জয়নগর গ্রামের মিয়াবাড়ির খুব নাম ডাক। খান্দানী বংশ। বিষয় সম্পত্তি প্রচুর। তিন ভাইয়ের বড় নূরুদ্দিন মিয়া ও ছোট সামসুদ্দিন মিয়া বেঁচে আছেন। মেজ সালাউদ্দিন মিয়া অনেক আগে মারা গেছেন। রিয়াজুল তারই ছেলে।
রিয়াজুল যখন তার মায়ের পেটে ছয় মাসের তখন সালাউদ্দিন মিয়া মারা যান। আর রিয়াজুলের বয়স যখন দুই বছর তখন তার মায়ের খুব কঠিন অসুখ হয়েছিল। ঢাকা মেডিকেলে ভর্তি করে অনেক দিন চিকিৎসা করান হয়। কিন্তু কোনো কাজ হয়নি। সেখানেই মারা যান। মারা যাওয়ার আগে বোন জাহেদার হাতে রিয়াজুলকে তুলে দিয়ে বলেছিলেন, বুবু একে তোমাকে দিয়ে গেলাম। আজ থেকে তুমি ওর মা। তারপর দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলেছিলেন, আপনারা একে নিজেদের ছেলের মতো করে মানুষ করবেন। সেই থেকে রিয়াজুল খালা-খালুর কাছে মানুষ হয়েছে। তার বড় চাচা নুরুদ্দিন মিয়া গ্রামের। মাতবর। খুব কৃপণ ও লোভী। গরিবদের বিপদে আপদে সাহায্য করার সুযোগে তাদের। জমি-জায়গা হাতিয়ে নেন। নিয়মিত নামায রোযা করেন, হজ্বও করেছেন। কিন্তু আখলাকের পরিবর্তন তার হয়নি। সালাউদ্দিন ও ছোট সামসুদ্দিন বড় ভাইয়ের সম্পূর্ণ বিপরিত। যেমন পরহেজগার তেমনি দিলদার। সামসুদ্দিনও হজ্ব করেছেন। সালাউদ্দিন কম বয়সে মারা গেছেন। তাই হজ্ব করতে পারেন নি। তিনি গরিবদের প্রতি খুব সদয় ছিলেন।
কেউ যে কোনো বিষয়ে সাহায্যপ্রার্থী হলে বিমুখ করতেন না। সামসুদ্দিন বড় ভাইকে ভক্তি শ্রদ্ধা করলেও তার কার্যকলাপে সন্তুষ্ট নন। মাঝে মাঝে বড় ভাইয়ের ন্যায় অন্যায়ের প্রতিবাদ করেন। ভিননা হওয়ার সময় মৃত মেজ ভাইয়ের সম্পত্তি নিয়ে দুজনের মধ্যে বেশ গোলমাল হয়। সামসুদ্দিন মিয়া চেয়েছিলেন, মেজ ভাইয়ের সম্পত্তি বর্গা দিয়ে তার ফসল বিক্রি করে ভাইপো রিয়াজুলের খালা খালুকে দিতে; কিন্তু নুরুদ্দিন তাতে রাজি না হয়ে দু’ভাইয়ে ভাগ করে নেন। বছরের শেষে সামসুদ্দিন মেজ ভাইয়ের অংশের জমির ফসল ও ফল-মূল বিক্রি করে বড় ভাইকে বললেন, টাকাটা আমি রিয়াজুলের খালা-খালুকে দিতে যাব। আপনিও কি দেবেন?
নুরুদ্দিন রেগে উঠে বললেন, এ টাকা তাদেরকে দিতে হবে কেন? তারা তো খেয়ে পরে শেষ করে দেবে।
তা হলে টাকাটা কি করব?
সেটা তুমি জান? তবে তাদেরকে দিও না।
সামসুদ্দিন ফিরে এসে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন, প্রতিবছর টাকাটা ব্যাংকে রাখবেন। রিয়াজুল উপযুক্ত হলে তাকে সবকিছু বুঝিয়ে দেবেন।
রিয়াজুলের বড় খালা জাহেদার বিয়ে ঢাকায় বেশ বড় ঘরেই হয়েছিল। তার খালু মুনসুর আলি মা-বাবার একমাত্র সন্তান। চাচাদের সম্পত্তি নিয়ে মামলা করে সর্বসান্ত হয়েছেন। শুধু দাদার আমলের দোতলা চার কামরা বাড়ি ছাড়া আর কিছুই নেই। গুলিস্তানে একটা ষ্টেশনারী দোকানের আয়ে সংসার চালান। তাদের কোনো সন্তানাদি হয়নি। রিয়াজুলকে পেয়ে আল্লাহর দান মনে করে মানুষ করেছেন। রিয়াজুল তাদেরকেই আপন মা-বাবা জানে। পড়াশোনার অবসরে বাবার দোকানে এসে বসে।
রিয়াজুলের ছোট চাচা সামসুদ্দিন বছরে দু’তিনবার ঢাকায় এসে ভাইপোকে দেখে। যেতেন। সেই সময় জাহেদ তাকে বলে দিয়েছিলেন, রিয়াজুলকে যেন তার আসল পরিচয় জানায়। উপযুক্ত বয়স হলে তিনি নিজেই জানাবেন। তাই আজ পর্যন্ত জানাননি। জ্ঞান হওয়ার পর থেকে রিয়াজুল জেনে এসেছে সামসুদ্দিন বাবার দূর সম্পর্কের ভাই।
এতদিন বড় ভাই মেজ ভাইয়ের সম্পত্তি ভোগ দখল করে এলেও সামসুদ্দিন কোনো প্রতিবাদ করেননি। কিন্তু এবারে সেটেলমেন্টের মাপ শুরু হতে যখন মেজ ভাইয়ের সম্পত্তি নিজের নামে লেখাতে শুরু করলেন তখন আর চুপ করে থাকতে পারলেন না। একদিন তাকে বললেন, বড় ভাই, এটা কি ঠিক হচ্ছে? মেজ ভাই মারা গেলেও তার একটা ছেলে রয়েছে। সে এখন বড় হয়েছে। এবার তার বাবার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া উচিত। মেজ ভাইয়ের অংশের সম্পত্তি রিয়াজুলের নামেই রেকর্ড করান উচিত। তা না করে আপনি নিজের নামে করে নিচ্ছেন। লোকজন জানতে পারলে আপনার মান সম্মান থাকবে? তা ছাড়া কেয়ামতের দিন আল্লাহর কাছে কী জওয়াব দেবেন?
নূরুদ্দিন ছোট ভাইয়ের কথা শুনে খুব রেগে গেলেন। বললেন, আমাদের পারিবারিক ব্যাপার লোকে জানবে কেন? আর জানলেও কারো ঘাড়ে দু’টো মাথা নেই যে, আমার বিরুদ্ধে কিছু বলবে। কেয়ামতের সময় আল্লাহকে যা বলার আমি বলব। তোমাকে ভাবতে হবে না। তোমার কাছে যে অংশ আছে ইচ্ছা করলে তার ছেলের নামে রেকর্ড করাতে পার। তুমি আর এব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এস না।
সামসুদ্দিন ফিরে এসে একটা চিঠিতে বিস্তারিত লিখে জাহেদাকে জানাল, আপনি বলেছিলেন, রিয়াজুলের উপযুক্ত বয়স হলে তাকে তার আসল পরিচয় জানাবেন। সে এখন সাতাশ বছরের যুবক। আমার মনে হয় এখন জানাবার উপযুক্ত সময় হয়েছে। এবার তাকে সব কিছু জানিয়ে পাঠিয়ে দিন। আমি তাকে সবদিক থেকে সাহায্য করব।
চিঠি পেয়ে জাহেদা স্বামীর সঙ্গে পরামর্শ করে একদিন রিয়াজুলকে তার আসল পরিচয় ও তার বাবার সম্পত্তির কথা জানিয়ে সামসুদ্দিনের সাহায্য করার কথাও জানালেন।
রিয়াজুল এম.এ. পাশ করে চাকরীর চেষ্টা করছে। অনেক্ষণ চুপ করে থেকে ভিজে গলায় বলল, আমি তোমাদেরকে মা-বাবা বলে জানি। বাবা জন্মের আগে মারা গেছেন। মাও দু’বছরের রেখে মারা গেছেন। বড় চাচা বাবার সম্পত্তি মেরে খাচ্ছেন। ছোট চাচার যদি আমার প্রতি এত দয়া, তা হলে এতদিন প্রতিবাদ করেননি কেন? আমার কাছেই বা কেন পরিচয় গোপন করেছেন?
