সাজেদার দাদি হামিদা বানু ফিরে গিয়ে শিহাবকে বললেন, তুই তোর মেয়েকে যেভাবে মানুষ করেছিস সেই রকম ঘরে তার বিয়ে দেয়া উচিত ছিল। সেখানে তাকে অনেক খাটাখাটনি করতে হচ্ছে। বিরাট সংসার। তাদের সংসারে যে সব তরকারী রান্না হয়, সে সব সাজেদা কখনও খায় নি। তোর মেয়ে ঐ সব না খেতে পেরে বেশ রোগা হয়ে গেছে। তুই বোধ হয় কাজটা ভালো করিসনি।

শিহাব বলল, আম্মা, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। সব কিছু আস্তে আস্তে সহ্য হয়ে যাবে। মেয়েদের ভালোমন্দ নির্ভর করে স্বামীর উপর। নাদিমকে তো দেখেছেন, অমন ছেলে কয়টা দেখেছেন বলুন দেখি? তাছাড়া ওর শ্বশুর-শাশুড়ীও খুব ভালো।

হামিদা বানু বললেন, তা অবশ্য ঠিক কথা বলেছিস। অমন স্বামী, শ্বশুর-শাশুড়ী কটা মেয়ের কপালে জোটে। তবে সাজেদার মেজ ও সেজ শাশুড়ীকে তেমন ভালো মনে হল না। তুই কিছুদিন পর গিয়ে সাজেদাকে নিয়ে আসবি।

শিহাব বলল, তাই নিয়ে আসব।

প্রায় দুআড়াই মাস পর শিহাব সারেংপুর গিয়ে মেয়েকে নিয়ে এল। জামাইকেও নিয়ে আসতে চেয়েছিল, তার ছুটি নেই বলে আসেনি। সাজেদার মা সালেহা মেয়ে রোগা হয়ে গেছে দেখে শ্বশুরবাড়ির অনেক কথা জিজ্ঞেস করল। সাজেদা মায়ের কথার উত্তরে যা বলল, তা সবই ভালো। শুধু তরকারী ও খাটা-খাটনি ছাড়া সালেহার খারাপ কিছু মনে হল না। মেয়েকে বুঝিয়ে বলল, সব গৃহস্থবাড়ি সমান না। মেয়েরা বাপের বাড়িতে যেভাবেই মানুষ হোক না কেন স্বামীর বাড়িই তার আসল বাড়ি। প্রত্যেক মেয়ের উচিত নিজেকে স্বামীর বাড়ির সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নেয়া। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোকে সহ্য করার ও সবার সঙ্গে মানিয়ে চলার তওফিক দান করেন।

মাসখানেক পরে স্কুলে ছুটি পড়তে নাদিম শ্বশুরবাড়িতে এসে দুদিন থেকে। সাজেদাকে নিয়ে বাড়ি ফিরল।

কবিরন বিবি সংসারের সব দায়িত্ব আফ্রিদাকে বুঝিয়ে দিয়ে সিন্দুকের চাবি তার হাতে তুলে দেয়ার পর থেকে সংসারে যা কিছু আয় হয়, তা সব চার ভাই মিলে আফ্রিদার হাতে দেয়। তারপর সংসারের খরচের দরকার মতো টাকা-পয়সা চেয়ে নেয়। আফ্রিদা কাকে কোন্ খানে কত টাকা দেয় এবং কি কি ফসল বিক্রি করে কত। টাকা জমা রাখে, সে সব প্রতিদিন ঘুমাবার আগে জমা-খরচের খাতায় লিখে রাখে। তাকে সংসারের সব দিক লক্ষ্য রাখতে হয়। সকলের কাপড়-চোপড় কেনা থেকে অসুখ-বিসুখ ডাক্তার ও ওষুধপত্রের খরচ, ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হওয়া ও তাদের। বই–খাতা কেনা, এমন কি মেহমান-কুটুমের যত্নের দিকেও তাকে লক্ষ্য রাখতে হয়। প্রতিদিন রাতে চার ভাই একসঙ্গে খাবে। তারপর চাষবাসের ব্যাপারে ও সংসারের কেনাকাটার ব্যাপারে বারান্দায় আলোচনা করবে। ততক্ষণে চার জা খাওয়ার কাজ শেষ করে ঘরের মধ্যে এসে বসবে। টাকা-পয়সার দরকার থাকলে ভাইয়েরা আফ্রিদাকে জানাবে। আফ্রিদা আগে খরচের খাতায় লিখবে তারপর দরকার মতো সিন্দুক থেকে বের করে দেবে। কোননা কোনো দিন আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট জা ফাহমিদার হাতে দিয়ে বলবে, আমি লিখছি তুই সিন্দুক খুলে টাকাটা বের করে দে। আফ্রিদা মাঝে মাঝে ফাহমিদাকে জমা-খরচের হিসাব বুঝিয়ে দিয়ে খাতা লেখা। শেখায়। ফাহমিদা বনেদী ঘরের জ্ঞানী মেয়ে হয়েও বাপের আর্থিক দুরাবস্থার জন্য ক্লাস এইট থেকে ভালভাবে পাস করে নাইনে উঠে আর পড়তে পারে নি। দুচারদিনের মধ্যে জমা খরচের হিসাব বুঝে নিয়ে বেশির ভাগ দিন সে-ই খাতা লিখে।

নাদিম সকালে ও সন্ধ্যায় কয়েকটা ছেলেকে প্রাইষ্টে পড়ায়। সেই টাকাও এতদিন মায়ের হাতে দিয়ে এসেছে। এবার যখন প্রাইস্টে পড়ানোর টাকা মাকে দিতে গেল তখন আফ্রিদা বলল, ঐ টাকাটা তুই রেখে দে। তোর নিজেরও তো একটা খরচ আছে।

নাদিম বলল, সব খরচ তো তুমিই দাও, আমার আবার খরচ কিসের?

আফ্রিদা হেসে উঠে বলল, পাগল ছেলের কথা শোন। বৌমার কিছু শখ-সাধ হলে কিনে দিবি। সে সব কি আর বৌমা আমাকে বলবে।

তারপর থেকে নাদিম ঐ টাকা নিজের কাছে রাখে। সেই টাকা থেকে সাজেদাকে নানারকম প্রসাধনী ও অন্যান্য টুকটাক জিনিস কিনে দেয়।

এবারে সাজেদা যখন বাপের বাড়িতে ছিল তখন তার সই দীলরুবাও শশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে। তার বিয়ে সাজেদার বিয়ের ছমাস আগে হয়েছে। দুজনের বাড়ি কাছাকাছি। তাই বাপের বাড়িতে এসে দুজন দুজনকে পেয়ে মহাখুশি। একে অন্যের স্বামীর কথা, শ্বশুর-শাশুড়ীর কথা এবং শ্বশুর বাড়ির নানান কথা বলাবলি করতে লাগল। দীলরুবার যখন বিয়ের সম্বন্ধ আসে তখন সাজেদা শুনেছিল, পাত্র বাপ মার একমাত্র ছেলে। জমি-জায়গাও অনেক। পাত্র ম্যাট্রিক পাস করে টাউনে ব্যবসা করে। এক সময় সে দীলরুবাকে বলল, তুই তো খুব সুখে আছিস তাই না? অন্য শাশুড়ী নেই, কোনো ননদ নেই, বেশ নির্ঝঞ্ঝাট সংসার।

দীলরুবা বলল, তা যা বলেছিস আল্লাহ আমাকে খুব সুখে রেখেছে। সে জন্য তার দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া। তারপর বলল, শুনেছি তোর শ্বশুররা চার ভাই এক সংসারে আছে। খুব বড় সংসার তাই না? হ্যাঁ রে, তোর বর তো বি.এ. পাস। খুব চরিত্রবান। তুই ঐদিক দিয়ে খুব ভাগ্যবতী।

সাজেদা বলল, সে শুধু চরিত্রবান নয় গোড়া ধার্মিক। বিয়ে হওয়ার পর থেকে তার কাছে ধর্মের বাণী শুনে শুনে কান ভোতা হয়ে গেছে। একটু এদিক-ওদিক হলেই অমনি কুরআন-হাদিসের কথা আওড়াতে থাকে। আচ্ছা, তুই-ই বল, কেউ কোনো দিন কুরআন-হাদিসের কথা সব মেনে চলতে পারে? না চলেছে। মাঝে মাঝে এইসব নিয়ে বেশ মনোমালিন্য হয়। তবে আমাকে খুব ভালবাসে।

দীলরুবা বলল, তোর ব্ল কি কি ব্যাপারে কুরআন হাদিসের কথা বলে বল তো শুনি?

এই যেমন নামায পড়া নিয়ে। এক ওয়াক্ত নামায কাযা করার উপায় নেই। মাসিক হওয়ার পর পাক হতে এক-আধদিন দেরি করলে, ভি-গলা ব্লাউজ ও পাতলা কাপড় পরলে, ভোরে উঠে ফজরের নামাযের পর কুরআন তেলোয়াত না করলে, প্রতিদিন কিছু কিছু কুরআন-হাদিসের ব্যাখ্যা এবং অন্য কোনো বইপত্র না পড়লে। কত আর বলব? এ রকম কত ব্যাপারে যে কত উপদেশ হজম করতে হয় তার ইয়ত্তা নেই।

সাজেদা ও দীলরুবা ছোট বেলা থেকে সই পাতিয়েছে। দুজনে এক সঙ্গে ম্যাট্রিক পাস করেছে। কিন্তু দীলরুবা খুব ধার্মিক। ছোটবেলা থেকে ধর্মের যতটুকু জেনেছে ততটুকু মেনে এসেছে। জ্ঞান হওয়ার পর সে আল্লাহর কাছে ধার্মিক স্বামী কামনা করে এসেছে। কিন্তু আল্লাহপাকের কুদরত বোঝা মানুষের অসাধ্য। তাই যার সঙ্গে তার। বিয়ে হয়েছে সে বেনামাযি, বেরোযাদার, টি ভি, ও টেপের পোকা। বাসায় যতক্ষণ থাকবে ফুল ভলিউমে টেপে গান শুনবে। রাতে টিভি প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত ঘুমাবে না। বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে-মধ্যে মাগী পাড়ায় যায়। যেদিন যায় সেদিন মদ খেয়ে ঘরে ফেরে। দীলরুবা স্বামীকে কতবার বুঝিয়ে নামায পড়তে বলে টেপ টি.ভি. চালালেও আস্তে চালাতে বলে। এমন কি যখন আযান হয় তখন সে সব বন্ধ করা তো দূরের কথা ভলিউম কমায়ও না। প্রতি সপ্তাহে সিনেমা দেখা চাই। কোনো ভালো ছবি হলে চার-পাঁচবার দেখে। একবার দীলরুবাকে বেড়াতে যাওয়ার নাম করে যখন বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে নিয়ে গেল তখন সে খুব বাধা দিয়ে বলেছিল, আমি কখনও সিনেমা দেখিনি, এখনও দেখব না। এটা খুব গোনাহর কাজ। তার স্বামী শুনেনি। সেদিন দীলরুবা সিনেমা হলের ভিতরে সারাক্ষন কেঁদেছে। বাড়িতে এসে তার স্বামী চড়, কিল ও ঘুঁসি মেরে বলেছিল, তোমার জন্য আজ আমি বন্ধুদের কাছে অনেক অপমান হয়েছি। দীলরুবা স্বামীর মার খেয়ে একটুও প্রতিবাদ করেনি। পায়ে ধরে বলেছিল, তুমি আর কখনও আমাকে এমন জায়গায় নিয়ে যেও না, যেখানে গেলে আমি তোমার সম্মান রাখতে পারব না। তারপর কেঁদে কেঁদে মাফ চেয়েছে। তারপর থেকে তার স্বামী তাকে কোথাও নিয়ে যায় না। স্বামীকে ঐসব বদ অভ্যাস ছেড়ে দিয়ে নামায পড়ার কথা বললে মেজাজ দেখিয়ে বলে, আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামিও না। আমি তোমার স্বামী। তুমি আমার স্ত্রী। তোমার কথা আমি শুনব, না-তুমি আমার কথা শুনবে? এত নামায-কালাম পড় আর এটা জান না, স্ত্রীর প্রধান কর্তব্য স্বামীর হুকুম মেনে চলা? কোনোদিন আর আমাকে কোনো উপদেশ দিবে না। নচেৎ তোমার কপালে খারাবি নেমে আসবে। এরপর থেকে সে সুখী। শ্বশুর-শ্বাশুড়ী তাকে খুব ভালবাসে। এমন কি তার স্বামীর স্বভাব-চরিত্র ঐরকম হলেও ঐ একদিন ছাড়া আর কোনোদিন মারধর করেনি। তাকে অবহেলাও করেনি। দীলরুবার এক এক সময় মনে হয়, তার স্বামী যদি ধার্মিক হত, তা হলে তার মতো ভাগ্যবতী মেয়ে বুঝি আর পৃথিবীতে কেউ হত না।

আজ সাজেদার স্বামী ধার্মিক জেনে দীলরুবার নিজের স্বামীর কথা মনে পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর স্বামীর কথা শুনে খুবই আনন্দিত হলাম। কিন্তু তুই অসন্তুষ্ট হচ্ছিস কেন? বরং খুশি হওয়ার কথা। জানিস না বুঝি সংসারের সব রকমের সুখ-শান্তি র চেয়ে স্ত্রীর কাছে স্বামীর চরিত্র ও ধার্মিকতা লক্ষগুন বেশি সুখ-শান্তির? যে মেয়ে এমন স্বামী পায় সে মহাসৌভাগ্যবতী।

সাজেদা বলল, তোর কথা শুনে মনে হচ্ছে-তোর বর তোর মন মতো হয়নি। আমার বরের কথা তো শুনলি, এবার তোর বরের কথা বল শুনি।

দীলরুবা স্বামীর কথা আদ্যোপান্ত সব বলল।

সাজেদা বলল, তা হলে এক কাজ করলে হয় না? আমরা আমাদের স্বামীদেরকে বলে স্বামী-স্ত্রী বদল করার ব্যবস্থা করি আয়। কথা শেষ করে সে হাসতে লাগল।

দীলরুবা রেগে গিয়ে বলল, তোর দীলে কি আল্লাহর ভয় একটুও নেই? এরকম কথা ইয়ার্কি করে বলাও কঠিন গোনাহ।

সাজেদা হাসি থামিয়ে বলল, কি জানি ভাই, ইয়ার্কি করলেও যে গোনাহ হয় তা জানতাম না। তারপর তার নাকে নোলক দেখে বলল, এটা আবার কে দিল? বিয়ের সময় তো তোর শ্বশুররা নোলক দেয়নি?

দীলরুবা বলল, আমার উনি দিয়েছে। নোক পরলে নাকি আমাকে খুব সুন্দরী দেখায়।

সাজেদা ভাবল, আমি যদি মোলক পরি, তা হলে আমাকে আরও বেশি সুন্দরী দেখাবে। তাই নাদিম যখন তাকে নিতে এল তখন তাকে এক সময় জিজ্ঞেস করল, তুমি নোলক পরা পছন্দ কর?

নাদিম বলল, করি। নোলক পরলে তোমাকে আরও সুন্দরী দেখাবে।

তা হলে আমাকে একটা বানিয়ে দেবে? আমি পরব।

ঠিক আছে, চেষ্টা করব।

স্বামীর বাড়িতে এসে সাজেদা স্বামীকে নোলক বানিয়ে দেয়ার জন্য প্রায়ই তাগিদ দিতে লাগল।

.

নাদিমের সাজেদাকে নোলক বানিয়ে দেবার ইচ্ছা থাকলেও টাকার জন্য পারছে। টিউশনীর টাকা থেকে এটা-ওটা কিনে দিয়ে যা বাঁচে সেই টাকা জমিয়ে বানাতে গেলে দেরি হবে। তাই দেব দেব করে কাটিয়ে দেয়।

একদিন রাতে ঘুমাবার সময় মোলক বানিয়ে দেয়ার কথা বলতে নাদিম যখন বলল, দেব তখন সাজেদা স্বামীর মুখে একই কথা বারবার শুনে বলল, দেব দেব তো অনেক দিন বলছ, এখনও কি দেয়ার সময় হয়নি?

নাদিম বলল, বানিয়ে দিতে হলে আরও দেরি হবে। নোলক বানাতে অনেক টাকা লাগবে। অত টাকা আমার কাছে নেই।

কেন, আম্মাকে বললেই তো বানিয়ে দেবে।

আম্মাকে বলেছিলাম। আম্মা বলল, পরে সময় মতো বানিয়ে দেবে।

পরে কেন? আম্মার কাছে তো সংসারের সব টাকা জমা থাকে, সেই টাকা দিয়ে। বানিয়ে দিতে পারেন।

সংসারের সব টাকা যেমন জমা থাকে তেমনি সংসারের সব খরচও তাকে খুব বুঝেসুঝে করতে হয়। কখন কি দরকার হয় তার কোনো ঠিক আছে? আম্মার কথা থাক, আমি টাকা জমিয়ে তোমাকে বানিয়ে দেব।

সাজেদা বেশ রাগের সঙ্গে বলল, বিয়ের সময় এবং আজ পর্যন্ত তোমরা আমাকে গয়না তো দূরের কথা, একটা ভালো জামা-কাপড়ও দাওনি। আমার কি শখ হয় না, স্বামীর বাড়ি থেকে ঐসব পাওয়ার।

নাদিম আহতস্বরে বলল, তোমার কথা অস্বীকার করছি না। কিন্তু আমাদের একান্নবর্তী সংসার। আব্বা-আম্মা নিজেদের ইচ্ছামতো কিছু করতে পারেন না। তা ছাড়া আমাদের এমন সচ্ছলতাও নেই যে, হঠাৎ করে একসঙ্গে বেশি টাকা খরচ করবে। আম্মা যে কত হিসাব করে সংসার চালাচ্ছে তা তো তুমি দেখতে পাচ্ছ।

সাজেদা বলল, তাই বলে নুতন বৌকে শ্বশুর-শাশুড়ীরা কিছু দেবে না-এ কেমন কথা? এবারে আব্বাদের বাড়িতে অনেকে জিজ্ঞেস করছিল, আমি শ্বশুর বাড়ি থেকে কি কি গয়না পেয়েছি। আমার তখন যা লজ্জা পেয়েছিল। বুদ্ধি করে বললাম হঠাৎ বিয়ে হয়েছে, তাই তারা গয়না গড়াবার সময় পায়নি। এবারে আব্বাদের ওখানে যাওয়ার আগে কিন্তু দুএকখানা সোনার জিনিস বানিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে ভালো জামা-কাপড়ও দিতে হবে।

এখন ওসব দিতে পারব না।

দিতে পারবে না কেন? না দিলে আব্বাদের বাড়িতে তোমাদের মান-ইজ্জত থাকবে না।

একটা কাজ করলে থাকবে।

 কি কাজ?

