৩. আলফ্রেডের সঙ্গে পরিচয়
মন ভালো থাকলে বাড়িতে একা থাকা আমার জন্য কোনো সমস্যা নয়। আমার একটা পার্সোনাল কম্পিউটার আছে। ওটাকে পার্টনার বানিয়ে গেম খেলি। আমার কাছে প্রায় একশ গেমের প্রোগ্রাম আছে। কয়েকটা গেম আছে মহাশূন্য অভিযানের ওপর। খেলতে বসলে সময় কীভাবে কাটে টেরও পাওয়া যায় না। এমন উত্তেজনাকর খেলা যে নাওয়া খাওয়া ভুলিয়ে দেয়। মা অবশ্য দুতিন ঘণ্টার বেশি এসব গেম খেলা পছন্দ করে না। নাকি ব্রেনের নার্ভের ওপর চাপ পড়ে, চোখের জন্যও ভালো নয়।
সেদিন আমার কিছুই ভালো লাগছিলো না। ঠিক করলাম শহর থেকে দূরে কোথাও গিয়ে দিনটা কাটাই। ঘরে গিয়ে কাপড় পাল্টে শীতের জন্য তৈরি হয়ে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। এরকম আমি মাঝে মাঝেই করি। ট্রেনে চেপে উঠে বসি। অচেনা কোনো গ্রামের স্টেশনে হঠাৎ করে নেমে পড়ি। ঘুরতে থাকি উদ্দেশ্যবিহীন। ক্লান্ত হলে রেস্তোরাঁয় বসে হ্যামবার্গার আর কফি খাই। বিচিত্র সব মানুষের সঙ্গে পরিচয় হয়। একবার এক জিপসী মেয়ের পাল্লায় পড়েছিলাম। জোর করে ওদের তাঁবুতে নিয়ে গেলো। খাওয়ালো। পালকের একটা টুপি উপহার দিলো। নাকি আমাকে দেখে ওর হারিয়ে যাওয়া ভাইয়ের কথা মনে পড়েছিলো।
ভিক্টোরিয়া স্টেশন থেকে পশ্চিমের এক ট্রেনে উঠে বসলাম। সকাল তখন পৌনে দশটা। এ সময় সবাই লন্ডনের দিকে আসে, যায় খুব কম। আমি যে কামরায় বসেছিলাম সেখানে আমি ছাড়া একটা কাপ ছিলো, বসেছে বেশ দূরে। জানালার কাছে বসে ছুটে যাওয়া বিবর্ণ সবুজ মাঠ, ন্যাড়া গাছপালা আর ধূসর নীল আকাশ দেখছিলাম। বুকের ভেতরটা ফাঁকা মনে হচ্ছিলো। যেন এ পৃথিবীতে আমার কেউ অচেনা কোরস্তোরায় বলে জিপসী মেয়ের নেই। এভাবে কোনো অচেনা স্টেশনে গিয়ে যদি হারিয়ে যাই, মনে হলো কারও কিছু আসবে যাবে না। দিব্যেন্দুর অবহেলা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না।
ভিক্টোরিয়ার পরের স্টেশনে একজন বয়স্ক লোক উঠলো আমার কামরায়। চেহারাটা খুব অমায়িক, চোখ দুটো শিশুর মতো সরল আর কৌতূহলী। আমার কাছে এসে বললো, দয়া করে তোমার কাছে বসার অনুমতি দেবে?
কামরায় এতসব খালি জায়গা থাকতে আমার পাশে কেন বুড়ো বসতে চাইছে বুঝলাম না। চেহারা দেখে অবশ্য সন্দেহজনক কিছু মনে হয় না। তারপরও আমি একা থাকতে চাইছিলাম। অনিচ্ছার সঙ্গে বললাম, দয়া করে বসুন।
গায়ের ওভারকোটটা খুলে ওপরের বাঙ্কে রেখে বুড়ো আমার মুখোমুখি বসলো। বয়স ষাটের মতো হবে, পোশাক পরিচ্ছদে মনে হয় আর্থিক অবস্থা খারাপ নয়, তবে অমনোযোগী। টাইয়ের সঙ্গে যেমন কোটের রঙ ম্যাচ করেনি। তা ছাড়া চেহারাটা খুবই ইনোসেন্ট। এসব দেখার জন্য আমার দশ সেকেন্ডের বেশি সময় লাগেনি। দেখা শেষ হলে আবার জানালা দিয়ে বাইরে তাকালাম। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে।
একটু পরে আলাপ জমাবার জন্য বুড়ো প্রথমে বললো, আজকের আবহাওয়াটা খুব চমৎকার তাই না ইয়ং ফ্রেন্ড?
হাঁ, এ সময় এত ভালো আবহাওয়া সাধারণত হয় না। দ্রভাবে জবাব দিলাম আমি।
বুড়ো হাসিমুখে বললো, আমার নাম আলফ্রেড। কটনউড যাচ্ছি। তুমি?
আলফ্রেডের বাড়িয়ে দেয়া হাতের সঙ্গে হাত মিলিয়ে বললাম, আমার নাম নিক।
তুমি কদুর যাবে নিক? হাসিমুখে জানতে চাইলো কৌতূহলী আলফ্রেড।
ওর হাসি হাসি মুখের দিকে তাকিয়ে আমাকেও ভদ্রতার খাতিরে সামান্য হাসতে হলো। বললাম, এমনি বেড়াতে বেরিয়েছি।
নিশ্চয় তোমাদের স্কুল এখনও খোলেনি।
আপনি ঠিক ধরেছেন।
কোনো গন্তব্য না থাকলে বেড়াবার জন্য কটনউড জায়গাটা ভারি চমৎকার। ছশ বছরের পুরোনো একটা পাথরের দুর্গ আছে ওখানে।
আপনার বাড়ি বুঝি কটনউডে?
না, না! আঁতকে ওঠার ভান করে আলফ্রেড বললো, আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি একজন অর্ধসভ্য ইংরেজ?
