তুমি আমার নাম জানলে কিভাবে? প্রশ্ন করলাম।
খবরের কাগজে তোমার ছবি বেরিয়েছিল–নিরোর সাথে, মৃদু কণ্ঠে বলল ও।
আবার চুপ করে গেলাম আমরা। পরস্পরকে লক্ষ করছি।
প্রথমে যতটুকু মনে হয়েছিল তার চেয়েও বেশি লম্বা ও, আমার কাঁধ পর্যন্ত পৌঁছেচে। গাঢ়-নীল রঙের প্যান্ট পরে আছে ও, পায়ে কালো চামড়ার বুট। এখন ওর সরু কোমর, এবং মোটা জার্সির নিচে সুডৌল, সুউন্নত বুকের আভাস পাচ্ছি।
প্রথমে সাদামাঠা মনে হবার দশ সেকেণ্ড পর ভেবেছিলাম অসাধারণ সুন্দরী ও, কিন্তু এখন আমার স্থির বিশ্বাস দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে ও একজন। অনুভূতি এবং উপলব্ধির এই বিস্ময়কর প্রতিক্রিয়াটা পুরো হজম করতে সময় লাগছে আমার।
একটা অসুবিধের মধ্যে ফেলে রেখেছ তুমি আমাকে, একসময় বললাম ওকে। আমি তোমার নাম জানি না।
আমি রাফেলা বার্ড, উত্তরে বলল ও।
ধাক্কাটা ভালভাবেই খেলাম। পনেরো সেকেণ্ড বোকার মত তাকিয়ে থাকলাম নিঃশব্দে। আরেকজন রাফেলা বার্ডকে চিনি আমি, তার সাথে এর কোন মিলই নেই।
এই নামের গোটা একটা দল আছে, তা কি তুমি জানো? জিজ্ঞেস করলাম ওকে।
মৃদু ভুরু কুঁচকে তাকাল ও আমার দিকে। বুঝিয়ে বলবে? কণ্ঠস্বর শুনে বোঝা গেল অসন্তুষ্ট বা বিরক্ত হয়নি, কিন্তু কৌতূহলী হয়ে উঠেছে পুরোমাত্রায়।
বড় গল্প। বলতে প্রচুর সময় লাগবে।
দুঃখিত, হঠাৎ খেয়াল হয়েছে ওর, কিচেনের মাঝখানে অনেকক্ষণ ধরে সামনাসামনি দাঁড়িয়ে আছি আমরা, এবং আমাকে বসতে বলেনি। বসবে না তুমি? একটা বিয়ার দেব?
কাবার্ড থেকে এক জোড়া বিয়ারের ক্যান তুলে নিল ও, আমার উল্টো দিকে কিচেন টেবিলের ওধারে বসল।
তাই? বড় গল্প? ক্যান দুটো খুলল ও, হাত বাড়িয়ে একটা রাখল আমার সামনে। তারপর মুখ তুলল, সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল আমার দিকে।
নিরো সেন্ট মেরীতে পা দেবার পর থেকে যা কিছু ঘটেছে তার একটা সম্পাদিত বিবরণ ওকে দিতে শুরু করলাম আমি। খুব সহজে কথা বলা যায় ওর সাথে, যেন একজন উৎসাহী এবং অতি পরিচিত আপনজন শুনছে আমার কথাগুলো। এবং হঠাৎ হল কি, ওকে সমস্ত সত্য বলে ফেলার অদ্ভুত একটা তাড়না অনুভব করলাম নিজের ভেতর। বারবার মনে হচ্ছে, একেবারে শুরুতেই কোন রকম রাখঢাক না করে সততার সাথে সব জানানো দরকার ওকে। মনে হচ্ছে, ওর কাছে সত্য প্রকাশ করার গুরুত্ব অপরিসীম।
সম্পূর্ণ অপরিচিতা ও, অথচ যতটা নিজেকে বিশ্বাস করি ততটাই বিশ্বাস করলাম ওকে। যা কিছু ঘটেছে সব নির্দ্বিধায় জানালাম।
রাত আর একটু বাড়তে আমাকে ও খাওয়াল। ওর চেহারা সংক্রান্ত ব্যাপারটার সাথে পরিবেশিত খাবারের অদ্ভুত একটা মিল দেখতে পাচ্ছি। বাড়িতে হাতে তৈরি রুটি, ফার্মের মাখন, সুপ, মাটন চপ ইত্যাদি খাবারগুলো অতি সাধারণ, কিন্তু স্বাদে গন্ধে প্রতিটি অতুলনীয়। এখনও আমি বকবক করে যাচ্ছি, কিন্তু এখন আর সেন্ট মেরীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে কিছু বলছি না। নিঃশব্দে শুনে যাচ্ছে ও। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আজ যেন আমি একজনকে পেয়েছি যাকে অবাধে মন খুলে বলা যায় নিজের সব কথা।
আমি যে একজন স্পাই, একথাটা ছাড়া নিজের আর সব কথাই ফাঁস করে দিলাম বিনা দ্বিধায়। এমন কি জলকুমারী কেনার টাকা কোত্থেকে পেয়েছিলাম সে-কথাও বলতে বাধল না আমার।
মাঝরাত পেরিয়ে যাবার পর অবশেষে মুখ খুলল ও। বলল, নিজের সম্পর্কে এত খারাপ কথা, তা যদি সত্যি হয়ও, কেউ বলে কি? যাই হোক, তোমার সব কথা বিশ্বাস করতে পারছি, এমন নয়। তোমাকে ওরকম মনে হয় না-মনে হয়…, শব্দ নির্বাচন করার জন্যে কয়েক সেকেও ইতস্তত করল ও, …তুমি একজন ভাল মানুষ। ভাল শব্দটা উচ্চারণ করল বটে, কিন্তু ঠিক এই শব্দটাই বলতে চেয়েছে কিনা সন্দেহ হল আমার।
