৩. আকাশের জন্য ভালোবাসা
ট্রাভেল এজেন্টের কাছ থেকে বিকেলে সেইন্ট লুইস যাবার টিকেট কেটে আকাশ ওর এ্যাপার্টমেন্টে এসে দেখলো বাইরের বারান্দায় বসে আছে সামান্থা। আকাশের এই এ্যাপার্টমেন্টের, দুটো অতিরিক্ত চাবি আছে। একটা থাকে ওর মায়ের কাছে, আরেকটা ওর সবচেয়ে কাছের বন্ধু সামান্থার কাছে।
সামান্থাকে দেখে অবাক হলো আকাশ। গত সপ্তায় ও কানাডা গিয়েছে এক মাসের জন্য। কাল দুপুরে মন্ট্রিয়ল থেকে অফিসে ফোন করেছিলো। আজ যে আসবে ফোনে কাল কিছু বলেও নি। আকাশ বললো, অবাক করলে সামান্থা! কখন এসেছে?
আকাশকে দেখে হাসিমুখে উঠে দাঁড়ালো সামান্থা আজ না তোমার ছুটির দিন! একঘন্টা ধরে বসে আছি। ভর দুপুর নিশ্চয় ডেট করতে বেরোও নি?
আমার বস জাদরেল বুড়ো হেনরী পেপার্সকে যদি মনে করো ডেট করার উপযুক্ত পাত্র তাহলে বলতে পারি তোমার অনুমান সঠিক।
কথা বলতে বলতে আকাশ রিফ্রিজারেটর খুলে দুগ্লাস অরেঞ্জ জুস ঢাললো। এক গ্লাস সামান্থাকে দিয়ে নিজে আরেকটা নিয়ে হাসি মুখে বারান্দায় এসে বসলো।
আকাশের কথা শুনে গলা খুলে হাসলো সামান্থা। ববছাটা একগোছা সোনালী চুল ওর মুখে এসে পড়লো। আকাশ আগেও ওকে বলেছে, আবার বললো, তোমার হাসি পরিদের মতো নিষ্পাপ।
পরিরা কি হাসে? কই দেখি নি তো কোনো দিন! হাসতে হাসতে বললো সামান্থা।
পরি যেন তোমার সামনের বাড়িতে থাকে, জানালা খুললেই রোজ দেখা পাবে।
তাহলে কোথায় থাকে পরি?
পরি থাকে স্বপ্নের ভেতর। আমার চোখে তাকিয়ে দেখো। পরি দেখতে পাবে।
তোমার চোখে পরি দেখা গেলে আমার চোখে নিশ্চয় তুমি দেবদূত দেখতে পাবে!
কি জানি! ভালো করে দেখলে হয়তো শিং খুর আর লেজওয়ালা শয়তানটার দেখাও পেয়ে যেতে পারি!
কি নোংরা কথা বলছো আকাশ! তুমি শয়তান হতে যাবে কেন?
তুমি শয়তান বিশ্বাস করো?
বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করি না। শয়তানের ধারণাটা নিশ্চয় ভালো কিছু নয়।
এই মুহূর্তে তোমাকে একটা অবাক করা খবর দিতে পারি। পরশু আমি শয়তানের দেশে যাচ্ছি।
চোখ গোল করে সামান্থা বললো, শয়তানের দেশ মানে? রুমানিয়াকে কেউ কেউ শয়তানের দেশ বলে।
সামান্থা একটু গম্ভীর হয়ে বললো, অনেক অশিক্ষিত আমেরিকান কমিউনিস্ট দেশগুলোকে শয়তানের দেশ বলে থাকে। তুমিও ওদের মতো ভাবো নাকি?
আরে না! তুমি এতো সিরিয়াস হচ্ছো কেন? ড্রাকুলার নাম শুনেছো?
সামান্থা অবাক হয়ে বললো, ওটা তো হরর মুভি।
হ্যাঁ, ব্রাম স্টোকারের উপন্যাস থেকে ছবি হয়েছে। কাউন্ট ড্রাকুলার বাড়ি হচ্ছে রুমানিয়ার ট্রানসিলভানিয়ায়। ওরই জন্যে রুমানিয়াকে শয়তান ড্রাকুলার দেশ বলে।
ভুতুড়ে উপন্যাস সত্যি হতে যাবে কেন?
কাউন্ট ড্রাকুলা নামটি মিথ্যে নয়। রুমানিয়ায় তার দুর্গ এখনো আছে। গতবার সময় পাই নি। এবার দেখতে যাবো।
ড্রাকুলা তো রক্তচোষা ভ্যাম্পায়ার ছিলো। তুমি কি ভ্যাম্পায়ারদের নিয়ে কিছু লিখছো? জানতে চাইলে সামন্থা।
ক্ষেপেছো তুমি। ভ্যাম্পায়ার নিয়ে লিখতে যাবো কোন আহ্লাদে! আমাকে রিপোর্ট করতে হবে রুমানিয়ার রাজনৈতিক পরিস্থিতির ওপর।
আরে! আসল কথাই ভুলিয়ে দিয়েছো! আমি হঠাৎ কেন এসেছি জিজ্ঞেস করলে না?
এসেছো নিশ্চয় দেখা করতে। রুমানিয়া যাচ্ছি অনেক দিনের জন্য। কবে ফিরবো ঠিক নেই, আদৌ ফিরি কিনা তারও কোনে নিশ্চয়তা নেই।
জানি রুমানিয়ার মেয়েরা খুব সুন্দরী হয়। তবে ফিরে তোমাকে আসতেই হবে যদি চসেস্কুর জেলে বসে পচতে না চাও। আমি কেন এসেছি বলতে পারলে না তো? এক মিনিট। এই বলে সামান্থা উঠে ভেতরের ঘরে গেলো। নানা রঙের এক গোছা গোলাপ হাতে বেরিয়ে এলো। মৃদু হেসে বললো, মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে!