জাহেদা বললেন, তিনি গোপন করতে চাননি, আমিই তাকে বাধ্য করিয়েছি।
তাই যদি হয়, তা হলে এখন আমাকে এসব জানাবার দরকার কী ছিল? বাবার সম্পত্তি আমার দরকার নেই। আমি আপনাদের ছেলে। আমাকে লেখাপড়া করিয়ে মানুষ করেছেন। আমার এখন কর্তব্য উপার্জন করে আপনাদের খেদমত করা।
মনসুর আলি বললেন, তুমি খুব ভালো কথা বলেছ। আমাদেরও তোমার বাবার সম্পত্তির উপর কোনো লোভ নেই। আর এসব কথা তোমাকে কখনও জানাতামও না। তোমার মা তোমার ছোট চাচাকে কথা দিয়েছিল, উপযুক্ত বয়সে তোমাকে জানাবেন। তোমার ছোট চাচা চিঠিতে সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে সম্পত্তির কথা জানিয়ে তোমাকে জানাতে বলেছেন এবং তোমাকে পাঠিয়ে দিতে বলেছেন। আমরা আমাদের ওয়াদা পূরণ করার জন্য। সবকিছু তোমাকে জানালাম। এখন তোমার সবকিছু বোঝার মতো বয়স ও জ্ঞান হয়েছে। যা ভালো বুঝ করবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই।
রিয়াজুল বলল, ঠিক আছে, কয়েকদিন চিন্তা ভাবনা করে দেখি।
ঐদিন নামায পড়ে মোনাজাত করার সময় যখন বলল, রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানী সাগীরা (হে প্রভূ আমার মাতা-পিতাকে রহম করুন, যেমন করে তাঁরা আমাকে শিশুকালে লালন-পালন করেছেন) [আল কোরআন, সূরা-বনি ইসরাইল, ২৪ আয়াত, পারা ১৫]। তখন রিয়াজুলের মনে মা-বাবার কথা মনে পড়ল এবং চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। সেই অবস্থায় তাদের রুহের মাগফেরাতের জন্য আরো অনেক দোয়া করল। তারপর থেকে প্রায় হঠাৎ হঠাৎ তাদের কথা মনে পড়তে লাগল। কয়েকদিন ভেবে ঠিক করল, বাবাকে তো দেখিনি, মাকেও না দেখার মতো। একবার অন্ততঃ দেশে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করে আসবে।
চিঠি দিয়েও যখন রিয়াজুল এল না এবং কোনো উত্তরও পেল না তখন সামসুদ্দিন মিয়া একদিন ঢাকায় এলেন।
তখন রিয়াজুল বাসায় ছিল না দোকানে ছিল। জাহেদা ও মুনসুর আলি সালাম ও কুশল বিনিময় করে আপ্যায়ন করালেন।
সামসুদ্দিন মিয়া বললেন, আমার চিঠি নিশ্চয় আপনারা পেয়েছেন?
মুনসুর বললেন, হ্যাঁ পেয়েছি। পাওয়ার পর রিয়াজুলকে সবকিছু জানিয়েছি। সে কয়েকদিন ভাববার সময় নিয়েছে। তাই আপনাকে কিছু জানাতে পারিনি। বাসায় এলে আপনি তার সঙ্গে আলাপ করবেন।
মুনসুর আলি দোকানে গিয়ে রিয়াজুলকে বাসায় পাঠিয়ে দিলেন। বাসায় এস সামসুদ্দিন মিয়াকে দেখে সালাম বিনিময় করে কদমবুসি করল। তারপর জড়িয়ে ধরে ভিজে গলায় বলল, কয়েকদিন আগে মায়ের কাছে আমার আসল পরিচয় পেয়েছি। কিন্তু আপনি যে উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছেন, তা সম্ভব নয়। সম্পত্তির জন্য বড় চাচার সঙ্গে মনোমালিন্য করতে পারব না। তবে আব্বা আম্মার কবর জিয়ারত করার জন্য মাঝে মাঝে যাব।
সামসুদ্দিন মিয়া বললেন, তাতো যাবেই। কিন্তু সম্পত্তির দাবি তুমি ছাড়বে কেন? এটা তোমার আল্লাহ প্রদত্ত হক। একজন অন্যায়ভাবে হককে না-হক করবে, তা তোমার মত শিক্ষিত ছেলের মেনে নেওয়া উচিত নয়। ঠিক আছে, দুলা ভাই আসুক, তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।
রাত্রে খাওয়া-দাওয়ার পর সামসুদ্দিন মিয়া সবাইকে নিয়ে আলোচনা করার জন্য বসলেন, প্রথমে তিনিই মুনসুর আলিকে উদ্দেশ্য করে বললেন, রিয়াজুল তো সম্পত্তির ব্যাপারে যেতে চাচ্ছে না। বড় চাচার সঙ্গে বিরোধ করতে পারবে না বলছে। তবে মাঝে মাঝে মা-বাবার কবর জিয়ারত করতে যাবে।
মুনসুর আলি বললেন, ও বড় হয়েছে, লেখাপড়া করেছে, নিজের ভালো মন্দ বোঝার জ্ঞানও হয়েছে। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমরা ওর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব না! আর ওর বাবার সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই। ও যদি বাবার সম্পত্তি পাওয়ার জন্য চেষ্টা করে তাতে যেমন বাধা দেব না, তেমনি চেষ্টা করতেও বলব না। তবে সে ব্যাপারে সাহায্য চাইলে পিছ-পা হব না। কারণ হককে যারা অন্যায় ভাবে না-হক করে, তারা জালেম। আর জালেমকে আল্লাহ ভাবাসেন না। এটা কোরআন পাকের কথা। আল্লাহর রাসুল (দঃ) মজলুমদের সাহায্য করতে বলেছেন।
সামসুদ্দিন বললেন, আমিও তা জানি। তাই তো রিয়াজুলকে সব রকমের সাহায্য করতে চাই। তারপর রিয়াজুলের দিকে তাকিয়ে বললেন, তুমি তো শিক্ষিত ছেলে, এতবড় জুলুম মেনে নেবে কেন?
রিয়াজুল মায়ের দিকে চেয়ে বলল, তুমি কিছু বলছ না কেন?
জাহেদা সামসুদ্দিন মিয়ার যে কোন ছেলে মেয়ে নেই তা জানেন। ওঁর ধারণা সামসুদ্দিন মিয়া রিয়াজুলকে বাবার সম্পত্তির লোভ দেখিয়ে নিজের কাছে রেখে দেবেন। তাই বললেন, তোর আব্বার ও চাচার সঙ্গে আমি একমত হলেও সম্পত্তি আদায় করতে গিয়ে তোর কোনো বিপদ হোক, তা আমি চাই না। জান্নাতবাসিনী মায়ের মুখে শুনেছিলাম, বিষয় সম্পত্তি বিষের মতো। সেই বিষের মোহ যেন তোকে পেয়ে না বসে। আর সে জন্যে তুই যদি সেখানে থেকে যাস এবং বিপদে পড়িস, তা হলে আমি বাঁচব না। তারপর চোখ মুছলেন।
রিয়াজুলকে দু’বছরের রেখে যখন তার মা মারা যান তখন সামসুদ্দিন মিয়ার ইচ্ছা ছিল, ভাইপোকে মানুষ করার। কিন্তু মেজ ভাবি রিয়াজুলকে তার বড় বোনের হাতে দিয়ে দেওয়ায় সে আশা পূরণ হয়নি। তবে একেবারে নিরাশ হননি। ভেবে রেখেছিলেন, উপযুক্ত বয়স হলে তার বাবার সম্পত্তি বুঝিয়ে দিয়ে তাকে নিজের কাছে রেখে দেবেন। তাই এখন জাহেদার কথা শুনে মনে মনে চমকে উঠলেন। সামলে নিয়ে বললেন, আপা কি যে বলেন, আমি থাকতে আল্লাহর রহমতে রিয়াজুলের কোনো বিপদ হতে দেব না। আর থেকে যাওয়ার কথা। যে বললেন, তা কী রিয়াজুলের মতো ছেলে পারবে? ওকে আপনারা শিশুকাল থেকে মানুষ করেছেন। আপনারাই ওর মা-বাবা। মা-বাবাকে ছেড়ে কোনো ছেলে কী চাচার কাছে থাকতে পারে? সম্পত্তির ব্যাপারে ও যা চাইবে তাই হবে। মা-বাবার কবর জিয়ারত করার কথা বলছিল, তাই এবারে না হয় আমার সঙ্গে গিয়ে দেশ দেখে এল। সেই সাথে মা-বাবার কবর জিয়ারতও করে এল।
রিয়াজুল চাচাকে বলল, আপনার সঙ্গে আমি যাব না। কিভাবে যেতে হবে বলুন, কয়েকদিন পরে যাব।
সামসুদ্দিন মিয়া বললেন, ঠিক আছে বাবা তাই যেও। তবে আমার সঙ্গে গেলে তোমার কোনো অসুবিধা হত না। তুমি তো কখনো গ্রামদেশে যাওনি, তাই সঙ্গে যেতে বলছিলাম।
রিয়াজুল বলল, মানুষ কত অজানা দেশে যাচ্ছে, এটা তো নিজের দেশ। অসুবিধা তেমন হবে কেন?