আলফ্রেডের ইংরেজি উচ্চারণ লন্ডনের আদি বাসিন্দাদের মতো জড়ানো নয়, বরং শিক্ষিত এশিয়ানদের মতো পরিষ্কার। একটু অবাক হয়ে বললাম, আপনি কি ট্যুরিস্ট, ইউরোপ থেকে এসেছেন? ওর চেহারা অবশ্য পুরোপুরি ইউরোপিয়ান।
আলফ্রেড হেসে বললো, আমার বাড়ি ওয়েলস-এ। লন্ডনে মাসে একবার ঘুরতে আসি। তুমি নিশ্চয় ইন্ডিয়ান?
না, বাংলাদেশের! আমাকে কেউ ইন্ডিয়ান বা পাকিস্তানি বললে আমি বিরক্ত বোধ করি।
আ-আ-হ বাংলাদেশ! বুড়ো গদগদ হয়ে ভললো, সেভেন্টি সিক্স-এ আমি ঢাকা গিয়েছিলাম জাপান যাওয়ার পথে। ঢাকায় তিনদিন ছিলাম। ভারি সুন্দর জায়গা, খুব শান্ত আর নিরিবিলি শহর। তুমি কি ঢাকায় থাকো?
না, আমি লন্ডনে থাকি। আমার জন্ম হয়েছে বাংলাদেশের সিলেটে।
আমার আগেই বোঝা উচিত ছিলো।
কীভাবে?
তোমার ইংরেজি বলার ধরন দেখে। তুমি একেবারে লন্ডনের লোকদের মতো ইংরেজি বলো। লন্ডনের বাসিন্দা না হলে এটা সম্ভব নয়।
আমি বাংলাও ভালো বলতে পারি।
সেটা যাচাই করা আমার সাধ্যের বাইরে। বলে হা হা করে গলা খুলে হাসলো আলফ্রেড।
আমি টের পাচ্ছিলাম আলফ্রেডের সঙ্গে কথা বলতে গিয়ে আমার বুকের ভেতর চেপে থাকা গুমোট ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। মনটা হালকা হালকা লাগছে।
আলফ্রেড হাসিমুখে বললো, এবার বলো নিক, তুমি কি আমার সঙ্গে কটনউড যাচ্ছো বেড়াতে? আমি প্রায়ই যাই। দুর্গের পাশে ছোট্ট একটা নদী আছে। নদীর পাশে দুশ বছরের পুরোনো একটা রেস্তোরাঁ আছে। ইচ্ছে করলে নদীতে নৌকা নিয়েও বেড়ানো যায়। যাবে তো?
তুমি যেভাবে লোভ দেখাচ্ছো না গিয়ে উপায় কী!
আলফ্রেড উচ্ছ্বসিত গলায় বললো, তোমাকে সঙ্গী হিসেবে পেলে বেড়াতে আমার দারুণ ভালো লাগবে।
ধন্যবাদ আলফ্রেড। তুমি একজন চমৎকার মানুষ।
প্রশংসার জন্য তোমাকে ধন্যবাদ নিক। আমার ভেতর ভালো যদি কিছু থাকে সেটা ওয়েলস-এর আলো বাতাস আর প্রকৃতির জন্য। ওয়েলস-এর লোকেরা সবাই হাসিখুশি, বন্ধুবৎসল। ইংল্যান্ডের লোকদের মতো গোমড়ামুখো অসভ্য নয়।
এটা আমি লক্ষ্য করেছি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড বা ওয়েলস-এর লোকেরা ইংল্যান্ডের লোকদের সব সময় অসভ্য আর গোমড়ামুখো বলে। ইংল্যান্ডের লোকেরা তাদের বলে অমার্জিত গেঁয়ো। কারও সম্পর্কে এ ধরনের মন্তব্য করাটা যদিও অভদ্রতা তবু আলফ্রেড এত সরলভাবে কথাটা বললো যে ওকে কিছু বলতে পারলাম না। আলফ্রেড বললল, লন্ডনে তোমার কে আছে?
মা আর সৎ বাবা।
তুমি কি ওদের সঙ্গে থাকো?
আমি মাথা নেড়ে সায় জানালাম। আলফ্রেড বললো, তোমার বাবা নিশ্চয় খুব ভালো লোক। এসব ক্ষেত্রে ছেলেমেয়েদের বোর্ডিং-এ পাঠিয়ে দেয়া হয়।
আমার সৎ বাবা ঠিক বাবার মতো নয়, আমার বন্ধুর মতো। আমাকে ও খুব ভালোবাসে।
তুমিও নিশ্চয় ওকে খুব ভালোবাসো?
হাঁ, ভালোবাসি। ভালোবাসা একতরফা হয় না।
তুমি ভাগ্যবান নিক। তোমার সৎ বাবাও খুব ভাগ্যবান–তোমার মতো ছেলে পেয়েছে।
তোমার নিজের কথা বলো। বাড়িতে কে কে আছে তোমার?
আলফ্রেড ওয়েলস-এর বাসিন্দা বলেই ওকে এভাবে প্রশ্ন করেছিলাম। নইলে এটা নিতান্তই অ-ইংরেজসুলভ প্রশ্ন, যা কোনো দ্ৰ ইংরেজ কাউকে করবে না।
ওয়েলস-এর বাড়িতে আমি একা থাকি। আলফ্রেড-এর মুখের হাসিতে কিছুটা বিষণ্ণতা মেশানো ছিলো।
তোমার স্ত্রী, ছেলে, মেয়ে নেই?
স্ত্রী মারা গেছে। দুই ছেলে আছে, এক ছেলে লন্ডনে, আরেক ছেলে আছে। ব্রাসেলস এ।
লন্ডনে তোমার ছেলের সঙ্গে থাকে না কেন তুমি?
