এনেছি আমার শত জনমের প্রেম,
আঁখিজলে গাঁথা মালা;
ওগো সুদূরিকা, আজও কী হবে না শেষ
তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে
চেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলেতে দীপ জ্বালা–।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি
নিয়েছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ
স্মরণ সুধায় ভরে তো বিরহ–
প্রেম যেন তব সুদূর গগন হতে
চাঁদের জোছনা ঢালা।।
——
কথা – মোহিনী চৌধুরী
সুর – শৈলেশ দত্তগুপ্ত