যতদিন তোমাকে ঐ সমস্ত জিনিস দেয়া হচ্ছে না, ততদিন আর আব্বাদের বাড়িতে যাওয়ার নাম মুখে আনবে না।

এটা একটা কথা হল নাকি? তোমরা যদি পাঁচ বছর দিতে না পার, তা হলে আমি কি অতদিন আব্বাদের বাড়ি যাব না?

হ্যাঁ, তাই।

 আব্বা নিয়ে যেতে এলে কি বলবে?

 আমাদের হয়ে তুমি বুদ্ধি করে কিছু একটা বলে কাটিয়ে দেবে।

কতদিন ঐভাবে আব্বাকে ফেরাব?

যতদিন তুমি ঐসব ছাড়া যেতে পারবে না।

তা হলে বোঝা যাচ্ছে, তুমি আমাকে শাস্তি দিতে চাও।

 তা যদি বুঝে থাক, তা হলে তাই।

কিন্তু কেন?

সব কিছু জেনেও ঐসবের বায়না ধরছ বলে?

আমার বায়না ধরা কি অন্যায় হয়েছে?

না, বায়না ধরাটা অন্যায় হয়নি, অন্যায় হয়েছে তড়িঘড়ি চাওয়ার জন্য।

ঠিক আছে, আর কোনোদিন কোনো কিছুর জন্য তোমাকে বলব না।

এটা তুমি রাগের কথা বললে। আচ্ছা, তুমি অত অবুঝ কেন? আমারও কি সখ হয় না, তোমাকে ভালো জামা-কাপড় কিনে দেয়ার? দুখানা গয়না বানিয়ে দেয়ার? আল্লাহপাক যখন রাজি হবেন তখন মনের সাধ পূরণ করব।

ততদিনে বুড়ী হয়ে যাব, তোমার মনের সখ মনেই থাকুক।

নাদিম স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলল, তুমি যখন বুড়ী হবে তখন আমিও বুড়ো হব। সেই সময় দুবুড়োবুড়িতে মনের শখ মিটিয়ে খুব ফুর্তি করব।

সাজেদা স্বামীর মতলব বুঝতে পেরে বিরক্ত কণ্ঠে বলল, অত আদর আর ইয়ার্কি করতে হবে না, আমার শরীরটা ভালো নেই, ঘুমাব।

নাদিম তাকে ছেড়ে দিয়ে বলল, আমি কি তোমাকে ঘুমাতে বাধা দিচ্ছি নাকি? তারপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল।

সাজেদা চৌধুরী বাড়ির বৌ হয়ে আসার কয়েক মাসের মধ্যে তাকে সবাই অহঙ্কারী ও অসল টাইপের মেয়ে বলে বুঝতে পারল। সাজেদা সবার কাছে বাপের বাড়ির বড়াই করে কথা বলে। এখানে যা খাচ্ছে-পরছে- সেসব বাড়িতে কখনো খাইনি-পরেনি সে কথাও বলে। সংসারে খেটে খেটে সে অনেক ময়লা হয়ে গেছে, তাও বলে। নাদিমের ছোট বোন মমতাজ কোনো সময় ভাবির সঙ্গে গল্প করতে এলে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। কয়েকবার এরকম হতে মমতাজ ভাবির মনোভাব বুঝতে পেরে চোখভরা অশ্রু নিয়ে চলে যায়।

একদিন আফ্রিদা মেয়েকে ভাবির কাছ থেকে চোখ মুছতে মুছতে আসতে দেখে জিজ্ঞেস করল, কি রে, কাঁদছিস কেন?

মমতাজ বলল, আমি ভাবির একটু স্নো পাউডার মুখে দিয়েছি বলে যা-তা করে বলল, স্নো-পাউডার মেখে কি আর রূপসী হওয়া যায়? আর কোনদিন যেন না মাখি, ভাইয়া এসে পড়ল, সেও ভাবিকে কিছু বলল না।

আফ্রিদা বৌয়ের আসল রূপ অনেক আগেই বুঝতে পেরেছে। বৌ যে এরকম করবে তাও টের পেয়েছে। এখন মেয়ের কথা শুনে বলল, কেন ঐ সব ছাই-পাস মাখতে যাস? আর কখনও যাবি না।

বৌকে নিয়ে আফ্রিদার অনেক চিন্তা মাঝে মাঝে তাকে পাশে বসিয়ে কার সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় বুঝিয়ে বলে। কিন্তু তাতে কোনো কাজ হয় না। বরং উল্টো শাশুড়ীর সঙ্গে কথা বন্ধ করে দেয়। আফ্রিদা বুঝতে পেরে বৌমা বৌমা করে ডেকে কথা বলে। একদিন ছেলেকে বলল, তুই বৌমাকে কুরআন-হাদিসের কথা বলে তার কর্তব্য বোঝাবি, নচেৎ তোদের ভবিষ্যৎ জীবনে অশান্তি আসবে। ঠিকমতো নামাযও পড়ে না। আমি বললে দুএকদিন পড়ে। তারপর যেইকে সেই। তুই কি কিছু লক্ষ্য করিস না? তাকে সকলের সঙ্গে নরম মেজাজে মিষ্টি ব্যবহার করতে বলি। কিন্তু সে কথাও সে মোটেই কানে তুলে না। নিজের ইচ্ছামতো সব কিছু করে। মমতাজ ও আবুল খায়েরকে মোটেই দেখতে পারে না। আমি কত বোঝাই, তুইও বোঝাবি।

নাদিম বলল, আম্মা, আমি তোমাদের বৌকে বহুবার কুরআন-হাদিসের কথা বলে বুঝিয়েছি। মহিলা সাহাবীদের ও পুণ্যবতী মহিলাদের কত ঘটনা শুনিয়ে সেইভাবে চলার চেষ্টা করতে বলেছি। কোনো কোনো রাতে এইসব কথা বলে বোঝাতে বোঝাতে ফজরের আযান হয়ে গেছে। কিন্তু যে বুঝতে চায় না, তাকে আর কেমন করে বোঝাব। আজ ছমাস হয়ে গেল, বুঝিয়ে-বুঝিয়ে আমি বিফল হয়েছি। সে কিছুই বুঝতে চায় না। সে খুব একগুঁয়ে স্বভাবের মেয়ে। যেটা নিজে ভালো মনে করে সেটা ছাড়া অন্য কোনো কিছু মানতে চায় না। ঐদিন মমতাজ তার স্নো-পাউডার মেখেছিল বলে তার সাথে রাগারাগি করছিল। আমি সে সময় এসে মমতাজকে রাগারাগি করার কারণ জেনে তার কদর্য মনের পরিচয় পেয়ে হতবাক হয়ে যাই। মমতাজের চোখে পানি দেখে আমি খুব রেগে যাই। রেগে গেলে আমি কি রকম অমানুষ হয়ে যাই তা তো তুমি জান। কিছু অঘটন ঘটিয়ে ফেলতাম। কিন্তু হঠাৎ আল্লাহপাকের রসুল (দঃ)–এর রাগের উপর একটা হাদিস মনে পড়ে যেতে রাগটা দমন করে নিই। মমতাজ চলে যাওয়ার পর তাকে অনেক বোঝালাম। এতদিন তুমিও যেমন বুঝিয়েছ, আমিও কম বোঝাইনি। দিন দিন সে যেন আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই অনেক চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, ওকে তালাক দেব। আফ্রিদা চমকে উঠে বেশ রাগের সঙ্গে বললেন, কি বললি? আর একবার বল, দেখি বলে তার গালে চড় মারতে গিয়ে হাত তুলে রয়ে গেল। তারপর হাতটা নামিয়ে নিয়ে রাগটা সংযত করার জন্য মাটির দিকে চেয়ে রইল।

নাদিম ভেজা গলায় বলল, মারতে গিয়ে থেমে গেলে কেন আম্মা? বিয়ে করার পর থেকে যে অশান্তির আগুনে জ্বলছি, তোমার হাতের মার খেলে সেই আগুন হয়ত কিছুটা নিভে যেত। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে আবার বলল, এটা ছাড়া আমি অন্য কোনো পথ দেখছি না, আম্মা। নচেৎ তোমরা যেমন কোনোদিন শান্তি পাবে না তেমনি আমিও পাব না। ওর রূপই ওর কাল হয়ে দাঁড়িয়েছে। জান আম্মা, মমতাজ একটু কালো বলে একদিন আমাকে বলল, তোমার ঐ কালোপেত্নী বোনকে বিদায় করবে কি করে? তখন আমি রেগে ওর গালে কয়েকটা চড় মেরে বলেছিলাম, আবার যদি কোনোদিন ঐ রকম কথা বলো, তাহলে চিরজীবনের মতো তার মুখ বন্ধ করে দেব। সে মারের কথা হয়ত তোমরা জেনেছিলে। কিন্ত কেন মেরেছিলাম জাননি। আমি ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি।

আফ্রিদা ততক্ষণে রাগ সংযত করে নিয়েছে। বলল, বৌমার সবকিছু আমি অনেক আগেই বুঝেছি। সেই জন্যে তাকে বোঝাই। আর তুইও বোঝাস। তাতে কোন ফল হচ্ছে না ঠিক কথা, তাই বলে তুই যে সিদ্ধান্তের কথা বললি, তা আর কোনোদিন মুখে উচ্চারণ করবি না। স্ত্রীকে তালাক দেয়া অতি ঘৃণিত কাজ। হাদিসে তালাকের ব্যাপারে আল্লাহপাকের রসুল (দঃ) বলিয়াছেন, সমস্ত হালাল জিনিসের মধ্যে আল্লাহর নিকট সর্বাপেক্ষা অপ্রিয় হল তালাক। খবরদার, ঐ কথা আর কখনও মনে স্থান দিবি না। যদি কখনও মনে উদয় হয়, তখন আউজুবিল্লাহ হি মিনাস শায়তোয়ানের রাজীম ও দোয়া আস্তাগফার পড়বি। নচেৎ শয়তান তোর মনে ঐ কাজের ওয়াস ওয়াসা দিবে। আর শোন, মানুষ জঙ্গলের হিংস্র পশুকে ধরে এনে নিজেদের কথামতো চলার জন্য শিক্ষা দিতে কত রকমের খেলা দেখাচ্ছে। আর তুই একটা মেয়েকে শিক্ষা দিয়ে বসে আনতে পারবি না, এটা কেমন কথা?

নাদিম বলল, কিন্তু,যে নিজেকে অহঙ্কারী ও বেশি জ্ঞানী মনে করে তাকে যতই নসিহত কর না কেন, সে হেদায়েত হয় না।

আফ্রিদা বলল, হেদায়েত করার মালিক একমাত্র আল্লাহ। তিনি কাকে কখন কোন অসিলায় হেদায়েত করবেন তা তিনি ছাড়া আর কেউ জানেন না। তুই তার হেদায়েতের জন্য আল্লাহপাকের কাছে দোয়া চাইবি। আর খুব মিষ্টি কথায় বোঝাবি। হাজার হোক মুসলমানের মেয়ে। কুরআন-হাদিসের কথা শুনতে শুনতে একদিন না একদিন শুধরে যাবেই।

নাদিম বলল, ঠিক আছে-আম্মা, আমি তাই করব।

এরপর থেকে নাদিম সাজেদার পিছনে উঠেপড়ে লাগল। রাতের টিউশনি বন্ধ করে দিয়ে তাকে নানারকম বই পড়াতে চেষ্টা করল। বই পড়ার নেশা ধরাবার জন্য ঘরে যে সমস্ত প্রেমের উপন্যাস ছিল সেগুলো পড়িয়ে শোনাতে লাগল। তারপর পাঠাগার থেকে খুব রসাল প্রেম-কাহিনী এনে তাকে পড়তে বলল। মাঝে মাঝে স্বামী-স্ত্রীর কর্তব্য সম্বন্ধে বিভিন্ন হাদিস পড়েও শোনাতে লাগল। কিন্তু তার সমস্ত চেষ্টা বিফলে গেল।

একদিন মা ফাতেমা (রাঃ) ও কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্তির কথা বলে তাকে তাঁদের অনুকরণ করার কথা বলতে সাজেদা রেগে গিয়ে বলল, তুমি আমার স্বামী। স্বামী যে পদে পদে স্ত্রীর দোষ ধরে তা কখনো কারো কাছে শুনিনি। আমার সব কিছুই দোষের, আমার কি কোনো গুণ নেই? দোষগুণ নিয়েই তো মানুষ। আমার যেমন দোষ আছে, তেমনি নিশ্চয় গুণও আছে। আর মানুষ হিসাবে তোমারও তো অনেক দোষগুণ আছে। কই, আমি তো তোমার কোনোদিন কোনো দোষ ধরিনি। তা হলে তুমি আমার দোষ ধর কেন? তুমি যদি সব সময় আমার দোষ ধর, তা হলে সারাজীবন আমি তোমার সঙ্গে কাটাব কেমন করে? এইসব বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।

নাদিম বলল, তোমাকে দোষী করার জন্য তোমার দোষ ধরিনি। বরং তোমাকে নিজের মনের মতো করে গড়বার জন্য দোষ ধরে সৎ উপদেশ দিই। পুণ্যবতী রমণীদের জীবন চরিত এনে দিই। প্রত্যেক স্বামী চায়, তার স্ত্রী তার মনের মতো হোক। তাই তোমাকে সৎ উপদেশ দিই। সেই উপদেশগুলো আমার নিজের কথা নয়, আল্লাহ ও তাঁর রসুলের (দঃ) এবং মনীষীদের কথা। কোনো সৎ উপদেশ দিলেই তুমি রেগে যাও কেন বলতে পার? তাকে চুপ করে থাকতে দেখে বলল, জানি তুমি উত্তর দিতে পারবে না। আমি বলে দিচ্ছি শোন, তোমার মধ্যে দ্বীনি এলেম কম, আল্লাহ ও রসুলের (দঃ) পরিচয়ও ঠিকমতো জান না। তাই তাদের কথা শুনলে রেগে যাও। আর সাংসারিক জীবনে তোমার চাচা, চাচি, আত্মীয়-স্বজন ও পাড়াপড়শীদের আচার ব্যবহার দেখে যা শিখেছ, তাকেই যথেষ্ট বলে মনে কর। এটা মনে করা ঠিক নয়। আমি তোমার স্বামী। তোমাকে মনেপ্রাণে ভালবাসি। তাই ঐসব বলে তোমার জ্ঞানের দুয়ার খুলে দিয়ে এবং সেইভাবে চালিত করে তোমাকে আদর্শ বধূ করতে চাই। আর তুমি মনে কর, আমি তোমাকে দেখতে পারি না, ভালবাসি না। তাই তোমার দোষ ধরে সব সময় উপদেশ দিই। এটা তোমার ভুল ধারণা। মানুষ দুশমনকে দেখতে পারে না। তাই সব সময় তার দোষ-ক্রটি অন্বেষণ করে। তুমি তো আমার দুশমন নও। তোমাকে আমি ভালবাসি কিনা তা তুমি নিশ্চয় জান। তবু তুমি আমার কোনো উপদেশে কান দাও না কেন ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখো।

সাজেদা কাঁদতে কাঁদতে বলল, শুধু তুমি আমাকে ভালবাস? আমি কি বাসি না? তোমার কোন হুকুম শুনিনি বলতে পার?

নাদিম বলল, আমি তো বলিনি, আমার হুকুম মান না, আমাকে ভালবাস না। তবে যে ভালবাসার কথা আমি বলছি তা তোমার জানা নেই। ভালবাসা কাকে বলে শুনবে? কেউ কাউকে ভালবাসলে, একে অপরের কথা মেনে চলা তো দূরের কথা, প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করে না। স্বামী-স্ত্রীর ভালবাসার একটা বাস্তব ঘটনা বলছি, আমার সেজ খালাদের গ্রামে একবার ভীষণ কলেরা দেখা দেয়। যে বাড়িতে যার কলেরা হচ্ছে সে-ই মারা যাচ্ছে। সেই সময় আমার মেজ খালার এক দেবরের কলেরা হল। ভয়ে গোটা বাড়ি ছমছম করছে।.দুপুরের দিকে দুতিনবার পায়খানা হওয়ার পর বমি করতে লাগল। সেজ খালা রান্না করছিল। রান্না হয়ে যাওয়ার পর দেবরকে দেখতে গিয়ে যা দেখল তাতে সে ভয়ে ও বিস্ময়ে হতবাক হয়ে গেল। স্বামী খাটে বসে বমি করছে আর তার স্ত্রী মেঝেয় বসে দুহাত পেতে সেই বমি ধরছে আর খেয়ে নিচ্ছে। বিস্ময় ভাবটা কাটিয়ে মেজ খালা ছুটে শাশুড়ীকে কথাটা বলল। শাশুড়ী তাড়াতাড়ি এসে বৌয়ের হাত ধরে হিড়হিড় করে টেনে আনবার সময় বললেন, এ কি করছিস হতভাগী, তোর কি জানে ভয় নেই? মেজ খালার জা শাশুড়ীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্বামীর কাছে ছুটে এসে বলল, আপনাদের জানের ভয় থাকলেও আমার নেই। আমার স্বামী বাঁচবে না, আর আমি বেঁচে থাকব, এটা হতে দেব না। আল্লাহ পাকের কি অপার কুদরত সে যাত্রা মেজ খালার দেবর বেঁচে গেল আর তার স্ত্রীরও কিছু হল না। এই ঘটনা আমার মেজ খালার মুখে শুনেছি। দেখলে তো স্বামী-স্ত্রীর কি গভীর সম্পর্ক! আজকালের মেয়েরা স্বামীকে কি এত গভীরভাবে ভালবাসতে পারে? যদি পারত তা হলে তারা এ দুনিয়াতেই বেহেশতের নমুনা দেখতে পেত।

সাজেদা বলল, আগের যুগে ওরকম লাখে এক-আধটা দেখা গেছে। এখনকার মানুষ ঐ সব শুনলে গালগল্প মনে করবে।

নাদিম বলল, স্বামী-স্ত্রীর গভীর প্রেমের কাহিনী আগের যুগে যেমন ছিল এখনও তেমনি আছে। তবে তাদের সংখ্যা কম। তাই মানুষ তাদের খোঁজ খবর পায় না। এসব থাক, ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে।

এরপর থেকে নাদিম স্ত্রীর জন্য যা কিছু কিনে সব ডবল। বাড়িতে এসে মমতাজের হাতে দিয়ে বলে এগুলো তোর ভাবির কাছে নিয়ে যা। সে তার পছন্দমতো নেয়ার পর তুই নিবি।

হঠাৎ একদিন নাদিমের দাদি কবিরন বিবি জ্বর হয়ে অজ্ঞান হয়ে গেলেন। ছেলেরা ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করাতে লাগল। কিন্তু কিছুই হল না। জ্বরে অজ্ঞান থাকা অবস্থায় তিন দিনের দিন তিনি মারা গেলেন। উনি মারা যাওয়ার দুমাস পর রমজান মাস এসে গেল।

প্রতি বছর রমজান মাসের তিন তারিখে একবার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ হয়। হিসাবের পর কত টাকা জাকাত দিতে হবে, কত টাকা ফেতরা দিতে হবে এবং সবার জামা-কাপড় কেনার ব্যাপারে বাজেট তৈরি হয়। এ বছরও রমজানের তিন তারিখে তারাবীর নামাযের পর চার ভাই ও চার জা হিসাব-নিকাশে বসল। আগে নাদিম কোনোদিন এর মধ্যে থাকেনি। এবার তাকেও ডাকা হয়েছে।

জাকাত-ফেতরার হিসাবের পর যখন জামা-কাপড় কেনার বাজেট হচ্ছিল তখন কুদ্দুসের স্ত্রী ফাহমিদা বলল, বৌমাকে ঈদে ভালো জামা-কাপড় দিতে হবে। আর সেই সঙ্গে হাতের দুগাছা সোনার বালাও দিতে হবে। বিয়ের সময় বৌমাকে তো গয়না দেয়া হয়নি। বড় বুবু তার নিজের কানের দুল বৌমাকে দিয়েছে।

তার কথা শুনে কেউ কিছু বলার আগে সুলতান বলল, অবশ্যই দিতে হবে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি বল?

