একজন কবির প্রয়াণে শহরের পথঘাট গমগম
করে না মিছিলে-সে সংবাদ কেউ কেউ শোনে কম
বেশি; কারো শ্রুতির আড়ালে থেকে যায়। গাছপালা
স্তব্ধ হয়, ফুরায় ফুলের আয়ু আর নদীনালা
কালো মেঘ রাখে বুকে, পাখিরা মর্শিয়া করে পাঠ
আর কতিপয় শব্দ-প্রেমিকের প্রাণের কপাট
খুব হুহু খুলে যায়, হৃদয়ের সব গুল্মলতা
অলৌকিক শিশিরে শিশিরে ভিজে ওঠে সান্দ্র ব্যথা
ব্যক্তিগত বাজে, ওরা অলক্ষ্যেই করে মাল্যদান।
একজন অডেন দেখুন কী প্রচ্ছন্ন মারা যান।
একজন কবির প্রয়াণ
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- Category: বিবিধ
- Read Time: 1 min
- Hits: 74