ভাল মানুষ বলতে ঠিক যা বোঝায় আমি তা নই, সরল স্বীকারোক্তি দিলাম আমি। তবে তা হবার জন্যে কঠোর পরিশ্রম করেছি আমি, আজও করছি। তুমি হয়ত বুঝবে, আসলে ভাল একজন মানুষ হওয়ার চেষ্টার মত কঠিন কাজ নেই আর। জানো, অনেক সময় ভাল-মন্দের বিচার করার সময় ইচ্ছে করে অন্ধ সাজি আমি। তখন আমি আর ভাল মানুষ থাকি না। আমাকে দেখে তোমার মনে হয়… হঠাৎ হাসলাম আমি, আসলে চেহারা সব সময় সত্যি কথা বলে না।
হ্যাঁ, তা ঠিক, ওর বলার ভঙ্গিতে আশ্চর্য একটা তাৎপর্য ফুটে। উঠল। যেন প্রচ্ছন্নভাবে সতর্ক করে দিল ও আমাকে। তারপর বলল, কিন্তু এতসব কথা আমাকে কেন শোনালে তুমি? কাজটা খুব বুদ্ধিমানের মত হল না, যাই বল।
ঠিক তোমাকে শোনাতে চেয়েছি, ব্যাপারটা তা নয়। এমন একটা সময় এসেছিল যখন আমার সব কথা তোমার মত কাউকে জানাবার জন্যে ছটফট করছিলাম ভেতর ভেতর। তুমি নির্বাচিত হওয়ায় আমি দুঃখিত।
হাসল ও। বলল, আজ রাতটা নিরোর কামরায় কাটাতে পার তুমি। বাইরে বেরিয়ে আর কাউকে এসব বলবে, সে ঝুঁকি আমি নিতে পারি না।
গত রাতে ঘুমাইনি আমি, হঠাৎ ভীষণ ক্লান্তি অনুভব করলাম। কিন্তু আরও একটা কথা বলা বাকি আছে আমার। সেন্ট মেরীতে কেন গিয়েছিল নিরো? জিজ্ঞেস করলাম ওকে। কি খুঁজছিল ও? তুমি জানো, কাদের সাথে কাজ করছিল ও, কি তাদের পরিচয়?
আমি জানি না, মৃদু মাথা নেড়ে বলল ও। বুঝলাম, সত্যি কথা বলছে। ওকে আমি এতটা বিশ্বাস করছি, এরপর আমাকে মিথ্যে কথা বলতে পারে না।
আমি জানতে চাই, ওকে জানালাম। তুমি আমাকে সাহায্য করবে?
হ্যাঁ, করব, কথাটা বলে উঠে দাড়াল ও। নিরো কেন গিয়েছিল, কাদের সাথে গিয়েছিল এসব আমিও জানতে চাই। কাল সকালে আবার আমরা কথা বলব, ঠিক আছে?
ঠিক আছে।
নিরোর কামরাটা দোতলায়। ফটোগ্রাফ আর বুক শেলফ দখল করে রেখেছে সবগুলো দেয়াল। একটা ছোট শো-কেসে রয়েছে রূপোর অনেকগুলো ট্রফি। ছাত্রজীবনে খেলাধুলোয় ভাল ছিল সে।
ক্রাইসলার থেকে আমার ব্যাগগুলো নিয়ে এলাম আমি, ইতিমধ্যে উঁচু আর নরম বিছানায় নতুন চাঁদর বিছিয়ে দিয়েছে রাফেলা। বাথরুমটা কোনদিকে দেখিয়ে দিয়ে চলে গেল ও।
বৃষ্টির রিমঝিম শুনছি, এরমধ্যে কখন ঘুমিয়ে পড়েছি, জানি না। তারপর কেন যেন ঘুম ভেঙে গেল। শুনতে পাচ্ছি নিস্তব্ধ বাড়ির কোথাও যেন ফিসফিস করে কথা বলছে কে। একটু পরই বুঝলাম অস্ফুট কণ্ঠস্বরটা রাফেলার।
আণ্ডারপ্যান্ট পরা অবস্থায় এবং খালি পায়ে বেডরুমের দরজাটা নিঃশব্দে খুললাম। পা টিপে টিপে প্যাসেজের শেষ মাথায় সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম আমি। নিচে হলের মাঝখানে একটা ল্যাম্প জ্বলতে দেখছি, এবং দেয়ালে ঝোলানো একটা টেলিফোনের পাশে দাঁড়িয়ে রয়েছে রাফেলা। রিসিভারের মাউথপীসটা দুহাত দিয়ে আড়াল করে ধরে অস্ফুট স্বরে কথা বলছে ও, শব্দগুলো বুঝতে পারছি না। আলোটা ওর পেছনে, স্বচ্ছ ফ্রকটা তাই ভাল দেখা যাচ্ছে না, নগ্ন দেখাচ্ছে ওকে।
পিপিংটমের মত তাকিয়ে আছি ওর দিকে। ওর শরীরের চামড়ায় চকচক করছে ল্যাম্পের আলো। ট্রান্সপারেন্ট কাপড়ের ভেতর রহস্যময় খাঁদ, বাক আর ছায়া দেখে উত্তেজনা বোধ করছি।
চোখ ফিরিয়ে নিতে কষ্ট হল একটু। আবার পা টিপে ফিরে এলাম বেডরুমে। ভাবছি, এত রাতে কাকে টেলিফোন করছে ও?
অশান্তি লাগছে। কিন্তু ঘুম এসে মুক্তি দিল আমাকে।
.
ভোরের দিকে থেমেছে বৃষ্টি। তাজা বাতাসের লোভে বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তাঘাট কাদায় থকথক করছে, খানাখন্দ ভরাট হয়ে গেছে পানিতে।
ব্রেকফাস্টের সময় রাতের চেয়ে আরও সহজ লাগছে রাফেলাকে। হালকা কথা এবং মৃদু হাসির মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম আমরা।
একসময় বলল, কথা দিয়েছি সাহায্য করব। কিন্তু কি করতে পারি আমি, বলো?
কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারো।
যদি জানা থাকে। জিজ্ঞেস করো।
কঠোর গোপনীয়তা অবলম্বন করছিল নিরো, সে যে সেন্ট মেরী দ্বীপে যাচ্ছে তা নিজের চেয়ে এক বছরের বড় বোনকে জানাবার প্রয়োজন বোধ করেনি। রাফেলা প্রশ্ন করতে তাকে। জানিয়েছিল, পর্তুগীজ মোজাম্বিকে কাবোরা-বাসা ড্যামে এক প্রস্থ ইলেক্ট্রনিক আণ্ডারওয়াটার ইকুইপমেন্ট বসাবার একটা কন্ট্রাক্ট পেয়েছে সে। সরঞ্জাম নিয়ে রওনা হয় নিরো, রাফেলা তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। যতদূর জানা আছে ওর, নিরো একাই যাচ্ছিল। ব্রাইটনের কারখানায় এসে পুলিস খবর দিয়ে যায় নিরো খুন হয়েছে। খবরের কাগজে ছাপা রিপোর্টও পড়েছে ও। এর বেশি কিছুই জানা নেই ওর।
নিরোর কোন চিঠি পাওনি তুমি?
একটা চিঠি বা একটা খবর–কিচ্ছু পাইনি।
বুঝলাম নেকড়ে-জোড়া নিরোর চিঠিপত্র মাঝপথে কোথাও থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা রেখেছিল। নকল রাফেলা যে চিঠিটা দেখিয়েছিল আমাকে সেটা নিরোরই লেখা ছিল।
গোটা বিষয়টা কেমন যেন ধোঁয়াটে, কিছুই বুঝছি না ভাল করে। কোথাও কি বোকামি করছি আমি?
না, একটা চুরুট বের করে প্রায় ধরিয়ে ফেলেছিলাম, হঠাৎ খেয়াল হতে তাকালাম ওর দিকে। চুরুট ধরালে অসুবিধে হবে তোমার?
না, মৃদু কণ্ঠে বলল ও। চুরুট ফোঁকা ছেড়ে দিতে হবে না ভেবে মনটা সাংঘাতিক খুশি হয়ে উঠল।
যতদূর বোঝা যাচ্ছে, বড় কিছু একটা আবিষ্কারের আশায় সেন্ট মেরী দ্বীপে গিয়েছিল নিরো, বললাম ওকে। উদ্ধার করার জন্যে প্রচুর টাকা দরকার হয় ওর, তাই পার্টনার জোগাড় করে, কিন্তু তার এই পার্টনাররা লোক ভাল ছিল না। কোথেকে জিনিসটা উদ্ধার করতে হবে তা জানতে পেরেছে মনে করা মাত্র তারা আমাকে এবং নিরোকে খুন করতে চেষ্টা করে। আমি বেঁচে যাই, কিন্তু নিরো মারা যায়। তারপর মারা যায় তারা দুজনও। কিন্তু তাদের বড়কর্তারা রয়ে গেছে। সেই কর্তারা যখন দেখল প্রতিনিধিরা ব্যর্থ হয়েছে এবং লণ্ডনে তাদের আর কোনদিন ফিরে আসার সম্ভাবনাও নেই তখন তারা একটা মেয়েকে তোমার পরিচয় দিয়ে পাঠাল সেন্ট মেরীতে। জিনিসটা কোথায় আছে তা জানতে পেরেছে মনে করে এই মেয়েটিও একটা ফাঁদ পেতে। আমাকে খুন করার আয়োজন সম্পন্ন করল, এবং ফিরে এল এখানে। ওদের পরবর্তী পদক্ষেপ কি হবে, বুঝতে পারছ?
বিগ গাল আইল্যাণ্ডে লোক পাঠাবে এবার ওরা।
হ্যাঁ, ঠিক তাই। এবং এবারও সম্পূর্ণ নিরাশ হতে হবে ওদেরকে।
আমাদের কফির কাপ দুটো আরেকবার ভরে দিল রাফেলা। লক্ষ করছি, আজ সকালে মেকআপ ব্যবহার করেছে ও, কিন্তু তা এতই সামান্য যে ওর স্বচ্ছ গভীর লাবণ্য তাতে ঢাকা না পড়ে আরও যেন উদ্ভাসিত হয়ে উঠেছে। ওর সৌন্দর্য সম্পর্কে এখন আবার একবার সিদ্ধান্ত বদল করলাম আমি। পৃথিবীতে ওর মত সুন্দরী মেয়ে আর একজনও আছে কিনা সন্দেহের বিষয়। তাও ভোরের ম্লান আলোয় দেখছি ওকে।
কফির কাপের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে ও। ফর্সা, সুগঠিত ওর হাত দুটো টেবিল ক্লথের ওপর আমার হাতের পাশে পড়ে রয়েছে। সেগুলো আমার ধরতে ইচ্ছে করছে।
উদ্ধার করতে চাইছে ওরা–কি সেটা, রানা? এবং কারা ওরা?
চমৎকার দুটো প্রশ্ন। এগুলোর উত্তর পাবার কিছু কিছু সূত্র জানা আছে আমার। প্রথম প্রশ্ন, কি জিনিস উদ্ধার করতে চেয়েছিল নিরো? এর উত্তর জানার পর তার খুনীদের পরিচয় জানতে চেষ্টা করব আমরা।
এ সম্পর্কে কিছুই জানা নেই আমার, মুখ তুলে আমার চোখে চোখ রাখল ও। কি সূত্র পেয়েছ তুমি?
জাহাজের বেল। বেলের গায়ে নকশা এবং খোদাই করা অক্ষর।
কি অর্থ ওগুলোর?