আজিজ বলল, কিন্তু একসঙ্গে এতকিছু করলে তহবিল শূন্য হয়ে যাবে।

কুদ্দুস বলল, হোক শূন্য। তবু করতে হবে। আজ প্রায় সাত-আট মাস হল ও বৌ হয়েছে। এখনও যদি তাকে আমরা কিছু না দিই, তা হলে লোকে কি বলবে? তাছাড়া বাপের বাড়িতে বৌমার একটা প্রেসটিজ বলে কথা আছে।

এরপর আর কেউ কিছু না বলে সম্মতি দিল।

সবকিছু মিটে যওয়ার পর আফ্রিদা বলল, আমি এখন তোমাদের কাছে যে কথা বলব তা তোমরা ভেবে-চিন্তে উত্তর দেবে। আমি সংসারের সব দিক লক্ষ্য রাখতে হিমশিম খেয়ে যাই। তার উপর এই টাকা-পয়সা ও আয়-ব্যয়ের হিসাব রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে জমা-খরচ লিখতে ভুলে যাই। আম্মা ইন্তেকাল করার পর আমার মনের অবস্থা ভালো নেই। এ সমস্ত ঝক্কি ঝামেলা আর সামলাতে পারছি না। তাই আম্মা যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্ব অন্যকে দিতে চাই। কাকে দেব তোমরা ঠিক কর।

রহিম ছাড়া অন্য তিন ভাই চমকে উঠে একসঙ্গে বলে উঠল, তোমাকে সংসারের কোনো দিকে লক্ষ্য রাখতে হবে না। তুমি শুধু হিসাব-নিকাশের দিকটা সামলাবে।

আফ্রিদা মৃদু হেসে বলল, তোমরা তো বলেই খালাস। আমি না দেখলে এত বড় সংসারের সবকিছু কে দেখবে? মেজ, সেজ ও ঘোটর কাজ আম্মা নির্দিষ্ট করে দিয়ে গেছেন? তারা সেগুলো সামলাবে, না ঐসব দিকে লক্ষ্য রাখবে? তার চেয়ে আমি যেভাবে সংসারের সবকিছু দেখছি, সেভাবেই দেখে যাব। শুধু জমা-খরচের ও টাকা পয়সার হিসাব অন্য কাউকে দেয়ার ব্যবস্থা কর।

বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না।

আফ্রিদা বলল, কি হল? তোমরা কিছু বলছ না কেন?

সুলতান বলল, ভাবি তুমি যখন আমাদের কথা শুনবে না তখন তুমি যাকে উপযুক্ত মনে কর তাকেই এই কাজের ভার দাও।

সাথে সাথে আজিজ ও কুদ্দুস বলে উঠল, মেজ ভাই, তুমি ঠিক কথা বলেছ।

আফ্রিদা বলল, আমি ছোটকে জমা-খরচের হিসাব শিখিয়েছি। তোমরা যদি রাজি থাক, তা হলে এই কাজের ভার আমি তার উপর দিতে চাই।

নাদিম এতক্ষশ কোনো কথা বলেনি। এবার সে বলল, আম্মার কথা আমি সমর্থন করলাম।

নাদিমের কথা শেষ হতে না হতে ভাইয়েরা ও জায়েরা কলল, আমরাও মেনে নিলাম।

শুধু সুলতানের স্ত্রী আয়মন চুপ করে রইল।

 কুদ্দুস তা লক্ষ্য করে বলল, মেজ ভাবি কিছু বলছ না কেন?

আয়মন মনে করেছিল, বড় বুবু তার উপর ঐ কাজের ভার দিবে। তাকে না দিয়ে ছোটকে দিতে সে খুব রেগে গেছে।

কুদ্দুস বলার পরও যখন আয়মন কিছু বলল না তখন আফ্রিদা তাকে উদ্দেশ্য করে বলল, কিরে মেজ, কিছু বলছিস না কেন? সবার নিজস্ব মতামত বলার অধিকার আল্লাহ ও তাঁর রসুল (দঃ) দিয়েছেন। তার কিছু বলার থাকলে বল, চুপ করে আছিস কেন? তবু যখন আয়মন কিছু বলল না তখন আফ্রিদা তার উদ্দেশ্য বুঝতে পেরে বলল, তুই যদি এই কাজের ভার নিতে চাস তা হলে আমি দিতে রাজি আছি।

সুলতান বলল, তা কি করে হয়? ও এত হিসাবপত্র রাখতে পারবে না। না-না, ও কিছু নাই বলুক। তুমি ও আমরা সবাই ছোট বৌয়ের হাতে এই কাজের ভার যখন দিতে চাই তখন একজন না চাইলেও কোনো অসুবিধে নেই।

আফ্রিদা বলল, এতে মনে কষ্ট পাওয়ার কি আছে? যে যে কাজের উপযুক্ত, তাকে সেই কাজের ভার দেয়া উচিত। মেজ ভাবি সে কথা নিশ্চয় জানে।

কুদ্দুস বরাবর একটু ঠোঁটকাটা। বলল, মেজ ভাবি যা রাগি, যদি তার কাছে ক্যাশ থাকে তা হলে কেউ টাকা-পয়সা চাইলে তাকে লাঠি নিয়ে দৌড়াবে।

তার কথা শুনে আফ্রিদা ছাড়া সবার মুখে হাসির রেখা ফুটে উঠল।

আফ্রিদা গম্ভীর স্বরে বলল, বড় ভাইদের সামনে ফাজলামি করছিস। সেজ ভাই ওর কানটা ভালো করে মলে দাও তো বেয়াদব কোথাকার!

সেজ ভাইকে আর কষ্ট করতে হবে না বলে কুদ্দুস নিজের কান নিজে মলে বলল, দোহাই বড় ভাবি, মেজ ভাবিকে ক্যাশের চাবি দিও না। কথা শেষ করে উঠে চলে গেল। কারন সে জানে ভাইয়েরা কখনও তার কান মলেনি। ন্যায়-অন্যায় করলে বড় ভাবি ছোটবেলা থেকে কান মলে লাল করে দেয়। বিয়ের পর দুছেলের বাপ হয়েও তাকে মাঝে-মধ্যে বড় ভাবির হাতের কান মলা খেতে হয়। এখানে থাকলে সবার সামনেই বড় ভাবি উঠে এসে কান মলে দেবে। তাই সে সরে গেল।

কুদ্দুসকে উঠে চলে যেতে দেখে আফ্রিদা বলল, ওটা বরাবর জানোয়ার রয়ে গেল। দুছেলের বাপ হল, তবু মানুষ হল না। তারপর চাবির গোছা নিজের আঁচল থেকে খুলে আয়মনের হাতে দিয়ে বলল, হয় তুই রাখ, নচেৎ তোর যাকে মন চায় তাকে দে।

আয়মন সাংসারিক ব্যাপারে অনেক সময় সামান্য কারনে পায়ের উপর পা দিয়ে সব জাদের সঙ্গে ঝগড়া করে। সব জায়েরা মাতলেও আফ্রিদা কোনোদিন মাতেনি এবং রাগও করেনি। অনেক সময় বড় জায়ের সঙ্গে শুধু শুধু ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয়। আফ্রিদা যখন বেঁচে তার সঙ্গে কথা বলতে যায় তখন নিজের ভুল বুঝতে পেরে মাফ চেয়ে নেয়। আসলে আয়মনের বুঝশক্তি কম আর মাথা গরম। এখন বড় জা যখন হিসাব-নিকাশ ও সিন্দুকের চাবি ফাহমিদাকে দিতে চাইল তখন সে স্বভাবগত কারণে হিংসায় জ্বলে উঠেছিল। স্বামীর কথা শুনেও খুব রেগে গিয়েছিল। তাই আফ্রিদা তার মতামত জিজ্ঞেস করলেও কিছু বলতে পারেনি। শেষে চাবির গোছা হাতে দিয়ে বড় জা যে কথা বলল তা শুনে ভুল বুঝতে পারল। আরও বুঝতে পারল, সারা বছর জমা খরচের হিসাব-নিকাশ রাখা খুব কঠিন ব্যাপার। তা না হলে বড় বুবু এই কাজ অন্যকে দিতে চাচ্ছে কেন? নিজের ভুল বুঝতে পেরে চাবির গোছা আফ্রিদার হাতে ফেরত দিয়ে বলল, অত ঝক্কি-ঝামেলার কাজ আমার দ্বারা হবে না। আমাদের সবার মধ্যে ছোটই উপযুক্ত। তুমি এটা ওকেই দাও।

নাদিম বলে উঠল, মেজ মা, তুমি ঠিক কথা বলেছ। ছোট মার মতো মেয়েই এই কাজ ঠিকমতো করতে পারবে। তাই তো আমি আম্মাকে প্রথম সমর্থন করি।

কুদ্দুস ও নাদিম সাত বছরের ছোট-বড়। চাচা-ভাইপো যখন এক সঙ্গে থাকে তখন একটু-আধটু ইয়ার্কি-ফাজলামিও করে। কুদ্দুস এতক্ষণ বড় ভাবির কানমলা খাবার ভয়ে উঠে গিয়ে উঠোনের একদিকে অন্ধকারে দাঁড়িয়ে ছিল। নাদিমের কথা শুনে এগিয়ে এসে বলল, ভাইপো বি.এ. পাস করে মাস্টারি করলে কি হবে, বুদ্ধিশুদ্ধি এখনও হল না। তারপর নাদিমের নাম ধরে বলল, তুই যে ছোট মার অত সাপোর্ট করছিস, তার কোয়ালিফিকেশান জানিস?

ছোট চাচার বৌ দেখতে নাদিমও গিয়েছিল। সে সময় জেনেছিল ম্যাট্রিক ফেল। তাই বলল, কেন জানব না, ছোট মা তো ম্যাট্রিক ফেল।

কুদ্দুস বলল, দুর বোকা, কার কাছে শুনেছিস? তোর ছোট মাকে জিজ্ঞেস করে দেখ, ক্লাস এইট পাস।

আফ্রিদা রেগে উঠেকুন্দুসকে বলল, নাদিমের বুদ্ধি শুদ্ধি হয়নি, আর তুই বুঝি খুব জ্ঞানী হয়েছিস? তারপর স্বামী ও দেবরদের উদ্দেশ্য করে বলল, তোমরা যদি ওর কান মলতে না পার, তা হলে ধরে নিয়ে এস, আমি ওর কান মলে দেখব ও কতটা জ্ঞানী হয়েছে।

কুদ্দুস তাড়াতাড়ি বলে উঠল, কথাটা বলে অন্যায় করে ফেলেছি। মাফ করে দাও বড়ভাবি। আর কখনও এরকম অন্যায় করব না।

আফ্রিদা বলল, কথাটা মনে রাখবি। তারপর ছোট জায়ের আঁচলে চাবির গোছা বেঁধে দিয়ে বলল, আমি বৌ হয়ে আসার ছমাস পর আম্মা যে কাজের ভার আমার উপর দিয়েছিলেন তা ঠিকভাবে পালন করতে পেরেছি কিনা আল্লাহ পাক জানেন। তোকে আমি আজ সেই কাজের ভার দিলাম। তুই আল্লাহকে হাজীর-নাজীর জেনে এই দায়িত্ব ঈমানদারীর সাথে পালন করবি।

ফাহমিদা অন্য জাদেরকে বড় বোনের মতো মনে করলেও বড় জাকে মায়ের মতো মনে করে। আঁচল গুছিয়ে গায়ে দিয়ে ভাসুরদেরকে, স্বামী ও জাদেরকে কদমবুসি করে বলল, আপনারা দোয়া করুন, আমি যেন বড়বুবুর কথামতো এই কাজ করতে পারি।

আফ্রিদা বলল, এবার সব যাও ঘুমিয়ে পড়। আবার তো সেহরী খেতে উঠতে হবে।

এরপর আর কেউ কিছু না বলে একে একে সবাই উঠে চলে গেল।

ঘুমাবার সময় কুদ্দুস স্ত্রীকে বলল, তুমি খুব ভাগ্যবতী। চৌধূরী বাড়ির ক্যাশের চাবি এখন তোমার হাতে। তারপর দুষ্টুমি করে বলল, যাক ভালই হল, মাঝে মাঝে তোমার কাছ থেকে টাকা ঝাড়া যাবে।

ফাহমিদা জানে তার স্বামী সব ভাইয়ের চেয়ে খুব হিসেবী। সংসারের উন্নতির দিকে তার খুব লক্ষ্য। তাই স্বামীর কথা শুনে বুঝতে পারল, দুষ্টুমি করছে। সে দুষ্টুমি করার ইচ্ছাটা চেপে রেখে অভিমান কণ্ঠে বলল, সবার সামনে আমি এইট পাস বলে অপমান করলে কেন?

কুদ্দুস খুব সরল ও সাদাসিধে। তাই তখন কোনো কিছু চিন্তা না করে বলে ফেলে বুঝতে পেরেছিল, কথাটা বলা ঠিক হয়নি। এখন স্ত্রীর কথা শুনে বলল, ভুল করে বলে ফেলেছি। তাই তো সবার সামনে মাফ চেয়েছি। তুমিও মাফ করে দাও।

ফাহমিদা বলল, যাও; স্বামী বলে মাফ করে দিলাম, কিন্তু টাকা ঝাড়ার কথা যে বললে সে গুড়ে বালি।

কেন?

টাকা ঝাড়তে হলে ক্যাশিয়ারকে তোষামোদ করে চলতে হবে। সে যা বলবে তক্ষুনি তা পালন করতে হবে।

কুদ্দুস স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলল, তা হলে এক্ষুনি হুকুম করে দেখ পালন করি কিনা।

শুধু আদর করলে কি আর কাজ হয়? তার সঙ্গে আরো কিছু করতে হয়।

সেই কাজটা কি বলে দেখ না করি কিনা।

এই দুষ্টু, সে কাজের কথা বুঝি মুখে বলা যায়?

না বললে বুঝব কি করে?

না যদি বুঝতে পার, তা হলে চুপচাপ শুয়ে পড় বলে ফাহমিদা স্বামীকে ঠেলে পাশ ফিরে শুয়ে বলল, এটাই আমার প্রথম হুকুম।

এতবড় শাস্তি দিতে পারলে?

না দিয়ে উপায় নেই। রোযার মাস মনে নেই বুঝি।

কুদ্দুস বলল, সরি, সে কথা আমার খেয়াল ছিল না।

.

বেশ কিছুদিন পরের ঘটনা, একদিন সাজেদা মেজ শ্বশুরের বড় ছেলে ইলিয়াসের সঙ্গে খুব ইয়ার্কি করছিল আর হেসে হেসে উল্টে পড়ে যাচ্ছিল।

ইলিয়াস এ বছর কলেজে ভর্তি হয়েছে। আজ কলেজ বন্ধ। তাই সকালে নাশতা খাওয়ার পর সাজেদার ঘরে এসে গল্প করছিল। সাজেদার সাথে ইলিয়াসের বেশ ভাবসাব। প্রায়ই তারা অবসর সময়ে গল্প করে। সেদিন গল্প করতে করতে ইলিয়াস কলেজের একটা ঘটনা বলার সময় দুজনেই হাসছিল। কিন্তু সাজেদা একটু বেশি হাসছিল।

আয়মন ছেলেকে সাজেদার সঙ্গে নিরিবিলিতে গল্প করতে আগে অনেকবার দেখেছে। তখন কিছু না বললেও মনে মনে অসন্তুষ্ট হয়েছে। আজ তাদের অট্টহাসি শুনে খুব রেগে গিয়ে রুমের বাইরে ছেলেকে ডেকে বেশ রাগারাগি করে বলল, তুই তোর ভাবির সঙ্গে অত ইয়ার্কি করসিস কেন? বেহায়ার মতো অত হাসাহাসিই বা করছিস কেন? তোর বাপ-চাচারা দেখলে কি মনে করবে। সাজেদাকে দরজার কাছে আসতে দেখে তাকে উদ্দেশ্য করে বলল, তোমাকেও বলি বৌমা, ঘরের বৌ হয়ে এরকম হাসতে তোমার লজ্জা করে না, তোমার শ্বশুররা শুনলে কি মনে করবে? লেহাজ-তামিজ বলতে তোমার কি কিছুই নেই? তারপর ছেলেকে বললেন, তুই লেখাপড়া করে অমানুষ হচ্ছিস। আর কোনদিন বৌমার সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করবি না। চলে যা এখান থেকে।

ইলিয়াস বলল, আম্মা ভাবির সঙ্গে একটু হাসিঠাট্টা করলে দোষ হবে কেন?

 হাসিঠাট্টারও একটা সীমা আছে।

আমরা কি সীমা ছাড়িয়ে গেছি?