পরের দিন বাড়ি ফেরার সময় সামসুদ্দিন মিয়া কি ভাবে যেতে হবে রিয়াজুলকে বুঝিয়ে বলে এসেছিলেন।
রিয়াজুল এক সপ্তাহ পরে আজ রওয়ানা হয়েছিল। আসমার কাছ থেকে বিদায় নিয়ে। যখন ছোট চাচার বাড়িতে পৌঁছাল তখন তিনি সদরে বসে গরুর জন্য পাটের দড়ি পাকাচ্ছিলেন।
রিয়াজুলকে দেখে দড়িটা রেখে এগিয়ে এলেন।
রিয়াজুল সালাম দিয়ে কদমবুসি করল।
সামসুদ্দিন মিয়া সালামের উত্তর দিয়ে দোয়া করে বললেন, আসতে কোনো অসুবিধা। হয়নি তো বাবা?
না চাচা কোনো অসুবিধা হয়নি। আপনারা কেমন আছেন?
আল্লাহর রহমতে ভালো আছি। তোমার আব্বা-আম্মা ভালো আছেন?
জ্বি, আল্লাহর রহমতে ভালো আছেন।
চল বাবা ঘরে চল। তারপর তাকে নিয়ে উঠোনে এসে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কই গো, কোথায় গেলে? দেখবে এস কে এসেছে।
খায়রুন্নেসা স্বামীর কথা শুনে ঘর থেকে বেরিয়ে এসে রিয়াজুলকে দেখে ঘোমটা টেনে দাঁড়িয়ে পড়লেন।
সামসুদ্দিন মিয়া হেসে উঠে বললেন, তুমি কাকে দেখে ঘোমটা দিচ্ছ? এতো আমাদের রিয়াজুল, মেজ ভাইয়ের ছেলে। যাকে নিয়ে আসার জন্য তুমি বারবার আমাকে বল।
রিয়াজুল বুঝতে পারল, ইনি ছোট চাচি। এগিয়ে এসে সালাম দিয়ে কদম বুসি করল।
খায়রুন্নেসা সালামের উত্তর দিয়ে দোয়া করে বললেন, থাক বাবা থাক, আল্লাহ তোমাকে সুখি করুন। এস বাবা ঘরে এসে বস। তারপর ঘরে এনে বসিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন।
কিছুক্ষণ পর আসরের আযান শুনে রিয়াজুল বলল, চলুন ছোট চাচা, মসজিদে নামায পড়তে যাই।
মসজিদে নামায পড়ার পর সামসুদ্দিন মিয়া মুসুল্লীদের সঙ্গে রিয়াজুলের পরিচয় করিয়ে দিলেন।
রিয়াজুল জিজ্ঞেস করল, বড় চাচা নামায পড়তে আসেননি?
সামসুদ্দিন মিয়া বললেন, সব সময় আসেন। আজ হয়তো কোনো কারণে আসতে পারেননি। চল গ্রামের অন্যান্য সবাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সেই সাথে গ্রামটাও দেখা হয়ে যাবে।
মাগরিব ও এশার নামাযের সময়েও বড় ভাই মসজিদে এলেন না দেখে সামসুদ্দিন মিয়া রিয়াজুলকে বললেন, কাল সকালে তোমাকে তার কাছে নিয়ে যাব।
সামসুদ্দিন মিয়া বাপ-দাদার আমলের চার কামরা বাড়িতে আছেন। ভিন্ন হওয়ার পর নূরুদ্দিন মিয়া বাস্তুর অর্ধেক পাঁচিল দিয়ে ঘিরে নতুন আট কামরা বাড়ি করেছেন। পাঁচিলের বাইরে সদর বাড়ি। মাতবর মানুষ, সারাদিন লোকজন যাতায়াত করে। তিনি সদর বাড়িতে তাদের সঙ্গে দেখা করেন।
সামসুদ্দিন মিয়ার চার কামরা বাড়ির এক কামরায় স্বামী স্ত্রী থাকেন। একটা মেহমান এলে ব্যবহার হয়, এটা ভাড়ার ঘর আর একটায় বর্ষাকালের রান্নার জন্য জ্বালানী রাখেন। এবারে ঢাকা থেকে ফিরে এসে মেহমানদের কামরাটা রিয়াজুলের থাকার জন্য ঠিক-ঠাক করে রেখেছিলেন। সেখানেই তাকে থাকতে দেওয়া হল। খাওয়া-দাওয়ার পর সামসুদ্দিন মিয়া স্ত্রীকে নিয়ে ভাইপোর রুমে এসে তার মা-বাবার কথা ও তাদের মারা যাওয়ার পর কিভাবে খালা খালুর ছেলে হল, সবকিছু বলতে লাগলেন :
রিয়াজুল বলল, কাল আম্মা-আব্বার কবর জিয়ারত করব।
সামসুদ্দিন মিয়া বলেন, ঠিক আছে যোহরের নামায পড়ে তোমাকে কবরস্থানে নিয়ে যাব। তারপর সম্পত্তি ভাগের কথা ও তার অংশের ফসল বিক্রির টাকা যে এত বছর ব্যাংকে জমা রেখেছেন সে কথা বলে বললেন, কালকেই তোমাকে ব্যাংকে নিয়ে গিয়ে একাউন্ট খুলে সব টাকা তোমার নামে ট্রান্সফার করে দেব। আর একটা কথা, মোশারেফ হোসেনের পাঁচ বিঘে জমি ঐ টাকা থেকে তোমার নামে কিনেছি, কিন্তু তুমি না থাকাতে রেজিষ্ট্রি হয়নি। এবার করে নিতে হবে।
মোসারেফ হোসেনের নাম শুনে রিয়াজুলের আসমার কথা মনে পড়ল। তার বাবার নামও মোসারেফ হোসেন। বলল, তিনি এক সঙ্গে পাঁচ বিঘা জমি বিক্রি করলেন কেন?
