পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা।
আগমে আছে প্রকাশি
ষোল কলাই পূর্ণশশী
পনেরই পূর্ণমাসী
শুনে মনের ঘোল গেলনা।
সাতাইশ নক্ষত্র সাঁইত্রিশ যোগেতে
কোন সময় চলে সাইত্রিশেতে
যোগের এমনি লক্ষণ
অমৃত ফলের স্থান
জানত যদি দরিদ্র মন
         অশুসার কিছুই রইত না।।
পূর্ণিমার যোগাযোগ হলে
শুকনা নদী উজান চলে
ত্রিবেণীর পিছল ঘাটে
নিঃশব্দে বন্যা ছোটে
চাঁদ-চকোরে ভাটার চোটে
         বাঁধ ভেঙ্গে যায় তত্ক্ষণা।।
নিচের চাঁদ রাহুতে ঘেরা
গগন চাঁদ কি পাব ধরা
দখল হয় রে অমাবস্যে
তখন চন্দ্র রয় কোন দেশে
লালন ফকির হারায় দিশে
         চোখ থাকতে হয়ে কানা।।


লালন-সঙ্গীত, পৃ. ১০৮

<

Lalon Fakir ।। লালন ফকির