মুগ্ধ চোখে আকাশ তাকিয়ে রইলো সামান্থার দিকে। আধফোঁটা গোলাপের মতো মিষ্টি মনে হচ্ছিলো ওকে। মুখে মৃদু হাসি। নীল চোখ দুটো যেন ভালবাসার অপার সমুদ্র। ফুলের তোড়া হাতে নিয়ে সামান্থার কপালে চুমু খেয়ে আকাশ নরম গলায় বললো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
তুমি রুমানিয়া যাচ্ছো–কালও তো আমাকে বললে না! সামান্থার গলায় অভিমানের ছোঁয়া
কি করে বলবো! জানলাম তো মাত্র কিছুক্ষণ আগে!
আজ সন্ধ্যায় কি করছো?
সেইন্ট লুইস যাচ্ছি। বোনের বাচ্চাটাকে দেখতে খুব ইচ্ছে করছে।
তুমি খুব বাচ্চা ভালবাসো, তাই না!
খুব! আমার অন্তত এক ডজন বাচ্চা থাকবে!
কী সর্বনাশ! আঁতকে উঠলো সামান্থা–কোনো আমেরিকান মেয়ে তোমাকে বিয়ে করতে চইবে না।
আমেরিকান মেয়ে আমারও পছন্দ নয়। তবে শুনেছি গ্রীকরা নাকি স্বভাবে বাঙালিদের মতো।
সামান্থার জন্য আমেরিকায় হলেও আকাশের বাবা মার মতো ওর বাবা মা এসেছেন গ্রীস থেকে। সামান্থারা আগে ছিলো নিউইয়র্কে, এখন ওয়াশিংটনের স্থায়ী বাসিন্দা। ওর বাবা স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা। আকাশের কথা শুনে সামান্থা রেগে যাওয়ার ভান করলো–তুমি কি ভেবেছো নিজেকে–আমার কি মাথা খারাপ হয়েছে? বারটা ছেলে-মেয়ে! ঈশ্বর আমাকে রক্ষা করুন!
আকাশ নিরীহ গলায় বললো, তোমাকে আমি কিছুই বলি নি সামান্থা, তুমি। রাগছো কেন। তোমার কি ধারণা অন্য কোনো গ্রীক মেয়ে আমাকে পছন্দ করে না?
গ্রীক মেয়ে অত সস্তা নয়–তোমাকে পছন্দ করার জন্য যেন সব বসে আছে। অভিমানভরা গলায় বললো সামান্থা।
তুমি কি আমার সঙ্গে বাজি ধরতে চাও! গম্ভীর হওয়ার ভান করলো আকাশ।
রেগে গিয়ে কি যেন বলতে গিয়ে হঠাৎ হেসে ফেললো সামান্থা–বুঝেছি, তুমি মেলিনার কথা বলবে তো? ওই মুটকিটা! কী দারুণ পছন্দ তোমার! ঠিকই বলেছো আকাশ, তোমার বারোটা বাচ্চার মা হতে পারলে ও খুশিই হবে।
মা বাবা তো অন্যভাবেও হওয়া যায়। বাচ্চা তো এ্যাডপ্টও করতে পারি।
সামান্থা ছুটে এসে আকাশের বুকে মুখ লুকিয়ে বললো, তুমি কী পাজী ছেলে! মিছেমিছি ভয় পাইয়ে দাও।
ঠিক সেই মুহূর্তে আকাশের মনে হলো সামান্থা ছাড়া আর কাউকে ও বিয়ে করবে না। মৃদু হেসে বললো, বারটা বাচ্ছা পুষতে হলে তোমার ওয়াশিংটন পোস্টের চাকরিটা হারাতে হবে।
আমি চাকরির পরোয়া করি না। চেয়ারে বসে সামান্থা বললো, আমি ভেবেছিলাম আজ সন্ধ্যায় আমরা রিভার ইন-এ ডিনার করে রাতটা ঘুরে বেড়াবো।
বিব্রত হেসে আকাশ বললো, আমি যে সেইন্ট লুইসের টিকেট কেটে ফেলেছি।
সামান্থা ম্লান হাসলো–তাহলে ঘুরে এসো। ফিরছে কবে?
কাল সকালেই। তুমি কানাডা যাচ্ছো কখন?
কাল বিকেলে।
উৎসাহভরা গলায় আকাশ বললো, তুমিও আমার সঙ্গে সেইন্ট লুইস চলো না?
না, না! ওরা কি ভাববে? তুমি যাচ্ছো যাও। বিব্রত গলায় বললো সামান্থা।
তোমাকে দেখলে ওরা সত্যি খুশি হবে। মাকে তো জানোই ভালো করে।
তোমার মা খুব চমৎকার মানুষ।
তাহলে আমার সঙ্গে যাচ্ছো তুমি?
তুমি যদি চাও……।
নিশ্চয় চাই। উঠে দাঁড়লো আকাশ–চলো, তোমার টিকেটটা এক্ষুণি গিয়ে কেটে ফেলি। তিন ঘন্টা পরেই ফ্লাইট।
রাত আটটার সময় মস্ত এক ফুলের ঝুড়ি হাতে আকাশকে দেখে সেইন্ট লুইসের সবাই যত না অবাক হল, খুশি হলো তার চেয়ে অনেক বেশি। স্বাতী আর স্যাম এসে জড়িয়ে ধরলো ওকে। স্যাম বললো, অনেক দিন এমন চমৎকার সারপ্রাইজ পাই নি।
মা সামান্থাকে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, তুমি এসেছো খুব খুশি হয়েছি। আমাদের এভাবে অবাক করে দেয়ার বুদ্ধি পাজিটাকে কে দিয়েছে, তুমি?
আকাশ হেসে বললো, কাকে তুমি কী বলছো মাম! ও তো আসতেই চাইছিলো না–তোমরা কে কী ভাববে। আমাকে দেখে যদি খুশি হয়ে থাকো তাহলে তার জন্য আমার বস হেনরী পেপার্সকে ধন্যবাদ দিতে পারো। আজ দুপুরে হঠাৎ করে আটচল্লিশ ঘন্টার নোটিসে রুমানিয়া যেতে না বললে এভাবে আসা হতো না।
স্বাতী হেসে বললো, ইচ্ছে করছে বদমেজাজী বুড়োটাকে চুমু খাই।
আকাশ কি যেন বলতে যাচ্ছিলোতক্ষুণি নতুন বাচ্চার ওঁয়াও ওঁয়াও শুনে ছুটে গেলো ভেতরে। মা সামান্থাকে বললেন, রাত নটায় ওর ঘুম ভাঙে।
স্যাম গর্বিত বাবার মতো বললো, ওদের কাছে রাত আর দিন সব সমান মাম।
ঘরের ভেতর থেকে আকাশ চেঁচিয়ে বললো, পিচ্চিটা তাকিয়ে দেখছে মাম। মনে হয় আমাকে চিনতে পেরেছে। আপু ওকে একটু কোলে তুলে দে না।
সবাই শোয়ার ঘরে এলো। জুনিয়ার স্যাম তখন মিট মিট করে তাকাচ্ছে, ক্ষুদে ক্ষুদে দুটো মুঠো করা হাত ছুঁড়ছে। অবাক চোখে ওর দিকে তাকিয়েছিলো আকাশ।
মাকে বললো, এত ছোট একটা জলজ্যান্ত মানুষ বিশ্বাস হতে চায় না।
মা বললেন, তুই ওর চেয়েও ছোট ছিলি বাছা। একুশ দিন তোকে ইনকুবেটরে রাখতে হয়েছিলো।
আকাশ অধৈর্য গলায় স্বাতাঁকে বললো, একটু কোলে দেনা আপু। দেখছিস না কেমন কোলে উঠতে চাইছে।
আকাশের ছেলেমানুষি দেখে সামান্থা আর স্যাম মৃদু হাসছিলো। স্বাতী খুব সাবধানে র্যাপার জড়িয়ে বাচ্চাকে আকাশের কোলে দিলো। আকাশ ওকে এমনভাবে বুকে জড়িয়ে ধরলো যেন পৃথিবীর সবচেয়ে দামি আর ভঙ্গুর বস্তু ও।
মা বললেন, ওকে এখন স্বাতীর কাছে দে। ওর খাওয়ার সময় হয়েছে। তারাও খেয়ে নে। আমরা একটু আগে খেয়ে উঠেছি।
আকাশ বললো, কি রকম তুলতুলে একটা ময়দার গোল্লা হয়েছে দেখেছো মাম, ইচ্ছে করছে এটাকেই খেয়ে ফেলি!
আঁতকে ওঠার ভান করে স্যাম বললো, হায় ঈশ্বর, এ কোন নরখাদকের পাল্লায় পড়লাম।
সামান্থা শব্দ করে হেসে উঠলো। আকাশ রহস্য গলায় বললো, আমার পছন্দ খাঁটি সাদা। দোআঁশলা মানুষের চেয়ে সাদারা বেশি উপাদেয়।
স্যাম মুখ টিপে হাসলো–ওটা সামান্থাকে দেখেই বুঝেছি। তারপর কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে সামান্থাকে বললো, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ঠিক মতো দিচ্ছো
তো? দেখতেই পাচ্ছো, আয়ুর ফিতে বেশি লম্বা নয় তোমার।
সামান্থা হেসে বললো, তোমাকে যখন এতদিন খায় নি, আশা করি আমার আয়ুর ফিতে যতটা ছোট তুমি ভাবছো ততটা ছোট নয়।
স্যাম গম্ভীর হওয়ার ভান করে বললো, কার আয়ুর ফিতে কতটা লম্বা ঈশ্বর ছাড়া কেউ কি বলতে পারে!
মা হেসে বললেন, আয়ুর ফিতে মাপা বন্ধ রেখে তোমরা কি খেতে আসবে?
