ওই   জানালার কাছে বসে আছে 
         করতলে রাখি মাথা । 
তার    কোলে ফুল পড়ে রয়েছে , 
সে যে ভুলে গেছে মালা গাঁথা । 
শুধু   ঝুরু ঝুরু বায়ু বহে যায় , 
তার কানে কানে কী যে কহে যায় , 
তাই আধো শুয়ে আধো বসিয়ে 
কত ভাবিতেছে আনমনে । 
        উড়ে উড়ে যায় চুল , 
কোথা উড়ে উড়ে পড়ে ফুল , 
     ঝুরু ঝুরু কাঁপে গাছপালা 
          সমুখের উপবনে । 
      অধরের কোণে হাসিটি 
          আধখানি মুখ ঢাকিয়া , 
      কাননের পানে চেয়ে আছে 
           আধমুকুলিত আঁখিয়া । 
      সুদূর স্বপন ভেসে ভেসে 
          চোখে এসে যেন লাগিছে , 
      ঘুমঘোরময় সুখের আবেশ 
            প্রাণের কোথায় জাগিছে । 
      চোখের উপরে মেঘ ভেসে যায় , 
          উড়ে উড়ে যায় পাখি , 
      সারাদিন ধরে বকুলের ফুল 
          ঝরে পড়ে থাকি থাকি । 
      মধুর আলস , মধুর আবেশ , 
          মধুর মুখের হাসিটি , 
      মধুর স্বপনে প্রাণের মাঝারে 
          বাজিছে মধুর বাঁশিটি ।
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর