তুমুল ঝোড়ো হাওয়ার ভিতর ডানা ভাঙা কাকের মত পড়তে শুরু করেছে দবির, চোখের কোণে দেখল বিস্ফোরিত হলো ব্রিটিশ হোভারক্রাফট। ওটাকে উড়িয়ে দিয়েছে স্টিংগার মিসাইল। কিন্তু তার আগেই মিলান অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ছুঁড়েছে এসএএস ক্রাফট। সাদা জিনিসটাকে ঘুরতে ঘুরতে আসতে দেখছে ও।
এর এক সেকেণ্ড পর নাজমুলের হোভারক্রাফটের কালো স্কার্টে পড়ল ওর দুই হাত। ভুলে গেল ব্রিটিশ মিসাইলের কথা, প্রাণপণে খামচে ধরতে চাইল কিছু। পাদুটো পড়তে শুরু করেছে ছুটন্ত জমির দিকে। এবার ছিটকে পড়বে নীচে। কিন্তু হাতে কী। যেন ঠেকল। নাজমুলের হোভারক্রাফটের স্কার্ট স্টাড। ওটা শক্ত করে ধরল দবির। তখনই দেখল, ব্রিটিশ মিসাইল গিয়ে লাগল ওর পরিত্যক্ত হোভারক্রাফটের পিছনে। এক সেকেণ্ডে ছিন্নভিন্ন হয়ে গেল সব।
.
দবিরকে তুলেছ? হেলমেট মাইকে বলল রানা।
এখনও রেসের বোটের মত ছুটছে ওর হোভারক্রাফট, তীর গতি তুলে পিছিয়ে চলেছে,। নাজমুলের হোভারক্রাফট দেখছে।
জী, স্যর, জবাব দিল কর্পোরাল। গাড়িতে উঠে পড়েছেন।
গুড। স্বস্তির শ্বাস ফেলল রানা, আর তখনই শুনতে পেল গোলাগুলির আওয়াজ। ঝট করে বামদিকে চাইল।
চিনতে পারল ওই হোভারক্রাফট। ওটাই উড়িয়ে দিয়েছে দরিরের হোভারক্রাফটের এক পাশ। এখন একদিকের দরজা খুলে গেছে, ওখান থেকে বেরিয়ে এসেছে মেশিনগানের নল! ওটা গিমপি নামে পরিচিত, বড় ক্যালিবারের হেভি-ডিউটি অস্ত্র, বসে আছে একটা ট্রাইপডের উপর। মাযলের মুখ থেকে বেরুল তিন ফুটি লেলিহান আগুনের জিভ। কান ফাটা গর্জন ছাড়ছে অস্ত্রটা।
নাজমুলের হোভারক্রাফটের উপর মনের ঝাল ঝাড়ছে এসএএস কমান্ডো! ছিটকে উঠছে ফুলকি, হোভারক্রাফটের শরীর ফুটো করছে অজস্র বুলেট, ফেটে গেল নানা জায়গায়।
নাজমুলের যানের পিছন থেকে বেরুতে লাগল কালো ধোঁয়া। পরিষ্কার দেখা গেল, গতি কমতে শুরু করেছে।
স্যর! ব্যস্ত হয়ে জানাল নাজমুল, মস্ত সমস্যা!
আমি তোমার দিকেই আসছি, অপেক্ষা করো, বলল রানা।
গতি কমে আসছে, স্যর! ওজন কমাতে হবে, নইলে গতি রাখতে পারব না!
ঝড়ের গতিতে ভাবতে চাইছে রানা। ধু-ধু বরফ প্রান্তরে এখনও পিছিয়ে চলেছে। ওর ডানে নাজমুলের হোভারক্রাফট, বামদিকে ব্রিটিশ হোভারক্রাফট।
কয়েক সেকেণ্ড পর বলল রানা, মিস্টার হাবিব…
জী, ভাই?
স্টিয়ারিং নিন।
জী, ভাই? চমকে গেছে হাবিব।
এই জিনিস গাড়ির মতই, তফাৎ শুধু চট করে এদিক ওদিক নেয়া যায় না, বলল রানা। ড্রাইভিং সিট থেকে সরে এসেছে।
ওই সিটে বসে পড়ল রাশেদ হাবিব। দুই হাতে শক্ত করে ধরল স্টিয়ারিং ইয়োক।
এবার চোখ বন্ধ করুন,নরম স্বরে বলল রানা।
কেন, ভাই?
বন্ধ তো করুন চোখ, আরও শান্ত হয়ে গেছে রানার কণ্ঠ। ডানহাতে তুলে ধরেছে এমপি-৫, ওর একপশলা গুলি উড়িয়ে দিল হোভারক্রাফটের উইণ্ডশিল্ড!
