০৯.

বিলিদের আগাছাভরা পুরানো চত্বরে বড়ই বেমানান লাগছে তিন গোয়েন্দার ভাড়া করে আনা চকচকে নতুন গাড়িটা।

টোকা দিতে দরজা খুলে দিলেন বিলির মা। ঘরে নিয়ে গেলেন তিন গোয়েন্দাকে। ওদের অনুরোধে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন বাড়ির ভেতরটা। হলের শেষপ্রান্তের একটা পুরানো দরজা ধরে টান দিলেন। ক্যাচকোচ করে প্রতিবাদ জানাল মরচে পড়া কজা। বিলির ঘরের বদ্ধ বাতাসের ভাপসা গন্ধ গোয়েন্দাদের নাকে এসে ধাক্কা মারল যেন।

আমার ছেলের স্বভাব ভাল না, মা বললেন, আমি নিজেই স্বীকার করছি সেটা। যে কারণে অনেকেই ওকে দেখতে পারে না। কিন্তু কারও ক্ষতি করার একটা পিঁপড়ে মারারও ক্ষমতা নেই ওর। কি করেছে ও?

দুই সহকারীর দিকে তাকাল কিশোর। ইঙ্গিতে চেপে যেতে বলল ওদের। বিলির মায়ের দিকে ফিরে বলল, এঘরে কয়েকটা মিনিট আমরা একা থাকতে চাই, মিসেস ফক্স। কোন অসুবিধে আছে?

ঘর থেকে পিছিয়ে বেরিয়ে গেলেন বিলির মা। আস্তে করে দরজাটা লাগিয়ে দিল কিশোর। যত আস্তেই লাগাক, কজার প্রতিবাদ বন্ধ করতে পারল না।

বাড়ির বাকি ঘরগুলোও শোচনীয়, তবে এটার অবস্থা সবচেয়ে খারাপ। নরক বানিয়ে রেখেছে বিলি। দিনের বেলাতেও অন্ধকার। জানালার সমস্ত পর্দা, টেনে দেয়া। বাতাস চলাচল করতে পারে না বলে স্যাঁতসেঁতে হয়ে আছে। ভাপসা গন্ধের মধ্যে শ্বাস নেয়া কঠিন। বিছানাটা অগোছাল। মেঝেতে ছিটানো বহুকালের অধোয়া ময়লা কাপড়-চোপড়। যেখানে সেখানে ফেলে রেখেছে মোটর গাড়ির বাতিল যন্ত্রাংশ। ছাত আর দেয়ালের হেন জায়গা নেই, যেখানে গাড়ির ছবি আর ভিডিও গেমের পোস্টার লাগায়নি। বড় একটা ফিশ অ্যাকোয়ারিয়ামও দেখা গেল। তবে ওটা বিলির কিনা বোঝা গেল না। বহু আগেই শুকিয়ে গেছে। শ্যাওলা শুকিয়ে কালো হয়ে গিয়ে লেগে রয়েছে। নোংরা কাচের দেয়াল আর তলার পাথরে। মাছের চিহ্নও নেই।

পোস্টারগুলোর ওপরে আবার বিভিন্ন ম্যাগাজিন থেকে ছবি কেটে নিয়ে লাগিয়েছে বিলি। বিখ্যাত সব খেলোয়াড়, গায়ক, মডেল আর অভিনেতার ছবি, যাদের সঙ্গে কোনকালে দেখা হয়নি ওর। ওগুলোর পাশে সাটানো ছোট একটা সাদাকালো ছবি দৃষ্টি আকর্ষণ করল কিশোরের। একটা মেয়ে। মডেলগুলোর চেয়ে কম সুন্দরী নয়। বয়েস খুবই কম। কিশোরীই বলা চলে। নিষ্পাপ চাহনি।

বিলির আলমারি খুঁজতে লাগল মুসা আর রবিন।

আজেবাজে জিনিসের মধ্যে ঘাটতে ঘাটতে একটা ছেঁড়া জুতো পেয়ে গেল মুসা। বের করে দেখাল। কিশোর, দেখো, সাইজটা বোধহয় ঠিকই আছে।

সাড়ে আট?

মাথা ঝাঁকাল মুসা।

শুধু এতেই প্রমাণ হয় না লেসলি কার্টারিসকে খুন করেছে সে, রবিন বলল।

জবাব না দিয়ে আবার ছবিটার দিকে ফিরল কিশোর।

পেলে কিছু ওর মধ্যে? ছবিটা দেখিয়ে জানতে চাইল রবিন।

বুঝতে পারছি না, নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। তবে মনে হচ্ছে কোন বৈশিষ্ট্য আছে।

কিশোরের পাশে এসে দাঁড়াল রবিন।

আরও জুতো পাওয়া যায় কিনা খুঁজছে মুসা।

ছবিটার দিকে তাকিয়ে প্রশ্ন করল রবিন, মেয়েটা কে?

জানি না, চিন্তিত ভঙ্গিতে কিশোরও তাকিয়ে আছে ওটার দিকে। মনে হচ্ছে কোন বর্ষপঞ্জি থেকে কেটে নেয়া।

ঘুরে দাঁড়াল মুসা। আলমারি থেকে একটা বর্ষপঞ্জি বের করে দেখিয়ে বলল, এটা থেকে নেয়নি তো?

কোন পাতা থেকে ছবিটা কাটা হয়েছে, বের করতে সময় লাগল না। যে পাতায় ছবিটা ছিল, সেখানে চারকোনা কাটা। নিচে একটা নাম।

মিলি হাওয়ার্ড, পড়ল রবিন।

হাওয়ার্ড! চোখের পাতা সরু করে ফেলল কিশোর। পরিচিত লাগছে না!

*

টো ট্রাকে বসে কফি খাচ্ছেন জোসেফ হাওয়ার্ড, এই সময় ফোন এল। দুই ঢোকে বাকি কফিটুকু শেষ করে কাগজের কাপটা ছুঁড়ে ফেললেন বাইরে। এঞ্জিন চালু করে গিয়ার দিয়ে তাড়াতাড়ি গাড়ি ঘোরালেন। ছুটলেন হিলটাউন পাসে।

গত দুই মাসে কতবার যে তিনি এখানে এসেছেন, হিসেব নেই আর। চৌরাস্তায় অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানীং। বহুবার আসতে হয়েছে তাকে এখানে, দোমড়ানো গাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে তার কাছে। বিশেষজ্ঞ ডেকে এনে চৌরাস্তার ট্র্যাফিক লাইটগুলো পরীক্ষা করে জানা দরকার, সমস্যাটা কোথায়? কাউন্টি প্ল্যানিং কমিশনে চিঠি লেখার কথাও ভেবেছেন তিনি।

তবে আজ আর ওসব কথা ভাবছেন না। আনমনে গাড়ি চালাতে চালাতে বরং ভাবছেন ছেলেটার কথা। বিলি ফক্স। গতকাল লাঞ্চের সময় গ্যারেজে গিয়েছিল মিলি। ওকে নার্ভাস মনে হয়েছে। আচরণে অস্থিরতা ছিল। কয়েকবার ওকে জিজ্ঞেস করার পর শুধু বিলির নামটা বলেছে। আর কিছু বলেনি।

কয়েক মাস আগে মিলির চাপাচাপিতে ছেলেটাকে কাজে নিয়েছিলেন তিনি। ধীরে ধীরে একটা মায়া জন্মে গেছে ওর ওপর। পিতৃস্নেহই বলা যায়। ছেলেটার ভাঙা স্বাস্থ্য, বিষণ্ণতা, অমিশুক আচরণ এবং কাজের দক্ষতা ও বিশ্বস্ততা এ সব কিছু তার প্রতি মমতা বাড়িয়ে দিয়েছে তার।