তুই কলেজে পড়ে বহুৎ বেয়াদব হয়েছিস। মায়ের মুখে মুখে তর্ক করছিস।

সাজেদা মেজ শাশুড়ীর কথায় খুব রেগে গিয়ে বলল, মেজ মা, আপনাদের মন এত নীচ তা জানতাম না।

সাজেদার কথা শুনে আয়মনের মাথা গরম হয়ে গেল। বেশ জোর গলায় বলল, তুমি বৌ হয়ে শাশুড়ীর দোষ ধরছ, এতবড় সাহস তোমার? যোয়ান দেবরের সঙ্গে হাসাহাসি ঢলাঢলি করা খুব বাহাদুরি, তাই না? নাদিম ঘরে আসুক তোমার বেহায়াপনা বের করব।

সাজেদা আরো রেগে গিয়ে বলল, সে আমার কি করবে?

নাদিম যখন তার মাকে সাজেদাকে তালাক দেয়ার কথা বলেছিল তখন আয়মন সেখান থেকে যাওয়ার সময় সে সব কথা শুনেছিল। এখন সে কথা মনে পড়তে রাগের মাথায় বলে ফেলল, একবার তো নাদিম তোমাকে তালাক দিতে চেয়েছিল, বড় বুবু বুঝিয়েছে বলে তোমাকে নিয়ে ঘর করছে। এইসব শুনলে যা করবে তা বুঝতে পারবে।

সাজেদা বলল, দিক না তালাক, আপনাদের ছেলে যদি আমাকে তালাক দিয়ে নতুন বৌ পায়, তা হলে আমারও নতুন স্বামী পেতে অসুবিধে হবে না।

আফ্রিদা রান্না করছিল। তাদের কথা কাটাকাটি শুনতে পেয়ে তাড়াতাড়ি সেখানে আসার সময় বৌয়ের কথা শুনে যেমন খুব অবাক হল তেমনি রেগে গেল। কাছে এসে সাজেদাকে ধমক দিয়ে বলল, এ কি কথা বলছ? এত বড় স্পর্ধা তোমার? ছিঃ ছিঃ তুমি লেখাপড়া জানা মেয়ে হয়ে এই কথা বলতে পারলে? শাশুড়ীদের সঙ্গে কি রকমভাবে কথা বলতে হয় তাও জান না?

সাজেদা শাশুড়ীর কথা শুনে আরো রেগে গিয়ে বলল, আমরা লেখাপড়া করেছি বলে আমাদের মন অত নীচ নয়। আপনারা যদি লেখাপড়া করতেন তা হলে আপনাদের মন অত নীচ হত না।

আফ্রিদা বৌয়ের সাহস দেখে খুব রেগে গেল। বলল, আর তুমি বুঝি কলেজে ইউনিভার্সিটির সব ডিগ্রী নিয়ে এসে বেহায়াপনা ও বেয়াদবি করে উচ্চ মনের পরিচয় দিচ্ছ? এতদিন ছেলেমানুষ ভেবে তোমার অনেক অন্যায় ক্ষমা করেছি, আর নয়। এবার মুখ সামলে কথা বলো, নচেৎ-বলে কথাটা আর রাগে শেষ করতে পারল না।

নাদিমের ছোট ভাই রউফ বাতেনের স্ত্রী রহিমাকে গিয়ে বলল, বড় চাচি জলদি চল, ভাবী, আম্মার সঙ্গে ঝগড়া করছে।

রহিমা শুনে তাড়াতাড়ি করে যখন এল তখন সাজেদা বলছে, নচেৎ কি করবেন? মারবেন? আগের যুগে মুর্থ শাশুড়ীরা বৌদের উপর অনেক অত্যাচার করেছে কিন্তু এখন আর সেসব চলবে না।

রহিমাও এতদিনে স্বামীর বন্ধুর মেয়ের স্বভাব-চরিত্র জেনেছে। কাছে এসে তার একটা হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, চুপ কর বেয়াদব মেয়ে। তুমি বৌ হয়ে শাশুড়ীদের দোষ ধরে তাদের সঙ্গে ঝগড়া করছ? তোমার সাহসের বলিহারি। শাশুড়ীর মুখের উপর কথা বলতে তোমার এতটুকু বাঁধল না? তুমি কি জান তোমার শাশুড়ীর পরিচয়? এখানকার সব থেকে ধনী লোকের মেয়ে। ম্যাট্রিকে পাঁচটা লেটার নিয়ে ফাস্ট ডিভিশানে পাস করেছে। এই বংশের শ্রেষ্ঠ গৃহিণী, আমরা ছোট-বড় সবাই তাকে মেনে চলি। আর তুমি একটা বাচ্চা মেয়ে দুদিন বৌ হয়ে এসে তার সঙ্গে ঝগড়া করছ? আজ পর্যন্ত সে কারো সঙ্গে ঝগড়া করা তো দূরের কথা, কথা কাটাকাটি পর্যন্ত করে না। কেউ তার গলার আওয়াজ শুনেনি। আজ প্রথম আমরা শুনলাম। তোমার বাপকে খবর দিয়ে আনিয়ে এর একটা বিহিত করব। নাদিম যে ধরনের ছেলে, এসব শুনলে তোমাকে আস্ত রাখবে না।

সাজেদা রহিমাকে চাচি আম্মা বলে ডাকে, তাকে একটু ভয়ও করে। তার কথা শুনে বেশ ঘাবড়ে গেল। আর কিছু না বলে চুপ করে রইল।

রহিমা তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে অনেক বোঝাল, শেষে শাশুড়ীর ও মেজ শাশুড়ীর পায়ে ধরে মাফ চাইতে বলে চলে গেল।

নাদিম ছাত্র পড়িয়ে ফিরে এলে আয়মন ভাসুরপেপাকে ঘটনাটা জানাল।

শুনে নাদিম অত্যন্ত রেগে গেল। স্কুলে পরীক্ষা চলছে, তাকে যেতেই হবে। তাই রাগটা সামলে নিয়ে বলল, আমার এখন সময় নেই। স্কুলে যেতে হবে। স্কুল থেকে ফিরে যা করার করব।

নাদিম গোসল করে ভাত খেয়ে স্কুলে যাওয়ার সময় সাজেদাকে জিজ্ঞেস করল, তুমি মেজ মা ও আম্মার সঙ্গে নাকি ঝগড়া করেছ?

সাজেদা ভেবে রেখেছিল, স্বামী ফিরলে তাকে সত্য-মিথ্যা করে ঘটনাটা বলে নিজের সাফাই গাইবে। কিন্তু তার আগেই শাশুড়ী ছেলেকে জানিয়েছে জেনে খুব রেগে গেলেও নরম সুরে বলল, হ্যাঁ,করেছি। কিন্তু কেন করেছি তা কি শুনেছ? আমি ইলিয়াস ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম বলে…

নাদিম তাকে থামিয়ে দিয়ে বলল, সে কথাও আমি শুনেছি। স্কুলের দেরি হয়ে যাচ্ছে তাই এখন কিছু বললাম না। যা বলার, যা করার এসে করব। তবে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর আম্মা ও মেজ মার পায়ে ধরে মাফ চেয়ে নিও। তারা যদি কিছু বলে, তা হলে তুমি কোনো কথা না বলে চুপ করে থাকবে আর যদি তা না কর, তা হলে তোমার পরিণতি খুব খারাপ হবে। কথাটা দুতিনবার রিপিট করে স্কুলে চলে গেল।

নাদিম চলে যাওয়ার পর সাজেদা বিছানায় শুয়ে শুয়ে রাগে ফুলতে লাগল। সংসারের কাজ তো করলই না, এমন কি গোসল ও খাওয়া-দাওয়া না করে শুয়ে রইল।

সকলের খাওয়া দাওয়ার পর চার জা যখন একসঙ্গে খেতে বসল তখন বৌ আসছে না দেখে আফ্রিদা ছোট জাকে বলল, যা তো বৌকে ডেকে নিয়ে আয়।

ফাহমিদা নাদিমের ঘরে এসে দেখল, সাজেদা ঘুমোচ্ছে। পাশে বসে গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলল, সাজেদা উঠে পড়ে মা ভাত খাবে চল। সাজেদার সঙ্গে ফাহমিদার খুব ভাব, তার উপ্র দুজনের বয়সও প্রায় কাছাকাছি। তাই ফাহমিদা তার নাম ধরে ডাকে। সাজেদা জেগে গিয়ে বলল, ছোট মা, তোমরা খেয়ে নাও, আমি খাবনা।

আফ্রিদা জাদেরকে বলল, তোরা খাওয়া শুরু কর, আমি বৌকে ডেকে নিয়ে আসি। তারপর ঘরে এসে সাজেদাকে শুয়ে থাকতে দেখে বলল, এস বৌমা, ভাত খাবে এস। ভাতের উপর রাগ করতে নেই।

স্বামী স্কুলে যাবার সময় যখন ঝগড়ার কথা জিজ্ঞেস করে তখন সাজেদা মনে করেছিল, ছেলে ঘরে আসতেই শাশুড়ী তাকে সবকিছু লাগিয়েছে। তাই শাশুড়ীর উপর রেগে ছিল। এখন ডাকতে এলে কিছু না বলে চুপ করে রইল।

আফ্রিদা বলল, বৌমা তুমি কি আমার কথা শুনবে না?

সাজেদা রাগের সঙ্গে বলল, বৌমা বৌমা করছেন কেন? আমাকে আপনারা এ বাড়ির বৌ বলে মনে করেন নাকি? করলে এরকম হেনস্থা করতে পারতেন না। আমি কি এমন করেছিলাম, যার জন্য এতকিছু আমাকে শুনতে হল?

আফ্রিদা বৌয়ের কথা শুনে রেগে গেলেও সংযত স্বরে বলল, তুমি ছেলেমানুষ তোমার বুদ্ধি শুদ্ধি কম। তা ছাড়া নিজের দোষ নিজে কেউ ধরতে পারে না। তাই আমরা…।

সাজেদা তাকে কথাটা শেষ করতে না দিয়ে উঠে বসে ঝংকার দিয়ে বলল, আমি হয় ছেলেমানুষ, বুদ্ধি-শুদ্ধি আমার কম। কিন্তু আপনারা তো বড় এবং জ্ঞানী, তবে কেন আমাকে যা-তা বলে ঝগড়া করলেন? আসলে আপনারা কেউ আমাকে দেখতে পারেন না। তাই সব সময় আমার দোষ খুঁজে বেড়ান। আব্বা কি দেখে যে এ বাড়িতে আমার বিয়ে দিল, ভেবে পাচ্ছি না।

আফ্রিদা এতক্ষণ রাগ সামলে রেখে কথা বলছিল। এবার বেশ রাগের সঙ্গে বলল, তুমি এক ফোঁটা দুধের বাচ্চা মেয়ে হয়ে বেয়াদবের মতো বড়বড় কথা বলতে শিখেছ, তোমার বাপ-মা কি তোমাকে আদব-কায়দা শিক্ষা দেয়নি?

সাজেদা রাগে চিৎকার করে বলল, আমার বাপ-মা তুলে কথা বলবেন না। আপনারা যে রকম মানুষ, আপনাদের সঙ্গে আবার কি আদব রেখে কথা বলব?

আফ্রিদা ভাবল, এই অবুঝ মেয়েটার সঙ্গে কথা বলা বৃথা। বলল, ঠিক আছে, আমাদের সঙ্গে তোমার কথা বলার দরকার নেই, নাদিম আসুক, যা করার সে করবে।

সাজেদা বলল, হা হা, তাকে তো একবার সত্য-মিথ্যা বানিয়ে অনেক কিছু বলেছেন, এলে আবার বলবেন। কি করে আমিও দেখব।

আফ্রিদা বলল, আমি নাদিমকে বলেছি, একথা তোমাকে কে বলল?

সাজেদা বলল, কে আবার বলবে? আমি কি এতই বোকা, এই সামান্য জিনিসটা বুঝব না?

আফ্রিদা বলল, আমি বলিনি, তবে এবার বলব।

 সাজেদা বলল, তাই বলুনগে যান।

আফ্রিদা রাগে গরগর করতে করতে ফিরে এসে দেখল, জাদের খাওয়া শেষ। সে শুধু এক গ্লাস পানি খেয়ে কাউকে কিছু না বলে চলে গেল।

আবিদা বলল, বৌ বোধ হয় বড় বুবুকে যা-তা করে কিছু বলেছে; তাই ভাত খেল না।

ফাহমিদা বলল, বৌটার কপালে আজ কি আছে কি জানি। তারপর তারা যে যার ঘরে চলে গেল।

নাদিমের স্কুলে পরীক্ষার পর একটা মিটিং ছিল। মিটিং শেষ হতে সন্ধ্যে হয়ে গেল। মাগরিবের নামায পড়ে সে টিউশনি পড়াতে গেল। তারপর ফেরার পথে বন্ধু। আসাদের সঙ্গে দেখা। সে ঢাকায় একটা ভাল চাকরি করছে। তার সঙ্গে সালাম বিনিময় ও কোলাকুলি করার পর নাদিম বলল, কেমন আছিস বল, তোর সঙ্গে অনেকদিন পর দেখা।

আসাদ বলল, হ্যাঁ এবারে প্রায় চার মাস পর বাড়ি এলাম। তা হ্যাঁ রে, আমি তো একরকম আছি। শুনলাম তুই বিয়ে করেছিস, খুব সুন্দরী বৌ পেয়েছিস। ভালই আছিস কি বলিস?

নাদিম বলল, আল্লাহপাকের রহমতে এক রকম চলে যাচ্ছে। তোর কথা শুনে মনে হচ্ছে, না জানিয়ে বিয়ে করেছি বলে মনে কষ্ট পেয়েছিস। অবশ্য পাওয়ার কথা। কি জানিস, বিয়েটা হঠাৎ করে হয়ে গেল। তাই শুধু তোদেরকে কেন, কোনো আত্মীয়স্বজনকেও জানান হয়নি।

আসাদ বলল, তাই নাকি? যাকগে, তুই আজ আমাদের বাড়িতে চল। রোজী তোর কথা বলছিল। তুই নাকি বিয়ে করার পর আর আমাদের বাড়ি যাস নি?

রোজী ঠিক কথাই বলেছে। কিন্তু দোস্ত, আজ যেতে পারব না, অন্যদিন যাব। গেলে খালাআম্মা, রোজী না খাইয়ে ছাড়বে না। আজ বাড়িতে একটু তাড়াতাড়ি ফেরার কথা, কাজ আছে।

কবে আসবি বল?

কাল-পরশু যাব।

কাল না, পরশু আসিস। কাল একটু টাউনে যাব। আমি আম্মাকে ও রোজীকে তোর আসার কথা বলব। ভাবিকেও সাথে করে নিয়ে আসিস। কি রে, আসবি তো?

নাদিম আসাদের পিঠ চাপড়ে বলল, এত করে বলতে হবে না, বললাম তো আসব। তারপর সালাম বিনিময় করে যে যার পথ ধরল। শত ইচ্ছা থাকা সত্ত্বেও নাদিম বাড়িতে অশান্তির জন্য আসাদকে সঙ্গে করে নিয়ে আসতে পারল না।

বড়রা ছাড়া ছোটরা সবাই খেয়ে নিয়েছে। তারা নাদিমের ফেরার অপেক্ষায় আছে। প্রতিদিন নাদিম ফিরলে তাকে নিয়ে একসাথে চার ভাই খায়। আজ নাদিমের ফিরতে একটু দেরি হল। সে ফেরার পর সবাইকে খেতে দেওয়া হল। আফ্রিদা খাওয়াচ্ছে, আর অন্য জায়েরা এনে দিচ্ছে।

সব ভাইয়েরা তাদের স্ত্রীদের কাছ থেকে আজকের বৌ-শাশুড়ীদের ঝগড়ার কথা শুনেছে।

রহিম শুনে স্ত্রীকে বলেছে, বৌমা ছেলেমানুষ, বুদ্ধিশুদ্ধি কম। তোমাদের উচিত তাকে বুঝিয়ে নিয়ে চলা।

সুলতানও স্ত্রীকে ঐ একই কথা বলেছে।

আজিজ বলেছে, ওসব নিয়ে মাথা ঘামিও না, বড় ভাই ও ভাবি কি করে চুপচাপ দেখে যাও।

কুদ্দুস বলেছে, বৌটার জন্য দুঃখ হয়। দেখতে-শুনতে ও লেখাপড়া জানা মেয়ে এ রকম করবে ভাবতে পারছি না। যদি একটু নম্র ও বুঝদার হত, তা হলে কতই না ভালো হত।

ফাহমিদা তখন স্বামীকে বলেছে, তুমি নাদিমকে একটু বঝিয়ে বলল, সে যেন বৌটাকে মারধর না করে।

এখন ভাত খাওয়াবার সময় আফ্রিদা ছেলের পাতে তরকারী দেয়ার সময় বলল, তুই চলে যাওয়ার পর বৌ শুয়েছিল। দুপুরে খাওয়ার সময় আমি ডাকতে গেলে আবার আমাকে যা-তা করে বলেছে। সকালেও সবার সামনে আমাকে অপমান হতে হল। তুই যদি আমার পেটে জন্মে থাকিস, তা হলে এর একটা বিহিত করবি। কথা শেষ করে আঁচলে চোখ মুছল।

নাদিম এক লোকমা ভাত মুখের কাছে তুলেছিল, সেটা না খেয়ে প্লেটে রেখে দিয়ে এক গ্লাস পানি খেয়ে হাত ধুয়ে উঠে বাইরে চলে গেল।

তাই দেখে রহিম স্ত্রীকে বলল, খাওয়া হয়ে গেলে কথাটা বলতে পারতে।

তখন গরমকাল। নাদিম বেরিয়ে এসে মসজিদের সিঁড়িতে বসে কি করা উচিত চিন্তা করতে লাগল। প্রায় ঘণ্টা দুয়েক পর রাত বারটার সময় ঘরে ফিরে এল।

সদর গেট দিয়ে ঢুকলেই প্রথমে কুদ্দুসের ঘর। কুদ্দুস গরমের জন্য ছেলেদের নিয়ে বারান্দায় বিছানা করে মশারি খাটিয়ে ঘুমায়। আজ সে স্ত্রীর সঙ্গে মশারির বাইরে বসে নাদিমের জন্য অপেক্ষা করছিল। তাকে ফিরতে দেখে কুদ্দুস ডেকে কাছে বসাল।

ফাহমিদা কাগজীলেবুর রস দিয়ে এক গ্লাস শরবত করে রেখেছিল। উঠে গিয়ে সেটা এনে নাদিমের হাতে দিয়ে বলল, এটা খাও তো বাবা।

নাদিম গ্লাস হাতে নিয়ে বলল, তোমারা খাবে না?