এখনও জানি না, কিন্তু চেষ্টা করলে জানতে পারব। ঝোঁকটা সামলাতে না পেরে ওর হাতে হাত রাখলাম আমি। হাতটা গরম, এবং একটা দৃঢ়তা অনুভব করছি। সবচেয়ে আগে এখানে নিরোর কামরা আর ব্রাইটনে ওর দোকান ঘরটা চেক করতে চাই আমি। কোন না কোন সূত্র পাবই আমরা।
হাতটা সরিয়ে নেয়নি ও। বলল, বেশ। প্রথমে কি আমরা দোকানে যাব? ইতিমধ্যে পুলিস একবার তল্লাশি চালিয়ে গেছে। তবে ওদের চোখে হয়ত ধরা পড়েনি সূত্রগুলো, আদৌ যদি কিছু থাকে ওখানে।
নিশ্চয়ই আছে, আশা প্রকাশ করলাম আমি। চলো, বেরিয়ে পড়ি। আমি তোমাকে লাঞ্চ খাওয়াব। মৃদু চাপ দিলাম ওর হাতে। হাতটা আমার মুঠোর ভেতর ঘুরিয়ে সিধে করে নিল ও, তারপর পাল্টা চাপ দিল একটু।
লাঞ্চ-বেশ, ওটা তোমাকে নিয়ে যাবার পারিশ্রমিক, হাসল ও।
কিন্তু আমার হাতে ওর হাতের সাড়া পেয়ে এমন বিস্ময়াভিভূত হয়ে পড়েছি যে কথা বলতে পারছি না। গলা শুকিয়ে গেছে। হার্টবিট সাংঘাতিক বেড়ে গেছে, যেন এইমাত্র এক মাইল দৌড়ে এসেছি। ধীরে ধীরে হাতটা সরিয়ে নিয়ে উঠে দাঁড়াল ও।
এসো, ব্রেকফাস্টের ডিশগুলো ধুয়ে ফেলি।
সেন্ট মেরীর মেয়েরা এখন যদি দেখে মিস্টার রানা থালাবাসন ধুচ্ছে সাথে সাথে পাংচার হয়ে যাবে আমার সব প্রেস্টিজ।
পেছনের দরজা দিয়ে দোকানে নিয়ে গেল আমাকে রাফেলা। উঠনটা ছোট, ডাইভিং সরঞ্জাম আর পানির নিচ থেকে পাওয়া নানা ধরনের জিনিসের সমাবেশ এখানে। অনেকগুলো বাতিল এয়ার বটল, একটা পোর্টেবল কমপ্রেশার, তামার পোর্টহোল ছাড়াও রয়েছে বিধ্বস্ত জাহাজ থেকে উদ্ধার করা জিনিস, এমন কি সবগুলো দাঁতসহ একটা কিলার হোয়েলের চোয়াল পর্যন্ত দেখতে পাচ্ছি।
অনেক দিন আসা হয়নি এদিকে, দোকানের পেছনের দরজা খোলার সময় ক্ষমা প্রার্থনার সুরে বলল রাফেলা। নিরোই যখন নেই… কাঁধ ঝাঁকাল ও, এসব বিক্রি করে দিয়ে দোকানটা উঠিয়ে দেবার কথা ভাবতে গেলেই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাই করতে হবে। অন্তত লীজটা রি-সেল করা যেতে পারে।
শুরু করি আমি, ঠিক আছে?
ঠিক আছে। আমি বরং স্টোভে বসিয়ে দিই কেটলিটা।
উঠন থেকে শুরু করলাম। লোহা-লক্কড়ের স্তূপ নাড়াচাড়া করে তাৎপর্যপূর্ণ কিছুই পড়ল না চোখে। এরপর দোকানে ঢুকে সী-শেল আর হাঙ্গরের দাঁতের ভিড়ে হারিয়ে ফেললাম নিজেকে। শো-কেসেও পেলাম না কিছু। ডেস্কের ড্রয়ারগুলো পরীক্ষা করছি, এই সময় কফি নিয়ে ভেতরে ঢুকল রাফেলা। ডেস্কের ধারে আমার কাপটা রেখে তিমির একটা চোয়ালের ওপর বসল ও।
ইনভয়েস, চিঠি, ফাইল-কিছু বাদ না দিয়ে ধৈর্যের সাথে সব পড়ছি এক এক করে। অবশেষে নিরাশ হয়ে মুখ তুললাম।
কিছুই পেলে না? জানতে চাইল ও।
কিছুই পেলাম না, রিস্টওয়াচ দেখলাম আমি। চলো, লাঞ্চের সময় হয়েছে।
দোকান বন্ধ করে একটা ইংলিশ রেস্তোরাঁয় এলাম আমরা। এক বোতল দামি হুইস্কির সাথে লবস্টারের অর্ডার দিলাম আমি। দাম শুনে জ্ঞান হারাবার অবস্থা হল, কিন্তু ধাক্কাটা সামলে ওঠার পর খেতে বসে বাকি সময়টা প্রচুর হাসলাম আমরা, এবং এর পেছনে সবটাই মদের কৃতিত্ব নয়। পরস্পরকে আমরা আরও ভালভাবে জানছি এবং আরও ঘনিষ্ঠ হয়ে পড়ছি। প্রথম প্রেমে পড়ছে মাসুদ রানা।
লাঞ্চের পর সী-ভিউয়ে ফিরে এলাম আমরা। কোন রকম আলস্যকে প্রশ্রয় না দিয়ে সোজা নিরোর কামরায় ঢুকে পড়লাম আমি। এটাই আমাদের শেষ সুযোগ, কিছু পাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি এখানে। গোপন কিছু যদি আদৌ থাকে, নিজের শোবার কামরাতেই তা রাখার কথা নিরোর। কিন্তু বুঝতে পারছি, সামনে আমার লম্বা কাজ পড়ে রয়েছে। কয়েকশো বই আর পত্রিকা দেখতে পাচ্ছি কামরার ভেতর। বেশির ভাগই আমেরিকান আরগোসি, ট্রাইডেন্ট, দ্য ডাইভার এবং অন্যান্য ডাইভিং প্রকাশনা। বিছানার পায়ের কাছে ফাইল ঠাসা একটা শেলফও দেখতে পাচ্ছি।
কাজ করো, তোমাকে আর বিরক্ত করব না, বলে চলে গেল রাফেলা।