খেতে বসে টেবিলে ভাত দেখে আকাশ মাকে বললো, স্যামকে তুমি একেবারে বাঙালি বানিয়ে ছাড়বে দেখছি।
মা লাজুক হেসে বললেন, ও যে আমার হাতের ডাল, ভাত আর বেগুন ভর্তা খেতে পছন্দ করে।
পছন্দ আমিও করি মাম। নইলে কি আর রুমানিয়া যাওয়ার আগে তোমার হাতের রান্না খেতে আসি। কে জানে বুখারেস্টেই যদি পটল তুলি এ জন্মে আর তোমার রান্না কপালে জুটবে না।
আকাশের পাতে স্যামন মাছের দোপেয়াজি তুলে দিতে দিতে মা গম্ভীর হয়ে বললেন, এ আবার কি অলক্ষুণে কথা।
মার সঙ্গে আকাশ বাংলায় কথা বলে। স্যাম বাংলা ভালো বলতে পারে না, বোঝে সবই। আকাশের কথা শুনে হেসে বললো, আসলে ও জানতে চায় ওকে নিয়ে আমরা কতটা ভাবি।
দীর্ঘশ্বাস ফেলার ভান করে আকাশ বললো, আমাকে নিয়ে কে ভাবতে যাবে বলো? তোমরাও না, মামও না। সবাই তো স্যাম জুনিয়রকে নিয়েই মেতে আছে।
হাসি চেপে স্যাম বললো, যথেষ্ট ধাড়ি হয়েছে। তোমাকে নিয়ে ভাববার জন্য এখন অন্য কেউ আছে।
স্যামকে ওর দিকে তাকিয়ে চোখ টিপতে দেখে সামান্থা লজ্জা পেলো। আকাশদের বাড়ির আন্তরিক ঘরোয়া পরিবেশ ওর খুব ভালো লাগলো। গভীর মমতাভরা চোখে ও আকাশকে দেখলো। আকাশ মৃদু হাসলো।
একদিন পর আকাশের প্লেন যখন ওয়াশিংটনের মাটি ছাড়লো তখন ও অনুভব করলো ওর জন্য সবার ভালবাসা বুকের ভেতরটা ভরিয়ে রেখেছে। কোথাও এতটুকু শূন্যতা নেই। সামান্থা কাল মন্ট্রিয়ল চলে গেছে। যাবার আগে বার বার বলে গেছে বুখারেষ্টে গিয়েই যেন ও ফোন করে।
প্লেন ছাড়ার একটু আগে এয়ারপোর্টে ওকে অবাক করে দিয়ে হেনরী পেপার্স এসে হাজির। আশে পাশের লোকজনদের চমকে দিয়ে বাজখাই গলায় আকাশকে বললেন, কিছুক্ষণ আগে ডিক লম্বা এক টেলেক্স পাঠিয়েছে। ভাবলাম তোমার কাজে লাগতে পারে। এই নাও।
আকাশের হাতে একতাড়া কাগজ গুঁজে দিয়ে হেনরী পেপার্স বললেন, তোমার প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। বিদায় নেয়ার মুহূর্তে তার কি হল কে জানে। আকাশের সঙ্গে হাত মেলাতে গিয়ে তিনি ওকে বুকে জড়িয়ে ধরলেন। ভেজা গলায় বললেন, সাবধানে থেকো বাছা। ববের মতো তোমাকে আমি হারাতে চাই না।
আকাশের চমক ভাঙার আগেই তিনি এয়ারপোর্ট থেকে চলে গেলেন। প্লেনে উঠে আকাশ ডিক পেনের টেলেক্স দেখেছে। এমন কোনো নতুন খবর ওতে ছিলো না, যার জন্য হেনরী পেপার্সকে এয়ারপোর্ট আসতে হবে।
.
৪. সুজনের আরেক পৃথিবী
সুজনের জীবনে একসঙ্গে অনেক কিছু ঘটলো প্রথমবারের মতো। প্রথমবারের মতো প্লেনে চড়লো ও। দেশ ছেড়ে প্রথমবার বাইরে এলো। মাকে ছেড়ে প্রথমবার একা হল। জ্ঞান হওয়ার পর থেকে নিত্য গালমন্দ শোনা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিলো ওর। প্রথমবার এসবের হাত থেকে রেহাই পেলো। নতুন এক জগৎ দেখার উত্তেজনা, মুক্তির আনন্দ আর মাকে ছেড়ে আসার কষ্ট একসঙ্গে অনুভব করলো সুজন।
প্লেনে ওর পাশের সিটের যাত্রী ছিলো এক বাঙালি। বয়স চল্লিশের নিচে। গম্ভীর সৌম্য চেহারা দেখে মনে হয় লেখক অথবা অধ্যাপক। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই ওর সঙ্গে আলাপ জমে গেল। তার নাম জামাল আহাদ, ঢাকার এক নামকরা দৈনিকের সাংবাদিক। রোম যাচ্ছে কোনো এক কনফারেন্সে। যখন শুনলো সুজন হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ সাংবাদিক জাফর চৌধুরীর ছেলে, তখন তার চেহারা থেকে গাম্ভীর্য খসে পড়লো। উচ্ছ্বসিত হয়ে বললো, আমি তখন জগন্নাথ কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারের ছাত্র। আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন ছিলো, চারণিক নাম। তার এক অনুষ্ঠানে জাফর ভাইকে প্রধান অতিথি করে এনেছিলাম। কী দারুণ বলতে পারতেন! আমার স্পষ্ট মনে আছে অনুষ্ঠানের শেষে ওকে যখন বিদায় দিতে যাচ্ছিলাম আমার কাঁধে হাত রেখে বললেন, লেখাপড়া শেষ করে কি হতে চাও। তার ব্যক্তিত্ব আর খ্যাতি দেখে সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম। বললাম, সাংবাদিক হবো। তিনি বললেন, এত সব পেশা থাকতে সাংবাদিক কেন? বললাম, যদি আপনার মতো হতে পারি। শুনে তিনি হাসলেন। পিঠ চাপড়ে বললেন, আমি চাই আমার চেয়ে অনেক বড় সাংবাদিক হও তুমি! আজ আমার খ্যাতি, অর্থ সবই আছে কিন্তু তিনি নেই, যার জন্য আমি এতদূর আসতে পেরেছি।
কথা বলতে গিয়ে জামালের গলা ভারি হয়ে এলো। সুজন ম্লান হাসলো, আপনি তবু বাবাকে দেখেছেন। আমার যখন জন্ম হয়েছে বাবা তখন আর এ পৃথিবীতে নেই।
জামাল ওকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বললো, তোমার ঢাকা ফেরার আগেই আমি রোম থেকে ফিরবো। দেশে ফিরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে।
সুজন মাথা নেড়ে সায় জানালো–ঠিক আছে।
শুধু ঠিক আছে বললে হবে না সুজন। আজ থেকে তুমি আমাকে তোমার বড় ভাই ভাববে। তোমার যখন যা দরকার নিঃসঙ্কোচে বলবে আমাকে। তোমার জন্য কিছু করতে পারলে খুশি হবো আমি।
সুজন আগের মতো সায় জানালো। জামাল আবার বললো, তুমি কি আমাকে বড় ভাই হিসেবে গ্রহণ করেছো?
সুজন মৃদু হেসে বললো, করেছি জামাল ভাই।
বরুণ না আসাতে প্লেনে ওঠার সময় ওর বুকের ভেতর এক ধরনের অস্বস্থি বাসা বেঁধেছিলো। কোনো কিছুর দরকার হলে কি করবে, রোমে ঠিকমতো প্লেন বদলাতে পারবে কিনা–এমনি ধরনের অনেক ভয় বুকে চেপে বসেছিলো। জামালের কথা শুনে সব ভয় কর্পূরের মতো উবে গেলো।
মাঝরাতে দুবাইতে দুঘন্টার জন্য থেমেছিলো সুজনদের প্লেন। জামাল ওকে নিয়ে এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপে চলে গেলো। এখানে নাকি সব কিছু দারুণ সস্তা। সুজনের জঘন্য সুন্দর একটা চামড়ার জ্যাকেট কিনে ফেললো জামাল। ওকে নাকি খুব মানাবে। ভির্মি খাওয়ার দশা হল সুজনের। বললো, এটা কিছুতেই হতে পারে না জামাল ভাই। আমার জন্য তিনশ ডলার দিয়ে জ্যাকেট কিনবেন আমি ভাবতেও পারছি না।
জামাল বিষণ্ণ গলায় বললো, তার মানে তুই আমাকে বড় ভাই ভাবতে পারছিস, আপন ভাবতে পারছিস না।
না জামাল ভাই, বিব্রত গলায় সুজন বললো, বড় ভাই নিশ্চয় ভাবছি। কিন্তু এত দামি জ্যাকেট আমি আপনার কাছ থেকে নিতে পারি না।
বড় ভাইর এই সামান্য উপহারটুকু তুই যদি না নিস আমি ভীষণ কষ্ট পাবো। এই বলে জামাল ওকে জ্যাকেটটা পরিয়ে দিলো। সুজনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মস্ত এক আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললো–তাকিয়ে দেখ সুজন। তোকে ঠিক রূপকথার রাজপুত্রের মতো লাগছে।
লজ্জায় লাল হয়ে আয়নার দিকে তাকিয়ে সুজনের মনে হল সামনে দামি জ্যাকেট পরা যে সুদর্শন ছেলেটি দাঁড়িয়ে আছে সেটা ও নয়, অন্য কেউ। ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ছিলো জামাল। জাফর চৌধুরীর কাছে ওর অনেক ঋণ। সুজনের হাসি ঝলমলে চেহারা দেখে জামালের মনে হল ঋণ শোধ করার সুযোগ এসেছে।
পরদিন বিকেলে সুজনদের প্লেন রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি এয়ারপোর্টে নামলো। সুজনের টিকেট আর লাগেজ ট্যাগ নিয়ে গিয়ে কয়েকশ সুটকেসের ভেতর থেকে ওরটা বের করে আনলো জামাল। ট্রলিতে মালপত্র সব তুলে একে ওকে জিজ্ঞেস করে রুমানিয়ান এয়ারলাইন্স ট্যারম-এর কাউন্টার খুঁজে বের করলো। প্লেন ছাড়তে এখনো তিন ঘন্টা দেরি। সুজন বললো, আপনি চলে যান জামাল ভাই আমি এখানে আছি। ডাকলে চলে যাবো।
জামাল মৃদু হেসে বললো, আমি থাকলে কি তোর খারাপ লাগবে সুজন?
লজ্জা পেয়ে সুজন বললো, আপনি না থাকলে যে আমার কি হতে ভাবতেই ভয় লাগছে জামাল ভাই। হয়তো আমার সুটকেসটা অন্য কোনো প্লেনে চলে যেতো। এত বড় এয়ারপোর্টে হয়তো আমি নিজেই বুখারেষ্টের প্লেন হারিয়ে বসে থাকতাম।
সুটকেস আমারও বার তিনেক হারিয়েছে। ওটা হতেই পারে। চল কফি খাই।
ট্যারম কাউন্টার থেকে বেশ কিছুটা দূরে কফি কর্ণার। কফির সঙ্গে স্যাণ্ডউইচের অর্ডার দিলো জামাল। গত রাত থেকে জামালকে যত দেখছে তত অবাক হচ্ছে সুজন। জ্ঞান হওয়ার পর থেকে মা ছাড়া ওর জন্য যা কিছু করেছে আসিফ। আসিফের করার পেছনে কারণ আছে। সুজনের মতো দেখতে ওর ছোট ভাই ছিলো, যে পানিতে ডুবে মরেছে। তাছাড়া ওরা এক সংগঠন করে, এক আদর্শে বিশ্বাসী। কোনো অনুষ্ঠানে সুজন ভালো করলে আসিফ সেজন্যে প্রশংসা পায়। কিন্তু জামালের সঙ্গে ওর সে রকম কোনো সম্পর্ক নেই। বাবার পরিচিত, বাবা তার আদর্শ ছিলেন–এই তো! এতটুকু পরিচয়ে ওর জন্যে কেউ এতখানি করতে পারে এটা সুজনের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিলো। ওর মুখের দিকে তাকিয়ে জামাল বললো, খুব চিন্তিত মনে হচ্ছে তোকে। কি ভাবছিস?