সামসুদ্দিন মিয়া দীর্ঘ নিশ্বাস ফেলে বললেন, সে অনেক কথা বাবা। সংক্ষেপে বলছি শোন, মোসারেফ হোসেন লোক হিসাবে খুব ভালো। তোমার আব্বার খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন। জমি জায়গা যা ছিল তার ফসলে বেশ ভালোভাবেই দিন চলে যাচ্ছিল। কিন্তু বিধির বিধান কে খন্ডাবে। বড় ছেলেটা আই.এ. পাশ করে আদম ব্যাপারীর পাল্লায় পড়ে আর পড়ল না। কুয়েত যাওয়ার জন্য মা বাবাকে অস্থির করে তুলল। শেষে আড়াই বিঘা জমি বেচে তাকে কুয়েত পাঠালেন মোসারেফ হোসেন। আল্লাহর কি ইচ্ছা, সেখানকার আবহাওয়া সহ্য হল না ছেলেটার। যাওয়ার তিন মাসের মধ্যে সর্দি গরমে মারা গেল। এক সপ্তাহ পর লাশ ফিরে এল। ছেলের লাশ দেখে মোসারেফ হোসেন স্ট্রোক করে পঙ্গু হয়ে গেলেন। চিকিৎসা করানোর জন্য আরো আড়াই বিঘা জমি বেচেছেন। এখন অল্প-সল্প কথা বলতে পারলেও হাঁটতে পারেন না। বড় মেয়েটা লেখাপড়ায় খুব ভাল ছিল। বছর তিনেক আগে এস.এস.সি. পাশ করেছে। মোসারেফ হোসেন ভালো থাকলে এতদিনে বিয়ে দিয়ে দিতেন।
আসমার বাবার কথা শুনে রিয়াজুলের মনটা বিষণ্ণতায় ভরে গেল। বলল, আল্লাহর মহিমা বোঝা মানুষের অসাধ্য। তিনি মুহূর্তের মধ্যে মৃতকে জীবিত, জীবিতকে মৃত, ধনীকে গরিব ও গরিবকে ধনী করতে পারেন।
সামসুদ্দিন মিয়া বললেন, হ্যাঁ বাবা, তিনি সর্বশক্তিমান। যখন যা ইচ্ছা তাই করতে পারেন।
বড়চাচার ছেলে মেয়ে কয়জন তো বললেন না।
তিন ছেলে চার মেয়ে, সবার বিয়ে শাদি হয়ে গেছে।
ছেলেরা মসজিদে নামায পড়তে আসে না?
সব সময় না এলেও জুম্মার দিন আসে।
আচ্ছা ছোট চাচা, আমার কোনো ফুফু নেই?
হা একজন আছে। সে সবার ছোট নাম তানজিলা। প্রায় সাত মাইল দূরে তার বিয়ে হয়েছে। তার দুই ছেলে, দুই মেয়ে। ছেলে দুটো বড়। তোমার ফুফু, ফুপা ও তাদের ছেলে মেয়ের মাঝে মধ্যে এলে আমার কাছেই উঠে। বড় ভাইয়ের কাছেও থাকে, তবে আমার কাছেই বেশি থাকে।
আমি ফুফুদের বাড়ি বেড়াতে যাব।
নিশ্চয় যাবে বাবা, নিশ্চয় যাবে। তোমাকে দেখলে তানজিলা খুব খুশি হবে। এখানে যতবার আসে ততবারই আগে তোমার কথা জিজ্ঞেস করে।
ফুফা কি করেন?
গৃহস্থালী কাজ করেন। জমি-জায়গা অনেক।
আর ছেলে মেয়েরা।
সবাই পড়াশোনা করছে। জান বাবা, তোমার বড় চাচা তানজিলার নামও, রেকর্ড করাচ্ছেন না। আমি সে কথা জিজ্ঞেস করতে বললেন, তাকে এক জায়গা থেকে কিছু জমি দিয়ে দিলেই হবে। সব জায়গায় নাম লেখাবার দরকার নেই। পরে ঝামেলা হবে। আমি তোমার ফুফা আকবর হোসেনকে সেটেলমেন্ট অফিসের হাকিমের কাছে যেতে বলেছিলাম। সে বলল, গেলে মিয়া ভাই অপমানিত হবেন। তা ছাড়া আপনাদের বোনের সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। তানজিলা শুনে বলল, এখানে লোভের কথা আসবে কেন? এই সম্পত্তি আমার আল্লাহ প্রদত্ত হক। যে কেউ না-হক করতে চাইলে তার প্রতিবাদ করা উচিত। বড় ভাই যদি আমাদের সঙ্গে বেঈমানী করতে পারেন, তা হলে আমরা প্রতিবাদ করতে পারব না কেন? আকবর হোসেন বললেন, তোমার কথা ঠিক, কিন্তু হাকিমের সামনে প্রতিবাদ করলে, ওঁর মান সম্মান ধূলোয় মিশে যাবে। এটা আমি পারব না। তখন তোমার ফুফু আমাকে বলল, তুমি রিয়াজুলকে নিয়ে এস, তাকেও বড় ভাই ফাঁকি দিচ্ছে। রিয়াজুল আর আমাদের রফিক দু’জনে মিলে হাকিমের কাছে প্রতিবাদ করবে। তাই চিঠি দেওয়ার পরও তুমি যখন এলে না তখন আনতে গিয়েছিলাম।
রিয়াজুল হাই তুলে বলল, ফুফুআম্মা ঠিক কথা বলেছেন।
তাকে হাই তুলতে দেখে খায়রুন্নেসা স্বামীকে বললেন, এবার তোমাদের আলাপ বন্ধ কর। ছেলেটা কতদূর থেকে হয়রান হয়ে এসেছে। এবার ঘুমাতে দাও। তারপর রিয়াজুলকে বললেন, তোমার চাচা তোমাকে পেয়ে সব কিছু ভুলে গেছে।
সামসুদ্দিন মিয়া বললেন, হ্যাঁ বাবা, তোমার চাচি ঠিক কথা বলেছে। এবার ঘুমিয়ে পড়। তারপর পাশের রুম থেকে একটা চার্জ লাইট এনে বললেন, এটা মাথার কাছে রাখ। রাত এগারটার পর প্রতিদিন কারেন্ট চলে যায়। বাইরে যাওয়ার দরকার হলে এটা জ্বেলে যেও।
রিয়াজুল বলল, ওটা আপনি নিয়ে যান। গ্রামে আসব বলে আম্মা তিন ব্যাটারীর একটা টর্চ লাইট কিনে দিয়েছেন। দাঁড়ান ব্যাগে আছে বার করছি।
খায়রুন্নেসা বিছানা ঝেড়ে মশারী খাটিয়ে স্বামীকে নিয়ে যাওয়ার সময় বললেন, কোনো অসুবিধা হলে তোমার চাচাকে ডেক।
পরের দিন সালে নাস্তা খেয়ে সামসুদ্দিন মিয়া রিয়াজুলকে সাথে করে বড় ভাইয়ের কাছে গেলেন।
নূরুদ্দিন মিয়া তখন একাকী সদরে বসে ছিলেন। সামসুদ্দিন সালাম দিয়ে বললেন, কাল মসজিদে দেখলাম না, শরীর কি ভালো নেই?
নূরুদ্দিন মিয়া সালামের উত্তর দিয়ে বললেন, বাতের ব্যাথাটা বেড়েছে। তাই যেতে পারিনি। তারপর রিয়াজুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে ছেলেটা? চিনতে পারছি না তো।
সামসুদ্দিন মিয়া বললেন, ও মেজ ভাইয়ের ছেলে রিয়াজুল। ঢাকা থেকে গতকাল বিকেলের দিকে এসেছে।
রিয়াজুল বুঝতে পারল, ইনিই বড় চাচা। সালাম দিয়ে কদমবুসি করে বলল, কয়েকদিন আগে পর্যন্ত আমার পরিচয় জানতাম না। জানার পর আপনাদের দোয়া নিতে এসেছি।
নূরুদ্দিন মিয়া সালামের উত্তর দিয়ে অবাক হয়ে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন।
সামসুদ্দিন মিয়া বললেন, রিয়াজুল মেজ ভাইয়ের মতো দেখতে হয়েছে, তাই না বড় ভাই?
নূরুদ্দিন মিয়া বললেন, হ্যাঁ তাই তো দেখছি। তারপর বসতে বলে একজন কাজের মেয়েকে ডেকে চা-নাস্তা দিতে বললেন।
রিয়াজুল বলল, এক্ষুণি নাস্তা খেয়ে আসছি। শুধু চা দিতে বলুন।
নূরুদ্দিন মিয়া কাজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, তিন কাপ চা নিয়ে আয়। তারপর রিয়াজুলকে উদ্দেশ্য করে বললেন, লেখাপড়া কতদূর করেছ?
আপনাদের দোয়ায় এম.এ. পাশ করেছি।
চাকরি বাকরি কিছু করছ?