দুই হাতে চোখ ঢেকে ফেলেছে হাবিব, চারপাশে ঝরঝর করে পড়ছে কাঁচ। কয়েক সেকেণ্ড পর চোখ খুলে দেখল তুষারের মাঠের উপর দিয়ে আসছে দুটো হোভারক্রাফট।
ঠিক আছে, বলল রানা, হাবিব, এবার আমাকে নিয়ে চলুন কালো হোভারক্রাফটের সামনে।
স্টিয়ারিং ইয়োকে সামান্য চাপ দিল হাবিব। মসৃণভাবে বামে সরল হোভারক্রাফট, চলে গেল ব্রিটিশ হোভারক্রাফটের সামনে। ওখান থেকেই মেশিনগান চালানো হচ্ছে নাজমুলের যানের উপর।
ঠিক আছে, এখানেই রাখুন, বলল রানা।
এমপি-৫-র শোল্ডার স্ট্র্যাপ গলা দিয়ে ঘুরিয়ে আনল ও, হোলস্টার থেকে বের করল ডেযার্ট ঈগল অটোমেটিক পিস্তল, কক করে নিল।
এবার, হাবিব, ব্রেক টিপে ধরুন।
বিস্ময় নিয়ে ওর দিকে চাইল বিজ্ঞানী। কী বললেন?
যা বলছি করুন!
এবার সে বুঝল রানা কী করতে চাইছে।
হায় আল্লা! আপনি কি পাগল, ভাই?
আপনার মতই। যা বলছি করুন।
ঠিক আছে, মরলে আপনি মরবেন, আমি কিন্তু এসবে নেই।
দেরি করলে দুজনই মরব।
হতাশ হয়ে আস্তে করে মাথা দোলাল রাশেদ হাবিব, বড় করে শ্বাস নিল, তারপর দুই পায়ে প্রাণপণে টিপে ধরল ব্রেক প্যাডেল।
রানার হোভারক্রাফটের পিছিয়ে যাওয়া থেমে গেছে। নাক সামনে দিয়ে আছাড় খেল ব্রিটিশ হোভারক্রাফট। মুখোমুখি সংঘর্ষ হলো দুই হোভারক্রাফটের।
আগেই তৈরি ছিল রাশেদ হাবিব, শক্ত করে ধরেছে সিটের দুপাশ। প্রবল ঝকিটা সিটের ভিতর গেঁথে দিল তাকে। চোখ খুলে রেখেছে, নিজ চোখ বিশ্বাস করতে পারল না। ভাঙা উইণ্ডশিল্ডের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেছে মাসুদ রানা, চার পা সামনে বেড়ে উঠে পড়েছে শত্রু হোভারক্রাফটের নাকে!
দুই হোভারক্রাফটের নাক পরস্পরকে ছুঁয়ে আছে। তুমুল গতি তুলে ব্রিটিশদের হোভারক্রাফট সামনে বাড়ছে। পিছিয়ে চলেছে হাবিবেরটা।
কালো হোভারক্রাফটের হুড়ে সামনে বাড়ছে রানা। দিগন্ত থেকে পিঠে এসে লাগছে তুষার-কণা। এমপি-৫ দিয়ে এক পশলা গুলিবর্ষণ করল রানা ব্রিটিশ হোভারক্রাফটের উইণ্ডশিল্ডে। চুরচুর হয়ে ভেঙে পড়ল কাচ। রানা পরিষ্কার দেখল, ড্রাইভারের বুক থেকে ফোয়ারার মত বেরুচ্ছে রক্ত।
কেবিনের ভিতর আরও দুজন। যে-কোনও সময়ে অস্ত্র তাক করবে ওর উপর। লাফ দিয়ে হোভারক্রাফটের ছাতে উঠল রানা, এক সেকেণ্ড পর কেবিনের ভিতর থেকে এল কমপক্ষে পঞ্চাশটা গুলি।
কালো হোভারক্রাফটের ছাতে পা পিছলে যেতে দিয়েছে রানা, চলে এসেছে বাম পাশে। ওদিকে খোলা স্লাইডিং দরজা। ছাতে পেট রেখেই ঝুঁকে গেল, খোলা দরজার ফোকরে ভরে দিয়েছে এমপি-৫-এর মাযল। অন্ধের মত এদিক-ওদিক মাযল ঘুরিয়ে ট্রিগার টিপল।
এক মুহূর্তে শেষ হয়ে গেল অস্ত্রের ম্যাগাষিন। কান পেতে অপেক্ষা করছে রানা, মনে হলো না গুলির তোড়ে কেউ বাঁচতে পেরেছে। যদি বেঁচেও থাকে, যে-কোনও সময়ে পাল্টা গুলি শুরু করবে।
হোভারক্রাফটের ভিতর কোনও আওয়াজ নেই। থেমে গেছে ট্রাইপডে বসা মেশিনগান। আওয়াজ বলতে শুধু কানের পাশে হাওয়ার শোঁ-শোঁও মাতম।
ছাত থেকে নেমে এল রানা, খোলা স্লাইডিং দরজার জায়গাটা দিয়ে ঢুকে পড়ল হোভারক্রাফটের ভিতর। গুলিবর্ষণে মরেছে তিন এসএএস কমাণ্ডো। নিথর পড়ে আছে কেবিনের মেঝেতে, চারপাশ ভেসে যাচ্ছে রক্তে।
গা গুলিয়ে উঠল আঁশটে গন্ধে। ড্রাইভিং সিটে বসে পড়ল রানা, মাইকে বলল, মিস্টার হাবিব, আমার কথা শুনছেন?