কিন্তু যত মমতাই জন্মাক, বিলি যদি তাঁর একমাত্র মেয়ের অশান্তির কারণ হয়ে থাকে, ওকে বিয়ে করা ছাড়া উপায় থাকবে না। কিন্তু কি বলে ওকে বিদেয় করবেন? কাজের ব্যাপারে কোন খুত পাওয়া যায়নি তার। কোন ছুতো দেখিয়ে বরখাস্ত করা যাবে না। মিথ্যে বলতে পারবেন না তিনি। ছেলেটাকে তিনি পছন্দ করেন, মুখের ওপর এসো না-ও বলে দিতে পারবেন না। তাহলে? আজ বিলির ছুটি। সময় আছে। পরে শান্ত মাথায় ভেবেচিন্তে একটা উপায় বের করা যাবে।

অ্যামবুলেন্সের পেছন পেছন চৌরাস্তায় পৌঁছলেন হাওয়ার্ড। গাড়ি থামিয়ে কাজ শুরু করার আগে চারপাশে একবার চোখ বোলালেন। গর্তে পড়ে আছে। নতুন মডেলের একটা ফোর্ড। একটা পুরানো ট্রাক টেলিফোন পোস্টে নাক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পেছনটা এমন করে রাস্তা জুড়ে রয়েছে, পুবদিকে। যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। গাড়ি জমে গেছে। এই শূন্যতার মাঝেও কি করে যেন ভিড় জমে গেছে কৌতূহলী দর্শকের।

পার্কিং ব্রেক টেনে দিয়ে গাড়ি থেকে নামলেন হাওয়ার্ড। ট্রাকের পেছনের সরু ফাঁক দিয়ে একবারে একটামাত্র গাড়ি বেরোতে পারে। শেরিফের অফিসের একজন ডেপুটি ওখানে দাঁড়িয়ে গাড়িগুলোকে বের করে দেয়ার চেষ্টা চালাচ্ছে।

সেদিকে এগিয়ে গেলেন হাওয়ার্ড- কি হয়েছে?

কি আর হবে, বিরক্তকণ্ঠে চেঁচিয়ে জবাব দিল ডেপুটি, পোলাপানের কাণ্ড! বাপের নতুন গাড়ি পেয়েছে। নতুন লাইসেন্স পেয়েছে। চালানো শুরু করেছে বেপরোয়া। ফলে যা ঘটার ঘটেছে। গাড়ির একেবারে পেট বরাবর মেরে দিয়েছে ট্রাক।

ছেলেটার কি অবস্থা?

বাঁচবে বলে মনে হয় না।

আহহা!

বিলির ওপর নতুন করে মায়াটা বেড়ে গেল হাওয়ার্ডের। ওকে ভাগানোর চিন্তাটা মাথা থেকে আপাতত বাদ দিলেন। কিছু করার আগে ব্যাপারটা নিয়ে মিলির সঙ্গে ভালমত আলোচনা করতে হবে। বিলির কতখানি দোষ, বিবেচনা করা দরকার। এমনও হতে পারে।

বুকের বাঁ পাশে তীক্ষ্ণ একটা ব্যথা ভেঙে তছনছ করে দিল সমস্ত চিন্তা ভাবনা। মুখ বিকৃত করে ফেললেন। দম নিতে কষ্ট হচ্ছে। ব্যথা সহ্য করে কোনমতে ফুসফুসে বাতাস টেনে নিয়ে ধীরে ধীরে ছাড়লেন।

কি হলো? বুঝতে পারছেন না তিনি। এমন লাগছে কেন? আরেকবার দম নিলেন। বাঁ কাধটা অবশ হয়ে যাচ্ছে। এটাকেই কি বলে হার্টবার্ন? হার্ট অ্যাটাক হচ্ছে? মিলির আশঙ্কাই ঠিক। অনেক দিন থেকে তাকে চর্বিওয়ালা জিনিস খেতে বারণ করে আসছে। শোনেননি। চর্বিই তার বেশি পছন্দ।

খসখসে গলায় ডেপুটিকে জিজ্ঞেস করলেন, ট্রাকটা সরাব?

লাইন দিয়ে দাঁড়িয়ে যাওয়া গাড়িগুলোকে সরাতে ব্যস্ত ডেপুটি। হাওয়ার্ডের দিকে না তাকিয়েই বলল, শেরিফকে জিজ্ঞেস করুন।

ট্রাকের কাছে দাঁড়িয়ে আছেন শেরিফ। ড্রাইভারের স্টেটমেন্ট নিচ্ছেন।

হাওয়ার্ডের বুকের ব্যথাটা কমছে না। বরং বাড়ছে। বুক ডলতে ডলতে ঘন ঘন শ্বাস নিচ্ছেন। শ্বাস নিতেও কষ্ট। একবারে বাতাস টেনে ফুসফুস ভরে না ফেলে অল্প অল্প করে টানছেন।

 ফিরে তাকাতে তাঁর ওপর চোখ পড়ল ডেপুটির। কি হয়েছে, মিস্টার হাওয়ার্ড? এমন লাগছে কেন আপনাকে? অসুস্থ নাকি?

সমস্যাটা বলতে যাচ্ছিলেন হাওয়ার্ড, এই সময় ভিড়ের কিনারে একটা পরিচিত মুখ চোখে পড়ল।

বিলি ফক্স! ওকে এখানে দেখবেন ভাবেননি

একটা অদ্ভুত অনুভূতি হলো তার। মনে হলো বুকের মধ্যে ঢুকে গেছে। বিলি। ব্যথাটাকে জুলুনি থেকে আস্তে আস্তে ঠেলে ভয়াবহ যন্ত্রণার দিকে নিয়ে। যাচ্ছে। বুকের মধ্যে আগুন জ্বলতে আরম্ভ করল যেন তার।

বিলি কি করে তার ভেতরে ঢুকবে! এই উদ্ভট ভাবনা কেন?

অনুভূতিটা কিছুতেই যাচ্ছে না মন থেকে। হৃৎপিণ্ড খামচি দিয়ে ধরে তাকে খুন করছে ছেলেটা।

ডেপুটির দিকে ফিরে কথা বলার জন্যে মুখ খুললেন। যন্ত্রণাকাতর একটা গোঙানি বেরোল, শুধু। ব্যথার আরেকটা বর্শা এসে ঘ্যাঁচ করে বিধল যেন হৃৎপিণ্ডে। চোখের সামনে মহাসড়কটা আবছা হয়ে এল।

হাওয়ার্ডের দেহটা বাঁকা হয়ে যেতে দেখল ডেপুটি। গাড়ি সরানো বাদ। দিয়ে দৌড়ে এসে ধরে ফেলল তাঁকে।

*

ভিড়ের কিনারে দাঁড়িয়ে আরও অনেকের সঙ্গে স্বরচিত বাস্তব নাটকটা দেখছে বিলি।

কি হলো, বিলি? শঙ্কিত কণ্ঠে জানতে চাইল পটেটো।

কানেই তুলল না বিলি। জবাব দিল না।

হাওয়ার্ডের হৃৎপিণ্ডটা তার বুকের খাঁচায় বেঁচে থাকার জন্যে আকুলি বিকুলি করছে। রাস্তার ওপর শুইয়ে দেয়া হয়েছে তাঁকে। চিৎকার করে। ডাক্তারদের ডাকছে ডেপুটি।

হাওয়ার্ডকে মাটিতে দেখে দৌড়ে এলেন একজন ডাক্তার।

আপনমনে হাসল বিলি। কিছুই করতে পারবে না ওরা, ভাবল সে। বোকার দল। চেষ্টাই হবে সার। কাজের কাজ কিছু হবে না।

কি হয়েছে? চিৎকার করে জানতে চাইলেন ডাক্তার।

হাওয়ার্ডের পাশ থেকে উঠে গিয়ে ডাক্তারকে জায়গা করে দিল ডেপুটি। বুঝলাম না! বেহুশ হয়ে গেলেন হঠাৎ!

ভাল করে দেখার জন্যে পাশে সরল বিলি।

পটেটোও সরে এল তার সঙ্গে সঙ্গে।

হাওয়ার্ডের গলার কাছে আঙুল চেপে ধরে নাড়ী দেখছেন ডাক্তার।

আনমনে মাথা নাড়ছে বিলি। যেন ক্রিকেট খেলায় নিজের দলকে হারতে দেখে হতাশ হয়েছে খুব।

নাড়ী তো নেই! এক সহকারীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন। ডাক্তার। জলদি ব্যাগটা নিয়ে এসো!