একটু বিরক্ত হয়ে আলফ্রেড বললো, ও এক ইংরেজ মেয়ে বিয়ে করেছে। জানোই তো ইংরেজরা স্বাধীনভাবে থাকতে পছন্দ করে।
আলফ্রেডের কথা শুনে ওর জন্য ভারি মায়া হলো। বললাম, আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, এশিয়ার অনেক দেশে বাবা মা বুড়ো হলে ছেলেদের সঙ্গে থাকে। ছেলের বউ বুড়ো বাবা মার যত্ন নেয়।
একটা দীর্ঘশ্বাস ফেলে আলফ্রেড বললো, আমি জানি নিক। রবার্ট যদি ওয়েলস এর মেয়ে বিয়ে করতো তা হলে আমরা একসঙ্গে থাকতে পারতাম। এ্যান একেবারে খাঁটি ইংরেজ। ও এসব পছন্দ করে না।
শুধু মেয়ের দোষ দিও না। তোমার ছেলেও নিশ্চয় এর জন্য দায়ী?
তা তো বটেই! বলে আলফ্রেড চুপ করে রইলো।
আধ ঘণ্টা পর কটনউড স্টেশন এসে ট্রেন থামলো। ছোট্ট পাহাড়ি জনপদের ভেতর নিরিবিলি স্টেশন–যেমনটি আমি চেয়েছিলাম। আলফ্রেড ওর চেহারা থেকে বিষণ্ণতার কালো ছায়া সরিয়ে ফেলে ব্যস্ত গলায় বললো, জলদি নেমে পড়ো নিক। ট্রেন এখানে মাত্র এক মিনিটের জন্য থামে।
মাত্র আমরা দুজনই ছিলাম কটনউডের যাত্রী। প্লাটফর্মে নামতেই হুশ করে ট্রেনটা ছুটে গেলো। অদ্ভুত এক নিরবতা আমাদের চারপাশে দেয়ালের মতো দাঁড়িয়ে গেলো। স্টেশনের এক পাশে লোকালয় অন্যদিকে ধু ধু মাঠ। বেশ দূরে মাঠে একটা গরু হাম্বা বলে ডাকলো। একটা দুটো পাখির ডাক শোনা গেলো। আলফ্রেড উত্তর দিকে আঙুল তুলে দেখালো, ওই যে পাহাড়টা দেখছো, ওটার আড়ালে সেই দুৰ্গটা রয়েছে। আগে চলো এক কাপ চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই। আমার ফ্লাস্কটাও ভরিয়ে নেবো। তারপর দুর্গ অভিযানে বেরোনো যাবে।
আলফ্রেডের কথা শুনে মনে হলো, একটু চা হলে ভালোই লাগবে। ওর সঙ্গে বেরিয়ে এলাম স্টেশন থেকে। স্টেশনের কাছাকাছি রাস্তার দুপাশে কয়েকটা পাকা বাড়ি, ছোট দুটো ডিপার্টমেন্ট শপ, পাশে ক্যাফেও রয়েছে। ক্যাফেতে ঢুকে আলফ্রেড চায়ের অর্ডার দিলো। বললো, আর কিছু খাবে?
আমি মাথা নাড়লাম–না ধন্যবাদ, তুমি ইচ্ছে করলে নিতে পারো।
আলফ্রেড বললো, আমার মতো বুড়োদের অনেক হিসেব করে চলতে হয়। আমি একটার আগে কিছু খাবো না। এখন মাত্র এগারোটা দশ।
চা খেয়ে দুজন বেরিয়ে পড়লাম দুর্গের পথে। পাহাড়ি উঁচুনিচু রাস্তা, পাথরে বাঁধানো। দুপাশে বেশির ভাগ গাছেই পাতা নেই, যেগুলোতে আছে তাও বিবর্ণ, বসন্তের জন্য অপেক্ষা করছে। বসন্তের শুরুতে গাছে গাছে রঙের বন্যা বয়ে যায়। কোনো কোনো গাছ রোজ রঙ বদলায়। বনের ভেতর রঙের ফোয়ারা ছোটে।
চারদিক ঠাণ্ডা, সুনসান। মাঝে মাঝে কনকনে বাতাস বয়ে যাচ্ছিলো. গাছের শুকনো পাতায় ছোট ছোট ঘূর্ণি তুলে। শীতকালে এসব জায়গায় কোনো পাখি থাকে না। তখনও বরফ পড়েনি বলে পাহাড়ের বনে একটা দুটো পাখি উড়তে দেখা গেলো । আলফ্রেড বললো, বহু বছর পর ইংল্যান্ডের আবহাওয়া আমাদের ওয়েলস-এর মতো মনোরম মনে হচ্ছে।
তার মানে তুমি বলতে চাইছো ক্রিসমাসে তোমাদের ওখানে বরফ পড়ে না?