.
কমলা ফ্রেঞ্চ হোভারক্রাফটের ভিতর স্টিয়ারিং ইয়োক শক্ত করে ধরেছে রাশেদ হাবিব, সাদা হয়ে গেছে নখগুলো। তুমুল গতি তুলে পিছিয়ে চলেছে হোভারক্রাফট।
বড়সড় হেলমেটের মাইক্রোফোনে বলল হাবিব, শুনছি।
এবার ঘুরিয়ে নিন হোভারক্রাফট, জানাল রানা। আপনি নাজমুলকে সাহায্য করবেন। কয়েকজনকে নামিয়ে দেবে ও, নইলে গতি হারাবে। দুই বা তিনজনকে নিজের হোভারক্রাফটে নেবেন।
আপনি ভাল করেই জানেন, ওই কাজ আমি পারব না, বলল হাবিব।
মিস্টার হাবিব…
ঠিক আছে, ঠিক আছে…
আমি কি খুলে বলব কীভাবে…
না, লাগবে না, অভিমান ভরে বলল হাবিব। আমিই পারব।
তা হলে তাই করুন। আমাকে অন্য কাজে যেতে হবে।
দখল করা কালো, হোভারক্রাফট বামে বাঁক নিতে শুরু করেছে। চলেছে নাজমুলের ক্ষতিগ্রস্ত যানের দিকে।
ঠিক আছে, নিজেকে বলল হাবিব। আগের চেয়ে শক্ত করে ধরেছে স্টিয়ারিং ইয়োক। হ্যাঁ, আমি পারি। নিজ চোখে দেখেছি মিস্টার রানা এমন করেছেন। উনি পারলে আমি কেন পারব না?
এবার হোভারক্রাফটের গিয়ার নিউট্রাল করল সে। টের পেল, একটু একটু করে গতি কমছে।
হা… এবার, বলল হাবিব, এইবার দেখি…
হ্যাঁচকা টানে ডানদিকে ইয়োক সরিয়ে নিল সে।
চরকির মত ঘুরতে শুরু করেছে হোভারক্রাফট।
ওরেব্বাবা! চিকন গলা বিকটভাবে ছাড়ল হাবিব। আল্লারসুলের দোহাই!
পরক্ষণে এক শ আশি ডিগ্রি ঘুরে গেল হোভারক্রাফট, সরাসরি সামনে চলেছে। মস্ত শ্বাস ফেলে স্টিয়ারিং ইয়োক সঠিক দিকে ঠেলে দিল হাবিব। হঠাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে ভেহিকেল। বিড়বিড় করে বলল হাবিব, গুলিস্তানে গোলাপ শাহর মাজার যিয়ারত করতে হবে!
দুই সেকেণ্ড পর দরুদ পড়ে বুকে ফুঁ দিয়ে উঁচু গিয়ার ফেলল সে। জোরে জোরে বলল, আমি পারি! আমি সত্যিই পারি!
কংগ্রাচুলেশন্স, কানের ভিতর রানার কণ্ঠ শুনল সে। হ্যাঁ, আপনি পারেন। চালিয়ে যান। কিন্তু এবার চলে আসুন। আপনার সাহায্য নাজমুলের দরকার।
.