অ্যামবুলেন্সের দিকে দৌড় দিল সহকারী।

লম্বা দম নিয়ে পা বাড়াল বিলি।

 তার হাত খামচে ধরল পটেটো।

 ঝাড়া মেরে সরিয়ে দিল বিলি।

কি করছ? ফিসফিস করে বলল আতঙ্কিত পটেটো। চলো, পালাই!

ঠাণ্ডা, চিকন ঘাম ফুটেছে তার কপালে।

 কিন্তু ফিরেও তাকাল না বিলি। এগিয়ে চলল দৃঢ়পায়ে।

শার্টের বুকের কাছটা খুলে ফেলেছেন ডাক্তার। স্টেথো লাগিয়ে দেখতে শুরু করলেন। তার মুখের ভঙ্গিই বলে দিচ্ছে হাওয়ার্ডের অবস্থা।

খুব খারাপ!

মুমূর্ষ বসের দিকে এগিয়ে চলেছে বিলি। কেউ লক্ষ করল না তার উপস্থিতি। কিংবা করলেও গুরুত্ব দিল না। সবাই উত্তেজিত। নানা কারণে। কার্ডিয়াক কিট নিয়ে দৌড়ে এল ডাক্তারের সহকারীরা। প্রথমজনের সঙ্গে আরও একজন এসেছে। ডাক্তার তখন হাওয়ার্ডের বুকে ম্যাসেজ করছেন। জাগিয়ে তুলতে চাইছেন নিথর হয়ে পড়া হৃৎপিণ্ডটাকে।

দ্রুতহাতে হাওয়ার্ডের শরীরে ইলেকট্রোডের তার লাগানো শুরু করল ডাক্তারের সহকারীরা। একঘেয়ে শব্দ কানে আসছে বিলির। মনিটরে দেখতে পাচ্ছে হার্টের গতিবিধির সবুজ রেখাটা। আঁকাবাকা ঢেউ তোলার বদলে স্থির হয়ে আছে।

পাম্প শুরু করলেন ডাক্তার। হৃৎপিণ্ডটাকে সতেজ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন।

মেশিনের সঙ্গে যুক্ত তারগুলোর দিকে তাকিয়ে আছে বিলি। সিনেমায় কারও হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নিয়ে গিয়ে এভাবে তার লাগায়, দেখেছে সে।

কিছুতেই কিছু করতে না পেরে সহকারীর দিকে তাকালেন ডাক্তার, তিনশো জুল দাও।

দিয়েছি। চার্জ হয়ে আছে, জবাব দিল এক সহকারী।

কই, হয়নি তো।

কিন্তু আমি তো দিয়েছি…

হাঁ করে যন্ত্রের দিকে তাকিয়ে আছেন ডাক্তার এবং তার দুই সহকারী। মাটিতে পড়ে থাকা মানুষটার মতই যন্ত্রও নিথর। মৃত।

মনে মনে হাসল বিলি। যন্ত্রের ব্যাটারি শুষে নেয়া কিছুই না তার জন্যে। ট্রাফিক লাইট বদলে দেয়ার চেয়ে অনেক সহজ।

ঘটনাটা কি? কাজ করছে না কেন? অবাক হয়ে গেছেন ডাক্তার। যাও তো, আরেকটা নিয়ে এসো।

উঠে আবার অ্যামবুলেন্সের দিকে দৌড় দিল এক সহকারী। অন্যজন ডাক্তারের সঙ্গে বসে মেশিনটা চালানোর চেষ্টা করেই চলেছে।

পায়ে পায়ে কাছে এসে দাঁড়াল বিলি।

নড়ে উঠল হাওয়ার্ডের চোখ। তার কথা তিনি শুনতে পাবেন কিনা, বুঝবেন কিনা জানে না বিলি। বোঝার চেষ্টাও করল না। তার কাজ এখন সে করে যাবে। বিড়বিড় করে শান্ত, মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করবেন না, মিস্টার হাওয়ার্ড। টিভিতে কি করে ভাল করে ওরা আমি দেখেছি।

ডান হাতের আঙুলগুলো ছড়িয়ে সামনে বাড়িয়ে ধরল দুই হাত। হাওয়ার্ডের বুকের দিকে তাক করল।

জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণ এক অদ্ভুত জিনিস, ভাবল বিলি। একে নিয়ন্ত্রণ করা কি সাংঘাতিক উত্তেজনার কাজ!

মধ্যে বিদ্যুৎ-স্ফুলিঙ্গ ছোটাতে শুরু করল সে। ঘুরতে ঘুরতে মগজে জমা হচ্ছে। অনুভব করতে পারছে। তীরে আছড়ে পড়ার জন্যে ছুটে চলা ঢেউয়ের মত শক্তি সঞ্চয় করছে স্ফুলিঙ্গগুলো। মগজ থেকে বের করে আনল সে। ঘাড়ে নামাল। সেখান থেকে পার করে দিতে লাগল ডান হাতে। বাহু আর আঙুল বেয়ে পৌঁছে গেল আঙুলের ডগায়। ইথারে ভর করে অদৃশ্য বিদ্যুৎ-শক্তি ঢুকে যেতে শুরু করল হাওয়ার্ডের বুকে।

চার্জ হয়ে যাচ্ছে নিথর হৃৎপিণ্ড। আচমকা ঝটকা দিয়ে ধনুকের মত পেছনে বাঁকা হয়ে গেল হাওয়ার্ডের শরীর। মাটির ওপর থেকে ফুটখানেক ওপরে উঠে গেল পিঠ। ধড়াস করে পড়ল আবার।

ততক্ষণে দ্বিতীয় মেশিনটা নিয়ে এসেছে ডাক্তারের সহকারী। কিন্তু ওটার আর প্রয়োজন নেই। চালু হয়ে গেছে হৃৎপিণ্ড।

মনিটরও সচল হয়ে গেছে আবার। কোন্ জাদুবলে আবার চার্জ হয়ে গেছে ওটার ব্যাটারি। সবুজ রেখাটা ঢেউ তুলতে শুরু করেছে। কানে স্টেথো লাগানোই আছে ডাক্তারের। নিখুঁত, স্পষ্ট হার্টবীট কানে বাজছে তার। সুস্থ, সবল মানুষের হৃৎপিণ্ডের মত। খানিক আগে যে মারাত্মক অ্যাটাক হয়েছিল, তার কোন লক্ষণই নেই।

অবিশ্বাসীর দৃষ্টিতে হাওয়ার্ডের দিকে তাকিয়ে আছেন ডাক্তার আর তার দুই সহকারী।

হার্ট তো চলছে! চালু হলো কি করে?,

বুঝতে পারছেন না ডাক্তার। এতক্ষণে চোখ পড়ল বিলির ওপর। খানিক দুরে দাঁড়িয়ে আছে সে। চোখাচোখি হতেই হাসি ছড়িয়ে পড়ল মুখে। সিনেমার অভিনেতাদের কায়দায় কাঁধ ঝাঁকাল। কোন ব্যাখ্যা দেয়া থেকে বিরত রইল।

হিরো হয়ে গেল সে। এমন হিরো, যাকে সবাই ভালবাসে।

ওকে নিয়ে এখন গর্ব বোধ করবে মিলি। আপন করে পাওয়ার জন্যে অস্থির হবে।

বিলির অন্তত তা-ই মনে হলো।

.

১০.