মাঝে মাঝে পড়ে। তবে ইংল্যান্ডের মতো নোংরা ময়লা বৃষ্টি থাকে না। শীতের শুরুতে এখানকার মতো জঘন্য আবহাওয়া কোথাও খুঁজে পাবে না।
কারও সঙ্গে কথা বলার জন্য আবহাওয়া একটা জনপ্রিয় বিষয়। তা সে ইংল্যান্ডেরই হোক কিংবা স্কটল্যান্ডের কি ওয়েলস-এর, তাতে কিছু যায় আসে না। আলফ্রেডের সঙ্গে কটনউডের পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালোই লাগছিলো। ও এক মনে ওয়েলস-এর প্রকৃতির বর্ণনা দিচ্ছিলো। কোন ঋতুতে কী রকম দেখায় গড়গড় বলে যাচ্ছিলো। বুড়ো কথা বলার সঙ্গী পেয়ে ভেতরের সব উচ্ছ্বাস উজাড় করে দিচ্ছে। মানুষ কী নিঃসঙ্গ! আমাকে না পেলে ও নিশ্চয় একা একা হেঁটে বেড়াতো কটনউডের রাস্তায়, নইলে পাব–এ কিংবা রেস্তোরাঁয় বসে ঝিমাতো।
নিজের কথা মনে হলো। আমি আলফ্রেডকে নিঃসঙ্গ ভাবছি, আমি নিজেও কি নিঃসঙ্গ নই? দিব্যেন্দুকে ভেবেছিলাম আমার সবচেয়ে কাছের বন্ধু। কাল ওর কথা শুনে মনে হলো না ও আমার মতো ভাবে। শীলা, জেন, ভিকি–সবারই নিজেদের আলাদা জগৎ আছে। ওরা কোথায় গেছে আমি জানি না। জানাবার দরকারও মনে করেনি ওরা। ওদের কারও সঙ্গে দেখা হলে এভাবে অচেনা জায়গায় ঘুরতে আসতাম না। আলফ্রেডের সঙ্গে দেখা না হলে আমাকেও কটনউড না হলে অন্য কোথাও একা একা হাঁটতে হতো।
আলফ্রেড কথা থামিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করছিলো–সত্যি দারুণ না! হ্যাঁ সত্যিই দারুণ। ওয়েলেস-এর সব কিছুই দারুণ চমৎকার। এ বিষয়ে ওর সঙ্গে একটু পরপরই আমাকে একমত হতে হচ্ছিলো। মনে মনে বললাম, আলফ্রেড তুমি মানুষটাও চমৎকার।
কটনউডের দুর্গটা খুব বড় নয়। কাছে না এলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এখানে এত পুরোনো একটা দুর্গ আছে। দুর্গ দেখতে এসে লক্ষ্য করলাম এখানে কোনো গাইড নেই, পাহারাদার নেই, আশেপাশে লোকজনের কোনো চিহ্ন নেই। এমন তো হওয়ার কথা নয়! লন্ডনের আশে পাশে একশ মাইলের ভেতর অনেকগুলো দুর্গ আর প্রাসাদ আমার দেখা আছে। যেগুলো দু তিনশ বছরের পুরোনো সেগুলো সব চমৎকার টুরিস্ট স্পট আর হোটেল হয়ে গেছে। বেশি পুরোনো যেগুলো পাঁচশো বছর বা তার চেয়ে বেশি, সেগুলো জাদুঘর বানানো হয়েছে। টিকেট কেটে ঢুকতে হয়। কোনো লর্ড, ডিউক কিংবা রাজার দুর্গ। ভেতরে তাদের আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, সব সাজানো আছে। বেশির ভাগের বিবরণও লেখা থাকে। বিশেষ করে মূল্যবান রত্ন যদি হয়, সেগুলো কোত্থেকে কীভাবে সংগ্রহ করা হয়েছে সব কিছু লেখা থাকে। বৃটেনের ইতিহাস জানার জন্য এসব দুর্গ দেখা যে খুব দরকার আমাদের টিচাররা বহুবার বলেছেন। অথচ কটনউডে এরকম একটা দুর্গ এভাবে পড়ে আছে দেখে রীতিমতো অবাক হলাম।
আলফ্রেডকে বললাম, তুমি কি সত্যিই জানো এটা ছশ বছরের পুরোনো দুর্গ।
সংস্কারের অভাবে দুৰ্গটাকে অবশ্য আরও পুরোনো মনে হচ্ছিলো। বাইরের দিকটা কালো গ্রানাইট পাথর দিয়ে বানানো হলেও দেয়ালে ফাটল ধরছে, কোথাও দেয়ালের গায়ে বুনো ঝোঁপ গজিয়ে শুকিয়ে আছে, দরজা জানালার সংখ্যা খুবই কম যদিও, সেখানে শুধু ফোকরই আছে কোনো আড়াল নেই। রীতিমতো হন্টেড ক্যাস্-এর মতো মনে হচ্ছিলো। বুঝি রাত নামলেই কালো বাদুড়েরা চারপাশে উড়বে আর অন্ধকার ফোকর দিয়ে কালো আলখাল্লা পরা কোনো ভ্যাম্পায়ার বেরিয়ে আসবে।
আমার সন্দেহের কথা শুনে আলফ্রেড হাসলোকেন, বিশ্বাস হচ্ছে না বুঝি! সঠিক সময় যদি জানতে চাও তা হলে বলি, তেরশ আশি সালে বার্গান্ডির ডিউক এ দুৰ্গটা বানিয়েছিলো তাদের জমিদারী রক্ষা করার জন্য। খুবই অত্যাচারী ছিলো বার্গান্ডির জমিদারেরা। কত প্রজাকে যে জ্যান্ত মাটিতে পুঁতেছে তার কোনো হিসেব নেই। তাদের অত্যাচারের কথা নিয়ে অনেক ব্যালাড লেখা হয়েছে। এই এলাকার পুরোনো লোকেরা এখনও ভ্যালেন্টাইনের মেলার সময় সেসব ব্যালাড গায়।
এভাবে অযত্নে ফেলে রেখেছে কেন? আলফ্রেডকে প্রশ্ন করলাম–এর চেয়ে অনেক কম পুরোনো দুর্গগুলো হয় জাদুঘর নয়তো হোটেল বানানো হয়েছে।
পুরোনো বটে তবে এটার কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। জমিদাররা শুধু বছরে একবার খাজনা আদায়ের জন্য আসতো। তাদের কর্মচারীরা থাকতো এখানে। স্থাপত্য নির্দশনের কথা যদি বলো সেদিক থেকে এটা আহামরি কিছু নয়। আমাদের ওয়েলস-এ এরকম অনেক দুর্গ এমনি পড়ে আছে। দেখার কেউ নেই।
আমরা দুজন বসেছিলাম কালো একটা পাথরের বেঞ্চে। হাতব্যাগের পকেট থেকে মোটা একটা পাইপ বের করে ওটার ভেতর তামাক ভরলো আলফ্রেড। তামাকের কৌটোর গায়ে লেখা থ্রি নান। পাইপে আগুন ধরিয়ে ওটা টানলো সে। ওর মুখে গভীর তৃপ্তি ছড়িয়ে পড়লো। একগাল সুগন্ধি ধোয়া ছেড়ে আলফ্রেড বললো, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই নিক।
কী প্রস্তাব? অবাক হয়ে জানতে চাইলাম আমি।
ওয়েলস-এ আমার একটা চমৎকার বাড়ি আছে। তুমি কি আমার সঙ্গে দুদিনের জন্য সেখানে বেড়াতে যাবে?
.
