবে সে একথা বললো যে শেষ পর্যন্ত ফ্লোরেন্টিনো আরিজা সব কিছু ফেরত পাঠালো, শুধু বেণীটা দিল না, সেটা সে ফারমিনা ডাজার নিজের হাতে তুলে দেবে, তখন এক মুহূর্তের জন্য হলেও সে ওর সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু ফারমিনা ডাজা রাজি হল না। ট্রান্সিটো আরিজার ভয় হল পাছে তাঁর ছেলে কোনো মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাই তিনি তাঁর আত্মসম্মান বিসর্জন দিয়ে ফারমিনা ডাজার সঙ্গে মাত্র পাঁচ মিনিটের জন্য একটি সাক্ষাৎ প্রার্থনা করলেন। ফারমিনা ডাজা নিজের বাড়ির দোরগোড়ায় তার সঙ্গে দেখা করলো, তাকে ভেতরে বসবার আমন্ত্রণ জানালো না, তার দুর্বলতার কোনো চিহ্ন মাত্র দেখালো না। দু’দিন পরে, মায়ের সঙ্গে বেশ কিছুটা তর্কাতর্কির শেষে, ফ্লোরেন্টিনো আরিজা তার ঘরের দেয়াল থেকে রঙিন কাঁচের আধারে রক্ষিত বেণীটা নামিয়ে দিল। সে ওটা ওখানে সাজিয়ে রেখেছিল কোনো সন্তের পবিত্র চিহ্নের মতো। ট্রান্সিটো আরিজা সোনালি সুতার কাজ করা মখমলের বাক্সে ওটা তার নিজের হাতে ফারমিনাকে ফেরত দিয়ে এলো। এর পর উভয়ের দীর্ঘ জীবনকালে ওদের বেশ কয়েকবারই আকস্মিক ও ক্ষণিক দেখা হয়েছে, কিন্তু একা নির্জনে ফারমিনা ডাজাকে দেখার বা ওর সঙ্গে কথা বলার আর একটি সুযোগও ফ্লোরেন্টিনো পায় নি। ওই সুযোগ সে পেল একান্ন বছর নয় মাস চার দিন পর, যখন ফারমিনার বৈধব্য জীবনের প্রথম রাতেই সে তার চিরন্তন বিশ্বস্ততা ও চিরস্থায়ী ভালবাসার প্রতিশ্রুতি পুনর্বার ব্যক্ত করলো।

আঠাশ বছরের ডক্টর জুভেনাল উরবিনো ছিলেন সে অঞ্চলের সব চাইতে আকাঙ্ক্ষিত অকৃতদার পুরুষ। তিনি দীর্ঘদিন বাড়িতে কাটিয়ে দেশে ফিরে এসেছেন, সেখানে ভেষজ ও শৈল্য চিকিৎসা বিদ্যায় উচ্চতর পর্যায়ে পড়াশোনা সমাপ্ত করেছেন এবং দেশের মাটিতে পা দেবার পর থেকেই তিনি যে বিদেশে এক মুহূর্তও সময়ের অপচয় করেন নি তার প্রবল নিদর্শন রাখতে শুরু করেন। তিনি বিদেশে যাবার প্রাক্কালে যেমন ছিলেন ফিরে এলেন তার চাইতে বেশি খুঁতখুঁতে হয়ে, তবে নিজের স্বভাবের ওপর তার নিয়ন্ত্রণ ক্ষমতা আগের চাইতে বেড়েছে। তার সমসাময়িকদের মধ্যে তার মতো এত কঠোর এবং তার অধীত বিজ্ঞানের ক্ষেত্রে এত বিদ্বান আর কেউ ছিল না। তাছাড়া সমকালীন সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে তার মতো এত ভালো নাচতেও কেউ পারতো না, পিয়ানোতে তাঁর মতো এত নতুন নতুন সুরও আর কেউ বাজাতে পারতো না। তাঁর ব্যক্তিগত মোহিনী শক্তি ও তার পরিবারের বিপুল সম্পত্তির নিশ্চিতি দ্বারা আকৃষ্ট হয়ে মেয়েরা কে তার সঙ্গে সময় কাটাবে তা নিয়ে নিজেদের মধ্যে গোপন লটারি করতো, তিনিও তাদের সঙ্গকামনায় বাজি ধরতেন, তবে নিজেকে তিনি সর্বদা অক্ষত ও লোভনীয় করে রেখেছেন এবং কখনোই নিজেকে শোভনতা শালীনতার সীমা ছাড়িয়ে যেতে দেননি। কিন্তু যখন কোনো রকম প্রতিরোধ ছাড়াই ফারমিনা ডাজার সাধারণ অনিভাজাত মোহিনী শক্তির সামনে তিনি ধরাশায়ী হলেন তখন উপরোক্ত পর্বের সমাপ্তি ঘটলো।

তিনি বলতে ভালোবাসতেন যে ওটা ছিল একটা চিকিৎসা সংক্রান্ত ভুল। ব্যাপারটা যে ঘটতে পারে তাই তার বিশ্বাস হচ্ছিল না, বিশেষ করে সেই সময়ে যখন তাঁর সকল শক্তি ও আবেগ কেন্দ্রীভূত ছিল তার এই প্রিয়তম শহরের নিয়তি নিয়ে, যে শহর সম্পর্কে তিনি প্রায়ই এবং দ্বিতীয় চিন্তা ছাড়াই বলতেন যে সারা দুনিয়ায় এটা ছিল অদ্বিতীয়। পারীতে সাময়িক কোনো প্রিয়াকে বাহু পাশে আবদ্ধ করে শরতের বিকালে পায়চারি করতে করতে তার মনে হত ওই রকম স্বর্ণালী অপরাহ্নের চাইতে নির্ভেজাল মধুময় আনন্দক্ষণ আর কোথাও পাওয়া অসম্ভব। কোনো বাড়ির আগুনের চুল্লি থেকে বাদাম কাঠের গন্ধ ভেসে আসছে, শোনা যাচ্ছে অ্যাকর্ডিয়নের বিষণ্ণ মন্থর বাজনার শব্দ, খোলা চত্বরে বসে পরম লোভী প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে চুমু খেয়ে চলেছে, কিন্তু তখনো তিনি বুকে হাত দিয়ে বলতে পারতেন যে তার কাছে তাঁর ক্যারিবীয় এপ্রিলের একটি মুহূর্তের মূল্য ছিল ওই সব আনন্দ উপকরণের চাইতে বেশি। তখনো তাঁর বয়স ছিল কম, হৃদয়ের স্মৃতি যে সর্বদা মন্দকে বাদ দিয়ে ভালোকে বড় করে তোলে সেটা তার জানা হয় নি। কিন্তু ওই কৌশলকে ধন্যবাদ দিতে হয়, তার কারণেই অতীতের গুরুভার বহন করা আমাদের পক্ষে সম্ভব হয়। কিন্তু এখন, জাহাজের রেলিং-এর গায়ে দাঁড়িয়ে, ঔপনিবেশিক জেলার সাদা অন্তরীপ আবার দেখতে দেখতে, বাড়িগুলির ছাদের উপর নিশ্চল শকুনিদের লক্ষ করতে করতে, গরিব মানুষগুলিকে বারান্দায় ধোয়া কাপড় শুকাতে দিতে দেখতে দেখতে, তিনি বুঝতে পারলেন স্মৃতিকাতরতার প্রবঞ্চনার কতো সহজ এবং কতো প্রবল শিকারে তিনি পরিণত হয়েছেন।

জাহাজ উপসাগরের মধ্য দিয়ে এগিয়ে চললো। চারিদিকে অসংখ্য পশুর মৃতদেহ ভাসছে। দুর্গন্ধ এড়াবার জন্য বেশির ভাগ যাত্রী নিজেদের ক্যাবিনে ঢুকে পড়েছে। যুবক ডাক্তার পশমের নিখুঁত স্যুট পরে তক্তার ওপর দিয়ে হেঁটে নিচে নেমে গেলেন, তার চিবুকে তরুণ পাস্তুরের মতো একটুখানি দাড়ি, মাথার চুল সুন্দর করে আঁচড়ানো, মাঝখানে সিথি কাটা, তার গলায় একটা ডেলা উঠে আসছিলো, ভয়ে নয়, বেদনায়, তিনি তাকে সসংযমে সামলে নিলেন। জাহাজঘাট ছিল প্রায় জনশূন্য, খালি পায়ে ইউনিফর্মবিহীন সৈন্যরা জায়গাটা পাহারা দিচ্ছে, তার বোনেরা আর মা আর খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু তার জন্য অপেক্ষা করছে। কেতাদুরস্ত ভাবভঙ্গি সত্ত্বেও বন্ধুদের মনে হল নিস্প্রভ এবং প্রত্যাশাহীন। তারা এমন ভাবে চলমান গৃহযুদ্ধের সঙ্কটের উল্লেখ করলো যেন সেটা বহু দূরের এবং বিদেশের কোনো ব্যাপার। কিন্তু তাদের সবার গলায় বিষয়টা এড়িয়ে যাবার কম্পনের সুর শোনা গেল, চোখে ফুটে উঠলো অনিশ্চিতির ভাব, তাদের মুখের কথার সঙ্গে যার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাক্তার সব চাইতে বিচলিত হলেন মাকে দেখে। এখনও অল্প বয়েসী, এই মহিলা তার সুরুচি ও সামাজিক কর্মোদ্যোগ দ্বারা তার জীবনকে অনেকখানি প্রভাবিত করেছেন, কিন্তু এখন তাঁর বিধবার কালো পোশাক থেকে ভেসে আসা কর্পূরের গন্ধের মধ্যে মনে হল তিনি যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছেন, ঝরে পড়ছেন। পুত্রের দুর্ভাবনার মধ্যে তিনি নিশ্চয়ই নিজেকে দেখতে পেয়েছিলেন, তাই তাৎক্ষণিক আত্মরক্ষার তাগিদে তিনি জিজ্ঞাসা করলেন, ওর চামড়া মোমের মতো এত মলিন দেখাচ্ছে কেন।

জবাবে ডাক্তার বললেন, “মা, ওখানকার জীবনই ওই রকম। পারী সবাইকে সবুজ বানিয়ে ফেলে।

একটু পরে মায়ের পাশে বন্ধ গাড়িতে বসে গরমে তাঁর প্রায় দম আটকে আসছিল। জানালা পথে ঢুকে পড়া নিষ্ঠুর বাস্তবতা তিনি আর সহ্য করতে পারছিলেন না। সমুদ্রকে দেখাচ্ছিল ছাই-এর মতো, উচ্চবংশীয় অভিজাত ব্যক্তিদের পুরনো প্রাসাদগুলি ভিখিরিদের সংখ্যা বৃদ্ধির কারণে ভেঙে পড়ার পথে, আর খোলা নর্দমাগুলি থেকে ভেসে আসা মৃত্যুর বাষ্প থেকে ব্যগ্র মল্লিকার গন্ধকে আলাদা করে চেনা অসম্ভব হয়ে উঠছিলো। তাঁর মনে হল সবকিছু যেন আগের চাইতে ছোেট, দরিদ্র এবং দুঃখভারাক্রান্ত হয়ে গেছে। রাস্তার পাশের আবর্জনার স্তূপে এত বেশি সংখ্যক বুভুক্ষ ইঁদুর ছোটাছুটি করছিল যে তাদের গাড়ির ঘোড়া প্রায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ওঁদের বাড়ি ছিল ভাইসরয়দের জেলার একেবারে প্রাণকেন্দ্রে। বন্দর থেকে বাড়িতে যাবার দীর্ঘ পথ পাড়ি দেবার সময় ডাক্তারের মনে হল যে তার স্মৃতিকাতরতার যোগ্য কোথাও কিছু নেই। পরাজয় মেনে তিনি তাঁর মুখ ঘুরিয়ে নিলেন, যেন তার নীরব অশ্রু বিসর্জন মায়ের চোখে না ধরা পড়ে।

মার্কুইস ডি কাসালডুয়েরার ভূতপূর্ব প্রাসাদ, উরবিনো ডি লা কল পরিবারের ঐতিহাসিক বাসভবন, পরিপার্শ্বের ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায় নি। নিরানন্দ প্রাঙ্গণ অতিক্রম করে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ডাক্তার জুভেনাল উরবিনো ভগ্ন হৃদয়ে সে সত্যটি উপলব্ধি করলেন। তিনি ভেতরের বাগানের ফোয়ারাটিকে দেখলেন ধূলিধূসরিত, ফুলের বেডগুলি আগাছা ও কাঁটালতায় আকীর্ণ, সেখানে গোসাপ ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা মার্বেলের পাত উধাও হয়ে গেছে, তামার রেলিং দেয়া প্রশস্ত সিঁড়ির কয়েকটি মার্বেলের পাত এখানে ওখানে ভাঙ্গা। এই সিঁড়ি দিয়েই যেতে হয় বাড়ির প্রধান কক্ষগুলিতে। জুভেনাল উরবিনের বাবাও ছিলেন একজন চিকিৎসক, তবে তিনি যতখানি উল্লেখযোগ্য চিকিৎসক ছিলেন তার তুলনায় তার মধ্যে আত্মত্যাগের প্রবণতা ছিল বেশি। ছ’বছর আগে এখানে মারাত্মক এশীয় কলেরা মহামারী আকারে দেখা দেয় আর ওই দুর্যোগের সময় জুভেনালের বাবা মৃত্যুবরণ করেন, আর তার মৃত্যুর সাথে সাথে এ বাড়ির প্রাণেরও মৃত্যু ঘটে। আগে জুভেনালের বাবার সময় এ বাড়িতে প্রায়ই কবিতার আসর ও গানের জলসা বসতো, এখন তাঁর মা প্রবর্তন করেছেন নয়দিনব্যাপী ধর্মীয় উপাসনার অনুষ্ঠান। তার দুই বোন, তাদের উচ্ছল আনন্দ উৎসব উপভোগের প্রবণতা সত্ত্বেও, প্রবেশ করেছে মঠের জীবনে।

গৃহে প্রত্যাবর্তনের প্রথম রাতে ডাক্তার জুভেনাল উরবিনো একটুও ঘুমাতে পারেন নি। অন্ধকার আর নৈঃশব্দ তাঁকে আতঙ্কিত করে তোলে। তিনি হোলি স্পিরিটকে স্মরণ করে তিন বার মালা জপলেন, যতগুলি প্রার্থনা তিনি স্মরণ করতে পারলেন মনে মনে সবগুলি আবৃত্তি করলেন যেন রাত্রির তাবৎ বিপর্যয়-বিভীষিকার হাত থেকে তিনি রক্ষা পান। ইতিমধ্যে অর্ধেক বন্ধ দরজার ফাঁক দিয়ে তাঁর ঘরে একটা বাঁকানো চষ্ণু লম্বা পায়ের কারলিউ ঢুকে পড়েছিল, পাখিটা ঘণ্টায় ঘণ্টায় ডেকে উঠতে থাকলো। পাশের বাড়িটি ছিল মেয়েদের উন্মাদ নিবাস, সেখান থেকে পাগলিনীদের দুঃস্বপ্ন তাড়িত চিৎকার তাঁকে অস্থির করে তুললো। একটা জলের পাত্র থেকে মুখ-হাত ধোয়ার গামলায় টিপ টিপ করে জল পড়ছিল, সেই শব্দ সারা বাড়িতে ধ্বনিত-প্রতিধ্বনিত হল। লম্বা পায়ের কারলিউটা তার ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। অন্ধকার সম্পর্কে তাঁর ছিল জন্মগত ভয়, আর এই বিশাল নিদ্রিত পুরীতে তিনি এখন অনুভব করলেন তাঁর মৃত পিতার অদৃশ্য উপস্থিতি। কারলিউটা যখন রাতা মোরগগুলির সঙ্গে সকাল পাঁচটার ডাক ডেকে উঠলো তখন ডাক্তার জুভেনাল উরবিনো নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে স্থির করলেন যে তার জঞ্জাল আকীর্ণ এই স্বদেশে তিনি আর একটি দিনও থাকবেন না। কিন্তু কালের অগ্রযাত্রার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের মায়া-মমতা ও তার সব শ্রেণীর অবিবাহিতা তরুণীদের সাগ্রহ মনোযোগ যুক্ত হয়ে তাঁর প্রথম অনুভূতির তিক্ততা অনেকখানি কমিয়ে দিল। একটু একটু করে তিনি অক্টোবরের গুমোট গরম, নানা রকম গন্ধের তীব্রতা, বন্ধুদের দ্রুত সিদ্ধান্তসমূহ, আগামীকাল দেখা যাবে, ডাক্তার, কিছু ভেবো না, এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলেন এবং অবশেষে অভ্যাসের মায়াজালে আটকে পড়লেন। আত্মসমর্পণের সপক্ষে একটা সহজ যুক্তি দাঁড় করাতে তার বেশি সময় লাগলো না। তিনি আপন মনে বললেন, এটা তার ভুবন, এই দুঃখী, পীড়াদায়ক ভুবন, ঈশ্বর যেটা তাকে দিয়েছেন, এর প্রতি তাঁর একটা দায়-দায়িত্ব আছে।

তিনি সব কিছুর আগে বাবার অফিসটার দখল নিলেন। তিনি কাঠের তৈরি বিলেতের শক্ত অনুজ্জ্বল আসবাবপত্র স্থানান্তরিত করলেন না, সকালের তুষার শীতল আবহাওয়ায় সেগুলি যেন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কিন্তু ভাইসরয়দের সময়ের বিজ্ঞান চর্চা ও রোমান্টিক ভেষজ চিকিৎসা সম্পর্কিত সব কাগজপত্র তিনি বাড়ির চিলে কোঠায় নির্বাসন দিলেন, আর কাঁচের দরজার পিছনে বই-এর তাকগুলি পূর্ণ করে ফেললেন নতুন ফরাসি স্কুলের লেখালেখি দিয়ে। অস্পষ্ট হয়ে যাওয়া ছবিগুলি তিনি দেয়াল থেকে নামিয়ে ফেললেন, স্বস্থানে শুধু দুটি জিনিস রাখলেন, জনৈক চিকিৎসক এক রোগিনীর নগ্ন দেহের জন্য মৃত্যুর সঙ্গে যে ছবিতে তর্ক করছেন সেই ছবিটি, আর গথিক অক্ষরে মুদ্রিত হিপোক্র্যাটিসের শপথ। তারপর নামিয়ে দেয়া শূন্য স্থানে তার বাবার পাওয়া একমাত্র ডিপ্লোমাটির পাশে টানিয়ে রাখলেন ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতম অনার্সসহ পাওয়া তার নিজের নানা ডিগ্রি ও সম্মাননার কাগজ।