কুদ্দুস বলল, আমরা একটু আগে খেয়েছি, তুই খেয়ে নে।

নাদিম শরবত খেয়ে গ্লাসটা ছোটমার হাতে ফেরত দিল।

ফাহমিদা গ্লাসটা পাশে রেখে নাদিমের গায়ে-মাথায় হাত বুলিয়ে বলল, বাবা। নাদিম, তুমি খুব বুঝদার ছেলে। বৌ ছেলেমানুষ, জ্ঞানও কম। তাই আজ একটা। অন্যায় করে ফেলেছে। তাকে মারধর না করে বুঝিয়ে বলো। সে দুপুর থেকে কিছু খায়নি।

স্ত্রী থেমে যেতে কুদ্দুস বলল, হ্যাঁ নাদিম, আমরা তোকে এই কথা বলব বলে অপেক্ষা করছিলাম। তোর ছোট মা ঠিক কথা বলেছে। মারধর করা ভালো নয়। সে। কথা তুই আমার চেয়ে ভালো জানিস। তোকে আর আমরা কি বলব। যা এবার ঘরে যা।

নাদিম জানে তার ছোট চাচা ও ছোট মা তাকে অন্যান্য চাচা-চাচিদের চেয়ে বেশি ভালবাসে এবং সেই কারনে তার স্ত্রী সাজেদাকেও ভালবাসে। তাদের কথা শুনে

ক্ষণিকের জন্য তার মন সাজেদার প্রতি একটু নরম হয়েছিল। তাই কিছু না বলে উঠে যখন নিজের ঘরের দিকে আসছিল তখন আম্মার কথাগুলো ও তার চোখের পানির কথা মনে পড়তে মন শক্ত হয়ে গেল। ঘরে ঢুকে দেখল, মশারি না খাটিয়ে সাজেদা বিছানায় শুয়ে আছে। সে জেগে আছে বুঝতে পেরে দরজা জানালা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে বিছানার কাছে এসে বলল, আমি স্কুলে যাওয়ার সময় আম্মা ও মেজ মার পায়ে ধরে মাফ চাইতে বলেছিলাম, মাফ চেয়েছিলে?

সাজেদা বলল, না।

কেন?

সাজেদা উত্তর না দিয়ে চুপ করে রইল।

আমি যে তোমাকে তখন বলেছিলাম, আম্মা কিছু যদি বলে তার সঙ্গে কথা কাটাকাটি করবে না, তবু করেছ কেন?

আমার শরীর ভাল নেই, আমি অত কেনর উত্তর দিতে পারব না।

নাদিম আর রাগকে কন্ট্রোল করতে পারল না, সে আলমারীর কাছে গিয়ে তার মাথা থেকে বেতটা নিতে গিয়ে দেখল, নেই।

নাদিম ছোট ছোট ভাইবোনদের ভয় দেখাবার জন্য অনেক আগে শহর থেকে একটা বেতের ছড়ি কিনে এনেছিল। সেটা দিয়ে মাঝে মাঝে তাদেরকে দুএক ঘা মেরে শাসন করে।

আজ স্কুলে যাওয়ার আগে এক ফাঁকে বেতটা দেখেছে। এখন নেই দেখে মনে করল, নিশ্চয় সাজেদা সরিয়ে দিয়েছে। কোথায় সরিয়ে রাখতে পারে ভেবে সম্ভাব্য জায়গাগুলো খুঁজেও পেল না। ফলে আরো রেগে গেল। হঠাৎ বিছানার দিকে নজর পড়তে ভাবল, বিছানার নিচে লুকিয়ে রাখেনি তো? বিছানার চারপাশ খুঁজে দেখেও পেল না।

পাবে কি করে? স্কুলে যাওয়ার সময়কার নাদিমের কথাগুলো ভেবে সাজেদার মনে হয়েছে, সে যা রাগী, মারধর করতে পারে। আলমারীর মাথায় বেত আছে সে জানে। তাই বেতটা নিয়ে বিছানার নিচে ঠিক মাঝখান থেকে গড়িয়ে সরে যেতে নাদিম বেতটা দেখতে পেল। নাদিমের রাগ ততক্ষণে চরমে উঠে গেছে। বেতটা নিয়ে পাগলের মতো সাজেদাকে মারতে লাগল।

সাজেদা ভয়ে ও মারের আঘাতে চিৎকার করে বলতে লাগল, তোমরা কে কোথায় আছ, আমাকে বাঁচাও। ও বাবারে আমাকে মেরে ফেলল রে।

নাদিম তখন মারতে মারতে বলল, আমাকে স্বামী বলে মনে করনি কেন? যদি করতে, তা হলে আমার কথামতো চলতে। যে মেয়েমানুষ স্বামীর কথা শুনে না, তার বেঁচে না থাকাই ভাল।

সাজেদা মারের আঘাত সহ্য করতে না পেরে একসময় আলমারীর ছিপনে ঢুকে গেল। সে মোটা তাই পুরো শরীর ঢুকল না। যে পাশটা বাইরে রইল, সেই পাশে নাদিম আঘাতের পর আঘাত করে চলল। শেষে বেতটা আলমারীর সঙ্গে বাড়ি খেয়ে দুতিন টুকরো হয়ে যেতে ক্ষ্যান্ত দিল।

এদিকে সাজেদার আর্তনাদে তাদের বাড়ির ও অন্যান্য চাচাদের বাড়ির সবাই উঠোনে এসে জমা হয়েছে।

আফ্রিদা ও ফাহমিদা বৌয়ের চিৎকার শুনে ছেলের রুমের দরজা ধাক্কা দিতে দিতে অনেকবার মারতে নিষেধ করে দরজা খুলতে বলেছে। নাদিম তাদের কথা শোনেনি। যখন নাদিম মারে ক্ষ্যান্ত দিয়ে দরজা খুলে বেরোল তখন তারা রুমের ভিতরে ঢুকে বৌয়ের অবস্থা দেখে শিউরে উঠল। তার গায়ের সমস্ত জামা-কাপড় ছিঁড়ে ছিন্ন-ভিন্ন। হয়ে গেছে। আলমারীর পিছনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। শরীরের এক সাইডের অনেক জায়গা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে।

আফ্রিদা ও ফাহমিদা তাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে আলনা থেকে একটা শাড়ি নিয়ে দুভাজ করে সাজেদার গায়ে ঢাকা দিল। তারপর আফ্রিদা বাইরে এসে নাদিমকে খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল, এ রকমভাবে কেউ কাউকে মারে? তুই। লেখাপড়া করে হাদিস-কালাম পড়ে মানুষ না হয়ে জানোয়ার হয়েছিস। তোকে আমি পেটে ধরেছি ভাবতে ঘেন্না হচ্ছে।

ঘর থেকে বারান্দায় আসার পর থেকে নাদিমের রাগ পড়তে শুরু করার সাথে সাথে সাজেদাকে এভাবে মারার জন্য মনে অনুশোচনা হচ্ছিল। মায়ের কথার কোনো জবাব দিতে পারল না। তখন তার চোখ দুটো পানিতে ভরে উঠেছে।

লোকজনের কোলাহল শুনে রহিমা ও বাতেন এতক্ষণ অন্যান্যদের সঙ্গে উঠোনে ছিল। আফ্রিদা কথাগুলো বলে ঘরে ঢুকে যাওয়ার পর বাতেন সেখান থেকে নাদিমকে উদ্দেশ্য করে বলল, তুই যদি বৌ নিয়ে ঘর করতে না চাস, তা হলে ছেড়ে দে। তুই কি মনে করেছিস, এখানে ওর কেউ নেই। পরের মেয়ের উপর অত্যাচার করার দরকার নেই। তোর মতো একটা শিক্ষিত ছেলে হয়ে এভাবে বৌকে পেটাবে তা ভাবতেই পারছি না।

নাদিম চোখের পানি মুছে বলল, আপনি যে কথা বললেন তা কত বড় ভয়ানক চিন্তা করে দেখেছেন? আমার স্ত্রীকে আমি শাসন করব আপনারা বলার কে?

বাতেন নিজের ভুল বুঝতে পেরে বলল, নাদিম তোকে আমরা বংশের গৌরব মনে করি। তুই আজ যা করলি, তাতে পাঁচজনের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেল। স্ত্রীকে শাসন করার অধিকার সকলের আছে। তাই বলে একরম শাসন করার অধিকার আল্লাহ ও তাঁর রসুল (দঃ) দেয়নি। তুইও সে কথা ভালো করে জানিস।

নাদিম আগেই নিজের অন্যায় বুঝতে পেরে মনে যে অনুশোচনা হয়েছিল, বড় মেজ চাচার মুখে আল্লাহ ও রসুল (দঃ)-এর কথা শুনে তা আরো বেড়ে গেল।

ঘরে ঢুকে পাঞ্জাবীটা নিয়ে বেরিয়ে গিয়ে অজু করে মসজিদে ঢুকল। সেখানে সারারাত নফল নামায পড়ে আল্লাহপাকের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে লাগল।

এদিকে আফ্রিদা ও ফাহমিদা সাজেদার আঘাত পাওয়া জায়গাগুলো তুলোতে ডেটল লাগিয়ে রক্ত পরিষ্কার করে অন্য জামা-কাপড় পরিয়ে বৌয়ের কাছে সারারাত বসে রইল।

পরের দিন সকালে নাদিম ফজরের নামাজ পড়ে ঘরে এল না। মসজিদ থেকে বেরিয়ে ডাক্তার নিয়ে আসার জন্য রওয়ানা দিল।

নাদিম যে ডাক্তারকে আনতে গেল, তার নাম অলোক ঘোষ। তাদের বাড়ি সারেংপুর থেকে দুমাইল পূর্বদিকে। সে নাদিমের ছোট মামা মহসীনের বন্ধু। একসঙ্গে স্কুল-কলেজে পড়েছে। অসংখ্যবার দুজন দুজনের বাড়িতে যাতায়াত করেছে। দুজন দুবাড়ির ছেলের মতো। অলোক ডাক্তারের বাবার সঙ্গে মহসীনের বাবারও বন্ধুত্ব ছিল।

অলোক ডাক্তার মর্নিংওয়াক করতে বেরিয়েছিল। নাদিমকে ভালভাবে চিনে। রাস্তায় তাকে জিজ্ঞেস করল, কি খবর ভাগনা? মন খারাপ করে কোথায় যাচ্ছিস?

নাদিম বলল, আপনার কাছে যাচ্ছিলাম। এক্ষুনি আমাদের বাড়িতে আপনাকে একবার যেতে হবে।

কেন, কারো কিছু হয়েছে নাকি?

 না-মানে, আপনার বৌমার শরীর খুব খারাপ। বৌমার কি হয়েছে, বলবি তো?

নাদিম কি হয়েছে বলতে না পেরে আমতা আমতা করে বলল, আপনি তাড়াতাড়ি চলুন। গেলেই জানতে পারবেন।

আমার সঙ্গে আয় বাসা থেকে ব্যাগটা নিতে হবে; সেই সঙ্গে ড্রেসটাও পাল্টে নেব। তারপর যেতে যেতে বললেন, কি হয়েছে বলছিস না কেন? বললে সেই রকম প্রিপারেশন নিয়ে যেতে হবে তো।

নাদিম বাধ্য হয়ে বলল, মামা, আপনাদের বৌমা মায়ের সঙ্গে ঝগড়া করেছিল বলে তাকে আমি মেরেছি। রাগের মাথায় মারটা একটু বেশি হয়ে গেছে।

স্কুলে পড়ার সময় যখন পরপর তিন বছর নাদিমের টাইফয়েড় হয়েছিল তখন এই অলোক ডাক্তার তাকে চিকিৎসা করে ভালো করেছিল। সেই শেষবারে চিকিৎসা করার সময় বলেছিল, তিনবার টাইফয়েড় হলে কোনো রোগী বাঁচে না। যদিও বেঁচে যায়, তা হলে হয় পাগল হয়ে যাবে, নচেৎ কোন্ একটা অঙ্গহানী হবে কিন্তু তা না হয়ে সে যে খুব বদরাগী হয়েছে, সে কথা অলোক ডাক্তার জানে। তাই এখন তার কথা শুনে বলল, হু, বুঝতে পেরেছি। নিশ্চয় বৌমার গুরুতর কিছু হয়েছে। তা না হলে আমাকে নিয়ে যেতে এসেছিস কেন? কিন্তু তুই একটা শিক্ষিত ছেলে, তার উপর ধার্মিক। তোর এটা করা ঠিক হয়নি। বৌমাকে সৎ উপদেশ দিয়ে ভালভাবে বুঝিয়ে ব্যাপারটা নিষ্পত্তি করতে পারতিস। ততক্ষণে তারা বাড়িতে পৌঁছে গেল।

অলোক ডাক্তার ড্রেস চেঞ্জ করে ডাক্তারি ব্যাগটা নাদিমের হাতে ধরিয়ে মটর সাইকেলে করে দুজনে রওয়ানা দিল।

আফ্রিদা সাজেদার জ্বর উঠেছে দেখে বসে বসে তার মাথায় জলপট্টি দিচ্ছিল, অলোক ডাক্তার নাদিমকে সঙ্গে করে ঘরে ঢুকে তাকে দেখে বলল, দিদি, নাদিম আমাকে ডেকে নিয়ে এল। সে নাকি বৌমাকে গতরাতে মারধর করেছে?

আফ্রিদা মহসীনের চেয়ে অনেক বড়। তাই ছোট ভাইয়ের বন্ধুকে বরাবর তুই তোকারি করে বলে এসেছে। এখন তার কথা শুনে বলল, হ্যাঁ রে, দেখ না ছেলের কাণ্ড। গতকাল আমার মেজ জার ও আমার সঙ্গে বৌমা কথা কাটাকাটি করেছিল বলে আমি বৌমাকে একটু শাসন করতে বলেছিলাম। কিন্তু ও যে এরকম জঘন্য কাজ করবে তা কল্পনা করি নাই। তুই ওকে একটু শাসন করে দিস তো। জানোয়ারটা রেগে গেলে মনুষ্যত্ব হারিয়ে ফেলে কেন?

অলোক ডাক্তার বলল, আমি ওর কাছে শুনেই এরকম কিছু-একটা অনুমান করে অনেক বকাবকি করেছি। তারপর সাজেদার আঘাত পাওয়া জায়গাগুলো দেখাতে বলল।

আফ্রিদা কাপড় সরিয়ে সরিয়ে শুধু আঘাত পাওয়া জায়গাগুলো দেখাল। আঘাতের চিহ্নগুলো সব দগদগে হয়ে গেছে দেখে অলোক ডাক্তার আঁতকে উঠে বলল, দিদি, নাদিমের মতো ছেলে যে এরকমভাবে মারবে চিন্তা করতে পারছি না। তখন ওর কথা শুনে মনে করেছিলাম, সেই অসুখের পর থেকে বদরাগী হয়েছে, তাই হয়ত রেগে গিয়ে একটু বেশি মারধর করেছে। কিন্তু হিংস্র জানোয়ারের মতো কাজ করবে ভাবিনি। তারপর জ্বর দেখে প্রেসক্রিপশান করে নাদিমকে বলল, বৌমা যত বড় অপরাধই করে থাকুক না কেন, তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। চাবকে তোর পিঠের ছাল তুলে নিতে ইচ্ছে করছে। চল, আমার সঙ্গে ওষুধগুলো নিয়ে আসবি। বৌমার যদি কিছু হয়ে যেত তখন টের পেতিস।

ডাক্তারকে আফ্রিদা যখন মারের জায়গাগুলো দেখাচ্ছিল তখন নাদিমও দেখেছে। দেখে খুব মর্মাহত হয়ে নিজের প্রতি ঘৃণা বোধ করছিল। হঠাৎ তার মনে পড়ল, এই জন্যে আল্লাহপাকের রসুল (দঃ) রাগকে হারাম বলেছেন। অনুশোচনায় তার চোখ দুটো পানিতে ভরে উঠল। অলোক ডাক্তারের কথা শুনে তাকে অনুসরণ করল।

ঘণ্টা দেড়েক পর নাদিম ওষুধ নিয়ে ফিরে এসে মাকে সংসারের কাজ করতে দেখে নিজে সাজেদাকে ওষুধ খাওয়াবার সময় ভিজে গলায় বলল, আমি রেগে গেলে অমানুষ হয়ে যাই। সেই সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তুমি আমাকে মাফ করে দাও।

সাজেদা কোনো কথা বলল না। ওষুধ খেয়ে চোখের পানি ফেলতে লাগল। এমন সময় আফ্রিদার গলা শোনা গেল, নাদিম বৌমাকে ওষুধ খাইয়ে এখানে আয়, নাশতা খাবি, অনেক বেলা হয়েছে।

নাদিম মায়ের উদ্দেশ্যে বলল, তুমি নাশতা বের কর, আমি আসছি। তারপর সাজেদার দুটো হাত ধরে বলল, তোমাকে এভাবে মেরে কাল থেকে আমিও কম কষ্ট পাচ্ছি না। বল, মাফ করে দিয়েছ?

সাজেদার চোখ থেকে আরো বেশি পানি পড়তে লাগল। বলল অন্যায় আমি করেছি, তুমি মাফ চাইছ কেন?

নাদিম স্ত্রীর গালে গাল ঠেকিয়ে বলল, শাসন যখন জুলুমের পর্যায়ে চলে যায়, তখন অন্যায় হয়। আমি তোমার উপর জুলুম করেছি। সেই জন্যে মাফ চাইছি।

সাজেদা তার প্রতি স্বামীর যে ভালবাসার কথা এতদিন বুঝেছিল, এখন তাকে চোখের পানি ফেলে বারবার মাফ চাইতে দেখে সে ভুল ভাঙল। বুঝতে পারল, নাদিম তাকে তার দেহ ভোগ করার জন্য শুধু ভালবাসে না, সত্যিকার ভালবাসে। ভিজে গলায় বলল, তুমি স্বামী হয়ে স্ত্রীর কাছে মাফ চাইছ কেন? তোমার কথা না শুনে আমি অন্যায় করেছি। বরং তুমি আমাকে মাফ করে দাও।

নাদিম উঠে বসে নিজের চোখ-মুখ মুচে সাজেদার চোখ-মুখ মুছে দিতে দিতে বলল, আমরা দুজনেই অন্যায় করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করুক।

.

০৫.