৪. দুর্লভ বন্ধু আলফ্রেড
ঘড়িতে তখন ঠিক সাড়ে বারোটা। সূর্য যদিও মাথার কাছে এসে পড়েছে রোদে এতটুকু তেজ নেই। মাঝে মাঝে কনকনে বাতাসে গাছের শুকনো ঝরা পাতা এলোমেলো উড়ছিলো। গাছের পাতার সামান্য খসখস শব্দ ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। আমার চারপাশে থ্রি নান তামাকের মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে। আলফ্রেড এক মনে পাইপ টানছিলো। ওর সঙ্গে মাত্র দুঘন্টা আগে পরিচয়। কোনো ইংরেজ যদি কাউকে দুঘন্টার পরিচয়ে তাকে তার গ্রামের বাড়িতে যেতে বলে এর চেয়ে আশ্চার্যের আর কিছু হতে পারে না। আলফ্রেড ইংরেজ নয়। তবু এত অল্প পরিচয়ে আমাকে ওর বাড়িতে যেতে বলছে দেখে খুবই অবাক হলাম। ওকে বললাম, আলফ্রেড, আমি তোমার বাড়িতে যাবো কি না সেটা এখনই বলতে পারছি না। তুমি আমাকে এত অল্প পরিচয়ে তোমার বাড়িতে যেতে বলছে–এতে আমি বেশ অবাক হয়েছি।
পাইপ টানা বন্ধ করে আলফ্রেড আমার মুখের দিকে তাকালো। ওর চোখে কৌতুকের ঝিলিক, যেন আমি খুব মজার কথা বলেছি। বললো, আমার বয়স কত বলো তো?
ষাটের মতো হতে পারে।
আমার বয়স বাহাত্তর।
তোমাকে দেখে মনে হয় না এত বয়স হয়েছে।
প্রশংসার জন্য ধন্যবাদ।
তুমি আমার কথার জবাব দাওনি।
দেখ নিক, এ বয়সে আমি মানুষ কম দেখিনি। তোমাকে বলেছি বোধহয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার পোস্টিং ছিলো ইন্ডিয়াতে। পাঁচ বছর ছিলাম সেখানে। ইন্ডিয়ানদের আমি ভালোমতো চিনি। তা ছাড়া কোনো মানুষকে চিনতে আমার বেশি সময় লাগে না। লোকটা ভালো না মন্দ, ওর মনটা কেমন–এসব আমি এক ঘন্টার আলাপেই বুঝতে পারি।
আমার সম্পকে তোমার ধারণা কী?
তোমাকে আমি বলেছি, তুমি খুব ভালো ছেলে। তোমার বাবা, মা সবাই ভালো। তোমাকে যা বলিনি সেটা হচ্ছে তোমার মনের অবস্থা । যে কোনো কারণেই হোক আজ তোমার মন ভালো নেই। তুমি নিজেকে খুব নিঃসঙ্গ ভাবছে।
কী করে বুঝলে?
আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার পাঠ্য বিষয়ের তালিকায় মনোবিজ্ঞান ছিলো। বিষয়টা এমনিতেও আমার প্রিয়। এ নিয়ে যথেষ্ট পড়েছি, মানুষের চরিত্র বোঝারও চেষ্টা করেছি। এত বছরের অভিজ্ঞতা একেবারে মিথ্যা হতে পারে না।
আমি তোমাকে এমন কোনো কথা বলিনি যাতে মনে হতে পারে আমার মন ভালো নেই।
বলোনি। কিন্তু আমার বুঝতে অসুবিধা হয়নি। এমন চমৎকার দিনে তোমার বয়সী ছেলেরা বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করে কাটায়। তোমার মতো কেউ একা এভাবে অজানা গন্তব্যে পাড়ি জমায় না। আমার সঙ্গে কটনউড আসতে রাজি হলে, কারণ তোমার সহৃদয় কারও সান্নিধ্য প্রয়োজন ছিলো। তোমার সঙ্গে কথা বলার সময় লক্ষ্য করেছি তুমি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলে। একবার দারুণ মজার একটা হাসির ঘটনা তোমাকে বললাম, সত্যিই দারুণ না! তুমিও বললে সত্যিই দারুণ। যদি জিজ্ঞেস করি কী ছিলো দারুণতুমি বলতে পারবে না। তুমি অন্য কিছু ভাবছিলে। তোমার মনটা বিক্ষিপ্ত ছিলো।
আলফ্রেডের কথায় আমি বিব্রত বোধ করলাম। ও এমনভাবে কথা বলছিলো যেন। আমার মনের সব খবর ওর জানা হয়ে গেছে। বিব্রত গলায় বললাম, আলফ্রেড, তোমার কথার সময় আসলেই আমি অমনোযোগী ছিলাম। তুমি শুরু করেছিলে ওয়েলস-এর গল্প দিয়ে। আমি তখন ভাবছিলাম আমার মার কথা। কাল রাতে মাকে আমি বিমর্ষ দেখেছি। আমার সৎ বাবা দিব্যেন্দুরও মন ভালো ছিলো না। কেন যেন মনে হচ্ছে আমি বোধহয় ওদের মন খারাপের কারণ। বুঝতে পারছি না কী করবো। আমার অমনোযোগকে উপেক্ষা ভেবো না। তোমার সঙ্গে থাকতে আমার ভালো লাগছে।
আমার কথা শুনে আলফ্রেড কয়েক মুহূর্ত কোনো কথা বললো না। চুপচাপ তাকিয়ে থাকলে আমার মুখের দিকে। তারপর নরম গলায় বললো, বয়সে আমি তোমার চেয়ে অনেক বড়। কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলছো এমনভাবে যেন আমি তোমার সমবয়সী কেউ। এতে বোঝা যায় তোমার মনটা কত নিষ্পাপ। নিক, তুমি কি আমাকে বলবে কাল রাতে কী হয়েছিলো?