তিনি মিসারিকোর্ডিয়া হাসপাতালে সর্বশেষ ধারণাগুলি চালু করতে চেষ্টা করলেন কিন্তু তার তারুণ্যদীপ্ত উদ্দীপনায় কাজটা যত সহজ ভেবেছিলেন তত সহজ হল না। পুরুষ পরাম্পরাগত কুসংস্কারগুলির সঙ্গে ওই প্রাচীনপন্থী স্বাস্থ্য ভবনটির বন্ধন ছিল। অতিশয় দৃঢ়, যেমন খাটের পায়াগুলি জলভর্তি পাত্রে বসাতে হবে যেন রোগব্যাধি তার গা বেয়ে উপরে উঠে আসতে না পারে, অথবা ডাক্তারকে সন্ধ্যাকালীন সম্পূর্ণ পোশাক পরিচ্ছদ পরে, হাতে শ্যাময় চামড়ার দস্তানা এঁটে অস্ত্রোপচারের ঘরে ঢুকতে হবে। কারণ ওই রকম শোভনতা ও সৌন্দর্যই রোগীকে সেপ্টিকের আক্রমণ থেকে রক্ষা করার অব্যর্থ প্রতিষেধক রূপে বিবেচিত হত। এই নবাগত তরুণ ডাক্তার রোগীর দেহে চিনির উপস্থিতি নির্ধারণের জন্য তার প্রস্রাবের স্বাদ পরীক্ষার কথা বলল, সে শারকট এবং ঐশো থেকে এমন ভাবে উদ্ধৃতি দিল যেন ওরা তার রুমমেট ছিল, প্রবীণ ডাক্তারদের কাছে এসব অসহ্য মনে হল। ডাক্তার জুভেনাল উরবিনো তার ক্লাসে ছাত্রদের টিকা দানের মারাত্মক ঝুঁকি সম্পর্কে সাবধান করে দিলেন, আবার সাপসিটারি দেয়ার নতুন প্রথা সম্পর্কে তার সন্দিগ্ধ আস্থার কথা ব্যক্ত করলেন। সব কিছুর সঙ্গে তাঁর মতবিরোধ দেখা গেল। তার পুনর্নির্মাণ ও সংস্কারের আকাঙ্ক্ষা, নাগরিক কর্তব্য সম্পর্কে তাঁর পাগলের মতো উগ্র বোধ, যে দেশে সবাই সারাক্ষণ উদ্ভট কৌতুকে মেতে থাকে সেখানে তাঁর শ্লথ রস জ্ঞান, প্রকৃতপক্ষে তার সব কিছুই ছিল অন্যদের সব কিছুর বিরোধী আর এগুলি তাঁর সব চাইতে বেশি বয়সের প্রবীণ সহকর্মীদেরকে তার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তুললো, আর অল্প বয়সী সহকর্মীদের অনুপ্রাণিত করলো তার বিরুদ্ধে লুকিয়ে চুরিয়ে চতুর ঠাট্টা-বিদ্রূপের বান নিক্ষেপ করতে।

শহরের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থার অভাব তাঁর সার্বক্ষণিক দুশ্চিন্তার কারণ হল। স্পেনীয় নর্দমাগুলি ভর্তি করে দেবার জন্য তিনি সর্বোচ্চ কর্মকর্তাদের কাছে আবেদন করলেন, ওই নর্দমাগুলি ছিল ইঁদুরের এক সুবিশাল প্রজনন ক্ষেত্র, তিনি তার জায়গায় ভালোভাবে আবৃত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রবর্তনের পরামর্শ দিলেন, যার ফলে চিরকাল যেমন হয়েছে সেই রকম সমস্ত ময়লা গিয়ে বাজারের কাছের খাড়িতে আর পড়বে না, তার পরিবর্তে সেটা গিয়ে পড়বে দূরের কোনো একটা জল নির্গমন প্রণালীতে। ঔপনিবেশিক ভবনগুলিতে সেপ্টিক ট্যাঙ্কসহ শৌচাগারের সুব্যবস্থা ছিল, কিন্তু নগরীর দুই-তৃতীয়াংশ জনগণ বাস করতো জলাভূমি সংলগ্ন ঝুপড়িতে, তারা খোলা আকাশের নিচে যত্রতত্র মল ত্যাগ করতো। ওই মল রৌদ্রে শুকাতো, ধুলায় পরিণত হত, তারপর সবাই তা বড়দিনের আনন্দ-উৎসব উপভোগের সময় ডিসেম্বরের শীতল শান্ত বাতাসের সঙ্গে নাক ভরে টেনে নিতো। ডাক্তার জুভেনাল উরবিনো নগর পর্ষদ কর্তৃক একটা বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স চালু করার চেষ্টা করেন যেন গরিবরা নিজেরাই নিজেদের শৌচাগার নির্মাণ করতে শিখতে পারে। দরিদ্র জনগোষ্ঠী শতাব্দির পর শতাব্দি ধরে তাদের যাবতীয় আবর্জনা কাঁটাবনের ঝাড়ের উপর ছুঁড়ে ফেলে এসেছে, এখন সে জায়গা একটা দুর্বিষহ গলিত পচা স্থানে পরিণত হয়েছে। ডাক্তার চেষ্টা করলেন ওরা যেন তার পরিবর্তে তাদের সমস্ত আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে জমা করে, তারপর সপ্তাহে অন্তত দু’দিন লোকজনের বসতির বাইরে কোথাও নিয়ে গিয়ে তা পুড়িয়ে দেয়, কিন্তু তার এ প্রয়াস সফল হল না।

পানীয় জলের মারাত্মক বিপদ সম্পর্কে ডাক্তার সচেতন ছিলেন। একটি কৃত্রিম জলাধার নির্মাণের ধারণাটাই অনেকের কাছে মনে হল অবাস্তব। যারা এই ধারণাকে সমর্থন করতে পারতো তাদের সবারই নিজ নিজ ভূগর্ভস্থ চৌবাচ্চা ছিল, সেখানে বছরের পর বছর ধরে সঞ্চিত বৃষ্টির জলের উপর পুরু ময়লার স্তর জমে থাকতো। সেই সময় সংসারের সর্বাপেক্ষা মূল্যবান তৈজসপত্রের মধ্যে ছিল কাঠের জল সহকারী পাত্র, যেখান থেকে পাথরের ফিল্টার দিয়ে দিনরাত ফোঁটা ফোঁটা করে বিশালাকার মাটির জালায় গিয়ে ওই জল পড়তো। পাছে কেউ যে অ্যালুমিনিয়ামের পাত্র ডুবিয়ে জল তোলা হত সেটার সাহায্যে ওই জল পান করে ফেলে সেজন্য পেয়ালাটার চারপাশ ভেঙ্গে তীক্ষ্ণ সুচিমুখ করে রাখা হত। কালো মাটির জালায় রাখা ওই জল ছিল স্ফটিকের মতো স্বচ্ছ এবং ঠাণ্ডা, আর তার স্বাদ ছিল অরণ্যের মতো। কিন্তু ডাক্তার জুভেনাল উরবিনোর চিত্ত বাইরের এই সুন্দর পবিত্র রূপ দেখে ভুললো না, কারণ তিনি জানতেন যে সকল রকম সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও মাটির প্রতিটি জালার নিচের দিকে নিরাপদ আশ্রয়ে বাস করতো অসংখ্য জলের কীট। তার শৈশবে তিনি ঘণ্টার পর ঘণ্টা এক ধরনের মরমীয়া বিস্ময়ের সঙ্গে এই জলের পোকাগুলি লক্ষ করেছেন। অনেকেই মনে করতো এই সব পোকা এক আধিভৌতিক জগতের প্রাণী, নিস্তরঙ্গ জলের তলায় বাস করে এরা কুমারী তরুণীদের উদ্দেশে প্রেম নিবেদন করে এবং সে প্রেম প্রত্যাখ্যাত হলে নিষ্ঠুর প্রতিশোধ নেয়। বালক বয়সে তিনি দেখেছেন ওদের আহ্বানে সাড়া না দেয়ায় ওরা কি ভাবে লাজারা কন্ডি নাম্নী এক স্কুল শিক্ষিকার বাড়িঘর তছনছ করে দেয়, বড় বড় পাথর ছুঁড়ে তার জানালা ভেঙে ফেলে। ওই সব পাথর তিনি দেখেছেন, লাজারা কন্ডির বাড়ি পর্যন্ত জলে ভেজা কাঁচের পদচিহ্ন রেখাও তিনি দেখেছিলেন। তাই ওই জলের পোকাগুলি যে আসলে মশার লার্ভা, মশককীটের আদ্যাবস্থা, সেটা উপলব্ধি করতে তার অনেক দিন লাগে। কিন্তু ব্যাপারটা একবার উপলব্ধি করার পর তিনি আর সেটা কখনো ভুললেন না। তিনি বুঝলেন যে শুধু মশার লার্ভা নয়, আমাদের ওই সাধারণ পাথরের ফিল্টারের মধ্য দিয়ে ওই জাতীয় আরো অনেক তথাকথিত আধিভৌতিক প্রাণী অক্ষত অবস্থায় আমাদের পানীয় জলের মধ্যে অতি সহজে ঢুকে যাচ্ছে।

অনেককাল ধরে চৌবাচ্চার ওই জলকে সবাইবিশেষ সম্মানের চোখে দেখতো। বহু লোক মনে করতো যে তাদের অণ্ডকোষের হার্নিয়ার কারণ হচ্ছে ওই জল। তারা তাদের অণ্ডকোষের স্ফীতির জন্য কিছুমাত্র বিব্রত বোধ করতো না, পক্ষান্তরে তার মধ্যে একটা দেশপ্রেমজাত ঔদ্ধত্য অনুভব করতো। জুভেনাল উরবিনোর তার প্রাথমিক স্কুল জীবনের কথা মনে আছে। তিনি ভয়ার্ত চোখে দেখেছেন কিছু কিছু মানুষ তাদের বিশাল অণ্ডকোষ একটা ঘুমন্ত শিশুর মতো তাদের দু’পায়ের মধ্যে আটকে রেখে নিজেদের বাড়ির দোরগোড়ায় বসে আছে, তপ্ত অপরাহ্নে পাখা নেড়ে অণ্ডকোষের গায়ে হাওয়া দিচ্ছে। এ সম্পর্কে একটা প্রচলিত কাহিনী অনুযায়ী ঝড়ের রাতে তাদের হার্নিয়া থেকে একটা শোকার্ত পাখির শিসের ধ্বনি উঠতো, আর নিকটবর্তী কোনো স্থানে কেউ শকুনের পাখা পোড়ালে তাদের অণ্ডকোষ অসহ্য যন্ত্রণায় বাঁকাচোরা হয়ে যেতো। তবু এই সব কষ্টের বিরুদ্ধে কেউ অভিযোগ করতো না, কারণ ভালোভাবে? বহন করা বড় আকারের একটি বিদীর্ণ অণ্ডকোষের মধ্যে অনেকেই দেখতো পুরুষোচিত মর্যাদার এক চমৎকার প্রকাশ। ডাক্তার জুভেনাল উরবিনো যখন ইউরোপ থেকে ফিরে আসেন তখনই তিনি বৈজ্ঞানিক দিক থেকে এসব বিশ্বাসের অসারতার বিষয়টি জানতেন কিন্তু লোকজনের মনে স্থানীয় কুসংস্কারগুলি ছিল অত্যন্ত গভীরভাবে প্রোথিত, তাই তিনি যখন চৌবাচ্চার জুলকে ধাতব পদার্থের সাহায্যে সমৃদ্ধ করার প্রস্তাব দিলেন ওরা তখন তা প্রত্যাখ্যান করলো, পাছে অণ্ডকোষের মর্যাদাকর স্ফীতি ও বিদারণের যে শক্তি জলের মধ্যে আছে তা ধ্বংস হয়ে যায়।

দূষিত জল ছাড়া অন্যান্য কিছু জিনিসও ডাক্তার জুভেনাল উরবিনোকে ভীত করে তোলে। সরকারি বাজারের স্বাস্থ্য রক্ষার ঘাটতির দিকটা তাঁকে দুশ্চিন্তাগ্রস্ত করলো। লাস অ্যানিমাস উপসাগরের পাশে বিশাল একটা জায়গা পরিষ্কার করে সেখানে ওই বাজার গড়ে তোলা হয়। উপসাগরে অ্যান্টিল থেকে আসা জাহাজগুলি ভিড়তো। সমকালীন একজন বিখ্যাত সফরকারী এ বাজারকে পৃথিবীর সব চাইতে বৈচিত্র্যময় বাজারগুলির একটি বলে অভিহিত করেছেন। বস্তুতপক্ষে এটা ছিল অত্যন্ত সমৃদ্ধ ও কোলাহলমুখর, তবে, সম্ভবত, সব চাইতে ভয়ঙ্করও। এই বাজার গড়ে ওঠে নিজেদের আবর্জনার স্কুপের উপর, খামখেয়ালি জোয়ারের স্রোতধারার দয়ার উপর এটা ছিল নির্ভরশীল, পয়ঃপ্রণালীগুলি থেকে যে জঞ্জাল উপসাগরে এসে পড়তো উপসাগর আবার সেগুলি এখানেই উগরে দিতো। তাছাড়া পার্শ্ববর্তী কশাইখানা থেকে জবাই করা পশুর অব্যবহার্য যাবতীয় জিনিস এখানেই ছুঁড়ে ফেলা হত- কর্তিত মস্তক, পচন ধরা নাড়িভূঁড়ি, মল ইত্যাদি, কাদামাটি মাখা রক্তের মধ্যে এগুলি ভাসতো, সূর্যের আলোয় আর তারার আলোয়। শকুনির দল ইঁদুর আর কুকুরের পালের সঙ্গে এগুলির জন্য লড়াই করতো সারাক্ষণ, আর অন্যদিকে বাজারের দোকান ঘরের সামনে ঝোলানো থাকতো সোটাভেন্টো থেকে আনা হরিণের মাংস আর রসালো খাসি মোরগের রান, আর মাটিতে শোলার মাদুরের উপর সাজিয়ে রাখা দেখা যেত আরজোনা থেকে আনা বসন্তকালীন শাক-সজীর সম্ভার। ডাক্তার উরবিনো জায়গাটাকে স্বাস্থ্যসম্মত করতে চাইলেন। তিনি চাইলেন যে কশাইখানা স্থানান্তরিত হয়ে অন্যত্র নির্মিত হোক, একটা আচ্ছাদিত বাজার হোক, রঙিন কাঁচের ছোট বুরুজ থাকুক তার, বার্সিলোনায় তিনি যেমন দেখে এসেছেন, সেখানে খাদ্য দ্রব্যসামগ্রী এমন পরিচ্ছন্ন ও চমৎকার ভাবে সাজানো থাকে যে মনে হয় ওসব খেয়ে ফেলা একটা লজ্জাকর ব্যাপার। কিন্তু তার সব চাইতে সহানুভূতিশীল বন্ধুরাও এ রকম অলীক স্বপ্ন দেখার জন্য তাঁকে অনুকম্পা করলো। ওরা ছিল ওই রকমই : ওরা সারা জীবন কাটিয়ে দেবে নিজেদের প্রাচীন বংশ গৌরবের কথা বলে, এই শহরের ঐতিহাসিক মর্যাদার কথা বলে, এর মূল্যবান ধর্মীয় স্মৃতিচিহ্ন ও স্মারকগুলির কথা বলে, এর বীরত্ব ও সৌন্দর্যের কথা বলে, কিন্তু বছরের পর বছর ধরে এর যে অবক্ষয় হয়ে চলেছে সে সম্পর্কে থাকবে সম্পূর্ণ অন্ধ। পক্ষান্তরে, ডাক্তার উরবিনো শহরটাকে এতটাই ভালোবাসতেন। যে তিনি সত্যের চোখ দিয়ে সেটাকে দেখতে পেতেন।

তিনি বলতেন, ‘সত্যিই কী মহান এই নগরী। আমরা চারশো বছর ধরে এটাকে ধ্বংস করার চেষ্টা করে চলেছি তবু সফলকাম হই নি।’

তবে প্রায় সফলকাম হয়েছিল। মহামারী আকারে কলেরা দেখা দেবার পর জলাবদ্ধ বাজারের মানুষগুলিই তার প্রথম শিকার হল। এগারো সপ্তাহ ধরে এতো বিপুলসংখ্যক মানুষ মারা গেল যা এদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটে নি। তখন পর্যন্ত বিত্তশালী বিখ্যাত মানুষদের মৃতদেহ গির্জার প্রাঙ্গণের পাথরের নিচে সমাধিস্থ করা হত, আর্চবিশপ ও গির্জার অন্যান্য প্রধানদের কবরের কাছাকাছি, আর কম বিত্তশালীদের সমাহিত করা হত মঠের উঠানে। গরিবদের পাঠানো হত একটা বাত্যাতাড়িত টিলার উপর অবস্থিত ঔপনিবেশিক সমাধিস্থলে, শুকিয়ে যাওয়া একটা খাল দ্বারা নগরী থেকে আলাদা করা, অতীন্দ্রিয় ক্ষমতাসম্পন্ন জনৈক মেয়রের নির্দেশে যার ইটের সেতুর গায়ে cano 1901 43 peteft : “Lasciate ogni speranza voi ch’entrate.”

কলেরা মহামারী শুরু হবার দু’সপ্তাহ পরে ওই সমাধিস্থলে আর মৃতদেহের স্থান সঙ্কুলান হল না। গির্জাগুলিতেও আর জায়গা ছিল না, যদিও অনেক অনামভ নাগরিক বীরের ধ্বংসপ্রাপ্ত দেহাবশেষ সাধারণ অস্থিসংরক্ষণাগারে পাঠিয়ে দেয়া হয়েছিল। ক্যাথিড্রালের নিচে ভূগর্ভস্থ সমাধিস্থানগুলি ভালো করে সিলগালা দিয়ে বন্ধ না করার জন্য সেখান থেকে ভাপ উঠে উপরের বাতাসকে অদ্ভুত রকম হাল্কা করে দিয়েছিল আর তিন বছর অতিক্রান্ত হবার আগে ওর দরজাগুলি খোলা হয় নি। আর ওই সময়েই মধ্য রজনীর উপাসনার পর গির্জা ত্যাগ করার সময় ফারমিনা ডাজা খুব কাছ থেকে ফ্লোরেন্টিনো আরিজাকে প্রথম দেখতে পায়। তৃতীয় সপ্তাহ নাগাদ কনভেন্ট অব সেইন্ট ক্লেয়ারের ভেতরের সব জায়গা থেকে শুরু করে পপলার বৃক্ষ শোভিত রাস্তাগুলি পর্যন্ত পূর্ণ হয়ে যায়, এবং তখন একটা সমাধিক্ষেত্রের চাইতেও দ্বিগুণ বড় সর্বসাধারণের ফলের বাগানটি ব্যবহার করার দরকার পড়ে। তিন স্তরে মৃতদেহ সমাহিত করার জন্য তিনটির মতো গভীর করে কবর খোঁড়া হল, দেরি না করে এবং কফিন ছাড়াই, কিন্তু প্রতি পদক্ষেপে ফুলে ওঠা মাটির নিচ থেকে স্পঞ্জের মতো রক্ত কাদা উঠে আসতে দেখা গেলে ওই প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়। তখন নগরী থেকে মাইল তিনেকের কম দূরত্বে অবস্থিত দি হ্যান্ড অব গড নামক একটা গরুমহিষের খামারে মৃতদেহগুলি সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়, পরে এর নামকরণ করা হয় সর্বজনীন সমাধিক্ষেত্র।

কলেরার ঘোষণা প্রচারের পর থেকে স্থানীয় সেনা নিবাস থেকে পনেরো মিনিট পর পর, দিন-রাত, কামান থেকে গোলা নিক্ষেপ করা হতে থাকে। এর মূলে ছিল একটা স্থানীয় কুসংস্কার, বারুদ নাকি আবহাওয়াকে পরিশুদ্ধ করে। কলেরার ধ্বংসযজ্ঞ সব চাইতে বেশি ঘটে কৃষ্ণাঙ্গ জনগণের মধ্যে, তারাই ছিল সংখ্যায় বেশি এবং দরিদ্রতরও, কিন্তু আসলে কলেরা বর্ণ কিংবা পটভূমি কোনো কিছুই বিবেচনায় আনে নি। তারপর এক সময়, যেমন হঠাৎ কলেরা শুরু হয়েছিল তেমনি হঠাৎই তা থেমে গেল, কিন্তু এর যথার্থ ক্ষতির পরিমাণ কখনোই জানা যায় নি, তা নির্ধারণ করা অসম্ভব ছিল সে জন্য নয়, তার মূলে ছিল আমাদের অন্যতম একটি গুণ, ব্যক্তিগত দুঃখ দুর্দশার কথা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট অনিচ্ছা।