হিলটাউন কমিউনিটি হাসপাতালের নার্স স্টেশনে দাঁড়িয়ে আছে কিশোর। জোসেফ হাওয়ার্ডের সঙ্গে দেখা করার ইচ্ছে। কিন্তু ইমার্জেন্সি বিভাগের এক কেবিনে সেই যে তাঁকে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়েছেন ডাক্তাররা, আর খোলার নাম নেই। দেখা করার ব্যাপারে ক্রমেই নিরাশ হয়ে পড়ছে সে।

কিন্তু সময়টা অহেতুক নষ্ট হতে দিচ্ছে না। বিলি ফক্সের মেডিক্যাল ফাইলের পাতা ওল্টাচ্ছে। প্রথমবার এসেছিল বজ্রপাতের শিকার হয়ে। রাতের বেলা। দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়ে, মাস পাঁচেক আগে। ঘাড়, মাথা আর পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। কয়েকদিন রাখার পর ডাক্তাররা লক্ষ করলেন প্রি-এগজিস্টিং কনডিশনে রয়েছে সে। ডাক্তারি পরিভাষায় এসে বলে অ্যাকিউট হাইপোকেলামিয়া।

একটা ধারণা রূপ নিতে শুরু করল কিশোরের মনে। মুসার দিকে তাকাল। জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সে। রবিনকে পাঠিয়েছে ডক্টর এলিজাকে ফোন করতে। এলিজাকে পেলে তাকে দিয়ে কমিউনিটি হাসপাতালের ডাক্তারদের ফোন করিয়ে জেনে নেবে হাওয়ার্ডের অবস্থা।

পেছনে একটা শব্দ হলো।

ফিরে তাকাল কিশোর।

হলওয়ের ওয়াটার কুলারটার কাছে দাঁড়িয়ে আছে মিলি হাওয়ার্ড। হাত থেকে পড়ে যাওয়া পেপার কাপটার দিকে চোখ। মেঝেতে পানি।

মোছার জন্যে নিচু হতে গেল সে।

দাঁড়াও, পা বাড়াল কিশোর, আমি মুছে দিচ্ছি।

তাড়াতাড়ি পড়ে যাওয়া কাপটা, তুলে ওয়েস্টবাস্কেটে ফেলল। একটা পেপার টাওয়েল দিয়ে মেঝের পানি মুছে আরেকটা কাপে পানি ভরে বাড়িয়ে দিল মেয়েটার দিকে।

থ্যাংক ইউ, কাঁপা কাঁপা গলায় বলল মিলি।

তাকিয়ে আছে কিশোর। হাওয়ার্ডের মেয়ে। একে ধরেই তাঁর কাছে যেতে হবে এখন।

মেয়েটী ভীত এবং ক্লান্ত।

 কেন?

বাবার জন্যে দুশ্চিন্তায়?

মিলি, সহানুভূতির সুরে বলল কিশোর, তোমার বাবার জন্যে আমি দুঃখিত।

থ্যাংক ইউ, আবার বলল মিলি। ভাল করে তাকাল কিশোরের দিকে। চোখে জিজ্ঞাসা।

ওকে অনিশ্চয়তার মধ্যে রাখল না কিশোর। জানাল, আমার নাম কিশোর পাশা। সখের গোয়েন্দা। হাত নেড়ে মুসাকে ডাকল। পরিচয় করিয়ে দিল, ও আমার বন্ধু ও সহকারী, মুসা আমান। এখানকার লোক নই আমরা। রকি বীচ থেকে এসেছি।

 মাথা ঝাঁকিয়ে বলল মিলি, চিনতে পেরেছি। কাল আমাদের গ্যারেজে গিয়েছিলে তোমরা।

কিশোরও মাথা ঝাঁকাল। জানি, তোমার মন এখন খুব খারাপ। তবু কয়েকটা প্রশ্ন করতে চাই।

মাথা নাড়ল মিলি। হাসি ফোঁটাল মুখে। না না, মন ঠিক হয়ে গেছে। কি জানতে চাও?

বিলি ফক্সের ব্যাপারে।

মুহূর্তে মুখের ভাব বদলে গেল মিলির। বোঝা গেল, সে অনেকই কিছুই জানে।

অ্যাক্সিডেন্টের জায়গায় ও গিয়েছিল, তাই না? জিজ্ঞেস করল কিশোর।

ঝিক করে উঠল মিলির চোখ। এ দৃষ্টি কিশোরের চেনা। কোণঠাসা শিকারি জানোয়ারের চোখে দেখেছে। তারমানে মিলি জানে বিলি ফক্সই কিছু করেছে। কি করে জানল?

হ্যাঁ, গিয়েছিল। আর কিছু জানার আছে? অধৈর্য কণ্ঠে মিলি বলল, তাড়াতাড়ি করো, প্লীজ। আব্বাকে দেখতে যাব।

কিশোরকে চুপ করে ভাবতে দেখে দরজার দিকে এগিয়ে গেল মিলি। কেবিনের দরজার কাছে গিয়ে ফিরে তাকাল একবার। তারপর ঢুকে দরজাটা লাগিয়ে দিল।

জানালা দিয়ে ওকে দেখতে পাচ্ছে কিশোর। বাবার বিছানার পাশে একটা চেয়ারে বসল। বেহুশ হয়ে আছেন হাওয়ার্ড। প্রায় ডজনখানেক মেশিনের সঙ্গে তার আর নল দিয়ে যুক্ত করে দেয়া হয়েছে তার শরীর।

ওই যে, রবিন এসেছে, পেছন থেকে বলে উঠল মুসা।

ফিরে তাকাল কিশোর।

কাছে এসে দাঁড়াল রবিন। ডাক্তারদের সঙ্গে কথা বলেছে এলিজা। তাজ্জব হয়ে গেছে ডাক্তাররা।

কেন?

এটা দেখলেই বুঝবে, লম্বা, সরু একটা কাগজ কিশোরের হাতে তুলে দিল রবিন। জোসেফ হাওয়ার্ডের ইলেকট্রোকার্ডিওগ্রাম।

কাগজটার দিকে তাকাল কিশোর। লম্বা, সোজা একটা রেখা। তারপর হঠাৎ করে বেঁকে গিয়ে ছোট-বড় ত্রিকোণ তৈরি করেছে। স্বাভাবিক হার্টবীটের সঙ্কেত। মাঝে মাঝে বর্শার মত চিহ্ন রয়েছে।

 তাকিয়ে থাকতে থাকতে কিশোর জিজ্ঞেস করল, এটা দেখে কি বুঝব? ডাক্তারি বুঝি না আমি।

রবিন বলল, একজন নার্স আমাকে বুঝিয়ে দিয়েছে। এই যে বর্শার মত জিনিস, এগুলো হার্ট চালু হওয়ার সময়কার… তখন কোন ধরনের বৈদ্যুতিক অনুপ্রবেশ ঘটেছিল হাওয়ার্ডের হৃৎপিণ্ডে।

তো?

ডাক্তার বলছেন ডিফাইব্রিলেটরে চার্জ ছিল না। প্যাডেলগুলো অচল ছিল।

খাইছে! বলে উঠল মুসা, গ্রীক ভাষা বলছ নাকি?

না, ডাক্তারি শব্দ। আমিও বুঝি না। আমাকে যা বলা হলো, তাই উগরে দিলাম।

মোদ্দা কথাটা কি তাই বলো? হাতের কাগজটা নাচিয়ে জিজ্ঞেস করল কিশোর।

হার্ট এভাবে চালু হওয়ার কোন ব্যাখ্যা দিতে পারছেন না ডাক্তাররা। মরা হার্ট হঠাৎ চালু হয়ে গেল।

মুসার দিকে তাকাল কিশোর।

 অজ্ঞতার ভঙ্গি করে হাত ওল্টাল মুসা।

আবার রবিনের দিকে ফিরল কিশোর। এবার এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। নার্স স্টেশনের ফাইল র‍্যাকের দিকে এগোল সে। বিলি ফক্সের ফাইলটা তুলে নিয়ে বাড়িয়ে দিল। নাও। দেখো। বিলি ফক্স ভর্তি হয়েছিল এ হাসপাতালে। ওর মেডিক্যাল চার্টটা দেখো…

ফাইলটা হাতে নিয়ে দ্রুত পাতা উল্টে চলল রবিন। একটা পাতার পাশে লেখা নোটে আঙুল বোলাতে বোলাতে পড়ল। থেমে গেল একটা লাইনে এসে। মাথা নাড়তে নাড়তে বলল, এ তো অদ্ভুত কথা! ব্লাড টেস্ট অ্যাকিউট হাইপোকেলামিয়া শো করছে!