একটু ইতস্তত করে সুজন বলেই ফেললো, আমার খুব খারাপ লাগছে, আপনি আমার জন্য এত কিছু করছেন অথচ আমি আপনার জন্য কিছু করতে পারছি না।
কিছুক্ষণ সুজনের মুখের দিকে তাকিয়ে থাকলো জামাল। তারপর আস্তে আস্তে বললো, আমার বয়স এক সময় তোর মতো ছিলো। তোর সঙ্গে কথা বললে মনটা পবিত্র হয়ে যায়। মনে হয় আমি সেই বয়সটাতে ফিরে গেছি।
জামালের কথা পুরোপুরি বোধগম্য হল না সুজনের। কোনো কথা না বলে চুপচাপ বসে রইলো। জামাল বললো, এ পৃথিবীটা অনেক কঠিন জায়গা সুজন। আমি জানি তোকে অনেক ঝড়ঝাপ্টা সইতে হয়েছে। তারপরও তোর মনটা স্বর্গের মতো পবিত্র। আমি অনেক কিছু দেখেছি। অনেক মানুষের সঙ্গে মিশেছি। তোর মতো সরল নিষ্পাপ মানুষ আমি কখনো দেখি নি। তোকে আমি আর কষ্ট পেতে দেবো না সুজন। এখন থেকে তোর সকল ভার আমার।
সুজন কি বলবে কিছুই বুঝে উঠতে পারলো না। বুকের ভেতর কেমন যেন করতে লাগলো। দুচোখে কান্না জমলো। ধরা গলায় বললো, আপনি খুব ভালো জামাল ভাই।
জামালের স্নেহভরা হাসি সুজনের মন ভরিয়ে দিলো।
দু ঘন্টা পরে টেলিভিশনের পর্দায় ট্যারম-এর যাত্রীদের প্লেনে ওঠার জন্য বলা হলো। জামাল ওকে নিয়ে কাস্টমস চেকিং পর্যন্ত এগিয়ে দিলো। বিদায় নেয়ার সময় জোর করে ওর পকেটে পঞ্চাশ ডলারের একটা নোট গুঁজে দিলো। বললো, এটা রাখ, আপদে-বিপদে কাজে লাগতে পারে। সুজন চোখের আড়াল না হওয়া পর্যন্ত জামাল দাঁড়িয়ে রইলো কাঁচের দরজার এপাশে। ভাবলো, মাথার ওপর ওর মতো একজন থাকলে সুজন জীবনে অনেক বড় হতে পারবে। ঠিক করলো ঢাকায় ফিরে গিয়েই ওর মার সঙ্গে দেখা করবে।
পুরোনো দিনের প্রপেলারওয়ালা ট্যারম-এর প্লেনখানা যখন বুখারেস্টে নামলো রাত তখন প্রায় বারটা। প্লেনে থাকতেই সুজনের ভয় হচ্ছিল, যদি বুখারেস্টের এয়ারপোর্টে নেমে দেখে ওকে কেউ নিতে আসে নি তাহলে কি হবে! ওর কাছে অবশ্য ঠিকানাসহ পাইওনিয়ার লীগের প্যাডে একখানা চিঠি আছে, যেখানে বলা হয়েছে ৩০ নবেম্বর বুখারেষ্টে স্বাগত জানানো হবে বাংলাদেশের দুজন ছাত্র প্রতিনিধিকে। পকেটে জামাল ভাইর দেয়া পঞ্চাশ ডলারের নোট আছে। কাউকে না পেয়ে ট্যাকসি নিয়ে চলে যাবে পাইওনিয়ারদের অফিসে। বুদ্ধিটা অবশ্য কফি শপে বসে জামাল ভাই দিয়েছিলো।
বুখারেস্টে প্লেন থেকে নেমে অন্য যাত্রীদের সঙ্গে এয়ারপোর্টের লাউঞ্জে আসতেই সুজনের চোখে পড়লো, কয়েকটা ছোট ছোট প্ল্যাকার্ডে বিভিন্ন দেশের নাম উঁচু করে ধরে কয়েকজন তরুণী কাউকে খুঁজছে। সেনেগালের প্ল্যাকার্ডের পেছনে বাংলাদেশের নাম দেখে সুজন এগিয়ে গেলো সোনালি চুলওয়ালা চমৎকার চেহারার মেয়েটির দিকে। কাছে যেতেই মেয়েটি মিষ্টি হেসে ইংরেজিতে বললো, তুমি নিশ্চয় বাংলাদেশের। তোমার আরেক বন্ধু কই? রুমানিয়ায় স্বাগত জানাচ্ছি। আমার নাম মারিয়া।
মারিয়ার বাড়িয়ে দেয়া হাতের সঙ্গে হাত মিলিয়ে সুজন বললো, ধন্যবাদ মারিয়া আমার আরেক বন্ধুর বাবা অসুস্থ থাকার জন্য আসতে পারে নি।
সেনেগালের প্ল্যাকার্ড হাতে মেয়েটা মারিয়ার দিকে তাকিয়ে রুমানিয়া ভাষায় কি যেন বললো। হেসে ওর কথার জবাব দিয়ে মারিয়া সুজনকে বললো, তোমার পাসপোর্ট আর লাগেজ ট্যাগ দাও। এখানে দু মিনিট বসো। আমি এক্ষুণি আসছি।
গদিআটা একটা চেয়ারে সুজনকে বসিয়ে রেখে মারিয়া ব্যস্ত পায়ে ভিড়ের ভেতর হারিয়ে গেলো। সুজন চারপাশে তাকিয়ে দেখলো অন্যান্য দেশ থেকে ওর মতো অনেকে এসেছে। বেশির ভাগই ওর কাছাকাছি বয়সের।
নাক বোঁচা ছোট চোখের চীনা না জাপানি একটা মেয়ে সুজনের দিকে তাকিয়ে হাসলো। সুজন অপ্রস্তুত হয়ে ওর দিকে তাকাতেই মেয়েটা এগিয়ে এসে ইংরেজিতে বললো, আমার নাম শেন, চীন থেকে এসেছি। তুমি নিশ্চয় ইণ্ডিয়ান, পাইওনিয়ার ক্যাম্পে এসেছে।
সুজন হেসে ওর নাম বলতেই শেন হাত বাড়িয়ে বললো, তোমার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। আমার ধারণা তাহলে মিথ্যে নয়।
পুরোপুরি সত্যিও নয়। সুজন হেসে জবাব দিল–ক্যাম্পে এসেছি ঠিকই, তবে আমি ইণ্ডিয়ান নই, বাংলাদেশী।
শেন শব্দ করে হাসলো–ইণ্ডিয়া, চীন, বাংলাদেশ যাই হোক না কেন আমরা সবাই পাইওনিয়ার। আমরা সবাই এক। ঠিক কিনা বলো?