জুভেনালের বাবা ডাক্তার মার্কো অরেলিও উরবিনো ওই দুর্যোগকালে ছিলেন একজন নাগরিক বীর আবার তার সব চাইতে বিখ্যাত শিকারও। সরকারি আদেশক্রমে তিনি ব্যক্তিগত ভাবে জনস্বাস্থ্য রক্ষার জন্য পরিকল্পনা প্রণয়ন ও তা পরিচালনা করেন কিন্তু প্রতিটি সামাজিক প্রশ্নে তাঁর নিজস্ব উদ্যোগ এতটাই প্রবল ও প্রধান হয়ে ওঠে যে মহামারীর সর্বাপেক্ষা সঙ্কটজনক মুহূর্তগুলিতে, মনে হল, উচ্চতর কোনো কর্তৃপক্ষের অস্তিত্ব আর নেই। অনেক বছর পরে, ওই সময়ের কাগজপত্র ঘাঁটতে ঘটতে ডাক্তার জুভেনাল উরবিনে নিঃসংশয়ে উপলব্ধি করলেন যে তাঁর বাবার পদ্ধতি ততটা বৈজ্ঞানিক ছিল না যতটা ছিল মমতা ও করুণাজাত এবং যুক্তির প্রতিকূল মনে হলেও, বেশ কিছু ক্ষেত্রে তা মহামারীর প্রকোপকে বাড়িয়েই দিয়েছিল। জীবন যে সব পুত্রদের, একটু একটু করে, পিতাদের পিতায় রূপান্তরিত করে, তাদের মমতা দিয়ে তা তিনি উপলব্ধি করলেন এবং কেন তিনি তাঁর বাবার ওই নিঃসঙ্গ ভ্রান্তির সময় তাঁর পাশে এসে দাঁড়ান নি সেজন্য গভীর দুঃখ বোধ করলেন। কিন্তু তিনি তার বাবার গুণাবলী উপলব্ধি করতেও ভুল করলেন না : তাঁর অধ্যবসায় ও পরিশ্রম, তার আত্মত্যাগ, সর্বোপরি তার ব্যক্তিগত সাহস। দুর্যোগ কাটিয়ে ওঠার পর নগরবাসী তাঁকে বহু সম্মানে বিভূষিত করে এবং অনেক কম সম্মানজনক যুদ্ধের অনেক বীরের নামের সঙ্গে তাঁর নামও যে যোগ করা হয় তাও ছিল ন্যায়সঙ্গত।

নিজের গৌরব দেখে যাবার জন্য তিনি বেঁচে ছিলেন না। যে অমোঘ অপরিবর্তনীয় উপসর্গসমূহ তিনি অন্যদের মধ্যে দেখেছেন তা দেখে তাদের করুণা করেছেন এক সময় তিনি যখন তা তাঁর নিজের মধ্যে প্রত্যক্ষ করলেন তখন তিনি তার বিরুদ্ধে নিরর্থক কোনো যুদ্ধ করার চেষ্টাও করলেন না, তিনি পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিলেন যেন অন্য কাউকে তিনি সংক্রমিত না করেন। মিসেরিকর্ডিয়া হাসপাতালের বিবিধ সামগ্রীর একটি কক্ষে তিনি নিজেকে তালাবদ্ধ করে রাখলেন, তার সহকর্মী ও পরিবারের সদস্যদের ডাকাডাকি ও মিনতিতে কর্ণপাত করলেন না, বাইরের বারান্দায় গাদাগাদি করে পড়ে থাকা মহামারীর শিকারদের মৃত্যুবরণের ভয়াবহতা থেকে নিজেকে সরিয়ে এনে তিনি তার স্ত্রী ও সন্তানদের উদ্দেশে এক আবেগঘন পত্র লিখলেন, তার অস্তিত্বের জন্য কৃতজ্ঞতা জানালেন, জীবনকে তিনি কতোখানি এবং কী প্রবল ঔৎসুক্য ও আগ্রহের সঙ্গে ভালোবেসেছিলেন সে কথা বললেন। বিশটি হৃদয় বিদারক পাতায় এটা ছিল একটা বিদায় সম্ভাষণ এবং হাতের লেখার ক্রমাবনতি থেকে ব্যাধির অগ্রগতি স্পষ্ট বোঝা যাচ্ছিল, লেখক যে তাঁর নামটি নিজের শেষ নিঃশ্বাস দিয়ে লিখেছিলেন তা বুঝবার জন্য পত্রলেখকের পরিচয় জানার কোন দরকার ছিল না। তার নির্দেশ অনুযায়ী তাঁর ছাইবর্ণ ধারণ করা মরদেহ সর্বজনীন সমাধিক্ষেত্রে অন্যদের সঙ্গে মিশে যায়, তার কোনো প্রিয়জন তা দেখে নি।

তিন দিন পর ডাক্তার জুভেনাল উরবিনো যখন পারীতে তাঁর বন্ধুদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন তখন তিনি তারবার্তাটি পান। পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্যাম্পেন পানের পর তিনি বলেন, ‘তিনি একজন ভালো লোক ছিলেন।‘ পরে পরিপক্কতার অভাবের জন্য তিনি নিজেকে তিরস্কার করেন : পাছে কেঁদে ফেলেন সেজন্য তিনি বাস্তবতাকে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু তিন সপ্তাহ পরে তিনি বাবার মরণোত্তর চিঠির একটি প্রতিলিপি পান এবং তখন তিনি সত্যের কাছে আত্মসমর্পণ করেন। অকস্মাৎ, মুহূর্তের মধ্যে, অন্য কোনো মানুষকে চেনার আগে তিনি যে মানুষটিকে চিনেছিলেন, সমস্ত বিশালতা নিয়ে সে মানুষটির মূর্তি তাঁর সামনে ভেসে উঠলো, সেই মানুষটি যিনি তাকে বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন, যিনি বত্রিশ বছর ধরে তাঁর মায়ের শয্যাসঙ্গী হয়েছেন, তার সঙ্গে সঙ্গম করেছেন, তবু, এই চিঠি লেখার আগে পর্যন্ত যিনি নিছক সঙ্কোচ ও ভীরুতার জন্য নিজেকে তার দেহ-মন আত্মা দিয়ে কখনো প্রকাশ করেন নি। তখন পর্যন্ত ডাক্তার জুভেনাল উরবিনো এবং তার পরিবারের সদস্যরা মৃত্যুকে দেখে এসেছেন একটা দুর্ভাগ্য রূপে যা অন্যদের ওপর আপতিত হয়, অন্য লোকদের বাবা আর মা, অন্য লোকদের ভাই-বোন আর স্বামী আর স্ত্রীরা মৃত্যুর শিকার হয়, তাঁদের কেউ না। ওই সব লোকের জীবন ছিল মন্থর, তারা যে বৃদ্ধ হচ্ছেন, রোগে পড়ছেন, মারা যেতে বসেছেন এটা তারা লক্ষ করতেন না, কিন্তু ধীরে ধীরে তারা যথাসময়ে অদৃশ্য হয়ে যেতেন, রূপান্তরিত হতেন স্মৃতিতে, অন্য দিনের কুয়াশায়, তারপর তারা এক সময় ডুবে যেতেন বিস্মৃতির অতলে। দুঃসংবাদ বহনকারী তারবার্তার চাইতেও বাবার মরণোত্তর চিঠি তাকে মৃত্যুর অমোঘ নিশ্চয়তার মধ্যে সজোরে ছুঁড়ে ফেললো। অথচ তার বহুকাল আগের একটা স্মৃতি আছে, তার বয়স তখন সম্ভবত নয়, কিংবা এগারো, তখন তিনি একদিন তার বাবার মধ্য দিয়েই মৃত্যুর প্রথম চিহ্ন দেখতে পান। বিকাল বেলা, বৃষ্টি পড়ছে, বাড়িতে বাবার যে অফিস ঘর ছিল তারা দুজন সেখানে বসে আছেন; তিনি রঙিন চক দিয়ে টালি বাঁধানো মেঝেতে চাতক পাখি আর সূর্যমুখী ফুল আঁকছেন, আর বাবা জানালা দিয়ে আসা আলোয় কি একটা পড়ছেন, তার জামার বোতাম খোলা, ইলাস্টিকের বাহুবন্ধনী শার্টের হাতার উপর নেমে এসেছে। তিনি হঠাৎ পড়া বন্ধ করে একটা কালো রঙের লম্বা পিঠচুলকানোর দণ্ড হাতে তুলে নিলেন, ওটার শেষ প্রান্তে লাগানো ছিল ছোট্ট রুপালি একটা হাত, কিন্তু যে জায়গাটা চুলকাচ্ছিল সেখানে তিনি পৌঁছুতে পারছিলেন না, তখন তিনি ছেলেকে তার নখ দিয়ে জায়গাটা চুলকে দিতে বলেছিলেন, আর ছেলেটি যখন কাজটা করছিল তখন তার একটা অদ্ভুত অনুভূতি হল, তার নিজের শরীরের সমস্ত বোধ যেন তখন অন্তর্হিত হয়ে গিয়েছিল। অবশেষে বাবা বিষণ্ণ হাসি হেসে কাঁধের উপর দিয়ে তার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি এখন মরে গেলে তুমি যখন আমার বয়েসী হবে তখন তুমি আমার কথা খুব সম্ভব মনেই করতে পারবে না।

আপাতবোধ্য কোনো কারণ ছাড়াই তিনি কথাটা বলেছিলেন। মৃত্যুর দেবদূত তখন এক মুহূর্তের জন্য ঠাণ্ডা ছায়াচ্ছন্ন অফিস ঘরটিতে একটা চক্কর দেয়, তারপর জানালাপথে উড়ে বেরিয়ে যায়, পেছনে ফেলে রেখে যায় কয়েকটা কম্পমান পালকের চিহ্নরেখা, কিন্তু বালকটি তা দেখতে পায় নি। তারপর বিশ বছর পার হয়ে গেছে। সেই অপরাহ্নে জুভেনাল উরবিনোর বাবার বয়স যা ছিল অল্প কিছু কালের মধ্যে তিনিও সেই বয়সে উপনীত হবেন। তিনি যে হুবহু তার বাবার মতো দেখতে সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন, এখন তার সঙ্গে আরেকটা ভয়ঙ্কর সচেতনতা যুক্ত হল, তিনিও তারই মতো মরণশীল।

কলেরা তাঁর দিন রাত্রির ধ্যান হয়ে উঠলো। পড়াশোনা করার সময় একটি প্রান্তীয় পাঠক্রমে তিনি এ সম্পর্কে সাধারণ ভাবে যা শিখেছিলেন তার চাইতে বেশি কিছু তিনি জানতেন না। তখন তাঁর বিশ্বাস করতে কষ্ট হয় যে মাত্র ত্রিশ বছর আগে ফ্রান্সে, পারী সহ, একশো চল্লিশ হাজারের বেশি মানুষ কলেরায় প্রাণ হারায়। কিন্তু বাবার মৃত্যুর পর, যেন প্রায়শ্চিত্ত করে তার স্মৃতিকে তৃপ্তি দেবার জন্য, তিনি বিভিন্ন জাতের কলেরা সম্পর্কে জ্ঞাতব্য সব কিছু জানলেন, তার সমকালের সব চাইতে বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ, কর্ডন স্যানিটেয়ারের স্রষ্টা, বিখ্যাত ঔপন্যাসিকের বাবা, প্রফেসর অ্যাড্রিয়েন গ্রুস্তের অধীনে এ বিষয়ে পড়াশোনা করলেন। তাই তিনি যখন স্বদেশে ফিরে এলেন, সাগরের বুকে থাকতেই বাজারের পচা দুর্গন্ধ নাকে পেলেন, তারপর নর্দমাগুলির মধ্যে দেখলেন ইঁদুরের রাজত্ব আর রাস্তায় জমে যাওয়া জলকাদার মধ্যে ন্যাংটা ছেলেপেলেদের গড়াগড়ি যেতে দেখলেন, তখন ট্র্যাজেডিটা যে কেমন করে ঘটলো শুধু তাই বুঝলেন না, যে কোনো মুহূর্তে যে তার পুনরাবৃত্তি ঘটতে পারে সে বিষয়েও সুনিশ্চিত হলেন।

আর ওই মুহূর্তটি আসতে বেশি সময় নিল না। বছর না পেরুতেই মিসেরিকর্ডিয়া হাসপাতালের তার ছাত্ররা এক দাঁতব্য রোগীর চিকিৎসার বিষয়ে তাঁর সাহায্য চাইলো, রোগীর সারা শরীর একটা অদ্ভুত নীল রঙে ছেয়ে গেছে। ডাক্তার জুভেনাল উরবিনো দরজার বাইরে থেকেই শত্রুকে চিনতে পারলেন। ভাগ্য তাঁদের পক্ষে ছিল, এই রোগী মাত্র তিন দিন আগে কুরাসাও থেকে একটি জাহাজে করে এখানে আসে, তারপর নিজে নিজেই হাসপাতালের ক্লিনিকে এসে হাজির হয়, মনে হয় না যে সে ইতিমধ্যে অন্য কাউকে সংক্রমিত করেছে। ডাক্তার জুভেনাল উরবিনো তাঁর সহকর্মীদের সতর্ক করে দিলেন, পার্শ্ববর্তী বন্দরগুলিকে সাবধান করে দিলেন তারা যেন সংক্রমিত জাহাজটিকে খুঁজে বের করে সেটাকে কোয়ারান্টাইনে রাখে। নগরীর মিলিটারি কমান্ডার সামরিক আইন জারির কথা বললেন, পনেরো মিনিট পর পর কামান দেগে বায়ু বিশুদ্ধ করতে চাইলেন, কিন্তু ডাক্তার উরবিনো তাঁকে নিরস্ত করে সহাস্যে বললেন, ‘উদারপন্থীদের জন্য আপনার বারুদ সংরক্ষণ করুন, খামোখা খরচ করবেন না। আর, শুনুন, আমরা আর এখন মধ্যযুগে বাস করছি না।’

চার দিনের দিন রোগীটি মারা গেল। দানা দানা সাদা বমিতে তার শ্বাসরুদ্ধ হয়ে যায়। তবে সতর্ক চোখ রাখা সত্ত্বেও পরবর্তী কয়েক সপ্তাহে আর কোনো কলেরা রোগীর খবর পাওয়া যায় নি। কিন্তু এর অল্পকাল পরেই বাণিজ্য দৈনিক পত্রিকায় একটা খবর প্রকাশিত হল, নগরীর দুটি ভিন্ন ভিন্ন জায়গায় কলেরায় দুজন শিশুর মৃত্যু ঘটেছে। খোঁজ নিয়ে দেখা গেল একজনের কলেরা নয়, সাধারণ আমাশয় হয়েছিল, তবে দ্বিতীয় জন মনে হল কলেরারই শিকার হয়। সে ছিল পাঁচ ভাই বোনের একজন, পাঁচ বছর বয়সের একটি মেয়ে। তার মা-বাবা ও তিন ভাইকে আলাদা করে পৃথক পৃথক কেয়োরানটাইনে রাখা হল এবং গোটা পাড়াটার উপর কঠোর মেডিক্যাল তত্ত্বাবধায়নের ব্যবস্থা করা হল। একটি শিশু কলেরায় আক্রান্ত হয় কিন্তু সে দ্রুত আরোগ্য লাভ করে, আর বিপদ কেটে গেলে পরিবারের সবাই আবার ঘরে ফিরে আসে। পরবর্তী তিন মাসে আরো এগারোটি কেস-এর খবর পাওয়া যায়, কিন্তু পঞ্চম মাসে মনে হল বেশ ব্যাপক আকারে রোগটা ছড়িয়ে পড়ছে, তবে বছরের শেষ নাগাদ দেখা গেল যে মহামারীর বিপদ সাফল্যের সঙ্গেই এড়ানো গেছে। ডাক্তার জুভেনাল উরবিনের সাবধান বাণীর যথার্থতার চাইতেও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে তাঁর কঠোরতাই যে এ অলৌকিক ঘটনা সম্ভব করেছিল সে বিষয়ে কারো কোন সন্দেহ ছিল না। ওই সময় থেকে বর্তমান শতাব্দির অনেক দূর পর্যন্ত শুধু এই নগরীতে নয় প্রায় সমগ্র ক্যারিবীয় উপকূল অঞ্চল জুড়ে এবং ম্যাগডালেনা উপত্যকায় মাঝেই মাঝেই কলেরার প্রাদুর্ভাব ঘটেছে কিন্তু তা কখনোই মহামারীর আকার ধারণ করে নি। সঙ্কটের ফলে সরকারি কর্মকর্তারা ডাক্তার জুভেনাল উরবিনোর সাবধানবাণী অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেন। তাঁরা মেডিক্যাল স্কুলে কলেরা ও পীত জ্বরের জন্য একটি বাধ্যতামূলক চেয়ার প্রতিষ্ঠা করলেন এবং খোলা নর্দমাগুলি বন্ধ করার এবং আবর্জনার স্কুপের কাছ থেকে বেশ দূরে একটি বাজার নির্মাণের আশু প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। কিন্তু ততদিনে ডাক্তার উরবিনো তার বিজয় ঘোষণা নিয়ে আর ব্যস্ত ছিলেন না, তার অন্যান্য সামাজিক কর্ম তৎপরতাও তিনি আর তেমন গা দিলেন না, কারণ ওই সময় তাঁর একটি ডানা ভেঙ্গে যায়, তিনি সব ব্যাপারে কেমন অন্যমনস্ক হয়ে পড়েন, তাকে একটু বিভ্রান্ত দেখায়, তিনি জীবনের আর সব কিছু ভুলে যেতে চান, কারণ ওই সময়ে তিনি ফারমিনা ডাজার প্রেমে পড়েন, ভালোবাসার বিদ্যুৎ শিখায় তিনি ঝলসে যান।

আসলে ব্যাপারটা ছিল চিকিৎসা সংক্রান্ত একটা ভুল। তার এক চিকিৎসক বন্ধুর মনে হয় যে এক অষ্টাদশী রোগীর মধ্যে তিনি কলেরার কিছু প্রাথমিক উপসর্গ দেখেছেন, তিনি অনুরোধ করলেন ডাক্তার উরবিনো যেন তাকে একবার দেখেন। ডাক্তার উরবিনো রীতিমত আতঙ্কিত হলেন। এতদিন কলেরার আক্রমণ ঘটেছে গরিব এলাকাগুলিতে, যার প্রায় সকল অধিবাসীই ছিল কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মানুষ। এবার কি তা হলে ব্যাধিটা পুরনো শহরের সুরক্ষিত অঞ্চলেও ঢুকে পড়লো? তিনি ওই দিন অপরাহ্নেই রোগীকে দেখতে গেলেন। সেখানে তিনি ভিন্ন প্রকৃতির এবং কম অপ্রীতিকর বিস্ময়ের সম্মুখীন হলেন। বাইরে থেকে ইভানজেলস পার্কের বাদাম গাছের ছায়া ঘেরা বাড়িটিকে ঔপনিবেশিক এলাকায় আর সব বাড়িগুলির মতোই মনে হল ধ্বংসের পথে, কিন্তু ভেতরে দেখা গেল সৌন্দর্যের এমন একটা সঙ্গতি ও সুষমা, এমন একটা বিস্ময়কর দীপ্তি, যা মনে হল ভিন্ন একটি যুগের। ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটা বর্গাকার সেভিলীয় বাঁধানো উঠান, অতি সম্প্রতি সাদা চুনের প্রলেপ লাগানো হয়েছে তার ওপর। চারপাশে কমলার গাছ, সেখানে ফল ধরতে শুরু করেছে, মেঝেতে আর দেয়ালে একই ধরনের টালি। কোথাও থেকে অদৃশ্য জলধারার শব্দ ভেসে আসছে, কার্নিশে কার্নিশে দেখা যাচ্ছে কার্নেশন ফুলের টব আর চত্বরে বিচিত্র সব পাখির খাঁচা। এর মধ্যে সব চাইতে আশ্চর্যজনক ছিল মস্ত বড় একটা খাঁচায় তিনটি কাক, তারা পাখা ঝাড়া দেয়া মাত্র প্রতি বারই সমস্ত প্রাঙ্গণ একটা অদ্ভুত অপরিচিত গন্ধে ভরে যাচ্ছিল। বাড়ির অন্য কোনো অংশে কয়েকটা কুকুর বাধা ছিল, অপরিচিতি মানুষের গন্ধে উত্তেজিত হয়ে ওরা চিৎকার করতে শুরু করলো, কিন্তু এক মহিলার তীব্র ধমকে ওরা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল, অনেকগুলি বিড়াল উঠানময় লাফালাফি করতে লাগলো কিন্তু মহিলার কর্তৃত্বব্যঞ্জক কণ্ঠস্বর শুনে তারা দ্রুত ফুল গাছগুলির আড়ালে লুকিয়ে পড়লো। আর তখন পাখিগুলির বিশৃঙ্খলা আর পাথরের উপর জল পড়ার মৃদু শব্দ সত্ত্বেও সেখানে এমন একটা স্বচ্ছ নির্মল নীরবতা নেমে এলো যে সেখান থেকে সমুদ্রের নিঃসঙ্গ বিষ নিঃশ্বাস শোনা যাচ্ছে বলে মনে হল। ডাক্তার উরবিনোর স্থির বিশ্বাস জন্মালো যে এই গৃহে ঈশ্বর উপস্থিত আছেন এবং এখানে ওই রকম একটা ভয়ঙ্কর ব্যাধির আক্রমণ ঘটতে পারে না। তিনি গালা প্লাসিডিয়ার পেছন পেছন খিলান শোভিত বারান্দা দিয়ে অগ্রসর হলেন, যে সেলাই ঘরে ফ্লোরেন্টিনো আরিজা প্রথম ফারমিনা ডাজাকে দেখে, তখনো উঠানটা পড়ে ছিল চরম বিশৃঙ্খল অবস্থায়, ডাক্তার সেই সেলাই ঘরের জানালার পাশ দিয়ে এগিয়ে গিয়ে মার্বেলের নতুন সিঁড়ি বেয়ে দোতলায় উঠে রোগীর শোবার ঘরে যাবার আহ্বানের জন্য অপেক্ষা করলেন। কিন্তু গালা প্লাসিডিয়া ওই ঘর থেকে ফিরে এসে খবর দিল, ‘সিনোরিটা বললেন যে আপনি এখন ভেতরে যেতে পারবেন না, কারণ ওঁর বাবা বাড়িতে নেই।’