কথাগুলো আলফ্রেড এমনভাবে বললো, যেন ও আমার অনেক দিনের পুরোনো খুব কাছের একজন বন্ধু। মনে হলো অন্য কারও সঙ্গে না হলেও ওর সঙ্গে আমার কষ্টের বোঝা ভাগ করে নেয়া যায়। যদিও আলফ্রেডের সঙ্গে কথা বলতে বলতে বোঝা এমনিতে কিছুটা হালকা হয়ে এসেছিলো, ভাবলাম যদি এভাবে বোঝাটা নামিয়ে ফেলতে পারি ক্ষতি কী! ওকে বললাম কাল কী হয়েছিলো। শুধু কালকের কথা নয়, দিব্যেন্দুর সঙ্গে আমার বন্ধুত্ব, মার সঙ্গে ওর বিয়ে, ইন্ডিয়া যাওয়া, ওদের পরিবারের রক্ষণশীলতা সবই ওকে বললাম।
আমার কথা শোনার পর আলফ্রেড কিছুক্ষণ চুপ করে থাকলো। আপন মনে পাইপ টানছিলো। আমি তাকিয়েছিলাম দুর্গের দিকে। শীতের ঝিমধরা দুপুরে জীর্ণ দুৰ্গটাকে খুব অসহায় মনে হচ্ছিলো একসময় কত দাপট ছিলো এই দুর্গের। কত মানুষ এটাকে দেখে ভয়ে সিটিয়ে যেতো। এখন কেউ জানেও না এটার কথা। অযত্নে অবহেলায় এভাবে ধীরে ধীরে একদিন মাটির সঙ্গে মিশে যাবে। সে মাটিতে ঘাস গজাবে, বসন্তে ঘাসফুল ফুটবে। ছোট ছোট বাচ্চারা প্রজাপতির পেছনে ছুটোছুটি করবে। যখন একা থাকি এরকম ভাবতে আমার ভালো লাগে। মা একদিন বলেছিলেন, তুই জেগে জেগে স্বপ্ন দেখিস।
আলফ্রেড আস্তে আস্তে বললো, নিক, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করো। আর আমাকে যদি বন্ধু ভাবতে পারো তবেই প্রশ্নের জবাব দিও।
দিব্যেন্দু আমার চেয়ে বাইশ বছরের বড় হয়ে যদি বন্ধু হতে পারে তুমি কেন পারবে না! তোমার প্রশ্ন বলো–
আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ নিক।
তোমার প্রশ্নটা কী?
দিব্যেন্দুর মা যা চেয়েছে, দিব্যেন্দু যদি ছোট্ট একটা বাচ্চার বাবা হতে চায় তুমি কি আপত্তি করবে?
একথা কেন বলছো?
আমার ধারণা তোমার মা তা চায় না। তোমার কথা ভেবেই হয়তো। তোমার মার হয়তো মনে হয়েছে তাতে তুমি নিজেকে উপেক্ষিত ভাবতে পারো। তুমি নিজে কী বলো?
আলফ্রেডের কথার জবাব কীভাবে দেবো কিছুক্ষণ ভাবতে হলো। তারপর বললাম, মা যদি সত্যিই ওরকম ভেবে থাকে তার নিশ্চয় কারণ আছে আলফ্রেড।
আমি জানি। তবু আমাদের সব সময় সব পরিস্থিতির ভেতর মানিয়ে চলা শিখতে হয়। এই যে আমার ছেলেরা আমার জন্মদিনে আর ক্রিসমাসে শুধু দুটো কার্ড পাঠিয়ে আমার প্রতি তাদের দায়িত্ব পালন করে–এটা তো আমি মেনে নিয়েছি। কিন্তু তোমার মা তোমাকে কাছে পেতে চায়। দিব্যেন্দুও নিশ্চয় চায় তুমি ছোট ভাইবোনকে ভালোবাসবে। যদি তুমি এটা সহজভাবে নিতে পারো তোমার মা আর দিব্যেন্দুর ভেতর আর কোনো বিরোধ থাকবে না। আমার ধারণা তুমি আগের চেয়ে বেশি ওদের ভালোবাসা পাবে।
আমার ভয় হচ্ছে ওরা আমাকে বোর্ডিং-এ পাঠিয়ে দেবে।
তুমি অনেক বিষয় তোমার বয়সী ছেলেদের চেয়ে অনেক বেশি বোঝ। এটা কেন বুঝতে পারছে না দিব্যেন্দুর সঙ্গে তোমার মায়ের বিয়েটা যেমন তোমার ইচ্ছায় হয়েছে, তোমার ইচ্ছাতেই তোমাদের বাড়িতে নতুন অতিথি আসবে। এজন্য তোমার বাবা মা দুজনই তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে।
কথাটা ভেবে দেখলাম, আলফ্রেড মিথ্যে বলেনি। আমি না চাইলে মার সঙ্গে দিব্যেন্দুর বিয়ে হতো না কিন্তু ওদের একটা দুঃখের কারণ হতাম আমি, যা ওরা কখনও আমাকে জানতে দিতো না। কখনও যদি আমি না চাই দিব্যেন্দু বাবা হবে না, ওর মার ইচ্ছা পূরণ হবে না, এর দায় শেষ পর্যন্ত আমাকেই নিতে হবে ।
আলফ্রেডও আবার বললো, তুমি বড় হচ্ছো নিক। এখন তুমি আরও বেশি করে নিজের জগতে জড়িয়ে যাবে। দশ বছর পর বাবা মার চেয়ে অনেক বেশি আপন মনে হবে তোমার নিজের জগৎকে। তখন ওদের কী হবে সেটাও একবার ভাবো।
তুমি ঠিকই বলেছো আলফ্রেড। আমি ততক্ষণে মনস্থির করে ফেলেছি। বললাম, আমি খুব স্বার্থপরের মতো নিজের কথাই শুধু ভাবছিলাম। আজই মাকে বলবো–আমি ভাই পেতে চাই।
নরম হেসে আলফ্রেড বললো, তুমি মোটেই স্বার্থপর নও নিক। স্বার্থপর হলে বন্ধুদের ফেলে এমন চমৎকার দিনে আমার মতো বিটকেল বুড়োকে সঙ্গ দিতে না।