 এই ঘটনার দিন পনের পর শিহাব মেয়েকে নিয়ে যেতে এল। সে মেয়ের বাড়িতে এলেও বন্ধু বাতেনের কাছে ঘুমায় এবং বেশিরভাগ সময় তার সঙ্গে থাকে।

দুপুরে খাওয়া-দাওয়ার পর এক সময় শিহাব সাজেদাকে বলল, তোকে নিয়ে যেতে এসেছি। তোর শুশুর-শাশুড়ীকে বলতে তারা নাদিমকে বলার জন্য বলল।

সাজেদা সুস্থ হলেও তার শরীরের দুতিন জায়গার ঘা এখনও ভালো হয়নি। তাই বলল, আমি এখন যাব না, কয়েকদিন পর যাব। তুমি তোমার জামাইকে কয়েকদিন পরে আমাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা বল।

এবারে এসে শিহাব মেয়ের মুখে বিষণ্ণতার ছাপ দেখে এবং বেশ একটু রোগা হয়ে গেছে দেখে জিজ্ঞেস করল, তোর মুখ এত শুকনো কেন? রোগাও হয়ে গেছিস।

সাজেদা বলল, কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এখন ভালো আছি।

শিহাব বলল, ঠিক আছে, জামাইকে তাই বলব। ততদিনে তোর শরীরটা আরো একটু সুস্থ হোক।

এক সময় শিহাব মেয়ের সামনে জামাইকে বলল, আমি সাজেদাকে নিয়ে যেতে চাই, তোমার আব্বা-আম্মা তোমাকে বলতে বলল।

শ্বশুরের কথা শুনে নাদিম চিন্তা করতে লাগল, এ অবস্থায় পাঠান ঠিক হবে না। সেখানকার মেয়েরা ওর শরীরের ঘা দেখে জিজ্ঞেস করলে সাজেদা কি বলতে কি বলবে।

জামাইকে চুপ করে থাকতে দেখে শিহাব বলল, কিছু বলছ না কেন বাবাজী? তুমি ওকে পাঠাতে চাচ্ছ না?

নাদিমের অবস্থা বুঝতে পেরে সাজেদা বলল, কয়েকদিন জ্বরে ভুগে আমার শরীরটা খুবই দুর্বল কিছুদিন পরে এসে নিয়ে যেও।

শিহাব বলল, এখন চাষের মৌসুম। চাষ তুলে আসতে অনেক দেরি হবে। তারপর জামাইকে উদ্দেশ্য করে বলল, বাবাজী, তুমি যদি কয়েকদিন পর সাজেদাকে সাথে করে নিয়ে যেতে, তাহলে খুব ভাল হত।

নাদিম এতক্ষণ শ্বশুরকে কি বলবে ভেবে পাচ্ছিল না। এখন তার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাই হবে আব্বা। কয়েকদিন পর আমাদের স্কুলে ছুটি পড়বে। সেই সময় আমি নিয়ে যাব।

শিহাব বলল, বেশ, তাই নিয়ে যেও। মেয়ের বাড়ি দুদিন থেকে শিহাব ফিরে এসে বাড়িতে জানাল, কয়েকদিন পর জামাই সাজেদাকে সাথে করে নিয়ে আসবে।

ছেলের মনটা একটু ভার ভার দেখে সাজেদার দাদি হামিদা বানু জিজ্ঞেস করলেন, তোর মেয়েকে না হয় জামাই নিয়ে আসবে, কিন্তু মেয়ের বাড়ি থেকে মন খারাপ করে ফিরে এলি কেন?

শিহাব বন্ধু বাতেনের কাছে সাজেদা শাশুড়ীদের সঙ্গে ঝগড়া করেছিল বলে জামাই। তাকে খুব মেরেছে, সে কথা শুনেছে। সে কথা মাকে বলা ঠিক হবে কিনা ভাবতে লাগল।

ছেলে কিছু বলছে না দেখে হামিদা বানু বললেন, কি রে, কিছু বলছিস না কেন?

শিহাব মাকে মিথ্যা বলতে পারল না। বলল, সাজেদা শাশুড়ীদের সঙ্গে ঝগড়া করেছিল বলে জামাই মেরেছে।

শুনে হামিদা বানু কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, তুই কার কাছে। শুনেছিস?

বাতেনের কাছে।

তোর মেয়ে কিছু বলে নি।

 না।

তুই মেয়ে জামাইকে বা অন্য কাউকে এ ব্যাপারে কিছু বলিস নি তো?

না আম্মা, কাউকে কিছু বলিনি।

খুব ভালো করেছিস। তোর জামাইকে যতটুকু জেনেছি আমার মনে হয় সামান্য কারণে সে মারধর করেনি। নিশ্চয়ই তোর মেয়ে কোনো গুরুতর অন্যায় করেছিল। মেয়ে জামাইয়ের মিল দেখে এসেছিস তো?

তা দেখেছি আম্মা।

যাক, তা হলে ওসবে তুই মন খারাপ করিস না। সব সংসারেই ওরকম হয়ে থাকে।

সাজেদার মা সালেহা সেখানে ছিল শাশুড়ীর কথা শুনে তখন কিছু বলতে সাহস করেনি। এক সময় স্বামীকে একাকী জিজ্ঞেস করল, জামাই কি সাজেদাকে খুব বেশি মেরেছে।

শিহাব সবকিছু জেনেও চেপে গিয়ে বলল, তা আমি কি করে বলব? বাতেনের মুখে শুনলাম, মেরেছে।

মায়ের জান, মেয়েকে জামাই মেরেছে শুনে সালেহা মনে খুব কষ্ট অনুভব করছিল। স্বামীর কথায় মন বোধ মানল না। আবার জিজ্ঞেস করল, তোমাকে দেখে সাজেদা খুব কান্নাকাটি করেছিল নাকি?

এই মেয়েকে শিহাব কখনো চোখ রাঙিয়ে মানুষ করেনি। ছোটবেলা থেকে যত রকম জিদ করেছে, সব পূরণ করেছে। বড় আদরের সঙ্গে মানুষ করেছে। সেই মেয়েকে জামাই ভীষণ মারধর করেছে শুনার পর রাতে চোখের পানি ফেলেছে। পরে মনকে শক্ত করে নিয়েছে। সাজেদা যে সালেহার জান, সে কথা শিহাব জানে। তাই স্ত্রীকে বারবার তার কথা জিজ্ঞেস করতে বিরক্ত না হয়ে ভালো মুখে বলল, কান্নাকাটি করবে কেন? জামাইয়ের সঙ্গে বেশ মিলমিশ দেখলাম। সেই তো তাকে সঙ্গে করে নিয়ে আসার কথা জামাইকে বলার জন্য আমাকে শিখিয়ে দিল। আমি সে কথা জামাইকে বলতে সে খুশি মনে রাজি হল।

কয়েকদিন পর স্কুলে ছুটি পড়তে নাদিম আব্বা-আম্মার মতামত নিয়ে সাজেদাকে সাথে করে শ্বশুরবাড়ি রওয়ানা দিল। পথে চিন্তা করল, যদি শ্বশুর মেয়েকে মারার কথা কারো কাছে শুনে থাকেন এবং তিনি সে কথা বাড়িতে গিয়ে বলে থাকেন, তা হলে তারা আমাকে নিশ্চয় খুব খারাপ ছেলে ভেবেছেন। সেখানকার কেউ কিছু এ ব্যাপারে জিজ্ঞেস করলে কি উত্তর দেব, সেই কথা ভেবে খুব লজ্জা পেতে লাগল। এক সময় সাজেদাকে জিজ্ঞেস করল, আব্বা কি তোমাকে মারার কথা শুনে গেছেন?

সাজেদা বলল, আমি আব্বাকে কিছু বলিনি। তোমার মেজ চাচা কিছু বলেছেন কিনা জানি না।

তোমার শরীর খারাপ দেখে আব্বা কিছু জিজ্ঞেস করেন নি?

করেছিল। বলেছি, কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল।

 নাদিম আর কিছু না বলে চুপ করে গেল।

শ্বশুরবাড়ি পৌঁছে নাদিম প্রতিবারের মতো দুশ্বশুর, শাশুড়ী ও দাদি শাশুড়ীকে কদমবুসি করে ভালমন্দ জিজ্ঞেস করল।

তারা দোয়া করে নাদিমের বাড়ির ভালোমন্দ জিজ্ঞেস করল।

এবারে নাদিমের খাতির-যত্ন আগের থেকে বেশি হতে দেখে তার কেবল মনে হতে লাগল, এখানকার সবাই সাজেদাকে মারার কথা জেনে গেছে। নিজের অপকর্মের কথা চিন্তা করে নাদিম যেমন লজ্জা পেতে লাগল, তেমনি মনে একটু ভয় ভয় অনুভব করল।

রাতে ঘরের মেঝেয় পাঠির সব বিছিয়ে দূরখানা পেতে ভাত খাওয়ার ব্যবস্থা হল। নাদিম এলে তার শালা লিয়াকত সব সময় নাদিমের সাথে থাকে। একসঙ্গে নাশতা ও অত খায়। এবারে কাছে এলেও বেশিক্ষণ থাকে নি। খাওয়ার সময় তাকে দেখতে না পেয়ে সাজেদাকে জিজ্ঞেস করল, লিয়াকত কোথায়? তাকে ডাক, এক সাথে খাব।

সাজেদা তাকে ডেকে নিয়ে এল।

সাজেদার দাদাজীর দুছেলে দুমেয়ে বড় ছেলের নাম শিহাব আর ছোট ছেলের নাম হাবিব। বড় মেয়ে কুলসুম পাঁচ বছরের একটা ছেলে রেখে মারা গেছে। প্রায় পনের মাইল দূরে তার বিয়ে হয়েছিল। সেই ছেলে এখন যুবক। ছোট মেয়ে জয়নাব। তার বিয়ে নিজেদের পাড়ায় এক আত্মীয়ের ছেলের সঙ্গে হয়েছে। তারও এক ছেলে। ছেলেটার নাম ইয়াকুব। তার বয়স এখন চৌদ্দ-পনের বছর। ইয়াকুব হওয়ার পর থেকে জয়নাব সূতিকা রোগে ভুগছে। শিহাব ও দুভাই এক সংসারে। দুভাইয়ের মধ্যে এত ভালবাসা যে, একজনের কোনো অসুখ-বিসুখ হলে অন্যজন খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। দুজায়ের মধ্যেও খুব ভাব। মাঝে-মধ্যে যদিও বা কিছু হয়, তখন ছোট একটু রেগে গেলে বড় তাকে জড়িয়ে ধরে আদর করে রাগ মানিয়ে নেয়। বিয়ের পর ছোটর অনেক বছর ছেলেপুলে হয়নি। সে সাজেদা ও লিয়াকতকে মানুষ করেছে। তারপর তার ছেলে হলে বড় তাদেরকে মানুষ করেছে। শিহাবের ইন্টারের ফাইনাল পরীক্ষার পর তার বাপ মারা যান। তখন হাবিব সিক্সে পড়ত। বাপ মারা যাওয়ার পর শিহাব পড়াশোনা বন্ধ করে সংসার দেখাশুনা করতে থাকে। হাবিব লেখাপড়ায় তেমন ভালো ছিল না। তাই সেও পড়াশোনা ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে সংসারের কাজে লেগে যায়। শিহাব তাকে লেখাপড়া করাবার চেষ্টা করে। কিন্তু হাবিব করল না। শেষে দুভাই মিলে বাপ যা জমি-জায়গা রেখে গিয়েছিল তা দেখাশোনা করতে লাগল। তাদের বাপের বেশ কিছু জমি-জায়গা ছিল। সেগুলোর পিছনে দুভাই কঠোর পরিশ্রম করে আরো অনেক জমি-জায়গা করেছে। গ্রামের মধ্যে এখন তারাই সব চেয়ে বড় গৃহস্থ বাপ মারা যাওয়ায় নিজে বেশি লেখাপড়া করতে পারেনি বলে শিহাবের খুব ইচ্ছা ছেলেমেয়েকে উচ্চ শিক্ষা দিবে। তাই সাজেদাকে ম্যাট্রিক পাস করিয়ে কলেজে ভর্তি করতে চেয়েছিল। কিন্তু রাস্তার বখাটে ছেলেদের জন্যে তা সম্ভব হয়নি। সাজেদা খুব সুন্দরী বলে স্কুলে যাওয়ার সময় বখাটে ছেলেদের অনেক উৎপাত সহ্য করেছে। তাই মেয়েকে কলেজে পড়াবার শত ইচ্ছা থাকলেও পড়ায়নি। তারপর বি.এ. পাস ধার্মিক ছেলে নাদিমকে জামাই করে সবাই খুব আনন্দিত। কিন্তু জামাই মেয়েকে মেরেছে জেনে তাদের মন খারাপ হয়েছিল। মেয়ে জামাইকে হাসি-খুশিতে আসতে দেখে তাদের মন অনেকটা হালকা হয়েছে। তবু দুভাই মাকে একসময় বলল, আম্মা, তুমি তোমার নাত-জামাইকে একটু বুঝিয়ে বলল সে যেন আর তোমার নাতনি কে মারধর না করে।

হামিদা বিবি বললেন, রাতে খাওয়ার সময় বলব।

সাজেদা হাত ধুইয়ে বেরিয়ে যাওয়ার একটু পরে হামিদা বানু ভাতের প্লেট নিয়ে ঢুকলেন।

তাই দেখে নাদিম বলল, দাদি, আপনি কষ্ট করছেন কেন? আপনার নাতনি কোথায়?

হামিদা বানু বললেন, সে রান্নাঘর থেকে এনে আমার হাতে দিল। তারপর হাসিমুখে বললেন, কেন ভাই, আমার হাতে খেতে বুঝি ভালো লাগবে না। নাত জামাইকে খাওয়াতে আমার বুঝি শখ হয় না?

নাদিম লজ্জা পেয়ে বলল, কি যে বলেন, আপনার হাতে খাওয়া তো আমার সৌভাগ্য। আপনার কষ্ট হবে ভেবে বলেছি।

হামিদা বানু ভাতের প্লেট দস্তরখানার উপর রেখে দরজার কাছে গিয়ে কয়েক পদের তরকারী এনে বললেন, নাও ভাই শুরু কর, কষ্ট আবার কি! তোমার মতো নাত জামাই কজনের ভাগ্যে জুটে?

নাদিম বুঝতে পারল সাজেদা ও দুশাশুড়ী রান্নাঘর থেকে সবকিছু নিয়ে এসে যোগান দিচ্ছে। বলল, আপনিও আসুন।

হামিদা বানু বললেন, খাব, তবে আজ নয়। তুমি শুরু কর তো।

খেতে খেতে নাদিমের মনে হল, দরজার কাছে বারান্দায় বেশ কয়েকজন মেয়ে ও পুরুষ রয়েছে। দাদির হাবভাব দেখে নাদিম বুঝতে পারল, সাজেদাকে মেরেছি জেনে কিছু বলতে চান। ভেবে রাখল, খাওয়ার পর দাদি কিছু বলার আগে সে নিজেই কথা তুলবে। কিভাবে কথাটা তুলবে খেতে খেতে তাও ভেবে রাখল। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে খাটে বসে নাদিম বলল, দাদি, আমি দুএকটা কথা আপনাদেরকে বলতে চাই।

হামিদা বানু সাজেদার নাম ধরে ডেকে বললেন বাসনপত্র নিয়ে যাও। তারপর নাত-জামাইয়ের পাশে বসে নাদিমকে বললেন, বেশ তো ভাই, বল কি বলবে।

নাদিম বলল, কথাটা ছোট মুখে বড় কথা হয়ে যাবে। তাই আপনাদের কাছে প্রথমে মাফ চেয়ে নিচ্ছি।

আব্বা আমাদের ফ্যামিলির সবাইকে চেনেন। আমাকেও ছোটবেলা থেকে দেখে এসেছেন। আমাদের অবস্থা এবং আমার স্বভাবচরিত্র কেমন তাও ভালোভাবে জানেন। আর আপনার নাতনি ওনার নিজের মেয়ে। তার স্বভাব-চরিত্র, মন-মেজাজ কি রকম তাও নিশ্চয় জানেন, এবং এটাও জানতেন, আমি ওনার মেয়ের অনুপযুক্ত। নিজের মেয়ের স্বভাব-চরিত্র ও মন-মানসিকতার দিকে লক্ষ্য রেখে প্রত্যেক বাবা-মার জামাই পছন্দ করা উচিত। ওনার চোখে হয়ত আমি ভালো ছেলে। কিন্তু ওনার মেয়ের চোখে কেমন লাগবে তা চিন্তা করা উচিত ছিল। আপনাদের মতো সংসারের সচ্ছলতা আমাদের নেই। আপনাদের কর্তব্য ছিল, আপনার নাতনির বিয়ে কোনো বড়লোকের ছেলের সঙ্গে দেয়া। কারণ তার মতো মেয়ে আমাদের সংসারে খাপ খায় না। সে উচ্চভাষিণী ও আরামপ্রিয়। আমাদের মধ্যবিত্ত ঘরে কোনোদিন হয়ত তার আশা আকাংক্ষা পূরণ হবে না। প্রত্যেক গার্জেনের উচিত তাদের মেয়েকে যেভাবে, যে পরিবেশে মানুষ করবে, তাকে সেইভাবে সেই পরিবেশে বিয়ে দেয়া। আপনার নাতনিকে অনেক পরিশ্রম করতে হয়। অথচ এখানে সে একটা কুটো নেড়ে মানুষ হয়নি। এখানে ভালো ভালো খেয়ে পরে মানুষ হয়েছে। সে তুলনায় আমাদের বাড়িতে কিছুই পায় না। এতে সে যেমন খুব কষ্ট পাচ্ছে, তেমনি তার মনে খুব টর্চারিং হচ্ছে। মনের সেই টর্চারিং সহ্য করবে, না সবাইকে খুশি রাখার চেষ্টা করবে? আর একটা কাজ প্রত্যেক পিতামাতার করা একান্ত কর্তব্য। সেটা হল, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে স্কুলে-কলেজে লেখাপড়া করানোর সাথে সাথে ধর্মীয় শিক্ষা দিয়ে তার অনুশীলন করান। সেদিকটাও আপনারা অবহেলা করেছেন। আল্লাহপাক আমাকে যতটুকু এলেম দিয়েছেন, সেই সব দিয়ে আমি ওকে বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু ঐ মানসিক টর্চারিং-এর জন্য কোনো সৎ উপদেশ গ্রহণ করতে পারেনি। আমিও তো মানুষ। আমারও দোষ-ত্রুটি আছে। আমার কথামতো না চললে মাঝে মাঝে রেগে গিয়ে বকাঝকা করি, কখনও বেশি রেগে গেলে দুএকটা চড়-চাপড়ও মারি। এবারে শয়তান ঘাড়ে চেপেছিল, আর আপনার নাতনিও বেশ বড় রকমের অন্যায় করে ফেলেছিল। তাই রাগ সামলাতে না পেরে একটু বেশি মারধর করে ফেলি। আপনারা হয়ত সে কথা শুনে থাকবেন। তবে সে জন্য আমি খুব অনুতপ্ত।