অতএব, পরিচারিকার নির্দেশমত ডাক্তার আবার প্রত্যাবর্তন করলেন বিকাল পাঁচটায়, আর তখন লোরেঞ্জো ডাজা নিজে বাইরের দরজা খুলে ডাক্তারকে তার কন্যার শয়নকক্ষে নিয়ে গেলেন। তিনি সেখানে এক অন্ধকার কোণায় বুকের উপর দু’হাত জড়ো করে বসে থাকলেন, মেয়ের পরীক্ষা চলাকালীন সময়ে নিজের অসমসৃণ নিঃশ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন। ডাক্তার তার নিষ্কলুষ স্পর্শ নিয়ে আর সিল্কের শেমিজ পরিহিতা রোগী তার কুমারীর শিষ্টতা নিয়ে এই দুজনের মধ্যে কে যে বেশি অস্বস্তি ও বাধাগ্রস্ত মনে করছিল বলা শক্ত, কিন্তু দুজনের কেউই একে অন্যের চোখের দিকে তাকাচ্ছিলো না। ডাক্তার নৈর্ব্যক্তিক গলায় প্রশ্ন করলেন আর ও কাঁপাকাঁপা গলায় উত্তর দিল, ছায়ার মধ্যে বসে থাকা লোকটি সম্পর্কে উভয়েই ছিল সচেতন। অবশেষে ডাক্তার জুভেনাল উরবিনো রোগীকে উঠে বসতে বললেন। এবং গভীর যত্নের সঙ্গে তার রাতকামিজটা কোমর পর্যন্ত টেনে নামিয়ে দিলেন। শয়নকক্ষের অন্ধকারের মধ্যে শিশুর মতো স্তনাগ্রসহ তার উন্নত বিশুদ্ধ স্তনযুগল। বারুদের চমকানির মতো ঝলসে উঠলো, তারপরই ও দ্রুত নিজের দু’বাহু জড়ো করে উপরে তুলে তার বুক ঢেকে ফেললো, কিন্তু অবিচলিত ডাক্তার ওর দিকে না তাকিয়ে ওর বাহু দুটি খুলে দিলেন, তারপর সরাসরি ওর গায়ে কান লাগিয়ে, প্রথমে বুকে ও পরে পিঠে, ওকে পরীক্ষা করলেন।

ডাক্তার জুভেনাল উরবিনো বলতেন যে যে-রমণীর সঙ্গে মৃত্যু পর্যন্ত তিনি তার জীবনযাপন করবেন তার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তিনি কোন আবেগ অনুভব করেন। নি। তিনি যে ওর লেস বসানো আকাশ-নীল শেমিজ, ওর জ্বরতপ্ত দুটি চোখ, কাঁধের উপর দিয়ে নেমে আসা ওর দীর্ঘ কেশরাশি দেখেছিলেন তা তার মনে আছে কিন্তু ঔপনিবেশিক জেলায় কলেরা শুরু হতে পারে ওই দুশ্চিন্তায় তিনি এতো মগ্ন ছিলেন যে ওর উদ্ভিন্ন যৌবন তার চোখেই পড়লো না, তিনি শুধু লক্ষ করছিলেন ওর শরীরের কোথাও ব্যাধিটির সামান্যতম লক্ষণ দেখা যাচ্ছে কিনা। ফারমিনার প্রতিক্রিয়া ছিল আরেকটু স্পষ্ট। কলেরা মহামারী প্রসঙ্গে যে তরুণ ডাক্তারের কথা সে এত শুনেছে তাকে ওর মনে হল বিদ্যাভিমানী একটি মানুষ, যিনি নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে অপারগ। ডাক্তার রোগ নির্ণয় করে জানালেন যে খাওয়া দাওয়ার গোলমালে ওর এই অবস্থা হয়েছে, বাড়িতে তিন দিন চিকিৎসা চললেই রোগী সুস্থ হয়ে যাবে। মেয়ের যে কলেরা হয় নি তাতে চিন্তামুক্ত হয়ে লোরেঞ্জা ভাজা ডাক্তারকে তাঁর গাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন, ভিজিট হিসাবে তাকে একটি স্বর্ণ মুদ্রা দিলেন, বিত্তবানদের চিকিৎসক হলেও ডাক্তারের এই ফি একটু বেশি মনে হল, তারপর লোরেঞ্জা ডাজা মাত্রাতিরিক্ত রকম কৃতজ্ঞতা জ্ঞাপন করে ডাক্তারকে বিদায় সম্ভাষণ জানালেন। ডাক্তারের ঐতিহ্যবাহী পরিবারিক নামের বহর দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন, তিনি যে সেটা শুধু গোপন রাখেন নি তাই না, ডাক্তারের সঙ্গে আবার এর চাইতে কম আনুষ্ঠানিক পরিস্থিতিতে দেখা হবার জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন।

ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু পরের সপ্তাহের মঙ্গলবারে, তাকে ডেকে পাঠানো না হলেও এবং কোনো প্রকার পূর্ব-ঘোষণা ছাড়াই, ডাক্তার উরবিনো অপরাহু তিনটার মতো অসময়ে ফারমিনাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। ফারমিনা ডাজা তখন সেলাই ঘরে ওর দুই বান্ধবীর সঙ্গে তৈল চিত্রাঙ্কনের পাঠ নিচ্ছিল। ওই সময়ে ডাক্তার তার নিখুঁত সাদা ফ্রক কোট ও সাদা টপ হ্যাঁটে সজ্জিত হয়ে জানালার সামনে এসে দাঁড়িয়ে ওকে সেদিকে এগিয়ে আসার জন্য ইঙ্গিত করলেন। ও একটা চেয়ারের উপর হাতের তুলি নামিয়ে রেখে পা টিপে টিপে জানালার কাছে এগিয়ে গেলো, ওর ঝালর দেয়া স্কার্ট যেন মাটিতে হেঁচড়ে না যায় সেজন্য তাকে একটু উঁচু করে ধরে ও সামনে এগিয়ে এলো। ওর মাথায় ছিল একটা টায়রা, সেখান থেকে একটা দামি পাথর ওর কপালের উপর এসে ঝুলে পড়েছে। পাথরটার উজ্জ্বল আভা ছিল ওর চোখেরই মতো, তেমনি দ্যুতিমায় ও সুদূর, বস্তুতপক্ষে ওর সব কিছুর মধ্যেই ছিল একটা অচঞ্চল শীতলতার আবহ। ডাক্তার ওর সাজসজ্জা দেখে একটু বিস্মিত হলেন, বাড়িতে ছবি আঁকছে অথচ মনে হচ্ছে যেন পার্টিতে যাবার জন্য তৈরি। তিনি জানালা দিয়ে ওর নাড়ি দেখলেন, ওকে জিভ দেখাতে বললেন, অ্যালুমিনিয়ামের একটা চামচ জাতীয় জিনিস বার করে সেটা দিয়ে ওর জিভ চেপে ধরে ওর গলা পরীক্ষা করলেন, ওর চোখের নিচের পাতা টেনে ধরে ভেতরটা দেখলেন, আর প্রতিবারই সন্তোষের সঙ্গে তার মাথা নাড়লেন। তিনি এখন আগের বারের চাইতে কম দমিত, কিন্তু ফারমিনা আগের চাইতে বেশি, কারণ সে এই অপ্রত্যাশিত পুনপরীক্ষার কারণটা বুঝলো না, বিশেষ করে ডাক্তার নিজেই যখন বলেছিলেন যে তার অবস্থার কোনো পরিবর্তন দেখে তাকে ডেকে না পাঠালে তিনি আর এখানে আসছেন না। তার চাইতেও বড় কথা : ও তাঁকে আর দ্বিতীয়বার দেখতে চায় নি। তার পরীক্ষা শেষ করে ডাক্তার জিভ চেপে ধরার চামচটা তার ব্যাগে ঢুকিয়ে রাখলেন, সেখানে নানা যন্ত্রপাতি ও ওষুধের শিশি ঠাসা, তারপর তিনি সশব্দে ব্যাগটা বন্ধ করে বললেন, আপনি এখন একটি সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো।

ধন্যবাদ।

ঈশ্বরকে ধন্যবাদ, এরপর ডাক্তার সন্ত টমাসের ভুল উদ্ধৃতি দিয়ে বললেন, মনে রাখবেন, যা কিছু ভালো, তার উৎস যাই হোক না কেন, সেটা আসে হোলি স্পিরিটের কাছ থেকে। আপনি সঙ্গীত ভালোবাসেন?

ফারমিনা পাল্টা প্রশ্ন করলো,

‘একথা জিজ্ঞাসা করার অর্থ?’

 ডাক্তার বললেন, ‘সঙ্গীত স্বাস্থ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’

তিনি সত্যিই তাই মনে করতেন, আর ফারমিনা ডাজা শিগগিরই এবং ওর সারা জীবন ধরেই, দেখবে যে যখনই কোনো বন্ধুত্বের প্রস্তাব তিনি করেছেন তখনই তিনি সঙ্গীতের প্রসঙ্গ উত্থাপন করেছেন, কিন্তু ওই মুহূর্তে ও ভেবেছিল যে নিছক কৌতুক করেই ডাক্তার কথাটা বলেছেন। এদিকে ফারমিনার দুই বান্ধবী ছবি আঁকার ভান করলেও ডাক্তার আর ওর কথাবার্তা শুনছিলো, তাদের তুলির আড়ালে মুখ লুকিয়ে তারা খিল খিল করে হেসে উঠলো, আর এর ফলে ফারমিনা ওর আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্ষিপ্ত হয়ে সশব্দে জানালাটা বন্ধ করে দিল। ডাক্তার হতবুদ্ধি হয়ে জানালার মসৃণ লেসের পর্দার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইরে যাবার পথ খুঁজলেন কিন্তু বিভ্রান্ত হয়ে ভুল পথে গেলেন এবং এক সময় সুরভিত তিন কাকের খাঁচার সঙ্গে ধাক্কা খেলেন। কাকগুলি সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ চিৎকার করে উঠলো, ভয়ে পাখা ঝাঁপটালো, আর ডাক্তারের কাপড় জামাকে একটা মেয়েলি সুগন্ধে ভরে দিল। এই সময় লোরেঞ্জো ডাজার বাজখাই কণ্ঠস্বর শুনে তিনি যেখানে ছিলেন সেখানেই পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়লেন :

‘ডাক্তার, ওইখানেই আমার জন্য অপেক্ষা করুন।‘

দোতলা থেকে লোরেঞ্জো ভাজা সব দেখেছিলেন। রাগে তার মুখ লাল হয়ে ফুলে গেছে, শার্টের বোতাম লাগাতে লাগাতে তিনি নিচে এলেন, দিবান্দ্রিা ভালো হয় নি, তার গালপাট্টা এলোমেলো। ডাক্তার নিজের বিব্রত অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করে বললেন, ‘আমি বলেছিলাম যে আপনার মেয়ে একটি গোলাপের মতো।’

‘ঠিকই বলেছেন, তবে বড় বেশি কাঁটা আছে।’

তিনি ডাক্তার উরবিনোকে কোনো রকম সম্ভাষণ না জানিয়ে তার পাশ দিয়ে সোজা হেঁটে গিয়ে সেলাই ঘরের জানালা ধাক্কা দিয়ে খুলে দিলেন, তারপর কঠোর আদেশের গলায় বললেন, ‘এখানে এসে ডাক্তার উরবিনোর কাছে ক্ষমা চাও।’

ডাক্তার তাকে থামাতে চেষ্টা করলেন কিন্তু লোরেঞ্জা ঢাজাকে নিরস্ত করতে পারলেন না। তাঁর নির্দেশ মানতেই হবে। তিনি কড়া গলায় বললেন, তাড়াতাড়ি কর। ফারমিনা ডাজা মিনতি ভরা চোখে বান্ধবীদের দিকে তাকালো, ব্যাপারটা তারা বুঝে দেখুক, তারপর রাগে ফুলতে ফুলতে, জানালার দিকে ঘুরে দাঁড়ালো, ডান পা সামনে বাড়িয়ে, হাতের আঙ্গুলের ডগা দিয়ে স্কার্টটা একটু উঁচু করে ধরে, নাটকীয় ভঙ্গিতে মাথা নুইয়ে বললো, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, স্যার, আমাকে ক্ষমা করে দেবেন।

ডাক্তার জুভেনাল উরবিনো সহাস্যে ওর অনুকরণ করলেন, তার টপ হ্যাট খুলে, মাথা নুইয়ে, টুপিটা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলেন, কিন্তু যে সহৃদয় মৃদুহাস্য আশা করেছিলেন তা লাভ করলেন না। লোরেঞ্জো ভাজা তখন সমস্ত ব্যাপারটা সুন্দর ভাবে মিটিয়ে দেবার উদ্দেশ্যে ডাক্তারকে তার অফিস ঘরে তার সঙ্গে এক পেয়ালা কফি পানের আমন্ত্রণ জানালেন এবং ডাক্তারও তা গ্রহণ করলেন, তিনিও কোনো সন্দেহের অবকাশ না রেখে বুঝিয়ে দিতে চাইলেন যে ঘটনাটা নিয়ে তার মনে কোনো ক্ষোভ নেই।

আসলে সকালে কোন কিছু খাবার আগে এক পেয়ালা ছাড়া ডাক্তার জুভেনাল উরবিনো কফি খেতেন না। তিন মদ্য পানও করতেন না, শুধু বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে খাবার সময় এক গ্লাস ওয়াইন পান করতেন, কিন্তু এখন লোরেঞ্জো ডাজার এগিয়ে দেয়া কফির পেয়ালা সম্পূর্ণ শেষ করলেন, এক গ্লাস অ্যানিসেট সুরাও গ্রহণ করলেন। তারপর আরেক পেয়ালা কফি খেলেন, আরেক গ্লাস অ্যানিসেটও। তারপর আবার, এবং আবার, যদিও তখনো তার কয়েকজন রোগীর বাড়িতে যাবার কথা ছিল। প্রথম দিকে তিনি লোরেঞ্জো ডাজার কথা মন দিয়ে শুনছিলেন, বাবা মেয়ের পক্ষ হয়ে কৈফিয়ত দিচ্ছিলেন, বলছিলেন যে তাঁর মেয়ে বুদ্ধিমতী, অচপল, একজন রাজপুত্রের যোগ্য সঙ্গিনী, সে রাজপুত্র এখানকার হোক কিংবা অন্য কোন স্থানের, তার মেয়ের শুধু একটাই দোষ, সে ভীষণ একরোখা। দ্বিতীয় গ্লাস অ্যানিসেট পান করার পর কিন্তু ডাক্তারের কানে লোরেঞ্জো ডাজার কোন কথাই যায় নি, তিনি তখন শুনছিলেন উঠানের অপর প্রান্ত থেকে ভেসে আসা ফারমিনা ডাজার কণ্ঠস্বর, তার কল্পনার চোখে। দেখছিলেন সে কি ভাবে রাত নেমে আসার পর বারান্দায় আলো জ্বেলে দিচ্ছে, কীটনাশক ওষুধ ছিটিয়ে শোবার ঘর পরিশুদ্ধ করছে, উনুনের উপর স্যুপের পাত্র থেকে তার ডালা সরাচ্ছে, রাতে বাবার সঙ্গে একত্রে খেতে বসেছে, দুজনে এক টেবিলে কিন্তু সে স্যুপে একটা চুমুকও দিচ্ছে না, ওদের মধ্যে বিরাজমান বিদ্বেষপূর্ণ আবহও ভাঙছে না, অবশেষে বাবা নতি স্বীকার করতে বাধ্য হচ্ছেন, তার অপরাহ্নের কঠোরতার জন্য তিনি তাকে বলছেন, সে যেন তাকে ক্ষমা করে দেয়।

মেয়েদের সম্পর্কে ডাক্তার উরবিনোর যেটুকু জ্ঞান ছিল তাতেই তিনি বুঝেছিলেন যে তিনি না চলে যাওয়া পর্যন্ত ফারমিনা ডাজা অফিস ঘরের পাশ দিয়ে যাবে না, কিন্তু তবু তিনি ওখানে বসে থাকলেন, কারণ তিনি উপলব্ধি করেন যে তার আহত মর্যাদা বোধ তাকে ওই অপরাহ্নের অপমানের হাত থেকে শান্তি দেবে না। ততক্ষণে লোরেঞ্জো ডাজা প্রায় মাতাল হয়ে গিয়েছিলেন, ডাক্তারের অমনোযোগিতা তিনি লক্ষ করলেন না, নিজের অদম্য বাগ্মীতায় তিনি মুগ্ধ। স্রোতের মতো তার মুখ থেকে কথা বেরিয়ে এলো, তিনি তার আগুন না ধরানো সিগারের গোড়া চিবুতে লাগলেন, গলা পরিষ্কার করার জন্য দমকে দমকে কাশলেন, তার দোলচেয়ারে একটা আরামদায়ক অবস্থানের জন্য এপাশ-ওপাশ সামনে-পেছনে নড়াচড়া করলেন আর তাঁর চেয়ারের স্প্রিংগুলি কামোত্তে পশুর মতো কঁকিয়ে উঠলো। তাঁর অতিথি যেখানে এক গ্লাস অ্যানিসেট পান করেন তিনি সেখানে পান করেন তিন গ্লাস। তিনি তখনই ক্ষান্ত দিলেন যখন তিনি দেখলেন যে তিনি আর তাঁর অতিথি দুজনের কেউই আর পরস্পরকে দেখতে পাচ্ছেন না। তিনি আলো জ্বালাবার জন্য উঠে দাঁড়ালেন আর ওই নতুন আলোয় ডাক্তার উরবিনো দেখলেন যে লোরেঞ্জো ডাজার একটা চোখ মাছের চোখের মতো বাঁকা দেখা যাচ্ছে আর তার তার কথা আর ঠোঁটের নড়াচড়ার মধ্যে কোনো সমতা নেই। তাঁর মনে হল এই দৃষ্টি বিভ্রম ঘটেছে অত্যধিক সুরাপানের জন্য। ডাক্তার উঠে দাঁড়ালেন, তখন তাঁর একটা চমৎকার আশ্চর্য অনুভূতি হল, তার মনে হল তিনি একটি দেহের মধ্যে আছেন যা তাঁর নিজের নয়, অন্য আরেক জনের, যে এখনো তার পরিত্যক্ত চেয়ারে বসে আছে। আপ্রাণ চেষ্টা করলেন ডাক্তার যেন তিনি পাগল না হয়ে যান।

