৭২. যুগভেদে মনুষ্যের পরমায়ুঃ
অরোগাঃ সর্বসিদ্ধার্থাশ্চতুর্বর্ষশতাযুষঃ ।
কৃতে ত্রেতাদিষু হ্যেষামাযুর্হ্রসতি পাদশঃ ।।৮৩
সত্যযুগে সকলে রোগশূন্য ছিল, যে যাহা কামনা করিত, তৎক্ষণাৎ সমুদয় সম্পন্ন হইত। সকলের চারি শত বৎসর পরমায়ু ছিল, কিন্তু ত্রেতাদি যুগত্রয়ে সকলের এক শত বৎসর করিয়া পরমায়ুর হ্রাস হইতে লাগিল, অর্থাৎ ত্রেতায় তিন শত বৎসর, দ্বাপরে দুই শত বৎসর, কলিতে শত বৎসর পরমায়ু হইল। উক্ত পরমায়ু স্বাভাবিক; অধিক আয়ুস্কর কর্ম্মবশতঃ অধিক আয়ুও হইয়া থাকে। ৮৩
বেদোক্তমাযুর্মর্ত্যানামাশিষশ্চৈব কর্মণাম্ ।
ফলন্ত্যনুযুগং লোকে প্রভাবশ্চ শরীরিণাম্ ।।৮৪
লোকে যুগানুসারেই মনুষ্যদিগের পরমায়ু কাম্য, কর্ম্মের ফলপ্রার্থনা এবং ব্রাহ্মণাদির শাপ, অনুগ্রহ প্রভৃতি প্রভাব ফলিত হইয়া থাকে। ৮৪
<