একটা শেলফের যাবতীয় বইপত্র রিডিং টেবিলে নিয়ে এসে কাজে বসলাম। সাথে সাথে টের পেলাম যা ভেবেছি তার চেয়ে শত গুণ কঠিন এবং সময় সাপেক্ষ কাজ এটা। হাতে পেন্সিল নিয়ে পড়তে বসে যারা, নিরো ছিল তাদেরই দলের একজন। প্রতিটি বই এবং পত্রিকার মার্জিনে নোট লিখেছে সে, লাইনের নিচে দাগ টেনেছে, পাশে মন্তব্য লিখেছে, বিস্ময় এবং প্রশ্নবোধক চিহ্ন এঁকেছে। কাজের বোঝা দেখে ভয় পেলাম, কিন্তু পিছু হটলাম না। অসীম ধৈর্যের সাথে পড়ে যাচ্ছি সব, সেন্ট মেরীর সাথে কোথাও সম্পর্ক আছে কিনা খুঁজছি।
রাত আটটায় এক কাপ কফি দিয়ে গেল রাফেলা। আমার করুণ দশা দেখে ভয় পেল সম্ভবত, কোন কথা না বলে চলে গেল নিঃশব্দে। বিছানার পায়ের দিকের শেলফটা থেকে ফাইল নামিয়ে নতুন উদ্যমে কাজে হাত দিয়েছি আমি আবার। প্রথম ফাইলটায় রয়েছে জাহাজ এবং সমুদ্র বিষয়ে পেপারকাটিং। দ্বিতীয় ফাইলটা চামড়া দিয়ে মোড়া, কিন্তু কোন লেবেল সাটা নেই গায়ে। দেখেই বুঝলাম, এটা সাধারণ একটা ফাইল নয়, ভেতরে এনভেলাপে সাঁটা রয়েছে এখনও। প্রত্যেকটির গায়ে একই ঠিকানা-মেসার্স। পার্কার অ্যাণ্ড উইলটন, ফেনচার্চ স্ট্রীট। প্রত্যেকটা চিঠি আলাদা। হস্তাক্ষর বহন করছে, সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে পাঠানো হয়েছে এগুলো-কানাডা, সাউথ আফ্রিকা, ভারতএবং উনিশ শতকের পোস্টেজ স্ট্যাম্পগুলো সম্ভবত ভাল দামে বিক্রি হবে এখন।
দুটো চিঠি পড়ার পর বুঝলাম মেসার্স পার্কার অ্যাণ্ড উইলটন একটা এজেন্সি, কুইন ভিক্টোরিয়ার অধীনস্থ কর্মচারীরা এদের মক্কেল। চিঠিগুলোয় সম্পত্তি, টাকা, কার্গো এবং বিভিন্ন বিষয়ের নিরাপত্তা বিধান করার নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিগুলো লেখা হয়েছে আঠারোশো সাতান্ন সালের আগস্ট থেকে আঠারোশো আটান্ন সালের জুলাইয়ের মধ্যে। যাই হোক, দশ নাম্বার চিঠিটা পড়তে শুরু করে এমন কিছু চোখে পড়ল আমার, বুকের ভেতর ছলকে উঠল রক্ত।
চিঠির একজায়গায় দুটো শব্দের নিচে লাল কালির দাগ টানা হয়েছে, এবং চিঠির মার্জিনে একটা নোট রয়েছে। নোটটা নিরোর। লেখা, চিনতে পারছি। দুর্বোধ্য লাগছে-B. Mus. E 6914 (8).
তবে শব্দ দুটোই আমাকে নাড়া দিয়েছে। ইংরেজি শব্দ ডন লাইট, বাংলা করলে দাঁড়ায়-ভোরের আলো।
ডন লাইট-শব্দ দুটোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আর ভাবছি এর আগে কোথায় যেন শুনেছি এগুলো। কখন, কোথায়, কার মুখে-কিছুই এই মুহূর্তে মনে পড়ছে না-তবে শুনেছি।
ভারতের বোম্বে শহর থেকে পাঠানো হয়েছে চিঠিটা। তারিখ দেয়া হয়েছে-১৬ সেপ্টেম্বর, আঠারোশো সাতান্ন। সাল। প্রথম থেকে পড়তে শুরু করলাম চিঠিটা।
প্রিয় উইলটন
অনারেবল কোম্পানির জাহাজ ভোরের আলো এ মাসের
পঁচিশ তারিখে এখানকার বন্দর ত্যাগ করছে এবং যথাসময়ে পোর্ট অভ লণ্ডনে কোম্পানির নিজস্ব
জেটিতে নোঙর ফেলবে। ভোরের আলোতে পাঁচটা লাগেজ রয়েছে আমার,
তোমার নামে এবং তোমার লণ্ডনের ঠিকানায় পাঠাচ্ছি। অত্যন্ত গুরুত্ব এবং যত্নের সাথে এই লাগেজের
দায়িত্ব নেবে তুমি এবং তোমার ব্যক্তিগত তত্ত্বাবধানে নিরাপদ গুদামে রাখার ব্যবস্থা
করবে। লাগেজগুলো সংশ্লিষ্ট কাগজপত্রসহ ঠিকমত বুঝে পেলে
কিনা তা পাবার সাথে সাথে জানাবে আমাকে।
তোমার বিশ্বস্ত বন্ধু,
কর্নেল স্যার রজার গুডচাইল্ড।
অফিসার কমাণ্ডিং একশো একতম রেজিমেন্ট
কুইনস ওউন ইণ্ডিয়া রাইফেলস।
এই চিঠি তোমাকে পৌঁছে দিচ্ছেন হার ম্যাজেস্টির ফ্রিগেট
প্যানথারের ক্যাপ্টেন।
কাগজ ধরা আমার হাতটা উত্তেজনায় কাঁপছে। কিভাবে যেন বুঝতে পেরে গেছি আসল সূত্রটা পেয়ে গেছি আমি। এটাই সমস্ত রহস্যের চাবিকাঠি। অত্যন্ত সাবধানে এবং যত্নের সাথে রিডিং টেবিলে রাখলাম চিঠিটা, রূপোর একটা পেপার নাইফ চাপা দিলাম সেটার ওপর। তারপর ধীরে ধীরে, গভীর মনোযোগ দিয়ে আবার পড়তে শুরু করলাম লেখাটা। কিন্তু চট করে মনোযোগ কেড়ে নিল একটা বিঘ্ন। গলি থেকে একটা গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে আসছে। গেট পেরিয়ে উঠনে ঢোকার সময় জানালার গায়ে হেডলাইটের এক ঝলক আলো দেখা গেল। বাক নিয়ে বাড়ির এক প্রান্তে থামল সেটা।