তিনি যখন লোরেঞ্জ ডাজার অফিস ঘর থেকে উঠলেন তখন সাতটা বেজে গেছে। লোরেঞ্জো ডাজা তার আগে আগে চলেছেন। আকাশ পূর্ণ চাঁদ। অ্যানিসেটের প্রভাবে আদর্শায়িত উঠানটিকে মনে হল একটা কৃত্রিম জলাধারের তলায় ভাসছে। সদ্য প্রস্ফুটিত কমলা কুঁড়ির মাতাল গন্ধের নিচে কাপড়ে ঢাকা পাখির খাঁচাগুলিকে মনে হল ঘুমন্ত প্রেতের মতো। সেলাই ঘরের জানালাটা খোলা, কাজকর্মের টেবিলের উপর একটা আলো জ্বলছে, অসমাপ্ত চিত্রকর্মগুলি ইজেলের গায়ে বসানো, যেন কোন প্রদর্শনীর জন্য। ডাক্তার উরবিনো জানালার পাশ দিয়ে যাবার সময় উচ্চ কণ্ঠে বললেন, ‘ওগো, কোথায় তুমি যে-তুমি এখানে নেই’, কিন্তু ফারমিনা ডাজা তার এই ডাক শুনতে পেল না, কারণ ও তখন ওর শোবার ঘরে রাগে-দুঃখে অস্থির হয়ে বিছানায় মাথা গুঁজে ফুলে ফুলে কাঁদছে, বাবার ওপর আজ বিকালের অপমানের প্রতিশোধ কি ভাবে নেবে তা ভাবছে। ডাক্তার ওর কাছ থেকে বিদায় নেবার আশা ত্যাগ করেন নি কিন্তু লোরেঞ্জো ডাজা সেরকম কোন প্রস্তুাব করলেন না। ডাক্তারের চিত্ত ব্যাকুল হয়ে উঠলো ওর নাড়ির সারল্য, ওর মার্জারের মতো জিভ, ওর কোমল নাসারন্ধের জন্য, কিন্তু ও যে আর কখনো তাঁর মুখদর্শন করতে চাইবে না, তাঁকে আর কখনো ওর কাছে আসতে দেবে না, এই চিন্তা তাকে অত্যন্ত নিরাশ করলো। লোরেঞ্জো ডাজা যখন তাকে বাড়ির প্রবেশপথের দিকে নিয়ে যাচ্ছিলেন তখন কাপড়ে ঢাকা খাঁচার মধ্যে জেগে-ওঠা কাকগুলি তীব্র মর্মান্তিক স্বরে ডেকে উঠলো, আর ডাক্তার, ওর কথা ভাবতে ভাবতে, উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ‘ওরা তোমার চোখ উপড়ে নেবে।’ লোরেঞ্জো ভাজা মাথা ঘুরিয়ে জানতে চাইলেন ডাক্তার কি বললেন। ডাক্তার জবাব দিলেন, ‘আমি নই, ওটা অ্যানিসেট।‘

লোরেঞ্জো ভাজা গাড়ি পর্যন্ত তাঁর সঙ্গে গেলেন, দ্বিতীয় বার রোগী দেখার জন্য তাকে আরেকটি স্বর্ণ মুদ্রা গ্রহণের জন্য পীড়াপীড়ি করলেন কিন্তু ডাক্তার তা নিলেন না। তার তখনও দুজন রোগী দেখা বাকি ছিল, তিনি কোচোয়ানকে তাদের বাড়ির নির্ভুল ঠিকানা দিলেন এবং কারো সাহায্য ছাড়াই গাড়িতে উঠে বসলেন। কিন্তু তারপর খোয়াবাধানো এবড়োখেবড়ো রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে তিনি অসুস্থ বোধ করলেন, কোচোয়ানকে তিনি তখন ভিন্ন পথে যেতে বললেন। এক মুহূর্তের জন্য গাড়ির ভেতরের আয়নায় তিনি নিজের মূর্তি দেখলেন, কিন্তু তখনো ভাবছিলেন ফারমিনা ডাজার কথা। তিনি তাঁর দু’কাঁধ ঝাঁকালেন, তার মাথা তার বুকের উপর নেমে এলো, তিনি ঘুমিয়ে পড়লেন আর স্বপ্নের মধ্যে শেষ কৃত্যানুষ্ঠানের ঘণ্টাধ্বনি শুনতে পেলেন। প্রথমে তিনি শুনলেন ক্যাথিড্রালের ঘণ্টা, তারপর অন্য সবগুলি গির্জার, একের পর এক তারা বেজে চললো, এমনকি সেইন্ট জুলিয়ানের ফাটা ঘণ্টাও।

ঘুমের মধ্যে তিনি বিড়বিড় করে বললেন, যাচ্ছেলে! মরাগুলো আবার মরেছে।

তার মা আর বোনেরা বিরাট খাবার ঘরের আনুষ্ঠানিক টেবিলে বসে রাতের খাবারের পর কফি আর কেক-পেস্ট্রি খাচ্ছিলেন। তাঁরা তাঁকে দরজার কাছে দেখলেন, চেহারা ক্লান্ত ও পাংশুবর্ণ, তার সমস্ত শরীর থেকে নির্গত হচ্ছে ওই কাকগুলির বারাঙ্গনাসুলভ সুরভি। বাড়ির বিশাল শূন্য স্থানের মধ্যে পার্শ্ববর্তী ক্যাথিড্রালের সর্ববৃহৎ ঘণ্টার শব্দ ধ্বনিত-প্রতিধ্বনিত হতে লাগলো। তাঁর মা সভয়ে প্রশ্ন করলেন, কোথাও ছিলো ও, ওরা তাকে সর্বত্র খুঁজেছে যেন ও একবার জেনারেল ইগনাশিও মারিয়াকে দেখে। জেনারেল ছিলেন মারকুই ডি হারাজ ডিলা ভেরার সর্বশেষ দৌহিত্র, বিকালের দিকে মস্তিষ্কের রক্তক্ষণ হয়ে তিনি মারা গেছেন। ঘণ্টাগুলি বাজছিলো তার জন্য। ডাক্তার উরবিনো মায়ের কথাগুলি শুনলেন কিন্তু তার এক বর্ণও হৃদয়ঙ্গম করতে পারলেন না। তারপর তিনি সামান্য ঘুরে নিজের শয়নকক্ষের দিকে যাবার চেষ্টা করলেন কিন্তু তার আগেই বমি করে নিজের বমির মধ্যেই মুখ থুবড়ে পড়ে গেলেন।

‘হা ভগবান! তাঁর মা চিৎকার করে উঠলেন। নিজের বাড়িতে ও এই অবস্থায় এসে হাজির হল! নিশ্চয়ই অত্যাশ্চার্য কিছু একটা ঘটেছে।’

তবে আশ্চৰ্যতম ঘটনাটি তখনো ঘটে নি। নগরবাসী জেনারেল ইগনাশিও মারিয়ার মৃত্যুশোক সামলে ওঠার পর বিখ্যাত পিয়ানোবাদক রোমিও লুসিচ কর্তৃক মোৎসার্তের কয়েকটি সোনাটা পরিবেশনের ব্যবস্থা করে। ওই বিখ্যাত সঙ্গীত শিল্পী এক সংক্ষিপ্ত সফরে এ শহরে এসেছিলেন, ওরা এই সুযোগটা গ্রহণ করে। ডাক্তার জুভেনাল উরবিনো সঙ্গীত বিদ্যালয় থেকে খচ্চরের গাড়িতে করে ওদের পিয়ানোটা আনাবার ব্যবস্থা করেন, তারপর বিখ্যাত পিয়ানোবাদকের সহায়তায় ফারমিনা ডাজার উদ্দেশে তাঁর বিখ্যাত ইতিহাস সৃষ্টিকারী সেরেনাদ নিবেদন করেন। সঙ্গীতের প্রথম সুরলহরীর ধ্বনিতেই ফারমিনা ডাজার ঘুম ভেঙে যায় এবং ওই অসাধারণ প্রেম নিবেদনের হোতা কে তা বুঝবার জন্য ওকে বারান্দার শিকের ফাঁক দিয়ে নিচে তাকানোর প্রয়োজন পড়ে নি। রাগে-ক্ষোভে ওর একটি কারণেই দুঃখ হল। অনাকাক্ষিত পাণিপ্রার্থীদের উত্ত্যক্তির হাত থেকে আত্মরক্ষার জন্য কোনো কোনো কুমারী মেয়ে ওদের মাথার উপর নিজেদের মলমূত্রের পাত্র উপুড় করে ঢেলে দিতো, ফারমিনার কেন ওরকম করার সাহস হল না? অন্য দিকে, সেরেনাদের ধ্বনি কানে যাবার সঙ্গে সঙ্গে লোরেঞ্জো ডাজা তার কাপড়জামা পরে ফেলেছিলেন, এখন বাদন শেষ হতেই তিনি ডাক্তার উরবিনো এবং পিয়ানোবাদককে বাড়ির ভেতরের বৈঠকখানায় ডেকে এনে সেরেনাদের জন্য ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে দুজনকেই এক গ্লাস করে উৎকৃষ্ট ব্র্যান্ডি পান করতে দিলেন। পিয়ানোবাদকের পরনে তখনও ছিল আনুষ্ঠানিক কনসার্টের ধরাচূড়া।

অল্পকালের মধ্যেই ফারমিনা ডাজা বুঝলো যে বাবা ওর মন গলাবার চেষ্টা করছেন। সেরেনাদের পরদিন তিনি খুব সাধারণ ভাবে বললেন, ‘একবার শুধু কল্পনা করো, উরবিনো দ্য রা কল-পরিবারের একজন তোমার পাণি প্রার্থী, তোমার মা একথা জানতে পারলে কী রকম তার মনের অবস্থা হত!’ ফারমিনা শুকনো গলায় উত্তর দিলো, ‘তিনি তার কবরের মধ্যে নড়ে উঠতেন।‘ ওর চিত্রকলার বান্ধবীরা ওকে খবর দিল যে ডাক্তার জুভেনাল উরবিনো সোশ্যাল ক্লাবে লাঞ্চের জন্য লোরেঞ্জা ভাজাকে নিমন্ত্রণ করেছিলো এবং ক্লাবের নিয়ম ভঙ্গ করার জন্য ডাক্তার কঠোরভাবে তিরস্কৃত হন। আর তখনই ফারমিনা ডাজা জানতে পারে যে ওর বাবা ইতিপূর্বে সোশ্যাল ক্লাবের সদস্যপদের জন্য কয়েকবারই আবেদন করেছিলেন এবং প্রতিবারই তাঁর বিরুদ্ধে এত বেশিসংখ্যক নেতিবাচক কালো ভোট পড়ে যে সে-ব্যাপারে আর অগ্রসর হবার কোন সুযোগ ছিল না। কিন্তু লোরেঞ্জে ডাজার অপমান হজম করার শক্তি ছিল সীমাহীন, আর ডাক্তার উরবিনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাবার জন্য তিনি নানা কৌশল অবলম্বন করলেন, বুঝলেন না যে ডাক্তারও তার সঙ্গে আকস্মিক সাক্ষাৎ লাভের জন্য অনুরূপ কৌশল অবলম্বন করে চলেছিলেন। মাঝে মাঝে তাঁরা দুজন লোরেঞ্জো ডাজার অফিস ঘরে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে কাটাতেন। তখন মনে হত বাড়িটা যেন সময়ের এক প্রান্তে নিথর হয়ে ঝুলে আছে, কারণ ডাক্তার না চলে যাওয়া পর্যন্ত সংসারের সব স্বাভাবিক কাজকর্ম সে সম্পূর্ণ বন্ধ রাখতো। প্যারিস ক্যাফে ছিল একটা চমৎকার মধ্যবর্তী আশ্রয় স্থল। সেখানেই লোরেঞ্জো ডাজা ডাক্তার উরবিনোকে দাবায় প্রথম হাতেখড়ি দেন, আর ডাক্তার এমনই নিষ্ঠাবান ছাত্র হয়ে ওঠেন যে মৃত্যুর দিন পর্যন্ত দাবা তার জন্য এক আরোগ্যাতীত নেশায় পরিণত হয়েছিল।

একক পিয়ানো বাদনের মাধ্যমে সেরেনাদের অল্পকাল পরে লোরেঞ্জো ভাজা এক রাতে তার বাড়ির প্রবেশপথে একটা চিঠি আবিষ্কার করলেন, খামটা গালা-মোম দিয়ে আটকানো, সিলের গায়ে ‘জে ইউ সি’ মনোগ্রাম বসানো। ফারমিনার শোবার ঘরের সামনে দিয়ে যাবার সময় তিনি চিঠিটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিলেন। চিঠিটা কিভাবে ওখানে এলো ফারমিনা ভেবে পেল না, কারণ ওর বাবা যে তার নিজের হাতে ওর এক পাণিপ্রার্থীর চিঠি পৌঁছে দেবার মতো এতো বদলে গেছেন তা সে কল্পনা করতে পারে নি। সে চিঠিটা টেবিলের উপর ফেলে রাখলো। আসলে চিঠিটা নিয়ে সে কি করবে তা সত্যিই ঠিক করতে পারলো না। কয়েকদিন ধরে ওই চিঠি টেবিলের উপর খামবন্ধ অবস্থায় পড়ে থাকলো, তারপর এক বৃষ্টিস্নাত অপরাহ্নে ফারমিনা ডাজা একটা স্বপ্ন দেখলো, ডাক্তার উরবিনো তাদের বাড়িতে ফিরে এসেছেন, মুখে চামচ দিয়ে জিভ চেপে ধরে তিনি তার গলা পরীক্ষা করবেন। তবে স্বপ্নের মধ্যে সে দেখল যে চামচটা অ্যালুমিনিয়মের নয়, একটা সুস্বাদু ধাতুর, যে-ধাতু সে তার অন্যান্য স্বপ্নে ইতিপূর্বে আস্বাদন করেছে, সে তখন ধাতুটি দুটি অসমান খণ্ডে ভেঙে ছোট খণ্ডটি ডাক্তারকে দিল।

ঘুম ভেঙে জেগে উঠে সে এবার চিঠিটা খুললো। ছোট চিঠি এবং সুশীল-সংযত। ডাক্তার জুভেনাল উরবিনো ওকে বলেছেন ও যেন ওর বাবার অনুমতি নিয়ে রাখে, তিনি ফারমিনার সঙ্গে দেখা করতে চান। চিঠির সরল গম্ভীর সুর ফারমিনা ডাজার ভালো লাগলো এবং যে-ক্রোধ ও এতদিন সযত্নে লালন করেছিলো তা এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। ও চিঠিটা ওর ট্রাঙ্কের তলায় তুলে রাখলো, কিন্তু তখনই ওর মনে পড়লো যে ফ্লোরেন্টিনো আরিজার সুরভিত চিঠিগুলিও ও ওই খানেই তুলে রেখেছিল। তখন লজ্জার এক বিশাল ঢেউ-এ আক্রান্ত হয়ে ও অন্য একটা জায়গা খুঁজলো। তারপর তার মনে হল, সে চিঠিটা আদপেই পায় নি, ওই রকম ভাব করাই সর্বোত্তম হবে। তখন সে চিঠিটা বাতির আগুনে পুড়িয়ে ফেললো, আলোর শিখার উপরে মোমের ফোঁটাগুলি পড়ে কীভাবে নীল বুদ্বুদের আকার ধারণ করে ফেটে যাচ্ছে তা লক্ষ করলো। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, “বেচারা!” আর তারপরই ওর মনে পড়লো যে মাত্র এক বছরের মধ্যে ও দ্বিতীয় বার কথাটা উচ্চারণ করলো, এক মুহূর্তের জন্য ফ্লোরেন্টিনো আরিজার কথা ওর মনে পড়লো, তখন ফ্লোরেন্টিনো আরিজা যে ওর জীবন থেকে কতো দূরে সরে গেছে তা ভেবে ও একটু অবাকও হলো! বেচারা!

অক্টোবরের শেষ বৃষ্টিপাতের সময় আরো তিনটি চিঠি এলো, প্রথম চিঠির সঙ্গে ছিল একটা ছোট বাক্সে ফ্লাভিনি মঠের নীললোহিত সুগন্ধী পাতা। দুটি চিঠি ডাক্তার উরবিনোর কেচোয়ান ওদের দোরগোড়ায় রেখে দেয়, ডাক্তার তাঁর গাড়ির জানালা দিয়ে গালা প্লাসিডিয়াকে সম্ভাষণ জানান, প্রথমত, চিঠিটা কার সে সম্বন্ধে যেন সন্দেহের কোন অবকাশ না থাকে, আর দ্বিতীয়ত, চিঠি ওরা পায় নি এমন কথা যেন বলতে না পারে। তার ওপর দুটি চিঠিই ছিল মোম-গালা দিয়ে তার মনোগ্রামসহ সিল করা, আর ওই বিশেষ হাতের লেখার ধরন যে কোন ডাক্তারের তাও ফারমিনা ডাজার চেনা হয়ে গিয়েছিল। দুটি চিঠির বক্তব্যই ছিল প্রথম চিঠির মত, দুটিই লেখা হয়েছে। বিনীত ভঙ্গিতে, কিন্তু তার আড়ালে একটা অসহিষ্ণুতার সুর ফুটে উঠবার উপক্রম করছিলো, যা ফ্লোরেন্টিনো আরিজার সংক্ষিপ্ত চিঠিতে কখনো দেখা যায় নি। চিঠি দুটি আসে দু’সপ্তাহের ব্যবধানে, আসার সঙ্গে সঙ্গে ফারমিনা ডাজা তা পড়ে ফেলে, তারপর আগুনে ফেলে দেবার পূর্বক্ষণে, কেন ও জানে না, ও তার মত পরিবর্তন করে।

অক্টোবরের তৃতীয় চিঠিটা বাড়ির বাইরের দরজার তলা দিয়ে ঢুকিয়ে দেয়া হয়েছিল। সব দিক দিয়েই ওটা ছিল আগের দুটো চিঠির চাইতে ভিন্ন রকম। এটার হাতের লেখা ছিল এতো ছেলেমানুষের মতো যে একজন কেউ যে এটা তার বাঁ হাত দিয়ে লিখেছে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। চিঠিটা পড়বার আগে ফারমিনা ডাজা বোঝে নি যে ওঠা একটা বেনামী বিষাক্ত চিঠি। যেই লিখে থাকুক সে নিশ্চিত ভাবে ধরে নিয়েছিল যে প্রেমের ওষুধ খাইয়ে ফারমিনা ডাজা ডাক্তার উরবিনোকে জাদু করেছে এবং ওই ধারণা থেকে সে নানা রকম ভয়াবহ সিদ্ধান্তে উপনীত হয়। চিঠির শেষে একটা ভীতি প্রদর্শন করা হয় : ফারমিনা ডাজা যদি নগরীর সব চাইতে কাম্য মানুষটির মাধ্যমে তার জাগতিক উন্নতি ও প্রতিষ্ঠার প্রয়াস পরিত্যাগ না করে তাহলে তার কুকর্মের কথা জনসমক্ষে প্রকাশ করে দেয়া হবে।

ফারমিনা নিজেকে মনে করলো একটা গভীর অন্যায়ের শিকার কিন্তু তার প্রতিক্রিয়া বিদ্বেষমূলক হল না। পক্ষান্তরে, বেনামী চিঠির লেখককে আবিস্কার করার ইচ্ছা হল তার, যেন সে তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারে যে পত্রলেখক ভুল করেছে, কারণ ফারমিনা সুনিশ্চিত ছিল যে সে কখনোই ডাক্তারের প্রেমের আহ্বানে সাড়া দেবে না। এর পর সে আরো দুটি দস্তখতহীন চিঠি পায়, আগের মতোই বিশ্রী, কিন্তু তিনটি চিঠিই একজনের লেখা বলে মনে হল না। হয় সে একটা ষড়যন্ত্রের শিকার