নাজমুলের হোভারক্রাফটের পাশে পৌঁছে গেছে রানা। প্রায় বিধ্বস্ত ওদের দুই যান, বডিতে অসংখ্য বুলেটের গর্ত। উইণ্ডশিল্ড নেই রানার হোভারক্রাফটের।
ওদের ঘিরে ঘুরছে অবশিষ্ট তিন ব্রিটিশ হোভারক্রাফট। কখনও চলে আসছে সামনে, কখনও পিছনে।
নাজমুলের হোভারক্রাফটের ডানে রানা, পাশাপাশি দুই দরজা। নাজমুলের ডানদিকের দরজা খোলা।
ঠিক আছে, দুজন পাঠিয়ে দাও আমার হোভারক্রাফটে! জানিয়ে দিল রানা। চলে আসছেন হাবিব। উনি নেবেন আরও দুজনকে।
জী, স্যর, জবাব দিল নাজমুল।
ড্যাশবোর্ডের ক্রজ কন্ট্রোল বাটন টিপল রানা, দেরি না করে বেরিয়ে এল কেবিনে, থামল খোলা দরজার সামনে। পাশাপাশি ছুটছে দুই হোভারক্রাফট। ওদিকের দরজায় দাঁড়িয়েছে হোসেন আরাফাত দবির। দুজনের মাঝে আট ফুট দূরত্ব। দবিরের সঙ্গে পিচ্চি মেরি ভিসার।
এবার, নাজমুল! হেলমেট মাইকে বলল রানা। সরে আসতে শুরু করেছে কর্পোরাল। আগে মেরিকে পাঠাও!
নাজমুলের হোভারক্রাফটের স্কার্ট ঘেঁষে দাঁড়াল দবির। শক্ত করে ধরেছে মেরিকে। ভয়ে ফ্যাকাসে হয়ে গেছে বেচারি। বরফঠাণ্ডা হাওয়ার ভিতর থরথর করে কাঁপছে।
নিজের স্কার্টে এসে দাঁড়াল রানা। বাড়িয়ে দিয়েছে দুহাত। নরম স্বরে বলল, এসো, মেরি! আমি জানি তুমি পারবে।
অনিশ্চিত ভাবে এক পা সামনে বাড়ল, মেরি।
হাত বাড়িয়ে দাও! হাত বাড়িয়ে লাফ দাও! ভয় নেই, আমি তোমাকে ধরে ফেলব
এবার লাফ দিল মেরি ভিসার।
ওটাকে লাফ না বলাই ভাল, যেন সামান্য লাফিয়ে একই জায়গায় থেমে গেছে।
ঝট করে সামনে বাড়ল রানা, খপ করে ধরে ফেলল মেয়েটির পারকা। ওকে নিয়ে এল কালো হোভারক্রাফটের কেবিনের ভিতর।
ঠিক আছ তো? জানতে চাইল রানা।
জবাব দেয়ার জন্য মুখ খুলল মেরি, আর ঠিক তখনই প্রচণ্ড ঝাঁকি খেল ওরা। তাল সামলাতে পারল না রানা ও মেরি, হুমড়ি খেয়ে পড়ল ডোরওয়ের উপর। চিকন স্বরে চিৎকার করে উঠেছে মেরি, খোলা দরজা দিয়ে পড়ে যেতে শুরু করেছে। কিন্তু শেষ সময়ে খপ করে মেয়েটির গ্লাভস পরা হাত ধরে ফেলল রানা।
ডানদিক থেকে ওদেরকে ধাক্কা দেয়া হয়েছে। ঝট করে ওদিকে চাইল রানা।
আরেকটা ব্রিটিশ হোভারক্রাফট।
প্রায় ধাক্কা দিয়ে মেরিকে কেবিনের ভিতর পাঠিয়ে দিল রানা। নিজে তৈরি হয়ে গেছে পরবর্তী ধাক্কার জন্য।
কিন্তু নতুন কোনও গুতো এল না।
বদলে হোভারক্রাফটের কেবিনের ডানদিকটা তুবড়ে ভিতরের দিকে ঢুকে গেল। ওদিকে বিস্ফোরিত হয়েছে কিছু।
মেঝের উপর টানা চিৎকার শুরু করেছে মেরি। ওর উপর ডাইভ দিল রানা, উড়ন্ত জঞ্জাল থেকে আড়াল দিতে চাইছে। ধোঁয়া ও ভাঙা টুকরোর ভিতর দিয়ে ওদিকে চোখ বোলাল।
কিন্তু ওখানে কোনও হোভারক্রাফট নেই। শুধু ধোঁয়া ও তাপপ্রবাহ।
তারপর ধপ্ করে আওয়াজ শুনল রানা। বুট পরা একজোড়া পা নেমেছে ওর হোভারক্রাফটের স্কার্টে। আবারও একই আওয়াজ। গলা শুকিয়ে গেল রানার। ধোঁয়া ও তাপ-প্রবাহের ভিতর হাজির হয়েছে একাধিক লোক।
অস্ত্র বাগিয়ে ঢুকে পড়েছে কেবিনের ভিতর!
<