অনেক হল দেরি ,
আজো তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি ।
তখন ছিল দখিন হাওয়া
আধ - ঘুমো আধ - জাগা ,
তখন ছিল সর্ষে - খেতে
ফুলের আগুন লাগা ,
তখন আমি মালা গেঁথে
পদ্মপাতায় ঢেকে
পথে বাহির হয়েছিলেম
রুদ্ধ কুটির থেকে ।
অনেক হল দেরি ,
আজো তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি ।
বসন্তের সে মালা
আজ কি তেমন গন্ধ দেবে
নবীন - সুধা - ঢালা ?
আজকে বহে পুবে বাতাস ,
মেঘে আকাশ জুড়ে—
ধানের খেতে ঢেউ উঠেছে
নব - নবাঙ্কুরে ।
হাওয়ায় হাওয়ায় নাইকো রে হায়
হালকা সে হিল্লোল ,
নাই বাগানে হাস্যে গানে
পাগল গণ্ডগোল ।
অনেক হল দেরি ,
আজো তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি ।
হল কালের ভুল ,
পুবে হাওয়ায় ধরে দিলেম
দখিন হাওয়ার ফুল ।
এখন এল অন্য সুরে
অন্য গানের পালা ,
এখন গাঁথো অন্য ফুলে
অন্য ছাঁদের মালা ।
বাজছে মেঘের গুরু গুরু ,
বাদল ঝরো ঝরো—
সজল বায়ে কদম্ববন
কাঁপছে থরোথরো ।
অনেক হল দেরি ,
আজো তবু দীর্ঘ পথের
অন্ত নাহি হেরি ।
<
বিলম্বিত
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- কবিতার বিষয়
- Category: রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ - ক্ষণিকা
- Read Time: 1 min
- Hits: 234