হয়েছে, নয়তো এই ভালোবাসার কথা এত দূর ছড়িয়েছে যা কেউ কল্পনা করতে পারে। নি। একটা কথা মনে জাগায় সে বেশ বিচলিত হল, এটা কি ডাক্তার জুভেনাল উরবিনের কোন সরল অবিবেচনার ফসল? হয়তো তাঁকে বাইরে থেকে যেমন দেখায় তিনি তার চাইতে ভিন্ন রকম, তিনি হয়তো বাড়ি বাড়ি রোগী দেখার সময় বেশি কথা বলে ফেলেছেন, তাঁর কাল্পনিক বিজয় নিয়ে গর্ব করেছেন, তাঁর সমশ্রেণীর অনেকেই যা হরহামেশা করে থাকে। তার সম্মানে আঘাত দেবার জন্য সে ডাক্তারকে তিরস্কার করে একটা চিঠি লেখার কথা ভাবলো কিন্তু তারপর সে-সিদ্ধান্ত বাতিল করলো, কারণ ডাক্তার হয়তো, তাই চাইছেন। যে সব বান্ধবী তার সঙ্গে সেলাইঘরে তার সঙ্গে ছবি আঁকতো সে তাদের কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করলো কিন্তু ওরা বললো যে পিয়ানো-সেরেনাদ সম্পর্কে সহৃদয় মন্তব্য ছাড়া অন্য কিছু তারা কখনো শোনে নি। তার নিজেকে মনে হল অসহায়, লাঞ্ছিত, রাগে তার সারা শরীর মন জ্বলে গেল। তার প্রথম প্রতিক্রিয়ায় সে তার অদৃশ্য শত্রুর মুখোমুখি হতে চেয়েছিল যেন তার ভুলটা সে তাকে বুঝিয়ে দিতে পারে কিন্তু এখন তার ইচ্ছা হল তার বাগানের বড় কাঁচিটা দিয়ে তাকে ফালাফালা করে ফেলতে। রাতের পর রাত সে না ঘুমিয়ে কাটালো, বেনামী চিঠিগুলির ছোট ছোট জিনিস ও বাক্যভঙ্গি বিশ্লেষণ করলো, চেষ্টা করলো কোথাও কোনো স্বস্তি পাওয়া যায় কিনা তা দেখতে, কিন্তু তা ছিল একটা ব্যর্থ আশা : স্বভাবগত দিক থেকেই উরবিনো ডি লা কল-পরিবারের অভ্যন্তরীণ জগতের সঙ্গে ফারমিনার কোন মিল ছিল না, সে তাদের ভালো কাজের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে পারতো কিন্তু তাদের খারাপ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার কোনো ক্ষমতা তার ছিল না।

এর মধ্যে আরেকটি ব্যাপার ঘটলো যা তাকে ভীত করে এবং তার উপরোক্ত বিশ্বাসকে দৃঢ় ও তিক্ত করে তোলে। কোনো চিঠি ছাড়া একদিন তার কাছে একটা কালো পুতুল এসে পৌঁছলো। এটা কে পাঠাতে পারে তা অনুমান করা ফারমিনা ডাজার পক্ষে কঠিন হল না। ডাক্তার উরবিনো ছাড়া এটা আর কারো কাজ হতে পারে না। পুতুলটা কেনা হয়েছে মার্টিনেক থেকে, মূল লেবেল দেখে তা বোঝা যায়। তার পরনে অতি চমৎকার একটা লম্বা গাউন, মাথার চুল সোনালি সুতায় ঢেউ খেলানো, শুইয়ে রাখলে পুতুলটা তার দু’চোখ বন্ধ করে ফেলে। ওটাকে এত মনোমুগ্ধকর মনে হল যে ফারমিনা ডাজা তার সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিনের বেলায় ওটাকে তার নিজের বালিশে শুইয়ে রাখতো আর রাতে ওটাকে পাশে রেখে ঘুমাতো। কিন্তু কিছু দিন পর, একদিন ক্লান্তিকর এক স্বপ্ন দেখার পর ঘুম ভেঙ্গে জেগে উঠে সে দেখলো

যে পুতুলটা বড়ো হয়ে যাচ্ছে, তার চমৎকার আদি পোশাকটা ছোট হয়ে তার হাঁটুর উপর উঠে এসেছে, তার পায়ের চাপে জুতা জোড়া ফেটে গেছে। ফারমিনা ডাজা আফ্রিকার জাদুর কথা শুনেছে কিন্তু এরকম ভয়াবহ কাহিনী সে আগে কখনো শোনে নি। অন্য দিকে, জুভেনাল উরবিনোর মত একজন মানুষ যে এ ধরনের জঘন্য কাজ করতে পারেন তাও সে কল্পনা করতে পারলো না। এক্ষেত্রে তার অনুমান ছিল অভ্রান্ত। পুতুলটা। ডাক্তারের কোচোয়ান কেনে নি, সেটা কিনে এনেছিল এক ভ্রাম্যমাণ চিংড়ি মাছের ফেরিওয়ালা, যাকে কেউ চেনে না। ফারমিনা ডাজা এই রহস্যের সমাধানকল্পে একবার এক মুহূর্তের জন্য ফ্লোরেন্টিনো আরিজার কথা ভেবেছিল, ওর মনমরা অবস্থার কথা শুনে সে খুব দুঃখ বোধ করেছিল, কিন্তু সে যে ভুল করেছিল জীবন তাকে সে-শিক্ষা দিয়েছে। পুতুল রহস্যের সমাধান কোন দিন হয় নি এবং দীর্ঘকাল পরেও, যখন তার বিয়ে হয়ে গেছে, সে ছেলেমেয়ের মা হয়েছে, নিজেকে নিয়তির বরকন্যা বলে মনে করেছে, পৃথিবীর সব চাইতে সুখী রমণী, তখনো ওই পুতুলের কথা মনে পড়লে সে ভয়ে শিউরে উঠতো।

ডাক্তার উরবিনো তার শেষ প্রয়াস হিসাবে প্রেজেন্টেশান অব দি ব্রেসেড ভার্জিন অ্যাকাডেমির প্রধান সিস্টার ফ্রাঙ্কা ডি লা লুজ-এর সাহায্য চাইলেন। যে-পরিবার উভয় আমেরিকায় তাঁদের সমাজকে প্রথম থেকে সাহায্য সমর্থন দিয়ে এসেছে তার একজন সম্মানিত সদস্যের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারলেন না। একদিন সকাল ন’টায় একজন নবদীক্ষিত সন্ন্যাসিনীকে সঙ্গে নিয়ে তিনি ফারমিনা ডাজার বাড়িতে এসে উপস্থিত হন। ও তখন স্নান করছিল। ওই আধঘণ্টা সময় তারা দুজন পাখির খাঁচাগুলির সামনে আনন্দেই কাটিয়ে দেন। সিস্টার ছিলেন একজন পুরুষালি জার্মান, কণ্ঠস্বর কর্কশ, চোখের দৃষ্টি কঠোর ও অহঙ্কারী, যার সঙ্গে তার বালিকা-সুলভ আবেগ-অনুভূতির কোনো সম্পর্ক ছিল না। ফারমিনা ডাজা তাকে ও তাঁর সঙ্গে সম্পর্কিত সব কিছুকে যতো ঘৃণা করতো পৃথিবীর আর কোনো জিনিসকে অতো ঘৃণা করতো না। তার কপট ধার্মিকতার কথা মনে করেই ওর সারা গা গুলিয়ে এলো। বাথরুমের জানালা দিয়ে ও তাকে দেখার সঙ্গে সঙ্গে ওর মনে তার স্কুল জীবনের যাবতীয় নির্যাতনের স্মৃতি জেগে উঠলো, প্রতিদিনের উপাসনার অসহনীয় একঘেয়েমি, পরীক্ষার আতঙ্ক, নবদীক্ষিত সন্ন্যাসিনীদের ক্রীতদাস সুলভ পরিশ্রম, আধ্যাত্মিক দারিদ্র্যে বিকৃত ওই জীবনের সব কিছু। অন্য দিকে সিস্টার ফ্রাঙ্কা ডি লা লুজ ওকে এমন সানন্দ সম্ভাষণ করলেন যা মনে হল আন্তরিক। ও যেভাবে বেড়ে উঠেছে ও পরিপক্বতা অর্জন করেছে তাতে তিনি বিস্ময় প্রকাশ করলেন, বিশেষ সুবিবেচনা ও বিচার বুদ্ধির সঙ্গে তার সংসার পরিচালনার প্রশংসা করলেন তিনি, উঠানের সর্বত্র সুরুচির পরিচয় আর অঙ্গারপাত্রে কমলার কুঁড়ির জন্য ওকে অভিনন্দিত করলেন। তিনি নতুন সন্ন্যাসিনীকে বাইরে তার জন্য অপেক্ষা করতে বললেন, যেন কাকের খাঁচার খুব কাছে না যায় সে বিষয়ে তাকে সাবধান করে দিলেন, ওরা কোনো অসতর্ক মুহূর্তে তার চোখ খুলে নিতে পারে। তারপর তিনি একটা নির্জন জায়গার খোঁজ করলেন যেখানে তিনি একান্তে ফারমিনা ডাজার সঙ্গে কিছু কথা বলতে পারবেন, আর ফারমিনা তখন তাকে ড্রয়িংরুমে আমন্ত্রণ জানালো।

সাক্ষাৎপর্বটি হল সংক্ষিপ্ত এবং তিক্ত। সিস্টার ফ্রাঙ্কা ডি লা লুজ আনুষ্ঠানিকতায় সময় ক্ষেপণ না করে সরাসরি বললেন যে তারা ফারমিনা ডাজাকে সসম্মানে তাদের শিক্ষাঙ্গনে আবার গ্রহণ করবেন, ওর বহিষ্কারের কারণ শুধু সব কাগজপত্র থেকেই নয়, সমাজের স্মৃতি থেকেও মুছে ফেলা হবে এবং সে তার পড়াশোনা শেষ করে বি.এ. ডিগ্রি লাভ করার সুযোগ পাবে। ফারমিনা ডাজা বিভ্রান্ত বোধ করলো, সে এর কারণ জানতে চাইলো।

সিস্টার বললেন, এটা এমন একজনের অনুরোধ যিনি যা চান তার সব কিছুই পাবার যোগ্যতা রাখেন এবং তার একমাত্র ইচ্ছা তুমি যেন সুখী হও। তুমি কি জানো তিনি কে?

এইবার ও বুঝলো। ও নিজেকে প্রশ্ন করলো যে-মহিলা একদিন একটা সরল নিষ্পাপ চিঠির জন্য তার জীবন দুর্বিষহ করে তুলেছিলেন তিনি আজ কোন অধিকারে একজনের প্রেমের দূতিয়ালি করতে এসেছেন, কিন্তু সে এ প্রশ্ন করার সাহস পেল না। তার পরিবর্তে সে শুধু বললো, হ্যাঁ, সে লোকটিকে চেনে এবং সেই সুবাদেই সে এটাও জানে যে তার জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকার তার নেই।

সিস্টার বললেন, তিনি শুধু পাঁচ মিনিটের জন্য তোমার সঙ্গে কথা বলতে চান। আমি নিশ্চিত যে তোমার বাবা কোনো আপত্তি করবেন না।

তার বাবা যে এই সাক্ষাতের ব্যাপারে সাহায্য করেছেন এটা বুঝতে পেরে ফারমিনা ডাজার রাগ আরো বেড়ে গেল।

ও বললো, ‘আমার অসুখের সময় আমরা পরস্পরকে দুবার দেখেছি, এখন আবার আমাদের একে অন্যকে দেখার কোনো প্রয়োজনীয়তা নেই।’

সিস্টার ফ্রাঙ্কা ডি লা লুজ বললেন, ‘মাথায় এক রত্তি বুদ্ধি থাকলে যে কোনো মেয়ে ওই মানুষটিকে মহান ঈশ্বরের একটা বড় উপহার বলে মনে করতো।

তিনি তাঁর গুণাবলী, তার একনিষ্ঠতা, যন্ত্রণাপীড়িত মানুষের সেবায় তাঁর নিবেদিতচিত্ততার কথা বলে গেলেন। বলতে বলতে তিনি তার পোশাকের হাতার মধ্য থেকে মার্বেলে যিশুর প্রতিকৃতি খোদাই করা একটা সোনার জপমালা বের করে সেটা ফারমিনা ডাজার চোখের সামনে দোলাতে লাগলেন। এটা ছিল উত্তরাধিকার সূত্রেপ্রাপ্ত একটি মূল্যবান পারিবারিক জিনিস, একশো বছরেরও বেশি পুরনো, সিয়েনার স্বর্ণকার কর্তৃক খোদাই করা, স্বয়ং চতুর্থ ক্লেমেন্ট কর্তৃক আশীষধন্য।

সিস্টার বললেন, এটা তোমার।

ফারমিনা ডাজার ধমনী দিয়ে সমুদ্রগর্জনের মতো রক্ত প্রবাহিত হতে শুরু করলো, তারপর সে সাহস সঞ্চয় করে বললো, আপনার মতে, আপনার মতে, ভালোবাসা যদি পাপ হয়, তাহলে এখন আপনি একাজটা কেন করছেন তা আমি বুঝতে পারছি না।

সিস্টার এমন একটা ভাব করলেন যেন তিনি ওই মন্তব্যের অর্থই বুঝতে পারেন নি কিন্তু তার চোখের পাতা লাল হয়ে উঠলো। তিনি ওর চোখের সামনে জপমালাটি দোলাতে দোলাতে বললেন, ‘আমার সঙ্গে একটা সমঝোতায় আসা তোমার জন্য মঙ্গলদায়ক হবে, কারণ আমার পরে আর্চবিশম্প আসবেন, তখন ব্যাপারটা ভিন্ন রূপ নেবে।’

ফারমিনা ডাজা বললো, ‘আসুন তিনি।‘

সিস্টার তার হাতার মধ্যে সোনার জপমালাটি আবার ঢুকিয়ে দিয়ে, অন্য হাতাটির ভেতর থেকে এটা প্রচুর ব্যবহৃত গুল্লি পাকানো রুমাল বের করে তার হাতের মুঠিতে সেটা শক্ত করে ধরে, ফারমিনার দিকে এমন ভাবে তাকালেন যেন তিনি ওকে অনেক দূর থেকে দেখছেন আর তার মুখে ফুটে উঠলো একটা অনুকম্পার হাসি।

‘বেচারী! তুমি এখনো ওই লোকটার কথা ভাবছো।’

ফারমিনা ডাজা তার ঔদ্ধত্যপূর্ণ উক্তিটি নিজের মনের মধ্যে নাড়াচাড়া করলো, চোখের পাতা না ফেলে এক দৃষ্টিতে সিস্টারের চোখের দিকে তাকিয়ে থাকলো, নীরবে তাঁর উক্তিটি নিয়ে ভাবতে লাগলো, তারপর গভীর সন্তোষের সঙ্গে সিস্টারের পুরুষালি চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠতে দেখলো। সিস্টার ফ্রাঙ্কা ডি লা লুজ তাঁর গুল্লি পাকানো রুমাল দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, ‘তোমার বাবা ঠিকই বলেন, তুমি একটা অসম্ভব গোঁয়ার একরোখা মেয়ে।‘

আর্চবিশপ আসেন নি, তাই অবরোধের সমাপ্তি এখানেই ঘটতে পারতো, যদি না ওই দিনই হিল্ডাব্রান্ডা সাঞ্চেজ তার খালাতো বোনের সঙ্গে বড় দিন উদযাপনের জন্য এখানে এসে উপস্থিতি হত এবং এই ব্যাপারটা ওদের দুজনের জীবনই বদলে দিল। সকাল পাঁচটায় ওরা রিওহাচার জাহাজে তাকে স্বাগত জানালো। সমুদ্র-পীড়ায় অর্ধমৃত একদঙ্গল যাত্রী পরিবৃত হয়ে ও দাঁড়িয়ে ছিল। কিন্তু হিল্ডাব্রান্ডা উদ্ভাসিত মুখে জাহাজ থেকে নেমে এলো, সমুদ্রবক্ষে বাজে একটা রাত কাটাবার পর এখন উদ্দীপ্ত, পুরোদস্তুর একজন মহিলা। ও সঙ্গে নিয়ে এসেছে কয়েক খাঁচা জ্যান্ত টার্কিমোরগ, আর ওদের উর্বর ভূমির যাবতীয় ফলমূল, যেন ওর অবস্থান কালে এখানে খাবারদাবারের বিন্দুমাত্র ঘাটতি না পড়ে। ওর বাবা লিসিমাকো সাঞ্চেজ একটা চিঠি দিয়ে জানিয়েছেন, ছুটির সময়ে পার্টির জন্য তাদের যদি সঙ্গীত শিল্পীর দরকার হয় তাহলে তাকে যেন জানানো হয়, তার হাতে সর্বোত্তম শিল্পীর দল আছে, তা ছাড়া পরে তিনি কয়েক বাক্স আতশবাজিও পাঠিয়ে দেবেন। তিনি আরো জানিয়ে দিলেন যে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তিনি মার্চের আগে আসতে পারবেন না, কাজেই মজা করার জন্য ওরা অঢেল সময় পাবে।

দুই বোন সঙ্গে সঙ্গেই শুরু করলো। প্রথম দুপুর থেকেই তারা একসঙ্গে স্নান করতে শুরু করে, নগ্নদেহে, চৌবাচ্চা থেকে জল নিয়ে একে অপরের হাত-পা ধুইয়ে দেয়। তারা পরস্পরের গায়ে সাবান মাখালো, পরস্পরের উকুন দূর করলো, তাদের নিতম্ব ও শান্ত স্তনের তুলনা করলো, অন্যের দর্পণে নিজেকে দেখলো, যাচাই করতে চেষ্টা করলো শেষ বার একে অন্যকে নগ্নাবস্থায় দেখার পর নিষ্ঠুর কাল এই সময়ের মধ্যে তাদের সঙ্গে কীরকম আচরণ করেছে। হিল্ডাব্রান্ডা ছিল বড়সড়ো, নিরেট, ত্বকের রঙ সোনালি, কিন্তু গায়ের লোম বর্ণসঙ্করের মতো, ছোট, কোঁকড়ানো, ইস্পাতের উলের মতো। অন্য দিকে, ফারমিনা ডাজার নগ্নতা ছিল সাদাটে, দীর্ঘ রেখায় বিন্যস্ত, ত্বক নির্মল, চুল সোজা। গালা প্লাসিডিয়া তার শোবার ঘরে দুটি হুবহু এক রকম খাট পেতে দিয়েছিল কিন্তু মাঝে মাঝে তারা এক শয্যায় শুতে এবং ভোর পর্যন্ত সারা রাত গল্প করে কাটিয়ে দিতো। ওরা দুজন ছিনতাইকারী গুণ্ডাদের লম্বা সরু সিগার টানতো, হিল্ডাব্রান্ডা তার ট্রাঙ্কে লুকিয়ে নিয়ে এসেছিলো, ধূমপানের পর তার বিশ্রী গন্ধ তাড়াবার জন্য ওরা ঘরের মধ্যে আর্মেনীয় কাগজ পোড়াতো। ফারমিনা ডাজা জীবনে প্রথম ধূমপান করে ভালেদুপারে, তারপর সেটা অব্যাহত রাখে ফোনেস্কা ও রিভহাচায়, যেখানে দশ জ্ঞাতি বোন ঘর বন্ধ করে একসঙ্গে ধূমপান আর পুরুষ মানুষ নিয়ে গাল গল্প করতো। ফারমিনা ডাজা উল্টো করে ধূমপানের কৌশল শিখে ফেলে, আগুন জ্বালানো প্রান্তটা মুখের মধ্যে পুরে দিয়ে, যুদ্ধের সময় পুরুষেরা যেভাবে ধূমপান করতে সেই ভাবে, যেন শত্রু পক্ষ তাদের সিগারেটের আলো দেখে তাদের অবস্থান না বুঝতে পারে। এখন বাড়িতে হিল্ডাব্রান্ডাকে পেয়ে সে রোজ রাতে ঘুমাতে যাবার আগে ধূমপান করতে আরম্ভ করলো, আর তখনই এ অভ্যাসটা তার মজ্জাগত হয়ে যায়, তবে এটা সে সর্বদা গোপন রাখতো, তার স্বামীর কাছ থেকেও, সন্তানদের কাছ থেকেও, সে যে লোকজনের সামনে প্রকাশ্যে ধূমপান করা অশোভন মনে করতো শুধু সেজন্য নয়, ব্যাপারটার মধ্যে গোপনীয়তার যে আনন্দ আছে তা উপভোগ করার জন্যও বটে।