মুচকি হাসল কিশোর। রবিনের চোখেও পড়ল তাহলে। পড়ে কিনা, এটাই দেখতে চেয়েছিল সে।

কিশোরের দিকে তাকাল রবিন। ইলেকট্রোলাইট ইমব্যালান্স, তাই?

হ্যাঁ।

এবং ইলেকট্রোলাইট আমাদের শরীরে বৈদ্যুতিক স্পন্দন সৃষ্টি করে।

 হ্যাঁ। হার্টের প্রতিটি বীটের সময়… চুপ হয়ে গেল রবিন। দীর্ঘ একটা মুহূর্ত কিশোরের চোখের দিকে তাকিয়ে রইল। কি বলতে চাইছ তুমি?

এটা আমার ধারণা মাত্র, রবিন। নিশ্চিত হয়ে বলতে পারছি নাতবু, যদি ধরে নিই, বিলির শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালান্স ওকে প্রচণ্ড ক্ষমতার অধিকারী করে তুলেছে? অন্যান্য বিদ্যুৎ-উৎপাদনকারী প্রাণীর মত সে-ও তার নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে? অস্বাভাবিক হাই-ভোল্টেজ?,

হা করে তাকিয়ে আছে মুসা। এতটাই অবাক হয়েছে, যেন ভূত দেখতে পাচ্ছে সামনে।

কতটা হাই? অবাক রবিনও হয়েছে।

ইলেকট্রোকার্ডিওগ্রামের কাগজটা নাচাল আবার কিশোর, যতটা হলে একজন মানুষের হৃৎপিণ্ড নিয়ে খেলা করতে পারে কেউ। কাবাব করতে। পারে, আবার মরাটাকে জ্যান্ত করে তুলতে পারে।

ফ্যান্টাসি, কিশোর! রূপকথা মনে হচ্ছে! মাথা নাড়তে নাড়তে রবিন বলল, মানুষের শরীর কখনও বিদ্যুৎ উৎপাদন করতে পারে না।

মানুষের শরীর এবং মন সম্পর্কে কখনোই শিওর হয়ে বলা যায় না কিছু। অনন্ত শক্তির অধিকারী মানুষের মন। মনের শক্তি দিয়ে কি না করতে পারে মানুষ? শরীরটাকেও মনের জোরে ইচ্ছেমত চালাতে পারে। ভারতীয় যোগীদের কথাই ধরো। কিংবা ব্যালে ড্যান্সাররা। ওরা যে সব কাণ্ড করে, আমরা জানি বলে এখন আর অবাক লাগে না। হঠাৎ করে দেখলে কি বিশ্বাস করতে পারতাম? সবচেয়ে বড় কথা, অন্য প্রাণী যে কাজটা করতে পারে, মানুষ কেন সেটা করতে পারবে না? কেন নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না?

পারবে, যদি তার শরীরে ওই প্রাণীদের মত বিশেষ যন্ত্রগুলো থাকে।

হ্যাঁ, যদি থাকে। উত্তেজিত ভঙ্গিতে রবিনের দিকে এক পা এগোল কিশোর। কিংবা তৈরি করে দেয়া যায়!

মানে? বুঝতে পারল না রবিন।

এমন হতে পারে, রবিনের কথা যেন শুনতেই পায়নি কিশোর, বিলি ফক্সের শরীর সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি বিদ্যুৎ সহ্য করতে পারে। ফুলগারাইটে পাওয়া ওর জুতোর ছাপ আমার মাথায় এধারণাটা ঢুকিয়েছে। বজ্রপাতে লক্ষ লক্ষ ভোল্টেজ বিদ্যুৎ শরীরে প্রবেশ করেছে ওর, পা বেয়ে মাটিতে নেমে গেছে। কোন ক্ষতি হয়নি ওর। লাভ হয়েছে। শরীরের বিশেষ কোষে কোষে জমা করে নিয়েছে সেই শক্তি, ব্যাটারির মত।

কি বলছ তুমি! ওকে কোন ধরনের লাইটনিং রড মনে করছ?

 শুধু রড নয়, ও নিজে একটা জেনারেটরও বটে, শান্তকণ্ঠে বলল কিশোর, এই শক্তি দানবে পরিণত করেছে তাকে। ফ্রাঙ্কেনস্টাইন। আবার আঘাত হানার আগেই ঠেকাতে হবে এই দানবকে।

তোমার কথার মাথামুণ্ড আমি কিছু বুঝতে পারছি না, কিশোর! এমন ভঙ্গিতে তাকিয়ে আছে মুসা, যেন পাগল হয়ে গেছে কিশোর। সারা জীবন আমাকে নিয়ে হাসাহাসি করেছ ভূত বিশ্বাস করি বলে, এখন নিজেই…

হাসল কিশোর, ভূত আমি এখনও বিশ্বাস করি না, মুসা। এখানে যেটা ঘটছে, যা দেখতে পাচ্ছি, সেটা পিওর সায়ান্স, খাঁটি বিজ্ঞান। দেখেও অস্বীকার করি কিভাবে?

.

১১.

পাঁচ মাস আগে হঠাৎ করেই জানতে পারে বিলি, এক সাংঘাতিক ক্ষমতা তৈরি হয়েছে ওর মধ্যে।

প্রথম যেদিন বজ্রপাতের শিকার হলো, সেদিনকার কথা মনে পড়ল তার। রাত করে ভিডিও আর্কেড থেকে বাড়ি ফিরছে। মাঠের মধ্যে দিয়ে চলেছে। হঠাৎ কালো হয়ে গেল আকাশ। ঘন ঘন বিদ্যুৎ চমকানো শুরু হলো। হিলটাউনে এটা কোন নতুন ঘটনা নয়। ঝড়বৃষ্টি আর বজ্রপাতের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে এখানকার অধিবাসীরা। তাই বিশেষ গুরুত্ব দিল না বিলি। তাড়াহুড়ো না করে স্বাভাবিক গতিতেই হেঁটে চলল বাড়ির দিকে।

বাতাস বইতে শুরু করল। বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। ওপর দিকে তাকাল সে। পাহাড়ের ঢালে বনের আড়ালের অবজারভেটরিটা দেখার চেষ্টা বেকরল। লোকে বলে ওটার লাইটনিং রডগুলোই যখন-তখন বিদ্যুৎ-ঝড়ের সৃষ্টি। করে এখানে। ওটা তৈরি করার আগে ঝড়বৃষ্টি হলেও এত বজ্রপাত হত না। কিন্তু কর্তৃপক্ষ শহরবাসীকে বুঝিয়েছে, ওটা হওয়াতে বরং ভাল হয়েছে ওদের। লাইটনিং রডগুলো বজ্রপাতকে আকর্ষণ করে, টেনে সরিয়ে নিয়ে যায়। লোকের মাথায় পড়ে না আর।

বৃষ্টির বেগ এতটাই বেড়ে গেল, না দৌড়ে আর পারল না বিলি। আরও আগেই সতর্ক হওয়া উচিত ছিল। ভিজে চুপচুপে হয়ে গেছে। বিদ্যুতের আলোয় দূরে চোখে পড়ছে ওদের বাড়িটা। লম্বা লম্বা ঘাস। এমনিতেই হাঁটতে বাধা দেয়। ভিজে গিয়ে অক্টোপাসের শুড় হয়ে গেল যেন। পা জড়িয়ে ধরে রাখতে চাইছে কেবলই। বুটের চাপে হুস হুস শব্দ হচ্ছে। দৌড়ানো কঠিন করে তুলল বিলিল জন্যে।