আলফ্রেডের কথার ধরনে আমি হেসে ফেললাম–কী যা তা বলছো আলফ্রেড! তুমি শুধু বন্ধু নও, তার চেয়েও বেশি কিছু। জানো, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। অনেক রাত পর্যন্ত কেঁদেছিলাম। নিজেকে খুব হতভাগ্য ভাবছিলাম। মনে হচ্ছিলো আমার আনন্দের দিন চিরকালের মতো হারিয়ে গেছে।
আমার কাঁধে হাত রেখে আলফ্রেড বললো, তোমার মতো চমৎকার ছেলে নিজেকে কেন হতভাগ্য ভাববে? আশা করি এরপর থেকে এরকম কোনো সমস্যা হলে এ বুড়োকে স্মরণ করবে। আমি চাই চিরকাল তুমি আনন্দের জগতে বাস করবে।
ভবিষ্যতে নিশ্চয় তোমাকে স্মরণ করবো। পরিবেশটা হালকা করার জন্য বললাম, আপাতত অন্য একটি কারণে তোমাকে স্মরণ করতে ইচ্ছে করছে।
কী কারণে? একটু অবাক হয়ে জানতে চাইলো আলফ্রেড।
আমি ক্ষুধার্ত। নেকড়ে বাঘের মতো ক্ষুধার্ত।
ঘড়ি দেখে আঁতকে উঠলো আলফ্রেড–হায় ঈশ্বর, দেড়টা বেজে গেছে! আমি দুঃখিত নিক, একটায় খাবো বলেছিলাম। এই বলে ব্যাগ থেকে ও স্যান্ডউইচ আর দুটো কোকের ক্যান বের করলো। স্টেশনের রেস্তোরাঁ থেকে চা খেয়ে আসার সময় এগুলো সে কিনেছিলো।
স্যান্ডউইচ খেতে খেতে বললাম, একেবারে টাটকা জিনিস। লন্ডনে এত টাটকা স্যান্ডউইচ পাওয়া যাবে না।
গ্রামের সব কিছুই টাটকা। বুক ভরে এখানকার বাতাসে নিঃশ্বাস নাও। লন্ডনে এ বাতাস কোথায় পাবো?
ওয়েলস-এর বাতাস নিশ্চয় এর চেয়েও ভালো?
আহ্ ওয়েলস! ওখানকার কোনো কিছুর সঙ্গে এখানকার তুলনা হয় না। বলতে গিয়ে গভীর তৃপ্তিতে আলফ্রেডের চোখ বুজে এলো। তারপর হঠাৎ মনে পড়াতে বললো, ভালো কথা, তুমি কি আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছো?
হেসে বললাম, নিশ্চয় যাবো আলফ্রেড। কবে যেতে চাও বলো?
অবশ্য তোমার স্কুল খোলার আগে। যখন খুশি যেতে পারো।
সঙ্গে যদি আমার দু তিনজন বন্ধু যেতে চায়অসুবিধে হবে?
আলফ্রেডের মুখের হাসি মিলিয়ে গেলো। শুকনো গলায় বললো, তোমার বন্ধুরা কি আমার মতো একজন বুড়োর সঙ্গ পছন্দ করবে?
নিশ্চয় করবে। আমাকে তোমার পছন্দ হলে ওদেরও হবে।
ওরা কি ইংরেজ?
আলফ্রেডের ভয়ের কথা জানতে পেরে হেসে ফেললাম–একজনও ইংরেজ নয়।
স্বস্তির নিঃশ্বাস ফেললোআলফ্রেড–তা হলে অবশ্যই ওদের স্বাগত জানাবো। ওর মুখে আবার হাসি ফিরে এলো অসভ্য ইংরেজ জাতটাকে দুচোখে দেখতে পারি না আমি।
আজকাল ইংরেজদের ভেতর এশিয়ানদের প্রতি ঘৃণা অনেক বেড়েছে। ওদের সম্পর্কে আমার ধারণাও খুব ভালো নয়। তবে আলফ্রেডের মতো এতটা বিদ্বেষ আমার ভেতর নেই। বললাম, তোমার সঙ্গে যোগাযোগ করবো কীভাবে?
আলফ্রেড একটা কাগজে ওর লন্ডনের ঠিকানা আর টেলিফোন নম্বর লিখে দিলো। বললো, এটা হচ্ছে সামরিক বাহিনীর প্রাক্তন অফিসারের একটা ক্লাব। লন্ডনে এলে আমি ক্লাবের গেস্ট হাউসে উঠি। তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো। যদি চাও আমরা কালই যেতে পারি।
ততক্ষণে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আলফ্রেডকে বললাম, বলেছিলে কাছে নাকি নদী আছে, নৌকায় ঘোরা যায়! এদিকে তো কোনো নদী দেখছি না।
মুখ কাঁচুমাচু করে আলফ্রেড বললো, তোমাকে লোভ দেখাবার জন্য বলেছিলাম নদী কাছে। আসলে এখান থেকে দেড় মাইল পশ্চিমে নদী। যদি হাঁটতে আপত্তি না থাকে যেতে পারি।
আজ তা হলে থাক। হেসে বললাম, তবে যে বললে ওয়েলস-এ নাকি বার্চলেকের ধারে তোমার বাড়ি! সেখানে গিয়ে আবার হ্রদ দেখার জন্য কয়েক মাইল হাঁটতে হবে না তো?
মোটেই না। ব্যস্ত গলায় প্রতিবাদ জানালো আলফ্রেড–হ্রদের পানিতে আমাদের বাড়ির ছায়া পড়ে। সত্যি বলছি নিক!
মুখ টিপে হেসে বললাম, দেখা যাবে।
দেখে নিও। হাসিমুখে বললো আলফ্রেড।
সূর্য বেশ কিছুক্ষণ আগে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ঠান্ডা বাতাস ধীরে ধীরে বাড়ছিলো। দুর্গের বা পাশে বন, ডানদিকটা অনেকখানি খাড়া নেমে গেছে খোলা মাঠে। সামনের চত্বরে একসময়ে পাথর বিছানো ছিলো। পাথরের ফাঁকে ফাঁকে বুনন ঘাস আর আগাছা গজিয়ে সব ঢাকা পড়েছে। আলফ্রেডকে বললাম তুমি কখনও এ দুর্গের ভেতরে গিয়েছো?