চেষ্টা করছি বাকি আল্লাহর মর্জি।
তা বেড়াতে এসেছ বুঝি?
জ্বি।
কতদিন থাকবে?
আল্লাহ যতদিন এখানে রেযেক রেখেছেন।
ভালো, আমার এখানেও কয়েকদিন থেক।
জ্বি থাকব।
এমন সময় কাজের মেয়ে চা নিয়ে এলে, খেয়ে সামসুদ্দিন মিয়া ও রিয়াজুল সালাম বিনিময় করে সেখান থেকে বেরিয়ে এল।
রাস্তায় এসে রিয়াজুল বলল, আপনি যান, আমি গ্রামটা একটু ঘুরে দেখি।
সামসুদ্দিন মিয়া বললেন, রোদে বেশি ঘুরো না, তাড়াতাড়ি ফিরো।
জ্বি আচ্ছা বলে রিয়াজুল হাঁটতে হাঁটতে লোকজনকে জিজ্ঞেস করে এক সময় আসমাদের ঘরের কাছে এসে পুকুর-ঘাটে কর্মরত একটা লাবণ্যময়ী তরুনীকে দেখে দাঁড়িয়ে পড়ল। আধ-ময়লা আটপৌরে শাড়ির আঁচলে ঘোমটা থাকা সত্বেও তরুণীর মুখের লাবণ্য রিয়াজুলের মন কেড়ে নিল। দুধে-আলতা মেশান আপেলের মতো নিটোল গাল, পিঠের উগর মেঘবরণ চুলের বৃহৎ খোঁপা, সর্বোপরি নিখুঁত দেহ সৌষ্ঠব তার মনকে এত মুগ্ধ কল যে, দীলে দীলে আল্লাহে জানাতে বাধ্য হল, বেহেস্তের হুর-সম তোমার এই বান্দিকে আমার জীবন সাথি করো। হঠাৎ তার মনে হল, আসমার মুখের সঙ্গে যেন এই তরুণীর মিল রয়েছে। গলা খাকারী দিয়ে জিজ্ঞেস করল, তুমি কী আসমার বোন?
সালেহা একমনে ছাই দিয়ে থালা-বাসন মাজতেছিল। হঠাৎ ঘাটের উপর থেকে কেউ বুবুর নাম ধরে তার কথা জিজ্ঞেস করতে চমকে উঠল। তারপর সেদিকে চেয়ে একটা অচেনা সুন্দর যুবককে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে মুখ নিচু করে নিল।
রিয়াজুল বলল, কি হল? কিছু বলছ না কেন?
সালেহা মুখ নিচু করেই বলল, কে আপনি?
আমাকে তুমি চিনবে না, যা জিজ্ঞেস করলাম উত্তর দাও।
জ্বি, আপনার অনুমান ঠিক।
তোমার নাম কি?
সালেহা আরো লজ্জা পেয়ে চুপ করে রইল।
রিয়াজুল বুঝতে পেরে বলল, নাম বলতে লজ্জা পাওয়া উচিত নয়।
সালেহা।
বাহ, খুব সুন্দর নাম তো? নামের অর্থ জান?
সালেহা মাথা নাড়াল।
সালেহা অর্থ ধার্মিকা। তুমি নিশ্চয় ধর্মের আইন মেনে চল?
যতটুকু জানি ততটুকু মেনে চলি।
গুড, কোন ক্লাশে পড়?
সালেহা উত্তর না দিয়ে চুপ করে থালা-বাসন মাজতে লাগল।
রিয়াজুল ভাবল, হয়তো পড়া বন্ধ করে দিয়েছে। তাই প্রসঙ্গ পাল্টে বলল, তোমার আপা ঘরে আছে?
জ্বি আছে।
তুমি হাতের কাজ সেরে নাও, আমি অপেক্ষা করছি। কাল আসমার মুখে তোমার আব্বার কথা শুনেছি। তার সঙ্গে দেখা করতে এসেছি।
আপনি কোথা থেকে এসেছেন?
আমি মিয়া বাড়ির ছেলে। ঢাকায় থাকি। কাল এসেছি।
বুবুকে চিনলেন কি করে? কা
ল আসার সময় পরিচয় হয়েছে।
ঠিক আছে একটু অপেক্ষা করুন। তারপর থালা-বাসন ধুয়ে উপরে এসে আপাকে ডেকে দিচ্ছি বলে চলে গেল।
সালেহা ঘরে এসে আসমাকে বলল, মিয়া বাড়ির একটা লোক তুমি ঘরে আছ কিনা জিজ্ঞেস করে বললেন, আব্বার সঙ্গে দেখা করতে এসেছেন।
আসমা গতকাল ঘরে এসে যখন আব্বাকে চেয়ারম্যানের ছেলের কথা বলল, তখন মোসারেফ হোসেন প্রমে রেগে গিয়ে কিছুক্ষণ কথা বলতে পারেননি। পরে মিয়া বাড়ির ছেলে তাকে উদ্ধার করেছে জেনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভিজে গলায় বললেন, আমার এই অবস্থা না হলে চেয়ারম্যানের ছেলে বিচার করে ছাড়তাম। আল্লাহ মিয়া বাড়ির ছেলেটার ভালো করুন। তার নাম জানিস?
আসমা বলল, না। তবে চেয়ারম্যান তার বাবার নাম জিজ্ঞেস করতে বললেন, সালাউদ্দিন মিয়া।
মোসারেফ হোসেন অবাক হয়ে বললেন, কি নাম বললি মা?
আব্বাকে অবাক হতে দেখে আসমা বলল, তুমি ওঁকে চেন নাকি? আমি তো মিয়া বাড়ির সবাইকে চিনি। ওঁরা তো দু’ভাই।
তুই চিনবি কি করে? তোর জন্মের অনেক আগে সালাউদ্দিন মিয়া মারা গেছেন। তখন তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। দু’বছরের ছেলেকে বড় বোনের হাতে দিয়ে তিনি মারা গেছেন। বড় ভালো ছিলেন সালাউদ্দিন মিয়া। আমার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। প্রায় আমাদের বাড়িতে আসতেন। আমাকেও অনেকবার তাদের বাড়িতে নিয়ে গেছেন। আল্লাহর কি কুদরত, তারই ছেলের দ্বারা আজ তোকে বিপদ থেকে উদ্ধার করালেন। তাকে সঙ্গে করে নিয়ে এলি না কেন?
আসমা বলল, আসতে বলেছিলাম, উনি বললেন পরে এক সময় আসবেন।
তারপর থেকে সবসময় ছেলেটার কথা আসমার মনে পড়েছে। এখন সালেহার কথা শুনে বলল, উনি কোথায়?
সালেহা বলল, উনি পুকুর পাড়ে ঘাটের কাছে দাঁড়িয়ে আছেন।
আসমা গায়ে মাথায় কাপড় দিয়ে উঠোন পার হয়ে রিয়াজুলকে দেখতে পেল। এগিয়ে এসে সালাম দিয়ে বলল, কেমন আছেন?
রিয়াজুল সালামের উত্তর দিয়ে বলল, ভালো। তারপর বলল, গ্রাম দেখতে। বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম।
আসুন বলে আসমা এগোল।
তার পিছু নিল।
আসমা তাকে ঘরে নিয়ে এসে আব্বাকে বলল, গতকাল ইনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন।
মোসারেফ হোসেন শুয়েছিলেন। নিজে উঠে বসতে পারেন না। রিয়াজুলের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, বাপের মতো হয়েছে।
রিয়াজুল সালাম দিল।
মোসারেফ হোসেন সালামের উত্তর দিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, আমাকে ধরে একটু বসা তো মা।
আসমার আগে রিয়াজুল এগিয়ে এসে তাকে ধরে বসাল।
আসমা দু’টো বালিশ পিঠের দিকে ঠেস দিয়ে রিয়াজুলকে বলল, আপনি ঐ চেয়ারটায় বসুন।
রিয়াজুল বসার পর মোসারেফ হোসেন তার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি বাবা?
রিয়াজুল।
তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করনি তো?