সুজন সায় জানাতেই হন্তদন্ত হয়ে ট্রলি ঠেলতে ঠেলতে ছুটে এলো মারিয়া। বললো, শিগগির চললো, আরেকটা প্লেন এসে পড়েছে। ভিড় আরও বাড়বে।
শেনের দিকে তাকিয়ে সুজন বললো, বিদায় শেন, আশা করি ক্যাম্পে দেখা হবে।
শেন হেসে হাত নাড়লো। মারিয়া বললো, এরই মধ্যে বন্ধু পেয়ে গেছো!
লাজুক হেসে সুজন বললো, না, ঠিক বন্ধু নয়। এখনই পরিচয় হল।
মারিয়া চোখ টিপে বললো, বন্ধু না হলেও হতে বেশিক্ষণ লাগবে না। তোমার। মতো হ্যান্ডসামের সঙ্গে অনেক মেয়ে বন্ধুত্ব করতে চাইবে।
মারিয়ার কথা শুনে লজ্জায় সুজনের কান-টান সব লাল হয়ে গেলো। ভিড়ের ভেতর দিয়ে ট্রলি ঠেলে এগোতে এগোেতে মারিয়া বললো, ইচ্ছে করছে অন্য কোনো মেয়ে তোমার বন্ধু হওয়ার আগে আমিই বন্ধু হয়ে যাই, যদি কিছু মনে না করো।
আরো লাল হয়ে সুজন কোনো রকমে বললো, আমার জন্য সেটাই খুবই আনন্দের হবে মারিয়া।
লাউঞ্জের বাইরে লম্বা দুই বগিওয়ালা বাস দাঁড়িয়েছিলো। সামনের বগি ভর্তি হয়ে গেছে। সুজনকে নিয়ে পেছনের বগিতে উঠলো মারিয়া। সুজনের কাছাকাছি বয়সী বিভিন্ন দেশের ছেলেমেয়েতে এই বগিটাও ভরে গেলো। একসঙ্গে অনেকগুলো দেশের ভাষা শুনলো সুজন। বাসের দরজার কাছে একজন মাঝবয়সী লোক ড্রাইভারকে কি যেন বললো। বাস ততক্ষণে চলা আরম্ভ করেছে।
রাস্তায় যথেষ্ট আলো না থাকাতে সুজন বুঝতে পারলো না ওরা কোনিদিকে যাচ্ছে। কিছুক্ষণ পর মারিয়াই বললো, আমরা ঠিক শহরের উল্টোদিকে যাচ্ছি। দুঘন্টার ভেতর ক্যাম্পের জায়গায় পৌঁছে যাবো আমরা। একদিকে কার্পেথিয়ান পর্বত, আরেক দিকে চমৎকার এক হ্রদ। আমার ধারণা জায়গাটা তোমার ভালো লাগবে।
ঢাকা থেকে প্লেনে ওঠার পর থেকে প্রতিটি মুহূর্ত সুজনের সারা মন ভালো লাগার রোমাঞ্চকর আমেজে ভরেছিলো। যখন থেকে ওর জ্ঞান হয়েছে, ভালো-মন্দ বোঝার বয়স হয়েছে, তখন থেকে জেনে এসেছে ওর পৃথিবীটা তিন বাই দুই নন্দলাল দত্ত লেনের পুরোনো এক বাড়ির শ্যাওলা ধরা দেয়ালের ভেতর চিরকালের মতো আটকা পড়ে আছে। সেই সুজন এখন ইউরোপের চমৎকার সুন্দর এক দেশে বেড়াতে এসেছে মনে হয় পুরো ব্যাপারটাই বুঝি শেষরাতের স্বপ্ন। একটু পরেই বড় চাচার বকুনি শুনে ঘুম ভাঙবে। শীতের কামড় খেতে খেতে বাগানের কাজ করতে হবে। তারপর ছোটদের পড়ানো, বাজারে যাওয়া–গত কয়েক বছর ধরে ঘড়ির কাঁটা ধরে যেসব কাজ করে এসেছে সবই করতে হবে।
সুজনকে চুপচাপ দেখে মারিয়া নরম গলায় বললো, তুমি এত চুপচাপ কেন সুজন? আগে কখনো দেশের বাইরে যাও নি?
সুজন একটু অপ্রস্তুত হল–দেশের বাইরে আমি প্রথম এসেছি?
বাড়ির জন্য মন খারাপ লাগছে?
সুজন ম্লান হাসলো। কোনো কথা বললো না।
মারিয়া আবার প্রশ্ন করলো–বাড়িতে কে কে আছে তোমার?
মা ছাড়া আমার আর কেউ নেই।
তোমার বাবা?
আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মারা গেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
মারিয়া লক্ষ্য করলো সুজনের কথায় গর্ব আর বেদনার সুর। ওর হাতের ওপর নিজের হাত রেখে বললো, আমি তোমাদের স্বাধীনতা যুদ্ধের কথা পড়েছি। একাত্তর সালে তোমরা স্বাধীন হয়েছিলে।
মাথা নেড়ে সায় জানালো সুজন–তুমি ঠিক বলেছো মারিয়া।
কিছুক্ষণ চুপ থেকে মারিয়া আস্তে আস্তে বললো, দেশের জন্য মরতে পারাটা বিরাট গর্বের ব্যাপার জান। আমার বাবার দুই ভাই মারা গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমাদের দেশ থেকে হানাদার জার্মান নাজী বাহিনীকে তাড়াতে গিয়ে।
মারিয়ার সমবেদনা সুজনের হৃদয় স্পর্শ করলো। কিছুক্ষণ কোনো কথা বললো না ওরা। মারিয়া একটা দীর্ঘশ্বাস ফেললো। বললো, আমরা কেউ যুদ্ধ চাই না অথচ যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়।
বাসের জানালা দিয়ে সুজন বাইরে তাকিয়ে দেখলো পাহাড়ের গায়ে পাইন আর বার্চ বনের মাথার ওপর কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ উঠেছে। বাসের জানালা দরজা সব বন্ধ। ভেতরে হিটিং-এর কারণে বেশ গরম। বড় বড় কাঁচের জানালার বাইরে হু হু করে কনকনে ঠাণ্ডা বাতাস বইছে। নরম বার্চ গাছগুলো এলোমেলো দুলছে। চাঁদের হলদেটে স্নান আলোয় সব কিছু রহস্যময় মনে হচ্ছিলো ওর।
রুমানিয়া যাচ্ছে শুনে দুদিন বৃটিশ কাউন্সিলে গিয়ে এদিককার ইতিহাস ভূগোল নিয়ে যে কটা বই পেয়েছে চোখ বুলিয়ে নিতে ও ভোলে নি। রাজাকে আর জার্মান হানাদারদের হটিয়ে কমিউনিস্টরা কি করে দেশটাকে শত্রুমুক্ত করেছে কোনো কিছুই সুজনের অজানা নয়। একটা ভয়ের উপন্যাস পড়েছে-ড্রাকুলা নাম। কার্পেথিয়ান পর্বতের এক দুর্গম জঙ্গলের ভেতর কাউন্ট ড্রাকুলার দুর্গ। এক ভয়ঙ্কর পিশাচ, মরে গেছে কয়েকশ বছর আগে অথচ তার লাশ এখনো কফিনের ভেতর তাজা রয়েছে। রোজ রাতে কফিনের ভেতর থেকে সেই লাশ জ্যান্ত হয়ে বেরিয়ে আসে। তারপর কালো বাদুড়ের রূপ ধরে উড়ে বেড়ায় জঙ্গলের ভেতর আর আশে পাশের গ্রামে। সুযোগ মতো একা কাউকে পেলে গলায় দাঁত বসিয়ে রক্ত টেনে নেয়। গ্রামের মানুষেরা ঘরের জানালা দরজায় রসুন ঝুলিয়ে রাখে। নাকি রসুনের গন্ধ পিশাচ সহ্য করতে পারে না। কী করে ড্রাকুলাকে হত্যা করা হল সে কথাও উপন্যাসে বলা হয়েছে। তবু মাঝ রাতে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে সুজনের একবার মনে হল বাদুড়ের রূপ ধরে কোনো পিশাচ উড়ে বেড়াচ্ছে কিনা কে জানে।
বাসের যাত্রীদের দুএকজন মাত্র জেগে আছে। বাকিরা গভীর ঘুমে অচেতন। সুজন পাশে তাকিয়ে দেখলো মারিয়াও ঘুমিয়ে পড়েছে। মারিয়াকে একদিন ড্রাকুলার কথা জিজ্ঞেস করতে হবে।
ঘুমের ভেতর মারিয়ার মুখটাকে মনে হচ্ছে ঠিক পুতুলের মতো সুন্দর। রুমানিয়ায় পা দেয়ার প্রথম দিনই এত সুন্দর একটা মেয়ে ওর বন্ধু হতে চেয়েছে কালই আসিফকে চিঠি লিখে জানাতে হবে। বাংলাদেশে বোধ হয় এখন ভোর হচ্ছে। বাড়িতে থাকলে বড় চাচার ধমক খেতে হতো ঘুম থেকে না ওঠার জন্য। অথচ এখন এতটুকু ঘুম পাচ্ছে না ওর। অবশ্য রোম থেকে বুখারেস্ট আসার সময়ও প্লেনে কিছুক্ষণ ঘুমিয়েছিলো। তারপরও বাংলাদেশের সময়ে যখন রাত হওয়ার কথা সে সময় বেশিরভাগ ও না ঘুমিয়ে কাটিয়েছে।
বড় চাচার কথা ভাবতে গিয়ে তার জন্য মায়া হলো সুজনের। ফিরে গিয়ে পরিষ্কার জানিয়ে দেবে দাদার বাড়িতে ওঁদের যতটুকু দাবি আছে ওর দাবি কোনো অংশে কম নয়। দরকার হলে উকিলের সঙ্গে কথা বলবে। বাবা নেই বলে মা চিরকাল চাচাঁদের সংসারে চাকরানী হয়ে থাকবেন এটা হতে পারে না। আর কিছুদিন পর ওর বয়স আঠার বছর হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় হয়েছে। প্লেনে জামাল আহাদের সঙ্গে কথা বলার পর সুজনের সাহস আর বয়স দুইই বেড়ে গেছে অনেক। ও আর এখন পুরোনো ঢাকার বদ্ধ গলির সেই মুখচোরা ছেলেটি নয়।
<