চতুর্দিক আলোকিত করে দিয়ে বিদ্যুৎ চমকাল হঠাৎ। এতক্ষণ যেগুলো চমকেছে, তার চেয়ে আলো অনেক বেশি। পরক্ষণে বিকট শব্দ। বিলির মনে হলো আকাশটা ফেটে চৌচির হয়ে গেছে। সেই সঙ্গে তার নিজের মাথাটাও। শরীরে এমন তীব্র ব্যথা আর কখনও অনুভব করেনি। চিৎকার করতে চেয়েছে। মুখ দিয়ে শব্দ বেরোয়নি। শরীরের সমস্ত পেশী যেন জট পাকিয়ে গিয়েছিল। চুলে আগুন ধরে গিয়েছিল।

 সাতদিন পর জ্ঞান ফিরেছিল ওর। সারা গায়ে ব্যান্ডেজ। মমি বানিয়ে ফেলা হয়েছিল দেহটাকে। হাসপাতালের বেডে শুয়ে ছিল সে। কেউ ছিল না পাশে।

প্রথমে দেখা করতে এলেন মা। এসেই শুরু করলেন বকাবকি, চিৎকার, চেঁচামেচি। বোকার মত ঝড়বৃষ্টি দেখেও মাঠের মধ্যে দিয়ে আসতে গিয়েছিল কেন সে, তার জন্যে একশো একটা কথা শোনালেন। গালাগালে তেতো হয়ে গিয়েছিল তার মন।

 পটেটোও দেখা করতে আসেনি। আসার উপায় ছিল না ওর। অসুখ হয়ে সে-ও তখন হাসপাতালে।

ছাড়া পাওয়ার একদিন আগে এসে একমুঠো রজনীগন্ধার সুবাস ছড়িয়ে যেন তার সঙ্গে দেখা করল মিলি হাওয়ার্ড। একটি কুকিজ নিয়ে এসেছিল তার জন্যে। সেই সঙ্গে একটা সুখবর। তার বাবা একজন লোক খুঁজছেন। ওদের গ্যারেজের কাজের জন্যে। বিলির কথা বলেছে মিলি। বাবা রাজী হয়ে গেছেন। আপাতত একটা বেতন ধার্য করা হয়েছে। কাজ দেখাতে পারলে ভবিষ্যতে চাকরির পদোন্নতি হবে এবং বেতনও বাড়বে।

মিলিকে ওই মুহূর্তে দেবী মনে হয়েছিল বিলির। তার অন্ধকার বিরক্তিকর জীবনে আলোর মত। তখনই ঠিক করে ফেলেছিল, ওকে সুখী করবে সে। জগতের সবচেয়ে সুখী মেয়ে। সেটা করার জন্যে যা যা দরকার, সব করবে।

এর দুদিন পর একটা টর্চ লাইটের বাতিল ব্যাটারি বদলাতে গিয়ে নিজের ক্ষমতাটা প্রথম টের পেল বিলি। এতটাই চার্জ হয়ে গেল ব্যাটারি, টর্চের বাল সেটা সহ্য করতে না পেরে কেটে গেল। ব্যাটারিগুলো ফেটে গিয়ে অ্যাসিড গলে বেরিয়ে হাতে লাগল তার। শুরু হলো একটার পর একটা পরীক্ষা। দুই ঠোঁটে বা চেপে ধরে আলো জ্বেলে পটেটোকে অবাক করে দিল।

প্রথমে ব্যাপারটা খুব মজার মনে হয়েছে ওর কাছে।

কিন্তু এখন আর মজার মধ্যে সীমাবদ্ধ নেই। জরুরী কাজে ব্যবহার করতে গিয়ে অতিমাত্রায় বিপজ্জনক করে ফেলেছে সে নিজেই।

ঘরে বসে কথাগুলো ভাবছিল বিলি, এই সময় গাড়ির আওয়াজ শুনল। জানালা দিয়ে উঁকি মেরে দেখল, তিন গোয়েন্দা নামছে গাড়ি থেকে।

*

দরজায় দাঁড়ানো গোয়েন্দাদের ফাঁকি দেয়ার জন্যে বেডরূমের জানালা দিয়ে। বেরিয়ে গেল বিলি। বিদ্যুৎ যেন প্রচণ্ড রাগে ফেটে পড়তে চাইছে তার ভেতরে। মাঠের ওপর দিয়ে ছুটল সে।

কিন্তু দেখে ফেলল গোয়েন্দারা।

বিলি! বিলি! ডাকতে ডাকতে দৌড়ে আসতে লাগল কিশোর। পেছনে রবিন আর মুসা।

একবার ভাবল বিলি, দৌড়ে পালায়। কিন্তু পালিয়ে কোন সুবিধে করতে পারবে না, বুঝে গেছে। বরং ওরা কি বলে শোনা যাক। ইস, মস্ত ভুল হয়ে গেছে! ঝোঁকের মাথায় হাওয়ার্ডের ব্যাপারটা ঘটিয়ে ফেলার পর থেকেই ভাবছে সে। আরও সময় নিলে পারত। চৌরাস্তায় দুর্ঘটনা ঘটানোর পর পরই ওরকম একটা কাণ্ড না ঘটিয়ে অন্য কোথাও অন্য কোন সময় কাজটা করা উচিত ছিল। তাতে ওর ওপর সন্দেহ জাগত না কারও। আরও একটা বড় ভুল হয়ে গেছে–পটেটোর সামনে এটা করা।

পটেটো ওর বন্ধু, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত ওর গলার কাঁটা না হয়ে ওঠে।

মাঠের মাঝখানে এসে তাকে ধরে ফেলল তিন গোয়েন্দা। কিশোর তার হাত ধরল। ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল বিলি। দাঁত কিড়মিড় করল। রাগে বড় বড় হয়ে গেছে চোখ।

ধোরো না! আমাকে থোরো না! চিৎকার করে উঠল বিলি। ওখানেই তিনজনুকে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে করল। তাহলে রেহাই পাবে সে। ওরা আর বিরক্ত করতে পারবে না।

কিন্তু জানে একাজ করা উচিত হবে না। এরা মরলে পুলিশ আর গোয়েন্দা বিভাগের কড়া নজর পড়ে যাবে ওর ওপর। পিলপিল করে পিঁপড়ের সারির মত আসতে আরম্ভ করবে ওরা। ওকে ধ্বংস না করে ছাড়বে না।

বিলির রাগ দেখে পিছিয়ে গেল কিশোর। ঠিক আছে, ধরব না।

আর কখনও আমাকে ছোবে না বলে দিলাম!

তোমার সঙ্গে আমাদের কথা আছে, বিলি, ওকে শান্ত করার জন্যে বলল রবিন।

 কি কথা? আমি কিছু করিনি, নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হলো না। কথাটা বিলির।

ওর মুখোমুখি দাঁড়াল কিশোর। কেউ বলছে না তুমি কিছু করেছ। আমরা ভাবলাম আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারবে তুমি। সেজন্যেই এসেছি। যদি দিতে পারো, ভাল। না পারলে

লম্বা দম নিল বিলি। বেরোনোর জন্যে ছটফট করছে বিদ্যুৎ। জোর করে ঠেকিয়ে রেখেছে। জমে ওঠা শক্তিটাকে ধীরে ধীরে কমানো শুরু করল। কমাতে কমাতে ধিকিধিকি আগুনের পর্যায়ে নিয়ে এল।

বেশ, অবশেষে বলল সে, কি জানতে চাও?

*

কাউন্টি জেলের ইন্টারোগেশন রূমে বসে আছে রবিন। বিলিকে চোখ ডলতে দেখছে। খুব ক্লান্ত লাগছে ওকে। নিরীহ ভাবভঙ্গি। কেমন ভঙ্গুর। ভাবাই যায় না গোবেচারা চেহারার ওই অতি সাধারণ ছেলেটা তার রোগাটে শরীরের ভেতর থেকে ওই ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি বের করতে পারে। বিলি একাজ। করতে পারে, এটা এখনও কেবল অনুমানের পর্যায়েই রয়েছে। কোন প্রমাণ জোগাড় করা যায়নি। সত্যি কি এতটা ক্ষমতা আছে বিলির?

মুখ তুলে তাকাল বিলি। শীতল, হিসেবি দৃষ্টি। দেখে অবিশ্বাস দূর হয়ে গেল রবিনের। হ্যাঁ, পারে। এই ছেলে ধ্বংস করতে পারে!