না-না, মনে করব কেন? আমি তো আপনার ছেলের বয়সি।
হাঁ বাবা, আমার ইলিয়াস তোমার বয়সিই হবে। তিন বছর হল আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। কথা শেষ করে চোখ মুছলেন।
রিয়াজুল বলল, কাঁদবেন না চাচা, হায়াৎ মউত আল্লাহর হাতে। সবর করুন। আল্লাহ যা কিছু করেন বান্দাদের ভালর জন্য করেন।
চোখ মুছে মোসারেফ হোসেন বললেন, হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছ। সবর করেই আছি। তোমাকে দেখে ও তোমার কথা শুনে ইলিয়াসের কথা মনে পড়ে গেল। জান বাবা, তোমার আব্বার সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। তার মতো ভালো লোক পাঁচ সাতটা গ্রামে ছিল না। আসমা যে ওর মামাদের বাড়ি গিয়েছিল আমি জানতাম না। ফিরে এসে বিপদের কথা জানিয়ে যখন বলল, তুমি তাকে বিপদ থেকে বাঁচিয়েছ তখন তোমার জন্য অনেক দোয়া করেছি। আল্লাহ তোমার হায়াৎ দারাজ করুন। তোমাকে সুখি করুন।
রিয়াজুল বলল, আপনার অসুখের কথা কাল আসমার কাছে কিছু শুনেছিলাম। রাত্রে ছোট চাচার কাছে সব শুনেছি। আপনি নাকি আগে কথাও বলতে পারতেন না। আল্লাহর রহমতে এখন তো পারছেন। আমার মনে হয় শহরে নিয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। এখানে চিকিৎসা করাচ্ছেন না?
হ্যাঁ বাবা করাচ্ছি। তবে….. বলে থেমে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে আসমাকে বললেন, রিয়াজুলকে চা করে দে। শহরের ছেলে চা খাওয়া অভ্যাস। তারপর রিয়াজুলের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার বন্ধুর ছেলে। তুমি এসেছ, আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু তোমার জন্য আমি কিছুই করতে পারছি না। আল্লাহ আমাকে…..। কথাটা শেষ করতে পারলেন না। কান্নায় গলা বুজে এল। ঠোঁট চেপে সামলাবার চেষ্টা করলেন।
রিয়াজুল বলল, হাদিসে পড়েছি, পিতার বন্ধু পিতার সমান। পিতার মতো তাকে। সম্মান করবে। হাদিস মোতাবেক আমি আপনার ছেলের মতো। আপনার অপারগতার কথা আমি জানি। ছেলে হিসাবে বলছি, আপনি বিচলিত হবেন না। আল্লাহ যেমন দিনের পর রাত্রি রেখেছেন, তেমনি সুখের পর দুঃখ ও দুঃখের পর সুখও রেখেছেন। রাত্রের অন্ধকার যেমন এক সময় দূর হয়ে দিনের আলো ফুটে উঠে তেমনি দুঃখের রজনী একসময় দূর হয়ে সুখের আলো ফুটে উঠবে। আল্লাহ তার প্রিয় বান্দাদের নানা রকম দুঃখ কষ্ট ও বিপদে ফেলে পরীক্ষা করেন। কোরআন পাকে আছে, আর আমি তোমাদিগকে পরীক্ষা করিব কিঞ্চিৎ ভয় দ্বারা। আর উপবাস দ্বারা এবং ধনের ও প্রাণের ও ফল-শষ্যের স্বল্পতা দ্বারা। আর সুসংবাদ শুনাইয়া দিল এমন ধৈর্যশীলদিগকে যখন তাহাদের উপর মুসিবত আসে তখন বলে, আমরা তো আল্লাহরই আয়ত্তে আর আমরা সকলে আল্লাহরই সমীপে প্রত্যাবর্তনকারী। আপনি সবর করুন। যে বান্দা দুঃখ কষ্টে ও বিপদে পড়ে সবর করেন, আল্লাহ তাকে খুব ভালবাসেন। তার দুঃখ কষ্ট ও বিপদ দূর করে দেন।
তুমি খুব দামি কথা বলেছ বাবা। তোমার আব্বার কাছে আমি কোরআন হাদিসের অনেক জ্ঞান পেয়েছি। তার কাছ থেকে ঐসবের বাংলা তরজমা নিয়ে অনেক পড়েছি। তাই আল্লাহর উপর ভরসা করে সবর করে আছি। শুধু মেয়ে দুটোর জন্য খুব চিন্তা হয়। আসমার বিয়ের বয়স হয়েছে। কতদিন তাকে আর ঘরে রাখব। সালেহাও ডাগর হয়ে উঠেছে। অভাবের কারণে তার লেখাপড়া বন্ধ করে দিয়েছি। আসমা দু’বেলা কয়েকটা ছেলে-মেয়েকে প্রাইভেট পড়িয়ে ছোট ভাইকে এখনো পড়াচ্ছে। সব দিন চুলোও জ্বলে না। বাপ হয়ে শুয়ে শুয়ে এইসব দেখতে হচ্ছে। আড়াই বিঘা জমি বেচে বড় ছেলেকে কুয়েত পাঠিয়েছিলাম। তারপর আরো আড়াই বিঘা জমি বেচে নিজের চিকিৎসা করিয়েছি। বাস্তু আর পুকুরটা ছাড়া কিছু নেই। পুকুরটা বেচেই দিতাম, যদি পুকুর ব্যবহার করতে না দেয়, তা হলে আমরা যাব কোথায় ভেবে বেচিনি। এমন সময় আসমাকে চা হাতে আসতে দেখে চুপ করে গেলেন।
আসমা এক কাপ চা ও একটা পিরিচে খান চারেক বিস্কুট এনে রিয়াজুলকে বলল, নিন চা খান। তারপর আব্বাকে উদ্দেশ্য করে বলল, তুমিই তো বলেছ হাদিসে আছে, সংসারের অভাব অনটনের কথা কাউকে জানাতে নেই।
মোসারেফ হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হাদিসটা মনে ছিল না মা। তা ছাড়া রিয়াজুলকে ঘরের ছেলে মনে করে বলে ফেলেছি।
আসমা রিয়াজুলের দিকে চেয়ে বলল, দীর্ঘ দিন অসুখে ভুগে আব্বার মাথা ঠিক নেই। আপনি কিছু মনে করবেন না।
মোসারেফ হোসেনের কথা শুনতে শুনতে রিয়াজুলের চোখে পানি এসে যাওয়ার উপক্রম হয়েছিল। সামলে নিয়ে বলল, না কিছু মনে করিনি। বন্ধুর ছেলে নিজের ছেলের মতো। সেই কথা ভেবে বলেছেন। ওঁর দোষ ধরা তোমার উচিত হয়নি। তারপর চা খেয়ে বলল, এখন আসি চাচা। অনেক বেলা হয়ে গেছে। ছোট চাচা তাড়াতাড়ি ফিরতে বলেছেন।
মোসারেফ হোসেন বললেন, আবার এস।
জ্বি আসব। তারপর সালাম বিনিময় করে রিয়াজুল সেখান থেকে বেরিয়ে এল।
আসমাও যে তার পিছন পিছন পুকুর পাড় পর্যন্ত এল, তা রিয়াজুল জানতে পারল না। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ঘরে ফিরে এল।
.
০৪.