নাদিমের কথা শুনে হামিদা বানু চিন্তা করলেন, নাদিম যেমন খুব বুদ্ধিমান তেমনি খুব ভালো ছেলে। বললেন, হ্যাঁ, ভাই শুনেছি। শুনে ভেবেছি, সাজেদা নিশ্চয় কোনো গুরুতর অন্যায় করেছে। নচেৎ তোমার মতো ছেলে তাকে মারধর করবে কেন? অন্যায় করেছে মেরেছ, তা বেশ করেছ। সে জন্য তোমাকে কিছু বলব না। শুধু বলব, ঐ গাধাটাকে যেমন করে হোক তোমার মনের মতো করে গড়ে নিও। আর উচিত অনুচিতের যে সমস্ত কথা বললে, সেগুলো খুব খাঁটি কথা। তবে কি জান ভাই, তোমার শ্বশুর নিজের স্বভাব-চরিত্র জানে বলেই তাকে কোনো বড় ঘরে বিয়ে দেয়নি। কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল। ওর ঐ স্বভাবের কথা চিন্তা করে সেসব ঘরে বিয়ে দিতে শিহাব রাজি হয়নি। তোমার সব কিছু জেনেই তোমাকে জামাই করেছে। বিয়ের আগে তোমাদের বাড়ির ও তোমার সম্বন্ধে আমাকে সবকিছু জানিয়ে বলেছে। সাজেদার কপালে যদি সুখ থাকে, তা হলে তোমার মতো ছেলের হাতেই হবে। তুমি কুরআন হাদিসের কথা বলে বোঝাবে।

নাদিম বলল, বিয়ের পর থেকে তাই করে আসছি। আপনি দোয়া করুন। আল্লাহপাক যেন আমার মনের বাসনা পূরণ করেন। আর আপনার নাতনিকে বুঝিয়ে বলবেন, ও যেন আমার কথামতো চলে। সে তো নিজের মতের বাইরে একটুও চলে না। এই কথা বলে নাদিম হেসে উঠল।

হামিদা বানুও হেসে ফেললেন। বললেন, এটা তুমি ঠিক কথা বলেছ ভাই। ওর ঐ একগুঁয়েমির জন্য ছোটবেলা থেকে আমার ও ওর মায়ের হাতে কম মারধর খায়নি। এখন আবার তোমার হাতে মার খেতে শুরু করেছে। কথা না শুনলে মেরে মেরে শোনাবে। কথা শেষ করে তিনি আবার হেসে ফেললেন।

নাদিম হাসতে হাসতে বলল, দাদি, মারধর করে অথবা জোর করে কারো মন পাওয়া যায় না, ভালবেসে পাওয়া যায়। আমি ভালবেসে যত ওর মনকে জয় করতে চাই ও সেটাকে খোশামোদ মনে করে তত বেশি লাই পেয়ে যায়। কি করব বলে দেবেন দাদি?

হামিদা বানুও হাসিমুখে বললেন, যাকে ভালবাসা দিয়ে জয় করা যায় না তাকে শাসন করে শায়েস্তা করতে থাকলে একদিন না একদিন সে নিজের ভুল বুঝতে পারবে। তুমি ভাই বিদ্বান লোক, আমি মুখ মানুষ, তোমাকে আমি আর কি বলব? যা ভালো বুঝবে তাই করবে।

বাইরে বারান্দায় নাদিমের দুশ্বশুর, শাশুড়ী এবং তাদের চাচাতো ভাই ও ভাইদের বউরা ছিল। নাদিমের কথা শুনে তাদের সকলের মনের দুঃখ দূর হয়ে গেল। তারা জামাইয়ের কোনো দোষ দেখতে পেল না। সাজেদার সম্বন্ধে জামাই যা বলল তা তারা জানে। তাই সাজেদারই দোষ ভেবে একে একে চলে গেল।

নাদিমকে চুপ করে থাকতে দেখে হামিদা বানু বললেন, তুমি আমার কথায় মনে কষ্ট পেলে নাকি ভাই?

নাদিম ওনাকে কদমবুসি করে বলল, আপনার কথায় মনে কষ্ট পাব কেন? বরং আমি আপনার নাতনির ও আপনাদের ন্যায়-অন্যায়ের কথা বলে বেয়াদবি ও অন্যায় করেছি। সেজন্যে আপনাদের সকলের কাছে মাফ চাইছি।

শিহাব ও হাবিব তখনও বারান্দায় ছিল। জামাইয়ের কথা শুনে তারা ভিতরে এল। তারপর হাবিব বলল, আমরা তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম। এখন তোমার কথা শুনে আমাদের ভুল ভেঙে গেছে?

নাদিম খাট থেকে নেমে তাদেরকে কদমবুসি করে বলল, আমি অনেক বেয়াদবি করে ফেলেছি, আপনারা মাফ করে দিন।

দুভাই একে একে জামাইকে জড়িয়ে ধরে মাথায় চুমো খেয়ে দোয়া করল। হাবিব জামাইকে উদ্দেশ্য করে বলল, বেয়াদবি হলেও তুমি খুব দামি কথা বলেছ। তারপর তারা বেরিয়ে গেল।

নাদিম দাদি শাশুড়ীকে চলে যেতে দেখে জিজ্ঞেস করল, আম্মারা কি বারান্দায় আছেন?

হামিদা বানু বারান্দায় এসে বউরা রয়েছে দেখে বললেন, আছে।

নাদিম বারান্দায় এসে দুশাশুড়ীকে কদমবুসি করে বলল, আপনারাও মাফ করে দিন।

কেন? আল্লাহ তোমাকে ও সাজেদাকে সুখী করুক, এই দোয়া করি।

নাদিম ঘরে ঢুকে চিৎ হয়ে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগল, সাজেদা এই সব কথা শুনে কি মনে করছে আল্লাহ মালুম।

স্বামী, দাদি, বাপ, চাচা ও মা-চাচির কথা শুনে সাজেদা নিজেকে চিনতে পারল। সেই সাথে স্বামীর উন্নত মনের পরিচয় পেয়ে এবং তার উদ্দেশ্য জানতে পেরে নিজের অন্যায় দিকগুলোও বুঝতে পারল। ভাবল, এবার থেকে স্বামীর কথা সব সময় মেনে চলব। তখন তার সই দীলরুবার কথা মনে পড়ল, তোর স্বামী ধার্মিক বলে তুই অসন্তুষ্ট হচ্ছিস কেন? বরং খুশি হওয়ার কথা। জানিস না বুছি, সংসারে সব রকমের সুখ-শান্তির চেয়ে স্ত্রীর কাছে স্বামীর চরিত্র, ধার্মিকতা ও ভালবাসা লক্ষগুণ বেশী সুখ শান্তির। যে মেয়ে এমন স্বামী পায়, সে শুধু ভাগ্যবতী নয়, মহাভাগ্যবতী। মা-চাচীর সঙ্গে ভাত খেয়ে ঘরে বসে নাদিম ঘুমিয়ে পড়েছে দেখে তার মুখের উপর ঝুঁকে ঘুম ভাঙাবার জন্য ডাকল, এই শুনছ?

নাদিম ঘুমায়নি। তার একটু তন্দ্রাভাব এসেছিল। সাজেদার ডাক শুনে তন্দ্রা ছুটে গেল। চোখ মেলে দেখল সাজেদার মুখ তার মুখের চার কড়া উপরে। আর তার চোখ দুটোতে পানি টলটল করছে। নাদিম কিছু জিজ্ঞেস করার আগেই সাজেদার চোখের পানি তার মুখের উপর পড়ল। নাদিম সাজেদাকে বুকে জড়িয়ে ধরে তার কান্নাভেজা সারামুখে চুমো দিয়ে বলল, আমার কথা শুনে মনে খুব কষ্ট পেয়েছ তাই না? আল্লাহপাকের কসম খেয়ে বলছি, তোমাকে অপমান করার জন্য অথবা তোমার মনে কষ্ট দেয়ার জন্য কথাগুলো বলিনি। তবু যদি কষ্ট পেয়ে থাক, তাহলে মাফ চাইছি।

আল্লাহপাকের অসীম দয়ায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাজেদা স্বামীকে যতটা না চিনতে পেরেছিল, এখন তার কথা শুনে আরো বেশি চিনতে পারল। চোখের পানি ফেলতে ফেলতে স্বামীর সারা মুখে চুমোর প্রতিদান দিতে লাগল।

নাদিমের তখন মনে হল, সাজেদা বিয়ের পর থেকে আজকের আগে পর্যন্ত এত আন্তরিকতার সাথে আবেগপ্রবণ হয়ে এরকমভাবে চুমো খায়নি।

সাজেদা চুমো খাওয়ার বিরতি দিয়ে বলল, আমার একগুঁয়েমির জন্য তোমাকে চিনতে অনেক দেরি করে ফেলেছি তাই এতদিন তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। তোমার এইসব কথা শুনে মনে কষ্ট হয়নি বরং আল্লাহ আমার জ্ঞানের দুয়ার খুলে দিয়ে তোমাকে চিনবার, জানবার এবং নিজের ভুল ধরার সুযোগ করে দিলেন। সাজেদার কথা শুনে নাদিম মনে এক অনাবিল শান্তি অনুভব করল। আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, তোমার কথা শুনে আমার এত আনন্দ লাগছে যা আমি জীবনে কোনোদিন পাইনি। আমি রাগ করলে তুমি সব সময় রাগ মানিয়ে আমাকে খুশি কর। আজ আমি তোমাকে এত বেশি আদর করে খুশি করব যে, খুশিতে পাগল না হয়ে যাও। কথা শেষ করে সাজেদাকে আদর করতে করতে অস্থির করে তুলল।

সাজেদা জানে নাদিম যেদিন তাকে ভোগ করতে চাইবে, সেদিন ইচ্ছে করে সামান্য কথায় রাগ করবে। তখন তাকে খুশি করার জন্য সাজেদাকে অগ্রণী ভূমিকা নিতে হয়। এখন স্বামীর মুখে খুশি করার কথা শুনে এবং তাকে অগ্রণী ভূমিকা নিতে দেখে বেশ লজ্জা পেল। তবু আদরের প্রতিদান দিতে দিতে ফিসফিস করে বলল, এই কি হচ্ছে- আস্তে বলবে তো কেউ বারান্দায় থাকতে পারে, শুনলে কি মনে করবে?

নাদিমও ফিসফিস করে বলল, শুনলে কি হয়েছে? আমরা তো অন্যায় কিছুকরছিনা।

সাদেজা স্বামীর ঠোঁটে আস্তে করে কামড়ে দিয়ে ঠোঁটের উপর গাল রেখে বলল, অসভ্য।

নাদিম ও তার নরম তুলতুলে গালে কামড়ে দিয়ে বলল, আমি অসভ্য, না তুমি? একটা পুরুষের বুকের উপর শুয়ে কামড়াকামড়ি করছ, এটাতে অসভ্যতা হয়নি বুঝি?

ঠিক আছে, আর অসভ্যতা করব না, বলে সাজেদা স্বামীর বুক থেকে নেমে যেতে চাইল।

নাদিম বুঝতে পেরে দুহাত দিয়ে চেপে ধরে বলল, আমিও আর তোমাকে অসভ্য বলব না।

এ বছর মমতাজের ম্যাট্রিক পরীক্ষা হয়ে যাওয়ার পর তার বিয়ে দেবার জন্য বাপ চাচারা পাত্রের সন্ধান করতে লাগল। ছেলে পছন্দ হলে তাদের বংশ পছন্দ হয় না। আবার বংশ পছন্দ হলে ছেলে পছন্দ হয় না। নাদিমের অনেক দিন থেকে ইচ্ছা বন্ধু আসাদের সঙ্গে বোনের বিয়ে দেবার। তাই মমতাজের জন্য পাত্র খোঁজা হচ্ছে জেনে একদিন সেকথা আব্বা-আম্মাকে জানিয়ে বলল, আসাদকে তো তোমরাও জান, কতবার এসেছে।

রহিম বলল, তা জানি। কিন্তু তাদের বাড়ির ও বংশের খবর তো আর জানি না।

নাদিম বলল, আমি ওদের বাড়িতে অনেকবার গেছি। সবকিছু জেনেই কথাটা বলেছি।

রহিম বলল, ওদের বাড়ির সব খবর বল শুনি। ছেলেটা দেখতে-শুনতে ও তার ব্যবহার বেশ ভালো বলে মনে হয়েছে।

নাদিম বলল, আসাদের আব্বা নেই। ওরা দুভাই এক বোন। বোটনা সবার ছোট। বছর দুই আগে ম্যাট্রিক পাস করেছে। ভাইটা ঢাকা ভার্সিটিতে পড়ছে। দুচাচা আছে, তারা আলাদা। চাষে যা ধান হয় সারা বছর খাওয়ার পর কিছু বিক্রি করে। আর আসাদ তো আমার সাথে বি.এ. পাস করে ঢাকায় একটা ভালো চাকরি করছে। ওর আব্বা বছর পাঁচেক আগে চার কামরা পাকা বাড়ি করার পর মারা গেছেন। বেশ ছোটখাট সংসার। মমতাজ সুখী হবে। আসাদের মায়ের ব্যবহারও খুব ভালো।

এবার আফ্রিদা বলল, সব তো ভালো শুনলাম। কিন্তু আসাদের সাথে তোর অনেক দিনের বন্ধুত্ব। সে বন্ধুর বোনকে বিয়ে করবে কিনা সে কথা জেনেছিস?

নাদিম বলল, না, জানি নি। তবে তাকে যতটা জানি, সে অরাজি হবে না।

রহিম বলল, ঠিক আছে, আগে তার মতামত নাও; তারপর আমরা তাদের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলব।

নাদিম বলল, জি, তাই নেব।

পরের দিন নাদিম স্কুলে যাওয়ার সময় চিন্তা করল, আসাদ বাড়ি এসেছে কিনা খালেককে জিজ্ঞেস করলে জানা যাবে। খালেকও গোদাগাড়ি হাইস্কুলের মাস্টার। তার বাড়ি আসাদদের গ্রামে সুলতানগঞ্জে। সে তাদের চেয়ে দুতিন বছরের সিনিয়র। আবার ভাবল, গত বছর আসাদের সাথে দেখা হতে দুদিন পর তাদের বাড়িতে যাবে ভেবেছিল। কিন্তু স্ত্রীকে মারধরের ব্যাপার নিয়ে মন খারাপ ছিল বলে যাওয়া হয়নি। পরে অবশ্য যেতে চেয়েছিল, আসাদ ঘরে নেই জেনে আর যায়নি। তারপরও আসাদের খবর খালেকের কাছে জিজ্ঞেস করেছে। কিন্তু এমনি দুর্ভাগ্য, যখনই জিজ্ঞেস করেছে, তখনই আসাদ ঘরে থাকে না।

স্কুল-কলেজে পড়ার সময়, ইচ্ছায়-অনিচ্ছায় আসাদের সঙ্গে প্রায়ই তাদের বাড়িতে যেত। সুলতানগঞ্জ সারেংপুর থেকে মাত্র এক মাইল। সারেংপুর ও সুলতানগঞ্জের মধ্যস্থলে সুলতান শাহ পীরের মাজার আছে। প্রতি বছর মাজারের পাশে মাঘ মাসের শেষ সপ্তাহ থেকে সাত দিনের জন্য মেলা বসে। কিন্তু মেলা ভাঙতে ভাঙতে আরো সাতদিন লেগে যায়। স্কুল-কলেজে পড়ার সময় নাদিম বন্ধু আসাদের সঙ্গে প্রতিদিন মেলাতে ঘুরে বেড়াতো আর ক্ষিধে পেলে কোনো কোনোদিন নাদিম তাকে বাড়িতে নিয়ে এসে খাওয়াতো। সুলতানগঞ্জের পাশ দিয়ে মহানন্দা নদী বয়ে গেছে। অনেক সময় দুবন্ধুতে এত মিল থাকা সত্ত্বেও এবং মাত্র এক মাইলের ব্যবধান হলেও কেউ কারো বাড়ি একা একা ছোট বেলায় গেলেও বড় হওয়ার পর থেকে যায়নি। নাদিম বড় হবার পর বুঝতে পেরেছিল, আসাদের বোন রোজী তাকে ভালবাসে। কিন্তু রোজী কোনোদিক দিয়ে কোনো অংশে খারাপ নয় জেনেও রোজীকে সে ভালবাসতে পারেনি। তাই সে একা কোনো দিন তাদের বাড়িতে যায়নি। বড় হওয়ার পর আসাদও বুঝতে পেরেছিল নাদিমের বোন মমতাজ তাকে ভালবাসে।

মমতাজকেও আসাদের খুব পছন্দ। কিন্তু বন্ধুর বোন বলে সে কথা মনের মধ্যে চেপে রেখেছে। তাই সেও একা কোনোদিন নাদিমের বাড়িতে যায় নি। নাদিম যেমন বন্ধুর মনের খবর আঁচ করতে পেরেছে, তেমনি আসাদও বন্ধুর মনের খবর আঁচ করতে পেরেছে। এখন আসাদ ঢাকায় চাকরি করে। দুমাস পর বাড়িতে এলে ঐ কারণে সারেংপুর গিয়ে বন্ধুর খোঁজ নিতে সাহস করে না।

নাদিমও ঐ একই কারণে সুলতানগঞ্জে গিয়ে বন্ধুর খোঁজ নিতে সাহস করে না। তার উপর সে তাদেরকে না জানিয়ে বিয়ে করে লজ্জায় আরো যেতে পারে না। তাই খালেককে মাঝে মাঝে আসাদ বাড়ি এসেছে কিনা জিজ্ঞেস করে।

আজ স্কুলে গিয়ে তাকে জিজ্ঞেস করল।

খালেক বলল, হ্যাঁ, এসেছে। গতকাল এশার নামাযের সময় মসজিদে দেখা হয়েছে।

নাদিম বলল, আপনি তার সঙ্গে দেখা হলে বলবেন, আমি কাল সন্ধ্যের পর তার সঙ্গে দেখা করতে যাব। আর তার সঙ্গে যদি আপনার দেখা না হয়, তা হলে তার। আম্মাকে বলবেন তিনি যেন আসাদকে বলে রাখেন, আমি যাব।

আসাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে খালেক স্কুলে আসে। বলল, আজ বাড়ি যাবার সময় ওদের বাড়িতে খবরটা দিয়ে দেব।

সেদিন স্কুল থেকে ফিরে নাদিম স্ত্রীকে বলল, তোমাকে একদিন মমতাজের ব্যাপারে যে বন্ধুর কথা বলেছিলাম, আজ আসরের নামায পড়ে তাদের বাড়িতে তোমাকে নিয়ে বেড়াতে যাব। তুমি নামায পড়ে তৈরি হয়ে থেকো, আমি আব্বা আম্মাকে বলেছি।

সাজেদা হাসিমুখে বলল, তা না হয় যাব। কিন্তু শুধু বেড়াতে যাবে, না বোনের পয়গাম নিয়ে যাবে?