না যাইনি। একা সাহসে কুলোয়নি। তুমি যদি সঙ্গী হও একদিন যেতে পারি। অবশ্য আমার মতো যদি ভীতু না হও।
এখন যাবে? আমি সাহস দেখাবার জন্য উদগ্রীব হলাম।
আজ বাদ দাও। তোমার সঙ্গে বসে গল্প করতে বেশি ভালো লাগছে।
আমার পুরোনো প্রাসাদ, দুর্গ এসব দেখতে ভালো লাগে।
আমাদের পাশের গ্রামে একটা অনেক দিনের পুরোনো প্রাসাদ আছে, লোকে ওটাকে হন্টেড প্যালেস বলে। দিনের বেলায়ও ওর ধারেকাছে কেউ যায় না।
আমি উচ্ছ্বসিত হয়ে বললাম, সত্যিই বলছো আলফ্রেড! তা হলে তো দারুণ মজা হবে।
আলফ্রেড মৃদু হাসলো। কোনো কথা বললো না। বিকেল চারটা পর্যন্ত আলফ্রেডের সঙ্গে কটনউডে কাটালাম। তারপর লন্ডনের ট্রেন ধরে যখন ভিক্টোরিয়া স্টেশনে নামলাম তখন চারদিক অন্ধকার হয়ে গেছে। আলফ্রেড বললো, তুমি বাড়ি যাবে কিভাবে?
টিউবে চলে যাবো। তুমি আমার জন্য ভেবো না।
আমি তোমাকে তোমাদের স্টেশন পর্যন্ত এগিয়ে দেবো।
কোনো দরকার হবে না আলফ্রেড। রাত নটা দশটায় বাড়ি ফেরার অভ্যাস আছে আমার।
আলফ্রেড করুণ গলায় বললো, তোমর জন্য নয়, আমার নিজের গরজেই যেতে চাইছি। আমি আরও কিছু সময় তোমার সঙ্গে কাটাতে চাই।
ওর জন্য মায়া হলো। মাত্র পাঁচটা বাজে। মা আর দিব্যেন্দু ফিরবে সাতটা আটটার দিকে। নিরীহ গলায় বললাম, ঠিক আছে আলফ্রেড, আমার সঙ্গে যেতে পারো এক শর্তে
অবাক হয়ে ও জানতে চাইলো–কী শর্তে?
যদি আমাকে এক কাপ কফি খাওয়াও।
স্টেশন ভর্তি লোকের সামনে আমাকে বুকে জড়িয়ে ধরে আলফ্রেড বললো, শুধু কফি কেন, তুমি যদি আমার সঙ্গে ডিনার করতে চাও তা হলে আরও বেশি খুশি হবো।
ডিনার পাওনা থাক। আজকের মতো কফি হলেই চলবে। এই বলে আমরা দুজন হাত ধরাধরি করে বাইরে এসে একটা কফিশপে ঢুকলাম।
কফির সঙ্গে আলফ্রেড জোর করে পেস্ট্রি খাওয়ালো। তারপর আমাকে নিয়ে গেলো পাশের ডিপার্টমেন্ট শপে। তিনতলায় উঠে গেমস সেকশনে গিয়ে কম্পিউটার গেমস-এর ক্যাটালগ নিয়ে এক পাশের সোফায় বসে বললো, এখান থেকে দশটা চমৎকার গেম বেছে দাও দেখি, যা তোমার নেই।
তুমি কি কম্পিউটার গেম পছন্দ করো!
না, একজনকে দেবো।
কী রকম দামের ভেতর চাও? গেম বাছতে বাছতে জানতে চাইলাম আমি।
দাম নিয়ে ভেবো না। খুব উত্তেজনা আর বুদ্ধির খেলা হতে হবে।
ক্যাটালগে শয়ে শয়ে গেমের তালিকা। নামের পাশে বিবরণ আর দাম লেখা আছে। গেম যত জটিল দাম তত বেশি। আলফ্রেডের বাজেট জানি না। মাঝামাঝি দামের দশটা গেম বাছলাম। ক্যাটালগ পড়ে মনে হলো আমার যেগুলো আছে তার চেয়ে অনেক ভালো। হবে না কেন, প্রতিমাসে নতুন নতুন গেম বেরোচ্ছে, অথচ গত ছমাস আমি কোনো গেম কিনিনি।
ছোট একটা গিফট প্যাকেটে দশটা ফ্লপি ডিস্ক নিয়ে আলফ্রেড ওর ব্যাগে ঢোকালো। আমার সঙ্গে টিউবে সাউথ গেট স্টেশন পর্যন্ত এলো। মোটামুটি ফাঁকাই ছিলো স্টেশন। ও যাবে উল্টো দিকে। আমি বললাম, এবার তোমাকে আমি ট্রেনে তুলে দেবো।
আলফ্রেড আপত্তি করলো না। ওপরে সংকেত দেখা গেলো দু মিনিট পর ওর ট্রেন আসছে। আলফ্রেড বললো, তুমি কিন্তু কাল সকালেই ফোন করছো?
মাথা নেড়ে সায় জানালাম। ওর ট্রেন এসে গেলো। ব্যাগ থেকে ফ্লপি ডিস্কের প্যাকেটটা আমার হাতে গুঁজে দিয়ে ও বললো, এটা তোমার।
আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এত দামী উপহার আলফ্রেড আমার জন্য কিনেছে ভাবতেও পারিনি!
তোমার চেয়ে আপন এ মুহূর্তে আমার আর কেউ নেই। এই বলে আলফ্রেড ট্রেনে উঠে পড়লো।
আমি একটা ধন্যবাদও জানাতে পারলাম না। জানালার ফ্রেমে ওর হাসিমাখা মুখখানা ভেসে উঠলো। হুশ করে বেরিয়ে গেলো ট্রেনটা।
<