ফেরার পথে হঠাৎ রিয়াজুলের মনে হল, আসমার মায়ের সঙ্গেও পরিচয় করা উচিত ছিল। ভেবে রাখল, আবার যখন যাবে তখন করবে।
ঘরে এলে সামসুদ্দিন মিয়া বললেন, এত দেরি করলে কেন? তোমাকে নিয়ে ব্যাংকে যাব বলে অপেক্ষা করছি।
রিয়াজুল বলল, এত তাড়া কিসের? কাল যাওয়া যাবে।
সামসুদ্দিন মিয়া বললেন, কাল ব্যাংকের কাজ সেরে তোমার ফুফুর বাড়ি যাব। সেটেলমেন্ট অফিসে খোঁজ নিয়ে জেনেছি দু’চার দিনের মধ্যে আমাদের এলাকার জমি রেকর্ড করা হবে। এর মধ্যে তোমার ফুফুর সঙ্গে পরামর্শ করে তার বড় ছেলে রফিককে নিয়ে তোমরা ঐদিন অফিসে থাকবে।
রিয়াজুল বলল, তার আগে আপনাকে নিয়ে আমি বড় চাচার সঙ্গে আলোচনায় বসতে চাই। আপোষে মিমাংসা হলে শুধু শুধু বিবাদ করা কি উচিত হবে? তা ছাড়া মানি লোকের মান নষ্ট করতে আমাদের নবী (দঃ) নিষেধ করেছেন। আর একটা কথা চিন্তা করেছেন? আমি যদি সবার সামনে বড় চাচাকে অপমান করি, তা হলে উনি ভাববেন, এর পিছনে আপনি আছেন। তখন আপনার সঙ্গেও বিবাদ হবে। আমি আপনাদের মধ্যেও বিবাদ বাধাতে চাই না।
আমি বড় ভাইকে বলেছিলাম; কিন্তু তিনি আমার কথা নেননি। তবু তোমার প্রস্তাবে আমি রাজি।
আমার মনে হয় ফুফা-ফুফু সঙ্গে থাকলে আরো ভালো হবে।
রিয়াজুলের ধর্মীয় জ্ঞান ও বুদ্ধির পরিচয় পেয়ে সামসুদ্দিন মিয়া খুশি হলেন। বললেন, তুমি খুব ভালো কথা বলেছ। কালই আমরা তোমার ফুফুদের ওখানে যাব।
একসময় খায়রুন্নেসা স্বামীকে বললেন, আমিও বড় ভাসুরের সঙ্গে মনোমালিন্য চাই না। রিয়াজুলের সব কথা আমার খুব পছন্দ, তুমি ওর কথামতো কাজ করো।
সামসুদ্দিন মিয়া বললেন, তাতো করবই। ও মেজ ভাইয়ের মতো খুব বুদ্ধিমান হয়েছে।
পরের দিন সামসুদ্দিন মিয়া রিয়াজুলকে নিয়ে ব্যাংকে গেলেন। পঁচিশ বছরের ফসল বিক্রির টাকা অনেক জমে ছিল। তার নামে একাউন্ট খুলে সেখানে পুরো টাকাটা ট্রান্সফার করে দিলেন।
ব্যাংকের কাজ সারার সময় রিয়াজুল বেশ কিছু টাকা তুলল। ঘরে এসে বলল, আচ্ছা ছোট চাচা, আপনি বললেন, মোসারেফ হোসেন পঙ্গু হয়ে কয়েক বছর বিছানায় পড়ে আছেন, ফসলি জমি বিক্রি করে দিয়েছেন, তা হলে সংসার চলে কি করে?
সামসুদ্দিন মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সংসার তো আর থেমে থাকে না বাবা! যেভাবেই হোক চলে যায়। তবে খুব কষ্টের সঙ্গে চলছে। ওঁর স্ত্রী খুব পর্দানশীন। কারও সামনে বার হন না। বড় মেয়েটা খুব চৌকোষ। পুকুরের মাছ বিক্রি করে, পুকুর পাড়ে গাছপালার ফল-পাকাড়ি বিক্রি করে, ওঁর বড় মামাও কিছু কিছু সাহায্য করেন। এছাড়া দু’বেলা কয়েকটা ছেলে-মেয়েকে প্রাইভেট পড়িয়ে কিছু আয় করে। এইভাবেই কোনোরকমে ঐ মেয়েটাই চালাচ্ছে।
আব্বার সঙ্গে উনার খুব ভাব ছিল, তাই না?
হ্যাঁ বাবা, তা ছিল। দু’জনের গলায় গলায় ভাব ছিল। যা কিছু করতেন একসঙ্গে করতেন! যেখানে যেতেন একসঙ্গে যেতেন। মেজ ভাই মারা যাওয়ার সময় মোসারেফ হোসেনের কান্না দেখে গ্রামের লোকজন তো অবাক। আমার মনে হয়েছে আপন ভাই হয়ে আমরা যতটা না দুঃখ পেয়েছি, তার থেকে বেশি উনি পেয়েছেন। তাই মেজ ভাইয়ের কথা স্মরণ করে আমি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করি। তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। পঙ্গু হয়ে যাওয়ার পর অমিও তাকে কিছু কিছু সাহায্য করি।
হাদিসে পড়েছি, পিতার বন্ধু পিতার মতো সম্মানীয়। পিতার বন্ধুকে সম্মান করা মানে পিতাকে সম্মান করা। তাই তার এই দুর্দিনে আমি তাকে সাহায্য করতে চাই।
এটা তো খুব ভালো কথা। এমনি তো যে কোনো অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ ও তাঁর রাসুল (দঃ) খুশি হন। আর উনি তোমার আব্বার বন্ধু।
আমি কাল মোসারেফ হোসেন চাচার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সবকিছু দেখে শুনে আমার খুব দুঃখ লাগল। তারপর এক হাজার টাকা ছোট চাচার হাতে দিয়ে বলল, এটা আপনি আজই তাঁকে দেবেন।
তুমি নিজের হাতে দিলে ভালো হত না? উনি খুশি হতেন।
তা হতেন, তবু এই টাকাটা আপনি দেবেন। এই টাকায় তো ওঁদের অভাব দূর হবে। তাই আমি চিন্তা ভাবনা করে এমন কিছু করতে চাই, যাতে এক বেলা এক সন্ধ্যে খেয়ে পরে ওঁদের চলে যায়। ছোট ছেলেটাও লেখাপড়া করে মানুষ হয়।
তোমার কথা শুনে খুশি হলাম। কিন্তু বাবা, তুমি যা করতে চাচ্ছ তা যেমন ঝুঁকিপূর্ণ, তেমন প্রচুর টাকা পয়সারও দরকার।
তা আমি জানি। তবু আব্বার বন্ধু হিসাবে আমি কিছু করবই ইনশাআল্লাহ। আর ভালো কাজে ঝুঁকি তো থাকবেই। আল্লাহ ও রাসুল (দঃ) কে খুশি করার জন্য বিপদকে আমি ভয় করি না। হাদিসে পড়েছি এরকম কাজে বিপদে পড়লে আল্লাহ সাহায্য করেন। আপনার কাছ থেকে শুধু সহযোগিতা পেতে চাই।
ইনশাআল্লাহ আমি তোমাকে নিশ্চয় সহযোগিতা করব। একটা কথা তোমাকে জিজ্ঞেস করে পারছি না, আমি তো জানি তুমি মাদ্রাসায় পড়নি স্কুল কলেজে পড়েছ কোরআন হাদিসের এত জ্ঞান তোমার হল কি করে?
রিয়াজুল মৃদু হেসে বলল, কলেজে পড়ার সময় একটা ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে তাবলীগ করত। এখনো করে। কয়েকটা চিল্লাহ্ দিয়েছে। তার সঙ্গে মিশে আমি ধর্মের দিকে ঝুঁকে পড়ি। লেখাপড়ার সাথে সাথে কোরআন হাদিসের ব্যাখ্যা পড়তে শুরু করি। দু’তিনটে চিল্লাও দিয়েছি। চিল্লাতে গিয়ে বুঝতে পেরেছি, কোরআন-হাদিসের ব্যাখ্যা পড়লে শুধু ধর্মীয় জ্ঞান বাড়ে এবং তা মেনে চলার প্রেরণাও আসে, কিন্তু জামাতের সঙ্গে চিল্লাতে গেলে সেই প্রেরণা হাজার গুণ বেড়ে যায়। প্রত্যেক মুসলমানের উচিত, সময় সুযোগ করে চিল্লাতে যাওয়া। আপনি কি কখনও গিয়েছেন?
না বাবা যাইনি, তবে তাবলীগ জামাতের সঙ্গে ওঠা বসা করে বুঝতে পেরেছি, চিল্লাতে গেলে চরিত্রের সংশোধন হয়। ধর্মের পথে, সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা পাওয়া যায়।
খায়রুন্নেসা বিবি এতক্ষণ রান্না করছিলেন। রান্নার কাজ শেষ করে তাদের কাছে এসে বললেন, তোমরা এখনও কথা বলছ? কত বেলা হয়েছে খেয়াল আছে? এক্ষুণি যোহরের আজান হবে। যাও গোসল করে এস।
মাগরিবের নামায পড়ে সামসুদ্দিন মিয়া মোসারেফ হোসেনের বাড়িতে গেলেন।
বছর দুই আগে গ্রামে বিদ্যুৎ এলেও মোসারেফ হোসেন নিতে পারেননি। হমুদা বিবি লম্ফ জ্বালিয়ে রান্নাঘরে রান্না করছেন। সালেহা মাকে সাহায্য করছে। আসমা বারান্দায় পাটি বিছিয়ে হারিকেনের আলোতে দুই ভাই বোনকে পড়াচ্ছে।
সামসুদ্দিন মিয়া উঠোনে এসে বললেন, কই গো আসমা, তোমরা কি করছ?
হারিকেনের আলোর কাছ থেকে দূরের কিছু দেখা যায় না। আসমা গলা শুনে বুঝতে পারল, সামসুদ্দিন চাচা এসেছেন। উঠোনের দিকে তাকিয়ে বলল, এদের পড়াচ্ছি, আপনি আসুন চাচা। তারপর এগিয়ে এলে সালাম দিল।
সামসুদ্দিন মিয়া সালামের উত্তর দিয়ে বললেন, কয়েক দিন আসতে পারিনি। তোমার আব্বা কেমন আছেন?
ঐ একই রকম, আসুন বলে আসমা তাকে সঙ্গে করে রুমে এসে বলল, আব্ব মিয়া বাড়ির ছোট চাচা এসেছেন। তারপর চেয়ারটা খাটের কাছে এগিয়ে দিয়ে সামসুদ্দিন মিয়াকে বলল, বসুন চাচা।
সামসুদ্দিন মিয়া মোসারেফ হোসেনের সঙ্গে সালাম বিনিময় করে বললেন, চিকিৎসা তো অনেক করালেন, আগের থেকে কিছু উন্নতি হচ্ছে বলে মনে হয়?
মোসারেফ হোসেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কই আর উন্নতি হল, এখনও নিজে উঠে বসতে পারি না। আমার কথা বাদ দিন, আপনারা কেমন আছেন বলুন?
আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তারপর টাকাটা পকেট থেকে বার করে বালিশের নিচে রেখে বললেন, এখানে এক হাজার টাকা আছে। মেজ ভাইয়ের ছেলে রিয়াজুল পরশু এসেছে। রাত্রে আমার কাছে আপনার ও মেজ ভাইয়ের বন্ধুত্বের কথা ও আপনার ভাগ্য বিপর্যয়ের কথা শুনে সকালের দিকে আপনাকে দেখতে এসেছিল। এই টাকাটা আপনার চিকিৎসার জন্য সে-ই দিয়েছে। রিয়াজুল কলেজ ভার্সিটিতে পড়লেও ধর্মীয় জ্ঞানও অর্জন করেছে। টাকাটা দিয়ে আমাকে বলল, আব্বার বন্ধু আব্বার মতোই সম্মানের পাত্র। তার বিপদে সাহায্য করা আমার কর্তব্য। আমি বললাম, টাকাটা তুমি দিলে উনি খুশি হবেন। বলল, পরে না হয় আমি দেব। আজ আপনি দিয়ে আসুন।
মোসারেফ হোসেনের কান্নায় গলা বুজে এল। কিছুক্ষণ চুপ করে থেকে ভিজে গলায় বললেন, এমনই ত্বকদিরের লিখন, আপনাদের দয়ার উপর বেঁচে থাকতে হচ্ছে। তার ভেদ তিনিই জানেন। কথা শেষ করে চোখ মুছলেন।
হ্যাঁ ভাই আল্লাহর ভেদ বোঝা মানুষের অসাধ্য। কার তকদিরে কি আছে তা তিনিই জানেন। আপনি ধৈর্য ধরুন, কাঁদবেন না। তাঁরই ইশারায় ইনশাআল্লাহ আপনার বিপদ একদিন দূর হবে। আপনি সুস্থ হয়ে উঠে আবার সংসারের হাল ধরবেন। আল্লাহর উপর ভরস করে তাঁর দরবারে ফরিয়াদ করুন। তিনি বিপদ দিয়েছেন আবার তিনিই উদ্ধার করবেন। আল্লাহ তাঁর নেককার বান্দাদের কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করেন। ধৈর্যহারা হলে পরীক্ষায় উত্তির্ণ হতে পারবেন না।
হা ভাই রিয়াজুলও কোরআন পাকের ঐ কথা বলে বুঝিয়ে গেছে। আমি আল্লাহর উপরই ভরসা করে সব সময় ফরিয়াদ করি। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রিয়াজুল দেখতে ঠিক ওর আব্বার মতো হয়েছে তাই না ছোট মিয়া?
আপনার কথা ঠিক। শুধু দেখতেই নয়। মনটাও মেজ ভাইয়ের মতো। আল্লাহ ওকে কামিয়াব করুন। আপনিও ওকে দোয়া করবেন।
নিশ্চয় করব ভাই নিশ্চয় করব। মাঝে মাঝে আসতে বলবেন, ওকে দেখলে মনে হয়। আমার বন্ধুকে দেখছি।
ঠিক আছে বলব। তবে আমার মনে হয় আমি না বললেও আসবে। এবার আসি হলে?
আসমা তাকে বসতে দিয়ে রান্নাঘরে চা করতে গিয়েছিল। চা নিয়ে ফিরে এসে বলল, চা খেয়ে যাবেন চাচা।
তুমি আবার চা করতে গেলে কেন? ঠিক আছে দাও, এনেছ যখন খেয়েই যাই।
সামসুদ্দিন মিয়া চলে যাওয়ার পর মোসারেফ হোসেন মেয়েকে বললেন, তোর মাকে ডেকে নিয়ে আয় তো মা।
আসমা মাকে ডেকে নিয়ে এল।
মোসারেফ হোসেন তাদের দিকে তাকিয়ে বললেন, সকালের দিকে আমার বন্ধুর ছেলে রিয়াজুল যে এসেছিল, সে কথা তোমরা জান। ছেলেটা শুধু শিক্ষিত নয় ধার্মীকও। বাবার বন্ধুর দুরাবস্থার কথা জেনে ছোট চাচার হাতে এক হাজার টাকা চিকিৎসা করার জন্য পাঠিয়েছে। আর কি বলেছে জান? বাবার বন্ধু বাবার সমান। তাকে সম্মান করা মানে বাবাকে সম্মান করা। তুমি দেখো আসমার মা, রিয়াজুল জীবনে উন্নতি করবেই। তারপর বালিশের তলা থেকে টাকাটা বার করে আসমার দিকে বাড়িয়ে ধরে বললেন, এটা তুলে। রাখ।
মাহমুদা বিবি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ ওকে সুখি করুন। তোমার মুখে শুনেছিলাম সে ঢাকায় খালার কাছে মানুষ হচ্ছে। ও কী এখন গ্রামেই থাকবে?
তা জিজ্ঞেস করিনি, আবার এলে করব।
আসমা টাকাটা আলমারীতে রেখে এসে বলল, সেদিন আমাকে বললেন, বেশ কিছুদিন থাকবেন। তারপর যাই ওদেরকে পড়াই বলে আসমা বেরিয়ে এসে ভাইবোনের কাছে বসল।
ঘরে ফিরে সামসুদ্দিন মিয়া রিয়াজুলকে বললেন, তুমি টাকা দিয়েছ শুনে মোসারেফ হোসেন খুব খুশি হয়েছেন। তোমাকে অনেক দোয়া করে বললেন, মাঝে মাঝে আসতে বলবেন! ওকে দেখলে মনে হয় যেন আমার বন্ধুকে দেখছি। ওঁর স্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছে?
না, দেরি হয়ে যাচ্ছিল বলে চলে এসেছি। এবারে গেলে পরিচয় করব।
উনি খুব পর্দানশীন। তোমার সামনে আসবে বলে মনে হয় না।
এটা তো খুব ভালো কথা। এরকম মেয়েদের কথা আজকাল তো শোনাই যায় না। আল্লাহ পাকের একমাত্র নেক বান্দিরাই পর্দানশীন হয়ে থাকেন।
<