এধনি      এধনি      বচন      শুন।
নিদান      দেখিয়া     আইনু     পুন।।
নাবাঁধে     চিকুর      নাপরে     চীর।
নাখায়      আহার      নাপিয়ে    নীর।।
দেখিতে     দেখিতে      বাঢ়ল     ব্যাধি।
যত তত    করি        নহিয়ে    সুধি।।
সোণার     বরণ        হইল     শ্যাম।
সোঙরি     সোঙরি      তোহার    নাম।।
নাচিহ্নে      মানুখ       নিমিখ    নাই।
কাঠের      পুতলি       রহিছে    চাই।।
তুলাখানি     দিলে       নাসিকা   মাঝে।
তবে সে     বুঝিনু       শোয়াস   আছে।।
আছয়ে      শ্বাস        নারহে    জীব।
বিলম্ব      নাকর       আমার    দিব।।
চণ্ডীদাস     কহে        বিরহ    বাধা।
কেবল      মরমে       ঔখদ    রাধা।।

————–

শ্রীকৃষ্ণের আপ্তদূতী ।। শ্রীরাগ ।।

চীর – বস্ত্র। সোঙরি – স্মরণ করিয়া। নাচিহ্নে – চিনিতে পারে না। মানুখ – মানুষ। শোয়াস – শ্বাস। ঔখদ – ঔষধ।<

Super User