শিরদাড়া খাড়া হয়ে গেছে আমার। শুনছি। থেমে গেল ইঞ্জিনের আওয়াজ। ঘটাং করে বন্ধ হল গাড়ির দরজা।
তারপর কিছুক্ষণ আর কোন শব্দ নেই।
একটু পর একটা চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম, তার সাথে বেশ ভারী একটা ধমকানির সুর। পুরুষ কণ্ঠ। ধীরে ধীরে, নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে শুরু করেছি আমি।
অকস্মাৎ চেঁচিয়ে উঠল রাফেলা। নিস্তব্ধ বাড়িতে ওর চিৎকারটা পরিষ্কার এবং ভৌতিক লাগল কানে, বুকের ভেতর গরম ছুরি ঢোকাবার মত একটা অনুভূতি হল আমার। প্রতিরক্ষার সহজাত প্রবৃত্তি এমন প্রচণ্ডভাবে জেগে উঠল আমার ভেতর যে সিঁড়ি ভেঙে হলে নামার পর প্রথম খেয়াল করলাম হাঁটতে শুরু করেছি আমি।
কিচেনের দরজাটা খোলা, ঢুকতে গিয়ে চৌকাঠের ওপর দাঁড়িয়ে পড়লাম আমি। দুজন লোক রাফেলার সাথে। বয়স্ক লোকটার পরনে উটের পশম দিয়ে তৈরি একটা টপকোট এবং মাথায় সুতির একটা ক্যাপ। লোকটার চোখ দুটো কোটরের ভেতরে সেঁধিয়ে আছে, মুখে চর্বির ভাঁজ।
রাফেলার বাঁ হাত মুচড়ে দুই শোল্ডার ব্লেডের মাঝখান পর্যন্ত তুলে নিয়ে গেছে লোকটা, গ্যাস স্টোভের পাশে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে ওকে।
অপর লোকটা অল্পবয়স্ক রোগা, মাথাটা খালি, খড়ের মত হলদেটে চুল দুই কাঁধ প্রায় ঢেকে রেখেছে। পরনে একটা লেদার। জ্যাকেট। অদ্ভুত স্থির একটা হাসি দেখতে পাচ্ছি তার ঠোঁটে। রাফেলার ডান হাতটা শক্ত করে ধরে আছে সে। গ্যাস রিঙের আগুনের দিকে ধীরে ধীরে নামিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে।
মরিয়া হয়ে নিজেকে মুক্ত করতে চেষ্টা করছে রাফেলা। কিন্তু দুজনের সাথে পারছে না ও। ধস্তাধস্তিতে চুল খুলে গেল ওর, কাঁধের ওপর দিয়ে নেমে এল নাভির নিচ পর্যন্ত।
ধীরে, বৎস, মাথায় ক্যাপ পরা লোকটা ভারী, চাপা গলায় বলল, একটু সময় দাও ওকে, চিন্তা করে দেখুক!
নীল আগুনের শিখাগুলো হিস হিস করছে। ছোকরার মুখের স্থির হাসিটা একটুও বদলাল না, হঠাৎ চাপ দিয়ে রাফেলার হাতটা নামিয়ে ফেলল সে, আগুনের ওপর কিলবিল করছিল আঙুলগুলো, আঁচ লাগতেই গুটিয়ে একটা মুঠো পাকিয়ে গেল-আবার তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এল রাফেলার গলা থেকে।
চেঁচাও, যত পার চেঁচাও, মাথার হলুদ চুল নেড়ে ফিসফিস করে বলছে ছোকরা। তোমার চিৎকার শোনার জন্যে কেউ নেই আশপাশে।
আমি? চৌকাঠ পেরিয়ে বললাম। ঝট করে দুজনেই ফিরল ওরা আমার দিকে, চোখেমুখে বিস্ময় এবং কৌতুকের ভাব।
কে… রাফেলার হাত ছেড়ে দিয়েই ব্যাক পকেটে হাত ঢোকাতে শুরু করেছে ছোকরাটা।
দুটো ঘুসি মারলাম ওকে, বাঁ দিকের পাঁজরে আর মাথার ডান দিকে। কিন্তু ছোকরার শরীরে মাংস না থাকায় ঘুসি দুটো ঠিক জমল না, বিশেষ তৃপ্তি লাভ করা থেকে বঞ্চিত হলাম আমি, তবে এতেই পড়ে গেল সে। প্রথমে একটা চেয়ারের ওপর তারপর সেটাকে নিয়ে মেঝেতে।
টপকোটের দিকে ফিরলাম দ্রুত।
নিজের সামনে এখনও রাফেলাকে ধরে রেখেছে সে, দুহাতের প্রচণ্ড ধাক্কা দিয়ে আমার দিকে ছুঁড়ে দিল ওকে। ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছে রাফেলাও, এই সময় ওকে ধরে ফেলে দুজনেরই পতন কোনরকমে ঠেকালাম।
ঘুরল লোকটা, তারপর ছুটে বেরিয়ে গেল কিচেন থেকে।
রাফেলাকে ছেড়ে স্থির হয়ে দাড়াতে কয়েক সেকেণ্ড লেগে গেল আমার। দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলাম উঠনে, ইতিমধ্যে ট্রায়াম্প স্পাের্টস কারের দিকে অর্ধেক দূরত্ব পেরিয়ে গেছে টপকোট। সন্ত্রস্ত ইঁদুরের মত হঠাৎ এক সেকেণ্ড থেমে ঘাড়ের ওপর দিয়ে পেছন দিকে তাকাল সে।