আর কতবার বলব, বিলি বলল, ওই লোকগুলো কিভাবে মারা গেছে আমি জানি না!

তাহলে আমাদের দেখে পালাচ্ছিলে কেন?

প্রচণ্ড জোরে টেবিলে চাপড় মারল বিলি। বার বার বলছি, ঘুরতে বেরিয়েছিলাম!

সব সময় ওরকম জানালা দিয়েই বেরোও নাকি?

ভয়ঙ্কর ভঙ্গিতে জ্বলে উঠল বিলির চোখ। প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, তোমাদের তো একটা মেডেল দেয়া উচিত আমাকে। আমার বসের জীবন বাঁচিয়ে দিয়েছি বলে।

নিরাশ ভঙ্গিতে মাথা নাড়তে লাগল রবিন। নাহ, বড় কঠিন ঠাই। এর। পেট থেকে কথা আদায় করতে পারবে না। বার বার একই প্রশ্ন করে যাচ্ছে। বিলির জবাবেরও কোন পরিবর্তন নেই। জোরাল প্রমাণ না পাওয়া গেলে ওকে আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না।

সত্যি বাঁচিয়েছ কিনা এখনও শিওর না আমরা, বলে চেয়ার ঠেলে উঠে। দাঁড়াল রবিন।

চেয়ারে হেলান দিল বিলি। রবিনকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে। প্রশ্নটা ছুঁড়ে দিল সে। কেন? কেউ কি তোমাদের বলেছে কিছু? পটেটো বলেছে?

বাইরে বসে আছে একজন ডেপুটি। রবিনকে দরজা খুলে দিল।

শেষবারের মত বিলির দিকে ফিরে তাকাল রবিন। সামনে ঝুঁকে বাকা হয়ে বসেছে এখন বিলি। দুই হাতে খামচে ধরেছে টেবিলের কিনার। অসহায় লাগছে ওকে। রবিনের চোখে চোখ পড়তেই বদলে যেতে শুরু করল ভঙ্গিটা। জানোয়ারের মত জ্বলে উঠতে শুরু করল দুই চোখ-না, জানোয়ার নয়। রবিনের মনে হলো বৈদ্যুতিক বাতির মত!

বেরিয়ে এল রবিন।

 হলওয়েতে ওর সঙ্গে দেখা করল কিশোর আর মুসা। কিশোর আশা করেছিল, রবিনকে যেহেতু নিরীহ চেহারার মনে হয়, তার কাছে মুখ খুলবে। বিলি। সেজন্যেই কথা বলতে পাঠিয়েছিল। বুঝল, সুবিধে করতে পারেনি রবিন। তবু জিজ্ঞেস করল কিশোর, কি খবর?

কিছুই বলে না। বার বার একই কথা, সে একজন হিরো।

ধরে থাবড়া লাগানো দরকার। ফুঁসে উঠল মুসা।

লাগাতে গেলে তোমাকেও খতম করে দেবে, হাত নেড়ে ওকে শান্ত হতে ইশারা করল কিশোর। রবিনকে জিজ্ঞেস করল, জোসেফ হাওয়ার্ডকে কিভাবে বাঁচিয়েছে? কিছু বলল?

কিছুই না। গোপন বিদ্যা নাকি জানে সে। কোন্ এক গুরুর কাছে শিখেছে।

কোন্ গুরু?

বলবে না বলে দিয়েছে।

মাথা দোলাতে দোলাতে কিশোর বলল, হু। রবিন, আমার ধারণা পুরো ঘটনাটাই ওর সাজানো নাটক।

মানে? তুমি বলতে চাইছ হার্ট অ্যাটাকটাও ওই ঘটিয়েছে?

মাথা ঝাঁকাল কিশোর।

 এসব ঝামেলা কেন করতে গেল?।

জানি না, আনমনে বলল কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটল। তবে এমন একজনকে চিনি যে জানে।

.

১২.

হিলটাউনের সবচেয়ে দামী এলাকায় সুন্দর একটা দোতলা বাড়ির সামনে মুসাকে গাড়ি রাখতে বলল কিশোর। রবিনের দিকে ফিরে জিজ্ঞেস করল, ঠিকানা ঠিক আছে তো?

নোটবুক দেখে নিশ্চিত হয়ে নিয়ে রবিন জানাল, হ্যাঁ, এটাই।

আসার পথে মিলির কথা রবিনকে জানিয়েছে কিশোর। হাসপাতালে ওর সঙ্গে কিভাবে দেখা হয়েছে বলেছে।

বেল বাজানোর কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল মিলি। বিশ্রাম নেয়ার জন্যে হাসপাতাল থেকে যদি বাড়ি এসে থাকে সে, সফল হয়নি সে চেষ্টা। বরং আগের চেয়ে অনেক বেশি বিধ্বস্ত লাগছে তাকে।

তিন গোয়েন্দাকে দেখে জমে গেল যেন।

 মিলি…. শুরু করতে গেল কিশোর।

কিন্তু তাকে চুপ করিয়ে দিল মিলি। সরি। এখন কথা বলতে পারব না। হাসপাতালে রওনা হচ্ছিলাম। ভঙ্গি দেখে মনে হলো কেঁদে ফেলবে।

বিলি ফক্সকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে, মিলি, মোলায়েম করে বলল কিশোর। কিছুক্ষণ আগে শেরিফকে বলে তাকে আটকানোর ব্যবস্থা। করেছি।

তাকিয়ে রইল মিলি। কিছু বলল না।

তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে লক্ষ করছে কিশোর। ঠিকই অনুমান করেছিল। মিলি কিছু জানে। বলতেও চায়। কিন্তু ভয় পাচ্ছে।

ভেতরে আসব? স্বর আরও নরম করে জিজ্ঞেস করল কিশোর।

দ্বিধা করল মিলি। তারপর সরে গিয়ে পুরো মেলে ধরল দরজা।

লিভিং রূমে ঢুকল তিন গোয়েন্দা। সুন্দর করে সাজানো। দামী আসবাব, ঘর সাজানোর সরঞ্জাম, কার্পেট, টবে লাগানো গাছ আর অ্যানটিক প্রচুর আছে। তবে বাড়াবাড়ি নেই।

আমি হাই স্কুলে পড়ি, বলার মত অন্য কোন কথা যেন খুঁজে পেল না মিলি। বিলিও একই ক্লাসে পড়ে।

ওর সঙ্গে সম্পর্ক কেমন তোমার? জানতে চাইল রবিন।

আমার তরফ থেকে সাদামাঠা। কিন্তু ও বোধহয় আমাকে পছন্দ করে একটু বেশিই করে। ওর জন্যে দুঃখ হয় আমার। অস্বস্তি বোধ করছে। মিলি। যেন কোন সাংঘাতিক অন্যায় কিংবা বেআইনী কাজ করে ফেলেছে বিলির পছন্দের দাম দিতে না পেরে। সহপাঠী। অসুস্থ হয়ে পড়ে ছিল হাসপাতালে। মায়া দেখাতে গিয়েছিলাম। ভেবেছিলাম গরীব মানুষ, লেখাপড়ার ফাঁকে ফাঁকে কাজ করে দুচারটে পয়সা পাক…কিন্তু…

গ্যারেজের চাকরিটা কি তুমিই তোমার বাবাকে বলে নিয়ে দিয়েছিলে নাকি? জানতে চাইল কিশোর।

মাথা ঝাঁকাল মিলি। হ্যাঁ। তার কয়েক দিন পর থেকেই ফোন আসতে থাকল। রিং হয়। আমি ধরলে কিছু না বলেই ছেড়ে দেয়।

কি করে বুঝলে বিলিই করত?

