যেতে সাধ হয় রে কাশী কর্ম ফাঁসি
                         বাধে গলায়।
আমি আর কতদিন ঘুরব এমন
                         নাগর-দোলায়।।
হলে রে একি দশা সর্বনাশা 
                         মনের ভোলায়।
ডুবল ডিঙ্গা নিশ্চয় বুঝি
                         জন্ম-নালায়।।
বিধাতা দেয় বাজি কিবা মন পাজি
                         ফেরে ফেলায়।।
বাও না বুঝে বাই তরণী
                         ক্রমে তলায়।।
কলুর বলদ যেমন ঢাকে নয়ন
                         পাকে চালায়।
অধীন লালন প’লো তেমনি পাকে
                         হেলায় হেলায়।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২০০-০১
কথান্তরঃ
১. বিধাতার সাজা একি, কিবা মন পাজি ফাঁকি/ফেরে ফেলায়।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩১-৩২

<

Lalon Fakir ।। লালন ফকির