হিল্ডাব্রান্ডার বাবা-মা তার ওপর এই সফর চাপিয়ে দিয়েছিলেন। তারা হিল্ডাব্রান্ডা ও তার অসম্ভব প্রেমিকের মধ্যে একটা স্থানিক দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিলেন, যদিও তারা এমন ভাব করছিলেন যে মেয়েকে তারা এখানে পাঠিয়েছেন ফারমিনাকে একটা ভালো পাত্র নির্বাচনে সাহায্য করার জন্য। হিল্ডাব্রান্ডা মা-বাবার প্রস্তাব মেনে নেয়, মনে মনে ঠিক করে যে ফারমিনার মতো সেও, বিস্মৃতিকে তুড়ি মেরে উড়িয়ে দেবে, আর তাই ফোনেস্কার টেলিগ্রাফ কর্মীর সঙ্গে সে একটা ব্যবস্থা করে এসেছে, তার সমস্ত বার্তা সে সর্বোচ্চ বিজ্ঞতার সঙ্গে এখানে পাঠিয়ে দেবে। এই পরিস্থিতিতে সে যখন জানলো যে ফারমিনা ডাজা ফ্লোরেন্টিনো আরিজাকে প্রত্যাখ্যান করেছে তখন তার মোহ ভঙ্গের তিক্ততা তাকে বড় বেশি বাজলো। ভালোবাসা সম্পর্কে হিল্ডাব্রান্ডার ছিল একটা সর্বজনীন ধারণা, একটা ভালোবাসার ক্ষেত্রে কিছু ঘটলে তার প্রভাব বিশ্বজুড়ে অন্য ভালোবাসাগুলির ওপরও পড়বে। তবু সে তার পরিকল্পনা ত্যাগ করলো না। সে একাই টেলিগ্রাফ আপিসে গেল, তার নিজের ব্যাপারে সে ফ্লোরেন্টিনো আরিজার সাহায্য চাইবে। তার প্রচণ্ড সাহস ফারমিনা ডাজার মনে এক বিষণ্ণতার সঙ্কটের জন্ম দিল।

হিল্ডাব্রান্ডা ওকে চিনতে পারতো না। ফারমিনা ডাজার কথা শুনে সে ওর যে মূর্তি নিজের মনে গড়ে তুলেছিল তার সঙ্গে ওর বাস্তব চেহারার কোনো মিল নেই। প্রথম দর্শনেই তার মনে হল ফারমিনার নিশ্চয়ই উন্মাদ-দশা ঘটেছিল, নইলে এরকম মানুষের সঙ্গে প্রেমে পড়া তো অসম্ভব। প্রায় অদৃশ্য এক কেরানি, বেত্রাহত কুকুরের মতো দেখতে, পরনের কাপড় জামা অপদস্থ কোনো পাদ্রীর মতো, তার গম্ভীর আচরণ। দিয়ে কারো হৃদয়ে তোলপাড় তোলা ছিল অসম্ভব। কিন্তু একটু পরেই সে তার প্রথম ধারণার জন্য অনুতপ্ত হল, কারণ ফ্লোরেন্টিনো আরিজা তার কোনো পরিচয় না জেনেই তাকে নিঃশর্ত সাহায্যদানে রাজি হয়। ও তার অবস্থা যতখানি উপলব্ধি করেছিল আর কারো পক্ষে তা করা সম্ভব ছিল না। ও তার পরিচয় জানতে চাইলো না, তার ঠিকানাও না। ওর সমাধান ছিল খুব সহজ। প্রতি বুধবার বিকালে সে টেলিগ্রাফ আপিসের সামনে দিয়ে হেঁটে যাবে, আর ফ্লোরেন্টিনো আরিজা তার হাতে তার প্রেমিকের বার্তাগুলি তুলে দেবেন, ব্যস, আর কিছু নয়। কিন্তু হিল্ডাব্রান্ডা যখন তার লিখিত বার্তা ওর কাছে নিয়ে এল তখন সেটা পড়ার পর ফ্লোরেন্টিনো বললো ও যদি কিছু পরামর্শ দেয় সে কি তা গ্রহণ করবে? হিল্ডাব্রান্ডা রাজি হলে ফ্লোরেন্টিনো আরিজা প্রথমে লাইনের ভেতরে ভেতরে কিছু সংশোধন করলো, দু’এক জায়গা মুছে দিয়ে নতুন করে লিখলো, শেষে আর জায়গা না থাকায় পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিয়ে সম্পূর্ণ নতুন একটা বার্তা লিখে দিল, যেটা হিল্ডাব্রান্ডার কাছে মনে হল অত্যন্ত হৃদয়স্পর্শী। সে যখন টেলিগ্রাফ অফিস ত্যাগ করলো তখন তার দু’চোখ অশ্রুসজল।

সে ফারমিনা ডাজাকে এসে বলল, ও দেখতে বিশ্রী আর বিমর্ষ চেহারা, কিন্তু তার আগাগোড়া ভালোবাসায় পূর্ণ।

ফারমিনা ডাজা সম্পর্কে যা হিল্ডাব্রান্ডার সব চাইতে খারাপ লাগে তা হল তার একাকিত্ব। সে ওকে বললো, ওকে দেখে মনে হয় ও যেন কুড়ি বছরের এক অনূঢ়া বুড়ি। সে নিজে অভ্যস্ত ছিল বিশাল বাড়ির ছড়ানো-ছিটানো পরিবারের পরিবেশে, সেখানে কোনো এক বিশেষ সময়ে কতো জন বাস করছে কিংবা কতো জন খাচ্ছে সে সম্পর্কে কেউই নিশ্চিত ভাবে কিছু বলতে পারতো না। তাই হিল্ডাব্রান্ডার পক্ষে কল্পনা করাও কঠিন ছিল কেমন করে তার বয়েসী একটি মেয়ে মঠের সন্ন্যাসিনীর মতো এরকম নিঃসঙ্গ ব্যক্তিগত জীবনযাপন করতে পারে। আর ব্যাপারটা ছিল সত্য : সকাল ছ’টায় জেগে ওঠার পর থেকে রাতে শোবার ঘরে আলো নিভিয়ে দেবার পূর্ব পর্যন্ত ফারমিনা ডাজা ব্যস্ত থাকতো শুধু সময় কাটানো নিয়ে। জীবন তার ওপর চাপানো ছিল বাইরে থেকে। প্রথমে, মোরগ ডাকার সঙ্গে সঙ্গে দুধওয়ালা সদর দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙাতো। তারপর হত মেছুনীর করাঘাত, শ্যাওলার শয্যায় শায়িত মৃত্যুপথযাত্রী লাল সামুদ্রিক মাছের সম্ভার একটা বাক্সে নিয়ে সে আসতো, তারপর আসতো আঁকানো ফল বিক্রেতারা, মারিয়া লা বাহা থেকে শাকসজী নিয়ে আর সান জামিন্টো থেকে নানা রকম ফুল নিয়ে। তারপর সমস্ত দিন ধরে কেউ না কেউ দরজায় ধাক্কা দিতেই থাকে : ভিক্ষুক, লটারির টিকিট বিক্রি করা মেয়েরা, দাঁতব্য প্রতিষ্ঠানের সিস্টার, গুচ্ছের কাহিনী নিয়ে ছুরি ধার করানোর লোক, বোতল কেনার লোক, পুরনো সোনা কেনার লোক, পুরনো খবরের কাগজ কেনার লোক, তাস দেখে, হাতের রেখা দেখে, কফির দানা দেখে, জলের গামলায় জল দেখে ভবিষ্যদ্বাণী করার দাবীদার নকল জিপসির দল। গালা প্রসিডিয়া সারা সপ্তাহ ধরে শুধু দরজা খুলতো আর বন্ধ করতো, ক্রমাগত বলে যেতো, না, আর একদিন এসো, কিংবা বারান্দা থেকে বিরক্তি ভরে চিৎকার করে বলতো, আর জ্বালাতন করো না, আমাদের যা যা দরকার সব কেনা হয়ে গেছে। সে এতে উদ্দীপনা ও শোভনতার সঙ্গে এসকোলাস্টিকা পিসির জায়গা অধিকার করে নিয়েছিল যে ফারমিনা প্রায়ই ওদের দুজনকে তার মনের মধ্যে গুলিয়ে ফেলতো। ওর মধ্যে ছিল সত্যিকার ক্রীতদাসের নিবেদিতচিত্ততা। অবসর পেলেই সে কাজের মাঝে গিয়ে চাদর-পর্দা ইত্যাদি ইস্ত্রি করতো। ওগুলি সে তুলে রাখতো নিখুঁত ভাবে, ল্যাভেন্ডার দিয়ে আলমারিতে। তার সদ্য ধোয়া জামাকাপড়ই যে সে ইস্ত্রি ও ভাঁজ করে রাখতো তাই নয়, ব্যবহার না করার জন্য যেগুলি হয়তো ঈষৎ অনুজ্জ্বল হয়ে গেছে সেগুলিও সে সযত্নে ইস্ত্রি করতো। ফারমিনা ডাজার মা ফারমিনা সাঞ্চেজ মারা গেছেন চৌদ্দ বছর আগে, তার কাপড়জামাও গালা প্লাসিডিয়া একই রকম যত্নের সঙ্গে আলমারিতে গুছিয়ে রাখতো। কিন্তু সব সিদ্ধান্ত ছিল ফারমিনার। কি রান্না হবে, কি কি জিনিস কিনতে হবে, প্রতিটি পরিস্থিতিতে কি করতে হবে তার নির্দেশ দিতো ফারমিনা ডাজা। সে-ই ঠিক করে দিতো এই বাড়ির পুরো জীবনধারা, যেখানে আসলে ঠিক করার কিছুই ছিল না। খাঁচাগুলি ধুয়ে পরিষ্কার করে পাখিদের খাওয়ানোর পর, ফুল গাছগুলির পরিচর্যার শেষে, ফারমিনা আর কি করবে ভেবে পেত না। স্কুল থেকে বহিষ্কৃত হবার পর সে প্রায়ই দিবান্দ্রিার সময় যে শুয়ে পড়তে পর দিনের আগে আর জেগে উঠতো না। ছবি আঁকার ক্লাসগুলি ছিল সময় কাটাবারই একটা ঈষৎ প্রীতিপ্রদ পন্থা।

এস্কোলাস্টিকা পিসির বিতাড়নের পর থেকে বাবার সঙ্গে ওর স্নেহের সম্পর্কের অবসান ঘটেছিল, তবে কেউ কাউকে অযথা বিরক্ত না করে একসঙ্গে থাকার একটা পথ উভয়েই বের করে নিয়েছিল। ফারমিনা ঘুম থেকে ওঠার আগেই লোরেঞ্জো ডাজা তাঁর ব্যবসার কাজে বেরিয়ে যেতেন। দুপুরের খাবার টেবিলে তিনি কদাচিৎ অনুপস্থিত থাকতেন, যদিও তিনি প্রায় কিছুই মুখে দিতেন না, প্যারিস ক্যাফের আহার পূর্ববর্তী সুরা আর খুচরা এটা-ওটা খেয়েই তিনি তৃপ্ত থাকতেন। রাত্রেও কিছু খেতেন না। ওরা টেবিলে তার খাবার ঢাকা দিয়ে রাখতো, সব কিছু একটা থালায়, তার ওপর আরেকটা থালা চাপানো থাকতো, যদিও সবাই জানতো যে পরদিন প্রাতরাশের আগে তিনি কিছু ছোঁবেন না, তখন এই সব আবার গরম করে তার সামনে পরিবেশন করা হত। সপ্তাহে এক দিন তিনি মেয়েকে সংসার খরচের টাকা দিতেন, সতর্কতার সঙ্গে হিসাব করে, এবং এটা পরিচালনা করতেন কঠোর ভাবে, তবে মেয়ে যদি কোনো অপ্রত্যাশিত খরচের জন্য কখনো বাড়তি কিছু টাকা চাইতো তখন তিনি সানন্দে তার অনুরোধ রাখতেন। তবে তিনি কখনো মেয়ের কাছ থেকে তার খরচের কোনো হিসাব নিতেন না, কিন্তু তাঁর মেয়ে সর্বদা এমন ভাবে সব হিসাব বুঝিয়ে দিত যে মনে হত সে যেন কোনো ধর্মীয় বিচারালয়ে তার কাজের কৈফিয়ত দিচ্ছে। নিজের ব্যবসার প্রকৃতি বা অবস্থা সম্পর্কে তিনি মেয়েকে কোন দিন কিছু বলেন নি, বন্দরে তার অফিসে তাকে কখনো নিয়ে যান নি, সেটা এমন একটা জায়গায় অবস্থিত ছিল যেখানে বাবার সঙ্গেও ভদ্র ঘরের মেয়েদের যাতায়াত ছিল নিষিদ্ধ। লোরেঞ্জো ভাজা রাত দশটার আগে বাড়ি ফিরতেন না। যুদ্ধের অপেক্ষাকৃত কম সঙ্কটকালীন সময়ে তখন সান্ধ্য আইন বলবৎ হত। তার আগে পর্যন্ত তিনি প্যারিস ক্যাফেতে একটার পর একটা খেলায় অংশ নিতেন। সালের সব খেলায় তিনি ছিলেন পারদর্শী, ভালো একজন শিক্ষকও। তিনি বাড়ি ফিরতেন অপ্রমও অবস্থায়, মেয়ের ঘুম বা বিশ্রামে কখনো ব্যাঘাত ঘটাতেন না, যদিও ঘুম থেকে উঠে অ্যানিসেট সুরার প্রথম গ্লাসটি পান করার পর থেকে সারাদিন নিয়মিত বিরতি দিয়ে তিনি ওই সুরা পান চালিয়ে যেতেন, সেই সঙ্গে আগুন না ধরানো তাঁর সিগারের প্রান্তদেশ চিবুতে থাকতেন। কিন্তু একদিন রাতে ফারমিনা তার ফেরার শব্দ পেলো। সে সিঁড়িতে তার কসাক-পদধ্বনি শুনলো, দোতলার হলঘর থেকে তাঁর ভারি ঘন নিঃশ্বাস পতনের শব্দ শুনলো, তারপর শুনলো ওর শোবার ঘরের দরজায় তার হাতের চেটো দিয়ে সজোরে করাঘাতের শব্দ। ও দরজা খুলে বাবার বাকানো চোখ আর জড়িত গলা শুনে এই প্রথম ভয় পেল।

আমাদের সর্বনাশ হয়ে গেছে, তিনি বললেন। আমাদের সর্বস্ব হারিয়েছি আমরা!

শুধু ওই টুকুই বললেন তিনি, আর একটি কথাও না এবং তিনি যে সত্য কথা বলেছিলেন তা বুঝবার মতো কোনো কিছু ঘটলোও না। কিন্তু ওই রাতের পর ফারমিনা ডাজা উপলব্ধি করলো যে এই বিশ্বসংসারে সে একা। তার প্রাক্তন সহপাঠীরা যে-স্বর্গে আছে তার দ্বার তার জন্য বন্ধ। সে বাস করছে একটা সামাজিক শূন্যতার মধ্যে, বিশেষ করে স্কুল থেকে বহিষ্কৃত হবার পর থেকে। সে তার প্রতিবেশীদের প্রতিবেশী নয়, কারণ ওদের কাছে তার অতীত ছিল সম্পূর্ণ অজানা, ওরা তাকে দেখেছে শুধু প্রজেন্টেশান অব দি ব্লেসেড ভার্জিন অ্যাকাডেমির স্কুলের ইউনিফর্মে। তার বাবার ভুবন ছিল ব্যবসায়ী আর জাহাজে মাল তোলা ও খালাস করার লোকজনের ভুবন, আর প্যারিস ক্যাফের আশ্রয়ে ভিড় করা যুদ্ধের শরণার্থীদের ভুবন, আর নিঃসঙ্গ বন্ধুহীন মানুষদের ভুবন। গত বছর ছবি আঁকার ক্লাস তার নিঃসঙ্গতা কিছুটা প্রশমিত করেছিল, তার শিক্ষক দলীয় ভাবে ক্লাস নেয়া পছন্দ করতেন, তাই তিনি অন্য ছাত্রীদেরও ফারমিনা ডাজাদের সেলাই ঘরে নিয়ে আসতেন, কিন্তু তার জন্য ওরা সবাই ছিল স্বল্পকালীন ধার করা বন্ধু, তাদের। স্নেহ-প্রীতি ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যেতো। হিল্ডাব্রান্ডা চেয়েছিলো। বাড়িটা খুলে দিতে, তার মধ্যে হাওয়া বইয়ে দিতে, তার বাবার গানবাজনার শিল্পীদের আর আতশবাজির বাক্স নিয়ে আসতে, আর কার্নিভালের নাচের আয়োজন করতে, ওই সব উৎসবের ঝোড়ো বাতাস ফারমিনার পোকায় খাওয়া মনটাকে চাঙ্গা করে তুলতে পারতো, কিন্তু এই পরিকল্পনাগুলি কোনো কাজে এলো না, খুব সহজ একটা কারণে, আমন্ত্রণ করবার মতো কেউ তাদের ছিল না।

তবুও হিল্ডাব্রান্ডাই ফারমিনা ডাজাকে আবার জীবনের মধ্যে ঠেলে দিল। ছবি আঁকার ক্লাসের পর সে বিকালে শহরে ঘুরে বেড়াতে রাজি হল। সে রোজ তার পিসি এস্কোলাস্টিকার সঙ্গে যে পথে যেতো, তার জন্য ছোট পার্কটার যে বেঞ্চে ফ্লোরেন্টিনো আরিজা বই পড়ার ভান করে বসে থাকতো, তাদের চিঠি তারা যেখানে লুকিয়ে রাখতো, যে পথ ধরে ফ্লোরেন্টিনো তাদের অনুসরণ করতো, যে অশুভ জায়গায় একদা হোলি অফিসের কারাগার অবস্থিত ছিল, যাকে পরে পুনর্নির্মাণ করে প্রেজেন্টেশান অব দি ক্লেসেড ভার্জিন অ্যাকাডেমিতে রূপান্তরিত করা হয়, যে জায়গা সে তার সমস্ত অন্তরাত্মা দিয়ে ঘৃণা করে সব সে হিল্ডাব্রান্ডাকে দেখালো। তারা টিলার উপরে নিঃস্বদের সমাধিস্থলে আরোহণ করলো, ফ্লোরিন্টিনো আরিজা বাতাসের অনুকূলে ওইখানে দাঁড়িয়ে তার বেহালা বাজাতে যেন ফারমিনা ডাজা তার বিছানায় শুয়ে ওর সুরধ্বনি শুনতে পায়, আর ওখানে দাঁড়িয়ে তারা দুজন সমগ্র ঐতিহাসিক নগরীটি দেখতে পেল, বাড়িঘরের ভাঙা ছাদ, ক্ষয়িষ্ণু দেয়াল, কাঁটাবনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দুর্গগুলির জঞ্জাল, উপসাগরে দ্বীপপুঞ্জের আভাস, জলাভূমিতে গরিবদের ঝুপড়ি, সুবিস্তীর্ণ ক্যারিবীয় অঞ্চল।