ভ্রূকুটি করল মিলি। আমাকে দেখলে যেভাবে গদগদ হয়ে তাকিয়ে থাকে…যা-ই হোক, বুঝতে পারতাম ঠিকই। কিশোরের দিক থেকে রবিনের দিকে ফিরল সে। মুসাকে দেখল। আবার ফিরল কিশোরের দিকে। বিলিই যে করত কোন সন্দেহ নেই আমার।

ওর কথা বিশ্বাস করল কিশোর। কিন্তু মিলির এসব কথা বিলির বিরুদ্ধে প্রমাণ নয়। এখনও এমন কিছু বলেনি সে, যেটা দিয়ে ফাসানো যায় বিলিকে।

কখন থেকে সন্দেহ করলে অঘটন ঘটাতে শুরু করেছে বিলি?

সরাসরি কিশোরের চোখের দিকে তাকাল এতক্ষণে মিলি। ও নিজেই আমাকে বলেছে।

বিস্ময়ে সামনে ঝুঁকে গেল রবিন। মানুষ খুন করেছে এ কথা বলেছে ও?

 না, তা অবশ্য বলেনি। তবে ওর নাকি ক্ষমতা আছে। ভয়ঙ্কর ক্ষমতা।

মাথা ঝাঁকাল রবিন।

কিশোর জিজ্ঞেস করল, কবে বলেছে?

শেষ লোকটাকে খুন করার পর।

লেসলি কার্টারিসকে?

মাথা ঝাঁকিয়ে মুখ নিচু করে ফেলল মিলি। আমি ওর কথা বিশ্বাস করিনি। ভেবেছিলাম আমাকে ভজানোর জন্যে গল্প করছে। কিন্তু আজ যা ঘটল মুখ তুলল সে। বুঝতে পারছি এক বর্ণও মিথ্যে বলেনি। যা বলেছে, সবই করতে পারে।

আর কাউকে বলেছ একথা?

হাসল মিলি। ছোট্ট, বিষণ্ণ হাসি। মাথা নাড়ল। কে বিশ্বাস করবে এসব আজগুবী কথা?

একমত হয়ে মাথা ঝাঁকাল কিশোর।

আমি এখন রীতিমত ভয় পেয়ে গেছি, মিলি বলল। আমি ওকে এড়িয়ে চলতে গেলে না জানি কি করে বসে বাবাকে করল.. আমাকে করতে কতক্ষণ? বাবাকে একবার বাঁচিয়ে রেখেছে, দ্বিতীয়বার

মুখে হাত চাপা দিল মিলি।

এগিয়ে গিয়ে সান্তনা দেয়ার ভঙ্গিতে একটা হাত রাখল ওর কাঁধে রবিন। এখন আর ভয় পাওয়ার কিছু নেই তোমার। তুমি এবং তোমার বাবা দুজনেই নিরাপদ। আমরা আছি।

চোখের পানি আর ধরে রাখতে পারল না মিলি। কাউকে জমিয়ে রাখা কথাগুলো বলে মনের ভার লাঘব হয়েছে। ভাবসাব দেখে মনে হলো রবিনের কথা বিশ্বাস করেছে। ভরসা জন্মেছে তিন গোয়েন্দার ওপর।

*

 ফেরার পথে আলোচনা করতে করতে চলল তিন গোয়েন্দা। উপায় খুঁজতে লাগল কি করে বিলির মত একটা ভয়াবহ বিপজ্জনক এবং মারাত্মক অপরাধীকে গ্রেপ্তার করানো যায়।

বিষাক্ত কেউটের চেয়েও ভয়ঙ্কর ও, কিশোর বলল। হাইভোল্ট বিদ্যুৎ। ছোঁয়া লাগলেই মৃত্যু। আমি ভাবছি, না ছুঁয়েও…

যা সব কথা শুরু করেছ না তুমি আমার জিনের আসরও এর চেয়ে কম উদ্ভট! গাড়ি চালাতে চালাতে বলল মুসা। রাস্তার দিকে নজর।

কয়েক মিনিট পর জেলখানায় পৌঁছল ওরা। যে কোন রকম অঘটন দেখার জন্যে তৈরি।

গাড়ি থেকে নেমে সবার আগে ভেতরে ঢুকল কিশোর। অজানা আশঙ্কায় অস্থির। কি দেখতে পাবে কে জানে! ডেপুটিকে দেখল টেবিলে বসে একটা ম্যাগাজিনের পাতা ওল্টাচ্ছে। সে ছাড়া আর কেউ নেই ঘরে। তারমানে কোন ক্ষতি হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল কিশোর, বিলি কোথায়?

ডেপুটি জবাব দেয়ার আগেই জানতে চাইল রবিন, অন্য কোন জেলে ট্রান্সফার করেছেন?

কিশোরের পেছন পেছন ঢুকেছে সে। মুসা রয়ে গেছে গাড়িতে।

বাড়ি পাঠিয়ে দিয়েছি, পেছন থেকে বলে উঠল একটা কণ্ঠ।

 ফিরে তাকাল দুজনে। শেরিফ রবার্টসন।

ছেড়ে দিয়েছেন? বিশ্বাস করতে পারছে না কিশোর।

আর কি করব? হাতের ফাইলটা নেড়ে বললেন, এটা পড়ার পর ছেড়েছি। তোমরাই তো লিখে রেখে গেছ।

ছেড়ে দেয়ার কথা লিখিনি.. রবিন বলল।

দৌড় দিল কিশোর। যেতে যেতে বলল, মিলিকে ফোন করতে যাচ্ছি।

একটা মুহূর্ত ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে রইলেন শেরিফ। চোখ ফেরালেন রবিনের দিকে। ফাইলটা খুলে পড়লেন, নিজের শরীরে বিদ্যুৎ তৈরি করে সেটার সাহায্যে খুন করে সে! রবিনের দিকে তাকিয়ে চোখের পাতা সরু করে বললেন, অনুমান? না সত্যি বিশ্বাস করো একথা?

বুকের ওপর দুই হাত আড়াআড়ি রাখল রবিন। শেরিফের মতই চোখের পাতা সরু করে জবাব দিল, করি। আমাদের বিশ্বাস ওই পাঁচটা রহস্যময় খুনের জন্যে বিলিই দায়ী। আপনি ওকে ছেড়ে দিয়ে ভুল করেছেন, স্যার। কি যে অঘটন ঘটাবে এখন সে-ই জানে!

শুকনো হাসি হাসলেন শেরিফ। তোমরা বলতে চাইছ বজ্র ছুঁড়ে মারতে পারে বিলি?

এটাই তো আপনার রিমোট কন্ট্রোলড ইলেকট্রিক শকের জবাব, তাই না?

গভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালেন শেরিফ, মনে হচ্ছে। তবে বিশ্বাস করতে পারছি না। ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেললেন তিনি। বুঝতে পারছি না কি করব! তোমাদের কথা বিশ্বাস করে শেষ বয়েসে শেষে তোক হাসাব নাকি কে জানে!…অবশ্য ইয়ান ফ্লেচারের ওপর ভক্তি আছে আমার। ও যখন তোমাদের সার্টিফাই করেছে…

আপনার দ্বিধা করার কিছু নেই, স্যার। আপনিই বলেছেন বজ্রের ব্যাপারে অনেক কথাই অজ্ঞাত রয়ে গেছে। বড় বড় বিজ্ঞানীরাও সব জানেন না। আর বজ্র মানেই বিদ্যুৎ। এখানে একটা কথা, অন্য জীব যদি নিজের দেহে বিদ্যুৎ তৈরি করতে পারে, মানুষই বা পারবে না কেন?

মুখ খুলেও আবার বন্ধ করে ফেললেন শেরিফ। প্রশ্নটা করে ওকে কোণঠাসা করে দিয়েছে রবিন। জবাব খুঁজে পাচ্ছেন না।

দৌড়ে ফিরে এল কিশোর। দরজায় দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রবিনকে জানাল, মিলি বাড়িতে নেই!

নিশ্চয় হাসপাতালে রওনা হয়ে গেছে, বলেই দরজার দিকে ছুটল রবিন।

বেরিয়ে গেল দুজনে।

পেছনে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন শেরিফ। ভীষণ একটা সমস্যায় ফেলে দিয়েছে তাকে ছেলেগুলো।

Super User