পরিষ্কার বুঝে নিলাম, হিসাব কষে নিল লোকটা। গাড়ির কাছে পৌঁছে সেটাকে গেটের দিকে ঘুরিয়ে নেবার সময় নেই ওর, তার আগেই পৌঁছে যাব আমি। বাঁ দিকে ঘুরে গেল সে, গেট পেরিয়ে গলির অন্ধকার মুখে অদৃশ্য হয়ে গেল।
গলিতে বেরিয়ে এসে প্রথমে কিছুই দেখতে পেলাম না অন্ধকারে। থকথকে কাদা আর খানাখন্দে জমে ওঠা পানির ওপর দিয়ে ছুটছি, নিজের পায়ের দ্রুত শব্দ ছাড়া আর কিছু কানেও ঢুকছে না। তারপর হঠাৎ দেখতে পেলাম ওকে সামনে। পা পিছলে পড়ে যাচ্ছিল, কোনরকমে সামলে নিল শেষ মুহূর্তে। কিন্তু বুঝতে পেরেছে, ওর ঠিক পেছনে চলে এসেছি আমি।
অপ্রত্যাশিতভাবে আধপাক ঘুরে দাঁড়াল সে। খট করে খাপ থেকে ছুরির ফলা বেরিয়ে আসার শব্দ পেলাম। ঘাড়টা নিচু করে ফেলল দ্রুত, ডান হাতে ধরা ছুরিটা শরীরের পাশে চলে গেছে। ছুটে যাচ্ছি আমি এখন। শুধু ছুরিটা সামনে বাড়িয়ে দিলেই হয় ওর। কিন্তু তার দরকার হবে বলে মনে করেনি ও, বুঝতে পারলাম আমি না থামায় ওকে চমকে উঠে মৃদু ঝাঁকি খেতে দেখে।
এটা ওর অভিজ্ঞতার বাইরে। ধারাল ইস্পাতের ঝিলিক দেখে বেশির ভাগ লোক নিশ্চল পাথর হয়ে যায়। ছুরি ধরা হাতটা বিদ্যুৎ গতিতে সামনে বাড়িয়ে দিল সে, কিন্তু তবু এক সেকেণ্ডের পাঁচ ভাগের এক ভাগ দেরি করে ফেলেছে।
শরীরটার চেয়ে আগে পৌঁছুল আমার হাত ওর গায়ে। একহাতে ওর কব্জি ধরে ফেলে, একই সাথে ওর বগলের নিচে ঘুসি মারলাম। ছুরিটা পড়ে গেল ওর হাত থেকে, তারপরই আমার কোমরের ধাক্কা খেয়ে ছিটকে পড়ল ও। বৃষ্টিতে নরম কাদা হয়ে গেছে মাটি, তার ওপর পিঠ দিয়ে দড়াম করে পড়ল ভারী শরীরটা। একটা ভাঁজ করা হাঁটু ওর পেটে রেখে শরীরের ভার চাপিয়ে দিলাম। হুশ করে সশব্দে ফুসফুস থেকে সব বাতাস বেরিয়ে এল ওর। জরায়ুর দূণের মত কুঁকড়ে গেল ও, বাতাসের অভাবে খাবি খাচ্ছে। মাথার ক্যাপটা সরিয়ে মুঠো করে ধরলাম। চুলগুলো, তারপর হলুদ কাদায় ডুবিয়ে দিতে শুরু করলাম মুখটা।
মেয়েদের গায়ে কেউ হাত তুললে আমার মাথার ঠিক থাকে না, আলাপের সুরে বললাম ওকে। ঠিক তখনই আমার পেছনে জ্যান্ত হয়ে উঠল ট্রায়াম্পের ইঞ্জিন।
গেটের উল্টোদিকের দেয়ালে পড়ল হেডলাইটের উজ্জ্বল আলো। দ্রুত বেরিয়ে এল গাড়িটা, বাঁক নেবার সময় নাকটা ঘষা খেল দেয়ালের সাথে। টপকোটকে ছেড়ে দিয়ে চোখের সামনে হাত তুললাম আমি। ছুটলাম গাড়িটার দিকে। কিন্তু ইতিমধ্যে ধাক্কাটা সামলে নিয়ে সোজা হয়ে গেছে ট্রায়াম্প, সোজা এগিয়ে আসছে আমার দিকে।
ডাইভ দিয়ে পড়লাম কাদার ওপর, গড়িয়ে খোলা ড্রেনের কিনারা থেকে ঝপ করে নিচে নামলাম।ট্রায়াম্পের একটা চাকা কাদা-পানি ছিটিয়ে সোজা আমার মাথা লক্ষ্য করে ছুটে আসছে। দেখে গলির লেভেল থেকে দ্রুত নামিয়ে নিলাম সেটা, প্রায় একই সময়ে ড্রেনের অপর দিকের ইটের দেয়ালে গুঁতো মারল গাড়ির নাক। চাকাটা আমার মাথার ওপর বন বন করে ঘুরছে। গাড়ির তোবড়ানো নাক দেয়ালের সাথে ঘষা খেয়ে এগিয়ে যাচ্ছে, দ্রুত সোজা করে নিল হলুদ চুল গাড়িটাকে। মাথা তুলে দেখলাম টপকোটের পাশে ঘঁাচ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল ট্রায়াম্প, দরজাটা খুলে গেছে আগেই। কাদা থেকে মুখ তুলে উঠে বসছে টপকোট।
ড্রেন থেকে উঠে দৌডুতে শুরু করেছি, এরই মধ্যে আবার গতি সঞ্চার হল ট্রায়াম্পে। পেছনের চাকা থেকে কাদা-পানি ছিটকে এসে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিল আমার। খানিক দূর ধাওয়া করে নিরাশ হলাম আমি। মাটি ছেড়ে ইট-বিছানো রাস্তায় উঠে গেছে ট্রায়াম্প, গতি বেড়ে গেছে তার। দৌড়ে বাড়ির দিকে ফেরার সময় ক্রাইসলারের চাবির জন্যে ভিজে পকেট হাতড়াচ্ছি। মনে পড়ল, নিরোর কামরায় টেবিলের ওপর রেখে এসেছি সেটা।
খোলা দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাফেলা। পোড়া হাতটা বুকের কাছে তুলে অপর হাত দিয়ে ধরে রেখেছে, মুখের দুপাশে এবং কাঁধে কালো চুল আরও এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসে। কাঁধের কাছ থেকে কনুই পর্যন্ত ছিঁড়ে গেছে ওর জার্সি।
চেষ্টা করেছি, রানা, এখনও হাঁপাচ্ছে ও। কিন্তু আটকাতে পারলাম না ওকে।
কতটা পুড়েছে? রাফেলার অবস্থা দেখে গাড়ি নিয়ে ট্রায়াম্পকে ধাওয়া করার ইচ্ছেটা বাতিল করে দিলাম।
জ্বালা করছে।
ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে…
দ্রুত মাথা দোলাল ও। না, হাসল জোর করে। অতটা সিরিয়াস কিছু নয়। কিন্তু ব্যথায় ঠোঁট বেঁকে গেল ওর।
নিরোর কামরায় গিয়ে আমার মেডিসিন কিট থেকে দুটো পেইন কিলার আর একটা ঘুমের ট্যাবলেট এনে দিলাম ওকে। কিন্তু আপত্তি জানাল ও, বলল, এমন কিছু হয়নি যে ওষুধ খেতে হবে।
নাক চেপে ধরে আঙুল দিয়ে ঠেলে দেব গলার ভেতর, তাই চাও? প্রশ্নটা শুনে প্রচণ্ডবেগে মাথা নাড়ল ও, হেসে ফেলল, তারপর গিলে নিল ট্যাবলেটগুলো।
গোসল করবে না? বলল ও।
হঠাৎ খেয়াল হল, কাদা মেখে ভূত সেজে আছি আমি, এবং ঠাণ্ডায় কাঁপছি। গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে কিচেনে ঢুকে দেখি ঘুমের ট্যাবলেট এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে, চোখের পাতা নেতিয়ে পড়তে চাইছে রাফেলার। তবে দুজনের জন্যে কফি তৈরি করেছে ও। পরস্পরের সামনে বসে খেলাম সেটা আমরা।
কি চাইছিল ওরা? জানতে চাইলাম। ঠিক কি বলছিল তোমাকে?
ওদের ধারণা নিরো সেন্ট মেরী দ্বীপে কেন গিয়েছিল তা আমি জানি। সেটাই জানতে চাইছিল।
ব্যাপারটা নিয়ে চিন্তা করলাম। কোথায় যেন একটা গরমিল রয়েছে, অর্থটা পরিষ্কার নয়। উদ্বিগ্ন হলাম।
মনে হয়… জড়িয়ে গেল রাফেলার কথা, এবং হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে টলে উঠল ও। এই! কি খাইয়েছ তুমি আমাকে?
টেবিল ঘুরে এগিয়ে গেলাম আমি। ধরে ফেললাম ওকে। হাঁটু আর গলার পেছনে হাত রেখে শূন্যে তুলে নেবার সময় দুর্বল ভাবে প্রতিবাদ করল ও। বুকে তুলে ওর কামরায় নিয়ে গেলাম ওকে। কামরাটায় মেয়েলি রুচির ছাপ লক্ষ করলাম। দেয়ালগুলো গোলাপ ফুল ছাপা কাগজ দিয়ে ঢাকা। বিছানায় শুইয়ে খুলে দিলাম পায়ের জুতো জোড়া। তারপর চাঁদর টেনে ঢেকে দিলাম পা থেকে গলা পর্যন্ত।
একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজল ও। হাতের কাছে রাখা দরকার তোমাকে, ফিসফিস করে বলল ও, খুব কাজের লোক তুমি।
প্রশংসায় উৎসাহিত হয়ে বিছানার কিনারায় বসলাম আমি, মাথায় হাত বুলিয়ে চুলগুলো পরিপাটি করলাম, তারপর কপালে মৃদু চাপড় মেরে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওকে। ওর কপালের চামড়া উষ্ণ ভেলভেটের মত লাগছে হাতে। এক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও। আলো নিবিয়ে দিয়ে কামরা থেকে বেরিয়ে আসছি, হঠাৎ সিদ্ধান্ত পাল্টালাম।
নিজের পায়ের জুতো খুলে ফেলে বিছানায় উঠে পড়লাম। তারপর ঢুকে পড়লাম চাদরের নিচে। ঘুমের মধ্যে খুব স্বাভাবিক ভাবেই পাশ ফিরল ও, আমার দুই হাতের মাঝখানে চলে এল। ঘনিষ্ঠ ভাবে ধরে থাকলাম ওকে।
অদ্ভুত একটা তৃপ্তিদায়ক অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়লাম আমিও। খুব ভোরে ঘুম ভাঙল আমার। গলার সাথে সেঁটে আছে রাফেলার মুখ, একটা পা আর একটা হাত তুলে দিয়েছে ও আমার ওপর। ওর চুলগুলো নরম লাগছে মুখে, সুড়সুড়ি দিচ্ছে।
ওকে না জাগিয়ে ধীরে ধীরে নিজেকে মুক্ত করে নিলাম, চুমো খেলাম ওর কপালে। পায়ে জুতো গলিয়ে নিঃশব্দে ফিরে এলাম নিরোর কামরায়। এই প্রথম পুরো একটা রাত সুন্দরী এক মেয়ের সাথে এক বিছানায় কাটালাম আমি, যে-রাতে ঘুমানো ছাড়া আর কিছু করিনি। আশ্চর্য এক নির্মলতা অনুভব করলাম, মনে হচ্ছে বাতাস ভরা বেলুনের মত ফুলে উঠেছি আমি, হালকা হয়ে গেছি।
<