বড়দিনের আগের রাতে ওরা মধ্যরজনীর বিশেষ উপাসনায় যোগ দিতে ক্যাথিড্রালে যায়। যে-আসনে বসে ফারমিনা ডাজা ফ্লোরেন্টিনো আরিজার একান্ত ব্যক্তিগত গোপনীয় বাজনা সব চাইতে স্পষ্ট ভাবে শুনতে পেতো ঠিক সেই আসনেই সে বসলো, এই রকম এক রাতে যেখানে সে প্রথম ওর ভীতিবিহ্বল চোখ খুব কাছে। থেকে দেখতে পায় সে স্থানটি সে হিল্ডাব্রান্ডাকে দেখালো। তারপর তারা দুজন সাহস করে, আর কারো সঙ্গ ছাড়াই, কলমপেশাজীবীদের চত্বরে যায়, মিষ্টি কেনে, আজব কাগজের দোকানে ঢুকে মজা পায়, আর ফারমিনা ডাজা ওর কাজিনকে ওই জায়গাটি দেখায় যেখানে সে অকস্মাৎ আবিষ্কার করে যে তার প্রেম একটা মরীচিকা ছাড়া আর কিছুই নয়। সে কিন্তু এতক্ষণ উপলব্ধি করে নি যে বাড়ি থেকে স্কুল পর্যন্ত তার প্রতিটি জায়গা, তার নিকট অতীতের প্রতিটি মুহূর্ত ছিল ফ্লোরেন্টিনো আরিজা কর্তৃক মহিমান্বিত, মনে হয় ওটা ছাড়া তাদের কোনো অস্তিত্বই নেই। হিল্ডাব্রান্ডা এদিকে তার দৃষ্টি আকর্ষণ করলে সে ব্যাপারটা স্বীকার করলো না, কারণ, ভালোর জন্য হোক কি মন্দের জন্য হোক, ফ্লোরেন্টিনো আরিজাই যে তার জীবনের একমাত্র ঘটনা ছিল তা সে কখনোই স্বীকার করতে রাজি হত না।

এই সময় শহরে একজন বেলজীয় ফটোগ্রাফার এসে উপস্থিত হয়। সে তার স্টুডিও সাজিয়ে বসে কলমপেশাজীবীদের চত্বরের শেষ প্রান্তে, আর যাদের পয়সা আছে তারা এই সুযোগে নিজেদের ছবি তুলিয়ে নেবার জন্য ব্যস্ত হয়ে পড়লো। তাদের মধ্যে ফারমিনা ও হিল্ডাব্রান্ডা ছিল একেবারে প্রথম দলে। ওরা ফারমিনা। সাঞ্চেজের কাপড়ের আলমারি খালি করে ফেললো, দুজনে ভাগ করে নিলো সব চাইতে সুন্দর পোশাক, ছাতা, টুপি, জুতা, আর নিজেদের সাজালো মধ্য-শতকের অভিজাত মহিলাদের মতো করে। গালা প্লাসিডিয়া ওদের সাহায্য করলো ওদের বক্ষবন্ধনীর ফিতা বাঁধতে, ফোলানো ঢোলা স্কার্টের নিচে তারের কাঠামোর নিচে কি ভাবে নড়তে চড়তে হবে তা সে ওদের শিখিয়ে দিল, কি ভাবে দস্তানা পরতে হবে আর উঁচু হিলের বুটের বোতাম কি ভাবে লাগাতে হবে তা দেখিয়ে দিল। হিল্ডাব্রান্ডা একটা চওড়া প্রান্তের উট পাখির পালক বসানো টুপি বেছে নিলো, পালকগুলি তার কাঁধের উপর ঝুলে পড়েছে। ফারমিনা বেছে নিলো একটা অপেক্ষাকৃত আধুনিক মডেলের টুপি, তার গায়ে বসানো প্ল্যাস্টারের ফল আর পশমের ফুল। তারপর আয়নায় নিজেদের দেখে ওরা হেসে কুটিকুটি হল, তাদের দিদিমাদের পুরনো দিনের আলোকচিত্রের সঙ্গে নিজেদের সাদৃশ্য দেখলো তারা, তারপর উফুল্ল চিত্তে প্রাণখুলে হাসতে হাসতে নিজেদের ছবি তোলাবার জন্য তারা পথে নামলো। বারান্দা থেকে গালা প্লাসিডিয়া দেখলো ভোলা ছাতা মাথায় ওরা পার্ক পেরিয়ে যাচ্ছে, উঁচু হিলের জুতা পরে একটু টলমল করছে, ফোলানো স্কার্টের নিচে নিজেদের শরীর ঠেলে দিচ্ছে, যেন বাচ্চাদের হাঁটাচ্ছে, আর ও তাদের আশীর্বাদ করলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করলো ওদের সুন্দর প্রতিকৃতির জন্য।

স্টুডিওর সামনে ততক্ষণে বিরাট ভিড় জমে গেছে। সম্প্রতি অনুষ্ঠিত পানামার বক্সিং প্রতিযোগিতায় বেনি সেন্টেনো চ্যাম্পিয়ন হয়েছে, তার ছবি তোলা হচ্ছে। সেন তার বক্সিং-এর খাটো প্যান্ট পরে আছে, হাতে বক্সিং-এর দস্তানা, মাথায় মুকুট, ওই ছবি তোলা বেশ কষ্টকর, লড়াই করার ভঙ্গিটা পুরো এক মিনিট ধরে রাখতে হবে, বেশি শ্বাস-প্রশ্বাস নেয়াও চলবে না, আর যখনই সে প্রতিপক্ষের আক্রমণ বাঁচাবার জন্য বিশেষ ভঙ্গিতে তার হাত একটু তুললো তখনই তার ভক্তরা উল্লাসে ফেটে পড়ে তাকে অভিনন্দন জানালো, আর সেও ওদের খুশি করার জন্য তার কলাকৌশল প্রদর্শনের লোভ সামলাতে পারলো না। ফারমিনা আর হিল্ডাব্রান্ডার পালা যখন এলো তখন আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসন্ন, তবু ওরা তাদের মুখে মণ্ডের মতো পাউডার মাখাতে দিল, তারপর শ্বেত পাথরের স্তম্ভের গায়ে আরাম করে হেলান দিয়ে দাঁড়ালো, আরাম পেয়ে প্রয়োজনের চাইতে বেশি সময় ওরা ওই ভাবে দাঁড়িয়ে থাকলো। একটা কালজয়ী চিত্র হয়েছিল ওটা। প্রায় একশো বছর বয়সে হিল্ডাব্রান্ডা যখন তার ফ্লোর ডি মারিয়ার খামার বাড়িতে মারা যায় তখন তার শোবার ঘরের তালা চাবি দেয়া আলমারিতে গন্ধ মাখানো চাঁদরের ভাঁজে ওরা এই ছবির একটা কপি পায়, সঙ্গের চিঠিতে একটা ভাবনার ফসিল ধৃত ছিল, ধূসর ও মলিন হয়ে গেছে। ফারমিনা ডাজা বহু বছর ধরে তার কপিটা তাদের পারিবারিক অ্যালবামের প্রথম পাতায় সেটে রেখেছিল, তারপর সেটা কখন এবং কিভাবে উধাও হয়ে যায় কেউ জানে না, কিন্তু অবিশ্বাস্য কয়েকটা ঘটনা চক্রের মাধ্যমে এক সময় সেটা ফ্লোরেন্টিনো আরিজার হাতে গিয়ে পড়ে, তখন ওদের দুজনের বয়সই ষাট পেরিয়ে গেছে।

স্টুডিও থেকে বেরিয়ে ফারমিনা আর হিল্ডাব্রান্ডা দেখলো যে সামনের খোলা চত্বর লোকে লোকারণ্য, বাড়ির বারান্দাগুলিতেও কোনো জায়গা খালি নেই। তারা ভুলে গিয়েছিল যে তাদের মুখে মাঢ় দেয় পাউডার মাখানো, ঠোঁটে চকোলেটের রঙ লাগানো, পরনের পোশাকের সঙ্গে আজকের দিন যা যুগের কোনো সম্পর্ক নেই। জনতা তাদের দেখে বিড়াল-ডাক ডাকলো, ঠাট্টা-বিদ্রুপে মেতে উঠলো। ওদের ঘৃণা-তাচ্ছিল্য থেকে পালাতে চাইলে তারা দুজন। জনতা তাদেরকে ঘিরে ফেললো, এমন সময় সোনালি রঙের অশ্বচালিত একটা জুড়িগাড়ি জনতার মধ্য দিয়ে পথ কেটে এগিয়ে এলো। বিড়াল ডাক বন্ধ হল, আর প্রতিকূল জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। হিল্ডাব্রান্ডা দেখল এক ব্যক্তি গাড়ির পাদানিতে এক পা রেখে দাঁড়িয়ে আছে, তার মাথায় সাটিনের টপ হ্যাট, জামায় ব্রোকেডের, কাজ, অভিজ্ঞ হাবভাব, চোখে স্নিগ্ধ মাধুর্য, কর্তৃত্বব্যঞ্জক উপস্থিতি, লোকটিকে প্রথম দেখার এই স্মৃতি হিল্ডাব্রান্ডা কখনো ভোলে নি।

আগে কখনো না দেখলেও সে তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। গত মাসে ফারমিনা ডাজা আলতো ভাবে তার উল্লেখ করেছিল, তার সম্পর্ক কোনো উৎসাহ দেখায় নি ও। একদিন বিকালে ও মারকু্যই ডি কাসালডুয়েরোর বাড়ির সামনে দিয়ে যেতে চায় নি, ওই বাড়ির দোরগোড়ায় সোনালি অশ্বচালিত একটা জুড়ি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটির মালিক কে সেকথা ও তাকে বলেছিল, তার প্রতি ওর বিরূপ মনোভাবের কারণ ও ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি যে ওর পাণিপ্রার্থী সে বিষয়ে একটি কথাও বলে নি। হিল্ডাব্রান্ডা তারপর তার সম্পর্কে দ্বিতীয় বার চিন্তা করে নি, কিন্তু আজ তাঁকে জুড়ি গাড়িটির দরজার সামনে, পাদানিতে এক পা আর মাটিতে এক পা রেখে দাঁড়িয়ে থাকতে দেখার সঙ্গে সঙ্গে, সে তাকে চিনে ফেলে, আর তার মনে হল লোকটি যেন রূপকথার জগত থেকে উঠে এসেছে এবং তখন ফারমিনা ডাজার মতিগতি সে কিছুই বুঝতে পারলো না।

ডাক্তার জুভেনাল উরবিনো বললেন, দয়া করে উঠে পড়ন, যেখানে যেতে চান আমি আপনাদের সেখানেই পৌঁছে দেবো।

ফারমিনা ডাজা প্রত্যাখ্যান করতে যাচ্ছিল কিন্তু হিল্ডাব্রান্ডা তার আগেই প্রস্তাবটা গ্রহণ করে ফেলে। ডাক্তার জুভেনাল উরবিনো লাফ দিয়ে নিচে নেমে, তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে, প্রায় স্পর্শ না করে হিল্ডাব্রান্ডাকে গাড়িতে উঠতে সাহায্য করলেন। উপয়ান্তর না দেখে ফারমিনা ডাজাও তার পেছন পেছন উঠে পড়লো, ভীষণ বিব্রত বোধ করলো সে, তার মুখ যেন পুড়ে যাচ্ছে।

ওদের বাড়ি কাছেই, মাত্র তিন ব্লকের দূরত্ব। ওরা লক্ষ করে নি, কিন্তু ডাক্তার নিশ্চয়ই কোচোয়ানকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন, কারণ গন্তব্য স্থানে পৌঁছতে প্রায় আধ ঘণ্টা লেগেছিল। গাড়িতে হিল্ডাব্রান্ডা আর ফারমিনা বসলো প্রধান আসনে, আর ডাক্তার ওদের উল্টোদিকে, গাড়ির পেছন দিকে মুখ করে। ফারমিনা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিজেকে শূন্যতার মধ্যে হারিয়ে ফেললো, কিন্তু হিল্ডাব্রান্ডাকে খুব খুশি মনে হলো, আর তার খুশি ডাক্তারকে ততোধিক খুশি করে তুললো। গাড়ি চলতে শুরু করতেই হিল্ডাব্রান্ডা অনুভব করলো চামড়ার আসনের উষ্ণ গন্ধ, ভেতরের অন্তরঙ্গ নিভৃতি, আর সে বলে উঠল যে এই রকম চমৎকার জায়গায় স্বচ্ছন্দে জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দেয়া যায়। একটু পরেই সে আর ডাক্তার হাসতে আরম্ভ করলো, একে অন্যকে কৌতুক কাহিনী শোনালো যেন তারা অনেক দিনের বন্ধু, তারপর তারা শুরু করলো বাকবৈদগ্ধের প্রতিযোগিতা, একটা খাপছাড়া শব্দের পাশে আরেকটা খাপছাড়া শব্দ বসিয়ে শব্দের মজার খেলা খেলতে লাগলো। ওরা ভান করলো যেন ওরা কি করছে ফারমিনা তা বুঝতে পারছে না, যদিও ওরা দুজনেই জানতো ফারমিনা যে তাদের কথা শুধু বুঝতেই পারছে তাই নয়, সে মনোযোগ দিয়ে তাদের কথা শুনছেও, আর আসলে ওরা সেজন্যই ওটা করছিলো। অনেকক্ষণ হাসাহাসির পর হিল্ডাব্রান্ডা জানালো যে সে তার বুট জুতার নির্যাতন আর সহ্য করতে পারছে না। ডাক্তার বললেন, এর সমাধান অতি সহজ। দেখা যাক, কে আগে খুলতে পারে।

তিনি তার নিজের জুতার ফিতা খুলতে আরম্ভ করলেন। হিল্ডাব্রান্ডার পক্ষে কাজটা সহজ হল না, কারণ শক্ত করে আটকানো বক্ষবন্ধনীর জন্য তার নিচু হতে অসুবিধা হচ্ছিল। ডাক্তার ইচ্ছা করে সময় নিলেন, অবশেষে হিল্ডাব্রান্ডা বিজয়ীর হাসি হেসে তার স্কার্টের তলা থেকে নিজের বুট জোড়া উঁচু করে তুলে ধরলো, যেন এই মাত্র পুকুর থেকে সে মাছ ধরলো। তারা উভয়ে ফারমিনার দিকে তাকালো, অস্তগামী সূর্যের রশ্মি তার সোনালি অরিওল পাখির মতো অপরূপ মুখের এক পাশে পড়ে তাকে আরো তীক্ষ্ণ করে তুলেছে। তিনটি কারণে ফারমিনা ডাজা ভীষণ রেগে গেছে : প্রথমত, একটা অবাঞ্ছিত অবস্থায় পড়েছে সে, দ্বিতীয়ত, হিল্ডাব্রান্ডা একটা ছিনালের মতো আচরণ করছে, তৃতীয়ত, সে নিশ্চিত যে গাড়িটা বৃত্তাকারে ঘুরছে তো ঘুরছেই যেন তাদের বাড়ি পৌঁছতে দেরি হয়। কিন্তু ততক্ষণে হিল্ডাব্রান্ডা বল্গাহীন হয়ে উঠেছে।

সে বলল, এখন আমি বুঝতে পারছি আমাকে যা কষ্ট দিচ্ছিল তা জুতা নয়, এই তারের খাঁচাটা।

ডাক্তার বুঝলেন যে ও তার ফোলানো স্কার্টের কথা বলছে। তিনি দ্রুত ধাবমান সুযোগটা খপ করে ধরে ফেললেন, ‘এর সমাধান অতি সহজ। খুলে ফেলুন।’ তারপর তিনি হাতের ভেল্কিবাজের মতো চোখের পলকে পকেট থেকে তার রুমাল বার করে চোখ ঢাকা দিয়ে বললেন, ‘আমি তাকাবো না।’

তার কালো গোল করে ছাটা দাড়ি আর অগ্রভাগ মোম দিয়ে ছুঁচালো করা গোঁফ দিয়ে ঘেরা তার ঠোঁটের নির্মল পবিত্রতা চোখ দুটি রুমাল দিয়ে আড়াল করার ফলে আরো স্পষ্ট হয়ে ধরা পড়লো। হিল্ডাব্রান্ডা ফারমিনার দিকে তাকালো, সে দেখলো যে এখন ও আর ক্ষিপ্ত নয়, বরং ভীত, কি জানি সে কি সত্যিই তার স্কার্ট খুলে ফেলবে? হিল্ডাব্রান্ডা তক্ষুনি গম্ভীর হয়ে গেল, ইশারায় জানতে চাইলো : এখন আমরা কি করবো? ফারমিনাও ইশারার ভাষাতেই উত্তর দিলো, ওরা যদি এক্ষুনি সোজা বাড়ি ফিরে না যায় তাহলে সে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে ঝাঁপ দেবে।

ডাক্তার বললেন, ‘আমি অপেক্ষা করে আছি।’

হিল্ডাব্রান্ডা বলল, ‘এখন দেখতে পারেন।‘

ডাক্তার জুভেনাল উরবিনো যখন তার চোখ বাঁধা রুমাল খুলে ফেললেন তখন দেখলেন যে হিল্ডাব্রান্ডা বদলে গেছে। তিনি বুঝলেন যে খেলা শেষ হয়েছে এবং খুব ভালো ভাবে তা শেষ হয় নি। তার ইঙ্গিত পেয়ে কোচোয়ান গাড়ি ঘুরিয়ে ইভানজেলস পার্কের মধ্যে ঢুকলো। বাতিওয়ালা রাস্তার আলোগুলি জ্বালতে শুরু করেছে। সবগুলি গির্জা থেকে সান্ধ্যকালীন উপাসনার ঘণ্টাধ্বনি বেজে চলেছে। হিল্ডাব্রান্ডা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লো। সে ঈষৎ উদ্বিগ্ন হল, সে কি ফারমিনার বিরক্তি উৎপাদন করেছে? অমনোযোগের সঙ্গে সে ডাক্তারের করমর্দন করে তাঁর কাছ থেকে বিদায় নিলো। ফারমিনাও তাই করলো, কিন্তু সে যখন তার সাটিনের দস্তানা পরা হাতটা টেনে নিতে চেষ্টা করল তখন ডাক্তার ওর আংটির আঙ্গুলে চাপ দিয়ে বললেন, ‘আমি কিন্তু আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি।’

ফারমিনা ওর হাতটা আরো জোরে টানলো, তখন দেখা গেল ডাক্তারের হাতে তার শূন্য দস্তানাটা ঝুলছে, ফারমিনা আর তা উদ্ধার করার জন্য অপেক্ষা করলো না। সে কিছু না খেয়ে সোজা বিছানায় শুতে চলে গেল। হিল্ডাব্রান্ডা রান্নাঘরে গালা প্লাসিডিয়ার সঙ্গে তার রাতের খাওয়া শেষ করে, যেন কিছুই হয়নি এমনি ভাব করে তাদের শোবার ঘরে এসে ঢুকলো, আর তারপর তার সহজাত বুদ্ধিদীপ্ত চটুলতার সঙ্গে বিকালের ঘটনাবলীর ওপর মন্তব্য করতে লাগলো। ডাক্তার উরবিনোর সুরুচি ও মাধুর্যের কথা, তার সম্পর্কে ওর নিজের উচ্ছ্বাস, কিছুই সে গোপন করার চেষ্টা করলো না। ফারমিনা কিছু বললো না, কিন্তু ভেতরে ভেতরে রেগে আগুন হল। এক পর্যায়ে হিল্ডাব্রান্ডা জানালো যে ডাক্তার উরবিনো যখন নিজের চোখ বেঁধে নিয়েছিলেন তখন তার গোলাপি ঠোঁটের পেছনে তার নিখুঁত দন্তপাতির ঔজ্জ্বল্য দেখে তার অদম্য ইচ্ছা হচ্ছিল তাঁকে চুমোয় চুমোয় ভরিয়ে দিয়ে একেবারে গিলে ফেলতে। ফারমিনা ডাজা ঘুরে দেয়ালের দিকে মুখ করে শুলো, তার মুখে কোনো অভিযোগের চিহ্ন নেই, বরং হাসি ছিল একটু, কিন্তু সে সর্বান্তকরণে এই আলাপের ইতি টানতে চাইলো। সে বললো, তুমি না, একটা বেশ্যারও অধম!

<

Super User