অথ চতুর্থ সমুল্লাসারম্ভঃ
অথ সমাবর্ত্তন–বিবাহ–গৃহাশ্রম বিবিং বক্ষ্যামঃ।
যথাবিধি ব্রহ্মচর্য্যাশ্রমে আচার্য্যের অনুকূল আচরণ করিয়া ধর্ম্মানুসারে সাঙ্গোপাঙ্গ চারিবেদ, বা তিন, দুই অথবা এক বেদ অধ্যয়ন পূর্ব্বক অখণ্ডিতব্রহ্মচর্য্য পুরুষ বা স্ত্রী গৃহাশ্রমে প্রবেশ করিবে।। মনু ৩।২ ।।
স্বধর্ম্ম অর্থাৎ আচার্য্য এবং শিষ্যের যথার্থ ধর্ম্মযুক্ত, পিতা, জনক বা অধ্যাপকের নিকট হইতে ব্রহ্মদায় অর্থাৎ বিদ্যাভাগের গ্রহীতা ও মাল্যধারণকারী শিষ্য স্বীয় পালঙ্কে উপবিষ্ট আচার্য্যকে প্রথমে গোদানের দ্বারা সম্মান করিবেন। উক্ত লক্ষণযুক্ত বিদ্যার্থীকেও কন্যার পিতা গোদানের দ্বারা সম্মানিত করিবেন।। মনু ৩।৩ ।।
গুরুর আজ্ঞানুসারে স্নানান্তে গুরুকুল হইতে যথাবিধি প্রত্যাবর্ত্তন করিয়া ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য স্ববর্ণাকূল সুলক্ষণাম্বিতা কন্যাকে বিবাহ করিবে।। মনু ৩।৪ ।।
যে কন্যা মাতৃকুলের ছয় পুরুষের মধ্যে নহে এবং পিতৃ গোত্রীয়া নহে, সেইরূপ কন্যাকে বিবাহ করা উচিত।। মনু ৩।৫ ।।
ইহার আবশ্যকতা এই যে–
পরোক্ষপ্রিয়া ইব হি দেবাঃ প্রত্যক্ষদ্বিষঃ।। শতপথ ।।
ইহা নিশ্চিত যে পরোক্ষ বস্তুতে যেমন প্রীতি হয়, প্রত্যক্ষ বস্তুতে তেমন হয় না। যেমন, যদি কেহ মিশ্রীর গুণ শুনিয়া থাকে কিন্তু কখনও না খাইয়া থাকে, তবে তাহার মন উহাতেই লগ্ন থাকে, আর যেমন কোন পরোক্ষ বস্তুর প্রশংসা শুনিয়া তাহা পাইবার জন্য উৎকট আকাঙ্খা হয়, সেইরূপ যে কন্যা দূরস্থা অর্থাৎ স্বগোত্রীয়া বা মাতৃকূলের সহিত নিকট সম্বন্ধযুক্তা নহে সেই কন্যার সহিত বরের বিবাহ হওয়া উচিত। নিকটে বা দূরে বিবাহ করার এই সকল দোষ গুণ :–প্রথমতঃ (১) যে বালক বালিকা বাল্যাবস্থা হইতে পরস্পর নিকটে থাকে, পরস্পর প্রীতি, ক্রীডা এবং কলহ করে, একে অন্যের দোষ, গুণ, স্বভাব ও বাল্যকালের অসঙ্গত আচরণ জানে এবং একে অন্যকে উলঙ্গও দেখে, তাহাদের মধ্যে বিবাহ হইলে কখনও প্রেম হইতে পারে না। দ্বিতীয়তঃ–(২) যেরূপ জলের সহিত জল মিশ্রিত হইলে কোন বিশেষ গুণ উৎপন্ন হয় না, সেইরূপ একগোত্রে, পিতৃ বা মাতৃকূলে বিবাহ হইলে ধাতু বিনিময় না হওয়ায় উন্নতি হয় না। তৃতীয়তঃ–(৩) যেরূপ দুগ্ধে মিশ্রী বা গুন্ঠি প্রভৃতি ওষধি মিশ্রিত করিলে উত্তম গুণ জন্মে, সেইরূপ ভিন্ন গোত্রীয়, মাতৃকুল এবং পিতৃকুল হইতে পৃথকস্থানীয় স্ত্রীপুরুষের বিবাহ হওয়া প্রশস্ত। চতুর্থতঃ–(৪) যেরূপ এক দেশের রোগী অন্য দেশে বায়ু এবং পানাহার পরবর্ত্তন দ্বারা নীরোগ হয়, সেইরূপ দূর দেশস্থদিগের মধ্যে বিবাহ হইলে উত্তম হয়। পঞ্চমতঃ–(৫) নিকট সম্বন্ধ করিলে একে অন্যের নিকটস্থ হওয়াতে একের সুখ দুঃখ অন্যকে অভিভূত করে এবং পরস্পরের মধ্যে বিরোধ হওয়াও সম্ভব। দূর দেশস্থদের মধ্যে এরূপ হয় না। আর দূর দেশস্থদিগের বিবাহে প্রেমের সূত্র উত্তরোত্তর বর্দ্ধিত হইয়া উঠে, নিকটস্থ বিবাহে তাহা হয় না। ষষ্ঠঃ–(৬) দূর দূর দেশে বিবাহসম্বন্ধ স্থাপিত হইলে জিনিস-পত্রের প্রাপ্তি সহজেই সম্ভব হয়, নিকটে বিবাহ হইলে এরূপ হয় না।
<