নাদিমও হাসিমুখে বলল, তোমার বুদ্ধি তো দারুণ, কি করে বললে বুঝতে পারছি না।

সাজেদা হাসতে হাসতে বলল, তোমার বেতের আঘাতে যেমন বিবেকের দুয়ার খুলে গেছে, তেমনি বুদ্ধির দুয়ার খুলে গেছে।

নাদিম স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করে বলল, প্লীজ সাজেদা, সে কথা মনে করিয়ে দিয়ে আমাকে লজ্জা দিনও না। এমনি আমার যখন সে কথা মনে পড়ে তখন নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাই।

সাজেদা বলল, কসম খেয়ে বলছি, আমি এমনি কথার ছলে বলেছি। তোমাকে লজ্জা দেয়ার জন্য অথবা অন্য কোনো কারনে বলিনি।

নাদিম বলল, তা আমিও বুঝেছি, ভবিষ্যতে কথার ছলেও বলো না।

সেই মার খাবার পর থেকে সাজেদার স্বভাব-চরিত্র পাল্টে গেছে। তারপর থেকে সে স্বামীর প্রতিটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। এর মধ্যে বহু ধর্মীয় ও অন্যান্য বই পড়ে নিজেকে স্বামীর মনের মতো করে গড়ার চেষ্টা করছে। এখন তার কথায় স্বামী মনে ব্যাথা পেয়েছে বুঝতে পেরে বসে তার দুপা বুকে জড়িয়ে ধরে বলল, কথাটা কথাচ্ছলে বলে তোমার মনে ব্যথা দিয়ে অন্যায় করেছি, মাফ করে দাও।

নাদিমও সেই থেকে স্ত্রীর পরিবর্তন লক্ষ্য করে আনন্দে আপ্লুত হয়ে আল্লাহপাকের শুকরিয়া আদায় করেছে, তাকে আরো গভীরভাবে ভালবাসছে। পা ধরে মাফ চাইতে দেখে তাকে তুলে বুকে চেপে ধরে মাথায় চুমো খেয়ে বলল, এই কথায় পায়ে ধরে মাফ চাইতে হয় না। তারপর কয়েকটা আদর দিয়ে বলল, আমি নামায পড়তে যাচ্ছি, ফিরে এসে তোমাকে যেন রেড়ি দেখি।

সেদিন নাদিম সাজেদাকে সঙ্গে নিয়ে যখন আসাদদের বাড়িতে পৌঁছাল তখন আসাদ ছিল না।

আসাদের বোন রোজী ছোটবেলায় নাদিমকে ভাইয়ার বন্ধু হিসাবে শ্রদ্ধা করত। বড় হয়ে সে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাই নাদিম যখন ভাই যার সঙ্গে আসত তখন মুখে না বললেও আচার-ব্যবহারে ও কথাবার্তায় নিজের মনের দুর্বলতা প্রকাশ করত। তারপর নাদিম তাদের বাড়িতে এসে তাকে এড়িয়ে চলতে দেখে বুঝতে পারল, সে তাকে ভালবাসে না। তখন মনে খুব আঘাত পেলেও কখনও নাদিমকে এ ব্যাপারে কিছু বলেনি। নিজেকে সামলে রেখে তার সাথে কথা বলত। ভাইয়া চাকরি করতে ঢাকা চলে যাওয়ার পর আজ দীর্ঘদিন সে তাদের বাড়িতে আসেনি। নাদিমের বিয়ে হয়ে গেছে শুনে গোপনে চোখের পানি ফেলেছে। আর ভাগ্যে নেই ভেবে মনকে বুঝ দিয়েছে। প্রায় বছরখানেক আগে ভাইয়ার মুখে নাদিম ও তার স্ত্রী আসবে শুনে পুরানো ব্যথাটা মনে একবার কাঁটার মতো বিধলেও খুশি মনে তাদের আসার অপেক্ষা করেছে। আজ তাদেরকে দেখে এগিয়ে এসে সামাল দিয়ে বলল, কোন দিকের চাঁদ কোন দিকে। উঠল, একেবারে ভাবিকে নিয়ে এসে পড়লে?

নাদিম সালামের উত্তর দিয়ে বলল, চাঁদ আল্লাহর হুকুম মতো নির্দিষ্ট পথেই উদিত হয়। তারপর জিজ্ঞেস করল, তোরা সব কেমন আছিস? শুনলাম আসাদ এসেছে, সে কোথায়?

রোজী সাজেদার একটা হাত ধরে বলল, ভাবি তো দারুণ সুন্দরী? তারপর তাদেরকে ভাইয়ার ঘরে নিয়ে এসে বসতে বলে বলল, একটু আগেও ছিল। তোমরা আসবে সে কথা আমাকে বলছিল। বোধ হয় নামায পড়তে গেছে।

রোজীর মা আনোয়ারা অন্য ঘরে ছিল। রোজী কারো সঙ্গে কথা বলছে শুনে জিজ্ঞেস করল, কার সঙ্গে কথা বলছিস?

রোজী বলল, দেখবে এস না আম্মা, নাদিম ভাই ভাবিকে নিয়ে এসেছে।

আনোয়ারা ঘর থেকে বেরিয়ে আসার সময় বলল, ওমা তাই নাকি? খালেক যে বলে গেল, ওরা সন্ধ্যের পর আসবে।

আনোয়ারা সেখানে এলে, নাদিম সাজেদাকে ইশারা দিয়ে কদমবুসি করে উঠে জিজ্ঞেস করল, কেমন আছেন চাচি আম্মা?

আনোয়ারা দোয়া করে বলল, আল্লাহর ফজলে ভাল আছি। তোমাদের বাড়ির খবর সব ভালো তো?

জি ভালো।

সাজেদা কদমবুসি করলে আনোয়ারা তার গায়ে-মাথায় হাত বুলিয়ে চুমো খেয়ে চিবুক ধরে বললেন, নাদিম, তোর বৌ খুব সুন্দরী। দোয়া করি, আল্লাহ তোদেরকে সুখী করুক। এমন সময় মাগরিবের আযান শোনা গেল।

নাদিম রোজীকে বলল, তুই তোর অবিকে নিয়ে নামায পড়, আমি মসজিদে যাচ্ছি।

নাদিম মসজিদে নামায পড়ে আসাদকে দেখতে না পেয়ে ফিরে এসে দেখল, রোজী সাজেদার সঙ্গে গল্প করছে।

নাদিমকে একা দেখে রোজী বলল, ভাইয়াকে মসজিদে পেলে না?

 নাদিম বলল, না রে, কোথায় গেল বল তো?

রোজী বলল, তোমরা সন্ধ্যের পর আসবে বলেছিলে, তাই হয়ত কোথাও গেছে। এক্ষুনি এসে পড়বে। তোমরা দুজনে বসে কথা বল। আমাকে আম্মা ডাকছিল কেন দেখে আসি। কথা শেষ করে সে চলে গেল।

কিছুক্ষণ পর রোজী যখন ফিরে এল তার কয়েক মিনিটের মধ্যে আসাদ এসে তাদেরকে দেখে সালাম ও কুশল বিনিময় করে বলল, এতদিন পর, তা হলে সত্যিই এলে? তারপর সাজেদার দিকে চেয়ে তাকে মুখে নেকাব দিতে দেখে বলল, কি ভাবি, খালি হাতে মুখ দেখাবেন না বুঝি?

রোজী বলে উঠল, হ্যাঁ, ভাইয়া। আগে কিছু মালপানি ছাড়।

আনোয়ারা ওরা আসবে জেনে আসরের নামায পড়ে নাস্তা তৈরি করে রেখেছিল। নামায পড়ে নাশতা নিয়ে ঘরে ঢুকল।

আসাদমাকে দেখে কলল, আম্মা কিছুটাকা দাও তো, নাদিমের বৌয়ের মুখ দেখব।

নাদিম বলল, কি পাগলামি করছিস? না চাচী আম্মা টাকা দেয়া লাগবে না। তারপর আসাদকে বলল, তোকে চিনে না তাই মুখে নেকাব দিয়েছে। তুই তো একদিনও আমাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে পরিচয় করলি না।

আনোয়ারা বলল, নাদিম ঠিক কথা বলেছে। তারপর তাদেরকে নাশতা করতে বলে রোজীকে বলল, নাশতা খাওয়ানো হয়ে গেলে রান্নাঘরে আসবি।

আনোয়ারা চলে যাওয়ার পর সাজেদা মুখের নেকাব সরিয়ে আসাদকে উদ্দেশ্য করে বলল, আপনার বন্ধুর কাছে আপনার অনেক গুণগান শুনেছি। আরও শুনেছি। আপনাদেরকে বিয়ের কথা জানায়নি বলে মনে কষ্ট পেয়েছেন।

আসাদ হেসে উঠে বলল, ওর কথা বিশ্বাস করবেন না, সব বাজে কথা।

এখানে আসার সময় নাদিম সাজেদাকে বলেছিল, তুমি কথায় কথায় মমতাজকে বিয়ে করার ব্যাপারে আসাদের মতামত জেনে নিও। তাই আমাদের কথা শুনে বলল, বাজে কথাও অনেক সময় সত্য হয়। যাক গে, আমি কিন্তু আপনার জন্য একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। যদি মনে কিছু না করেন এবং বলার অনুমতি দেন, তা হলে বলব। নচেৎ…..

সাজেদাকে কথাটা শেষ করতে না দিয়ে আসাদ বলে উঠল, এতবড় সুসংবাদ শুনে মনে কিছু করব কেন? আপনি নিঃসংকোচে বলুন।

আমার ননদ মমতাজকে আপনার হাতে দিতে চাই।

কথাটা শুনে আসাদ বন্ধুর সামনে খুব লজ্জা পেল। কিন্তু মনে তখন তার আনন্দের জোয়ার বইছে। সে নাদিমের বাড়িতে অনেকবার গেছে। তার সাথে খাওয়া-দাওয়া। করেছে। ঢাকাতে চাকরি পাওয়ার খবরটা জানাতে গেলে নাদিম ও তার মা না খাইয়ে ছাড়েনি। খাওয়ার সময় মমতাজ বলেছিল, আসাদ ভাই, ঢাকায় গিয়ে আমাদের কথা ভুলে যাবে। ঐ যে কথায় বলে চোখের আড়াল হলেই মনের আড়াল। আসাদ তখন কিছু বলার জন্য তার মুখের দিক চাইতে গিয়ে দেখল, মমতাজের চোখ দুটো পানিতে ভরা। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিয়ে নাদিমের দিকে তাকিয়ে বলেছিল, তুই কি মমতাজের কথাটা বিশ্বাস করিস?

নাদিম বলল, এরকম ঘটনা প্রায়ই ঘটে। তাই লোকে বলে। তবে কথাটা অনেক ক্ষেত্রে ঘটে থাকলেও সব ক্ষেত্রে ঘটে না। অনেক সময় দেখা গেছে, চোখের আড়াল হলে আরো বেশি মনে পড়ে।

ঢাকায় চাকরি হওয়ার পর আসাদের বিয়ের অনেক সম্বন্ধ এসেছে। কিন্তু সে মমতাজের কথা ভেবে এখন বিয়ে করবে না বলে কাটিয়ে দিয়েছে। রোজীর জন্য পাত্র খোঁজা হচ্ছে। আসাদের মায়ের খুব ইচ্ছা, ছেলে ও মেয়ের বিয়ে একসঙ্গে দেয়ার। গতকাল এক জায়গা থেকে ছেলের তিন চারজন গার্জেন এসে রোজীকে দেখে পছন্দ করে গেছে। কথাবার্তাও প্রায় পাকা। শুধু বিয়ের দিনটা বাকি। আসাদের জন্য মেয়ে পছন্দ হলে দিন ঠিক হবে।

আজ নাদিমের স্ত্রীর কথা শুনে আসাদ লজ্জায় কিছু বলতে না পেরে মাথা নিচু করে চুপ করে রইল।

নাদিম আসাদের অবস্থা বুঝতে পেরে তার লজ্জা কাটাবার জন্য বলল, কি রে, তোর ভাবির কথায় উত্তর দিচ্ছিস না কেন?

আসাদ নাদিম বলে তাকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ভাবিকে মায়ের কাছে প্রস্তাব দিতে বল।

সাজেদা বলল, আরে ভাই তা তো দেবই। কিন্তু তুমি অত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা তো মেয়েদের ব্যাপার। তারপর বলল, এই যা, আপনাকে তুমি করে বলে ফেললাম।

আসাদ নাদিমকে ছেড়ে দিয়ে বলল, তাতে কি হয়েছে বরং এটাই তো স্বাবাভিক। এতক্ষণ আপনি করে বলে দূরে রেখেছিলেন, এখন কাছে টেনে নিলেন।

সাজেদা বলল, কাছে টানার জন্যই তো এসেছি, তাই হঠাৎ করে ঐ রকম বলে ফেললাম।

নাদিম বলল, জানিস কর্তারা মমতাজের জন্য ছেলের সন্ধান করছে জানতে পেরে তোর কথা মনে পড়ল। তাই সে কথা আব্বা-আম্মাকে বললাম। বন্ধুর বোনকে তুই বিয়ে করবি কিনা তারা আমাকে জানতে বলল। তোর মনের খবর আমি অনেক আগেই একটু বুঝতে পেরেছিলাম। আমি বললে তুই লজ্জা পাবি, তাই ভাবলাম তোর ভাবিকে সঙ্গে নিয়ে যাই। তাতে এক কাজে দুকাজ হবে। তোর ভাবি তোর মতামত জানবে আর তোদের সঙ্গে ওর পরিচয়ও হবে।

আসাদ বলল, রোজীরও বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে। আম্মার ইচ্ছা, আমাদের দুজনের বিয়ে একসঙ্গে দেবে। সেই জন্যে শুধু বিয়ের দিন ঠিক হতে বাকি আছে।

নাদিম স্ত্রীকে বলল, সবই তো শুনলে, আর দেরি করছ কেন? যাও চাচি আম্মার কাছে গিয়ে প্রস্তাবটা দাও।

সাজেদা রান্নাঘরে গিয়ে ঢুকলে আনোয়ারা বলল, বৌমা তুমি এখানে এলে কেন? ঘরে যাও, আমরা আসছি। তারপর আচ্ছা ঠিক আছে বলে রোজীকে বলল, তুই তরকারীটা দেখ, অল্প একটু বাকি আছে। আমি বৌমাকে নিয়ে ঘরে যাচ্ছি। আর শোন তরকারী নামিয়ে আমাকে ডাকবি, ওদেরকে খেতে দেব।

সাজেদাকে নিজের রুমে নিয়ে এসে আনোয়ারা তার বাপের বাড়ির সব খবরাখবর নিতে লাগল।

সাজেদা সে সবের উত্তর দিতে দিতে এক সময় প্রস্তাবটা দিল।

আনোয়ারা আলহামদুলিল্লাহ বলে বলল, এটা তো খুব ভালো কথা। আমি মমতাজকে দেখেছি। সে আগে কয়েকবার নাদিমের সঙ্গে এসেছে। আমার কোনো অমত নেই। আসাদকে জিজ্ঞেস করে তোমাদের জানাব।

সাজেদা বলল, চাচি আম্মা, আমি আসাদ ভাইয়ের মতামত নিয়ে আপনাকে প্রস্তাব দিয়েছি।

আনোয়ারা বলল, ওমা, তাই নাকি? তা হলে তো কোনো কথাই নেই। এমন সময় রোজী তরকারীর হাঁড়ি চুলো থেমে নামিয়ে রেখে মাকে ডাকতে এসে সাজেদার কথা শুজে জিজ্ঞেস করল, কিসের প্রস্তাব মা?

আনোয়ারা বলল, বৌমা আসাদের জন্য মমতাজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে।

রোজীরও মমতাজকে খুব পছন্দ। সে ভাবি হবে শুনে আনন্দে টগবগিয়ে উঠে। বলল, সত্যি বলছ মা?

হ্যাঁ রে সত্যি।

 ভাইয়া জানে?

তার মতামত নিয়েই বৌমা প্রস্তাব দিয়েছে।

জান মা, মমতাজ আমার চেয়ে দুক্লাস নিচে পড়ত। ওর সাথে আমার খুব ভাব। ভাবি হলে যা মজা হবে না! মমতাজের সঙ্গে কতবার ওদের বাড়িতে গেছি।

আনোয়ারা বলল, আল্লাহপাক রাজি থাকলে হবে মা। তুই বৌমাকে ও-ঘরে দিয়ে রান্নাঘরে আয়। আমি ভাত বাড়ছি। ওদেরকে খাইয়ে দে, রাত হয়ে যাচ্ছে।

খাওয়া-দাওয়ার পর নাদিম বাড়ি ফিরতে চাইলে আনোয়ারা বলল, আজ থেকে যাও না বাবা, কাল সকালে যাবে। এত রাতে বৌমাকে নিয়ে যেতে অসুবিধে হবে।

নাদিম বলল, না চাচি আম্মা থাকতে পারব না। বাড়িতে সবাই চিন্তা করবে। এই এক মাইলের রাস্তা রিকশায় যেতে কতক্ষণ আর সময় লাগবে?

নাদিম স্ত্রীর কাছে আসাদের মায়ের মতামত শুনেছে। ফেরার আগে তাকে বলল, আমাদের কর্তারা একদিন কথাবার্তা বলার জন্য আসবে। কবে আসবেন, আমি জানাব। তারপর আসাদকে জিজ্ঞেস করল, তুই কতদিন থাকবি?

আর এক সপ্তাহ আছি।

ঠিক আছে, এর ভিতরেই ওনাদেরকে আসতে বলব।

আনোয়ারা বলল, তুমিও সঙ্গে এস।

জি আসব বলে সাজেদাকে নিয়ে রওয়ানা দিল।

আসাদ বড় রাস্তা পর্যন্ত এসে তাদেরকে রিকশায় তুলে দিল। মাস দুয়েকের মধ্যে আসাদের সঙ্গে মমতাজের বিয়ে হয়ে গেল।

<

Super User